Blog

  • INDIA Bloc Meet: মমতা-নীতীশদের অনুপস্থিতির জের! শরিক-ঘোঁটে ভেস্তে গেল ইন্ডি-জোটের বৈঠক?

    INDIA Bloc Meet: মমতা-নীতীশদের অনুপস্থিতির জের! শরিক-ঘোঁটে ভেস্তে গেল ইন্ডি-জোটের বৈঠক?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। মাত্র একটি রাজ্যে জয় পেয়ে কোনওভাবে মুখ রক্ষা করেছে গ্র্যান্ড ওল্ড পার্টি। এহেন পরিস্থিতি থেকে উদ্ধারের উপায় কী, তা স্থির করতে ইন্ডি জোটের বৈঠক (I.N.D.I.A Bloc Meet) ডাকা হয়েছিল ৬ ডিসেম্বর, বুধবার। সেই বৈঠকে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব গরহাজির থাকতে পারেন বলে খবর ছড়িয়েছিল। তার পরেই বৈঠক পিছিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। তবে ওই বৈঠক কবে হবে, তা এখনও জানা যায়নি।

    পিছল ইন্ডি জোটের বৈঠক

    তিন রাজ্যে গৈরিক নিশান ওড়ায় ছত্রখান বিরোধী জোট! ইন্ডি জোটের অন্দরে ক্রমেই চওড়া হতে শুরু করেছে ফাটল। সোমবার জোটের অন্যতম অংশীদার তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি ওই বৈঠকে (I.N.D.I.A Bloc Meet) থাকছেন না। এর পর আজ মঙ্গলবার, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও ৬ ডিসেম্বর ইন্ডি জোটের বৈঠকে গরহাজির থাকতে পারেন বলে খবর পান উদ্যোক্তারা। তার পরেই পিছিয়ে দেওয়া হয় বৈঠক। নতুন বছরের মার্চ-এপ্রিলে হওয়ার কথা লোকসভা নির্বাচন। বিজেপির দিল্লির তখতে ফেরা রুখতে ইন্ডি জোট গড়ে পদ্ম-বিরোধী ২৬টি রাজনৈতিক দল। শুরু থেকেই অশান্তির চোরাস্রোত বইছে ইন্ডির অন্দরে। সময়ের সঙ্গে সঙ্গে ধরেছে ফাটল। সম্প্রতি চওড়া হয়েছে সেই ফাটল।

    জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন

    রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে কংগ্রেসকে গোহারা হারিয়ে গৈরিক নিশান উড়িয়েছে বিজেপি। ভোটে হারের কারণ বিশ্লেষণ করে পরবর্তী রণনীতি আলোচনা করতে বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বৈঠক হবে বলে জানা গিয়েছিল। এখন তিন দলের প্রধান উপস্থিত থাকবেন না জেনে পিছিয়ে দেওয়া হয়েছে বৈঠক (I.N.D.I.A Bloc Meet)। সোমবারই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি কোনও আমন্ত্রণ পাননি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জানিয়েছেন, বৈঠকে যাচ্ছেন না তিনি। গরহাজির থাকছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। প্রত্যাশিতভাবেই ইন্ডি জোটের ভবিষ্যৎ নিয়েই উঠছে প্রশ্ন। 

    আরও পড়ুুন: ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠে’র দিনেই প্রাইমারি টেট! ক্ষোভ জমছে পরীক্ষার্থীদের মধ্যেও

