Blog

  • Air India Flight: ৩৬ ঘণ্টা পর! সানফ্রান্সিসকো উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিকল্প বিমান

    Air India Flight: ৩৬ ঘণ্টা পর! সানফ্রান্সিসকো উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিকল্প বিমান

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে মাগাদন বিমানবন্দর থেকে সানফ্রান্সিসকোর উদ্দেশে রওনা দিল এয়ার ইন্ডিয়ার বিকল্প (Air India Flight) একটি বিমান। যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকালে রাশিয়ায় জরুরি অবতরণ করেছিল এয়ার ইন্ডিয়ার সানফ্রান্সিসকোগামী একটি বিমান। সেই ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর অন্য একটি বিমানে করে যাত্রীদের পাঠানো হল।

    যাত্রীরা সুরক্ষিত

    বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকল যাত্রীরা সুরক্ষিত অবস্থাতেই রয়েছেন। উল্লেখ্য, গত সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার ওই বিমান (Air India Flight) দিল্লি থেকে সানফ্রান্সিসকোর দিকে যাচ্ছিল। কিন্তু মাঝ আকাশেই বিমানের ‘ফ্লাইট ইঞ্জিনে’ গোলমাল ধরা পড়ে। বিপদ বুঝেই নিকটস্থ বিমানবন্দর পূর্ব রাশিয়ার মাগাদনের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বার্তা পাঠান পাইলট। মাগাদনের বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সবুজ সঙ্কেত পেতেই তড়িঘড়ি বিমানটির জরুরি অবতরণ করানো হয় সেখানে। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, সেই বিমানে ২১৬ জন যাত্রী ও ১৬ জন ক্রু মেম্বার ছিলেন। 

    আরও পড়ুন: করমণ্ডল কেড়েছে ছেলের প্রাণ, সেই ট্রেনে চড়ে দেহ আনতে গেলেন বাবা

    বিকল্প বিমানের ব্যবস্থা

    এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, মুম্বই থেকে বিকল্প বিমান (Air India Flight) মাগাদনে গেলে যাত্রীদের নিরাপদে সান ফ্রান্সিসকো পৌঁছে দেওয়া হবে। যাত্রীদের থাকার জন্য আপৎকালীন পদক্ষেপও করেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিমানের যাত্রীদের একটি গ্রামীণ স্কুলে রাখা হয়। কিন্তু প্রান্তিক ওই শহরে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ছিল না বলে অভিযোগ ওঠে। সমালোচনার মুখে পড়তে হয় বিমান কর্তৃপক্ষকে। শেষ পর্যন্ত ৩৬ ঘণ্টা আটকে থাকার পর অন্য একটি বিমানে যাত্রীদের আমেরিকায় পাঠানো হল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • WTC Final 2023: ওভালে দাপট হেড-স্মিথের, প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

    WTC Final 2023: ওভালে দাপট হেড-স্মিথের, প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের ধাঁচেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) শুরু করলেন ট্রেভিস হেড। তিনি প্রথম ব্যাটার যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতরান করলেন। সেই শতরান এল মাত্র ১০৬ বলে। একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ধারা বজায় রেখে দলকে ধীর গতিতে টেনে নিয়ে গেলেন স্টিভ স্মিথ। প্রথম দিনের শেষে স্মিথ-হেড জুটির ওপর ভর করে ৮৫ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া মাত্র ৩ উইকেট হারিয়ে তুলে নিয়েছে ৩২৭ রান।

    অস্ট্রেলিয়ার দাপট

    ফাইনালে (WTC Final 2023) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। টস জেতা ছাড়া প্রথম দিনে আর কোনও কিছুই ভারতের পক্ষে গেল না। ওভালের সবুজ পিচ এবং মেঘলা আকাশ দেখে বল করাই ঠিক মনে করেছিলেন রোহিত। মধ্যাহ্নভোজের বিরতির আগে দুই উইকেট পড়েও যায় অস্ট্রেলিয়ার। কিন্তু তারপর থেকে শুধুই অজি-দাপট। স্মিথ-হেডের অবিচ্ছিন্ন জুটিতে ওঠে ২৫১ রান। ট্রেভিস হেড ১৫৬ বলে ১৪৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ২২টি চার ও ১টি ছক্কা মারেন। স্টিভ স্মিথ ২২৭ বলে ৯৫ রান করে নট-আউট থাকেন। তিনি ১৪টি চার মেরেছেন।

