Blog

  • Basanti Puja: এবছর নৌকায় আগমন দেবী দুর্গার! জেনে নিন বাসন্তী পুজোর তিথি, শুভক্ষণ

    Basanti Puja: এবছর নৌকায় আগমন দেবী দুর্গার! জেনে নিন বাসন্তী পুজোর তিথি, শুভক্ষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: শরৎকালে হয় শারদীয়া দুর্গাপুজো, আর বসন্তকালে দেবী দুর্গার পুজো বাসন্তী পুজো (Basanti Puja) নামে পরিচিত। পুরাণ অনুযায়ী, অশুভ শক্তির বিনাশের উদ্দেশে শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, এই আখ্যানের সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত। যা দেবীর অকাল বোধন হিসেবে প্রসিদ্ধ। আর চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবী দুর্গার আরাধনা করেন। তাই এই পুজো বাসন্তী পুজো নামে পরিচিত। চলতি বছর বাসন্তী পুজো পড়েছে ২৮ মার্চ, মঙ্গলবার। 

    চলুন জেনে নেওয়া যাক, বাসন্তী পূজার (Basanti Puja) তিথি, শুভক্ষণ

    বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

     পঞ্চমী তিথি আরম্ভ – ২৫ মার্চ, শনিবার। বাংলার ১০ চৈত্র। সময় – বিকেল ৪টে ২৫ মিনিট।
     পঞ্চমী তিথি শেষ – ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র। সময় – বিকেল ৪টে ৩৩ মিনিট।
     
    ষষ্ঠী তিথি আরম্ভ – ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র। সময় – বিকেল ৪টে ৩৪ মিনিট। 
    ষষ্ঠী তিথি শেষ – ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র। সময় – বিকেল ৫টা ২৮ মিনিট। 

    সপ্তমী তিথি আরম্ভ – ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র। সময় – বিকেল ৫টা ২৯ মিনিট। 
    সপ্তমী তিথি শেষ – ২৮ মার্চ, মঙ্গলবার। বাংলার ১৩ চৈত্র। সময় – সন্ধ্যা ৭টা ০৩ মিনিট।
     
    অষ্টমী তিথি আরম্ভ – ২৮ মার্চ, মঙ্গলবার। বাংলার ১৩ চৈত্র। সময় – সন্ধ্যা ৭টা ০৪ মিনিট।
     অষ্টমী তিথি শেষ – ২৯ মার্চ, বুধবার। বাংলার ১৪ চৈত্র। সময় – রাত ৯টা ০৮ মিনিট।
     
    সন্ধি পুজোর শুভক্ষণ – রাত ৮টা ৪৪ মিনিটে সন্ধি পুজো আরম্ভ। রাত ৯টা ৩২ মিনিটে সন্ধি পুজো সমাপ্ত

    নবমী তিথি আরম্ভ – ২৯ মার্চ, বুধবার। বাংলার ১৪ চৈত্র। সময় – রাত ৯টা ০৯ মিনিট । 
    নবমী তিথি শেষ – ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র। সময় – রাত ১১টা ৩১ মিনিট।

    দশমী তিথি আরম্ভ – ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র। সময় – রাত ১১টা ৩২ মিনিট। 
    দশমী তিথি শেষ – ৩১ মার্চ, শুক্রবার। বাংলার ১৬ চৈত্র।

    গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

     পঞ্চমী তিথি আরম্ভ – ২৫ মার্চ, শনিবার। বাংলার ১০ চৈত্র। সময় – সন্ধ্যা ৭টা ২ মিনিট ২০ সেকেন্ড।
     পঞ্চমী তিথি শেষ – ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র। সময় – সন্ধ্যা ৭টা ৬ মিনিট ৪৪ সেকেন্ড। 

    ষষ্ঠী তিথি আরম্ভ – ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র। সময় – সন্ধ্যা ৭টা ৬ মিনিট ৪৫ সেকেন্ড।
     ষষ্ঠী তিথি শেষ – ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র। সময় – সন্ধ্যা ৭টা ৪১ মিনিট ৪৫ সেকেন্ড।
     
    সপ্তমী তিথি আরম্ভ – ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র। সময় – সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে ৪৬ সেকেন্ড। 
    সপ্তমী তিথি শেষ – ২৮ মার্চ, মঙ্গলবার। বাংলার ১৩ চৈত্র। সময় – রাত ৮টা ৪৭ মিনিট ২২ সেকেন্ড।
     
