Blog

  • ICC Cricket World Cup: তিরুবনন্তপুরমে ঝেঁপে বৃষ্টি! বিশ্বকাপের আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচ ভারতের, খেলা হবে তো?

    ICC Cricket World Cup: তিরুবনন্তপুরমে ঝেঁপে বৃষ্টি! বিশ্বকাপের আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচ ভারতের, খেলা হবে তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ (ICC Cricket World Cup) শুরু আগামী শুক্রবার। ভারতের প্রথম ম্যাচ সোমবার অর্থাৎ ৮ তারিখ। প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে প্রতিটা টিম ২টি করে গা-ঘামানোর ম্যাচ পেয়েছে। এটা অনেকটা প্র্যাকটিক্যাল অনুশীলেনের মতো। আজ তিরুবনন্তপুরমে দ্বিতীয় তথা শেষ প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার কথা টিম ইন্ডিয়ার (India At CWC23)। 

    তিরুবনন্তপুরমেও বৃষ্টির ভ্রুকুটি

    তবে, ভারতের খেলা আদৌ সম্ভব হবে কিনা, তা এখনই জোর গলায় বলা যাচ্ছে না। কারণ, দক্ষিণ ভারতের এই শহরের ওপর এখন মেঘের ঘনঘটা। শেষ খবর মেলা পর্যন্ত, তিরুবনন্তপুরমে অঝোরে বৃষ্টি হচ্ছে। গতকালও এই মাঠে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যে গা-ঘামানোর ম্যাচটিও বৃষ্টি-বিঘ্নিত হয়। শেষমেশ, ডাকওয়ার্থ লুইস নিয়মে খেলার মীমাংসা হয়। এর আগে, গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের (India At CWC23) প্রথম গা-ঘামানোর ম্যাচ পুরোটাই বৃষ্টিতে ভেস্তে যায়।

    সেই দিক থেকে, আজকের ম্যাচও যদি বিঘ্নিত হয়, তাহলে প্রস্তুতি ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমে পড়তে হবে রোহিত-বাহিনীকে। যদিও, এই ম্যাচ নিয়ে বেশি মাথাব্যথা নেই ভারত অধিনায়কের (India At CWC23)। কারণ, কিছুদিন আগেই এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলেছে মেন ইন ব্লু-রা। সিরিজ জিতেছে ২-১ ফলে। টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের মতে, সেখানেই প্রয়োজনীয় গা-ঘামানো হয়ে গিয়েছে। 

    চোটমুক্ত থাকাই লক্ষ্য

    বর্তমানে, টিম ইন্ডিয়ার লক্ষ্য একটাই। সকলে যাতে বিশ্বকাপে (ICC Cricket World Cup) ফর্মে থাকে এবং চোটমুক্ত থাকে। এই মুহূর্তে, ভারতীয় দলে চোট সংক্রান্ত তেমন কোনও খবর নেই। যা স্বস্তি দেবে অধিনায়ক রোহিতকে (India At CWC23)। ফলে, ম্যাচ প্র্যাকটিস না হলেও, নিজেদের মধ্যে নেট প্র্যাকটিস ও জিম সেশনের মাধ্যমে ফিটনেসের ওপরই জোর দিচ্ছে ভারতীয় দল। রবিবারই শহরে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। ঐচ্ছিক থাকলেও, ভারতীয় দল সোমবার মাঠে নেমে অনুশীলন করেছে।

    বিরাট কোহলি কি খেলবেন? 

    তবে, দলের সঙ্গে তিরুবনন্তপুরমে যোগ দেননি স্টার ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। জানা গিয়েছে, তিনি মুম্বইতে গিয়েছেন বাড়িতে। ফলে, ভারতের যদি আজকের ম্যাচ (ICC Cricket World Cup) হয়, তাতে বিরাট কোহলি খেলবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও, ভারতীয় দল সূত্রে খবর, প্রস্তুতি ম্যাচে খেলতে সমস্যা নেই। ম্যাচের আগেই কোহলি দলের সঙ্গে যোগ দেবেন। দলের সূত্রে জানা গিয়েছিল, ভারতের প্রাক্তন অধিনায়ক টিম ম্যানেজমেন্টের কাছে ছুটির আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণেই তিনি ছুটি নিয়ে গুয়াহাটি থেকে সরাসরি মুম্বইয়ে ফিরেছেন বলে দাবি করা হয়। জানা গিয়েছিল, সোমবার রাতের মধ্যে তার তিরুবনন্তপুরমে চলে আসার কথা। যদি কোনও ভাবে আসতে না পারেন, বিরাটকে বাদ দিয়েই নামাতে হবে টিমকে (India At CWC23)। তবে, কোহলি দলের সঙ্গে পুনরায় যোগ দিয়েছেন কিনা, তা দলের তরফে মঙ্গলবার স্পষ্ট করা হয়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • India Canada Row: ‘৪০ জন কূটনীতিককে সরাও, নাহলে…’, সংঘাতের আবহে কানাডাকে বলল ভারত

