Blog

  • Wagner: পুতিনের ‘ব্যাঘ্র গর্জনে’র ধাক্কায় ‘মিউ মিউ’ বার্তা ওয়াগনার প্রধানের!

    Wagner: পুতিনের ‘ব্যাঘ্র গর্জনে’র ধাক্কায় ‘মিউ মিউ’ বার্তা ওয়াগনার প্রধানের!

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমাদের উদ্দেশ্য পুতিনকে (Vladimir Putin) গদিচ্যুত করা নয়। আমরা একটা প্রতীকী প্রতিবাদ করেছিলাম মাত্র।” এই ‘মিউ মিউ’ বার্তা রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার (Wagner) গ্রুপের প্রধান অলিগার্চ ইয়েভজেনি প্রিগোঝিনের। তিনি বলেন, “দেশে ওয়াগনার গ্রুপের সদস্যদের নিরাপত্তা নিয়ে যে আশঙ্কা আমাদের মনে ছিল, সেটাই প্রতিফলিত হয়েছে আমাদের পদযাত্রায়।” ১১ মিনিটের এক অডিও বার্তায় ওয়াগনার প্রধান বলেন, “আমাদের দলের সদস্যরা রাশিয়ার মাটিতে কোনও সংঘর্ষে লিপ্ত হয়নি। আমরা রুশ সেনার সঙ্গে যুদ্ধও করিনি। আমি অত্যন্ত দুঃখিত, রাশিয়ার একটি যুদ্ধ বিমানকে গুলি করে নামানোর জন্য।” 

    ওয়াগনারের বিদ্রোহ

    ওয়াগনার (Wagner) রুশ সেনার অংশ নয়। তবে বছর দেড়েক ধরে রুশ বাহিনীর সহযোগী হয়ে অংশ নিয়েছে ইউক্রেন যুদ্ধে। এর আগে লিবিয়া, সুদান, সিরিয়া এবং মোজাম্বিকের মতো দেশে গৃহযুদ্ধেও অংশ নিয়েছেন ওয়াগনারের সেনারা। সম্প্রতি রুশ সেনা পরিকল্পিতভাবে ওয়াগনার যোদ্ধাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল বলে অভিযোগ করেন ওয়াগনার প্রধান। এর পরেই মস্কোর বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয় ভাড়াটে যোদ্ধাদের ওই বাহিনী। রাশিয়ার মূল ভূখণ্ডে বড় অভিযান শুরু করেন ওয়াগনার গ্রুপের কয়েক হাজার যোদ্ধা।

    ওয়াগনারের অগ্রগতি

    শুক্রবার রোস্তভ-অন-ডন শহরের দখল নেওয়ার পর শনিবার সকালে পশ্চিম রাশিয়ার শহর ভোরোনেজের দখল নেন ওয়াগনারের যোদ্ধারা। এর পর তাঁরা এগোতে থাকেন মস্কোর দিকে। সক্রিয় হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াগনার যোদ্ধাদের ওপর আকাশপথে হামলা চালানোর পাশাপাশি ইউক্রেনে থাকা ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয় নৃশংস চেচেন কমান্ডার রমজান কাদিরভের মিলিশিয়া বাহিনীকে। ওয়াগনার প্রধানকে গ্রেফতারের নির্দেশও দেয় রাশিয়ার প্রেসিডেন্ট। এর পরেই রণে ভঙ্গ দেন ওয়াগনার প্রধান। বাহিনীকে ফেরার নির্দেশ দিয়ে আত্মগোপন করেন।

    আরও পড়ুুন: পাকিস্তানে ফের আক্রান্ত সংখ্যালঘু শিখরা, কূটনীতিককে তলব করে প্রতিবাদ দিল্লির

    পরে এক অডিও বার্তায় তিনি (Wagner) বলেন, “রুশ ভাই-বোনেদের রক্ত ঝরা আশঙ্কা এড়াতেই আমরা মস্কোর রাজপথে প্রতিবাদের সিদ্ধান্ত বাতিল করেছিলাম।” রুশ সেনা বা তাদের সহযোগীরা আক্রমণ করলে ওয়াগনার যোদ্ধাদের প্রত্যাঘাত করার নির্দেশও এদিন অডিও বার্তায় দিয়েছেন ওয়াগনার প্রধান।

    পুতিনের ব্যাঘ্র গর্জনের ধাক্কায়ই কি মিউ মিউ বার্তা ওয়াগনার প্রধানের?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC Cricket World Cup 2023: কলকাতায় সেমিফাইনাল, ফাইনাল গুজরাটে! ঘোষিত বিশ্বকাপের পূর্ণ সূচি

