Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ISL Final 2024: বদলার লড়াই মুম্বইয়ের, আজ যুবভারতীতে ত্রিমুকুটে নজর মোহনবাগানের

    ISL Final 2024: বদলার লড়াই মুম্বইয়ের, আজ যুবভারতীতে ত্রিমুকুটে নজর মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএলে (ISL Final 2024) লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান। এবার খেতাব জিততে পারলে ষোলকলা পূর্ণ হবে সবুজ-মেরুন শিবিরের। যুবভারতীতে মোট ৬৬ হাজার দর্শকের সামনে খেলতে নামা মানে মানসিকভাবে অনেকটা এগিয়ে যাওয়া। দলের অধিনায়ক শুভাশিস বসু থেকে গোলমেশিন দিমিত্রি পেত্রাতোসও সমর্থকদের কথা বললেন। জানালেন অনুরাগীদের জন্যই ভাল খেলতে হবে। ২০২৪ সালে মুম্বইয়ের সঙ্গে একবারই খেলেছে মোহনবাগান। সেই ম্যাচে ২-১ গোলে জেতে মোহনবাগান। ২০২৩ সালে দুইবার মুখোমুখি খেলেছিল এই দল। দুটি ম্যাচই ২-১ ও ১-০ গোলে জিতে মুম্বই। ২০২২ সালেও দুইবার মুখোমুখি খেলেছে এই দুই দল। দুটি ম্যাচই স্কোর ড্র হয়। এবার খেতাবি লড়াই।

    সমর্থকরা মনোবল বাগানের

    মোহনবাগান (Mohun Bagan vs Mumbai City) ফুটবলাররা নিজেদের মাঠে নামছেন বলে বাড়তি চাঙ্গা। মুম্বই দলের খেলোয়াড়রা মাঠে নেমে বাজিমাতের অপেক্ষায়। বিপক্ষ দল নিয়ে অবশ্য সমীহের সুর মোহন ফুটবলারদের মুখে। দলের অধিনায়ক শুভাশিস বসু বলেন, “ওরা ফাইনালে উঠেছে, ভাল দল বলেই। তবে আমরা আমাদের ছক অনুযায়ী খেলব। আমাদের লক্ষ্য হল ট্রফি। এত সমর্থকের সামনে খেলতে নামলেই আমরা চাঙ্গা হয়ে উঠি। সমর্থকদের জন্যই আমাদের ভাল খেলতে হবে।” অনুরাগীদের ভালবাসার কথা তুলে ধরেন, সবুজ-মেরুনের গোলমেশিন দিমিত্রি পেত্রাতোস। তাঁর কথায়, ‘‘ কলকাতার সমর্থকদের ভালবাসা অন্যরকম, অনেক বেশি আবেগ। আমি এত দেশে খেলেছি, তাই পার্থক্যটা বুঝতে পারি।’’ কোচ হাবাসের প্রশংসা করে শুভাশিস বলেন, “হাবাস স্যার আছে মানে আমরা কাপ জিতব। ওঁর যা কৌশল, সেটি সবাই আমরা বুঝতে পারি। ওই কৌশলে আমাদের খেলাও ভাল হয়। উনি আমাদের দলকে বদলে দিয়েছেন। ট্রফি জিতে আমরা কোচ ও সমর্থকদের উৎসর্গ করব।”

    বদলার ম্যাচ মুম্বইয়ের

    মোহনবাগান (Mohun Bagan vs Mumbai City) এসজি-র বিরুদ্ধে আইএসএলের লিগের শেষ ম্যাচ হেরে শিল্ড জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল মুম্বই সিটি এফসি-র। সেই ধাক্কা কাটিয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ এফসি গোয়াকে দুই লেগেই হারিয়ে ফাইনালে ওঠে মুম্বই। ফাইনালে ফের তারা মুখোমুখি মোহনবাগানের। আবার সেই যুবভারতীতেই ফাইনাল খেলতে হবে মুম্বইকে। এই মাঠেই তো লিগ শিল্ড হাতছাড়া করেছিল আর সাগরের পারের টিম। তবে এবার ফাইনালে বাগানকে হারিয়ে লিগ শিল্ডের বদলা নিতে মরিয়া মুম্বই সিটি এফসি। জয়ের জন্য মরিয়া থাকলেও, মোহনবাগানকে সমীহ করে মুম্বই কোচ ক্রাটকি বলেন, ‘মোহনবাগান ভালো দল। গোটা ম্যাচেই আক্রমণ এবং রক্ষণে নিখুঁত থাকতে হবে। তবে আমি আর আমার দলের খেলোয়াড়েরা শান্ত রাখছি। কোনও চাপ নেই দলে। আমি জানি ফুটবলারেরা কী করতে পারে।’

    আরও পড়ুন: বোলারদের দিনে ৪ উইকেট নিয়ে জবাব স্টার্কের, এক যুগ পর ওয়াংখেড়েতে জয় কলকাতার

    কখন দেখবেন

    আজ, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে যুবভারতীতে ভারত সেরার দৌড়ে নামেব মোহনবাগান ও মুম্বই সিটি। টেলিভিশনে আইএসএলের ম্যাচ সরাসরি দেখানো হয় স্পোর্টস ১৮ চ্যানেলে। তা ছাড়া জিয়ো সিনেম্যা অ্যাপেও খেলা দেখা যায়। কিন্তু শনিবারের ফাইনাল আরও একটি চ্যানেলে দেখানো হবে। বাঙালি দর্শকদের কথা মাথায় রেখে কালার্স বাংলা সিনেমা চ্যানেলেও সরাসরি দেখানো হবে আইএসএলের ফাইনাল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: বোলারদের দিনে ৪ উইকেট নিয়ে জবাব স্টার্কের, এক যুগ পর ওয়াংখেড়েতে জয় কলকাতার

