Blog

  • Weather Update:  শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: আষাঢ়ের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও দক্ষিণবঙ্গে (Weather Update) বর্ষার দেখা মেলেনি। গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শনিবারও সকাল থেকেই ঘাম ঝড়ছে শহরবাসীর। একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রির গণ্ডি। তবে এবার স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, শনিবার থেকেই ঝড়বৃষ্টির (Monsoon) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। 

    কবে থেকে বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই শনিবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার বেগ কোথাও কোথাও হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বৃষ্টিপাত চলতে পারে বুধবার পর্যন্ত। যদিও বর্ষা আসতে এখনও একটু দেরি। 

    দক্ষিণে বর্ষার প্রবেশ

    মৌসম ভবনের পূর্বাভাস (Weather Update), আগামী চার-পাঁচ দিনের মধ্যে বর্ষা (Monsoon) আসতে পারে দক্ষিণবঙ্গে। আবহবিদেরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী চার-পাঁচ দিনের মধ্যে ওড়িশা, অন্ধ্র উপকূল, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারের কিছু অংশে অগ্রসর হতে পারে। আগামীকাল অর্থাৎ ১৬ জুন থেকেই এটির অবস্থানে বদল হতে শুরু করবে। ১৭ তারিখ বিকেলের মধ্যে উত্তরের মালদা এবং দুই দিনাজপুর সহ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আনুষ্ঠানিক প্রবেশ ঘটবে বর্ষার। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অর্থাৎ ১৮ থেকে ১৯ জুনের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। প্রথম দিকে অর্থাৎ ২০ বা ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বর্ষা কিছুটা দুর্বল থাকবে। প্রত্যাশার চেয়ে কম বৃষ্টি হবে। কিছুটা বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। তবে সেই আক্ষেপ পূরণ হবে ২২ থেকে ২৭ জুনের মধ্যে। বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণের সব জেলায়। কমবে তাপমাত্রা।

    শহরের তাপমাত্রা

    শুক্রবার শহর কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য বেড়ে ৩০.২ ডিগ্রি হয়েছিল। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। শনিবার দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে কিছুটা বেড়ে ৩৭.৪ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরে ৫৪ শতাংশ। সকালে ৮৫ শতাংশ। দুপুরের পর প্রায় ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছবে।

    আরও পড়ুন: উষ্ণ আলিঙ্গন বাইডেনকে, খালিস্তানি সমস্যার মধ্যেও ট্রুডোর হাতে হাত রেখে সৌজন্য মোদির

    উত্তরে কতদিন ভারী বৃষ্টির শঙ্কা

    দক্ষিণ যখন গরমে কাহিল, তখন অন্য পরিস্থিতি উত্তরবঙ্গে। সেখানে বর্ষা (Monsoon) ঢুকে গিয়েছে জুনের প্রথম সপ্তাহেই। গত কয়েক দিন প্রবল বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে। সেখানে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনাও রয়েছে। টানা বৃষ্টিতে ধস নেমেছে পাহাড়ে। সিকিমে আটকে পড়েছেন পর্যটকেরা। তিস্তার জল ক্রমশ বাড়ছে। এর মাঝে শনিবারও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং— তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই তিন জেলায় ঝড়বৃষ্টির লাল সতর্কতাও জারি করা হয়েছে। পূর্ব থেকে পশ্চিম একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত সেটি আসাম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার ও উত্তরবঙ্গের উপরে। মূলত এর টানেই উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় অতি ভারী এবং নীচের দিকের জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী অন্তত আরও ৫ দিন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: স্কটল্যান্ডকে পাঁচ গোল! ইউরোর প্রথম ম্যাচেই জয় জার্মানির

    UEFA Euro 2024: স্কটল্যান্ডকে পাঁচ গোল! ইউরোর প্রথম ম্যাচেই জয় জার্মানির

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল ইউরো কাপ ২০২৪ (UEFA Euro 2024)। খুব একটা জমকালো না হলেও ছিমছাম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই টুর্নামেন্টের সূচনা হল। তারপরই মাঠে নেমে পড়ল জার্মানি ও স্কটল্যান্ড। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জার্মানরা নিজেদের জাত চেনালো। উদ্বোধনী ম্যাচের শুরুতেই দেশের মাটিতে স্কটল্যান্ডকে অনায়াসে হারিয়ে (Germany Beat Scotland) ইউরো কাপ অভিযান শুরু করল জার্মানি। শুক্রবার মিউনিখে জার্মানরা ৫-১ গোলে হারিয়ে দিল স্কটল্যান্ডকে। এর মধ্যে তিনটি গোল হয়েছে প্রথমার্ধে। তিন তরুণ ফুটবলার গোল করেন জার্মানির হয়ে।  