    অষ্টমী তিথি আরম্ভ – ২৮ মার্চ, মঙ্গলবার। বাংলার ১৩ চৈত্র। সময় – রাত ৮টা ৪৭ মিনিট ২৩ সেকেন্ড।
     অষ্টমী তিথি শেষ – ২৯ মার্চ, বুধবার। বাংলার ১৪ চৈত্র। সময় – রাত ১০টা ১৭ মিনিট ৩২ সেকেন্ড । 

    সন্ধি পুজোর শুভক্ষণ – রাত ৯টা ৫৩ মিনিট ৩২ সেকেন্ডে সন্ধি পুজো আরম্ভ। রাত ১০টা ৪১ মিনিট ৩২ সেকেন্ডে সন্ধি পুজো সমাপ্ত। 

    নবমী তিথি আরম্ভ – ২৯ মার্চ, বুধবার। বাংলার ১৪ চৈত্র। সময় – রাত ১০ টা ১৭ মিনিট ৩৩ সেকেন্ড। 
    নবমী তিথি শেষ – ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র। সময় – রাত ১২টা ৮ মিনিট ১৮ সেকেন্ড। 

    দশমী তিথি আরম্ভ – ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র। সময় – রাত ১২টা ৮ মিনিট ১৯ সেকেন্ড।
     দশমী তিথি শেষ – ৩১ মার্চ, শুক্রবার। বাংলার ১৬ চৈত্র।

    বাসন্তী পুজোর মাহাত্ম্য

    বাসন্তী পুজোর মাহাত্ম্য শাস্ত্র মতে, রাজ্য হারানো রাজা সুরথ বসন্তকালে সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন। দেবীর আশীর্বাদ পেতেই বসন্তকালের শুক্লপক্ষে রাজা দেবীর উপাসনা করেন। মা দুর্গা ভক্তের পুজোয় সন্তুষ্ট হয়ে রাজা সুরথকে তাঁর হারানো রাজ্য ফিরিয়ে দেন। এই পুজোই পরে বাসন্তী পুজো নামে চারিদিকে ছড়িয়ে পড়ে

    এবছর নৌকায় আগমন হবে দেবী দুর্গার

    শারদীয় দুর্গা পুজোর মতো বাসন্তী পুজোতেও (Basanti Puja) মা দুর্গা প্রতি বছর আলাদা আলাদা বাহনে সওয়ার হয়ে আসেন। দেবীর এই সব বাহনের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। এই বছর বাসন্তী পুজোয় মা দুর্গা আসছেন নৌকায় সওয়ার হয়ে। দেবীর নৌকা বাহন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে পৃথিবী সুজলা সুফলা হয়ে ওঠে ও মর্ত্যবাসীর মনে খুশিতে ভরে ওঠে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Civic Volunteers: দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না! নয়া নির্দেশিকা রাজ্য পুলিশের

    Civic Volunteers: দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না! নয়া নির্দেশিকা রাজ্য পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: হাইকোর্টের নির্দেশে এবার রাজ্য পুলিশের তরফে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) নিয়ে সার্কুলার জারি করা হল। এই সার্কুলারে পরিষ্কার বলা হয়েছে যে, আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না (West Bengal Police)। ২৯ মার্চের মধ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।  সেই মতো শুক্রবার সার্কুলার জারি করে রাজ্য পুলিশ। তাতে হাইকোর্টের নির্দেশ মাফিক কোন কোন কাজে সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteers) ব্যবহার করা যাবে, সেই সম্পর্কিত তথ্য স্পষ্টভাবে নথিবদ্ধ করা হয়েছে। 

    কেন নির্দেশিকা

    সম্প্রতি জেলায় সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) দিয়ে স্কুলে পড়ানোর বিষয়টি সামনে আসতেই বিতর্ক তৈরি হয়। শিক্ষক হিসেবে সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়। আবার তাঁদের কাজ কী? সেই প্রশ্নও ওঠে। এরপরই আদালত নির্দেশ দেয় সিভিক ভলান্টিয়ার নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করতে হবে। সেই অনুযায়ী, নয়া গাইডলাইন তৈরি করা হল।

    নির্দেশিকায় যা বলা হয়েছে

    ওই নির্দেশিকায় বলা হয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়াররা (Civic Volunteers)। পাশাপাশি বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকায় থাকবেন সিভিক ভলান্টিয়াররা। তবে নির্দেশিকায় যে বিষয়টি সবচেয়ে নজর কেড়েছে, তা হল, আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না। একেবারে স্পষ্ট ভাষায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: ফের ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের! আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি রাজ্য সরকারি কর্মীদের

