Blog

  • ICC ODI World Cup 2023: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ ভারতের! বিশ্বকাপে কবে পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া?

    ICC ODI World Cup 2023: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ ভারতের! বিশ্বকাপে কবে পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি (ICC) সরকারিভাবে ঘোষণা করেনি। তবে সূত্র মারফত খবর, অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে এবারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। রোহিত শর্মা (Rohit Sharma) ও প্যাট কামিন্সের (Pat Cummins) দলের মধ্যে এই মহারণ চেন্নাইতে আয়োজিত হওয়ার কথা। আইসিসি থেকে পাওয়া খবর অনুসারে এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে বিসিসিআই (BCCI) ও পিসিবি-র (PCB) মধ্যে দ্বন্দ্ব চললেও, ভারতের মাটিতে কাপ যুদ্ধ খেলতে রাজি হয়েছে বাবর আজমদের (Babar Azam) ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে ১৫ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

    বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

    আগামী ৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) উদ্বোধনী ম্যাচে নামতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ভারতের প্রথম ম্যাচ সম্ভবত অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ লড়াই হওয়ার কথা ১৫ অক্টোবর।

    আরও পড়ুন: বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিচ্ছে ‘মোকা’! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ভ্রুকুটি

    বিশ্বকাপের চূড়ান্ত সূচি

    আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ছাড়াও বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা কলকাতা, দিল্লি, ইন্দোর, ধরমশালা, গুয়াহাটি, রাজকোট এবং মুম্বইয়ে। মোহালি ও নাগপুরে সম্ভবত ওডিআই বিশ্বকাপের কোনও ম্যাচ দেওয়া হবে না। একইসঙ্গে জানা গিয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ হতে পারে। ১০টি দল এবারের বিশ্বকাপে খেলতে নামবে। মোট ৪৮টি ম্যাচের জন্য দেশের মোট ১২টি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি দল ৯টা করে লিগের ম্যাচ খেলবে। যার অর্থ বেশিরভাগ ম্যাচ কেন্দ্রেই ভারতের একটি করে লিগ ম্যাচ আয়োজিত হতে পারে। সেই নিরিখে কলকাতার ইডেন গার্ডেন্সেও টিম ইন্ডিয়ার একটি লিগ ম্যাচ আয়োজিত হতে পারে। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি এখনও ঘোষিত হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের পরেই সম্ভবত বিশ্বকাপের চূড়ান্ত সূচি সামনে আসবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Imran Khan: গ্রেফতার ইমরান! মোদির বিরুদ্ধে মামলা করতে চেয়ে ট্যুইট পাক অভিনেত্রীর, কী বলল দিল্লি পুলিশ?

    Imran Khan: গ্রেফতার ইমরান! মোদির বিরুদ্ধে মামলা করতে চেয়ে ট্যুইট পাক অভিনেত্রীর, কী বলল দিল্লি পুলিশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan)। দলীয় নেতার গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভে সামিল হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সদস্যরা। সে দেশের বিভিন্ন নেতা-নেত্রীদের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন জায়গায়। পরিস্থিতি মোকাবিলা করতে অনেক জায়গায় সেনা নামানো হয়েছে বলেও জানা যাচ্ছে, তবে লাহোর প্রভৃতি স্থানে সেনা কমান্ডোদের বাসভবনে হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাওয়ালপিন্ডিতে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর অফিসে ঢুকে পড়ে। জানা গিয়েছে সে দেশে এখনও পর্যন্ত এই হিংসার ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থাগুলি জানাচ্ছে, পাকিস্তানের ইসলামাবাদ সহ বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে হেফাজতে থাকার পরে ইমরান খানকে আজকে আদালতে পেশ করা হয়। পুলিশ লাইন গেস্ট হাউসে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই বসে আদালত। শুরু হয় বিচার প্রক্রিয়া। অন্যদিকে পাক প্রধানমন্ত্রীর (Imran Khan) এই গ্রেফতারিকে কেন্দ্র করে যখন পাকিস্তানের অশান্তির আগুন জ্বলছে তখন এই গোটা ঘটনার পিছনে মোদির হাত রয়েছে বলে ট্যুইট করেছেন সে দেশের অভিনেত্রী শিহর শিনওয়ারি, শুধু তাই নয়, দিল্লি পুলিশের কাছে এ বিষয়ে তিনি অভিযোগ করবেন বলেও জানিয়েছেন। এনিয়ে নেট পাড়ায় শুরু হয়েছে ট্রল। পাল্টা উত্তর দিয়েছে দিল্লি পুলিশও।

    ট্যুইটে কী লিখলেন শেহর?

