Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Siliguri: আজ শিলিগুড়িতে নরেন্দ্র মোদি, এগিয়ে এল জনসভার সময়

    Siliguri: আজ শিলিগুড়িতে নরেন্দ্র মোদি, এগিয়ে এল জনসভার সময়

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শনিবার শিলিগুড়িতে (Siliguri) সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি মার্চ মাসে বাংলায় এটা হতে চলেছে প্রধানমন্ত্রীর চতুর্থ সভা। এর আগে আরামবাগ, কৃষ্ণনগর ও বারাসতে সভা করেছেন মোদি। তবে উত্তরবঙ্গে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সভা হতে চলেছে। শনিবার শিলিগুড়ির কাওয়াখালির মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। সেখানকার একাধিক লোকসভার আসনে ইতিমধ্যে প্রার্থীও ঘোষণা করেছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর সভা উত্তরবঙ্গের কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করছে বিজেপি।

    সভার সময় বদল

    শুক্রবার দিনভর চলেছে সভাকে সফল করার প্রস্তুতি। জানা গিয়েছে, প্রথমে বিকেল পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রীর জনসভা হওয়ার কথা থাকলেও, পরবর্তীতে সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, শনিবার বিকেল তিনটেয় বাগডোগরা বিমানবন্দরে (Siliguri) পা রাখবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে সাড়ে তিনটে নাগাদ তিনি সভাস্থলে পৌঁছবেন। প্রথমে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। তারপর জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সভা শেষ করে ফের বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি।

    সরকারি অনুষ্ঠানে কোন কোন প্রকল্পের উদ্বোধন?

    জানা গিয়েছে, এদিন প্রথমে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে শিলিগুড়ি জংশন-রাধিকাপুর ডেমু ট্রেনের উদ্বোধন করবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী রেলের আরও আটটি বিভিন্ন প্রকল্পেরও (Siliguri) উদ্বোধন করবেন। এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী ঘোষপুকুর-ধুপগুড়ি পর্যন্ত চার লেনের রাস্তা এবং ইসলামপুরে জাতীয় সড়কের বাইপাসের উদ্বোধন করবেন। আধ ঘণ্টার এই সরকারি অনুষ্ঠানের পর জনসভা করবেন প্রধানমন্ত্রী।

    কী বলছেন বিজেপি নেতৃত্ব?

    শুক্রবার কাওয়াখালির মাঠ পরিদর্শন করে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা বলেন, ‘‘আগামিকাল প্রধানমন্ত্রী প্রথমেই সরকারি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের ঘোষনা করবেন। যার মধ্যে রেলের নতুন ঘোষণা রয়েছে। শিলিগুড়ি জংশন থেকে রাধিকাপুর পর্যন্ত রেলের ঘোষণা করার কথা তাঁর। এ ছাড়াও সড়ক মন্ত্রকের নতুন প্রকল্পও ঘোষণা করার কথা। এ ভাবেই প্রায় সাড়ে চার হাজার কোটির টাকার আলাদা আলাদা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পর জনসভায় যোগ দেবেন তিনি। কর্মসূচির সময় খানিকটা এগিয়ে আনা হয়েছে। উনি দুপুর ৩টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে (Siliguri) অবতরণ করবেন। সেখান থেকে সড়ক পথে কাওয়াখালি এসে পৌঁছাবেন। জনসভায় প্রায় দু’লক্ষ মানুষের সমাগম আমরা আশা করছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • SSC Scam: নিয়োগ দুর্নীতিতে কী লুকোবেন? এসএসসির চেয়ারম্যানকে ভর্ৎসনা হাইকোর্টের 

    SSC Scam: নিয়োগ দুর্নীতিতে কী লুকোবেন? এসএসসির চেয়ারম্যানকে ভর্ৎসনা হাইকোর্টের 

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির মামলায় (SSC Scam) তদন্তের গতি প্রকৃতি নিয়ে শুক্রবার আদালতের (Calcutta High Court) ভর্ৎসনার মুখে পড়লেন এসএসসির আইনজীবী। এরপরই মামলা থেকে অব্যাহতি চাইলেন এসএসসি আইনজীবী ডক্টর সুতনু পাত্র। শুক্রবার এসএসসি বোর্ডের সমস্ত সদস্যকে তলব করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। দুপুর সাড়ে ১২টার মধ্যে এসএসসির বোর্ডের সদস্যদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। 

