Blog

  • Indian Succession Act: তিন দশক সংসার করে স্ত্রীকে ফের বিয়ে মুসলিম ব্যক্তির! কারণ শুনলে চমকে যাবেন

    Indian Succession Act: তিন দশক সংসার করে স্ত্রীকে ফের বিয়ে মুসলিম ব্যক্তির! কারণ শুনলে চমকে যাবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ে করেছিলেন ২৯ বছর আগে। আন্তর্জাতিক নারী দিবসের দিন ফের বিয়ে করলেন এক দম্পতি। তিন কন্যা সন্তানের বাবা-মা ওই দম্পতি। সেই মেয়েদের সম্পত্তিতে যাতে কেউ ভাগ বসাতে না পারে (Indian Succession Act), তাই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত। প্রথমবার বিয়ে হয়েছে শরিয়ত আইন অনুযায়ী। আর দ্বিতীয়বার বিয়ে হল স্পেশাল ম্যারেজ অ্যাক্টে (Special Marriage Act)। কেরলের কাসারগোড জেলার ঘটনা।

    ভারতীয় উত্তরাধিকার আইন (Indian Succession Act)…

    দক্ষিণের নাম করা অভিনেতা সি শুক্কুর। তিনি আইনজীবীও। ১৯৯৪ সালে শরিয়ত আইন মেনে তিনি বিয়ে করেছিলেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রো-ভাইস চ্যান্সেলর শিনাকে। এই দম্পতির তিন সন্তান হয়। তিনটিই মেয়ে। মেয়েরা বড় হয়ে গিয়েছে অনেক দিন। তাহলে কেন ফের বিয়ের সিদ্ধান্ত নিলেন ওই দম্পতি? জানা গিয়েছে, শরিয়ত আইন অনুযায়ী মেয়েরা তাঁদের বাবার সম্পত্তির দুই তৃতীয়াংশেরই অধিকারী হবেন। দম্পতির পুত্র সন্তান না থাকলে পিতার বাকি সম্পত্তি তাঁর অবর্তমানে শুক্কুরের ভাইদের কাছে চলে যাবে। কষ্টার্জিত সম্পত্তি যাতে সন্তানরাই পায় (Indian Succession Act), তা নিশ্চিত করতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ফের বিয়ে করার সিদ্ধান্ত নেন ওই দম্পতি।

    সেই মতো বিয়ের দিন হিসেবে তাঁরা বেছে নেন ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিনটিকেই। এই আইনের অধীনে কোনও ব্যক্তির সম্পত্তি ভারতীয় উত্তরাধিকার আইন (Indian Succession Act) অনুযায়ী ভাগ করা যাবে। ফেসবুক পোস্টে দ্বিতীয়বার বিয়ের কৈফিয়তও দিয়েছেন শুক্কুর। তিনি লিখেছেন, সম্প্রতি আমি দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আর তার পর থেকেই চিন্তা শুরু হয় মৃত্যুর পর পরিশ্রমের কামাই আমার মেয়েরা ভোগ করতে পারবে তো? ওরা পুরোপুরিভাবে আমার সম্পত্তির ভাগ পাবে কি না, তা নিয়ে নানা প্রকার চিন্তা ঘুরপাক খেতে থাকে আমার মাথায়। শরিয়ত অনুযায়ী, মেয়েরা পিতার সব সম্পত্তির ভাগীদার হতে পারেন না। এই আইনে ইচ্ছাপত্র লিখে যাওয়ারও অনুমতি নেই। তাই আমি দ্বিতীয়বার  বিয়ে করি। ভারতের সংবিধানে ছেলে আর মেয়ের মধ্যে কোনও বিভেদ নেই। মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই আমার এই সিদ্ধান্ত।

