Blog

  • Hanuman Jayanti: আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে হনুমান জয়ন্তী, জানুন বজরংবলীর পুজো পদ্ধতি

    Hanuman Jayanti: আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে হনুমান জয়ন্তী, জানুন বজরংবলীর পুজো পদ্ধতি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। ভক্তদের বিশ্বাস, চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে ভগবান হনুমানের জন্ম হয়েছিল। বিশ্বাস মতে, এই পবিত্র দিনে হনুমান চালিসা পাঠ করে বজরংবলীর পুজো করলে মনের সকল বাসনা পূরণ হয়। 

    বজরংবলীর পূজা কখন করবেন?

    চৈত্র পূর্ণিমা তিথি শুরু হয়েছে ৫ এপ্রিল সকাল ৯টা ১৯ মিনিটে, শেষ হবে ৬ এপ্রিল সকাল ১০.৪ মিনিটে। বজরংবলীর পূজার শুভ সময় ৬ এপ্রিল সকাল ০৬.০৬ থেকে ০৭.৪০ পর্যন্ত। এদিনের শুভ মুহূর্ত দুপুর ১২.০২টা থেকে দুপুর পর্যন্ত। 

    এমনিতে হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) দিনে ভক্তরা হনুমান চালিসা পাঠ করে থাকেন। এই দিনে বজরংবলির মন্ত্র জপ করতে হবে। শাস্ত্রবিদদের মতে, হনুমান চালিসার এমন কিছু শ্লোক আছে, যা পাঠ করলে সমস্ত দুঃখ-দুর্দশা দূর হয়। এর সঙ্গে ভক্তরা সম্পদ এবং বুদ্ধিমত্তার আশীর্বাদ লাভ করতে পারবেন। ভক্তদের বিশ্বাস হনুমান চালিসা দ্বারা সমস্ত ইচ্ছা পূরণ হয়। কোনও ব্যক্তি হয়তো সমস্যায় পড়েছেন এবং সামনের দিকের সমস্ত পথ বন্ধ বলে মনে হচ্ছে। সেই সময় তিনি যদি হনুমান চালিসা পাঠ করেন, তাহলে ওই ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। এমনকী, জীবনের সমস্ত বাধা-বিপত্তিও দূর হয়।

    কীভাবে করবেন বজরংবলীর পুজো?

    হনুমানজিকে সিঁদুর বা লাল কাপড় এবং ফুলের মালা অর্পণ করুন। লাড্ডু, হালুয়া, কলা ইত্যাদি ভোগ হিসাবে দিন। জ্যোতিষীদের মতে, জন্মকুণ্ডলীতে শনির অশুভ প্রভাব থাকলেও এই দিনে রীতিমতো হনুমানজির পূজা করলে উপকার পাওয়া যায়। পুরাণ মতে, শ্রী বিষ্ণুর রাম অবতারের সময় সহযোহিতা করার জন্য রুদ্রাবতার বজরঙ্গবলীর জন্ম হয়েছিল। প্রতি মঙ্গলবার তাই সারাদেশে সকল ভক্তরাই ধুমধাম করে হনুমানজির পুজো করে থাকেন। হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) দিন সরষের তেলে সিঁদুর মিশিয়ে প্রথমে বজরঙ্গবলীকে লাগান। এরপর বাড়ির মূল প্রবেশদ্বার থেকে শুরু করে ঘরের দরজায় স্বস্তিক চিহ্ন তৈরি করলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: মাথায় বুলেটপ্রুফ টুপি, কাঁধের পিছনে ব্যালিস্টিক শিল্ড, কড়া প্রহরায় আদালতে ইমরান

    Imran Khan: মাথায় বুলেটপ্রুফ টুপি, কাঁধের পিছনে ব্যালিস্টিক শিল্ড, কড়া প্রহরায় আদালতে ইমরান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভরা জনসভায় তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। তাই এবার আর কোনও রকম ঝুঁকি নিতে চায়নি পুলিশ। বুধবার লাহোর আদালতে তোলা হল পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan)। তাঁর মাথা থেকে কাঁধ পর্যন্ত রয়েছে গোলাকার বুলেটপ্রুফ টুপি। কাঁধের পিছনে ঝুলছে বুলেটপ্রুফ ব্যালিস্টিক শিল্ড। জানা গিয়েছে, এদিন কড়া প্রহরায় ইমরানকে নিয়ে আসা হয়েছে আদালতে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তাঁর কাঁধের পিছনে ঝুলিয়ে রেখেছেন বুলেটপ্রুফ ব্যালিস্টিক শিল্ড। ব্যালিস্টিক শিল্ড দিয়ে ইমরান খানের চারপাশে একটি বৃত্তও তৈরি করে রাখা হয়েছে।