    আদালতের পর্যবেক্ষণ

    হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশানুসারে এদিন উপস্থিত ছিলেন এসএসসির (SSC Scam) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং আরও দুই সদস্য। হাইকোর্টের বিশেষ বেঞ্চ বারবার স্কুল সার্ভিস কমিশনের কাছে বেশ কিছু তথ্য় চেয়েছিল। প্রায় দু’সপ্তাহ পার হয়ে যাওয়ার পর আজ আদালতে যখন সেই তথ্য চায়, এসএসসির আইনজীবী বলেন, জায়গাটা ছোট। সবটা ভাল করে লিখতে পারছেন না। বেশ কিছু সমস্যা হচ্ছে ডেটা পেতে। পরবর্তী সময়ে তিনি বলেন, বারবার চাওয়ার পরও এসএসসির অফিসারদের কাছ থেকে তিনি কোনও সহায়তা পাচ্ছেন না। এতে বিচারপতি যথেষ্ট ক্ষুব্ধ হন। বিচারপতি মন্তব্য করেন, ‘কী করা যাবে বলুন। আমরা জানি এই এজলাস ছোট। এসএসসির মত বড় বড় অনেক বাড়ি আমাদের নেই যে একটা বাড়ি থেকে সুপারিশ পত্র দেওয়া হবে, একটি বাড়ি থেকে এসএমএস পাঠানো হবে।’ 

    আরও পড়ুন: তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু, প্রার্থী নিয়ে জল্পনা

    আদালতের প্রশ্ন

    আদালতে (Calcutta High Court) ক্ষুব্ধ বিচারপতির পর্যবেক্ষণ, “প্রতিদিন সময় চাইছেন। কত দিন চলতে পারে এটা? গত মঙ্গলবার থেকে স্কুল সার্ভিস কমিশনের (SSC Scam) কাছে কিছু তথ্য চাওয়া হচ্ছে নাইসার ব্যাপারে।কিন্তু তার উত্তর দিতে পারছেন না আপনি। আপনি তার মানে আদালতকে সহযোগিতা করতে পারছেন না।” একই সঙ্গে বেঞ্চের পর্যবেক্ষণ, “এসএসসির কোনও আধিকারিক তাঁদেরই দেওয়া হলফনামা পড়ে না, আর তাই তথ্যও জানে না! আপনারা কী লুকোতে চাইছেন এবং কেন লুকাতে চাইছেন?” এরপরই এসএসসির আইনজীবী সুতনু পাত্র এই মামলা থেকে অব্যাহতি চান। বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ সঙ্গে সঙ্গে তা গ্রহণ করে। আগামী সোমবার ফের মামলার শুনানি। সেদিন যাবতীয় তথ্য নিয়ে আসতে বলা হয়েছে বিশেষ বেঞ্চের পক্ষ থেকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: নির্দেশ মোদির, ৪২ আসনের লক্ষ্যেই ঝাঁপাবে রাজ্য বিজেপি, ঘোষণা সুকান্তর

    Lok Sabha Election 2024: নির্দেশ মোদির, ৪২ আসনের লক্ষ্যেই ঝাঁপাবে রাজ্য বিজেপি, ঘোষণা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: টার্গেট বদল বঙ্গ বিজেপির! সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় এসে মোদির সেনাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন রাজ্যের ৪২টি আসনের (Lok Sabha Election 2024) মধ্যে ৩৫টি পেতেই হবে। সেই লক্ষ্য পূরণেই ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার বিজেপি নেতারা।

    বঙ্গ বিজেপির নয়া লক্ষ্যমাত্রা (Lok Sabha Election 2024)

    এই লক্ষ্যমাত্রাই এক লাফে বেড়ে হেয়েছে ৪২। নয়া লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন ক্যাপ্টেন নরেন্দ্র মোদি স্বয়ং। তিনি বলেছিলেন, “রাজ্যের ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে।” এই এক মন্ত্রেই হয়েছে বাজিমাত। তার ওপর রয়েছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস রায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি ছেড়ে হাতে তুলে নিয়েছেন পদ্ম ঝান্ডা। এসবও বাড়তি অক্সিজেন জুগিয়েছে বঙ্গ বিজেপিকে। যার জেরে এ রাজ্যে বিজেপি নেতারা আস্তিন গুটিয়ে নেমে পড়েছেন রাজ্যের সবক’টি আসনেই পদ্ম ফোটাতে।

    কী বললেন সুকান্ত?

