Blog

  • Covid 19: কোভিড-আতঙ্ক! ১০ বছরের ছেলেকে নিয়ে তিন বছর স্বেচ্ছায় গৃহবন্দি মহিলা, বের করল পুলিশ

    Covid 19: কোভিড-আতঙ্ক! ১০ বছরের ছেলেকে নিয়ে তিন বছর স্বেচ্ছায় গৃহবন্দি মহিলা, বের করল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: লকডাউন তো কবেই উঠে গেছে, কোভিডও (Covid 19) চলে গেছে, সংক্রমণ এড়াতে নিজেদের ঘরবন্দি রাখার পরামর্শ দিচ্ছেননা কোনও চিকিৎসক। তবে গুরগাঁওতে মরকতকুঞ্জের বাড়িতে গত তিন বছর ধরে  নিজের ১০ বছরের ছেলেকে নিয়ে ঘরবন্দি ছিলেন এক মহিলা। মঙ্গলবার তাঁকে বের করতে নামতে হল খোদ পুলিশ কর্তাদের। ২১  ফেব্রুয়ারি পুলিশ টিম, স্বাস্থ্য দফতরের টিম, চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের টিমও গিয়েছিল এলাকায়। এরপর তারা বাড়ির প্রধান দরজা ভেঙে ফেলে। সেই দরজা ভেঙে তারা দুজনকে উদ্ধার করে।

    মহিলার পরিচয় কী

    জানা গেছে ওই মহিলার নাম মুনমুন মাঝি। স্বামী সুজন মাঝিরও ঘরে প্রবেশের অনুমতি ছিলনা। ২০২০ সালে তিনি যখন অফিসে যাওয়া শুরু করেন তারপর থেকে আর বাড়ি ঢোকার অধিকার তাঁর ছিল না। সুজনবাবু পেশায় একটি বেসরকারি কোম্পানির ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

    গত তিনবছর ধরে ওই মহিলার স্বামীকে থাকতে হয়েছে ভাড়াবাড়িতে

    প্রথম দিকে তিনি বন্ধুবান্ধব, আত্মীয়দের বাড়িতে থাকতেন। এরপর তিনি স্থানীয় এলাকাতেই ভাড়া বাড়িতে থাকা শুরু করেন। স্ত্রীকে তিনি বার বার বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি কারোর কথা শোনেননি।  এরপর থেকে ভিডিও কলে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন।  প্রথম প্রথম সুজন স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন। বার বার বলেন ঘর থেকে বেরিয়ে আসতে। এরপর তিনি শ্বশুরবাড়িতেও জানান। তারাও অনুরোধ করেন। কিন্তু কারোর কথা শুনতে চাননি মুনমুন। শেষ পর্যন্ত পুলিশের দারস্থ হন সুজন। কিন্তু পুলিশ প্রথমে ব্যাপারটিকে গুরুত্ব দেয়নি। তবে তার স্বামী জানান, তিনটে বছর আমি সন্তানের মুখ দেখিনি। এরপরই পুলিশ নড়েচড়ে বসে।

    বাচ্চাদের কোভিডের (Covid 19) টিকা না আসা অবধি তিনি ঘরেই থাকবেন এই ছিল ওই মহিলার পণ

     সন্তানের কোভিড (Covid 19) টিকা না আসা পর্যন্ত তিনি ঘর থেকে বাচ্চাকে নিয়ে বের হবেন না, এটআই বলতেন মুনমুনদেবী। এদিকে ১২ বছরের নীচে এখনও কোনও টিকা নেই। তার সন্তানের বয়স ১০ বছর। কিন্তু তার সন্তান কোভিডে (Covid 19) যাতে আক্রান্ত না হয় সেকারণে তিনি সব ব্যবস্থা নিয়েছিলেন।

    কী বলছে পুলিশ

    স্থানীয় থানার সাব ইন্সপেক্টর প্রবীণ কুমার বলেন, ‘‘আমার স্বীকার করতে দ্বিধা নেই, প্রথমে আমি ব্যাপারটিকে খুব একটা পাত্তা দিইনি। কিন্তু পরে বুঝলাম যে, ভদ্রলোক সত্যিই সমস্যায় পড়েছেন, আমি সমস্ত সহায়তা করি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Facebook: এবার ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করার জন্য লাগবে টাকা! জানুন বিস্তারিত 

