Blog

  • Chandrayaan 3: সম্পন্ন হল চতুর্থ কক্ষপথ প্রসারণ প্রক্রিয়া, চাঁদের আরও কাছে ‘চন্দ্রযান ৩’

    Chandrayaan 3: সম্পন্ন হল চতুর্থ কক্ষপথ প্রসারণ প্রক্রিয়া, চাঁদের আরও কাছে ‘চন্দ্রযান ৩’

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদের দিকে চূড়ান্ত যাত্রা শুরু করার আগে আরও একটা গুরুত্বপূর্ণ ধাপ পার করল ‘চন্দ্রযান ৩’। ইসরো জানিয়েছে, এদিন বিকেলে চতুর্থ অরবিট রেইজিং ম্যানুভার বা কক্ষপথ প্রসারণ প্রক্রিয়া সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে চন্দ্রযান মডিউল। এবার পঞ্চম দফায় কক্ষপথ প্রসারণ ঘটানোর পর চাঁদের দিকে এগিয়ে যাবে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)।

    গতি বৃদ্ধি করে চলেছে ‘চন্দ্রযান ৩’

    ১৮ জুলাই, অর্থাৎ, গত শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ‘চন্দ্রযান ৩’-কে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ‘এলভিএম-৩’ রকেট (ISRO Moon Mission)। পৃথিবীর ওপর একটা নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপন করা হয়েছিল ‘চন্দ্রযান ৩’-কে। সেই থেকে এখনও পর্যন্ত পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে চলেছে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। বলা যেতে পারে, এখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ আওতায় রয়েছে ‘চন্দ্রযান ৩’। প্রতি প্রদক্ষিণে নিজের কক্ষপথের আয়তনের সঙ্গে সঙ্গে গতি বৃদ্ধিও করে চলেছে এই মহাকাশযান।  এর আগে, ১৭ তারিখ দ্বিতীয় ও ২০ তারিখ তৃতীয় অরবিট রেইজিং ম্যানুভার সম্পন্ন করেছিল ‘চন্দ্রযান ৩’।

    ২৫ তারিখ পঞ্চম তথা চূড়ান্ত কক্ষপথ প্রসারণ

    ইসরো জানিয়েছে, আগামী ২৫ তারিখ, দুপুর ২টো থেকে ৩টের মধ্যে পঞ্চম তথা চূড়ান্ত বারের জন্য কক্ষপথ প্রসারণ করবে চন্দ্রযান। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হচ্ছে আর্থ-বাউন্ড ম্যানুভার। এর পরই, মহাকাশযানে লাগানো বিশেষ রেট্রো রকেট ফায়ার করে পৃথিবীর কক্ষপথ ছেড়ে লুনার ট্রান্সফার ট্র্যাজেকটরিতে প্রতিস্থাপিত হবে ‘চন্দ্রযান ৩’। বলা যেতে পারে, পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে পৌনে ৪ লক্ষ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3) পৌঁছে যাবে লুনার অরবিট বা চাঁদের কক্ষপথে। 

    ৫ থেকে ৬ অগাস্টে চাঁদের কক্ষপথে প্রবেশ

    জানা যাচ্ছে, ৫ থেকে ৬ অগাস্টে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে ‘চন্দ্রযান ৩’। সেখানে গিয়ে একইভাবে বার বার রিভার্স ম্যানুভারিংয়ের মাধ্যমে নিজের কক্ষপথ সঙ্কোচন ও গতি কমানোর প্রক্রিয়া চালাবে ‘চন্দ্রযান ৩’। অবশেষে চাঁদের ১০০ কিলোমিটারের কক্ষপথে পৌঁছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের বুকে চূড়ান্ত অবতরণের প্রক্রিয়া শুরু হবে। ২৩ বা ২৪ তারিখ চাঁদে অবতরণ করার পর সেখান থেকে ছবি পাঠাবে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)।

    ‘চন্দ্রযান ৩’-এর স্বাস্থ্য একেবার ঠিক

    বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর এস উন্নিকৃষ্ণণ তিরুঅনন্তপুরম থেকে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উৎক্ষেপণের পর থেকে এখনও পর্যন্ত ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) নির্বিঘ্নেই এগিয়ে চলেছে। পরিকল্পনামাফিক তার অগ্রগতি হচ্ছে। কোনও হেরফের এখনও হয়নি। এই অভিযান (ISRO Moon Mission) সফল হলে মহাকাশ গবেষণায় বিশ্বের অন্যান্য অনেক দেশকে পিছনে ফেলে দেবে ভারত।

