Blog

  • Amit Shah: ২৫-এ পালাবদলের ইঙ্গিত! ‘লোকসভা ভোটে ৩৫টি আসন দিন’, বঙ্গবাসীকে আহ্বান অমিত শাহের

    Amit Shah: ২৫-এ পালাবদলের ইঙ্গিত! ‘লোকসভা ভোটে ৩৫টি আসন দিন’, বঙ্গবাসীকে আহ্বান অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটে (LokSabha Election 2024) বাংলায় বিজেপির টার্গেট ঠিক করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার প্রচণ্ড গরমের মধ্যে সিউড়ির বেনীমাধব হাই স্কুলের মাঠে সভা করেন অমিত শাহ। এদিন তিনি বলেন, ‘বিধানসভায় বিজেপিকে ৭৭টি আসন জিতিয়ে দায়িত্ব বাড়িয়েছে বাংলা। ২০২৪-এ নরেন্দ্র মোদিকেই ফের প্রধানমন্ত্রী করতে হবে। ২০২৪-এর লোকসভা ভোটে ৩৫টিরও বেশি আসনে জেতান।’ অমিতের দাবি, লোকসভায় ৩৫এর বেশি আসন বঙ্গবাসী দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের জন্য ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না তাঁদের।

    পাখির চোখ লোকসভা নির্বাচন

    দিল্লির বিজেপি নেতৃত্বের পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন৷ এ দিন বীরভূমের সিউড়ির জনসভা থেকে তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজ্যবাসীর কাছে আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি-কে ৩৫টি আসনে জেতানোর অনুরোধ করেছেন৷ একইসঙ্গে শাহের হুঁশিয়ারি, বাংলা থেকে বিজেপি যদি ২০২৪-এ ৩৫টি বা তার বেশি আসনে জয়ী হয়, তাহলে ২০২৬ পর্যন্ত বর্তমান তৃণমূল সরকারই থাকবে না৷ অমিত শাহ বলেন, ‘আপনারা ৭৭ আসনের সঙ্গে ৩৮ শতাংশ ভোট দিয়েছেন৷ তার জন্য আপনাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫টি আসনে বিজেপি-কে জিতিয়ে নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করুন৷ ২৪-এ ৩৫টি আসন বিজেপি পেলেই আর ২৫-এর প্রয়োজন হবে না৷ তার আগেই দিদির রাজত্বের অবসান হবে৷’ তিনি আরও বলেন, ‘বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বিজেপির থেকেই। আর ২০২৪ সাল থেকে এর ট্রেলার শুরু করতে হবে।’

    বাংলায় আতঙ্কের পরিবেশ

    সিউড়ির জনসভায় শাহের (Amit Shah) প্রশ্ন, ‘বাংলায় রামনবমীর শোভাযাত্রা কেন বেরোবে না? তৃণমূলের তোষণের রাজনীতির জন্যই অশান্তি হয়েছে।’ এদিন রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে তৃণমূলকে নিশানা করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘বীরভূমে এনআইএ ৮০ হাজারের বেশি ডিটোনেটর বাজেয়াপ্ত করেছে। এনআইএ এত বিস্ফোরক উদ্ধার না করলে প্রচুর মানুষের প্রাণ যেত।’ শাহের দাবি, ‘দিদির শাসনে বাংলা বোমা বিস্ফোরণের কেন্দ্রে পরিণত হয়েছে। যে বীরভূম স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাতে আতঙ্কের কেন্দ্রে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিজি সারা দেশে জাতপাতের রাজনীতি আর পরিবারতন্ত্রকে বিলুপ্ত করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কাজ করেন না। বাংলার জনতার কল্যাণ ওঁর লক্ষ্য নয়। ওঁর একমাত্র লক্ষ্য হল ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। বাংলার মানুষের জন্য ওঁর কোনও চিন্তা নেই। মোদিজি যে প্রকল্পগুলি পাঠাচ্ছেন সেগুলো নিচু তলায় পৌঁছতে দেন না’।

    আরও পড়ুন: ‘আপনার উপস্থিতি অনুপ্রাণিত করে, মনোবল বাড়ায়’, শাহকে স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দুর

