Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • West Bengal Weather: রাজ্যে শীতের লুকোচুরি খেলা! বড়দিনে ফের বাড়বে তাপমাত্রা?

    West Bengal Weather: রাজ্যে শীতের লুকোচুরি খেলা! বড়দিনে ফের বাড়বে তাপমাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল একধাক্কায় শহর কলকাতার তাপমাত্রা বেড়ে গিয়েছিল সাড়ে তিন ডিগ্রিরও বেশি। কিন্তু আজ ফের তাপমাত্রা সামান্য কমল। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবারের পর থেকে ফের শীতের দাপুটে স্পেল শুরু হতে পারে। চলতি সপ্তাহের শেষেই বড়দিন। তার আগে শীতের আমেজ বজায় থাকলেও কনকনে শীত না পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ শীতের মাঝে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। আর উত্তুরে হাওয়ার প্রভাব কমবে তার ফলেই চড়বে পারদ (West Bengal Weather)।

    কলকাতার আবহাওয়া

    শহরে পারদ ওঠা-নামা জারি রয়েছে। সোমবার তাপমাত্রা বেড়ে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু আজ তা সামান্য কমে দাঁড়িয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। হাওয়া অফিস সূত্রে খবর, সারা দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছিই থাকবে। সকালের আকাশে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিস্কার হবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও আবহবিদরা জানিয়েছেন (West Bengal Weather)।

    ঘূর্ণাবর্তের ফলে চড়বে পারদ

    আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকেই হাওয়া বদল হবে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। এর ফলেই বড়দিনে কার্যত আরও বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা থাকায় শহরবাসীর শীত উপভোগ করা হবে না বড়দিনে। আবহবিদদের মতে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। অন্যদিকে উত্তর পশ্চিমের হাওয়ার গতি কমেছে। ফলে শুক্রবারের পর থেকে রাজ্যে তাপমাত্রা বাড়বে (West Bengal Weather)।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গে ভালোই শীত পড়েছে। ঘন কুয়াশাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে বিশেষত দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাহাড়ে। এছাড়া রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন নেই আগামী কয়েকদিনে (West Bengal Weather)।

    দক্ষিণবঙ্গের উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে। আকাশ মূলত পরিস্কারই থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় শীতের আমেজ থাকবে দিনভর। তবে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জাঁকিয়ে শীত পড়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather)।

  • Anubrata Mondal: অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, অনুমতি রাউস অ্যাভেনিউ আদালতের

    Anubrata Mondal: অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, অনুমতি রাউস অ্যাভেনিউ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আদালতে ধাক্কা খেলেন কেষ্ট মণ্ডল (Anubrata Mondal)। অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সোমবার এমনই নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অনুব্রতর হয়ে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। তবে রাউস অ্যাভিনিউ আদালত সবপক্ষের সওয়াল জবাব শোনার পর এদিন অনুব্রতকে দিল্লি নিয়ে  গিয়ে জেরা করার অনুমতি দিয়েছে। রক্ষাকবচ চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন অনুব্রত। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

    এবার ঠিকানা তিহার জেল? 

    এদিকে হাইকোর্টেও জোর ধাক্কা খেয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরুপাচার মামলায় ইডির আবেদনকেই মান্যতা দেয় আদালত। অনুব্রতর আবেদন খারিজ করে দেন বিচারপতি বিবেক চৌধুরী। আদালত সাফ জানায়, ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে অনুব্রতকে। সিবিআই আসানসোল আদালতের ১১ নভেম্বরের নির্দেশই বহাল রাখল হাইকোর্ট।  