    ইমরান খানের (Imran Khan) অভিযোগ…

    পাকিস্তান সরকার তাঁকে হত্যা করতে চায় বলে আগে একাধিকবার দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Imran Khan)। পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারির বিরুদ্ধে তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন ইমরান। তাঁর দাবি, জারদারি তাঁকে হত্যার জন্য সন্ত্রাসবাদীদের সুপারিও দিয়েছেন। এহেন অভিযোগের আবহে ইমরানের নিরাপত্তায় কড়া প্রহরার ব্যবস্থা করায় শুরু হয়েছে জোর চর্চা। গত বছরের শেষের দিকে পাকিস্তানের এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুলি লাগে পায়ে। প্রাণে বাঁচলেও জখম হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান। ওই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল লাহোর।

    পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর (Imran Khan) বিরুদ্ধে কিছুদিন আগে ইসলামাবাদের দুটি আদালত জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর একটি হল তোষাখানা মামলা। প্রধানমন্ত্রী হিসেবে ইমরান যেসব বহুমূল্য উপহার পেয়েছিলেন বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে, সেগুলি তিনি তোষাখানায় জমা দেননি বলে অভিযোগ। ইমরানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাক সংসদ তাঁর সদস্যপদ খারিজ করে দিয়েছে। আগামী ছ বছর নির্বাচনে তিনি প্রার্থী হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। কিছু দিন আগে ইমরানের লাহোরের বাড়ি ঘিরে ফেলেছিল পুলিশ। সেদিন অবশ্য সমর্থকদের বাধায় ইমরানকে গ্রেফতার করা যায়নি। পরে গ্রেফতার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এদিন তোলা হয় আদালতে।

    আরও পড়ুুন: সাভারকার ইস্যুতে রাহুলকে নিশানা গডকড়ির, একহাত নিলেন দেবেন্দ্র ফড়নবিশও

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Telangana: কারণ অজানা! গভীর রাতে গ্রেফতার তেলঙ্গানার রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ বান্দি সঞ্জয় কুমার

    Telangana: কারণ অজানা! গভীর রাতে গ্রেফতার তেলঙ্গানার রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ বান্দি সঞ্জয় কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: গভীর রাতে গ্রেফতার করা হল তেলঙ্গানার (Telangana) রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ বান্দি সঞ্জয় কুমারকে (Bandi Sanjay Kumar)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে এই ঘটনা তোলপাড় ফেলেছে রাজনৈতিক মহলে। ঠিক কী কারণে তেলঙ্গানার পুলিশ গ্রেফতার করেছে সঞ্জয় কুমারকে, তা এখনও স্পষ্ট নয়। তবে অভিযোগ যাই হোক, রাতের অন্ধকারে বাড়ি থেকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিও সামনে আসায় নিন্দার ঝড় বইছে সর্বত্র।

    বান্দি সঞ্জয় কুমারের দাবি

    বান্দি সঞ্জয় কুমারের অভিযোগ, ‘প্রথমে আমি সাংবাদিক সম্মেলন করতে চেয়েছিলাম, সেটা পুলিশ করতে দেয়নি। এখন জোর করে আমাকে আটক করেছে। আমার দোষ একটাই যে, আমি বিআরএস সরকারের দোষগুলো সামনে তুলে ধরেছি। আসলে নৈরাজ্য চলছে। যেখানে সরকারের অপকর্ম নিয়ে মুখ খুললেই জেলে পুরে দেওয়া হচ্ছে। আমি ভীত নই। এই লড়াই জারি থাকবে। জয় শ্রীরাম, ভারত মাতা কী জয়, জয় তেলঙ্গানা (Telangana)।’ এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঢেউ উঠেছে।

    ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। তেলঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কাছে তাঁর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির সার্টিফিকেট সর্বসমক্ষে আনার দাবি তুলেছিলেন বান্দি সঞ্জয় কুমার। আর সেটা ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী। সেই কারণেই বিজেপি সাংসদকে রাতের অন্ধকারে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন ফাঁসের মিথ্যে অভিযোগেও মামলা রুজু হয়েছে সঞ্জয় কুমারের বিরুদ্ধে। যদিও পুলিশের এই দাবি তিনি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রী তেলঙ্গানা সফরে আসছেন। সেই কারণেই ভয় পেয়েছে রাজ্য সরকার। আমার মুখ বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু এভাবে বিজেপিকে থামানো যাবে না।’

