Blog

  • Income Tax: ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর জমা দেওয়ার নিয়ম, জানুন বিশদে

    Income Tax: ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর জমা দেওয়ার নিয়ম, জানুন বিশদে

    মাধ্যম নিউজ ডেস্ক: ১ এপ্রিল (April) থেকে বদলে যাচ্ছে আয়কর (Income Tax) জমা দেওয়ার নিয়ম। তাই চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই জমা দিতে হবে আয়কর। যাঁরা আয়কর সীমার মধ্যে পড়েন, তাঁদের জেনে রাখতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়মগুলি জানা না থাকলে আয়কর জমা দেওয়ার সময় বিপাকে পড়তে হতে পারে। যেহেতু ১ এপ্রিল থেকেই চালু হচ্ছে নয়া আয়কর নিয়ম, সেহেতু বদলে গিয়েছে নয়া আয়কর নিয়মে কর ছাড়ের সীমাও।

    আয়করে (Income Tax) ছাড়…

    ১ এপ্রিল থেকে চালু হওয়া নয়া আয়কর নিয়মের অধীনে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর করছাড় মিলবে। আগে এই করছাড়ের উর্ধ্বসীমা ছিল ৫ লক্ষ টাকা। পুরনো আয়কর নিয়মে কর্মীরা ৫০ হাজার টাকা পর্যন্ত আয়করে (Income Tax) ছাড় পেতেন। নয়া আয়কর নিয়মে অবসরপ্রাপ্ত কর্মীদের সাড়ে ১৫ লক্ষ টাকা বা তার বেশি উপার্জনের ওপরে ৫২ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। বেসরকারি কর্মীদের ক্ষেত্রে লিভ এনক্যাশমেন্টের ক্ষেত্রে সীমা ছিল ৩ লক্ষ টাকা। এবার সেই আর্থিক সীমা বাড়িয়ে করা হয়েছে ২৫ লক্ষ টাকা। ১ এপ্রিল থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকে শর্ট টার্ম ক্যাপিট্যাল গেইনের অধীনে কর নেওয়া হবে। এলআইসির বার্ষিক প্রিমিয়াম যদি ৫ লক্ষ টাকা হয়, তবে নয়া অর্থবর্ষ থেকে তা থেকে উপার্জন আয়করের অধীনে আসবে। সিনিয়র সিটিজেন স্কিমে সর্বোচ্চ ডিপোজিটের সীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে।

    আরও পড়ুুন: রামনবমী উপলক্ষে রাজ্যে ২১০০ শোভাযাত্রা হিন্দুত্ববাদী সংগঠনের, অংশ নেবে বিজেপিও

    জানা গিয়েছে, ৩ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনের ওপর কোনও আয়কর (Income Tax) দিতে হবে না। ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ পর্যন্ত আয়কর দিতে হবে। ৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর ১০ শতাংশ হারে আয়কর জমা দিতে হবে। ৯ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর জমা দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক উপার্জনের ওপর ২০ শতাংশ হারে আয়কর জমা দিতে হবে। ১৫ লক্ষ টাকার ওপর আয়ের ক্ষেত্রে আয়কর জমা দিতে হবে ৩০ শতাংশ হারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Navami: রামনবমী উপলক্ষে রাজ্যে ২১০০ শোভাযাত্রা হিন্দুত্ববাদী সংগঠনের, অংশ নেবে বিজেপিও

    Ram Navami: রামনবমী উপলক্ষে রাজ্যে ২১০০ শোভাযাত্রা হিন্দুত্ববাদী সংগঠনের, অংশ নেবে বিজেপিও

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩০ মার্চ রামনবমী (Ram Navami)। প্রতি বছরই রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের করে বিশ্ব হিন্দু পরিষদ (VHP), হিন্দু জাগরণ মঞ্চ। তবে এবার দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন (Panchayet Polls)। তাই ঘটা করেই রামনবমী পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির (BJP) তরফে অবশ্য রামনবমী পালন করা হবে না। তবে দলীয় কর্মীরা অংশ নেবেন রামনবমীর বিভিন্ন শোভাযাত্রায়। বিজেপির তরফে যে আলাদা করে কোনও শোভাযাত্রা কিংবা অনুষ্ঠান করা হবে না এবং দলীয় কর্মীরা যে অন্য সংগঠনের কর্মসূচিতে অংশ নেবেন, এক সপ্তাহ আগেই তা ঘোষণা করেছিল পদ্মশিবির।

