Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Suvendu Adhikari: ‘‘৭০ শতাংশ এক হয়েছে, এবার লক্ষ্য ৯০’’, নন্দীগ্রাম নিয়ে বড় ইঙ্গিত শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘৭০ শতাংশ এক হয়েছে, এবার লক্ষ্য ৯০’’, নন্দীগ্রাম নিয়ে বড় ইঙ্গিত শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার হিন্দুত্ব অস্ত্রে শান দিয়ে ফের পশ্চিমবঙ্গের হিন্দুদের সঙ্ঘবদ্ধ হওয়ার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি বিজেপির (BJP) এক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা প্রকাশ্যে বলেছিলেন, ‘জো হামারে সাথ হাম উনকে সাথ’। বর্তমান রাজনৈতিক সমীকরণ যে জায়গায় দাঁড়িয়ে তাতে আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে শুভেন্দুর বক্তব্যই যে দলের লাইন হওয়া উচিত তা পদ্ম শিবিরের অনেকেই ‘গোপন’ কথাবার্তায় মেনে নিয়েছেন।

    কী বললেন শুভেন্দু? (Suvendu Adhikari)

    শুক্রবার সন্ধ্যায় কলকাতার আইসিসিআর হলে এক আলোচনা সভা এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘জো হামারে সাথ হাম উনকে সাথ’ – এই বক্তব্যেই এখনও অনড় রয়েছেন তা স্পষ্ট বুঝিয়ে দিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘আমার বিধানসভা নন্দীগ্রামে এখন ৭০ শতাংশ হিন্দু এক হয়ে গিয়েছে। পরের বিধানসভার আগে ৯০ শতাংশ হিন্দুকে এক করব। সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু, সংখ্যালঘু এক বিশেষ সম্প্রদায়ের শতকরা ৯৫ শতাংশের বেশি মানুষ ভোট বিজেপিকে দেবে না। আমার শ্রম, সময় এবং আবেদনের মূল্য আছে। যে আবেদন করলে আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারব। আমার লক্ষ্যকে কার্যকর করতে পারব, সেই ভোটারদেরই আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। আমি মনে করি আমার যে সনাতনী ভোটব্যাঙ্ক তাঁদেরকে যদি সঙ্ঘবদ্ধ করতে পারি তাহলেই পশ্চিমবঙ্গে একটা সরকার তৈরি হবে যে বিজেপি সরকার মানব ধর্ম পালন করবে। যে সরকারের দুটো চোখ খোলা থাকবে, একটা চোখ বন্ধ থাকবে না।’’

    আরও পড়ুন: ‘‘দুর্নীতির আতুঁড়ঘর আরজি কর, হিমশৈলের চূড়া সবে দেখা যাচ্ছে’’, তোপ বোসের

    প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণের নিরিখে ভোট হয়েছিল বলে বিরোধী দলের নেতারা অভিযোগ করেছিলেন। দীর্ঘদিনের কংগ্রেস সাংসদ ছিলেন অধীর চৌধুরী। এবার লোকসভা ভোটে হেরে তাঁর মুখে ধর্মীয় মেরুকরণের কথা শোনা গিয়েছিল। ভোটের ফল বের হওয়ার পর বহু বুথে বুথভিত্তিক ফলাফলে দেখা যায়, একটি বিশেষ সম্প্রদায়ের ভোট তৃণমূলের দিকে পড়েছে। ধর্মীয় মেরুকরণের কারণে কিছু আসন বিজেপির (BJP) হাতছাড়া হয়েছে বলে গেরুয়া শিবিরের নেতারা স্বীকার করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: ৪৩ প্রতিবাদী ডাক্তারকে বদলির নির্দেশ, ‘আগুনে ঘি ঢালছেন মমতা’, তোপ বিরোধীদের

    RG Kar Incident: ৪৩ প্রতিবাদী ডাক্তারকে বদলির নির্দেশ, ‘আগুনে ঘি ঢালছেন মমতা’, তোপ বিরোধীদের

    মাধ্যম নিউ ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Incident) মুখ পুড়েছে সরকারের। রাজ্যের আইনের শাসন নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। ঘরের মেয়ে-বধূরা রাস্তা নেমে সরব হয়েছেন। রাস্তা-ঘাটে সর্বত্র নিহত চিকিৎসকে নিয়ে আলোচনা চলছে। একইসঙ্গে চর্চা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে। তাঁর এবং তাঁর অনুগামীদের শাস্তির জন্যই রাজ্য তথা দেশজুড়ে সরব হয়েছেন সকলে। পথে নেমে আন্দোলন করছেন চিকিৎসকরা। এই অবস্থায় সন্দীপ ঘোষকে পুরস্কৃত করার চেষ্টা করেছিল তৃণমূল সরকার। আর এখন প্রতিবাদকারী ৪৩ জন চিকিৎসককে বদলি করেছে তৃণমূল সরকার। বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূল সরকারের আন্দোলনকারী চিকিৎসকদের এই মুখ বন্ধ করার জন্য বদলির কৌশলের সিদ্ধান্তে নিন্দায় সরব হয়েছে সকলে। বিরোধীদের দাবি, এসব করে মমতা আখেরে আন্দোলনের আগুনে ঘি ঢালছেন।তাদের বিশ্বাস, এতে আন্দোলন আরও জোরদার হবে।