    সমাধান বিজেপি

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের মনে করালেন, ‘তৃণমূলের একের পর এক নেতা এখন জেলের গরাদের পিছনে। দিদির দাদাগিরির জন্যেই একের পর এক তৃণমূল নেতা জেলে।’ সঙ্গে সংযোজন, ‘দিদি-ভাইপোর জুটিকে হারানোর এখন একটাই রাস্তা। বিজেপি।’ শাহের কথায়, ‘চাকরি চুরি হচ্ছে, মোদিজি জেলে পাঠালেই বলে অত্যাচার হচ্ছে। যারা দুর্নীতিগ্রস্ত, তাদের তো জেলে পাঠাতেই হবে। এর পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়েও অমিত শাহ (Amit Shah) সরাসরি প্রশ্ন ছু়ড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে৷ বীরভূমে কেন এখনও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে তৃণমূলের জেলা সভাপতি পদে রাখা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এদিনের সভা থেকে বগটুইয়ে নিহতদের শ্রদ্ধা জানান অমিত শাহ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyber Attack: দেশের ১২ হাজার সরকারি ওয়েবসাইটে সাইবার হানার আশঙ্কা! সতকর্তা জারি কেন্দ্রের

    Cyber Attack: দেশের ১২ হাজার সরকারি ওয়েবসাইটে সাইবার হানার আশঙ্কা! সতকর্তা জারি কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: সভ্যতার অগ্রগতির সঙ্গে পাল্টাচ্ছে অপরাধেরও ধরন। সাইবার ক্রাইম, হ্যাকারদের আনাগোনাও বেড়ে চলেছে। চাঞ্চল্যকর খবর, হ্যাকারদের লক্ষ্যে ভারতের ১২ হাজার সরকারি ওয়েবসাইট! যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে রাজধানী নয়া দিল্লিতে। রাজধানীর অন্দরের খবর, কেন্দ্র সরকার এই হানার ঘটনা আঁচ করে আগেভাগেই সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে।

    সাইবার অ্যাটাকের পরিকল্পনা

    কীভাবে ইন্দোনেশিয়ার একটি গ্রুপ হামলার ছক কষছে তারও আভাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে তারা ‘ডেনিয়েল অফ সার্ভিস’ (Dos) লঞ্চ করার পরিকল্পনা করছে। যার ফলে অনেকগুলি কম্পিউটার বা ডিভাইস থেকে একযোগে এত ডেটা পাঠাবে যাতে গোটা সিস্টেম স্তব্ধ হয়ে যায়।
    সংবাদমাধ্যম সূত্রে খবর, হ্যাকারদের গ্রুপটি একটি তালিকাও প্রকাশ করেছে, যেসব সরকারি ওয়েবসাইটে তারা হামলা করার ছক কষেছে। এই জন্য সরকারি কর্মচারীদের উদ্দেশে সতর্কতা অবলম্বন করার বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যেকোনও অজানা ইমেল বা লিঙ্ক যাতে কেউ ক্লিক না করেন সেটা সতর্ক করা হয়েছে। সমস্ত সফ্টওয়্যার আপ-টু-ডেট রাখতেও বলা হয়েছে। এছাড়াও সম্প্রতি ওয়েবসাইট সুরক্ষিত রাখার নির্দেশিকাও জারি করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে কীভাবে এইসব আক্রমণ (Cyber Attack) প্রতিহত করা যায় তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা রয়েছে।

    কী বলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গ্রুপ রয়েছে এই সাইবার হানার (Cyber Attack) পিছনে। যাদের নিশানায় রয়েছে ভারতের বিভিন্ন সরকারি ওয়েসাইট। আরও জানা গেছে, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন ওয়েবসাইটে আক্রমণ (Cyber Attack) করতে পারে এই দল। তাই সরকারি কর্মীদের এখন থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে অমিত শাহের মন্ত্রক থেকে।

    কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা

    সাইবার বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলার (Cyber Attack) মূল লক্ষ্য দু’টি— প্রথমত, সফ্‌টওয়্যার ভাইরাস ব্যবহার করে প্রতিরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে গোপন তথ্য হাতিয়ে নেওয়া। দ্বিতীয়ত, নানা ভুল তথ্য ঢুকিয়ে দিয়ে পরিষেবা ক্ষেত্রের ওয়েবসাইটগুলিকে বিকল করে দেওয়া। প্রসঙ্গত, অতিমারি পরিস্থিতিতেও দেশের স্বাস্থ্য সংস্থাগুলির তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে ‘ডিজিটাল হস্টেজ’ বানানোর লক্ষ্যে হামলা চালিয়েছিল পাক এবং চিনা হ্যাকারেরা। উদ্দেশ্য ছিল, যাতে প্রয়োজনের সময়ে রোগীর চিকিৎসার তথ্য না-মেলে, প্রয়োজনীয় পরীক্ষার ফাইল পাওয়া না-যায়। অর্থাৎ একে ভার্চুয়াল যুদ্ধ বলা যেতেই পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: বাংলা নববর্ষ নয়, আজই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন অমিত শাহ, সফরসূচি বদলের কারণ কী?