    তিন রাজ্যে কংগ্রেস কুপোকাত হতেই হারের দায় ঝাড়তে উঠেপড়ে লেগেছেন ইন্ডি জোটের নেতাদের একাংশ। মমতা সাফ জানিয়ে দিয়েছেন, “এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়। আসন সমঝোতা হলে এই ফল হত না।” ইন্ডি জোটের (I.N.D.I.A Bloc Meet) আর এক শরিক কাশ্মীরের ওমর আবদুল্লা বলেন, “রাজ্যগুলির নির্বাচনে ইন্ডি জোটের যা অবস্থা, ভবিষ্যতেও যদি একই রকম চলতে থাকে, তাহলে আমরা নিজেদের বাঁচাতে পারব না।” তিনি বলেন, “মধ্যপ্রদেশের পরিস্থিতি বুঝতে পারেনি কংগ্রেস।” রাজনৈতিক মহলের মতে, ইন্ডি জোটের প্রধান শক্তি কংগ্রেস। কারণ একমাত্র এই দলটিরই অস্তিত্ব রয়েছে গোটা দেশে। সেই কংগ্রেসকেও দুষছেন জেডিইউ মুখপাত্র কেসি ত্যাগী। তিনি বলেন, “এটা কংগ্রেসের পরাজয়। ওরা জোটের কোনও দলের সঙ্গে যোগাযোগ করেনি, সাহায্য চায়নি। ওরা নিজেদের ক্ষমতায় বিজেপিকে হারানোর চেষ্টা করেছিল। যা আসলে ছিল দিবাস্বপ্ন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jalpaiguri: সারের কালোবাজারির পর এবার ভেজাল আলুবীজের রমরমা! মাথায় হাত চাষিদের

    Jalpaiguri: সারের কালোবাজারির পর এবার ভেজাল আলুবীজের রমরমা! মাথায় হাত চাষিদের

    মাধ্যম নিউজ ডেস্ক: জলপাইগুড়ি (Jalpaiguri) জেলাজুড়ে এতদিন সারের কালোবাজারিতে চাষিরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। বস্তায় যে দাম লেখা থাকত, তার দ্বিগুণ দামে চাষিরা সার কিনতে বাধ্য হয়েছিলেন। প্রশাসনের তৎপতায় কিছুটা লাগাম টানা সম্ভব হয়েছে। সারের কালোবাজারির জের মিটতে না মিটতেই এবার ভেজাল আলুবীজের রমরমার অভিযোগ উঠল জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকায়।  

    ঠিক কী অভিযোগ? (Jalpaiguri)

    জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি জুড়েই ভেজাল আলুবীজ কারবারিদের রমরমা চলছে। তার জেরে সমস্যায় পড়ছেন গরিব কৃষকরা। খেটে আলুবীজ রোপণ করছেন, তবে সেই বীজ পচছে মাটির তলাতেই। এরপরই অভিযানে নামে কৃষি দফতর। দোকানে দোকানে অভিযান চালিয়ে খতিয়ে দেখা হয় দোকানিদের কাগজপত্র। তাতে প্রমাণও পান কৃষি আধিকারিকরা। ধূপগুড়ি হাইস্কুল লাগোয়া এক আলুবীজ বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে নামী কোম্পানির নামে নিম্নমানের আলুর বীজ বিক্রির। অভিযোগ পেয়ে তদন্তে নামেন তাঁরা। সিল করে দেওয়া হয় সেই দোকান। যদি অভিযুক্ত ব্যবসায়ী অমৃতকুমার সরকার বলেন, এক আলু ব্যবসায়ী আমার কাছে আলুবীজগুলি রেখে যান। এরপর আর তিনি আসেননি। এরপরই কৃষি দফতরের দল এসে আমার দোকানে তালা ঝুলিয়ে দেয়।

    ভেজাল আলু বীজের রমরমা নিয়ে সরব চাষিরা

    চাষিদের বক্তব্য, এতদিন সারের কালোবাজারির জন্য দ্বিগুণ দামে সার কিনতে বাধ্য হয়েছি। বহুবার অভিযোগ করার পর প্রশাসনের টনক নড়েছিল। তবে, এখনও প্রশাসনের নজর এড়িয়ে কালোবাজারি চলছেই। এর সঙ্গে এবার ভেজাল আলুবীজের রমরমা শুরু হয়েছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এসব করছে। প্রশাসনের কোনও নজর নেই। আমরা দাম দিয়ে ভেজাল বীজ কিনে চাষ করে শেষ হয়ে যাচ্ছি।

    ধূপগুড়ি কৃষি অধিকর্তা কী বললেন?

    জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি কৃষি অধিকর্তা তিলক বর্মনের বক্তব্য, উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি এবং একটি আলুবীজ সংস্থার তরফে অভিযোগ পাই। খারাপ মানের আলুবীজ বিক্রির অভিযোগ ছিল। প্রাথমিকভাবে দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্তে প্রয়োজন হলে আরও কড়া পদক্ষেপ করা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lakhbir Singh Rode: পাকিস্তানে মৃত ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ খালিস্তানি জঙ্গি নেতা লখবীর সিং রোড

    Lakhbir Singh Rode: পাকিস্তানে মৃত ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ খালিস্তানি জঙ্গি নেতা লখবীর সিং রোড

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানে খালিস্তানপন্থী জঙ্গি নেতা লখবীর সিং রোডের (Lakhbir Singh Rode) মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের ভাই জশবীর সিং রোড আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছেন। ৭২ বছর বয়সী জঙ্গি নেতা লখবীর নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘খালিস্তান লিবারেশন ফোর্স’ এবং ‘ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশন’ এই দুটি সংগঠনকে পরিচালনা করতেন বলে জানা গিয়েছে। 

    ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা ছিলেন লখবীর

    পাকিস্তানের বসেই এই জঙ্গি নেতা (Lakhbir Singh Rode) সে দেশের সরকারের মদতে, ভারত বিরোধী নানা কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। লখবীর (Lakhbir Singh Rode) ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাতেও ছিলেন বলে জানা গিয়েছে। জানা যায়, প্রথমে এই জঙ্গি নেতা ভারত ছাড়ার পরে দুবাইতে আশ্রয় নেন এবং পরবর্তীকালে তিনি পাকিস্তানে চলে আসেন। সেখানে বসেই চলতে থাকে বিচ্ছিন্নতাবাদী কাজ। জানা যায়, ‘অপারেশন ব্লু স্টার’-এর সময় নিহত জঙ্গিনেতা ভিন্দ্রেলওয়ালের সম্পর্কে তিনি ভাইপো হতেন।

    লখবীরের সম্পর্কে আরও বেশ কিছু তথ্য

    ১) ভারত-নেপাল সীমান্তে খালিস্তান জিন্দাবাদ সেলকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতেন লখবীর। ভারতের অভ্যন্তরে খালিস্তানপন্থীদের সমর্থন বাড়ানো ও সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে এই সেল কাজ করত বলে জানা যায়।

    ২) জানা যায় লখবীর সিং রোড (Lakhbir Singh Rode) একাধিকবার পাকিস্তানি সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং ভারতের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানোর পরামর্শ দিয়েছেন। পাকিস্তানি এই জঙ্গি নেতা একবার কুড়ি কেজি আরডিএক্স সমেত গ্রেফতারও হয়েছিলেন। তখন তিনি বলেন যে, এই আরডিএক্স তাঁকে পাকিস্তানি দূতাবাস থেকে দেওয়া হয়েছে।

    ৩) ভারতে থাকা বিভিন্ন ভিভিআইপিদের টার্গেট করতে অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছে লখবীরের বিরুদ্ধে। এর পাশাপাশি নানা বেআইনি পাচার কাজে লখবীরের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

    ৪) মৃত জঙ্গিনেতার ছেলে ভাগ্গু ব্রার বসবাস করেন কানাডায়। সেখানেও তাঁর বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: মা ও মেয়ের দেহ উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য, অপহরণ ও খুনের হুমকি দিতেন তৃণমূল নেতা!

    Siliguri: মা ও মেয়ের দেহ উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য, অপহরণ ও খুনের হুমকি দিতেন তৃণমূল নেতা!