    IPL 2024: বোলারদের দিনে ৪ উইকেট নিয়ে জবাব স্টার্কের, এক যুগ পর ওয়াংখেড়েতে জয় কলকাতার

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ এক যুগ পর ওয়াংখেড়েতে জয়ের খরা কাটল কলকাতার। ১২ বছর পরে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কলকাতা নাইট রাইডার্স। ২০১২ আইপিএলে এক বারই গৌতম গম্ভীরের নেতৃত্বে ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে সাফল্য পেয়েছিল নাইটরা। সেই রাত ফিরে এল, এখন মাঠে নয় ডাগ আউটে বসে গৌতম গম্ভীর। ম্যাচ শেষে নাইট মেন্টরের মুখে তৃপ্তির হাসি। তৃপ্ত ২০১২তে ম্যাচ জেতানোর নায়ক সুনীল নারিন। সে বার ৪ উইকেট নিয়েছিলেন নারিন। এবার ৪ উইকেট নিলেন চলতি আইপিএলে সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্ক। 

    ম্যাচ আপডেট

    টসে জিতে শুক্রবার প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেই সিদ্ধান্ত কাজে লাগে। ১৬৯ রানে কলকাতাকে বেঁধে ফেলে জসপ্রীত বুমরারা ৷ কলকাতার ভেঙ্কটেশ আইয়ার ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন ৷ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ৪২ রান করেন মনীশ পাণ্ডে ৷ পালটা রান তাড়া করতে নেমে মুম্বইয়ের একমাত্র সূর্যকুমারের ব্যাট চলে ৷ ৫৬ রান করে আউট হন স্কাই ৷ আর ২৪ রান করেন টিম ডেভিড ৷ বাকি টপ থেকে মিডল ও টেল-এন্ডার ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ অবদান ১৩ রান ৷ কলকাতার হয়ে এদিন সফল বোলার স্টার্ক। ৩.৫ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন। ৩০ রান দিয়ে রাসেলও নিয়েছেন ২ উইকেট। ১৮.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ২৪ রানে ম্যাচ জিতে প্লে-অফের একেবারে কাছে পৌঁছে যায় কেকেআর। 

    সফল স্টার্ক

    বিশ্বকাপের সফল বোলার কেকেআর-এর হয়ে সব সমালোচনার জবাব দিলেন মিচেল স্টার্ক। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে কেনা মিচেল স্টার্ক টুর্নামেন্টের শুরুতে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি। সেই স্টার্ককে শুক্রবার রাতে পাওয়া গেল অন্য রকম ফর্মে। ম্যাচে চার উইকেট নিয়ে গড়ে ফেললেন এক অনন্য নজির। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে যেসব বোলাররা এক ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন তাদের তালিকায় নাম নথিভুক্ত করালেন স্টার্ক। স্টার্ক‌ ছাড়া এই তালিকায় রয়েছেন আর মাত্র দুই জন। একজন সুনীল নারিন। যিনি আবার এই তালিকায় দু’বার জায়গা পেয়েছেন। অপর জন জনপ্রিয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এদিন গ্যালারি থেকে স্বামী স্টার্কের প্রত্যাবর্তন দেখলেন স্ত্রী তথা অজি মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি৷ 

    প্লে অফের পথে কলকাতা

    শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে, তাদের হারিয়েই প্লে-অফের রাস্তা একেবারে মজবুত করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৪। রাজস্থানের ঘাড়েই এবার নিঃশ্বাস ফেলছে কেকেআর। ১০টির মধ্যে ৭টিতে জিতেছে কলকাতার দল। তিনটি ম্যাচে তারা হেরেছে। পয়েন্ট টেবলের দুই নম্বরেই রয়েছে নাইটরা। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলের নেট রানরেট +১.০৯৮। এক নম্বর জায়গা ধরে রেখেছেন সঞ্জু স্যামসনরা। ১০ ম্যাচ খেলে আটটিতেই জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান। দু’টি ম্যাচ হেরেছে তারা। ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষস্থানের দখল রেখেছে সঞ্জুর দল। তাদের নেট রানরেট +০.৬২২। একই সঙ্গে এদিন ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায়ের ঘণ্টা প্রায় নিশ্চিত হার্দিকের মুম্বইয়ের। 


    দুই দলই অল আউট

    চলতি আইপিএলে যেন প্রতি ম্যাচেই রান‌ বন্যার সাক্ষী থেকেছেন দর্শকেরা। এক এক ম্যাচে তৈরি হয়েছে এক একটি ব্যাটিং রেকর্ড। প্রতি ম্যাচেই বোলারদের কপালে জুটেছে বেদম পেটানি। উল্টো ছবি দেখা গেল কেকেআর বনাম মুম্বই ম্যাচে। এদিন অল আউট হয়েছে দুই দল। ১৭ বছরের আইপিএল ইতিহাসে মাত্র চারটি ম্যাচে দুই দলই অল আউট হয়ে গিয়েছে। প্রথমবার এই ঘটনা ঘটেছিল আইপিএল শুরুর বছর দুই পরে। ২০১০ সালে এই ঘটনা প্রথম ঘটে নাগপুরে দিল্লি বনাম রাজস্থান ম্যাচে। দ্বিতীয় ঘটনা ঘটে প্রথম ঘটনার ৭ বছর বাদে। ২০১৭ সালে এই ঘটনা ঘটেছিল কলকাতাতে নাইট রাইডার্স বনাম আরিসিবি ম্যাচে। পরের বছর অর্থাৎ ২০১৮ সালে এই ঘটনা ফের ঘটে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে। তালিকায় সর্বশেষ জায়গা করে নিল ২০২৪ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই বনাম কলকাতার ম্যাচটি।

