Blog

  • UP Court: বরেলি হিংসার মূল চক্রী মৌলানা তাকির রাজাকে ফের তলব কোর্টের

    UP Court: বরেলি হিংসার মূল চক্রী মৌলানা তাকির রাজাকে ফের তলব কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: বরেলি হিংসার মূল চক্রী মৌলানা তৌকির রাজা। উত্তরপ্রদেশের অতিরিক্ত দায়রা আদালত (UP Court) তাঁকে তলব করল ১১ মার্চ। ওই হিংসায় অভিযুক্ত ছিলেন রাজা। ২০১০ সালের ওই হিংসায় ব্যাপক ক্ষতি হয়েছিল বরেলি শহরের।

    হিংসার আগুন বরেলিতে (UP Court)

    ২০১০ সালের ২ মার্চ হিংসার আগুন জ্বলে বরেলিতে। ছাবাইয়ে ফারাওয়াফতের শোভাযাত্রার রুটকে ঘিরে শুরু হয় বিতর্ক। বির্তক হয়েছিল হিন্দু ও মুসলিমদের মধ্যে। তার জেরে শুরু হয় হিংসা। দাবানলের মতো যা ছড়িয়ে পড়ে গোটা শহরে। দুই সম্প্রদায়ের মধ্যে পাথর ছোড়া, ভাঙচুর মায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল আকছার। মিছিলের আয়োজক ছিলেন (UP Court) সুন্নি মুসলমানেরা। বরেলি সেক্টরের মিলাদ-উন-নবি সংস্কৃতি বহন করেন এই সম্প্রদায়ের মুসলমানরা। প্রথমে যে রুটে যাওয়ার কথা ছিল শোভাযাত্রার, পরে তা বদলে দেওয়া হয়। তার জেরে এলাকায় ছড়ায় উত্তেজনা। পরে হিংসা শুরু হলে অশান্ত হয়ে ওঠে এলাকা। আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত নামানো হয় বাহিনী। অবশ্য তার আগেই জ্বলে-পুড়ে খাক হয়ে গিয়েছিল বহু বাড়ি, দোকানপাট।

    গ্রেফতার করা হয়েছিল রাজাকেও

    পরে পরিস্থিতির খানিক উন্নতি হলে শুরু হয় ধরপাকড়। গ্রেফতার করা হয় মৌলানা তৌকির রাজাকেও। অভিযোগ, জ্বালাময়ী বক্তৃতা দিয়ে হিংসায় ইন্ধন জুগিয়েছিলেন তিনি। রাজা গ্রেফতার হতেই শুরু হয় প্রতিবাদ আন্দোলন। পাল্টা হিংসাও শুরু হয়। ফের নামানো হয় বাহিনী। তার পরেই স্বাভাবিক হয় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। প্রবীণ পুলিশ সুপার এমকে ভাসারকে বদলি করে দেওয়া হয়। অতিরিক্ত দায়িত্ব দেওায়া হয় পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাজীব সাভারওয়ালকে। তিনি ছিলেন স্টেট অ্যান্টি টেররিজম স্কোয়াডের ডিআইজি। সরিয়ে দেওয়া হয়েছিল আশিস কুমারকেও। তাঁর বদলে জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয় অনিল গর্গকে।

    আরও পড়ুুন: আফগানিস্তানে গ্রেফতার আরও এক, কেন কেরলের যুবকদের মধ্যে বাড়ছে আইসিস-প্রীতি?

    এক প্রবীণ পুলিশ কর্তা বলেন, “আমরা যদি হিংসার ঘটনাপ্রবাহের দিকে তাকাই, তাহলে দেখব হিংসার পক্ষে যথেষ্ঠ প্রমাণ রয়েছে। হিংসার ধরণ দেখলেও বোঝা যায়, দুই সম্প্রদায়ের মানুষ একবারও প্রত্যক্ষভাবে হিংসায় জড়িয়ে পড়েনি। ২ মার্চও মানুষ পাথর ছুড়ছিল। তার পরেই সংগঠিত একদল লোক বাড়িঘর-দোকানদানিতে আগুন লাগাচ্ছিল, ভাঙচুর করছিল। হিংসার দ্বিতীয় পর্যায়েও যুক্ত ছিলেন না দুই সম্প্রদায়ের মানুষ। ছিল সংগঠিত দু’দল জনতা। আর ছিল প্রশাসন (UP Court)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India vs England: বিরল নজিরের সামনে যশস্বী! ধর্মশালা প্রস্তুত ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য