    Facebook: এবার ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করার জন্য লাগবে টাকা! জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারের পর ফেসবুক (Facebook)-ইন্সটা ব্যবহার করতেও এবার দিতে হবে পয়সা। ট্যুইটারের ব্লু ভেরিফিকেশন নিয়ে জোর চর্চা চলছে হয়েছে সর্বত্রই। এবার সেই পথেই হাঁটতে চলেছে মেটাও। মেটা, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা, ব্যবহারকারীদের জন্য ‘ব্লু টিক’ যাচাইকরণ সিস্টেম চালু করেছে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘মেটা ভেরিফিকেশন’। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই পরিষেবা চালু করা হবে। 

    কেন এই পরিষেবা

    মেটার তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের এই পরিষেবা ভুয়া অ্যাকাউন্ট থেকে ইউজারদের রক্ষা করবে। এখন যেহেতু টুইটারও এই পরিষেবা চালু করেছে, তাই ট্যুইটারের সঙ্গে প্রতিযোগিতার আসরে নেমে নয়া এই পরিষেবা নিয়ে আসতে চলেছে মেটা।

    মেটার ব্লু টিক পরিষেবার সুবিধা

    মার্ক জুকেরবার্গ নিজেই ফেসবুকে (Facebook) পোস্ট করে এই পরিষেবার কথা জানিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন ‘মেটা ভেরিফিকেশন’-এর সুবিধা নেওয়া ব্যবহারকারীরা বাড়তি সুরক্ষা পাবেন। জাল অ্যাকাউন্ট থেকেও মিলবে অতিরিক্ত সুরক্ষা। এছাড়াও এই পরিষেবা নিলে ব্যবহারকারীরা পাবেন সরাসরি ‘কাস্টমার কেয়ার’ থেকে সহায়তা। মার্ক জুকেরবার্গ আরও বলেছেন যে এই নতুন পরিষেবাটি প্ল্যাটফর্মের ‘সত্যতা এবং সুরক্ষা’ বাড়াতে বিশেষ কাজে আসবে।

    ভারতে কবে চালু হবে এই পরিষেবা

    জানা গেছে, মেটা ভেরিফাইড ব্লু টিক ওয়েবে প্রতি মাসে ১১.৯৯ ডলার থেকে শুরু হবে এবং Apple-এর iOS সিস্টেমের ইউজারদের জন্য প্রতি মাসে দিতে হবে ১৪.৯৯ ডলার। মেটার প্যাড পরিষেবার খরচ টুইটারের প্যাড পরিষেবার চেয়ে বেশি। ভারতে, Twitter ব্লু-এর মূল্য ওয়েবের জন্য এখন ব্যবহারকারীদের দিতে হয় ৬৫০ টাকা এবং মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রতি মাসে দিতে হয় ৯০০ টাকা। তবে, মেটা এখনও ভারতে তার এই পরিষেবার মূল্য প্রকাশ করেনি। উপরে উল্লিখিত মূল্য অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন্যই প্রযোজ্য। তবে ভারতে কবে এই পরিষেবা চালু হবে তা এখনও ঘোষণা করেনি মেটা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Air India: এবার পাইলট নিয়োগে জোর এয়ার ইন্ডিয়ার, বেতন শুনলে চোখ কপালে উঠবে!

    Air India: এবার পাইলট নিয়োগে জোর এয়ার ইন্ডিয়ার, বেতন শুনলে চোখ কপালে উঠবে!

     মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল সংখ্যক বিমান অর্ডার করার পর কর্মী নিয়োগে জোর দিচ্ছে টাটা গ্রুপের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India)। পাইলট ও অন্যান্য কর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে তারা।

    বেতন শুনলে চোখ কপালে উঠবে

     জানা গেছে, কোম্পানির আকর্ষণীয় কিছু পদের জন্য বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত প্যাকেজ অফার করেছে তারা। জানা গেছে, এয়ার ইন্ডিয়া নতুন কিছু পদের জন্য বার্ষিক ২ কোটি টাকারও বেশি প্যাকেজ দেবে। এই আকর্ষণীয় প্যাকেজটি বোয়িং B777 এয়ারক্রাফ্টের ক্যাপ্টেন পদের জন্য দেবে সংস্থা। B777 বিমানের ক্যাপ্টেন পদের জন্য প্রতি মাসে ২১ হাজার ডলার অফার করছে। ভারতীয় মুদ্রায় এটি বার্ষিক ২.০৮ কোটি টাকার সমান।

