Category: বিজ্ঞান

Get updated Science and Research related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Climate Change: জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে অর্থনীতিতে, ক্ষতির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

    Climate Change: জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে অর্থনীতিতে, ক্ষতির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্রুত বদলে যাচ্ছে জলবায়ু (Climate Change)। যার ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে প্রকৃতির ওপর। যে এলাকা এক সময় হা-বৃষ্টি, হা-বৃষ্টি করে কাটাত, সেখানে এখন বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। আর অঝোর ধারার বৃষ্টিতে বানভাসি হত যে অঞ্চল, সেখানে এখন প্রায়ই হচ্ছে খরা। জলবায়ুর পরিবর্তন যে হচ্ছে, তার আরও প্রমাণ বরফ গলছে সুমেরু-কুমেরুর। জলবায়ুর এই পরিবর্তনের জেরে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে চলেছে বিশ্ব অর্থনীতি। ২০৫০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে বার্ষিক ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে ৩৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে। সম্প্রতি ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত একটি সমীক্ষা থেকেই জানা গিয়েছে জলবায়ু পরিবর্তনের এই ভয়ঙ্কর প্রভাবের কথা। পত্রিকার রিপোর্ট থেকে জানা গিয়েছে, এখন থেকেই যদি কার্বন ডাই অক্সাইড নির্গমনে ব্যাপকভাবে রাশ টানা না হয়, তাহলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতি।

    কী বলছেন বিজ্ঞানীরা? (Climate Change)

    গত চার দশক ধরে বিশ্বব্যাপী ১ হাজার ৬০০টিরও বেশি অঞ্চল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে রিপোর্টটি (Climate Change)। এটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর পরিবর্তনশীল জলবায়ু পরিস্থিতির ভবিষ্যতের প্রভাবগুলি বিশ্লেষণ করা হয়েছে। পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের প্রধান লেখক তথা বিজ্ঞানী ম্যাক্সিমিলিয়ান কোটজ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, “অধিকাংশ অঞ্চলের জন্য গতিশীল আয় হ্রাস অনুমান করা হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর আমেরিকা ও ইউরোপ। এরাই সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার কৃষিতে জলবায়ু পরিবর্তনের সব চেয়ে গুরুতর প্রভাব পড়েছে। তার ধাক্কা লেগেছে ফলন, উৎপাদনশীলতা, শ্রম এবং পরিকাঠামোর ওপর।” তিনি বলেন, “আমাদের সমীক্ষায় দেখা গিয়েছে ২০৪৯ সালের মধ্যে অতীত নির্গমনের কারণে গড় আয় কমে যাবে ১৯ শতাংশ। গ্লোবাল জিডিপি হ্রাস পাবে ১৭ শতাংশ।”

    কী বলছেন গবেষক দলের প্রধান?

    গবেষক দলের নেতৃত্ব দিয়েছিলেন লিওনি ওয়েঞ্জ। তাঁর সতর্কবার্তা, “আগামী পঁচিশ বছরের মধ্যে জার্মানি, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নততম দেশগুলি-সহ প্রায় সমস্ত দেশেই ব্যাপক অর্থনৈতিক ক্ষতি আসন্ন। অতীতের নির্গমন ও তাদের প্রভাব প্রশমিত করার জন্য জরুরি অভিযোজন প্রচেষ্টার প্রয়োজন।” জানা গিয়েছে, যে বিপুল ক্ষতির ভবিষ্যদ্বাণী করা হচ্ছে, তা বর্তমানে যে পরিমাণ কার্বন নির্গমন হচ্ছে, তার চেয়ে প্রায় ছ’গুণ বেশি হবে। এই কার্বন নির্গমন কমাতে না পারলে সমূহ বিপদ। তবে কার্বন নির্গমন কমাতে পারলে গড় তাপমাত্রা রাখা যাবে দু’ডিগ্রি নীচে (Climate Change)।

    কে দায়ী জানেন?

    বিশ্ব অর্থনীতির যে ক্ষতির কথা বলা হচ্ছে, তার জন্য সিংহভাগ দায়ী গড় তাপমাত্রা বৃদ্ধি। এর পাশাপাশি রয়েছে ঝড় এবং বৃষ্টি। অদূর ভবিষ্যতে এই ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেতে পারে ৫০ শতাংশ। কেবল তাই নয়, এক অঞ্চল থেকে অন্যত্র এই ক্ষতির পরিমাণ কমবেশি হতে পারে। গবেষকরা দেখেছেন, জলবায়ু পরিবর্তনের জেরে গোটা বিশ্ব কমবেশি ভুগলেও, সুফল কুড়োতে পারে মেরু অঞ্চলের কাছাকাছি থাকা এলাকাগুলির মানুষজন। তাপমাত্রার বিশেষ কিছু হেরফের না হওয়ারই ফসল ঘরে তুলবেন এই অঞ্চলের লোকজন।

    সব চেয়ে বেশি ক্ষতি ট্রপিক্যাল এরিয়ায়

    মেরু অঞ্চলের লোকজন যখন জলবায়ু পরিবর্তনের সুফল ঘরে তুলবেন, তখন ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবেন নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলের দেশগুলির বাসিন্দারা। কারণ এই অঞ্চলগুলিতে বৈশ্বিক নির্গমন কম। বর্তমানে রোজগারও কম। পটসডাম ইনস্টিটিউটের রিসার্চ ডিপার্টমেন্ট কমপ্লেক্সিটি সায়েন্সের প্রধান তথা সহকারি লেখক অ্যান্ডারস লেভারমান বলেন, “জলবায়ু বৈষম্যের যে প্রভাব পড়ছে তামাম বিশ্বে, তার ওপর আলোকপাত করা হয়েছে আমাদের গবেষণায়। আমরা প্রায় সব জায়গায়ই ক্ষতি দেখতে পেয়েছি। তবে ট্রপিক্যাল এরিয়ার দেশগুলি সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ তারা এমনিতেই উষ্ণমণ্ডলের অধীন। তাই তাপমাত্রার বৃদ্ধি তাদের পক্ষে হবে ভয়ঙ্কর ক্ষতিকর।”