    তাহলে কী সায়গলের মতো অনুব্রতরও ঠিকানা হবে না তিহার জেল? কবে কেষ্টকে নিয়ে যাওয়া হবে দিল্লি? এখন এই প্রশ্নেই উত্তাল রাজ্য রাজনীতি। জেলের নিয়ম অনুযায়ী বিকেল ৫টায় ‘লাস্ট কাউন্টিং’ হয়। এরপর কাউকে জেল থেকে বের করে নিয়ে যাওয়া যাবে না। ফলে আজ অনুব্রতকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যাওয়ার সম্ভাবনা কম। কিছুটা সময় পেলে মঙ্গলবারের মধ্যে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে দিল্লি যাওয়া আটকানোর মরিয়া চেষ্টা করতে পারেন অনুব্রত। 

    আরও পড়ুন: ‘‘মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল’’, বললেন আদ্যান্ত মারাদোনা-ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    ১১ অগাস্ট তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতকে (Anubrata Mondal) গ্রেফতার করেছিল সিবিআই। তার পর ৫ দিন সিবিআইয়ের হেফাজতে ছিলেন তিনি। এর পর থেকে প্রায় ১০০ দিন পেরিয়ে গেলেও মেলেনি জামিন। এর মাঝে আসানসোন জেলে থাকাকালীনই তৃণমূল নেতাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

    গত ১৭ নভেম্বর অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আসানসোলের সংশোধনাগার থেকে ‘শোন অ্যারেস্ট’ করে ইডি। অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়ে দিল্লির বিশেষ আদালতে আর্জিও জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে ইডির এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনুব্রত। সেই আবেদনই খারিজ করে দিয়েছে আদালত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • West Bengal Weather: একধাক্কায় তাপমাত্রা বাড়ল সাড়ে তিন ডিগ্রির বেশি! ফের কবে শীত?

    West Bengal Weather: একধাক্কায় তাপমাত্রা বাড়ল সাড়ে তিন ডিগ্রির বেশি! ফের কবে শীত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পারদ ঊর্ধ্বমুখী। দু’দিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা সাড়ে তিন ডিগ্রির বেশি বেড়ে গেল। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতের আমেজ বজায় থাকবে রাজ্য জুড়ে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। রাজ্য জুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার কাছাকাছি থাকবে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, তাপমাত্রা আগামী দু-তিন দিনে আরও বাড়বে। ফলে শহরবাসীর একটাই প্রশ্ন ফের কবে কনকনে শীত পড়বে?

    ফের কবে শীত?

    ফের কবে শীত আসবে এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে যে, মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে এবং বুধবারের পর সাময়িকভাবে শীতের আমেজ কমবে। কিন্তু শুক্রবারের পর ফের কিছুটা পারদ পতন ঘটবে বলে জানানো হয়েছে। পাশাপাশি এই সপ্তাহের শেষে শীতের আমেজ ফেরার পূর্বাভাস রয়েছে। বড়দিনে শীতের আমেজ নিয়েই আনন্দ করতে পারবেন শহরবাসী, এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।

    কলকাতার আবহাওয়া

    সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল মরশুমের শীতলতম দিন। কিন্তু গত ৪৮ ঘন্টায় একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রির বেশি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিস্কার থাকবে। তবে কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকতে পারে। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২১ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা থাকতে পারে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২১ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জাঁকিয়ে শীত পড়েছে।

  • Hanskhali Rape Compensation: কাজ হল হাইকোর্টের ভর্ৎসনায়, হাঁসখালিকাণ্ডে মিলল ক্ষতিপূরণ

    Hanskhali Rape Compensation: কাজ হল হাইকোর্টের ভর্ৎসনায়, হাঁসখালিকাণ্ডে মিলল ক্ষতিপূরণ

    মাধ্যম নিউজ ডেস্ক: কাজ হল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভর্ৎসনায়। নদিয়ার হাঁসখালিকাণ্ডে (Hanskhali Rape Compensation) নির্যাতিতার পরিবারের হাতে তুলে দেওয়া হল ৫ লক্ষ টাকা। মঙ্গলবার আদালতকে এ কথা জানিয়েছে লিগ্যাল সার্ভিসেস অথরিটি। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে তারা জানিয়েছে, সোমবারই ক্ষতিপূরণ বাবদ হাঁসখালির ওই পরিবারকে ৫ লক্ষ টাকা দিয়েছে তারা। প্রসঙ্গত, ক্ষতিপূরণের টাকা না দেওয়ায় সোমবার লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই মিলল ক্ষতিপূরণ।

