Blog

  • Manipur Violence: মণিপুরে ২ মহিলাকে গণধর্ষণ ও বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় চার্জশিট দিল সিবিআই

    Manipur Violence: মণিপুরে ২ মহিলাকে গণধর্ষণ ও বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় চার্জশিট দিল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের ৩ মে থেকে হিংসা (Manipur Violence) ছড়ায় মণিপুরে। ঠিক তার পরের দিন ৪ মে অভিযোগ ওঠে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে দুই কুকির জনজাতি মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর। আরও অভিযোগ তাঁদেরকে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় তদন্তকারী সংস্থা সিবিআই, সোমবারই চার্জশিট জমা দিল। জানা গিয়েছে, চার্জশিটে মোট ৭ জন অভিযুক্তের নাম রয়েছে। তাঁদের মধ্যে একজন নাবালকও রয়েছে। এই ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও বেশ কয়েকদিন আগে সারা দেশ জুড়ে ভাইরাল হয়। ওই ভিডিওতে মধ্যযুগীয় বর্বরতা দেখে চমকে ওঠে সারা দেশ।

    নির্যাতিতা কী বললেন?

    ঘটনার ভিডিও ভাইরাল হতেই দুই নির্যাতিতার (Manipur Violence) মধ্যে একজন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। ওই নির্যাতিতার দাবি, খুনের ভয় দেখিয়ে দুষ্কৃতীরা জনসমক্ষে সেদিন তাঁকে বিবস্ত্র করেছিল। ওই ঘটনার পরে স্থানীয় থানাতে ১৮ মে এফআইআরও করেন নির্যাতিতা। ওই নির্যাতিতার আরও দাবি, ৪ মে তাঁর বাবা এবং ভাইকেও খুন করেছিল বিক্ষোভকারীরা। অভিযুক্তরা কেউই গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন ওই মহিলা। চলতি বছরের ২৭ জুলাই মণিপুরের সরকার এই ঘটনায় সিবিআই তদন্ত নির্দেশ চায় এবং সেই মতো স্বরাষ্ট্রমন্ত্রক তা অনুমোদনও করে। ২৯ জুলাই থেকে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই। সোমবারই জমা পড়ল তার চার্জশিট।

    মে মাস থেকেই অশান্ত মণিপুর

    প্রসঙ্গত চলতি বছরের মে মাস থেকেই উত্তপ্ত হয় মণিপুর। ৩ মে একটি মিছিলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ (Manipur Violence) ছড়ায় কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে। লুট, অগ্নিসংযোগ, হত্যা, গণধর্ষণ এ সমস্ত নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে ওঠে। এখনও পর্যন্ত ২০০ জনেরও বেশি নিহত হয়েছেন হিংসার ঘটনায়।  হিংসা ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যান মণিপুর সফর করেন বেশ কয়েকমাস আগে। ১০১ কোটি টাকার কেন্দ্রীয় প্যাকেজও ঘোষণা করেন অমিত শাহ। দুপক্ষের অর্থাৎ কুকি এবং মেইতেই সম্প্রদায়ের কাছে শান্তির আবেদনও জানান অমিত শাহ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ED: ১০ ঘণ্টা পর ইডি দফতর থেকে বের হলেন অভিষেকের আপ্তসহায়ক, কী তথ্য দিয়ে এলেন?

    ED: ১০ ঘণ্টা পর ইডি দফতর থেকে বের হলেন অভিষেকের আপ্তসহায়ক, কী তথ্য দিয়ে এলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তারপর ইডি (ED) দফতর থেকে বের হতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে। সোমবার দুপুর বারোটা নাগাদ ইডি দফতরে পৌঁছেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের আপ্ত সহায়ক। রাত দশটার কিছু আগে বের হন তিনি। তবে এদিন সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি সুমিত রায়। তবে তাঁকে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? সে সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করা হলে সুমিতের জবাব ‘‘এ নিয়ে কোনও মন্তব্য করব না।’’