    আরও পড়ুুন: “বাংলায় অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাঙ্ক”, বিস্ফোরক অমিত শাহ

    জলবায়ু পরিবর্তনের জন্য সব চেয়ে কম দায়ী যেসব দেশ, তাদের যে ইনকাম লসের কথা বলা হয়েছে, তা উচ্চ আয়ের দেশগুলির চেয়ে ৬০ শতাংশ বেশি, ৪০ শতাংশ বেশি উচ্চতর নির্গমন করে এমন দেশগুলির চেয়ে। তারা হচ্ছে সেই দেশ, যাদের সম্পদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবও পড়ে কম। ওয়েঞ্জ বলেন, “এই অদূর-মেয়াদি ক্ষতির কারণ হল আমাদের অতীতের নির্গমন। আমাদের প্রয়োজন আরও অনেক বেশি অ্যাডাপটেশন প্রচেষ্টা, যদি আমরা এর ন্যূনতমও এড়িয়ে চলতে চাই। আমাদের নির্গমন উল্লেখযোগ্যভাবে কমাতে হবে এবং তা কমাতে হবে এখনই। যদি তা না হয়, তাহলে এই শতাব্দীর দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক ক্ষতি হবে আরও অনেক বেশি। ২১০০ সালের মধ্যে বিশ্বে এর গড় পরিমাণ হবে ৬০ শতাংশ।” লিভারম্যান বলেন, “এই বিশাল ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আমাদের নির্ভর করতে হবে রিনিউয়েবল এনার্জির ওপর। এতে একদিকে যেমন আমাদের নিরাপত্তা বাড়বে, তেমনি সাশ্রয় হবে অর্থ। তা না হলে ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হতে হবে আমাদের। এই গ্রহের তাপমাত্রার পারদ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তখনই, যখন আমরা তেল, গ্যাস এবং কয়লা পোড়ানো বন্ধ করব (Climate Change)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Water under moon surface: চাঁদের মাটিতে আরও জলের সন্ধান! গবেষণায় বড় দাবি ইসরোর

    Water under moon surface: চাঁদের মাটিতে আরও জলের সন্ধান! গবেষণায় বড় দাবি ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদে এত পরিমাণ জল (Water under moon surface) রয়েছে যে তা ভেবে কল্পনা করা কঠিন। সম্প্রতি আবারও চাঁদের মাটিতে জলের সন্ধান পেল ইসরো। আইআইটি কানপুর, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, জেট প্রপালশন ল্যাব এবং আইআইটি ধানবাদের গবেষকদের সহায়তায় স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, ইসরোর (ISRO) বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদের গর্তগুলিতে জমে রয়েছে বরফ। ইসরোর প্রকাশিত এক জার্নালে বলা হয়েছে, যে ভূপৃষ্ঠের কয়েক মিটার নীচে বরফের পরিমাণ ভূপৃষ্ঠের তুলনায় ৫ থেকে ৮ গুণ বেশি। সেই কারণেই অনুমান, চাঁদে ঠিক এতটা পরিমাণ জল রয়েছে যা কল্পনারও বাইরে।  

    প্রায় দ্বিগুণ পরিমাণ জলের হদিশ (Water under moon surface) 

    যদিও চাঁদের মাটিতে জলের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল। এ বার বিজ্ঞানীরা আগের তুলনায় অনেক বেশি পরিমাণ জলের সন্ধান পেয়েছেন। গবেষণা থেকে জানা গিয়েছে, দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে প্রায় দ্বিগুণ পরিমাণ জল বরফ আকারে সঞ্চিত রয়েছে। চাঁদে এই বিপুল পরিমাণ জলের হদিশ পেয়ে উৎসাহিত বিজ্ঞানীরা। 
    এই গবেষণায় বিজ্ঞানীরা সাতটি যন্ত্রের ব্যবহার করেছেন, যার মধ্যে রয়েছে র‍্যাডার, লেজার, অপটিক্যাল, নিউট্রন স্পেক্ট্রোমিটার, আলট্রাভায়োলেট স্পেক্ট্রোমিটার এভং থার্মাল রেডিওমিটার। তবে চাঁদের মাটিতে জলের সন্ধান পেতে সাহায্য করেছে ভারতের পাঠানো চন্দ্রযান ২-ও। 

    চাঁদের মাটিতে কীভাবে জমল বরফ?

    গবেষণায় দেখা গিয়েছে যে ৩.৮৫ বিলিয়ন বছর আগে ইমব্রিয়ান সময়কালে ঘটে যাওয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে চাঁদের গর্তগুলিতে জল জমেছিল। সেই জলই (Water under moon surface) এখন বরফে পরিনত হয়েছে। মনে করা হচ্ছে পরবর্তীকালে ইসরো বা অন্যান্য মহাকাশ সংস্থাগুলি চাঁদে জল খোঁজার জন্য ড্রিলিং মেশিন পাঠাতে পারে।

    আরও পড়ুন: ধেয়ে আসছে কালবৈশাখী, ঝমঝমিয়ে বৃষ্টি কোথায়, কখন জানেন?