    হাঁসখালি…

    হাঁসখালিতে এক তরুণীকে ধর্ষণ করে খুনের মামলায় পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের (Hanskhali Rape Compensation) নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু ক্ষতিপূরণ দেওয়া নিয়ে টালবাহানা করায় বিরক্ত হন প্রধান বিচারপতি। নির্দেশ দেওয়ার পরেও কেন নূন্যতম ক্ষতিপূরণ দেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। মামলা পিছিয়ে দিতে সময় নেওয়ায় লিগ্যাল সার্ভিসেস অথরিটির ভূমিকায় বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি লিল্যাল সার্ভিসেস অথরিটির আইনজীবীকে বলেন, লিগ্যাল সার্ভিস অথরিটিকে আরও দায়িত্বশীল হতে হবে। কিছু অস্পষ্ট শব্দ বলে ব্যাপারটা আড়াল করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, আপনাদের জন্য কত মানুষ ভুগছে। এত গুরুত্বপূর্ণ মামলায় কেন আপনারা ইনস্ট্রাকশন না নিয়ে আসেন? দায়সারাভাবে কাজ হয় না। তাঁর প্রশ্ন, যেখানে নির্দিষ্ট স্কিম রয়েছে, সেখানে আবার আলাদা ইনস্ট্রাকশনের দরকার কী আছে?

    আরও পড়ুন: ‘সমলিঙ্গে বিয়ে সামাজিক বন্ধন ছিন্ন করবে’, সুশীল মোদি

    প্রসঙ্গত, হাঁসখালিতে তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগে মৃতের পরিবারকে এখনও পর্যন্ত নির্দিষ্ট প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ (Hanskhali Rape Compensation) দেয়নি রাজ্য সরকার। এই ইস্যুতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। অথচ ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়া দূরে থাক, শুনানির দিন দীর্ঘায়িত করার আবেদন করে লিগ্যাল সার্ভিসেস অথরিটি। তাই বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিকে, অন্য একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যেখানে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। সেই মামলার শুনানি হবে নতুন বছরের ৩০ জানুয়ারি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter 

  • Primary TET 2022: টেট পরীক্ষায় শাঁখা-পলা পরে ঢুকতে বাঁধা, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

    Primary TET 2022: টেট পরীক্ষায় শাঁখা-পলা পরে ঢুকতে বাঁধা, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট (Primary TET 2022) পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে দাবি করা হয় যে, পরীক্ষা সুষ্ঠুভাবেই হয়েছে। কিন্তু এরই মধ্যে বিবাহিত মহিলাদের শাঁখা-পলা খুলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। এই ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল বিজেপিও। আর এর পরেই এই অভিযোগে পর্ষদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

    টেট পরীক্ষা নিয়ে জনস্বার্থ মামলা

    প্রাথমিক টেট নিয়ে দূর্নীতির তদন্ত এখনও শেষ হয়নি। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ থেকে, স্বজনপোষণ সহ একাধিক অভিযোগে জর্জরিত রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতেই ফের পর্ষদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হল। প্রাথমিক টেট পরীক্ষা কেন্দ্রে হিন্দু মেয়েদের হাত থেকে শাঁখা-পলা খোলানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন মৌমিতা চক্রবর্তী নামে এক চাকরিপ্রার্থী। জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের সাধারণ সম্পাদিকা পারমিতা দে এই বিষয়ে আদালতে প্রশ্ন তুলেছেন যে,  ‘কেন এই কারণে পরীক্ষা দিতে পারলেন না চাকরিপ্রার্থী? তার যে ক্ষতি হল সেটা কে পূরণ করবে?’ মামলাকারীর অভিযোগ সরাসরি পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে।

