Blog

  • Women’s T20 World Cup: রবিবার মেয়েদের টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, কখন ও কোথায় দেখবেন ম্যাচ?

    Women’s T20 World Cup: রবিবার মেয়েদের টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, কখন ও কোথায় দেখবেন ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আগামীকাল ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। প্রথম ম্যাচ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে। শ্রীলঙ্কা জিতেছে সেই ম্যাচে। ভারতীয় দল আগামীকাল তাদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ফলে এই ম্যাচে যে ক্রিকেটপ্রেমীদের সবার চোখ থাকবে টিম ইন্ডিয়ার দিকেই, তা আর বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। বারবার তীরে এসে তরী ডুবেছে ভারতের মহিলা দলের। ফলে এবারে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে বিশ্বকাপ জয় করতে মরিয়া ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট টিম।

    কবে কোথায় খেলা হবে?

    রবিবার ভারত প্রথম ম্যাচে খেলতে নামবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। কেপটাউনে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টায়। অনূর্ধ্ব-১৯ মহিলাদের টি২০ বিশ্বকাপ জেতার পর এবার ভারতের সিনিয়র মহিলা দল বিশ্বকাপ জয় করতে পার কিনা সেটাই এখন দেখার।

    আরও পড়ুন: ঘূর্ণির ভেল্কিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া! ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট জিতল ভারত

    ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?

    ভারত বনাম পাকিস্তান মেয়েদের টি-২০ বিশ্বকাপের ম্যাচটি হবে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

    কোথায় দেখা যাবে এই ম্যাচ?

    স্টার স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচ। টিভিতে স্টার স্পোর্টস ১ ও ২-তে দেখা যাবে ভারতের মেয়েদের ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখতে হলে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন নিতে হবে। এছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।

    ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, যস্তিকা ভাটিয়া, হারলিন দেওল, রাজেশ্বরী গায়কোয়াড়, জেমাইমা রডরিগজ, অঞ্জলি সারভানি, দীপ্তি শর্মা, রেণুকা সিং, দেবিকা বৈদ্য, পূজা বস্ত্রকার, শেফালি ভার্মা, রাধা যাদব, রিচা ঘোষ, শিখা পাণ্ডে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Modi: ত্রিপুরার জনসভায় বাম-কংগ্রেসকে একযোগে নিশানা প্রধানমন্ত্রীর, কী বললেন জানেন?

    PM Modi: ত্রিপুরার জনসভায় বাম-কংগ্রেসকে একযোগে নিশানা প্রধানমন্ত্রীর, কী বললেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরায় (Tripura) বিজেপি (BJP) সরকারের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মুখে। শনিবার নির্বাচনী প্রচারে দুটি জনসভা করেন প্রধানমন্ত্রী। প্রথম সভাটি করেন আমবাসায়। সেই সভায় তৃণমূলের নামোচ্চারণই করলেন না প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, ত্রিপুরায় তৃণমূলকে ধর্তব্যের মধ্যেই আনছেন না প্রধানমন্ত্রী। তবে ওই সভায় তাঁর নিশানায় ছিল বাম এবং কংগ্রেস। তিনি বলেন, কংগ্রেস ও বাম উন্নয়নের দিক থেকে ত্রিপুরাকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের সরকার মাত্র পাঁচ বছরে ত্রিপুরাকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে এসেছে। গত পাঁচ বছরে ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার মানুষের উন্নয়নে কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন…

    প্রধানমন্ত্রী দ্বিতীয় সভাটি করেন রাধাকিশোরপুরে। দুটি জনসভা থেকেই গত পাঁচ বছরে ত্রিপুরা কীভাবে বদলে গিয়েছে, তার খতিয়ান তুলে ধরেন মোদি। এটা করতে গিয়ে হীরা শব্দটি ব্যবহার করেন প্রধানমন্ত্রী (PM Modi)। বলেন, এইচ ফর হাইওয়ে, আই ফর ইন্টারনেট, আর ফর রোডওয়েজ, এ ফর এয়ারওয়েজ। এই চারটি জিনিসে ভর করেই বদলে গিয়েছে ত্রিপুরা। ত্রিপুরার উন্নতির জন্য ত্রিশক্তির ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই ত্রিশক্তি হল আবাস, আরোগ্য এবং আয়।