     একদিনে এই সব বদলির নির্দেশিকা! (RG Kar Incident)

    আরজি কর (RG Kar Incident) আন্দোলনের আবহেই ৪৩ জন চিকিৎসককে বদলির নির্দেশ জারি করল রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। শুক্রবার এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি বিধি মেনে সেই বিজ্ঞপ্তিতে ‘রাজ্যপালের ইচ্ছায় দায়িত্ব’ দেওয়ার বার্তা রয়েছে। জানা গিয়েছে, এর আগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পর পর তিনবার বদলি বাতিল করা হয়েছিল অজানা কারণে। আরজি করে নৃশংসভাবে খুনের ঘটনার পরও সন্দীপ ঘোষকে পুরস্কার হিসেবে ন্যাশনাল মেডিক্যালে বদলি করেছিল তৃণমূল সরকার। কিন্তু, আদালত আর আন্দোলনকারীদের চাপে সেটা সম্ভব হয়নি। তাই নিজেদের ক্ষমতা দেখাতেই সরকার একসঙ্গে প্রতিবাদী ৪৩ জন চিকিৎসকে বদলি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনই অভিযোগ বিরোধীদের। একদিনে এই সব বদলির নির্দেশিকা। ইউনাইটেড ডক্টরস ফোরাম অ্যাসোসিয়েশন এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে। বিজেপি নেতৃত্ব এই পদক্ষেপকে শাস্তিমূলক পদক্ষেপ বলে কড়া সমালোচনা করেছেন।

    আরও পড়ুন: ‘‘দুর্নীতির আতুঁড়ঘর আরজি কর, হিমশৈলের চূড়া সবে দেখা যাচ্ছে’’, তোপ বোসের

    নিন্দায় সরব চিকিৎসক সংগঠন

    চিকিৎসক (Doctor) সংগঠন ‘ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট অ্যাসোসিয়েশন’-এর তরফে বদলির প্রতিবাদ জানানো হয়েছে। এক্স পোস্টে বিবৃতিতে বলা হয়েছে, “বাংলার মুখ্যমন্ত্রী আমাদের প্রতিবাদ সমর্থনকারী সদস্যদের অন্যায়ভাবে বদলি করেছেন। এই শাস্তিমূলক পদক্ষেপ কিন্তু ন্যায়বিচার ও নিরাপত্তার জন্য আমাদের দাবি স্তব্ধ করতে পারবে না। আমরা আমাদের লড়াইয়ে ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ।”

    We strongly condemns @MamataOfficial @BengalGovernor unjust transfer of faculty members who supported our protest.These punitive measures will not silence our demands for justice and security.We stand united and resolute in our fight.@ANI @PTI_News @HMOIndia @PMOIndia @AmitShah pic.twitter.com/Ueklz8P7pb

     

    অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টর্স-এর সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন সব ডাক্তারই এই ঘটনার প্রতিবাদে নেমেছেন। তার মধ্যে কেউ কেউ বেশি সক্রিয়। আমাদের প্রোমোশন আটকে আছে। এই রকম পরিস্থিতি চলছে স্বাস্থ্য ক্ষেত্রে। তার মধ্যে আমাদের বদলির নির্দেশ কেন?”

    ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’

    বাংলায় চিকিৎসক বদলি নিয়ে শনিবার প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব! দলের সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুণেওয়ালা শনিবার সাংবাদিক বৈঠকে বলেন, “আজ যদি হিটলার, স্তালিন, ইন্দিরা গান্ধীর মতো স্বৈরাচারীরা থাকতেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাহবা দিতেন। যে চিকিৎসকেরা আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে হাসপাতালে (RG Kar Incident) মহিলাদের নিরাপত্তার দাবি তুলেছিলেন, তাঁদেরকে বদলি করে দেওয়া হল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NCW: ‘প্রমাণ লোপাটের চেষ্টা স্পষ্ট’, আরজি করকাণ্ডের রিপোর্টে দাবি জাতীয় মহিলা কমিশনের

