Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Saket Gokhale: আর্থিক অপচয়ের অভিযোগ! গুজরাট জেলে বন্দি তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল ইডি

    Saket Gokhale: আর্থিক অপচয়ের অভিযোগ! গুজরাট জেলে বন্দি তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে এবার টাকা নয়ছয়ের অভিযোগে  গ্রেফতার করল ইডি (ED)। জালিয়াতি মামলায় আগেই গুজরাটের জেলে বন্দি ছিলেন তৃণমূলের জাতীয় স্তরের মুখপাত্র সাকেত গোখলে।  এবার তাঁর বিরুদ্ধে  ১.০৭ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ এনেছে কেন্দ্রীয় সংস্থা। ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে তহবিল নয়ছয়ের অভিযোগ রয়েছে সাকেতের বিপক্ষে।

    ক্রাউড ফান্ডিং-এর অভিযোগ

    আর্থিক তছরূপের মামলায় বুধবার তৃণমূল নেতা সাকেত গোখলেকে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে একত্রিত করা লক্ষাধিক টাকার তহবিল সাকেত অপব্যবহার করেছেন। প্রসঙ্গত, সাকেতকে গত ডিসেম্বর মাসে দিল্লি থেকে অপর একটি মামলায় গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। সেই মামলায় এখনও জামিন পাননি তৃণমূল মুখপাত্র। গতকাল গুজরাট হাইকোর্ট সাকেতের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। আর এরই মধ্যে ইডি ফের গ্রেফতার করল সাকেত গোখলেকে। 

    আরও পড়ুন: আজ ফের তাপসকে জিজ্ঞাসাবাদ ইডির! দীর্ঘ ১২ ঘণ্টা জেরায় নতুন কী তথ্য মিলল?

    কী বলছেন সাকেতের আইনজীবী

    ক্রাউড ফান্ডিং বলতে বোঝায় যখন জনসাধারণের উপকারে কোনও কাজের জন্য মানুষের থেকে টাকা সংগ্রহ করা হয়। পরে সেই টাকা ব্যক্তিগত কাজে বা অন্য কোনওভাবে ব্যবহার করলে সেটি আর্থিক তছরূপের আওতায় পড়ে। ইডি যে অর্থ অপচয়ের মামলায় সাকেতকে গ্রেফতার করেছে, সেই একই মামলাতে গুজরাট পুলিশের অপরাধ দমন শাখা গ্রেফতার করেছিল সাকেতকে। সেই মামলায়, গুজরাট হাইকোর্টে সাকেতের আইনজীবী জানিয়েছিলেন, যে তাঁর মক্কেল অতীতে একজন আরটিআই কর্মী ও সমাজকর্মী হিসেবে কাজ করেছেন। যে সময়ে তিনি ক্রাউড ফান্ডিং করেছিলেন, সেই সময়ে তিনি এও জানিয়েছিলেন যে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য এবং নিজের বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন। কিন্তু কোনও টাকা তিনি নয়ছয় করেননি। তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি সেই কর্মসূচি বন্ধ করে দিয়েছিলেন। পাশাপাশি গোখলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর আয়ের যাবতীয় হিসেব রয়েছে এবং তিনি নিয়মিত আয়কর জমা করেছেন বলেও দাবি করেন সাকেতের আইনজীবী। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Saraswati Puja: কোথাও খাঁচায় বন্দী, কোথাও আবার দাঁড়িপাল্লায় সরস্বতী! দেবী বন্দনায় নিয়োগ দুর্নীতির ছোঁয়া শহরের মণ্ডপে

    Saraswati Puja: কোথাও খাঁচায় বন্দী, কোথাও আবার দাঁড়িপাল্লায় সরস্বতী! দেবী বন্দনায় নিয়োগ দুর্নীতির ছোঁয়া শহরের মণ্ডপে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদ্যার দেবী সরস্বতী (Saraswati Puja 2023)। বাগদাত্রী দেবী শ্বেত পদ্মের উপর আসন পেতে থাকেন। মাঘী পঞ্চমীতে তাঁর আরধনায় মাতে ছোট থেকে বড়রা। বিদ্যা বিনয় দান করে। ন্যায়-অন্যায় বুঝতে শেখায়। কিন্তু বাংলায় এখন শিক্ষা বিক্রি হয়। অর্থের বিনময়ে শিক্ষক কেনা-বেচা হয়। বিদ্যাকে ছোট করে অর্থের বিনময়ে চাকরি পাওয়ার অভিযোগ বাংলার অলি-গলিতে।  অভিযোগ উঠেছে,অযোগ্যরা চাকরি পেয়েছেন। ফেল করেও শিক্ষকতা করার সুযোগ পেয়েছেন। তাই শহর কলকাতায় এবার সরস্বতী পুজোর থিমে কোথাও খাঁচায় বন্দি বাগদেবী কোথাও আবার দাঁড়িপাল্লায় তোলা হয়েছে তাঁকে।

