Blog

  • The Kashmir Files: অস্কারের দৌড়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘‘লাপিড যোগ্য জবাব পেলেন’’, বললেন মিঠুন

    The Kashmir Files: অস্কারের দৌড়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘‘লাপিড যোগ্য জবাব পেলেন’’, বললেন মিঠুন

    মাধ্যম নিউজ ডেস্ক: নাদাভ লাপিড যোগ্য জবাব পেয়ে গিয়েছেন। দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) নিয়ে দীর্ঘ নীরবতার পর মুখ খুললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তার পরেই লাপিড সহ বিভিন্ন সমালোচককে একহাত নিলেন মিঠুন। অস্কার ২০২৩ এর শর্টলিস্টে রয়েছে কাশ্মীর ফাইলস। মিঠুন বলেন, দ্য কাশ্মীর ফাইলস ছবিটি অস্কার ২০২৩ এর শর্টলিস্টে রয়েছে জেনে ভাল লাগছে। তিনি বলেন, সমালোচকরা যোগ্য জবাব পেলেন।

    দ্য কাশ্মীর ফাইলস…

    ২০২২ সালের ১১ মার্চ মুক্তি পায় দ্য কাশ্মীর ফাইলস। মুক্তি-লগ্ন থেকেই বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটির পিছু নিয়েছে বিতর্ক। কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের গণহত্যার প্রেক্ষিতে তৈরি হয়েছে ছবিটি। কাশ্মীরে বসবাসকারীদের একাংশের দাবি, একটি বেদনাদায়ক ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে। তবে বিতর্ক সত্ত্বেও বক্স অফিসে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সম্প্রতি জানা গিয়েছে, অস্কারের দৌড়ে থাকা ৩০১টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে বিবেক অগ্নিহোত্রীর এই ছবিটিও। ছবিটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশী এবং দর্শন কুমার। ৫৩তম গোয়া চলচ্চিত্র উৎসবে ঠাঁই পেয়েছিল ছবিটি। সেখানেই জুরি নাদাভ লাপিড ছবিটিকে কুরুচিকর এবং প্রচারমূলক ছবি বলে অভিহিত করেছিলেন। যার জেরে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। সেই ছবি অস্কারের দৌড়ে রয়েছে। ২৪ জানুয়ারি জানা যাবে শেষ হাসি হাসেন কিনা এই ছবির পরিচালক।

    আরও পড়ুুন: ‘আমরা ফের এই দেশ শাসন করব’, মুসলমানদের এই ধারণা ছাড়তে হবে, বললেন ভাগবত

    মিঠুন বলেন, দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) শর্টলিস্টেড হয়েছে জেনে খুব ভাল লাগছে। সমস্ত সমালোচককে এটা জবাব। জুরি বোর্ডের যিনি ছবিটিকে কুরুচিকর এবং প্রচার সর্বস্ব বলেছিলেন, তিনি আজ উত্তর পেয়ে গিয়েছেন। মিঠুন বলেন, মানুষ ছবিটি পছন্দ করেছেন। এটাই উত্তর। তিনি বলেন, আমি কোনও বিতর্কিত মন্তব্য করব না। যখন কিছু সিনেমা হলে আটকে দেওয়া হয়েছিল ছবিটির মুক্তি, তখন খুব খারাপ লেগেছিল। কিন্তু ছবিটি (The Kashmir Files) অস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছে। তিনি বলেন, ভারতীয় সিনেমা দীর্ঘ পথ হেঁটে এসেছে। অন্যান্য ছবি যেগুলি শর্ট লিস্টেড হয়েছে, তাদের শুভ কামনা করি। পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, এই বছরটা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গর্বের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Manik Bhattacharya: কোর্টের অর্ডারে রয়েছে গ্রেফতারির পরোয়ানা, তবুও জেলের বাইরে মানিকের স্ত্রী-পুত্র? বিতর্ক

    Manik Bhattacharya: কোর্টের অর্ডারে রয়েছে গ্রেফতারির পরোয়ানা, তবুও জেলের বাইরে মানিকের স্ত্রী-পুত্র? বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। ফেব্রুয়ারির ৭ তারিখ অবধি জেল হেফাজত দেওয়া হয়েছে তাঁকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে মানিকের স্ত্রী-পুত্রও। আদালতের নির্দেশে আত্মসমর্পণও করতে হয়েছে তাঁদের। কিন্তু এখনও গ্রেফতার করা হয়নি মানিকের স্ত্রী শতরূপা এবং ছেলে সৌভিক ভট্টাচার্যকে। জেলের বাইরেই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। আর এতেই দেখা দিয়েছে বিতর্ক। কারণ কোর্টের অর্ডারে তাঁদের গ্রেফতার করার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এখনও কেন গ্রেফতার করা হল না তা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। 