    বিজেপিকে থামানোর প্রয়াস

    দু’দিন পরেই তেলঙ্গানা (Telangana) সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি সভাও রয়েছে তাঁর। তারপর তিনি যাবেন হায়দরাবাদে। যেখানে রয়েছে বিধানসভার ভোট। আর দক্ষিণের এই রাজ্যগুলিতে বিজেপির উত্থানে ভয় পেয়েছে শাসক দল। এমনই দাবি বিজেপি কর্মকর্তাদের। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইটারে লিখেছেন, মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের এই সিদ্ধান্ত সুখের হবে না। অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে বিষয়টিকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না, তা স্পষ্ট।

    আরও পড়ুুন: ‘‘রিষড়া জ্বলছে, আর রাজ্য প্রশাসন দিঘায় ছুটি কাটাচ্ছে’’! ট্যুইটে বিস্ফোরক শুভেন্দু

    উল্লেখ্য, গত মঙ্গলবার তেলঙ্গানার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছিল। প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। সেই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে একজন সঞ্জয় ঘনিষ্ঠ বলে দাবি পুলিশের। তবে তা মানতে রাজি নয় রাজ্য বিজেপি। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রীর তেলঙ্গানা সফর ভেস্তে দিতেই মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এই চক্রান্ত করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nabanna: বাজেট বরাদ্দের টাকা খরচে ফের নিষেধাজ্ঞা জারি করল নবান্ন, সরব বিজেপি

    Nabanna: বাজেট বরাদ্দের টাকা খরচে ফের নিষেধাজ্ঞা জারি করল নবান্ন, সরব বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: কোভিডের (COVID) সময় ব্যয় সংকোচ ঘটাতে বিশেষ নির্দেশিকা জারি করেছিল রাজ্যের অর্থ দফতর। অর্থনীতির ভাষায় একে বলা হয় এমবার্গো।
    করোনা দেশের বিভিন্ন জায়গায় চোখ রাঙালেও পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত তার কোনও প্রভাব নেই। জনজীবনও কার্যত স্বাভাবিক। সরকারের তরফে খেলা, মেলা, দান, খয়রাতি সবকিছুই চলছে অত্যন্ত স্বাভাবিকভাবেই।  

    কিন্তু করোনার রেশ কাটিয়ে উঠতে পারেনি অর্থ দফতর। তার প্রমাণ মিলল একটি নির্দেশিকায়, যা জারি করা হয়েছে ৩০ মার্চ এবং কার্যকর নতুন বছরের শুরু, ১ এপ্রিল থেকেই। নতুন অর্থবর্ষের শুরু থেকেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত ওই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna)। যা থেকে একটা বিষয় পরিষ্কার, সরকার বাইরে সবকিছু স্বাভাবিক দেখাতে চাইলেও ভিতরে ভিতরে আসলে কঙ্কালসার হয়ে গিয়েছে।

    কী বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে? 

    ওই বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর বাজেট (Budget) বরাদ্দের কত শতাংশ টাকা খরচ করতে পারবে। এতেই দেখা যাচ্ছে, বেতন, অনুদান, হাসপাতালের ওষুধ এবং অন্যান্য খরচ বাবদ ৫০ শতাংশ পর্যন্ত টাকা ছাড়া যাবে, তার বেশি কোনওভাবেই নয়। বহু ক্ষেত্রেই কোনও দফতর ২৫ শতাংশের বেশি অর্থ খরচ করতে পারবে না বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কী কী শর্ত পূরণ করে ওই টাকা খরচ করা যাবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়।

    কী বলল বিজেপি? 

    এই নির্দেশিকার কথা প্রকাশে আসতেই রাজ্য বিজেপি (BJP) নেতৃত্ব কড়া সমালোচনা করেছে। তাদের বক্তব্য, ফুলিয়ে ফাঁপিয়ে নানা কথা বলা হলেও বাস্তবে সরকারের ভাঁড়ারে কোনও টাকাই নেই। রাস্তাশ্রী হোক বা কন্যাশ্রী, কোনও প্রকল্পই আর বেশিদিন চলবে না। ঠিকাদাররা পেমেন্ট পাবেন না। সরকারকে যারা পণ্য সরবরাহ করে, তারা টাকা পাবে না। হাসপাতালে ওষুধ সরবরাহ হবে না, রাস্তা সারাই হবে না, রাস্তার আলো জ্বলবে না, সেচের জল পাওয়া যাবে না, সরকারি কর্মচারী, শিক্ষক-শিক্ষিকাদের বেতন পর্যন্ত অনিয়মিত হয়ে পড়বে। মাথার উপর সাড়ে ছয় লক্ষ কোটি টাকার ঋণ। বোঝাই যায়, এই সরকারের আয়ু আর কতদিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sagar Dutta Medical College: কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজে বাড়ছে পোস্ট গ্র্যাজুয়েটের আসন সংখ্যা! কত জানেন?