    প্রধানমন্ত্রীর দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে ৩ লক্ষ মানুষ পাকা বাড়ি পেয়েছেন। সরকারি হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধি এবং আয়ুষ্মান ভারতের সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিজেপির জমানায় রাজ্যের মানুষের আয় বেড়েছে বলেও দাবি প্রধানমন্ত্রীর। তিনি বলেন, আমাদের দল ত্রিপুরার সরকারে আসার পর সপ্তম বেতন কমিশনের মাধ্যমে বর্ধিত হারে বেতন পাচ্ছেন সরকারি কর্মীরা।

    আরও পড়ুুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির ওপরই ভরসা হোয়াইট হাউসের

    ত্রিপুরায় ২৫ বছর ক্ষমতায় ছিল বামেরা। বামেদের সেই আমলকে চাঁদার জমানা বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী (PM Modi)। বাম কংগ্রেসকে একযোগে নিশানা করে তিনি বলেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত দুই দল আবার হাত মিলিয়েছে। মাথায় রাখবেন, ওদের একটা ভোট দেওয়া মানে ত্রিপুরাকে আবার পিছিয়ে দেওয়া। তিনি বলেন, কেরলে দুই দল কুস্তি করলেও, ত্রিপুরায় দোস্তি করছে।

    কংগ্রেস জমানার তুলনায় তাঁর সরকারের আমলে আদিবাসী ও দলিতদের জন্য কত বেশি অর্থ ব্যয় করা হচ্ছে, তার খতিয়ানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজকর্মী বিক্রম বাহাদুর জামাতিয়াকে সম্মানিত করতে পেরে আমার সরকার গর্বিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sukanta Majumder: ‘রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল বেহাল’, রাজ্যপালকে চিঠি সুকান্তের   

    Sukanta Majumder: ‘রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল বেহাল’, রাজ্যপালকে চিঠি সুকান্তের   

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। চিঠিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের বেআইনি নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে ওই চিঠি তুলে দেন সুকান্ত। বিজেপির রাজ্য সভাপতির মতে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল বেহাল। আদালতের নির্দেশে শিক্ষায় দুর্নীতির তদন্তে প্রশ্নের মুখে রাজ্য সরকার। রাজ্যপালকে লেখা চিঠিতে সুকান্ত রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, জগদীশচন্দ্র বোস, বিদ্যাসাগর, আশুতোষ মুখোপাধ্যায়, নেতাজির বাংলার কথার উল্লেখ করেছেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে তলানিতে না যায়, সেই কারণেই যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদনও জানান তিনি।

    সুকান্ত জানান…

    নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার জেরে ইতিমধ্যেই চাকরি খুইয়েছেন বহু শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। সে প্রসঙ্গ উল্লেখ করে সুকান্তের (Sukanta Majumder) দাবি, ইউজিসি-র গাইড লাইন না মেনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়গুলিতেও বেআইনিভাবে উপাচার্যদের নিয়োগ করেছেন। সেই সব উপাচার্যদের নিয়োগ বাতিল করার আবেদন জানান সুকান্ত। রাজ্য সরকারের নানা অনিয়ম সহ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা রাজ্যপালকে জানান সুকান্ত। বিজেপির রাজ্য সভাপতি বলেন, উনি (রাজ্যপাল) আশ্বস্ত করে বলেছেন, সবার উপরে সংবিধান, তার উপরে কিছু নেই। এর আগে যিনি রাজ্যপাল ছিলেন, মাননীয় লা গণেশনের সময় লোকায়ুক্ত গঠন করতে বলা হয়েছিল। কিন্তু তা আইন মেনে হয়নি। এ নিয়ে রাজ্যকে জানিয়েছেন নয়া রাজ্যপাল। এজন্য বিধানসভার আগামী অধিবেশনে অর্ডিন্যান্স জারি হবে।

    সুকান্ত বলেন, রাজ্যপাল জানিয়েছেন দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স নীতি তাঁর। পাশাপাশি বলেছেন, রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই। রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। এই সব ব্যাপারেই ওঁর সঙ্গে আমাদের কথা হয়েছে। সুকান্ত (Sukanta Majumder) জানান, রাজ্যপালের ভূমিকায় তিনি খুশি। তাঁর কথায়, এই যে লোকায়ুক্তের কথা বললাম, আমাদের রাজ্যপাল যে সেটা অসাংবিধানিক বলে রাজ্যকে জানিয়ে দিয়েছেন তা সংবাদমাধ্যমের সামনে আনেননি তিনি। সুকান্ত বলেন, আগামী দু এক দিনে আরও অনেক কিছু দেখতে পাবেন।