    এয়ার ইন্ডিয়ার (Air India) বর্তমানে ১১৩টি বিমান রয়েছে, যেখানে প্রায় ১৪০টি বিমান পরিচালনা করার মতো দক্ষ কর্মী রয়েছে সংস্থার হাতে। এখন সংস্থাটি বোয়িং ও এয়ারবাস থেকে ৪৭০ টি নতুন বিমানের অর্ডার দিয়েছে। নতুন এয়ারক্রাফটের ক্ষেত্রে এটাই এখনও পর্যন্ত রেকর্ড অর্ডার। এর মধ্যে এয়ারবাস থেকে ২৫০টি বিমান অর্ডার করা হয়েছে। এবং বোয়িং থেকে ২২০টি প্লেন অর্ডার করেছে কোম্পানি। নতুন বিমানগুলি চালু হলে এয়ার ইন্ডিয়ার (Air India) কাছে বিমানের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। বর্তমানে, ভারতীয় বিমান সংস্থাগুলির মধ্যে ইন্ডিগো বিমানের সংখ্যার শীর্ষে রয়েছে, তবে এই চুক্তি শেষ হওয়ার পরে এয়ার ইন্ডিয়া বিমান সংখ্যায় অনেকটাই এগিয়ে যাবে। স্বাভাবিকভাবেই এই নতুন বিমানগুলির জন্য এয়ার ইন্ডিয়ার আরও অনেক দক্ষ কর্মী প্রয়োজন।

    ওয়াকিবহাল মহলের মতে, দক্ষ পাইলট পেতেই এত বড় প্যাকেজ দিচ্ছে এয়ার ইন্ডিয়া (Air India)। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে শুধু পাইলট নয়, আরও অনেক পদের জন্য নিয়োগ বেরিয়েছে। এর মধ্যে রয়েছে কেবিন ক্রু মেম্বার, গ্রাউন্ড স্টাফ, নিরাপত্তা ও অন্যান্য প্রযুক্তিগত পদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • Alia Bhat: রেগে আগুন আলিয়া ভাট! ক্ষোভ উগরে দিলেন নেট-মাধ্যমে, হঠাৎ কী হল?

    Alia Bhat: রেগে আগুন আলিয়া ভাট! ক্ষোভ উগরে দিলেন নেট-মাধ্যমে, হঠাৎ কী হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেড রুমেও দু-দণ্ড শান্তি নেই বলিউড নায়িকা আলিয়া ভাটের (Alia Bhat)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বাড়ির ভিতরে নিত্যদিনের কাজে ব্যস্ত নতুন মা আলিয়ার ছবি ফাঁস হয়ে যায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। এতেই চটে লাল রাহার মা। ব্যক্তিগত গোপনীয়তা, মেয়ের সুরক্ষা নিয়ে স্বভাবতই চিন্তিত অভিনেত্রী। ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়েছেন মহেশ কন্যা।

    কী বললেন আলিয়া ভাট

    এদিন অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে  ছবি দুটির কোলাজ শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে জাল দিয়ে ঘেরা কাঁচের সুবিশাল জানালার ওপারে বাড়ির লিভিং রুমে বসে আছেন অভিনেত্রী (Alia Bhat)। আলিয়া তাঁর পোস্টে লেখেন, ‘ আমি নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম লিভিং রুমের মধ্যে, তখন মনে হল আমার উপর কেউ নজরদারি করছে… আমি আশেপাশে দেখলাম, তখন দেখি দুজন ব্যক্তি আমার প্রতিবেশির বিল্ডিংয়ের ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছে!’