    ম্যাচের ১০ মিনিটেই প্রথম গোল জার্মানির (UEFA Euro 2024)

    প্রতিপক্ষ হিসাবে স্কটল্যান্ড খুব খারাপ না হলেও জার্মানির সামনে দাঁড়াতে পারল না তারা। জার্মানির হয়ে গোল দিয়েছেন ফ্লোরিয়ান উইর্ৎজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্ৎজ, নিকলাস ফুলক্রুগ এবং এমরে চ্যানের। আর ম্যাচের শেষের দিকে আত্মঘাতী গোল আন্তোনিয়ো রুডিগারের। ম্যাচ শুরুর ১০ মিনিটেই প্রথম গোল করে জার্মানি। তবে খেলায় কিছুতেই ফিরতে পারছিল না স্কটল্যান্ড (Germany Beat Scotland)। উল্টে যত সময় এগচ্ছিল ততই জার্মানির দাপট বাড়ছিল। তাই বিরতির আগেই তৃতীয় গোল করে ফেলে তারা। দ্বিতীয়ার্ধেও ছবিটা পাল্টায়নি। জার্মানির দাপট যত বাড়ছিল, তত কোণঠাসা হয়ে পড়ছিল স্কটল্যান্ড। এরপর খেলার ৬৩ মিনিটে হ্যাভার্ৎজকে তুলে ফুলক্রুগকে নামান জার্মান কোচ ৷ ৬৮ মিনিটে গোল লক্ষ্য করে প্রথম শটেই ব্যবধান ৪-০ করেন ডর্টমুন্ড স্ট্রাইকার৷ ৮৭ মিনিটে আন্তোনিও রুডিগারের আত্মঘাতী গোলে স্কটল্যান্ড ব্যবধান কমালেও খেলার শেষ মুহূর্তে জার্মানির পাঁচ গোলের (Germany Beat Scotland) বৃত্ত সম্পূর্ণ করেন ক্যান৷  

    আরও পড়ুন: অভিষেকের মতো একই জায়গায় ধর্নায় বসতে চান শুভেন্দু! কী নির্দেশ বিচারপতি সিনহার?

    নতুন কোচের কোচিংয়েই ইউরো কাপে দুর্দান্ত জয় জার্মানির 

    আসলে জার্মান ফুটবলের অবনমনটা শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ থেকেই। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তি জার্মানি প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল। এখানেই শেষ নয়। বিশ্বকাপের বেশ কয়েক মাস পর এশিয়ার অন্যতম সেরা শক্তি জাপানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল জার্মানি। সেই ম্যাচেও হার হয়েছিল। একের পর এক খারাপ পারফরম্যান্সের জেরে জার্মান ফুটবলের ইতিহাসে প্রথম বার কোচ ছাঁটাই হয়েছিল। জাপানের কাছে ওই হারের পরই হ্যান্সি ফ্লিককে ছাঁটাই করা হয়। এরপর দীর্ঘসময় হেড কোচ ছিল না জার্মান টিমে। দীর্ঘ গ্যাপের পর জুলিয়েন নাগেলসম্যানকে কোচ নিয়োগ করে জার্মানি। আর তাঁর কোচিংয়েই এবার ইউরো কাপে (UEFA Euro 2024) দুর্দান্ত জয় হয় জার্মানির। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: উষ্ণ আলিঙ্গন বাইডেনকে, খালিস্তানি সমস্যার মধ্যেও ট্রুডোর হাতে হাত রেখে সৌজন্য মোদির

    PM Modi: উষ্ণ আলিঙ্গন বাইডেনকে, খালিস্তানি সমস্যার মধ্যেও ট্রুডোর হাতে হাত রেখে সৌজন্য মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছর সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের পর ফের মুখোমুখি মোদি-ট্রুডো। খলিস্তানি ইস্যুতে সংঘাতের মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে আপাতত বিদেশ মন্ত্রকের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ইটালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে (G7 Summit) যোগ দিয়েছেন মোদি। এখানেই সকলের সঙ্গে খোশ মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী মোদি। পোপ ফ্রান্সিস থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো অনেক রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেন তিনি। 

    ট্রুডো -মোদি সাক্ষাত

    তৃতীয়বার প্রধানমন্ত্রীর (PM Modi) আসনে বসার পর এটাই মোদির প্রথম বিদেশ সফর। ইটালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মেলোনির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে ৫০তম জি-৭ সামিটে যোগ দিয়েছেন তিনি। এই সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে হাত রেখে কথা বলতে দেখা গেল মোদিকে। তবে তার মধ্যে ছিল শীতলতার ছোঁয়া। অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাতের পরে সংশ্লিষ্ট দেশের সঙ্গে ভারতের সম্পর্ক এবং ব্যক্তিগত রসায়ন নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন মোদি। কিন্তু ট্রুডোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী শুধু লেখেন, ‘জি৭ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা হল।’  