    Amit Shah: বাংলা নববর্ষ নয়, আজই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন অমিত শাহ, সফরসূচি বদলের কারণ কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঠিক ছিল বাংলা নববর্ষের দিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই মতো বারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে খবরও ছিল। প্রস্তুতিও চলছিল জোরকদমে। কিন্তু, আচমকাই তার সফরসূচির কিছুটা বদল ঘটেছে। সিউড়ি-র সভা শেষ করে শুক্রবার বিকেলের পর তিনি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসছেন বলে জানা গিয়েছে। সেই মতো মন্দির জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    আচমকাই সফর বদলানোর কারণ কী?

    এদিন দুপুরে সাড়ে ১২টা নাগাদ দুর্গাপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বীরভূমের সিউড়ি যান অমিত শাহ (Amit Shah)। সেখানে সভা শেষ করে ৩টে ৫ মিনিট নাগাদ সিউড়ির নবনির্মিত বিজেপির বীরভূম জেলা পার্টি অফিসে যাবেন শাহ (Amit Shah)। সেখানে নতুন কার্যালয় উদ্বোধন করবেন তিনি। তারপর বিকেল ৪টে ৫ মিনিট নাগাদ ফিরবেন পুলিশ লাইন মাঠের হেলিপ্যাডে। রওনা দেবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে সোজা দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন। এমনিতেই পয়লা বৈশাখের দিন দক্ষিণেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন তাই নিজের সফরসূচির একটু পরিবর্তন করেছেন অমিত শাহ (Amit Shah)। কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ভিভিআইপি হওয়ায় বাড়তি নিরাপত্তা দিতে হবে। তাতে সাধারণ মানুষের এই গরমে চরম নাকাল হতে হবে। তৃণমূলের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল, বিজেপি একদম মানুষের কথা ভাবে না। মানুষের অসুবিধা করতেই পয়লা বৈশাখে দক্ষিণেশ্বরে যাচ্ছেন অমিত শাহ (Amit Shah)। অসুবিধায় পড়লে সাধারণ মানুষও এভাবেই ভাববে। তাতে দলের ক্ষতি হতে পারে বুঝতে পেরেই সফরসূচি পরিবর্তন করা হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

    রাজ্যে অমিত শাহের (Amit Shah) সফরকে স্বাগত জানিয়ে ঠিক কী ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার?

    শুভেন্দু অধিকারী ট্যুইটে লেখেন, ‘‌মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) উষ্ণ স্বাগতম। রাজ্যে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে এবং মনোবল বাড়ায়।’‌ সুকান্ত মজুমদার লেখেন, ‘‌স্বাগত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ বাংলার মাটিতে অমিত শাহ (Amit Shah) ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Covid-19: সাত মাসে সর্বোচ্চ দৈনিক আক্রান্তের সংখ্যা! ২৪ ঘণ্টায় দেশে করোনা পজিটিভ ১১ হাজার ১০৯ জন

    Covid-19: সাত মাসে সর্বোচ্চ দৈনিক আক্রান্তের সংখ্যা! ২৪ ঘণ্টায় দেশে করোনা পজিটিভ ১১ হাজার ১০৯ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ফের করোনা (Covid-19) গ্রাফ ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১০৯ জন, যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় ৯ শতাংশ বেশি। দেশে একদিনেই ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি পার করায় বর্তমানে দেশে সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬২২-তে পৌঁছেছে। বিগত সাত মাসে এটাই সর্বোচ্চ দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্যদিকে, দেশে একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু (COVID Deaths) হয়েছে ২৯ জনের। 

    নতুন করে আক্রান্তের সংখ্যা

    স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে (Covid-19) মৃত্যুর হার ১.১৯ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। সুস্থতার হার স্বস্তিতে রাখলেও ঊর্ধ্বমুখী রেখচিত্র চিন্তায় রাখছে স্বাস্থ্য মন্ত্রককে। যে রাজ্যগুলির সংক্রমণ সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে, তার মধ্যে অন্যতম হল দিল্লি। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫২৭ জন। বর্তমানে রাজ্যে সংক্রমণের হার ২৭.৭৭ শতাংশ। সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যেও। বৃহস্পতিবার শুধুমাত্র মুম্বইয়ে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৪ জন।

    আতঙ্কের কারণ নেই

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, করোনার সাময়িক প্রভাব বাড়ালেও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দেশ জুড়ে আগামী আট থেকে দশ দিনে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও তার পর থেকে তা আবার কমতে শুরু করবে। স্বাস্থ্যকর্তাদের দাবি, আগামী মাসের গোড়া থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করবে। চিকিৎসকদের একটা বড় অংশ মাস্ক পরা, হাত ধোয়া এবং করোনার পরীক্ষা করানোর মতো বিধির দিকে বিশেষ নজর দিতে বলেছেন। চিকিৎসকদের মতে, কোনও ভাবেই অসাবধান হওয়া যাবে না। 

    আরও পড়ুুন: শুরু সলতে পাকানোর কাজ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে?