    আরও পড়ুন: শাঁখা-পলা পরে টেট পরীক্ষায় বসতে বাধা, তীব্র প্রতিক্রিয়া বিজেপি বিধায়কের

    বিজেপি মহিলা মোর্চা কর্মীদের প্রতিবাদ

    শুধুমাত্র এক জায়গা থেকে অভিযোগ উঠে আসেনি। শাঁখা-পলা-নোয়া পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠে আসে একাধিক জেলা থেকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে গেরুয়া শিবির। গত বুধবার এই ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চা কর্মীদের পথে নামতেও দেখা যায় জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরে।

    শাঁখা, পলা খুলে টেট পরীক্ষা দিতে হবে। এই নিয়মের বেড়াজালে টেট পরীক্ষাই দেওয়া হয়নি জলপাইগুড়ির এক গৃহবধূর। জলপাইগুড়ি সেবাগ্রামের গৃহবধূ মৌমিতা চক্রবর্তী জানান, “দীর্ঘদিন বাদে এবারের প্রাথমিকের টেট পরীক্ষা দিয়ে একটা চাকরি পাব আশা করেছিলাম৷ জলপাইগুড়ি দেবনগরের সতীশলাহিড়ি উচ্চবিদ্যালয়ে গিয়েছিলাম। পর্ষদের নিয়ম অনুযায়ী কোনও অলঙ্কার পরে যাওয়া যাবে না। তাই বাড়িতেই সমস্ত সোনার গয়না খুলে পরীক্ষা দিতে গিয়েছিলাম। কিন্তু পরীক্ষা কেন্দ্রের গেটে থাকা পুলিশ কর্মীরা আমার শাঁখা ও পলা খুলতে বলে। আমি খুলতে পারব না জানিয়ে দিই। কারণ বিয়ের পর থেকে আমি শাঁখা পলা হাত থেকে খুলিনি। এবারও খুলতে না পারায় তাই পরীক্ষা কেন্দ্রে না ঢুকতে পেরে বাড়ি চলে আসি।”

    আর এই ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার সমর্থকরা বুধবার ডিবিসি রোডের অফিস থেকে মিছিল করে কোতয়ালি থানার সামনে বিক্ষোভ দেখান। আর এবারে পর্ষদের বিরুদ্ধে জনস্বার্থ মামলাও করা হল। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

  • PM Modi: ফের একবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে পারেন মমতা, কেন জানেন?

    PM Modi: ফের একবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে পারেন মমতা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি দীর্ঘদিন সচেতনভাবে এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)। তবে সম্প্রতি জি ২০ (G20) প্রস্তুতি বৈঠকে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হয়েছিলেন তিনি। তারপর এবার বছর শেষে ফের একবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি বছরের ৩০ ডিসেম্বর কলকাতায় হতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। ওই বৈঠকে যোগ দিতে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওই পরিষদের সভাপতি। সেখানেই ফের একবার মুখোমুখি হতে পারেন মোদি-মমতা। জাতীয় গঙ্গা পরিষদের সদস্য হিসেবে ওই বৈঠকে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    গঙ্গা পরিষদ…

    গঙ্গা পরিষদের সদস্য কেন্দ্রের প্রায় ১০টি মন্ত্রক। এছাড়া যে রাজ্যগুলির ওপর দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা, তারাও ওই পরিষদের সদস্য। রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড ও বিহার। ৩০ তারিখে উচ্চ পর্যায়ের ওই বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। ওই দিন সারাদিন ধরে নানা কর্মসূচি পালিত হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) উপস্থিতিতে আলোচনা যেমন হবে, তেমনি হতে পারে গঙ্গাবক্ষে ক্রুজভ্রমণও। প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে শেষবার গঙ্গা পরিষদের বৈঠক হয়েছিল উত্তর প্রদেশের কানপুরে। ওই বৈঠকে যোগ দেননি মমতা। অনুপস্থিত ছিল ঝাড়খণ্ডও। তবে এবার সম্ভবত ফের একবার মুখোমুখি হতে চলেছেন মোদি-মমতা।