    ICC Cricket World Cup 2023: কলকাতায় সেমিফাইনাল, ফাইনাল গুজরাটে! ঘোষিত বিশ্বকাপের পূর্ণ সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ঢাকে কাঠি। আর ঠিক ১০০ দিন বাকি। ঘোষিত হয়ে গেল এক দিনের ক্রিকেট বিশ্বকাপের (ICC Cricket World Cup 2023) সূচি। সব জল্পনার অবসান ঘটিয়ে ১৫ অক্টোবর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্ব পেয়েছে আমেদাবাদ। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-নিউ জিল্যান্ড। ফাইনাল হবে ১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিশ্বকাপের দু’টি সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে কলকাতা ও মুম্বই। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন এ বারের বিশ্বকাপে ভারতের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

    আয়োজক হিসেবে ভারত ছাড়াও, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। চলতি কোয়ালিফায়ার টুর্নামেন্ট থেকে ২টি দল মূলপর্বের টিকিট হাতে পাবে।

    কলকাতায় ৫টি ম্যাচ

    শেষবেলায় বাজিমাত করেছে কলকাতা।  ২০২৩ সালের বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন। গ্রুপ লিগে ভারতের একটি ম্যাচ হবে কলকাতায়। সেইসঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের দুটি ম্যাচ খেলা হবে ইডেনে। উল্লেখ্য, কলকাতাতেই অধিকাংশ ম্যাচ খেলতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের একটি ম্যাচও হবে ইডেনে।

    কলকাতায় যে যে ম্যাচ

    ১) প্রথম কোয়ালিফায়ার বনাম বাংলাদেশ, ২৮ অক্টোবর (শনিবার)। 

    ২) পাকিস্তান বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর (মঙ্গলবার)। 

    ৩) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর (রবিবার)। 

    ৪) ইংল্যান্ড বনাম পাকিস্তান, ১২ নভেম্বর (রবিবার)।

    ৫) দ্বিতীয় সেমিফাইনাল, ১৬ নভেম্বর (বৃহস্পতিবার)।

    আরও পড়ুন: এমসিসি ক্রিকেট কমিটিতে বাংলার মেয়ে ঝুলন গোস্বামী

    ভারতের ম্যাচগুলো

    ভারত-অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই

    ভারত-আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি

    ভারত-পাকিস্তান, ১৫ অক্টোবর, আমদাবাদ

    ভারত-বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুণে

    ভারত-নিউ জিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা

    ভারত-ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ

    ভারত-কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই

    ভারত-দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা

    ভারত-কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jhulan Goswami: এমসিসি ক্রিকেট কমিটিতে বাংলার মেয়ে ঝুলন গোস্বামী

    Jhulan Goswami: এমসিসি ক্রিকেট কমিটিতে বাংলার মেয়ে ঝুলন গোস্বামী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটই শুধু নয়, বিশ্ব ক্রিকেটেও অতি পরিচিত নাম ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ক্রিকেটের আইন পরিবর্তন কিংবা নতুন নিয়ম আনার ক্ষেত্রে এবার বিশেষ ভূমিকা নেবেন ভারতের এই প্রাক্তন পেসার। এমসিসি-র বিশ্ব ক্রিকেট কমিটিতে এলেন তিনজন প্রাক্তন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন ভারতের ঝুলন গোস্বামী, ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হেদার নাইট। 

    নয়া দায়িত্বে ঝুলন

    এমসিসি অর্থাৎ মেরিলবোর্ন ক্রিকেট ক্লাবের তরফে তাদের ক্রিকেট কমিটি ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যবাহী এই কমিটিতেই জায়গা পেয়েছেন ক্রিকেট সমর্থকদের আদরের বাংলার মেয়ে ‘চাকদা এক্সপ্রেস’। বিশ্বে ক্রিকেটের আইন প্রনয়ন এবং পরিবর্তনের দায়িত্বে রয়েছে এমসিসি। তাদের পরামর্শেই এই বিষয়ে কাজ করে থাকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ফলে এবার ক্রিকেটের আইন পরিবর্তন কিংবা নতুন নিয়ম আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ভারতের এই প্রাক্তন মহিলা পেসার (Jhulan Goswami)। লর্ডসে এমসিসি-র মিটিংয়ের আগে ক্রিকেট কমিটিতে তিনজনের সংযুক্তির বিষয়ে ঘোষণা হয়। এমসিসি-র এই কমিটিতে বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটার, আম্পায়ার এবং অফিসিয়ালরা থাকেন। 

    আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জিতল ভারতের মেয়েরা

    মেয়েদের ওডিআই ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি বাংলার এই পেসার। গত বছর লর্ডসেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন ঝুলন (Jhulan Goswami)। সেই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। দু’দশকের আন্তর্জাতিক ক্রিকেটজীবনে ১২টি টেস্টে ৪৪টি উইকেট এবং ২৭২টি সীমিত ওভারের ম্যাচে ৩১১টি উইকেট রয়েছে ঝুলনের। গত এপ্রিলে এমসিসি ঝুলনকে আজীবন সদস্য পদ দিয়েছিল। এমসিসি চেয়ারম্যান মাইক গ্যাটিংয়ের একটি বিবৃতিতে তিন প্রাক্তন তারকার এমসিসি  ক্রিকেট কমিটিতে মনোনীত হওয়ার কথা জানানো হয়েছে। তিনি বলেছেন, ‘‘ঝুলন, হেথার এবং মর্গ্যানকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। ওরা তিন জনই আন্তর্জাতিক পর্যায়ে দুর্দান্ত পারফরমার। ক্রিকেট সম্পর্কে ওদের অভিজ্ঞতা, জ্ঞান আমাদের কমিটিকে আরও সমৃদ্ধ করবে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pakistan: পাকিস্তানে ফের আক্রান্ত সংখ্যালঘু শিখরা, কূটনীতিককে তলব করে প্রতিবাদ দিল্লির

    Pakistan: পাকিস্তানে ফের আক্রান্ত সংখ্যালঘু শিখরা, কূটনীতিককে তলব করে প্রতিবাদ দিল্লির

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সংখ্যালঘু শিখ (Sikh Minority) সম্প্রদায়ের ওপর হামলা পাকিস্তানে (Pakistan)। গত তিন মাসে এ নিয়ে চারবার হামলা হল সে দেশে বসবাসকারী শিখদের ওপর। ঘটনার প্রেক্ষিতে সোমবার নয়াদিল্লির পাক হাইকমিশনের এক পদস্থ কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানাল নয়াদিল্লি। সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে পাক দূতাবাসের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছে ‘ইউনাইটেড শিখস’ নামে শিখদের একটি সংগঠন।

    শিখদের ওপর হামলা

    পাকিস্তানে (Pakistan) সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনা নতুন নয়। কখনও ব্যক্তিগত রোষের জেরে, কখনওবা জোর করে সম্পত্তি কেড়ে নেওয়ার অছিলায়, কখনও আবার ধর্মীয় কারণে সে দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটছেই। গত কয়েকদিনে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আক্রান্ত হয়েছেন শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি। এঁদের মধ্যে একজন চিকিৎসক। তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। শনিবার হিংসার বলি হন মনমোহন সিংহ নামে স্থানীয় এক ব্যবসায়ী।

    পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি

    পুলিশ সূত্রে খবর, পেশোয়ারের রশিদগঢ়হী বাজারের কাছেই একটি দোকান চালাতেন মনমোহন। শনিবার দোকান বন্ধ করে ফিরছিলেন তিনি। সেই সময় বাইকে চড়ে মনমোহনের (Pakistan) পিছু নেয় দুই দুষ্কৃতী। কিছুটা দূরে গিয়ে মনমোহনের পথ আগলায় তারা। তার পরেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিখ সম্প্রদায়ের ওই ব্যক্তির।  

    শুক্রবার রাতেও স্থানীয় এক ব্যবসায়ীর ওপর হামলা হয়। তাঁকেও লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুলি লাগে তাঁর পায়ে। চিকিৎসাধীন রয়েছেন তিনি। সবকটি ঘটনাই ঘটে পেশোয়ার শহরে। আফগান সীমান্তবর্তী পেশোয়ারে হাজার পনের শিখের বাস। সেখানেই ঘটে চলেছে একের পর এক হামলার ঘটনা।

    আরও পড়ুুন: ঝাড়গ্রামে ক্যান্সার আক্রান্ত বিজেপি প্রার্থীকে সপাটে চড় থানার ওসির, ভাইরাল ভিডিও

    পাঁচ বছর আগে এই পেশোয়ারেই (Pakistan) গুলি করে খুন করা হয় শিখ সম্প্রদায়ের বিশিষ্ট নেতা চরণজিৎ সিংহকে। তিন বছর আগে ফের গুলি করে খুন করা হয় সংবাদ মাধ্যমের সঞ্চালক বিন্দর সিংহকে। এই পেশোয়ারেই ২০১৬ সালে খুন হয়েছিলেন সুরেন সিংহ। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা তথা জাতীয় পরিষদের সদস্য ছিলেন। শনিবারের ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট নামে একটি সংগঠন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Himachal Pradesh: খালি নেই হোটেল, গাড়িতেই আটকে ২০০ পর্যটক! ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল

    Himachal Pradesh: খালি নেই হোটেল, গাড়িতেই আটকে ২০০ পর্যটক! ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকা। সোমবারই ধসের কারণে একাধিক রাস্তা বন্ধ হয়ে যায়। ভারী বর্ষণের কারণে মৃত্যু হয়েছে ৬ জনের। মঙ্গলের সকাল থেকেই দেখা বৃষ্টিপাতের কারণে  প্রায় ১৫ কিলোমিটার রাস্তাজুড়ে (Highway) সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে একের পর এক গাড়ি। এর জেরে চরম বিপাকে পড়েছেন পর্যটকেরা। জানা গিয়েছে, কোনও হোটেলে একটিও রুম ফাঁকা নেই। রবিবার দুপুর থেকে সোমবার বিকেল হয়ে গেলেও মাঝরাস্তায় গাড়ির মধ্যেই আটকে রয়েছেন কমপক্ষে ২০০ পর্যটক (Tourists)। প্রসঙ্গত, উত্তরাখণ্ডে গাড়ির মধ্যে আটকে থাকা অবস্থাতেই রবিবার মৃত্যু হয় অনিল বিস্ত নামের একজনের। তাঁর গাড়ির ওপর ধসের জেরে ভারী পাথর এসে পড়ে। এরফলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। 

    কী বলছে প্রশাসন?

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারী বর্ষণের জেরে রবিবার সন্ধ্যায় মান্ডির কাছে বড়সড় ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে কিরাতপুর থেকে মানালি চার লেনের হাইওয়েতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। চার থেকে পাঁচ হাজারের মতো যানবাহন মহাসড়কের উপর দাঁড়িয়ে রয়েছে খবর। বিস্ফোরক দিয়ে পাথর ফাটিয়ে ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে বলেও জানা গিয়েছে প্রশাসনের তরফে। আগামী ৭-৮ ঘণ্টার মধ্যেই হাইওয়ে থেকে বোল্ডার সরিয়ে যান চলাচল শুরু করা যাবে বলেও আশ্বাসও দিয়েছে প্রশাসন। হিমাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে ভারী বৃষ্টি ও ধসের ফলে রাজ্যের প্রায় ৮৩টি রাস্তা ও দু’টি জাতীয় সড়ক বিপর্যস্ত হয়ে পড়েছে। 

    প্রশাসনের ফেসবুক পেজ ফলো করার আবেদন 

    পর্যটকরা বাইরে যাওয়ার আগে যেন জেলা প্রশাসনের ফেসবুক পেজের প্রতি ঘণ্টার আপডেটগুলি অনুসরণ করেন, এমনই আবেদন কুলু পুলিশের। আবহবিদরা জানিয়েছেন, গত ২৪ জুন হিমাচলে প্রদেশে (Himachal Pradesh) প্রবেশ করে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এরপরেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। প্রবল বৃষ্টিতে একজনের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ভারী বৃষ্টির জেরে কোথাও কোথাও তৈরি হয়েছে প্লাবন পরিস্থিতি। হড়পাবানের সতর্কতাও জারি করেছে প্রশাসন। আবহবিদরা বলছেন, আগামী বেশ কয়েক দিন ধরেই চলবে ভারী বৃষ্টি। সারা রাজ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। 

    উত্তরাখণ্ডেও একাধিক জায়গায় ধস নেমেছে

    ভারী বৃষ্টির কারণে রবিবারই রুদ্রপ্রয়াগের জেলা শাসক কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ রাখার ঘোষণা করেছিলেন। বিপর্যয় মোকাবিলা দফতরে গিয়ে পরিস্থিতি খুঁটিয়ে দেখেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। জেলায় জেলায় ত্রাণ শিবির খোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চারধাম যাত্রার তীর্থ যাত্রীদেরও সতর্ক থাকার পরামর্শ দেয় উত্তরাখণ্ড সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Air India Flight: দিল্লিগামী বিমানে মাঝ-আকাশে আসনের পাশেই মলত্যাগ, গ্রেফতার যাত্রী

