Blog

  • Basirhat Police Officer: বসিরহাটে গুলিবিদ্ধ পুলিশ অফিসার, ঘরে আছে ছোট্ট মেয়ে, উদ্বেগ পরিবারের

    Basirhat Police Officer: বসিরহাটে গুলিবিদ্ধ পুলিশ অফিসার, ঘরে আছে ছোট্ট মেয়ে, উদ্বেগ পরিবারের

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ পুলিশকর্মী (Basirhat Police Officer) প্রভাত সর্দার। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের বাসিন্দা প্রভাত। মঙ্গলবার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তাঁর। আপাতত পুলিশকর্মী বিপদমুক্ত বলেই জানিয়েছে পরিবার।

    উল্লেখ্য, সোমবার বসিরহাট (Basirhat Police Officer) তৃণমূল পার্টি অফিসের সামনে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। তারপর তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। অশান্তি চরমে উঠলে তা সামলাতে এলাকায় উপস্থিত হয় পুলিশ। অভিযোগ, সেই সময়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাতেই আহত হন পুলিশ কর্মী প্রভাত সর্দার। ইতিমধ্যে ঘটনায় ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।   

     ঘরে আছে ছোট্ট মেয়ে 

    আহত পুলিশ কর্মী প্রভাত সর্দারের (Basirhat Police Officer) বাড়িতে রয়েছেন মা, স্ত্রী ও একটি ছোট্ট মেয়ে। তাঁর গুলিবিদ্ধ হওয়ায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজনেরা। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে ওই পুলিশকর্মীর মা জানতে পারেন তাঁর ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি পরিবারের বাকি সদস্যদের সঙ্গে নরেন্দ্রপুরের বয়নালা গ্রামের বাড়িতে থাকেন। ২০০৭ সালে পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। চাকরি সূত্রে বসিরহাটে থাকতেন প্রভাত। আবার অনেক সময় বাড়ি থেকেই যাতায়াত করতেন। সোমবার দুপুর ১টা নাগাদ ডিউটিতে যোগ দেবেন বলে বাইক নিয়ে বসিরহাট র‌ওনা দেন তিনি। সেই রাতেই ঘটে এই ঘটনা। 

    আরও পড়ুন: রিহ্যাব থেকে ফিরেই গোটা পরিবারকে কুপিয়ে খুন করল মাদকাসক্ত যুবক

    শাকচুড়া বাজারে তৃণমূলের ছাত্র নেতা আশরাফুজ্জামান বুলবুলকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন ওই পুলিশকর্মী (Basirhat Police Officer)। দুষ্কৃতীদের ছোড়া গুলি কাঁধে লাগে তাঁর। সঙ্গে সঙ্গে আহত প্রভাতকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়।   

    তৃণমূলের উদ্দেশ্যে বিজেপির কটাক্ষ  

    আহত পুলিশকর্মীকে (Basirhat Police Officer) দেখতে হাসপাতালে যান বিজেপির বারাসাত জেলা সাংগঠনিক সভাপতি তাপস মিত্র। তিনি তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন একজন অফিসার আহত হয়েছিলেন। বিজেপি নেতৃত্ব তাতে দুঃখ প্রকাশ করেছিল। কিন্তু সেইসময় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে সামনে দাঁড়িয়ে বলেছিলেন উনি থাকলে বিজেপি কর্মীদের কপালে গুলি করতেন। যেভাবে গতকাল পুলিশ কর্মীকে গুলি করা হল, তাহলে এই ঘটনায় কি তৃণমূল কর্মীদের কপালে গুলি করবেন?” ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছে গেরুয়া শিবির। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Mangaluru: বিস্ফোরণের দায় হিন্দুদের ঘাড়ে চাপাতে অরুণ কুমার নাম ব্যবহার করত শারিক?

    Mangaluru: বিস্ফোরণের দায় হিন্দুদের ঘাড়ে চাপাতে অরুণ কুমার নাম ব্যবহার করত শারিক?

    মাধ্যম নিউজ ডেস্ক: যে অপরাধ করেছিল, সে ধর্মে মুসলমান (Muslim)। অথচ ধরা পড়লে বিস্ফোরণের দায় যাতে হিন্দুদের (Hindu) ঘাড়ে চাপানো যায়, তার চেষ্টা করেছিল মেঙ্গালুরু (Mangaluru) বিস্ফরণের মূল চক্রী মহম্মদ শারিক। তদন্তাকারীরা জেনেছেন, সেই কারণেই শারিক লোকেদের কাছে নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দিত। দেশে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) এই অবস্থার জন্য শারিক কর্নাটকের প্রাক্তন কংগ্রেস সরকারকেও দায়ি করেছে। পুলিশি রিপোর্টে জানা গিয়েছে, আধার কার্ড ও ভোটার কার্ডে শারিকের নামের বদলে লেখা রয়েছে অরুণ কুমার। এই অরুণ কুমার নামে সিমকার্ডও কিনেছে সে। সেজন্য প্রয়োজনীয় নথিপত্র জালও করেছিল শারিক।