    আলিয়ার আরও সংযোজন, ‘কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? বা কোথায় এই ধরণের কাজের অনুমতি রয়েছে? এটা কারুর গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সবকিছুর একটা সীমারেখা রয়েছে যা পার করা উচিত নয়, আজ সবটা অতিক্রম করে ফেলেছেন! নিজের পোস্টে মুম্বই পুলিশকেও ট্যাগ করেন অভিনেত্রী (Alia Bhat)।

    এদিন আলিয়াকে ট্যাগ করে অনুষ্কা শর্মা লেখেন, ‘বছর দুয়েক আগে সংবাদমাধ্যম আমার সঙ্গেও ঠিক এমনই ঘটনা ঘটিয়েছিল। অত্যন্ত লজ্জাজনক। ওরাই একমাত্র সংবাদমাধ্যম যাদের বারংবার বলা সত্ত্বেও আমাদের মেয়ের ছবি ওরা পোস্ট করে চলেছে’।

     

    প্রসঙ্গত, গত বছর এপ্রিলে রণবীরের সঙ্গে ঘর বাঁধেন আলিয়া। জুন মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। প্রেগন্যান্সি পিরিয়ডেও মিডিয়ার আচরণ নিয়ে ক্ষুদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। লন্ডনে ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং শেষে হলে আলিয়াকে ফিরিয়ে আনতে সেদেশে পৌঁছাবেন রণবীর, এই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছিল সংবাদমাধ্যমে। সংবাদ মাধ্যমের এই খবরে ক্ষুদ্ধ হন আলিয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Metro Railway: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ ট্রেন চালাবে মেট্রো কর্তৃপক্ষ

    Metro Railway: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ ট্রেন চালাবে মেট্রো কর্তৃপক্ষ

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিক , উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন পরিষেবা দেবে মেট্রো রেল (Metro Railway)। মঙ্গলবারই এই ঘোষণা করে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, চলবে ৪ মার্চ পর্যন্ত। অন্যদিকে ১৪ মার্চ শুরু হবে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে পরীক্ষার সময় শনিবার করে ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে ৪টি আপ এবং ৪টি ডাউন ট্রেন। মেট্রো রেল সূত্রে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং ১৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষার আগে এবং পরে ৫-৬ মিনিট অন্তর ট্রেন চালাবে মেট্রো। পরীক্ষার্থী, অভিভাবক এবং পরীক্ষকরা যাতে পরীক্ষা কেন্দ্রে যথা সময়ে পৌঁছতে পারেন এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরতে যাতে কোনও রকম অসুবিধে না হয়, সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Metro Railway)।

    মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সময়পর্বে সপ্তাহের দিনগুলিতে সকাল ৯টা থেকে রাত ১০টা ১৮ মিনিট পর্যন্ত ৫-৬ মিনিট অন্তর অন্তর ট্রেন চালাবে মেট্রো। এই সময়পর্বে শনিবারগুলিতে (২৫ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১৮ মার্চ এবং ২৫ মার্চ) ৪টি আপ ও ৪টি ডাউন ট্রেনের বিশেষ পরিষেবা পাবে পরীক্ষার্থীরা। এর পাশাপাশি ২৩৪টি ট্রেনের স্বাভাবিক পরিষেবা যেমন জারি থাকে, তা সেই মতোই পাওয়া যাবে। জানা গেছে, ৮টি স্পেশ্যাল ট্রেনের পরিষেবার মধ্যে ৪টি (২টি আর ও ২টি ডাউন) সকাল ১০টা থেকে রাত দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত ৪টি (২টি আর ও ২টি ডাউন) ট্রেন চলবে।

    মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানায় মেট্রো কর্তৃপক্ষ (Metro Railway)

    এদিনের সাংবাদিক সম্মেলনে আসন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় বসতে চলা সকল পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে মেট্রো রেল (Metro Railway)। 

    উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে যেতে যাতে সমস্যায় না পড়ে, সে কথা মাথাই রেখে পূর্ব রেলও ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু লোকাল ট্রেনের বাড়তি স্টপেজের ব্যবস্থা করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  •  Visva Bharati: দু’বছর পর ফের বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান, আসছেন রাজনাথ সিং

     Visva Bharati: দু’বছর পর ফের বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান, আসছেন রাজনাথ সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার কারণে বন্ধ ছিল বিশ্বভারতীর সমাবর্তন (Visva Bharati)। দু’বছর পর ফের তা শুরু হচ্ছে। শুরু হয়ে গেল প্রস্তুতি। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে জানিয়ে দিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শান্তিনিকেতনে অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই দিন সকাল ৯টায় প্রথা মেনে আম্রকুঞ্জের জহর বেদিতে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা হবে বলে জানা গেছে। ২৩ ফেব্রুয়ারি বীরভূমের রাঙামাটিতে পা রাখবেন দেশের প্রতিরক্ষামন্ত্রী। লিপিকা প্রেক্ষাগৃহে তাঁর সামনে পরিবেশিত হবে ভানুসিংহের পদাবলী।