    NCW: ‘প্রমাণ লোপাটের চেষ্টা স্পষ্ট’, আরজি করকাণ্ডের রিপোর্টে দাবি জাতীয় মহিলা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডের (RG Kar Case) তদন্তে রাজ্যে এলেন জাতীয় মহিলা কমিশনের (NCW) দুই সদস্যের একটি দল। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় বছর একত্রিশের এক চিকিৎসককে। সেই ঘটনারই তদন্তে এসেছে ওই প্রতিনিধি দল। প্রাথমিক যে রিপোর্ট তাঁরা পেশ করেছেন, তাতে নিরাপত্তাহীনতা ও পরিকাঠামোর অভাবের কথা তুলে ধরা হয়েছে।

    কী বলছে কমিশন? (NCW) 

    শুক্রবার কমিশনের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালের যে জায়গায় ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সেখানে হঠাৎ করেই সংস্কার কাজ শুরু হয়েছে। কমিশনের প্রতিনিধি দলের দাবি, হাসপাতালে মহিলা চিকিৎসক, নার্স এবং ইন্টার্নদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল না। ন্যূনতম পরিকাঠামোর ব্যবস্থাও নেই। রিপোর্টে পুলিশের ভূমিকা ও আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পুলিশের উচিত ছিল ঘটনাস্থল অবিলম্বে সিল করা।

    আরও পড়ুন: ‘‘গোটা ডিপার্টমেন্টকেই সন্দেহ করি’’, সিবিআইকে বলেছেন নির্যাতিতার বাবা

    তদন্তে ত্রুটি!

    ইতিমধ্যেই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আটক করেছে সিবিআই। চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। শনিবারও এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। এহেন আবহে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল জানিয়ে দিয়েছে, তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার তদন্তে কিছু ত্রুটি রয়েছে। আরজি কর হাসপাতালে শৌচাগারের অভাব, আলো এবং নিরাপত্তায় ফাঁক রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। সন্দীপকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রেও অসম্পূর্ণতা ছিল বলে দাবি কমিশনের প্রতিনিধি দলের (NCW)। তাই দ্রুত পুঙ্খানুপুঙ্খ তদন্তের আর্জি জানিয়েছে তারা। প্রমাণ লোপাটের অভিযোগও তোলা হয়েছে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কেন মহিলা হস্টেলে মাত্র একটি সিসিটিভি, সে প্রশ্নও তোলা হয়েছে।

    উল্লেখ্য, মহিলা কমিশনের (NCW) এই প্রতিনিধি দলে ছিলেন কমিশনের সদস্য দেলিনা খোন্দগাপ এবং আইনজীবী সোমা চৌধুরী। সোমাকে নিয়োগ করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি (RG Kar Case)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: ‘‘গোল্ড মেডেলিস্ট হতে চাই’’, ডায়েরিতে স্বপ্নের কথা লিখেছিলেন আরজি করের নির্যাতিতা

    RG Kar Incident: ‘‘গোল্ড মেডেলিস্ট হতে চাই’’, ডায়েরিতে স্বপ্নের কথা লিখেছিলেন আরজি করের নির্যাতিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar Incident) মেডিক্যাল কলেজ হাসপাতালের নিহত চিকিৎসক গোল্ড মেডেলিস্ট হতে চেয়েছিলেন। নাইট শিফটে যাওয়ার আগে তাঁর সেই স্বপ্নের কথা ডায়েরিতে লিখে রেখেছিলেন তিনি। সেই অভিশপ্ত রাতেই যে সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে তা তিনি ভাবতেও পারেননি। অথচ সেই অভিশপ্ত রাতের আগে নিজের ডায়েরিতে যা লিখেছিলেন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসক, তা থেকে স্পষ্ট যে তাঁর দু’চোখে অসংখ্য স্বপ্ন ছিল।

    কী বললেন নিহত চিকিৎসকের বাবা? (RG Kar Incident)

    নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, ‘‘আমার মেয়ে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী (RG Kar Incident) ছিল। অত্যন্ত মেধাবী। দিনে ১০-১২ ঘণ্টা পড়াশুনা করত। প্রায় সারাক্ষণই বইয়ে ডুবে থাকত। নিজের স্বপ্নপূরণের জন্য মেয়ে কঠোর পরিশ্রম করত। ডাক্তার হওয়ার যে স্বপ্ন দেখেছিল মেয়ে, সেটা পূরণের জন্য সে প্রচুর পরিশ্রম করেছিল। অভিভাবক হিসেবেও আমরাও অনেক আত্মত্যাগ করেছি। এমডি পরীক্ষায় মেয়ে গোল্ড মেডেলিস্ট হতে চেয়েছিল। সে কথা ডায়েরিতে সে লিখেছিল। কিন্তু, সেই রাতেই সব শেষ হয়ে গেল। আমি আমার মেয়েকে ফিরে পাব না। কিন্তু, আমি সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারি। আর আশাবাদী হতে পারি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে সমর্থন করা হচ্ছে, তা ন্যায়বিচারের জন্য লড়াইয়ের ক্ষেত্রে আমাদের প্রচুর সাহস জোগাচ্ছে।’’

    আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, আরজি কর কাণ্ডে ফের মোমবাতি হাতে রাত দখলে মেয়েরা

    সিবিআইয়ের হাতে খাতা-ডায়েরি

    জানা গিয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে নেমে ডায়েরি হাতে এসেছে সিবিআইয়ের। সেই সঙ্গে একটি খাতাও পেয়েছেন তদন্তকারীরা। সেই ডায়েরি নির্যাতিতার বলেই প্রাথমিক অনুমান সিবিআইয়ের। কী রয়েছে সেই ডায়েরিতে? এখন সেদিকেই নজর গোয়েন্দাদের। জানা গিয়েছে, ওই নির্যাতিতার খাতা ও ডায়েরিতে বেশ কিছু তথ্য লেখা রয়েছে। তবে, সেই ডায়েরি ও খাতায় যে হাতের লেখা রয়েছে তার সঙ্গে ওই নির্যাতিতার হাতের লেখা মিলিয়ে দেখবেন সিবিআইয়ের হ্যান্ড-রাইটিং এক্সপার্টরা। ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম, পরিচয় পেয়েছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, হাসপাতালের প্রশাসনিক বিষয় নিয়ে অনেক কিছুই লেখা রয়েছে ওই ডায়েরি ও খাতায়। এমনটাই সিবিআইয়ের (CBI) তরফ থেকে জানতে পারা যাচ্ছে। তবে সঠিক কী লেখা রয়েছে তা এখনই স্পষ্ট করতে চায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: ‘‘ব্যাটাকে সবার আগে ধরা উচিত’’, আরজি কর কাণ্ডে দাবি শুভেন্দুর, নিশানায় কে?

    RG Kar Incident: ‘‘ব্যাটাকে সবার আগে ধরা উচিত’’, আরজি কর কাণ্ডে দাবি শুভেন্দুর, নিশানায় কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় পতাকা নিয়ে আরজি করে (R G kar Case) হামলা চালিয়েছে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁচাছোলা ভাষায় তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক এদিন নিশানা করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও। 

    সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই

    আরজি কর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার আক্রমণ করেছেন আন্দোলনকারীরা। তাঁকেই আরজি করের একাধিক দুর্নীতির মাস্টারমাইন্ড বলে তোপ দেগেছে চিকিৎসক মহলের বড় অংশ। শুক্রবার তাঁকে রাস্তা থেকে পাকড়াও করে সিবিআই। এদিন, সন্দীপ ঘোষকে নিশানা করে শুভেন্দু বলেন, ‘‘সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। ২০২১ সালে ভালো পা-টাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন ওঁ। একটা সীমাহীন কৃতজ্ঞতা বোধ তো রয়েছে তাঁর।’’

    গোলমাল করেছে অতীন ঘোষের লোকজন!

    মধ্যরাতে আরজি করে হামলা প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে ঘটাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা বিজেপি বা সিপিএমের ছেলেরা করেছে বলে দেখানো হয়েছে। কিন্তু আমি আপনাকে একশোটা নাম ছবি দিয়ে দিতে পারি। অশোকনগর থেকে গুন্ডা এনেছে। নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে। অতীন ঘোষের মিছিলে এরা লিড করছে।’’

    শুভেন্দুর নিশানায় বিনীত গোয়েল (RG Kar Incident)

    এর পরেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বিনীত গোয়েল ব্যাটাকে (RG Kar Case) সবার আগে ধরা উচিত। সব হয়ে যাওয়ার পর রাত দেড়টায় বিনীত গোয়েল এসেছেন। বেরিয়ে গিয়েছেন চারটের পর। ওই বোনটির (নির্যাতিতা) গাড়ি হাওয়া করার কাজ করেছেন বিনীত গোয়েল। বিনীত গোয়েলকে যদি সিবিআই তুলতে পারে এবং চাপ দিতে পারে, সবটা সামনে চলে আসবে।’’

    আরজি কর কাণ্ড (R G kar Case) নিয়ে কী বলছেন স্মৃতি ইরানি?

    আরজি কর কাণ্ডের আঁচ জাতীয় স্তরেও পৌঁছেছে। এনিয়ে সাংবাদিক বৈঠক করেন স্মৃতি ইরানি (Smriti Irani)। কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনিও। স্মৃতি বলেন, ‘‘এই ঘটনার আর কারা জড়িত পুলিশের কাছে যদি তথ্য থাকে, সেই তথ্যের ভিত্তিতে কী তদন্ত করেছে? আর কতজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ? এই বিষয়ের তথ্য তো চিকিৎসকদের কাছে রয়েছে, সাংবাদিকদের কাছেও রয়েছে, নিগৃহীতার বাবা-মা, এমনকি এখন আদালতের কাছেও রয়েছে।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • North 24 Parganas: মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, আরজি কর কাণ্ডে ফের মোমবাতি হাতে রাত দখলে মেয়েরা