    আরও পড়ুন: আজ শাহী দরবারে শুভেন্দু, সুকান্তরা! দেখা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও

    দুর্নীতির অভিযোগ ওঠায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। ওই টাকা পেতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মমতা। তার পরে জট কাটে। কিছু প্রকল্পের বরাদ্দ রাজ্যকে দেয় কেন্দ্র। এর পর দিল্লিতে হয় জি ২০-র প্রস্তুতি বৈঠক। সেই বৈঠকেও হাজির হন মমতা। সেখানেও মোদির সঙ্গে মুখোমুখি হন তিনি। সম্প্রতি কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূ্র্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘ দিন পরে এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে নবান্নের চোদ্দতলায় হয় একান্তে বৈঠক। তখনও বকেয়া বরাদ্দের প্রসঙ্গ তোলেন মমতা। এবার ফের প্রধানমন্ত্রীর (PM Modi) মুখোমুখি হচ্ছেন তিনি। এখন দেখার, প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার একান্তে বৈঠক হয় কিনা!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bengal BJP: লক্ষ্য পঞ্চায়েত! দিল্লিতে বৈঠকে বঙ্গ বিজেপির নেতারা

    Bengal BJP: লক্ষ্য পঞ্চায়েত! দিল্লিতে বৈঠকে বঙ্গ বিজেপির নেতারা

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই পঞ্চায়েত ভোট(Panchayat Election)। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সাংসদ সুভাষ সরকারের বাড়িতে এই বৈঠকে থাকবেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায় সহ রাজ্যের সব সাংসদরা। থাকবেন শুভেন্দু অধিকারীও। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।

    বৈঠকের বিষয় 

    বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ১৬ জন দলীয় সাংসদের সঙ্গে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বিএল সন্তোষ এবং দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও মঙ্গল পাণ্ডে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র সঙ্গে বৈঠকের কথা রয়েছে শুভেন্দু-সুকান্তর। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে শুভেন্দুদের।  সেই বৈঠকে ১০০ দিনের কাজের পোর্টাল চালুর আবেদন জানানো হতে পারে। প্রকৃত অর্থে ১০০ দিনের কাজ করলে তাদের দ্রুত পারিশ্রমিক প্রদানের আর্জিও জানানো হতে পারে। পাশাপাশি কিষাণ সম্মান নিধির আদলে কৃষকদের হাতে সরাসরি টাকা পৌঁছনোর দাবি,জানানো হতে পারে। বিজেপি রাজ্য সভাপতি বলেন, “কেন্দ্রের পাঠানো টাকা লুঠ করে রাজ্যের অর্থনীতি চলছে।”

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই! পথে চাকরিপ্রার্থীদের মহাজোট

    আমজনতার কাছে কেন্দ্রীয় প্রকল্পকে আরও গ্রহণযোগ্য করে তোলার ব্যাপারেও চলতে পারে আলোচনা। গতবারের জেতা আসন ও জেতার সম্ভাবনা ছিল এমন বুথ কমিটি নিয়ে পর্যালোচনা হতে পারে। পঞ্চায়েত ভোটে সাংসদদের দায়িত্ব বণ্টনের বিষয়ে এদিন বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সাংসদদের নিজের নির্বাচনি এলাকায় প্রচারে নামানো এবং দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া নিশ্চিত করার ভার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তুলে দিতে চলেছেন সাংসদদের ওপর। তবে এই কৌশলে কতদূর কাজ হবে তা নিয়ে সংশয় রয়েছে দলের অন্দরেই। কারণ সংসদীয় দলের সঙ্গে বিজেপির সাংগঠনিক নেতাদের সমন্বয়ের অভাব নিয়ে একাধিকবার চর্চা হয়েছে গেরুয়া শিবিরে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bagtui Massacre: লালন শেখ হত্যা মামলায় এবার মানবাধিকার কমিশন, নির্দেশ কেন্দ্রের