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে, তাই আমরা ৩৫টি নয়, ৪২টি আসনেই জয়ের লক্ষ্যে এগোচ্ছি।” গত শনিবার কৃষ্ণনগরের সভা শেষে প্রধানমন্ত্রী যখন বিশ্রাম কক্ষে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে দেখা করেছিলেন বঙ্গ বিজেপির দুই কান্ডারি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে প্রায় পনের মিনিট ধরে বৈঠক হয় এই তিন নেতার। বিজেপি সূত্রে খবর, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক বিষয় নিয়ে শুভেন্দু-সুকান্তর কাছে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। রাজ্যের আইনশৃঙ্খলা সহ অন্যান্য সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সুকান্ত-শুভেন্দু।

    আরও পড়ুুন: হামলার দিন শাহজাহানকে তিনি ফোন করেছিলেন, আগেভাগেই স্বীকার তৃণমূল বিধায়কের!

    ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। ১৯৫ জনের এই তালিকায় রয়েছেন বাংলার ২০ জনও। দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও প্রকাশিত হবে অচিরেই। বাংলার যে আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে, সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। শুরু হয়েছে প্রচারও।

    বিচারপতির পদ ছেড়ে আসা অভিজিৎকে তমলুকে প্রার্থী করা হতে পারে ধরে নিয়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন বিজেপির অত্যুৎশাহীরা। বসিরহাটে ক্রিকেটার মহম্মদ শামিকেও প্রার্থী করা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। তৃণমূল থেকে আসা তাপস রায়ও হতে পারেন পদ্ম প্রার্থী। তাই ৩৫ নয়, ৪২টি আসনই গেরুয়া ঝুলিতে পুরতে মরিয়া বঙ্গ বিজেপি (Lok Sabha Election 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: তৃণমূলের ব্রিগেডের দিনই সন্দেশখালিতে সভা শুভেন্দুর, অনুমতি হাইকোর্টের

    Suvendu Adhikari: তৃণমূলের ব্রিগেডের দিনই সন্দেশখালিতে সভা শুভেন্দুর, অনুমতি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের ব্রিগেডের দিনেই অর্থাৎ, ১০ মার্চ সন্দেশখালিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালির পাশে ন্যাজাটের আক্রাতলায় শর্ত সাপেক্ষে ওই সভার আয়োজন করতে হবে। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

    শুভেন্দুকে (Suvendu Adhikari) অনুমতি আদালতের

    আগামী ১০ মার্চ সন্দেশখালিতে সভা করার ডাক দিয়েছিলেন শুভেন্দু । কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এর পরেই সন্দেশখালিতে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুক্রবার বিচারপতি সেনগুপ্তের এজলাসে সেই মামলারই শুনানি ছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ জানিয়েছে, আগামী ১০ মার্চ অর্থাৎ রবিবার সন্দেশখালি গিয়ে সভা করতে পারবেন শুভেন্দু (Suvendu Adhikari)। তবে কোনও ভাবেই উস্কানিমূলক কোনও মন্তব্য করতে পারবেন না। আদালত জানিয়েছে, আগামী ১০ মার্চ ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় সভা করতে পারবেন শুভেন্দু। সন্দেশখালি অশান্ত হয়ে ওঠার পর দু’বার সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন শুভেন্দু। বারবারই তাঁকে বাধা দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে সন্দেশখালি যান তিনি।

    আরও পড়ুন: লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী মহম্মদ শামি? রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা

    রাজ্যকে ধমক হাইকোর্টের

    শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় বাধা দিতে গিয়ে ফের একবার আদালতে ভর্ৎসনার শিকার হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ১০ মার্চ সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সঙ্গে পুলিশ – প্রশাসনকে বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন,‘‘এই মিটিং করতে না দিয়ে আপনারা কাকে রক্ষা করতে চাইছেন? সুন্দরখালিতে কোনও গোলমাল না থাকায় সেখানে কোনও ১৪৪ ধারা ছিল না। কিন্তু মামলা করার আগেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।’’ সভা আটকাতেই এই ১৪৪ ধারা জারি কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।  বিচারপতি সেনগুপ্ত বলেন, নথি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, বিজেপি সভার জন্য আবেদন করার কিছুক্ষণ আগে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্দেশখালিতে গত কয়েক সপ্তাহে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাহলে এমন কী কারণ রয়েছে যে বিজেপির নির্দিষ্ট করা সভাস্থলে সাত তাড়াতাড়ি ১৪৪ ধারা জারি করে দিতে হল? রাজ্যের তরফে উপযুক্ত জবাব না পেয়ে এরপরই বিরোধী দলনেতাকে (Suvendu Adhikari) আগামী ১০ মার্চ সন্দেশখালিতে সভা করার অনুমতি দেয় উচ্চ আদালত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালি মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করুক সিবিআই, নির্দেশ হাইকোর্টের

    Sandeshkhali: সন্দেশখালি মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করুক সিবিআই, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় এবার সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার আর্জি জানানো হল কলকাতা হাইকোর্টে। সিবিআই নাকি পুলিশ, কে দেবে নিরপত্তা? এব্যাপারে হাইকোর্ট ভরসা রাখল সিবিআই-এর ওপরেই। তাদেরই নিরাপত্তা দেওয়ার বিষয়টি দেখতে বলল হাইকোর্ট। শুনানির শুরুতেই পুলিশের ওপর সন্দেশখালির মহিলাদের ভরসা না থাকার বিষয়টি তুলে ধরে উচ্চ আদালত। হাইকোর্ট এদিন প্রশ্ন তোলে, ‘‘রাজ্য পুলিশে আস্থা নেই সন্দেশখালির মহিলাদের। তাহলে তাঁদের নিরাপত্তা কে দেবে?’’ এছাড়াও মামলা বর্তমানে সিবিআইয়ের হাতে, তাই এই মামলার সঙ্গে জড়িত সাক্ষীদের নিরাপত্তার দিকটিও সিবিআইয়ের-ই দেখা উচিত বলেই মনে করেছে কোর্ট। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

    সিবিআই দেবে নিরাপত্তা

    কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবারই জানিয়েছে, বিশেষত যাঁরা সন্দেশখালিতে (Sandeshkhali) থাকেন, তাঁদের জীবন-জীবিকার নিরাপত্তার প্রয়োজন। যেহেতু সিবিআইয়ের হাতে এখন তদন্ত হস্তান্তর করা হয়েছে, তাই সিবিআইকেই এই মামলায় যাঁরা সাক্ষী হিসাবে কোনও বয়ান দিয়েছেন বা কথা বলেছেন, তাঁদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে নির্দিষ্ট আইন ও নির্দেশিকা মেনে।

    কী বললেন প্রধান বিচারপতি?

    এদিন আদালতে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানিয়েছেন, সন্দেশখালির (Sandeshkhali)  প্রায় ৮০ জন আক্রান্ত মহিলা বয়ান দিয়েছেন। প্রধান বিচারপতি প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে লিখিত আবেদন জমা করার নির্দেশ দেন। আদালতবান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, ‘‘তফসিলি জাতি ও উপজাতিদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে শাহজাহানের বিরুদ্ধে।  কিন্তু বিডিও কীভাবে সেই জমি ফেরত দিচ্ছেন?’’ প্রধান বিচারপতি বলেন, ‘‘মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে জমি কেড়ে নেওয়া সংক্রান্ত যে সমস্ত অভিযোগ আসছে সমস্ত কিছু শোনা হবে। কিন্তু তার আগে সব পক্ষকে তাদের বক্তব্য হলফনামা আকারে জানাতে হবে।’’ জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি  ৪ এপ্রিল। এদিন ইডির কৌঁসুলি হাইকোর্টে জানান, রাজ্যকে অনুরোধ করা হচ্ছে বাকি এফআইআর তাদের হস্তান্তর করা হোক। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘‘এখন সন্দেশখালিতে কেউ না গেলেই ভালো হবে।’’

     

    আরও পড়ুুন: “আরও ১০ বছরও প্রধানমন্ত্রী থাকবেন মোদি”, সাফ জানালেন শাহ

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohammad Shami: লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী মহম্মদ শামি? রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা

    Mohammad Shami: লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী মহম্মদ শামি? রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজের সঙ্গেই কি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন মহম্মদ শামি (Mohammad Shami)।  কয়েক মাস আগে দেশের মাটিতে বিশ্বকাপে অবিশ্বাস্য বোলিং করে সবার মন জেতেন শামি। সেই সময়ই শামিকে কাছে টেনে নেন প্রধানমন্ত্রী মোদি। এবার লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাঁকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। গুঞ্জন, সেই প্রস্তাবে হয়তো সাড়া দেবেন ভারতের তারকা পেসার।

    শামিকে প্রস্তাব

    সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, শামি (Mohammad Shami) বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে ভোটে দাঁড়াতে পারেন। এখানে তৃণমূলের গতবারের জয়ী প্রার্থী হলেন নুসরত জাহান। সেক্ষেত্রে তৃণমূল যদি আবার নুসরত জাহানকে প্রার্থী করে, আর বিজেপি-র সঙ্গে শামির কথা চূড়ান্ত হয়, তাহলে বসিরহাটে শামি বনাম নুসরত ম্যাচ দেখা যেতে পারে। শামি আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনও পার্টি জয়েন করেননি। উত্তরপ্রদেশে বাড়ি হলেও, রঞ্জি ট্রফিতে বাংলার হয়েই খেলেন মহম্মদ শামি। তাই ভারতীয় ক্রিকেটারকে পশ্চিমবঙ্গ থেকেই প্রার্থী করা হতে পারে। প্রসঙ্গত, কয়েকমাস আগে মহম্মদ শামি উত্তরাখণ্ডে এক বিজেপি নেতার বাড়ির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। তখনই কথা হয় বলে অনুমান।

    আরও পড়ুন: পুতিন বিরোধী স্বর তোলাই ভুল! বিশ্বখ্যাত দাবাড়ু গ্যারি কাসপারভকে ‘জঙ্গি’ তকমা রাশিয়ার

    অনেকে আবার এখনই শামির (Mohammad Shami) বিজেপিতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন। এর প্রধান দুটি কারণ ৩৩ বছরের শামি-র মধ্যে এখনও বেশ কিছুটা ক্রিকেট বাকি আছে। চোট সারিয়ে শামি-র এখনও অনেক দেশের জার্সিতে ও আইপিএলে ভাল স্পেল উপহার দেওয়ার আছে। এমন সময় রাজনীতিতে যোগ দেওয়ার ঝুঁকিটা হয়তো শামি নেবেন না। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেছেন, অনেকেই বিজেপিতে যোগ দিতে চাইছেন। আগামী কয়েক দিন বেশ কয়েকটি বড় নাম তাদের দলে যোগ দিচ্ছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ED Raids: পার্থ ঘনিষ্ঠ পার্শ্ব শিক্ষকের বাড়ি সহ শহরের ৩ জায়গায় হানা ইডির, এবার কোন মামলায়?

    ED Raids: পার্থ ঘনিষ্ঠ পার্শ্ব শিক্ষকের বাড়ি সহ শহরের ৩ জায়গায় হানা ইডির, এবার কোন মামলায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সকাল থেকে ইডি হানা (ED Raids) চলছে কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায়। এদিন পার্থ ঘনিষ্ঠ এক পার্শ্ব শিক্ষকের বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এদিন ইডি আধিকারিকরা পৌঁছে যান রাজারহাটের কাশীনাথপুরের চন্দন চট্টোপাধ্যায় নামের এক ব্যক্তির বাড়িতে। সেখানে শুরু হয়েছে তল্লাশি (প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ জায়গায় তল্লাশি চলছে)। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা, সিবিআই এবং ইডি।

    রাজারহাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা

    জানা গিয়েছে, রাজারহাটে যাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি (ED Raids), সেই চন্দন চট্টোপাধ্যায় জমি বাড়ির দালালি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এদিন মহিলা জওয়ানদেরও দেখা গিয়েছে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত মধ্যস্থতাকারী প্রসন্ন রায়ের সঙ্গে চন্দন চট্টোপাধ্যায় কোনও যোগাযোগ থাকতে পারে জেনেই এই তল্লাশি চলছে।

    আরও পড়ুন: ফের ৪ শতাংশ ডিএ বাড়াল মোদি সরকার, রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে ৪০ শতাংশ

