Blog

  • Amazon Job Cuts: ভারতেও কর্মী ছাঁটাই করবে অ্যামাজন! কতজন ভারতীয় চাকরি হারাতে চলেছেন?

    Amazon Job Cuts: ভারতেও কর্মী ছাঁটাই করবে অ্যামাজন! কতজন ভারতীয় চাকরি হারাতে চলেছেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটার, মেটার গণছাঁটাইয়ের পর এবারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল অ্যামাজনও (Amazon Job Cuts)। কয়েকদিন আগেই এই খবর উঠে এসেছিল যে, অ্যামাজনের মালিক জেফ বেজোস ইলন, জুকারবার্গের মতই কর্মী ছাঁটাই করতে চলেছে। আর এই সপ্তাহ থেকেই শুরু হবে ছাঁটাই। সেই অনুমান মতই, শুরু হল কর্মী ছাঁটাই, প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করা হচ্ছে। আর এবারে এই কর্মী ছাঁটাইয়ের প্রভাব এসে পড়ল ভারতীয়দের উপরেও। কারণ জানা গিয়েছে, অ্যামাজন ভারত থেকেও একাধিক কর্মীকে ছাঁটাই করতে চলেছে।  

    অ্যামাজন ভারত থেকে কর্মী ছাঁটাই

    সূত্রের খবর অনুযায়ী, ভারতে প্রায় ১০০ জন কর্মীদের ছাঁটাই করা হবে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এই কর্মীদের সরিয়ে দেওয়া হবে (Amazon Job Cuts)।। ইলন মাস্ক ট্যুইটার অধিগ্রহণ করলে কর্মী ছাঁটাই করবেন এই খবর আগের থেকেই শোনা গিয়েছিল। কিন্তু অ্যামাজনের কর্মী ছাঁটাইয়ের খবর আচমকা উঠে আসায় টেক মহলে ফের আশঙ্কার সৃষ্টি হয়েছে (Amazon Job)। লাভ হচ্ছে না, তাই খরচ কমাতে ছাঁটাই করা হবে কর্মীদের। এমনটাই জানিয়েছিল ই-কমার্স জায়েন্ট অ্যামাজন (Amazon)।

    আরও পড়ুন: নোটিশ-ইমেল নয়, ট্যুইট করেই ছাঁটাই কর্মী, কেন এমন করলেন ইলন মাস্ক?

    আরও জানা গিয়েছে, যদি অ্যামাজনে ১০ হাজার কর্মীই ছাঁটাই করা হয়, তবে এটি এই সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় গণছাঁটাই হতে চলেছে। বিশ্বজুড়ে এই সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ। ফলে এই পরিমাণ ছাঁটাইয়ে ১৬ লক্ষ কর্মীর মাত্র ১ শতাংশই ছাঁটাই করার পরিকল্পনা করছে অ্যামাজন। আর ভারতে কর্মীর সংখ্যা প্রায় ১ লক্ষ। ফলে ভারতে যদি ১০০ কর্মী বরখাস্ত করা হয়, তবে এর পরিমাণ অন্যান্য সব সংস্থা থেকে খুবই সামান্য (Amazon Job Cuts)।

    উল্লেখ্য, ট্যুইটারে প্রায় অর্ধেক কর্মী বরখাস্ত করা হয়েছে। আবার মেটাতেও প্রায় ১১ হাজার কর্মী বরখাস্ত করা হয়েছে। আবার ট্যুইটার ভারতে প্রায় ৯০ শতাংশ কর্মীই ছেঁটে ফেলেছে। মোট কর্মীর সংখ্যা ছিল ২৩০ ও মেটার কর্মী সংখ্যা ভারতে ৪০০, সেখানে অ্যামাজনের কর্মী সংখ্যা ১ লাখ। ফলে যে হারে বাকি সংস্থাগুলি ছাঁটাই করেছে, সেখানে অ্যামাজনের ছাঁটাইয়ের পরিমাণ খুবই কম (Amazon Job Cuts)। 

    আরও পড়ুন: ট্যুইটার-মেটার পর এবারে কর্মী ছাঁটাই অ্যামাজনেও! কাজ হারাতে পারেন কত জন কর্মী?

  • Akhil Giri: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য খতিয়ে দেখা হচ্ছে! আদালতে কী বলল রাজ্য?

    Akhil Giri: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য খতিয়ে দেখা হচ্ছে! আদালতে কী বলল রাজ্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরি যে মন্তব্য করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। অখিল-মন্তব্যের বিরুদ্ধে করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাইকোর্টে এমনটাই জানাল রাজ্য সরকার। দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রামনগরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। তাঁর দাবি ছিল, রাষ্ট্রপতির বিরুদ্ধে মন্তব্য, সংবিধানের অবমাননা। সংবিধানের উচ্চ আসনে অধিষ্ঠিত ব্যক্তির প্রসঙ্গে যে ধরনের মন্তব্য করা হয়েছে অপরাধের সামিল। যিনি মন্তব্য করেছেন তিনি একজন রাজ্যের মন্ত্রী। তার এই মন্তব্য আদিবাসী সমাজকেও আঘাত করেছে। তার এই মন্তব্য নিয়ে রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। শুধুমাত্র এক লাইনে অ্যাপোলজি চেয়ে খান্ত থেকেছেন মুখ্যমন্ত্রী আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।