    India Canada Row: ‘৪০ জন কূটনীতিককে সরাও, নাহলে…’, সংঘাতের আবহে কানাডাকে বলল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: গদি বাঁচাতে নিজ্জর খুনে ভারতকে দুষেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পরে অবশ্য সুর নরম করে কানাডা সরকার (India Canada Row)। যদিও তার আগেই বিশ্বরাজনীতিতে একঘরে হয়ে পড়েছেন ট্রুডো। সদস্য হওয়া সত্ত্বেও পাশে পাননি ‘ফাইভ আইজ’-এর বাকি চার সদস্যকে। ট্রুডোর বিরুদ্ধে বিষোদ্গার করেছে শ্রীলঙ্কাও। 

    কানাডাকে হুঁশিয়ারি ভারতের

    এহেন আবহে কানাডাকাণ্ডে কড়া পদক্ষেপ করল ভারত। কূটনীতিকদের সংখ্যা কমাতে ট্রুডো সরকারকে নির্দেশ দিয়েছে ভারত। তা না হলে কনস্যুলেট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। কানাডায় ভারতীয় কূটনীতিকের সংখ্যা ৩০। অথচ নয়াদিল্লির দূতাবাসে কানাডিয়ান কূটনীতিকের সংখ্যা এর প্রায় তিনগুণ। এই সংখ্যাই কমাতে বলেছে ভারত। 

    কী বলছে বিদেশ মন্ত্রক?

    বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “কানাডায় (India Canada Row) ভারতের যে সংখ্যক কূটনীতিক রয়েছেন, সেই তুলনায় নয়াদিল্লিতে কানাডার কূটনীতিকের সংখ্যা ঢের বেশি। তাই দু’ দেশের মধ্যে সমতা রাখা উচিত। সেই কারণেই ভারত থেকে প্রায় ৪০ জন কানাডার কূটনীতিককে সরানোর কথা বলা হয়েছে।”

    জুন মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে খুন হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর। এই খালিস্তানপন্থী নেতা খুনে ভারতের হাত থাকতে পারে বলে সম্প্রতি সে দেশের পার্লামেন্টে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ট্রুডো। শুধু তাই নয়, খালিস্তানপন্থী জঙ্গি নিজ্জরকে কলমিস্ত্রি বলেও উল্লেখ করেছিলেন তিনি। কানাডা সরকারের অভিযোগ খারিজ করে দেয় নয়াদিল্লি। তার জেরে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে ভারত-কানাডার। অভিযোগের স্বপক্ষে ট্রুডো সরকারকে প্রমাণও দিতে বলে ভারত।

    আরও পড়ুুন: ‘‘দেশে বিভাজন তৈরি করা হচ্ছে’’, বিহারের জাতিগত সমীক্ষা নিয়ে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

    এমতাবস্থায় কানাডায় (India Canada Row) বসবাসকারী হিন্দু ও শিখ ধর্মাবলম্বীদের সে দেশ ছাড়ার হুমকি দিয়েছে খালিস্তানপন্থী ও বিচ্ছিন্নতাবাদীরা। তার পরেই ভারত-কানাডা সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। দিন কয়েক আগে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পরে ওয়াশিংটনে তিনি বলেন, “বাধ্যবাধকতা ছিল। আমাদের কূটনীতিক, দূতাবাসের ওপর হিংসার প্রচার করা হচ্ছিল। কীভাবে ওঁরা দফতরে গিয়ে ভিসা দেওয়ার কাজ করবেন। এটা আইন-শৃঙ্খলার প্রশ্ন। ভিয়েনা চুক্তির প্রশ্ন। ভিয়েনা চুক্তি অনুযায়ী আমাদের কূটনীতিক, দূতাবাসকে নিরাপত্তা দিতে হবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: এশিয়ান গেমস আর্চারিতে সোনা-রুপো নিশ্চিত! যশস্বীর শতরানে ক্রিকেটে শেষ চারে ভারত