    আরও পড়ুন: ওভালে করমণ্ডল দুর্ঘটনা স্মরণ! এক মিনিট নীরবতা পালন রোহিতদের

    বাদ অশ্বিন

    ভারতীয় দলে রয়েছে তিন পেসার। শামি, সিরাজ এবং উমেশ যাদব রয়েছেন ভারতীয় দলে। নেওয়া হয়নি রবিচন্দ্রন অশ্বিনকে। আইসিসির ক্রমতালিকায় টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার অশ্বিন। তাঁকে বসিয়ে রেখে খেলতে নামা কতটা ঠিক সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইংল্যান্ডের পরিস্থিতি পেসারদের জন্য সুবিধার। কিন্তু ওভাল! সেখানে ম্যাচ গড়ালে সুবিধা পায় স্পিনাররা। তার মধ্যে এখনকার আবহাওয়া শুষ্ক। অশ্বিনের অভাব প্রথম দিনেই টের পেল ভারত। এদিন শামি দিয়েছেন ৭৭ রান, সিরাজ দিয়েছেন ৬৭ রান। একটি করে উইকেট নিয়েছেন তাঁরা। শার্দূল একটি নিয়ে দিয়েছেন ৭৫ রান। উমেশ ১৪ ওভার বল করে দিয়েছেন ৫৪ রান। একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজা দিয়েছেন ৪৮ রান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Rujira Banerjee: কয়লা পাচার মামলায় আজ ইডি দফতরে রুজিরার হাজিরা! যাচ্ছেন কি?

    Rujira Banerjee: কয়লা পাচার মামলায় আজ ইডি দফতরে রুজিরার হাজিরা! যাচ্ছেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচার মামলায় আজ, বৃহস্পতিবার ইডি দফতরে তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee)। কলকাতার সিজিও কমপ্লেক্সে সকাল ১১টায় হাজিরা দেওয়ার কথা অভিষেক-পত্নীর।

    বিমানবন্দরে আটকে দেওয়ার পরই তলবের চিঠি

    সোমবার, বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছিল রুজিরাকে (Rujira Banerjee)। অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি-র মামলায় লুক আউট সার্কুলার জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই অভিষেক-পত্নীকে হাজিরার নোটিস ধরায় ইডি। সেই প্রেক্ষিতেই আজ হাজিরা দেওয়ার কথা অভিষেক-জায়ার। 

    আগেও ইডি-র প্রশ্নের সামনে পড়েছিলেন রুজিরা

    আজ হাজিরা দিলে এই নিয়ে দু’বার ইডি-র মুখোমুখি হবেন রুজিরা (Rujira Banerjee)। গত বছর ২৩ জুন কয়লা পাচার মামলায় প্রথম বার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেকের স্ত্রী। সেবারও সিজিও কমপ্লেক্সেই নথিভুক্ত হয়েছিল রুজিরার বয়ান। তার আগে এই একই মামলায় দু’বার সিবিআই জেরার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। প্রথমবার ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি এবং ফের ২০২২ সালের ১৪ জুন অভিষেকের বাসভবন ‘শান্তিনিকেতন’-এ গিয়ে রুজিরাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই কর্তারা।

    আরও পড়ুন: কয়লা পাচার মামলায় মলয় ঘটককে দিল্লিতে হাজিরার নির্দেশ ইডি-র

    তলব করা হয়েছিল অভিষেককেও

    শুধু রুজিরা (Rujira Banerjee) নন, কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল রুজিরার বোন মেনকা গম্ভীরকে।  সিজিও কমপ্লেক্সে দীর্ঘ সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকেও। গত বছর সেপ্টেম্বরে বিমানবন্দরেই ব্যাংকক যাওয়ার পথে আটকানো হয় মেনকাকে। তার আগে দিল্লিতেও তলব করা হয়েছিল তাঁকে।  