    রাজ্য পুলিশে বর্তমানে ১ লক্ষ ৭ হাজার ১৫ জন সিভিক ভলান্টিয়ার (Civic Volunteers) রয়েছেন। কলকাতা পুলিশ এলাকায় রয়েছেন ৬ হাজার ৯৩২ জন। ২০১২ সালে চুক্তিভিত্তিক এই সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়। সিভিক ভলান্টিয়ারদের ন্যূনতম শিক্ষা যোগ্যতা আগে ছিল মাধ্যমিক উত্তীর্ণ। পরে তা আরও কমিয়ে অষ্টম শ্রেণি করা হয়। সিভিক ভলান্টিয়ার নিয়োগে নেওয়া হয় না কোনও পরীক্ষাও। সিভিক ভলান্টিয়ারদের বেতন ৯ হাজার টাকা। আর কম্পিউটার সম্পর্কে জ্ঞান আছে এমন সিভিক ভলান্টিয়াররা থানায় ডেটা এন্ট্রির কাজ করেন। আবার রাস্তায় ভিড় নিয়ন্ত্রণ, লাইন সামলানো এবং যান নিয়ন্ত্রণের কাজ করেন সিভিক ভলান্টিয়ারা। থানাতেও মোতায়েন রাখা থাকে। তাঁরা পুলিশ অফিসারদের সহযোগিতা করেন। সিভিক ভলান্টিয়ারদের কাছে কোনও অস্ত্র থাকে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • DA: ফের ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি কেন্দ্রের! আরও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি রাজ্য সরকারি কর্মীদের

    DA: ফের ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি কেন্দ্রের! আরও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি রাজ্য সরকারি কর্মীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ফের বাড়ছে। ফলে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ পার্থক্যও ক্রমশ বাড়ছে। রাজ্যের ডিএ (DA) আন্দোলনের মাঝেই শুক্রবার কেন্দ্র সরকার আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা জানাল।

    ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

    শুক্রবার ৪ শতাংশ হারে ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) ৩৮ শতাংশ থেকে বেড়ে হল ৪২ শতাংশ। এরফলে জানুয়ারি থেকে বকেয়া ডিএ মার্চের শেষেই পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে ওই ডিএ বৃদ্ধির ফলে উপকৃত হবেন প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী। ওই সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রের খরচ হবে ১২ হাজার ৮১৫ কোটি টাকা।

    কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক

    কেন্দ্রের এই ডিএ (DA) বৃদ্ধির ফলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ -র ফারাক বেশ কিছুটা বাড়ল। বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এনিয়ে একদফা কর্মবিরতি করা হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলে আন্দোলনের ঝাঁঝ বাড়ানো হবে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়। 

    তোপ সুকান্তের

    এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তোপ দেগেছেন। তিনি বলেন, “কেন্দ্র যখন ডিএ (DA) বাড়াচ্ছে তখন রাজ্য সরকারি কর্মচারীরা আবেদন সত্বেও সরকার তাতে কান দিচ্ছে না। বরং পাল্টা আক্রমণ করা হচ্ছে। মোদিজি কাজ করে দেখিয়েছেন। দিনের পর দিন বঞ্চিত হওয়ার জন্যই রাজ্যের কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।” কেন্দ্রের এই ঘোষণার ফলে  রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের ডিএ-র তফাত হয়ে গেল ৩৬ শতাংশ। নয়া ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। যেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ প্রদান করা হয়। তাও সেটা মাত্র ছয় শতাংশ।

    আরও পড়ুুন: আর সাংসদ নন রাহুল গান্ধী! লোকসভার সদস্যপদ খারিজ করলেন স্পিকার ওম বিড়লা

    রাজ্য সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি

    কেন্দ্রের ডিএ (DA) বৃদ্ধির কথা ঘোষণার পরই  রাজ্য সরকারি কর্মচারীরা হুঁশিয়ারি দেন যে পশ্চিমবঙ্গ সরকারকে ডিএ দিতেই হবে। মহার্ঘ ভাতা আদায় করেই ছাড়বেন তাঁরা। আন্দোলনকারীরা জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের অবক্ষয় হচ্ছিল। সেজন্য সর্বভারতীয় মূল্যসূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে চার শতাংশ ডিএ (DA) বাড়ানো হয়েছে। অথচ পশ্চিমবঙ্গ সরকার তাতে কোনও ভ্রূক্ষেপ করছে না। এই সরকারকে সম্পূর্ণ ডিএ দিতেই হবে। খেলা-মেলায় খরচ করে যাচ্ছে সরকার। সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madan Mitra: অয়নের বান্ধবী শ্বেতার সঙ্গে দেখা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র! কী কথা হল?

    Madan Mitra: অয়নের বান্ধবী শ্বেতার সঙ্গে দেখা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র! কী কথা হল?