    আরও পড়ুন: ‘‘অপেক্ষা করুন, কাকুর ভাইপো, তাঁর পিসির নামও চলে আসবে’’! নিয়োগ দুর্নীতিকাণ্ডে কটাক্ষ সুকান্তর

    সমাবর্তনের দিন কী হয় বিশ্বভারতীতে 

     এদিন ছাত্রছাত্রীরা আচার্যের কাছ থেকে ছাতিম পাতা ও শংসাপত্র এবং দীক্ষান্ত ভাষণের মধ্যে দিয়ে বিশ্বভারতী থেকে শিক্ষালাভের অধ্যায় সমাপ্ত করেন। বিশ্বভারতীর আচার্য দেশের প্রধানমন্ত্রী। আচার্যের কাছ থেকে ছাতিম পাতা গ্রহণ করেন পড়ুয়ারা, এই রীতিই চলে আসছে। কিন্তু ভিভিআইপি নিরাপত্তা সংক্রান্ত সমস্যা এবং প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে এই রীতিতে ছেদ পড়েছে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির সময় থেকে। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য নরেন্দ্র মোদি। শেষবার শান্তিনিকেতনে আচার্য হিসেব মোদি এসেছিলেন ২০১৮ সালের ২৫ মে ।

    প্রসঙ্গত, গত বছর ১১ ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু পড়ুয়াদের একাংশের ধারাবাহিক আন্দোলনের কারণে গত ডিসেম্বরে বিশ্বভারতীয় সমাবর্তন অনুষ্ঠান স্থগিত হয়ে গিয়েছিল। গত ১১ ডিসেম্বরের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের রাজ্যপাল বোস এবং কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের। তবে এবার সমাবর্তন উৎসবের প্রস্তুতি জোর কদমে চলছে। সংগীত ভবনের ছাত্রছাত্রীর মহড়া দিচ্ছেন, জহরবেদী প্রাঙ্গণে চলছে মঙ্গল আলপনা আঁকার কাজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • Indian Railways: জটে জমি আটকে রেল (পর্ব-১১): ১৮ বছর ধরে আটকে সিউড়ি-প্রান্তিক রেলপথ সম্প্রসারণের কাজ

    Indian Railways: জটে জমি আটকে রেল (পর্ব-১১): ১৮ বছর ধরে আটকে সিউড়ি-প্রান্তিক রেলপথ সম্প্রসারণের কাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে মোট ৪৪টি প্রকল্প আটকে রয়েছে রেলের (Indian Railways)। অভিযোগ রাজ্য সরকারের অসহযোগিতা এবং জমি জটিলতার কারণে এই প্রকল্পগুলির বাস্তবায়ন করতে পারছে না রেল। এরমধ্যে ১৩টি প্রকল্প রয়েছে যেগুলিতে নতুন লাইন পাতার কথা। রেল সূত্রে জানা গেছে, এই প্রকল্পগুলির মোট বাজেট ধরা হয়েছে ৯,২২৫ কোটি টাকা। জানা গিয়েছে, মোট ১০৪৯ কিমির এই প্রকল্পে বিনিয়োগ করতে প্রস্তুত রেল কিন্তু জমি জটের কারণেই নাকি এই প্রকল্পগুলি এগোচ্ছেনা। রেলের দাবি, কয়েকটি প্রকল্পের জন্য জমি কিনতে রাজ্য সরকারকে টাকাও দেওয়া হয়েছিল! কিন্তু রাজ্য সরকার কোনও জমি অধিগ্রহণ করতে পারেনি। রেল আবার রাজ্য সরকারকে চিঠি দেয় ওই টাকা ফেরতের জন্য। রেল (Indian Railways) বলছে, রাজ্য সরকারের এমন অসহযোগিতার কারণে তারা প্রকল্প আপাতত বন্ধ রেখেছে।