    কী বললেন অধিনায়করা

    এদিন ম্যাচে হেরে নিজের হতাশা প্রকাশ করেন মুম্বই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচের পরে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন বলেন, ‘আমি বলতে চাই যে, ব্যাটিং ইনিংসে আমরা পার্টনারশিপ গড়তে পারিনি এবং পরপর উইকেট হারাচ্ছিলাম, টি-টোয়েন্টিতে আপনি যদি পার্টনারশিপ না করেন, তাহলে আপনার ক্ষতি হবেই।’ ম্যাচ শেষে তৃপ্ত নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, ‘আমরা আপাতত প্লে-অফের দরজায় রয়েছি। এই ম্যাচে অনেক কিছুই মাথায় ঘুরছিল। হারলে কী হতে পারে, এসবও ঘুরছিল। এক যুগ পর এখানে জিতলাম, এই পরিসংখ্যান আমার জানা ছিল না।’ আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মেরও প্রশংসা শোনা যায় শ্রেয়সের কথায়। এদিন ব্যাটিংয়ে বিপর্যয়ের সামনে পড়েছিল কেকেআর। মণীশ পান্ডেকে ইমপ্যাক্টে নামানো হয়। ভেঙ্কটেশ আইয়ার ও মণীশ পান্ডে জুটিতে ৮৩ রান যোগ হয়। কেকেআর ইনিংসে সেটাই টার্নিং পয়েন্ট। শ্রেয়সের কথায়, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এই ম্যাচে আমাদের দারুণ ভাবে সাহায্য করেছে। প্রথম ম্যাচ থেকেই মণীশ সুযোগের অপেক্ষায় ছিল। ওর জন্যই লড়াই করার মতো স্কোরে পৌঁছতে পেরেছি।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024:  চার স্পিনার তাই বাদ! বিশ্বকাপের দলে রিঙুকুর না থাকার কারণ ব্যাখ্যা করলেন আগরকর

    T20 World Cup 2024:  চার স্পিনার তাই বাদ! বিশ্বকাপের দলে রিঙুকুর না থাকার কারণ ব্যাখ্যা করলেন আগরকর

    মাধ্যম নিউজ ডেস্ক: আর ঠিক এক মাস পরেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আইসিসির এই মেগা টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সাম্প্রতিক কালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দেশের সবচেয়ে ধারাবাহিক প্লেয়ার রিঙ্কু সিং (Rinku Singh)। বৃহস্পতিবার বিসিসিআই-এর তরফে এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিশ্বকাপের দল থেকে রিঙ্কুর বাদ পড়ার কারণ ব্যাখা করলেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর। টিম কম্বিনেশনের জন্যই বাদ যেতে হয়েছে রিঙ্কুকে (Rinku Singh) দাবি আগরকরের।

    কেন বাদ রিঙ্কু

    রিঙ্কু সিংকে (Rinku Singh) কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মূল দলে রাখা হয়নি? তা নিয়ে যুক্তি সাজানোর চেষ্টা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দফতরে সাংবাদিক বৈঠকে আগরকর দাবি করেন, রিঙ্কুকে মূল দলের বাইরে রাখার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেটা সম্ভবত কঠিন কাজ ছিল। রিঙ্কু এমন কোনও কাজ করেননি, যে কারণে তাঁকে দলে রাখা হবে না। কিন্তু দলের কম্বিনেশনের কথা ভেবে রিঙ্কুকে ১৫ জনের দলে রাখা যায়নি বলে দাবি করেন আগরকরের। তিনি বলেন,   ‘খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। এতে রিঙ্কুর কোনও হাত নেই। স্রেফ কম্বিনেশনের দিকে তাকিয়ে এটা করা হয়েছে। রোহিত বাড়তি স্পিনার চেয়েছিল। যাতে দু’জন রিস্ট স্পিনার থাকে। রিঙ্কুকে রিজার্ভে রাখা হয়েছে। ও কাছাকাছি থাকবে।’

    রিঙ্কুর বাদ পড়া নিয়ে প্রশ্ন

    ভারতের বিশ্বকাপের (T20 World Cup 2024) দল ঘোষণা করার কয়েক দিন আগে থেকে বিশেষজ্ঞেরা নিজেদের মতো করে দল নির্বাচন করছিলেন। এমন এক জনকেও চোখে পড়েনি, যিনি নিজের দল থেকে রিঙ্কুকে বাদ দিয়েছেন। সবাই ধরেই নিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে ভারতীয় দলে ফিনিশারের ভূমিকায় দেখা যাবে আলিগড়ের ছেলেকে। কিন্তু তা হয়নি। শিবম দুবের কাছে হেরে গিয়েছেন রিঙ্কু। আইপিএল শুরু হওয়ার আগে ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর স্পষ্ট করে দিয়েছিলেন, যে হেতু বিশ্বকাপের আগে ভারত আর কোনও সিরিজ় খেলবে না, তাই আইপিএলের পারফরম্যান্স দেখেই দল তৈরি হবে। রিঙ্কুর আইপিএলের পারফরম্যান্স এ বার রিঙ্কুচিত হয়নি। এ বার রিঙ্কু আটটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন। ১২৩ রান করেছেন তিনি। কিন্তু এবার রিঙ্কু বেশির ভাগ ম্যাচেই শেষ দিকে কয়েকটি বল খেলার সুযোগ পেয়েছেন। গত বার অনেক বেশি ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি। 