    নাগেরবাজারে চলছে তল্লাশি

    এর পাশাপাশি, তল্লাশি অভিযান চলছে নাগেরবাজারের ডায়মন্ড সিটি নর্থের একটি ফ্ল্যাটে। সেখানে কমল আগরওয়াল নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। প্রতিবেশীরা বলছেন, যাঁর বাড়িতে তল্লাশি (ED Raids) চালানো হচ্ছে, তিনি অনেক দিন আগেই কমপ্লেক্স ছেড়ে চলে গিয়েছেন।

    পার্শ্ব শিক্ষকের বাড়িতে হানা ইডির 

    নিউটাউনের পাথরঘাটা এলাকায় আবদুল আমিন নামের এক পার্শ্বশিক্ষকের বাড়িতেও এদিন সকালে হানা দিয়েছেন ইডির পাঁচ আধিকারিক। সূত্রের খবর, এই শিক্ষক রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ইডির (ED Raids) পাঁচ সদস্যের তদন্তকারী দল বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছে, রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

    আরও পড়ুন: চাকরির টোপ দিয়ে ‘মানব’ পাচার রাশিয়ায়, চক্রের খোঁজে ভারতজুড়ে সিবিআই তল্লাশি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • DA Hike: ফের ৪ শতাংশ ডিএ বাড়াল মোদি সরকার, রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে ৪০ শতাংশ

    DA Hike: ফের ৪ শতাংশ ডিএ বাড়াল মোদি সরকার, রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে ৪০ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফের সুখবর শোনাল মোদি সরকার। লোকসভা নির্বাচনের আগেই ৪ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা (DA Hike)। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মূল বেতনের ওপর ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এর আগে যা ছিল ৪৬ শতাংশ। শেষবারের মতো মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে। চার মাসের মাথায় ফের তা বাড়ল ৪ শতাংশ। এর পাশাপাশি, এই দিনের ঘোষণার পরে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক হল ৪০ শতাংশ। জানা গিয়েছে, মোদি সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ৪৯ লাখ ১৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৭ লাখ ৯৫ হাজার পেনশন ভোগী। সপ্তম শ্রেণির পে কমিশনের সুপারিশের জেরে বৃদ্ধি পেল এই ভাতা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (DA Hike) পাশাপাশি তাঁদের যাতায়াতের ভাতা, ক্যান্টিনে খাওয়া-দাওয়ার ভাতা, ডেপুটেশন ভাতাও ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

    বৃহস্পতিবার, মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরে ন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে নেওয়া হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই বর্ধিত হারের ডিএ দেওয়ার জন্য রাজকোষ থেকে ১২,৮৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয়। একবার জানুয়ারিতে, আরেকবার জুলাই মাসে।

    বাড়ল উজ্জ্বলা যোজনার ভর্তুকির সময়সীমা

    এদিন মন্ত্রিসভার বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের (DA Hike) এলপিজি গ্যাস সিলিন্ডারে যে ৩০০ টাকা করে ভর্তুকি দেয় সরকার, তার মেয়াদ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই কারণে সরকারের ব্যয় হবে ১২,০০০ কোটি টাকা। এদিন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে উঠে আসে উত্তর-পূর্ব ভারতে শিল্পায়নের কথাও। জানা গিয়েছে, এজন্য  ১০,২৩৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের অনুমোদন করেছে মন্ত্রিসভা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sheikh Shahjahan: ‘বাঘের’ চোখে জল! কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নবাণে কেঁদে ফেললেন শাহজাহান

    Sheikh Shahjahan: ‘বাঘের’ চোখে জল! কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নবাণে কেঁদে ফেললেন শাহজাহান

    মাধ্যম নিউজ ডেস্ক: সিবিআই-এর খাঁচায় কান্না শেখ শাহজাহানের! ইনিই কি সেই দোর্দণ্ডপ্রতাপ নেতা! যার ত্রাসে ভয়ে কাঁটা হয়ে থাকত সন্দেশখালিবাসী! যাকে তার অনুগামীরা বলত ‘বাঘ’! এখন সিবিআইয়ের খাঁচাবন্দি হয়ে সব তেজ প্রায় উবে গিয়েছে শেখ শাহজাহানের। কদিন আগেও, পুলিশের সামনে আদালতে যে ভাবে তাঁকে ঢুকতে দেখা গিয়েছিল, তা নিয়ে কম আলোচনা হয়নি। আজ কোথায় সেই প্রতাপ? কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নবাণে ভয়ে কাঁটা হয়ে গিয়েছেন শাহজাহান (Sheikh Shahjahan)। তাঁকে কটাক্ষও করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    শাহজাহানের চোখে জল