    জালিয়াতির জাল… 

    জানা গিয়েছে, যে অরুণ কুমারের নথিপত্র হাতিয়ে নিয়েছে শারিক, তিনি বেল্লারির বাসিন্দা, কর্মসূত্রে থাকেন বেঙ্গালুরুর বাইরে। গত বছর বেঙ্গালুরুতে এসে তিনি কোনওভাবে হারিয়ে ফেলেন তাঁর নথিপত্র। পুলিশ জানিয়েছে, হারিয়ে যাওয়ার পরের দিনই তিনি তাঁর ওয়ালেটটি ফিরে পান। তবে তার আগেই জাল করে ফেলা হয়েছে তাঁর যাবতীয় নথিপত্র। সেই নথিপত্র জমা দিয়েই শারিক সিমকার্ড কেনে। পুলিশ এই আসল অরুণ কুমারকে জেরাও করে। তবে মেঙ্গালুরুতে (Mangaluru) অটোরিক্সা বিস্ফোরণে তাঁর কোনও যোগসূত্র খুঁজে পায়নি।

    শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মেঙ্গালুরুতে (Mangaluru) বিস্ফোরণের জেরে একটি অটোরিক্সায় আগুন ধরে যায়। অটোর যাত্রী ও চালককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম অটোচালক দাবি করেন, অটোর এক যাত্রীর ব্যাগে আগুন ধরে যায়। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফরেনসিক টিম। নমুনা সংগ্রহ করে তারা। পরে জানা যায়, ওই ব্যাগের ভিতরে ছিল একটি প্রেশার কুকার। যেটি ব্যাটারি ও বিস্ফোরকে ঠাসা ছিল। 

    আরও পড়ুন: তামিলনাড়ুতে কোয়েম্বাতুর বিস্ফোরণের চক্রীর সঙ্গে দেখা করেছিল মহম্মদ শারিক?

    মেঙ্গালুরুর (Mangaluru) বিজেপি (BJP) বিধায়ক বলেন, শারিক হিন্দু নাম, ছবি এবং ডিপি ব্যবহার করত। বিস্ফোরণের সময় তাকে গেরুয়া শাল গায়ে দিয়ে দেখা গিয়েছে। তিনি বলেন, ঘটনার দায় যাতে হিন্দুদের ঘাড়ে চাপানো যায়, তাই সে এটা করেছিল। তাছাড়া, অবৈধ কোনও কাজে সে যে জড়িত, তাও যাতে কেউ সন্দেহ না করে তাই এসব ছল করেছিল শারিক। অরুণ কুমার নাম ব্যবহার করলেও, শেষ রক্ষে হয়নি। পুলিশ তাকে শারিক বলেই চিহ্নিত করেছে। বিস্ফোরণের পোড়া ক্ষত নিয়ে আপাতত সে রয়েছে ফাদার মুলার হাসপাতালে চিকিৎসাধীন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • Pakistan Army Chief: পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান কে? কার কার নাম গেল প্রধানমন্ত্রীর কাছে?

    Pakistan Army Chief: পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান কে? কার কার নাম গেল প্রধানমন্ত্রীর কাছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) বর্তমান সেনা প্রধান কমার জাভেদ বাজওয়ারের মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কে বসবেন পাকিস্তানের পরবর্তী সেনা প্রধানের পদে (Pakistan Army Chief)?  জানা গিয়েছে, সেনা হেডকোয়ার্টার্সের তরফে ছ’ জনের একটি নামের তালিকা প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের (Shehbaz Sharif) অফিসে পাঠানো হয়েছে। যাঁদের নাম পাঠানো হয়েছে, তাঁরা সবাই সিনিয়র মোস্ট লেফটেন্যান্ট জেনারেল। প্রধানমন্ত্রীর অফিস যে নামে সিলমোহর দেবে, তিনিই বসবেন বাজওয়ারের চেয়ারে।

    যাঁদের নাম পাঠানো হয়েছে…

    সেনা হেডকোয়ার্টার্সের তরফে যাঁদের নাম পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য, তাঁরা হলেন লেফটেন্যান্ট জেনারেল আসীম মুনীর, কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল শাহিদ সামসাদ মির্জা, কোর কমান্ডার রাওয়ালপিন্ডি, লেফটেন্যান্ট জেনারেল আজাহার আব্বাস, চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল নুমান মাহমুদ, প্রেসিডেন্ট ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়, লেফটেন্যান্ট জেনারেল ফৈয়জ হামিদ, কোর কমান্ডার বাহাওয়ালপুর এবং লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আমের, কোর কমান্ডার গুজরানওয়ালা।

    তালিকায় ছ’ জনের নাম থাকলেও, সূত্রের খবর, আপাতত সেনা প্রধানের (Pakistan Army Chief) দৌড়ে এগিয়ে রয়েছেন তিনজন। এঁরা হলেন, লেফটেন্যান্ট জেনারেল আজাহার আব্বাস, লেফটেন্যান্ট জেনারেল শাহিদ সামসাদ মির্জা এবং লেফটেন্যান্ট জেনারেল আসীম মুনির। মির্জা এবং আব্বাসকে ভারত সংক্রান্ত পুরানো ঘোড়া হিসেবে বিবেচনা করা হয়। আর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গি হামলার সময় পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের প্রধান ছিলেন মুনির। এই মুনির সেই সময় পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

    আরও পড়ুন: এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে মুক্ত পাকিস্তান! ক্ষুব্ধ ভারত, জানেন তার কারণ?