    India vs England: বিরল নজিরের সামনে যশস্বী! ধর্মশালা প্রস্তুত ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়া যেমনই হোক ভারত-ইংল্যান্ড (India vs England) ম্যাচের জন্য প্রস্তুত ধর্মশালা। বৃষ্টি হোক বা শিলাবৃষ্টি খেলা চালাতে অসুবিধা হবে না বলে জানালেন ধর্মশালার পিচ কিউরিটের সুনীল চৌহান। চলতি সিরিজ ৩-১ জিতে গিয়েছে ভারত। তবুও শেষ ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এগিয়ে থাকতে চাইবে ভারত। আর সম্মানরক্ষার ম্যাচে জয়ের জন্য মরিয়া ইংল্যান্ড।

    যশস্বীর যাদু

    ইংল্যান্ডের (India vs England)  বিরুদ্ধে চলতি সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এই সিরিজের চার ম্যাচে তাঁর রান ৬৫৫। এখনও একটি টেস্ট বাকি। পঞ্চম টেস্টে যশস্বীর সামনে রয়েছে বিরাট কোহলি ও সুনীল গাভাসকরকে টপকে যাওয়ার হাতছানি। তিন বা তার চেয়ে বেশি ম্যাচের একটি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত ৩ বার ৬০০-এর বেশি রান করেছেন কোহলি। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে কোহলি করেছিলেন ৬১০ রান। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে করেছিলেন ৬৫৫ রান আর ২০১৪সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে করেছিলেন ৬৯২ রান। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সুনীল গাভাসকর। তিনি ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে করেছিলেন ৭৩২ রান। যা আজও রেকর্ড। ধর্মশালায় যশস্বীর সামনে রয়েছে সব রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার হাতছানি। কিং কোহলির ৬৯২ রানকে স্পর্শ করতে যশস্বীর দরকার মাত্র ৩৮ রান। আর কিংবদন্তী গাভাসকরকে ছাপিয়ে সেরার শিরোপা নিতে যশস্বীর প্রয়োজন ১২০ রান।

    প্রস্তুত ধর্মশালা

    ভারত বনাম ইংল্যান্ড (India vs England)  টেস্ট যে সময়ে অনুষ্ঠিত হবে, সেই সময়ে ধর্মশালায় বৃষ্টিপাত এমন কী শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে সমর্থকদের কপালে স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ। তবে তাদেরকে আশ্বস্ত করছেন এখানকার পিচ কিউরেটর। তিনি জানিয়েছেন, বৃষ্টিপাত হোক কিংবা শিলাবৃষ্টি সব ধরনের পরিস্থিতিতেই তৈরি রয়েছে  ধর্মশালা। পিচ কিউরিটের সুনীল চৌহান বলেছেন, ‘আমাদের কাছে সমস্ত ধরনের টেকনলেজি রয়েছে। সাব এয়ার সিস্টেম রয়েছে। যার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারব যে, বেশিক্ষণের জন্য যাতে কোনও শিলা তৈরি না হয়। এর আগেও কঠিন পরিবেশে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ম্যাচ আয়োজন করেছে। এটা নতুন কিছু নয়। কিন্তু ক্রিকেটাররা কখনও কোন সমস্যায় পড়েনি।তাদেরকে কোনও সমস্যা অনুভব করতেই দেওয়া হয়নি। কোনও প্রাকৃতিক দুর্যোগ হলে, ম্যাচ ফের শুরু করতে আমাদের মাত্র ৩০ মিনিট সময় লাগবে। মাঠে দৌড়তে ক্রিকেটারদের কোনও অসুবিধা একেবারেই হবে না।’

    আরও পড়ুন: ধর্মশালায় হিমাঙ্কের নীচে তাপমাত্রা! ভেস্তে যেতে পারে ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট

    দল ঘোষণা ইংল্যান্ডের

    শেষ ম্যাচে নামার আগেও ইংল্যান্ড (India vs England)  তাদের পুরনো স্টাইলেই হাঁটল। ম্যাচের একদিন আগে তারা প্রথম একাদশ ঘোষণা করে দিল। প্রতিটা ম্যাচেই তারা একদিন আগে দল ঘোষণা করে দিচ্ছে। টানা তিনটে ম্যাচ হারলেও দলে সেভাবে পরিবর্তন করলেন না বেন স্টোকসরা। মাত্র একটা মাত্র পরিবর্তন করেছে ইংরেজরা। স্লো টার্নার পিচের কথা ভেবে অলি রবিনসনকে বসিয়ে খেলানো হচ্ছে মার্ক উডকে।

    ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: ‘‘ফাইল চেপে রাখবেন আর আমরা তা দেখব?’’ রাজ্যকে তিরস্কার হাইকোর্টের