    দক্ষিণবঙ্গে রামনবমী (Ram Navami)…

    জানা গিয়েছে, রামনবমী উপলক্ষে বাংলাজুড়ে প্রায় ২১০০ শোভাযাত্রার উদ্যোগ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের মিডিয়া ইনচার্জ সৌরিশ মুখোপাধ্যায় বলেন, ৩০ মার্চ রামনবমী উপলক্ষে দক্ষিণবঙ্গে ১৬০০-র বেশি শোভাযাত্রা হবে। ওই দিন থেকে হনুমান জয়ন্তী পর্যন্ত রাম মহোৎসবের কার্যক্রম চলবে। পরের বছর অযোধ্যায় রামমন্দিরে রামলালা আসবেন। সাধারণ মানুষের আবেগ আছে। এবার বিশ্ব হিন্দু পরিষদের ৬০ বছর। রাম ও রাম রাজত্বের স্বপ্নের কথা বলা হবে বাংলার ঘরে ঘরে। পাশাপাশি থাকছে ক্যুইজ, যেমন খুশি সাজো কর্মসূচি। তিনি বলেন, প্রথাগতভাবে কোথাও কোথাও অস্ত্রমিছিলও (Ram Navami) হবে। ভোট রাজনীতির সঙ্গে যে এই অনুষ্ঠানের কোনও সম্পর্ক নেই, সে কথাও জানান সৌরিশ।

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হবে রামনবমীর শোভাযাত্রা। বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গের সাংগঠনিক সম্পাদক অনুপকুমার মণ্ডল বলেন, উত্তরবঙ্গে রামনবমীতে ১১০টি শোভাযাত্রা হবে। শিলিগুড়িতে শোভাযাত্রায় অংশ নেবেন ৪ লক্ষ মানুষ। ঈশ্বরপুর ও নকশালবাড়িতেও হবে বড় শোভাযাত্রা। তিনি বলেন, শোভাযাত্রায় রামমন্দিরের ট্যাবলো, কাশী বিশ্বনাথ মন্দির, গো-মাতার ট্যাবলো থাকবে। তিনি জানান, উত্তরবঙ্গে অস্ত্র মিছিল হবে না। নিষেধ করা হয়েছে। দন্ড নিয়ে মিছিল হবে।

    আরও পড়ুুন: মোদি নন, আজ শাহি দরবারে বাংলার বিজেপি সাংসদরা, পঞ্চায়েত ভোট নিয়ে হবে কথা?

    মাসখানেকের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই রাজ্যজুড়ে হবে রামনবমীর (Ram Navami) শোভাযাত্রা। কারণ ২০১৮ সালের রামনবমীর শোভাযাত্রা হয়েছিল ঘটা করে। ওয়াকিবহাল মহলের ধারণা, তার জেরেই উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আসন ২ থেকে বেড়ে হয়েছিল ১৮।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Aadhaar PAN Link: আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়াল আয়কর দফতর, জেনে নিন শেষ তারিখ 

    Aadhaar PAN Link: আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়াল আয়কর দফতর, জেনে নিন শেষ তারিখ 

    মাধ্যম নিউজ ডেস্ক: সময়সীমা বাড়ল আধার-প্যান লিঙ্কের (Aadhaar PAN Link)। এমনটাই জানাল আয়কর দফতর। পূর্ববর্তী সময়সীমা ছিল ৩১ মার্চ এবার তা বেড়ে হল ৩০ জুন। প্রসঙ্গত, এর আগে একাধিকবার আধার-প্যান কার্ডের লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২২ সালের ৩১ মার্চের আগে এই লিঙ্কিং প্রক্রিয়া পুরোপুরি বিনামূল্যে করা যেত। এরপর প্যান নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য অনেককে হাজার টাকা জরিমানা পর্যন্ত দিতে হয়েছে। এরপর আবারও প্যান-আধার লিঙ্কিংয়ের সময়সীমা বাড়ায় সরকার। ২০২৩ সালের ৩১ মার্চ অবধি সময়সীমা বাড়ানো হয়। এবার তা বাড়িয়ে ৩০ জুন অবধি করা হল। সোমবারই এই ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। করদাতাদের আরও কিছুটা সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