    জানা গিয়েছে, সেনা প্রধান (Pakistan Army Chief) পদে নাম চূড়ান্ত করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মঙ্গলবার বর্তমান সেনা প্রধান বাজওয়ারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ডি জি আএসআই-ও। পরে এদিনই আরও একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন খাওয়াজা আসিফ, প্রধানমন্ত্রীর স্পেশাল অ্যাসিস্টেন্ট মালিক আহমেদ খান এবং অর্থমন্ত্রী ইশাক দারের সঙ্গে। পরে শরিফ আরও একটি বৈঠক করেন পিপিপি সহকারি চেয়ারম্যান আসিফ আলি জারদারির সঙ্গে। বৈঠকটি হয় প্রধানমন্ত্রীর বাসভবনে। জানা গিয়েছে, শরিফ চাইছেন আসীম মুনিরই হোন পরবর্তী সেনা প্রাধান। আর জারদারি চাইছেন বাজওয়ারের মেয়াদ বাড়ানো হোক আরও ছ মাস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • West Bengal TET: পরের মাসেই টেট, পরীক্ষায় স্বচ্ছতা আনতে কী কী উদ্যোগ নিয়েছে পর্ষদ?

    West Bengal TET: পরের মাসেই টেট, পরীক্ষায় স্বচ্ছতা আনতে কী কী উদ্যোগ নিয়েছে পর্ষদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের ১১ ডিসেম্বর হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা (West Bengal TET)। যে টেট পরীক্ষা ও নিয়োগ নিয়েই একাধিক দুর্নীতির অভিযোগ, সেই টেট পরীক্ষাই ফের এবছর হতে চলেছে। ফলে এবছরের পরীক্ষাতে স্বচ্ছতা থাকবে কিনা, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। তবে এবারে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়ে দিয়েছেন যে, এবছরের টেট পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। উল্লেখ্য, এবছর রাজ্য জুড়ে প্রায় ১৫০০ কেন্দ্রে টেট দেবেন ৬ লক্ষ ৯০ হাজারের বেশি প্রার্থী।

    হাইকোর্টের নির্দেশের পর অপসারিত মানিক ভট্টাচার্যের জায়গায় প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Board) নতুন সভাপতি হন গৌতম পাল (West Bengal TET)। দায়িত্ব নিয়েই তিনি জানান, ‘এবার প্রতিবছর টেট পরীক্ষা হবে এবং এই ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হবে।’

    কী কী উদ্যোগ নিয়েছে পর্ষদ?

    ১) এবছর টেট পরীক্ষার জন্য এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে পর্ষদের তরফে (West Bengal TET)। এবারে উত্তরপত্রের কার্বন কপি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “প্রার্থী যে ওএমআর শিটে পরীক্ষা দেবেন, তার একটা কার্বন কপি নিয়ে যেতে পারবেন। টেটে এই ধরনের ব্যবস্থা আগে কখনও হয়নি।” এর আগে পরীক্ষার নম্বর নিয়ে এত কারচুপি হয়েছে ও ওএমআর শিটের নম্বর নিয়েও বদল করা হয়েছে, ফলে এবারে এই পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ। যার ফলে পরীক্ষার্থীরা নিজেরাই নম্বর গুণে নিতে পারবেন যে, তাঁরা কত নম্বরের উত্তর ঠিক করে এসেছেন ও কত নম্বর পেতে পারেন।

    ২) জানা গিয়েছে, এবছরে পরীক্ষা কেন্দ্রের প্রধান বা পরিদর্শকেরা আর ওএমআর শিট এবং প্রশ্নের সিল করা প্যাকেট খুলবেন না। পরীক্ষার্থীরাই তা খুলে নেবেন।

    ৩) এবারে কোনও বেসরকারি ডিএলএড কলেজে টেট পরীক্ষা হচ্ছে না। সমস্ত সরকারি ডিএলএড কলেজ, স্কুল ও অন্যান্য কলেজে এই পরীক্ষা হবে।

    আরও পড়ুন: প্রাথমিক টেটে সুযোগ পাবেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও, জানাল হাইকোর্ট

    ৪) আরও জানা গিয়েছে, এবছরের টেট পরীক্ষার জন্য যেসব কেন্দ্র নির্বাচন করা হয়েছে, পরীক্ষার দিন সেইসব এলাকায় জারি করা হবে ১৪৪ ধারা। শুধু তাই নয়, পরীক্ষা কেন্দ্রের আশেপাশের এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

