Blog

  • Sharda Temple: স্বাধীনতার পর এই প্রথম পালন হচ্ছে নবরাত্রি, কাশ্মীরের শারদা পীঠে ভক্তের ঢল  

    Sharda Temple: স্বাধীনতার পর এই প্রথম পালন হচ্ছে নবরাত্রি, কাশ্মীরের শারদা পীঠে ভক্তের ঢল  

    মাধ্যম নিউজ ডেস্ক: ৭৫ বছর পরে ঘটা করে শারদ নবরাত্রি উৎসব পালন করা হচ্ছে কাশ্মীরের শারদা মন্দিরে (Sharda Temple)। দেশ-বিদেশের বহু ভক্ত নিত্য দিন যোগ দিচ্ছেন উৎসবে। স্বাভাবিকভাবেই খুশি মন্দির কর্তৃপক্ষ। খুশি স্থানীয় বাসিন্দারাও।

    নবনির্মিত শারদা মন্দির

    কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই তৈরি হয়েছে নবনির্মিত শারদা মন্দির। অবিভক্ত ভারতবর্ষে শারদাপীঠে নিত্যপুজো হত। দেশ-বিদেশের লোকজন আসতেন এই সতীপীঠ দর্শনে। কহ্লনের ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থে এই পীঠের উল্লেখ রয়েছে। হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র এহেন একটি পীঠে পুজোপাঠ বন্ধ হয়ে যায় দেশভাগের পর। লোপাট হয়ে যায় মন্দিরের বিগ্রহ। পরে অশান্ত হয়ে ওঠে কাশ্মীর। দলে দলে হিন্দু পণ্ডিতরা উপত্যকা ছাড়তে থাকেন। ঠায় দাঁড়িয়ে থাকে ইতিহাসখ্যাত এই মন্দিরের ধ্বংসাবশেষ।

    শারদ নবরাত্রির পুজোপাঠ

    ২০১৪ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  উদ্যোগী হন শারদাপীঠ (Sharda Temple) পুনর্নির্মাণে। তার আগে কাশ্মীর থেকে রদ হয় ৩৭০ ধারা। ধীরে ধীরে ভূস্বর্গ ফিরে যেতে থাকে হিংসা-পর্বের আগের অধ্যায়ে। নতুন করে তৈরি করা হয় শারদা মন্দির। প্রতিষ্ঠা করা হয় বিগ্রহও। সেই মন্দিরেই চলছে শারদ নবরাত্রির পুজোপাঠ। মহালয়ার পর প্রতিপদ থেকে টানা ন’ দিন ধরে মহামায়ার ন’টি রূপের পুজো হয়। একেই বলা হয় নবরাত্রি উৎসব। এই উৎসবই এবার ঘটা করে পালন করা হচ্ছে শারদাপীঠে।

    আরও পড়ুুন: নবদুর্গার দ্বিতীয় রূপ দেবী ব্রহ্মচারিণী, জানুন তাঁর পৌরাণিক আখ্যান

    হাম্পির স্বামী গোবিন্দানন্দ সরস্বতী কর্নাটক থেকে এখানে এসে পৌঁছেছেন। কাশ্মীরি পণ্ডিতদেরও কয়েকজন উপস্থিত হয়েছেন ভূস্বর্গের এই তীর্থে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন একে রায়না। পেশায় নাট্যকর্মী রায়না অভিনয় করেছিলেন ‘কাশ্মীর ফাইলস’ সিনেমায়ও।

    ‘সেভ শারদা কমিটি কাশ্মীরে’র প্রধান রবীন্দর পণ্ডিত বলেন, “নিয়ন্ত্রণ রেখার কাছে দেশভাগের পর এই প্রথম হচ্ছে নবরাত্রি উৎসব পালন। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। ১৯৪৭ সালে হিংসার আগুন পুড়ে গিয়েছিল শারদা মন্দির (Sharda Temple) এবং একটি গুরুদ্বার। সেই একই জমিতে ফের গড়ে তোলা হয়েছে মন্দির এবং গুরুদ্বার। পুরানো মন্দির ও গুরুদ্বারের আদলেই তৈরি করা হয়েছে নতুনগুলি। চলতি বছর ২৩ মার্চ এই মন্দির ও গুরুদ্বারের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।”

    মন্দিরে ফের ঘটা করে পুজোপাঠ হওয়ায় খুশি স্থানীয়রা। আজাজ খান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “এটা আমরা দীর্ঘদিন ধরে চাইছিলাম। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্য ফিরে আসার সাক্ষী হতে পেরেছি বলে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না।”

    ভূস্বর্গে হাসি ফিরিয়ে আনলেন প্রধানমন্ত্রী মোদিই!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sreebhumi Puja Pandel: আতঙ্ক ‘শ্রীভূমি’! প্রতিপদেই থিকথিকে ভিড়, যানজটে আটকে বিমানযাত্রী, অসুস্থ রোগী, শিশু ও বয়স্কেরা