    Calcutta High Court: ‘‘ফাইল চেপে রাখবেন আর আমরা তা দেখব?’’ রাজ্যকে তিরস্কার হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুল নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) ধৃত সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দিচ্ছে না রাজ্য। সিবিআই-এর এই অভিযোগের পর রাজ্যকে মঙ্গলবারের মধ্যে দুর্নীতি দমন আইনে চার্জ গঠনের বিষয়ে নিজেদের বক্তব্য জানাতে বলেছিল হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু এদিনও তা জানাতে পারল না রাজ্য সরকার। 

    কী বলল রাজ্য

    রাজ্য সরকার অনুমতি দেওয়া নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে আদতে চার্জ গঠন প্রক্রিয়া বিলম্বিত করছে বলে অভিযোগ সিবিআই-এর। তাই সোমবার এ বিষয়ে  বক্তব্য জানতে চেয়ে রাজ্যকে ২৪ ঘণ্টার সময় দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার রাজ্যের কৌঁসুলি এজলাসে এসে জানান, জানুয়ারি মাসে মুখ্যসচিব দায়িত্ব নিয়েছেন। তাই তাঁকে নথিপত্র দেখে বক্তব্য পেশের সময় দেওয়া হোক। বর্তমানে নির্বাচন কমিশনের কর্তারা আসার ফলে মুখ্যসচিব ফাইল দেখার সময় পাচ্ছেন না।

    ক্ষুব্ধ আদালত

    রাজ্যের কথা শুনে ক্ষুব্ধ হয়ে বিচারপতি বসাক  জানতে চান, আদালতের (Calcutta High Court) নজরদারিতে তদন্ত হচ্ছে। এখনও আপনার মুখ্যসচিব ফাইল দেখার সময় পাননি? দীর্ঘদিন ধরে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ ঝুলিয়ে রাখা হয়েছে, তা স্মরণ করিয়ে দিয়ে বিচারপতি বসাক মন্তব্য করেন, ‘‘আপনারাই আমাদের পদক্ষেপ করতে বাধ্য করছেন। কবে জানাতে পারবেন তাও বলতে পারছেন না। তা হলে ওঁকে কোর্টে ডেকে পাঠাই?’’ এদিন রাজ্যের উদ্দেশে বিচারপতি বসাকের মন্তব্য, ‘‘অজুহাত দেবেন না। আপনারা ফাইল চেপে বসে থাকবেন এবং আমরা তা বসে বসে দেখব? এত দিন ধরে কী করেছেন?’’ কোর্টের নির্দেশ, রাজ্যের সিদ্ধান্তের ব্যাপারে আজ, বুধবার কোর্টকে জানাতে হবে।

    আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত, আজই সিবিআই-এর হাতে শেখ শাহজাহান?

    সিবিআই-এর অভিযোগ

    নিয়োগ দুর্নীতির (SSC Scam) মামলায় এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ, প্রাক্তন সচিব সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন সচিব অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। কিন্তু নিম্ন আদালতের (Calcutta High Court) বিচারক জানিয়েছেন, চারটি মামলায় একাধিক সরকারি কর্মী ও কর্তার নাম অভিযুক্তের তালিকায় থাকলেও তাঁদের গ্রেফতারের ক্ষেত্রে অনুমোদন নেওয়া হয়নি রাজ্য সরকারের। বিচার প্রক্রিয়া শুরুর জন্য যা জরুরি। তাই ওই চার মামলার চার্জশিট গ্রহণ করা যাচ্ছে না। অভিযোগ উঠছে, বিচার শুরুতে বিলম্ব করাতেই রাজ্যের এই গড়িমসি। এ বিষয়ে সিবিআইয়ের দাবি, রাজ্যের শিক্ষা দফতরকে গত এক বছরে তারা বেশ কয়েক বার ই-মেল ও চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট অনুমতি চাইলেও, তা পাওয়া যায়নি। তা থেকেই এই আইনি জটিলতা। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Covid 19 Vaccine: কোভিড ভ্যাকসিনের ২১৭টি ডোজ নিয়ে দিব্যি রয়েছেন! জার্মান প্রৌঢ়কে দেখে তাজ্জব সকলে

    Covid 19 Vaccine: কোভিড ভ্যাকসিনের ২১৭টি ডোজ নিয়ে দিব্যি রয়েছেন! জার্মান প্রৌঢ়কে দেখে তাজ্জব সকলে

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার ভ্যাকসিন (Covid 19 Vaccine) নিয়ে বিশ্বব্যাপী গবেষণা চলছেই। কোন ভ্যাকসিন কতটা কার্যকরী সে নিয়েও চলেছে দীর্ঘদিনের গবেষণা। সমীক্ষায় উঠে এসেছে, ভারতের ভ্যাকসিন সব থেকে বেশি কার্যকরী। এবার ভ্যাকসিনের হাইপারডোজ (Vaccine Overdose) নিয়ে এক গবেষণায় উঠে এল রীতিমতো চাঞ্চল্যকর তথ্য।

    শরীরে কোভিড ভ্যাকসিনের ২১৭টি ডোজ (Vaccine Overdose)!