    মাধ্যম নিউজ ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের কোম্পানির হাত ধরেই কামারহাটি পুরসভায় দুদফায় কর্মী নিয়োগ হয়েছিল। নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি ইডি-র নজরে রয়েছে। কারণ, অয়ন টাকার বিনিময়ে চাকরি বিক্রি করত তার প্রমাণ ইডি আধিকারিকরা আগেই পেয়েছেন। কামারহাটি পুরসভায় যে সব কর্মী নিয়োগ হয়েছিল তাদের পিছনে কত টাকার খেলা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ইতিমধ্যে বিতর্কিত প্যানেলে চাকরি নিয়ে চরম আতঙ্কিত কামারহাটি পুরসভার কর্মচারীরা। শুক্রবার স্থানীয় বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) কাছে কর্মীরা সেই উদ্বেগের কথা জানালেন। একইসঙ্গে পুরসভায় চেয়ারম্যান গোপাল সাহার কাছে তাঁদের আতঙ্কের কথা তুলে ধরেন। তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেন, আমাদের কর্মীরা কোনও অপরাধ করেনি। তাঁরা ভয়ে রয়েছে। অন্যায় না করলে ভয় পাওয়ার কিছু নেই বলে আমি তাদের আশ্বস্ত করেছি।

    কী বললেন বিতর্কিত প্যানেলে চাকরি হওয়া কর্মীরা? 

    অয়নের হাত ধরে ব্যারাকপুর মহকুমার ৬টি পুরসভায় কর্মী নিয়োগ হয়েছিল। তারমধ্যে কামারহাটি পুরসভা রয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে এবং ২০১৯ সালে দুটি অয়ন শীলের কোম্পানির মাধ্যমে চাকরি প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০১৭ সালে ১৭ হাজার পরীক্ষার্থী ছিলেন। আর ২০১৯ সালে ১৪ হাজার পরীক্ষার্থী ছিলেন। সবমিলিয়ে ১০৪ এবং ১২৫ জনকে পুরসভায় নিয়োগ করা হয়। আর সবটাই অয়নের কোম্পানির হাত ধরে হয়েছে। দেখা যায়, পুরসভায় নিয়োগ  হওয়া ২২৯ জনের মধ্যে শ্বেতা চক্রবর্তীর নাম রয়েছে। শ্বেতার নাম সামনে আসতেই এই প্যানেলের অন্যান্য কর্মীরা চরম আতঙ্কে রয়েছেন। প্যানেলে চাকরি পাওয়া পুরসভার এক কর্মী বলেন, নিয়ম মেনে পরীক্ষা দিয়ে চাকরি হয়েছে। কিন্তু, যে কোম্পানির হাত ধরে আমাদের নিয়োগ হয়েছে, সে জেলে রয়েছে। তাতেই আমাদের ভয় লাগছে। আমাদের প্যানেল বাতিল করে দেবে না তো?

    শ্বেতার সঙ্গে দেখা করলেন মদন মিত্র (Madan Mitra), কী কথা হল? 

    অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তী শুক্রবার কামারহাটি পুরসভায় আসেন। নিজের দপ্তরের চেয়ারে তিনি বসেছিলেন। অনেকে তাঁকে এসে দেখে যান। তবে, কারও সঙ্গে তিনি কোনও কথা বলেননি। নিজের চেয়ারে চুপচাপ তিনি বসেছিলেন। এদিন বিধায়ক মদন মিত্র (Madan Mitra) তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিধায়ক (Madan Mitra) বলেন, আমি সব কর্মচারীদের সঙ্গে কথা বলছিলাম। তখন দেখছিলাম শ্বেতা চক্রবর্তী বসে আছেন। টিভিতে দেখে তাকে চিনতে পেরেছি। জিজ্ঞেস করলাম নাম কী। কোথায় থাকেন। ব্যাস এইটুকুই। শ্বেতাও তৃণমূল বিধায়কের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন। তাঁর বেশি কথা বলেননি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ayan Sil: ৬ হাজার চাকরি বিক্রি করেছিলেন অয়ন! টাকা লগ্নি করেছিলেন আবাসন শিল্পে?