    আদালতে সুমিতের আর্জি খারিজ 

    প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলা ছাড়া এর আগে কয়লা পাচারকাণ্ডেও সুমিতের নাম উঠে এসেছিল বলে খবর। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি সম্পর্কে তিনি কিছু জানেন কিনা! নিয়োগের জন্য কেউ তাঁর দ্বারস্থ হয়েছিল কিনা! এ সমস্ত কিছুই জানতে চেয়েছিলেন তদন্তকারীরা। সুমিতের বয়ান আপাতত খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, ইডি (ED)
     নোটিশ পাওয়ার পর গত শুক্রবারই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের আপ্ত সহায়ক। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করার আর্জি ছিল সুমিতের। তবে এই আর্জি আদালতে খারিজ হয়ে যায়। কলকাতা হাইকোর্ট জানায়, ভবিষ্যতে যদি কড়া পদক্ষেপ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তখন আদালতে তিনি আসতে পারেন।

    লিপস এন্ড বাউন্সের কর্মী ছিলেন সুমিত

    জানা গিয়েছে, লিপস এন্ড বাউন্স সংস্থার কর্মী হিসেবেই এক সময় কাজ করতেন সুমিত। সেখানে ইডির উদ্ধার করা এক হাজার পাতার নথি সূত্র ধরেই সুমিতকে প্রশ্ন করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। লিপস এন্ড বাউন্স সংস্থায় তাঁকে কে নিয়োগ করেছিলেন! সেখানে কী ভূমিকা ছিল সুমিতের! কী কাজ তিনি করতেন সেখানে! এ সমস্ত কিছুই জানতে চাওয়া হয়েছে তাঁর কাছে। প্রসঙ্গত, লিপস এন্ড বাউন্স সংস্থা থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে ডেকে পাঠানো হয় অভিষেকের স্ত্রী রুজিরাকেও। গত বুধবারই তিনি হাজিরা দেন। এর পাশাপাশি তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছিল ইডি দফতরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: বাংলায় পরিবর্তন আনাই লক্ষ্য! ঝটিকা সফরে কলকাতায় এসে বললেন অমিত শাহ

    Amit Shah: বাংলায় পরিবর্তন আনাই লক্ষ্য! ঝটিকা সফরে কলকাতায় এসে বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতিমুক্ত বাংলা চান, তার জন্যই দেবী দুর্গার আশীর্বাদ গ্রহণ করতে গুজরাট থেকে ছত্তিসগড় হয়ে কলকাতায় এসেছেন বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সন্ধ্যায় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধনে এসে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে সর্বশক্তি প্রয়োগ করব। বাংলা থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দ্রুত শেষ হোক, এই শক্তি মা আমাদের দিন, এই প্রার্থনা জানাই।”

    কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    শিয়ালদহের কাছে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে এবারের পুজোর মণ্ডপ তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদলে। সেই মণ্ডপের উদ্বোধন করতে দ্বিতীয়ার সন্ধ্যায় ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ওই পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা রাহুল সিনহা। ছিলেন মঠ ও মন্দিরের সাধু – সন্তরা। এদিন ফিতে কাটার কিছুক্ষণ  পরেই দিল্লির বিমান ধরার উদ্দেশে রওনা হয়ে যান অমিত শাহ। 

    বঙ্গবাসীকে শুভেচ্ছা 

    শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্যই এদিন বাংলায় এসেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। “রামমন্দির উদ্বোধনের আগে, আজ উত্তর কলকাতার এই মণ্ডপ গোটা বিশ্বের কাছে রাম জন্মভূমির বার্তা পৌঁছে দিচ্ছে” দাবি শাহের। তিনি বলেন, “আজ আমি কোনও রাজনীতির কথা বলতে আসিনি। আমি পশ্চিমবঙ্গে আসব, রাজনীতির কথাও বলব, আর এখানে পরিবর্তন আনতে সর্বশক্তি প্রয়োগ করব। জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধনের আগেই উত্তর কলকাতার মানুষ রাম মন্দিরের উদ্বোধন করে দিয়েছেন। সেজন্য আমি তাঁদের শুভেচ্ছা জানাই। প্যান্ডেলে মায়ের সামনে গিয়ে গোটা দেশের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করব।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Durga Puja Weather: রাতের পর থেকেই কমবে জলীয় বাষ্প, শীত শীত ভাব পুজোতেই