    Sreebhumi Puja Pandel: আতঙ্ক ‘শ্রীভূমি’! প্রতিপদেই থিকথিকে ভিড়, যানজটে আটকে বিমানযাত্রী, অসুস্থ রোগী, শিশু ও বয়স্কেরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘড়িতে তখন রবিবার সন্ধ্যা ৬টা! যশোর রোড লেকটাউনের মুখ থেকে কোলে শিশু-কন্যাকে নিয়ে নেমে পড়লেন মা। বাস ঢুকবে না ভিআইপি রোডের দিকে। পুলিশ জানাল, রাস্তা বন্ধ। কারণ, শ্রীভূমি! অটোর লাইনে দাঁড়িয়ে শ-দেড়েক মানুষ। রিক্সা নেই! রাস্তায় যেন জনসমুদ্র। প্রতিপদ না সপ্তমীর (Durga Puja 2023) সন্ধ্যা বোঝা দায়! গন্তব্য শ্রীভূমি।

    তীব্র যানজট, দিশেহারা মানুষ

    লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Sreebhumi Sporting Club))। শ্রীভূমির এবারের থিম, ডিজনিল্যান্ড। যা দেখতে ইতিমধ্যে লোকের ভিড় (Traffic jam) বাড়তে শুরু করেছে। আর এই ভিড়ের প্রভাব পড়তে শুরু করেছে যান চলাচলেও। বলা ভাল, লেকটাউনে ব্রিজে ওঠার মুখ একেবারে থমকে গিয়েছে। তাই যাঁরা বিমানবন্দর যাবেন, তাঁদের অন্য পথে যাওয়ার পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীর আর্জি হেলায় উড়িয়ে কলকাতার উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়ছে ‘শ্রীভূমি’আতঙ্ক। লেকটাউন ব্রিজে ওঠার মুখে তীব্র যানজট। খুব ধীরে গাড়ি এগোচ্ছে। বলা যায়, যে পথ যেতে ২০-৩০ মিনিট সময় লাগে, সেটা পৌঁছতে রবিবার সময় লেগেছে ১ ঘণ্টা। শয়ে-শয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

    ঘুরপথে বিমানবন্দরে

    বাইপাস থেকে এয়ারপোর্ট যাওয়ার সহজতম রুট হল লেকটাউন ব্রিজ। কিন্তু, যেরকম যানজট হয়েছে, সেখানে এয়ারপোর্ট পৌঁছতে অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে। তাই এয়ারপোর্ট যেতে হলে চিংড়িঘাটা ফ্লাইওভার থেকে নিউ টাউনের রাস্তা ধরার পরামর্শ দিচ্ছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। যদিও সেক্ষেত্রে অনেকটা রাস্তা ঘুরতে হবে। কিন্তু, যানজট এড়াতে এবং সময়ের মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে আর কোনও উপায় দেখছে না পুলিশ। বিমানবন্দর মুখী বাইপাস, বা হাডকো মোড় থেকে উল্টোডাঙা মেন রোডের দিকে যান চলাচল সন্ধার পর থেকেই কিছুটা ধীর গতিতে চলতে শুরু করছে।

    আরও পড়ুন:কলকাতায় রামমন্দির! উদ্বোধনে অমিত শাহ, দুপুর ২টোয় বিমানবন্দরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী

    বন্ধ রাস্তা

    ভিআইপি ব্রিজ থেকে কলকাতা স্টেশন রোড এবং ক্যানাল সার্কুলার রোডের মুখে সন্ধ্যার পর থেকেই প্রচণ্ড জ্যাম হতে শুরু করে দিয়েছে। গাড়ি চলাচলের গতি অনেকটাই কমে গিয়েছে। প্রতিপদের রবিবার যা অবস্থা তাতে আগামী, রবিবার অষ্টমীর দিনে ভিড় সামলানো পুলিশের পক্ষে সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সতর্কবার্তাও যে শ্রীভূমি-আতঙ্ক কাটাতে পারল না, তা রবিবার প্রতিপদে তালগোল পাকানো যান-ব্যবস্থাতেই পরিষ্কার হয়ে গেল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • MLAs Salary: সই করেননি রাজ্যপাল! মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি বিলের আলোচনায় অংশ নেবে বিজেপি?

    MLAs Salary: সই করেননি রাজ্যপাল! মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি বিলের আলোচনায় অংশ নেবে বিজেপি?

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্ত্রী ও বিধায়কদের বেতন (MLAs Salary) সংক্রান্ত দুটি বিল পাশ করাতে সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে রাজ্য সরকার। আজ, দ্বিতীয়ায় দুটি আইনে সংশোধনী আনার চেষ্টায় রাজ্য। বিজেপি এই বিলের বিরোধিতা করবে বলে আগেই জানিয়েছিল। তারা এই অধিবেশনে থাকবে না ভাবলেও শেষবেলায় সিদ্ধান্ত বদল করে বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari) অধিকারী জানিয়েছেন, তাঁরা সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনের হাজির থাকবেন। 

    পুজোর মধ্যেই তড়িঘড়ি অধিবেশন

    দুটি বিল সংক্রান্ত নথি রাজভবনে পাঠানো হলেও এখনও পর্যন্ত অনুমোদন মেলেনি রাজ্যপালের। ফলে অধিবেশনে বিল উত্থাপন করা বা টেবিল করা অনিশ্চিত হয়ে পড়েছে। রবিবার এই অধিবেশন সংক্রান্ত প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, ‘আমরা কাল সকাল ১১টায় সবাইকে ডেকেছি। আমরা ভিতরে ঢুকব। জোরালো ভাবে বিলের বিরোধিতা করব।’ গত ৭ সেপ্টেম্বর বিধানসভার অধিবেশনে মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৃদ্ধির প্রস্তাব ছাড়পত্রের জন্য দু’টি বিলে সংশোধনীর প্রয়োজন রয়েছে। তার জন্যই কার্যত পুজোর মধ্যেই তড়িঘড়ি একদিনের অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