    ভবিষ্যতে চন্দ্র অভিযানে সহায়ক হবে এই বরফ 

    ইসরো বলেছে যে এই তথ্য ভবিষ্যতের চন্দ্র অভিযান মিশনে বরফের নমুনা সংগ্রহ করতে বা চাঁদে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতির জন্য সহায়তা করবে। এমনকি এই বরফের (Water under moon surface) উপর নির্ভর করে, ভবিষ্যতে চাঁদে অবতরণের জন্য সঠিক স্থান এবং সঠিক নমুনা সংগ্রহের পয়েন্ট নির্বাচন করাও সহজ হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Vasuki Indicus: গুজরাটে উদ্ধার প্রায় ৫ কোটি বছর পুরনো বিশালাকার বাসুকি সাপের জীবাশ্ম

    Vasuki Indicus: গুজরাটে উদ্ধার প্রায় ৫ কোটি বছর পুরনো বিশালাকার বাসুকি সাপের জীবাশ্ম

    মাধ্যম নিউজ ডেস্ক: নয় নয় করে প্রায় ৪ কোটি ৭০ লক্ষ বছরের পুরনো প্রাগৈতিহাসিক বাসুকি সাপের (Vasuki Indicus) জীবাশ্ম উদ্ধার হল ভারতের মাটি থেকে। গুজরাটের (Gujarat) কচ্ছ এলাকার একটি খনিতে আইআইটি রুরকির গবেষকদের দল এই জীবাশ্ম খুঁজে পেয়েছেন। আর এই জীবাশ্ম আরও একবার প্রমাণ করল যে একটা সময় তারা ছিল এই পৃথিবীতেই এবং দাপিয়ে বেড়াত এই ভারতীয় উপমহাদেশের বুকেই। কালের নিয়মে তারা বিদায় নিলেও পৃথিবীর বুকে আজও লুকিয়ে তাদের অতীতের অস্তিত্ব।

    কয়লা খনি থেকে উদ্ধার (Vasuki Indicus)

    জানা গিয়েছে, ২০০৫ সালে গুজরাটের কচ্ছ এলাকার একটি কয়লা খনি থেকে বিজ্ঞানীরা এই বাসুকির (Vasuki Indicus) জীবাশ্মটি আবিষ্কার করেছেন। প্রায় ৫ কোটি বছরের পুরনো প্রজাতি। এই প্রজাতির সাপটিকে ভারতের প্রাগৈতিহাসিক জীববৈচিত্র্যের অন্যতম বিশেষ নিদর্শন হিসেবে মেনে নিচ্ছেন বিজ্ঞানীরা। তবে সম্প্রতি আইআইটি রুরকির জীবাশ্ম গবেষকের দল ওই সুবিশাল সাপের জীবাশ্ম সম্পর্কে এমন সব তথ্য প্রকাশ করেছেন যা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।

    বিশ্বের দীর্ঘতম সাপ

    এই জীবাশ্ম পরীক্ষা করে বিজ্ঞানীদের ধারণা, সাপটি (Vasuki Indicus) দৈর্ঘ্যে প্রায় ৩৫ থেকে ৫০ ফুট। ওজন প্রায় ১০০০ কিলোগ্রাম ছিল। চাঞ্চল্যকর এই আবিষ্কারে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বৈজ্ঞানিক মহলে। অনুমান করা হচ্ছে, এখনও পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের দীর্ঘতম সাপ এটিই। হিন্দু দেবতা শিবের গলার থাকা সাপের নামে নয়া আবিষ্কৃত এই সাপের নাম রাখা হয়েছে বাসুকি ইন্ডিকাস (Vasuki Indicus), সাপটি মাৎসোইদাই (Madtsoiidae) প্রজাতিভুক্ত। একটি জার্নালের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই সাপটি একটি স্বতন্ত্র প্রজাতিভুক্ত। যা ভারতের মাটিতে ৫ কোটি ৬০ থেকে ৩ কোটি ৪০ লক্ষ বছর আগে ইওসিন যুগে দক্ষিণ ইউরোপ থেকে আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আজকের স্তন্যপায়ী প্রজাতির প্রথম পূর্বপুরুষ এবং নিকটাত্মীয়রা ইওসিন যুগে পৃথিবীতে এসেছিল। এমনটাই মনে করেন বিজ্ঞানীরা।

    ২৭টি হাড় উদ্ধার হয়েছে

    অন্যদিকে, গবেষকরা এই জীবাশ্মকে টাইটেনোবোয়ার সঙ্গে তুলনা করছেন, একসময় যার বিচরণ ছিল পৃথিবীজুড়ে এবং পৃথিবীর দীর্ঘকায় সাপের (Longest Sake Ever Known) খেতাবও পেয়েছিল এই সাপটি। জানা গিয়েছে, উদ্ধার হওয়া জীবাশ্মতে ২৭টি হাড়ের সন্ধান পান আইআইটি রুরকির বিজ্ঞানীরা। তাঁদের মতে ২৭টি হাড় উদ্ধার হয়েছে সেগুলি সাপের (Vasuki Indicus) মেরুদণ্ডের। তার বেশিরভাগই এখনও অক্ষত। বিজ্ঞানীদের বক্তব্য, “এটি একটি পূর্ণ বয়স্ক সাপের হাড়। যার দৈর্ঘ্য ১১ থেকে ১৫ মিটার। আকারে বিশাল হওয়ার কারণে বর্তমান অ্যানাকোন্ডার (Anaconda) মতো ধীর ছিল এদের চলাফেরা। দীর্ঘক্ষণ ওত পেতে থেকে হঠাৎ আক্রমণ চালাতো শিকারের উপর। তারপর শিকারকে জড়িয়ে হত্যা করত।”

    আরও পড়ুনঃ “কংগ্রেস আমলে হনুমান চালিশা শোনাও অপরাধ ছিল”, তোপ মোদির

    গবেষকদের মতামত

    বিশিষ্ট গবেষক অধ্যাপক সুনীল বাজপেয়ী ও দেবজিত দত্তের নেতৃত্বে এই সংক্রান্ত নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, গবেষণা, সমীক্ষা ইত্যাদি হয়েছে। এপ্রসঙ্গে দেবজিত দত্ত বলেন, “বাসুকি (Vasuki Indicus) ছিল খুব ধীর চলন শক্তিসম্পন্ন ভারী শরীরের বিশাল আকারের এক সাপ। ঠান্ডা ভিজে জায়গায় থাকে এরা। অ্যানাকোন্ডা ও পাইথনের কায়দায় শিকার ধরে এরা।” সায়েন্টিফিক রিপোর্টে তাঁদের এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • World Earth Day 2024: আজ পালিত হচ্ছে বিশ্ব বসুন্ধরা দিবস, দিনটির তাৎপর্য জানেন?