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়িতে (Siliguri) মা এবং মেয়ের মৃত্যুর ঘটনায় নাম জড়াল স্থানীয় তৃণমূল নেতার। মৃতদেহ উদ্ধার হওয়া ঘর থেকেই সুইসাইড নোট মেলে। তাতেই তৃণমূল নেতার নাম পাওয়া গিয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ পেয়ে পুলিশ তৃণমূল নেতার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনায় অভিযোগ দায়ের করেছে।

    সুইসাইড নোটে কী রয়েছে? (Siliguri)

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩ ডিসেম্বর শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি (Siliguri) শান্তিনগর এলাকায় একই বাড়ি থেকে জোড়া দেহ উদ্ধার হয়। শোওয়ার ঘরের বিছানার উপর এক তরুণীর দেহ মেলে। মায়ের দেহ উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায়। ঘটনার তদন্তে নেমে সুইসাইড নোট পায় পুলিশ। সেখানে আত্মহত্যার কারণ হিসাবে রয়েছে জমি সংক্রান্ত সমস্যার কথা। সেখানে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির অন্যতম সম্পাদক প্রসেনজিৎ রায়ের কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তৃণমূল কর্মী সুনীল দাস, সুজিতকুমার ঘোষ, সুভাষ দাস, প্রদীপকুমার চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে। ওই চিঠির উপর ভিত্তি করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

    বাড়িতে লোক পাঠিয়ে হুমকি দিতেন তৃণমূল নেতা, সরব মৃতের স্বামী

    মৃতের স্বামী সাধন সরকারের অভিযোগ, বছরখানেক আগে প্রসেনজিতের কাছ থেকে একটি জমি কিনেছিলাম। সেই জমি প্রসেনজিৎ নিজেই ডিসপুট ল্যান্ড তৈরি করে আরও টাকা চান আমার কাছে। এ নিয়ে সমস্যা চলছিল। অনেক দিন ধরে প্রসেনজিৎ তাঁর দলবলকে ওই বাড়িতে পাঠাতেন। ওই লোকজনের কাছে আগ্নেয়াস্ত্র থাকত। বার বার টাকার চাপ দেওয়া হয়। দেওয়া হয় প্রাণে মারার হুমকিও। বাড়িতে বিবাহযোগ্য মেয়ে ছিল। এ নিয়ে আমার স্ত্রী বেশ কয়ে কয়েক মাস ধরেই চিন্তিত ছিল। মাঝে আমাকে আমার স্ত্রীকে অপহরণ বা তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হবে বলে হুমকি দেওয়া হত। এগুলো সহ্য করতে না পেরে ওরা নিজেদের শেষ করে দিয়েছে। আর প্রসেনজিতের মতো বড় নেতার সঙ্গে লড়াইয়ের ক্ষমতা আমার নেই। থানায় জানিয়েছি ঠিকই। কিন্তু, আদৌ কোনও লাভ হবে কি না জানা নেই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Michaung: কলকাতায় শুরু বৃষ্টি! ঘূর্ণিঝড় মিগজাউম-এর পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে

    Cyclone Michaung: কলকাতায় শুরু বৃষ্টি! ঘূর্ণিঝড় মিগজাউম-এর পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) প্রভাবে কলকাতায় শুরু হল বৃষ্টি। সকাল থেকেই আকাশে মেঘ ছিল। ভোর রাত থেকেই ছিল ঝোড়ো হাওয়ার দাপট। আজ, মঙ্গলবার দুপুরেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। সমতলে আছড়ে পড়ার সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। ইতিমধ্যেই অন্ধ্র উপকূল থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও প্রবল ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব পড়বে বাংলার জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গে এর প্রভাবে আগামী দু’দিন বৃষ্টি চলবে।

    ভিজবে বাংলা

    আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস, মিগজাউমের (Cyclone Michaung) প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গের একাংশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা ১১টি জেলায়। আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও কলকাতায়। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। অন্ধ্র ও ওড়িশা উপকূলে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্যোগের কারণে একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। আজ এর্নাকুলাম-পাটনা এক্সপ্রেস ও তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে।  

    আরও পড়ুন: নেল্লোরের কাছে ল্যান্ডফল! ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে লন্ডভন্ড চেন্নাই, মৃত ৫