    আরও পড়ুন: রাজস্থানে নতুন রেল লাইনে বিস্ফোরণ, তদন্তে এনআইএ

    মামলার শুনানি

    সেই মামলারই শুনানি ছিল বুধবার। বুধবার শুনানি চলাকালীন আদালতে রাজ্য জানিয়েছে, অখিলের মন্তব্যে বিরুদ্ধে যে সব স্মারক লিপি জমা পড়েছে তার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ-ও বলা হয়েছে, এ নিয়ে নির্দিষ্ট করে এফআইআর হয়নি। কোনও অভিযোগ দায়ের হয়নি। একটা ডেপুটেশন জমা পড়েছে। তার ভিত্তিতে অনুসন্ধান চলছে। বুধবার আদলতের কাছে এক দিন সময় চেয়েছেন অখিলের আইনজীবী। বৃহস্পতিবার ফের হতে চলেছে ওই মামলার শুনানি। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারকে নিশানা করতে গিয়ে গত শনিবার বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। বাদ পড়েননি রাষ্ট্রপতি দৌপদী মুর্মুও। অখিল গিরি বলেন, “আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?”

    আরও পড়ুন: রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য, অখিল গিরির পদত্যাগের দাবিতে রাজভবন অভিযান শুভেন্দুদের

    অখিল গিরির সমালোচনা

    এই প্রসঙ্গে শাসকদলকে নিশানা করেছেন বিজেপি। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীও মেনে নিয়েছেন অখিল গিরি অন্যায় করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা রাষ্ট্রপতিকে সন্মান করি। সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি। অখিলের এমন মন্তব্য করা ঠিক হয়নি। অখিল এটা অন্যায় করেছে। আমি সমালোচনা করছি।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Winter Superfoods: ডায়াবেটিক রোগীদের জন্য শীতের ডায়েটে কী কী সুপারফুড থাকা জরুরি?

    Winter Superfoods: ডায়াবেটিক রোগীদের জন্য শীতের ডায়েটে কী কী সুপারফুড থাকা জরুরি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীত আসলেই বাজারে দেখা যায় এই মরশুমের বিভিন্ন শাক-সবজি (Winter Superfoods), যা প্রতিদিনের ডায়েটে রাখা অত্যন্ত জরুরী। ফলে শীতকালে ডায়েটে কিছু পরিবর্তনও আসে। আর এর ফলে শীতের সময় ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকায় বেশি করে নজর রাখা উচিত। কারণ ডায়াবেটিস রোগীদের খাবারে কিছু বাধা-নিষেধ আছে। কারণ শীতকালীন সব সবজিই খেতে পারেন না তারা। তবে কিছু কিছু শীতকালীন খাবার আছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। 

    ডায়াবেটিস রোগীদের জন্য শীতের ডায়েটে বিভিন্ন সুপারফুড

    আমলকি

    আমলকি টাইপ ২ ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এটি ক্রোমিয়ামে সমৃদ্ধ, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়াও, এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ডায়াবেটিস রোগীদের উপকার করে (Winter Superfoods)।

    বিটরুট

    পটাসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ফাইটোকেমিক্যালের মতো ফাইবার এবং প্রয়োজনীয় খনিজ পদার্থে সমৃদ্ধ বিটরুট রক্তে শর্করার পরিমাণ কমাতে এবং শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আপনারা নারকেলের সঙ্গে মিশিয়ে স্যুপ তৈরি করে ডায়েটে বিটরুট অন্তর্ভুক্ত করতে পারেন (Winter Superfoods)। 

    বাজরা

    বাজরা দিয়ে তৈরি মজাদার খাবার উপভোগ করার সবচেয়ে ভালো সময় হল শীতকাল। এই শস্য ফাইবারে সমৃদ্ধ এবং অন্যান্য শস্য ও শস্যের তুলনায় গ্লাইসেমিক সূচকে কম। ডায়াবেটিস রোগীদের জন্য বাজরা একটি উপযুক্ত খাবার হতে পারে (Winter Superfoods)।

    আরও পড়ুন: আপনি প্রি-ডায়াবেটিক হলে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?

