Blog

  • Benefits of Watermelon: ভুলে যান কোল্ড ড্রিঙ্কস! এই গ্রীষ্মে সতেজ থাকুন তরমুজে, জানেন উপকারিতা?

    Benefits of Watermelon: ভুলে যান কোল্ড ড্রিঙ্কস! এই গ্রীষ্মে সতেজ থাকুন তরমুজে, জানেন উপকারিতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: গরম পড়তেই বাজার ছেয়ে গিয়েছে তরমুজে। তাপমাত্রার পারদ যে ভাবে চড়ছে তাতে ভরসা এখন এই লাল ফলেই। বিশেষজ্ঞরা বলছেন, কোল্ড ড্রিংস নয়, বরং সতেজ রাখে তরমুজই (Benefits of watermelon)! তরমুজের মধ্যে ৯২ শতাংশ রয়েছে জল। তরমুজের মধ্যে সামান্য ক্যালোরি থাকে। আছে প্রচুর পরিমাণ ফাইবার।

    একনজরে দেখে নিই তরমুজের উপকারিতা (Benefits of watermelon)

    ১. তরমুজ শরীরে জলের অভাব মেটায়

    তরমুজের মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে। ফলে গরমে শরীরে জলের চাহিদা মেটাতে কিন্তু তরমুজ খুব ভাল কাজ করে। সেই সঙ্গে কিন্তু হজমেও সাহায্য করে। এছাড়াও ত্বক ভাল রাখতেও সাহায্য করে।

    ২. তরমুজ বাড়তি ওজন কমায়

    বিশেষজ্ঞদের মতে, গরম কাল ওজন কমানোর জন্য সেরা সময়। তরমুজের মধ্যে থাকে প্রচুর পরিমাণ জল। আর তাই গরমে বাজারে উপলুব্ধ ঠান্ডা নরম পানীয় না খেয়ে তরমুজ খান। উপকারে আসবে। এক কাপ তরমুজ থেকে মাত্র ৪৬ ক্যালোরি পাওয়া যায়। ফলে ওজন বাড়ারও ভয় নেই নিশ্চিন্তে খেতে পারেন এই ফল। ফাইবারের ফলে তরমুজ কোষ্ঠকাঠিন্য দূর করে।

    ৩. তরমুজ কিডনি সমস্যারও সমাধান করে 

    পুষ্টিবিদদের মতে, তরমুজের মধ্যে থাকে পটাশিয়াম, ক্যালশিয়াম। যা আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। সেই সঙ্গে কিডনির সমস্যা থেকেও দূরে রাখে। তরমুজ ভিটামিন সি ও বি৬ সমৃদ্ধ। এ দুটি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

    ৪. তরমুজ ত্বক ভাল রাখে

    বিশেষজ্ঞদের মতে, ত্বক ভালো রাখে তরমুজে থাকা ভিটামিন সি। তাই নিয়মিত তরমুজ খেলে তা ত্বকেও প্রভাব ফেলবে। গরমে বজায় থাকবে ত্বকের আর্দ্রতা। এছাড়া দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভাল রাখে ভিটামিন সি। মাড়ির টিস্যুতে ব্যাক্টেরিয়ার আক্রমণ রোধ করতে পারে এই ফল।

    ৫. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হল তরমুজ

    তরমুজে থাকা কোলিন নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী। মাংসপেশির মুভমেন্ট, দেহকোষের মেমব্রেন গঠন, মস্তিষ্ক গঠন ও নার্ভের কার্যকারিতা বাড়াতে কোলিন বেশ সহায়ক।

    ৬. রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে তরমুজ

    রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ভূমিকাও রয়েছে তরমুজের। তরমুজের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড। যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও তরমুজের মধ্যে থাকে নিট্রিক অক্সাইড ডিলায়েটস- যা রক্ত জমাট বাঁধা থেকে রোধ করে।

    ৭. হার্টের সমস্যার সমাধান করে তরমুজ

    হার্টের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে তরমুজ অপরিহার্য। কার্ডিওভ্যাসকুলার রোগ প্রতিরোধে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে, রোগের ঝুঁকি কমাতে তরমুজের জুড়ি মেলা ভার।