    খালিস্তানি ইস্যু নিয়ে বিরোধ

    কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক বিরোধ গত বছরের মাঝামাঝি সময় তীব্র হয়েছে। কানাডার বাসিন্দা খালিস্তানপন্থী হরদীপ সিং গুজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারতের দিকে আঙুল তোলেন সে দেশের প্রধানমন্ত্রী। দেশের সংসদে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টরা যুক্ত। ট্রুডোর এই মন্তব্যের পর দুই দেশই কূটনৈতিক সম্পর্কে রাশ টানে। কানাডা কয়েকজন শীর্ষ স্থানীয় ভারতীয় কূটনীতিককে দেশ থেকে বের করে দেয়। ভারতও নয়াদিল্লিতে অবস্থিত কানাডার দূতাবাসের ৪০ জন অফিসারকে দেশ ছাড়তে বাধ্য করে। দুই দেশই ভিসা প্রদান বন্ধ করে দিলেও পরে তা চালু হয়। নয়াদিল্লির অভিযোগ, কানাডার মাটি ভারত বিরোধী শক্তি ব্যবহার করছে। বিশেষ করে পাঞ্জাবের খলিস্থানপন্থীরা ওই দেশকে আশ্রয় করে গোটা বিশ্বে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তথ্যপ্রমাণ-সহ বলা সত্ত্বেও ট্রুডো সরকার কোনও ব্যবস্থা নেয়নি। 

    মোদি-বাইডেন সাক্ষাৎ

    জি-৭ সম্মেলনের (G7 Summit) মাঝেই শুক্রবার বাইডেনের সঙ্গে দেখা করেন মোদি (PM Modi)। দীর্ঘদিন পর বন্ধুকে দেখে জড়িয়ে ধরেন তিনি। এর পর বৈঠকে বসেন দুজনে। যা নিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সবসময়ই খুব আনন্দের। আগামী দিনে দুদেশের সম্পর্ক আরও মজবুত করতে ও বিশ্বের উন্নতি সাধনে আমরা একযোগে কাজ করব।’ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে হাসিমুখে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকেও।

    প্রযুক্তিকে সৃজনশীল করার আহ্বান

    এদিন  জি-৭ শীর্ষ সম্মেলনের একটি অধিবেশনে সারা বিশ্বের  প্রযুক্তি ক্ষেত্রে একচেটিয়া আধিপত্যের অবসানের কথা বলেন মোদি। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের ভিত্তি স্থাপনের জন্য প্রযুক্তিকে সৃজনশীল করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার ওপরও বিশেষ জোর দেন। মোদি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতীয় কৌশল তৈরি করা প্রথম কয়েকটি দেশের মধ্যে ভারত রয়েছে। শনিবারই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ayodhya Ram Mandir: বোমা মেরে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি জইশের, আঁটসাঁট নিরাপত্তা

    Ayodhya Ram Mandir: বোমা মেরে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি জইশের, আঁটসাঁট নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir)। এমনই হুমকি দিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammad)। অডিও-বার্তা মারফত হুমকি পেয়ে আঁটসাঁট করা হয়েছে মন্দির চত্বরের নিরাপত্তা। সতর্ক রয়েছে নিরাপত্তা সংস্থাগুলি। শুরু হয়েছে তদন্ত। ২০০১ সালে একবার রাম মন্দিরে হামলার হুমকি দিয়েছিল জইশ-ই-মহম্মদ। এতদিন পরে ফের হুমকি-বার্তা।

    হিন্দুত্ব শক্তিকে হুমকি

    চলতি বছরের জানুয়ারি মাসে উদ্বোধন হয় অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir)। তার পর থেকে মাঝেমধ্যেই হুমকি দিচ্ছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন। ২২ জানুয়ারি মন্দির প্রতিষ্ঠার দিন যাঁরা উপস্থিত ছিলেন, সেই হিন্দুত্ব শক্তিকে হুমকি দিয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি (Jaish-e-Mohammad)। একটি হুমকি এসেছিল পলাতক ভারতীয় জঙ্গি ফারহাতুল্লা ঘাউরি, অন্যটি এসেছিল দ্য রেসিস্ট্যান্স ফোর্সের তরফে। দুটিই হুমকি দেওয়া হয়েছিল রামলালার বিগ্রহ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে কেন্দ্র করে। বিগ্রহ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে ‘শয়তানের ঘটনা’ বলে উল্লেখ করেছে ওই জঙ্গি গোষ্ঠী। এটিকে প্রতিশোধের ঘটনা বলেও উল্লেখ করা হয়েছে।