    Air India Flight: দিল্লিগামী বিমানে মাঝ-আকাশে আসনের পাশেই মলত্যাগ, গ্রেফতার যাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: যত কাণ্ড এয়ার ইন্ডিয়ায় (Air India Flight)! একের পর এক আজব ঘটনার সাক্ষী থাকছে এয়ার ইন্ডিয়া’র বিমানের যাত্রীরা। এবার এক যাত্রী মাঝ আকাশে বিমানের শৌচাগার ব্যবহার না করে আসনের পাশেই মলত্যাগ করেছেন বলে অভিযোগ। প্রস্রাব করা এবং থুতু ফেলার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। আবার কাজের সময়সীমা শেষ, তাই আর বিমান চালাবেন না বলে, ৩৫০ জন যাত্রীকে ককপিটে ছেড়ে চলে গেলেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট।

    ‘অভব্যতা’র অভিযোগ

    মুম্বই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমানে নিজের সিটের পাশেই মলত্যাগ করার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। প্রস্রাব করে থুতুও নাকি ফেলেছেন তিনি। গত ২৪ জুন মুম্বই থেকে দিল্লির দিকে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআইসি ৮৬৬ বিমান। সেখানেই ছিলেন রাম সিং। তাঁর আসনের নম্বর ১৭এফ। অভিযোগ, বিমানের আসনের ৯ নম্বর সারির কাছে তিনি প্রস্রাব, মলত্যাগ করেন। থুতুও ফেলেন। তাঁর আচরণে অসঙ্গতি দেখে বিমানকর্মীরা ওই যাত্রীকে প্রথমে মৌখিক ভাবে সতর্ক করেন। পরে তাঁকে অন্য যাত্রীদের থেকে আলাদা করে দেওয়া হয়।যাত্রীর আচরণের কথা পাইলটকে জানানো হয়। বিমান সংস্থাকেও খবর দেওয়া হয় তৎক্ষণাৎ। দিল্লি বিমানবন্দরে নামতেই এয়ার ইন্ডিয়ার তরফে নিরাপত্তারক্ষীদের পাঠিয়ে ওই যাত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশে খবর দেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পুলিশ গ্রেফতার করে ওই যাত্রীকে। জানা গেছে, ওই যাত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৫১০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

    আরও পড়ুন: ১২ বছর পর পঞ্চায়েত প্রচারে মমতা! ‘‘বিজেপির কৃতিত্ব’’, বললেন সুকান্ত

    ককপিট ছাড়লেন পাইলট

    রবিবার লন্ডন থেকে দিল্লি আসার এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমানটি দিল্লিতে অবতরণের সময় খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়। এরফলে জরুরি অবতরণ করতে হয় রাজস্থানের জয়পুর এয়ারপোর্টে। নির্ধারিত সময় অনুসারে, রবিবার ভোর চারটে নাগাদ দিল্লি পৌঁছনোর কথা যদি এয়ার ইন্ডিয়ার বিমানটির। কিন্তু দিল্লির আবহাওয়া অনুকূল না থাকায় জয়পুরে নামতে হয়। জয়পুরে আপৎকালীন অবতরণের দু’ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে দিল্লি যাত্রার ছাড়পত্র পাওয়া যায়। তখনই বিমান চালাতে অস্বীকার করেন পাইলট। বিমানে ছিলেন ৩৫০ জন যাত্রী। পাইলটের দাবি, তাঁর ডিউটির সময়  পেরিয়ে গিয়েছে, এরপর বিমান চালাতে তিনি অপারগ। পাইলটের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠলেও বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে সত্যিই পাইলটের কাজের সময় শেষ হয়ে গিয়েছিল, বিকল্প ব্যবস্থা রাখা উচিৎ ছিল কোম্পানির। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bipodtarini Puja: আজ বিপত্তারিণী পুজো, এই ব্রতর ‘তেরো’র তাৎপর্য জানেন তো?

    Bipodtarini Puja: আজ বিপত্তারিণী পুজো, এই ব্রতর ‘তেরো’র তাৎপর্য জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বিপত্তারিণী পুজো। দেবী দুর্গার (Goddess Durga) ১০৮ অবতারের মধ্যে অন্যতম দেবী সঙ্কটনাশিনীর একটি রূপ হল মা বিপত্তারিণী (Bipodtarini Puja)।

    সকল বিপদ থেকে রক্ষা পেতেই এই ব্রতপালন

    বিপদ থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতেই বিপত্তারিণী পুজো (Bipodtarini Puja) করে থাকেন মহিলারা। স্বামী, সন্তান এবং সমগ্র পরিবারের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা এই পুজো করে থাকেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত এই পুজো করা হয়ে থাকে। সাধারণত, সোজা রথ ও উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবার বিপত্তারিণীর ব্রত রাখা হয়। অম্বুবাচী চলায় অনেক জায়গায় গত শনিবার হয়নি বিপত্তারিণী পুজো। তবে, এখন অম্বুবাচী কেটে গিয়েছে। আজ মহা সাড়ম্বরে পালিত হচ্ছে বিপত্তারিণী পুজো।