    তরমুজের বীজের উপকারিতা…

    তরমুজের বীজ কিন্তুও খুব উপকারী। যা কপার, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজে সমৃদ্ধ। তরমুজের বীজে উচ্চ প্রোটিন রয়েছে। আপনার সারাদিনে যে পরিমাণে প্রোটিনের প্রয়োজন হয় তার ৬০% আপনি পাবেন এই এককাপ (৩০.৬ গ্রাম) তরমুজের দানায়। শরীরে প্রয়োজনীয় নানা ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে এর মধ্যে। তার মধ্যে একটি হল আর্গিনাইন, যা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, করোনারি হার্ট ডিজিজের চিকিত্‍‌সার ক্ষেত্রেও এটা একটা জরুরি উপাদান। এ ছাড়াও গ্লুটামিক অ্যাসিড, লাইসিন, ট্রিপ্টোফানের মতো প্রোটিনও রয়েছে তরমুজের বীজে। ভিটামিন বি-ও রয়েছে তরমুজের বীজে। 

    তরমুজের খোসার উপকারিতা…

    তরমুজের খোসায় (মূলত খোসার ভেতরের অংশ, অর্থাৎ, মূল শাঁস ও বাইরের আস্তরণের মাঝের অংশ) রয়েছে সিট্রুলিন, যা ফ্রি রেডিকেল দূর করতে ভালো কাজ করে। এটা এমিনো এসিডে পরিবর্তিত হয়। যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। হার্টের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে এবং শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। বাড়তি ওজন কমাতে পারে। রক্তচাপ হ্রাস করতে সাহায্য করে। তবে, তরমুজের খোসা খাওয়ার ক্ষেত্রে একেবারে বাইরের যে সবুজ অংশ, সেটা খাবেন না। এটা পেটে সমস্যা তৈরি করতে পারে।

    তবে সাবধান! নিয়ন্ত্রণ অবলম্বনও জরুরি…

    তবে তরমুজ খেতে হবে শরীরের প্রয়োজন অনুযায়ী। বিশেষজ্ঞরা বলছেন, তরমুজ ফাইবারে ভরপুর। তাই  অতিরিক্ত তরমুজ খেলে ডায়রিয়াসহ পেটের নানা রোগ দেখা যেতে পারে।  বেশি তরমুজ খেলে অম্বল ও বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। পুষ্টিবিদদের মতে, প্রতি ১০০ গ্রাম তরমুজে ক্যালোরির পরিমাণ প্রায় ৬ গ্রাম। তাই ১ দিনে ৫০০ গ্রাম পর্যন্ত তরমুজ হজম করা সম্ভব।  এতে শরীরে ঢোকে ১৫০ গ্রাম ক্যালরি, যা শরীরের জন্য যথেষ্ট। এর থেকে বেশি তরমুজ খেলেই সেটা শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Weather Update: সপ্তাহান্তে বৃষ্টি জারি, সঙ্গী ঝড়ো হাওয়া! সোমবার থেকেই কি ঊর্ধ্বমূখী তাপমাত্রার পারদ?

    Weather Update: সপ্তাহান্তে বৃষ্টি জারি, সঙ্গী ঝড়ো হাওয়া! সোমবার থেকেই কি ঊর্ধ্বমূখী তাপমাত্রার পারদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার মধ্য রাতেই শুরু হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি। আজ, শনিবার সপ্তাহের শেষ দিনেও আকাশের মুখ ভার। আলিপুর হাওয়া অফিস (Weather Update) জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে। কলকাতা-সহ রাজ্যের ১৪টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার গতি বাড়ার পাশাপাশি বাড়বে বৃষ্টির পরিমাণও। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

    রবিবার থেকে পরিষ্কার আকাশ

    ঝড়-বৃষ্টির জেরে এপ্রিলের শুরুতেই সামান্য নামল শহরের তাপমাত্রা। এদিনও প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাংশে। আগামীকাল আবহাওয়ায় বিশেষ পরিবর্তন আসবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। রবিবার বিকেল থেকে আকাশ পরিষ্কার হবে। ৩ তারিখ থেকে রৌদ্রজ্বল দিন দেখতে পারে শহরবাসী। সেদিন থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহতেই ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহে বৃষ্টিরও বিশেষ সম্ভাবনা নেই, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বৃষ্টির পাশাপাশি বইবে দমকা হাওয়াও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।

    আরও পড়ুন: হাওড়ার শিবপুরের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল! মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা, কী বললেন শুভেন্দু?