  • Uttarakhand: টানা বর্ষণ, মেঘভাঙা বৃষ্টি, জোড়া ফলায় বিপর্যস্ত দেবভূমি  

    Uttarakhand: টানা বর্ষণ, মেঘভাঙা বৃষ্টি, জোড়া ফলায় বিপর্যস্ত দেবভূমি  

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা বর্ষণ, তার ওপর আবার  মেঘভাঙা বৃষ্টি। জোড়া ফলায় বিপর্যস্ত দেবভূমি (Uttarakhand)। ভাঙন দেখা দিয়েছে উত্তরাখণ্ডের বিভিন্ন নদীতে। ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। দুর্ভোগে সাধারণ মানুষ। প্রবল জলের তোড়ে একটি সড়কের ১৫০ মিটার এলাকা ভেসে গিয়েছে। এই সড়ক ধরেই বঙ্গপানি থকে জরাজিবালি যাওয়া যায়। এদিকে, শুক্রবার উত্তরাখণ্ডের সাতটি জেলায় ২৪ ঘণ্টার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার বিকেল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে হরিদ্বার, উত্তরকাশী, তেহরি, পাউরি, দেরাদুন, পিথোরগড়, বাগেশ্বর এবং চম্পাওয়ায়। প্রবল বর্ষণের জেরে উত্তরকাশীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। বারকোটের কাছে রাজতার গাংনানী এলাকায় বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকাটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, তা জানা যায়নি।

    বন্ধ বদ্রীনাথ ধাম যাত্রা

    প্রবল ধারাপাতের (Uttarakhand) জেরে ধস নেমেছে বদ্রীনাথ ধামে যাওয়ার রাস্তায়। তার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে বদ্রীনাথ ধাম যাত্রা। চামোলি জেলার কাছে ধস নামায় অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার দিনভর ভারী বৃষ্টির জেরে চামোলি জেলার কালিমতির কাছে ১০৯ নম্বর জাতীয় সড়কের প্রায় ১৫ মিটার অংশ ভেঙে গিয়েছে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কর্ণপ্রয়াগ ও নৈনিতাল।

    বিপর্যয়-প্রবণ

    এদিকে, এদিন রাজ্যের (Uttarakhand) পরিস্থিতি খতিয়ে দেখেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। হরিদ্বারে উদ্ধার ও ত্রাণকাজ খতিয়ে দেখেন তিনি। জলমগ্ন এলাকাগুলিকে বিপর্যয়-প্রবণ বলে ঘোষণা করা হয়। সরকারের তরফে আগামী তিন মাসের জন্য বিদ্যুতের বিল, জলের বিল সহ অন্য সরকারি পরিষেবার জন্য প্রদত্ত বকেয়া বিল পিছিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে বন্যা রুখতে নদীগুলির গতিপথ পরিষ্কার ও অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হবে। স্থায়ী ত্রাণ শিবিরও তৈরি করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।

    আরও পড়ুুন: জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার নির্দেশ এএসআইকে, কোন শর্তে জানেন?

    ভারী বর্ষণের জেরে উত্তরকাশী জেলার কস্তুরবা ইন্টার কলেজ স্কুল জলমগ্ন হয়ে পড়েছে। রেসিডেন্সিয়াল এই স্কুল থেকে পড়ুয়াদের উদ্ধারের কাজ করছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের লোকজন। জানা গিয়েছে, ইতিমধ্যেই স্কুলটির সব পড়ুয়াকেই উদ্ধার করা গিয়েছে। প্রসঙ্গত, স্কুলটিতে আটকে পড়েছিলেন ১৫০ পড়ুয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • CBI: কয়লা, গরু পাচার মামলার তদন্তকারী সিবিআই কর্তাকে হায়দরাবাদে বদলি

    CBI: কয়লা, গরু পাচার মামলার তদন্তকারী সিবিআই কর্তাকে হায়দরাবাদে বদলি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ-দুর্নীতি থেকে কয়লা-গরুপাচারের তদন্ত চালানো সিবিআই-এর (CBI) দুর্নীতি দমন শাখার প্রধান (Head Of Anti Corruption Branch Transferred) তথা জয়েন্ট ডিরেক্টর এস বেণুগোপালকে বদলি করা হল। এক বছরের মাথায় বদল করা হল তাঁকে। বেণুগোপালকে পাঠানো হয়েছে সিবিআই-এর হায়দরাবাদ শাখায়। সিবিআইয়ের কলকাতা জোনের নতুন যুগ্ম অধিকর্তা হলেন  মহারাষ্ট্র ক্যাডারের অফিসার রাজেশ প্রধান।