    পাকিস্তানি অভিনেত্রী এদিন ট্যুইটে জানান, যে তিনি ভারতের প্রধানমন্ত্রী ও ভারতের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ জানাতে চান। কারণ পাকিস্তানে আজকে যে হিংসার ঘটনা ঘটেছে তার জন্য এরাই দায়ী। শেহরির আশা, ভারতের সুপ্রিম কোর্টে তাঁর তোলা এই অভিযোগ নিশ্চিতভাবে শোনা হবে।

    পাল্টা দিয়েছে দিল্লি পুলিশও

    শেহরির ট্যুইটের জবাবে দিল্লি পুলিশ বলছে,‘‘আমাদের উদ্বেগের কারণ হল যে পাকিস্তানের দিল্লি পুলিশের কোন বিচারালয় পাকিস্তানে নেই কিন্তু এটা জেনে অবাক লাগছে যে সে দেশে হিংসার কারণে যদি সত্যিই ইন্টারনেট বন্ধ থাকে, তাহলে আপনি ট্যুইট করলেন কীভাবে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “অভিযোগের মধ্যেই রাজনীতি রয়েছে”, কনভয়কাণ্ডে আদালতে সওয়াল শুভেন্দুর আইনজীবীর

    Suvendu Adhikari: “অভিযোগের মধ্যেই রাজনীতি রয়েছে”, কনভয়কাণ্ডে আদালতে সওয়াল শুভেন্দুর আইনজীবীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “অভিযোগের মধ্যেই রাজনীতি রয়েছে। প্রথম গাড়িতে ছিলেন বিরোধী দলনেতা। দুর্ঘটনা ঘটে সাত নম্বর গাড়িতে।” কনভয় বিতর্কে বুধবার এই কথাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চণ্ডীপুরকাণ্ডে সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcatta High Court) দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। সেই মামলার শুনানিতে সওয়াল করতে গিয়ে এদিন রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, রাজ্য কথা দেওয়ার পরেও কনভয়ে সঠিক নিরাপত্তা দেওয়া হয়নি। তাঁর দাবি, অভিযোগের মধ্যেই রাজনীতি রয়েছে। তবে শুভেন্দু সিবিআই তদন্তের দাবি জানালেও, মৃতের পরিবারের দাবি সিআইডি তদন্তের। এই মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার।

    শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আইনজীবীর দাবি…

    রাজ্যের বিরোধী দলনেতার (Suvendu Adhikari) আইনজীবী জানান, চণ্ডীপুরের ঘটনা দুর্ভাগ্যজনক। কনভয়ের ৭-৮ নম্বর গাড়িতে দুর্ঘটনা। এই ঘটনা ঘটতই না যদি হাইকোর্টের নির্দেশ মতো রাজ্য শুভেন্দু অধিকারীর সুরক্ষা বলয়ের জন্য পদক্ষেপ করত। তাঁর দাবি, তদন্তভার সিবিআইকে দেওয়া হোক। এফআইআরের ওপরও স্থগিতাদেশ দেওয়া হোক।

    বৃহস্পতিবার রাতে দিঘা নন্দকুমার জাতীয় সড়কের চণ্ডীপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ভৈরবপুরের ইস্রাফিল খানের। শুভেন্দুর কনভয়ের ধাক্কায় মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করেন ইস্রাফিলের বাবা সফিরউদ্দিন। ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ। মৃতদেহ নিয়ে শুভেন্দুর বাড়ির সামনে প্রতিবাদ মিছিলও করে তৃণমূল।

    আদালতে (Calcatta High Court) শুভেন্দুর (Suvendu Adhikari) আইনজীবী জানান, আরটি ভেহিক্যালস, ক্যামেরা, রুট লাইনিং এই তিনটি বিষয় জেড সুরক্ষা বলয়ে সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্যের। হাইকোর্টের নির্দেশে এই তিনটি বিষয় শুভেন্দুর সুরক্ষা বলয়ে দেওয়ার কথা রাজ্যের। রাজ্য না দেওয়ায় দুবার রাজ্য পুলিশের কাছে আবেদন করেন শুভেন্দু। যদিও রাজ্যের বিরোধী দলনেতার আবেদন কানে তোলেনি রাজ্য। শুভেন্দুর কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। কর্তব্যরত কোনও জওয়ানকে এভাবে গ্রেফতার করা যায় না। কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া কোনও কর্তব্যরত সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার ও একদিন পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। আইনজীবীর দাবি, চণ্ডীপুরের ঘটনায় এফআইআর ও পুলিশের পদক্ষেপ নির্দষ্ট স্বার্থসিদ্ধির জন্য।