    হাজার টাকা পেনাল্টি দিতেই হচ্ছে

    আয়কর বিভাগ গত মাসেই একটি টুইটে জানিয়েছিল, প্যান কার্ডকে বৈধ আধার নম্বরের সঙ্গে http://www.incometax.gov.in -এ ১০০০ টাকা দিয়ে লিঙ্ক করাতে হবে।

    এই আধার-প্যান লিঙ্ক করার পেনাল্টি ধাপে ধাপে বেড়েছে। ২০২২ সালের ৩১ মার্চের আগে পর্যন্ত নিখরচায় তা করা যেত। ১ এপ্রিল ২০২২ থেকে তা ৫০০ টাকা হয়। এরপর ১ জুলাই ২০২২ থেকে ১ হাজার টাকা হয়।

    দেখে নিন PAN-Aadhar লিঙ্ক করবেন কীভাবে

    আয়কর দফতরের পোর্টালে লগ ইন না করেও e-Filing পোর্টালে ক্লিক করতে পারেন।

    e-Filing পোর্টালের লিঙ্ক  https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar

    এরপর Link Your PAN-এ ক্লিক।

    নতুন পেজ খুলতেই আধার ও প্যান নম্বর দিন।

    View Link Aadhaar Status-এ ক্লিক করলে জেনে যাবেন আপনার আধার প্যান লিঙ্ক করা আছে কি না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tiljala Murder Case: তিলজলায় শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় শিশুসুরক্ষা কমিশন

    Tiljala Murder Case: তিলজলায় শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় শিশুসুরক্ষা কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: তিলজলায় (Tiljala murder case) সাত বছরের শিশুকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় শিশুসুরক্ষা কমিশন। সোমবার রাতে কেন্দ্রীয় শিশুসুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো ট্যুইট করে একথা জানান। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ‘‘কলকাতায় সাত বছরের শিশুর মৃত্যুর ঘটনায় কমিশন উদ্বিগ্ন। ওই রাজ্যের ডিজিপি এবং মুখ্যসচিবের কাছে আমরা নোটিস পাঠাচ্ছি। আমাদের একটি প্রতিনিধি দল এই ঘটনার বিস্তারিত বিবরণ জানবেন।’’

    কেন্দ্রীয় শিশুসুরক্ষা কমিশনের নোটিস

    মঙ্গলবার রাজ্যকে পাঠানো কমিশনের ওই নোটিসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিলজলার (Tiljala murder case) ঘটনায় বিস্তারিত তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে। শুধু রিপোর্ট তলবই নয় কলকাতায় টিম পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR)। সূত্রের খবর, আগামী ৩১শে মার্চ কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো নিজেই আসছেন কলকাতা। মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। কথা বলবেন রাজ্য প্রশাসনের সঙ্গেও। তিলজলা ছাড়াও মালদায় স্কুলে শিশু নিগ্রহের ঘটনায় প্রতিনিধিদল পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে এনসিপিসিআর।

    অগ্নিগর্ভ এলাকা

    তিলজলায় (Tiljala murder case) শিশুমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ওই শিশুটি রবিবার সকালে আবাসনের নীচে আবর্জনা ফেলতে গিয়েছিল। সেই সময় তাকে দোতলার ফ্ল্যাটে টেনে নিয়ে যান প্রতিবেশী যুবক অলোক কুমার। শিশুর হাত, পা, মুখ বেঁধে তার উপর অত্যাচার চালানো হয়। তার পর শিশুটিকে খুন করেন অলোক। রবিবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয়। এর পরেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। 

    আরও পড়ুন: সন্তান পেতে তান্ত্রিকের নির্দেশে ‘শিশু-বলি’! নাবালিকা হত্যাকাণ্ডের জেরে ধুন্ধুমার তিলজলায়

    স্থানীয় সূত্রে খবর, শিশুকন্যা খুনে পুলিশ প্রথমে নিষ্ক্রিয় ছিল। তাই উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা (Tiljala murder case), পার্ক সার্কাস, বন্ডেল রোড, পিকনিক গার্ডেন এবং তপসিয়ার একাংশ। সকাল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। থানায় সে খবরটি জানানোও হয়। তারপরও পুলিশ দ্রুত পদক্ষেপ করেনি। অনেক পরে তল্লাশি শুরু করে। তিলজলাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোমবার পার্ক সার্কাসে রেল অবরোধ করা হয়। স্থানীয়েরা বিক্ষোভ দেখান এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন। সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশের উপর হামলার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। তারপর রাতভর তল্লাশি চালিয়ে এলাকা থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: শহিদ মিনারেই অভিষেকের সভা, কী কী শর্ত দিল কলকাতা হাইকোর্ট?