    North 24 Parganas: মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, আরজি কর কাণ্ডে ফের মোমবাতি হাতে রাত দখলে মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের (RG Kar Incident) ঘটনা নিয়ে উত্তাল সারা রাজ্য। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। মেয়েরা প্রতিবাদে সামিল হয়েছে। আরজি করের ঘটনার প্রতিবাদ এবং নিজেদের সুরক্ষার দাবিতে ১৪ অগাস্ট রাতে বাংলা জুড়ে পথে নেমেছিলেন মেয়েরা। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) মধ্যমগ্রামে ফের শুক্রবার রাতে হাতে মোমবাতি নিয়ে অবস্থান বিক্ষোভ সামিল হলেন মহিলারা। এদিন মধ্যমগ্রাম চৌমাথায় রাত দশটা থেকে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অসংখ্য মা-বোনেরা।

    মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি (North 24 Parganas)

    এদিন সন্ধ্যার পর থেকেই মধ্যমগ্রাম (North 24 Parganas) ট্র্যাফিক মোড়ে ভিড় জমতে শুরু করে। রাত ৯টা থেকে মধ্যমগ্রাম ও আশপাশের অঞ্চলের নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রথমে তাঁদের প্রতিবাদী শিল্পকলার মাধ্যমে কর্মসূচি শুরু করেন। রাত ১১টার মধ্যে গোটা এলাকা চলে যায় মেয়েদের দখলে। মোমবাতি, মোবাইলের টর্চ জ্বালিয়ে সাধারণ মানুষের উপস্থিতিতে গান, কবিতা আবৃত্তির মাধ্যমে সরব হয় হাজারো প্রতিবাদী কণ্ঠ। মানুষের ভিড়ে রোড কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। মধ্যমগ্রাম ট্র্যাফিক মোড়ে আয়োজিত কর্মসূচিতে মহিলাদের পাশাপাশি অসংখ্য যুবকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মিছিল থেকে একটাই দাবি ওঠে অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি তাঁরা আরও বলেন, একজনের পক্ষে কখনও এই কাজ করা সম্ভব নয়।

    আরও পড়ুন: ‘‘দুর্নীতির আতুঁড়ঘর আরজি কর, হিমশৈলের চূড়া সবে দেখা যাচ্ছে’’, তোপ বোসের

    সকল অভিযুক্তের ডিএনএ পরীক্ষার দাবি

    নিহত চিকিৎসকের (North 24 Parganas) হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে প্রথম কোর্টে যিনি মামলা করেছিলেন, সেই মহিলা আইনজীবী প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে এদিনের এই প্রতিবাদী সভায় দেখা যায়। তিনি বলেন, ‘‘আমরাই সিবিআই চেয়ে কোর্টে মামলা করেছিলাম। আদালতের নির্দেশে সিবিআই ঘটনার তদন্ত করছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন অবিলম্বে শাস্তি পায় এবং সব থেকে আগে চাইব যারা যারা এই ঘটনায় ধরা পড়ছে তাদের যেন ডিএনএ টেস্ট হয়। এই ঘটনাটি একদিনে হতে পারে না। আর এর সঙ্গে আরও অনেকে যুক্ত আছে। আইনগত দিক থেকে যতটা যা করার আমরা তা করব।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: ‘‘গোটা ডিপার্টমেন্টকেই সন্দেহ করি’’, সিবিআইকে বলেছেন নির্যাতিতার বাবা

    RG Kar Incident: ‘‘গোটা ডিপার্টমেন্টকেই সন্দেহ করি’’, সিবিআইকে বলেছেন নির্যাতিতার বাবা

    মাধ্যম নিউজ ডেস্ক: মেয়ের খুনের ঘটনায় জড়িত থাকতে পারেন তাঁরই সহকর্মী চিকিৎসকরা। ডিউটিতে থাকাকালীন রাতে সাত ঘণ্টায় একবারও মেয়েকে কেউ ডাকল না, এটা খুবই অবিশ্বাস্য লাগছে বলে সিবিআইকে জানালেন নির্যাতিতার বাবা। ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে (RG Kar Incident) তদন্তে নেমেছে সিবিআই। কেস ফাইল নিয়ে তাঁরা নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন। তাঁরা সিবিআইকে (CBI) সন্দেহভাজন কয়েকজনের নামও বলেছেন বলে খবর। তাঁদের সঙ্গে কথা বলে সিবিআই অন্তত ৩০ জন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে। 