    সিবিআই সূত্রে খবর, কেন্দ্রীয় আধিকারিকরা গতকাল শাহজাহানকে (Sheikh Shahjahan) হেফাজতে পেতেই তাঁর চোখে জল চলে আসে। দু’দিনের টালবাহানা শেষে বুধবার শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) হেফাজতে পেয়েছে সিবিআই (CBI)। গতকাল প্রায় ঘণ্টা দুয়েক ভবানী ভবনে অপেক্ষা করার পর সন্দেশখালির ‘বাঘ’কে হাতে পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, হস্তান্তরের আগে অবধি সন্দেশখালির (Sandeshkhali) নেতা বুঝতে পারেননি তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। সিবিআই তাঁকে নিয়ে যাবে এটা বুঝতে পারার পর কার্যত ভেঙে পড়েন তিনি। 

    খাবার নিয়ে বায়না শাহজাহানের

    সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে গরম ভাত আর ঘি খেতে চেয়েছিলেন শাহজাহান (Sheikh Shahjahan)। অবশ্য শাহজাহানকে ভাত বা ঘি কোনওটাই দেওয়া হয়নি। শাহজাহানের শারীরিক পরীক্ষায় ডায়াবেটিসের ইঙ্গিত মিলেছে। তাই তাঁকে রুটি দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছিল তরকারি। ভাত, ঘি, আলু সেদ্ধর বদলে এক প্রকার বাধ্য হয়ে সেই খাবার খান শাহজাহান। এর আগে গতরাতে নাকি শাহজাহানকে ভাত, ডাল, সব্জি দেওয়া হয়েছিল।

    সিবিআই-এর জেরায় কান্না!

    সিবিআই সূত্রে খবর, গতকাল প্রায় ২ ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ফের জেরা পর্ব শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সন্দেশখালির ‘বাঘ’কে কী কী প্রশ্ন করা হবে তার জন্য ২৫০ প্রশ্নের একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে। ইডির তল্লাশির সময় শাহজাহান (Sheikh Shahjahan) কোথায় ছিলেন? কেন তল্লাশি চালানো যায়নি? তাঁর বাড়ির বাইরে এত লোক কীভাবে জড়ো হল? তাঁর ফোন কেন ব্যস্ত ছিল? তিনি কাকে ফোন করেছিলেন? গোলমাল থামানোর কোনও চেষ্টা কেন করেননি? তল্লাশি চালাতে না পেরে ইডি চলে যাওয়ার পর তিনি কোথায় যান? এতদিন অবধি কোথায় লুকিয়ে ছিলেন? এমনই একাধিক প্রশ্ন করা হবে বলে খবর। একইসঙ্গে মাছের ভেড়ি এবং ব্যবসা নিয়েও শাহজাহানকে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হবে বলে জানা যাচ্ছে। তাঁর কী কী ব্যবসা আছে? কোথায় কোথায় মাছের ভেড়ি আছে? কতদিন ধরে রাজনীতি করছেন? বর্তমান দলের সঙ্গে কতদিন ধরে যুক্ত? কার হাত ধরে যুক্ত হয়েছেন? এরকম শয়ে শয়ে প্রশ্ন রয়েছে। আর তদন্তকারী সংস্থার এই সব প্রশ্নবাণেই নাকি সন্দেশখালির শেখের নয়ন ছলছল করে ওঠে! 