    Asian Games 2023: এশিয়ান গেমস আর্চারিতে সোনা-রুপো নিশ্চিত! যশস্বীর শতরানে ক্রিকেটে শেষ চারে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: যশস্বীর শতরান, রিঙ্কুর ঝড়ো ব্যাটে ভর করে এশিয়ান গেমসের (Asian Games 2023) সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। নেপালকে ২৩ রানে হারিয়ে দিল তারা। প্রথমে ব্যাট করে ২০২ রান করে ভারত। নেপাল করে ১৭৯ রান। এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। মঙ্গলবার তিনি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ঋতুরাজের সঙ্গে এদিন ওপেন করেন যশস্বী। ১০০ রানের জুটি গড়েন তাঁরা। এর মধ্যে মাত্র ২৫ রান করেন ঋতুরাজ। ৪৯ বলে ১০০ রান করে আউট হন যশস্বী। আটটি চার এবং সাতটি ছক্কা মারেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় শতরান। প্রথম শতরান করেছিলেন টেস্টে। ভারতের রঙিন জার্সিতে এটাই তাঁর প্রথম শতরান। যশস্বী আউট হওয়ার পরে মাঠে নামেন রিঙ্কু। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কাড়া ব্যাটার নেপালের বিরুদ্ধে ১৫ বলে ৩৭ রান করেন। চারটি ছক্কা মারেন রিঙ্কু। দু’টি চার মারেন তিনি। শেষ বেলায় দ্রুত রান তুলে দলকে ২০০-র গণ্ডি পার করান রিঙ্কু।

    হকিতে দাপট ভারতের মেয়েদের

    মেয়েদের হকিতেও সেমিফাইনালে পৌঁছেছে ভারত। এশিয়ান গেমসে (Asian Games 2023) মঙ্গলবার হংকংকে ১৩ গোল দেন সবিতা পুনিয়ারা। গ্রুপ পর্বে চারটি ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে জায়গা পাক করে ফেললেন ভারতের মেয়েরা। ছেলেরা আগেই পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। ভারতীয় ছেলেদের সেমিফাইনাল বুধবার। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে তারা। অন্য সেমিফাইনালে মুখোমুখি চিন এবং জাপান। 

    এশিয়ান গেমসে (Asian Games 2023) মঙ্গলবার অর্জুন সিং, সুনীল সিং জুটি ব্রোঞ্জ তুলে নিলেন ১ হাজার মিটার ক্যানো ডাবলস থেকে। কোরিয়ার জে হুনজুনকে সেমিফাইনালে মাত্র ২ পয়েন্টে হারিয়ে আর্চারির কম্পাউন্ড বিভাগের ফাইনালে পৌঁছলেন ভারতের অভিষেক ভার্মা। রুপো নিশ্চিত করলেন তিনি। 

    মেয়েদের ইভেন্টেও ফাইনালে উঠেছেন ভারতের জ্যোতি সুরেখা। ভারতেরই অদিতি গোপীচাঁদকে হারিয়ে আর্চারি কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে ওঠেন জ্যোতি। ১৩তম শট পর্যন্ত ১ পয়েন্টে পিছিয়ে ছিলেন জ্যোতি। কিন্তু শেষ সিরিজে তিনটে পারফেক্ট টেন শট নিয়ে ফাইনালে উঠে পড়লেন জ্যোতি। অদিতি শেষ সিরিজে চাপ রাখতে পারেননি। আর্চারিতে সোনার ম্য়াচে নামবেন জ্যোতি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: আজ দিল্লিতে বিশেষ কর্মসূচি বিজেপির, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর

    Suvendu Adhikari: আজ দিল্লিতে বিশেষ কর্মসূচি বিজেপির, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ দিল্লিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সকাল ১১টা ও বিকাল ৪টেয় তাঁর বিশেষ কর্মসূচি আছে, বলে বিজেপি সূত্রে খবর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করার আগেই শুভেন্দুকে সময় দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার রাতেই শুভেন্দুর সঙ্গে রাজধানীতে পৌঁছে যান বাংলার বিজেপি সাংসদ, বিধায়করা। 

