Blog

  • Operation Ajay: অপারেশন অজয়, চতুর্থ দফায় ইজরায়েল থেকে ফিরলেন ২৭৪ জন ভারতীয়  

    Operation Ajay: অপারেশন অজয়, চতুর্থ দফায় ইজরায়েল থেকে ফিরলেন ২৭৪ জন ভারতীয়  

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহ পার হল হামাস-ইজরায়েল যুদ্ধ। যুদ্ধের জেরে ইজরায়েলে আটকে পড়েছেন কয়েক হাজার ভারতীয়। ইজরায়েলে সব মিলিয়ে ১৮ হাজারের কাছাকাছি ভারতীয়ের বাস। এঁদের মধ্যে অনেকেই যুদ্ধের আবহে ফিরতে চান ভারতে। তাঁদের জন্য অপারেশন অজয় (Operation Ajay) চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই তিনটি বিমানে করে উড়িয়ে আনা হয়েছে ন’শোর কাছাকাছি ভারতীয়কে। শনিবার চতুর্থতম বিমানে করে দেশে ফিরিয়ে আনা হয়েছে ইজরায়েলে আটকে পড়া ২৭৪ জন ভারতীয়কে।

    অপারেশন অজয়

    ইজরায়েলের রাজধানী তেল আভিভে থাকা ভারতীয় দূতাবাসের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল শনিবার বেনগুরিন বিমানবন্দর থেকে বিশেষ দু’টি বিমান ছাড়বে। প্রথম বিমানটি ছাড়বে স্থানীয় সময় বিকেল ৫.৪০ মিনিটে। রাত ১১.৪৫ মিনিটে ছাড়বে দ্বিতীয় বিমান। এই উড়ানে জায়গা হবে ২৭৪ জনের। পরের দিন ফের ১৯৭ জন ভারতীয়কে নিয়ে তৃতীয় বিমানটি আসে। এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, “অপারেশন অজয় এগোচ্ছে। আরও ১৯৭ জন যাত্রী নিয়ে ভারতে ফিরছে একটি বিমান।”

    ভারতীয় দূতাবাসের পোস্ট 

    এক্স হ্যান্ডেলে ইজরায়েলের ভারতীয় দূতাবাস লিখেছে, “অপারেশন অজয়ের অংশ হিসেবে ভারতীয় যাঁরা ইজরায়েলে রয়েছেন এবং ভারতে ফিরতে চাইছেন, তাঁদের জরুরি ভিত্তিতে অনুরোধ করা হচ্ছে ট্রাভেল ফর্ম পূরণ করতে।” দূতাবাসের তরফে জানানো হয়েছে, ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে জায়গা মিলবে বিমানে। ইজরায়েলে ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব সিংলা বলেন, “আমাদের নাগরিকদের উদ্ধার করতে ইজরায়েলে আমাদের দূতাবাস চব্বিশ ঘণ্টা কাজ করছে। আমরা পড়ুয়াদের কাছে গিয়েছি, সহায়কদের কাছে গিয়েছি, গিয়েছি ব্যবসায়ীদের কাছেও। এঁদের মধ্যে যাঁরা ভারতে ফিরতে ইচ্ছুক, তাঁদের সঙ্গে কথা বলেছি (Operation Ajay)। এই প্রবাসী ভারতীয়দের মধ্যে কয়েকজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। আমরা প্রত্যেকের কাছেই শান্ত থাকার আবেদন করছি।” 

    আরও পড়ুুন: মোদি জমানায় অতীত মাও আতঙ্ক, প্রথমবার ভোট দেবে ছত্তিশগড়ের বস্তার

    আজ, রবিবার ছাড়বে আরও একটি বিশেষ বিমান। যাঁরা এই উড়ানে জায়গা পেয়েছেন, দূতাবাস কর্তৃপক্ষের তরফে তাঁদের বিষয়টি ই-মেইল করে জানানো হয়েছে। যাঁরা দেশে ফিরছেন, তাঁদের বিমান ভাড়া বহন করবে ভারত সরকার। জানা গিয়েছে, অপারেশন অজয়ে এ পর্যন্ত ফিরিয়ে আনা হয়েছে মোট ৯১৮ জন ভারতীয়কে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hamas Israel War: ইজরায়েলের পাশাপাশি প্যালেস্তাইনেও ফোন বাইডেনের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