    এরই মধ্যে নতুন কোভিড (Covid-19) গাইডলাইন প্রকাশ করেছে হরিয়ানা। সেখানকার স্বাস্থ্য দফতর নির্দেশ জারি করেছে, সমস্ত স্কুল, কলেজ, শপিং মল, হসপিটাল, অফিস-সহ সমস্ত পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক। এছাড়াও ব্যবহার করতে হবে স্যানিটাইজার। সমস্ত জায়গায় প্রবেশ করার সময়ে থার্মাল টেম্পারেচার স্ক্যানার বসাতেই হবে। বাচ্চা এবং বয়স্কদের ভিড়ে বেরোতে নিষেধ করা হয়েছে। কিডনি, হার্টের অসুখ বা অন্য কোনও শারীরিক অসুস্থতা থাকলেও অধিক সাবধানতা অবলম্বন জরুরি। হাত মেলানো, জড়িয়ে ধরা এসব শারীরিক সংস্পর্শ এড়াতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা চলবে না। বিয়ে বা কোনও সামাজিক অনুষ্ঠান বিধি মেনেই করতে হবে। পাশাপাশি, কোনওরকম সর্দি, কাশি, জ্বরের উপসর্গ দেখা দিলেই সরকারি কর্মীদের অফিস না এসে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে কোভিড টেস্ট করানোর কথাও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Donald Trump: ব্যবসা সংক্রান্ত জালিয়াতির মামলায় টানা ৭ ঘণ্টা জেরা ট্রাম্পকে

    Donald Trump: ব্যবসা সংক্রান্ত জালিয়াতির মামলায় টানা ৭ ঘণ্টা জেরা ট্রাম্পকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন আমেরিকার (America) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর আগে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়ে নিউ ইয়র্কের ম্যানহাটনে গিয়েছিলেন তিনি। আর এবার ব্যবসা সংক্রান্ত জালিয়াতির অভিযোগের মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ট্রাম্প। বৃহস্পতিবার রাতে ঘণ্টা সাতেক ধরে জেরা করা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে রিপাবলিকান পার্টির এই নেতার আইনজীবী ক্রিস্টোফার কিস বলেন, আমার মক্কেলের কাছে তাঁর অসাধারণ ব্যবসায়িক সাফল্যের কাহিনি জানতে চাওয়া হয়েছিল।

    ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)…

    কেবল ট্রাম্প নন, তাঁর বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং কন্যা ইভাঙ্কাও এই মামলায় অভিযুক্ত। গত বছরের শুরুর দিকে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছিলেন, তদন্তে তিনি দেখেছেন, একাধিকবার ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনও সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পেয়েছে। নানা সময়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সেই তদন্ত বন্ধ করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ। ওই বছরেরই ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্কের একটি আদালতের বিচারক নির্দেশ দিয়েছিলেন, পারিবারিক ব্যবসা সংক্রান্ত জালিয়াতির মামলায় ট্রাম্প (Donald Trump) ও তাঁর  ছেলেমেয়েদের অ্যাটর্নি জেনারেলের দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এবং বয়ান নথিভুক্ত করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ট্রাম্প। তাঁর সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

    আরও পড়ুুন: ‘ভারত বিরোধী শক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন’, সুনককে বললেন মোদি

    প্রসঙ্গত,  স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁর মুখ বন্ধ করতে তাঁকে ট্রাম্প ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হয় মামলা। গ্রেফতারও হয়েছিলেন। পরে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। এদিকে, তথ্য গোপনে ব্যর্থতার অভিযোগে ক্ষতিপূরণ দাবি করে তাঁর প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ট্রাম্প (Donald Trump)। কমপক্ষে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিলেন তিনি। মাইকেলের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগও এনেছেন ট্রাম্প।