    Durga Puja Weather: রাতের পর থেকেই কমবে জলীয় বাষ্প, শীত শীত ভাব পুজোতেই

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর ঢাকে কাঠি পড়েছে। মহালয়ার বিকেল থেকেই চলছে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের পালা। দুর্গা পুজো বাঙালির কাছে এক শিল্পও বটে। নানান সাজে সেজেছে কলকাতা। কোথাও ডিজনি ল্যান্ড তো কোথাও চন্দ্রযান। কোথাও রাম মন্দির, কোথাও কেদার নাথ। শহরের বুকেই নানান দর্শন। পুজো মানেই সকাল থেকে রাত-পাঁচটা দিন চুটিয়ে আনন্দের সময়। ৮ থেকে ৮০ সব ভুলে পুজোর গন্ধে মাতোয়ারা থাকে। তাই পুজোর আকাশে কালো মেঘের আনাগোনা ভাবিয়ে তোলে উৎসবমুখর বাঙালিকে। তবে মৌসম ভবনমের পূর্বাভাসে (Weather Update) সেই চিন্তার ইতি।

    হালকা শীতের আমেজ

    পুজোর সময় আবহাওয়া (Weather Update) থাকবে মনোরম। এমনকি সেইসময় রাতে পাওয়া যাবে হালকা শীতের আমেজ। দিন ও রাতের তাপমাত্রা কমবে।ষষ্ঠী থেকে অষ্টমী অর্থাৎ ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বঙ্গে আবহাওয়া মনোরম থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। নবমী, দশমী অর্থাৎ ২৩ ও ২৪ অক্টোবর আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর কদিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দখিনা হাওয়ার পরিবর্তে উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে। ফলে প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, আড্ডায় বড় বাধা নেই। পাঁচ দিন দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর শেষের কদিন আকাশ আংশিক মেঘলা থাকলেও ভারী বৃষ্টি হবে না।

    আরও পড়ুন: পুজোর মুখে ফের চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি! একসপ্তাহে শহরে নতুন করে আক্রান্ত ১,৩৬৭

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া 

    রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হতে পারে যদিও। নবরাত্রির দ্বিতীয় দিনের পর থেকে তাও ক্রমশ কমতে শুরু করবে। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চল সহ কোনও কোনও জেলায় এই উইকেন্ডে ভোরের দিকে উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তৃতীয়া পর্যন্ত জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। ধীরে ধীরে জলীয় বাষ্প  কমবে। শুষ্ক হবে আবহাওয়া। পশ্চিমাঞ্চলের কিছু জেলায় চতুর্থী থেকে ভোরের দিকে সামান্য শিরশিরানি ভাব থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও।

    উত্তরের জেলায় সামান্য বৃষ্টি

    পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তরাই ডুয়ার্স ও সমতলে বৃষ্টির তেমন আর কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং,কার্শিয়ং ও কালিম্পং ছাড়া বাকি উত্তরবঙ্গে সোমবার রাতের পর থেকেই জলীয় বাষ্প কমতে শুরু করবে। তৃতীয়া থেকেই ভোরের দিকে উত্তুরে হাওয়ার প্রভাব অল্প অল্প করে অনুভূত হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Fake Passport: পাকিস্তানের আইএসআইয়ের জন্যও তৈরি হত জাল পাসপোর্ট! খতিয়ে দেখছে সিবিআই

    Fake Passport: পাকিস্তানের আইএসআইয়ের জন্যও তৈরি হত জাল পাসপোর্ট! খতিয়ে দেখছে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: জাল পাসপোর্টকাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে! কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার আধিকারিকরা জেনেছেন, জাল পাসপোর্ট (Fake Passport) তৈরির একটি চক্র রয়েছে। এই চক্রই জাল পাসপোর্ট তৈরির বরাত পায়। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইও এদের বরাত দেয়।