    Ayan Sil: ৬ হাজার চাকরি বিক্রি করেছিলেন অয়ন! টাকা লগ্নি করেছিলেন আবাসন শিল্পে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ হাজার নয়, রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভায় অন্তত ৬ হাজার চাকরি বিক্রি করেছিল প্রোমোটার অয়ন শীল (Ayan Sil)। অয়নকে জেরা করেই এমন অনুমান করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। কতগুলি পুরসভার সঙ্গে অয়নের সংস্থার চুক্তি হয়েছে, এবিএস ইনফোজোনকে মেইল করে তা জানতে চাইল ইডি (ED)। শুধু তাই নয়, ৩টি ব্যাঙ্কের কাছেও চাওয়া হয়েছে অয়নের সংস্থার অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য। ইডি সূত্রে খবর, অয়নের ফ্ল্যাটের ডাস্টবিন থেকে পাওয়া কাগজে একাধিক পুরসভার নাম মিলেছে। এই ডাস্টবিনেই মিলেছিল পুরসভায় চাকরিপ্রার্থীদের তালিকাও। পুরসভার টেন্ডারেও একচেটিয়া আধিপত্য অয়নের। ইডির অনুমান, পুরসভার বরাত পেতে নিজেরই একাধিক সংস্থার নামে দরপত্র জমা দিতেন তিনি। টেন্ডার প্রক্রিয়াকে বৈধ দেখাতেই এই ছক কষা হয়েছিল বলে অনুমান ইডির।

    অয়নের (Ayan Sil) চাকরি চুরির টাকা…

    ইডির আধিকারিকদের দাবি, আবাসন তৈরিতেও বিনিয়োগ করা হয়েছিল অয়নের (Ayan Sil) চাকরি চুরির টাকা। অয়নের এবিএস টাওয়ার নির্মাণে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছিল তাঁরই তথ্যপ্রযুক্তি সংস্থা। চুঁচুড়ায় অয়নের বিলাসবহুল আবাসন তৈরিতেও লগ্নি করা হয়েছে পুরসভা ও শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এবিএস টাওয়ার আবাসন তৈরিতে টাকা গিয়েছে অয়নের এবিএস ইনফ্রোজোন প্রাইভেট লিমিটেডের নামে। এই কোম্পানিই ৯০টি পুরসভায় নিয়োগের টেন্ডার পেয়েছিল। যা নিয়ে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ।

    ইডির তদন্তকারীদের দাবি, এই কোম্পানির মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে কয়েক কোটি টাকা। নিয়োগ দুর্নীতির কালো টাকা এভাবেই সাদা করা হয়েছে। অয়নের এই কোম্পানির মাধ্যমে সিনেমার প্রযোজনার পর আবাসন নির্মাণে বিনিয়োগের তথ্য সামনে এসেছে। অয়নের এই সংস্থার মাধ্যমে কত কোটি কালো টাকা সাদা করা হয়েছে, তারই হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা।

    আরও পড়ুুন: আর সাংসদ নন রাহুল গান্ধী! লোকসভার সদস্যপদ খারিজ করলেন স্পিকার ওম বিড়লা

    নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির স্ক্যানারে অয়ন (Ayan Sil) ও তাঁর আত্মীয়দের নামে থাকা ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। নামে ও বেনামে অয়নের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশও পেয়েছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, নিজের কর্মচারীদের নামেও বেশ কিছু জমি কিনেছিলেন অয়ন। কোথা থেকে এল এত টাকা? কাদের অ্যাকাউন্টে লেনদেন? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chaitali Tiwari: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি! কম্বলকাণ্ডে রক্ষাকবচ জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিকে

    Chaitali Tiwari: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি! কম্বলকাণ্ডে রক্ষাকবচ জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Court) সাময়িক স্বস্তি পেলেন কম্বলকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি (Chaitali Tiwari)। আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালিকে আপাতত গ্রেফতার করতে পারবে না পুলিশ। শুক্রবার তাঁর গ্রেফতারিতে সাময়িক ভাবে স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত।

    কী ঘটেছিল

    ২০২২ সালের ১৪ ডিসেম্বর জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি (BJP) কাউন্সিলর চৈতালি তিওয়ারির (Chaitali Tiwari) উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি–সহ বিজেপির একাধিক নেতা উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী বেরিয়ে যেতেই কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিন জনের। তার মধ্যে একজন শিশু ছিল। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।  ওই ঘটনায় অভিযুক্ত জিতেন্দ্রকে গত শনিবার নয়ডা থেকে গ্রেফতার করে এনেছিল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। এর পর আসানসোলের আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। জিতেন্দ্রকে রবিবার ৮ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছিল আসানসোল আদালত।