    Hamas Israel War: ইজরায়েলের পাশাপাশি প্যালেস্তাইনেও ফোন বাইডেনের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

    মাধ্যম নিউজ ডেক্স: সপ্তাহ পেরিয়ে গিয়েছে হামাস-ইজরায়েলের যুদ্ধ (Hamas Israel War)। এখনও বাতাসে গোলা-বারুদের গন্ধ। যত্রতত্র ছড়িয়ে রয়েছে মৃতদেহ। কোথাও শিশুর লাশ, তো কোথাও মায়ের, কোথাও আবার বাবা-ছেলের দেহ পড়ে রয়েছে পাশাপাশি। গত শনিবার ইহুদিদের দেশ ইজরায়েলের ওপর হামলা চালায় মুসলমানের দেশ প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। এই যুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়ায় আমেরিকা।

    প্যালেস্তাইনে ফোন বাইডেনের 

    তবে বাইডেন প্রশাসন যে প্যালেস্তাইনের নাগরিকদের সুরক্ষার বিষয়েও চিন্তিত, তাও হয়ে গেল স্পষ্ট। শনিবার মার্কিন প্রেসিডেন্ড জো বাইডেন ফোন করেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে। হামাসের দখলে থাকা গাজা ভূখণ্ডের বাসিন্দাদের জন্য সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বাইডেন। এদিন হোয়াইট হাউসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন একই দিনে ইজরায়েল ও প্যালেস্তাইনের (Hamas Israel War) সঙ্গে কথা বলেছেন। যুদ্ধের কারণে প্যালেস্তাইনে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাইডেন।

    ইজরায়েলে ফোন মার্কিন প্রেসিডেন্টের 

    প্যালেস্তাইন প্রেসিডেন্টকে সে দেশের বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যে কোনও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। বিশেষভাবে যুদ্ধবিধ্বস্ত গাজা শহরের বাসিন্দাদের সাহায্যের কথা বলেছেন বাইডেন। প্রসঙ্গত, এই গাজা ভূখণ্ড থেকেই ইজরায়েলে আক্রমণ শানাচ্ছে হামাসরা। ইজরায়েলেরও পাখির চোখ গাজায় হামাসের ডেরাগুলি। প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন বাইডেন। ওয়েস্ট ব্যাঙ্ক এলাকায় শান্তি ফেরানো, যুদ্ধের পরিধি পকেটের মধ্যেই সীমাবন্ধ রাখার বিষয়েও আলোচনা করেছেন তাঁরা। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলকে যুদ্ধাস্ত্র দিয়েও সাহায্য করছে আমেরিকা।

    আরও পড়ুুন: মোদি জমানায় অতীত মাও আতঙ্ক, প্রথমবার ভোট দেবে ছত্তিশগড়ের বস্তার

    এদিকে, দ্বিতীয় এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে ইস্টার্ন মেডিটেরিয়ান সমুদ্রে পাঠাল আমেরিকা। ইজরায়েলের ওপর হামাসের (Hamas Israel War) আক্রমণ প্রতিহত করতেই এটা পাঠানো হয়েছে বলে শনিবার জানান মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এদিকে, রবিবার প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রী জানান, গাজা ভূখণ্ড ও ওয়েস্ট ব্যাঙ্কে মৃতের সংখ্যা ২ হাজার ৩৮৩ জন। এর মধ্যে কেবল গাজায়ই মৃতের সংখ্যা ২ হাজার ৩২৯ জন। সব মিলিয়ে আহত হয়েছেন অন্তত ১০ হাজার ৮১৪ জন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: রোহিতের দুরন্ত ইনিংস! বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখল ভারত

    India vs Pakistan: রোহিতের দুরন্ত ইনিংস! বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কোর লাইন ৮-০। ভারত পাকিস্তান ম্যাচকে এভাবে ব্যাখ্যা করা যায়। ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা অষ্টম জয় ছিনিয়ে নিল ভারত। পাকিস্তানকে ৭ উইকেটে লজ্জাজনকভাবে হারাল রোহিত ব্রিগেড। পাকিস্তানের ১৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩০.৩ ওভারে ম্যাচ শেষ করে দিল ভারত। অল্পের জন্য শতরান হাতছাড়া হল রোহিতের। এটুকুই আফশোস রয়ে গেল! ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫, ২০১৯ সালের পর এবার ২০২৩। ইতিহাস বদলাল না। ভারতকে হারানোর স্বপ্ন, স্বপ্নই রয়ে গেল বাবরদের। ভারতকে এই জয়ের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী

    আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) চলছে বিশ্বকাপের (ICC Cricket world Cup 2023) ভারত-পাকিস্তান ম্য়াচ। মোদি স্টেডিয়ামে লক্ষাধিক দর্শকের উপস্থিতি চলা ম্যাচ দেখতে হাজির হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভারত অধিনায়ক রোহিত শর্মা বাউন্ডারি হাঁকাতেই গ্যালারিতে বসে হাততালি দিয়ে উঠলেন অমিত শাহ।

    আর ভারত জিততেই উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানালেন বাইশ গজের সেনানিদের। সীমান্তে যেভাবে ভারতীয় সেনা পাক-চক্রান্তের জবাব দেয়, ঠিক একইভাবে বাইশ গজের বিশ্বযুদ্ধে পাকিস্তানকে হেলায় উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। গর্বিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

    দুরন্ত ইনিংস রোহিতের

    টসে জিতে এদিন প্রথম বোলিং নেন রোহিত। প্রথমে ব্যাট করে পাকিস্তান দল করে ১৯১ রান। রান তাড়া করতে নেমে রোহিত শর্মা নিজের পুরনো ছন্দেই খেলতে থাকেন। আফগানিস্তানের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, এখানে সেখান থেকেই শুরু করলেন। গিলকে নিয়ে ওপেন করতে নেমে তিনি একাই দলকে জয়ের দোড়গোরায় পৌঁছে দেন। তবে ফিনিশ করতে পারেননি। ৬৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। ডেঙ্গি সারিয়ে মাঠে নামা গিল করেন ১৬ রান। তাঁর এই কামব্যাক প্রশংসনীয়। বিরাট কোহলি ১৬ রান করেন। হাসান আলির বলে তিনি নওয়াজের হাতে ক্যাচ তুলে আউট হন। এরপর নামেন শ্রেয়স আইয়ার। রোহিত আউট হওয়ার পর কেএল রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে জেতান শ্রেয়স। তিনি হাফসেঞ্চুরি করেন। দলের জয়ে খুশি বিসিসিআই সচিব জয় শাহ।

    ভর্তি গ্যালারি মাতল সুর-তাল-ছন্দে

    শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাউসফুল দর্শকদের জন্য ছিল বিশেষ চমক। ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে মোতেরা মাতান অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং। অবশ্য স্টেডিয়ামে যে দর্শকরা উপস্থিত ছিলেন, তাঁদের ছাড়া বাকি ক্রিকেট প্রেমীদের একটা আক্ষেপ রয়ে গেল। কারণ এই সুরেলা অনুষ্ঠান বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে দেখানো হয়নি। শুধু মাত্র স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাই তা উপভোগ করতে পেরেছেন। শনি-সন্ধেয় দেখা যায় নেহা কক্কর, দর্শন রাভালকে পারফর্ম করতে। আসলে ইনিংস বিরতির সময়ও সুরের ছটার ব্যবস্থা করেছিল আয়োজকরা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India vs Pakistan: নীল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তানের ব্যাটিং! জয়ের জন্য ভারতের লক্ষ্য ১৯২

    India vs Pakistan: নীল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তানের ব্যাটিং! জয়ের জন্য ভারতের লক্ষ্য ১৯২

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্যালারিতে নীল ঢেউ ম্যাচের শুরু থেকেই। মাঠে নীল ঝড় উঠল ৩০ ওভারের পর। ২৯ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ২উইকেট হারিয়ে ১৫০। গ্যালারি তখন প্রায় চুপ। টিভির সামনে দর্শকদের চিন্তা স্কোর কত উঠবে। ৩০০-এর কাছাকাছি হলে!!! ক্রিজে তখন বাবর-রাজ। হঠাতই অর্ধশতরানের পর মনঃসংযোগ হারালেন পাক অধিনায়ক। সিরাজের বলে বাবর ফিরতেই পালা বদল। পাকিস্তান ১৫৫/৩ থেকে অল আউট ১৯১। শেষ ৮ উইকেট পড়ল ৩৬ রানে। ৫০ ওভার ব্যাট-ই করতে পারল না পাকিস্তান। ৪২.৫ ওভারে শেষ হল পাকিস্তানের ইনিংস। জিততে গেলে ভারতকে করতে হবে ১৯২ রান। রোহিত-কোহলিদের কাছে যা আশা করাই যায়। ম্যাচের মধ্যে বিরাটকে বিশেষ পরামর্শও দিলেন সচিন। 