    নয়া যুগ্ম অধিকর্তা 

    কয়লা এবং গরু পাচার তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন এন বেণুগোপাল। তদন্তের মাঝেই সরিয়ে দেওয়া হল তাঁকে। বেণুগোপালের পাশাপাশি যুগ্ম অধিকর্তা (নীতি) অমিত কুমারকেও বদলি করা হয়েছে। বেণুগোপালের পরিবর্তে আসা রাজেশ (Rajesh Pradhan) ২০০৩ সালের আইপিএস ক্যাডার। সিবিআইয়ের ডিআইজি পদে রয়েছেন তিনি। ডেপুটেশনের ভিত্তিতে আগামী পাঁচ বছরের জন্য তাঁকে সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা হিসাবে নিয়োগ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, ২০০৩-এর ব্যাচের অফিসার রাজেশ প্রধানকে অবিলম্বে দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। 

    আরও পড়ুন: পঞ্চায়েত-হিংসার আঁচ সংসদেও! অভিনব প্রতিবাদ বাংলার বিজেপি সাংসদদের

    কেন বদলি

    গত বছর জুন মাসে সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা পদে বসানো হয় বেণুগোপালকে। তার আগে ওই পদে ছিলেন পঙ্কজ শ্রীবাস্তব। কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই-এর অ্যান্টি করাপশন ব্র্যাঞ্চের যে অফিস রয়েছে, সেখান থেকেই নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। কিন্তু তদন্তের অগ্রগতি যে সন্তোষজনক নয়, তা নিয়ে একাধিক বার সরব হয়েছে আদালত। কয়েকদিন আগে পুরসভার দুর্নীতি মামলার শুনানি চলাকালীন তখনও বিচারপতি ক্ষোভপ্রকাশ করে জানান, তদন্তের কোনও রকম অগ্রগতি নেই। তার পরই দিল্লি থেকে একটি রিপোর্ট আসে বলে সিবিআই সূত্রে খবর। সেখানে বেশ কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়েছিল। তার পরই এই সিদ্ধান্ত সিবিআইয়ের। যা শোনা যাচ্ছে, তাতে দু’একদিনের মধ্য়েই চার্জ বুঝে নিতে পারেন রাজেশ প্রধান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gyanvapi Mosque: জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার নির্দেশ এএসআইকে, কোন শর্তে জানেন?

    Gyanvapi Mosque: জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার নির্দেশ এএসআইকে, কোন শর্তে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi Mosque) ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে সমীক্ষা করার নির্দেশ দিল বারাণসী জেলা আদালত। শুক্রবার আদালত এই নির্দেশ দিয়েছে। তবে আদালতের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, ওজুখানায় পাওয়া ‘শিবলিঙ্গ’ এবং সন্নিহিত এলাকায় এখনই কোনও সমীক্ষা করা হবে না। প্রসঙ্গত, পুরাতত্ত্ব সর্বেক্ষণকে দিয়ে সমীক্ষা করানোর আবেদন আদালতে জানিয়েছিলেন চার হিন্দু মহিলা। আর মসজিদ কমিটির তরফে বিরোধিতা করা হয়েছিল জ্ঞানবাপী মসজিদ এলাকায় কোনওরকম সমীক্ষার। দু পক্ষের মতামত শোনার পর ১৪ জুলাই রায় সংরক্ষিত রেখেছিলেন সিনিয়র বিচারক অজয় কুমার বিশ্বেস। ৪ অগাস্টের মধ্যে সমীক্ষা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    মা শৃঙ্গার গৌরী

    একুশের অগাস্ট মাসে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর (Gyanvapi Mosque) মা শৃঙ্গার গৌরী (বর্তমানে যা ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের ভিতরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্ব দাবি করে প্রার্থনার অনুমতি চেয়ে মামলা দায়ের করেন। এর পরেই মসজিদের ভিতরের ভিডিওগ্রাফি করার নির্দেশ দেন বারাণসীর নিম্ন আদালতের বিচারক রবিকুমার দিবাকর। পরে প্রাপ্ত নমুনাগুলির কার্বন ডেটিংয়ের পরীক্ষার আবেদন জানায় হিন্দু সংগঠনগুলি।

    ওজুখানায় শিবলিঙ্গ!

    হিন্দু সংগঠনগুলির দাবি, মসজিদ চত্বরের ওজুখানায় শিবলিঙ্গ রয়েছে। তার বয়স জানার জন্য কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয়। বিশ্বেশ সেই আবেদন খারিজ করে দিয়ে বলেছিলেন, শিবলিঙ্গের অস্তিত্ব খোঁজার জন্য জ্ঞানবাপী চত্বরে কোনওরকম বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন জানানো হয়েছে ইলাহাবাদ হাইকোর্টে। সেই মামলা এখনও বিচারাধীন।