    বিশ্বকাপে ভারতীয় দল নির্বাচনের সমালোচনা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকার উইকেটে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল রিঙ্কু। আফগানিস্তানের বিরুদ্ধে ২২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরে ২১২ রান করেছিল ভারত। রোহিত শতরান করেছিল। ওকে গোটা ইনিংস জুড়ে সঙ্গ দিয়েছিল রিঙ্কু। সেগুলো কি নির্বাচকদের চোখে পড়েনি? খুব খারাপ একটা দল হয়েছে। চার জন স্পিনারের কী দরকার? চার জনকেই তো খেলানো যাবে না। কয়েক জনকে খুশি করার জন্য এই দল নির্বাচন করা হয়েছে। জঘন্য।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: জায়গা হল না গিল, রিঙ্কুর! কাম ব্যাক পন্থ-হার্দিকের, টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষিত

    T20 World Cup: জায়গা হল না গিল, রিঙ্কুর! কাম ব্যাক পন্থ-হার্দিকের, টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনার অবসান। অবশেষে আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াড ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে একঝাঁক চমক রয়েছে। আমেদাবাদে বোর্ডের দল নির্বাচনী বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ, নির্বাচক প্রধান অজিত আগরকর। বৈঠকে দল বাছাইয়ের ক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরম্যান্সকে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বোঝা যায়।  ১৫ জনের মূল স্কোয়াডে জায়গা হল না রিঙ্কু সিংয়ের। সুযোগ পেলেন না শুভমন গিলের মতো তারকা ওপেনার। বাদ পড়লেন অভিজ্ঞ লোকেশ রাহুল। দলে ফিরলেন ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া।

    বিরাট ভরসা রোহিতের

    রোহিত শর্মার জন্মদিনের দিনেই ভারতীয় দল ঘোষণা করল বোর্ড। ২ জুন থেকে শুরু এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা। রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। ১৫ জনের দলে রয়েছেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা। রয়েছেন যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারেরা। ১৬ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঋষভ পন্থের। এ বারের আইপিএলে ফর্মে রয়েছেন বিরাট। সব থেকে বেশি রান তাঁর ব্যাট থেকেই এসেছে। বিরাটকে দলে চেয়েছিলেন রোহিতও। তাই তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।

    আরও পড়ুন: ইডেনে সৌরভের দিল্লিকে হারিয়ে জয়ী শাহরুখের কেকেআর, প্লে-অফের আরও কাছে নাইটরা

    সহ অধিনায়ক হার্দিক

    ভারতীয় দলে (Team India) রয়েছেন টি-টোয়েন্টি (T20 World Cup) ক্রমতালিকায় এক নম্বরে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব। উইকেটরক্ষক হিসাবে দলে জায়গা হল পন্থের। সেই সঙ্গে দলে রয়েছেন সঞ্জু স্যামসনও। আইপিএলে ভাল খেলে ভারতীয় দলে জায়গা করে নিলেন তিনি। হার্দিকের ওপর ভরসা রেখেছে বোর্ড। তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। উল্লেখ্য, ভারত আসন্ন টি-২০ বিশ্বকাপের এ-গ্রুপে রয়েছে। যুগ্ম আয়োজক আমেরিকার সঙ্গে এই গ্রুপে রয়েছে পাকিস্তান, কানাডা ও আয়ারল্যান্ড। ভারত তাদের চারটি গ্রুপ ম্যাচই খেলবে আমেরিকায়।  ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে ৯ জুন।

    পুরো টিম: রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (কিপার), সঞ্জু স্যামসন (কিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

    রিজার্ভ: শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISL 2024: চার ম্যাচ সাসপেন্ড সাদিকু! ফাইনালে চিন্তায় মোহন শিবির, হাবাসের চোখ কাপে

    ISL 2024: চার ম্যাচ সাসপেন্ড সাদিকু! ফাইনালে চিন্তায় মোহন শিবির, হাবাসের চোখ কাপে

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্মান্দো সাদিকু-কে ছাড়াই আইএসএল ফাইনালে (ISL 2024) দল গড়তে হবে আন্তোনিয়ো লোপেস হাবাস-কে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম পর্বের দ্বৈরথে ৬৭ মিনিটে লাল কার্ড (দ্বিতীয় হলুদ) দেখেছিলেন সাদিকু। রবিবার ওড়িশার বিরুদ্ধে ফিরতি ম্যাচেও খেলেননি তিনি। সোমবার সাদিকু-কে চার ম্যাচ নির্বাসিত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। তাঁকে ছাড়াই ফাইনালে নামতে হবে মোহনবাগানকে।

    সাদিকুর অভাব

    চলতি আইএসএলে  (ISL 2024) দেখা গিয়েছে হাবাস প্রায়শই সাদিকুকে পরিবর্ত হিসেবে মাঠে নামিয়ে বাজিমাত করেছেন। কখনও তিনি মনবীর সিং, কিংবা লিস্টন কোলাসোকে তুলে নামিয়েছেন আলবানিয়ার স্ট্রাইকারকে। সাদিকু না থাকায় তাই কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে হাবাসকে। অনেক সমর্থক আবার মনে করছেন, সাদিকু মোহনবাগানের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। তাঁকে সামনের মরশুমে আর রাখবে না দল কর্তৃপক্ষ। সাদিকু এবার বহু ম্যাচে গোল করে দলকে উদ্ধার করলেও তাঁর সার্বিক পারফরম্যান্স ভাল নয়। তাই কামিন্স ও দিমিত্রিকে রেখে দিলেও সাদিকু বাতিল হতে পারেন। 

    ফাইনাল প্রসঙ্গে 

    ওড়িশাকে হারিয়ে সরাসরি আইএসএল ফাইনালে (ISL 2024) উঠেছে সবুজ-মেরুন। মোহনবাগান লিগ শিল্ড জয় করার ফলে ফাইনাল ম্যাচ হবে যুবভারতীতেই। কলকাতায় ঘরের মাঠে ফাইনাল হচ্ছে বলে উচ্ছ্বসিত কামিংস। তিনি বলেন,‘‘নিজেদের সমর্থকদের সামনে খেলার অনুভূতিই আলাদা। ঘরের মাঠে বাড়তি সুবিধে পাব আমরা।’’ সেমির আর এক নায়ক সাহাল আব্দুল সামাদের কথায়, ‘‘সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছি আমরা। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ে জন্য তৈরি।’’ শনিবার দশম আইএসএলের ফাইনালে যুবভারতীতে থাকতে পারেন নীতা অম্বানী। 