    মাঠে এক লক্ষ দর্শক

    এদিন টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। মাঠে এক লক্ষ দর্শক। ভারতীয় পতাকা এবং নীল জার্সিতে ভর্তি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। পাকিস্তানের পতাকা খুঁজে পাওয়াই মুশকিল। সেই চাপ নিয়ে খেলতে নেমেই আট ওভারের মাথায় সিরাজের বলে আউট হন শাফিক।  দ্বিতীয় উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ইমাম উল হককে ফেরান তিনি। ৩৬ রান করে আউট হন তিনি। এরপর বাবর আজম ও মহম্মদ রিজওয়ান হাল ধরেন।

    দলের হাল ধরেন। এই জুটি ৫০ রানের পার্টনারশিপ তৈরি করে। একটা সময় মনে হয়েছিল এই জুটি পাকিস্তানকে বড় রানের দিকে নিয়ে যাবে। তবে সেটা সম্ভব হয়নি। বাবর আজম হাফসেঞ্চুরি করলেও তা কার্যকর করতে পারেননি। বাবর আজম হাফসেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে তাঁকে ক্লিন বোল্ড করেন মহম্মদ সিরাজ। এরপর এক এক করে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ১৫৫ রানে বাবর আজম ফেরার পর আউট হন সাউদ শাকিল, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান, শাদাব খানরা। এদের মধ্যে রিজওয়ান ৪৯ রানে আউট হন। রিজওয়ানকে অনবদ্য দক্ষতায় বোল্ড করেন বুমরাহ। যেই পিচে বল টার্ন করছিল না সেই পিচে বল টার্ন করিয়ে বুমরাহ দুটো উইকেট নিলেন। দুটো করে উইকেট নিলেন কুলদীপ, হার্দিক, জাদেজাও।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel-Hamas Conflict: ইজরায়েল-হামাস যুদ্ধের জের! দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরল ভারত

    Israel-Hamas Conflict: ইজরায়েল-হামাস যুদ্ধের জের! দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস (Israel-Hamas Conflict) সংঘর্ষের প্রভাব পড়ল খেলার দুনিয়াতেও। হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের জেরে দাবা ক্যাডেট বিশ্ব চ্যাম্পিয়নশিপ (World Cadet Chess Championship) থেকে নাম তুলে নিল ভারত। মিশরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলবেন না, ভারতের কোনও প্রতিযোগী। অল ইন্ডিয়া চেস ফেডারেশনের পক্ষ থেকে শুক্রবার এ কথা জানানো হয়। আজ, ১৪ অক্টোবর থেকে ইরাকে শর্ম অল সেইখে অনুষ্ঠিত হবে এই দাবা খেলার প্রতিযোগীতা।

    কেন এই সিদ্ধান্ত

    ইজিপ্টের সঙ্গে ইজরায়েলের (Israel-Hamas Conflict) দুরত্ব মেরেকেটে ৬১৩ কিলোমিটার। সম্প্রতি ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের জেরে উত্তপ্ত ওই অঞ্চল। যে কোনও সময়ে নিরাপত্তা জনিত সমস্যা দেখা দিতে পারে। তাই দেশের ছোট ছোট দাবাড়ুদের জীবন নিয়ে কোনও আপোষ করতে চায় না ভারত। সেজন্যই এমন সিদ্ধান্ত।  ৭ই অক্টোবর হামাসের পক্ষ থেকে ইজরায়েলে রকেট নিক্ষেপ শুরু করা হয়। যার জেরে প্রাণ হারান কয়েকশো নাগরিক। এরই পাল্টা হিসেবে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল।