    কী আছে চার্জশিটে?‌ 

    জানা গিয়েছে, এই মামলায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চার্জশিটে মানিকের (Manik Bhattacharya) স্ত্রী-পুত্র ছাড়াও তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডলের নাম উল্লেখ করা হয়েছে। সেই মতো আদালতে হাজিরাও দেন এই তিনজন। কোর্টের অর্ডারে অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে এই তিনজনের। সেই অর্ডারে এদের গ্রেফতারির কথাও উল্লেখ রয়েছে। আইনজীবীদের প্রশ্ন, এই অর্ডারের পরেও কীভাবে শতরূপা এবং সৌভিক জেলের বাইরে রয়েছেন? 

    ইডির অভিযোগ, নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত এই তিনজনও। দুর্নীতির একটি বড় অঙ্কের টাকা ঢুকেছে মানিকের (Manik Bhattacharya) স্ত্রী ও ছেলের অ্যাকাউন্টেও। এমন প্রমাণ পেয়েছেন ইডির অফিসাররাও। এই অভিযোগের ভিত্তিতেই আদালতের পক্ষ থেকে সমন পাঠানো হয়েছিল তাঁদের। আদালতে জামিনের আবেদনও করেছিলেন তাঁরা। জামিনের বিরোধীতা করে ইডি। 

    ফের সিবিআইয়ের মুখোমুখি তাপস

    এদিকে একই মামলায় সোমবার আবার সিবিআই দফতরে হাজিরা দিলেন মানিক-ঘনিষ্ঠ (Manik Bhattacharya) তাপস মণ্ডল। গোয়েন্দা সংস্থার নির্দেশমতো এদিন নিজাম প্যালেসে বেশ কিছু নথি নিয়ে হাজির হন তাপস। এর আগেও গত ৩ জানুয়ারি সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। গত ৩ জানুয়ারি তাপসকে প্রায় ৩ ঘণ্টা জেরা করেন সিবিআই গোয়েন্দারা। এর আগে তাপসকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

    আরও পড়ুন: সপ্তাহান্তে কমতে পারে ঠান্ডা, উধাও হচ্ছে শীত? কী বলছে হাওয়া অফিস?

    সূত্রের খবর, মানিক-পুত্র (Manik Bhattacharya) সৌভিক ভট্টাচার্যের সংস্থার সঙ্গে ৫৩০টি বেসরকারি বিএড, ডিএলএড কলেজের মানন্নোয়নের জন্য যে ২.৬৪ কোটি টাকার চুক্তি হয়েছিল, সে সম্পর্কেই তাপসের কাছে জানতে চাওয়া হয়েছিল। গোয়েন্দাদের দাবি, নিয়োগ দুর্নীতিতে যোগ রয়েছে তাপসেরও। সেরক্ম প্রমাণও মিলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Comet: ভারতের টেলিস্কোপে ধরা পড়লো এই ধুমকেতু,  ৫০ হাজার বছর আগে পৃথিবীর কাছে এসেছিল

    Comet: ভারতের টেলিস্কোপে ধরা পড়লো এই ধুমকেতু, ৫০ হাজার বছর আগে পৃথিবীর কাছে এসেছিল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের উচ্চতম টেলিস্কোপ, দ্য হিমালয়ান চন্দ্র টেলিস্কোপে এবার ধরা পড়লো একটি ধুমকেতুর (Comet) ছবি। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই ধুমকেতুকে (Comet) শেষবারের মতো পৃথিবীর আকাশে দেখা গিয়েছিল ৫০ হাজার বছর আগে।