    আরও পড়ুুন: বিজেপির উদ্যোগে রমজান মাসেই বেরোবে মোদির ‘মন কি বাত’-এর উর্দু সংকলন

     সুপ্রিম কোর্টে সুরক্ষাকবচের আবেদন

    শীর্ষ আদালত সূত্রে খবর, আসানসোলে কম্বল বিতরণী কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় গ্রেফতারি এড়াতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে সুরক্ষাকবচের আবেদন করেন চৈতালি (Chaitali Tiwari)। সেই আবেদনের সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছেন, আগামী ৭ মে পর্যন্ত চৈতালিকে গ্রেফতার করা যাবে না। ৮ মে এই মামলার পরবর্তী শুনানির হওয়ার কথা। ওই দিন জিতেন-সহ এই মামলায় আরও দুই অভিযুক্ত আসানসোলের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত এবং দলের যুবনেতা তেজপ্রতাপ সিংয়েরও শুনানি রয়েছে। আগেই সাময়িক ভাবে সুরক্ষাবচ পেয়েছেন গৌরব ও তেজপ্রতাপ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Supreme Court: করোনা আবহে মুক্তি পাওয়া বন্দিদের আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

    Supreme Court: করোনা আবহে মুক্তি পাওয়া বন্দিদের আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা (Covid 19) সংক্রমণ ঠেকাতে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল আসামি ও বিচারাধীন বন্দিদের একাংশকে। ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার এই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। ভিড় থেকে ছড়ায় করোনা সংক্রমণ। তাই ভিড় কমাতে ও করোনা আবহে জেলগুলিকে সুরক্ষিত রাখতে দোষী সাব্যস্ত ও বিচারাধীন বন্দিদের মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তির নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। পরে চোখ রাঙানি কমে মারণ ভাইরাস করোনার। পরিস্থিতি বর্তমানে বেশ স্বাভাবিক।

    সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ…

    এমতাবস্থায় বন্দিদের ফের আত্মসমর্পণ করার কথা ঘোষণা করল দেশের শীর্ষ আদালাত। আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বিচারপতি এমআর শাহ ও সিটি রবিকুমারের বেঞ্চের নির্দেশ, যে বিচারাধীন বন্দিদের কোভিড আবহে জরুরি ভিত্তিতে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল, তাঁদের আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণের পর তাঁরা আদালতে গিয়ে জামিনের আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে আদালত। প্রসঙ্গত, অতিমারি পরিস্থিতিতে যে দোষী সাব্যস্ত ও বিচারাধীন বন্দিদের মুক্তি দেওয়া হয়েছিল, তাঁদের বেশিরভাগই গুরুতর কোনও অপরাধে জেলবন্দি ছিলেন না। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন রাজ্যের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল ওই বন্দিদের।

    আরও পড়ুুন: আর সাংসদ নন রাহুল গান্ধী! লোকসভার সদস্যপদ খারিজ করলেন স্পিকার ওম বিড়লা

    গোটা বিশ্বের মতো ভারতেও থাবা বসিয়েছিল করোনা। করোনা সংক্রমণের জেরে অকালে প্রাণ হারান কয়েক লক্ষ মানুষ। সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা সহ একাধিক বিধিনিষেধ জারি করে কেন্দ্র। করোনা হানা দেয় সুপ্রিম কোর্টেও। দেশের শীর্ষ আদালতের বেশ কয়েকজন বিচারপতি ও প্রায় দুশো কর্মী সংক্রমিত হন করোনায়। পরে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হয় সুপ্রিম কোর্টের তরফে। বেশ কয়েক মাস ধরে হয়েছে ভার্চুয়াল শুনানি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চালু হয়েছে সুপ্রিম কোর্টের (Supreme Court) স্বাভাবিক কাজকর্মও। দেশের করোনা পরিস্থিতি যখন ভয়ঙ্কর আকার নিয়েছিল, তখনই বিচারাধীন বন্দি ও দোষী সাব্যস্ত বন্দিদের শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Supreme Court: এসএসসি গ্রুপ সি-র কাউন্সেলিং-এর উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

    Supreme Court: এসএসসি গ্রুপ সি-র কাউন্সেলিং-এর উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি গ্রুপ সি-র (Group C) কাউন্সেলিং-এর উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বোসের এজলাসে এসএসসি গ্রুপ সি (Group C) সংক্রান্ত মামলার শুনানি ছিল। একইসঙ্গে বিচারপতি অনিরুদ্ধ বোসের এজলাসে নবম-দশম মামলার শুনানিও ছিল। সেই মামলাতেও বিচারপতি নির্দেশ দিয়েছেন, আপাতত শূন্যপদ পূরণ করা যাবে না। এখন ৭ দিনের জন্য ওই শূন্যপদগুলিতে কোনও নিয়োগ করতে পারবে না এসএসসি।

    শীর্ষ আদালতের মত

    চাকরি বাতিল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিচ্যুতরা। চাকরি বাতিলের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে চাকরিচ্যুতরা জানান, হাইকোর্ট তাঁদের বক্তব্যকে গুরুত্ব দেয়নি। তাই তাঁদের বক্তব্য শোনা হোক। নবম-দশমে ৬১৮ জন এবং গ্রুপ সি-র ৮৪২টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছিল এসএসসি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়া এই নিয়োগ প্রক্রিয়াতেই স্থগিতাদেশ দেন। মেয়াদ উত্তীর্ণ পদে কীভাবে নিয়োগ হতে পারে? তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