    গত মে মাসে হিন্দু মহিলা ভক্তদের তরফে সিল করা ওজুখানা (Gyanvapi Mosque) এলাকার বাইরে বৈজ্ঞানিক পরীক্ষার আবেদন জানানো হয়েছিল। আবেদনকারী পক্ষের আইনজীবীর সেই দাবি মেনে নিয়েছেন বিচারক বিশ্বেস। এই মামলায় নিযুক্ত উত্তর প্রদেশ সরকারের বিশেষ কৌঁসুলি রাজেশ মিশ্র এদিন বলেন, কোনও হিন্দু মন্দিরের জায়গায় মসজিদ গড়া হয়েছে কিনা, তা সমীক্ষা করে দেখবেন পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ।

    আরও পড়ুুন: অভিষেকের হুঁশিয়ারির পর খড়গ্রামে বিজেপি প্রার্থীর বাড়ি ঘেরাও করে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

    ১৯৯১ সালে জ্ঞানবাপী মসজিদ নিয়ে মামলা দায়ের হয় বারাণসী আদালতে। সেখানে দাবি করা হয়েছিল, ঔরঙ্গজেবের নির্দেশে কাশী বিশ্বনাথ মন্দিরের একটি অংশ ভেঙে এই মসজিদ তৈরি করা হয়। এর পরেই মসজিদ চত্বরে পুজোর অনুমতি চেয়ে মামলা দায়ের হয়। দাবি জানানো হয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সমীক্ষারও। প্রসঙ্গত, মন্দিরের ওজুখানায় শিবলিঙ্গ রয়েছে বলে দাবি হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের। যদিও মসজিদ কর্তৃপক্ষের দাবি, ওজুখানায় শিবলিঙ্গ রয়েছে বলে যা বলা হচ্ছে, তা আদতে একটি ফোয়ারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Parliament Monsoon Session: মণিপুর নিয়ে ব্যাপক হট্টগোল, বিরোধীদের বাধায় মুলতুবি সংসদ

    Parliament Monsoon Session: মণিপুর নিয়ে ব্যাপক হট্টগোল, বিরোধীদের বাধায় মুলতুবি সংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথা মেনে বৃহস্পতিবার সকালে সংসদের বাদল অধিবেশনের (Parliament Monsoon Session) শুরুতে শোকপ্রস্তাব পাঠের পর মুলতুবি করে দেওয়া হয় সভা। ২৬৭ নম্বর ধারা নিয়ে বিতর্কের জেরে দুপুর ২টো ১৭ মিনিট নাগাদ ফের মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা। দুপুর ২টো নাগাদ লোকসভার অধিবেশন শুরু হতেই মণিপুর (Manipur) নিয়ে হইচই জুড়ে দেন বিরোধীরা। উত্তর পূর্বের এই পাহাড়ি রাজ্য নিয়ে ব্যাপক হট্টগোলের জেরে এদিনের মতো মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষই।

    বৈঠকে ইন্ডিয়া জোট

    সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী সংবাদ মাধ্যমকে বলেন, “সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা মণিপুর নিয়ে সংসদের দুই কক্ষেই আলোচনা করতে চায়।” তিনি এও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন। তবে কোন সময় এই রিপোর্ট পেশ করা হবে, তা ঠিক করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা, জানান তিনি। এদিন অধিবেশন শুরুর আগেই সংসদ চত্বরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের চেম্বারে বৈঠক করেন ইন্ডিয়া জোটের সংসদের নেতারা। সেই মতো অধিবেশন (Parliament Monsoon Session) শুরুর কিছুক্ষণের মধ্যেই হট্টগোল (Manipur) জুড়ে দেন তাঁরা। তার জেরে মুলতুবি হয়ে যায় সভা।

    তিনটি নোটিশ

    রাজ্যসভার কার্যক্রম মুলতুবি (Parliament Monsoon Session) থাকার সময়ই কক্ষে জমা পড়ে তিনটি নোটিশ। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড় জানান, ওড়িশায় ট্রেন দুর্ঘটনা এবং রেল নিরাপত্তা, বেকারত্ব এবং মণিপুরের হিংসার বিষয়ে আলোচনা চেয়েছেন বিরোধীরা। বেলা ২টোয় উভয় কক্ষেরই কার্যক্রম ফের শুরু হয়। সংসদীয় কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, তা নিয়ে বিরোধী নেতাদের অনুরোধ করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। যদিও কার্যক্রম শুরু হতেই শুরু হয় হট্টগোল। মণিপুরে (Manipur) হিংসা নিয়ে অবিলম্বে আলোচনার দাবিতে সংসদের উভয় কক্ষেই স্লোগান দিতে থাকেন বিরোধীরা। তার পরেই এদিনের মতো মুলতুবি করে দেওয়া হয় উভয় কক্ষের কার্যক্রম।  

    আরও পড়ুুন: গড়াগড়ি খাচ্ছে হাজার হাজার সিদ্ধ ডিম, তৃণমূলের শহিদ দিবস নাকি মোচ্ছব!