    আবার কবে দেখা মিলবে পৃথিবীর আকাশে

     লাদাখের সরস্বতী পর্বতের পাদদেশে রাখা টেলিস্কোপে ধরা পড়ে এই ধুমকেতু । ধুমকেতুটির নাম Comet C/2022 E3(ZTF). হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ বর্তমানে পরিচালনা করে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রো ফিজিকস। ওই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ধুমকেতুটি (Comet) সূর্যের কাছাকাছি আসবে ১২ই জানুয়ারি। মহাকাশ বিজ্ঞানীরা আশা করছেন যে ওই ধূমকেতুটি (Comet) পৃথিবীর আকাশেও দেখা যাবে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে। বিজ্ঞানীরা বলছেন ধুমকেতুকে (Comet) দেখতে লাগবে না কোনও দূরবীন, খালি চোখেই দেখা যাবে যদি সব কিছু ঠিক থাকে। 
    ইতিমধ্যে প্রযুক্তি এবং বিজ্ঞান দপ্তর  ট্যুইট করেছে যে এই ধূমকেতুটি (Comet) সূর্যের কাছাকাছি হয়ে যাবে ১২ ই জানুয়ারি এবং তারপর এটিকে খালি চোখে দেখতে পাওয়া যেতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এমন মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারা খুবই বিরল। ৫০ হাজার বছর পরে পৃথিবীর আকাশে দেখা যাবে এই ধুমকেতুকে (Comet)। 

    ভারতের এই টেলিস্কোপে ধুমকেতুটির (Comet) ছবি তখন ধরা পড়েছে যখন এটি দ্রুতগতির সঙ্গে মহাকাশে বিচরণ করছিল। ছবিতে পিছনের নক্ষত্রগুলিও দেখা যাচ্ছে । ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিস্ক থেকে এই ধুমকেতুর (Comet) তিনটি ছবি এই মুহূর্তে প্রকাশ্যে আনা হয়েছে।

    কবে আবিষ্কার হয়েছিল এই ধুমকেতুটি (Comet)

    Comet C/2022 E3(ZTF)নামের এই ধুমকেতুটি (Comet) প্রথম আবিষ্কার হয়েছিল গত বছরের মার্চ মাসে। তখন অবশ্য এটি ছিল বৃহস্পতি গ্রহের কক্ষপথে। বিজ্ঞানীরা জানাচ্ছেন যখন একেবারে প্রথম হোমো সেপিয়েন্সরা পৃথিবীতে বেড়ে উঠছিল  তখন পৃথিবীর আকাশে শেষবারের মতো দেখা গিয়েছিল এই ধুমকেতুকে (Comet)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Union Budget: চলছে প্রস্তুতি, জেনে নিন কেন্দ্রীয় বাজেটের সাত সতেরো

    Union Budget: চলছে প্রস্তুতি, জেনে নিন কেন্দ্রীয় বাজেটের সাত সতেরো

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে এটাই হবে বর্তমান মোদি (PM Modi) সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget)। আগামী বছর পেশ হওয়ার কথা ভোট অন অ্যাকাউন্ট। বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জেনে নিনি বাজেটের সাত সতেরো।

    বাজেট…

    প্রতি বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিভিন্ন মন্ত্রক এবং নীতি আয়োগের সঙ্গে কথা বলে প্রস্তুত করেন অ্যানুয়েল বাজেট। সংসদে বাজেট পেশ হওয়ার আগে কতগুলি ধাপ পেরতে হয়। অর্থমন্ত্রকের বাজেট ডিভিশনই মূলত বাজেট প্রস্তুত করে। পূর্ববর্তী বছরগুলির মতো বাজেট পেশ হয় ১ ফেব্রুয়ারি। এবারও সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের পর নয়া অর্থবর্ষ শুরু হওয়ার আগেই সংসদের উভয় কক্ষে তা পাশ করাতে হবে। অর্থমন্ত্রক একটি সার্কুলার জারি করে সমস্ত মন্ত্রী, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্বয়ংশাসিত সংস্থাগুলিকে আগামী অর্থবর্ষের এস্টিমেট সম্পর্কে জানতে চাইবেন। এই এস্টিমেট ছাড়াও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় মন্ত্রক পূর্ববর্তী অর্থবর্ষের রাজস্ব এবং ব্যয় নিয়ে ডিটেলস তথ্য দেবে।

    আরও পড়ুুন: ‘রাহুলের উচিত আরএসএসের শাখায় উপস্থিত হওয়া’, কেন বললেন বিজেপি নেতা, জানেন?