    মিয়ামির ফেডারেল আদালতে ট্রাম্পের দায়ের করা মামলা নিয়ে মুখ খুলেছেন মাইকেলের আইনজীবী ল্যানি ডেভিস। তাঁর দাবি, ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন। প্রাক্তন আইনজীবীকে ভয় দেখাতে ট্রাম্প বিচার ব্যবস্থার অপব্যবহার করছেন বলেও অভিযোগ ল্যানির। এই মামলার পরবর্তী শুনানি হবে ২১ এপ্রিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: ‘আপনার উপস্থিতি অনুপ্রাণিত করে, মনোবল বাড়ায়’, শাহকে স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দুর

    Amit Shah: ‘আপনার উপস্থিতি অনুপ্রাণিত করে, মনোবল বাড়ায়’, শাহকে স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) উষ্ণ স্বাগতম। রাজ্যে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে এবং মনোবল বাড়ায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যুইট-বার্তায় এভাবেই স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইট-বার্তায় তাঁকে স্বাগত জানিয়েছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar)।    

    দু দিনের বঙ্গ সফরে অমিত শাহ (Amit Shah)…

    আজ, শুক্রবার দু দিনের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিনই তিনি সভা করবেন বীরভূমে। শাহের সঙ্গে থাকবেন শুভেন্দু এবং সুকান্ত। এদিনই রাতে নিউটাউনের একটি হোটেলে দলের কোর কমিটি ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শাহ। রাজ্যে এর আগেও একাধিকবার ভোটের আগে সভা করেছেন অমিত শাহ। বোলপুর, বিশ্বভারতীতেও সফর করেছিলেন তিনি। রাজ্যে দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে শাহের এই সফর রাজনৈতিক দিক থেকে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই ধারণা রাজনৈতিক মহলের।

    দিন কয়েক আগে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল হাওড়ার কাজিপাড়া, শিবপুর, হুগলির রিষড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গা। হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটে অগ্নিসংযোগের ঘটনাও। শিবপুরে যাওয়ার পথে পুলিশ বাধা দেয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। রিষড়ায় রেললাইনে বোমাবাজি করা হয়। তার জেরে রাতে ঘণ্টা তিনেক বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    বঙ্গ বিজেপির কাছে এসব অভিযোগ পেয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Amit Shah)। পুলিশ কেন পর্যাপ্ত ব্যবস্থা করেনি, তাও জানতে চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার রাতটা হোটেলে কাটিয়ে শনিবার সকালে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেওয়ার কথা অমিত শাহের। তারপরেই দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর।

    আরও পড়ুুন: শুরু সলতে পাকানোর কাজ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে?

    এদিকে, অমিত শাহের বঙ্গ সফর নিয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। বিজেপির রাজ্যস্তরের এক নেতা বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শক্তি আরও বাড়ানোই আমাদের লক্ষ্য। উনিশের লোকসভা নির্বাচনে হেরে যাওয়া ১৪৪টি আসনকেই পাখির চোখ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বীরভূম আসনটিও। প্রতিটিতে হেভিওয়েটরা সভা করবেন। অমিত শাহ বীরভূম দিয়ে তার সূচনা করবেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Congress: তৃণমূল কর্মীদের হাত কেটে নেওয়ার নিদান দিলেন কংগ্রেসের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি, কেন?

    Congress: তৃণমূল কর্মীদের হাত কেটে নেওয়ার নিদান দিলেন কংগ্রেসের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি, কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েতে ভোট লুঠ করতে এলে তৃণমূল কর্মীদের হাত কেটে নেওয়ার নিদান দিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের (Congress) সভাপতি মোহিত সেনগুপ্ত। বৃহস্পতিবার ইটাহারে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস (Congress) সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, ২০১৮ সালে পঞ্চায়েতে মস্তান বাহিনী নিয়ে এসে তৃণমূল ভোট লুঠ করেছিল। এবার পঞ্চায়েত ভোটে আমরা তা করতে দেব না। পুলিশ এবং মস্তান বাহিনী নিয়ে এসে কেউ যদি মারে, তাহলে আমরাও রুখে দেব। তৃণমূল কংগ্রেস যদি মনে করে কালিয়াচক থেকে মস্তান আনবে, তাহলে আমরাও কথা বলে রেখেছি, কিশানগঞ্জ থেকে মস্তান বাহিনী এনে তৃণমূলের হাত কেটে দেব। মারের বদলা মার, না হলে তৃণমূল কংগ্রেসকে মারা যাবে না। জেলা কংগ্রেস (Congress) সভাপতির এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এক সময়ের কংগ্রেসের (Congress) গড় বলেই পরিচিত ছিল উত্তর দিনাজপুর জেলা। পরবর্তীতে সেই মাটি হাতছাড়া হয়ে শাসক দল তৃণমূল দখল করে। এবারে রাজ্য জুড়ে চলা দুর্নীতি কাণ্ডের পর মুর্শিদাবাদ সহ উত্তর দিনাজপুর জেলাতেও ফের মাটি শক্ত হতে শুরু করেছে কংগ্রেসের। আর আসন্ন পঞ্চায়েতের আগে জেলা কংগ্রেস সভাপতির এই গরম গরম বক্তব্য দলীয় কর্মীদের মনোবল বাড়াবে বলেই ওয়াকিবহাল মহল মনে করছে।