    দাঁড়িপাল্লায় সরস্বতী

    সাধারণত এ রাজ্যে বিভিন্ন পুজোর থিমের মাধ্যমেই তুলে আনা হয় সাম্প্রতিক কালের আলোচিত-চর্চিত বিভিন্ন ঘটনাকে। বাংলায় সাম্প্রতিককালের সবথেকে আলোচ্য বিষয় শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’। তাই এবার শহরের বুকে সরস্বতী পুজোর থিম শিক্ষক নিয়োগ দুর্নীতি। অভিনব এই থিমের নাম ‘বঙ্গে বিক্রি শিক্ষা’। কাকুড়গাছি রেল ব্রিজ সংলগ্ন এই পুজোর প্যান্ডেলে দেখা যাবে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যারের মডেল। সামনে টাকার ৫০০ ও ২ হাজার টাকার নোটের বান্ডিল। ঠিক যেমনটা ইডির তল্লাশি অভিযানে দেখা গিয়েছিল। এই প্যান্ডেলে দেখানো হবে, দাঁড়িপাল্লায় রাখা হয়েছে সরস্বতীর মূর্তি ও টাকা। অর্থের ভারে হেলে গিয়েছে সরস্বতী। খাঁচায় বন্দি রাখা হয়েছে বইপত্র ও মা সরস্বতীকে। যার মাধ্যমে বোঝানোর চেষ্টা হয়েছে, এ রাজ্যে শিক্ষাকে বন্দি রেখেই অর্থের বিনিময় অযোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে আগামীর ভবিষ্যৎ।

    আরও পড়ুন: মাঘেও উধাও শীত! গরমেই কাটবে সরস্বতী পুজো, জানিয়ে দিলেন আবহবিদরা

    পৌষ পেরিয়ে বাংলার গায়ে এখন মাঘের আমেজ। স্কুলে স্কুলে বাণী বন্দনার প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে এই ধরনের থিম এনেছে অভিনবত্বের ছোঁয়া। সঙ্গে শিক্ষা নিয়ে যে অশিক্ষা বঙ্গে দেখা গিয়েছে, তাঁর জন্য ধিক্কার জানানো হয়েছে। থিমের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আন্দোলন ও তাঁদের দাবিদাওয়াও তুলে ধরা হয়েছে। চাকরিপ্রার্থীদের মডেল তৈরি করে তাঁদের হাতে দেওয়া হয়েছে বিভিন্ন দাবি দেওয়া সম্মিলিত প্ল্যাকার্ড। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • ISF: ভাঙড়ে আরাবুলের বাড়ির অদূরে মিলল বোমা, নেপথ্যে কারা?

    ISF: ভাঙড়ে আরাবুলের বাড়ির অদূরে মিলল বোমা, নেপথ্যে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাঙড়ে (Bhangar) অশান্তির রেশ এখনও পুরোপুরি মেলায়নি। তার মধ্যেই মিলল বোমা (Bomb) উদ্ধারের খবর। রবিবার সকালে ভাঙড়ের উত্তর গাজিপুর এলাকা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু বোমা। যেখান থেকে বোমা উদ্ধার হয়েছে, তার কাছেই বাড়ি তৃণমূল নেতা আরাবুল ইসলামের। স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, আরাবুলের বাড়ির কাছে বোমা রেখে গেল কারা, তৃণমূলেরই লোকজন, নাকি যাদের সঙ্গে দিন কয়েক ধরে অশান্তি চলছে তৃণমূলের, সেই আইএসএফ (ISF)?