    আরও পড়ুুন: ‘মাটির নীচে টাকা রাখলেও, তা খুঁড়ে বের করব’, আলিপুরদুয়ারে হুঁশিয়ারি শুভেন্দুর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Chhattisgarh: ঘরে ঢুকে মাথায় গুলি! ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু বিজেপি নেতার

    Chhattisgarh: ঘরে ঢুকে মাথায় গুলি! ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু বিজেপি নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। মাওবাদীদের গুলিতে ফের প্রাণ গেল এক বিজেপি নেতার৷ এ বার সরাসরি স্থানীয় নেতার বাড়ির ভেতর ঢুকে পরিবারের সদস্যদের সামনেই গুলি করে খুন করল মাওবাদীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায়। গতকাল দু’জন মাওবাদী হঠাৎ নারায়ণপুরের জেলা সহ-সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে৷ তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্তভার নিয়েছে এবং তদন্ত শুরু করেছে৷

    ঠিক কী ঘটেছিল?

    পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ ছত্তিশগড়ে নারায়ণপুরের বিজেপি জেলা সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢোকে দু’জন। তারা নিজেরাই জানায় যে তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য। এর পর বিজেপি নেতার মাথায় গুলি করে তারা। মৃতের পরিবার জানিয়েছে, একটি বাইক করে আততায়ীরা এসেছিল। গুলি করে চম্পট দেয় তারা। এই ঘটনার আগে বেশ কয়েকবার সাগর মাওবাদীদের হুমকি পেয়েছিলেন বলেও জানিয়েছে তাঁর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    আরও পড়ুন: ‘আমাকেও মাঝে মধ্যে ফিজিওথেরাপির সাহায্য নিতে হয়’, বললেন প্রধানমন্ত্রী

    পুলিশের তরফে নারায়ণপুর জেলার পুলিশ সুপার পুষ্কর শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সাগর সাহুর বাড়িতে মোটর বাইকে চেপে দু’জন এসেছিলেন। ওই বিজেপি নেতাকে গুলি করা হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ‘মৃত’ বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। অনেক চেষ্টা সত্ত্বেও সাগরকে প্রাণ বাঁচানো যায়নি। এ ছাড়া আর কোনও তথ্য মেলেনি। ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।”

    এই একই রকমের ঘটনা ঘটেছিল ৫ ফেব্রুয়ারি৷ মাওবাদীরা আরেক বিজেপি নেতা নীলকান্ত কেরেকামের উপর হামলা করে৷ তিনি ছিলেন উসুরের বিজেপি ব্লক সভাপতি৷ মাওবাদীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে৷ এর পরেই তিনি মারা যান৷ বিশাল সংখ্যক বিজেপি সমর্থক, তাঁর অনুগামীরা পাকারাম গ্রামে বিজেপি নেতা নীলকান্তের শেষকৃত্যে অংশগ্রহণ করেন৷ ছত্তিশগড়ে মাওবাদীদের বাড়বাড়ন্তে রীতিমত প্রাণসংশয়ে রয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতারা এর আগেই অভিযোগ করেছেন যে মাওবাদীরা ক্ষমতাসীন কংগ্রেস দলের কিছু নেতার সঙ্গে হাত মিলিয়েছে। এর পরেই একের পর এক হামলা করেই চলেছে মাওবাদীরা। পরপর এই দু’টি মাওবাদী হামলার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী৷ 

  • Coal Scam: বালিগঞ্জে টাকা উদ্ধার কাণ্ডে তলব ধাবা মালিক মনজিৎকে, বুধবার দিল্লিতে হাজিরার নির্দেশ ইডির