    আরও পড়ুন:কলকাতায় রামমন্দির! উদ্বোধনে অমিত শাহ, দুপুর ২টোয় বিমানবন্দরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী

    কেন বিলের বিরোধিতা

    আজই, পুজো উদ্বোধনের জন্য শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এই অধিবেশনে না থাকার কথা জানিয়েছিল বিজেপি। কিন্তু, দলের বিধায়কদের একাংশ চাইছেন, বিলগুলি নিয়ে নিজেদের বিরোধিতা লিপিবদ্ধ রাখতে। সে কারণে তাঁরা শেষ মুহূর্তে অধিবশেন থাকার সিদ্ধান্ত নিয়েছেন। জনগণকে বার্তা দিতেই তাঁদের এই সিদ্ধান্ত। বিজেপির যুক্তি রাজ্য সরকার চাকরি দিতে ব্যার্থ। কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দিতে অসমর্থ। আর মন্ত্রী বিধায়কদের বেতন বাড়াতে তৎপর। তাই এই বিল নিয়ে বিরক্ত বিজেপি। তাই, বিজেপি বিধায়কদের বিরোধিতায় বিল আলোচনার সময় উতপ্ত হতে পারে বিধানসভার অধিবেশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Israel-Hamas War: গাজায় চরম আঘাত হানতে প্রস্তুত ইজরায়েলি সেনা, নাগরিকদের সরতে নির্দেশ

    Israel-Hamas War: গাজায় চরম আঘাত হানতে প্রস্তুত ইজরায়েলি সেনা, নাগরিকদের সরতে নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ৭ অক্টোবর ইজরায়েলের ওপর রকেট হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী হামাস। তারপর থেকেই চলছে ইজরায়েল ও হামাস বাহিনীর যুদ্ধ। ইজরায়েলের (Israel-Hamas War) পাল্টা আঘাতে বেসামাল গাজা। পরপর রকেট হামলায় চারিদিকে ধ্বংসের ছবি ধরা পড়ছে গাজায়। অন্যদিকে ইজরায়েল থেকে কাতারে কাতারে সেনা ঢুকছে গাজায়। গাজা সীমান্ত সম্পূর্ণভাবে দখল নিয়েছে ইজরায়েল বাহিনী। আপাতত সবুজ সংকেতের অপেক্ষা করছে সেনা। নির্দেশ মিললেই জল-স্থল-বিমানবাহিনী একযোগে হামলা চালাবে গাজায়।

    গাজার নাগরিকদের সরে যাওয়ার সুরক্ষিত রুট ঘোষণা ইজরায়েলের

    ইজরায়েলের প্রশাসনের তরফ থেকে মানবিক দৃষ্টিভঙ্গিও দেখা গিয়েছে অভিযানে।  গাজা শহরের দখল নেওয়ার সময় যাতে কোনও সাধারণ নাগরিক নিহত না হয়, সেজন্য শহরের ১১ লাখ বাসিন্দাকে অবিলম্বে এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেয় ইজরায়েল সেনা। কীভাবে তাঁরা উত্তর থেকে দক্ষিণ গাজায় পৌঁছাবেন তার সুরক্ষিত রাস্তাও বলে দেয় ইজরায়েল সেনাবাহিনী। তবে এখানেও নিজের দেশের নাগরিকদেরই পাল্টা আক্রমণ করেছে হামাস জঙ্গিগোষ্ঠী। কোনওভাবে যেন তারা গাজা ছেড়ে যেতে না পারে, তার জন্য লাগাতার বোমা বর্ষণ করে চলেছে হামাস। কেড়ে নেওয়া হচ্ছে গাড়ির চাবিও। আপাতত গাজাকে সম্পূর্ণভাবে ধ্বংস (Israel-Hamas War) করতে কার্যত প্রস্তুত ইজরায়েলের সেনা। মার্কিন যুক্তরাষ্ট্রও ইজরায়েলের পাশেই দাঁড়িয়েছে।

    ইজরায়েলের নারী বাহিনীতে শহিদ ৩ ভারতীয় বংশোদ্ভূত মহিলা

    হামাসের বিরুদ্ধে যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে অংশগ্রহণ করেছে ইজরায়েলের নারী বাহিনীও (Israel-Hamas War)। হামাসের আক্রমণে ইজরায়েলের নারী বাহিনীর তিনজন ভারতীয় বংশোদ্ভূত মহিলার মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে একজন ইজরায়েল পুলিশ বাহিনীর সদস্য এবং অন্যরা ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অংশ। যুদ্ধে শহিদ হওয়া ভারতীয় বংশোদ্ভূত মহিলারা প্রত্যেকেই ভারতীয় ইহুদি সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। তাঁদের আদি বাসস্থান এদেশের মহারাষ্ট্রে। অন্যদিকে রবিবার রাজধানী তেল আভিভের সামরিক দফতরে এক উচ্চপর্যয়ের বৈঠক হয়। এখানে হামাসের হামলায় মৃত ১,৩০০ নাগরিকের উদ্দেশে নীরবতা পালন করেন ইজরায়েলের মন্ত্রীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত! সবার নিচে অস্ট্রেলিয়া, আর কে কোথায়?