    পাসপোর্ট যেত আইএসআইয়ের হাতে

    বাংলাদেশের কোনও নাগরিকের নামে তৈরি হওয়া পাসপোর্ট চলে যায় আইএসআইয়ের হাতে। জঙ্গিরা যাতে ভায়া বাংলাদেশ ভারতে ঢুকতে পারে, তাই এমনতর ব্যবস্থা। এদের পাশাপাশি জাল পাসপোর্ট তৈরি করত জেএমবি এবং আকিসের মতো জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেলের সদস্যরাও। এই চক্রের পান্ডারা গত কয়েক মাসে বেশ সক্রিয় হয়ে উঠেছে বলে জেনেছেন গোয়েন্দারা। সিবিআই জেনেছে, মূলত দুটি রুট দিয়ে ভারতে ঢোকে জাল পাসপোর্টধারী জঙ্গিরা। এক, বাংলাদেশ হয়ে হিলি সীমান্ত টপকে এবং দুই, উত্তরবঙ্গ দিয়ে।

    জাল পাসপোর্ট চক্রের জাল 

    সিবিআইয়ের দাবি, এই জাল পাসপোর্ট চক্রের শিকড় ছড়িয়ে রয়েছে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত। গ্যাংটকের পাসপোর্ট অফিসের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফিসার গৌতম সাহাকে গ্রেফতারের পর এবার তদন্তকারীদের নজরে রয়েছেন কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসের এক কর্তাও। শনিবার দিনভর (Fake Passport) অভিযান চালিয়ে গৌতমের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল দীপু ছেত্রী নামে এক এজেন্টকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল মিডলম্যান বরুণজিৎ সিং রাঠোরকে। গভীর রাতে গ্রেফতার করা হয় তাকেও। জাল পাসপোর্ট তৈরি করে অনুপ্রবেশ করার মামলায় কলকাতা সহ রাজ্যের নানা প্রান্ত এবং গ্যাংটকের পাসপোর্ট অফিসের ২৫ জন কর্তা, একাধিক কর্মী ও এজেন্টের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। কলকাতা, উত্তরবঙ্গ এবং সিকিমের ৫০টি জায়গায় তল্লাশি করা হয়েছে।

    আরও পড়ুুন: শিশু-কিশোরীদের ধর্ষণ-খুন করে মাংস ভক্ষণ! নিঠারিকাণ্ডে দুই আসামিরই ফাঁসি রদ

    ভুয়ো পাসপোর্ট (Fake Passport) চক্রের জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত বলে জানতে পেরেছে সিবিআই। নেপালের একাধিক বাসিন্দার জন্মের শংসাপত্র সহ বিভিন্ন জাল কাগজপত্র ব্যবহার করে তাঁদের ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই জাল পাসপোর্ট তৈরির কাজে দার্জিলিংয়ের এক অফিসার যুক্ত বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি এক এজেন্ট প্রথমে ১৮টি ও পরে আরও ৯টি পাসপোর্ট তৈরির জন্য অফিসারদের ঘুষ দিয়েছিল বলে জানতে পেরেছে সিবিআই। এই ঘুষ নেওয়া আধিকারিকদের নামের তালিকাও তৈরি করছেন গোয়েন্দারা। উদ্ধার হওয়া ফোনের কললিস্ট থেকে গোয়েন্দারা জেনেছেন বিপুল অর্থ লেনদেন হয়েছে। ওই টাকা কোথায় গিয়েছে, তাও জানতে চাইছেন তদন্তকারীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • WB Legislative Assembly: পেশ হল বিল, আলোচনা হওয়ার আগেই মুলতুবি হয়ে গেল বিধানসভার অধিবেশন!

    WB Legislative Assembly: পেশ হল বিল, আলোচনা হওয়ার আগেই মুলতুবি হয়ে গেল বিধানসভার অধিবেশন!