    Coal Scam: বালিগঞ্জে টাকা উদ্ধার কাণ্ডে তলব ধাবা মালিক মনজিৎকে, বুধবার দিল্লিতে হাজিরার নির্দেশ ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে বালিগঞ্জে এক বেসরকারি সংস্থা গজরাজ গ্রুপের অফিসে রাতভর তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই টাকা উদ্ধারের ঘটনায় দক্ষিণ কলকাতার এক ধাবা মালিক মনজিৎ সিংহ গ্রেওয়ালকে এবারে তলব করল ইডি। আগামী বুধবার ১৫ ফেব্রুয়ারি তাঁকে দিল্লির ইডির সদর দফতরে গিয়ে হাজিরা দিতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে বেশ কিছু নথিপত্র। ইডি মনে করছে, কয়লা পাচারের সঙ্গে তিনি জড়িয়ে আছেন এবং ওই টাকার সঙ্গেও যোগসূত্র আছে। ফলে তাঁকে তলব করল ইডি।

    মনজিৎ সিং ওরফে জিট্টা ভাইয়ের সঙ্গে কয়লা পাচারের যোগসূত্র!

    বালিগঞ্জের টাকা উদ্ধারের ক্ষেত্রে ইডি এক চাঞ্চল্যকর দাবি করেছিল। ইডি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার ধাবার মালিক মনজিৎ সিংহ গ্রেওয়াল ওরফে জিট্টা ভাই কয়লা পাচারের সঙ্গে জড়িত। অভিযোগ, তাঁর মাধ্যমেই কয়লা পাচারের টাকা সরানোর চেষ্টা করতেন কোনও এক ‘প্রভাবশালী’ রাজনীতিক। সেই মত পাতা হয়েছিল ‘ফাঁদ’। তদন্তের সূত্রে উঠে এসেছে মনজিতের নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, এক মন্ত্রীর ‘বেআইনি’ টাকাও ‘হ্যান্ডেল’ করতেন জিট্টা ভাই।

    আরও পড়ুন: কয়লা পাচারের অর্থে ‘প্রপার্টি-ডিল’! ১.৪ কোটি ছিল ‘পার্ট-পেমেন্ট’! বাকি টাকার খোঁজে ইডি

    ইডির তরফে আরও দাবি করা হয়েছিল, শরৎ বোস রোডে অবস্থিত সালসার গেস্ট হাউজ কেনার ক্ষেত্রে কয়লাপাচারের কালো টাকা ব্যবহার করা হয়েছে। গেস্ট হাউজের বাজারমূল্য ১২ কোটি টাকা হলেও নথিতে ৩ কোটি দেখিয়ে বাকি ৯ কোটি টাকা নগদে লেনদেন করা হয়েছে। আর এ ভাবে আসলে কালো টাকা সাদা করা হচ্ছিল। উদ্ধার হওয়া ১ কোটি ৪০ লাখ টাকাও সেই অর্থের অংশ বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই গোটা লেনদেন প্রক্রিয়ার সঙ্গে গজরাজ গ্রুপের কর্ণধার বিক্রম সাকারিয়াও জড়িত ছিলেন বলে দাবি ইডির। ওই সংস্থার মালিক বিক্রম সাকারিয়াকেও ইতিমধ্যে দিল্লিতে তলব করা হয়েছে।

    ইডির তলব

    কয়লা পাচারের সঙ্গে মনজিতের যোগসূত্র রয়েছে বলেই ইডি তাঁকে তলব করল। সম্পত্তি, গত ৫ বছরের আয়কর রিটার্ন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত নথি ১৫ ফেব্রুয়ারি আনতে বলা হয়েছে তাঁকে। ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়াল কোথায় কোথায় বিনিয়োগ করেছিলেন, তাঁর আত্মীয়দের নামে কী কী কেনা হয়েছে, সেই সংক্রান্ত গত ১০ বছরের নথিও আনতে বলা হয়েছে বলে জানিয়েছে ইডি।

  • INDIA vs AUSTRALIA: ঘূর্ণির ভেল্কিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া! ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট জিতল ভারত

    INDIA vs AUSTRALIA: ঘূর্ণির ভেল্কিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া! ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার সামনে মাথা নত করল অস্ট্রেলিয়ার দল। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিল রোহিত বাহিনী। অস্ট্রেলিয়া দল তাদের প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানই করতে সক্ষম হয়েছিল। এর পরে, ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ৪০০ রান করে এবং ২২৩ রানের বিশাল লিড নেয়। একই সঙ্গে দ্বিতীয় ইনিংসে অজিরা করতে পারে মাত্র ৯১ রান। এর ফলে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