    বোমা…

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে উত্তর গাজিপুর এলাকার একটি জমিতে ব্যাগের ভিতরে বেশ কয়েকটি বোমা পড়ে থাকতে দেখতে পান এলাকার কয়েকজন বাসিন্দা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। কাশীপুর থানার পুলিশ গিয়ে ঘিরে ফেলে এলাকা। বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। বোমাগুলি যেখান থেকে উদ্ধার হয়েছে, তার কাছেই বাড়ি তৃণমূল নেতা আরাবুল ইসলামের। ওই এলাকায় বোমাগুলি কারা রেখে গিয়েছিল, তা জানতে জেরা করা হচ্ছে ধৃতদের।

    আরও পড়ুুন: আইএসএফের তাণ্ডবের জেরে রণক্ষেত্র ধর্মতলা, বাঁশ নিয়ে তাড়া পুলিশকে

    ২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাঙড়ের হাতিশালা এলাকায় পতাকা টাঙাচ্ছিলেন আইএসএফ কর্মী-সমর্থকরা। অভিযোগ, তাঁরা এক তৃণমূল কর্মীর বাড়িতে লাগিয়ে দেন আইএসএফের পতাকা। তার জেরে দু পক্ষে শুরু হয় সংঘর্ষ। তৃণমূলের পার্টি অফিসে লাগিয়ে দেওয়া হয় আগুন। ঘটনার জের গড়ায় শনিবার ধর্মাতলা পর্যন্ত। এদিন প্রতিষ্ঠা দিবসের সভা শেষে তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির দাবিতে ধর্মতলায় অবরোধ করেন আইএসএফ (ISF) কর্মী-সমর্থকরা। অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশ প্রথমে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠাতে চেষ্টা করে। তখনই বিক্ষোভকারীরা ইটপাটকেল এবং কাচের বোতল ছুড়তে থাকে পুলিশকে লক্ষ্য করে। পরে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, বিক্ষোভকারীদের আক্রমণে জখম হয়েছেন ১৯ জন পুলিশ কর্মী। তাঁদের মধ্যে কয়েকজন ভর্তি মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাকিরা ভর্তি এসএসকেএম হাসপাতালে। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা (ISF) পুলিশের কিয়স্কে ভাঙচুর চালিয়েছে। ভেঙেছে গার্ডরেলও। পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের জেরে ঘণ্টা দেড়েক ওই এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। ফের শুরু হয় সন্ধে নাগাদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     
  • Kuntal Ghosh: অভিষেক থেকে ব্রাত্য অনেকের সঙ্গেই ছবি! বিএড কলেজ, ইংরেজি মাধ্যম স্কুল, কে এই কুন্তল?

    Kuntal Ghosh: অভিষেক থেকে ব্রাত্য অনেকের সঙ্গেই ছবি! বিএড কলেজ, ইংরেজি মাধ্যম স্কুল, কে এই কুন্তল?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে তাঁর ফ্ল্যাট থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। তদন্তে অসহযোগিতার জেরেই হুগলির এই যুব তৃণমল নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। কিন্তু আসলে কে এই কুন্তল। তাঁর সঙ্গে আর কার যোগাযোগ রয়েছে? যে কোটি কোটি টাকা কুন্তল নিয়েছেন বলে অভিযোগ তা কী সবটাই কুন্তলের পকেটে? না এর পিছনে রয়েছে আরও কেউ? প্রশ্নগুলো ঘুরছে রাজ্য রাজনীতিতে।

    কে কুন্তল

    হুগলির বলাগড়ের শ্রীপুর পঞ্চায়েত এলাকায় বাড়ি কুন্তলের। বাবা স্বপন ঘোষ ছিলেন সিপিএমের পঞ্চায়েত প্রধান। যদিও কুন্তল নিজে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক। গ্রামে ভাল ছেলে বলেই পরিচিত। সমাজসেবা থেকে দান-ধ্যান করতে বারবার এগিয়ে এসেছিলেন কুন্তল। তাঁদের একটা সারের দোকান ছিল, অ্যালুমিনিয়ামের কারখানাও ছিল। স্বচ্ছল পরিবার। তবে এসব কিছুর পিছনেই কী ছিল দুর্নীতির হাতছানি? এখন আর খুব বেশি বলাগড়ে থাকতেন না কুন্তল। এখন তিনি শহরের ছেলে। চিনার পার্কে দুটো ফ্ল্যাট! শিক্ষা ব্যবসায় নিজের নাম লিখিয়েছেন কুন্তল।