    Bagtui Massacre: লালন শেখ হত্যা মামলায় এবার মানবাধিকার কমিশন, নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: লালনের শেখের (Bagtui Massacre) মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানিতে এ কথা জানিয়েছে কেন্দ্রের তরফের আইনজীবী ধীরাজ ত্রিবেদী। বগটুইকাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত লালনের মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলার রায় ঘোষণা স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।     

    জনস্বার্থ মামলায় হাইকোর্টের (Bagtui Massacre) কাছে দুটি আবেদন করা হয়েছিল। প্রথমত, জনস্বার্থ মামলাটি গ্রহণ করুক হাইকোর্ট। দ্বিতীয়ত, হাই কোর্টের নজরদারিতে লালনের মৃত্যুর তদন্ত করুক সিবিআই। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন, “আপনি কি সমান্তরাল তদন্ত চাইছেন?” তার উত্তরে মামলাকারীর আইনজীবী বলেন, “কোনও কমিশন বা কমিটি গঠন করে ঘটনাটির অনুসন্ধান করা হোক।”

    মামলাকারীর আইনজীবীর বক্তব্য

    মামলাকারীর আইনজীবী (Bagtui Massacre) আদালতের কাছে এই ঘটনাটির তদন্ত করার জন্য কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়ার আবেদন জানান। রাজ্যের হাতে যাতে কোনওভাবেই তদন্তভার না যায়, তা নিশ্চিত করারও অনুরোধ জানান আইনজীবী। বিচারপতি আইনজীবীকে প্রশ্ন করেন, “কোন সংস্থা নিরপেক্ষ?” রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “নতুন করে বিচারপতি নিয়োগ করে ফের তদন্ত করার কোনও প্রয়োজনীয়তা নেই।” হাইকোর্ট সিআইডির হাতেই মামলার তদন্তের ভার দিয়েছে। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছিল আদালত।

    আরও পড়ুন: অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, অনুমতি রাউস অ্যাভেনিউ আদালতের

    কেন্দ্রের আইনজীবী ধীরাজ ত্রিবেদী (Bagtui Massacre) রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “তদন্তের নামে আমাদের অফিসারদের হয়রানি করা হচ্ছে। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে সিআইডি এবং রাজ্য পুলিশের এফআইআর করার পিছনে নির্দিষ্ট কোনও উদ্দেশ্য রয়েছে। মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনাটি সিবিআই নিজেই খতিয়ে দেখছে। শুধুমাত্র লালনের স্ত্রীর দাবির প্রেক্ষিতে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বার বার সিবিআইয়ের সম্মানহানি করতে রাজ্য সচেষ্ট। মৃত্যুর আগে লালনের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের তথ্য জানিয়ে তিনি বলেন, “লালন মানসিক এবং শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মহেশকুমার মিত্তলের নেতৃত্বে একটি কমিটি এই ঘটনাটির তদন্ত করছে। উভয়পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রেখেছে আদালত।”

    সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু (Bagtui Massacre) নিয়ে উত্তাল রাজ্য। তার ওপর লালনের সিল করা বাড়ি থেকে লোপাট হয়েছে একাধিক মূল্যবান সামগ্রী। এমনই অভিযোগ করেছে লালনের পরিবার। সেই সংক্রান্ত বিষয় নিয়েই রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত লালন শেখের স্ত্রী। অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। সূত্রের খবর, লালন শেখের স্ত্রীর দাবি তাঁদের বাড়ি সিবিআই সিল করে দিয়েছিল। ফলে এখন সেই বাড়ি থেকে জিনিসপত্র চুরি গেলে বা হারিয়ে গেলে তার দায় নিতে হবে সিবিআইকেই। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • Justice Abhijit Ganguly: ‘‘এখন নয়, আগে ভাল করে পড়ান’’, শিক্ষক বদলি মামলায় বিচারপতির ধমক আবেদনকারীকে