    ভিডিও বার্তা

    রাম মন্দির (Ayodhya Ram Mandir) প্রতিষ্ঠার অনুষ্ঠানের পরে পরেই একটি ভিডিও-বার্তা প্রকাশ করেছিল ঘাউরি। শিরোনাম ছিল ‘রাম মন্দির : ডিক্লারেশন অফ ওয়ার’। বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে একে সে জিহাদ বলেই জানিয়েছিল। ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করা হবে বলেও হুমকি দিয়েছিল সে। ভিডিওতে ঘৌরির কণ্ঠস্বরের পাশাপাশি ছবি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রাক্তন বিজেপি নেত্রী নুপূর শর্মা এবং নবীন কুমার জিন্দলের।

    আরও পড়ুন: “স্পিকার পদে বিজেপি প্রার্থীকেই সমর্থন করবে জেডিইউ”, বললেন ত্যাগী

    প্রফেট মহম্মদকে নিয়ে ২০২২ সালে বিতর্কিত মন্তব্য করেছিলেন নুপূর। ভিডিওটিতে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) ছবি দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল হ্যান্ড গ্রেনেড, ছুরি, সুইসাইড জ্যাকেট, বুলেট, বন্দুক এবং বুলডোজারের ছবিও। ভিডিওটিতে সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয়েছিল। ঘাউরি মুক্তমনা মুসলমানদেরও সমালোচনা করেছিল। জিহাদ পরিত্যাগ করায় সমালোচনা করা হয়েছিল মুক্তমনা পণ্ডিত ফিয়াজ সইদ এবং প্রাক্তন সাংসদ মাহমুদ আশাদ মাদানির (Jaish E Mohammad)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • KC Tyagi: “স্পিকার পদে বিজেপি প্রার্থীকেই সমর্থন করবে জেডিইউ”, বললেন ত্যাগী

    KC Tyagi: “স্পিকার পদে বিজেপি প্রার্থীকেই সমর্থন করবে জেডিইউ”, বললেন ত্যাগী

    মাধ্যম নিউজ ডেস্ক: “লোকসভার স্পিকার পদে বিজেপি প্রার্থীকেই সমর্থন করবে জনতা দল ইউনাইটেড (জেডিইউ) এবং তেলগু দেশম পার্টি (টিডিপি)।” শুক্রবার সাফ জানিয়ে দিলেন জেডিইউ নেতা কেসি ত্যাগী (KC Tyag)। তিনি বলেন, “জেডিইউ এবং টিডিপি এনডিএতেই রয়েছে। স্পিকার পদে বিজেপি যাঁকেই প্রার্থী করবে, আমরা তাঁকেই সমর্থন করব।”

    কী বললেন ত্যাগী? (KC Tyagi)

    গত রবিবারই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এখনও স্পিকার নির্বাচন হয়নি। স্পিকার পদে কাকে বসানো হবে, তা নিয়েই চলছে জল্পনা। এই প্রসঙ্গেই জিজ্ঞাসা করা হয়েছিল ত্যাগীকে। বিজেপির নেতৃত্বেই গঠিত হয়েছে তৃতীয় এনডিএ সরকার। অষ্টাদশ লোকসভা নির্বাচনে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি আসন। এনডিএর সম্মিলিত শক্তি ২৯৩। এমতাবস্থায় স্পিকার পদে যে বিজেপিরই কাউকে বসানো হবে, তা জলের মতো পরিষ্কার। এনডিএর শরিকদলগুলি যে বিজেপির প্রার্থীকেই স্পিকার পদে সমর্থন করবে, এদিন তারই ইঙ্গিত মিলল ত্যাগীর (KC Tyag) কথায়।

    আপের অভিযোগের জবাব

    প্রসঙ্গত, ২৩ জুন বিশেষ অধিবেশন বসছে লোকসভার। ২৬ জুন হবে অষ্টাদশ লোকসভার স্পিকার নির্বাচন। সেই নির্বাচনেই বিজেপির প্রার্থীকে সমর্থন করবে জেডিইউ এবং টিডিপি।প্রত্যাশিতভাবেই এদিনের সাক্ষাৎকারে উঠে আসে নিট-ইউজি রেজাল্ট প্রসঙ্গও। ত্যাগী বলেন, “বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব না।” দিল্লির জলসঙ্কট নিয়ে আম আদমি পার্টির অভিযোগ প্রসঙ্গে ত্যাগী বলেন, “হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং দিল্লির সরকারের উচিত এই ইস্যুটি নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকা। সমস্যা সমাধানের পথ খুঁজতে এক সঙ্গে বসে আলোচনা করা উচিত। কারণ ভোগান্তির শিকার হচ্ছেন দিল্লিবাসী।”

    আরও পড়ুন: জি৭ সম্মেলনে হাজির মোদি, মাক্রঁ-সুনকের সঙ্গে কী আলোচনা হল প্রধানমন্ত্রীর?