    নেতানেত্রীদের বৃত্তে

    ২০১১ সালে ধনেখালিতে একটি বিএড কলেজে পার্টনারসিপে ব্যবসা শুরু করেন কুন্তল। অনেকের মতে, ওটাই ছিল তাঁর শিক্ষা ব্যবসায় হাতেখড়ি। তারপর ধাপে ধাপে এগোতে থাকেন আরও বড় হওয়ার লক্ষ্যে। জানা যাচ্ছে, দক্ষিণ বঙ্গের আরও কয়েকটি জেলার বিএড কলেজে তাঁর শেয়ার রয়েছে। তাছাড়া বলাগড়ে একটি ছোটদের ইংরাজি মাধ্যম স্কুলও চালু করেছিলেন তিনি। ২০১৬ সাল থেকে রাজনীতিতে উত্থান কুন্তলের। জেলার রাজনীতিতে তেমন পরিচিত নন তিনি। বেশিরভাগ সময় থাকতেন কলকাতা কেন্দ্রিক কর্মসূচিতে, নেতানেত্রীদের বৃত্তের মধ্যে। এই কুন্তলের সঙ্গেই তৃণমূলের শীর্ষ নেতাদের বিভিন্ন সময়ে নানা ছবি প্রকাশ্যে এনেছেন বিজেপি রাজ্য সহ সভাপতি রথীন্দ্র বোস। কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িযে হাসিমুখে দেখা যাচ্ছে কুন্তলকে। কখনও আবার কোনও অনুষ্ঠান মঞ্চে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের সঙ্গে কথা বলতেও দেখা যাচ্ছে যুব নেতাকে। একটি ছবিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা যাচ্ছে কুন্তলকে। আবার কুন্তলের সঙ্গে একই ফ্রেমে দেখা যাচ্ছে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকেও।

    আরও পড়ুন: ইডির জালে কুন্তল! কী মিলল চিনার পার্কের ফ্ল্যাট থেকে?

    কুন্তলের ফেসবুক পেজও ছিল চোখে পড়ার মতো। জ্যোতি বসুর জন্ম দিন থেকে জয়ললিতার মৃত্যু দিন, আরডি বর্মন, শৈলেন মান্না, হেমন্ত মুখোপাধ্যায়—বিশেষ বিশেষ দিনে শ্রদ্ধা জানিয়ে ফেসবুক পোস্টার পোস্ট ছিল কুন্তলের রুটিন। আর সেসব পোস্টারে বিশিষ্টজনের সঙ্গে থাকত একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের ছবি অন্য দিকে হাতজোড় করা কুন্তলের ছবি। তাহলে এসবের পিছনেই কী ছিল দুর্নীতির চক্র? আর  কুন্তলের হাত ধরে টাকা পৌঁছে যেত অন্য কোথাও?কুন্তলের খুঁটি কী বাঁধা থাকত শহরের অন্য কোথাও? জল্পনা চলছে হুগলি থেকে কলকাতা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Chandan Mondal: হঠাতই উদয় ‘চন্দন’ এর! নিয়োগ দুর্নীতিতে সিবিআই জেরার জন্য নিজাম প্যালেসে বাগদার রঞ্জন

    Chandan Mondal: হঠাতই উদয় ‘চন্দন’ এর! নিয়োগ দুর্নীতিতে সিবিআই জেরার জন্য নিজাম প্যালেসে বাগদার রঞ্জন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Primary Teacher Recruitment Scam) সিবিআই জেরার সামনে চন্দন মণ্ডল (Chandan Mondal) ওরফে বাগদার রঞ্জন। শনিবার বেলা ১১টা নাগাদ আইনজীবীদের নিয়ে নিজাম প্যালেসে পৌঁছন তিনি। নিজাম প্যালেসে ঢোকার মুখে এদিন সরাসরি সিবিআইয়ের প্রাক্তন কর্তা উপেন বিশ্বাসের (Upen Biswas) নাম করে তিনি বলেন, ‘কাউকে চাকরি দিইনি। ভোটে উপেন বিশ্বাসকে সাহায্য না করায় আমাকে ফাঁসানো হয়েছে।’