    তৃণমূলের ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য্যের কংগ্রেসে (Congress) যোগদান নিয়ে জল্পনা

    সাগরদিঘি উপ নির্বাচনে সংখ্যালঘু ভোটে থাবা বসিয়ে কংগ্রেস (Congress) বাজিমাত করেছে। ধরাশায়ী হয় তৃণমূল। এই উপ নির্বাচনের ফলাফল প্রমাণ করে দেয়, সংখ্যালঘুরা শাসক দলের থেকে মুখ ফেরাচ্ছে। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। এক সময়ে কংগ্রেসের খাসতালুক ইটাহারেও পঞ্চায়েত ভোটের আগে মাটি শক্ত হতে শুরু করেছে কংগ্রেসের (Congress)। জেলা কংগ্রেসের সভাপতির হাত ধরে অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কংগ্রেসের পতাকা ধরেন। কংগ্রেসে যোগ দেওয়া অধিকাংশ কর্মী প্রাক্তন বিধায়ক অমল আচার্য্যের অনুগামী। এই প্রসঙ্গে কংগ্রেসের (Congress) জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, সাগরদিঘির পর এদিন যে ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মিছিল করে আমাদের দলে যোগ দিলেন, তাতে প্রমাণ হয়ে যাচ্ছে, শাসক দলের সঙ্গে তাঁরা আর নেই। আগামীদিনে অমলবাবুও আমাদের দলে যোগ দেবেন। প্রদেশ কংগ্রেস অফিসে গিয়ে তিনি যোগ দেবেন।

    জেলা কংগ্রেস (Congress) সভাপতির হুমকি প্রসঙ্গে কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    মোহিতবাবুকে “৭২-এর গুন্ডা” বলে পালটা কটাক্ষ করেছে শাসক শিবির। এই বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখিয়েই আমাদের ভোট হবে। তৃণমূল গুন্ডাগিরি করে না। আমাদের কোনও গুন্ডার প্রয়োজন পড়ে না। কারা গুন্ডাগিরি করে তা কংগ্রেসের (Congress) জেলা সভাপতিই বলে দিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: বাংলায় ভাষণ দেবেন রাজ্যপাল! নববর্ষ থেকেই রাজভবন সকলের জন্য

    CV Ananda Bose: বাংলায় ভাষণ দেবেন রাজ্যপাল! নববর্ষ থেকেই রাজভবন সকলের জন্য

    মাধ্যম নিউজ ডেস্ক: নববর্ষেই বাঙালি হওয়ার পথে পা রাখছেন রাজ্যপাল! রাজভবন সূত্রে খবর, পয়লা বৈশাখে রাজভবনের এক অনুষ্ঠানে বাংলার ভাষণ দেবেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। একইসঙ্গে শনিবার, নববর্ষের দিন থেকে জনসাধারণের জন্য খোলা থাকবে রাজভবন। রাজ্যের সাংবিধানিক প্রধানের বাসভবন ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ।

    বেলুড়ে রাজ্যপাল

    আজ, শুক্রবার সকালেই বেলুড় মঠে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রামকৃষ্ণ মিশন কোচি কেন্দ্রের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুড় মঠের মায়ের ঘাট থেকে নেওয়া গঙ্গাজল পাঠানো হয় কোচিতে। কোচি শাখার পক্ষে এদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তা গ্রহণ করেন। সেখানে পৌঁছন কোচি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনাত্মানন্দ ও আশ্রমের ট্রাস্টি সদস্যদের কয়েকজন। সেই মঙ্গল কলসটি কোচি আশ্রমের রামকৃষ্ণ মন্দিরের গর্ভগৃহে রক্ষিত হবে। বেলুড় মঠের ১২৫তম প্রতিষ্ঠা দিবসে সমাবর্তন অনুষ্ঠানেও রাজ্যপাল সিভি আনন্দ বোস রামকৃষ্ণ মিশন বলরাম মন্দিরে উপস্থিত থাকতে পারেন বলে মঠ সূত্রে খবর।