    এমনকি, জিজ্ঞাসাবাদ করা হয়েছে খোদ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেককেও। তাঁকেও দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর, দিল্লিতে ইডি-র দফতরে প্রথম বার কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হন অভিষেক। সেদিন তাঁকে প্রায় ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর ৬ মাস পর ২০২২ সালের ২১ মার্চ, কয়লাকাণ্ডের তদন্তে ফের অভিষেককে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ED: এসেছেন আরও ২০ অফিসার! রাজ্যে ফের তৎপরতা ইডির, কেন জানেন?

    ED: এসেছেন আরও ২০ অফিসার! রাজ্যে ফের তৎপরতা ইডির, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ফের তৎপরতা ইডি (ED) সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। যার জেরে আবারও তুঙ্গে জল্পনা। শুক্রবার রাজ্যে এসেছিলেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র। শনিবার কলকাতা ছেড়ে যান তিনি। তার মধ্যেই সেরেছেন বেশ কয়েকটি বৈঠক। মঙ্গলবার রাজ্যে এসেছিলেন জাতীয় তদন্তকারী সংস্থার শীর্ষ কর্তা দিনকর গুপ্ত। জানা গিয়েছে, শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে শহরে এসেছেন কয়েকজন ডেপুটি ডিরেক্টর সহ ইডির ২০ জন আধিকারিকের একটি দল। এর পরেই দানা বেঁধেছে জল্পনা। তাহলে কী বড় কোনও অপারেশনের ঘুঁটি সাজাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা?

    ইডির (ED) তৎপরতা

    জল্পনার পারদ চড়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়ায়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলবও করেছে ইডি (ED)। ১৯ জুন দিল্লিতে তলব করা হয়েছে তৃণমূল নেতা তথা আইনমন্ত্রী মলয় ঘটককেও। কয়লা কেলেঙ্কারিকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।

    কাকে কাকে তলব করা হয়েছে?

    ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার রুজিরাকে সিজিও কমপ্লেক্সে জেরা করতে পারে পাঁচজনের একটি দল। কয়লা পাচার মামলার সূত্রে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। ওই সূত্রেই দিল্লিতে তলব করা হয়েছে মলয়কে। ডেকে পাঠানো হয়েছে মলয়ের আপ্ত সহায়ক হিসেবে পরিচিত শঙ্কর চক্রবর্তীকেও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কেবল তাঁদের আধিকারিক-আইনজীবীদের সঙ্গে নয়, আয়কর দফতর ও শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন সঞ্জয়। রাজ্যে আরও কয়েকজন আধিকারিক আসার পরে ফের রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে পারে ইডি।

    আরও পড়ুুন: অশান্ত মণিপুর, বিচ্ছিন্নতাবাদীদের হামলার জেরে অস্ত্র সমর্পণে না রাজ্যবাসীর

    গরু ও কয়লা পাচারের মামলা পরিচালিত হয় দিল্লির সদর দফতর থেকে। কারণ দুটি মামলায়ই দায়ের হয়েছে দিল্লিতে (ED)। ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতায় এসেছেন ওই মামলা দুটির তদন্তকারী আধিকারিক। কলকাতার আধিকারিকদের সঙ্গে তাঁদের সমন্বয় বৈঠকও হয়েছে। ইডির দাবি, কয়লা ও গরু পাচারের কালো টাকার একটা বড় অংশ বিনিয়োগ করা হয়েছে বিভিন্ন ব্যবসা ও সম্পত্তিতে। ইডি সূত্রে খবর, বিভিন্ন নথিপত্রের সাহায্যে তদন্ত আরও জোরদার করতে চাইছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ekalavya: একলব্য স্কুলে ৩৮ হাজারেরও বেশি শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি  