    Abhishek Banerjee: শহিদ মিনারেই অভিষেকের সভা, কী কী শর্ত দিল কলকাতা হাইকোর্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার ধর্মতলার শহিদ মিনারেই হবে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা। মঙ্গলবার এ ব্যাপারে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন দুপুরে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি হয় এই মামলার। সেখানেই শর্তসাপেক্ষে মেলে অনুমতি। বিচারপতি মান্থা বলেন, আদালত প্রত্যাশা করে তৃণমূল ছাত্র-যুবর তরফে কোনও রকম অশান্তিতে উসকানি দেওয়া হবে না। যদি তা করা হয়, তাহলে তার ফল ভাল হবে না। কলকাতা পুলিশের উদ্দেশে বিচারপতি মান্থার মন্তব্য, ভবিষ্যতে যাতে এই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, পুলিশ কমিশনারকে সে দিকে নজর রাখতে হবে। একই জায়গায় দুটি কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না। শহরে আরও অনেক জায়গা রয়েছে। সামলাতে পারলে রেড রোডে অনুমতি দিয়ে দিন। তাতে তো আরও প্রচার পাবে।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় শর্ত…

    এদিন আদালত যে পাঁচটি শর্ত আরোপ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার ওপর, সেগুলি হল, সভা এলাকার প্রবেশদ্বার ও বাহিরদ্বার-সহ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলতে হবে। করতে হবে ভিডিওগ্রাফি। সভায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশকে। যেখানে ডিএ আন্দোলনকারীদের অবস্থান, সেই এলাকায় দ্বিস্তরীয় ব্যারিকেড থাকবে। বাঁশের পাশাপাশি টিন দিয়েও ব্যারিকেড করতে হবে। আন্দোলনকারীদের যাতে কেউ বিরক্ত না করে, তা নিশ্চিত করতে হবে। অভিষেকের ওই সভা থেকে উসকানিমূলক কোনও বক্তব্য পেশ করা যাবে না। গোটা কর্মসূচি পালন করতে হবে শান্তিপূর্ণভাবে। সব পক্ষকেই শান্তি বজায় রাখতে হবে। সভা হয়ে গেলে ব্যারিকেড খুলে ফেলতে হবে। সভাস্থল পরিষ্কার করে দিতে হবে।

    আরও পড়ুুন: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

    বিচারপতি বলেন, শর্ত মেনে সভা করার জন্য ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবে কলকাতার যুগ্ম কমিশনার। শহরে আর কোনও জায়গা নেই সভার করার? কেন পুলিশ এমন আশঙ্কা আঁচ করেও অনুমতি দিল। পুলিশের আমন্ত্রিত সমস্যা এটা। পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার। তিনি বলেন, অন্যত্র কি এই সভা করা যায় না। ঘটনা ঘটলে নিয়ন্ত্রণ করার কি দরকার? আগে থেকেই তো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। অযথা সমস্যা তৈরি করার কি দরকার? গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকের সভা, মিছিল করার অধিকার রয়েছে। কিন্তু মামলাকারীদের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না, মন্তব্য বিচারপতির।

    প্রসঙ্গত, ডিএর (DA) দাবিতে শহিদ মিনার চত্বরে ৪২টি সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলন মঙ্গলবার পড়ল ৬১ দিনে। রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বুধবার অভিনব অনশন কর্মসূচি পালনের পরিকল্পনা করেছেন আন্দোলনকারীরা। পালন করা হবে কর্মবিরতিও। ৩০ মার্চ যৌথ সংগ্রামী মঞ্চের তরফে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বুধবার শহিদ মিনার চত্বরে সভা রয়েছে অভিষেকের। অশান্তির আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা। সেই মামলার শুনানিতেই শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হল অভিষেকের সভার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Juice Shop: “জবলেশ জুসওয়ালা”-ভাইরাল নেট দুনিয়ায়! জানেন কী শরবতের এই দোকান গড়ে ওঠার কাহিনী?