    কবে থেকে পারদ-পতন

    আলিপুর হাওয়া অফিস (Weather Update) জানাচ্ছে, মঙ্গলবার উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) প্রভাব পড়বে না দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিংবা মালদায়। এই সব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে আজ। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিনে পশ্চিমবঙ্গের কোনও জেলায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। থমকে শীতের আমেজ। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।  শনিবার থেকে নামতে পারে তাপমাত্রা। পরবর্তী তিন থেকে চারদিনে একধাক্কায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Post Office Bill: রাজ্যসভায় পাশ পোস্ট অফিস বিল, সন্দেহজনক পার্সেল খুলে দেখতে পারবে ডাকঘর

    Post Office Bill: রাজ্যসভায় পাশ পোস্ট অফিস বিল, সন্দেহজনক পার্সেল খুলে দেখতে পারবে ডাকঘর

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই রাজ্যসভায় পাশ হল ‘পোস্ট অফিস বিল ২০২৩’ (Post Office Bill)। ১২৫ বছরের পুরনো ‘ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট’ এদিন বাতিল করা হয়েছে। সারা দেশ জুড়ে ডাক বিভাগের পরিষেবা আরও সরল করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। নয়া বিলের মাধ্যমে ডাক পরিষেবার আমূল সংস্কার হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই বিলের (Post Office Bill) মাধ্যমে পোস্ট অফিসের হাতে আগের থেকে অনেক বেশি ক্ষমতা গেল।

    সন্দেহজনক পার্সেল খুলে দেখতে পারবেন ডাক-কর্মীরা

    মোদি সরকারের আনা নতুন পোস্ট অফিস বিলের ৯ নম্বর ধারায় স্পষ্ট ভাবে বলা হয়েছে যে ডাকঘরের কর্মীরা যে কোনও পার্সেল (Post Office Bill) সন্দেহজনক মনে করলে আটক করতে পারবেন। দেশের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, আইন-শৃঙ্খলা, জরুরি অবস্থা ইত্যাদি ইস্যুতে পোস্ট অফিস এখন যে কোনও চিঠিও খুলে দেখতে পারবে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, ‘‘এখনকার সময় ও পরিস্থিতি যে রকম কঠিন হয়ে উঠেছে, তাতে এই ধরনের নজরদারি জরুরি। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা রাখা হয়েছে।’’

    বাদল অধিবেশনেই পেশ করা হয় এই বিল

    প্রসঙ্গত, এই বিল রাজ্যসভায় পাঠানো হয়েছিল গত বাদল অধিবেশনেই। চলতি শীতকালীন অধিবেশনে তা পাশ হল। বিগত বেশ কয়েক বছর ধরে পোস্ট অফিসের কাজ শুধুমাত্র যেন ডেলিভারি দেওয়াতেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। তার কারণ বেশিরভাগ গুরুত্বপূর্ণ চিঠি সময়ের পরিবর্তনের সঙ্গে ই-মেল মাধ্যমেই চলে আসে। ই-মেলের মাধ্যমে চিঠি দ্রুততার সঙ্গেই পাঠানো যায়। সময় ও খরচ দুটোই বাঁচে। পরবর্তীকালে হোয়াটসঅ্য়াপ চলে আসার পরে গুরুত্বপূর্ণ অফিসিয়াল নথি আদান-প্রদানের ক্ষেত্রে তা ব্যবহৃত হতে থাকে। টাকা ডিপোজিট করার ক্ষেত্রেই এখন পোস্ট অফিসের কাজ বেশি দেখা যায়। মাঝখানে পোস্ট অফিসের (Post Office Bill) মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে গঙ্গাজল পৌঁছে দেওয়ারও উদ্যোগ নেয় কেন্দ্র। পোস্ট অফিসগুলিকে ফের ভালোভাবে সক্রিয় করতে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে মোদি সরকারকে। সোমবার রাজ্যসভায় অশ্বিনী বৈষ্ণব পূর্বতন কংগ্রেস সরকারকে তোপ দেগে বলেন, ‘‘কংগ্রেস আমলে পোস্ট অফিস একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Michaung: বানভাসি চেন্নাইয়ের রাস্তায় কুমির! ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে বিপর্যস্ত তামিলনাড়ু