    এর পর অর্থমন্ত্রক সেই তথ্য বিশ্লেষণ করবে, ঘাটতি কত, তাও দেখবে। এর পর কেন্দ্র মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। ঘাটতি মেটাতে সরকারকে কতটা ঋণ নিতে হবে, তা স্থির করবে। এর পর খরচের (Union Budget) জন্য বিভিন্ন দফতরের কাছে রেভিনিউ অ্যালোকেশন দেখে অর্থমন্ত্রক। এর পরে হবে প্রাক-বাজেট পর্বের বৈঠক। এই বৈঠকে রাজ্যগুলির প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত থাকবেন ব্যাঙ্কার, কৃষিবিদ, অর্থনীতিবিদ এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা। এখানে আলোচনার পর অর্থমন্ত্রী আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তার পরেই চূড়ান্ত হবে বাজেট। বাজেট (Union Budget) চূড়ান্ত হয়ে গেলেই প্রথা মেনে হবে অনুষ্ঠান। এই অনুষ্ঠান ‘হালুয়া সেরিমনি’ নামে পরিচিত। এই অনুষ্ঠানে হালুয়া রান্না হবে। তার পরেই বাজেট যাবে ছাপাখানায়, ছাপার জন্য। অর্থমন্ত্রকের সমস্ত কর্মীকে এদিন দেওয়া হবে রান্না করা হালুয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • West Bengal Weather: সপ্তাহান্তে কমতে পারে ঠান্ডা, উধাও হচ্ছে শীত? কী বলছে হাওয়া অফিস?

    West Bengal Weather: সপ্তাহান্তে কমতে পারে ঠান্ডা, উধাও হচ্ছে শীত? কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতে কাঁপছে গোটা দেশ। রাজ্যেও পড়েছে প্রবল শীত (West Bengal Weather)। কিন্তু এই কাঁপুনি আর বেশি দিনের নয়। সপ্তাহের শেষেই কমবে শীত। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বছরের শুরুতে কনকনে শীতে কেঁপেছে গোটা রাজ্য। কিন্তু দ্বিতীয় সপ্তাহের শেষেই উধাও হচ্ছে শীত। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

    বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (West Bengal Weather) ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১ ডিগ্রি বেশি।

    তবে উত্তরবঙ্গের চিত্র অনেকটাই আলাদা। শীতে কাঁপছে ধূপগুড়ি-সহ পুরো ডুয়ার্স এলাকায় (West Bengal Weather)। পারদ পতন হয়েছে প্রায় ৬ ডিগ্রি। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা কুয়াশাচ্ছন্ন। জাতীয় এবং রাজ্য সড়কগুলিতে সকালে দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। কুয়াশা তো আছেই, তার সঙ্গে বইছে হিমেল হাওয়া। সব থেকে বেশি কুয়াশা দেখা গিয়েছে ভুটান পাহাড় সংলগ্ন এলাকা এবং চা বাগান অধ্যুষিত এলাকায়।

    কী জানাচ্ছে হাওয়া অফিস?     

    তবে, আগামী ৪ দিনে ফের ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রার (West Bengal Weather) পারদ। ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দুই বঙ্গেই ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর সরে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

    আগামী কয়েক দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা (West Bengal Weather) নেই। উত্তুরে হাওয়ার দাপট খানিকটা কমবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে ১০২ জনের চাকরি বাতিল মধ্যশিক্ষা পর্ষদের, আজ নয়া নিয়োগ ৫১ জনকে

    এদিকে ঠান্ডায় কাঁপছে দেশের রাজধানী (West Bengal Weather)। ২৩ বছরে এই নিয়ে তৃতীয়বার এমন পারদ পতন। বছরের শুরুতে এত সময় ধরে শৈত্যপ্রবাহও গত দশ বছরেও দেখা যায়নি বলে জানিয়ে হাওয়া অফিস। শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশায় দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশ কাবু হয়ে রয়েছে। বুধবার থেকে কুয়াশার মাত্রাও বাড়তে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • SSC Scam: হাইকোর্টের নির্দেশে ১০২ জনের চাকরি বাতিল মধ্যশিক্ষা পর্ষদের, আজ নয়া নিয়োগ ৫১ জনকে

    SSC Scam: হাইকোর্টের নির্দেশে ১০২ জনের চাকরি বাতিল মধ্যশিক্ষা পর্ষদের, আজ নয়া নিয়োগ ৫১ জনকে

    মাধ্যম নিউজ ডেস্ক: র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়ার অভিযোগ ছিল যাঁদের বিরুদ্ধে, সেরকম ১০২ জনের নিয়োগপত্র বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট গত বছর ১৪ ডিসেম্বর যে রায় দিয়েছিল তার ভিত্তিতে পর্ষদ ১০২ জন শিক্ষকের চাকরি বাতিল করল। পর্ষদের তরফে বিজ্ঞপ্তিটি জারি করেছেন সেক্রেটারি সুব্রত ঘোষ।

    বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

    যে ১০২ জন শিক্ষকের নিয়োগপত্র বাতিল করা হয়েছে তাঁদের জায়গায় বুধবারই নিয়োগপত্র দেওয়া হবে ৫১ জনকে। যাঁরা বঞ্চিত হয়েছিলেন বলে অভিযোগ, তেমন ৬৫ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। তাঁদের মধ্যে থেকেই বুধবার নিয়োগপত্র নেবেন ৫১ জন। এমনটাই পর্ষদের তরফে জানানো হয়। কোন কোন শিক্ষককে হাইকোর্টের আদেশে চাকরি থেকে সরানো হয়েছিল সেই তালিকা প্রকাশ করেছে পর্ষদ। সেই তালিকাতে শিক্ষকের নাম এবং ওই কোন বিষয়ে স্কুলে পড়াতেন, কবে থেকে তিনি এই স্কুল শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছিলেন। তার সব তথ্য প্রকাশ করা হয়েছে। ১০২ জনকে কাউন্সেলিং-এর জন্য ডাকা সম্ভব নয়, কারণ ওয়েটিং লিস্টে মাত্র ৬৫ জনের নাম আছে। আদালতের নির্দেশেই ১০২ জনের সুপারিশ বাতিল করা হয়েছিল। মঙ্গলবার তাঁদের নিয়োগপত্রও বাতিল করা হল। 

    আরও পড়ুন: এজলাস বয়কটের ডাক আইনজীবীদের! আদালত অবমাননার রুল জারি বিচারপতি মান্থার

    ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি-র নবম-দশমে ওই নিয়োগ হয়েছিল। প্রায় ৬৬৩ দিন ধরে আন্দোলনের পর অবশেষে চাকরি মিলছে বঞ্চিতদের। এত বছর পরে হলেও চাকরিটা তো পাচ্ছেন, এটাতেই খুশি তাঁরা। তবে দুর্নীতির কারণে যে এতগুলো বছর নষ্ট হল, সে কথা ভুলতে পারছেন না তাঁরা। শুধু নবম-দশম নয়, প্রাথমিকের ক্ষেত্রে এমন অনেক নিয়োগ বাতিল হয়েছে আদালতের নির্দেশে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য সহ অনেকে। প্রতিদিনই উঠে আসছে দুর্নীতির নানা ছবি। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে পর্ষদের এই পদক্ষেপে খুশি চাকরিপ্রার্থীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Golden Globes 2023: গোল্ডেন গ্লোবস ২০২৩-এ সেরা গান ‘নাটু নাটু’, বিশ্বমঞ্চে রাজামৌলির জয়জয়কার

    Golden Globes 2023: গোল্ডেন গ্লোবস ২০২৩-এ সেরা গান ‘নাটু নাটু’, বিশ্বমঞ্চে রাজামৌলির জয়জয়কার

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিচালক এসএএস রাজামৌলির মাথায় নয়া মুকুট। ফের এক খেতাব জয় করল এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবি। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে এই ছবির গান ‘নাটু নাটু’ সেরা অরিজিন্যাল গানের শিরোপা জিতে নিল। এই গানটির কম্পোজার এমএম কীরাবাণি এবং গায়ক কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ এই গানটির জন্য সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পান। সেরা গানের শিরোপা জেতার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সঙ্গীত শিল্পি, অভিনেতা-অভিনেত্রীরা  অভিনন্দন জানিয়েছেন ‘আরআরআর’-এর টিমকে।

    সেরা গানের জন্য গোল্ডেন গ্লোব পেল ‘নাটু নাটু’

    জানা গিয়েছে, সেরা গানের বিভাগে টেলর সুইফ্ট এবং লেডি গাগা, রিহানার মত আমেরিকান গায়িকাদের জোর টেক্কা দিয়েছেন রাহুল সিপলিগুঞ্জ এবং কলা ভৈরব। নমিনেশনের তালিকায় ছিল টেলর সুইফ্টের ‘ক্যারোলিনা’, লেডি গাগার ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্ট মি আপ’ গানটি। কিন্তু শেষপর্যন্ত প্রতিযোগিতর দৌড়ে এই সমস্ত গানকে দূরে ফেলে ‘নাটু নাটু’ গানটিই সেরা হয়ে উঠেছে গোল্ডেন গ্লোব ২০২৩-এ। অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নিতে ওঠেন ছবির সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণি। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির। পাশাপাশি এই গানে অবিশ্বাস্য এনার্জি নিয়ে নাচার জন্য রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে ধন্যবাদ।” জয়ের পরে, ‘RRR’-এর অফিসিয়াল ট্যুইটার গোল্ডেন গ্লোবের ট্রফি নিয়ে একটি ছবি শেয়ার করে কীরাবাণিকে অভিনন্দন জানিয়েছে। তারা লিখেছেন, “লেজেন্ডারি এমএম কীরাবাণি!!”