    কেন দিল্লিতে শুভেন্দু

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ”যাঁরা প্রকৃত জবকার্ড হোল্ডার, তাঁদের নিয়ে তো বিজেপির আপত্তি নেই। বিজেপি চুরি আটকাতে চায়। ১ কোটি ৩২ লাখ ভুয়ো জব কার্ড পশ্চিমবঙ্গে হয়েছে। আমি দিল্লিতে গিয়ে সুনিশ্চিত করব নকল জব কার্ড বানিয়ে যারা টাকা তুলেছে তার যাতে আইনের আওতায় আসে। তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা হয়। জব কার্ড ইস্যু করার অধিকার রয়েছে পঞ্চায়েত প্রধান, বিডিও, জেলাশাসকের। আমি চেষ্টা করব দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলাশাসক, পঞ্চায়েত সচিবের মতো যারা মনরেগা-এর টাকা লুট করেছেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এই এক কোটি ৩২ লাখ নকল জব কার্ড দেখিয়ে যারা টাকা তুলেছে তারা দেশের টাকা মেরেছে, সম্পদ চুরি করেছে, জনগণের করের টাকা, জিএসটির টাকা লুট করেছে। এই লুটেরাদের বিরুদ্ধে যাতে কঠিন কঠোর ব্যবস্থা হয়, এই জন্যই আমি দিল্লি যাচ্ছি।”

    আরও পড়ুন: ‘‘দেশে বিভাজন তৈরি করা হচ্ছে’’, বিহারের জাতিগত সমীক্ষা নিয়ে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

    শুভেন্দু যা বললেন

    আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ”পিসি করেছেন পরনির্ভর বাংলা, আর নরেন্দ্র মোদি করেছেন আত্মনির্ভর ভারত। স্বাধীনতার অমৃতকালে ভারতবর্ষের সংসদ ভারতীয়রাই তৈরি করবে। ক্ষতি কী হয়েছে! উনি শান্তিনিকেতনে বাড়ি বানিয়েছেন কয়লা গরু পাচারের টাকায় আর নরেন্দ্র মোদি দেশের জন্য সংসদ বানিয়ে দিয়েছেন। আগামী শত শত বছর ধরে, দশকের পর দশক ধরে, যাঁরা আইন সভায় আসবেন তাঁরাই এই সংসদ পরিচালিত করবেন। নরেন্দ্র মোদি দেশের স্থায়ী সম্পদ সৃষ্টি করেছিলেন। সেখানে অভিষেকের বউ, ওর শ্যালিকা আর ওর পরিবার পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের টাকা বিদেশে পাচার করছেন। সেই জন্য ওর স্ত্রীর নামে তাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কাশি কর্ণ শাখাতেও কয়লার টাকা পাওয়া গিয়েছে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: অভিষেক এখন দিল্লিতে, আজ ইডি-র দিল্লি দফতরেই ডাকা হবে তৃণমূল সাংসদকে?

    Abhishek Banerjee: অভিষেক এখন দিল্লিতে, আজ ইডি-র দিল্লি দফতরেই ডাকা হবে তৃণমূল সাংসদকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় আজ, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। কলকাতার দফতরে তাঁকে সশরীরে হাজির থাকতে বলা হয়েছে। কিন্তু, এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তৃণমূল সাংসদ। সেখানে দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তিনি। এদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট করে দিয়েছেন, ৩ অক্টোবর (আজ) তদন্তের কাজ যেন কোনও অবস্থাতেই ব্যাহত না হয়। ফলে, আজ অভিষেক হাজিরা না দিলে কী কী পদক্ষেপ করতে পারে ইডি?

    তলব কলকাতায়, অভিষেক রয়েছেন দিল্লিতে 

    অভিষেকের (Abhishek Banerjee) শিবিরের দাবি, আজ যে তিনি ইডি দফতরে অভিষেক হাজিরা দিচ্ছেন না, তা একপ্রকার নিশ্চিত। তাদের যুক্তি, অভিষেক যে আজ সমনে হাজিরা দেবেন না, তা তিনি সমাজমাধ্যমে ঘোষণা করে দিয়েছেন। এদিকে ইডি সূত্রে খবর, মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক যে হাজিরা দিচ্ছেন না, সোমবার রাত অবধি সেরকম কোনও তথ্য তাদের কাছে লিখিত আকারে জানানো হয়নি। ফলে ইডি তদন্তকারীরা অভিষেকের হাজিরার সম্ভাবনা ধরে নিয়েই প্রস্তুতি নিয়েছেন। তাঁদের পাল্টা বক্তব্য, সমাজমাধ্যমে কে কী লিখল, তা ইডি-র (Enforcement Directorate) কাছে গ্রহণযোগ্য নয়। 

    ‘তদন্তের কাজ যেন ব্যাহত না হয়’

    আবার, অভিষেকের (Abhishek Banerjee) ওই দাবি কলকাতা হাইকোর্টের নজরে আনলে বিচারপতি অমৃতা সিনহাকে বলতে শোনা গিয়েছে, কোনও অবস্থাতেই ৩ অক্টোবর তদন্তের কাজ যেন ব্যাহত না হয়। এর আগের শুনানিতে, ভরা আদালতে ইডি-র প্রতিনিধিকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি সিনহা। এমনও প্রশ্ন ওঠে, যে ইডি কি ইচ্ছাকৃতভাবে মামলাকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছে? ফলে, সব মিলিয়ে প্রবল চাপে থাকা ইডি আজ কী পদক্ষেপ গ্রহণ করে, সেই দিকে নজর রয়েছে সকলের, বিশেষ করে রাজনৈতিক মহলের। 

    কী পদক্ষেপ করতে পারে ইডি?