    আরও পড়ুন: গরমে ৪৪ বছরের রেকর্ড ভাঙল কলকাতা! চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় বাংলা

    কী ভাবছেন স্যার হাবাস

    কলকাতায় খুব গরম। এরই মধ্যে মঙ্গলবার সকালে যুবভারতীতে হাল্কা অনুশীলন করেন মনবীর সিংরা। হাবাস জানালেন, টানা ম্যাচ খেলার ক্লান্তিই প্রধান চিন্তা তাঁর। এই কারণেই ফুটবলারদের এক দিন বিশ্রাম দিয়ে বুধবার থেকে ফাইনালে মুম্বই সিটি এফসি-কে হারানোর প্রস্তুতি শুরু করবেন তিনি। ফাইনাল নিয়ে হাবাস বলেন, ‘‘দলের মানসিক শক্তি দুর্দান্ত বলেই এখানে পৌঁছেছি। ছেলেদের উপরে পূর্ণ আস্থা রয়েছে। বিশ্বাস করি, আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আমাদের রয়েছে।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: ইডেনে সৌরভের দিল্লিকে হারিয়ে জয়ী শাহরুখের কেকেআর, প্লে-অফের আরও কাছে নাইটরা

    IPL 2024: ইডেনে সৌরভের দিল্লিকে হারিয়ে জয়ী শাহরুখের কেকেআর, প্লে-অফের আরও কাছে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চেনা ইডেনে, অচেনা সৌরভ। ঘরের মাঠে অন্ধকারে মুখ ঢাকলেন ঘরের ছেলে। সময় বদলেছে। নয়া প্রজন্মের ইডেনে সৌরভ আবেগ হলেও, উন্মাদনা কেকেআর। আইপিএল- ক্রিকেট ও বিনোদনের ককটেলে দিল্লির থেকে কয়েক কদম এগিয়ে কলকাতা। এই সত্যটা হয়তো নিজেও জানেন কলকাতার দাদা। চলতি আইপিএল-এ (IPL 2024) কেকেআর-এর দাদাগিরি বারবার দেখেছে ইডেন। তাই রাজস্থান বা পাঞ্জাবের কাছে অবিশ্বাস্য ভাবে হারের পরও ৪২ ডিগ্রি তাপমাত্রাকে দূরে ঠেলে গ্যালারি ভরায় শহরের ক্রিকেট অনুরাগীরা। দিন হোক বা রাত কেকেআর-এর হয়ে গলা ফাটায় ইডেন। আর দাদার ইডেনে হাসিমুখে বিচরণ করেন বাদশা।

    শুরু থেকেই পিছিয়ে দিল্লি

    সোমবার টসে জিতে ব্যাটিং নেয় দিল্লি (IPL 2024)। এখানেই ম্যাচে অনেকটা পিছিয়ে যায় দিল্লি। সৌরভের চেনা ইডেনে পন্থের এই সিদ্ধান্ত অবাক করে সকলকেই। শুরুতেই উইকেট তুলে এদিন দিল্লিকে ধাক্কা দিয়েছিলেন বৈভব আরোরা। পৃথ্বী শ ও শাই হোপকে আউট করে দিল্লির রানের গতি আটকে দেন তিনি। এরপর শুরু হয় বরুণ ‘বর্ষণ’। সোমবার কলকাতার সব থেকে সফল বোলার বরুণ। তিনটি উইকেট নেন তিনি। ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবস এবং কুমার কুশাগ্রকে আউট করেন বরুণ। দ্রুত দিল্লির মিডল অর্ডারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়ার ফলে আর বড় স্কোর খাড়া করতে পারেনি রাজধানীর দল। বরুণ চার ওভারে মাত্র ১৬ রান দেন। দুটো উইকেট নেন হর্ষিত রানা। এ বারের আইপিএলে রানের সুনামি উঠছে প্রতি ম্যাচে। ইডেনে সবচেয়ে কম স্কোর করল দিল্লি। ১৫৪ টার্গেট দিয়ে এই আইপিএলে ম্যাচ জেতা যায় না।

    প্লে-অফের পথে নাইটরা

    দিল্লিকে (IPL 2024) অল্প রানে আটকে রাখার পর দ্রুত রান তোলে কেকেআর। সেই কাজটাই করলেন সল্ট। ৩৩ বলে ৬৮ রান করেন তিনি। পাঁচটি ছক্কা এবং সাতটি চার মারেন সল্ট। ৫ রানের মাথায় খলিলের বলে সল্টের ক্যাচ মিস করলেন লিজাড উইলিয়ামস। তার খেসারত দিতে হল। নারিন (১৫) এই ম্যাচে পারলেন না। ২১ বল বাকি থাকতে দুই আইয়ার, শ্রেয়স ও ভেঙ্কটেশ বাকি কাজটা সেরে ফেললেন। শ্রেয়স করলেন ৩৩, বেঙ্কটেশ ২৬। চেনা ইডেন গার্ডেন্স থেকে খালি হাতে ফিরতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জয়ে ফিরল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ইডেনে ৯ ম্যাচে ৬টিতে জয় নাইটদের। ১২ নিয়ে পয়েন্ট টেবলের দুইয়ে। প্লে-অফের পথে অনেকটাই এগিয়ে গেল গম্ভীরের টিম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • ISL 2024: সমর্থকদের কুর্নিশ হাবাসের, ওড়িশাকে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান

    ISL 2024: সমর্থকদের কুর্নিশ হাবাসের, ওড়িশাকে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে অপরাজেয় মোহনবাগান (ISL 2024)। সোজাসুজি আইএসএল সেমিফাইনালে ফিরতি লেগের ম্যাচে রবিবার যুবভারতীতে ওড়িশাকে ২-০ গোলে হারিয়ে দিল মোহনবাগান। সমর্থকদের আনন্দে ভেসে আইএসএল ফাইনালে চলে গেল সবুজ মেরুন। এবার ট্রফি জয়ের অপেক্ষা। জেসন কামিংস এবং সাহাল আব্দুল সামাদ গোল করলেন। দুই পর্ব মিলিয়ে ৩-২ জিতে ফাইনালে উঠে গেল হাবাসের ছাত্ররা। প্রথম পর্বে তারা হেরেছিল ১-২ গোলে।

    ম্যাচে মেহনবাগান

    এদিন ঘরের মাঠে ৬৬ হাজার দর্শকের সামনে প্রাধান্য বেশি ছিল মোহনবাগানেরই (ISL 2024)। দিমিত্রি পেত্রাতোসের পাশাপাশি কামিংসকে প্রথম একাদশে রেখেছিলেন মোহনবাগানের কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। কামিংস গোল করে আস্থার দাম রেখেছেন। চোট সারিয়ে দীর্ঘ দিন পরে নেমে গোল করেছেন সাহালও। এদিন ২২ মিনিটে গোলের দরজা খুলে দেন বাগানের অজি স্ট্রাইকার জেসন কামিন্স। বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের দূর্গ লক্ষ্য করে একটা শট নিয়েছিলেন পেত্রাতোস। কিন্তু, অমরিন্দরের কাছে তা প্রতিহত হয়। বাগানের ভাগ্য ভালো যে অমরিন্দর বলটা তালুবন্দি করতে পারেননি। তিনি ঠেলে সামনের দিকে পাঠিয়ে দেন। ফিরতি শটে ফাঁকা জালে বল জড়িয়ে দেন কামিংস। এরপর আক্রমণ বাড়াতে থআকে ওড়িশা। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ফের আক্রমণের ঝড় ওঠে। ৭১ মিনিটে অনিরূদ্ধ থাপার পরিবর্তে মাঠে নামলেন আবদুল সাহাল। হাবাস যেন কোনওক্রমে ম্যাচটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে চাইছিলেন। নির্ধারিত ৯০ মিনিটের পর আরও ৭ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। ৯৩ মিনিটে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করলেন সাহাল আবদুল সামাদ। 

    সাহালের স্বপ্ন

    জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। সেই চোট সারতে লেগে গেল প্রায় তিনটে মাস। অপেক্ষা ছিল কবে সবুজ-মেরুন জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। মাঠে তো নামলেনই, গোল করে মোহনবাগানকে আইএসএলের ফাইনালে তুলে দিলেন সাহাল আব্দুল সামাদ। ম্যাচের পর সাহাল বলেন, “মাঠে নেমে যে ভাবেই হোক দলকে সাহায্য করতে চেয়েছিলাম। কোচ বলেছিলেন, বুদ্ধি দিয়ে খেলো। মাঠে খোলা মনে থাকো। কোনও রকম চাপ মাথার মধ্যে নেবে না। আমি সেটাই করেছি। এত দিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাকে। চোট-আঘাত ফুটবলেরই অংশ। আমি ধৈর্য রেখেছিলাম। কঠোর পরিশ্রম করেছি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা ফাইনালে উঠেছি।” সাহাল বলেন, “মাঠে আসার পর একটাই লক্ষ্য ছিল, বক্সের মধ্যে যতটা সম্ভব থেকে সুযোগের অপেক্ষা করা। মনবীর অসাধারণ খেলেছে। আমার নয়, ওটা ওর গোল। আমরা একটা দল হিসাবে খেলি। এটা দলেরই গোল।”

    আরও পড়ুন: আগামী তিন দিন তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস, কী বলছে আলিপুর?

    তৃপ্ত হাবাস

    লিগ-শিল্ড (ISL 2024) আগেই জিতেছিল সবুজ-মেরুন। এ বার ফাইনাল জিতে ‘ডাবল’ করার সুযোগ তাদের সামনে। ম্যাচের পর তৃপ্ত স্যার হাবাস। সেমিফাইনালে পরিকল্পনা কী ছিল? হাবাসের সাফ জবাব, “আমি আর আমার দল হারার আগে হারতে জানে না। ৯০ মিনিট লড়াই করতে হবে এই বার্তা দিয়েছিলাম দলকে। দল সেটা করে দেখিয়েছে। দ্রুত সম্ভব গোল করার লক্ষ্য নিয়েই আমরা নেমেছিলাম। কিন্তু ম্যাচটা অনেক লম্বা হবে, এই আশঙ্কাও ছিল। শারীরিক ভাবে আমরা অনেক ভাল জায়গায় ছিলাম। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে বলে আমার বিশ্বাস।” 

    রবিবাসরীয় সন্ধ্যায় কানায় কানায় পূর্ণ ছিল যুবভারতী। শিল্ড জয়ের দিন ৬১,৭৭৭ আর সেমিফাইনালে সেটাও ছাপিয়ে গিয়ে যুবভারতী গর্জন শুনল ৬২,০০৭ সমর্থকের। তারও ভুয়সী প্রশংসা শোনা গেল হাবাসের গলায়। জানালেন, “সমর্থকদের গর্জন ফুটবলারদের এনার্জি জুগিয়েছে। বিশ্বাস ছিল আমরা পারব। এত সমর্থক পুরো ম্যাচে আমাদের পাশে থেকেছে। চাপের ম্যাচে এটা অত্যন্ত জরুরি ছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Archery World Cup: বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতীয় তিরন্দাজদের, তিনটি সোনা, রুপো-সহ পাঁচটি পদক