    গাজর

    গাজরে রয়েছে সহজে হজমযোগ্য ফাইবার। এছাড়াও এটি চিনির নিঃসরণকে ধীর করতে সাহায্য করে। রক্তে শর্করার মিশে যাওয়া নিয়ন্ত্রণে রাখে। আপনি আপনার খাদ্যতালিকায় গাজরকে স্যালাড হিসাবে কাঁচাও খেতে পারেন আবার গাজর আদার স্যুপ করেও খেতে পারেন (Winter Superfoods)।

    হলুদের শিকড়

    সাধারণত শীতকালে এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। হলুদে পাওয়া সক্রিয় যৌগ কারকিউমিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং এটি অত্যন্ত প্রদাহ বিরোধী। এছাড়াও, গবেষণায় দেখা যায় যে কারকিউমিন ইনসুলিন প্রতিরোধ, হাইপারগ্লাইসেমিয়া এবং হাইপারলিপিডেমিয়া (উচ্চ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড) নিয়ন্ত্রণ করতে পারে (Winter Superfoods)।

    কমলা

    ডায়াবেটিস রোগীদের জন্য সুপারফুড হিসাবে বিবেচিত হয় এই ফল। এটিতে কম গ্লাইসেমিক সূচকের কারণে শীতের ডায়েটে অনায়াসে অন্তর্ভুক্ত করা যায় (Winter Superfoods)।

    দারচিনি

    অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ দারচিনি রক্তে শর্করা ও ট্রাইগ্লিসারাইড ঠিক রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এছাড়াও দারচিনি গ্লুকোজ এবং ট্রাইগ্লিসারাইড উভয়ের মাত্রাকে স্বাভাবিক করে, ডায়াবেটিস এবং বিভিন্ন হৃদরোগের ঝুঁকি কমায় (Winter Superfoods)।

  • SSC Group D: গ্রুপ-ডি মামলায় সিবিআই তদন্তে অখুশি হাইকোর্ট, সিট পুনর্গঠন বিচারপতির

    SSC Group D: গ্রুপ-ডি মামলায় সিবিআই তদন্তে অখুশি হাইকোর্ট, সিট পুনর্গঠন বিচারপতির

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment scam) মামলায় ফের একবার সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। এদিন গ্রুপ ডি (SSC Group D) মামলার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে উষ্মা প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। শুধু উষ্মাপ্রকাশ করেই ক্ষান্ত হলেন না, একেবারে সিটের ২ সদস্যকে সরিয়ে দিলেন বিচারপতি, আনলেন নতুন চারজনকে। 

    কোন মামলার প্রেক্ষিতে এই নির্দেশ?

    সন্দীপ প্রসাদ নামে এক চাকরিপ্রার্থীর করা মামলার শুনানিতে গত বছর ২২ নভেম্বর গ্রুপ ডি (SSC Group D) মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানিতে উঠে আসে ৫৪২ জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন গ্রুপ ডি-তে। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, এদের সবাইকেই ডেকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। এই প্রেক্ষিতে গত ১৭ জুন সিট গঠন করা হয়।

    আরও পড়ুন: কামড়ের পর এবার পুলিশের চিমটি! চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার কালীঘাট

    হাইকোর্ট সিবিআইকে জানায়, ছয় মাসের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে। এদিন বিচারপতি প্রশ্ন করেন, ৫৪২ জনের চাকরি বাতিল করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছিল। কতজনকে ডেকে ডিজ্ঞাসাবাদ করা হয়েছে। উত্তরে, সিবিআইয়ের আইনজীবী ডেপুটি সলিসিটর জেনারেল বলেন, ১৬ জনকে। 

    এটা শুনেই তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। বলেন, শুধুমাত্র ১৬!  ১৮ মে থেকে তদন্তে মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ কেন? তখন সিবিআই আইনজীবী বলেন, সেপ্টেম্বরে মাদার সার্ভার বাজেয়াপ্ত করে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত চলছে। কিন্তু বিচারপতি বলেন, এটা আপনার অবস্থান। এখনও ৫৪২ জনের ১০ কিংবা ৫ শতাংশকেও জিজ্ঞাসাবাদ করা হয়ে ওঠেনি কেন? ৬ মাস অতিক্রান্ত। সিবিআই তদন্তের কিছুই করেনি। সিবিআই ৬ মাস পর কি করছে!

    কী নির্দেশ দিল আদালত?

    এরপরই, বিচারপতি জানিয়ে দেন, এই মামলায় (SSC Group D) সিবিআই সিটের পুনর্গঠন করে দেবে আদালত। সেই মতো, সিবিআইকে তাঁর নির্দেশ ছিল, ৪ জন এমন আধিকারিকের নাম দিতে হবে যাদের ‘সিট’-এ নিয়োগ করা যায়। বিচারপতি জানিয়ে দেন, সিবিআই ডিআইজির নেতৃত্বে তদন্ত হবে। আগামী ২১ দিনে ৫২৬ জন অবৈধভাবে নিযুক্ত গ্রুপ ডি চাকরি প্রাপকদের জিজ্ঞাসাবাদের নির্দেশ সিবিআইকে। গ্রুপ ডি, গ্রুপ সি সহ এসএসসি সব বেআইনিভাবে নিযুক্তদের ব্যাচে ব্যাচে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, চায় আদালত। আদালতের নির্দেশ, যারা সহযোগিতা করবে না তাদের গ্রেফতার করুক সিবিআই। 

    আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের হাইকোর্ট ভাবে! তোপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    এই প্রেক্ষিতে এদিন সিবিআই সিট পুনর্গঠন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নতুন করে ‘সিট’-এ নিয়োগ করা হয়েছে, অংশুমান সাহা (ডেপুটি এসপি), বিশ্বনাথ চক্রবর্তী (ইন্সপেক্টর), প্রদীপ ত্রিপাঠি (ইন্সপেক্টর), ওয়াসিম আকরাম খান (ইন্সপেক্টর)। ২ অফিসারকে বাদ দিয়েছেন তিনি। তাঁরা হলেন, কে সি ঋষিনামল ও ইমরান আশিক। আদালতের নির্দেশ, এরা কোনওভাবেই এই সংক্রান্ত তদন্ত করতে পারবেন না। প্রসঙ্গত, নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তকারী অফিসার কেসি ঋষিনামল। অন্যদিকে, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তকারী অফিসার ইমরান আশিক। এঁরা দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী।

    পাশাপাশি, সিবিআই ডিআইজি অখিলেশ সিং-কে ‘সিট’-এর প্রধান করা হয়েছে। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, নিয়োগ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি এই তদন্ত থেকে সরে যেতে পারবেন না। এছাড়াও অন্য কোনও মামলায় তাঁকে যুক্ত করতে পারবে না সিবিআই। এছাড়া, তাঁকে আদালতের অনুমতি ছাড়া বদলিও করা যাবে না। ৭ দিনের মধ্যে দায়িত্ব নেবেন অখিলেশ সিং। 

  • SSC Job Protest: কামড়ের পর এবার পুলিশের চিমটি! চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার কালীঘাট

    SSC Job Protest: কামড়ের পর এবার পুলিশের চিমটি! চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার কালীঘাট

    মাধ্যম নিউজ ডেস্ক: রবীন্দ্র সদনের পর এবারে কালীঘাট। ধুন্ধুমার পরিস্থিতি (SSC Job Protest)। ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভে (Upper Primary Job Seeker Protest) উত্তাল কলকাতার রাজপথ। উচ্চ প্রাথমিকে (Upper Primary) নিয়োগের দাবিতে কালীঘাটের (Kalighat) রাস্তায় বিক্ষোভে বসেন চাকরিপ্রার্থীরা। কিন্তু বেলা একটা বাজতেই পুলিশ এসে ফের আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া শুরু করে। রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে। এরপর প্রত্যেকবারের মত এবারেও টেনেহিঁচড়ে, চ্যাংলদোলা করে চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তোলা হয়।

    কালীঘাটে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

    সূত্রের খবর অনুযায়ী, এদিন বেলা ১২টা নাগাদ আন্দোলনকারীরা কালীঘাট ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় বসে পড়েন। বিক্ষোভকারীদের মধ্যে প্রচুর সংখ্যক মহিলাও ছিলেন।  দ্রুত নিয়োগের দাবিতে একাটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। সেই রকম আজও পথে নেমেছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। এরপর বিক্ষোভকারীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করলে, সেখানে পৌঁছে যায় পুলিশ। বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয়। তাতেই পুলিশ ও চাকরিপ্রার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শুরু হয় তুমুল ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলা হয় (SSC Job Protest)।

    সূত্রের খবর অনুযায়ী, আজ চাকরিপ্রার্থীরা মূলত দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে বর্তমানে ঝাড়গ্রাম সফরে গিয়েছেন তিনি। আর প্রতিবারের মতো এইবারও পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছিল। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে যে, এবার পুলিশ তাদের চিমটি দিয়েছে। আজকের এই বিক্ষোভ নিয়ে ফের শোরগোল পড়ে গিয়েছে পুরো শহর জুড়ে। সূত্রের খবর অনুযায়ী, আন্দোলনকারীদের দাবি, এই ধস্তাধস্তির সময় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন (SSC Job Protest)।

    আন্দোলনকারীরা কী বললেন?

    এক আন্দোলনকারী বলেন, ‘আমরা দ্রুত নিয়োগ চাই। দ্রুত চাকরির আশ্বাস চাই। এতদিন পর্যন্ত আমরা পথে বসেছি। আন্দোলন করেছি। আমরা যোগ্য। তাও কেন আমরা চাকরি পাব না?’ আর এক আন্দোলনকারী বলেন, ‘দেখুন কী করছে ওরা। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ন্যায্য পথে আমরা আন্দোলন করছিলাম। তখন আমাদের পথ আটকায়।’ আরও এক মহিলা বিক্ষোভকারী বলেন, ‘আমার জামা ছিঁড়ে দিয়েছে। চিমটি কেটেছে। আঁচড়ে দিয়েছে। দেখুন কী অবস্থা করেছে। আমাকে চুলের মুঠি ধরে সরিয়ে দিয়েছে। ওরা আমাদের উপর অত্যাচার করছে।’

    গত বুধবারের বিক্ষোভ

    ঠিক ৭ দিন আগে, এক্সাইড মোড়ে ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত ও বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। সেদিন রক্তও ঝড়ে। আবার অরুণিমা নামের এক আন্দোলনকারীকে কামড় দেওয়ার অভিযোগও উঠেছিল এক পুলিশকর্মীর বিরুদ্ধে। আর এবারে চিমটি দেওয়ার অভিযোগ উঠে এসেছে।