    ICC World Cup 2023: বিশ্বকাপে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত! সবার নিচে অস্ট্রেলিয়া, আর কে কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের মাটিতে বিশ্বকাপ (ICC World Cup 2023) জয়ই লক্ষ্য ভারতের। সেই পথে আপাতত মসৃণভাবেই এগোচ্ছে রোহিত-ব্রিগেড। দুরন্ত শুরু করেছে মেন ইন ব্লু। এখন বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচে ভারতের পয়েন্ট ছয়। জিতেছে তিনটি ম্যাচেই। দাপটের সঙ্গে হারিয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানকে। নেট রানরেট +১.৮২১। 

    পয়েন্ট তালিকায় প্রথম তিন

    ভারতের মতোই বিশ্বকাপ (ICC World Cup 2023)  যাত্রা এখনও পর্যন্ত সুখের ব্ল্যাক ক্যাপসদের। জয়ের হ্যাটট্রিক করেছে নিউজিল্যান্ডও। তিনটি ম্যাচ খেলে ছয় পয়েন্টে রয়েছে তাঁদের ঝুলিতে। ভারতের থেকে শুধুমাত্র নেট রানরেটে পিছিয়ে আছে কিউইরা। তাঁদের নেট রানরেট +১.৬০৪। আপাতত বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ডের থেকে নেট রানরেট ভালো একমাত্র প্রোটিয়াদের। নেট রানরেট +২.৩৬০। তবে আপাতত দুটি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। দু’ম্যাচের শেষে ঝুলিতে আছে চার পয়েন্ট। 

    চাপে ইংল্যান্ড

    পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। ইংল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে য়াওয়ায় প্রথমে চারে থাকল পাকিস্তান। রবিবার আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২৮৪ রান করে। ৮০ রান করেন রহুমানুল্লা গুরবাজ। আফগানিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২১৫ রানে। তিনটি করে উইকেট নেন মুজিব উর রহমান এবং রশিদ খান। এই ম্যাচে ইংল্যান্ড জিতে গেলে প্রথম চারের বাইরে চলে যেতেন বাবর আজমরা। তিনটি ম্যাচের শেষে ইংল্যান্ডের ঝুলিতে আছে দুই পয়েন্ট। একটি ম্যাচে জিতেছে। দুটি ম্যাচে হেরেছে। নেট রানরেট -০.০৮৪। অর্থাৎ এবার বিশ্বকাপে (ICC World Cup 2023) প্রবল চাপে পড়ে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

    আরও পড়ুন: ভারতে হবে অলিম্পিক! কবে? কী বললেন প্রধানমন্ত্রী?

    বিশ্বকাপের (ICC World Cup 2023)  পয়েন্ট তালিকায় পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ নম্বর স্থানে যথাক্রমে রয়েছে, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত পয়েন্ট তালিকা অনুযায়ী, শেষ চারে যাওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় রয়েছে, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। চার নম্বর স্থানের জন্য লড়াই চলছে। তবে খাতায়-কলমে এখনও পর্যন্ত সব দলের সামনেই সেমিফাইনালের রাস্তা খোলা রয়েছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন! কাঠগড়ায় তৃণমূলের মহুয়া

    Mahua Moitra: ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন! কাঠগড়ায় তৃণমূলের মহুয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠল কৃষ্ণনগরের সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি পাঠালেন সাংসদ বিজেপির নিশিকান্ত দুবে। মহুয়ার সাংসদ পদ কেড়ে নেওয়ার আবেদনও জানানো হয়েছে।

    মহুয়ার বিরুদ্ধে অভিযোগ আইনজীবীরও

    আইনজীবী অনন্ত দেহাদরিও মহুয়ার বিরুদ্ধে একই অভিযোগ তুলে চিঠি দিয়েছেন সিবিআই প্রধানকে। নিশিকান্ত ও অনন্ত দু’জনেরই অভিযোগ, ব্যবসায়ী দর্শন হিরনানদানির কাছ থেকে অর্থ নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলেছেন কৃষ্ণনগরের সাংসদ। এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম জড়িয়েছেন মহুয়া।

    স্বাধিকার ভঙ্গের অভিযোগ

    রবিবার স্পিকারকে (Mahua Moitra) দেওয়া চিঠিতে মহুয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গ ও সংসদের অবমাননার অভিযোগ তোলা হয়েছে। ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিকান্তর দাবি, ব্যবসায়ী হিরনানদানির স্বার্থ দেখতে নগদ টাকা ও উপহারের বিনিময়ে লোকসভায় প্রায় ৫০টি প্রশ্ন তুলেছেন মহুয়া। তাঁর দাবি, বিষয়টি ফৌজদারি অপরাধ। তৃণমূল সাংসদের প্রশ্ন শোনার পর সরব হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাংসদ সৌগত রায়ের নামও উল্লেখ করেছেন গোড্ডা লোকসভা কেন্দ্রের সাংসদ।