    মাধ্যম নিউজ ডেস্ক: শোকপ্রস্তাব পাঠ করেই মুলতুবি হয়ে গেল বিধানসভার (WB Legislative Assembly) বিশেষ অধিবেশন। বিজেপির দাবি, যে বিল নিয়ে বিধানসভায় আলোচনা হওয়ার কথা ছিল, রাজ্যপাল তা নিয়ে আলোচনায় অনুমোদন দেননি বলেই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। এদিকে, বিধানসভায় বলতে না দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলের কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানানো হয়। রাজ্যের বেকার যুবক-যুবতীদের চাকরি এবং ডিএ বৃদ্ধির দাবিও জানান তাঁরা।

    বিশেষ অধিবেশন

    সোমবার ডাকা হয়েছিল বিধানসভার (WB Legislative Assembly) বিশেষ অধিবেশন। এক দিনের এই বিশেষ অধিবেশনে যোগ দেবেন না বলে প্রথমে জানিয়ে দিয়েছিল বিজেপি। পরে তারা শোনে, এই বিশেষ অধিবেশনে মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল নিয়ে আলোচনা হতে পারে। তার পরেই পদ্মশিবিরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় অধিবেশনে তারা যোগ দেবে। নীতিগতভাবে বিজেপি এই মুহূর্তে মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির বিপক্ষে। তাই বিধানসভায় গিয়ে প্রতিবাদ জানানোই শ্রেয় মনে করে বিজেপি। সেই মতো এদিন তারা সভায় যায়ও। বিলটিও পেশ হয়।

    বিজেপির বক্তব্য

    তার পর বিলের ওপর আলোচনা তো হলই না, উল্টে শোকপ্রস্তাব পাঠ করে মুলতুবি করে দেওয়া হল অধিবেশন। এদিন বিলটি বিধানসভায় (WB Legislative Assembly) পেশ করতে যান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। শুভেন্দুর দাবি, বিলটিতে স্বাক্ষর করেননি রাজ্যপাল। তাই এই বিল অনুমোদিত নয়। তাহলে কীভাবে পেশ করা হচ্ছে। বিজেপির হট্টগোলের জেরে মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন।

    আরও পড়ুুন: শিশু-কিশোরীদের ধর্ষণ-খুন করে মাংস ভক্ষণ! নিঠারিকাণ্ডে দুই আসামিরই ফাঁসি রদ

    রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “বাঙালি ও হিন্দুদের আঘাত করে এই অধিবেশন করা হচ্ছে। দেবীপক্ষের আগে দুর্গাপুজোর উদ্বোধনের মতো নবরাত্রির দ্বিতীয় দিন। আজ দ্বিতীয়া। আজ আমাদের বিধানসভায় ডেকে এনেছে। উপোস থাকি দিনের বেলা। ডেকে নিয়ে এসেছে। অষ্টমীর দিন মদের দোকান খুলেছে প্রথম স্বাধীনতার পরে। এবার অষ্টমীর দিন মদের দোকান খোলা থাকবে। অষ্টমীকে বলা হয়ে ভেজ ডে। ব্রিটিশরাও বন্ধ রাখত।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Kolkata Metro: জানুয়ারিতে চালু হবে জোকা-মাঝেরহাট মেট্রো, কতটা সুবিধে হবে যাত্রীদের?

    Kolkata Metro: জানুয়ারিতে চালু হবে জোকা-মাঝেরহাট মেট্রো, কতটা সুবিধে হবে যাত্রীদের?

    মাধ্যম নিউজ ডেস্ক: কম সময়ের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল মেট্রো। শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে অথবা শহরতলি থেকে কলকাতা শহরে আসতে প্রচুর মানুষ মেট্রো (Kolkata Metro) পরিষেবা নিয়ে থাকেন। বর্তমানে মোট তিনটি করিডরে মেট্রো পরিষেবা চলছে। উত্তর-দক্ষিণ শাখা হল দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, ইস্ট-ওয়েস্ট শাখায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এবং জোকা-এসপ্ল্যানেড করিডর, যা বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত চলছে।

    ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের সম্প্রসারণে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত, মাটির নিচ দিয়ে গঙ্গার কাজ দ্রুত কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। অপর দিকে জোকা থেকে তারাতলা পর্যন্ত লাইনকে সম্প্রসারণ করে মাঝেরহাট পর্যন্ত করা হচ্ছে। দ্রুত কাজ শেষ করে জানুয়ারি থেকেই মেট্রো পরিষেবা চালু হবে। প্রতি ১০ মিনিট অন্তর অন্তর মেট্রো চলেবে বলে জানা গিয়েছে। ভীষণ ভাবে উপকৃত হবেন যাত্রীরা। 