    Juice Shop: “জবলেশ জুসওয়ালা”-ভাইরাল নেট দুনিয়ায়! জানেন কী শরবতের এই দোকান গড়ে ওঠার কাহিনী?

    মাধ্যম নিউজ ডেস্কঃ মনের মধ্যে অদম্য জেদ আর নির্দিষ্ট লক্ষ্য ঠিক থাকলে কোনও বাধা চলার পথকে থামিয়ে রাখতে পারে না। আর সে কথা প্রমাণ করেছেন বর্ধমান শহরের দুই যুবক অভিজিৎ গুহ এবং তাঁর বন্ধু অপু সরকার। তাঁরা দুজনে মিলেই বর্ধমান পুলিশ লাইনের কাছে ঘোড়দৌড়চট্টিতে রাস্তার ধারে খুলে ফেললেন একটি শরবতের দোকান (Juice Shop)। আর দোকানের নাম রাখলেন “জবলেশ জুসওয়ালা”। এম বি এ চায়েওয়ালার মতো তাঁদের দোকানের নামের জাদুতেই নজর কাড়বে সকলের। অল্প সময়ের মধ্যেই দুই বন্ধুর অক্লান্ত পরিশ্রমে বর্ধমান শহরে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে এই দোকান (Juice Shop)। গরম পড়তেই শরবতের চাহিদা এখন তুঙ্গে। রাজ্যে চাকরির অবস্থা এতটাই শোচনীয় যে সাধারণ যুবকরা অসহায়, সেখানে এধরনের উদ্যোগে প্রশংসায় মেতেছেন শহরবাসী থেকে নেট জগত্। শহর জুড়ে ভাইরাল হয়েছে তাঁদের এই শরবতের দোকান (Juice Shop)। তাঁদের দুজনের এই সাহসিকতাকে কুর্ণিশ জানিয়েছেন সকলে।

    “জবলেশ জুসওয়ালা”- দোকানের নামকরণ এরকম কেন ? Juice Shop

    প্রায় ১৪ বছর ধরে দু’জনেই বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করেছেন। কিন্তু, মাসখানেক আগে তাঁদের সংস্থা ছাঁটাই শুরু করে। চাকরি যায় দুজনের। সদ্য বেসরকারি সংস্থায় চাকরি থেকে বরখাস্ত হওয়া দুই কর্মী অভিজিৎ গুহ এবং তাঁর বন্ধু অপু সরকার নতুন করে আর বেসরকারি সংস্থায় চাকরি খোঁজ করেননি। কারণ, সারা মাস হাড় ভাঙা পরিশ্রম করার পর যা বেতন পেতেন তাতেও মাসের শেষে টানাটানি চলত। তবুও, দাঁতে দাঁত চেপে তাঁরা মুখ বুঝে সংস্থায় কাজ করে গিয়েছেন। সংস্থার শ্রীবৃদ্ধির জন্য তাঁরা চেষ্টা করেছেন। বিনিময়ে আচমকা বরখাস্ত হওয়ার জ্বালা তাঁরা মেনে নিতে পারেননি। দুই বন্ধু অভিজিৎ গুহ এবং অপু সরকার বলেন, গত ১৪ বছর ধরে বেসরকারি সংস্থার জন্য শ্রম দিয়েছি। এবার ব্যবসা করে নিজেদের জন্য শ্রম দেব। আমাদের বিশ্বাস, আমাদের পরিশ্রম বিফলে যাবে না। আর চাকরি হারিয়ে ব্যবসা শুরু করেছি বলেই তালমিলিয়ে দোকানের (Juice Shop) নামকরণ করেছি। আগামিদিনে এই দোকানকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

    শরবতের দোকানে কী কী পাওয়া যায়? Juice Shop

    নতুন তৈরি এই শরবতের দোকানে (Juice Shop) গেলেই মিলবে, মোজিতো, মশালা সোডা, মশালা কোল্ড ড্রিঙ্কস, ম্যাঙ্গো জুস সহ নিত্যনতুন জুসের আইটেম। দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। এক ঝলকে জেনে নিন, শরবতের বিভিন্ন আইটেমের দাম কত? যেমন, মোজিতো জুসের দাম ৪০ টাকা, ম্যাঙ্গো জুস ও মশালা সোডা ৩০ টাকার মধ্যে রাখা হয়েছে। সপ্তাহের প্রতিদিনই দোকান খোলা থাকে। সকাল ৯ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত দুই বন্ধু হাতে হাত মিলিয়ে শরবতের দোকান (Juice Shop) এগিয়ে নিয়ে যাচ্ছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nisith Pramanik: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