    কী বললেন চন্দন

    ২০২১ সালের ২১ এপ্রিল প্রাক্তন সিবিআই কর্তা তথা বাগদার প্রাক্তন তৃণমূল বিধায়ক উপেন বিশ্বাসের মুখে উঠে আসে চন্দন মণ্ডলের নাম। চন্দনকে ‘বাগদার রঞ্জন’ বলে উল্লেখ করে তিনি বলেন, মোটা টাকার বিনিময়ে বহু মানুষকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে চাকরি পাইয়ে দিয়েছেন চন্দন। এমনকী তাঁর সততার প্রশংসা করে তিনি বলেন, চাকরি না দিতে পারলে টাকা ফেরত দিয়েছেন তিনি। এর পরই আদালতে ওঠে বিষয়টি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চন্দনের বিরুদ্ধে FIR করে সিবিআই। এর পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করা হয়। কিন্তু এতদিন চন্দনকে সামনে আসতে দেখা যায়নি। শনিবার সেই চন্দনই এলেন নিজাম প্যালেসে। বললেন, ‘আমি সহায়তা করতে এসেছি। আমাকে উনি (পড়ুন উপেন বিশ্বাস) ফাঁসানোর চেষ্টা করেছেন। যেহেতু উনি ওখানকার বিধায়ক ছিলেন। নির্বাচনের সময় ওনাকে সাহায্য করিনি তাই।’

    আরও পড়ুুন: ভাঙড়ে শাসক-আইএসএফ সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল তৃণমূল কর্মীর

    টাকা নিয়ে চাকরি দেওয়ার কথা অস্বীকার করলেও এই মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের সঙ্গে যে তাঁর পরিচয় রয়েছে সে কথা স্বীকার করেন চন্দন। কীভাবে চিনলেন প্রসন্নকে? সেই প্রশ্নের উত্তরে চন্দন বলেন, ‘উনি আমার সঙ্গে ব্যবসা করতেন তাই চিনি।’ তবে কী ধরনের ব্যবসা করতেন তাঁরা, সেবিষয়ে খোলসা করেননি ‘রঞ্জন’। এর আগে একবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হন চন্দন। সেদিন তিনি দাবি করেছিলেন, কোনও টাকা তিনি নেননি। কোনও চাকরিও দেননি। তিনি জানান, একজন ভারতীয় নাগরিক হিসাবে তদন্তে সহযোগিতা করতে এসেছেন। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কারা যুক্ত সেব্যাপারে কোনও ধারণা নেই তাঁর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • ISF: আইএসএফের তাণ্ডবের জেরে রণক্ষেত্র ধর্মতলা, বাঁশ নিয়ে তাড়া পুলিশকে  

    ISF: আইএসএফের তাণ্ডবের জেরে রণক্ষেত্র ধর্মতলা, বাঁশ নিয়ে তাড়া পুলিশকে  

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএফের (ISF) তাণ্ডবের জেরে রণক্ষেত্র ধর্মতলা। তৃণমূল (TMC) নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির দাবিতে ধর্মতলায় অবরোধ। অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ (Police)। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল এবং বোতল ছোড়েন আইএসএফ কর্মী-সমর্থকরা। এর পরেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল পাঠায় পুলিশ। অশান্তি থামে শনিবার সন্ধের দিকে।

    আইএসএফ…

    ২১ জানুয়ারি, শনিবার আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার রাতে ভাঙড়ের হাতিশালা এলাকায় পতাকা টাঙাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। এনিয়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ হয় আইএসএফের। দু পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। তার জেরে জখম হন দু পক্ষের কয়েকজন। ইটের ঘায়ে এক তৃণমূল কর্মীর মাথা ফেটেছে বলে অভিযোগ। সংঘর্ষ চলাকালীন আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের পার্টি অফিসে। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গেলে শান্ত হয় পরিস্থিতি।