  • Donald Trump: ‘আমেরিকাকে আবার মহান ও গৌরবময় করতে…’ ফের হোয়াইট হাউজ দখলের লড়াইয়ে ট্রাম্প

    Donald Trump: ‘আমেরিকাকে আবার মহান ও গৌরবময় করতে…’ ফের হোয়াইট হাউজ দখলের লড়াইয়ে ট্রাম্প

    মাধ্যম নিউজ ডেস্ক: সব জল্পনার ইতি করে মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে তিনি ফের নিজের দাবি জানাবেন। ট্রাম্প ফের রাজনীতির ময়দানে নামবেন কি না, এই নিয়ে বহুদিন ধরেই জল্পনা ছিল। গত সপ্তাহেই বড় ঘোষণা করার কথা জানিয়েছিলেন তিনি। আর তারপরেই মার্কিন নাগরিকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছিল। এই অবস্থায় জনগণ আশা করেছিল তিনি আবারও রাষ্ট্রপতি পদের দৌড়ে নামতে পারেন। আর সেই জল্পনাই সত্যি প্রমাণিত হল।

    আরও পড়ুন: স্পোর্টস সাইকোলজি কোর্সের চাহিদা বাড়ছে ভারতজুড়ে, মিলবে বেতন মোটা অঙ্কের

    ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নথি জমা দিয়েছেন। ট্রাম্প ফ্লোরিডার একটি রিসোর্টে তার সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং তাঁদের উদ্দেশ্যে বলেন যে এখন আমেরিকার প্রত্যাবর্তন শুরু হচ্ছে। এই সময় ট্রাম্প তার সমর্থকদের বলেন, “আমেরিকাকে আবার মহান ও গৌরবময় করতে, আজ আমি ২০২৪ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিপদ ঘোষণা করছি।”

    ট্রাম্পের প্রার্থী হওয়ায় খুশি নয় তাঁর দলই?

    ডোনাল্ড ট্রাম্পের প্রার্থী হওয়ায় খুশি নয় তাঁরই দলের অনেকে। রিপাবলিকান পার্টির একাংশের মতে, দুর্নীতি, অপরাধমূলক তদন্তে জর্জরিত ডোনাল্ড ট্রাম্পের বাইরেও ভবিষ্যতের কথা ভাবা উচিৎ। ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস পছন্দের প্রার্থী তালিকায় ছিলেন বলে জানা গিয়েছে। তবে অন্য একাংশের রিপাবলিকানদের কাছে এখনও অত্যন্ত জনপ্রিয় ট্রাম্প। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থী হবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অনেকেই মনে করছেন, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, ট্রাম্পের বিপরীতে লড়তে পারেন।

    ডোনাল্ড ট্রাম্পের সামনে কী চ্যালেঞ্জ?

    ডোনাল্ড ট্রাম্পের জন্যে এবারের লড়াই অনেক বেশি কঠিন। নিজের দলও এবার তাঁর জন্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস এবং প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও এই বছর রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের তালিকায় ছিলেন। এই অবস্থায় ট্রাম্পকে আগে তাঁদের সামনাসামনি দাঁড়াতে হবে। এর পরে, ট্রাম্পকে ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা জিততে হবে। শেষবার ২০২০ সালে, নির্বাচনের ফলাফলের পরে যখন ট্রাম্প পরাজিত হন। সেই সময় তিনি ক্যাপিটল হিলে গায়ের জোড়ে ফলাফল পরিবর্তনের চেষ্টা করেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

       

        

     

     

  • Bangladesh Border Madrassas: সীমান্তে ‘বিপজ্জনক’ ২৩৩ মাদ্রাসার হদিশ রাজ্য গোয়েন্দা বিভাগের, নবান্ন চুপ

    Bangladesh Border Madrassas: সীমান্তে ‘বিপজ্জনক’ ২৩৩ মাদ্রাসার হদিশ রাজ্য গোয়েন্দা বিভাগের, নবান্ন চুপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘জয় বাংলা’, ‘খেলা হবে’-র মতো বাংলাদেশি স্লোগান ধার করে ভোটের বাজার মাতিয়েছিল তৃণমূল কংগ্রেস। নির্বাচনে সাফল্যও এসেছিল সংখ্যালঘু তোষণের কার্ড খেলে। সেই তোষণ নীতিই এবার রাজ্য সরকারের শিরপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।

    কী বলছে রাজ্য গোয়েন্দা রিপোর্ট?