    Cyclone Michaung: বানভাসি চেন্নাইয়ের রাস্তায় কুমির! ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে বিপর্যস্ত তামিলনাড়ু

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর (Cyclone Michaung) প্রভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে অন্ধ্র এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলি। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির তাণ্ডবে গাছগাছালি উপড়ে সমগ্র উপকূলীয় এলাকাগুলি এখন প্রায় বিদ্যুৎবিহীন। ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে বানভাসি চেন্নাইয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। চেন্নাইয়ের নিচু এলাকাগুলোতে জল ঢুকছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চেন্নাইয়ে প্রকাশ্য রাস্তায় বহাল তবিয়তে হেঁটে-চলে যেতে দেখা গেল একটি কুমিরকে। রাস্তা না নদী বোঝা দায়।

    অন্ধকার রাস্তায় কুমির 

    ভাইরাল ভিডিও-য় দেখা গিয়েছে, চেন্নাইয়ের পেরুনগালাতুর এলাকায় রাস্তার উপরেই একটি কুমির ঘুরে বেড়াচ্ছে। রাতের অন্ধকারে রাস্তার ওপর দিয়েই হেঁটে যাচ্ছে কুমির। গাড়ির আলোয় সেটি চোখে পড়তেই গাড়ি থামিয়ে ভিডিও রেকর্ডিং করতে শুরু করেন চালক। সোশ্যাল মিডিয়ায় শহরের ভিডিও ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন চেন্নাই শহরের বাসিন্দারা। অনেকে ভিডিওর নীচে কমেন্ট করেছেন, “আগে ছিল সাপ, মাছ। এখন এসে গেছে কুমিরও। চেন্নাই শহর এখন পুরোপুরি একটা অ্যাকোয়ারিয়াম।” তবে, ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে তামিলনাড়ুর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং বন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সুপ্রিয়া সাহু মানুষজনকে অনুরোধ করেছেন যে, সরীসৃপটিকে দেখতে পেলে কেউ যেন তার কাছে না যান। 

    বিপর্যস্ত চেন্নাই

    ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের জেরে সোমবার থেকেই চেন্নাই (Chennai) এবং সংলগ্ন জেলাগুলোতে সরকারি স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বেসরকারি অফিসগুলোও কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। বিধ্বস্ত চেন্নাই বিমানবন্দরও। জলের তলায় চলে গিয়েছে রানওয়ে। রাত ১১টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ১২টি অভ্যন্তরীণ বিমান এবং ৪টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। কয়েকটি বিমান বেঙ্গালুরুতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে বহু ট্রেনও।

    রাতভর ভারী বৃষ্টির দাপটে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও। চেন্নাইয়ের বেশ কয়েকটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিঘ্নিত হয়েছে ইন্টারনেট পরিষেবাও। ঝুঁকি এড়াতে শহরের অন্যতম বাসিন ব্রিজে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। চেন্নাইয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনার মাদ্রাজ ইউনিট। মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (এনডিআরএফ)। নদীতে পরিণত হয়েছে শহরের বিভিন্ন রাস্তা। কোথাও জল দাঁড়িয়ে আছে। কোথাও আবার জলের স্রোত বয়ে যাচ্ছে। না বলে দিলে মনে হবে যেন বয়ে যাচ্ছে কোনও নদী। ঝোড়ো হাওয়ার কারণে উপড়ে গিয়েছে গাছ। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • National Health Mission: কোনও শর্তই মানছে না রাজ্য! স্বাস্থ্যভবনকে চিঠি কেন্দ্রের, বন্ধ হচ্ছে টাকা?