     

  • Recruitment Scam: ১৭টি জেলায় ছড়িয়ে নিয়োগ দুর্নীতির জাল! চার্জশিটে আর কী কী জানাল ইডি?

    Recruitment Scam: ১৭টি জেলায় ছড়িয়ে নিয়োগ দুর্নীতির জাল! চার্জশিটে আর কী কী জানাল ইডি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের ১৭টি জেলার আনাচে-কানাচে ছড়িয়েছিল নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) জাল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তারা প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একটি তালিকা হাতে পেয়েছিল। তালিকায় যেমন উত্তরবঙ্গের কোচবিহার, মালদহ, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দুই দিনাজপুরের নাম রয়েছে, তেমনই নাম রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি, নদীয়া, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার নামও। সোমবার শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চার্জশিটে শান্তনু ও অয়নের স্থাবর-অস্থাবর সম্পত্তির উল্লেখ করার পাশাপাশি কী ভাবে চাকরি বিক্রি হয়েছে কী ভাবে নগদ টাকার হাত বদল হয়েছে, সমস্তটাই উল্লেখ করা হয়েছে।

    নামে-বেনামে সম্পত্তি

    ইডি সূত্রে খবর, নিয়োগকাণ্ডে (Recruitment Scam) ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়ন শীলের নামে একগুচ্ছ অভিযোগের উল্লেখ রয়েছে সেই চার্জশিটে। নামে-বেনামে মোট ১৪টি সম্পত্তি রয়েছে শান্তনুর। ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৪৭ লক্ষ ৯৪ হাজার টাকা। পাশাপাশি বহিষ্কৃত তৃণমূল নেতার কর্মচারী থেকে একাধিক সঙ্গীর নামেও সম্পত্তি থাকার হদিস পাওয়া গিয়েছে বলে চার্জশিটে দাবি করেছে ইডি। তদন্তকারী আধিকারিকদের দাবি, শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একটি তালিকা উদ্ধার হয়েছিল। সেই তালিকায় রাজ্যের ১৭টি জেলার ৩৪৬ জন প্রার্থীর নাম রয়েছে। যার মধ্যে অন্তত ১০ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল। ৩৪৬ জনের তালিকায় ১৪৮ জন চাকরিপ্রার্থীই বীরভূমের বাসিন্দা। তালিকায় এর পরেই রয়েছে মুর্শিদাবাদ। সংখ্যার নিরিখে তার পরে রয়েছে মালদহ, কোচবিহার, বর্ধমান, উত্তর দিনাজপুর, পুরুলিয়া। সবচেয়ে কম প্রার্থী দক্ষিণ ২৪ পরগনার। সেখান থেকে মাত্র একজন প্রার্থী চাকরির জন্য শান্তনুদের দ্বারস্থ হয়েছিলেন। 

    আরও পড়ুন: ১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, ঘোষণা পর্ষদের

    শান্তনুর বিরুদ্ধে চিঠি

    টাকা দিয়ে চাকরি না পাওয়ার বিষয়টিও জায়গা পেয়েছে ইডির চার্জশিটে । শান্তনুর বিরুদ্ধে লেখা একটি চিঠি এই তদন্তে ইডির হাতিয়ার। চাকরি পেতে কয়েক জন চাকরি প্রার্থীর তরফে দেওয়া হয়েছিল ১ কোটি ৩৯ লক্ষ টাকা।চার্জশিটে উল্লেখ রয়েছে, যে চিঠি পেয়েছিলেন শান্তনু, তাতে জমি বিক্রি করে টাকা জোগাড় করেছিলেন অনেকে বলে জানতে পেরেছে ইডি। কিন্তু চার বছর অপেক্ষার পর মেলেনি চাকরি, টাকা ফেরত পেতে শান্তনুকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল চিঠি। ইডির কাছে শান্তনু নিজেও ওই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছিলেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arambagh: রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা, কেন জানেন?