    ২০০৫ সালের ১২ ডিসেম্বরের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন নিশিকান্ত। তিনি লিখেছেন, চতুর্দশতম লোকসভায় ২০০৫ সালের ১২ ডিসেম্বর অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগ উঠলে তৎকালীন স্পিকার একটি  তদন্ত কমিটি গঠন করেছিলেন। তদন্তের পরে মাত্র ২৩ দিনের মধ্যে লোকসভার ১০ সাংসদকে অপসারিত করা হয়েছিল। মহুয়াকে অবিলম্বে সাসপেন্ড করার আর্জি জানিয়েছেন।

    আরও পড়ুুন: সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ‘রাম মন্দির’ উদ্বোধনে অমিত শাহ, সাজো সাজো রব

    এক্স হ্যান্ডেলে মহুয়া (Mahua Moitra) বলেন, “যে কোনও তদন্তের জন্য প্রস্তুত।” তাঁর সংযোজন, সিবিআইকেও স্বাগত জানাচ্ছি। তারা আমার বিরুদ্ধে অনুসন্ধান করতে পারে। কিন্তু তার আগে আদানির সমস্ত অর্থ কোন পথে সমুদ্রের ওপারে পৌঁছচ্ছে, সেটাও তাদের খুঁজে বের করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ‘রাম মন্দির’ উদ্বোধনে অমিত শাহ, সাজো সাজো রব

    Amit Shah: সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ‘রাম মন্দির’ উদ্বোধনে অমিত শাহ, সাজো সাজো রব

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই উদ্বোধন হচ্ছে রামমন্দিরের! প্রধানমন্ত্রী নন, উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে এই রামমন্দির সত্যিকারের নয়, নকল। বিষয়টি তাহলে খুলেই বলা যাক। এবার সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ হচ্ছে রামমন্দিরের আদলে। এই মণ্ডপেরই উদ্বোধন করবেন অমিত শাহ। সোমবার উদ্বোধন হবে মণ্ডপের।

    মণ্ডপে কেন্দ্রীয় বাহিনী

    শনিবার থেকেই মণ্ডপ চত্বরের দায়িত্ব নিয়ে নিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। এই পুজোর উদ্বোধনের পাশাপাশি রাজ্যে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাতের কাছে পেয়ে রাজ্যের দুর্নীতি, আইন-শৃঙ্খলা সহ নানা বিষয়ে তাঁকে (Amit Shah) রিপোর্ট দিতে চলেছে বঙ্গ বিজেপি। শাহের সঙ্গে বঙ্গ বিজেপির নেতাদের বৈঠকও হতে পারে। এদিন শাহের সঙ্গে পুজো মণ্ডপে থাকা এবং ফিরে যাওয়ার সময় বিমানবন্দর পর্যন্ত পুরো পথেই দেখা যাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই সময় রাজ্যের সামগ্রিক পরিস্থিতি, সাংগঠনিক অবস্থা সব বিষয়েই তাঁদের কাছ থেকে অবহিত হতে পারেন শাহ। শাহকে কে, কী বলবেন, তা ঠিক করতে সল্টলেকের অফিসে বৈঠকে বসেছেন বিজেপি নেতৃত্ব। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেই রয়েছেন শুভেন্দু, লকেট চট্টোপাধ্যায়রা।

    আরও পড়ুুন: জাল পাসপোর্ট কাণ্ডের সিবিআই তদন্তে এবার হদিশ মিলল আন্তর্জাতিক নারীপাচার চক্রের

    এদিকে, সোমবার একদিনের জন্য বসছে বিধানসভার বিশেষ অধিবেশন। আগে অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্তই নিয়েছিল বিজেপি। শেষ মুহূর্তে বদলানো হয়েছে সিদ্ধান্ত। পদ্ম শিবিরের তরফে জানানো হয়েছে, বিধানসভার এই বিশেষ অধিবেশনে যোগ দেবে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমরা ১১টায় সকলকে ডেকেছি, আমরা ভিতরে ঢুকব। বিরোধিতা করব, জোরালোভাবে এর বিরোধিতা করব।”

    বিধানসভায় যাবে বিজেপি

    বিধানসভার বিশেষ অধিবেশনে মন্ত্রীদের বেতন বৃদ্ধি করতে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ অ্যান্ড অ্যালায়েন্স অ্যাক্ট ১৯৫২’ ও বিধায়কদের বেতন বৃদ্ধি করতে ‘বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাক্ট ১৯৩৭’ সংশোধন করা হবে। এটা জানতে পেরেই রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন, “ওই দিন আমরা থাকব না। বিধায়করা সকলেই পুজোয় ব্যস্ত থাকবেন। আমাদের এই বিল নিয়ে কোনও আগ্রহ নেই। ওরা আনছে, ওরা ওদের মতোই পাশ করাবে।” বিজেপি নীতিগতভাবে এই (Amit Shah) মুহুর্তে মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির পক্ষপাতী নয়। পদ্ম শিবিরের এক বিধায়ক বলেন, “বিজেপি যে দলগতভাবে মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির বিরুদ্ধে, জনমানসে এই বার্তা দিতেই আমরা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বক্তৃতা করব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kolkata Puri Flight: পুরীতে হচ্ছে বিমানবন্দর! এক ঘণ্টায়ই যাওয়া যাবে জগন্নাথ দর্শনে

    Kolkata Puri Flight: পুরীতে হচ্ছে বিমানবন্দর! এক ঘণ্টায়ই যাওয়া যাবে জগন্নাথ দর্শনে