    ৫) আবার পর্ষদ থেকে এও জানানো হয়েছে পরীক্ষার্থী, পর্যবেক্ষক, কারোরই পরীক্ষা হলে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি নেই। ঘড়িও পরতে পারবেন না প্রার্থীরা। সব ঘরে ঘড়ি থাকবে।

    ৬) পর্ষদের তরফে আগেই বলা হয়েছে, এনসিটিই-র গাইডলাইন ও আইন মেনে চলা হবে এই টেট পরীক্ষায়। এছাড়াও নির্বিঘ্নে যাতে টেট পরীক্ষা সম্পন্ন করা যায়, তার জন্য জেলাশাসক অথবা মহকুমাশাসককে মাথায় রেখে সর্বত্র জেলাভিত্তিক কমিটি গড়া হবে।

    ৭) পর্ষদ থেকে জানানো হয়েছে, পরীক্ষা নিয়ে শিক্ষা দফতর থেকে একটি ১৬ দফা ‘গাইডলাইন’ বা নির্দেশিকা সব জেলায় পাঠানো হচ্ছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ৩০০-র কিছু বেশি প্রার্থীরা বসবেন। প্রতিটি কেন্দ্রে এক বা দু’জন পর্যবেক্ষক থাকবেন। পর্ষদের উপসচিব পার্থ কর্মকার বলেন, “পর্যবেক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যে-স্কুল, কলেজ বা ডিএলএড কলেজে পরীক্ষা হবে, সেখানকার প্রধান শিক্ষক বা অধ্যক্ষ হবেন সেন্টার ইনচার্জ। প্রতিটি কেন্দ্রে এক জন সরকারি অফিসারও ইনচার্জ হিসেবে উপস্থিত থাকবেন।” ডিসেম্বরে টেট পরীক্ষার পর যত দ্রুত সম্ভব ফল ঘোষণা করা হবে বলেও পর্ষদ সূত্রে জানানো হয়েছে (West Bengal TET)।

  • Mithun Chakraborty: এখন শাসক শিবির ছাড়তে চান ক’জন বিধায়ক? ইঙ্গিতপূর্ণ মন্তব্য মিঠুনের

    Mithun Chakraborty: এখন শাসক শিবির ছাড়তে চান ক’জন বিধায়ক? ইঙ্গিতপূর্ণ মন্তব্য মিঠুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরে পৌঁছেই বিস্ফোরক দাবি করলেন মহাগুরু। বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক শাসক শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিতে চাইছেন। আগে সংখ্যাটা ছিল ২১ এখন তা বেড়েছে। ধীরে ধীরে আরও বাড়বে। বর্ধিত  সংখ্যাটা ক্রমশ প্রকাশ্য। বিজেপির হয়ে রাজ্যে নির্বাচনী প্রচারে এসে এমনই দাবি করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজ পুরুলিয়া সফরে যাচ্ছেন ডিস্কো কিং। 

    আরও পড়ুন: অপেক্ষা করুন, ছবি আসছে, সব সামনে আসবে! সারদা-প্রসঙ্গে মমতাকে নিশানা শুভেন্দুর

    কী বললেন মিঠুন?

    বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্য মিঠুন (Mithun Chakraborty) গতবারও রাজ্যে এসে জানিয়েছিলেন, শাসকদলের ২১ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। এদিন বলেন,সংখ্যাটা বেড়েছে। মঙ্গলবার কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, “তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত নয়, কারা দুর্নীতিগ্রস্ত নয়, চোখ এদিক-ওদিক ঘোরালেই বুঝতে পারবেন। তৃণমূলে যাঁরা ভালো, তাঁরা শান্ত। যাঁরা শান্ত, তাঁদের দিকে নজর রাখুন। যাঁরা শান্ত, তাঁদের শরীরী ভাষা সব কিছু বলে দেবে।” এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে মিঠুনের বিস্ফোরক দাবি, “হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেন। রাজনীতিতে সবই সম্ভব।”

    সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন প্রসঙ্গে মিঠুন দাবি করেন, “বাংলার পরিস্থিতি উদ্বেগজনক। বিজেপি সংখ্যালঘুদের বিরোধী নয়, সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের যদি কেউ উন্নয়ন ঘটাতে পারে তাহলে বিজেপিই পারবে।” তাঁর কথায়, “আমি সংস্কৃতি জগতের লোক। কাউকে ব্যক্তিগত আক্রমণ করব না। সরকার ও শাসকদলের নীতিগত সমালোচনা করেই মানুষকে বুঝিয়ে দেব, বিজেপি কেন যোগ্য।”