    সম্প্রতি রাজ্য গোয়েন্দা দফতর নবান্নে একটি গোপন রিপোর্ট পাঠিয়ে জানিয়েছে, বাংলাদেশ সীমান্তঘেঁষা (Bangladesh Border) ৮টি জেলায় সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে খারিজি মাদ্রাসার (Bangladesh Border Madrassas) সংখ্যা তরতরিয়ে বাড়ছে। তার মধ্যে ২৩৩টি মাদ্রাসাকে (Madrassa) রাজ্য স্বরাষ্ট্র দফতরটি বিপজ্জনক বলে চিহ্নিত করেছে। সীমান্তের পাঁচটি জেলার ১৫টি মাদ্রাসায় দেশ বিরোধী কাজকর্ম চলছে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

    বিশদে রাজ্য গোয়েন্দা দফতর দুই ২৪ পরগনা এবং মালদহ নিয়ে বিশেষ খোঁজখবর চালাচ্ছে। এই তিনটি জেলা থেকে আরও ভয়ঙ্কর রিপোর্ট আসতে পারে বলে জানাচ্ছেন গোয়েন্দা কর্তারা। নবান্নে রিপোর্ট পাঠিয়ে করণীয় পদক্ষেপ নিয়ে জানতে চাইলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata) তরফ থেকে কোনও নির্দেশ নেই। গোয়েন্দা কর্তাদের আশঙ্কা, রাষ্ট্রীয় সুরক্ষার বিচারে সীমান্তের জেলাগুলি বারুদের স্তূপের উপর বসে। এখন পদক্ষেপ না হলে পরিস্থিতি আরও গম্ভীর হয়ে যেতে পারে।

    আরও পড়ুন: পাচার সহ নানা অপরাধ রুখতে দিনে রাতে এক যোগে টহল দেবে বিএসএফ-বিজিবি!

    দেশবিরোধী কার্যকলাপের ইঙ্গিত?

    গোয়েন্দা বিভাগের রিপোর্ট অনুসারে কোচবিহার, রায়গঞ্জ, ইসলামপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে হালফিল ২৩৩টি মাদ্রাসার (Bangladesh Border Madrassas) কাজকর্ম মোটেই সন্তোষজনক নয়। সীমান্তের প্রত্যন্ত এলাকায় নির্মিত হলেও যে পরিমাণ পেট্রো ডলার এখানে আসতে শুরু করেছে তাতে দেশবিরোধী কাজকর্ম চলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বাংলাদেশসহ বিভিন্ন ইসলামিক দেশ থেকেও নিয়মিত মৌলানারা এখানে আসছেন। বহু সংখ্যক কমবয়সীদের এখানে ধর্মীয় এবং উগ্রচিন্তাধারার শিক্ষাও দেওয়া হচ্ছে। পড়ুয়াদের অনেকেই মাদ্রাসা থেকে উধাও হয়ে যাচ্ছে। রাজ্য গোয়েন্দাদের মতে, এই ২৩৩টি মাদ্রাসার কার্যকলাপ সন্দেহের উপরে নয়।

    এর মধ্যেই আবার নির্দিষ্টভাবে ১৫টি মাদ্রাসার (Bangladesh Border Madrassas) খবর রাজ্য গোয়েন্দাদের হাতে এসেছে। এখানে নানা স্পর্শকাতর এবং বিপজ্জনক কাজ চালানো হচ্ছে। কোচবিহারের সাহেবগঞ্জ, কালমাটি, গীতলদহ, ইসলামপুরের ঠিকরিবাড়ি, ভইসপিটা, নমুনিয়া, রায়গঞ্জের বামোইর, মালন, ভাটোলে হাট, দক্ষিণ দিনাজপুরের বেলাসথালি, হাসনগর, দীপখণ্ড, মুর্শিদাবাদের ভৌমিকপাড়া, রামনগর, দাঁইরাতুরিতে সবচেয়ে স্পর্শকাতর ১৫টি মাদ্রাসা চলছে। ঘটনাচক্রে সবগুলি মাদ্রাসার পরিচালন সমিতির সঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত।

    রাজ্য গোয়েন্দা দফতরের বক্তব্য, সম্প্রতি কলকাতা পুলিশের এসটিএফ একজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে। সে বাংলা থেকে যুবকদের মগজধোলাই করে ইরান বা সিরিয়াতে পাঠাত। নিষিদ্ধ হয়েছে পিএফআই, যদিও রাজ্য পুলিশ কোনও পিএফআই নেতাকে গ্রেফতার করেনি। কারণ, নবান্ন অনুমতি দেয়নি। বাংলাদেশের জেএমবি জঙ্গি ধরা পড়ার আকছার ঘটে চলেছে। এ সবের পিছনে যে সীমান্তঘেঁষা মাদ্রাসাগুলির (Bangladesh Border Madrassas) যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।

    কী বলছে কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট?

    কেন্দ্রীয় গোয়েন্দাবাহিনী অবশ্য রাজ্যের এই রিপোর্টকে বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছে। তাদের হাতে থাকা নথি অনুযায়ী, সীমান্তে কয়েক হাজার খারিজি মাদ্রাসা (Bangladesh Border Madrassas) গত কয়েক বছরে গজিয়ে উঠেছে। রাজ্য সরকার তা চেপে গিয়ে মাত্র ২৩৩টি মাদ্রাসার কথা জানাচ্ছে। তবে আশার আলো, গত কয়েক বছরে রাজ্য সরকার এ নিয়ে কখনও কোনও উচ্চবাচ্য করেনি। পরিস্থিতি এখন হাতের বাইরে যাওয়ায় অল্প হলেও মানতে বাধ্য হচ্ছে সরকার। এখন রিপোর্ট করার নয় ব্যবস্থা নেওয়ার সময় বলে জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