    বঙ্গোপসাগর থেকে পশ্চিমাঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই এমন আবহাওয়ার ভোলবদল বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা৷ হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে আজ শনিবারও দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের বিস্তৃর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে হাওয়ার গতিবেগও থাকবে বেশি৷ তাই বাড়তি সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Road: রাস্তায় নেমে আন্দোলন করে ভোট বয়কটের ডাক! কোথায় জানেন?

    Road: রাস্তায় নেমে আন্দোলন করে ভোট বয়কটের ডাক! কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ কয়েকদিন আগে পথশ্রী প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক হাজার কিলোমিটার রাস্তা (Road) তৈরির কথা ঘোষণা করেছেন। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের জলঘর পঞ্চায়েত গ্রামের বাসিন্দাদের আশা ছিল, এবার তাঁদের কাঁচা রাস্তা পাকা হবে। কিন্তু, তালিকায় দেখা যায়, এই পঞ্চায়েত এলাকার রাস্তা (Road) নেই। আর সেটা জানতে পেরেও প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে পড়ে আন্দোলন শুরু করেছেন এলাকার বাসিন্দারা। দাবি আদায়ে তপন- বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যার জেরে রাস্তায় (Road) ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। তাতেও ক্ষোভ কমে না বাসিন্দাদের। গ্রামবাসীদের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে দরবার করেন। তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। কিন্তু, আগামিদিনে দাবি না মিটলে ভোট বয়কট করার কথা তাঁরা বলেন।

    গ্রামবাসীদের কী অভিযোগ? Road

    তপন ব্লকের জলঘর থেকে তেলাপুকুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মাটির রাস্তা (Road) দীর্ঘদিন ধরেই বেহাল। বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল করতে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় বাসিন্দাদের। তেলাপুকুর গ্রামে প্রায় শতাধিক পরিবারের বসবাস। আশেপাশের বেশ কয়েকটি গ্রামও এই রাস্তার ওপর নির্ভরশীল। স্কুল সহ অফিস, বিভিন্ন কাজে এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করতে হয় বাসিন্দাদের। প্রায় তিন মাস আগে পাকা রাস্তার (Road) দাবিতে আন্দোলনে নেমেছিলেন গ্রামবাসীরা। সেই সময় ব্লক প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা (Road)  তৈরি করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু, তিন মাস পেরিয়ে গেলেও এই রাস্তা (Road) আজও হয়নি। বাসিন্দাদের বক্তব্য, আমাদের আশা ছিল পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি করে দেওয়া হবে। কিন্তু, প্রশাসনের কোনও হেলদোল নেই। সামনে পঞ্চায়েত ভোট। দাবি না মিটলে আশেপাশের তিন-চারটে গ্রামের বাসিন্দারা কেউ ভোট দিতে যাবে না।

    কী বললেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ? Road

    স্থানীয় পঞ্চায়েত প্রধান গোপাল মুর্মু বলেন, ওই রাস্তাটি (Road) পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয়। আমরা রাস্তাটি তৈরি করার জন্য প্রশাসনের কাছে ইতিমধ্যেই দরবার করেছি। জেলা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী বলেন, ওই রাস্তাটির (Road) অবস্থা বেহাল। খুব দ্রুত সংস্কার করার দরকার। বিষয়টি প্রশাসনের কাছে আমরা দরবার করব।

    বেহাল রাস্তা নিয়ে সরব বিজেপির রাজ্য সভাপতি? Road

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পথশ্রী প্রকল্পে যা অর্থ বরাদ্দ করেছে তাতে কত রাস্তা(Road) হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই, ওই বেহাল রাস্তা কবে হবে তা কেউ বলতে পারবে না। আসলে তৃণমূল সরকার পঞ্চায়েত ভোটের আগে এসব করে মানুষকে বোকা বানাতে চাইছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anubrata Mondal: লিঙ্ক নেই! পিছল শুনানি, ২৭-ই পর্যন্ত তিহাড়েই কেষ্ট, বাড়িতে ভাঙচুর সুকন্যার

    Anubrata Mondal: লিঙ্ক নেই! পিছল শুনানি, ২৭-ই পর্যন্ত তিহাড়েই কেষ্ট, বাড়িতে ভাঙচুর সুকন্যার