    প্রসঙ্গত, হিন্দু মেইতেই এবং খিস্টান কুকিদের সঙ্গে সংঘর্ষের জেরে ৩ মে থেকে অশান্তি শুরু হয়েছে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুরে (Manipur)। মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। পোড়ানো হয়েছে ঘর-বাড়ি-গাড়ি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে সেনা। গড়া হয়েছে শান্তি কমিটিও। তার পরেও প্রকাশ্যে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: নিয়োগে নয়া রেকর্ড! আজ ৭০ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

    Narendra Modi: নিয়োগে নয়া রেকর্ড! আজ ৭০ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সপ্তম রোজগার মেলা অনুষ্ঠিত হল সারা দেশে। সারা দেশে যে দশ লক্ষ ছেলে মেয়েকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে তার মধ্যে এদিন প্রায় ৭১ হাজারের বেশি প্রার্থীকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় দেশ জুড়ে। দেশের বিভিন্ন রাজ্যে একইসঙ্গে এদিন রোজগার মেলার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেক রাজ্যের চাকরি প্রার্থীদের নতুন চাকরির শুভেচ্ছা জানান। সরকার সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রীর একটি সামাজিক মিডিয়া পোস্টে এদিন বলা হয়েছে, “আমাদের সরকার দেশের তরুণ মেধাবীদের সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিক দিয়ে কর্মসংস্থান মেলা নিজেদের একটি গুরুত্বপূর্ণ পরিচয় তৈরি করেছে।” 

    প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “দেশের আর্থিক উন্নয়ন দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। খুব শ্রীঘ্রই আমাদের দেশ বিশ্বের তৃতীয় অর্থনৈতিক স্থানে পৌঁছে যাবে৷ অর্থনৈতিক বিকাশে আমাদের দেশের ব্যাঙ্কিং ব্যাবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে৷ এদিনের রোজগার মেলায় ব্যাঙ্কিং সেক্টর থেকে সবথেকে বেশি নিয়োগপত্র দেওয়া হচ্ছে।” প্রধানমন্ত্রীর কথায়, “একটা সময় ছিল যখন ব্যাঙ্কিং সেক্টর থেকে নামে বেনামে প্রভাবশালীরা মোটা টাকার লোন নিতেন। আবার সেই লোন শোধ করার জন্য আরেকটি লোন নিতেন। এভাবে ব্যাঙ্কিং সেক্টরকে নষ্ট করে দেওয়া হয়। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই ব্যাঙ্কিং সেক্টরকে নতুন করে পুনর্জীবিত করে এই ধরনের দুর্নীতি বন্ধ করা হয়েছে।”

    আরও পড়ুন: আর নয় চিনের রাস্তা, এবার ভারত থেকেই সোজা কৈলাস-মানস সরোবর! রুট চালু শীঘ্রই

    শহরে রোজগার মেলা

    কলকাতায় ন্যাশানাল অ্যাকাডেমি অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিকস (NACIN) এর উদ্যোগে এই রোজগার মেলার আয়োজন করা হয় উল্টোডাঙায় এন এ সি আই এন এর অফিসে। এখানে ব্যাঙ্কিং ছাড়াও ডাক বিভাগ, শুল্ক বিভাগ সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি বিভাগের ১৮২ জন ছেলে মেয়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। এভাবে চাকরি পেলে দেশে বেকারত্ব কমবে।” এদিন সারা দেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগকারীরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, রাজস্ব বিভাগ, আর্থিক পরিষেবা বিভাগ, পদ বিভাগ, স্কুল শিক্ষা বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, কেন্দ্রীয় সরকারি খাতের উদ্যোগ, জলসম্পদ বিভাগ, কর্মী ও প্রশিক্ষণ বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bengaluru Terrorists Arrest: শহরজুড়ে বিস্ফোরণ! বেঙ্গালুরুতে বড় হামলার ছক ছিল ধৃত ৫ লস্কর জঙ্গির

    Bengaluru Terrorists Arrest: শহরজুড়ে বিস্ফোরণ! বেঙ্গালুরুতে বড় হামলার ছক ছিল ধৃত ৫ লস্কর জঙ্গির

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা বেঙ্গালুরু শহর উড়িয়ে দেওয়ার ছক! ছিল ২৬/১১ ধাঁচে তার চেয়েও বড় জঙ্গি হামলার পরিকল্পনা! বেঙ্গালুরুতে গ্রেফতার হওয়া ৫ লস্কর-ই-তৈবা জঙ্গিকে (Bengaluru Terrorists Arrest) জেরা করে এমনই হাড়হিম করা তথ্য পেল পুলিশ। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃতদের পেছনে কোন মাথা রয়েছে, আর কোনও সঙ্গী রয়েছে কিনা বা কোথায় বসে তাদের হ্যান্ডলার, কীভাবে আসত নির্দেশ— এসব তথ্য খুঁজে বের করার চেষ্টায় গোয়েন্দারা।