    Ekalavya: একলব্য স্কুলে ৩৮ হাজারেরও বেশি শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি  

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্য আদিবাসী জনজাতির শিক্ষার উন্নয়ন। তার জেরে গোটা দেশে কয়েকশো স্কুল চালাচ্ছে কেন্দ্রীয় আদিবাসী কল্যাণ মন্ত্রক। এই স্কুলের পোশাকি নাম একলব্য (Ekalavya) মডেল রেসিডেন্সিয়াল স্কুল। এই স্কুলে ৩৮ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ করতে চলেছে কেন্দ্র। ১৯৯৭-৯৮ সালে তৈরি হয়েছিল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। মূলত প্রান্তিক এলাকায় থাকা আদিবাসী জনজাতির উন্নয়নকল্পেই তৈরি করা হয়েছিল এই স্কুল।

    একলব্য (Ekalavya) স্কুলের উদ্দেশ্য

    কর্মসংস্থানমুখী বিভিন্ন কোর্সের মাধ্যমে কাজের সুযোগ বৃদ্ধির চেষ্টাও করা হয় এই স্কুলের মাধ্যমে। জানা গিয়েছে, ৩৮ হাজার ৪৮০টি টিচিং ও নন-টিচিং স্টাপ নিয়োগ করা হবে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রিক্রুটমেন্ট ২০২৩ নোটিফিকেশন অনুযায়ী নিয়োগ করা হবে। লিংক অ্যাকটিভ হলেই আগ্রহী প্রার্থীরা শিক্ষক এবং অশিক্ষক কর্মী পদে আবেদন করতে পারবেন।

    নিয়োগ হবে এই সব পদে

    আদিবাসীদের শিক্ষার উন্নয়নে এ রাজ্যেও রয়েছে একাধিক একলব্য (Ekalavya) স্কুল। বাঁকুড়া, পুরুলিয়া সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় রয়েছে বেশ কিছু স্কুল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও রয়েছে এই ধরনের স্কুল। কেন্দ্রের এই ঘোষণায় শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে রাজ্যের ওই স্কুলগুলিতেও। যেসব পদে নিয়োগ করা হবে, সেগুলি হল, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, ট্রেনড গ্র্যাজুয়েট টিচার, আর্ট টিচার, মিউজিক টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, লাইব্রেরিয়ান, স্টাফ নার্স, হস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্টটেন্ট, কেটারিং অ্যাসিন্ট্যান্ট, চৌকিদার, রাঁধুনি, কাউন্সেলর, ড্রাইভার, ইলেকট্রিসিয়ান কাম প্লাম্বার, মালি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেনডেন্ট, মেস হেল্পার, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং সুইপার।

    আরও পড়ুুন: অশান্ত মণিপুর, বিচ্ছিন্নতাবাদীদের হামলার জেরে অস্ত্র সমর্পণে না রাজ্যবাসীর

    প্রিন্সিপাল পদে আবেদন করতে হলে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মাস্টার ডিগ্রি করতে হবে প্রার্থীকে। সঙ্গে থাকতে হবে বিএড ডিগ্রি। পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স পদে আবেদন করতে হলে প্রার্থীকে কম্পিউটার সায়েন্স কিংবা আইটিতে এমএসসি করতে হবে। স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে এমসিএ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে একলব্য (Ekalavya) মডেল রেসিডেন্সিয়াল স্কুল রিক্রুটমেন্ট ২০২৩ এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur Violence: অশান্ত মণিপুর, বিচ্ছিন্নতাবাদীদের হামলার জেরে অস্ত্র সমর্পণে না রাজ্যবাসীর