    ৪৫ সেকেন্ডে গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো (Kolkata Metro)

    মেট্রো সূত্রে জানা গিয়েছে, ইস্ট-ওয়েস্ট করিডরে প্রস্তাবিত রুটটির দৈর্ঘ্য হল ১৬.৫৫ কিমি। ইতিমধ্যেই ৯.৩০ কিমির কাজ শেষ হয়েছে। এই বছরের ডিসেম্বরে মাসেই ৪.৮০ কিমি এবং আগামী বছর জুন মাসের মধ্যে বাকি আরও প্রায় আড়াই কিমি মেট্রো লাইনের কাজ সম্পন্ন হবে। এই প্রকল্পের মোট ১৬.৫৫ কিমি মেট্রো লাইনের মধ্যে, ৫২০ মিটার পথ গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ পথে চলবে মেট্রো (Kolkata Metro)। যা পার করতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড।

    কী জানাচ্ছে মেট্রো?   

    মেট্রো সূত্রে জানা গিয়েছে, তারাতলা থেকে জোকার লাইনকে সম্প্রসারণ করে মাঝেরহাট পর্যন্ত ৮.৫ কিমি রেলের সিগন্যালিং-এর কাজ বাকি রয়েছে। আগামী জানুয়ারির মধ্যে এই কাজ শেষ হবে। সেই সঙ্গে দুই দিকের লাইনের মাল্টিরেক অপারেশনের কাজও শেষ হয়ে যাবে। বর্তমানে ইলেকট্রিক ইন্টারলিকংয়ের কাজ চলছে। জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬.৫ কিমি যাত্রা পথের কাজ চলছে। এবার তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত ২ কিমির কাজ নভেম্বর থেকে শুরু হবে। এই কাজ শেষ হলে জানুয়ারিতে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চালু হবে। এখন জোকা থেকে তারাতলা একমুখী যাত্রায় সারাদিনে ২৪টি মেট্রো চলছে, ফলে যাত্রীদের মেট্রোর জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়। কিন্তু তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত লাইন সম্প্রসারণ হলে, দুই দিক থেকেই মেট্রো চললে প্রতি ১০ মিনিট অন্তর অন্তর পাওয়া যাবে মেট্রো (Kolkata Metro)। এই প্রসঙ্গে মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র বলেন, “মূলত ডিসেম্বরের মধ্যেই টার্গেট আমাদের। সবকিছু তৈরি হয়ে গিয়েছে। ছোট ছোট কাজ রয়েছে, যা ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছি আমরা।”

    সুবিধা পাবেন রেল যাত্রীরাও

    মাঝেরহাট রেল স্টেশনের সঙ্গে মেট্রো লাইন সংযুক্ত হলে, রেলের যাত্রীরা ব্যাপক সুবিধা পাবেন। শিয়ালদা-বজবজ শাখার যাত্রীরা মেট্রোর সুবিধা পাবেন। দক্ষিণের শহরতলির নানা জায়গা থেকে আসা যাত্রীরা, মাঝেরহাট থেকে মেট্রো (Kolkata Metro) ব্যবহার করে বেহালা, জোকাতে পৌঁছাতে পারবেন। এছাড়াও যাত্রীদের বালিগঞ্জ, টালিগঞ্জ, আলিপুর থেকে বেহালা যাওয়ার সময় মেট্রো পথ বেশ নির্ভরযোগ্য হবে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Earthquake: দিল্লির পর ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড়! আতঙ্কিত এলাকাবাসী

    Earthquake: দিল্লির পর ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড়! আতঙ্কিত এলাকাবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভূকম্পন (Earthquake) উত্তর ভারতে। দিল্লির পর এবার কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড়। গতকাল, রবিবার দিল্লি সহ এনসিআরের অঞ্চল কেঁপে উঠেছিল ভূমিকম্পে। রিখটার স্কেলের এদিনের কম্পনের মাত্রা ছিল ৪।

    কখন কম্পন অনুভূত হয় (Earthquake)?