    Justice Abhijit Ganguly: ‘‘এখন নয়, আগে ভাল করে পড়ান’’, শিক্ষক বদলি মামলায় বিচারপতির ধমক আবেদনকারীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক বদলির মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) প্রশ্নের মুখে মামলাকারী। হাইকোর্টে শিক্ষক বদলির মামলায় ভর্ৎসনা করা হল মামলাকারীকে। এই মামলার শুনানিতে বিচারপতি সাফ জানিয়ে দিলেন, এখন কোনও বদলি হবে না। তিনি বলেন, “শিক্ষকদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার থাকলে, ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। এই আদালত ওই পড়ুয়াদের জন্য চিন্তিত।” তিনি এদিন পড়ুয়াদের শিক্ষার অধিকার ও পড়ানোর মান নিয়ে সরব হন। তিনি আরও জানিয়েছেন যে, শিক্ষক বদলি চাইতেই পারেন, কিন্তু তা নির্ভর করে পড়ুয়াদের উপর। ছাত্র-ছাত্রীদের পড়ায় ক্ষতি করে এই সুবিধা দেওয়া হবে না শিক্ষক-শিক্ষিকাদের।

    মামলাটি কী?

    পুরুলিয়ার ঝালদার ঘোড়াশূল প্রাথমিক স্কুলের এক শিক্ষক বদলি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। সেই মামলা আজ উঠেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) বেঞ্চে। এদিন বিচারপতি ওই স্কুল পরিদর্শনের ইচ্ছেও প্রকাশ করেছেন। তিনি বলেন, “প্রাথমিক স্কুলের পঠনপাঠন দেখতে যাব। যে কোনও একদিন স্কুল দেখতে যাব। আগে ভালো করে পড়াও ছাত্রদের, তারপরে বদলি। এই মুহুর্তে কোনও বদলি হবে না। স্কুলে শুধুমাত্র এখন মিড ডে মিল টুকু দেওয়া হয়।”

    আরও পড়ুন: ‘‘মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল’’, বললেন আদ্যান্ত মারাদোনা-ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    বিচারপতির প্রশ্নের মুখে মামলাকারী

    সোমবার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) প্রশ্ন করেন, ওই স্কুলে কতজন পড়ুয়া রয়েছে? আবেদনকারীর আইনজীবী জানান, পডুয়ার সংখ্যা ৫৬ জন আর শিক্ষক ২ জন। তাতে বিচারপতির মন্তব্য, “এখন ভাল করে ছাত্রদের পড়াতে বলুন। এখন আমি কোনও বদলির নির্দেশ দেব না। বিচারপতি বিশ্বজিৎ বসু এই বদলি মামলায় রাজ্যের স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানতে চেয়েছেন। আমিও তাই চাইছি।”

    সোমবার এই মামলায় নির্দেশ দিয়েছেন, রাজ্যকে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানাতে হবে। তার পরই আদালত বদলির নির্দেশ দেবে। তার আগে কোনও বদলি সংক্রান্ত মামলার নির্দেশ দেবে না এই আদালত। আবার বিচারপতি (Justice Abhijit Ganguly) এই বিষয়ে আরও বলেছেন, “শিক্ষকরা বদলি চাইছেন। তাঁরা বেতন নিচ্ছেন। অন্যান্য সুযোগও পাচ্ছেন। এটা তাঁদের অধিকার। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। তা থেকে তারা যেন বঞ্চিত না হন, তা লক্ষ রাখতে হবে। শুধু বদলি চাইলেই হবে না।” ফলে রাজ্যের তরফে ছাত্র-শিক্ষক অনুপাত হলফনামা দেওয়ার পরই পরবর্তী শুনানির দিনক্ষণ স্থির করা হতে পারে বলে সূত্রের খবর।

  • Amit Shah Mamata Banerjee: নবান্নের চোদ্দতলায় মমতা-শাহ একান্তে বৈঠক, কী আলোচনা হল?