    Manipur Violence: অশান্ত মণিপুর, বিচ্ছিন্নতাবাদীদের হামলার জেরে অস্ত্র সমর্পণে না রাজ্যবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুরকে (Manipur Violence) শান্ত করতে রাজ্যবাসীকে অবৈধ অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সেই ডাকে সাড়া দিয়ে অস্ত্র সমর্পণ করতে শুরুও করেছিলেন মণিপুরবাসী। পরে ফের বন্ধ হয়ে যায় অস্ত্র সমর্পণের প্রক্রিয়া। কারণ গত কয়েকদিনে উত্তর-পূর্বের এই রাজ্যের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে কুকি বিচ্ছিন্নতাবাদীরা। হামলায় এক বিএসএফ জওয়ান সহ কয়েকজন ব্যক্তির মৃত্যুও হয়েছে। জখমও হয়েছেন অনেকে। বহু বাড়িতে নতুন করে অগ্নিসংযোগও করা হয়েছে। তার পরেই অস্ত্র সমর্পণ করতে বেঁকে বসেন মণিপুরবাসীর একাংশ। তাঁরা যে আপাতত অস্ত্র সমর্পণ করবেন না, তাও জানিয়ে দিয়েছেন শাহকে।

    অশান্ত মণিপুর (Manipur Violence)

    এদিকে, ভয়াবহ আকার ধারণ করেছে মণিপুরের সাম্প্রদায়িক হিংসা। রবিবার সন্ধ্যায় ইম্ফলের ইরোইসেম্বা এলাকায় বছর সাতেকের এক শিশু, তার মা এবং তাঁদের প্রতিবেশী এক মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। অসম রাইফেলস বাহিনীর এক ক্যাম্পে বুলেটের স্প্লিন্টার লেগেছিল বছর সাতেকের টংসিং হ্যাংসিংয়ের মাথায়। টংসিংয়ের মা মীনা হ্যাংসিংয়ের হাতেও লেগেছিল গুলির টুকরো। অ্যাম্বুলেন্সে করে টংসিং ও তাঁর মাকে (Manipur Violence) নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। অ্যাম্বুলেন্সে ছিলেন তাঁদের এক প্রতিবেশীও। পথে একদল উন্মত্ত জনতা আগুন লাগিয়ে দেয় অ্যাম্বুলেন্সটিতে। ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ওই শিশু সহ তিনজনের। পুলিশের তিনটি গাড়িও ধ্বংস করে দেয় জনতা। হিংসার কবলে পড়ে জখম হন পুলিশের দুই কমান্ডো। অন্য একটি গাড়িতে করে কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন এসপি।

    কুকিদের বিক্ষোভ

    এদিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ দেখান কুকি জনগোষ্ঠীর লোকজন। দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। বিক্ষোভকারীদের মধ্যে থেকে চারজনকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁদের সঙ্গে কথা বলতে পারেন শাহ। বাকিদের পাঠিয়ে দেওয়া হয় যন্তরমন্তরে।

    আরও পড়ুুন: হিসাব না দেওয়াতেই ১০০ দিনের টাকা বন্ধ, রাজ্যে এসে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

    এদিকে, মঙ্গলবারও ফের উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর। সেই হিংসার (Manipur Violence) বলি হন বাংলার ছেলে রঞ্জিত যাদব। তিনি বিএসএফে কর্মরত ছিলেন। এদিন হিংসার জেরে গুলিবিদ্ধ হন রঞ্জিত। তার পরেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুগিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Calcutta High Court: উপাচার্য নিয়োগের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে দায়ের জনস্বার্থ মামলা

    Calcutta High Court: উপাচার্য নিয়োগের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে দায়ের জনস্বার্থ মামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য অর্ডিন্যান্স তৈরি করেছে রাজ্য। সেই অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে বুধবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মামলা করেছেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। ১২ জুন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