  • SSC Scam: মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের হাইকোর্ট ভাবে!  তোপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    SSC Scam: মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের হাইকোর্ট ভাবে! তোপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মধ্যশিক্ষা পর্ষদ নিজেদেরকে হাইকোর্ট মনে করে না কি? নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আদালতের নির্দেশ অমান্য করায় মধ্যশিক্ষা পর্ষদকে তীব্র ভর্ৎসনা করলেন তিনি। পর্ষদের উপর ক্ষুব্ধ হয়ে পর্ষদ সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়কে তলবও করেন বিচারপতি। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করেন তিনি।

    কী হয়েছিল

    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় আগেই নির্দেশ দিয়েছিলেন যে, ২৮ অক্টোবরের মধ্যে প্রিয়াঙ্কা সাউ, নামে আদালতে আবেদনকারী এক চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দিতে হবে। কিন্তু তা হয়নি। তাঁকে নিয়োগ দেওয়া হয় ১৪ নভেম্বর। মঙ্গলবার বিচারপতিকে সেকথা জানান প্রিয়াঙ্কার আইনজীবী। এর পরই মধ্যশিক্ষা পর্ষদের উদ্দেশে তীব্র ভর্ৎসনা করে বিচারপতি বলেন, কেন ২৮ অক্টোবরের মধ্যে প্রিয়াঙ্কাকে নিয়োগপত্র দেওয়া হয়নি? এদিন মধ্যশিক্ষা পর্ষদের কাছে তা জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেন, ‘যদি সময়ে চাকরি না দিতে পারে, তা হলে আদালতে এসে জানানো উচিত ছিল। কেন পর্ষদ নিয়োগপত্র দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন করেনি আদালতে?’ এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতিকে এজলাসে তলবও করেন তিনি। পরে পর্ষদের তরফে জানানো হয় যে, ২৮ অক্টোবর এসএসসি নিযোগ সুপারিশপত্রের হার্ড কপি হাতে পায় মধ্যশিক্ষা পর্ষদ। তাই ২৮ অক্টোবর প্রিয়াঙ্কা সাউকে নিয়োগপত্র দেওয়া যায়নি। একথা জানার পর মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির হাজিরার নির্দেশ প্রত্যাহার করে নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    আরও পড়ুন: জামিন হল না পার্থ-সুবীরেশ সহ ধৃত ৭ জনের! এসএসসি কাণ্ডে ফের জেল হেফাজতের নির্দেশ

    প্রিয়াঙ্কার অভিযোগ

    প্রিয়াঙ্কা সাউয়ের অভিযোগ ছিল, তার থেকে কম নম্বর প্রাপ্তরা নিয়োগ পেলেও তিনি পাননি। পর্ষদের দফতরে অভিযোগ জানাতে গেলে কর্ণপাত করেননি কোনও আধিকারিক। তাই হাইকোর্টের দ্বারস্থ হন প্রিয়াঙ্কা। আদালতের তরফে এদিন বিচারপতি পর্ষদের কাজে উষ্মা প্রকাশ করে বলেন, ‘রাজ্যের একাধিক শিক্ষা সংক্রান্ত অফিসার জেলে। তারপরেও এই বোর্ডের দৃষ্টিভঙ্গি, আচরণ পরীক্ষার্থী বিরোধী। বোর্ডের বহু কর্তা ছাত্রবিরোধী কাজ করছেন। যা কখনওই কাম্য নয়’।

    সিটের প্রধানকে তলব

    নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিটের প্রধানকেও তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ দুপুর ২টোয় সিটের প্রধানকে তলব করেছেন তিনি। ‘ভুয়ো নিয়োগের প্রকৃত সংখ্যা কত?’ সিবিআইয়ের কাছে জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Modi Rishi Meet: মোদি-ঋষি সাক্ষাৎ, তারপরই ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর

    Modi Rishi Meet: মোদি-ঋষি সাক্ষাৎ, তারপরই ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: জি ২০ সম্মেলনে (G 20 Summit) গিয়ে ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) পার্শ্ববৈঠক করেছিলেন কয়েকজন রাষ্ট্র প্রধানের সঙ্গে। মঙ্গলবার ওই সম্মেলনের ফাঁকে তিনি বৈঠক করেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের (Narendra Modi Rishi Sunak Meet) সঙ্গে। এরই কয়েক ঘণ্টা পরে ঋষি (Rishi Sunak) নিলেন এমন এক সিদ্ধান্ত, যার জেরে হাসি ফুটবে কয়েক হাজার ভারতীয়ের মুখে। এদিনই ব্রিটিশ সরকার জানিয়ে দিয়েছে, ১৮ থেকে ৩০ বছর বয়সী ৩ হাজার ভারতীয় পেশাদারকে প্রতি বছর ভিসা দেবে ব্রিটেন।

    কী জানাল ব্রিটিশ সরকার? 