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে বলা হয়, ভূমিকম্পের (Earthquake) উৎস ছিল উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে উত্তর-পর্ব দিকে ৪৮ কিমি দূরে। এদিন সকাল ৯টা বেজে ১১ মিনিটে কম্পন অনুভব করা যায়। কম্পনের কারণে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    দিল্লিতেও ভূমিকম্প হয়

    গতকাল দিল্লিতে ভূমিকম্পের (Earthquake) কারণে দেশের রাজধানীতে কম্পন অনুভব করা গিয়েছিল। ওই দিন ঠিক দুপুরবেলার পরে পরেই ৪টে ৮ মিনিট নাগাদ সময়ে কম্পনের জেরে কেঁপে ওঠে দিল্লি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছিল, এই ভূমিকম্পের উৎস ছিল হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিমি পূর্বে। ফলে দিল্লি সহ নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এলাকাতেও ভূকম্পন অনুভূত হয়েছিল। এছাড়াও উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছিল। উত্তরাখণ্ডের কিছু কিছু অংশ, চণ্ডীগড়, জয়পুরেও কম্পনের প্রভাব পড়ে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৪.৬, ৬.২, ৩.৮ এবং ৩.১।

    এলাকায় এই ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। এলাকার মানুষের মধ্যে শোরগোল পড়ে যায়। ভয়ে মানুষ এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করে দিয়েছিলেন। উল্লেখ্য আবারও আফগানিস্তানের এদিন ভূমিকম্প অনুভব করা যায়। এই কম্পনের কেন্দ্র ছিল হেরাট প্রদেশে এবং কম্পনের মাত্রা ছিল ৬.৩।

    ভূবিজ্ঞানীদের মতামত

    দিল্লির ভূমিকম্প (Earthquake) নিয়ে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির নির্দেশক ভূবিজ্ঞানীর ওপি মিশ্র জানিয়েছেন, “ভারতে ভূমিকম্পের প্রবণতা রয়েছে। প্রতিদিন খুব মৃদু মাত্রায় ভূমিকম্প হয়ে থাকে। জমে থাকা শক্তি মাঝে মাঝেই মুক্ত হতে থাকে। ফলে সেই থেকেই অনেক সময় কম্পন জোরাল হয়ে যায়।” ভারতের টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে ভারতীয় উপমাহদেশের ঘনঘন ভূমিকম্প হয়। সম্প্রতি সময়কালে বারবার কম্পনের কবলে পড়েছে দিল্লি। আগামী দিনে বড় বিপর্যয়ের সম্ভাবনার কথাও বিজ্ঞানীরা বলেছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dengue Update: পুজোর মুখে ফের চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি! একসপ্তাহে শহরে নতুন করে আক্রান্ত ১,৩৬৭

    Dengue Update: পুজোর মুখে ফের চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি! একসপ্তাহে শহরে নতুন করে আক্রান্ত ১,৩৬৭

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজো এসে গিয়েছে। মহালয়ার পর থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার ভিড়। এরই মধ্যে উৎসবের শহরে ফের চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। গত সপ্তাহে কলকাতা থেকে ১,৩০০টিরও বেশি নতুন ডেঙ্গি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। গত দু’সপ্তাহ আগে ১২৭৬ জন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল। এর মাঝে একধাক্কায় অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা। বিধাননগর এবং দক্ষিণ দমদমের মতো পার্শ্ববর্তী পুর এলাকায় বেশ কয়েকজন মানুষও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 

    ফের ডেঙ্গির প্রকোপ

    জানুয়ারি থেকে শহরে ডেঙ্গিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭,৪২২। রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা ৭০ হাজার পেরিয়েছে। মারা গিয়েছেন ৬২ জনের মতো। কেএমসি আধিকারিকরা বলেছেন, যে সাপ্তাহিক সংক্রমণের সংখ্যা যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সঙ্কটজনক হতে খুব বেশি সময় লাগে না। সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গির সংক্রমণ বেশি থাকে৷ পুজোর মধ্যেও ডেঙ্গি সংক্রমণের ভয় থাকবে। শহরের নানা হাসপাতালগুলোর সূত্রে খবর, এখনও দৈনিক ৪-৫ জন করে ডেঙ্গি আক্রান্ত প্রতিটি হাসপাতালে ভর্তি হচ্ছেন।