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র এক ঘণ্টা লাগবে জগন্নাথ দর্শনে যেতে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও, এটাই হতে চলেছে। পুরীতে (Kolkata Puri Flight) শ্রী জগন্নাথ আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির পরিকল্পনা করেছে ওড়িশা সরকার। প্রয়োজনীয় জমির ছাড়পত্র দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। গ্রিনফিল্ড এয়ারপোর্টস নীতি, ২০০৮ অনুযায়ী বিমানবন্দর তৈরির ছাড়পত্র চেয়েছিল মন্ত্রণালয়ের কাছ থেকে। বছরখানেক আগে প্রয়োজনীয় নথিপত্রও জমা দিয়েছিল ওড়িশা সরকার। সম্প্রতি সেই ছাড়পত্র মিলেছে। আগামী দু’ বছরের মধ্যে গ্রিনফিল্ড বিমানবন্দরের স্টিয়ারিং কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য ডিপিআর সহ আবেদনপত্র জমা দিতে হবে।

    বিমানবন্দর নির্মাণে ব্যয়

    বিমানবন্দরের জন্য পুরী জেলা প্রশাসন ইতিমধ্যেই ব্রহ্মগিরি তহসিলের অধীনে সিপাসরুবালি ও সন্ধ্যাপুরে ৬৮ একর বনভূমি ও ২২১.৪৮ একর ব্যক্তিগত জমি সহ প্রায় ১,১৬৪ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। যেহেতু প্রস্তাবিত জমিতে কোথাও বসতি নেই, তাই পুনর্বাসন দিতে হবে না। বিমানবন্দরটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৫ হাজার ৬৩১ কোটি টাকা। 

    সাইট ক্লিয়ারেন্সে ছাড়পত্র

    বিমানবন্দর প্রকল্পের সঙ্গে যুক্ত এক কর্তা বলেন, “বিমানবন্দর গড়ে তোলার জন্য উপযুক্ত জমি বাছাইয়ের পর প্রস্তাব জমা দেওয়া হয়। ব্যক্তিগত জমি অধিগ্রহণের ক্ষেত্রেও অনুমতি নেওয়া হয়েছে জমির মালিকদের কাছ থেকে। কিছু সরকারি জমিও কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। সাইট ক্লিয়ারেন্সে ছাড়পত্র মেলায় কাজের গতি এবার বাড়বে।”

    আরও পড়ুুন: ইজরায়েলের হানায় হত নুখবার শীর্ষ কমান্ডার, এবার হামাসের ঘরে ঢুকে জঙ্গি নিধন!

    প্রতিদিন (Kolkata Puri Flight) দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও বহু পুণ্যার্থী আসেন জগন্নাথ দর্শনে। এখন তাঁদের যেতে হয় ট্রেন কিংবা বাসে করে পুরী স্টেশন। সেখান থেকে ছোট গাড়ি ধরে যেতে হয় দেব দর্শনে। আর যাঁরা দূর-দুরান্ত কিংবা বিদেশ থেকে আসেন, আকাশ পথে তাঁরা এসে নামেন ভুবনেশ্বর বিমানবন্দরে। তার পর গাড়ি ধরে আসতে হয় পুরী। এতে পয়সা এবং পরিশ্রম দুইই খরচ হয় বেশি। সেই কারণেই পুরীর কাছাকাছি কোনও এলাকায় বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা করছিল ওড়িশা সরকার। সেই মতো জমা দেওয়া হয় কাগজপত্র। জানা গিয়েছে, কলকাতা-পুরী (Kolkata Puri Flight) রুটে বিমান চলাচল শুরু হলে ঘণ্টাখানেক সময় ব্যয় করলেই পৌঁছে যাওয়া হবে শ্রীক্ষেত্র পুরীতে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।    

  • Hamas Israel War: ইজরায়েলের হানায় হত নুখবার শীর্ষ কমান্ডার, এবার হামাসের ঘরে ঢুকে জঙ্গি নিধন!  

    Hamas Israel War: ইজরায়েলের হানায় হত নুখবার শীর্ষ কমান্ডার, এবার হামাসের ঘরে ঢুকে জঙ্গি নিধন!  

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলি বায়ুসেনার হামলায় হত হামাসের (Hamas Israel War) এলিট বাহিনী নুখবার শীর্ষ কমান্ডার। মৃতের নাম বিলাল আল কেদরা। শনিবার রাতে গাজা ভূখণ্ডে থাকা হামাসের ডেরাগুলিতে লাগাতার বিমান হামলা চালায় ইজরায়েল। তেল আভিভের দাবি, সেই হানায়ই মৃত্যু হয়েছে নুখবার শীর্ষ কমান্ডারের। কেবল কেদরা নয়, ওই হামলায় মৃত্যু হয়েছে আরও কয়েকজন জঙ্গির।

    গাজা সীমান্তে ইজরায়েলের প্রধানমন্ত্রী

    এদিকে, এদিনই সেনার সঙ্গে গাজা সীমান্তে এসেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সব দিক থেকে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। জানা গিয়েছে, নুখবা বাহিনীর কমান্ডার দক্ষিণ ইজরায়েলের কিবুৎজ নিরিম ও নির ওজে হামলার দায়িত্বে ছিল। মুসলমানদের দেশ প্যালেস্তাইনের হামাস অধিকৃত গাজা ভূখণ্ডের বাসিন্দাদের শনিবারের মধ্যে শহর ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়েছিল ইজরায়েলের তরফে। এর পর প্রচুর মানুষ গাজা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। এর পরেই গাজায় ঘরে ঢুকে হামাস জঙ্গিদের খতম করার প্রস্তুতি নিতে শুরু করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স।