    Nisith Pramanik: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ঘটনার তদন্ত করবে সিবিআই। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “আদালত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখেছে। নথিপত্র খতিয়ে দেখে আদালত মনে করছে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া উচিত।” ঘটনার পিছনে কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছে আদালত।

    কী ঘটেছিল

    গত ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথের কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা চালানো হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ওই দিন দিনহাটায় গিয়েছিলেন নিশীথ। বুড়িরগ্রামের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলার ঘটনা ঘটে। এই পুরো ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছিল বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নিশীথ প্রামাণিক। এমনকী, ঘটনায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছিলেন তিনি। অন্য দিকে, পুরো ঘটনার দায় নিশীথের ঘাড়েই চাপিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

    বিজেপির দাবি

    উল্লেখ্য, বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ের হামলার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি ছিল, ঘটনার সিবিআই তদন্ত করানো হোক। আদালতের কাছে তিনি আবেদন করেছিলেন, একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়িতে যদি এভাবে আক্রমণ হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে? সেই যুক্তিতে সিবিআই-এর আবেদন জানানো হয়েছিল। কারণ, মামলাকারীর বক্তব্য ছিল, রাজ্য পুলিশ যদি তদন্ত করে, তাহলে সঠিকভাবে কারা অভিযুক্ত তা বোঝা যাবে না।

    সিবিআই তদন্তের নির্দেশ

    ঘটনা নিয়ে (Nisith Pramanik) সরব হন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। হামলার ঘটনাকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। এর পরেই হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল বিজেপি। তাদের তরফে আইনজীবী সূর্যনীল দাস প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি শ্রীবাস্তবের বেঞ্চ সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন। এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত।

    আরও পড়ুুন: ‘‘ভাইপো গুঁতো দিচ্ছে, পিসি উপরে না উঠতে পারলে…’’, বিস্ফোরক সুকান্ত

    এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গে যেভাবে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, জায়গায় জায়গায় বোমা-বন্দুক পাওয়া যাচ্ছে। তারপর যদি কেন্দ্রীয় মন্ত্রীও সুরক্ষিত না থাকেন, তাহলে তো ধরে নিতে হবে আফগানিস্তানের থেকেও খারাপ অবস্থা। স্বাভাবিকভাবেই এটির সমাধান হওয়া উচিত এবং আদালত এটিকে গুরুত্ব দিয়ে দেখছে। আশা করি রাজ্য সরকারও এবার থেকে সাবধান থাকবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Partha Chatterjee: ‘‘আমরা হলাম ছোট চোর, ইনি বড়’’! দুই ছিঁচকের বিদ্রুপে অতিষ্ট পার্থ, জানালেন নালিশ

    Partha Chatterjee: ‘‘আমরা হলাম ছোট চোর, ইনি বড়’’! দুই ছিঁচকের বিদ্রুপে অতিষ্ট পার্থ, জানালেন নালিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: দেখ আমরা হলাম ছোট চোর আর ইনি বড়ো চোর! দুই ছিঁচকে চোরের এমন বিদ্রুপে রেগে লাল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গত ফেব্রুয়ারিতেই তাঁকে ‘মোটা টুকি’ বলে বিদ্রুপ করার অভিযোগ উঠেছিল দুই ছিঁচকে চোরের বিরুদ্ধে। ফের আবার তাঁকে জেলের ভিতর উত্যক্ত করা শুরু করেছে ছোটখাটো চোরেরা। এমনকী এই অভিযোগও উঠেছিল যে পার্থর দিকে মলভর্তি মগ ছুড়ে মেরেছিল জঙ্গি মুসা। আর এবার ফের তাঁকে লক্ষ্য করে টিপ্পনি কাটল ছিঁচকে চোরের দল। অভিযোগ, পার্থকে ‘বড় চোর’, ‘চাকরি চোর’ বলে কটাক্ষ করা হয়েছে।

    জেলের ভিতরে বাইরে কটাক্ষ শুনে যাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