    প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো লিপস অ্যান্ড বাউন্ডস-এর সিইও হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অভিষেককে। সেই সিইও-র তরফে গরহাজিরার চিঠি এলে, তার পরে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে দাবি ইডির (Enforcement Directorate)। মূল প্রশ্ন হচ্ছে, আদালতের সামনে ইডি-কে প্রমাণ করতে হবে যে, তদন্তে ব্যাঘাত ঘটেনি। গত শুনানিতে ইডি-র তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়ার পরে আদালতে কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, ১০ অক্টোবরের মধ্যে তারা বিস্তারিত রিপোর্ট জমা দেবে। ফলে, সেই দিক দিয়ে তদন্তকারী সংস্থার কাছে আরও কয়েকদিন রয়েছে। অভিষেককে এর মধ্যে নতুন করে তলব করা হতে পারে। 

    অভিষেককে দিল্লি অফিসেই ডাকা হবে?

    আবার, অভিষেক (Abhishek Banerjee) যদি দিল্লিতে থাকার কথা জানিয়ে হাজিরা এড়ানোর চিঠি দেন, সেক্ষেত্রে অভিষেককে দিল্লিতেই ইডির সদর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তাব দিতে পারে তারা। এটা করলে হাইকোর্টের নির্দেশকে কার্যকর করতে ইডি যে কতটা সচেষ্ট, সেই বিষয়টি আদালতের সামনে তুলে ধরতে পারবে। পাশাপাশি, এই সময়ের মধ্যে লিপস অ্যান্ড বাউন্ডস-এর অপর দুই ডিরেক্টর তথা অভিষেকের বাবা-মা অমিত ও লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। ১০ অক্টোবর আদালতে ইডি (Enforcement Directorate) কী রিপোর্ট জমা দেয়, সেই দিকে নজর থাকবে আদালতের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Narendra Modi: ‘‘দেশে বিভাজন তৈরি করা হচ্ছে’’, বিহারের জাতিগত সমীক্ষা নিয়ে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

    PM Narendra Modi: ‘‘দেশে বিভাজন তৈরি করা হচ্ছে’’, বিহারের জাতিগত সমীক্ষা নিয়ে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধীরা জাতপাতের ভিত্তিতে দেশকে ভাগ করতে চাইছে। গরিব মানুষের আবেগ নিয়ে খেলা চলছে। সোমবার গোয়লিয়রে এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এই অভিমত ব্যক্ত করেন। তাঁর কথায়, আগেও  দেশকে জাতপাতের নামে ভাগ করার চেষ্টা করা হয়েছে। এখনও তা চলছে। দেশকে জাতপাতের ভিত্তিতে ভাগ করার চেষ্টা মহাপাপ।

    কী বললেন প্রধানমন্ত্রী

    এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে যান। সেখানে জনসভা থেকেই বিহারের জাতিগত সমীক্ষা নিয়ে বিরোধীদের নিশানা করে মোদি বলেন, ‘‘বিরোধীরা জাতের নামে দেশকে বিভাজনের দিকে ঠেলে দিতে চাইছে। বর্ণের মাধ্যমে বিভাজনের চেষ্টা চালানো পাপ।’’ প্রধানমন্ত্রী বলেন, ‘‘ওরা দরিদ্রদের অনুভূতি নিয়ে খেলত। আজও একই খেলা খেলছে। আগেও তারা জাতির নামে দেশভাগ করছে এবং আজও একই পাপ কাজ করছে। আগে ওরা দুর্নীতিতে দোষী হয়েছিল এবং আজ আরও দুর্নীতিগ্রস্ত হয়েছে।’’ এই ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে সরব মোদি বলেন, “মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলে প্রথমেই জাতির ভিত্তিতে সমীক্ষা করবে এবং ওবিসিদের সংখ্যা জানবে…।” এর ফলে ওবিসিদের সংরক্ষণ কমতে পারে বলেও আশঙ্কাবার্তা দেন তিনি। 

    আরও পড়ুন: লাইনে পাথর, লোহার রড! চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল বন্দে ভারত