    Arambagh: রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রচণ্ড গরমে তীব্র জল সঙ্কটে অতিষ্ঠ হয়ে হুগলির আরামবাগের (Arambagh) গড়বাড়ি এলাকায় রাজ্য সরকার অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। তবে, শুধু বুধবার নয়, মঙ্গলবারও এলাকাবাসী রাস্তা অবরোধে সামিল হয়েছিলেন। বাড়ির সব কাজ ফেলে মহিলারা জোটবদ্ধ হয়ে এদিন বালতি হাতে নিয়ে অবরোধে সামিল হন। অবরোধের জেরে আরামবাগ (Arambagh) – কলকাতা রাজ্য সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে, পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার ব্যবস্থা করে।

    ঠিক কী অভিযোগ?

    আরামবাগের (Arambagh) মায়াপুর ২ নং পঞ্চায়েতের গড়বাড়ি এলাকায় পানীয় জলের জন্য জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মাধ্যমে ট্যাঙ্ক বসানো হয়। পরে গ্রামে গ্রামে সেই প্রকল্পের কলও বসানো হয়। কিন্তু অভিযোগ, সেই কল থেকে জল পাননি গড়বাড়ি গ্রামের বাসিন্দারা। যার জেরে ওই গ্রামে তীব্র জল সঙ্কট দেখা দিয়েছে। বাধ্য হয়েই আরামবাগের (Arambagh) গড়বাড়ি এলাকার মানুষ মঙ্গলবার বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেছিলেন। কিন্তু, সমস্যার সমাধান হয়নি। এদিন ফের ওই এলাকায় আরামবাগ (Arambagh) – কলকাতা রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা।

    কী বললেন আন্দোলনকারীরা?

    আন্দোলনকারীদের বক্তব্য, ঘটা করে গ্রামে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের পক্ষ থেকে কল বসানো হয়। কিন্তু, সেখান থেকে পানীয় জলের পরিষেবা পাওয়া যায় না। প্রকল্প নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা। এই তীব্র গরমে এলাকাবাসীকে জল কিনে খেতে হচ্ছে। অনেকে দূরের কোনও এলাকা থেকে জল নিয়ে এসে প্রয়োজন মেটাচ্ছে। প্রশাসনের কাছে বহুবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। বাধ্য হয়েই জলের দাবিতে স্থানীয় বাসিন্দারা অবরোধ করেন।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    এই নিয়ে বিজেপির আরামবাগ (Arambagh) সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেড়া বলেন, ঘটা করে জলপ্রকল্প করে কী লাভ হল। আসলে তৃণমূলের নাটক এবার শেষ হয়ে গিয়েছে। তাই মানুষ বুঝতে পেরে প্রতিবাদ জানাচ্ছে। এভাবে আর বেশি দিন নয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UGC NET: জুন মাসের ‘নেট’ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু! জানুন বিস্তারিত

    UGC NET: জুন মাসের ‘নেট’ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু! জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে ইউজিসি নেট পরীক্ষার আবেদন। ইউজিসির (UGC NET) তরফে জানানো হয়েছে, আগামী তিন সপ্তাহ এই আবেদন প্রক্রিয়া চলবে। তারপরে জুন মাসে পরীক্ষা হবে। জানা গেছে, আগামী ১৩ জুন থেকে ২২ জুনের মধ্যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর জন্য ইউজিসি নেট পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই পরীক্ষা অনলাইনে হবে মোট ৮৩ টি বিষয়ে। ১০ মে বুধবার থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, চলবে আগামী ৩১ মে বিকাল ৫ টা পর্যন্ত।

    প্রার্থীদের সুবিধার্থে ইউজিসির তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে নিয়মিত এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in এবং ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in তাঁরা যেন নজর রাখেন।

    কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে নেট (UGC NET) উত্তীর্ণ থাকা বাধ্যতামূলক

    প্রসঙ্গত বিশ্ববিদ্যালয় এবং কলেজে শিক্ষকতার পদে আবেদন করার জন্য নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকা বাধ্যতামূলক। এছাড়াও জুনিয়ার রিসার্চ ফেলোশিপের যোগ্যতা মানের জন্য নেট পরীক্ষা নেওয়া হয়। ২০১৮ সাল থেকে ‘কম্পিউটার বেসড মোড ইউজিসি নেট’ পরীক্ষা হচ্ছে। প্রতিবছর দু’বার এই পরীক্ষা সম্পন্ন হয়। একটি জুন মাসে এবং অপরটি হয় ডিসেম্বরে। ডিসেম্বরের নেট (UGC NET) পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

    কীভাবে আবেদন করবেন?