    সংসদের বাদল অধিবেশনে পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। ত্যাগীর কথায় উঠে এসেছে বাজেটের প্রসঙ্গও। তিনি (KC Tyag) বলেন, “পার্লামেন্টে এই বিষয়ে সদর্থক আলোচনা হবে। নির্বাচিত সাংসদরা তাঁদের আশা-আকাঙ্খার কথা জানাবেন। তাঁদের লোকসভা কেন্দ্রের ইস্যুগুলিও তুলে ধরবেন।” প্রসঙ্গত, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসবে ২৪ জুন। রাজ্যসভার অধিবেশন বসবে ২৭ জুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Daily Horoscope 15 June 2024: সন্ধ্যাবেলায় সাবধানে গাড়ি চালান

    Daily Horoscope 15 June 2024: সন্ধ্যাবেলায় সাবধানে গাড়ি চালান

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজ শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগের সন্ধান পাবেন।

    ২) ব্যক্তি বা সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা বাতিল করুন।

    ৩) পরিবারের সঙ্গে দিন কাটান।

    বৃষ

    ১) ব্যবসাতে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    ২) লগ্নির জন্য সময় অনুকূল।

    ৩) ভাগ্যের সহায়তা লাভ করবেন।

    মিথুন

    ১) পারিবারিক সম্পত্তি বাড়বে।

    ২) নতুন প্রকল্প শুরুর সুযোগ পাবেন।

    ৩) শারীরিক রোগ নিরাময়ের জন্য চিকিৎসকের পরামর্শ নিন।

    কর্কট

    ১) মা-বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।

    ২) ভাইবোনের সাহায্যে আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    ৩) পরিবারের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন।

    সিংহ

    ১) চোখের সমস্যা হতে পারে।

    ২) এখনই এর চিকিৎসা না-করালে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন।

    ৩) ঋণ নেবেন না, লোকসান হবে।

    কন্যা

    ১) সন্তানের কাছ থেকে আনন্দ সংবাদ পেতে পারেন।

    ২) ধর্মীয় কাজে রুচি বাড়বে।

    ৩) দাম্পত্য জীবন আনন্দে কাটবে।

    তুলা

    ১) প্রেম সম্পর্ক গড়ে উঠবে।

    ২) বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতায় সমস্ত কাজ এক এক করে সম্পন্ন হবে।

    ৩) ছাত্রছাত্রীরা গুরুজনদের আশীর্বাদ লাভ করবেন।

    বৃশ্চিক

    ১) ধৈর্য ধরে ও নিজের প্রতিভার সাহায্যে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন।

    ২) শত্রুদের পরাজিত করতে সফল হবেন।

    ৩) প্রেমীরা ভেবেচিন্তে শব্দ ব্যবহার করুন।

    ধনু

    ১) ব্যবসা সম্প্রসারণ হবে।

    ২) সন্ধ্যাবেলায় সাবধানে গাড়ি চালান।

    ৩) বুদ্ধি, শিক্ষা ও জ্ঞান বৃদ্ধি হবে।

    মকর

    ১) ঋণমুক্তির চেষ্টা সফল হবে।

    ২) কঠিন পরিশ্রম করলে কোনও মূল্যবান বস্তু লাভ করতে পারবেন।

    ৩) ব্যবসায়িক যাত্রার দ্বারা লাভ হবে।

    কুম্ভ

    ১) আজ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করবেন।

    ২) প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় করুন।

    ৩) কর্মক্ষেত্রে কেউ কেউ আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত হবেন।

    মীন

    ১) আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    ২) প্রেমের জন্য দিনটি ভালো নয়।

    ৩) সামাজিক সম্মান পাওয়ায় মনোবল বাড়বে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bird Flu: মালদায় বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুর বাড়িতে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল

    Bird Flu: মালদায় বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুর বাড়িতে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার কালিয়াচকের শেরশাহী মিস্ত্রিপাড়া গ্রামে বার্ড ফ্লুতে (Bird Flu) আক্রান্ত শিশুর বাড়িতে যান স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। পাশাপাশি ওই প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে যান। এলাকা ছাড়ার সময় প্রতিনিধি দলের সদস্যরা বলেন, আমরা শুধু নজরদারি করতেই এসেছিলাম।

    মালদার কালিয়াচকে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল (Bird Flu)