    Sagar Dutta Medical College: কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজে বাড়ছে পোস্ট গ্র্যাজুয়েটের আসন সংখ্যা! কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক কামারহাটির (Kamarhati) সাগর দত্ত মেডিক্যাল কলেজে (Sagar Dutta Medical College) আন্ডার গ্র্যাজুয়েটে আগেই আসন সংখ্যা বেড়েছিল। এবার এই মেডিক্যাল কলেজে পোস্ট গ্র্যাজুয়েটে আসন সংখ্যা বাড়তে চলেছে। আর সেই জন্যই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। এমনিতেই এই কলেজে আন্ডার গ্র্যাজুয়েটে আগে ১০০টি আসন ছিল। এখন তা বেড়ে ১২৫টি হয়েছে। আর পোস্ট গ্র্যাজুয়েটে ৪০টি আসন রয়েছে। এবার সেখানে আরও ৫০টি আসন বাড়তে চলেছে। নতুন করে ৫০টি আসন সংখ্যা বাড়লে পোস্ট গ্র্যাজুয়েটে মোট ৯০টি আসন হবে।

    সাগর দত্তে (Sagar Dutta Medical College) পরিকাঠামো উন্নয়নে কী করা হচ্ছে?

    আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি পড়ুয়াদের হস্টেল থেকে শুরু করে সমস্ত রকম পরিকাঠামো থাকার প্রয়োজন। তাই, এখন থেকে সেই কাজ শুরু হয়েছে। পরিকাঠামো উন্নয়নের জন্যই ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ১৫ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। সাগর দত্ত হাসপাতাল (Sagar Dutta Medical College) চত্বরের মধ্যেই নতুন করে বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতীম প্রধান বলেন, এবার পোস্ট গ্র্যাজুয়েটে আরও ৫০টি আসন বাড়তে চলেছে। তবে, শুধু আসন বাড়ালে তো হবে না, উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে। এবার সেই কাজও আমরা শুরু করেছি।

    হাসপাতাল (Sagar Dutta Medical College) সূত্রে কী জানা যাচ্ছে? 

    হাসপাতাল ও কলেজ সূত্রে জানা গিয়েছে, এই হাসপাতালে (Sagar Dutta Medical College) এখন মোট বেড রয়েছে প্রায় ৬০০টি। সিসিইউ ইউনিট রয়েছে। তবে, কার্ডিওলজি বিভাগ নেই। যদিও হার্টের সাধারণ চিকিৎসা এই হাসপাতালে হয়। কিন্তু, কোনও রোগীর স্টেন্ট বসানোর প্রয়োজন হলে তাঁকে রেফার করা ছাড়া উপায় থাকে না। জানা গিয়েছে, হাসপাতালটি (Kamarhati) এখন ছয় তলার। এবার সেখানেই আরও নতুন করে তিনটি তলা তৈরি করা হবে। ইতিমধ্যেই সাততলা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এমনিতেই এই হাসপাতালে প্রয়োজনের তুলনায় জায়গা কম। তাই, আলাদা ক্যাম্পাস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

    স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে ইতিমধ্যেই খড়দহের বলরাম হাসপাতালে (Sagar Dutta Medical College) সেকেন্ড ক্যাম্পাসের জন্যই পরিদর্শনও করা হয়েছে। সাগর দত্ত মেডিক্যাল কলেজের কর্মকর্তারা বলরাম হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেছেন। এই হাসপাতালে আদৌ মেডিক্যাল কলেজের সেকেন্ড ক্যাম্পাস করা যাবে কি না তার সার্বিক রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা করা হয়েছে। সেখান থেকে অনুমোদন আসার পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Changu Lake: সিকিমে তুষার ধসে মৃতদের মধ্যে রয়েছেন ২ বাঙালিও, সমবেদনা মোদির

    Changu Lake: সিকিমে তুষার ধসে মৃতদের মধ্যে রয়েছেন ২ বাঙালিও, সমবেদনা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: সিকিমে (Changu Lake) তুষার ধসে দুই বাঙালি সহ সাতজন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। মঙ্গলবার দিনভর উদ্ধারকাজ চালানোর পর রাতে এনডিআরএফের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আর কোনও পর্যটক বরফের নিচে চাপা পড়ে নেই। তাই বন্ধ করা হচ্ছে উদ্ধার কাজ। এদিনের তুষার ধসে যে দুই বাঙালির মৃত্যু হয়েছে তাঁরা হলেন কলকাতার বাসিন্দা বছর আটত্রিশের প্রীতম মাইতি এবং শিলিগুড়ির বাসিন্দা বছর সাতাশের সৌরভ চৌধুরী। আর বাকি পাঁচ পর্যটকের মধ্যে তিনজন নেপালের বাসিন্দা, দুজন উত্তর প্রদেশের।