    আরও পড়ুুন: ‘শহিদ দিবস’ পালনের প্রস্তুতি, বিজেপিকে স্বাগত বগটুইবাসীর

    এই ঘটনার তীব্র সমালোচনা করেছে কেরলের একটি সুন্নি হায়ার এডুকেশন ইনস্টিটিউট। তাদের দাবি, দম্পতির এই সিদ্ধান্ত ইসলাম ও মুসলিম পার্সোনাল ল’-কে অশ্রদ্ধা জানানোর একটা চেষ্টা। ফের বিয়ে করার এই ঘটনা একটা নাটক ও শুক্কুরের এই হীন কাজের কারণ হল তাঁর দাদা-ভাইদের সম্পত্তি না দেওয়ার চেষ্টা। এর প্রেক্ষিতে ফেসবুকে শুক্কুর লেখেন, এই ধরনের উসকানিমূলক বার্তার কারণে যদি তাঁর ওপরে কোনও শারীরিক আক্রমণের ঘটনা ঘটে, তাহলে দায়ী হবে ওই প্রতিষ্ঠানটিই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bogtui: ‘শহিদ দিবস’ পালনের প্রস্তুতি, বিজেপিকে স্বাগত বগটুইবাসীর

    Bogtui: ‘শহিদ দিবস’ পালনের প্রস্তুতি, বিজেপিকে স্বাগত বগটুইবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২১ মার্চ বীরভূমের রামপুরহাটের বগটুইয়ে (Bogtui) শহিদ দিসব পালন করবে বিজেপি (BJP)। সেই কারণে জোর কদমে চলছে প্রস্তুতি। স্বজনহারা মিহিলাল শেখের বাড়ির পাশে রাস্তার ধারে তৈরি হচ্ছে শহিদ বেদি। দিন কয়েক আগে শহিদ বেদির কাজ কতদূর এগোল তা জানতে বগটুই গ্রামে যান বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির নেতৃবৃন্দ। বিজেপি সূত্রে খবর, এদিন সকালে শহিদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা অর্পণ করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বঙ্গ বিজেপির একাধিক নেতা।

    বগটুইয়ে (Bogtui) সভা করার কথা শুভেন্দুর…

    বগটুই গ্রামের পূর্বপাড়ার খেলার মাঠে প্রকাশ্য সভা করার কথাও রয়েছে শুভেন্দুর। গত বছর ডিসেম্বর মাসে নলহাটির জনসভা থেকে ২১ মার্চ বগটুইয়ে আসার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু। দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করার কথাও বলেছিলেন। সেই কারণে বিজেপির তরফে শুরু হয়েছে প্রস্তুতি। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি বলেন, বগটুই (Bogtui) গ্রামে হতদরিদ্র নিরাপরাধ মানুষগুলি প্রায় এক বছর হতে চলল মারা গিয়েছেন। গণতন্ত্র বিরোধী সেই ঘটনাকে স্মরণে রাখতে স্মৃতি স্মারক তৈরি হচ্ছে। বিরোধী দলনেতা এসে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ওই কর্মসূচি যাতে ঠিকঠাক হয় তার জন্য জেলা এবং স্থানীয় নেতৃত্ব পরিদর্শনে এসেছিলেন। এলাকার মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যোগ দেন, সেই জন্যও কথা বললাম।   

    ২০২২ সালের ২১ মার্চ রাতে বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। অভিযোগ, ঘটনার পর মিনিট কুড়ি কাটতে না কাটতেই ভাদু শেখের অনুগামীরা বগটুই গ্রামের ভাদু বিরোধীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরের দিন পূর্ব পাড়ার বাসিন্দা সোনা শেখের বাড়ি থেকে সাতটি অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনী। পরবর্তীকালে হাসপাতালে মৃত্যু হয় আরও তিনজনের। ঘটনার পরে পরে এলাকায় আসেন ফিরহাদ হাকিম ও স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    আরও পড়ুুন: রাজ্যে অ্যাডিনো সংক্রমণ নিয়ে বিবৃতি দাবি শুভেন্দুর, বিধানসভায় বিক্ষোভ