    ১৮ বছর ধরে আটকে রয়েছে সিউড়ি-প্রান্তিক রেলপথ সম্প্রসারণের কাজ

    ২০০৫-২০০৬ নাগাদ রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব, সেসময় বীরভূম জেলাকেন্দ্রিক ১২২ কিলোমিটার নতুন লাইন সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়। প্রকল্পের মোট বাজেট ধরা হয় ১৪০২ কোটি টাকা। ঠিক হয় এই প্রকল্পের মাধ্যমে জোড়া হবে চিনপাই-সাঁইথিয়া (৩১ কিমি), চৌরিগাছা-সাঁইথিয়া ভায়া কান্দি (৫৬ কিমি) এবং প্রান্তিক-সিউড়ি (৩৪ কিমি)।  গত ১৮ বছর ধরে একমাত্র সম্পন্ন হয়েছে চিনপাই-সাঁইথিয়া প্রকল্পটি। বাকি প্রকল্পগুলি আপাতত বিশ বাঁও জলে! রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শহর বোলপুর, এখানকার বিশ্বভারতীর আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। দেশ বিদেশ থেকে ছাত্র ছাত্রী গবেষকদের ভিড় সারাবছর ধরেই থাকে বোলপুরে। অন্যদিকে সিউড়ি হল জেলার সদর শহর। জেলার এই দুই গুরুত্বপূর্ণ শহরকে রেল মানচিত্রে জোড়ার জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের জমিনীতির কারনে তা আজ ঠাণ্ডা ঘরে।

    কী বলছেন এলাকার বাসিন্দারা

    সিউড়ি শহরের বাসিন্দা সুব্রত সরকার বলেন, রাজ্য সরকার জমি দিতে পারছেনা বলেই আটকে রয়েছে সিউড়ি থেকে প্রান্তিক অবধি রেলপথ সম্প্রসারণের কাজ। বীরভূমের সদর শহর সিউড়ি হোক বা বোলপুর, প্রশাসনিক বৈঠক সহ যেকোনও সরকারি অনুষ্ঠানে এই দুই শহরে হাজির থাকেন জেলার দুই সাংসদ , অথচ দুই শহরকে রেল মানচিত্রে জোড়ার কথা কখনও তাঁরা সংসদে দাঁড়িয়ে বলেননি। একমাত্র ব্যতিক্রমি হলেন, সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ি থেকে শিয়ালদহ অবধি নতুন ট্রেন চালু তিনিই করেছেন, রেলমন্ত্রীকে বলে। তিনি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে সিউড়ি-প্রান্তিক প্রকল্প বাস্তবায়িত হয় কিন্তু আসল জট তো জমিতে, অধিগ্রহণের দায়িত্ব রাজ্য সরকারের।

    জটে জমি আটকে রেল (পর্ব-১০): আপাতত ঠাণ্ডা ঘরে আরামবাগ-বোয়াইচণ্ডী রেলপথ সম্প্রসারণের কাজ

    জটে জমি আটকে রেল (পর্ব-৯): ১৩ বছর ধরে আটকে দিঘা-জলেশ্বর প্রকল্পের কাজ

    জটে জমি আটকে রেল (পর্ব-৮): থমকে রয়েছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৭): তেরো বছরেও সম্পূর্ণ হয়নি বালুরঘাট-হিলি রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৬): একযুগ অতিক্রান্ত! বিশ বাঁও জলে হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৫): দক্ষিণ চব্বিশ পরগনায় বিশ বাঁও জলে ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৪): থমকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ৪ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৩): প্রায় ৪০ বছরেও সম্পূর্ণ হল না উত্তর দিনাজপুর জেলার ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-২): প্রায় ৫০ বছরেও শেষ হলনা হুগলির ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-১): ১৩ বছরের প্রাপ্তি ৮টি স্তম্ভ! জমি জটে বিশ বাঁও জলে আমতা-বাগনান রেল প্রকল্প

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Walking: প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত হাজার পা হাঁটলে দীর্ঘজীবন পাওয়া যায় বলছে সমীক্ষা  

    Walking: প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত হাজার পা হাঁটলে দীর্ঘজীবন পাওয়া যায় বলছে সমীক্ষা  