    ১) প্রথমে official website, ugcnet.nta.nic.in- এ যেতে হবে।

    ২) এরপরে ইউজিসি নেট জুন ২০২৩ রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করতে হবে

    ৩) এরপর অনলাইনে আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে এবং যাবতীয় তথ্য এবং নথি জমা করতে হবে।

    ৪) রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে এর একটি প্রিন্ট আপনাকে বের করে নিতে হবে।

    ফি কতো?

    ইউজিসির তরফে জানানো হয়েছে যে সাধারণ তালিকাভুক্ত প্রার্থীদের জন্য ১১০০ টাকা ফি জমা করতে হবে। ওবিসি তালিকাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ফি হবে ৫৫০ টাকা এবং এসসি, এসটি প্রার্থীদের জন্য ফি ২৭৫ টাকা। ফি অনলাইনে জমা করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Donald Trump: ফের যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত ট্রাম্প! জরিমানা দিতে হবে প্রায় ৪১ কোটি 

    Donald Trump: ফের যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত ট্রাম্প! জরিমানা দিতে হবে প্রায় ৪১ কোটি 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। ফের যৌন হেনস্থার মামলায় দোষী সাব্যস্ত করা হল তাঁকে। একই সঙ্গে ৫০ লক্ষ ডলার জরিমানাও করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪১ কোটি ৪ লক্ষ ৬০ হাজার টাকা। অভিযোগ, ১৯৯৬ সালে ম্যানহ্যাটানের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ডোনাল্ড ট্রাম্প ধর্ষণ করেন ৭৯ বছর বয়সী লেখিকা ই.জিন ক্যারোলকে। ২০১৯ সালে লেখিকার প্রকাশিত একটি বইয়ে এমন গুরুতর অভিযোগ আনা হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে। তারপরেই আদালতে শুরু হয় মামলা।

    চলতি বছরের এপ্রিল মাসে শুরু হয় এই মামলার শুনানি

    জানা গেছে, চলতি বছরের ২৫ এপ্রিল থেকে এই মামলার শুনানি শুরু হয়। মঙ্গলবার ৯ জন বিচারকের বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্ত হন ট্রাম্প (Donald Trump)। তবে যৌন হেনস্থার পরিপ্রেক্ষিতে এই রায়দান হয়নি বলেই জানা গেছে। মূলত লেখিকার সম্মানহানির ঘটনায় এই রায় দেয় বেঞ্চ। ফৌজদারি আদালতের পরিবর্তে জন আদালতে এই মামলা করেছিলেন লেখিকা। তাই শুধুমাত্র মানহানির ওপরেই এই মামলার রায় দান করে কোর্ট। সেদেশের বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে, মঙ্গলবার শুনানি চলাকালী কোর্টে হাজির ছিলেন না ট্রাম্প (Donald Trump)। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

    ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে রয়েছে আরও একটি যৌন কেচ্ছার মামলা

    প্রসঙ্গত, ইতিমধ্যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে উঠেছে আরও একটি যৌন নির্যাতনের অভিযোগ। এই মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। অভিযোগ মার্কিন পর্ন তারকা স্টর্মির সঙ্গে ২০০৬ সালে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন ট্রাম্প (Donald Trump)। এবং এই ঘটনা যাতে বাইরে চাউর না হয় সে কারনে ট্রাম্প, ২০১৬ সালে রাষ্ট্রপতি নির্বাচনের আগে তাঁর আইনজীবী মারফত স্টর্মিকে নগদ ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন। ইতিমধ্যে এই মামলায় গ্রেফতারও হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার আইন অনুযায়ী, যদি সবগুলি মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হন তবে তাঁর ১৩৬  বছরের সাজা হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Barrackpore: বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে সংঘাতে সুরেন্দ্রনাথ কলেজ কর্তৃপক্ষ, কেন জানেন?