    World Earth Day 2024: আজ পালিত হচ্ছে বিশ্ব বসুন্ধরা দিবস, দিনটির তাৎপর্য জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব বসুন্ধরা দিবস (World Earth Day 2024)। এই গ্রহ থেকে যাতে প্রাণের অস্তিত্ব হারিয়ে না যায়, তাই ফি বছর ২২ এপ্রিল দিনটি পালিত হয় বিশ্ব বসুন্ধরা দিবস হিসেবে। পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া, পরিবেশগত সমস্যা যেমন দূষণ, জলবায়ু পরিবর্তন এবং বাস-গ্রহের হাজারো সমস্যার দিকে মনোযোগ দেওয়ার সুযোগ দেয় বিশ্ব বসুন্ধরা দিবস।

    বিশ্ব বসুন্ধরা দিবসের থিম (World Earth Day 2024)

    এই গ্রহ যাতে চিরকালের জন্য বাসযোগ্য থাকে, তা নিয়ে ভাবনা-চিন্তারও সুযোগ দেয় দিনটি। প্রকৃতিকে কীভাবে বাঁচানো যায়, জীববৈচিত্রকে কীভাবে রক্ষা করা যায়, এই গ্রহের ভবিষ্যৎ কীভাবে উজ্জ্বলতর করা যায়, তা নিয়েও ভাবনা-চিন্তার সুযোগ দেয় বিশ্ব বসুন্ধরা দিবস। ফি বছরই বিশ্ব বসুন্ধরা দিবসের (World Earth Day 2024) একটি থিম থাকে। এবার ছিল, ‘প্ল্যানেট বনাম প্লাস্টিক’। এহেন থিম বেছে নেওয়ার কারণ হল পরিবেশ ও এই গ্রহের বাসিন্দাদের ওপর প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। প্লাস্টিক নষ্ট হয় না। তাই তা পরিবেশের ভারসাম্য বজায় রাখার পক্ষে খুবই ক্ষতিকর একটি বস্তু।

    প্লাস্টিকের উৎপাদন কমানোর পরামর্শ

    এই প্লাস্টিকের ব্যবহার কীভাবে কমানো যায়, উৎপাদনই বা কীভাবে কমানো যায়, মানুষ যাতে এসব নিয়ে চিন্তা-ভাবনা করেন, সেই কারণেই এবার বেছে নেওয়া হয়েছে অভিনব এই থিম। ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক উৎপাদন ৬০ শতাংশ কমানোর পরামর্শ দিয়েছে অফিসিয়াল আর্থ ডে সংগঠক, আর্থডে ওআরজি। এ বিশ্বকে কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য করে তোলা যায়, তা নিয়ে ভাবনা-চিন্তা করতে ১৯৭০ সালে ঠিক হয়, ফি বছর ২২ এপ্রিল দিনটি পালন করা হবে বিশ্ব বসুন্ধরা দিবস হিসেবে। বসুন্ধরাকে বাঁচাতে যাতে আস্ত একটি দিন উৎসর্গ করা হয়, এই ভাবনা প্রথম মাথায় আসে মার্কিন সেনেটর গেলর্ড নেলসন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডেনিস হেইসের।

    আরও পড়ুন: ‘বিজেপি একাই পেতে পারে ৩৫০টি আসন’, দাবি শীর্ষ অর্থনীতিবিদের

    বায়ু দূষণ এবং জল দূষণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে আন্দোলনও করেছিলেন তাঁরা। তার পরেই ঠিক করেন ২২ এপ্রিল দিনটিকে গ্রহণ করা হবে বিশ্ব বসুন্ধরা দিবস হিসেবে। কারণ এই সময় স্কুল-কলেজে বার্ষিক পরীক্ষা থাকে না। থাকে স্প্রিং ব্রেক। সেই কারণেই বেছে নেওয়া হয় ২২ এপ্রিলকে। প্রকৃতির স্বাস্থ্য ভালো থাকলে যে আমরা ভালো থাকব, প্রকৃতি বাঁচলে যে আমরা বাঁচব, এই ভাবনা মানুষের মনে সঞ্চারিত করতেই আজও ঘটা করে পালিত হয় বিশ্ব বসুন্ধরা দিবস (World Earth Day 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Gopichand: মহাকাশে প্রথম ভারতীয় ‘পর্যটক’ গোপীচাঁদ, জানেন ইনি কে?

    Gopichand: মহাকাশে প্রথম ভারতীয় ‘পর্যটক’ গোপীচাঁদ, জানেন ইনি কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবার  কোনও ভারতীয় পর্যটক হিসাবে মহাশূন্যে (Space) পাড়ি দেবেন গোপীচাঁদ থোটাকুরা। পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশে ঘুরে বেড়াবেন তিনি। আমেরিকার বেসরকারি মহাকাশ সংস্থা ‘ব্লু অরিজিন’-এর ‘নিউ শেফার্ড-২৫ (এনএস-২৫)’ অভিযানে মহাকাশে পর্যটক হিসাবে যাচ্ছেন গোপীচাঁদ। 