    আরও পড়ুন: রাজ্যে সরকারের পতন আসন্ন! ফের ডিসেম্বর ডেডলাইনের হুঁশিয়ারি শুভেন্দুর

    মিঠুনের সভা

    পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে জন সংযোগ বাড়াতে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) ময়দানে নামিয়েছে বিজেপি (BJP)। দলীয় সূত্রে খবর, ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ঠাসা কর্মসূচি রয়েছে  রাজ্যে। বুধবার পুরুলিয়ায় বিজেপির ( BJP ) পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার বাঁকুড়া, শুক্রবার বিষ্ণুপুর, শনিবার আসানসোলে সভা। রবিবার অনুব্রত-গড় বীরভূমে সভা করবেন মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোটে ব্লক স্তরে সংগঠনকে মজবুত করাই লক্ষ্য, জানিয়েছেন বিজেপি নেতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • Indian History: ভারতের ইতিহাস বীরত্বের, যোদ্ধাদের! নতুন করে তা লিখতে হবে অভিমত প্রধানমন্ত্রীর

    Indian History: ভারতের ইতিহাস বীরত্বের, যোদ্ধাদের! নতুন করে তা লিখতে হবে অভিমত প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের ইতিহাস কেবলমাত্র দাসত্বেরই নয়। ভারতের উজ্জ্বল ইতিহাসে বহু যোদ্ধাও রয়েছেন। তবে ইতিহাসের পাতায় সকলের নাম উল্লেখ নেই। তাঁদের নাম ইতিহাসের পাতায় তুলে ধরতে হবে বলে অভিমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi)। অসমের সরাইঘাট যুদ্ধের হিরো কম্যান্ডার জেনারেল লাচিত বারফুকানের (Lachit Barphukan) ৪০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এই কথা বললেন প্রধানমন্ত্রী। একই দিনে লাচিত বারফুকানকে নিয়ে আর একটি অনুষ্ঠানে ইতিহাসবিদদের নতুন করে ইতিহাস লেখার আর্জি জানানলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

    প্রধানমন্ত্রীর কথা

    এদিন প্রধানমন্ত্রী বলেন, ভারত তার বিচিত্র ঐতিহ্য উদযাপন এবং বীরদের স্মরণ করার মাধ্যমে অতীতের ভুল সংশোধন করেছে। তিনি বলেন, “ঔপনিবেশিক আমলের ষড়যন্ত্রের অংশ হিসেবে রচিত ইতিহাসের পাতা থেকে বহু বীরদের কথা হারিয়ে গিয়েছে। ভারতের ইতিহাস যোদ্ধাদের ইতিহাস, বিজয়ের ইতিহাস, আত্মত্যাগ, নিঃস্বার্থতা ও বীরত্বের ইতিহাস।” মোদী বলেন, স্বাধীনতার পরও যে ইতিহাস পড়ানো হচ্ছে তা, ঔপনিবেশিক আমলের ষড়যন্ত্রের স্বীকার। তিনি বলেছেন, “স্বাধীনতার পর দাসত্বের উদ্দেশ্য পরিবর্তনের প্রয়োজন ছিল। তবে তা করা হয়নি।”

    আরও পড়ুন: জামা মসজিদে মেয়েদের ‘একা’ ঢোকায় নিষেধাজ্ঞা! ‘‘এটা ইরান নাকি?’’ তোপ মহিলা কমিশনের

    প্রসঙ্গত, ১৬২২ খ্রিস্টাব্দের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন লাচিত বারফুকন। তিনি অহম রাজ প্রতাপ সিংয়ের অধীনস্ত অহম বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। প্রবল পরাক্রমী মুঘল সেনাবাহিনীও লাচিত এবং তাঁর বাহিনীর কাছে হার মানত। ১৬৭১ সালের সরাইঘাটের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। লাচিত বারফুকনের বীরত্ব এবং সরাইঘাটের যুদ্ধে অহম বাহিনীর বিজয়কে স্মরণ করার জন্য ২৪ নভেম্বর অসমে লাচিত দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী মোদির কথায়, দেশের বিভিন্ন প্রান্তে দাসত্বের বিরুদ্ধে বীর পুরুষ, নারীরা গর্জে উঠেছেন। তবে ইতিহাসের পাতায় তাদের জায়গা হয়নি। এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজ করা হয়েছে। লাচিত বারফুকনের জীবন আমাদের পরিবারের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে শেখায়। আমরা বুঝতে পারি, দেশের থেকে কোনও সম্পর্ক বড় নয়।”

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আর্জি

    দিল্লিতে অসম সরকারের একটি অনুষ্ঠানে ইতিহাসবিদদের নতুন করে দেশের ইতিহাস লেখার জন্য আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “যে লিখিত ইতিহাস আমরা জানি, তা অনেক সময়ই সঠিক নয় এবং কোথাও কোথাও বিকৃতও। আমি ইতিহাসের একজন ছাত্র। বহুদিন ধরেই শুনে আসছি আমাদের ইতিহাস ঠিকভাবে পরিবেশন করা হয়নি। হয়তো সেটা সত্য়ি কথাই। কিন্তু এবার আমাদের সেটা সংশোধন করতে হবে।” দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ইতিহাসের ছাত্র ও ইতিহাসবিদদের প্রতি তাঁর আবেদন, “আমাদের ইতিহাস সঠিক নয়, এই বক্তব্যকে পেরিয়ে নতুন করে গবেষণা শুরু করুন। একবার সেই ইতিহাস লেখা হলে, মিথ্যাভাষণের এই ধারাকে মুছে দেওয়া যাবে।” তিনি বলেন, দেশের এমন ৩০ টি মহান শাসনকালকে বেছে নিয়ে ইতিহাস লেখা হোক যাঁরা ১৫০ বছরেরও বেশি রাজত্ব করেছে, বেছে নেওয়া যাক ৩০০ এমন যোদ্ধাকে যাঁদের সাহস অনুপ্রাণিত করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • WB TET: জারি একাধিক বিধি, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে, টেট নিয়ে প্রস্তুতি তুঙ্গে