    অভিনেতা-অভিনেত্রী-সঙ্গীত শিল্পীদের ট্যুইট

    এই জয়ের খুশিতে অভিনন্দন জানিয়ে মেগাস্টার চিরঞ্জীবী ট্যুইট করেছেন।

    [tw]


    [/tw]

    এ আর রহমান অভিনন্দন জানিয়েছেন আরআরআর-এর টিম ও কীরাবাণিকে অভিনন্দন জানিয়েছেন।

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, যিনি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তিনিও এই খুশির খবরে তাঁর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন।

    প্রসঙ্গত, গোল্ডেন গ্লোবস পুরস্কারে সঙ্গীতের পাশাপাশি সেরা বিদেশি ভাষার ছবির বিভাগেও মনোনীত হয়েছিল ‘আরআরআর’। তবে এই বিভাগে খেতাব জেতা হয়নি। অস্কারেও ছবিটি দুটি বিভাগে শর্টলিস্টেড হয়েছে ও বিএএফটিএ পুরস্কারের জন্য একটি বিভাগে। এই ছবির জন্য সেরা পরিচালকের খেতাব সদ্যই অর্জন করেছেন রাজামৌলি। গত বছরের মার্চ মাসে মুক্তি পেয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে ও বক্স অফিসেও দারুণ ব্যবসা করতে পেরেছে ‘আরআরআর’। ১,২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে এই সিনেমা।

  • Sukanta Majumdar: বোকা বনল পুলিশ! বাবুঘাটেই গঙ্গারতি বিজেপির, আটক রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

    Sukanta Majumdar: বোকা বনল পুলিশ! বাবুঘাটেই গঙ্গারতি বিজেপির, আটক রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের চোখ এড়িয়ে বাবুঘাটে গঙ্গা আরতি করলেন সুকান্ত মজুমদার। বাজাকদমতলা ঘাটে গঙ্গা আরতি করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। শেষমেশ বাবুঘাটে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে গঙ্গারতি করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য কর্মী সমর্থক নেতৃত্বরা। আরতি করার পর সুকান্ত বলেন, “আমি বলেছিলাম পুজো করব, পুজো করেছি। পুলিশ আটকাতে পারেনি। আমারা ধর্মীয় অধিকার ছিনিয়ে নিয়েছি। সর্বত্র গঙ্গা এক। এখন পুলিশ চাইলেই আমায় গ্রেফতার করুক।”

    গণতন্ত্র চায় না তৃণমূল

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, নতুন কিছু নয়। এই সরকার গণতন্ত্রকে রাখতে চায় না, তাদের মনোভাবেই স্পষ্ট। তারা চায় এমন একটা ব্যবস্থা তৈরি করতে, যেখানে তৃণমূলই শাসক, তৃণমূলই বিরোধী। নিজেদের মধ্যে মারামারি করবে বোম নিয়ে। এই সরকার যতদিন থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না।” মঙ্গলবার গঙ্গার মঙ্গল চেয়ে গঙ্গা পুজোর অনুমতি চেয়েছিল বিজেপি। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি। পুলিশের তরফে বিবৃতিতে বলা হয়েছিল, গঙ্গাসাগর মেলার আবহে বাবুঘাট এলাকায় ইতিমধ্যে পুণ্যার্থীদের একটা বড় অংশ জড়ো হতে শুরু করেছেন। মঙ্গলবারেও তার অন্যথা হবে না। ফলে তার মাঝে বিজেপির প্রস্তাবিত কর্মসূচি আয়োজিত হলে শহরের রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হবে। সেনার তরফে আগেই অনুমতি পেয়েছিল বিজেপি। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয় গঙ্গা চত্বর। বিকেলে নেতাজি ইন্ডোরের সামনে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। বাজা কদমতলায় দাঁড়িয়ে ছিল পুলিশবাহিনী। সে দিকে না গিয়ে সুকান্ত পায়ে হেঁটে চলে যান বাবুঘাটে। সেখানেই সারলেন গঙ্গা আরতি।