    Archery World Cup: বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতীয় তিরন্দাজদের, তিনটি সোনা, রুপো-সহ পাঁচটি পদক

    মাধ্যম নিউজ ডেস্ক: তিরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup) ভারতের জয়জয়কার।  চিনের সাংহাইয়ে বিশ্বকাপ তিরন্দাজির কমপাউন্ড বিভাগে তিনটি সোনা জয় করলেন তিন ভারতীয়। মহিলা বিভাগে সোনা জিতেছেন জ্যোতি সুরেখা, অদিতি স্বামী ও পর্ণিত কাউর। শুধু মেয়েরাই নন, এই বিশ্বমিটে পাল্লা দিয়ে সোনা জিতেছেন ছেলেরাও। পুরুষ বিভাগে সোনা জিতেছেন অভিষেক ভার্মা, প্রিয়াংশরা। ব্যাক্তিগত বিভাগে রুপোও জিতেছেন প্রিয়াংশ।  এই সাফল্য প্যারিস অলিম্পিক্সের আগে ভারতীয় তিরন্দাজদের মনোবল অনেকটাই বেড়ে গেল।

    জ্যোতির সাফল্য

    একের পর এক সোনা এনে দিলেন জ্যোতি সুরেখা ভেন্নম। তীরন্দাজি বিশ্বকাপের (Archery World Cup) স্টেজ ওয়ানে করলেন সোনার পদকের হ্যাটট্রিক। একাই জিতলেন তিনটি স্বর্ণপদক, আলাদা ইভেন্টে বিভিন্ন পার্টনারকে নিয়ে। এবারের বিশ্বকাপের প্রথম ইভেন্ট থেকেই ছন্দে ছিলেন তিনি। এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী জ্যোতি ব্যক্তিগত, দলগত বিভাগের তিন ইভেন্টেই তীরন্দাজি বিশ্বকাপে দেশকে এনে দিলেন সোনা। অন্ধ্র প্রদেশের ২৭ বছর বয়সি জ্যোতি ব্য়ক্তিগত ইভেন্টে হারিয়ে দিলেন মেক্সিকোর আন্দ্রি বেরেক্কাকে। নির্ধারিত সময় ফল না আসায়, টাইব্রেকার হয়। সেখানেই অনবদ্য ছন্দে মেক্সিকান প্রতিপক্ষকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেন জ্যোতি। 

    প্রিয়াংশদের পদক

    মহিলাদের পাশাপাশি সাফল্য পান ভারতীয় পুরুষ তিরন্দাজরাও। টিম গেমে নেদারল্যান্ডকে ২৩৮-২৩১ পয়েন্টে হারিয়ে সোনা জয় করেন অভিষেক ভর্মা, প্রিয়াংশ এবং প্রথমেশ ফিউজ। মিক্সড টিমেও বাকিদের পিছনে ফেলে সোনা ঘরে তুলল ভারত। হাড্ডাহাড্ডি লড়াইয়ে লিসেল ও রবিনকে হারিয়ে প্রথম স্থান দখল করেন জ্যোতি ও অভিষেক। ম্যাচের ফল ১৫৮-১৫৭। বিশ্ব মিটে এই সাফল্যে খুশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

    রবিবারের ইভেন্ট

    রবিবারও তীরন্দাজি বিশ্বকাপের (Archery World Cup) স্টেজ ওয়ানে রয়েছে একাধিক ইভেন্ট। যার মধ্যে রয়েছে অলিম্পিক্সে থাকা ইভেন্টও। অর্থাৎ রবিবারে ইভেন্টে প্রিয়াংশরা যদি ভারতের হয়ে জিততে পারেন সেক্ষেত্রে প্যারিস অলিম্পিক্সের আগে ভারতীয় তীরন্দাজরা ঠিক কী অবস্থায় রয়েছে তা বোঝা যাবে। ভারতের সামনে দুটি স্বর্ণপদক জয়ের সুযোদ রয়েছে দুই বিভাগে। স্বর্ণপদকের লক্ষ্যে ভারতীয় পুরুষ দল খেলবে দঃ কোরিয়ার বিপক্ষে, অন্যদিকে রিকার্ভ ইভেন্টে মহিলাদের তীরন্দাজিতে ভারতের অন্যতম সেরা খেলোয়াড় দীপিকা কুমারি সেমিফাইনালে মুখোমুখি হবেন কোরিয়ান প্রতিপক্ষের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: বেয়ারস্টোর বাজিমাত! ইডেনে নজিরের পর নজির, কোথায় গেলেন বাদশা?

    IPL 2024: বেয়ারস্টোর বাজিমাত! ইডেনে নজিরের পর নজির, কোথায় গেলেন বাদশা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনে ইতিহাস তৈরি হল শুক্রবার। পয়েন্ট তালিকায় অনেক পিছনে থাকা পাঞ্জাবের কাছে হারটা যেন মেনে নিতে পারছিল না কলকাতার ক্রিকেট ভক্তরা।  কিন্তু হার মানলেও এই ম্যাচ যেন ছিল ঘোরের মতো। টি-টোয়েন্টি ক্রিকেটের আসল নির্যাসটুকু ধরে রাখল এই ম্যাচ। বন্যা বইল চার-ছয়ের। এক দল আগে ব্যাট করে করল ২৬১ রান। অপর দল সেই রান তাড়া করে দিল ৮ বল বাকি থাকতেই। অতীতে এত রান তাড়া করে কোনও দল জিততে পারেনি। এই নজির অবশ্য মেনে নিতে পারেননি কেকআর কর্ণধার শাহরুখ খান। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন তিনি। কেকেআর হারলেও ভগ্ন হৃদয়ে একবার বাদশা-কে দেখার আশায় রাত ১২টা পর্যন্ত ইডেনের গ্যালারিতে অপেক্ষা করছিলেন দর্শকরা। তিনি যে বাজিগর, ‘হার কর জিত যাতে হ্যায়’। হারলেও বারবার অনুরাগীদের মন জিতেছেন বাদশা। কিন্তু শুক্রবার ইডেনে যেন উলাট পুরান। নজিরের পর নজির। 