    মাধ্যম নিউজ ডেস্ক: পিছিয়ে গেল গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) শুনানি। শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করার কথা ছিল তাঁকে। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে বীরভূম তৃণমূলের সভাপতিকে (Anubrata Mondal) পেশ করা যায়নি বলে আদালত সূত্রে খবর। অন্যদিকে, তিহাড়ে তাঁর বাবাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, এমন সময় দলীয় নেতারা তাঁর থেকে দূরত্ব বাড়াচ্ছেন বলে ব্যাপক ক্ষোভ উগড়ে দিলেন অনুব্রত-কন্যা। শোনা যাচ্ছে, দলীয় নেতাদের ডেকে বাড়িতে ভাঙচুরও করেন সুকন্যা মণ্ডল।

    প্রযুক্তিগত ত্রুটির কারণে আদালতে পেশ করা যায়নি অনুব্রতকে (Anubrata Mondal)

    গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেন বর্তমানে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন দিল্লির তিহাড় জেলে। এদিন প্রথমে অনুব্রতর দেহরক্ষী সায়গলকে ভার্চুয়ালি আসানসোলের বিশেষ আদালতে পেশ করার চেষ্টা হয়। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে এজলাসে সায়গলের মুখ দেখা যায়নি। একই বিষয় ঘটে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও। প্রসঙ্গত, এদিন আসানসোলের আদালতে অনুব্রতর (Anubrata Mondal) হয়ে হাজির ছিলেন না কোনও আইনজীবী। চলতি বছরের জুলাইতে দিল্লি হাইকোর্টে তাঁর জামিন মামলার শুনানি রয়েছে। আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, যেহেতু দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন বীরভূম তৃণমূলের সভাপতি ,সেহেতু আসানসোল আদালত থেকে তাঁর জামিন পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেই কারণেই এদিন নতুন করে কেষ্টর জন্য জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী। বিশেষজ্ঞদের কথায়, আবেদনের প্রয়োজন না থাকায় এজলাসে হাজিরও ছিলেন না তাঁরা। যদিও এই বিষয়ে অনুব্রতর (Anubrata Mondal) আইনজীবীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    বোলপুরের বাড়িতে ব্যাপক ভাঙচুর সুকন্যা মণ্ডলের

    সূত্রের খবর,  তিহাড় জেলে তাঁর বাবাকে নানা ভাবে ‘হেনস্থা’ ও ‘নির্যাতন’ করা হচ্ছে শুনে চটে যান সুকন্যা। জিনিসপত্র ভাঙচুর করেন। তার পরেই জরুরি ভিত্তিতে তিনি ডেকে পাঠান বোলপুরের অনুব্রত-ঘনিষ্ঠ অনেক নেতা-কর্মীকে। জানা গিয়েছে, তাঁদের সামনে কেষ্ট-কন্যা এক প্রকার ভেঙে পড়েন। কথায় কথায় তিনি বলতে থাকেন, বাবা যখন কাছে ছিলেন, তখন তাঁর পাশে সবাই ছিলেন। আজ যখন অনুব্রত জেলে, তাঁদের দুঃসময় চলছে, তখন সবাই তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এমনও জানা যাচ্ছে, একটা সময় সুকন্যা বলে ওঠেন, ‘‘এই জিনিস চলতে পারে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gas Cylinder Price: আজ থেকে অনেকটাই দাম কমল রান্নার গ্যাসের! কলকাতায় কত হল জানেন?

    Gas Cylinder Price: আজ থেকে অনেকটাই দাম কমল রান্নার গ্যাসের! কলকাতায় কত হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন আর্থিক বছরের শুরুতেই সুখবর! গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder Price) দাম কমছে। এক ধাক্কায় ৮৯.৫০ টাকা কমছে দাম। তবে এই দাম কমছে কেবল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার কাজে ব্যবহৃত LPG ও শিল্পে ব্যবহৃত RSP- দুই ধরনেরই গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder Price) দাম কমছে। গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম কমছে না। অর্থাৎ গার্হস্থ্য ১৪.২ কেজির এলপিজি (LPG) সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

    কলকাতায় কত ছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম, হল কত?