    জেল কর্তৃপক্ষের কাছে তাঁকে ঘিরে এহেন অত্যাচার দ্রুত বন্ধ করার আর্জি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে শুধু কটাক্ষই শুনতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতের এজলাসে ইডি অথবা সিবিআইয়ের কটাক্ষ, আদালতের বাইরে সাধারণ মানুষের চোর চোর স্লোগান তো রয়েছেই। এবার জেলের ভিতরেও যেন ব্যঙ্গবিদ্রুপ তাঁর নিত্যসঙ্গী হয়ে যাচ্ছে। যা নিয়ে রীতিমতো অতিষ্ঠ পার্থ (Partha Chatterjee)। যদিও বিষয়টি নিয়ে জেল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি।

    প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এবার থেকে পাহারা দেবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী যতীন

    জেল সূত্রে খবর, বাঁশদ্রোণীর এক কুখ্যাত আসামী এবার থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee) সেলের সামনে পাহারা দেবে। ছিঁচকে চোরদের উপদ্রব ঠেকাবে। সূত্রের খবর, যতীনের সঙ্গে তার এক আত্মীয় কয়েকদিন আগেই দেখা করতে জেলে এসেছিল। সেসময় যতীন তাকে নিজের মুখেই বলেছে একথা।

    কয়েকদিন আগেই ইডি বলেছিল উনি হলেন দুর্নীতির মাস্টার 

    দিনকয়েক আগেই আদালতে পার্থকে (Partha Chatterjee) উদ্দেশ্য করে ইডি বলেছিল, “উনি হচ্ছেন দুর্নীতির মাস্টার। আর কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা ছাত্র।” এবার আদালতে ইডির পাশাপাশি জেলেও অন্যান্য চোরদের কাছে ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। জানা গেছে, গত সপ্তাহেই পার্থকে ‘বড় চোর’ বলে ডেকে খেপিয়ে দেয় দুই ছিঁচকে। শুধু তাই নয়, ওঁর সেলের সামনে গিয়ে ‘চাকরি চোর’ বলেও ডাকা হয়। যদিও এই ঘটনায় সেইসময় প্রাক্তন শিক্ষামন্ত্রী কিছুই বলেননি বলে খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: মোদি নন, আজ শাহি দরবারে বাংলার বিজেপি সাংসদরা, পঞ্চায়েত ভোট নিয়ে হবে কথা?

    PM Modi: মোদি নন, আজ শাহি দরবারে বাংলার বিজেপি সাংসদরা, পঞ্চায়েত ভোট নিয়ে হবে কথা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল বাংলার বিজেপি (BJP) সাংসদদের। সেই মতো দিল্লি গিয়েছেন তাঁরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্বে দিল্লি গিয়েছেন বিজেপি সাংসদরা। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন বাংলার সাংসদদের ওই বৈঠক হচ্ছে না। তবে প্রধানমন্ত্রীর বৈঠক বাতিল হওয়ার পরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে আলোচনায় বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাত ৯টায় শাহি সাক্ষাৎ হতে পারে বিজেপির বঙ্গ সাংসদদের। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, বিশেষ কারণেই মঙ্গলবার রাতে বাংলার সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে পারছেন না প্রধানমন্ত্রী।

    নরেন্দ্র মোদি (PM Modi)…

    প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেছিলেন, বাংলার সাংসদরা বারবার বলছিলেন তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। আমাদের প্রধানমন্ত্রী মঙ্গলবার সময় দিয়েছেন। আমরা তাঁর সামনে জবকার্ডের দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক যোজনার দুর্নীতির বিষয় সহ নানা বিষয় বিশদে তুলে ধরব।

    দোরগোড়ায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বছর ঘুরলেই রয়েছে লোকসভা নির্বাচন। তৃতীয়বার মোদির নেতৃত্বে সরকার গড়তে ইতিমধ্যেই নানা পরিকল্পনা করেছেন বিজেপির ভোট ম্যানেজাররা। সেই মতো পদক্ষেপও করছেন তাঁরা। বিভিন্ন লোকসভার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের। মোদিকে (PM Modi) মুখ করে কেন্দ্রীয় সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্প নিয়েও জোর কদমে প্রচারে নামার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে। বুথস্তরের সংগঠন কীভাবে সাজাতে হবে, তারও দিশা দিয়েছেন পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। এসব নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে। তবে শাহের সঙ্গে বৈঠক হবে স্থির হওয়ায় এগুলো নিয়েই আলোচনা হতে পারে। পঞ্চায়েত নির্বাচনের রণনীতি নিয়েও হতে পারে আলোচনা।