    আরও পড়ুন: শুরু ভারত-পাক মহারণ, টসে জিতে ফিল্ডিং নিলেন রোহিত, দলে ফিরলেন শুভমান

    ইজরায়েল-হামাস যুদ্ধের রেশ পড়েছে মিশরেও।  তাই এমন অবস্থায় দেশের দাবাড়ু (World Cadet Chess Championship) ও আধিকারিকদের বিপদের মুখে ফেলতে নারাজ ভারত। সুরক্ষার কথা মাথায় রেখেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে ভারতের ৩৯ জন দাবাড়ুর অংশ নেওয়ার কথা ছিল। অনূর্ধ্ব-৮, ১০ ও ১২ বিভাগে নাম দিয়েছিলেন ভারতের দাবাড়ুরা। সব মিলিয়ে ভারতীয় দলে ছিলেন ৮০ জন। তাঁদের এবার ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CBI: পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দাফাঁস সিবিআইয়ের, একযোগে দেশের ৫০ শহরে হানা

    CBI: পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দাফাঁস সিবিআইয়ের, একযোগে দেশের ৫০ শহরে হানা

    মাধ্যম নিউজ ডেস্ক: পাসপোর্ট জালিয়াতিচক্রের পর্দা ফাঁস করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এদিন পশ্চিমবঙ্গ এবং সিকিমের প্রায় ৫০টি জায়গায় হানা দেয় বলে সূত্রের খবর। অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে সিবিআই (CBI)। ধৃতদের মধ্যে একজন পাসপোর্ট অফিসের শীর্ষকর্তাও রয়েছেন বলে খবর। ওই শীর্ষকর্তার নাম জানা গিয়েছে গৌতম কুমার সাহা। অন্যদিকে একজন হোটেল কর্মীকেও ১ লাখ ৯০ হাজার টাকার নগদসহ গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, এই হোটেল কর্মচারী দীর্ঘদিন ধরে পাসপোর্ট জালিয়াতিচক্রের সঙ্গে জড়িত ছিল। সূত্রের খবর এই দিনের তল্লাশি অভিযানে মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা রজু করেছে সিবিআই। এই ২৪ জনের মধ্যে ১৬ জন পাসপোর্ট অফিসের আধিকারিকের নাম রয়েছে বলে জানা যাচ্ছে। যাঁরা জাল নথির বদলে আসল পাসপোর্ট ইস্যু করে দিতেন। এর সবটাই চলত মোটা টাকা ঘুষের লেনদেনের উপরে।

    শনিবার ভোরে হাওড়ার উলুবেরিয়ায় হানা দেয় সিবিআই (CBI) 

    শনিবারই ভোরে হাওড়ার উলুবেরিয়া বাসিন্দা শেখ শাহানুরের বাড়িতে আচমকাই হানা দেয় সিবিআইয়ের (CBI) ৬ সদস্যের একটি তদন্তকারী দল। ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় শাহানুরকে। এরপর শাহানুরকে গাড়িতে করে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। ঠিক একই সময়ে রুবি এলাকায় পাসপোর্ট অফিসে সিবিআইয়ের অন্য একটি দল হানা দেয় সাতসকালে।

    পাসপোর্ট ইস্যু খুব গুরুত্বপূর্ণ, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা স্বার্থে

    জানা গিয়েছে দীর্ঘদিন ধরে জাল নথির উপর ভিত্তি করে আসল পাসপোর্ট ইস্যু করার অভিযোগ ছিল সিবিআইয়ের কাছে। সেই মতো তারা জালিয়াতিচক্রের সন্ধান শুরু করে। শনিবার ওই জালিয়াতিচক্রকে ধরতে কলকাতা, শিলিগুড়ি গ্যাংটকের একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাসপোর্ট ইস্যু খুব গুরুত্বপূর্ণ। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা স্বার্থে (CBI)। ভুয়ো নথির সাহায্যে পাসপোর্ট ইস্যু যেকোনও বিদেশিও যেমন ভারতে এসে পাসপোর্ট পেয়ে যাবে, তেমনই অনায়াসেই ভুয়ো পাসপোর্টের দৌলতে ভারত থেকে যে কোনও অপরাধী অন্য দেশেও চলে যেতে পারে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: শুরু ভারত-পাক মহারণ, টসে জিতে ফিল্ডিং নিলেন রোহিত, দলে ফিরলেন শুভমান