    গত ১২ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করে জানায়, পশ্চিমবঙ্গে দু’জন বার্ড ফ্লু (Bird Flu) আক্রান্ত শিশুর সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে আড়াই বছরের একটি শিশু আছে, যে অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা। বিমানে কলকাতায় ফিরেছিল। দ্বিতীয় শিশুটি মালদার (Malda) কালিয়াচকের। তার বয়স চার বছর। দুজনেই বিরল এইচ নাইন এন টু ভাইরাসে আক্রান্ত। হু’র রিপোর্টে আরও বলা হয়েছিল, কালিয়াচকের শিশুটি বাড়ির পোলট্রি ফার্ম থেকে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়। এরপরই আতঙ্ক ছড়ায় রাজ্যে। শুক্রবার দীপঙ্কর মাঝির নেতৃত্বে তিনজনের এক প্রতিনিধি দল কালিয়াচকে যায়। প্রথমেই দলের সদস্যরা সিলামপুর গ্রামীণ হাসপাতালে যান। সেখানে ব্লক স্বাস্থ্য আধিকারিক-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা করেন। সেখান থেকে তাঁরা যান ওই শিশুর বাড়িতে। যদিও সেখানে ওই শিশুকে দেখতে পাননি বলে দাবি করেছেন তাঁরা।

    আরও পড়ুন: বিজেপির ওপর আস্থায় গোঁসা, শহরের বরাদ্দ বন্ধ করলেন উদয়ন!

    রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলের কর্মকর্তা কী বললেন?

    রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলের পক্ষ থেকে দীপঙ্কর মাঝি বলেন, “এখানে বিভিন্ন রোগের সার্ভিল্যান্স নিয়ে আলোচনা হয়েছে। যে শিশুটি বার্ড ফ্লুতে (Bird Flu) আক্রান্ত হয়েছিল, তাকে নিয়েও আলোচনা হয়েছে। তবে, এই ভাইরাস আর কারও মধ্যে পাওয়া যায়নি। এনিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। যা পদক্ষেপ করার তা করা হয়েছে। কীভাবে নজরদারি চালানো হবে, তা প্রাণী কল্যাণ বিকাশ দফতর সঠিক ভাবে বলতে পারবে।”

    আক্রান্ত শিশুর পরিবারের লোকজন কী বললেন?

    আক্রান্ত শিশুর বাবা বলেন, “পেটে ব্যাথা নিয়ে ছেলেকে মালদা মেডিক্যালে ভর্তি করেছিলাম। কয়েকদিন চিকিৎসার পর ওকে ছেড়েও দেওয়া হয়। বাড়ি ফেরার পর ছেলে ফের অসুস্থ হয়ে যায়। ওকে আবার মালদা মেডিক্যালে নিয়ে যাই। চিকিৎসকরা জানান, ছেলেকে পোকা কামড়েছে। তা থেকে গোটা শরীরে ভাইরাস ছড়িয়ে পড়েছে। ছেলেকে এখান থেকে নীলরতনে রেফার করে দেওয়া হয়। সেখানে দু’মাস ওর চিকিৎসা চলে। জানা যায়, এইচ নাইন এন টু ভাইরাসে আক্রান্ত হয়েছে। সব কিছু বিক্রি করে প্রচুর টাকা ঋণ নিয়ে ছেলের চিকিৎসা করেছি। তাই সরকারের কাছে আমার আবেদন, আমাকে আর্থিক সহায়তা করা হোক। অথবা বিনা পয়সায় অক্সিজেনটুকু দেওয়া হোক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: জি৭ সম্মেলনে হাজির মোদি, মাক্রঁ-সুনকের সঙ্গে কী আলোচনা হল প্রধানমন্ত্রীর?

    PM Modi: জি৭ সম্মেলনে হাজির মোদি, মাক্রঁ-সুনকের সঙ্গে কী আলোচনা হল প্রধানমন্ত্রীর?

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বার প্রধানমন্ত্রী (PM Modi) পদে শপথ নিয়েই প্রথম বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি গিয়েছেন ইটালি, জি৭ সম্মেলনে যোগ দিতে। সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী যে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন, সে খবর জানানো হয়েছিল মাধ্যমের পাঠকদের। শুক্রবার বিশ্বনেতাদের সঙ্গে লাগাতার বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ইটালির আপুলিয়া শহরে বসেছে জি৭ সম্মেলন।

    মাক্রঁ-মোদি বৈঠক (PM Modi)

    এদিন ভারতের প্রধানমন্ত্রী (PM Modi) সাক্ষাৎ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর সঙ্গে। ভারত ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়েই হয়েছে আলোচনা। বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়েও হয়েছে বার্তা বিনিময়। ট্যুইট-বার্তায় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল লেখেন, ‘ইটালির আপুলিয়ায় ৫০তম জি৭ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে পার্শ্ব বৈঠকে যোগ দেন।