    মাধ্যম নিউজ ডেস্ক: জাপানের একটি সমীক্ষা অনুযায়ী, প্রতিদিন গড়ে ৫,০০০ থেকে ৭,০০০ পা  যাঁরা হাটেন (Walking) তাঁরা দীর্ঘজীবি হন। অর্থাৎ যত বেশি হাঁটবেন তত বেশি দুনিয়াটা দেখতে পাবেন। গবেষকরা বলছেন এর মানে হল প্রতিদিন এক ঘণ্টা করে হাঁটা। আমাদের রাজ্যের মানুষজন হয়তো জাপানের এই সমীক্ষার কথা জানেন না, কিন্তু নিয়ম করে রোজ সকালে বা সন্ধ্যার সময় হাঁটতে বের হন। বিকেল বা সকালের পার্কগুলি তাই ভিড়ে ঠাসা থাকে।  কথায় বলে হাঁটার (Walking) সমান কোন ওষুধ নেই। আপনি বিশ্বাস করুন বা নাই করুন! যে কোনও রোগের চিকিৎসার একটি সাধারণ ওষুধ হল নিয়মিতভাবে হাঁটা। যেকোনও বিশেষজ্ঞ বা ডাক্তারের কাছে আপনি যান তাঁরা বলবেন, রোজ নিয়ম করে হাঁটুন। হাঁটা (Walking) এমন একটা সহজ শারীরিক অনুশীলন যেটার জন্য আপনাকে কোনও রকমের খরচ করতে হয় না।

    কীভাবে সমীক্ষা চালিয়েছিল ওই জাপানি সংস্থা

    ২০১৩ সালে গবেষকরা সমীক্ষা করেন এই বিষয়ে, জাপানের ৬৫ বছরের বেশি বয়সী মোট ৪,১৬৫ জনের উপর চালানো হয় এই সমীক্ষা। তাঁদের সবাইকে চারবছর ধরে পর্যবেক্ষনে রাখা হয়েছিল। এই সময়কালের মধ্যে ১১৩ জন মারা যান। সমীক্ষকরা বলছেন, প্রতিদিন ৫,০০০ পা এর বেশি যাঁরা হেঁটেছেন তাঁদের মৃত্যুর হার ২৩ শতাংশ কমে গেছে। আবার প্রতিদিন ৫,০০০ থেকে ৭,০০০ পা যাঁরা হাঁটেন (Walking) তাঁদের মধ্যে দীর্ঘায়ু হওয়ার প্রবণতা অনেক বেশি। আবার দেখা গেছে, ৭,০০০ পায়ের বেশি প্রতিদিন যাঁরা হাঁটেন (Walking) তাঁদের মৃত্যুর হার সবথেকে কম। মৃত্যুর কারন অবশ্য সমীক্ষার আওতার বাইরে ছিল। গবেষকরা বলছেন, যত বেশি  হাঁটবেন ততই আপনার শরীর নিরোগ থাকবে। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।

     

    DISCLAIMER: এই লেখাটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, একসঙ্গে পাঠানো যাবে ১০০টি ছবি এবং ভিডিও

    WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, একসঙ্গে পাঠানো যাবে ১০০টি ছবি এবং ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীরা এক নাগাড়ে ৩০টির বেশি ছবি বা ভিডিয়ো পাঠাতে পারতেন না। সেই সংখ্যাটাই এবার বাড়িয়ে ১০০ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে, আপডেটটি Android এবং iOS দুই প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ। 

    মার্ক জুকেরবার্কের মেটা অধিগৃহীত হোয়াটসঅ্যাপ (WhatsApp) তার গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে হরেক রকমের ফিচার নিয়ে হাজির হয়। তবে ইদানিং ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তার গ্রাহকদের ছবি ও ভিডিয়ো প্রেরণের ক্ষেত্রে নতুন ফিচার নিয়ে এল। সম্প্রতি, হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য অরিজিনাল কোয়ালিটির ছবি পাঠানোর ফিচার যোগ করা হয়েছে। আর এখন এসে গেল আরও একটা নতুন বৈশিষ্ট্য।

    আরও পড়ুন: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ 

    জানা গেছে, এক ক্লিকে হোয়াটসঅ্যাপে (WhatsApp)  ১০০টা ছবি বা ভিডিয়ো পাঠাতে আপনাকে অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করতে হবে। তারপর ৩০টির বেশি ফাইল (ছবি বা ভিডিয়ো) সিলেক্ট করে আপনাকে চেক করতে হবে, ফিচারটি আদৌ আপনার জন্য এসেছে কি না। এখন যদি দেখা যায় আপনি ৩০-এর বেশিই ছবি পাঠাতে পারছেন একবারে, তাহলে বুঝতে হবে ১০০টা ছবিও পাঠাতে পারবেন। অর্থাৎ, ফিচারটি আপনার জন্য চালু করা হয়েছে।