    সার্চ কমিটি গঠনে বদল

    হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে উপাচার্য নিয়োগের সার্চ কমিটি গঠনে বদল এনেছে রাজ্য সরকার। কমিটিতে ৩ জনের পরিবর্তে সদস্য সংখ্যা করা হয়েছে ৫। ৩ সদস্যের কমিটিতে থাকতেন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং রাজ্য সরকারের প্রতিনিধি। নয়া যে কমিটি গঠন করা হবে তাতে থাকবেন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর একজন প্রতিনিধি, উচ্চ শিক্ষা দফতরের একজন প্রতিনিধি, উচ্চ শিক্ষা সংসদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন প্রতিনিধি। সুস্মিতার দাবি, নয়া কমিটিতে রাজ্য সরকারের ৩ প্রতিনিধি থাকবে বলে বলা হয়েছে। যার অর্থ, রাজ্য কোনও সিদ্ধান্ত নিলে সংখ্যাগরিষ্ঠতার কারণে তা পাশ হয়ে যাবে অনায়াসেই। রাজ্যপালের মতামত উপেক্ষা করার উপায়ও রয়েছে।

    প্রশ্ন একাধিক

    সুস্মিতার প্রশ্ন, কমিটিতে (Calcutta High Court) নিজেদের ওজন বাড়ানোর জন্যই কি মুখ্যমন্ত্রীর প্রতিনিধিকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কমিটিতে উচ্চ শিক্ষা সংসদের প্রতিনিধিকে রাখার প্রয়োজনই বা কী? প্রশ্ন উঠছে কমিটিতে রাজ্যের ৩ প্রতিনিধি থাকা নিয়েও। এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সার্চ কমিটিতে যুক্ত করা হয়েছে ইউজিসির চেয়ারম্যানের একজন প্রতিনিধিকে। এর জেরে কমিটির সদস্য সংখ্যা দাঁড়াচ্ছিল ৪ এ। কোনও নির্বাচন কমিটিতেই জোড় সংখ্যক সদস্য থাকা বাঞ্ছনীয় নয়। সেই কারণেই যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর একজন প্রতিনিধিকে।

    আরও পড়ুুন: “কেন্দ্র ৫০ হাজার কোটি টাকা রাজ্যকে দিয়েছে, সেই টাকা কোথায় গেল?”

    সম্প্রতি রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের চিঠি পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী (Calcutta High Court) নিক্ষেপ করেন ট্যুইট-বাণ। তাঁর দাবি, এই পদ্ধতি আইনসম্মত নয়। উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে এ নিয়ে কোনও আলোচনাই করেননি রাজ্যপাল। নবান্ন-রাজ্যপাল ভবনের এহেন সংঘাতের আবহেই দায়ের হল জনস্বার্থ মামলা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Test Championship Final: ওভালে করমণ্ডল দুর্ঘটনা স্মরণ! এক মিনিট নীরবতা পালন রোহিতদের

    ICC Test Championship Final: ওভালে করমণ্ডল দুর্ঘটনা স্মরণ! এক মিনিট নীরবতা পালন রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুই শহরের মধ্যে দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটার। সময়ের ফারাক প্রায় সাড়ে চার ঘণ্টা। তবুও, বুধবার সকালে ওড়িশার বালাসোরের সঙ্গে কোথাও যেন মিলে গেল লন্ডন। মিলিয়ে দিল একটা বিপর্যয়। মিলিয়ে দিল সমবেত দুঃখ। মিলিয়ে দিল সমগ্র মানবিকতা।

    ওড়িশার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ছায়া পড়ল সুদূর লন্ডনে। এদিন থেকেই কেনিংটন ওভালে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC Test Championship Final)। খেলার আগে, ওভাল মাঠের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে উল্লেখ করা হয় করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে। 

    গত শুক্রবার ওড়িশার বাহানগা বাজারে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয়। সেই ঘটনায় ২৮৮ জন মারা গিয়েছেন। ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দুই দেশের জাতীয় সঙ্গীতের আগে এক মিনিটের নীরবতা পালন করা হয়। হাতে কালো ব্যান্ড পরে নেমেছেন ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। টেস্টের (ICC Test Championship Final) পাঁচদিনই কালো ব্যান্ড পরে খেলবে দুই দলের ক্রিকেটাররা।

    এদিন ওভালের বেল বাজিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (ICC Test Championship Final) সূচনা করেন দীনেশ কার্তিক। এদিন টস জিতে ওভালের ঘাসে ঢাকা উইকেট দেখে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দল এরকম— রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: “কেন্দ্র ৫০ হাজার কোটি টাকা রাজ্যকে দিয়েছে, সেই টাকা কোথায় গেল?”