    কে এই গোপীচাঁদ

    ‘ব্লু অরিজিন’-এর ওয়েবসাইট অনুযায়ী, ‘‘গোপীচাঁদ এমন একজন, যিনি গাড়ি চালানোর আগে বিমান কী ভাবে ওড়াতে হয়, তা শিখেছিলেন। গোপীচাঁদ বুশ, অ্যারোবেটিক এবং সিপ্লেন, গ্লাইডার এবং এয়ার বেলুন ওড়াতে পারেন। আন্তর্জাতিক চিকিৎসা বিমানের পাইলট হিসাবেও কাজ করেছেন তিনি। দুঃসাহসিক অভিযানের অংশ হিসাবে সম্প্রতি কিলিমাঞ্জারোর পর্বতের চূড়ায় গিয়েছিলেন গোপী।” নিউ শেফার্ড-২৫ নামে এই মিশনে গোপীচাঁদের সঙ্গে যাবেন আরও পাঁচ জন। ব্লু অরিজিনসের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে এই মিশনের আয়োজন করা হয়েছে। তরল অক্সিজেন আর হাইড্রোজেনের শক্তিতে এই মহাকাশযানের ইঞ্জিন চলবে। কার্বন নিঃসরণও হবে না এই মহাকাশযান থেকে, কেবল জলের বাষ্প বের হবে।

    ছোট থেকেই টানে আকাশ

    গোপীচাঁদ থোটাকুরা পেশায় একজন উদ্যোগপতি। ৩০ বছর বয়সি গোপীচাঁদের জন্ম অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়। তবে বরাবরই আকাশে ওড়ার স্বপ্ন দেখেছেন তিনি। ছোটবেলা থেকেই আকাশ নিয়ে প্রবল আগ্রহী গোপী। পড়াশোনা শেষ করেই বিমান কী ভাবে ওড়ে, তা শেখার দিকে ঝুঁকেছিলেন তিনি। বিমান ওড়ানোর প্রাথমিক শিক্ষার পর আরও দক্ষতা অর্জন করতে আমেরিকার ফ্লোরিডার ‘এম্ব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি’ থেকে মহাকাশবিদ্যা নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন গোপীচাঁদ। 

    আরও পড়ুন: ৭৫ বছর পর! গঙ্গা আরতি কাশ্মীরের কুপওয়াড়ায় কিষাণগঙ্গা নদীতে

    কবে অভিযান

    এই অভিযান কবে বাস্তবায়িত হবে, সেই দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। ব্লু অরিজিন একটি বিবৃতিতে জানিয়েছে, এনএস-২৫ অভিযানে যে মহাকাশযান ব্যবহার করা হবে তার বুস্টার, ক্যাপসুল, ইঞ্জিন, ল্যান্ডিং গিয়ার এবং প্যারাসুট-সহ অনেক যন্ত্রই পুনর্ব্যবহারযোগ্য। নিউ শেপার্ডের ইঞ্জিনে জ্বালানি হিসাবে তরল অক্সিজেন এবং হাইড্রোজেন ব্যবহার করা হয়। ফলে কোনও জ্বালানির জন্য যে জলীয়বাষ্পের নির্গমন হয়, তাতে কোনও কার্বন থাকে না। এনএস-২৫ অভিযানে গোপীচাঁদ-সহ ছয় পর্যটক ‘ব্লু অরিজিন’ এর পার্শ্বসংস্থা ‘ক্লাব ফর দ্য ফিউচার’-এর একটি করে পোস্টকার্ড মহাকাশে নিয়ে যাবেন। সেই পোস্টকার্ড তরুণদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে মহাকাশে পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Peter Higgs: ‘ঈশ্বর কণা’র আবিষ্কারক নোবেলজয়ী পদার্থবিদ পিটার হিগস প্রয়াত ৯৪ বছর বয়সে

    Peter Higgs: ‘ঈশ্বর কণা’র আবিষ্কারক নোবেলজয়ী পদার্থবিদ পিটার হিগস প্রয়াত ৯৪ বছর বয়সে

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন পদার্থবিদ পিটার হিগস। প্রসঙ্গত, তিনিই ছিলেন প্রথম বিজ্ঞানী (Peter Higgs) যিনি বলেছিলেন, এক বিশেষ কণার কথা যা পদার্থকে ভর জোগায়। তাঁর এই তত্ত্বের জন্য পেয়েছিলেন নোবেল পুরস্কারও। প্রসঙ্গত সৃষ্টির রহস্য সন্ধানে বিগ ব্যাং তত্ত্ব বিজ্ঞান জগতে আলোড়ন এনেছিল। এর পাশাপাশি সৃষ্টির রহস্য ব্যাখ্যা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল হিগস-বোসন কণা। যা ‘ঈশ্বর কণা’ নামেও পরিচিত। প্রসঙ্গত, এই ‘ঈশ্বর কণা’র সঙ্গে জুড়ে রয়েছে বাঙালি বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসুর নামও।

    ৫ দশকের কাছাকাছি করেছেন অধ্যাপনা

    প্রায় ৫ দশকেরও কাছাকাছি (Peter Higgs) সময় ধরে পিটার হিগস অধ্যাপনা করেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে। তাঁর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ”সোমবার ৮ এপ্রিলে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন প্রকৃত একজন প্রতিভাবান বিজ্ঞানী। যাঁর দূরদর্শিতা আমাদের সমৃদ্ধ করেছে।”

    ১৯৬৪ সালেই ঈশ্বর কণার কতা প্রথম প্রকাশ্যে আনেন হিগস

    ১৯৬৪ সালে ঈশ্বর কণা (Peter Higgs) অস্তিত্বের কথা প্রথম প্রকাশ্যে আনেন এই বিজ্ঞানী। যেকোনও কণাকে ভর জোগায় যে কণা, সেই কণাই হল ঈশ্বর কণা। আদতে মহাবিশ্বের সবকিছু যে কণার সুবাদে ভর পেয়েছে সেটাকেই ঈশ্বর কণা নামকরণ করা হয়। ব্যক্তিগত জীবনে অত্যন্ত প্রচার বিমুখ ছিলেন এই বিজ্ঞানী। এমনটাই জানা যায়। নোবেল জয়ের খবর চোখে জল আসে তার এবং শুধু বলেন, ‘‘কখনও কখনও জেনে ভালো লাগে যে আমি ঠিক ছিলাম।’’ 

    এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের বিবৃতি

    এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পিটার ম্যাথিসন বলেন, ‘‘হিগস একজন উজ্জ্বল ব্যক্তিত্ব (Peter Higgs) এবং অসাধারণ বিজ্ঞানী। তাঁর দৃষ্টি এবং কল্পনা বিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে। হাজার হাজার বিজ্ঞানী তাঁর কাজে অনুপ্রাণিত হন। আগামী প্রজন্ম তাঁর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gaganyaan: গগনযান-এ ওঠার অপেক্ষা! কঠোর অনুশীলন চার ভারতীয় মহাকাশচারীর

    Gaganyaan: গগনযান-এ ওঠার অপেক্ষা! কঠোর অনুশীলন চার ভারতীয় মহাকাশচারীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। ২০২৪-২০২৫ এ ‘গগনযান’(Gaganyaan) অভিযানের আওতায় চার নভোশ্চরকে মহাকাশে পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)।পৃথিবীর কক্ষপথের নিম্ন ভাগে তিন দিন কাটিয়ে আবার পৃথিবীতে ফিরে আসবেন ভারতীয় নভোশ্চররা। দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘গগনযানে’ চেপেই এই অভিযান চলবে। তার জন্যই বেঙ্গালুরুতে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন চার মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণণ, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণণ, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রদাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা। এই অভিযান সফল হলে, আমেরিকা, রাশিয়া এবং চিনের পর মহাকাশে মানুষ পাঠানো চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠবে ভারতের। 

    কেমন চলছে প্রশিক্ষণ

    গত ২৭ ফেব্রুয়ারি তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ‘গগনযান’ (Gaganyaan) অভিযানের জন্য নির্বাচিত চার নভোশ্চরের নাম প্রকাশ করা হয়। যে কোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় দক্ষ এই চার জন। তবে বেঙ্গালুরুতে বায়ুসেনার নভশ্চর কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাঁদের। বায়ুসেনারই ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিনে এই চার জনকে বেছে নেওয়া হয়। বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    কী কী অনুশীলন

    বর্তমানে চার মহাকাশচারীর প্রশিক্ষণ চলছে বেঙ্গালুরুতে টেস্ট পাইলটদের বেছে নেওয়া হয়েছিল, তাঁদের ক্লিনিকাল, এরোমেডিক্যাল এবং সাইকোলজিকাল পরীক্ষা হয়েছে। সেকীভাবে মহাকাশে থাকতে হবে, বরফের মধ্যে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, মরুভূমিতে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, জলে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, সবকিছুর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাঁদের। সিমুলেটরের মাধ্যমেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শারীরিক প্রশিক্ষণ করছেন তাঁরা। বিশেষ ধরনের যোগও করছেন বলে ইসরোর (ISRO) তরফে জানানো হয়েছে।

    আরও পড়ুন: সব মরশুমেই যাতায়াত সহজ! চিনকে ঠেকাতে লাদাখে নতুন রাস্তা নির্মাণ করছে কেন্দ্র

    অবতরণের জন্য সতর্কতা

    মিশনের (Gaganyaan) একেবারে শেষ পর্যায়ে মহাকাশচারীরা যাতে নিরাপদে অবতরণ করতে অর্থাৎ পৃথিবীতে আবার ফিরে আসতে পারেন তার জন্যও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে আরব সাগরে প্রাথমিক ল্যান্ডিং জোন তৈরি করা হয়েছে। এজন্য ভারতীয় এজেন্সিগুলো যে কোনও জরুরির পরিস্থিতি সম্বন্ধে সম্পূর্ণ সতর্ক থাকবে। মিশনটি যাতে কোনও সমস্যার সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য, ৪৮টি আন্তর্জাতিক ল্যান্ডিং সাইট নির্বাচন করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Gaganyaan: গগনযানে চড়ে মহাকাশে পাড়ি! প্রধানমন্ত্রী ঘোষণা করলেন চার সৌভাগ্যবানের নাম

    Gaganyaan: গগনযানে চড়ে মহাকাশে পাড়ি! প্রধানমন্ত্রী ঘোষণা করলেন চার সৌভাগ্যবানের নাম

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাশূন্যে মানুষ পাঠাচ্ছে ভারত। মহাকাশচারী হিসেবে মোট চারজনকে বেছে নেওয়া হয়েছে এই অভিযানের জন্য। গগনযানে (Gaganyaan) চড়ে তাঁরা পাড়ি দেবেন মহাশূন্যে। মঙ্গলবার সেই চার মহাকাশচারীর নাম-পরিচয় প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ওই চারজনের নাম-পরিচয় প্রকাশ করেন তিনি। তাঁরা হলেন গ্রুপ ক্যাপ্টেন পি বালকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার এস শুক্লা। ‘গগনযান’ (Gaganyaan) অভিযানের আওতায় মহাকাশচারীদের রকেটে চাপিয়ে পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে। তিন দিন পর আবার তাঁদের ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। অবতরণ করানো হবে আরব সাগরের জলভাগে। ২০২৪-২৫ সালের মধ্যে এই অভিযান সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে।

    রাশিয়াতেও চলে প্রশিক্ষণ

    অভিযানের (Gaganyaan) জন্য এই চার মহাকাশচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে রীতিমতো। শারীরিক সক্ষমতার বিভিন্ন পরীক্ষায় উতরোতে হয় তাঁদের। এরপাশাপাশি চলে প্রযুক্তিগত প্রশিক্ষণও। রাশিয়াতেও মহাকাশ অভিযানের প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা। মহাকাশে যে কোনও পরিস্থিতিতে অভিযোজিত হওয়ার, প্রাণ বাঁচানোর কৌশলও শেখানো হয় তাঁদের।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘গগনযানের (Gaganyaan) চার যাত্রীর নাম জানতে পারলেন দেশবাসী। কিন্তু এগুলি শুধুমাত্র চার মানুষের নাম নয়। চার অদম্য শক্তির নাম, যাঁরা ১৪০ কোটি ভারতীয়র মহাকাশ-স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছেন। ৪০ বছর পর কোনও ভারতীয় মহাকাশে যাচ্ছেন। তবে এবার আমাদের নিজেদের রকেটে চেপে যাওয়া হচ্ছে।’’

    একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মোদি

    কেরলে সফরে এদিন বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রে আসেন প্রধানমন্ত্রী। সেখানে গগনযান অভিযানের প্রস্তুতিও পর্যবেক্ষণ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বেশ কতগুলি প্রকল্পের উদ্বোধনও করেন। যার মধ্যে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের জন্য ১৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। এর পাশাপাশি তিনি উদ্বোধন করেন ইসরোর প্রোপালসেন কমপ্লেক্সের যা মহেন্দ্রগিরিতে অবস্থিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন, কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন, ইসরোর চেয়ারম্যান সোমনাথ এস সমেত অন্যান্য বিজ্ঞানীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Black Hole: গবেষণায় অভূতপূর্ব সাফল্য! ‘ব্ল্যাক হোল’ নিয়ে আশার আলো দেখালেন বাঙালি বিজ্ঞানী

    Black Hole: গবেষণায় অভূতপূর্ব সাফল্য! ‘ব্ল্যাক হোল’ নিয়ে আশার আলো দেখালেন বাঙালি বিজ্ঞানী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ব্ল্যাক হোল’ বা কৃষ্ণ গহ্বর (Black Hole)। মহাবিশ্বের এক অন্ধকারময় জগত। যার মূল কেন্দ্রবিন্দু থেকে আলো নির্গত হয় না। অন্ধকারময় এই জগৎকে কেন্দ্র করেই এখন তাবড় বিজ্ঞানীদের কৌতূহল তুঙ্গে। সেখানেই আশার আলো দেখালেন এক বাঙালি বিজ্ঞানী, বর্তমানে যিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তন্ময় চট্টোপাধ্যায়। জন্মসূত্রে রানীগঞ্জের বাসিন্দা। তবে পরিবার থাকে আসানসোলে। তন্ময়বাবু সস্ত্রীক থাকেন ক্যালিফোর্নিয়ায়। সদ্য তিনি এমন একটি তথ্যের সন্ধান পেয়েছেন, যা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার ক্ষেত্রে নানাবিধ জট খুলে দিতে পারে। ভারতীয় স্পেস টেলিস্কোপ অ্যাস্ট্রোস্যাটের মাধ্যমে ব্ল্যাক হোল জেটের পোলারাইজড হাই এনার্জি এক্স-রে’র পরিমাপ করেছেন তিনি। যার ফলে বিশ্বজুড়ে কৃষ্ণগহ্বর নিয়ে যে গবেষণা বিগত চার দশক ধরে চলছে, সেখানে নতুন দিশা দেখিয়েছেন তন্ময়বাবু এবং তাঁর টিম।

    কী পাওয়া গেল তাঁর গবেষণায়? (Black Hole)

    ঠিক কী রয়েছে এই বাঙালি বিজ্ঞানীর গবেষণায়? জানা গিয়েছে, গবেষণায় যে তথ্য উঠে এসেছে, তা অভূতপূর্ব। বিজ্ঞানীর দাবি, প্রতিটি ব্ল্যাক হোলের একটি কাল্পনিক ব্যাসার্ধ রয়েছে। সূর্যের থেকে যা বহুগুণ ঘন। আর সেখান থেকে কোনও রশ্মি নির্গত হয় না। তাই তার সম্পর্কে জানাটাও বেশ কঠিন। ঠিক সেই জায়গায় ব্ল্যাক হোলের কাল্পনিক ব্যাসার্ধের বাইরে নানান বিক্রিয়া থেকে নির্গত রশ্মি নিয়ে অ্যাস্ট্রোস্যাটের ক্যাডমিয়াম জিংক টেলিউরাইড ইমেজারের মাধ্যমে তাঁরা হাই এনার্জি পোলারাইজ এক্স-রে’র ওয়েভ লেন্থ পরিমাপ করেছেন, যা বিশ্বে প্রথম বলে দাবি করা হয়েছে। তন্ময়বাবুর এই সাফল্য আগামী দিনে ব্ল্যাক হোল (Black Hole) নিয়ে গবেষণায় দিশা দেখাতে পারে বলে আশা রয়েছে বিজ্ঞানীদের। ব্ল্যাক হোলকে এখনও মহা জগতের বিস্ময় বলে মনে করা হয়, যে সম্পর্কে সকলে খুব কম তথ্যই জানেন। কিন্তু কৃষ্ণ গহ্বরের একাধিক জট এই গবেষণার মাধ্যমে খুলে যেতে পারে বলে আশা। উল্লেখ্য, আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি প্রকাশিত দ্য অ্যাস্ট্রফিজিক্যাল জার্নাল লেটারে এই গবেষণা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, বাঙালি বিজ্ঞানী তন্ময় বন্দ্যোপাধ্যায় ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী।

    কীভাবে উত্থান? (Black Hole)

    উল্লেখ্য, জন্মসূত্রে রানীগঞ্জের বাসিন্দা তন্ময়বাবু শহরেরই একটি সরকার পোষিত বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন। রানীগঞ্জ স্কুলপাড়ায় তিনি বড় হয়েছেন। বাবা ছিলেন আসানসোল আদালতের আইনজীবী। ২০০৫ সালে উচ্চ মাধ্যমিক পাশ। ২০০৮ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স অনার্স পাশ করেন। তারপর বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে হাই এনার্জি ফিজিক্স নিয়ে এমএসসি করেন। এরপর যোগ দেন ইসরোর ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে। ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত সেখানে ডক্টরেট করার সময় এবং ইসরোর ২০১৫ সালে অ্যাস্ট্রোস্যাট পাঠানোর সময় একাধিক কাজে যোগ দিয়েছিলেন তিনি (Black Hole)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sunlight: দিনেও অন্ধকারাচ্ছন্ন গোটা গ্রাম! কীভাবে প্রবেশ করানো হল সূর্যের আলো?