    সূত্রের খবর, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার (LPG) এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের (RSP) কলকাতায় বর্তমান দাম ছিল ২,২১৫ টাকা। এই দুই ধরনের গ্যাস সিলিন্ডারেরই দাম ৮৯.৫০ টাকা কমছে। ফলে কলকাতায় বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজির LPG ও RSP গ্যাস সিলিন্ডারের নতুন দাম কমে দাঁড়াল ২,১৩২ টাকা। আজ, ১ এপ্রিল থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। তবে গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডার (LPG)-এর দাম কমছে না অপরিবর্তিত থাকছে। অর্থাৎ ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম থাকছে ১,১২৯ টাকা। দেশের তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে ১ এপ্রিল মধ্যরাত থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য হয়েছে ২০২৮ টাকা। মুম্বইতে ১৯৮০ টাকা। চেন্নাইতে হয়েছে ২১৯২.৫০।

    খুশি হোটেল-রেস্টুরেন্ট মালিকরা এবং এলপিজি গাড়ি চালকরা

    বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হ্রাস পাওয়ায় যেমন শিল্প-কারখানা ও হোটেল ব্যবসায় যুক্ত ব্যক্তিরা খানিকটা স্বস্তি পেলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল, তেমন মধ্যবিত্তের জন্যও এটা কিছুটা স্বস্তিদায়ক বলা চলে। কেননা, মধ্যবিত্ত শ্রেণিরই অনেকে হোটেল ব্যবসা এবং এলপিজি চালিত গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত। জ্বালানি তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির মধ্যে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় ৯০ টাকা হ্রাস পাওয়ায় অনেকটাই স্বস্তি পেলেন তাঁরা। এছাড়া বাণিজ্যিক গ্যাসের দাম হ্রাস পাওয়ায় এলপিজি চালিত গাড়ির ভাড়া বৃদ্ধিরও এখনই সম্ভাবনা থাকছে না। যা নিত্যযাত্রীদের জন্য স্বস্তিদায়ক।

    বাড়ল উজ্জ্বলা যোজনার ভর্তুকি 

    কেন্দ্রীয় সরকার আগেই ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ১৪.২ কেজির সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি আরও একবছর বাড়ানো হবে। অর্থাৎ যে সব পরিবার উজ্জ্বলা প্রকল্পের অধীনে এলপিডি ব্যবহার করেন, তাঁরা ২০২৪-এর মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Howrah Shibpur Violence: হাওড়ার শিবপুরের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল! মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা, কী বললেন শুভেন্দু?

    Howrah Shibpur Violence: হাওড়ার শিবপুরের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল! মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা, কী বললেন শুভেন্দু?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়ার শিবপুরে (Howrah Shibpur Violence) অশান্তির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস (C.V Anand Bose)। গোটা ঘটনার পর্যবেক্ষণে ‘স্পেশাল সেল’ তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। সেখান থেকে প্রতি মুহূর্তের খবর নেবেন রাজ্যপাল। রাজ্যে এই ধরনের ঘটনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। হাওড়া-শিবপুরের ঘটনা নিয়ে রাজ্যপালের ভূমিকাকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    রাজভবনের বার্তা

    শুক্রবার বিকালে রাজভবনের (Raj Bhavan) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, “শিবপুরে অশান্তির ঘটনায় রাজভবন কড়া নজর রেখেছে। হনুমান ধর্ম রক্ষা করতে লঙ্কায় আগুন লাগিয়েছিলেন। এখানে অধর্মের জন্য যাঁরা আগুন লাগিয়েছেন, তাঁরা নিজেদের বিপদ ডেকে এনেছেন।” এই ঘটনাটি (Howrah Shibpur Violence) ‘মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ’ বলেও রাজভবনের তরফে উল্লেখ করা হয়েছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে সমগ্র বাংলাকে একজোট হওয়ার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে এই ঘটনায় পুলিশকে শান্তিপ্রিয় মানুষের পাশে দাঁড়িয়ে সক্রিয়, স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে বলেছে রাজভবন। হামলাকারীদের কড়া বার্তা দিয়ে রাজভবনের তরফে আরও জানানো হয়, সাধারণ মানুষের জীবন, সম্পদ, সম্মান রক্ষার জন্য রাজভবন চোখ কান খোলা রাখছে। 

    আরও পড়ুন: রাম নবমীর মিছিলে বিজেপির সঙ্গে পা মেলালেন তৃণমূল নেতারা! কোথায় জানেন?