    Barrackpore: বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে সংঘাতে সুরেন্দ্রনাথ কলেজ কর্তৃপক্ষ, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্পত্তি কর বৃদ্ধি নিয়ে বারাকপুর (Barrackpore) ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে সুরেন্দ্রনাথ কলেজ কর্তৃপক্ষের বিরোধ চলছিল। এবার তা সংঘাতের আকার নিল। সম্পত্তি কর ইস্যুতে কলেজ কর্তৃপক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করল। কোনও আবেদন, নিবেদন নয়, ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তাদের কাছে লিখিতভাবে কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিল তারা বর্ধিত সম্পত্তি করের টাকা দিতে পারবে না। বর্তমানে যে এক লক্ষ ১৫ হাজার ৭৬৯ টাকার সম্পত্তিকর দেন তাই দেবে, তার বেশি এক টাকাও তারা দেবে না। ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও মমতা কানসেকে চিঠি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে।

    কী নিয়ে বিরোধ?

    ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রতি তিন বছর অন্তর সম্পত্তি কর ধার্য হয়। তিন বছর আগে সুরেন্দ্রনাথ কলেজের সম্পত্তি কর ছিল ৭৫ হাজার টাকা। তা বেড়ে ১ লক্ষ ১৫ হাজার করা হয়েছিল। বছরে কলেজ কর্তৃপক্ষ সেই করই দিত। এবার সেই সম্পত্তি কর ৭০ গুণ বাড়ানো হয়েছে। এক ধাক্কায় ৭০ লক্ষ টাকা করে প্রতি বছর সম্পত্তি কর দিতে বলা হয়েছে। কয়েকদিন আগেই বারাকপুর (Barrackpore) ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে নতুন সম্পত্তি কর বৃদ্ধির বিষয়টি জানানো হয়েছে। আর তা দেখেই মাথায় হাত কলেজ কর্তৃপক্ষের।

    কী বললেন সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ?

    ব্যারাকপুর (Barrackpore) রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ মনোজিৎ রায় বলেন, গত চার বছরে কলেজ বিল্ডিং একটুও বাড়ানো হয়নি। কিছু মেন্টেনেন্স এর কাজ করা হয়েছিল। রং করা হয়েছে। আমরা উচ্চ শিক্ষা প্রদান করি। আমাদের মতো প্রতিষ্ঠানে সম্পত্তি কর ধার্য করা উচিত্ নয়। তবুও, ধার্য করা হলে তার একটি নিয়ম থাকা দরকার। তাই সম্পত্তিকর কখনও এক ধাক্কায় বেড়ে ৭০ লক্ষ ৫১ হাজার ৮৫০ টাকা হতে পারে না। বর্তমানে যে টাকা সম্পত্তিকর দেওয়া হচ্ছে, সেই টাকাই দেওয়া হবে। বাড়তি কোনও টাকা দিতে পারবে না কলেজ কর্তৃপক্ষ। অতিরিক্ত সম্পত্তিকর দিতে হলে আমাদের তা ছাত্র-ছাত্রীদের কাছ থেকেই নিতে হবে। স্কুল শিক্ষা দপ্তর তো আমাদের তা দেবে না। ফলে সাড়ে সত্তর লক্ষ টাকা কিছুতেই দেওয়া সম্ভব নয়।

    কী বললেন ক্যান্টনমেন্ট বোর্ডের আধিকারিক?

    কয়েকদিন আগেই ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে সুরেন্দ্রনাথ কলেজে ৭০ গুণ সম্পত্তিকর বৃদ্ধি করা হয়। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ উষ্মা প্রকাশ করতেই ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষকে ফোন করে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। ক্যান্টনমেন্ট বোর্ডের ল্য অফিসার দীপক রজ্জক জানান, অধ্যক্ষর সঙ্গে কথা হয়েছে। তার সঙ্গে আলোচনা হবে। তখন কমিয়ে দেওয়া হবে। একটি নিয়ম মেনে সম্পত্তিকরের মূল্যায়ন হয়েছিল। সেই মূল্যায়নের ভিত্তিতে বার্ষিক প্রস্তাবিত সম্পত্তিকর ধার্য হয়েছে। সেই চিঠি পাঠানো হয়েছিল। আলোচনা করে তা ঠিক করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: ‘দ্য কেরালা স্টোরি’র ওপর নিষেধাজ্ঞা, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