    কেন এই মন্তব্য মোদির

    উল্লেখ্য, সুপ্রিম কোর্টে মামলা চলাকালীনই সোমবার বিহারে জাতিভিত্তিক জনগণনার রিপোর্ট প্রকাশ করেছে নীতীশ কুমার সরকার। নীতীশ কুমারের রাজ্যে অতি পিছিয়েপড়া শ্রেণির মধ্যে পড়েছেন ৩৬ শতাংশ মানুষ, পিছিয়েপড়া শ্রেণির মধ্যে রয়েছেন ২৭.১ শতাংশ। সবেমিলিয়ে রাজ্যে পিছিয়েপড়া মানুষ রয়েছে ৬৩.১ শতাংশ। বিহারের ১৩ কোটি ১০ লাখ মানুষের মধ্যে তপসিলি জাতির মানুষ রয়েছেন ১৯.৭ শতাংশ মানুষ। এছাড়াও তপসিলি উপজাতিভূক্ত মানুষ রাজ্যের ১.৭ শতাংশ। রাজ্যে জেনালের ক্যাটিগোরির মানুষ মাত্র ১৬ শতাংশ। রাজ্যে ভূমিহারের হার ২.৮৬ শতাংশ, ব্রাহ্মণ ৩.৬৬ শতাংশ, মুখ্যমন্ত্রী জাতি কুড়মিরা রয়েছেন ২.৮৭ শতাংশ।  এর পরেই নাম না করে বিহারের ‘মহাগঠবন্ধন’ সরকারের উদ্দেশে তোপ দাগলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi) নরেন্দ্র মোদি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: লাইনে পাথর, লোহার রড! চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল বন্দে ভারত

    Vande Bharat: লাইনে পাথর, লোহার রড! চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল বন্দে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৫০ মিটার জুড়ে লাইনের ওপর সারি সারি বসানো ছোট-বড় পাথর। তা দেখেই লোকো পাইলট বুঝতে পেরেছিলেন, কিছু গণ্ডগোল রয়েছে। সঙ্গে সঙ্গে আপৎকালীন ব্রেক কষলেন চালক। সঙ্গে সঙ্গে থেমে যায় উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। দেখা যায়, শুধু পাথর নয়, ফিশ প্লেটের জায়গায় লাইন বেঁকিয়ে লম্বালম্বি পুঁতে রাখা রয়েছে প্রায় এক ফুট দৈর্ঘ্যের একটি লোহার রড! বুঝতে অসুবিধা হয় না যে, ট্রেন দুর্ঘটনা ঘটাতে কোনও নাশকতামূলক চক্রান্ত ছিল এটা। তবে, কপালজোরে এবং চালকের বুদ্ধিমত্তায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় রেল। প্রাণে বেঁচে যান বহু মানুষ। 

    প্রধানমন্ত্রীর সফরের আগে নাশকতার ছক!

    ঘটনাটি সোমবারের। ঘটেছে রাজস্থানের চিতোরগড়ে। ওই দিন সকালে জয়পুর যাওয়ার পথে রেললাইনে পাথর, লোহার রড দেখে সতর্ক হয়ে যান চালক। আপৎকালীন ব্রেক কষে উদয়পুর থেকে জয়পুরগামী বন্দে ভারত (Vande Bharat) থামিয়ে দেন চালক। রেলের কন্ট্রোলে খবর দেন চালক। রেলকর্মীরা এসে লাইনের উপর থেকে পাথর সরিয়ে দেন। রেলের তরফে জানানো হয়েছে, চিতোরগড়ের কাছে গঙ্গরার এবং সোনিয়ানা স্টেশনের মাঝে লাইনে রাখা ছিল পাথর, লোহার রড। আর এই ঘটনা ঘটল এমন এক দিনে, যেদিন সেই শহরেই সভা ছিল খোদ প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)। 

    রাজস্থান ভোটকে লাইনচ্যুত করতেই কি!