    WB TET: জারি একাধিক বিধি, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে, টেট নিয়ে প্রস্তুতি তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান! দীর্ঘ ৬ বছর পর ফের টেট পরীক্ষা হতে চলেছে রাজ্যে। পরের মাসেই টেট। আর এই টেট নিয়েই প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। টেটে কীভাবে স্বচ্ছতা আনা যায়, তা নিয়ে একাধিক উদ্যোগ নিয়েছে পর্ষদ। আর এবারে টেট পরীক্ষা সুষ্ঠুভাবে করানোর জন্য একাধিক পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। গতকাল টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক করা হয়েছে।

    বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হল?

    সূত্রের খবর অনুযায়ী, গতকাল, প্রাথমিক শিক্ষা পর্ষদের পাশাপাশি পরিবহণ দফতর, সব জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব (Chief Secretary)। টেট সুষ্ঠুভাবে করানোর জন্য ২টি কমিটি গঠন করা হয়েছে। একটি জেলা স্তরে আর একটি মহকুমা স্তরে। প্রশাসনিক সূত্রের খবর, টেট নিয়ে ডিএম এবং এসপিদের সঙ্গে একটি সমন্বয় কমিটি গড়ার কথা বলা হয়েছে। টেটের দিন যাতে কোনও রকম সমস্যা তৈরি না-হয়, সেই বিষয়ে হাওড়ার পুলিশ কমিশনারকে বিশেষ নির্দেশ দেন মুখ্যসচিব। পরীক্ষা চলাকালীন নিরাপত্তায় জোর দেওয়ার কথাও বলে মুখ্যসচিব।

    আরও পড়ুন: পরের মাসেই টেট, পরীক্ষায় স্বচ্ছতা আনতে কী কী উদ্যোগ নিয়েছে পর্ষদ?

    আরও জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রের জন্য জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। যেমন- কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রের চারপাশে জারি করতে হবে ১৪৪ ধারা। এমনকি গণ টোকাটুকি রুখতেও জেলা প্রশাসনকে কড়া ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর রাখা হবে, এও বৈঠকে বলা হয়। আরও জানা গিয়েছে, পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন চালু করা হবে জেলাশাসক ও মহকুমাশাসকের দফতরে। পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে এবং কন্ট্রোল রুমে সিসিটিভি রাখারও কথা বলা হয়েছে।

    উল্লেখ্য, এবছর টেট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ, যা আগেরবারের তুলনায় তিনগুণ। ১১ ডিসেম্বর, বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। ১৫০ নম্বরের পরীক্ষার জন্য সময় আড়াই ঘণ্টা। পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে রিপোর্ট করতে হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের গাইডলাইন থেকে জানা গিয়েছে, টেট উত্তীর্ণ সার্টিফিকেটের ‘লাইফ টাইম’ বৈধতা থাকবে। অর্থাৎ, টেট উত্তীর্ণ সার্টিফিকেট দিয়ে ৪০ বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা যতবার খুশি নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও একজন পরীক্ষার্থী একাধিকবার টেটে বসতে পারবেন। এতকিছুর পরে শেষপর্যন্ত এই পরীক্ষা নির্বিঘ্নে হতে পারে কিনা সেদিকে তাকিয়েই রাজ্যবাসী।

  • West Bengal Government: আরও জোরদার ডিএ-র দাবিতে আন্দোলন, গণছুটির পথে রাজ্য সরকারি কর্মীরা!

    West Bengal Government: আরও জোরদার ডিএ-র দাবিতে আন্দোলন, গণছুটির পথে রাজ্য সরকারি কর্মীরা!

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্য সরকারের (West Bengal Government) বিরুদ্ধে আরও জোরদার আন্দোলনে নামতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। নয়া বছরের প্রথমেই কোমর বেঁধে আন্দোলনে নামছেন তাঁরা। ২৭ জানুয়ারি গণ ছুটির (Mass Holiday) ডাক দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। কলকাতায় ডাক দেওয়া হয়েছে গণ অবস্থানের। এদিকে, বৃহস্পতিবার দিনভর সওয়াল জবাব শেষে ডিএ (DA) আন্দোলনে অংশ নেওয়া ধৃত ৪৭ জনের জামিন মিলল। ব্যাঙ্কশাল কোর্টে এদিন তাঁদের হয়ে সওয়াল করেন দুঁদে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।  