    বাংলায় ভাষণ রাজ্যপালের

    কেরলের কোট্টায়ামে জন্ম বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose)। তাই কোচি ও কলকাতার সঙ্গে আত্মিক যোগ রয়েছে তাঁর। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর একাধিকবার বাংলা শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন সিভি আনন্দ বোস। তাঁর মতে, ‘যেখানেই কাজ করি না কেন, স্থানীয় ভাষা শেখা জরুরি। তাতে সাধারণ মানুষের উপকার হয়’। সরস্বতী পুজোর দিনে হাতেখড়ি অনুষ্ঠান হয় রাজভবনে। শুধু তাই নয়, সরকারি স্কুলের এক শিক্ষক এখন তাঁকে নিয়মিত বাংলা শেখাচ্ছেন বলে খবর। এবার ইংরেজি ছেড়ে বাংলায় ভাষণও দেবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল! শনিবার বাংলা নববর্ষ। সেদিন বাঙালি সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে রাজভবনে। সেই অনুষ্ঠানে বাংলার ভাষণ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

    আরও পড়ুুন: ‘ডিএ দিতে পারছেন না, ৪৪০ কোটির অডিটোরিয়াম করছেন’! মমতাকে নিশানা দিলীপের

    সবার জন্য রাজভবন

    সম্প্রতি রাজ্যপাল (CV Ananda Bose) জানিয়েছেন, ‘আমরা জনরাজভবন প্রোগ্রাম চালু করছি। রাজভবনকে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নববর্ষের দিন থেকেই হেরিটেজ ওয়াক চালু করছি আমরা।’ এদিন থেকে রাজভবনের বিভিন্ন ঘর ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। রাজভবনের মধ্যেকার সুইমিং পুল, ঝুলন্ত সেতু, গ্রন্থাগার, বাগান ইত্যাদি দেখা যাবে। তবে রাজভবনের কয়েকটি জায়গা এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। সূত্রের খবর, নিরাপত্তার কারণেই কয়েকটি জায়গা সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election: শুরু সলতে পাকানোর কাজ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে?

    Panchayat Election: শুরু সলতে পাকানোর কাজ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) সলতে পাকানোর কাজ। বুধবারই সব জেলাশাসক ও জেলা পঞ্চায়েত অফিসারকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) জানিয়ে দিয়েছে কারা পঞ্চায়েতে প্রার্থী হতে পারবেন, আর কারা পারবেন না। এদিকে, আগামী ১৮ এপ্রিল রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য নির্বাচন কমিশন। বৈঠক হবে ভার্চুয়ালি। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে কমিশন বৈঠকে বসতে চলেছে বলে জানা গিয়েছে।

    পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election)…

    প্রসঙ্গত, হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছিল, ভোটে আমরা বাধা দিতে পারি না। দেশের শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণের পরেই শুরু হয়ে গিয়েছে নির্বাচনের প্রস্তুতি। জানা গিয়েছে, এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৬২ হাজার ৪০৪। পঞ্চায়েত সমিতির আসন রয়েছে ৯ হাজার ৪৯৮টি। আর জেলা পরিষদের আসন সংখ্যা ৯২৮টি। সব মিলিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ৭২ হাজার ৮৩০টি।

    বর্তমানে রাজ্যে চলছে দাবদাহ। তাপমাত্রা আরও বাড়তে পারে। এমতাবস্থায় কীভাবে নির্বাচন করানো হবে, ভোটকর্মীদের জন্য কী কী বন্দোবস্ত করা হবে, নিরাপত্তা নিয়েই বা কী পদক্ষেপ করা হবে, সেই সব বিষয়ই উঠতে পারে জেলাশাসকদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠকে। কমিশন সূত্রে খবর, ওই দিনের বৈঠকে সব জেলাশাসককে উপস্থিত থাকতে বলা হয়েছে।

    আরও পড়ুুন: ‘ডিএ দিতে পারছেন না, ৪৪০ কোটির অডিটোরিয়াম করছেন’! মমতাকে নিশানা দিলীপের

    এদিকে, বুধবারই সব জেলাশাসক ও জেলা পঞ্চায়েত অফিসারকে বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য নির্বাচন (Panchayat Election) কমিশন জানিয়ে দিয়েছে, সিভিক ভলান্টিয়াররা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কমিশন জানিয়ে দিয়েছে, রাজ্য সরকার চুক্তিতে তাঁদের নিয়োগ করেছে। সেই নিয়োগের কিছু শর্ত রয়েছে। সেই কারণে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না তাঁরা। প্রার্থী হতে পারবেন না গ্রাম রোজগার সেবক, শিক্ষাবন্ধু, পঞ্চায়েতের ঠিকাকর্মী বা রাজ্য সরকারের চুক্তিভিত্তিক ঠিকাকর্মীরা।