    শনিবার দুপুরে কলকাতার রানি রাসমণি অ্যাভেনিউতে সভা করে আইএসএফ (ISF)। বক্তৃতা দেন ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি। সভায় আসার আগে তাঁর গাড়িতে তৃণমূলের লোকজন ভাঙচুর করে বলে অভিযোগ। কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে সভায় আসেন নৌসাদ। সভা শেষে আরাবুলের গ্রেফতারির দাবিতে পথ চৌরঙ্গী মোড়ে অবরোধ করেন আইএসএফের কর্মী-সমর্থকরা। অবরোধ তুলে নিতে অনুরোধ করে পুলিশ। তার পরেও কাজ না হওয়ায় অবরোধকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল এবং বোতল বৃষ্টি করতে থাকে বিক্ষোভকারীরা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে আইএসএফ বিধায়ককে প্রিজন ভ্যানে তোলা হলে। বিক্ষোভকারীরা কার্যত তাণ্ডব চালাতে শুরু করেন। লাঠি, বাঁশ নিয়ে পুলিশকে তাড়া করেন তাঁরা। পুলিশের গার্ড রেল ভাঙচুর করা হয়।

    আরও পড়ুুন: ভাঙড়ে শাসক-আইএসএফ সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল তৃণমূল কর্মীর

    পরিস্থিতি সামাল দিতে পদস্থ কর্তাদের নেতৃত্বে আসে পুলিশের বিশাল বাহিনী। তার পরেই ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। পিছু হটেন বিক্ষোভকারীরা (ISF)। তাঁরা চলে যান জওহরলাল নেহরু রোডের দিকে। ঘটনায় জখম হন কয়েকজন। ঘণ্টা দেড়েক ধরে অবরুদ্ধ থাকে ধর্মতলা। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি শান্ত হলে ফের শুরু হয় যান চলাচল। যদিও ধর্মতলার চারমাথার মোড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুতো, জলের বোতল, ইটপাটকেল, লাঠি, বাঁশ। তাণ্ডবের চিহ্ন হিসেবে। ওয়াকিবহাল মহলের মতে, ঘটনাটি পূর্ব পরিকল্পিত। তা যদি না হত, তাহলে সভা করতে এসে ইটপাটকেল, কাচের বোতল, লাঠি, বাঁশই বা বিক্ষোভকারীরা (ISF) পেলেন কোথা থেকে? পুলিশই বা অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতি নেয়নি কেন? সে প্রশ্নও উঠেছে।

       

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     
     
     

     

  • Bengal BJP: পাখির চোখ লোকসভা নির্বাচন, দুর্গাপুরে বিশেষ বৈঠকে বিজেপি

    Bengal BJP: পাখির চোখ লোকসভা নির্বাচন, দুর্গাপুরে বিশেষ বৈঠকে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: পাখির চোখ ২০২৪এর লোকসভা নির্বাচন (Lok Sabha Poll 2024)। বাংলা থেকে পেতে হবে অন্তত ২৫টি আসন। সেজন্য প্রয়োজন সঠিক রণকৌশল। সেই কৌশল ঠিক করতেই দুর্গাপুরে বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি (Bengal BJP)। শুক্র ও শনিবার দু দিন ধরে চলছে ওই বৈঠক। দুর্গাপুরের একটি হোটেলে হচ্ছে ওই বৈঠক। বৃহস্পতিবারই রাজ্যে সভা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার পর হচ্ছে এই বিশেষ বৈঠক। বুথে বুথে কীভাবে সংগঠন তৈরি করা হবে, মূলত তা নিয়েই আলোচনা হওয়ার কথা এই বৈঠকে। বিধায়ক এবং সাংসদদের পাশাপাশি কেন্দ্রের পাঁচ পর্যবেক্ষক এবং রাজ্যের অন্য নেতারাও উপস্থিত রয়েছেন এই বৈঠকে। শুক্রবার হয়েছে দলের পদাধিকারীদের নিয়ে বৈঠক। আজ, শনিবার সকাল থেকে শুরু হয়েছে মূল বৈঠক। এদিনের বৈঠকে প্রতিনিধি রয়েছেন দেড়শোরও বেশি।

    বিজেপি…

    এদিনের বৈঠকে যাওয়ার আগে এক সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে বিজেপির (Bengal BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায়কে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এ রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। ওই দলের দেওয়া রিপোর্ট নিয়েও হয়েছে আলোচনা। সিএএ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর জনসভায় এই আশ্বাস দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওই মঞ্চে দাঁড়িয়েই একই আশ্বাস দিয়েছিলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীও। এদিন তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