    সিকিমের ছাঙ্গু (Changu Lake) রোডে ধসে ক্ষতি…

    মঙ্গলবার পর পর দু বার ধস নামে সিকিমের ছাঙ্গু (Changu Lake) রোডে ১৭ মাইল এলাকায়। পাহাড়ের ওপর থেকে হুড়মুড়িয়ে নেমে আসে বরফের স্রোত। সেই সময় পাহাড়ের ঢালে দাঁড়িয়ে যাঁরা প্রকৃতির শোভা উপভোগ করছিলেন, তাঁদের মধ্যে অনেকেই চাপা পড়ে যান তুষারের নিচে। পরে সেনা নামিয়ে সামাল দেওয়া হয় পরিস্থিতি। তুষারধসের জেরে কেবল পর্যটকরাই নন, বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। যে অঞ্চলে ধস নেমেছে, তার আশপাশের বহু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বরাত জোরে যাঁরা প্রাণে বেঁচেছেন, তাঁরা জানাচ্ছেন, তুষারের নিচে চাপা পড়ে যাওয়ায় হাত-পা নাড়ানোর সুযোগটুকুও পাচ্ছিলেন না তাঁরা। পরে অন্যান্য পর্যটক, সেনাবাহিনী ও এনডিআরএফের সাহায্যে উদ্ধার করা হয় তাঁদের।

    মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট-বার্তায় তিনি লেখেন, সিকিমে (Changu Lake) তুষার ধসে চাপা পড়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। উদ্ধারকার্য চলছে। ধসের জেরে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হচ্ছে। জানা গিয়েছে, সেনাবাহিনী মোট ২২ জন পর্যটককে উদ্ধার করে সেখান থেকে নিয়ে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে খোঁজ নেওয়া হয়েছে সিকিমের পরিস্থিতি নিয়ে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে কিনা, সে ব্যাপারেও খোঁজখবর নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিপর্যয়ের কথা মাথায় রেখে সিকিম সরকার উত্তর ও পূর্ব সিকিমের পারমিট দেওয়া বন্ধ করে দিয়েছে।

    আরও পড়ুুন: যারা রামনবমীর শোভাযাত্রায় বোমা মেরেছিল, মুখ্যমন্ত্রী তাদের প্রেরণা দিচ্ছেন, অভিযোগ সুকান্তর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।   

     

  • Veer Savarkar: সাভারকার ইস্যুতে রাহুলকে নিশানা গডকড়ির, একহাত নিলেন দেবেন্দ্র ফড়নবিশও

    Veer Savarkar: সাভারকার ইস্যুতে রাহুলকে নিশানা গডকড়ির, একহাত নিলেন দেবেন্দ্র ফড়নবিশও

    মাধ্যম নিউজ ডেস্ক: সাভারকার (Veer Savarkar) ইস্যুতে কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি ও মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য রাহুলকে ধন্যবাদ জানিয়েছেন নীতিন। তিনি বলেন, আমাদের উচিত রাহুল গান্ধীকে ধন্যবাদ জানানো। কারণ তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন সাভারকারকে প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে। রাহুল গান্ধীর এরকম করে যাওয়া উচিত। সাভারকার গৌরব যাত্রা উপলক্ষে আয়োজিত এক জনসভায় যোগ দিয়েছিলেন নীতিন। সেখানেই তিনি নিশানা করেন রাহুলকে।

    সাভারকার (Veer Savarkar) ইস্যুতে নীতিন বলেন…

    কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সাভারকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাহুল গান্ধীর উচিত ক্ষমা চাওয়া। তিনি বলেন, রাহুল জানেন না তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধী এবং দাদু ফিরোজ গান্ধী কী বলেছিলেন সাভারকার (Veer Savarkar) সম্পর্কে। গডকড়ি বলেন, সাভারকারই বলেছিলেন যে হিন্দুত্ব একটা জীবনযাপনের পন্থা। সাভারকার জাতিগত বাধার প্রাচীর ভেঙে দিয়েছিলেন। প্রসঙ্গত, মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দু বছরের কারাদণ্ড হয় রাহুলের। গুজরাটের সুরাটের একটি আদালত রাহুলকে ওই শাস্তি দেয়। তার জেরে সাংসদ পদ খারিজ হয়ে যায় কংগ্রেসের প্রাক্তন সভাপতির। এর পরেই রাহুল বলেছিলেন, তিনি ক্ষমা চাইবেন না, কারণ তিনি সাভারকার নন।