    করোনা ভ্যাকসিনের হাইপারডোজ কি শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে? এমন প্রশ্ন দানা বাঁধে অনেকেরই মনে। সম্প্রতি, এক গবেষণায় মিলল তারই উত্তর। একজন জার্মান নাগরিক যিনি দাবি করেছেন,  ভ্যাকসিনের (Covid 19 Vaccine) আটটি বিভিন্ন ধরনের ২১৭টি ডোজ তিনি নিয়েছেন নিজের শরীরে। এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি শরীরে। তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। জানা গিয়েছে, ওই  জার্মান নাগরিক বিগত ২৯ মাস ধরে ২১৭টি ভ্যাকসিনের ডোজ (Vaccine Overdose) নিয়েছেন। যার মধ্যে ১৩৪টি ডোজ গবেষকরা পরীক্ষা করেছিলেন।

    হাইপারডোজ শরীরে কি প্রভাব ফেলবে?

    এই এত হাইপারডোজ সত্যিই কি শরীরে কোনও প্রভাব ফেলে? বিভিন্ন ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে ওই ব্যক্তি ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত জানতে পারেন, কোনও রকমের ইনফেকশন তাঁর শরীরে সংক্রমিত হয়নি। ভ্যাকসিনের (Covid 19 Vaccine) কোনও বিরূপ প্রভাবও তাঁর শরীরে পড়েনি। এর পাশাপাশি, গবেষকরা ওই ব্যক্তির কোনও কোষে কোনও রকমের আলাদা প্রতিক্রিয়াও লক্ষ্য করেননি। ওই কোষগুলি সেভাবেই কাজ করছিল যেমনটা ঠিক ভ্যাকসিনের আগে ছিল। এর পাশাপাশি যাঁরা চিকিৎসকদের অনুমোদনের পরে সীমিত সংখ্যক ভ্যাকসিন নিয়েছিলেন, তাঁদের মতোই ওই কোষগুলি সক্রিয় ছিল। মস্তিষ্কের কোষগুলির ক্ষেত্রে গবেষকরা লক্ষ্য করেন, এগুলি আরও সক্রিয় হয়ে উঠেছে।

    কী বলছেন গবেষক?

    এ বিষয়ে গবেষক ডাক্তার কিলিয়ান সোবার জানিয়েছেন, ভ্যাকসিনগুলি সত্যিই খুব কার্যকর এবং তার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এর পাশাপাশি, তিনি সতর্কও করেছেন, চিকিৎসকদের পরামর্শ মেনে সীমিত পরিমাণ ভ্যাকসিনই নিতে হবে। তার বেশি যেন না নেওয়া হয়। শেষে ওই গবেষক এও জানিয়েছেন, হাইপারডোজের ভ্যাকসিনের (Covid 19 Vaccine) কারণে ইমিউনিটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় না। তবে রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, এই ভেবে কেউ যেন অতিরিক্ত ভ্যাকসিন (Vaccine Overdose) না নেয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anubrata Mondal: ৫৬০ ভরি! কেষ্টর কালীপ্রতিমার গয়না রাখা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকারে ইডির তল্লাশি

    Anubrata Mondal: ৫৬০ ভরি! কেষ্টর কালীপ্রতিমার গয়না রাখা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকারে ইডির তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাঙ্কের লকারে রাখা রয়েছে অনুব্রত মণ্ডলের  (Anubrata Mondal) কালীপ্রতিমার গয়না। বীরভূমের (Birbhum) বোলপুরের রাষ্ট্রায়ত্ত সেই ব্যাঙ্কে চলছে ইডির তল্লাশি। ২০২১ সালে সোনার মুকুট, কানের দুল, গলার হার মিলিয়ে ৫৬০ ভরি সোনার গয়না দিয়ে মা কালীকে সাজানো হয়েছিল। এই গয়নার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। উল্লেখ্য এই সোনার অলঙ্কারে কালীপুজো হতো বেশ ধুমধাম করে। বর্তমানে কেষ্ট মণ্ডল গরু পাচার মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি। আর্থিক দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা আজ ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে দেখা করে তাল্লাশি অভিযান চালিয়েছেন বলে জানা গিয়েছে।