    জাদেজা ও অশ্বিনের দাপট

    ভারতীয় স্পিনারদের দাপটে বর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে তিন দিনের কম সময়েই চূর্ণ অস্ট্রেলিয়া। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার রাস্তা অনেকটাই পরিষ্কার করে ফেলল রোহিত শর্মার দল। নাগপুর টেস্টে ভারতের জয়ের পিছনে বড় অবদান ছিল রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ভেঙেছিলেন রবীন্দ্র জাদেজা এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অশ্বিন। তিনি ৩৭ রানে পাঁচ উইকেট নেন। তাঁর স্পিনের ঘূর্ণিতেই আটকে যায় টিম অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া চূর্ণ হয়ে গেল মাত্র ৯১ রানে। জাদেজা ও শামি দুটি করে উইকেট নেন। আর অক্ষর প্যাটেল নিলেন ১টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে নাগপুরে অশ্বিন নিলেন ৮টি, জাদেজা ৭টি উইকেট।

    আরও পড়ুন: দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান রোহিতের! জাদেজা-অক্ষরের ব্যাটে ভর করে বড় রানের লিড ভারতের

    অজিদের হার

    অন্যদিকে নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি অপরাজিত ২৫ রান করেন স্টিভ স্মিথ। তিনি ছাড়া ভারতীয় স্পিনারদের সামনে আর কোনও ব্যাটসম্যান বেশিক্ষণ টিকতে পারেননি। উসমান খোয়াজা (৫), ডেভিড ওয়ার্নার (১০) থেকে মার্নাস লাবুসশানে (১৭), ম্যাট রেনশ (২), পিটার হ্যান্ডসকম্ব (৬)-রা একেবারেই খেলতে পারলেন না। দলের ৮৮ রানের মাথায় স্মিথকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে অলআউট করে দেন জাদেজা। কিন্তু পরে দেখা যায় নো বল করেছেন তিনি। ফলে তখনই খেলা শেষ হয়নি। তবে তাতে বিশেষ সমস্যা হল না। শেষ পর্যন্ত ৯১ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • DRDO: বেঙ্গালুরুতে ১৩ তারিখ শুরু অ্যারো ইন্ডিয়া, এবছর নজর কাড়তে পারে কারা?

    DRDO: বেঙ্গালুরুতে ১৩ তারিখ শুরু অ্যারো ইন্ডিয়া, এবছর নজর কাড়তে পারে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক:  বেঙ্গালুরুতে ১৪তম অ্যারো ইন্ডিয়া ইভেন্টে দেশের প্রযুক্তিতে তৈরি সরঞ্জামগুলির প্রদর্শন করবে DRDO. জানা গিয়েছে, অ্যারো ইন্ডিয়ার এই ইভেন্ট চলবে ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি। DRDO এর এই প্রদর্শনীতে থাকবে ৩৩০টিরও সরঞ্জাম। যেগুলিকে ১২টি ভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
     

    দেখে নেওয়া যাক এই ১২টি ভাগগুলি 

        ১) কমব্যাট এয়ারক্রাফ্ট এবং ইউএভি: এইভাগের মধ্যে পড়ছে যুদ্ধবিমান AMCA, LCA Tejas Mk2, TEDBF, ARCHER, TAPAS UAV, এবং অটোনোমাস স্টিলথ উইং ফ্লাইং টেস্ট বেড।

         ২) ক্ষেপণাস্ত্র : এইভাগে পড়ছে আকাশ, অস্ট্রা, কিউআরএসএএম, হেলিনা, নাগ এবং প্রলয়।

        ৩) ইঞ্জিন এবং প্রপালশন সিস্টেম: এই শ্রেণিতে থাকছে FACECU, গিয়ারবক্স মডিউল, কাভেরি ড্রাই ইঞ্জিন প্রোটোটাইপ, এবং ছোট টার্বো ফ্যান ইঞ্জিন

         ৪) এয়ারবর্ন সার্ভিল্যান্স সিস্টেম: এই শ্রেণিতে আছে AEW&C-NETRA, AEW&C- MkII, MMMA বিমান, IFF, এবং AAAU মডেল।