    BJP: “কেন্দ্র ৫০ হাজার কোটি টাকা রাজ্যকে দিয়েছে, সেই টাকা কোথায় গেল?”

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে অভিষেকের গড়ে মহা জনসম্পর্ক অভিযান করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ড: দীনেশ শর্মা। বুধবার ডায়মন্ড হারবার বিধানসভার মশাটহাটে মহা জনসম্পর্ক অভিযান করেন তিনি। এদিন তিনি দুপুরে বিজেপি (BJP) কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। পরে তিনি বলেন, গত ৩ রা জুন থেকে মহা জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে। এখানে কোনও গণতন্ত্র নেই। বিরোধীরা কোনও রাজনৈতিক কর্মসূচি করতে পারেন না। পিসি ও ভাতিজাকে উত্তরপ্রদেশে যেতে বলুন। কীভাবে প্রশাসন চালাতে হয়, তা শিখে আসতে হবে। তিনি বলেন, লোকসভা নির্বাচনে বাংলায় পিসি-ভাতিজা ৪৪০ ভোল্টের ঝটকা খাবেন। পাশাপাশি ডায়মন্ড হারবারে মহা জনসম্পর্ক অভিযানে র‍্যালি করতে দেয়নি প্রশাসন, এমনটাই অভিযোগ তুলে তিনি সরব হন।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী বললেন?

    অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা নিয়ে তিনি বলেন, রাজ্যের শাসক নিরপেক্ষ হয়ে দেখুক। তাহলে দেখা যাবে, কাদের দিকে লোক বেশি। অন্যদিকে বাংলার মাফিয়া রাজ নিয়েও সরব হন তিনি। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্র রাজ্যকে কোনও ভাবেই বঞ্চিত করেনি। কেন্দ্র ৫০ হাজার কোটি টাকা রাজ্যকে দিয়েছে। কিন্তু সেই টাকা কোথায় গেল? 
    এদিনের মহা জনসম্পর্ক অভিযানে (BJP) পুলিশের কড়া নিরাপত্তা দেখা যায় এলাকায়।

    দেশজুড়ে মহা-জনসম্পর্ক অভিযানে বিজেপি (BJP)

    উল্লেখ্য, নরেন্দ্র মোদি সরকারের ন’ বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যেই দেশজুড়ে মহা-জনসম্পর্ক অভিযান শুরু করেছে বিজেপি (BJP)। এই কর্মসূচির আহ্বায়ক তরুণ চুঘ জানিয়েছেন, দলের ১৪০০ র ওপর বিধায়ক এবং তিনশোর বেশি সাংসদ এই কর্মসূচিতে থাকবেন। এই কর্মসূচির অংশ হিসেবে ৯ বছরে মোদি সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, তা দেশের প্রতিটি বুথেই পৌঁছে দেবেন বিজেপির কার্যকর্তারা। জানা গেছে, নাগরিক সেমিনারও যেমন হবে, তেমনি সমাজের বিশিষ্টদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বিজেপি (BJP) নেতারা। পাশাপাশি নজর দেওয়া হয়েছে পিছিয়ে পড়া বর্গের মানুষদের দিকেও। যাঁরা নরেন্দ্র মোদি সরকারের নয় বছরের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁদের সঙ্গেও কথা বলবেন বিজেপি নেতারা। ইতিমধ্যেই জানা গেছে, সারা দেশ জুড়ে জনসভা করবেন বিজেপি (BJP) নেতারা। বেশ কয়েকটি বড় জনসভাও হবে। যেখানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডার মতো প্রথম সারি নেতারা। এ রাজ্যে এমন তিনটি জনসভা হবে বলে শোনা যাচ্ছে বিজেপি সূত্রে। উপস্থিত থাকবেন মোদি-শাহ-নাড্ডা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather report:  বর্ষায় বাধা ‘বিপর্যয়’! আপাতত রেহাই নেই গরমে, কবে মিলবে স্বস্তি?