    হাইকোর্টের মত

    উল্লেখ্য, গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কাউন্সেলিং-এর প্রক্রিয়া। বৃহস্পতিবার প্রথম দফার কাউন্সেলিংয়ের জন্য ডাকাও হয়েছিল ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের। এরই মধ্যে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ। প্রসঙ্গত, গ্রুপ সি চাকরিহারাদের আইনজীবী পার্থদেব বর্মণ জানাচ্ছেন, “আগামী দিনে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, শিক্ষক-অশিক্ষক নিয়োগ সংক্রান্ত যত মামলা রয়েছে, সেই সব মামলা আমরা শীর্ষ আদালতে নিয়ে যাব।”

    আরও পড়ুন: ক্ষমা চাইলেন! হাইকোর্টে ‘ভুল’ স্বীকার করলেন এসএসসির চেয়ারম্যান

    গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে এসএসসি নবম-দশমে ৬১৮ জনের সুপারিশপত্র বাতিল করে। এই চাকরিপ্রাপকদের বিরুদ্ধে উত্তরপত্রে কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে। এসএসসি-র তরফে এই অভিযোগের সত্যতা স্বীকার করে নেওয়া হয়। তারপরই হাইকোর্ট তাঁদের নিয়োগ বাতিল করে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amritpal Singh: আন্দোলনের টাকা জোগাড় করতে  সেক্স চ্যাটের ফাঁদ পেতেছিলেন অমৃতপাল?

    Amritpal Singh: আন্দোলনের টাকা জোগাড় করতে  সেক্স চ্যাটের ফাঁদ পেতেছিলেন অমৃতপাল?

    মাধ্যম নিউজ ডেস্ক: গুণের শেষ নেই পলাতক খালিস্তানপন্থী (Khalistani) নেতা অমৃতপাল সিংহের (Amritpal Singh)! আন্দোলনের টাকা জোগাড় করতে সেক্স চ্যাটের ফাঁদ পেতেছিলেন পঞ্জাব (Punjab) ওয়ারিস দে সুপ্রিমো। অন্তত পুলিশের দাবি তেমনই। ইতিমধ্যেই স্বঘোষিত ওই শিখ ধর্মগুরুর কিছু ফোন চ্যাটিং ও ভয়েস নোটের সন্ধান পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, সেক্স চ্যাট করতে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতেন অমৃতপাল।

    অমৃতপাল সিংহের (Amritpal Singh) গুণপনা…

    তদন্তকারীদের কথায়, বিবাহিত কিংবা অবিবাহিত মহিলাদের সঙ্গে প্রেমের অভিনয়ে সিদ্ধহস্ত ছিলেন খালিস্তানপন্থী ওই নেতা। নতুন কোনও মহিলার সঙ্গে আলাপ হলেই, যৌন উত্তেজক কথাবার্তা শুরু করে দিতেন তিনি (Amritpal Singh)। পঞ্জাব পুলিশের এক আধিকারিক জানান, অধিকাংশ ক্ষেত্রেই অমৃতপালের পাতা ফাঁদে পা দিতেন মহিলারা। সেক্স চ্যাট শুরু হলেই সেগুলি রেকর্ড করা হত। পরে সেগুলি দেখিয়েই ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে টাকা আদায় করতেন তিনি। বেশি টাকা পেতে অনেক সময় অশ্লীল ভিডিও বা সুপার ইম্পোজ করা ভিডিও-ও ব্যবহার করতেন অমৃতপাল।

    পঞ্জাব পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, ইন্সটাগ্রামে আমরা যে ধরনের চ্যাটিং পেয়েছি, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। একজন মহিলাকে অমৃতপাল লিখেছে, আমাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক তাহলে পাকা হল? মধুচন্দ্রিমায় আমরা দুবাইতে যাব। জানা গিয়েছে, অমৃতপালের বিভিন্ন ডেরা থেকে উদ্ধার হওয়া একাধিক মোবাইল ফোনে এরকম প্রায় ১২টি ভয়েস নোটের হদিশ মিলেছে। ফোনের ইনবক্সেও মিলেছে সেক্স চ্যাটের হদিশ। পুলিশ সূত্রে খবর, সেক্স চ্যাটের ক্ষেত্রে অমৃতপাল যেমন টার্গেট করতেন বিবাহিত মহিলাদের, তেমনি অবিবাহিত মহিলারাও ছিলেন তাঁর নজরে। অতিরিক্ত টাকা পেতেই এসব করা হত বলে অনুমান পুলিশ কর্তাদের।