         ৫) সেন্সর ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কমিউনিকেশন সিস্টেম: এই শ্রেণিতে থাকবে  TWIR, BFSR-SR, Bharani, Ashlesha, AATRU, ASPJ Pod, এবং LEOP।

        ৬) প্যারাসুট এবং ড্রপ সিস্টেম: এই শ্রেণিতে পড়ছে মিলিটারি কমব্যাট প্যারাসুট সিস্টেম, ব্রেক প্যারাসুট এবং P-16 হেভি ড্রপ সিস্টেম।

         ৭) নেভাল সিস্টেম জোন: এই ভাগের অন্তর্গত সরঞ্জামগুলি হল হেলিকপ্টার মডেল সহ এয়ারবোর্ন সোনার, এয়ার লঞ্চ ডিরেকশনাল সোনোবুয় প্রদর্শিত হবে।

         ৮) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এবং সাইবার সিস্টেম: হেলিকপ্টার মডেল সহ এয়ারবোর্ন সোনার, এয়ার লঞ্চ ডিরেকশনাল সোনোবুয়, ডিডিসিএ, ইনডিজিআইএস, এয়ার ওয়ারফেয়ার সিমুলেশন সিস্টেম এবং কিউআরএনজি এই শ্রেণির সরঞ্জাম।

        ৯) উপকরণ: এই শ্রেণিতে পড়ছে FSAPDS এবং টাইটানিয়াম অ্যালয়।

        ১০) ল্যান্ড সিস্টেম এবং যুদ্ধাস্ত্র: ASREM, নজরদারি ROV, এবং সুমিত্রা হল এই শ্রেণির সরঞ্জাম।

         ১১) লাইফ সাপোর্ট সার্ভিস: ইন্টিগ্রেটেড লাইফ সাপোর্ট সিস্টেম এবং হেলিকপ্টার অক্সিজেন সিস্টেম এই শ্রেণিতে পড়ছে।

         ১২) ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া আউটরিচ: ওয়াঙ্কেল রোটারি ইঞ্জিন, জেট ফুয়েল স্টার্টার এবং রেডিও অ্যালটিমিটার এই শ্রেণিভুক্ত।

    এছাড়াও প্রদর্শিত হবে ইন্ডিয়া প্যাভিলিয়ন AEWC&C Mk-II, AMCA, LCA তেজস Mk2, TEDBF

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।     

  • Russia Ukraine: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির ওপরই ভরসা হোয়াইট হাউসের

    Russia Ukraine: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির ওপরই ভরসা হোয়াইট হাউসের

    মাধ্যম নিউজ ডেস্ক: এটা যুদ্ধের সময় নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মোদির সেই ‘বাণী’ হৃদয় ছুঁয়ে গিয়েছিল বিশ্বের ছোট বড় দেশগুলির রাষ্ট্র প্রধানদের। তবে মোদির সে কথায় কান দেননি পুতিন (Putin)। সেই কারণে গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সঙ্গে শুরু হওয়া এখনও চলছে। তবে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine) যুদ্ধে যে দাঁড়ি টানতে পারেন একমাত্র মোদিই, এবার তা বিশ্বাস করতে শুরু করেছে আমেরিকা। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে আমেরিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত।

    রাশিয়া ইউক্রেন যুদ্ধ…

    রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে গোটা বিশ্ব ভাগ হয়ে গিয়েছে আড়াআড়িভাবে। রাশিয়ার পাশাপাশি ইউক্রেনের পাশেও দাঁড়িয়েছে বিশ্বের বহু দেশ। আমেরিকা সহ পশ্চিমের বিভিন্ন দেশের কাছ থেকে সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। সেই কারণেই যুদ্ধ এখনও থামেনি। এমতাবস্থায় এল হোয়াইট হাউসের বিবৃতি। শুক্রবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত শেষ করার যে কোনও প্রকার পদক্ষেপকে স্বাগত জানাবে।

    হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, আমি মনে করি যুদ্ধ বন্ধ করতে পুতিনের হাতে এখনও সময় আছে। এর পরেই তিনি বলেন, আমরা ইউক্রেন-রাশিয়া (Russia Ukraine) সংঘাত শেষ করার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদির নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাব।

    আরও পড়ুুন: বেলআউট প্যাকেজ পেতে ‘কঠোর’ পদক্ষেপ করতে চলেছে পাকিস্তান!