    Weather report: বর্ষায় বাধা ‘বিপর্যয়’! আপাতত রেহাই নেই গরমে, কবে মিলবে স্বস্তি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহের দাপট। গরমে হাঁসফাঁস অবস্থা পশ্চিমবঙ্গবাসীর। বর্ষা তো দূর অস্ত! প্রাক বর্ষার বৃষ্টিতেও আপাতত মাটি ভেজার কোনও সম্ভাবনা দেখছেন না আবহবিদরা (Weather report)। বৃষ্টির জন্য যখন চাতক পাখির মতো চেয়ে আছে বাঙালি ঠিক তখনই আবার ভিলেন হয়ে দেখা দিচ্ছে মায়ানমার সমুদ্র উপকূল এবং আরব সাগরে তৈরি হওয়া দুটি ঘূর্ণিঝড়। কিন্তু কীভাবে?

    বর্ষায় বাধা বিপর্যয়..

    আবহবিদদের মতে, জুনের প্রথম সপ্তাহে দেশের মধ্যে কেরলে প্রথম ঢোকে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সঙ্গে করে নিয়ে আসে স্বস্তির বৃষ্টি। কেরলে ঢোকার ১০-১২ দিনের মধ্যেই মৌসুমি বায়ুর প্রভাবে ভিজতে থাকে বাংলার তপ্ত মাটি। কিন্তু প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয়তে পা রেখেছে জুন। কোথায় বর্ষা? বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে যাবতীয় জলীয় বাষ্প টেনে নিচ্ছে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত ‘বিপর্যয়’। তাই তৈরি হচ্ছেনা বর্ষার অনুকূল পরিস্থিতি। আগামী ২৪ ঘণ্টায় আরও প্রবল হবে এই ঘূর্ণিঝড়। জানা গেছে উত্তর পশ্চিম দিকে গতি নেবে এই ঝড়। আছড়ে পড়ার কথা পাকিস্তানে। কিন্তু পাকিস্তানে যখনই আছড়ে পড়ুক ‘বিপর্যয়’, বর্তমানে যে সে বাঙালির কাছে বড় ভিলেন তা বলার অপেক্ষা রাখেনা। একটা আশার কথা অবশ্য হাওয়া অফিস শুনিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হবে।

    আরও পড়ুন: পড়ুয়াদের ‘প্রেরণা’ দিতে নিয়ে যাওয়া হবে মোদির শৈশবের স্কুলে, কারা পাবে সুযোগ?

    কী বলছেন বিশেষজ্ঞরা? 

    কেন্দ্রীয় আবহাওয়া দফতরের এক অধিকর্তার কথায়, ‘‘আরব সাগরের ঘূর্ণিঝড় বা মায়ানমারের ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের পক্ষে অনুকূল কোনও পরিস্থিতি তৈরি করতে পারবে না।’’ তিনি আরও জানান, শনিবার পর্যন্ত বঙ্গে এই দহন-পরিস্থিতি চলবে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে বৃষ্টি বাড়তে পারে।

    আপাতত গরম থেকে রেহাই মিলবে না বঙ্গবাসীর (Weather report)

    কেরলে বর্ষা আসতে বিলম্ব হলে, স্বাভাবিকভাবেই বাংলাতেও দেরিতে ঢুকবে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বুধবারের রিপোর্ট অনুযায়ী, গাঙ্গেয় উপত্যকার রাজ্যগুলিতে আরও চার পাঁচদিন চলবে তাপপ্রবাহ। বিহার ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। মৌসুমি বায়ু কেরলে পৌঁছনোর পরে তার পূর্ব ভারতে আসতে অন্তত এক সপ্তাহ লাগে। তাই জুনের তৃতীয় সপ্তাহেও বর্ষা বঙ্গভূমিতে পা ফেলবে কি না, সেই বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মঙ্গলবারও গরমে পুড়েছে বাংলা। বেশিরভাগ জেলারই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির কাছাকাছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share