    আরও পড়ুন: কীর্তনের জনপ্রিয়তা ফেরাতে রিসার্চ অ্যাকাডেমি, তথ্যচিত্র তৈরির উদ্যোগ

    গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো (Bipodtarini Puja) চারদিন ধরে চলে। প্রথম দিনে দেবীর আরাধনা করা হয়। মহিলারা গঙ্গা বা কোনও নদীতে স্নান করে দণ্ডী কাটেন। তারপর দুই রাত্রি ধরে রাতে বাংলা লোকগান, ভজন ও কীর্তন চলে। চতুর্থ দিনে বিসর্জন হয়। বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করেন। হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন। 

    এই পুজোয় তেরো-র তাৎপর্য

    এই পুজোর একটা বিশেষ নিয়ম হল সবকিছু ১৩টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। ব্রতর আচার হিসেবে সব কিছু দিতে হয় তেরোটি করে। যেমন— তেরোটি নৈবেদ্য সাজাতে হয়। ব্রত পালনে লাগে তেরো রকম ফুল, তেরো রকম ফল, তেরোটি পান, তেরোটি সুপুরি, তেরোটি এলাচ। পুজো শেষের পর খাদ্য গ্রহণ করার ক্ষেত্রেও ১৩টি খাবার খেতে হবে, যেমন – ১৩টা লুচি, ১৩ রকমের ফল, ইত্যাদি। চাল-চিঁড়ে-মুড়ি এসব খাওয়া যায় না৷

    এই পুজোর অন্যতম অঙ্গ হল তাগা বা ডুরি। ১৩টি লাল সুতোয় ১৩টি গিঁট এবং ১৩টি দুর্বা ঘাস দিয়ে ডুরি (চলিত কথায় ডোর) তৈরি করতে হয়। এই ডুরি পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করতে হয়। বিশ্বাস, এই সুতো বেঁধে রাখলে স্বামী-সন্তানের উপর আসা সমস্ত বিপদ দূর হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: ১২ বছর পর পঞ্চায়েত প্রচারে মমতা! ‘‘বিজেপির কৃতিত্ব’’, বললেন সুকান্ত

    Panchayat Election 2023: ১২ বছর পর পঞ্চায়েত প্রচারে মমতা! ‘‘বিজেপির কৃতিত্ব’’, বললেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: বহুদিন পর পঞ্চায়েতের প্রচারে ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রচারে উত্তরবঙ্গে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এটাই বিজেপির সাফল্য দাবি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি বলেছেন, স্থানীয় নির্বাচনে মমতার প্রচারে নামাই রাজ্যে বিজেপির ক্রমবর্ধমান শক্তিকে বৈধতা দিয়েছে।

    কঠোর বিরোধিতার মুখে তৃণমূল

    রাজ্য বিজেপির সভাপতি বলেছেন, এই তৃণমূল কংগ্রেস গত ২০২১-এর ২ মের পর বলেছিল বিজেপি রাজ্য থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী ১২ বছর পর পঞ্চায়েত নির্বাচনের ( Panchayat Election 2023) জন্য প্রচারে নামতে বাধ্য হচ্ছেন। সেখানে এটাই প্রমাণিত হচ্ছে বিজেপি রাজ্যে কতটা শক্তিশালী হয়ে উঠেছে। সুকান্তের কথায়, “১২ পর মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতের প্রচারে নেমেছেন। তার মানে এমন একটা বিরোধিতা আমরা বিরোধী দল হিসাবে তৈরি করতে পেরেছি যাতে তাঁকে রাস্তায় নামতে হয়েছে। এ তো রাজ্য সভাপতি হিসাবে আমার এবং আমাদের টিমের সাফল্য।” সুকান্ত আরও বলেন, “তৃণমূলনেত্রী পঞ্চায়েতের প্রচার শুরু করেছেন উত্তরবঙ্গ থেকে। যেখানে এমনিতেই তৃণমূলের দফারফা হয়ে রয়েছে।”