    আরও পড়ুুন: ভাটপাড়া থেকে উদ্ধার অসংখ্য বোমা, ম্যাটাডোরে তুলে নিয়ে গেল পুলিশ

    উত্তরবঙ্গের পাশাপাশি বিজেপির (Bengal BJP) নজর রাঢ়বঙ্গের দিকেও। দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম এই পাঁচ জেলার সংগঠনকে নিয়ে আগেও বৈঠক করেছে বিজেপি। এই বর্ধমানের মধ্যেই পড়ে দুর্গাপুর। রাঢ়বঙ্গে ক্রমেই শক্তি বাড়ছে বিজেপির। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই দিন দিন গুরুত্ব বাড়ছে রাঢ়বঙ্গের। বিজেপি সূত্রে খবর, বিশেষ বৈঠকের জন্য দুর্গাপুরকে বেছে নেওয়ার কারণ এর ভৌগোলিক অবস্থান। এই শহরে যাতায়াতের সুবিধার পাশাপাশি রয়েছে অন্ডাল বিমানবন্দর। কেন্দ্রীয় নেতাদের যাতায়াতের সুবিধা বিস্তর। এদিন সুনীল বনসল দিল্লি থেকে বিমানে অন্ডালে এসে যোগ দেন বৈঠকে। তাছাড়া শহরে বিজেপির ভাল ভোটব্যাঙ্ক তৈরি হয়েছে। বিজেপির এক নেতা বলেন, দুর্গাপুরে রাজ্য কর্মসমিতির বৈঠকের আয়োজনের পিছনে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে এই অঞ্চলে শক্তি বৃদ্ধির বিষয়টিও মাথায় রাখা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • Mohan Bhagwat: কলকাতায় নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত

    Mohan Bhagwat: কলকাতায় নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৩ জানুয়ারি কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৬তম জন্ম দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। ওই দিন শহীদ মিনারের পাদদেশে সভা করবেন তিনি। নেতাজির জন্ম দিবসের অনুষ্ঠান সেখানেই পালন করবে আরএসএস। এদিনের সভায় নেতাজির আদর্শ, ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করবেন ডঃ ভাগবত। গোটা রাজ্যের হাজার হাজার স্বেচ্ছা সেবক ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আরএসএস সূত্রে জানা গিয়েছে।  

    গত বুধবার কলকাতা এসে পৌঁছেছেন আরএসএস প্রধান (Mohan Bhagwat)। আগামী ২৩ জানুয়ারি অবধি এই শহরেই থাকবেন তিনি। হাতে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। বৃহস্পতিবার রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন তিনি। এই ছয় দিনের সফরে একদিকে যেমন বেশ কয়েকবার সাংগঠনিক বৈঠক করবেন, তেমনই শহিদ মিনারে জনসভাও করবেন মোহন ভাগবত। আগামী ২৩ জানুয়ারি শহিদ মিনারে জনসভা করবেন সঙ্ঘ প্রধান। নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়েই তাঁর জন্মদিনে জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় রাজ্য বিজেপি নেতারাও উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। শহিদ মিনারে জনসভা করার আগে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও মোহন ভাগবতের দেখা করার কথা রয়েছে। এছাড়া ২০, ২১ ও ২২ জানুয়ারি সংগঠনের কর্মীবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন আরএসএস প্রধান। সূত্রের খবর, মূলত কলকাতা এবং হাওড়ার কর্মীরাই এই বৈঠকে উপস্থিত থাকবেন।

    আরও পড়ুন: ভাটপাড়া থেকে উদ্ধার অসংখ্য বোমা, ম্যাটাডোরে তুলে নিয়ে গেল পুলিশ

    বঙ্গ সফরে নাড্ডাও 

    এদিকে কিছুদিনের মধ্যেই বঙ্গ সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি এবারে মায়াপুর ইসকন মন্দিরেও যাবেন বিজেপি সভাপতি। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই রাজ্যে আসছেন নাড্ডা। চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই ভোটকেই পাখির চোখ করে রাজ্যে পা রাখছেন নাড্ডা- মোহন ভাগবতরা (Mohan Bhagwat)। ইসকন মন্দিরে পুজো দেওয়া থেকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিজেপি সভাপতির। সোম ও মঙ্গল দু’দিন দিল্লিতে বিজের জাতীয় কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের শেষদিনেই দ্বিতীয়বারের জন্য দলের সভাপতি নির্বাচিত হয়েছেন জেপি নাড্ডা। সেজন্য তাঁকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • Kuntal Ghosh: অভিযোগ-পাল্টা অভিযোগ কুন্তল-তাপসের! কী বলছে ইডি?