    শুভেন্দুর বার্তা

    হাওড়া-শিবপুর প্রসঙ্গে (Howrah Shibpur Violence) রাজ্যপালের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু ট্যুইটে বলেছেন, ‘রাজভবন চোখ-কান খোলা রাখবে, এটা শুনে ভাল লাগছে। এবার দুষ্কৃতীদের ধরতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।’ উল্লেখ্য, এই ধরনের অপরাধমূলক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। উল্লেখ্য, হাওড়া ও ডালখোলায় রাম নবমীর মিছিলের উপর হামলার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনার এনআইএ তদন্ত দাবি করেছেন তিনি। অশান্ত এলাকাগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। আগামী সোমবার এই মামলার শুনানি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SSC Scam: অয়নের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি! নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অবাক ইডি-ও

    SSC Scam: অয়নের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি! নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অবাক ইডি-ও

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের (Ayan Sil) প্রায় ১০০ কোটির সম্পত্তির হদিশ মিলল। ইডি (Enforcement Directorate) সূত্রে দাবি, এখনও পর্যন্ত অয়ন শীলের নামে-বেনামে একাধিক সম্পত্তির নথি পাওয়া গিয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি ছুঁই ছুঁই। শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে এমনটাই খবর। কী ভাবে এই বিপুল সম্পত্তি হল অয়নের, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    নিয়োগ দুর্নীতির আখড়া

    ইডি সূত্রের খবর, অয়নের সল্টলেকের অফিসই ছিল নিয়োগ দুর্নীতির (SSC Scam) অন্য়তম আখড়া। অয়ন, তাঁর স্ত্রী ও ঘনিষ্ঠদের মিলিয়ে ৫০টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেবল অযোগ্য প্রার্থী নয়, চাকরির বিনিময়ে যোগ্য প্রার্থীদের কাছ থেকেও নেওয়া হয়েছিল টাকা! নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, অয়ন শীলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। টাকা না দেওয়ায়, জয়েনিং লেটার পাওয়ার পরও, চাকরিপ্রাপকের নাম প্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

    আরও পড়ুন: ধিক্কার দিবস পালন ডিএ আন্দোলনকারীদের! মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ধর্মঘটের হুঁশিয়ারি

    অয়নের নোটপ্যাড রহস্য

    অয়নের নোটপ্যাড থেকেও মিলেছে নানা তথ্য।  ইডি সূত্রে খবর, সাদা রঙের ২টি নোটপ্যাডই ছিল লাল ফিতেয় মোড়া। তাতে উল্লেখ রয়েছে একাধিক নাম। শুধু শিক্ষা নয়, পুরসভাতেও টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে সন্দেহ করেছেন তদন্তকারীরা। অয়নের অফিস থেকে উদ্ধার হওয়া নথি থেকে বেশ কয়েক জন এজেন্টের নামের তালিকা হাতে পেয়েছে ইডি। তদন্তকারীদের আতশকাচের তলায় উঠে আসেন অয়নের ঘনিষ্ঠরাও। কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়র শ্বেতা চক্রবর্তীর নাম ভেসে এসেছে। শমীক চৌধুরী ওরফে বাপ্পা নামে এলআইসির এক প্রাক্তন এজেন্টের ব্যাপারেও তদন্তকারীরা জানতে পেরেছেন। তাঁর বাড়িও হুগলিতে। নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) যুক্ত অয়ন এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন। শনিবার তাঁকে আবার আদালতে হাজির করানো হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • DA Protest: ধিক্কার দিবস পালন ডিএ আন্দোলনকারীদের! মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ধর্মঘটের হুঁশিয়ারি

    DA Protest: ধিক্কার দিবস পালন ডিএ আন্দোলনকারীদের! মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ধর্মঘটের হুঁশিয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: মমতার ‘চোর-ডাকাত’ মন্তব্যের প্রতিবাদে ধিক্কার দিবস পালন করলেন ডিএ আন্দোলনকারীরা। আগামী ৬ এপ্রিল কর্মবিরতিরও ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীদের বার্তা এরপরে ধর্মঘটেরও ডাক দেবেন তাঁরা।

    মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ

    মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘উনি আমাদের চোর-ডাকাত বলেননি। তাঁর যে ভাইবোনেরা ধরনা মঞ্চে তাঁর পাশে বসে ছিলেন, তাঁদের কথাই বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের কাছে তিনি পরে নিজের ভুল স্বীকার করেছেন। বলেছেন, আপনাদের চোর-ডাকাত বলতে চাইনি। তিনি নিজেকেও নিজে চোর-ডাকাত বলেছেন।’  এরপর ভাস্কর বাবু আরও বলেন, ‘তাঁর ভুলভাল কথা শোনার জন্য রাজ্যের কর্মচারী শিক্ষকরা আর প্রস্তুত নন। যেদিন মিউ মিউ ঘেউ ঘেউ মন্তব্য করেছিলেন, সেদিন থেকেই যদি আমরা কর্মবিরতি পালন করতাম, আমাদের তাহলে এতটা দেখতে হত না। তবে আমরা এখন জেগে গিয়েছি। তিনি একটা কথা বললে, পাঁচটা কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে।’