    আরও পড়ুুন: আর সাংসদ নন রাহুল গান্ধী! লোকসভার সদস্যপদ খারিজ করলেন স্পিকার ওম বিড়লা

    পঞ্জাব পুলিশের ইনসপেক্টর জেনারেল (হেডকোয়ার্টারস) সুখচাঁইন সিংহ গিল বলেন, তাজিন্দির সিংহ গিলকে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর মোবাইলে আসা বিভিন্ন মেসেজ থেকে জানা গিয়েছে অনেক কিছুই। এটাও জানা গিয়েছে, অমৃতপালরা (Amritpal Singh) দেশ-বিরোধী কাজকর্মে লিপ্ত ছিল। প্রসঙ্গত, তাজিন্দর হলেন অমৃতপালের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। পুলিশের ওই কর্তা বলেন, কিছু ভিডিও উদ্ধার হয়েছে। তাতে দেখা যাচ্ছে, জুল্লুপুর খেরা এলাকায় অমৃতপালরা গুলি চালনা অনুশীলন করছে। অমৃতপালের ডেরা থেকে উদ্ধার হওয়া কিছু ফুটেজ ও ছবি থেকে এটাও জানা গিয়েছে, তারা আনন্দপুর খালসা ফৌজের হলোগ্রামও তৈরি করেছে। অস্ত্রশস্ত্র লোডিং-আনলোডিংয়ের ভিডিও-ও পাওয়া গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: আর সাংসদ নন রাহুল গান্ধী! লোকসভার সদস্যপদ খারিজ করলেন স্পিকার ওম বিড়লা

    Rahul Gandhi: আর সাংসদ নন রাহুল গান্ধী! লোকসভার সদস্যপদ খারিজ করলেন স্পিকার ওম বিড়লা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ। শুক্রবার লোকসভা সচিবালয়ের তরফে জানানো হল এ খবর। মোদি (Modi) পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু বছর কারাদণ্ড দেওয়া হয় রাহুলকে। তার জেরে বাতিল হল তাঁর সাংসদ পদ। রাহুলের সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।  প্রসঙ্গত, মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবারই কংগ্রেস (Congress) নেতাকে দু বছরের কারাদণ্ড দিয়েছিল গুজরাটের সুরাট জেলা আদালত। তার জেরে সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী খারিজ করা হল রাহুলের সাংসদ পদ।

    রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেছিলেন…

    ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের কোলারে কংগ্রেস আয়োজিত এক জনসভায় মোদি পদবি নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, সব চোরদের পদবি মোদি কেন। তার জেরে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথা গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি। বৃহস্পতিবার রাহুলের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মানহানি মামলায় রায় দেয় সুরাট আদালত। রাহুলকে দোষী সাব্যস্ত করে দু বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি ১৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। উচ্চ আদালতে আবেদনের জন্য তাঁকে ৩০ দিনের সময়ও দেওয়া হয়েছে। এদিকে, সাজা ঘোষণার পরপরই জামিন পেয়ে যান রাহুল। আদালতের রায়কে স্বাগত জানান সুরাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ। তিনি বলেন, রাহুল গান্ধীর মন্তব্যে কেবল সুরাটেই নয়, গুজরাটের পুরো ওবিসি সম্প্রদায়ের মধ্যেই ক্ষোভের সঞ্চার হয়েছিল।  

    আরও পড়ুুন: বিজেপির উদ্যোগে রমজান মাসেই বেরোবে মোদির ‘মন কি বাত’-এর উর্দু সংকলন

    প্রসঙ্গত, আইন অনুযায়ী, কোনও জনপ্রতিনিধি যদি দুই বা তার অধিক বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন, তবে ততক্ষণাৎ তাঁর পদ খারিজ হয়ে যাবে। সেই যুক্তিতেই খারিজ হয়ে গিয়েছে রাহুলের সাংসদ পদ। ওই আইন অনুযায়ী, আগামী ৬ বছর রাহুল কোনও ভোটেও লড়তে পারবেন না।

    রাহুলের সাংসদ পদ খারিজ হতেই খেপে গিয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে সোনিয়া গান্ধীর দল। এদিনই দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ১২টি বিরোধী দলের নেতার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাম, জেডি (ইউ) এবং ডিএমকের পাশাপাশি উপস্থিত ছিলেন আম আদমি পার্টির প্রতিনিধিও। বৈঠক শেষে সংসদ ভবন থেকে মিছিল করে তাঁরা যান রাষ্ট্রপতি ভবনে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share