    তল্লাশিতে উদ্ধার গহনা (Anubrata Mondal)

    ঠিক দুপুর ১২ টার সময় বোলপুরের (Birbhum) একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিসারেরা গাড়ি নিয়ে হাজির হন। এরপর কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা ব্যাঙ্ককে ঘিরে ফেলা হয়। এরপর ব্যাঙ্কের ভিতরে প্রবেশ করেন ইডির ৫ জন অফিসার। বোলপুর তৃণমূল পার্টি অফিসের ভিতরে পুজো হত এই কালীপ্রতিমার। এই পুজো কেষ্ট মণ্ডলের পুজো এবং প্রতিমার গায়ে থাকত এই বিপুল পরিমাণের গয়না। এই গয়নাকে পুজোর পর রাখা হত ব্যাঙ্কের লকারে। ফলে এই সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্যই তল্লাশি অভিযান চালায় তদন্তকারী অফিসারেরা। ব্যাঙ্ক থেকে একাধিক কাজপত্র এবং নথি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

    ২০১১ সাল থেকে

    ১৯৮৮ থেকে এই কালীপুজো শুরু হলেও কার্যত ২০১১ সালের পর থেকেই এই পুজোর জাঁকজমক বৃদ্ধি পায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পুজোর ব্যাপক আয়োজন বৃদ্ধি পায়। সবটার নেতৃত্বে থাকতেন বীরভূমের (Birbhum) তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ২০২০ সালে এই পুজোর প্রতিমাকে ৩০০ ভরির সোনার গয়না দিয়ে সাজানো হয়েছিল। ২০২১ সালে সোনার মুকুট, বাউটি, বাজুবন্ধন, কানের দুল, গালার হার, হাতের আংটি, কোমরের বিছে মিলিয়ে প্রায় ৫৬০ ভরির গয়না দিয়ে সাজিয়ে ছিলেন এই তৃণমূল নেতা। এই গয়নার বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। ফলে সম্পত্তির উৎস ইত্যাদি বিষয়ে তথ্য সন্ধান করছেন তদন্তকারী অফিসারেরা। তবে অনুব্রতর গ্রেফতারের পর থেকেই পুজোতে ভাটা দেখা দেয়। সোনার গয়নার বদলে ব্যবহার করা হচ্ছে ইমিটেশনের গয়না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISIS Love: আফগানিস্তানে গ্রেফতার আরও এক, কেন কেরলের যুবকদের মধ্যে বাড়ছে আইসিস-প্রীতি?

    ISIS Love: আফগানিস্তানে গ্রেফতার আরও এক, কেন কেরলের যুবকদের মধ্যে বাড়ছে আইসিস-প্রীতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিস-প্রীতির (ISIS Love) জেরে ফের গ্রেফতার কেরলের এক বাসিন্দা। বর্তমানে সে আফগানিস্তানে ছিল। আফগান গোয়েন্দা সংস্থা গ্রেফতার করে তাকে। আফগানিস্তানে বসেই সানাউল ইসলাম নামের ওই যুবক ইসলামিক স্টেট অফ ইরাক এবং সিরিয়া (আইসিস) নিয়ন্ত্রণ করত।

    কেরলের আইসিস যোগ…

    আফগানিস্তান প্রশাসনের তরফে সানাউলের ছবি প্রকাশ করা হয়েছে। আইসিসে (ISIS Love) যোগ দিতে তাজিকিস্তান হয়ে সে আফগানিস্তানে গিয়েছিল বলেও দাবি তালিব প্রশাসনের। এর ঠিক এক মাসে আগেই কেরল থেকে এনআইএ আদালত রিয়াজ আবু বক্করকে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে ষড়যন্ত্র করার দায়ে অভিযুক্ত করেছিল। এবার প্রকাশ্যে এল আরেক কেরল যুবকের আইসিস-প্রীতির উদাহরণ। গত বছর জুলাইয়েও এনআইএ কেরলে আইসিস মডিউলের একজনকে গ্রেফতার করেছিল। ভারতের ধর্মীয় স্থানে নাশকতার ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে।  

    কেরলের যুবাদের আইএস-প্রীতি কেন?