    আরও পড়ুুন: রামনবমীর শোভাযাত্রায় হামলা, রাজ্যের রিপোর্ট তলব অমিত শাহের

    সাভারকার (Veer Savarkar) গৌরব যাত্রা উপলক্ষে নাগপুরে আয়োজিত এক জনসভায় ওই একই ইস্যুতে রাহুলকে আক্রমণ করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবিশও। তিনি বলেন, ভারতে কিছু মানুষ জন্মান যাঁরা দেশের ইতিহাস জানেন না, জানেন না সমসাময়িক কালের ইতিহাসও। ফড়নবিশ বলেন, যাঁর কোনও রাজনৈতিক ভবিষ্যৎ নেই, এমন একজন ব্যক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সাভারকারকে আক্রমণ করেন। এই জাতীয় মানুষদের যোগ্য জবাব দিতে মহারাষ্ট্রবাসী সাভারকার গৌরব যাত্রায় যোগ দিয়েছেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বলেন, আপনি সাভারকারও নন, গান্ধীও নন। সাভারকার হতে গেলে অনেক ত্যাগ করতে হয়।

    তিনি বলেন, কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট একদিনও জেলে থাকতে পারবেন না। অথচ দেশের কঠিনতম পরিস্থিতিতে সাভারকার বছরের পর বছর বন্দি ছিলেন আন্দামান-নিকোবরের সেলুলার জেলে। তিনি বলেন, রাহুলের মতো মানুষ সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন। তাই তিনি জানেন না, সাভারকার (Veer Savarkar) কতটা আত্মবলিদান করেছিলেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার আগে ব্রিটিশরা আমাদের কষ্ট দিত, স্বাধীনতার পরে দিচ্ছে ব্রিটিশদের এজেন্টরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Toilet: পঞ্চায়েত সদস্য বিজেপির হওয়ায় গ্রামে কারও বাড়িতে নেই শৌচালয়! কোথায় জানেন?

    Toilet: পঞ্চায়েত সদস্য বিজেপির হওয়ায় গ্রামে কারও বাড়িতে নেই শৌচালয়! কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ পঞ্চায়েত সদস্যা বিজেপির। তাই, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে “নির্মল বাংলা মিশন” এর প্রভাব এখনও পড়েনি। এই অঞ্চলের আদিবাসী পাড়ার সমস্ত মানুষকে মাঠে ঘাটে খোলা আকাশের নীচেই শৌচকর্ম করতে হয়। বছর তিনেক আগে এই জেলাকে নির্মল ঘোষণা করা হয়েছিল। দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসন যাতে মানুষকে মাঠে ঘাটে শৌচকর্ম করতে না যেতে হয় তারজন্য প্রচারও করেছিল। খোলা জায়গায় শৌচকর্ম করার জন্য জরিমানাও করতে দেখা যায় প্রশাসনকে। প্রতিটি পঞ্চায়েতে এই সচেতনতা মূলক অভিযান চালানো হয়। কিন্তু, এই এলাকায় বাড়ি বাড়ি শৌচালয় (Toilet) করে দেওয়ার কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।

    কী বললেন স্থানীয় বাসিন্দারা? Toilet

    স্থানীয় বাসিন্দা সঞ্জয় মার্ডি বলেন, যা রোজগার করি তা দিয়ে কোনওরকমে সংসার চালাই। বাড়িতে শৌচালয় (Toilet) তৈরি করার মতো আর্থিক অবস্থা আমাদের নেই। এক গৃহবধূ বলেন, “খোলা আকাশের নীচে শৌচকর্ম করা ঠিক নয় তা জানি, কিন্তু, নিজের পয়সা দিয়ে শৌচালয় (Toilet) তৈরি করার মত সামর্থ্য আমাদের নেই। শুধু বাড়িতে নয়, স্থানীয় বিদ্যালয়েও নেই শৌচাগার। বিদ্যালয়ের শিক্ষিকা কল্পনা মণ্ডল বলেন, আমাদের বিদ্যালয়ে শৌচাগারটি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে। পড়ুয়াদের চরম সমস্যা হয়।

    কী বললেন বিজেপির পঞ্চায়েত সদস্যা? Toilet

    বিজেপি-র পঞ্চায়েত সদস্যা মীরা মণ্ডল বলেন, গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে রয়েছে। আর আমি বিজেপির সদস্য বলে এলাকায় কোনও উন্নয়ন ওরা করছে না। আমরা শৌচালয় (Toilet) তৈরি করার জন্য বহুবার বলেছি। কিন্তু, ওরা কোনও কর্ণপাত করেনি। ফলে, আমার বুথে সেভাবে কোনও উন্নয়ন নেই।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব? Toilet