    আরও পড়ুন: নারী দিবসে মহিলাদের অনন্য সম্মান, লিঙ্গভেদ দূর করতে সক্রিয় বিআরও

    শুভেন্দুর কটাক্ষ

    ইডির ওপর হামলার ৫৫ দিনের মাথায় মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় শাহজাহানকে (Sheikh Shahjahan)। তবে গ্রেফতারির পরেও তাঁর শরীরী ভাষায় ফুটে উঠছিল ‘ঔদ্ধত্য’। বিশেষত বসিরহাট আদালতে শাহজাহানের গটগট করে হাঁটা এবং তর্জনী নাড়ার দৃশ্য নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। তবে সিবিআই (CBI) হেফাজতে আসতেই বদলে গেল সেই চিত্র! এ নিয়ে সন্দেশখালির ‘বাঘ’কে ‘নেংটি ইঁদুর’ বলে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন এই বিজেপি (BJP) নেতা। সেখানে ২৯ ফেব্রুয়ারি আদালত চত্বরে শাহজাহানের ‘মেজাজ’ এবং বুধবার সিবিআই হেফাজতে তাঁর মাথা নীচু করে হাঁটার দৃশ্য দেখা গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে আসতেই যেন উধাও হয়ে গিয়েছে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’র ঔদ্ধত্য!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • International Women’s Day: আজ আন্তর্জাতিক নারী দিবস, এই দিনটির বিশেষত্ব জানেন?

    International Women’s Day: আজ আন্তর্জাতিক নারী দিবস, এই দিনটির বিশেষত্ব জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। প্রতিবছর এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) হিসেবে পালিত হয়। এই দিনের মূল উদ্দেশ্য হল, সমাজে পুরুষ এবং নারীর বিভেদকে দূর করা। পুরুষের তুলায় নারীকে করুণার দৃষ্টিতে বা অবহেলিত না দেখে সামাজিক সাম্যের কথাকে প্রাধান্য দেওয়া হয় এই দিনে। প্রত্যেক নারীর অধিকারকে সুরক্ষিত করাই এই নারী দিবসের প্রধান ভাবনা।

    কীভাবে শুরু নারী দিবসের ভাবনা (International Women’s Day)?

    সালটা ১৯০৯। সেই সময় থেকেই সারা বিশ্বে পুরুষতান্ত্রিক সমাজে নারীরা বিশেষ জায়গা তৈরি করতে শুরু করে। আমেরিকার সোশ্যালিস্ট পার্টির ঘোষণার পর রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) সম্পর্কে ঘোষণা হয়। এরপর থেকেই সমাজে নারীদের সমান অধিকার, ভোটের অধিকার এবং বৈষম্যকে দূরীকরণের বিষয়ে নানা স্তরে দাবি-দাওয়া উঠতে শুরু করে। পরে ১৯১১ সালের ৮ মার্চ অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইৎজারল্যান্ডে প্রথম আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। এরপর একই দিন থেকে পালিত হয় সারা বিশ্বে। 

    নারী দিবসের গুরুত্ব

    এই আন্তর্জাতিক নারী দিবসের (International Women’s Day) বিরাট গুরুত্ব রয়েছে। সমাজে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে নারীদের গুরুত্বকে তুলে ধরা হয়ে থাকে। সমাজে নারীরা নিজেদের প্রতিবন্ধকতাকে কীভাবে অতিক্রম করে এগিয়ে চলেছে সেই বিষয়ে আলোকপাত করার একটা প্রয়াস থাকে এই দিনে। শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থিক ক্ষেত্রে বিশেষ ক্ষমতায়ন এবং লিঙ্গবৈষম্য দূরীকরণের কথাও এই দিনে বলা হয়। সর্বত্র ৮ মার্চকে মাথায় রেখে নারীদের নিয়ে নানা রকম সম্মেলন এবং কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। একইসঙ্গে, নারী নির্যাতনের বিষয়কে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সচেতন করার প্রচেষ্টা করা হয়ে থাকে।

    এই বছরের থিম

    আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) প্রতি বছর একটি বিশেষ থিম নিয়ে পালিত হয়। এ বছর এই থিম হল ‘বিনিয়োগে নারী এবং দ্রুত অগ্রগতি।’ অর্থাৎ বিনিয়োগ ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিকে তুলে ধরা হয়েছে। থিমে মূলত অর্থনৈতিক দিকে নারী সমাজের স্বনির্ভরতার বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। ২০২৪ সালের নারী দিবসের প্রচারাভিযানে লিঙ্গ সমতা অর্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তখনই স্বার্থক, যখন এটি নারীদের সামনে থাকা সকল বাধাকে ভেঙে দিতে সক্ষম হবে। সমস্ত চ্যালেঞ্জ উপেক্ষা করে এমন একটি পরিবেশ তৈরি করবে যেখানে সমস্ত নারীকে মর্যাদা ও সম্মান করার ভাবধারাকে সুরক্ষিত রাখবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share