    সামনেই রাজস্থানে বিধানসভা ভোট (Assembly Elections 2023)। সেই প্রেক্ষিতে সোমবারই চিতোরগড়ে নির্বাচনী প্রচার সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঠিক তার কিছুক্ষণ আগে সকালে এই ঘটনা প্রকাশ্যে আসে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই রাজস্থানে বন্দে ভারত লাইনচ্যুত করার ছক কষা হয়েছিল কি? এই মুহূর্তে ভারতীয় রেলের পোস্টার বয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। স্বয়ং প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) এই ট্রেনের ভূয়সী প্রশংসা করেছেন। কেন্দ্রীয় সরকার বন্দে ভারতকেই ভবিষ্যতে ভারতীয় রেলের প্রধান ট্রেন হিসেবে তুলে ধরেছে। এর আগে, ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। কিন্তু, লাইনে এক ফুট লম্বা লোহার রড পোঁতা! এটা কখনও হয়নি।

    উত্তর-পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশী কিরণ এ প্রসঙ্গে বলেন, ‘‘লাইনে দু’টি এক ফুট লম্বা লোহার রড ছিল। চালকের তৎপরতায় সেগুলি সরানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “কেন্দ্রের টাকা ঝেড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার”, রাজ্যকে নিশানা শুভেন্দুর

    Suvendu Adhikari: “কেন্দ্রের টাকা ঝেড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার”, রাজ্যকে নিশানা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “মোদিজি আবাস যোজনার টাকা দিলেও, বাড়ি পায়নি গরিব মানুষরা। সেই টাকা তৃণমূল কংগ্রেসের সরকার ঝেড়ে দিয়েছে। তাই কেউ বাড়ি পায়নি।” সোমবার মেয়ো রোডে কথাগুলি বলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একশো দিনের কাজ প্রকল্প সহ নানা ক্ষেত্রে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ তৃণমূলের। তার জেরে সোম ও মঙ্গলবার দু’ দিন ধরে দিল্লিতে ধর্নায় বসছেন তৃণমূল নেতাকর্মীরা।

    শুভেন্দুর অভিযোগ

    এই কর্মসূচির পুরোভাগে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ও মেয়ো রোডে তারই পাল্টা জমায়েত করে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, “এক দিকে নিয়োগ কেলেঙ্কারি, ১০০ দিনের প্রকল্পে এক কোটিরও বেশি ভুয়ো জব কার্ড তৈরি করে বাংলার মানুষের টাকা নিজেদের পকেটে ভরেছে তৃণমূল।” তিনি বলেন, “এই বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের নেতারা নয়াদিল্লিতে গিয়েছেন। কিন্তু ওঁদের মুখে কেন্দ্রীয় বঞ্চনার কথা মানায় না। কারণ তৃণমূলের সরকার উন্নয়নের নামে অর্থ লুট করেছে।”

    বিজেপির বিক্ষোভ

    শুভেন্দুর দাবি, ইউপিএ জমানার তুলনায় মোদির আমলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ কয়েকগুণ বেড়েছে। তৃণমূলের নীতির জেরেই টাকা আটকে রয়েছে। এদিন প্রথমে বিধানসভার বাইরে ধর্নায় বসেন বিজেপি বিধায়করা (Suvendu Adhikari)। নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য সহ ধৃতদের জেলবন্দি কাটআউট পাশে রেখে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

    রাজ্যের দুর্নীতি নিয়ে সেখানে গান গাইতে দেখা যায় হরিণঘাটার বিধায়ক বিজেপির অসীম সরকারকে। মেয়ো রোডে ধর্নায় বসেছিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। পরে বিধানসভা থেকে মেয়ো রোড পর্যন্ত গান করতে করতে আসেন বিজেপি বিধায়করা।

    আরও পড়ুুন: “লুট হয়েছে ১০০ দিনের কাজের টাকা, সিবিআই চাই”, দাবি গিরিরাজের 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nobel Prize 2023: করোনার টিকা তৈরিতে বিশেষ অবদান, চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় ২ বিজ্ঞানীর

    Nobel Prize 2023: করোনার টিকা তৈরিতে বিশেষ অবদান, চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় ২ বিজ্ঞানীর

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁদের গবেষণা সাহায্য করেছে কোভিডের এমআরএনএ প্রতিষেধক তৈরিতে। তার জেরে এ যাত্রায় রক্ষা পেয়েছেন বহু মানুষ। যুগান্তকারী এই গবেষণার জন্যই এবার নোবেল পুরস্কার (Nobel prize 2023) পেলেন কাতালিন কারিকো ও ড্রু ওয়াইসম্যান।

    কাতালিন কারিকো ও ড্রু ওয়াইসম্যান

    কাতালিন কারিকো হাঙ্গেরির সেজড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপকও। আর ড্রু ওয়াইসম্যান ভাকসিন গবেষণার অধ্যাপক ও পেন ইনস্টিটিউট ফর আরএনএ ইনোভেশনের ডিরেক্টর। এই টিকা নিয়ে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে গবেষণা চালান কাতালিয়া কারিকো এবং ড্রু ওয়াইসম্যান।