    রেকর্ড রান তাড়া করে জয়

    শুক্র-রাতে ইডেন গার্ডেন্স ব্যাটিং প্যারাডাইসে পরিণত হয়েছিল। কেকেআরের দেওয়া ২৬২ রানের টার্গেট যে কারণে সফল ভাবে তাড়া করতে পেরেছে পঞ্জাব কিংস। টি-২০ ক্রিকেটে এটাই সর্বাধিক রান তাড়ার রেকর্ড। গত মার্চে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৫৯ রানের টার্গেট তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই রেকর্ড ভেঙে গেল ইডেনে। আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নিরিখে এটি প্রথম স্থানে। এর আগে ২০২০ সালে রাজস্থান শারজায় ২২৪ তাড়া করে জিতেছিল এই পঞ্জাবের বিরুদ্ধে। এ বছর ইডেনে কিছু দিন আগে এই রাজস্থানই ২২৪ রান তাড়া করে জিতেছিল কলকাতার বিরুদ্ধে। ২০২১ সালে ২১৯ তাড়া করে চেন্নাইকে হারিয়েছিল মুম্বই।

    সর্বাধিক ছয়

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি ম্যাচে সর্বাধিক ছয়ের রেকর্ড হচ্ছে চলতি আইপিএলে। কলকাতা-পঞ্জাব ম্যাচে মোট ৪২টি ছয় রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচ। দু’টিতেই ৩৮টি করে ছয় হয়েছে। আইপিএলের একটি ম্যাচে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড হয়েছে ইডেনে (কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে)। কেকেআরের বিরুদ্ধে ২৪টি ছয় মেরেছে পাঞ্জাব কিংস।

    কেকেআরের ওপেনিং জুটিতে সর্বাধিক রান

    আইপিএলে দুই দলের করা সর্বাধিক রানের দিক থেকে আজকের ম্যাচ দ্বিতীয় স্থানে। কেকেআর ও পঞ্জাব মিলে ৫২৩ রান করেছে। চলতি আইপিএলেই হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও মোট ৫২৩ রান হয়েছিল। সর্বাধিক ৫৪৯ রান হয়েছিল আরসিবি বনাম সানরাইজার্স ম্যাচে। চলতি আইপিএলে কেকেআরের হয়ে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি রান করেছেন সুনীল নারিন এবং ফিল সল্ট। পঞ্জাবের বিরুদ্ধে তাঁরা ১৩৮ রানের পার্টনারশিপ গড়েছেন। যা আবার কেকেআরের হয়ে সর্বাধিক ওপেনিং পার্টনারশিপের তালিকায় দ্বিতীয়। এই তালিকায় প্রথমে রয়েছেন গৌতম গম্ভীর ও ক্রিস লিন। তাঁরা ২০১৭ সালে রাজকোটে ১৮৪ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 Cricket: ৩ ওভার ০ রান ৭ উইকেট! টি-২০ ক্রিকেটে নজির ইন্দোনেশিয়ার কিশোরীর

    T20 Cricket: ৩ ওভার ০ রান ৭ উইকেট! টি-২০ ক্রিকেটে নজির ইন্দোনেশিয়ার কিশোরীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেক ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে নজর কাড়লেন ইন্দোনেশিয়ার ১৭ বছরের মেয়ে। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন রোমালিয়া। অভিষেক ম্যাচে ৩.২ ওভার বল করে একটিও রান না দিয়ে ৭ উইকেট তুলে নিলেন তিনি।

    অনন্য নজির

    মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের নজির তৈরি করলেন ইন্দোনেশিয়ার ১৭ বছরের অফ স্পিনার রোমালিয়া। অভিষেক ম্যাচে ৩.২ ওভার বল করেছেন ইন্দোনেশিয়ার অফ স্পিনার। তাঁর বলে একটি রানও নিতে পারেননি মঙ্গোলিয়ার ব্যাটারেরা। প্রথম বলেই উইকেট পেয়েছেন তিনি। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল রোমালিয়ার বলে আউট হওয়া সাত ব্যাটারই সাজঘরে ফিরেছেন কোনও রান না করে। এমন নজির পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও নেই। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ম্যাচে সেরা বোলিংয়ের নজির রয়েছে মালয়েশিয়ার সিয়াজরুল ইজাত ইদরুসের দখলে। গত বছর তিনি চিনের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছিলেন ৮ রান খরচ করে

    ১৭ বছর বয়সী এই অফ স্পিনারের আগে মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সেরা বোলিং ফিগার ছিল নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডিকের নামে। তিনি ২০২১ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ জোন কোয়ালিফায়ারে ফ্রান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২টি মেডেন দিয়েছিলেন। ৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন ফ্রেডেরিক। সেই নজির ছাপিয়ে গেলেন রোমালিয়া। তাঁর এই বোলিংয়ে ভর করে বালিতে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়া সহজেই জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করে ইন্দোনেশিয়া ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে। তিনিই ম্যাচের সর্বোচ্চ স্কোরার হন। জবাবে মঙ্গোলিয়া ১৬.২ ওভারে মাত্র ২৪ রানে অলআউট হয়ে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share