    National Health Mission: কোনও শর্তই মানছে না রাজ্য! স্বাস্থ্যভবনকে চিঠি কেন্দ্রের, বন্ধ হচ্ছে টাকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নতুন কিছু নয়। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’কে এর আগেই তারা ‘বাংলার আবাস যোজনা’ বলে চালিয়ে দিতে চেয়েছে। যার পরিপ্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার ‘রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন’-এর ক্ষেত্রে (National Health Mission) কেন্দ্রীয় শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই মর্মে খুব শীঘ্রই স্বাস্থ্য ভবনের তরফে চিঠি আসতে চলেছে রাজ্য সরকারের কাছে। কেন্দ্রের অভিযোগ সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের রং এবং নাম নিয়ে। জানা গিয়েছে, সুস্বাস্থ্য কেন্দ্রের (National Health Mission) রং হওয়ার কথা ছিল হলুদ, কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ইচ্ছাতে তাঁর পছন্দের রং, নীল-সাদা করা হয়েছে।

    কেন্দ্রের প্রকল্প নিজের নামে চালাচ্ছে রাজ্য 

    অন্যদিকে সুস্বাস্থ্য ভবনগুলির (National Health Mission) নাম বাংলাতে কেন্দ্র ঠিক করে দিয়েছিল ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ এবং ইংরেজিতে তা হওয়ার কথা ছিল ‘আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার’। তবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার গা-জোয়ারি মনোভাব দেখিয়ে ভবনগুলির নাম ‘সুস্বাস্থ্য কেন্দ্র’ করেছে বাংলাতে এবং ইংরেজিতে করেছে ‘হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার’। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে পদে পদে কেন্দ্রের দেওয়া শব্দ ‘আয়ুষ্মান’কে বাদ দেওয়া হচ্ছে। রাজ্য সরকার কখনই নাগরিকদের কাছে এই বার্তা দিতে রাজি নয় যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি রাজ্যে চলছে! কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সমঝোতাপত্র সই হয়েছিল, সেখানে ব্র্যান্ডিং গাইডলাইন সংক্রান্ত বেশ কিছু শর্ত পশ্চিমবঙ্গ সরকার মানেনি। কেন্দ্রীয় সরকারের আরও বক্তব্য, যে সমস্ত রাজ্য এই শর্ত মেনেছে, সেখানে কোথাও তাদের টাকা আটকে রাখা হয়নি (National Health Mission)। অন্যদিকে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র মতো কেন্দ্রীয় কর্মসূচিতে বাংলার কোনও প্রতিনিধি যোগও দেয়নি।

    কী বলছেন শুভেন্দু?

    প্রসঙ্গত, ব্র্যান্ডিং-এর গাইডলাইন কেন্দ্র সরকার জারি করেছিল ২০১৮ সালে। তখন বাংলা সহ সমস্ত রাজ্য তাতে সই করেছিল। গাইডলাইন রূপায়ণের (National Health Mission) তারিখ ছিল ২০২৩ সালের ৩১ মার্চ। কিন্তু সময় পেরিয়ে গেলেও কেন্দ্রের নির্দেশিকা মানেনি রাজ্য। এরপরে চলতি বছরে গাইডলাইন (National Health Mission) মানার জন্য ১১ এপ্রিল ও ৩ নভেম্বর চিঠি দেয় কেন্দ্র সরকার। সেখানেও রাজ্য সরকার কোনও উত্তর দেয়নি। স্বাস্থ্য দফতরের দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারী আগেই সরব হয়েছেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার কথায়, ‘‘দেওয়া হবে না টাকা। আবার বলছি, দেওয়া হবে না। যা চুরি করেছে কোভিডে, সেই চুরির হিসেব দিক আগে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dharmendra Pradhan: মিড ডে মিলে ৪ হাজার কোটির দুর্নীতি! লোকসভায় তৃণমূলকে তুলোধনা ধর্মেন্দ্র প্রধানের

    Dharmendra Pradhan: মিড ডে মিলে ৪ হাজার কোটির দুর্নীতি! লোকসভায় তৃণমূলকে তুলোধনা ধর্মেন্দ্র প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় মিড ডে মিলের হিসাবে এবার ব্যাপক গরমিলের অভিযোগ তুললেন খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পড়ুয়াদের দুপুরের খাবারের টাকাও চুরি করে নিচ্ছে তৃণমূল সরকার, এমন অভিযোগ লোকসভায় উঠতেই কার্যত অস্বস্তিতে পড়েন তৃণমূলের সাংসদরা। পশ্চিমবঙ্গে প্রায় ৪ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে মিড ডে মিলের খাতে, সোমবার এমনই অভিযোগ শোনা গেল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর (Dharmendra Pradhan) মুখে।

    কী বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী?