    সোমবার কোচবিহার থেকে পঞ্চায়েতের প্রচার কর্মসূচি শুরু করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিদির সভা রয়েছে জলপাইগুড়িতে। সুকান্ত মজুমদার দাবি করেছেন,মুখ্যমন্ত্রীর পতন শুরু হবে উত্তরবঙ্গ থেকে। তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের সময় সম্ভাব্য হিংসার বিষয়ে উদ্বেগের কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন সুকান্ত। তিনি বলেছেন, তৃণমূলের আশ্রিত গুণ্ডারা বিজেপিকে ভয় দেখাতে আরও হিংসার আশ্রয় নিতে পারে। তবে তিনি দলের নেতা কর্মীদের আশ্বস্ত করে বলেছেন, বিজেপি এতে ভয় পাবে না, তৃণমূলকে উপযুক্ত জবাব দেবে। 

    আরও পড়ুন: ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশটাই চোর’’, ভোটপ্রচারে শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী

    দিলীপ ঘোষের দাবি

    ২০১৮-র পঞ্চায়েতে একচ্ছত্র আধিপত্য নিয়ে জিতেছিল তৃণমূল। প্রায় ৩৩ শতাংশ আসন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল শাসকদল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষও পঞ্চায়েত নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে ( Panchayat Election 2023) তাঁর অংশগ্রহণ ফলাফল নিয়ে উদ্বেগের কারণেই হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশটাই চোর’’, ভোটপ্রচারে শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী

    Suvendu Adhikari: ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশটাই চোর’’, ভোটপ্রচারে শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: হুগলির আরামবাগ মহকুমার পুরশুড়ার পশ্চিমপাড়ায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে শাসক দল তৃণমূলকে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি নাম করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশকে চোর বলে তীব্র কটাক্ষ করেন।

    কী বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

    পঞ্চায়েত নির্বাচনের প্রচার মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘জেলাশাসককে কাজে লাগিয়ে আরামবাগ লোকসভা ভোটে কারচুপি করে জিতেছে তৃণমূল। চুরি করা ওদের অভ্যাস। গোটা পরিবারটাই চোর। ভাইপো চোর, ভাইপোর বউ চোর, ভাইপোর শালি চোর, ভাইপোর বাবা চোর, ভাইপোর মা চোর, গরু চোর, কয়লা চোর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশ চোর।’’ 

    শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা নেই। ওনার পুলিশ রাজবংশী মৃত্যুঞ্জয় বর্মনকে মাঝ রাত্রে গুলি করে খুন করেছে। উনি একবারও শোক প্রকাশ করেননি। তাই ওনার লজ্জা থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে বলছেন, গুলি চললে সরকার ও পুলিশ ব্যবস্থা নেবে। গুন্ডাদের মতো কথাবার্তা। জেন্ডার চেঞ্জ করে কি বলা যায়, গুন্ডিদের মতো কথাবার্তা।’’

    তাঁর আরও সংযোজন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যাকে ইচ্ছা চড়থাপ্পড় মেরে দেবেন। আমি বলছি, কেষ্টর মতো অবস্থা হবে। কেষ্টকে বলেছিল আমি (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) আছি। যারা অপকর্ম করবে তাদের অবস্থা কেষ্টর মতো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাইপো ছাড়া কারও জন্য নয়। আমি এই কথা বলে দিলাম।’’ 

    এদিন কংগ্রসে-সিপিএমকেও কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি বলেন, “ডোমজুড়ে গুলি-বোমার লড়াই। রাজ্য জুড়েই সন্ত্রাস, গুলি, বোমা চলছে। কংগ্রেস ও সিপিএমের নেতা রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরি যোগাযোগ করুক। পাটনায় শান্তি চুক্তি পড়েও কেন বোমা গুলি চলছে?’’

    নওশাদ সিদ্দিকি ও শওকতকে সাদা পায়রা ওড়ানোর পরামর্শ শুভেন্দুর (Suvendu Adhikari)

    ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নওশাদ সিদ্দিকি ও শওকত মোল্লাকে সাদা পতাকা ও সাদা পায়রা নিয়ে গ্ৰামে গ্ৰামে মিছিল করার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির জাঙ্গিপাড়ায় এক জনসভায় এসে নওশাদ সিদ্দিকি ও শওকত মোল্লার সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে একথা বললেন বিজেপি নেতা ।

    পঞ্চায়েতের মনোনয়ন পর্ব ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। আইএসএস ও শাসকদলের সংঘর্ষে মারা গেছে দু পক্ষেরই বেশ কয়েকজন কর্মী। শান্তির রফাসূত্র খুঁজতে ইতিমধ্যেই ভাঙড় পরিদর্শন করেছেন রাজ্যপাল। আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকি ও তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ের সংঘর্ষ নিয়ে একাধিকবার পরস্পর বিরোধী অভিযোগ ও পাল্টা অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভায় বিধায়ক নওশাদ সিদ্দিকি ও বিধায়ক শওকত মোল্লা পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে সাংবাদিক সম্মেলন করেছেন। যা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি করেছে।।

    এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন জাঙ্গিপাড়ার এক সভামঞ্চ থেকে। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘‘এই উদ্যোগটা ভালো। তবে দুজনে যদি ভাঙড়ের গ্ৰামে গ্ৰামে গিয়ে  শান্তি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে ভালো হয়। ঠান্ডা ঘরে বসে, নিরাপদ জায়গায় বসে এটা করবেন না। কারণ দু পক্ষের লোকই মারা গেছে। সব গরীব মানুষ।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: ভাঙড়ে ৮২ জন আইএসএফ প্রার্থীর নাম ‘মুছে গেল’ কীভাবে? প্রশ্ন হাইকোর্টের

    Panchayat Election 2023: ভাঙড়ে ৮২ জন আইএসএফ প্রার্থীর নাম ‘মুছে গেল’ কীভাবে? প্রশ্ন হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাঙড়ে আইএসএফ প্রার্থীদের মনোনয়নের বিষয়টি রাজ্য নির্বাচন (Panchayat Election 2023) কমিশনকে খতিয়ে দেখতে বললেন বিচারপতি অমৃতা সিনহা। ভাঙড়ে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর যে ৮২ জন প্রার্থীর নাম ওয়েবসাইট থেকে মুছে গিয়েছে, তাঁদের প্রত্যেকের অভিযোগ আলাদা করে খতিয়ে দেখতে হবে। তাঁদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতে হবে। এই পদক্ষেপ করতে হবে ২৮ জুনের মধ্যে। রাজ্য নির্বাচন কমিশনকে সোমবার এই নির্দেশই দিলেন বিচারপতি।

    অভিযোগ সত্য হলে, তাঁকে ভোটে লড়ার সুযোগ দিতে হবে

    এদিন, বিচারপতি সিনহা বলেন, নির্বাচনে (Panchayat Election 2023) কেউ বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হতে পারেন না। উল্লেখ্য, গত ১৫ জুন মনোনয়ন পেশের শেষ দিনে আদালতের নির্দেশে ভাঙড় ২ নম্বর ব্লকের আইএসএফ প্রার্থীদের এসকট করে নিয়ে যাচ্ছিল পুলিশ। পথে তৃণমূলি দুষ্কৃতীরা হামলা চালায়। বিকেল পর্যন্ত অনেক চেষ্টা করে বিডিও অফিসে ঢোকেন আইএসএফ প্রার্থীরা। এর পর মনোনয়নপত্র পেশ করেন। যদিও ততক্ষণে মনোনয়ন পেশের আনুষ্ঠানিক সময় শেষ হয়ে গিয়েছে। মনোয়ন পরীক্ষার কাজ শুরু হলে ওই ৮২ জন প্রার্থীর নাম কমিশনের তালিকায় দেখা যায়। কিন্তু ২০ জুন মনোয়ন প্রত্যাহারের শেষ দিন সন্ধ্যায় তালিকা থেকে গায়েব হয়ে যায় তাদের নাম। এর পর আদালতের দ্বারস্থ হন ওই ৮২ জন  প্রার্থী।

    আরও পড়ুন: বিশ্বের উন্নয়ন, মঙ্গলের শক্তি হল ভারত-মার্কিন বন্ধুত্ব! অভিমত মোদির

    গত বুধবার মামলার শুনানি হয়েছিল হাইকোর্টে। সেদিনই বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছিলেন, ‘‘একটি নির্বাচন (Panchayat Election 2023) ঘিরে এত অভিযোগ। এটা রাজ্যের পক্ষে লজ্জার! রাজ্যের উচিত, আদালতের নির্দেশ মতো আইনশৃঙ্খলার বিষয়টি সঠিক ভাবে নিয়ন্ত্রণ করা। তা না হলে বা অশান্তি, রক্তপাত, জীবনহানি হলে নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত।’’ সোমবার এই মামলাতেই বিচারপতির নির্দেশ, ৮২ জন আইএসএফ প্রার্থীর প্রত্যেকের অভিযোগ খতিয়ে দেখতে হবে। কারও অভিযোগ সত্য হলে, তাঁকে ভোটে লড়ার সুযোগ করে দিতে হবে কমিশনকে। 
     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share