    বড়সড় নাশকতার ছক বানচাল

    বুধবার, দেশে বড়সড় নাশকতার ছক বানচাল (Terror Attack Foiled) করেছে বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ পুলিশ। বেঙ্গালুরু থেকে গ্রেফতার (Bengaluru Terrorists Arrest) করা হয় ৫ সন্দেহভাজন লস্কর জঙ্গিকে। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বারুদ উদ্ধার হয়েছে। পুলিশ নিশ্চিত দেশের বুকে বড় নাশকতার ছক কষা হয়েছিল। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানান, গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরুর আরটি নগর অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। ধৃত ৫ সন্দেহভাজন জঙ্গির নাম— সইদ সুহেল খান, মহম্মদ ফয়জন রব্বানি, মহম্মদ উমর, মুদ্দাসির পাশা ও জাহিদ তাবরেজ। এরা সকলেই বেঙ্গালুরুর বাসিন্দা।

    লস্কর-ই-তৈবার সঙ্গে প্রত্যক্ষ যোগ

    পুলিশের দাবি, ধৃতদের (Bengaluru Terrorists Arrest) সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রত্যক্ষ যোগ ছিল। ধৃতদের কাছ থেকে ৭টি পিস্তল, প্রচুর গুলি, একটি ওয়াকি-টকি সহ আরও আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। অভিযুক্তদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে জানা গিয়েছে। এর মধ্যে, ২০১৭ সালে একটি খুনের মামলায় পাঁচ জন গ্রেফতার হয়েছিল। ২০১৯ সালে তারা জামিন পায়। তখন থেকেই ধৃতরা বেঙ্গালুরু শহরে সিরিয়াল বিস্ফোরণ করার পরিকল্পনা  (Terror Attack Foiled) করেছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। কমিশনার জানান, আরও এক সঙ্গীর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

    মাস্টারমাইন্ড বসে আফগানিস্তানে!

    প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতদের ‘মাস্টারমাইন্ড’-এর নাম মহম্মদ জুনেইদ। তার সঙ্গে লস্করের মাথাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। বর্তমানে সে এখন পাক-সীমান্ত লাগোয়া আফগানিস্তানে রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানতে পেরেছে, বেঙ্গালুরুর কাছে সুনতানপাল্যা অঞ্চলে ভেড়া কেনাবেচা করত জুনেইদ। ২০১৭ সালে একটি খুনের মামলায় তার জেল হয়। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় ওই জেলেই বন্দি থাকা ২০০৮ বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে জড়িত লস্কর জঙ্গি মহম্মদ নাজিরের সঙ্গে। ধৃত পাঁচজনের (Bengaluru Terrorists Arrest) সঙ্গেও সেখানেই পরিচয় হয় জুনেইদের। ২০২১ সালে ছাড়া পেয়ে সে সীমান্ত টপকে পাকিস্তানে যায় জুনেইদ। সেখানে গিয়ে লস্করের থেকে সে প্রশিক্ষণ নেয়। 

    জেলে বসেই নাশকতার পাঠ!

    এখন ইন্টারপোলের সাহায্যে জুনেইদের বর্তমান ঠিকানা সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন ভারতীয় গোয়েন্দারা। পাশাপাশি, জেলবন্দি নাজিরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে বেঙ্গালুরু পুলিশ। পুলিশ নিশ্চিত, জেলেই জুনেইদ ও এই ৫ জনের মগজধোলাই করে নাজির। তার নির্দেশেই, জুনেইদ পাকিস্তানে যায়। তার নির্দেশই এই ৫ জন বেঙ্গালুরুতে বড় হামলার ছক কষেছিল। সূত্রের দাবি, পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে যে, সন্ত্রাস হামলা কী করে করতে হয়, নাজিরই তাদের শিখিয়েছিল। এমনকী, জুনেইদের বিষয়েও বিস্তারিত তথ্য এই পাঁচজনের থেকেই পেয়েছে পুলিশ। ধৃতদের (Bengaluru Terrorists Arrest) জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, জেলে বসেই তৈরি করা হয়েছিল হামলার ব্লু-প্রিন্ট (Terror Attack Foiled)!