    মন্ত্রী এদিন বলেন, ‘‘এঁরা গরিবদের জন্য ভারত সরকারের দেওয়া টাকা লুট করছেন।’’ তাঁর আরও সংযোজন, ‘‘পিএম পোষণ যোজনা, মিড ডে মিলে ওঁরা সরকারি কোষাগারের চার হাজার কোটি টাকা তছরূপ করেছেন। তাই কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সত্য সামনে আসবে। ওঁদের মন্ত্রীরা জেলে আছেন। ওঁদের ভয় লাগছে এ বার শীর্ষস্তরের নেতারা জেলে যাবেন। তাই সভায় গন্ডগোল করছেন। অধিবেশনের সময় নষ্ট করছেন।’’ প্রসঙ্গত, এদিন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে ওঠেন। তখনই পাল্টা নিশানা শুরু করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Dharmendra Pradhan)।

    অর্ধেক মন্ত্রী এদের জেলে রয়েছে

    এদিন তৃণমূলকে তুলোধনা করতে দেখা যায় ধর্মেন্দ্র প্রধানকে। প্রসঙ্গত, চাকরি চুরি, লুট, রেশন চুরি, গরু চুরি, কয়লা চুরি সমেত একাধিক অভিযোগে তৃণমূলের ছোট, বড়, মাঝারি নেতা থেকে মন্ত্রী সমেত রাঘব বোয়ালরা জেলে রয়েছেন। সারা দেশে হয়তো একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে রাজ্যের শাসক দলের এত নেতা একসঙ্গে জেলে আছেন। এনিয়ে বাংলার রাজপথে সরব হতে দেখা যায় বিরোধীদের। সভা-সমিতিও করেন এই ইস্যুতে বিরোধীরা। তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ মঙ্গলবার লোকসভায় শোনা গেল। ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) বলেন, ‘‘এঁরা গরিবের টাকা লুঠ করেন। এঁদের অর্ধেক মন্ত্রী জেলে আছেন। এঁদের শিক্ষামন্ত্রী জেলে আছেন। এঁদের ভয়, তদন্ত হলে নেতৃত্ব জেলে যাবে। ভয় থেকে এঁরা ভবনের সময় নষ্ট করেন।’’ কেন্দ্রীয় মন্ত্রীর আরও অভিযোগ, পশ্চিমবঙ্গের সরকারের হাবভাব এমন যে তারা নিজেদেরকে দেশের আইনের ঊর্ধ্বে ভাবে সব সময়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ০৫/১২/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ০৫/১২/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন।

    ২) অশান্তি থেকে দূরে থাকুন। 

    বৃষ

    ১) চিকিৎসার খরচ বাড়তে পারে।

    ২) সঙ্গীতে সাফল্য পেতে পারেন।

    মিথুন

    ১) গাড়ি একটু সাবধানে চালান।

    ২) অর্শ-জাতীয় রোগ বাড়তে পারে। 

    কর্কট

    ১) কুসঙ্গ থেকে দূরে থাকুন।

    ২) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    সিংহ

    ১) বাতের যন্ত্রণা বাড়তে পারে।

    ২) কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে। 

    কন্যা

    ১) ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে।

    ২) কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। 

    তুলা

    ১) বাড়িতে চুরির সম্ভাবনা, সাবধান থাকুন।

    ২) দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা। 

    বৃশ্চিক

    ১) চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে।

    ২) ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। 

    ধনু

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট। 

    মকর

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। 

    কুম্ভ

    ১) কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে।

    ২) সামাজিক সম্মান পাবেন। 

    মীন

    ১) গানবাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে।

    ২) কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share