    বকেয়া ডিএ-র দাবিতে বুধবার লেনিন মূর্তির পাদদেশ থেকে বিধানসভা পর্যন্ত অভিযানের ডাক দিয়েছিল সরকারি কর্মীদের তিরিশটি সংগঠন। তিরিশটি সংগঠনের যৌথমঞ্চের বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমারকাণ্ড বাঁধে। বকেয়া ডিএ চাওয়ায় পুলিশ কয়েকজনকে ঘুষিও মারে বলে অভিযোগ। রক্তাক্ত হন কয়েকজন। টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তোলা হয় গাড়িতে। পুলিশের ধাক্কাধাক্কি থেকে রেহাই পাননি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও। ওই ঘটনায় ৪৭জনকে গ্রেফতারও করা হয়। এদিন তাঁদেরই জামিন মেলে।

    আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চ…

    তবে রাজ্য সরকারের বিরুদ্ধে (West Bengal Government) এই আন্দোলনে যে এখানেই দাঁড়ি পড়ছে, তা নয়। নতুন বছরের শেষের দিকে জোরদার আন্দোলনে নামছে সংগ্রামী যৌথ মঞ্চ। মঞ্চের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য সরকার যদি দ্রুত বকেয়া ডিএ মেটানোর দাবি না মেনে নেয়, তাহলে আন্দোলন আরও তীব্র করা হবে। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এবং যাবতীয় শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে ১৯ ডিসেম্বর উত্তরকন্যা অভিযান করা হবে। ২৭ জানুয়ারি দেওয়া হয়েছে গণছুটির ডাক। কলকাতায় হবে লাগাতার অবস্থান।

    আরও পড়ুন: ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের গ্রেফতারি দুর্ভাগ্যজনক, বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

    বুধবার আন্দোলন চলাকালীন যে ৪৭জনকে গ্রেফতার করা হয়, তাঁদের হয়ে এদিন আদালতে সওয়াল করেন বিকাশরঞ্জন। সওয়াল করতে গিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের ভূমিকা অভাবনীয়। পুলিশ ছেড়ে দেবে বলেও, ছাড়েনি। আন্দোলনকারীরা কি বোমা ছুড়েছে, নাকি অন্য কিছু করেছে? কলকাতায় ১৪৪ ধারা হামেশাই ভাঙে। কী দোষ এদের? হেফাজতে রাখার যুক্তি কী? ডিএ দেবে না আবার আন্দোলনও করতে দেবে না?  এর পরে পরে এদিন সন্ধের দিকে জামিন দেওয়া হয় ধৃতদের। এদিকে, ডিসেম্বরের ২ তারিখে সুপ্রিম কোর্টে হবে ডিএ সংক্রান্ত মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছে রাজ্য সরকার (West Bengal Government)। তারই শুনানি হবে ওই দিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mamata Banerjee: শিয়রে পঞ্চায়েত ভোট, তাই কি ‘সেটিং’ তত্ত্ব খারিজ করতে তৎপর মমতা?

    Mamata Banerjee: শিয়রে পঞ্চায়েত ভোট, তাই কি ‘সেটিং’ তত্ত্ব খারিজ করতে তৎপর মমতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। এ রাজ্যে তৃণমূলের (TMC) প্রধান প্রতিপক্ষ বিজেপিই (BJP)। অথচ জি-২০ (G-20) সম্মেলন উপলক্ষে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এনিয়ে ‘দিদি-মোদি সেটিং’য়ের তত্ত্ব খাড়া করতে পারে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য দল। পঞ্চায়েত নির্বাচনের প্রক্কালে যা তৃণমূল নেত্রীর পক্ষে খুব একটা সুখকর হবে না। সেই কারণে এবার দিল্লি যাওয়ার আগেই তৃণমূল নেত্রী খোলসা করে দিলেন, কী কারণে এবার তিনি দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাইবা করবেন কেন?

    দিল্লি যাত্রার উদ্দেশ্য…

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে ডিসেম্বরের ৫ তারিখে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী। এর আগে একাধিকবার নানা অছিলায় প্রধানমন্ত্রীকে এড়িয়ে গিয়েছেন মমতা (Mamata Banerjee)। তবে এই যে ৫ তারিখে দিল্লি যাচ্ছেন তিনি, তার আগে যেবার তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন, সেবার সেটিং তত্ত্ব তুলে তাঁকে বিঁধেছিল বিজেপি সহ একাধিক দল। এবার যাতে বিরোধীরা সেই তত্ত্ব খাড়া করতে না পারে, তাই কী উদ্দেশ্যে তিনি দিল্লি যাচ্ছেন, বৃহস্পতিবার তা খোলসা করলেন বিধানসভায় দাঁড়িয়ে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে যাব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলের চেয়ারপার্সন হিসেবে যাব। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কী নিয়ে আলোচনা হবে, তাও জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, জি-২০ সম্মেলন নিয়েই আলোচনা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারপার্সনদের এই বৈঠকে ডাকা হয়েছে। আমিও দলের চেয়ারপার্সন হিসেবে যাব।

    আরও পড়ুন: অভিষেকই ‘কয়লা ভাইপো’? মেনে নিচ্ছে তৃণমূল?