    প্রশাসন স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি

    সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক আরও বলেন, ‘আগামী ১০ এবং ১১ এপ্রিল দিল্লিতে যন্তরমন্তরে ধরনা কর্মসূচি পালন করব আমরা। এই কর্মসূচি পালনের পর আমরা রাজ্যে এসে মিছিল করব। কালীঘাট থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ক্যামাক স্ট্রিট হয়ে শহিদ মিনার পর্যন্ত হবে মিছিল। আগামীতে ৪৮ ঘণ্টার ধর্মঘটও ডাকা হবে।’ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মিছিলের সিদ্ধান্ত নিয়েছেন ডিএ আন্দোলকারীরা।  রাজ্যের প্রশাসন স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

    আরও পড়ুুন: ‘মানিকের জুতোয় পা গলাবেন না’, পর্ষদ সভাপতিকে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

    বিরোধীদের এক জোট হওয়ার আহ্বান

    সিপিএম নেতা মহম্মদ সেলিম থেকে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী কিংবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা দলীয় পতকা ছাড়াই ডিএ আন্দোলনকারীদের মঞ্চে এসেছেন। যৌথ সংগ্রামী মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তিনি জানতেন সাগরদিঘিতে মানুষ তার দল বিজেপিকে ভোট দেবে না। তবু, তারা সেখানে বিরোধী হিসাবে গিয়েছেন। তাঁর কথায়, ”ঝালদায় কংগ্রেস জিতেছে। কোনও বিরোধ হয়নি। বিজেপি মনে করে, রাজ্যে এই তৃণমূল সরকারকে উৎখাত করতে হলে, নো ভোট টু মমতা বলতে হবে। আমরা সব বিরোধীদেরই সেটাই বলতে বলছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘ডিগ্রি দেখানোর প্রয়োজন নেই মোদির’, জানিয়ে দিল গুজরাট হাইকোর্ট

    PM Modi: ‘ডিগ্রি দেখানোর প্রয়োজন নেই মোদির’, জানিয়ে দিল গুজরাট হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) কোনও কলেজের ডিগ্রি দেখানোর প্রয়োজন নেই। শুক্রবার এমনটাই জানিয়ে দিল গুজরাট হাইকোর্ট (Gujarat High Court)। প্রধানমন্ত্রীর ডিগ্রি প্রকাশ করার জন্য সরব হওয়ায় আম আদমি পার্টি (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দেশের একজন শিক্ষিত প্রধানমন্ত্রী দরকার, এই প্রচার শুরু করেছে আম আদমি পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করে এমন প্রচারের পাশাপাশি তাঁর ডিগ্রির প্রমাণ চেয়ে জাতীয় তথ্য কমিশনের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

    নরেন্দ্র মোদির (PM Modi) ডিগ্রি…

    এদিন গুজরাট হাইকোর্টের বিচারপতি বীরেন বৈষ্ণবের সিঙ্গল বেঞ্চ এদিন খারিজ করে দেয় চিফ ইনফর্মেশন কমিশনের অর্ডার। তাদের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ডিগ্রি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরের পাবলিক ইনফর্মেশন অফিসারকে। একই মর্মে নির্দেশ দেওয়া হয়েছিল গুজরাট ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাবলিক ইনফর্মেশন অফিসারদেরও। গুজরাট হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে এই মর্মে ২৫ হাজার টাকা জরিমানাও করেছে। কেজরিওয়ালই প্রধানমন্ত্রীর ডিগ্রি প্রকাশ্যে আনার দাবি তুলেছিলেন। এরপরই চিফ ইনফর্মেশন কমিশন একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়েই গুজরাট হাইকোর্টে মামলা দায়ের করেছিল গুজরাট বিশ্ববিদ্যালয়।

    আরও পড়ুুন: আবাস যোজনার রিপোর্ট খতিয়ে দেখতে রাজ্যে ফের কেন্দ্রীয় দল, কোথায় যাবে জানেন?