    এনআইএ তদন্তের দাবি বিজেপির

    এদিকে, এই ঘটনাকে বড় ষড়যন্ত্র উল্লেখ করে গোটা তদন্তভার এনআইএ-কে দেওয়ার পক্ষে জোর সওয়াল করেছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই। তিনি বলেন, “সেখানে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। তারা বেঙ্গালুরু শহরে সিরিয়াল বিস্ফোরণ ঘটাতে (Terror Attack Foiled) চেয়েছিল। এই মামলাটি এনআইএ-র হাতে দেওয়া উচিত।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: তৃণমূলের মদতেই কুলটিতে মন্দিরের জমি হাতানোর চেষ্টা জমি মাফিয়াদের

    TMC: তৃণমূলের মদতেই কুলটিতে মন্দিরের জমি হাতানোর চেষ্টা জমি মাফিয়াদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্দিরের জমিও দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা। আর এসব বেআইনি কারবারে মদত রয়েছে তৃণমূলের (TMC)। শাসকদলের দৌলতে জমি মাফিয়াদের দৌরাত্ম্য শুরু হয়েছে পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভার ১৬ নম্বর ওয়ার্ডের ডুবুর্ডিহি নিচুবস্তির মহাকাল শিবমন্দির এলাকায়। আর এই শিবমন্দিরের পাশে থাকা জমি অবৈধভাবে দখল করছে জমি মাফিয়ারা বলে অভিযোগ মন্দির কমিটির মানুষদের। মন্দিরের পাশে বন দফতরের পক্ষ থেকে লাগানো হয়েছিল গাছ, সেইসব গাছ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ। মন্দিরের কিছুটা দূরে জমি প্লট করে বিক্রি করার কাজ চলছে। এবার জমি মাফিয়াদের নজর পড়েছে শিবমন্দির লাগোয়া জমির উপর।

    জমি মাফিয়াদের হয়ে কেন কথা বলতে গেলেন তৃণমূল (TMC) নেতা?

    মন্দিরের জমি দখল করার চেষ্টা হওয়ায় ক্ষুব্ধ মন্দির কমিটির কর্মকর্তারা। জমি মাফিয়াদের বিরুদ্ধে সরব হওয়ায় স্থানীয় তৃণমূল (TMC) নেতা মোহিত মণ্ডল মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলতে যান। মন্দিরের জমি ছেড়ে জমি প্লট করার কথা বলা হয়। কিন্তু, প্রশ্ন উঠেছে, জমি মাফিয়াদের হয়ে তৃণমূল নেতা কেন কথা বলতে যায়? তৃণমূলের মদতেই কি মন্দিরের জমি দখল করার চেষ্টা চলছিল। কারণ, জমি মাফিয়াদের এত ক্ষমতা হল কী করে। শাসক দলের একাংশের মদতেই জমি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে।

    কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?

    এই বিষয় নিয়ে তৃণমূলের (TMC) কুলটি ব্লক যুব কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। প্রশাসনকেও বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করব। যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করব। এই বিষয়ে আসানসোল পৌরনিগমের ১৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মুনমুন মুখোপাধ্যায় বলেন, বিষয়টি আসানসোল পৌরনিগম ও প্রশাসনকে জানানো হবে। কারণ আসানসোল পৌরনিগমের নির্দেশ রয়েছে কোনও অনৈতিক বা আইন বিরুদ্ধে কাজ মানা হবে না।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    এই বিষয়ে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন, তৃণমূলের (TMC) মদত ছাড়া এই ধরনের বেআইনি কারবার কারও পক্ষে করা সম্ভব নয়। শাসক দলের পিছনে হাত রয়েছে বলেই জমি মাফিয়াদের এত সাহস। শিব মন্দিরের জমিও দখল করার চেষ্টা করছে। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার আবেদন করব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: পঞ্চায়েত-হিংসার আঁচ সংসদেও! অভিনব প্রতিবাদ বাংলার বিজেপি সাংসদদের

    Panchayat Election 2023: পঞ্চায়েত-হিংসার আঁচ সংসদেও! অভিনব প্রতিবাদ বাংলার বিজেপি সাংসদদের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে এবার দিল্লিতে সোচ্চার বাংলার বিজেপি সাংসদরা। সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদশে তুমুল বিক্ষোভ দেখালেন তাঁরা। বাংলার ভোটে হিংসার দায় শাসকদল তৃণমূলের কাঁধে চাপিয়ে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, এসএস আলুওয়ালিয়ারা সোচ্চার হলেন। একই সঙ্গে এদিন ট্যুইটারে বাংলায় তৃণমূলের সন্ত্রাস নিয়ে সোচ্চার হন  বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।