    India vs Pakistan: শুরু ভারত-পাক মহারণ, টসে জিতে ফিল্ডিং নিলেন রোহিত, দলে ফিরলেন শুভমান

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হল বিশ্বকাপের ‘মারকি’ ম্যাচ। ১ লক্ষ ৩০ হাজার দর্শকাসন বিশিষ্ট নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের সবচেয়ে প্রত্যাশিত ও অপেক্ষিত ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

    একদিনের বিশ্বকাপে অভিষেক শুভমানের

    এদিকে সুস্থ হয়েই দলে ফিরলেন শুভমান গিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে খেলানো হবে কি না সেই নিয়ে চর্চা চলছিল। গতকালই গিলের ফেরা নিয়ে সাংবাদিক সম্মেলনে একটা ইঙ্গিত দিলেও একটা ধোঁয়াশা রেখেছিলেন রোহিত। তবে প্রত্যাশা ছিলই। সেটাই সত্যিই হল। এদিন টসে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন অধিনায়ক নিজেই। গিল আসায় প্রথম একাদশ থেকে বাদ পড়লেন ঈষান কিশান। অর্থাৎ, একদিনের বিশ্বকাপে আজ ভারতের হয়ে অভিষেক হচ্ছে শুভমানের। ভারতীয় দলে এই একটাই পরিবর্তন হয়েছে। অর্থাৎ, এই ম্যাচেও প্রথম একাদশে জায়গা হল না মহম্মদ শামির। অন্যদিকে, পাকিস্তানের দল অপরিবর্তিত রয়েছে।

    এক নজরে দেখে নেওয়া যাক দুদলের প্রথম একাদশ—

    ভারত— রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়শ আয়ার, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরা। 

    পাকিস্তান—  বাবর আজাম (অধিনায়ক), আবদুল্লা শফিক, ইমাম উল-হক, মহম্মদ রিজওয়ান, সাউদ শকিল, ইফতিকার আহমেদ, মহম্মদ নাওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি।

    বিস্তারিত আসছে…

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Hamas War: উড়ে যাচ্ছে হামাসের ছোড়া রকেট, প্রত্যাঘাত ইজরায়েলি বোমার, গাজা-অভিযানের ভিডিও প্রকাশ্যে

    Israel Hamas War: উড়ে যাচ্ছে হামাসের ছোড়া রকেট, প্রত্যাঘাত ইজরায়েলি বোমার, গাজা-অভিযানের ভিডিও প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরুটা হয়েছিল গত শনিবার। ৭ অক্টোবর, ভোর সাড়ে ৬টা নাগাদ (স্থানীয় সময়) ইজরায়েলের দিকে ধেয়ে আসে হাজার হাজার রকেট (Israel Hamas War)। সেগুলি ছোড়া হয়েছিল সীমান্তের ওপারে জঙ্গিগোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে। কাঁটাতার পেরিয়ে ইজরায়েলে ঢুকে পড়ে শয়ে শয়ে হামাস জঙ্গি। নির্বিচারে গুলি করে হত্যা করা হয় শয়ে শয়ে নিরীহ ইজরায়েলিকে। অপহরণ করে পণবন্দি করা হয় আরও শয়ে শয়ে সাধারণ নাগরিককে।

    অষ্টম দিনে ইজরায়েল-হামাস যুদ্ধ

    সেই অতর্কিত জঙ্গি হামলার পরই যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। সেই থেকে চলছে দুই যুযুধান পক্ষের রক্তক্ষয়ী লড়াই। মাঝে পেরিয়ে গিয়েছে ৭ দিন। আজ আরেক শনিবার। অষ্টম দিনে পড়ল ইজরায়েল-হামাস যুদ্ধ (Israel Hamas War)। দুপক্ষের এই তীব্র লড়াইয়ে মৃ্তের সংখ্যা ৪ হাজার পেরিয়ে গিয়েছে। আহতের সংখ্যা আরও কয়েকগুণ বেশি। সারাক্ষণ চলছে মুহুর্মুহু আক্রমণ। এরই মধ্যে সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ।