    আরও পড়ুন: স্ক্রিনশট ব্লক থেকে গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানো, হোয়াটসঅ্যাপের পাঁচটি নয়া ফিচার সম্পর্কে জানুন…

    কীভাবে ব্যবহার করবেন ফিচারটি

    ১. প্রথমে হোয়াটসঅ্যাপটি (WhatsApp) খুলুন আপনার মোবাইলে, এরপর গ্রুপ চ্যাট বা ব্যক্তিগত চ্যাটের অপশনে যান। যেখানে আপনি ছবি পাঠাতে চান।

    ২. পেপার ক্লিপের মতো দেখতে অ্যাটাচ আইকনে ক্লিক করুন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনের নীচের দিকে পাবেন এই অপশনটি। আপনার ফোনে থাকা ভিডিও এবং ছবি দেখা যাবে।

    ৩. এবার ছবি এবং ভিডিওগুলি সিলেক্ট করুন। যেগুলি আপনি পাঠাতে চান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Turkey: সোমবার রাতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক  

    Turkey: সোমবার রাতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক  

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কয়েকদিনে ৪৭ হাজার মানুষের মৃত্যুর সাক্ষী থেকেছে দেশটি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিপর্যস্ত এলাকাগুলির ঘরবাড়ি। উদ্ধারকাজ এখনও  শেষ হয়নি। এরমাঝেই আবারও ফিরে এল সেই চেনা আতঙ্ক। আবারও কেঁপে উঠল চারদিক।  হুড়মুড়িয়ে ভাঙল বাড়িঘর। শক্তিশালী ভূমিকম্প ফের জানান দিয়ে গেল বিপদ কাটেনি এখনও।

    আবার কখন কাঁপল তুরস্ক (Turkey)

    জানা গেছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ ভূমিকম্প ঘটে। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল তুরস্কের (Turkey) দক্ষিণের আন্তাকিয়া শহর। পড়শি দেশ সিরিয়া ছাড়াও, মিশর এবং লেবাননেও অনুভূত হয়েছে কম্পন। ভূতত্ত্ববিদরা বলছেন, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৪।

    সেখানকার স্থানীয় মেয়র কী বলছেন

    হাতায়ের মেয়র লুৎফু সাভাস বলেন, নতুন করে ভূমিকম্পে ফের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে রয়েছেন। সোমবার তিন জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ৬০০-র বেশি। এর মধ্যে সামানদাগে এক জনের মৃত্যু হয়েছে।

    তুরস্কের (Turkey) স্বরাষ্ট্রমন্ত্রী কী বলছেন

    সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানান, “হাতায় এলাকায় এখনও অনেকেই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। তার মধ্যেই নতুন করে ফের ভূমিকম্প হয়েছে। অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।”
     
    দু’সপ্তাহ আগের ভয়াবহতার রেশ এখনও চলছে। ধ্বংসস্তূপে জমা হয়ে থাকা শহর ছেড়ে বর্তমানে সীমান্তের একটি পার্কে তাঁবু খাটিয়ে রয়েছেন কিছু মানুষ। তাঁদের মধ্যে থেকে একজন সোমবারের ভূমিকম্পের সময় পার্কেই ছিলেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলেন ‘‘মনে হচ্ছিল, পায়ের নীচের মাটি দু’ভাগ হয়ে যাচ্ছে, পৃথিবী বুঝি দু’ভাগ হয়ে গেল।’’
    এরকমই একটি সোমবারে ভোর সাড়ে ৪ টে নাগাদ দফায় দফায় দুলে ওঠে তুরস্ক-সিরিয়া। মিলিয়ে মৃতের সংখ্যা ৪৬ হাজার পেরিয়েছে। ধ্বংসস্তূপের নীচে যে আরও কত হাজার মানুষ চাপা পড়ে রয়েছেন, তার কোনও হিসেবই নেই। হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

     

LinkedIn
Share