    আরও পড়ুন: আতঙ্ক ‘শ্রীভূমি’! প্রতিপদেই থিকথিকে ভিড়, যানজটে আটকে বিমানযাত্রী, অসুস্থ রোগী, শিশু ও বয়স্কেরা

    কেন বাড়ল ডেঙ্গি

    স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ১৬টি জেলা এবং স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৮১৮ জন। ১১ অক্টোবর পর্যন্ত, গোটা রাজ্যে আক্রান্ত প্রায় ৬২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ। উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক ১৩ হাজার ৭১৬ জন। ২ নম্বরে কলকাতা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৪৯। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫২। ডেঙ্গি প্রতিরোধে আধা শহরাঞ্চলে জল ও আবর্জনা নিষ্কাশনের কথা বলা হলেও, কাজের কাজ হচ্ছে না। জনগণের দাবি, জল জমে থাকছে। যত্রতত্র আবর্জনার স্তুপ, তাই এভাবে ফের পুজোর মুখে ডেঙ্গির প্রকোপ বাড়ল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: কৈলাস তীর্থে যেতে পারবেন না বলিউডের ‘শাহেনশা’! কী পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী?

    PM Modi: কৈলাস তীর্থে যেতে পারবেন না বলিউডের ‘শাহেনশা’! কী পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের পার্বতী কুণ্ড দর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রার্থনা করেছেন আদি কৈলাসের কাছেও। পরে এই দু’টি জায়গা ‘মাস্ট ভিজিটে’র তালিকায় রেখেছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সেই পোস্ট দেখেছেন অমিতাভ বচ্চন। তার পরেই এই দুই দেবস্থানে যেতে পারবেন না বলে আক্ষেপ প্রকাশ করেছেন বলিউডের শাহেনশা।

    কী লিখলেন বচ্চন?

    এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে অমিতাভ লিখেছেন, “ধর্মভাব…রহস্য…কৈলাস পর্বতের দেবত্ব, দীর্ঘদিন ধরে আমার কৌতূহল বাড়িয়েছে। কিন্তু ট্র্যাজেডি হল যে আমি কখনও ব্যক্তিগতভাবে সেখানে যেতে পারব না।” তবে ঠিক কী কারণে তিনি পার্বতী কুণ্ড, আদি কৈলাস দর্শনে যেতে পারবেন না, তা জানাননি সিনিয়র বচ্চন।

    মোদির পরামর্শ

    জনপ্রিয় এই অভিনেতার আক্ষেপের কথা জেনেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। তার পরেই তাঁকে অন্য দু’টি জায়গায় যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “আগামী সপ্তাহে কচ্ছে রান উৎসব শুরু হচ্ছে। আমি আপনাকে আবেদন করব, আপনি কচ্ছে যান। স্ট্যাচু অফ ইউনিটি দেখাও আপনার বাকি রয়েছে।”

    ১২ অক্টোবর দু’দিনের সফরে উত্তরাখণ্ড গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরে তিনি পুজো দিয়েছিলেন পার্বতী কুণ্ডে। আদি কৈলাস শিখরের দিকে তাকিয়ে প্রার্থনাও করেন। সেই ছবিই পোস্ট করে মাস্ট ভিজিট লিখেছিলেন প্রধানমন্ত্রী। তার পরেই বচ্চনের ওই প্রতিক্রিয়া এবং প্রধানমন্ত্রীর পরামর্শ। ওই দুই ‘মাস্ট ভিজিট’ সেরে প্রধানমন্ত্রী (PM Modi) যান গুঞ্জি গ্রামে। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। যোগ দেন স্থানীয় একটি হস্তশিল্প প্রদর্শনীতে। তাঁর সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

    আরও পড়ুুন: স্বাধীনতার পর এই প্রথম পালন হচ্ছে নবরাত্রি, কাশ্মীরের শারদা পীঠে ভক্তের ঢল

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share