    সীমান্তে ১০ হাজার সেনা

    জানা (Hamas Israel War) গিয়েছে, শনিবার পর্যন্ত শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার যে সময়সীমা দেওয়া হয়েছিল, তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তাই এবার সেখানে স্থল, জল এবং আকাশ – তিন পথেই হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। ইজরায়েলের (Hamas Israel War) এই বাহিনীর তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, চারদিক থেকে গাজায় হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজা সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। জড়ো করা হয়েছে ট্যাঙ্ক। নির্দেশ পেলেই হামাস ধ্বংস-যজ্ঞে নামবে ইজরায়েলি বাহিনী।

    আরও পড়ুুন: অপারেশন অজয়, চতুর্থ দফায় ইজরায়েল থেকে ফিরলেন ২৭৪ জন ভারতীয়

    ইজরায়েলের তরফে জারি করা বিবৃতিতে এও বলা হয়েছে, হামাস তাদের শক্তি দেখাচ্ছে। এ বার ইজরায়েল দেখাবে তাদের ক্ষমতা। এই বিশ্বে সন্ত্রাসের কোনও ঠাঁই নেই। তাই হামাসকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার কাজ শুরু হবে দ্রুত। হামাসকে দুরমুশ করতে ইজরায়েলের (Hamas Israel War) পাশে দাঁড়িয়েছে আমেরিকা। তারা আগেই একটি যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছিল। দ্বিতীয় রণতরীটিও পূর্ব ভূমধ্যসাগরে পাঠানোর তোড়জোড় করছে জো বাইডেনের দেশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Navaratri 2023: মা দুর্গা ও তাঁর সন্তানরা কীভাবে বেছে নিয়েছিলেন বাহন? জানুন সেই পৌরাণিক গল্প

    Navaratri 2023: মা দুর্গা ও তাঁর সন্তানরা কীভাবে বেছে নিয়েছিলেন বাহন? জানুন সেই পৌরাণিক গল্প

    মাধ্যম নিউজ ডেস্ক: শরৎকালে প্রতি বছর মা দুর্গা বাপের বাড়িতে আসেন সন্তানদের সঙ্গে নিয়ে (Navaratri 2023)। মা দুর্গা এবং তাঁর সন্তানদের সঙ্গে আসে তাঁদের বাহনগুলিও। গণেশের সঙ্গে ইঁদুর আসে, মা সরস্বতীর সঙ্গে আসে হাঁস, মা লক্ষ্মীর সঙ্গে প্যাঁচা আসে, কার্তিকের সঙ্গে ময়ূর আসে এবং স্বয়ং মা দুর্গার সঙ্গে আসে সিংহ। বাহনগুলির পৌরাণিক কাহিনিতে যাওয়ার আগে বলা দরকার ভারতীয় উপমহাদেশে প্রকৃতি পুজোর রীতি বৈদিক আমল থেকেই। মাটি, অগ্নি, বায়ু, নদী, গাছ সবকিছুর পুজো হয় এই সভ্যতায়। ভারতীয় সভ্যতায় গাছপালা, নদ-নদীর সঙ্গে সঙ্গে জীবজন্তুও মানুষের দৈনন্দিন কাজে উপকারী বলেই গণ্য করা হয়। এই ধারণা থেকেই হয়ত বাহন হিসেবে তারাও পুজো পায়। এবার আসা যাক পৌরাণিক কাহিনিগুলিতে।

    মা দুর্গার বাহন কেন সিংহ?

    পুরাণ (Navaratri 2023) অনুযায়ী, দেবী পার্বতী হাজার বছর ধরে তপস্যা করেছিলেন শিবকে তাঁর স্বামী হিসাবে পাওয়ার জন্য। তপস্যার কারণে দেবী অন্ধকারে মিশে যান। বিয়ের পর পার্বতীকে মহাদেব ‘কালী’ বলে সম্বোধন করলে দেবী তৎক্ষণাৎ কৈলাস ত্যাগ করে ফের তপস্যায় মগ্ন হয়ে যান। তপস্যারত দেবীকে শিকার করার ইচ্ছায় এক ক্ষুধার্ত সিংহ তাঁর দিকে আসতে শুরু করে। কিন্তু দেবীকে দেখে সেখানেই চুপ করে বসে পড়ে। এর মধ্যে বহু বছর কেটে যায়, কিন্তু সিংহ তার নিজের জায়গা থেকে নড়ে না। এদিকে দেবী পার্বতীর তপস্যা সম্পন্ন হওয়ার পর মহাদেব আবির্ভূত হলে পার্বতীকে গৌরবর্ণ (Navaratri 2023) বলে বর্ণনা করেন। যে সিংহটি দেবীকে শিকার করতে এসেছিল, তাকেই বাহন হিসেবে গ্রহণ করেন দেবী। কারণ দেবীর জন্য অনেক বছর অপেক্ষা করেছিল সে। সিংহের এই কর্মকাণ্ডের জন্য দেবী পার্বতীর বাহনকে সিংহ বলে মনে করা হয়। আবার কালিকাপুরাণ অনুযায়ী, শ্রীহরি দেবীকে বহন করছেন। এই হরি শব্দের এক অর্থ সিংহ। আবার শ্রীশ্রীচণ্ডীতে উল্লেখ আছে, গিরিরাজ হিমালয় দেবীকে সিংহ দান করেন। শিবপুরাণ মতে, ব্রহ্মা দুর্গাকে বাহনরূপে সিংহ দান করেছেন। সিংহ হল শৌর্য, পরাক্রম, শক্তির প্রতীক। অসুরদের ধ্বংসকারী মাতার বাহন তাই সিংহ। এটাই পণ্ডিত মহলের মতামত।

    গণেশের বাহন ইঁদুর কেন? 