    Sunlight: দিনেও অন্ধকারাচ্ছন্ন গোটা গ্রাম! কীভাবে প্রবেশ করানো হল সূর্যের আলো?

    মাধ্যম নিউজ ডেস্ক: মানুষের কারিগরি প্রতিভা ও চিন্তাধারা কতটা উন্নতমানের হতে পারে, তা ইতালির ভিগানেলা গ্রামের দিকে তাকালেই বোঝা যায়। পৃথিবীর মানচিত্রে এই গ্রামের নাম খুঁজে না পাওয়া গেলেও এর এক বিশেষত্ব বর্তমানে ইন্টারনেট জগতে খুবই চর্চিত হয়েছে। ইতালিতে অবস্থিত মিলান থেকে প্রায় ১৩০ কিমি উত্তরে গভীর উপত্যকায় অবস্থিত এই ভিগানেলা গ্রাম। এই গ্রামের নিকটবর্তী পাহাড়গুলি প্রায় ১৬০০ মিটার উঁচু হওয়ার কারণে গ্রামে ৬ মাস পর্যন্ত সূর্যালোকের (Sunlight) দেখা মেলে না। ফলে নানান রোগের প্রাদুর্ভাব সেখানে দেখা দিতে থাকে। প্রত্যেক বছরের ১১ ই নভেম্বর থেকে সূর্যালোক প্রায় অদৃশ্য হয়ে যায় বললেই চলে। ফলে গোটা গ্রাম সব সময় অন্ধকার হয়ে থাকে। এই গ্রামটিকে তাই সাইবেরিয়ার সঙ্গে অনেকে তুলনা করে থাকেন। দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে গোটা গ্রাম। এর ফলে যে শুধু রোগের প্রাদুর্ভাব বাড়ে তা নয়, চাষ-আবাদের ক্ষেত্রেও বিপুল ক্ষতির সম্মুখীন হয় গ্রামবাসীরা। বিভিন্ন ধরনের বিকল্প পদ্ধতির মাধ্যমে সূর্যালোক প্রবেশ করানোর কথা ভাবলেও প্রত্যেক ক্ষেত্রেই সেই উদ্যোগ বিফলে যায়। পরবর্তীতে এমন এক পদ্ধতি ব্যবহার করা হয়, যাতে গোটা গ্রামে বর্তমানে দিনের বেলার অন্ধকার সময়েও সূর্যালোক প্রবেশ করানো সম্ভব হয়েছে।

    কী এমন পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেখানে? (Sunlight)

    ২০০৬ সালে এই সমস্যার সমাধান করে গ্রামবাসীরা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এক কথায় বলতে গেলে গ্রামবাসীরা তাদের নিজস্ব সূর্য (Sunlight) তৈরি করে ফেলেছিল। আর এই ধারণাটি হল, সূর্যের আলোকে প্রতিবিম্বের মাধ্যমে গ্রামের মধ্যে ফেলা। আর এটি সফল করার জন্য একটি কম্পিউটার পরিচালিত আলোকে প্রতিবিম্বিত করে একটি আয়না স্থাপন করা হয় পাহাড়ের চূড়াতে। ২০০৬ সালে এটিকে বাস্তবায়িত করা হয়।

    কীভাবে আয়নাটি স্থাপন করা হয়? (Sunlight)

    ২০০৫ সালে ১০ লাখ ইউরো ব্যয় করে আয়নাটি তৈরির কাজ শুরু করেছিলেন ভিগানেলারের মেয়র পিয়েরফ্র্যাঙ্কো মিডালি। আর ২০০৬ সালে এটি সম্পূর্ণ হয়। আয়নাটি ৪০ বর্গমিটার ও যার ওজন ১.১ টন। সূর্যের আলোকে সঠিকভাবে প্রতিবিম্বিত করে গ্রামে প্রবেশ করানোর জন্য সেটিকে পাহাড়ের ১১০০ মিটার উচ্চতায় স্থাপন করা হয়। আর আয়নাটি সম্পূর্ণরূপে কম্পিউটার পরিচালিত হওয়ায় এটি সূর্যের গতিপথ অনুসরণ করে সেই মতো সূর্যালোককে (Sunlight) প্রতিফলিত করে গ্রামের উপর ফেলে। প্রতিটি আয়না হিলিওস্ট্যাটস, কম্পিউটার চালিত মোটর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারা দিগন্ত জুড়ে সূর্যের গতিপথ ট্র্যাক করে। এই আয়নাটি দিনে অন্তত ছয় ঘণ্টা গ্রামের আড়াইশো বর্গমিটার অঞ্চল আলোকিত করে। গ্রামে রোগের প্রাদুর্ভাব কমতে থাকে এবং চাষ-আবাদের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। মানসিক ও শারীরিক দিক থেকেও অনেক পরিবর্তন আসতে থাকে।

    গ্রামে উদযাপিত হয় আলোর দিন (Sunlight)

    ২০০৬ সালের ১৭ ডিসেম্বর ভিগানেলায় এই বিশাল আকারের আয়নাটির প্রতিষ্ঠা করা হয় এবং এই দিনটিকে তারা “আলোর দিন” হিসাবে উদযাপন শুরু করে।  প্রাচীন মধ্যযুগীয় গ্রাম ভিগানেলা নিজস্ব সূর্যের দেশ হিসাবে পরিচিতি লাভ করে। নিজস্ব তৈরি সূর্যের (Sunlight) কারণে এই গ্রাম এখন অনেক ভ্রমণ পিপাসুদের আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share