    ২০১৭ সালে কেরল পুলিশ জানিয়েছিল, সে রাজ্যের প্রায় ১০০ জন যোগ দিয়েছে আইসিসে। প্রশ্ন হল, কী কারণে আইসিস-প্রীতি বাড়ছে কেরলের যুবকদের? জানা গিয়েছে, কেরলের যে তরুণরা আইসিসে যোগ দিয়েছে, তাদের সিংহভাগই মপলা মুসলমান, যারা বিশ্বাস করে তারা আরব ব্যবসায়ীদের বংশধর কিংবা উচ্চবর্ণের ধর্মান্তরিত হিন্দু। এই মুসলমানদের বাস মূলত মালাপূরম, কালিকট এবং কান্নুরে।

    আরও পড়ুুন: ‘সন্দেশখালির ঝড় সারা বাংলায় আছড়ে পড়বে’, বারাসতে বললেন মোদি

    অর্থের টোপ দিয়ে মগজধোলাই!

    সাতের দশক থেকে কেরলের বহু মানুষ মধ্য প্রাচ্যে চলে যাচ্ছেন রোজগারের ধান্ধায়। সেখান থেকেই তাঁরা যোগাযোগ রাখছেন ভরতে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে। তাছাড়া, এই অঞ্চলে সৌদি আরব থেকেও প্রচুর মুদ্রা ঢোকে। সেই মুদ্রার টোপ গিলে এ রাজ্যের তরুণদের একাংশ সৌদি এবং সালাফি পণ্ডিতদের কাছ থেকে ধর্মীয় নীতিকথা শিখছে। কেরলে আইসিসের (ISIS Love) মাথারা নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রেও সফল। এই নেটওয়ার্কের মাধ্যমেই তারা নিয়োগ করছে তরুণদের। করছে মগজধোলাই।

    কেরলে একাধিক আইএস মডিউল সক্রিয়

    কেরলে আইসিসের অনেকগুলি মডিউল রয়েছে। এর মধ্যে আবদুল রশিদের কাসারগড় মডিউল এ রাজ্যের ২৪ জনকে আফগানিস্তানের মতো আইএসআইএস কলোনিগুলিতে পাঠিয়ে দিতে সফল হয়েছে। এই মডিউলে রয়েছে ধর্মান্তরিত যুবতী সোনিয়া সেবাস্টিয়ান এবং তার মুসলমান স্বামীও। তারাও পালিয়েছে আফগানিস্তানে। কান্নুরের আরও একটি মডিউল কেরলের ৪০-৫০ জন তরুণকে মৌলবাদে দীক্ষিত করেছে। এরাও পরে যোগ দিয়েছে আইসিসে (ISIS Love)। এই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) মতো নিষিদ্ধ সংগঠনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বলে খবর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Opinion Poll: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জিতবে ৩৭৮টি আসনে, ইঙ্গিত ‘ইন্ডিয়া টুডে’র সমীক্ষায়

    Opinion Poll: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জিতবে ৩৭৮টি আসনে, ইঙ্গিত ‘ইন্ডিয়া টুডে’র সমীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং দাবি করেছেন (Opinion Poll) লোকসভা নির্বাচনে বিজেপি একাই পাবে ৩৭০টি আসন। এনডিএ পাবে ৪০০টি। দিন কয়েক আগে ‘মুড অফ দ্য নেশনে’র সমীক্ষায়ও জানা গিয়েছিল বিপুল আসনে জিতে কেন্দ্রে ফিরতে চলেছে বিজেপিই। এবার ‘ইন্ডিয়া টুডে’র সমীক্ষায় জানা গেল আসন্ন লোকসভা নির্বাচনে জয়জয়কার বিজেপিরই।

    ওপিনিয়ন পোল (Opinion Poll)

    ‘ইন্ডিয়া টিভি-সিএনএক্স’-এর ওপিনিয়ন পোলের সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে মঙ্গলবার। তাতেও দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর ভবিষ্যদ্বাণী খুব একটা ভুল নয়। সমীক্ষায় প্রকাশ, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জয়ী হবে ৩৭৮টি কেন্দ্রে। আর ‘ইন্ডি’ জোট (বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট) পেতে পারে ৯৮টি আসন। এর মধ্যে অবশ্য তৃণমূল নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, জগন মোহন রেড্ডির ওয়াইএসআরসিপি, চন্দ্রবাবু নাইডুর টিডিপি, নবীন পট্টানায়েকের বিজেডি এবং নির্দল মিলিয়ে পেতে পারেন বাকি ৬৭টি আসন। মনে রাখতে হবে, লোকসভার আসন সংখ্যা ৫৪৫ হলেও, নির্বাচন হবে ৫৪৩টিতে।

    কী বলছে সমীক্ষা?