    Amit Shah Mamata Banerjee: নবান্নের চোদ্দতলায় মমতা-শাহ একান্তে বৈঠক, কী আলোচনা হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: নবান্নের চোদ্দতলায় মমতা-শাহ (Amit Shah Mamata Banerjee) বৈঠক। বৈঠক হয় মিনিট পনের ধরে। সূত্রের খবর, শনিবারের বারবেলায় ওই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে একটি স্মারকলিপি তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন প্রকল্পের বাকি টাকা মেটানোর দাবিতে দেওয়া হয় স্মারকলিপিও। এদিন মমতা-শাহ বৈঠকের আগে দুজনে উপস্থিত ছিলেন নবান্ন সভাঘরে, ইস্টার্ন সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে। ওই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মমতা (Mamata Banerjee) বলেন, একশো দিনের কাজের টাকা আমরা কিছুই পাচ্ছি না। এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই ক্ষোভ উগরে দেন মমতা। স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়ে দেন, কীজন্য টাকা আটকে ছিল। তিনি বলেন, আপনাদের নিয়মকানুনে কিছু সমস্যা ছিল। তার জন্যই আপনাদের সমস্যা হচ্ছে। তখনই রাজ্যের মুখ্যসচিব বলেন, আমরা সব পাঠিয়ে দিয়েছি। আমাদের যা ভুলত্রুটি ছিল, সেগুলো ঠিক করে আমরা পাঠিয়ে দিয়েছি। মমতা ফের বলেন, বিষয়টি আপনারা দেখুন।

    শাহি বৈঠক…

    জানা গিয়েছে, এদিন পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পরেই লাঞ্চ করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তা শেষ করেই চলে যান নবান্নের ১৪ তলায়। তার পরেই হয় রুদ্ধদ্বার বৈঠক। তবে এই বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে রা কাড়েননি মমতা কিংবা শাহ কেউই। তবে জানা যাচ্ছে, এক দেশ এক পুলিশ নীতি নিয়ে নয়া বিল আনছে কেন্দ্র। ওই বিল পাশ হলে রাজ্যের অধিকার কিঞ্চিত খর্ব হতে পারে। এই বিষয়েই শাহের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: নবান্নে বৈঠকে মমতা-শাহ, কারণ কি জানেন?

    ইস্টার্ন সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে মমতা ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিহার থেকে উপস্থিত হয়েছিলেন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এদিনের ওই বৈঠকে বিএসএফের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে সরব হয় রাজ্যের শাসক দল। বিএসএফের অতিসক্রিয়তার জেরে নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে বলেও অভিযোগ করে রাজ্য। কোনও কোনও জায়গায় বিএসএফের নিষ্ক্রিয়তার জেরে চোরাচালান হচ্ছে বলেও অভিযোগ করে রাজ্য। মমতা-শাহ বৈঠক প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী বলেন, বিএসএফের ৭২টি আউটপোস্টের জন্য জমি দিচ্ছে না রাজ্য সরকার। শুধু তাই নয়, পুলিশের সঙ্গে বোঝাপড়াটা মজবুত করাটাও প্রয়োজন। তা বলতেই বিশেষ করে মমতার সঙ্গে আলাদা করে কথা হয়েছে, দাবি শুভেন্দুর। বিএসএফকে সবরকমভাবে রাজ্যের সাহায্যের কথাও জানিয়েছেন শাহ, দাবি রাজ্যের বিরোধী দলনেতার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

LinkedIn
Share