    চিকিৎসা বিজ্ঞানে অভূতপূর্ব অবদান

    সোমবার নোবেল (Nobel Prize 2023) কমিটির তরফে চিকিৎসা বিজ্ঞানে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। বলা হয়, আমাদের ইমিউন সিস্টেমের সঙ্গে এমআরএনএ কীভাবে সাড়া দেয়, সে সম্পর্কে আমাদের ধারণাকে মৌলিকভাবে পরিবর্তন করেছে তাঁদের যুগান্তকারী অনুসন্ধান। বিজয়ীরা আধুনিক সময়ে মানব স্বাস্থ্যের জন্য সব চেয়ে বড় হুমকির মধ্যে একটি টিকা তৈরিতে অভূতপূর্ব অবদান রেখেছেন।

    নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি টমাস পার্লম্যান পুরস্কার ঘোষণা করে বলেন, “পুরস্কার ঘোষণার আগে যখন আমি তাঁদের সঙ্গে যোগাযোগ করি, তখন দুই বিজ্ঞানীই পুরস্কারপ্রাপ্তির খবরে অভিভূত হন।” গত বছর মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো। ১৯৮২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তাঁরা বাবা সুনে বার্গস্ট্রমও।

    আরও পড়ুুন: “লুট হয়েছে ১০০ দিনের কাজের টাকা, সিবিআই চাই”, দাবি গিরিরাজের

    নোবেল (Nobel Prize 2023) অ্যাসেম্বলির তরফে জানানো হয়েছে, কাতালিন ও ড্রুয়ের গবেষণার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে এমআরএনএর ঠিক কী সম্পর্ক, সেই ধারণাটিই বদলে গিয়েছে। ২০০৫ সালে এই দুই বিজ্ঞানীর গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছিল। ২০২০ সালে তাঁদের গবেষণার ওপর নির্ভর করে তৈরি দুটি এমআরএনএ টিকা লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: বিশ্বকাপের প্রস্তুতি মাঝপথে ছেড়ে আচমকা মুম্বই ফিরলেন বিরাট কোহলি! কেন?

    Virat Kohli: বিশ্বকাপের প্রস্তুতি মাঝপথে ছেড়ে আচমকা মুম্বই ফিরলেন বিরাট কোহলি! কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে পুরুষদের এক দিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে রয়েছে আরও একটি প্রস্তুতি ম্যাচ। প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটি উড়ে গিয়েছিল ভারতের বিশ্বকাপ দল। সেখানেই খবর আসে অন্তঃসত্ত্বা স্ত্রী অনুষ্কা অসুস্থ। তার পরেই জরুরি বিমানে মুম্বই উড়ে যান ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা বিরাট কোহলি (Virat Kohli)। অসুস্থ স্ত্রীর পাশে থাকতেই তিনি মুম্বই উড়ে গিয়েছেন বলে ভারতীয় টিম সূত্রে খবর।

    আসছে ভামিকার খেলার সঙ্গী!

    ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা। ২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম হয় বিরাট ও অনুষ্কার মেয়ে ভামিকার। এখন ভামিকার বয়স আড়াই বছর। গত মাসেই শোনা গিয়েছিল অচিরেই আসছে ভামিকার খেলার সঙ্গী। সম্প্রতি একটি ম্যাটারনিটি ক্লিনিকের বাইরেও দেখা যায় অনুষ্কাকে। তারপরেই জল্পনা জোরালো হয়। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই নাকি তিনি মুম্বই উড়ে গিয়েছেন বলে খবর।

    কবে দলের সঙ্গে যোগ দেবেন কোহলি?

    ৩০ সেপ্টেম্বর ভারত-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ ছিল। সেই ম্যাচে শুধু টস হয়েছিল। বৃষ্টির জন্য খেলা হয়নি। এর পরেই গুয়াহাটি থেকে চাটার্ড ফ্লাইটে করে তিরুবনন্তপুরমে পৌঁছেছে ভারতীয় টিম। যদিও কোহলি যাননি। ভারতীয় টিম সূত্রে খবর, শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন কোহলি (Virat Kohli)।

    এদিকে, বিশ্বকাপে খেলতে নামার আগে আর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ২০১১ সালের পর আর বিশ্বকাপ জিততে পারনে ভারত। এবার ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে দল। তাই কোমর কষে মাঠে নামছেন রোহিত শর্মারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান। তার পর মুখোমুখি হবে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস।

    আরও পড়ুুন: “লুট হয়েছে ১০০ দিনের কাজের টাকা, সিবিআই চাই”, দাবি গিরিরাজের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share