    বিজেপি যে একাই রাজ করবে, তাও জানা গিয়েছে সমীক্ষায় (Opinion Poll)। জানা গিয়েছে, পদ্ম শিবির একাই জয়ী হবে ৩৩৫টি আসনে। গুজরাটের ২৬টি আসনেই ক্লিন স্যুইপ হয়ে যাবে বিরোধীরা। মধ্যপ্রদেশের ২৯টি আসনেও খড়কুটোর মতো উড়ে যাবে বিরোধীরা। রাজস্থানের ২৫, হরিয়ানার ১০, দিল্লির ৭, উত্তরাখণ্ডের ৫ এবং হিমাচলপ্রদেশের ৪টি আসনেও মুছে যাবে বিরোধীরা। দক্ষিণের রাজ্য কেরলেও এবার থাবা বসাচ্ছে গেরুয়া পার্টি। সমীক্ষায় প্রকাশ, এ রাজ্যেও তিনটি আসনে জয়ী হতে পারে বিজেপি। সমীক্ষার ফল মিললে এই প্রথম কেরলে খাতা খুলতে চলছে বিজেপি। ওপিনিয়ন পোল থেকে এও জানা গিয়েছে, তিরুবনন্তপুরম লোকসভা কেন্দ্রে কংগ্রেসের শশী তারুরকে জোর টক্কর দেবেন বিজেপির রাজীব চন্দ্রশেখর। শেষ হাসি হাসতে পারেন চন্দ্রশেখরই।

    আরও পড়ুুন: হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত, আজই সিবিআই-এর হাতে শেখ শাহজাহান?

    অন্যান্য বারের মতো এবারও সবার নজর থাকবে উত্তরপ্রদেশের দিকে। সমীক্ষা থেকে জানা গিয়েছে, যোগীরাজ্যে বিজেপি জিততে পারে ৭৪টি আসনে। সহযোগী রাষ্ট্রীয় লোক দল এবং আপনা দল পেতে পারে দুটি করে আসন। বাকি দুটি আসন যেতে পারে অখিলেশ যাদবের ঝুলিতে। শূন্য হাতে ফিরতে হতে পারে কংগ্রেস ও বহুজন সমাজবাদী পার্টিকে।

    বিজেপির আশা, বাংলার ৪২টি আসনের মধ্যে ২০টি, বিহারের ৪০টির মধ্যে ১৭টি, ঝাড়খণ্ডের ১৪টির মধ্যে ১২টি, কর্নাটকের ২৮টির মধ্যে ২২টি, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ২৫টি, ওড়িশার ২১টির মধ্যে ১০টি, অসমের ১৪টির মধ্যে ১০টি পাবে তারা। তামিলনাড়ুতে ৪টি এবং তেলঙ্গানার ৫টি আসনেও পদ্ম প্রার্থীরা জয়ী হবেন বলে আশা বিজেপির ভোট ম্যানেজারদের (Opinion Poll)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Russia Ukraine War: ‘জোর করে পাঠানো হয় যুদ্ধে’! সাহায্যের আর্জি রুশ সেনার জালে পড়া ৭ ভারতীয়র

    Russia Ukraine War: ‘জোর করে পাঠানো হয় যুদ্ধে’! সাহায্যের আর্জি রুশ সেনার জালে পড়া ৭ ভারতীয়র

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার রাশিয়ার সেনাবাহিনীর জালে (Russia Ukraine War) জোরপূর্বক ভারতীয় যুবকদের আটকে পড়ার ঘটনা সামনে এল। পাঞ্জাবের হোশিয়ারপুরের বাসিন্দা একদল যুবক কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন, তাঁদেরকে যেন অতি দ্রুত এই ফাঁদ থেকে উদ্ধার করা হয়। তাঁদের অভিযোগ প্রতারণার মাধ্যমে সবাইকে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে (Russia Ukraine War) পাঠানো হয়। ১০৫ সেকেন্ডের ওই ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। যেখানে সাতজন যুবককে দেখা যাচ্ছে তাঁরা একটি ঘরে আটকে রয়েছেন। ঘরটি অত্যন্ত নোংরা এবং সংকীর্ণ। যুবকরা নিজেদের উদ্বেগজনক পরিস্থিতি ওই ভিডিওতে প্রকাশ করেছেন।