    কী বললেন নির্যাতিতার বাবা

    সিবিআই সূত্রে খবর, নির্যাতিতার বাবা নাকি নিজের সন্দেহের কথা জানিয়েছেন সিবিআই-কে। মেয়ের খুন এবং নৃশংস ধর্ষণের ঘটনায় (RG Kar Incident) কারা জড়িত থাকতে পারে, তা নিয়ে নাকি তদন্তকারীদের কাছে মুখ খোলেন মৃত চিকিৎসকের বাবা। তিনি নাকি সিবিআই- (CBI) এর কাছে দাবি করেছেন, মেয়ের খুনের ঘটনায় জড়িত থাকতে পারেন তাঁরই সহকর্মী চিকিৎসকরা। ডিউটিতে থাকাকালীন রাতে সাত ঘণ্টায় একবারও তাঁর মেয়েকে কেউ ডাকেনি তাঁর সহকর্মী বা হাসপাতালের কেউ, বিষয়টি অত্যন্ত সন্দেজনক লাগছে। ভোররাত ৩টে থেকে সকাল ১০টা পর্যন্ত কারও তাঁকে ডাকার প্রয়োজন হল না? নির্যাতিতা চিকিৎসকের বাবা নাকি সিবিআই-কে জানিয়েছেন, তাঁর মেয়ে সকালে ৮টা ১০ নাগাদ হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন বাড়ি থেকে। তাঁর ওপিডি-তে ডিউটি ছিল তখন। শেষ বারের মতো রাত ১১টা ১৫ মিনিটে মাকে ফোন করেছিলেন সেই চিকিৎসক। সেই মেয়ের সঙ্গে শেষ বারের মতো কথা বলা তাঁদের। 

    আরও পড়ুন: ট্র্যাকে বোল্ডার! লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২০টি কামরা, নাশকতার ছক?

    সিবিআই-এর সন্দেহের তালিকা

    এই ঘটনায় জড়িত থাকতে পরে এমন ব্যক্তির নাম ধরে ধরে নাকি সিবিআই-কে জানিয়েছেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, ‘‘আমার মেয়ে এমনিতেই হাসপাতালে (RG Kar Incident) সমস্যার সম্মুখীন হত। এই গোটা ডিপার্টমেন্টকেই সন্দেহ করি আমি। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের প্রতি আমার সমর্থন আছে।’’ সিবিআই (CBI) সূত্রে খবর, আরজি কর মেডিক্যাল কলেজে ঘটনার রাতে যে ওয়ার্ড বয়, নার্সিং স্টাফ, বেসরকারি নিরাপত্তারক্ষী, ডিউটিতে ছিলেন, তাঁদের ৯ জনকে তলব করেছে সিবিআই। তাঁদের মধ্যে ২ জন মহিলা। সিবিআই শুক্রবার একটি রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করে। সেই খাতায় ওই রাতে যাঁদের ওই বিল্ডিংয়ে ডিউটি ছিল, সেই অনুযায়ী তলব করা হয়। আরজি কর কাণ্ডে ধৃত কখন কখন ওই বিল্ডিংয়ে ঢুকেছে, কোন পথে গিয়েছে, সেটাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। শুক্রবার সন্ধ্যাতেই সিবিআই দফতরে পৌঁছন আরজি করের কর্মীরা। তাঁদের বয়ান রেকর্ড করা হয় বলে সূত্রের খবর। সূত্রের খবর, সিবিআই তাঁদের কাছে জানতে চায়,  ওই রাতে তাঁরা কে কোথায় ছিলেন। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতের ঘটনাক্রম তৈরি করার চেষ্টা করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজিকর-এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bagdogra Airport: ঢেলে সাজানো হবে বাগডোগরা বিমানবন্দর, বরাদ্দ ১৫৪৯ কোটি, ঘোষণা কেন্দ্রের

    Bagdogra Airport: ঢেলে সাজানো হবে বাগডোগরা বিমানবন্দর, বরাদ্দ ১৫৪৯ কোটি, ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মোদি সরকার। নতুন সিভিল এনক্লেভ নির্মাণে সিলমোহর দিল মোদি ক্যাবিনেট। যাত্রী সংখ্যার কথা মাথায় রেখে বাগডোগরা বিমানবন্দরকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাগডোগরা বিমানবন্দরে নতুন সিভিল এনক্লেভ নির্মাণে ১৫৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

    লক্ষ্য, বছরে এক কোটি যাত্রী পরিবহণ (Bagdogra Airport)