    স্বর্গে দেবলোকের সভায় গান গেয়ে সকলের মনোরঞ্জন করতেন ক্রঞ্চ নামে এক গন্ধর্ব। এক দিন বামদেব নামে এক ঋষি এসে উপস্থিত হন সেই সভায়। তিনি গান করতে থাকেন। সেই গান শুনে নিজের হাসি চাপতে পারেননি গন্ধর্ব ক্রঞ্চ। সেই হাসি দেখে ফেলেন বামদেব। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে পড়েন বামদেব। তিনি  ক্রঞ্চকে অভিশাপ দেন। অভিশাপের ফলে ক্রঞ্চ ইঁদুর হয়ে যান। ঋষি অভিশাপ দেন, কোনও দিন আর গান গাইতে পারবেন না ক্রঞ্চ। ক্রঞ্চ নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। কিন্তু তাতে বিশেষ কোনও ফল হয় না। তিনি ইঁদুর হয়ে যান এবং মর্ত্যে নেমে আসেন। তবে মুনি বলেছিলেন, কোনও দিন যদি গণেশ তাঁকে বাহন করেন, তা হলে মুক্তি মিলবে। মর্ত্যলোকে তিনি যেখানে নেমেছিলেন, কাছেই ছিল পরাশর মুনির কুটির। ইঁদুর ক্রঞ্চ সেখানেই নিজের খাদ্যের সন্ধানে যেতে  শুরু করেন। এ দিকে ইঁদুরের উৎপাতে অতিষ্ট হয়ে ওঠে কুটিরবাসীরা। এক দিন গণেশ সেই মুনির কুটিরে পৌঁছান। জানতে পারেন ইঁদুরের কুকীর্তির কথা। তখন তাকে ধরতে উদ্যত হন গণেশ। অবশেষে ধরেও ফেলেন। কিন্তু ক্রঞ্চ নিজের পরিচয় দিয়ে সব কথা বলেন গণেশকে। এ কথা শুনে ইঁদুরকেই তিনি নিজের বাহন করে নেন (Navaratri 2023)।

    মা লক্ষ্মীর বাহন প্যাঁচা কেন?

    পৌরাণিক গল্প অনুযায়ী, যখন দেব-দেবীরা প্রাণীজগতের সৃষ্টি করেন, তখন তাঁরা পৃথিবী ভ্রমণে আসেন। সেই সময় পশু ও পাখিরা দেবতাদের ধন্যবাদ জানায় তাদের প্রাণী হিসেবে তৈরি করার জন্য। পশু ও পাখিরা বলতে থাকে, ‘‘আপনারা যেহেতু আমাদের তৈরি করেছেন তাই আপনাদের বাহন হয়ে আমরা পৃথিবীতে থাকব।’’ সেই সময় দেবতারা নিজেদের বাহন পছন্দ করে নেন। যখন দেবী লক্ষ্মীর নিজের বাহন (Navaratri 2023) বেছে নেওয়ার সময় আসে, তখন তিনি বলেন আমি যেহেতু রাতে পৃথিবীতে আসি, তাই রাতে যে প্রাণী দেখতে পায় সেই হবে আমার বাহন। এখান থেকেই প্যাঁচা হয়ে ওঠে দেবী লক্ষ্মীর বাহন। লক্ষ্মীমাতা ধানের দেবী, ইঁদুর ধান খেয়ে ফেলে। তাই এই ধারণা থেকেও লক্ষ্মীর বাহন প্যাঁচা হতে পারে।

    কার্তিকের বাহন ময়ূর কেন?

    তারকাসুরকে বধ করেছিলেন (Navaratri 2023) দেবসেনাপতি কার্তিক। পৌরাণিক কাহিনি অনুযায়ী, মৃত্যুর আগে তারকাসুর কার্তিকের বাহন হিসেবে থাকতে চেয়েছিলেন। ময়ূরের ছদ্মবেশে কার্তিককে আক্রমণও করেছিল যুদ্ধ ক্ষেত্রে তারকাসুর। কথিত আছে ওই ময়ূরটিই হল কার্তিকের বাহন, যা আসলে তারকাসুর।

    সরস্বতীর বাহন হাঁস কেন?

    হাঁস নাকি জল, স্থল, অন্তরীক্ষে থাকতে পারে। জ্ঞান ও বিদ্যার দেবীকেও এই তিনটি জায়গায় থাকতে হয় জ্ঞান ও বিদ্যাদানের জন্য। তাই বাহন হিসেবে হাঁসকেই বেছে নিয়েছেন মা সরস্বতী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share