    তবে শিক্ষকদের প্রার্থী হতে কোনও বাধা নেই। কমিশন জানিয়েছে, প্রাথমিক শিক্ষক, হাইস্কুল শিক্ষক, প্যারাটিচার, অধ্যাপক, সহকারি অধ্যাপক, লেকচারার, গেস্ট লেকচারারও প্রার্থী হতে পারবেন। প্রার্থী হতে পারবেন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, শিশুশিক্ষা সহায়ক এবং ইলেকট্রিসিটি বোর্ডের কর্মীরাও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: হ্যাটট্রিকের হাতছানি! আজ ঘরের মাঠে সানরাইজার্সকে হারালেই লিগ টেবিলের শীর্ষে কেকেআর

    IPL 2023: হ্যাটট্রিকের হাতছানি! আজ ঘরের মাঠে সানরাইজার্সকে হারালেই লিগ টেবিলের শীর্ষে কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ জয়ের হ্যাটট্রিকের সামনে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে এ বারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ (IPL 2023) জিতেছে কেকেআর। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে তারা। আগের ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পরাজয়ের মুখ থেকে কেকেআরের হয়ে জয় ছিনিয়ে নিয়ে এসেছেন রিঙ্কু সিং। দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর নাইটদের সামনে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে জিতলে নাইটদের লিগ টেবলের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে।

    শীর্ষে ওঠার হাতছানি

    পর পর দুই ম্যাচ জিতে এখন লিগ টেবিলের চার নম্বরে রয়েছে নীতীশ রানার কলকাতা (IPL 2023) নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও পর্যন্ত ৩টি ম্যাচে খেলে ২টিতে জয় ও ১টিতে হেরেছে কেকেআর। নাইটদের নেট রান রেট ১.৩৭৫। পয়েন্ট ৪। আজ নাইটদের সামনে সুযোগ রয়েছে পয়েন্ট টেবলের শীর্ষে ওঠার। এখন লিগ টেবলের শীর্ষে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। আর পাঞ্জাবকে হারিয়ে বৃহস্পতিবার লিগ টেবলের তিন নম্বরে উঠে এসেছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। 

    স্পিন পিচ

    শুক্রবারও ইডেনের পিচ স্পিন সহায়ক হতে পারে। প্রতিপক্ষ দলে নাম করা স্পিনার কম। ওয়াশিংটন সুন্দর ও মায়াঙ্ক মারকান্ডে রয়েছেন। সুন্দরের বল কম ঘোরে। অন্য দিকে মারকান্ডের অভিজ্ঞতা কম। সেই সুবিধা নিতে চাইবে কলকাতা। নাইট শিবিরে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও সুয়েশ শর্মার উপর ভরসা নাইটদের। উমরান মালিকের এক্সপ্রেস গতি হায়দ্রাবাদের আস্থা। 

    বেল বাজাতে পারেন লারা

    এই ম্যাচে একটা চমক দেওয়ার চেষ্টা করছে সিএবি। সানরাইজার্স হায়দ্রাবাদের হেড কোচ ব্রায়ান লারাকে দিয়ে ইডেনে বেল বাজানোর চেষ্টা চলছে। ইডেনে যে কোনও ম্যাচের আগে বেল বাজিয়ে খেলার সূচনা করা হয়। প্রাক্তন বা বর্তমান কোনও ক্রিকেটার বেল বাজান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ইডেন বেল বাজিয়েছিলেন সুনীল নারিন। তবে আইপিএলে (IPL 2023) কে ইডেন বেল বাজাবেন, ঠিক করে কেকেআর। তারাই যেহেতু হোম টিম। সিএবি সূত্রে খবর, প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উদ্যোগী হয়েছেন। তিনি কেকেআর কর্তৃপক্ষকে লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর প্রস্তাব দিয়েছেন।

    আরও পড়ুন: শুকনো গরমে নাজেহাল! ৪০ ডিগ্রি ছুঁল কলকাতা, পুড়ছে জেলাও, কী বলছেন আবহবিদরা?

    কখন শুরু ম্যাচ

    ইডেনে এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস

    কোথায় দেখবেন?

    টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএলের ম্যাচটি

    অনলাইনে কোথায় দেখা যাবে?

    অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচ

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।
     

     

LinkedIn
Share