    শুক্রবার কেন্দ্রীয় সরকারের ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির বৈঠক আয়োজিত হয়। ওই কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর ওই বৈঠকেই উত্তর-পূর্ব ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বাগডোগরা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) রানওয়ে সম্প্রসারণ এবং পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১৫৪৯ কোটি টাকার বরাদ্দের কথা ঘোষণা করা হয়। সূত্রের খবর, বিমানবন্দরে তৈরি হবে ৭০ হাজার ৩৯০ স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং। ব্যস্ততম সময়ে তিন হাজার যাত্রী সামলানোর ক্ষমতা থাকবে এই নতুন টার্মিনালের। সেইভাবেই তৈরি করা হচ্ছে এই নতুন অংশকে। মনে করা হচ্ছে, এই সম্প্রসারণের পরে বছরে এক কোটি যাত্রী পরিবহণ করতে পারবে এই নতুন সাজে সেজে ওঠা বাগডোগরা বিমানবন্দর। এ-৩২১ এয়ারক্রাফটের পার্কিংয়ের জন্য দশটি পার্কিং বে নির্মাণ করা হবে বলেও জানা যাচ্ছে। বিমান চলাচলের জন্য দুটি ট্যাক্সিওয়েও তৈরি হবে। এছাড়াও মাল্টি লেভেল পার্কিংয়ের ব্যবস্থা থাকবে সম্প্রসারিত বাগডোগরা বিমানবন্দরে। রানওয়ের সম্প্রসারণ-সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

    <p

    ট্রাভেল অ্যান্ড ট্যুর কর্তৃপক্ষের কী বক্তব্য?

    প্রসঙ্গত, ইতিমধ্যেই বাংলার এই বিমানবন্দরকে (Bagdogra Airport) আন্তর্জাতিক তকমা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে, যে কোনও বিমান সংস্থা আন্তর্জাতিক বিমান চালাতে পারবে বাগডোগরা থেকে। সম্প্রতি রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছিলেন বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী। তারপরই এবার নতুন সিদ্ধান্তে নতুন চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। হিমালয়ান হসপিটাল ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘‘বাগডোগরা বিমানবন্দরে উন্নতির খুব প্রয়োজন ছিল। বাগডোগরা বিমানবন্দর উত্তর-পূর্ব ভারতের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। প্রতি বছর এই বিমানবন্দরের গুরুত্ব বেশি বৃদ্ধি পাচ্ছে। এয়ারপোর্ট অথরিটি এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়ে পদক্ষেপ করায় আমরা খুশি।’’

    আরও পড়ুন: ‘‘দুর্নীতির আতুঁড়ঘর আরজি কর, হিমশৈলের চূড়া সবে দেখা যাচ্ছে’’, তোপ বোসের

    বিজেপি সাংসদ কী বললেন?

    এই বিষয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, ‘‘বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) পরিকাঠামোগত উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই উদ্যোগী ভূমিকা পালন করেছে। যেহেতু বাগডোগরা বিমানবন্দর উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সেই জন্য প্রথম থেকেই পরিকাঠামগত উন্নয়নের খুব প্রয়োজন ছিল। আগামীতে এই বিমানবন্দর আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘ছোট্ট ডাক্তার বোনটির আত্মা কষ্ট পেত’’, রাজভবনে কেন যাননি, জানালেন শুভেন্দু

    Suvendu Adhikari: ‘‘ছোট্ট ডাক্তার বোনটির আত্মা কষ্ট পেত’’, রাজভবনে কেন যাননি, জানালেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের  ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। স্বাধীনতা দিবসে নারী সুরক্ষার দাবিই ছিল রাজ্যজুড়ে। পরোক্ষে এই ঘটনার জন্যই স্বাধীনতা দিবসের চা চক্রে রাজভবনে (Raj Bhawan) দেখা যায়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুক্রবার সেই অনুপস্থিতির কারণ জানালেন শুভেন্দু (Suvendu Adhikari) । 

    কী বললেন বিরোধী দলনেতা

    রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৃহস্পতিবারের সেই চা চক্রে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম প্রমুখ। তবে শুভেন্দু (Suvendu Adhikari) না যাওয়ায় রাজনৈতিক মহলে বাড়ে জল্পনা। শুক্রবার শুভেন্দু সোশ্যাল মিডিয়ায় লিখলেন “স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনের চা চক্রে মাননীয় রাজ্যপাল আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু এদের (উপস্থিতি অতিথি) সঙ্গে দেখা হয়ে হলে আমার ছোট্ট ডাক্তার বোনটির বিদেহী আত্মা হয়তো কষ্ট পেত। তাই আমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি।” চা চক্রের ছবির সঙ্গে আমন্ত্রণপত্রটিও পোস্ট করেছেন শুভেন্দু।

    আরও পড়ুন: ১৯৪৬ সালের ১৬ অগাস্ট! পাশবিক অত্যাচার, গণহত্যার শিকার হয়েছিলেন বাঙালি হিন্দুরা