    প্রতিরক্ষা, পরমাণু, মহাকাশ, শিক্ষা, জলবায়ু অ্যাকশন, ডিজিটাল পাবলিক ইনফ্রাকস্ট্রাকচার, ক্রিটিক্যাল প্রযুক্তি, কানেকটিভিটি এবং সংস্কৃতি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। তারা বৈশ্বিক এবং আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।’ ২৬ জানুয়ারি ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাক্রঁ। সেই সময় সাক্ষাৎ হয়েছিল মোদি-ম্যাক্রঁর। সেই সময় দ্বিপাক্ষিক সহযোগিতা ও হরাইজন ২০৪৭ এর রোডম্যাপ নিয়েও কথা হয় এই দুই রাষ্ট্রনেতার।

    মোদি-সুনক বৈঠক

    মাক্রঁর পাশাপাশি মোদি পার্শ্ববৈঠক করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার। সুনক-মোদির শেষবারের মতো সাক্ষাৎ হয়েছিল গত সেপ্টেম্বরে, নয়াদিল্লিতে, জি২০ শীর্ষ সম্মেলনে। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার। অষ্টাদশ লোকসভা নির্বাচনে মোদির বিপুল জয়ে তাঁকে অভিনন্দন জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী। ব্রিটেনেও আসন্ন নির্বাচনে ঋষির জয় কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী। এই বৈঠকেও ভারত-ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয় মোদি-ঋষির (PM Modi)।

    আরও পড়ুন: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ বাদল অধিবেশনেই, কবে জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sikkim: যোগাযোগ বিচ্ছিন্ন কালিম্পঙের বহু অংশ, উত্তর সিকিমে আটকে হাজারেরও বেশি পর্যটক

    Sikkim: যোগাযোগ বিচ্ছিন্ন কালিম্পঙের বহু অংশ, উত্তর সিকিমে আটকে হাজারেরও বেশি পর্যটক

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি চলছেই সিকিমে (Sikkim)। ধস নেমে একের পর এক পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন উত্তর সিকিম। লাচুং, চুংথাম, জঙ্গুতে এখনও আটকে রয়েছেন প্রায় ১২০০ পর্যটক। সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। কালিম্পং-এর (Kalimpong) বিভিন্ন অঞ্চল অবরুদ্ধ। ফুঁসছে তিস্তা, রঙ্গীত-সহ ছোট বড় পাহাড়ি নদীগুলি। একটানা বৃষ্টিতে তিস্তার জলস্তর ক্রমশ বাড়ছে। তিস্তাবাজার সংলগ্ন বহু এলাকা জলের তলায়।

    নতুন করে ধস

    শুক্রবার সকালে নতুন করে ধস নামে উত্তর ও দক্ষিণ সিকিমে (Sikkim)। এদিন টুং, দক্ষিণ সিকিমের লিঙ্গসে, লিঙ্গে ও পাইয়ংয়ের মূল রাস্তা এবং কাওখোলা ও সুন্তালে এলাকাতেও ধস নামে। যার ফলে সিংথামের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। মূল সড়ক ধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় আটকে রয়েছে উদ্ধারকাজ। বৃহস্পতিবার রাতে সিকিম থেকে লাচেন যাওয়ার মূল রাস্তার উপর থাকা সাঙ্গেকেলাংয়ের সেতু ভেঙে পড়েছে। ফলে লাচেন সহ অন্যান্য এলাকায় আটকে থাকা পর্যটকদের টুং চেকপোস্ট পর্যন্ত নামিয়ে আনার পর আর নিচের দিকে আনা যায়নি। 

    আকাশপথে পর্যটকদের উদ্ধারের ভাবনা

    এই পরিস্থিতিতে পর্যটকদের গ্যাংটকে (Sikkim) ফেরাতে হলে আকাশপথ ছাড়া আর কোনও উপায় নেই। প্রতিকূল আবহাওয়ার কারণে এয়ারলিফটও করা সম্ভব হচ্ছে না। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ভারতীয় সেনার কাছে সাহায্যের আবেদন জানাতে চলেছে সিকিম প্রশাসন। আবহাওয়া ভাল হলে যাতে পর্যটকদের বিমানে উদ্ধার করা যায়, তার জন্য ইতিমধ্যেই সিকিমের মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন। সিকিম প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, লাচুংয়ে আটকে রয়েছে ১২০০ ভারতীয় পর্যটক। বিদেশি পর্যটকদের মধ্যে রয়েছেন তাইল্যাণ্ড, নেপাল এবং বাংলাদেশের ১৫ জন পর্যটক। সিকিম প্রশাসন জানিয়েছে পর্যটকেরা সকলেই সুরক্ষিত আছেন, এমনকী খাবারও মজুত রয়েছে, তবে কোনও রকম ঝুঁকি নিতে নিষেধ করা হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম বলেন, “নর্থ সিকিমের মঙ্গনের জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে। আটকে থাকা পর্যটকেরা সুরক্ষিত আছেন। রংপোয় পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানায় ট্যুরিস্ট হেল্পডেস্ক খোলা হয়েছে। পর্যটকেরা সীমানায় পৌঁছলে কালিম্পং (Kalimpong) জেলা প্রশাসন পর্যটকদের উদ্ধার করে বাড়ি ফেরাতে প্রস্তুত”।