    ব্রিটিশ সরকার জানায়, ভারতই প্রথম ভিসা ন্যাশনাল কান্ট্রি, যারা এই স্কিম থেকে উপকৃত হবে। ব্রিটেনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে অফিস সে দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak)। এই অফিসের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত-ব্রিটেন অভিবাসন নীতিকে আরও পোক্ত করতে গত বছর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার ভিত্তিতেই এই ভিসা অনুমোদনের সিদ্ধান্ত।

    ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও মঙ্গলবার মন্তব্য করেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী। ঋষি সুনক (Rishi Sunak) বলেন, ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি তাড়াতাড়ি করতে গিয়ে চুক্তির মান নিয়ে কোনও আপস করা হবে না। প্রসঙ্গত, চলতি বছরই দিওয়ালির সময় ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষর হওয়ার কথা ছিল মুক্ত বাণিজ্য চুক্তি। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ নিয়ে টালমাটালের জেরে শেষ পর্যন্ত আর স্বাক্ষরিত হয়নি ওই চুক্তি। ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বরিস জনসন। প্রধানমন্ত্রী পদে আসীন হন লিজ ট্রাস। ওই পদে তিনি ছিলেন মাত্র ৪৪ দিন। তার পর ইস্তফা দেন তিনিও। এই সব কারণে স্বাক্ষরিত হয়নি ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ট্রাসের পরে প্রধানমন্ত্রী হন ঋষি সুনক। তার পর ফের গতি পেয়েছে এই চুক্তির বিষয়টি। দুই দেশই চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি করতে আলোচনা করছে বলে সূত্রের খবর।

    আরও পড়ুন: ‘সারের কমতি মানে আগামী দিনে খাদ্যের ভাঁড়ারে টান’, জি ২০ সম্মেলনে বললেন মোদি

    ভিসা নিয়ে ব্রিটেনের সিদ্ধান্তের কথা ট্যুইট করে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস। তাতে লেখা হয়েছে, আজ ব্রিটেন-ভারত ইয়ং প্রফেশনালস স্কিম কমফার্মড করা হল। ১৮ থেকে ৩০ বছর বয়সী ডিগ্রি এডুকেটেড ভারতীয় নাগরিকরা দু বছর পর্যন্ত ব্রিটেনে বসবাস করতে আসতে পারবেন এবং কাজ করতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • WhatsApp New Features: একই অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করার সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপে, আসছে নয়া ফিচার ‘কম্প্যানিয়ন মোড’

    WhatsApp New Features: একই অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করার সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপে, আসছে নয়া ফিচার ‘কম্প্যানিয়ন মোড’

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ ইউজারদের সুবিধার কথা ভেবে ফের নিয়ে এসেছে নয়া ফিচার (WhatsApp New Features)। যার নাম কম্প্যানিয়ন মোড (Companion Mode)। এই ফিচারের সাহায্যে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। শোনা গিয়েছে, ইতিমধ্যেই নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo সম্প্রতি জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই কম্প্যানিয়ন মোড নিয়ে কাজকর্ম শুরুও হয়ে গিয়েছে।

    এই ফিচারের কী কী সুবিধা?

    বর্তমানে হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট চারটি ডিভাইসে লিঙ্ক করার সুবিধা রয়েছে। অর্থাৎ ইউজাররা মোবাইলের পাশাপাশি অন্য একটি ল্যাপটপ বা ট্যাবলেটেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এখন একটি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট মাত্র একটি ফোনেই খোলা যায়। কিন্তু কম্প্যানিয়ন মোড ফিচারটি আসলে আপনারা একটি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট দুটো ফোন থেকে খুলতে পারবেন। যদিও হোয়াটসঅ্যাপ ক্লোনিং- এর মাধ্যমে একটি ফোনে আপনি দুটো আলাদা ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে ব্যবহার করতে পারেন। তবে এই ফিচার আসলে ইউজারদের সুবিধাই হবে বলে মনে করেছেন মেটা কর্তৃপক্ষ (WhatsApp New Features)।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ‘ডু নট ডিস্টার্ব’ মোড, মিস হবে না একটি কলও

    এই ফিচারের বিশেষত্বই হল যে এই সব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য ইউজার তাঁর একটি মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন। আবার যখন অন্য ফোন দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটি খুলবেন, তখন দ্বিতীয় ফোনটিতে একাই আগের সব মেসেজ, ভিডিও যাবতীয় তথ্য সিঙ্ক বা আপডেট হয়ে যাবে। এই ফিচার চলে আসলে আপনাকে ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবের উপর নির্ভর হতে হবে না। কারণ এরপর থেকে একই অ্যাকাউন্ট অন্য ফোনেও ব্যবহার করা যাবে (WhatsApp New Features)। 

    অনুমান করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের কম্প্যানিয়ন মোড সব ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তবে কবে এই ফিচার সব ইউজারের জন্য চালু হবে তার নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি। অন্যদিকে, হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী সংস্থা টেলিগ্রামে ইতিমধ্যেই এই ফিচার রয়েছে। আর এবার হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ফিচার (WhatsApp New Features)।

    আরও পড়ুন: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share