    প্রধানমন্ত্রীর (PM Modi) দেওয়া তথ্য অনুসারে ১৯৭৮ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। মাস্টার্স করেছেন ১৯৮৩ সালে, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তি ছিল, একজন ডক্টরেট ও একজন শিক্ষাগত যোগ্যতাহীন ব্যক্তির মধ্যে গণতন্ত্রে কোনও বিভাজন করা হয় না। এই ক্ষেত্রে কোনও জনগণের স্বার্থও জড়িত নয়। পরন্তু এতে প্রধানমন্ত্রী ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। জন প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকার সঙ্গে তাঁর ডিগ্রির কোনও সম্পর্ক নেই। কারও শিশুসুলভ কৌতুহলের জন্য প্রধানমন্ত্রীর ডিগ্রি দেখানোর প্রয়োজন পড়ে না। আরটিআইয়ের ক্ষেত্রে জনগণের স্বার্থ ছাড়া কোনও কিছু জানতে চাওয়া অযৌক্তিক বলেও জানিয়েছিলেন তুষার মেহতা। অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে আইনজীবী পার্সি ক্যাভিনা বলেন, এই আবেদন মোটেই শিশুসুলভ কৌতুহল নয়। আমরা প্রধানমন্ত্রীর (PM Modi) ডিগ্রি সার্টিফিকেট দেখতে চেয়েছি। মার্কশিট নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Awas Yojana: আবাস যোজনার রিপোর্ট খতিয়ে দেখতে রাজ্যে ফের কেন্দ্রীয় দল, কোথায় যাবে জানেন?

    PM Awas Yojana: আবাস যোজনার রিপোর্ট খতিয়ে দেখতে রাজ্যে ফের কেন্দ্রীয় দল, কোথায় যাবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) উপভোক্তাদের নাম নথিভুক্ত নিয়ে কেন্দ্রীয় দলের (central team) সুপারিশ কতটা কার্যকর হয়েছে সে ব্যাপারে ৬ মার্চ অ্যাকশন টেকেন রিপোর্ট পেশ করেছিল রাজ্য সরকার। সেই রিপোর্ট কতটা সঠিক, তা খতিয়ে দেখতে রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় দল। ওই দলের সদস্যরা ঘুরে দেখবেন রাজ্যের দশ জেলা। এবার তাঁদের গাইড করবেন রাজ্যের পঞ্চায়েত দফতরের আধিকারিকরা। দশ জেলার জন্য একজন করে অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব পদ মর্যাদার আধিকারিক দায়িত্বে থাকবেন।

    প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana)…

    জেলাশাসকের সঙ্গে পরিদর্শনকালে কেন্দ্রীয় দলের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন তাঁরাই। সম্প্রতি পঞ্চায়েত দফতর জেলাগুলিকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) উপভোক্তাদের নাম নির্বাচন নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে আগেও রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। জেলাশাসক বা জেলা প্রশাসনের কর্তারাই তাঁদের সঙ্গে ছিলেন। ওই দলের সদস্যরা কিছু সুপারিশ করেছেন রাজ্যের কাছে। তা কার্যকরের পর তথ্য পাঠাতে বলা হয়েছিল। সেই মতো ৬ মার্চ অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠায় রাজ্য।

    আরও পড়ুুন: ‘মানিকের জুতোয় পা গলাবেন না’, পর্ষদ সভাপতিকে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

    জানা গিয়েছে, এই দফায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ঘুরে দেখবেন মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, আলিপুরদুয়ার, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং ও কালিম্পং জেলা। পক্ষকালের মধ্যে তাঁদের রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে। রাজ্যের পঞ্চায়েত সচিবকে লেখা চিঠিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা তালিকা নিয়ে অভিযোগের (PM Awas Yojana) ভিত্তিতে ন্যাশনাল লেভেল মনিটারিং দল কয়েকটি ক্ষেত্রে ত্রুটি নিয়ে রাজ্যকে কিছু সংশোধনের পরামর্শ দিয়েছিল। যার ভিত্তিতে গত ৬ মার্চ রাজ্য পঞ্চায়েত দফতর অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠায়। এই রিপোর্ট কতটা সঠিক, তা দেখতেই কেন্দ্রীয় দলের এই সফর। জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষ থেকেই এই কেন্দ্রীয় দলের আধিকারিকরা যাবেন ওই দশ জেলায়।

    প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় চলতি আর্থিক বছরে ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮টি বাড়ি তৈরির জন্য ৮২০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। রাজ্যের দাবি, উপভোক্তা তালিকা নিয়ে নানা অভিযোগের অছিলায় বারংবার কেন্দ্রীয় দল পাঠিয়ে বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্র।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share