    Kuntal Ghosh: অভিযোগ-পাল্টা অভিযোগ কুন্তল-তাপসের! কী বলছে ইডি?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুলে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ইডি-র হাতে গ্রেফতার হুগলির যুব তৃণমূল নেতা (TMC Leader) কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)-ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)! তাঁর দাবি, টেট (TET) পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল। পাল্টা তাপস মণ্ডলকে টাকা না দেওয়ায় ষড়যন্ত্র করে তিনি তাঁকে গ্রেফতার করিয়েছেন বলে অভিযোগ করলেন কুন্তল।

    কুন্তলের দাবি

    শনিবার ইডি আধিকারিকদের হাতে গ্রেফতারের পর নিউটাউনের আবাসন থেকে বেরনোর সময় কুন্তল বলেন, ‘‘আমি কোনও টাকা নিইনি। সব তাপস মণ্ডলের ষড়যন্ত্র। তাপস আমার কাছ থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল। সেই ঘুষ দিইনি, সেই জন্যই আমার এই হাল।’’ ইডি সূত্রে খবর, কুন্তলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। শনিবারই কুন্তলকে আদালতে তুলতে চাইছে ইডি। এর আগে তিন দফায় যুব তৃণমূল নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গতকাল, তাঁর নিউটাউনের (Newtown) ফ্ল্য়াটে হানা দেয় ইডি (ED)। 

    তাপসকে ২০১৫-১৬ সাল থেকে চিনতেন বলে জানিয়েছেন কুন্তল। কুন্তলকে জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন তাঁর আইনজীবী পিন্টু কাঁড়ার। গতকাল, তাঁর নিউটাউনের (Newtown) ফ্ল্য়াটে হানা দেয় ইডি (ED)। ডিএলএড কলেজগুলির সংগঠনের সভাপতি তাপস মণ্ডলের (Tapas Mondal) মুখ থেকেই প্রথম কুন্তল ঘোষের (Kuntal Ghosh) নাম শোনেন তদন্তকারী আধিকারিকরা। মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে নিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম থাকায় তাপসকে বারবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। এবার তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর প্রথমেই পাল্টা তোপ দাগলেন তাপসের বিরুদ্ধে।

    আরও পড়ুন: ইডির জালে কুন্তল! কী মিলল চিনার পার্কের ফ্ল্যাট থেকে?

    তাপস যা বললেন

    তাপস মণ্ডল অভিযোগ করেছিলেন, চাকরি দেওয়ার নামে প্রায় ১৯ কোটি ৪৪ লক্ষ টাকা নিয়েছিলেন কুন্তল ঘোষ। যাঁদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, তাঁদের যাতে কুন্তল টাকা ফেরত দেন, সেই অনুরোধও নাকি করেছিলেন তাপস। কিন্তু তা অস্বীকার করেন কুন্তল। এ প্রসঙ্গে তাপস বলছেন, চার্জশিটে নাম আছে বলে তাঁকে ফাঁসাচ্ছেন কুন্তল। তাঁর দাবি, ‘‘কুন্তল সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি কেন ঘুষ নিতে যাব! যে টাকা নিয়েছে, সে টাকা ফেরত চাইব না? চাকরির জন্য যে টাকা কুন্তল আমার ছাত্র এবং পরিচিত লোকেদের কাছ থেকে নিয়েছে, সেই প্রমাণ আমি সিবিআই ও ইডির কাছে দিয়েছি। সেই টাকা ফেরতের জন্য ক্রমাগত চাপ দিয়েছি। বার বার টাকা ফেরত দিতে বলেছি। ওর বাড়িতে যাঁরা ধর্না দিতেন, তাঁরা এসে আমার কাছে বলতেন। দীর্ঘ দিন ধরে টাকা ফেরতের জন্য চাপ তৈরি করেছি। এটা কি অন্যায়?’’ তাপস মণ্ডল বলেন,  “আমি চাই তদন্ত হোক। কুন্তলের ব্যাপারে তথ্য প্রমাণ পেয়েছি বলেই অভিযোগ তুলে ধরেছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share