    স্বজনহারা পরিবারগুলির হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে দেন চাকরিও। ২০২২ সালের ২৭ ডিসেম্বর নলহাটিতে বিজেপির জনসভায় শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দেন বগটুইকাণ্ডে (Bogtui) মৃত নাজিমা বিবির স্বামী ফটিক শেখ। তিনি বলেন, আমাদের যা ক্ষতি হওয়ার তা তৃণমূলের নেতা ভাদু শেখের অনুগামীরা করেছেন। সেই রাতে তৃণমূলের ব্লক নেতা থেকে সর্বোচ্চ নেতাদের জানানো হলেও, তাঁরা আমাদের পাশে দাঁড়াননি।মৃতদের স্মৃতির উদ্দেশ্যে বিজেপি যা করছে, তা ঠিকই করছে। স্বজনহারা মিহিলাল শেখ বলেন, মৃতদের স্মরণে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমরা স্বাগত জানাব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Bonny Sengupta: কুন্তলের টাকায় দামী গাড়ি কিনেছিলেন! ইডিকে কী বললেন টলি অভিনেতা বনি?

    Bonny Sengupta: কুন্তলের টাকায় দামী গাড়ি কিনেছিলেন! ইডিকে কী বললেন টলি অভিনেতা বনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবারে যুক্ত হয়েছে টলিউডের অভিনেতা বনি সেনগুপ্তর (Bonny Sengupta) নাম। তবে এখানেই শেষ নয়, এর পরই এক চাঞ্চল্যকর তথ্য এল প্রকাশ্যে। অভিযোগ, বনিকে নাকি লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই হয়েছিল সেই লেনদেন। আজ ইডি দফতরে জেরার মাঝে বিরতির সময়ে সংবাদমাধ্যমের সামনে খোদ বনি স্বীকার করে বলেন, “উনি (কুন্তল) আমাকে একবারই (টাকা) দিয়েছিলেন। পাঁচ বছর আগে একটি গাড়ি কিনেছিলাম আমি। উনি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন।” কত টাকা দিয়েছিলেন কুন্তল? প্রশ্ন করা হলে ও তাঁকে ৩৫- ৪০ লক্ষ টাকা বলাতে তিনি বলেন, “ওই রকমই।”

    কুন্তল ও বনির মধ্যে টাকার লেনদেন!

    নিয়োগ দুর্নীতি কাণ্ডে বনি সেনগুপ্তকে (Bonny Sengupta) শুক্রবার তলব করেছিল ইডি। কিন্তু একদিন আগেই ইডি দফতরে পৌঁছে যান তিনি। এর পর দীর্ঘ ৪ ঘণ্টা জেরার পর দুপুরে মধ্যাহ্নভোজের বিরতি চলাকালীন তিনি বাইরে বেরোন। সেখানেই উপস্থিত সংবাদমাধ্যমের মুখোমুখি দাঁড়িয়ে কুন্তলের সঙ্গে তাঁর পাঁচ বছরের সম্পর্কের কথা স্বীকার করে বলেন, “২০১৭ সালে আমার কুন্তল ঘোষের সঙ্গে আলাপ হয়। কিছু ইভেন্ট এবং অনুষ্ঠানের জন্য অর্গানাইজার মারফত পরিচয় হয় তাঁর সঙ্গে। আমি ওনার জন্য ২২ থেকে ২৫টি ইভেন্ট করেছিলাম। সেই বাবদ পারিশ্রমিক হিসেবে ৩৫ থেকে ৪০ লাখ টাকা নিই।” তিনি বলে দেন, “যে টাকা নিয়েছি, তার সমস্ত কাগজপত্র আমার কাছে আছে। আমি দিয়ে দিয়েছি। তাছাড়া যে অর্থ নিয়েছি, তার বদলে কাজও করেছি। তাই ওই টাকাকে আমার পারিশ্রমিকই বলা যেতে পারে।” এছাড়াও তিনি জানিয়েছেন কুন্তলের থেকে সেই টাকা ব্যাঙ্কেই নিয়েছিলেন ও যেই গাড়িটি কিনেছিলেন ওই টাকায়, সেটি বিক্রিও করে দিয়েছেন বনি।