    রাজভবনের চা-চক্র

    আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় চলছে রাজ্যে। সেই ঘটনার প্রতিবাদে নেমে প্রতিদিন বিভিন্ন এলাকায় জমায়েত চলছে। নির্যাতিতার বিচারের দাবিতে সরব হয়েছে রাজ্য তথা দেশ। তাই বাংলার বিভিন্ন প্রান্তে অন্যান্যবারের মতো এবার স্বাধীনতা দিবস পালন করা হয়নি। তবে রাজভবনে (Raj Bhawan) প্রতিবারের মতো চা-চক্রের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে যাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উল্লেখ্য, ১৫ অগাস্টের চা চক্রে ১০ জনের প্রতিনিধি দলকে নিয়ে রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী অবশ্য পরে জানান, তাঁর রাজভবনে একা যেতে অসুবিধা ছিল তাই প্রতিনিধিদের নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে জলস্পর্শ করেননি। তবে রাজভবন সূত্রে খবর, কমিশনার এবং মেয়রকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি স্বাধীনতা দিবসের চা-চক্রে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Governor CV Bose: ‘‘দুর্নীতির আতুঁড়ঘর আরজি কর, হিমশৈলের চূড়া সবে দেখা যাচ্ছে’’, তোপ বোসের

    Governor CV Bose: ‘‘দুর্নীতির আতুঁড়ঘর আরজি কর, হিমশৈলের চূড়া সবে দেখা যাচ্ছে’’, তোপ বোসের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজিকর হাসপাতালে ধর্ষণ-খুন (RG Kar Rape Murder) এবং তার পরে হামলাকাণ্ডের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Bose)। মমতা, যিনি একইধারে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, তাঁকে ‘‌জেকিল এবং হাইডের’ সঙ্গে তুলনা করলেন।

    ‘দুর্নীতির আঁতুড়ঘর আরজি কর’

    আরজি কর (RG Kar Rape Murder) হাসপাতালকে দুর্নীতির আঁতুড়ঘর বলে শুক্রবারই তোপ দাগলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল বলেন, ‘‘দুর্নিতীর আতুঁড়ঘর আরজি কর, হিমশৈলের চূড়া সবে দেখা যাচ্ছে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমি ওই হাসপাতাল থেকে একাধিক অভিযোগ পেয়েছি।’’ রাজ্যপাল (Governor CV Bose) এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘‘জেকিল এবং হাইডের মতো আচরণ করছেন। আরজি কর হাসপাতালের (RG Kar Rape-Murder) ঘটনায় মুখ্য়মন্ত্রীকে দীর্ঘ চিঠি লিখেছিলাম। পদক্ষেপ করার পরামর্শ দিয়েছিলাম। সংবিধানের ১৬৭ ধারায় রিপোর্টও চেয়েছিলাম। গত পাঁচ বছরে এমন ৩০ চিঠি পাঠিয়েছি। কোনও উত্তর পাইনি। এটা অসাংবিধানিক। মুখ্যমন্ত্রী বলছেন অভিযুক্ত ফাঁসি দাও এবং তারপর বিচার চলুক। মুখ্যমন্ত্রী জেকিল এবং হাইডের মতো আচরণ করছেন।’’

    আরজি করে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে কী বলছেন বোস (Governor CV Bose)

    অন্যদিকে, গত ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যেই ব্যাপক দুষ্কৃতী তাণ্ডব চলে আরজি কর হাসপাতালে (RG Kar Rape-Murder)। ভাঙচুর চালানো হয় হাসপাতালের একাধিক ওয়ার্ডে। জরুরি বিভাগও তাণ্ডব থেকে রেহাই পায়নি। নার্স-ডাক্তারদের ওপরেও হামলা চালানো হয়। পুলিশকে ভয়ে লুকোতে হয়। এনিয়েও মমতা প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল। তাঁর মতে, ‘‘পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এর মোকাবিলা করতে।’’

    তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা? বিস্ফোরক রাজ্যপাল

    তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলেও রাজ্যপাল (Governor CV Bose) বিস্ফোরক অভিযোগ এনেছেন। সংবাদসংস্থা এএনআই–কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্য বলেন, ‘‘আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাই হোক না কেন, তা অত্যন্ত লজ্জাজনক। সাধারণ মানুষ ক্ষুব্ধ। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। ওই তরুণী চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে দাবি করে তদন্তের মোড় ঘোরানোর চেষ্টাও হয়েছে।’’

    পুলিশের তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল

    আরজি কর ইস্যুতে (RG Kar Rape-Murder) পুলিশের তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল (Governor CV Bose)। তাঁর কথায়, ‘‘আমি হাসপাতালে গিয়ে দেখেছি আন্দোলনকারীরা সুবিচারের দাবিতে সরব হয়েছেন। প্রায় প্রত্যেকে তাঁদের পাশে আছে। আমাদের উচিত তাঁরা যাতে সুবিচার পান, সেই ব্যবস্থা করা। এই মামলায় অবশ্যই পুলিশের ব্যর্থতা আছে। মানুষের মনে সন্দেহ জাগছে, কে পুলিশ আর কে চোর? পুলিশ যেভাবে তদন্ত করেছে, তাতে আমি সন্তুষ্ট নই।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share