    আরও পড়ুুন: ‘‘ভাইপো গুঁতো দিচ্ছে, পিসি উপরে না উঠতে পারলে…’’, বিস্ফোরক সুকান্ত

    প্রসঙ্গত, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আধ ঘণ্টারও বেশি সময় ধরে নানা বিষয়ে আলোচনা হয় দুজনের। রাজ্যের নিয়োগ দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পঞ্চায়েত নির্বাচনে হিংসার আশঙ্কা নিয়েও আলোচনা হয় শাহ-শুভেন্দু বৈঠকে। এদিকে, ২৯ মার্চ বুধবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে পাল্টা ধর্নায় বসতে চলেছে রাজ্য বিজেপিও। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ধর্নায় বসবে পদ্ম শিবির। ধর্নায় নেতৃত্ব দেওয়ার কথা সুকান্ত ও শুভেন্দুর। তাই শাহের সঙ্গে বৈঠক শেষে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফিরে আসবেন বিজেপি সাংসদরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Covid: চোখরাঙানি করোনার নতুন প্রজাতি এক্সবিবি.১.১৬-এর, দেশে কি ফের মাস্কযুগ ফিরছে?  

    Covid: চোখরাঙানি করোনার নতুন প্রজাতি এক্সবিবি.১.১৬-এর, দেশে কি ফের মাস্কযুগ ফিরছে?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের চোখ রাঙানি করোনার (covid)। মাথাচাড়া দিয়ে সোমবার দৈনিক আক্রান্ত ২ হাজারে ঠেকেছে। করোনার পজিটিভিটি রেট বা সংক্রমণের হারও ফের বেড়েছে। করোনার এই নতুন প্রজাতির নাম XBB.1.16. করোনা মোকাবিলায় ফের কিছু পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় নীতি আয়োগের। সেই বৈঠকে কোভিড ঠেকাতে রাজ্যগুলিকে গাইডলাইন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কী জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব

    স্কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, করোনা মোকাবিলায় রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো এখন কেমন আছে তা খতিয়ে দেখা হবে। বাংলা সহ রাজ্যে রাজ্যে শুরু হবে মকড্রিল। ফের টিকাকরণে জোর দেওয়া হবে। কোভিড টেস্ট, আরটি-পিসিআর টেস্ট শুরু হবে। এলাকা ভিত্তিক সংক্রমণের হার কত তা খতিয়ে দেখা হবে। আগামী ১০ ও ১১ এপ্রিল কোভিড হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে দেশজুড়ে মহড়া চলবে বলে জানানো হয়েছে।

    নতুন ভ্যারিয়েন্টের প্রকোপ দেশের ১১টি রাজ্যে সবথেকে বেশি

    জানা গিয়েছে নতুন এই ভ্যারিয়েন্টের প্রকোপ দেশের ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাওয়া গিয়েছে। সরকারি তথ্য অনুসারে, মহারাষ্ট্র এবং গুজরাটে করোনার এই রূপের সর্বাধিক সংখ্যক নমুনা পাওয়া গেছে। ১৬৪ টি নমুনার মধ্যে ১৬৪ টিই  XBB.1.16  ভ্যারিয়েন্টের।

    ফের কী ফিরছে মাস্ক যুগ

    কোন রাজ্যে আক্রান্তের হার কেমন তা খতিয়ে দেখার জন্য পাঠানো হবে বিশেষজ্ঞের দল। কারও শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ আরটি-পিসিআর টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্ট পজিটিভ এলে সেই নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হবে। ফের নতুন কোনও প্রজাতির উপদ্রপ হয়েছে কি না, সেটা জানা জরুরি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি ভ্যাকসিনেশন প্রক্রিয়ার উপরও জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগের মতোই টেস্ট-ট্র্যাক, ট্রিট এবং ভ্যাকসিনেশন ফর্মুলার উপরই জোর দিচ্ছে কেন্দ্র। 
    স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, করোনার আচরণবিধি ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ ভিড় এড়িয়ে চলা, জনবহুল স্থানে মাস্ক পরা, বারবার হাত ধোওয়ার ব্যাপারে পুনরায় জনসচেতনা গড়ে তোলার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share