    ভিডিও প্রকাশ আইডিএফ-এর

    এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্র তীরবর্তী একটি অংশে একের পর এক রকেট পড়ছে। ইজরায়েল সেনা জানিয়েছে, সমুদ্রসৈকতের কাছের ঘাঁটি থেকে ইজরায়েলি সেনার দিকে ক্ষেপণাস্ত্র দিয়ে লাগাতার হামলা চালাচ্ছে হামাস বাহিনী (Israel Hamas War)। পাল্টা হামাস গোষ্ঠীর ঘাঁটিতে মুহুর্মুহু বোমা বর্ষণ করে চলেছে ইজরায়েলি সেনাও। ইজরায়েলি সেনা লিখেছে, হামাসের ঘাঁটি ও ইজরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক-বিধ্বংসী মিসাইল লঞ্চারগুলো ধ্বংস করা হচ্ছে। একের পর এক ক্ষেপণাস্ত্রর হামলা ও পাল্টা হামলায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। গুঁড়িয়ে যাচ্ছে ঘর-বাড়ি। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম।

    ২৪-ঘণ্টার ডেডলাইন…

    এদিকে, গাজায় স্থলপথে অভিযানের প্রস্তুতি প্রায় পাকা করে ফেলেছে ইজরায়েলি সেনা (Israel Hamas War)। ৭ তারিখ থেকে আকাশপথে বোমাবর্ষণ চালাচ্ছিল ইজরায়েলি এয়ার ফোর্স। এবার, স্থলপথে গাজায় ঢোকার প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলি সেনা। ইজরালেয়ের দাবি, পণবন্দিদের খুঁজে বের করতে সব তথ্য ও প্রমাণ সংগ্রহ করছে ইজরায়েল। তার আগে, উত্তর গাজায় বসবাসকারী প্রায় ১১ লক্ষ প্যালেস্তেনীয়কে ২৪ ঘণ্টার মধ্যে গাজার দক্ষিণে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে ইজরায়েল। এর পরই, গাজায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শয়ে শয়ে মানুষ বাক্স-প্যাঁটরা নিয়ে গাজা ছেড়ে পালাচ্ছেন।

     

    শের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • India vs Pakistan: আহমেদাবাদে পৌঁছলেন অনুষ্কা! ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

    India vs Pakistan: আহমেদাবাদে পৌঁছলেন অনুষ্কা! ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে পাকিস্তানের মুখোমুখি ভারত (India vs Pakistan)। তাও আবার বিশ্বকাপের মঞ্চ। এর উত্তাপ এড়ানো মুশকিল। গ্যালারিতে নীল ঢেউয়ের মজা নিতে মাঠে আসছেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা। বেশ কিছুদিন ক্যামেরার সামনে না এলেও বড় ম্যাচে ভারতীয় দলকে উৎসাহ দিতে আহমেদাবাদে পৌঁছে  গেলেন অনুষ্কা। বিমানে অনুষ্কার সঙ্গে দেখা হয় সচিন তেন্ডুলকর এবং দীনেশ কার্তিকের। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন কার্তিক। তিনি বলেন, “আমি বিরাটকে ব্যক্তিগত ভাবেও চিনি। আমার এবং বিরাটের পরিবার একসঙ্গে বহু সময় কাটিয়েছে। বিরাট যে ভাবে নিজেকে এই পর্যায় নিয়ে গিয়েছে সেটা প্রশংসাযোগ্য। আর বিরাটের জীবনে বড় পরিবর্তন ঘটে অনুষ্কা আসার পর। তার পর থেকে বিরাট এমন ধরনের সিদ্ধান্ত নিয়েছে, যা ওকে জীবনে উন্নতি করতে সাহায্য করেছে।”

    বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক

    ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ প্রথম দুটি ম্যাচ জিতেছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan) উভয় দলই। ফলে শুধু প্রেস্টিজ ফাইট জেতাই নয়, এবারের বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করার সুযোগও রয়েছে রোহিত শর্মা এবং বাবর আজমের দলের কাছে। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পেতে চাইছে বাবর আজম-শাহিন আফ্রিদিরা। এর আগে ওডিআই বিশ্বকাপে মোট ৭ বার মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বি দেশ। প্রতিবার জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। শনিবার পাকিস্তানের সামনে আরও একবার খাতা খোলার সুযোগ। অপরদিকে ভারতের সামনে টার্গেট ৮-০ করার। কে হাসবে শেষ হাসি তার উত্তর মিলবে শনিবাসরীয় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