    বেলারুশে নিয়ে গিয়ে জোর করে চুক্তিপত্রে সই করানো হয়

    ওই যুবকদের মধ্যে রয়েছেন গগনদীপ সিং যিনি গত বছরের ২৭ ডিসেম্বর রাশিয়াতে গিয়েছিলেন নতুন বছরের উদযাপন করতে। তাঁদের সঙ্গে ছিল ৯০ দিনের ভিসা। জানা গিয়েছে, ওই যুবকদের বেলারুশে নিয়ে যাওয়া হয়। গগনদীপ জানিয়েছেন, তাঁদেরকে বেলারুশে (Russia Ukraine War) নিয়ে যায় এক এজেন্ট। আরও জানা গিয়েছে, বেলারুশে যেতে তাঁদের আলাদা ভিসা লাগবে এটা যুবকরা জানতেন না। যখন তাঁরা সেখানে পৌঁছান তখন তাঁদের কাছে ভিসা ছিল না। এরপরেই সেখানকার স্থানীয় পুলিশ যুবকদের দলটিকে গ্রেফতার করে এবং রাশিয়ার সরকারের হাতে তুলে দেয়। পরবর্তীকালে যুবকদের জোর করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

    উদ্বিগ্ন পরিবার, কী বলছে বিদেশমন্ত্রক?

    শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, গগনদীপ সিং-এর পরিবার ইতিমধ্যে ভারতের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁর ভাই অমৃত সিং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁরা ভীষণ চাপে রয়েছেন। কারণ তাঁদেরকে একধরনের চুক্তিপত্রে সই করানো হয়। যেখানে স্পষ্ট ভাবে লেখা ছিল, হয় তাঁদেরকে ১০ বছরের জন্য জেলে যেতে হবে অথবা রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে হবে। জানা গিয়েছে, ওই যুবকদেরকে ১৫ দিনের মিলিটারি ট্রেনিং-ও (Russia Ukraine War) দেওয়া হয় এবং তারপরেই তাঁদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। উল্লেখ্য, সাত জন যুবকের ওই ভিডিও নতুন কিছু নয়। এর আগে আরও প্রায় ২৪ জন ভারতীয় যুবক এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। শুধু পাঞ্জাব বলে নয় একই অভিযোগ সামনে এসেছিল কেরল থেকেও। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারত সরকার যথেষ্ট সক্রিয় হয়েছে রাশিয়ান প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে এবং ওই ব্যক্তিদেরকে ফেরত আনার বিষয়ে। গত সপ্তাহতেই কুড়ি জনেরও বেশি ভারতীয়কে এমন পরিস্থিতি থেকে মুক্ত করতে সমর্থ হয় মোদি সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Updates: বেলা বাড়তেই চড়া রোদ! মার্চের প্রথম সপ্তাহেই গরম, আপাতত বৃষ্টি নেই

    Weather Updates: বেলা বাড়তেই চড়া রোদ! মার্চের প্রথম সপ্তাহেই গরম, আপাতত বৃষ্টি নেই

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়ছে গরম। মার্চের শুরু থেকেই ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। সকালবেলা হালকা মৃদুমন্দ ঠান্ডা হাওয়া। কিন্তু বেলা গড়ালেই অস্বস্তি। দুপুরে চড়া রোদে নাজেহাল স্কুল ফিরতি ছোট ছোট ছেলে-মেয়েরা। কপালে জমছে ঘাম। আবহাওয়ার (Weather Updates) খামখেয়ালিপনায় ঘরে ঘরে সর্দি-কাশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকে কলকাতাতে গরম বাড়তে থাকবে। বুধবার দিনভর থাকবে পরিষ্কার আকাশ। আগামী দু’দিন তাপমাত্রায় কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আপাতত রাজ্য জুড়ে পরিস্কার আকাশ, মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। 

    বাড়বে গরম

    মার্চের শুরুতেই তাপমাত্রার (Weather Updates) পারদ বেশ চড়া ৷ আসন্ন গ্রাষ্মীকালে কী হতে চলেছে, সেই পূর্বাভাস পাওয়া যাচ্ছে ভালোই ৷ গত বছরের মতো এই বছরেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ৷ মার্চ থেকে মে মাস পর্যন্ত এবার তীব্র তাপপ্রবাহ চলতে পারে বলে জানাল আবহাওয়াবিদরা। গতবছর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ চলেছিল। এবছরও একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ৷ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়ায় অস্বস্তি বাড়ছে। তবে তিলোত্তমাতে আপাতত স্বস্তির সম্ভাবনা নেই। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। 

    আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত, আজই সিবিআই-এর হাতে শেখ শাহজাহান?

    উত্তরবঙ্গের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Updates) জানিয়েছে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।  শুক্রবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে, সিকিম ও অরুণাচল প্রদেশে বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। বাংলা থেকে শীত বিদায় নিলেও জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ , উত্তরাখন্ডে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণ ভারতে তামিলনাড়ু ও কেরল সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share