    এর আগের বার বিরোধীদের সেটিং তত্ত্বের জবাব দিয়েছিলেন তৃণমূল নেত্রী ((Mamata Banerjee))। বলেছিলেন, আমি রাজ্যের প্রাপ্য চাইতে গিয়েছিলাম। সেটাকে নাকি সেটিং বলে। ভিক্ষা চাইতে যাইনি, নিজেদের প্রাপ্য চাইতে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, আমি কারও সঙ্গে সেটিং করতে যাই না। সবাই আমার সঙ্গে সেটিং করতে আসে। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক যাতে বিরোধীদের হাতিয়ার হয়ে উঠতে না পারে, তাই আগেভাগেই গেয়ে রাখলেন তৃণমূল নেত্রী।  বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে দেওয়া হয়েছে ৮ হাজার ২০০ কোটি টাকা। তবে দুর্নীতির অভিযোগ ওঠায় আটকে রয়েছে একশো দিনের কাজ প্রকল্পের টাকা। অথচ পঞ্চায়েত ভোটে ১০০ দিনের কাজ বড় ইস্যু। কারণ, অধিকাংশ গ্রামাঞ্চলে ১০০ দিনের কাজের মাধ্যমে অনেকে আয় করে থাকেন। ফলে, সেই টাকা আটকে যাওযায় বিপাকে পড়েছে রাজ্য। সম্প্রতি, ওই টাকা পেতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করেছিল তৃণমূল প্রতিনিধি দল। কিন্তু, কোনও সুরাহা হয়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে সেই টাকা পেতেই দিল্লির দরবারে ছুটছেন মমতা।  

    প্রসঙ্গত, আগামী বছর ভারতেই হবে জি-২০ সম্মেলন। এই সম্মেলন সফল করতে কোমর কষে নেমেছে মোদি সরকার। বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে কথা বলে ওই সম্মেলন কীভাবে সফল করা যায়, তার রূপরেখা চূড়ান্ত করতেই বৈঠক ডাকা হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     

     

  • CUET: আর নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নয়, স্নাতকোত্তরের জন্য কুয়েটেই ভরসা দিল্লি বিশ্ববিদ্যালয়ের

    CUET: আর নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নয়, স্নাতকোত্তরের জন্য কুয়েটেই ভরসা দিল্লি বিশ্ববিদ্যালয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা, ‘দিল্লি ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট’ বা ডুয়েট। পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই স্নাতকোত্তর স্তরের ভর্তি পুরোটাই হবে কুয়েট থেকে। অর্থাৎ যারা দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপন দেখছেন তাদেরকে অবশ্যই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় (CUET) পাশ করতে হবে। দিল্লি বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদও এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রবেশিকা পরীক্ষা কীভাবে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যে ১০ জনের একটি দল গঠন করা হয়েছিল। সেই দলই সিদ্ধান্ত নিয়েছে। 

    এই মুহূর্তে কী নিয়মে নেওয়া হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি?

    এই মুহূর্তে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ থেকে পাশ করা পড়ুয়াদের মেধার ভিত্তিতে ৫০ শতাংশ আসনে ভর্তি নেওয়া হয়। বাকি ৫০% আসনে ভর্তি নেওয়া হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার ভিত্তিতে। 

    এখন থেকে কীভাবে নেওয়া হবে প্রবেশিকা পরীক্ষা?

    নতুন নিয়মে যে ৫০% আসনে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নেওয়া হয় মেধার ভিত্তিতে, তা একই থাকবে। বাকি ৫০%- এ পড়ুয়াদের নেওয়া হবে কমন ইউনিভার্সিটি এনটান্স টেস্টের (CUET) ভিত্তিতে। 

    আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন! এবার কি সুপ্রিম দুয়ারে যাবে রাজ্য সরকার?

    ১-১২ সেপ্টেম্বর দেশের ৫০০টি শহর এবং দেশের বাইরের ১৩টি শহরে এই পরীক্ষা নেওয়া হয়। মোট ৩.৫৭ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। দেশের প্রথম সারির ৬৬টি বিশ্ববিদ্যালয় কুয়েটের মাধ্যমে পরীক্ষার্থীদের ভর্তি নেয়। এর মধ্যে রয়েছে বহু কেন্দ্রীয়  বিশ্ববিদ্যালয়।  

    কুয়েট পিজির ফল প্রকাশের পরেই বিশ্ববিদ্যালয়গুলিকে ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে ইউজিসি। ইউজিসি বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে। যাতে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া আরও সহজ হয়। 

    দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামে কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার (CUET 2022) মাধ্যমে ভর্তির জন্য পোর্টাল (Portal) চালু করেছে। সেই পোর্টালে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। দেশজুড়ে প্রায় ৬.১৪ লক্ষ পড়ুয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার আবেদন করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share