    পঞ্চায়েত নির্বাচনে সীমাহীন সন্ত্রাস

    এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সীমাহীন সন্ত্রাস দেখেছে বাংলা। জেলায়-জেলায ভোট-হিংসার বলি হয়েছেন শাসকদল তৃণমূল থেকে শুরু করে বিরোধী বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ-সহ অন্য দলের কর্মীরা। ভোটের নামে লুঠতরাজ চলেছে বহু বুথে। শাসকদল তৃণমূলের মদতেই বাংলার ভোটে লাগামছাড়া সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। বুধবার কলকাতায় পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে মিছিল করেছে রাজ্য বিজেপি। এবার প্রতিবাদ খাস রাজধানীতে। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা বৃহস্পতিবার গান্ধীমূর্তির পাদদেশে একত্রিত হয়ে বাংলার তৃণমূল সরকারকে উচ্ছেদের ডাক দিয়েছেন।

    এদিনের এই বিক্ষোভ প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের নির্দেশে যেভাবে বিডিও ও থানার আইসিরা ভোট লুঠ করেছেন সেটা মানা যায় না। তৃণমূলের অঙ্গুলিহেলনেই ভোট লুঠ হয়েছে। এখন পর্যন্ত ৫৫ জনেরও বেশি মানুষ মারা গেছেন পশ্চিমবঙ্গে। এই মৃত্যুর জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। ওঁর অঙ্গুলিহেলনেই সমস্ত ঘটনা ঘটেছে। তাই আজ দিল্লিতে বিজেপির সংসাদরা তৃণমূল সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছেন।’

    আরও পড়ুন: ফের রাজভবন-নবান্ন সংঘাত! বিধানসভার বাদল অধিবেশন নিয়ে প্রশ্ন রাজ্যপালের

    নাড্ডার ট্যুইট বার্তা

    অন্যদিকে, পঞ্চায়েতের হিংসায় বাংলায় মহিলারাও আক্রান্ত বলে অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে মহিলা সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়েছিল বিজেপি ৷ সেই প্রতিনিধি দল বৃহস্পতিবার বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করে ৷ ওই রিপোর্ট দেখে ট্যুইটারে নাড্ডার হুঁশিয়ারি, বাংলার জনগণের উপর তৃণমূলের অত্যাচার বিজেপি সহ্য করবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে গোল লিও-র! ছেলে হলে নাম রাখবেন মেসি, জানালেন নেইমার

    Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে গোল লিও-র! ছেলে হলে নাম রাখবেন মেসি, জানালেন নেইমার

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতালেন লিওলেন মেসি। খেলার একেবারে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করেন তিনি। শনিবার ভোরে ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নামেন লিও। ম্যাচের ৫৩ মিনিটে মাঠে নামেন তিনি। ৯৫ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করেন আজুলের ফুটবলার। মেসিই ফ্রিকিক নেন। বাঁদিকের কোণে বল মেরে গোল করেন তিনি।

    অভিষেকেই গোল

    মেসির অভিষেক ম্যাচের সাক্ষী থাকতে মাঠে প্রচুর তারকা এসেছিলেন। আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস, টেনিস তারকা সেরিনা উইলিয়ামস, সাত বারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্র্যাডি, টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান ছিলেন গ্যালারিতে।

    অধিনায়কের ‘আর্মব্যান্ড’ পরে নামেন মেসি। তিনি যখন নামেন তখন ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে ছিল। ৬৫ মিনিটে গোল শোধ করে আজুল। শেষ পর্যন্ত মেসির গোলে জেতে মায়ামি। ম্যাচ শেষের পর মেসি বলেন, “আমি জানতাম যে, গোল আমাকে করতেই হবে। খেলার একদম শেষ পর্যায় ছিল ওটা। গোল করতে চেয়েছিলাম যাতে খেলা পেনাল্টিতে না গড়ায়। এই জয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে আমাদের আত্মবিশ্বাস দেবে এই জয়।”

    আরও পড়ুন: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    ছেলের নাম রাখবেন মেসি

    অন্যদিকে বন্ধু মেসির নামে নিজের ছেলের নাম রাখবেন বলে জানালেন, ব্রাজিলীয় তারকা নেইমার। ২০১৩ সালে নেইমার বার্সেলোনা যাওয়ার পর থেকেই মূলত মেসির সঙ্গে তার বন্ধুত্বের শুরু। এরপর একাধিকবার ক্লাব বদল হলেও বন্ধুত্বে ভাটা পড়েনি। মেসি-নেইমারের বন্ধুত্বে তার প্রভাব পড়েনি। দিনদিন গভীর হয়েছে সেই সম্পর্ক।

    মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল নেইমারের। তাদের বন্ধুত্ব কতটা গভীর তা বোঝা গেল নেইমারের এক মন্তব্যে। ভবিষ্যতে যদি ছেলেসন্তানের বাবা হন তাহলে তার নাম এখনই ঠিক করে ফেলেছেন ব্রাজিল সুপারস্টার! নেইমার জানান ছেলে হলে নাম রাখবেন মেসি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share