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনকেই দায়ি করেছেন কিরবি। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনই একমাত্র ব্যক্তি যিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সরাসরি দায়ি। যুদ্ধ বন্ধে এদিন মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন মোদি। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধ শেষ করার জন্য একাধিকবার পুতিনকে আবেদন করেছেন, কিন্তু পুতিন তাতে সাড়া দেননি।

    গত বছর উজবেকিস্তানের সমরখন্দে পুতিনকে মোদি বলেছিলেন, এটা যুদ্ধের (Russia Ukraine) সময় নয়। সে প্রসঙ্গ টেনে এদিন কিরবি বলেন, প্রধানমন্ত্রী মোদির বিশ্বাস সঠিক এবং আমেরিকা সব সময় মোদির এই ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানাতে প্রস্তুত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Modi: ‘আমাকেও মাঝে মধ্যে ফিজিওথেরাপির সাহায্য নিতে হয়’, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: ‘আমাকেও মাঝে মধ্যে ফিজিওথেরাপির সাহায্য নিতে হয়’, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: আমাকেও মাঝে মধ্যে ফিজিওথেরাপির সাহায্য নিতে হয়। কথাগুলি যিনি বললেন, তিনি আর কেউ নন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) স্বয়ং। শনিবার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের ন্যাশনাল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফিট ইন্ডিয়া মুভমেন্ট ও খেলো ইন্ডিয়া মুভমেন্ট ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। সুস্বাস্থ্যের জন্য সাধারণ মানুষের মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাসনের পাশাপাশি ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    প্রধানমন্ত্রী বলেন…

    সম্প্রতি চিকিৎসা ব্যবস্থার এই ক্ষেত্রকে পেশার সম্মান দিয়েছে কেন্দ্র। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, চিকিৎসাক্ষেত্রে অনেক উন্নতি হচ্ছে। কোনও চোট, ব্যাথার ক্ষেত্রে যুব থেকে বৃদ্ধ, খেলোয়াড় সকলের যাবতীয় সমস্যা দূর করেন ফিজিওথেরাপিস্টরা। তিনি বলেন, কঠিন সময়ে আশার আলো, সুস্থ হয়ে ওঠার আশা হয়ে উঠছেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেন, যখন কোনও ব্যক্তি হঠাৎ আঘাত পান বা দুর্ঘটনাগ্রস্ত হন, তখন শুধুমাত্র শারীরিক চোটই নয়, মানসিকভাবেও ভেঙে পড়েন। শারীরিক প্রতিবন্ধকতাও তৈরি হয়। ফিজিওথেরাপি শুধু শারীরিকভাবে সুস্থই করে না, মানসিক শক্তিও জোগায়। এর পরেই প্রধানমন্ত্রী বলেন, আমাকেও মাঝে মধ্যে ফিজিওথেরাপির সাহায্য নিতে হয়। তিনি বলেন, আপনাদের পেশা থেকে পেশাদারিত্ব থেকে প্রেরণা পাওয়া যায়। নিজেদের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই এটা শিখেছেন যে চ্যালেঞ্জের থেকে অনেক বেশি মজবুত হয় আপনাদের ভিতরের ক্ষমতা। সামান্য উৎসাহ ও সাহায্যেই কঠিন থেকে কঠিনতর প্রতিবন্ধকতাকে হার মানানো সম্ভব।

    আরও পড়ুুন: ‘জঙ্গি’কে নিয়ে তথ্যচিত্র, এবার আঁতুড়ঘরেই ‘বয়কটে’র হুমকি বিবিসিকে

    মোদি (PM Modi) বলেন, সব থেকে ভাল ফিজিওথেরাপি তিনিই, যিনি রোগীর সমস্যা বুঝে চিকিৎসা করেন। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আপনার পেশাই আপনাকে আত্মনির্ভরতা শেখায়। মানুষকে আত্মনির্ভর করাই আপনাদের লক্ষ্য। একজন ফিজিওথেরাপিস্ট এটাও জানেন যে যখন চিকিৎসক ও রোগী মিলিতভাবে চেষ্টা করেন, তখনই সুস্থ হয়ে ওঠা সম্ভব। একইভাবে সরকারের কাজও পরিচালিত হয়। জনগণের সমর্থনেই সরকারের সাফল্য সম্ভব। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশ স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে আজাদির অমৃত মহোৎসব পালন করছে। আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি, আমাদের সরকার ফিজিওথেরাপিকে পেশার স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, আমার মতে, ফিজিওথেরাপির সঙ্গে যদি যোগাসন যুক্ত হয়, তাহলে তা আরও কার্যকরী হয়ে উঠবে। টেলিমেডিসিনেরও ব্যবহার করা উচিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • BBC: ‘জঙ্গি’কে নিয়ে তথ্যচিত্র, এবার আঁতুড়ঘরেই ‘বয়কটে’র হুমকি বিবিসিকে