    আরও পড়ুন: বাড়ানো হল নিরাপত্তা! ভারত-পাক মহারণের সময় আকাশে উড়বে ড্রোন

    শুভমানকে নিয়ে ধোঁয়াশা

    শুভমান গিল পাকিস্তান ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে ফের অশ্বিনকে প্রথম একাদশে ফেরানো হবে কিনা তা নিয়েও জল্পনা রয়েছে। তবে আহমেদাবাদের বড় মাঠে ৩ স্পিনার নিয়ে নামলে ভারতের শক্তি বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। ম্যাচে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

    কখন, কোথায় দেখবেন ম্যাচ

    আজ ১৪ অক্টোবর, ভারত বনাম পাকিস্তান ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টো থেকে। টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে খেলা দেখা যাবে। ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই ম্য়াচের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: একই ম্যাচে চোট দুই ক্যাপ্টেনের! বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

    ICC World Cup 2023: একই ম্যাচে চোট দুই ক্যাপ্টেনের! বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে বাইশ গজের বিশ্বযুদ্ধে (ICC ODI World Cup 2023) পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল নিউজিল্যান্ড। তবে এদিন ম্যাচে চোট পেয়ে বসেন দু’দলের অধিনায়ক। শুক্রবার চেন্নাইয়ে চিপকে ব্যাট করার সময় শাকিব আল হাসানকে অস্বস্তিতে দেখায়। তাঁর পেশিতে টান ধরে। মাঠেই প্রাথমিক শুশ্রুষা নেওয়ার পরে ব্যাটিং চালিয়ে যান তিনি। পরে বল হাতে নিজের ১০ ওভারের কোটাও পূর্ণ করেন।  কিন্তু ম্যাচ শেষ হতেই মাঠ ছাড়েন তিনি। সোজা হাসপাতালে যান শাকিব। আজ, শনিবার চকিৎসকের পরামর্শ নেবেন কেন উইলিয়ামসনও।

    দুরন্ত কিউইদের সামনে দিশেহারা টাইগাররা

    চলতি বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে নিউজিল্যান্ড। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপের রানার-আপরা এবারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) জয়ের হ্যাটট্রিকও করল এদিন। টস হেরে শুক্রবার শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৫ রান সংগ্রহ করে বেঙ্গল টাইগাররা। মুশফিকুর রহিম ৬৬, শাকিব আল হাসান ৪০, মেহেদি হাসান মিরাজ ৩০ ও মাহমুদুল্লাহ অপরাজিত ৪১ রান করেন। ৩টি উইকেট নেন লকি ফার্গুসন। ২টি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪২.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৪৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭৮ রান করে অবসৃত হন কেন উইলিয়ামসন। এছাড়া ডেভন কনওয়ে ৪৫ ও ডারিল মিচেল অপরাজিত ৮৯ রান করেন।

    আরও পড়ুন: বাড়ানো হল নিরাপত্তা! ভারত-পাক মহারণের সময় আকাশে উড়বে ড্রোন

    কেমন আছেন কেন  উইলিয়ামসন

    আইপিএলে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে সাত মাস মাঠের বাইরে ছিলেন কেন উইলিয়ামসন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও চোট সারিয়ে সরকারিভাবে আন্তর্জাতিক ম্যাচে এদিনই প্রথম খেললেন নিউজিল্যান্ড অধিনায়ক। তবে এদিনও ফের চোট পেলেন তিনি। ব্যাট করার সময় আঙুলে চোট পান কেন উইলিয়ামসন। ৩৭.১ ওভারে ফিল্ডারের ছোঁড়া বল সরাসরি গিয়ে লাগে উইলিয়ামসনের বাঁ-হাতে। তিনি বুড়ো আঙুলে চোট পান। ফিজিও মাঠে এসে প্রাথমিক শুশ্রুষা করেন। ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টাও করেন কিউয়ি দলনায়ক। তবে ষন্ত্রণা নিয়ে ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ৩৮.২ ওভারের পরে চোট নিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। ম্যাচ শেষে তিনি বলেন, “আঙুলে লেগেছে। কিছুটা ফুলেছে। কাল স্ক্যান করাব, তবে আশা করি সমস্যা হবে না।” 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share