    Calcutta High Court: ‘দ্য কেরালা স্টোরি’র ওপর নিষেধাজ্ঞা, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দি সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। সোমবার রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে আদাহ শর্মা অভিনীত ওই ছবির প্রদর্শন বন্ধের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ছবি নিষিদ্ধ ঘোষণা করার নির্দেশ দিয়ে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। দুটি জনস্বার্থ মামলার একটি দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস এবং অন্যটি বিজেপি নেতা দেবদত্ত মাঝি।

    কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের মামলা…

    মামলা দায়ের হয় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। মামলাকারীর আইনজীবীর দাবি, এভাবে বিজ্ঞপ্তি জারি করে সিনেমা প্রদর্শন বন্ধ করা যায় না। এই নির্দেশকে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদনও জানানো হয়েছে। ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞার জের গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। মমতার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ছবির নির্মাতারা। ১২ মে ওই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তাঁরা যে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন, সে ইঙ্গিত ছিল-ই। ছবির পরিচালক বিপুল শাহ বলেন, “আমরা এই সিদ্ধান্তের কথা শুনেছি। আইনি পথে পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের মোকাবিলা করা হবে।”

    প্রসঙ্গত, ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনের (Calcutta High Court) নিষেধাজ্ঞার কারণ হিসেবে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “জাতিগত বিদ্বেষ ও সাম্প্রদায়িক উসকানি দেওয়ার কারণে এই ছবি তৈরি করা হয়েছে। বিজেপির টাকায় বেশ কয়েকজন এই ছবি বানিয়েছেন। তাঁর প্রশ্ন, কেন দ্য কেরালা স্টোরি তৈরি হবে? দ্য কাশ্মীর ফাইল তৈরি হবে? তিনি বলেন, “একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করতেই এই ছবি তৈরি করা হয়েছে।”

    আরও পড়ুুন: “গীতাঞ্জলির বিকল্প কথাঞ্জলি নয়”, নাম না করে মমতাকে নিশানা শুভেন্দুর

    এদিকে, পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সদস্য এবং অভিনেতা বাণী ত্রিপাঠী। তিনি বলেন, “উনি (মুখ্যমন্ত্রী) দর্শকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করছেন। আর এটা কিন্তু প্রকারান্তরে ছবির ভাগ্য নির্ধারণ (Calcutta High Court) করছে। উনি সেটা করতে পারেন না। আমিও সেটা করতে পারি না। এমনকি এই ছবির প্রযোজকও সেটা পারেন না।” তিনি বলেন, “এটা একমাত্র ঠিক করতে পারেন দর্শকরা। তাঁরাই বলতে পারবেন চিত্র পরিচালক এই ছবির মাধ্যমে যেটা দেখাতে বা বোঝাতে চেয়েছেন, সেটা তাঁদের কাছ পর্যন্ত পৌঁছেছে কিনা।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘মোকা’! বুধেও পুড়ছে দক্ষিণবঙ্গ, স্বস্তি কবে থেকে?

    Weather Update: আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘মোকা’! বুধেও পুড়ছে দক্ষিণবঙ্গ, স্বস্তি কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বুধবার সন্ধ্যায় জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘মোকা’। আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা দুর্যোগ এদিন সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত  হতে পারে। বৃহস্পতিবার সকালেই এটি শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে, সমুদ্রে ঘূর্ণিঝড় তৈরি হলেও গরম থেকে এখনই স্বস্তি পাচ্ছে না রাজ্যবাসী। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

    রাজ্যে শুষ্ক গরম বাতাস

    আলিপুর সূত্রে (Weather Update) জানানো হয়েছে, এই মুহূর্তে রাজ্যে প্রবেশ করছে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম বাতাস। আর এই গরম বাতাসের কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে। বুধবার পূর্ব মেদিনীপুর এবং কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার তাপপ্রবাহ চলবে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে। যার মধ্যে পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ায় ৩ দিন ধরেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আলিপুরের হাওয়া অফিস। শুক্রবারের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদরা।

    আরও পড়ুন: নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি! মমতাকে আইনি নোটিস বিবেক অগ্নিহোত্রীর

    শুক্রবার থেকে আবহাওয়া ধীরে ধীরে বদলাবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। উপকূলের জেলাগুলিতে হালকা বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় মোখার পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  যারা সমুদ্রে রয়েছেন, তাদের বৃহস্পতিবার বিকেলের মধ্যে উপকূলে ফিরতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share