     বিজেপির তোলা এই অভিযোগকে অস্বীকার করেছেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি। তিনি বলেন, বিজেপি সদস্য রয়েছে বলে ওই এলাকায় শৌচালয় (Toilet)  তৈরির উদ্যোগ নেওয়া হয়নি তা ঠিক নয়। এটা বিক্ষিপ্ত ঘটনা। ইতিমধ্যে প্রশাসনকে এ ব্যাপারে জানানো হয়েছে। খুব দ্রুতই এই প্রকল্পের কাজ শুরু হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Human Sacrifice: হুগলির ষাটোর্ধ্ব মহিলাকে কামাখ্যায় নরবলি! চারবছর পরে পুলিশের জালে ৫ আততায়ী 

    Human Sacrifice: হুগলির ষাটোর্ধ্ব মহিলাকে কামাখ্যায় নরবলি! চারবছর পরে পুলিশের জালে ৫ আততায়ী 

    মাধ্যম নিউজ ডেস্ক: চার বছর আগে অসমের কামাখ্যায় নরবলি (Human Sacrifice) দেওয়া হয়েছিল হুগলির তাঁতিপাড়ার এক ষাটোর্ধ্ব মহিলাকে। ঘটনার চারবছর পরে রহস্যভেদ করতে সক্ষম হল পুলিশ। গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরা জানিয়েছেন, নিহতের নাম শান্তি সাউ (৬৪)। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল সুরেশ পাসওয়ান (৫৬), প্রদীপ পাঠক ওরফে দীনেশ বা রাজু (৫২) এবং আরও দুই ব্যক্তি, কানু আচার্য্য ওরফে কানু তান্ত্রিক (৬২), এবং রাজু বাবা (৬০) কে গ্রেফতার করে। ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে।

    ঘটনাটি কী ?

    অসমের কামাখ্যা মন্দিরের ফাঁড়িতে ২০১৯ সালের ১৯ জুন সন্ধ্যায় খবর এসেছিল, জয় দুর্গা মন্দিরে নামার রাস্তায় এক মহিলার মুণ্ডহীন দেহ পড়ে আছে। পাশে রয়েছে পুজোর সামগ্রী। প্রথম থেকেই পুলিশ সন্দেহ করছিল, নরবলি (Human Sacrifice) দেওয়া হয়েছে ওই মহিলাকে। এই ঘটনায় সেসময় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও মহিলার পরিচয় কিছুতেই জানতে পারছিল না পুলিশ। হত্যাকারীদেরও ধরা যাচ্ছিল না। অবশেষে হত্যা রহস্যের কিনারা করতে পারল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অম্বুবাচীর সময়ে কামাখ্যায় নরবলি (Human Sacrifice) দিলে বিশেষ ক্ষমতা মিলবে, এমন অন্ধবিশ্বাসের বশবর্তী হয়েই মথুরার এক ব্যক্তি ও এক সাধু মিলে ছক কষে হত্যা করে শান্তিকে।

    মৃতের ছেলে কীভাবে শনাক্ত করলেন দেহ ?

    গুয়াহাটির পুলিশ কমিশনার এক প্রেস বিবৃতিতে জানান, মৃত শান্তি শাউয়ের ছেলে মিডিয়া রিপোর্টের মাধ্যমে ঘটনার কথা জানতে পেরে জামাকাপড় এবং শরীরে থাকা ট্যাটু থেকে মৃতদেহটিকে তার মায়ের বলে শনাক্ত করেন এবং পুলিশকে জানান যে তিনি ২০১৯ সালের জুনের শুরুতে তার মা অম্বুবাচী মেলার উপলক্ষে কামাখ্যা মন্দিরে আসেন এবং তারপর থেকে মা নিখোঁজ ছিলেন। পুলিশ জানিয়েছে, এক তান্ত্রিক এবং আরও দুই মহিলার সঙ্গে ওই মহিলা বাংলা থেকে কামাখ্যা মন্দিরে আসেন।

    কীভাবে মিলল তদন্তে সাফল্য ?

    পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করতে একটি বিশেষ দল সম্প্রতি অতীতের প্রমাণ এবং সূত্রগুলি বিশ্লেষণ করে কোচবিহারে পৌঁছায় এবং ১৮ মার্চ, ২০২৩-এ কৈলাশ বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মহিলার মোবাইল ফোন, জামাকাপড় এবং আধার কার্ড। ওই ব্যক্তি তদন্তে পুলিশকে জানায় এই জিনিসগুলি ২০১৯ সালের জুন মাসে এক ‘সাধুবাবা’, তার বাড়িতে রেখে যান। সেই সূত্র ধরে পুলিশ ২৫শে মার্চ মধ্যপ্রদেশের জবলপুর থেকে মাতা প্রসাদ পান্ডে ওরফে মাতেশ্বরী গিরিকে গ্রেফতার করে।

    নরবলির (Human Sacrifice) দিন ঘটনাক্রম

    তদন্তে পুলিশ জেনেছে ওই মহিলাকে নরবলি (Human Sacrifice) দেওয়ার পরিকল্পনা অনেক আগেই করা হয়। সেই মত ২০১৯ সালের ১৮ এবং ১৯ জুন বিশেষ পুজোর আয়োজন করা হয়। সেখানে মহিলা ছাড়াও আরও ১২ জন ছিলেন। পুলিশ জানিয়েছে, দলের প্রত্যেকে প্রথমে ভূতনাথ মন্দিরে একটি পুজোর আয়োজন করে, যেখানে সবাই মদ্যপান পান করেন এবং মহিলাকে জোর করে আকন্ঠ মদ্যপান করানো হয়। এরপর কামাখ্যা শ্মশানে গিয়ে আরেকটি পুজো করা হয় এবং তৃতীয় পুজোটি হয় জয় দুর্গা মন্দিরে। মহিলার কাটা মুণ্ডু এরপর ব্রহ্মপুত্র নদীতে ফেলে দেয় তারা। এই মামলার বাকি আসামীদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rishra Violence: অশান্তির জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন? রাজ্যের জবাব তলব হাইকোর্টের

    Rishra Violence: অশান্তির জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন? রাজ্যের জবাব তলব হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: রিষড়ায় অশান্তি নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শুভেন্দু। গোটা বিষয়টি খতিয়ে দেখে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দুপুর ১২ টার মধ্যে রাজ্যের মতামত চাইল হাইকোর্ট। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আধিকারিকদের সঙ্গে আলোচনা করে এসে জানাবেন আদালতে। নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। 

    রাজ্যের কাছে রিপোর্ট তলব

    এর আগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম শিবপুর-ডালখোলায় অশান্তির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেন। বিচারপতি জানতে চেয়েছেন, এই ধরনের মিছিলের অনুমতি দেওয়া হয়েছে কেন? গত বছর এই ধরনের মিছিলের ক্ষেত্রে কোনও সমস্যা হয়েছিল কিনা! আদালতের মন্তব্য, “চিকিৎসার থেকে প্রতিষেধক ভালো। গতবার গণেশ চতুর্থীর শোভাযাত্রা নিয়ে আমি শুনানি করেছি। গত ৮-৯ বছর ধরে কোনো ঘটনা ঘটেনি। সামনে হনুমান জয়ন্তী আসছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। রাজ্য পুলিশ না পারলে প্যারা মিলিটারির সাহায্য নিন।”

    শান্তি ফেরাবার জন্য কিছু করুন

    ডায়মন্ড হারবারের একজন বিচারকের পরিবার শ্রীরামপুরে থাকে। তিনি নিজে থানা এবং পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের কাছ থেকে সাহায্য চেয়ে পাননি। তিনি হাইকোর্টের কাছে নিরাপত্তা চাইছেন, বলে জানান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি বলেন, “মানুষের মনে আস্থা ফেরাবার জন্য রুটমার্চ প্রয়োজন। শান্তি ফেরাবার জন্য কিছু করা দরকার। প্রাকৃতিক দূর্যোগ হলেও কেন্দ্রীয় টিম আসে। সেরকম কিছু দরকার হলে প্রয়োজনীয় সাহায্য নিন। এই ধরনের মিছিল কোন যানবাহন নিয়ে করতে দেওয়া ঠিক নয়। নির্দিষ্ট রুট ঠিক করে মিছিলের গতিপথ নিয়ন্ত্রণ করা দরকার। মুম্বইতে গণেশ চতুর্থীর সময় ব্যারিকেড করে মিছিল নিয়ন্ত্রণ করে পুলিশ।”

    আরও পড়ুন: ‘‘যা কখনও বলিনি, তা আমার মুখে বসিয়ে দেওয়া হচ্ছে’’! বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    আদালতের নির্দেশ, যে সব এলাকায় অশান্তি হয়েছে, সেখানকার সব সিসিটিভি-ভিডিও ফুটেজ আগামী ৫ তারিখের মধ্যে জমা করতে হবে রাজ্যকে। শিবপুরের রেশ কাটার আগেই রিষড়ায় নতুন করে উত্তেজনা ছড়ায় এই বিষয়েরও কারণ জানতে চায় হাইকোর্ট। কেন্দ্রীয় সরকারি আইনজীবীর মতে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে যেকোনও সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share