    আরও পড়ুন: বিজেপির গঙ্গা আরতি কর্মসূচি নিয়ে ধুন্ধুমার বাবুঘাট, গ্রেফতার সজল ঘোষ

    এরপর বাবুঘাট থেকে পায়ে হেঁটে বাজা কদমতলার দিকে এগোতে থাকেন সুকান্ত। ততক্ষণে দলের কর্মী-সমর্থকদের একটা অংশকে আটক করে পুলিশ। সুকান্ত তখন সেই প্রিজন ভ্যানের সামনে বসে পড়েন। সেখানে পুলিশের সাথে তর্ক বিতর্ক ধ্বস্তাধ্বস্তির পর সুকান্তকেও আটক করে পুলিশ। তখন বাধা দিতে রাস্তায় শুয়ে পড়ে বিজেপি কর্মীরা। তাদের সরিয়ে দেয় পুলিশ। ধস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মী সমর্থক এবং পুলিশের মধ্যে। এরপর বিজেপি কর্মীদের আটক করা হয়। প্রিজন ভ্যানে করে লালবাজারে নিয়ে যাওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। সুকান্ত-সহ সবাইকে গ্রেফতার করার পর মঙ্গলবার রাতে লালবাজার সেন্ট্রাল লকআপ থেকে ছাড়া হয় প্রত্যেককে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘পুলিশ অন্যায়ভাবে আমাদের গঙ্গারতি কর্মসূচি পালনে বাধা দিয়েছে। আমাদের কর্মী সমর্থক এবং আমাকেও চরম হেনস্থা করা হয়। “

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Ayodhya Ram Temple: টার্গেট অযোধ্যার রাম মন্দির! কোন পথে হামলার ছক জঙ্গিদের? গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

    Ayodhya Ram Temple: টার্গেট অযোধ্যার রাম মন্দির! কোন পথে হামলার ছক জঙ্গিদের? গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে অযোধ্যার রাম মন্দিরে হতে পারে জঙ্গি হামলা! এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী। সূত্রের খবর, পাকিস্তানের জঙ্গি সংগঠন এবার অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে হামলার ছক কষছে৷ জইশ-এ-মহম্মদ এবং লস্কর ই তৈবা সেই আতঙ্ক সংগঠনগুলির মধ্যে অন্যতম, যারা অযোধ্যায় এই বড় হামলার ছক কষছে৷ বিশেষভাবে রামমন্দিরে হামলার ছক কষা হচ্ছে৷ গোপন সূত্রের খবর অনুযায়ী, জঙ্গি সংগঠন নেপালের পথ দিয়ে গুলি-বারুদ এবং আত্মঘাতী জঙ্গি পাঠানোর ব্যবস্থা করছে৷

    রাম মন্দিরে হামলার ছক

    সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণের পর থেকেই জঙ্গিদের থেকে একাধিকবার হুমকি মিলছে। একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠী অযোধ্যার রাম মন্দিরে বিস্ফোরণ ঘটানো এবং ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে। এইসবের মধ্যেই আজ হামলার ব্যাপারে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

    কোন পথে হামলা করার পরিকল্পনা করা হয়েছে?

    সূত্রের খবর অনুযায়ী, নেপাল হয়ে এই হামলার পরিকল্পনা করা হচ্ছে। নেপাল থেকে ভারতের পথে বিস্ফোরক ও আত্মঘাতী বোমা আনার পরিকল্পনা করা হয়েছে। এই হামলা করার পিছনে জইশের পাশাপাশি লস্কর জঙ্গিরাও রয়েছে বলে এক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ভারত ও পাকিস্তানের সীমানায় রয়েছে কড়া নিরাপত্তা। তার তুলনায় নেপাল-ভারত সীমান্তে তেমন নিরাপত্তা নেই। সেজন্যই এই পথকে বেছে নিয়ে হামলার ছক সাজিয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি।

    আরও পড়ুন: বোকা বনল পুলিশ! বাবুঘাটেই গঙ্গারতি বিজেপির, আটক রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

    ভারত-পাকিস্তান সীমান্ত ও অন্যান্য সীমান্তে কড়া নিরাপত্তা রয়েছে। অনুপ্রবেশের সুড়ঙ্গগুলি চিহ্নিত করে বন্ধ করা হয়েছে, এবং মাদক চোরাচালানও বন্ধ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরে তেমন কিছু করে উঠতে পারেনি। ফলে আইএসআই তাদের অবস্থান ক্রমাগত হারিয়ে চলেছে ভারতে। ফলে নিজেদেরকে ফের প্রাসঙ্গিক করে তুলতে এই পরিকল্পনা করছে বলে মনে করা হচ্ছে।

    কেন এই পরিকল্পনা?