    বাড়ছে তিস্তার জলস্তর

    সিকিমে (Sikkim) প্রবল বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টির প্রভাব। শুক্রবার কালিম্পংয়ের (Kalimpong) তিস্তাবাজার, মাল্লির প্রতিটি বাড়িতে ঢুকে গিয়েছে তিস্তা নদীর জল । কোথাও কোথাও বাড়ির ভিতরে জমে গিয়েছে পলি। এদিনও কালিম্পং, দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। বড় কোনও গাড়ি চলছে না। ঘুরপথে বিরিকধারা-মংপু-সিটং-তাকদা হয়ে চলছে ছোট গাড়ি। বৃষ্টি আরও বাড়লে উত্তরের সমতলও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিনিয়ত বাড়ছে তিস্তার জলস্তর। এদিন সকালে তিস্তার বাঁধ থেকে ১৭৬৩.৪২ কিউসেক জল ছাড়া হয়েছে, ফলে জলস্তর বেড়েছে তিস্তা নদীর। বিপদের আশঙ্কায় জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় নজরদারি বসিয়েছে পুলিশ। নদীতে নেমে কাঠ সংগ্রহ করতে বারণ করা হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: দলেরই পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কোপ, চলল গুলিও, অভিযুক্ত তৃণমূলের অন্যগোষ্ঠী

    Nadia: দলেরই পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কোপ, চলল গুলিও, অভিযুক্ত তৃণমূলের অন্যগোষ্ঠী

    মাধ্যম নিউজ ডেস্ক: দলেরই পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে। এমনকী গুলি চালানোর অভিযোগও উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) তেহট্ট থানার বিনোদনগর গ্রামে। জখম ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যর নাম লতিফ শেখ। এই ঘটনায় তৃণমূলের দলীয় কোন্দল ফের প্রকাশ্যে চলে এসেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    এমনিতেই তেহট্টের (Nadia) বিনোদনগর গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি লেগেই থাকে। জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট না পেয়ে আক্রান্ত লতিফ শেখ নির্দল প্রার্থী হয়ে পঞ্চায়েতে লড়াই করেছিলেন। ভোটের ফলাফলে দেখা যায় লতিফ শেখ তৃণমূল প্রার্থীকে পরাজিত করে জয়ী হন। এরপর তেহট্টের বিধায়ক তাপস সাহার হাত ধরে পুনরায় তৃণমূলে যোগদান করেন। এরপরেই শুরু হয় ওই এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ছোটখাটো গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকত ওই এলাকায়। শুক্রবার সকালে হঠাৎ  তৃণমূলের ওই সদস্যকে অপর গোষ্ঠীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলোপাথাড়ি কোপ মারে। গুলিও চালায় বলে অভিযোগ। তাঁর সঙ্গে থাকা আরও দুজন কর্মী জখম হন। এরপর ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রা প্রথমে রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে তেহট্ট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই আহত তৃণমূল (Trinamool Congress) কর্মী।

    আরও পড়ুন: বিজেপির ওপর আস্থায় গোঁসা, শহরের বরাদ্দ বন্ধ করলেন উদয়ন!

    আক্রান্ত তৃণমূল কর্মীর প্রতিবেশী কী বললেন?

    অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ। পুলিশ এসে লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করে। পাশাপাশি যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের উদ্দেশ্যেও তদন্ত শুরু করে পুলিশ। যদিও এই ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পঞ্চায়েত সদস্য লতিফ শেখের প্রতিবেশী নারায়ণ সাহা বলেন, “হঠাৎ আমি খবর পাই রক্তাক্ত অবস্থায় লতিফ পড়ে রয়েছে। প্রথমে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে আসি। সকালে কী ঘটনা ঘটেছিল তা আমি জানি না।” ভোট মিটে গেলেও এই গোষ্ঠীদ্বন্দ্ব আবারও নতুন করে অনেকটাই সমস্যায় ফেলেছে রাজ্যের শাসক দলকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share