    BBC: ‘জঙ্গি’কে নিয়ে তথ্যচিত্র, এবার আঁতুড়ঘরেই ‘বয়কটে’র হুমকি বিবিসিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আঁতুড়ঘরেই ‘বয়কটে’র হুমকি বিবিসিকে (BBC)। সম্প্রতি এক জঙ্গিকে নিয়ে ৯০ মিনিটের একটি তথ্যচিত্র তৈরি করেছে ব্রিটেনের (Britain) এই সংবাদ সংস্থা। তার পরেই রাজার দেশে প্রশ্নের মুখে বিবিসি, জঙ্গির প্রতি সমবেদনা কেন?  সেই কারণেই বিবিসিকে বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনবাসী।

    ‘জেহাদির স্ত্রী’

    ২০১৫ সালে জঙ্গি সংগঠন আইএসে যোগ দেন জনৈক শামিমা বেগম। মায়ের সূত্রে বাংলাদেশের সঙ্গে যোগ রয়েছে তাঁর। বছর তিনেক পরে জঙ্গি সংস্রব ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরেছেন শামিমা। তাঁর জীবনের নানা ওঠাপড়া নিয়েই বানানো হয়েছে তথ্যচিত্রটি। জানা গিয়েছে, ২০১৫ সালে তিন বন্ধুর সঙ্গে ব্রিটেন ছেড়ে সিরিয়ায় পাড়ি দিয়েছিলেন শামিমা। যোগ দিয়েছিলেন আইসিসে। সেখানেই জঙ্গি সংগঠনের এক শীর্ষ নেতাকে বিয়ে করেন তিনি। জঙ্গি শিবিরে তিনি পরিচিত হয়ে ওঠেন জেহাদির স্ত্রী নামে। পরে মোহভঙ্গ হয় শামিমার। ২০১৯ সালে ফের ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেন ‘জেহাদির স্ত্রী’। যদিও জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে শামিমার সেই আবেদন খারিজ করে দেয় ব্রিটিশ প্রশাসন। তার পর থেকে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন শামিমা।

    আরও পড়ুুন: ‘মাটির নীচে টাকা রাখলেও, তা খুঁড়ে বের করব’, আলিপুরদুয়ারে হুঁশিয়ারি শুভেন্দুর

    সম্প্রতি বিশ্বজুড়ে আরও একবার খবরের শিরোনামে এসেছিল সংবাদ সংস্থা বিবিসি (BBC)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র তৈরি করে বিতর্কের মুখে পড়েছিল বিবিসি। গুজরাট হিংসায় মোদির ভূমিকা তুলে ধরার দাবি জানালেও, এই ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠেছিল। এনিয়ে মামলাও হয় সুপ্রিম কোর্টে। ভারত সহ বিশ্বের নানা দেশে হয় প্রতিবাদ। সেই প্রতিবাদের ঝড় পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই ফের বিতর্কের মুখে বিবিসি। এবং সেটা স্বদেশেই।

    এই প্রথম নয়, এর আগেও শামিমাকে নিয়ে ধারাবাহিক তৈরি করেছিল এই খবরওয়ালারা (BBC)। তখনও অভিযোগ উঠেছিল, ওই ধারাবাহিকে তাঁর জীবনসংগ্রামকে দেখানো হয়েছে সহানুভূতির সঙ্গে। সিংহভাগ ব্রিটেনবাসীর হুঁশিয়ারি, এমন চলতে থাকলে তাঁরা নতুন করে বিবিসির সাবস্ক্রিপশন নবীকরণ করবেন না। একজন জঙ্গির প্রতি সমবেদনা কেন?  সে প্রশ্নও তুলেছেন তাঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share