    অযোধ্যা রাম মন্দির নিয়ে সবসময়ই বিতর্ক লেগে রয়েছে। এটি নির্ধারিত সময়ের আগে তৈরি করাই হল প্রধান লক্ষ্য। জানা গিয়েছে, রামমন্দিরেই হামলা চালিয়ে দেশের অভ্যন্তরে হিন্দু-মুসলিম বিবাদকে উস্কে দেওয়ার জন্যই ছক সাজিয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। যেহেতু রাম মন্দির হিন্দু এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আইএসআই তাই মনে করেছে যে, যে কোনও বড় বা ছোট হামলাই তাদের আবার প্রাসঙ্গিক করে তুলতে পারে। প্রসঙ্গত, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা। আর তার আগেই এই হামলার পরিকল্পনা করেছে পাক জঙ্গি গোষ্ঠী।

  • Air India: জবাব দিতে দেরি কেন? এয়ার ইন্ডিয়াকে প্রশ্ন করল ডিজিসিএ

    Air India: জবাব দিতে দেরি কেন? এয়ার ইন্ডিয়াকে প্রশ্ন করল ডিজিসিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক অভিযোগ, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ঘিরে। সম্প্রতি এক বয়স্ক মহিলার উপর একজন যাত্রী প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এবার এক অভিযোগ, এক ব্যক্তি মত্ত অবস্থায় বিমানের টয়লেটে ধূমপান করছিলেন। অন্য এক যাত্রী আবার মত্ত অবস্থায় এক মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করে দিয়েছিলেন বলে খবর। ডিজিসিএর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে,  গত ৬ ডিসেম্বর AI-142 বিমানে দুটি ঘটনা ঘটেছে। 

    রিপোর্ট চাইল ডিজিসিএ

    ডিজিসিএ জানিয়েছে, প্যারিস থেকে দিল্লির দিকে আসছিল ওই বিমানটি। সেই সময় একজন মাতাল যাত্রী টয়লেটে সিগারেট খাচ্ছিলেন। তিনি ধরাও পড়ে যান। এদিকে তিনি ক্রু মেম্বারদের কথাও শুনতে চাননি বলে অভিযোগ। ডিজিসিএ আর একটি বিবৃতিতে জানিয়েছে, এই বিমানেই অপর এক যাত্রী মত্ত অবস্থায় তাঁর পাশের মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করে দেন। তখন ওই মহিলা যাত্রী শৌচালয়ে গিয়েছিলেন।

    আরও পড়ুন: মুক্তি পেল ‘পাঠান’- এর ট্রেলার, উন্মাদনা নেট পাড়ায়

    এই দুই বিষয় নিয়ে এয়ার ইন্ডিয়াকেও এক হাত নিয়েছে ডিজিসিএ। তাদের বক্তব্য রিপোর্ট না চাইলে এনিয়ে কিছু বলছে না বিমান সংস্থা। ডিজিসিএর দাবি, বিমান সংস্থা দেরি করে জবাব দিচ্ছে। এ বিষয়ে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যে যাত্রী অপর মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করে দিয়েছিলেন তাঁকে আলাদা করে রাখা হয়েছিল। এরপর দিল্লি এয়ারপোর্টে বিমানটি আসার পরে তাঁকে হেফাজতে পাঠানো হয়। তিনি ওই মহিলা সহযাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন। অন্যদিকে ওই মহিলাও প্রথমে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। পরে অবশ্য় তিনি আর লিখিতভাবে কিছু জানাতে চাননি। তবে টয়লেটে যে যাত্রী ধূমপান করেছিলেন তাঁকে কী করেছে বিমান সংস্থা এনিয়ে বিশেষ কিছু জানা যায়নি। এনিয়ে বিমান সংস্থা আর কিছু জানায়নি। তবে বার বার একই ধরনের ঘটনার জেরে এবার অত্যন্ত কড়া দৃষ্টিভঙ্গি নিচ্ছে এয়ার ইন্ডিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share