    বনি (Bonny Sengupta) আরও জানান, কুন্তল পরে টলিউডে সিনেমা প্রযোজনা করবেন বলে জানালে, তাতে অভিনয় করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন বনি। যদিও তিনি জানিয়েছেন, পরে সেই ছবি প্রযোজনার পরিকল্পনা বাতিল করে দেন কুন্তল।

    আরও পড়ুন: বনি আমার সঙ্গে পাঁচ বছর কাজ করেছে! অভিনেতা সম্পর্কে বিস্ফোরক কুন্তল ঘোষ

    প্রশ্নের মুখে বনি-কৌশানির প্রোডাকশন হাউজ

    প্রসঙ্গত, কিছুদিন আগেই নতুন প্রোডাকশন হাউস বিকে এন্টারটেইনমেন্ট খুলেছেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) এবং তাঁর বান্ধবী কৌশানি মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বনির কাছে ইডি-র তলব আসার পর থেকেই সেই প্রোডাকশন সংস্থা নিয়ে টলিউডের অন্দরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এদিন এবিষয়ে বনিকে জিজ্ঞাসা করা হলে, সাংবাদিকের প্রশ্নের উত্তরে বনি জানিয়েছেন, ২০১৯ সালেই শেষ বার তাঁর সঙ্গে কথা হয়েছিল কুন্তলের। তার পরে আর কোনও যোগাযোগ হয়নি। এছাড়াও প্রশ্ন উঠেই যাচ্ছে যে, নিয়ো দুর্নীতির টাকা কি টলিউডেও ব্যবহার করা হয়েছে?

    এদিন বনি (Bonny Sengupta) বিরতির সময়ে সংবাদমাধ্যমে কথা বলেন। ফলে বিরতি শেষ হলে আবার সিজিও কমপ্লেক্সেই ফিরে যান ও ইডির মুখোমুখি হন। তবে আজকের জেরা শেষে পরে তাঁকে আবার আসতে বলা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • INDIA VS AUSTRALIA: ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

    INDIA VS AUSTRALIA: ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: মোতেরা টেস্টে ক্রমশ জাঁকিয়ে বসছে অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছে ক্যাঙারু বাহিনী। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে চতুর্থ টেস্ট জিততেই হবে ভারতকে। কিন্তু আমেদাবাদ টেস্টের প্রথম দিনের শেষে অস্বস্তিতে টিম ইন্ডিয়া। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। দু-দেশের প্রধানমন্ত্রীর উপপস্থিতিতে শুরু হাইভোল্টেজ চতুর্থ টেস্ট। ম্য়াচ শুরুর আগে হয়েছে জমকালো অনুষ্ঠান। তবু আজ ব্যাকফুটে রোহিতরা। দিনের শেষ মুহূর্তে শতরান পূর্ণ করেন উসমান খোয়াজা। এই সিরিজে মূলত দাপট দেখা গিয়েছে বোলারদের। আমেদাবাদের পিচ ব্যাটারদেরও স্বস্তি দিল। সিরিজে এই নিয়ে দ্বিতীয় শতরান দেখা গেল। নাগপুর টেস্টে শতরান করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শেষ ম্যাচে খোয়াজা। দিনের শেষে অপরাজিত রয়েছেন খোয়াজা। সঙ্গী ক্য়ামেরন গ্রিন। তিনি ৪৯ রানে ক্রিজে রয়েছেন।

    জিততে মরিয়া দুই দলই

    চতুর্থ টেস্ট জিততে মরিয়া দুই দলই। ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট সরাসরি নিশ্চিত করতে হলে এই ম্যাচ জিততেই হবে রোহিত শর্মাদের। যা তাঁদের একই সঙ্গে আইসিসি’র সব ফরম্যাটে শীর্ষ স্থানে বসাও নিশ্চিত করে দেবে। উল্লেখ্য, আগেই টি-২০ এবং একদিনের ক্রিকেটে শীর্ষস্থান দখল করেছিল টিম ইন্ডিয়া। এবার পালা টেস্টে। শুধু তাই নয়, পর পর চারবার বর্ডার গাভাসকর সিরিজ জেতারও সুযোগ রয়েছে রোহিত বাহিনীর সামনে।

    আরও পড়ুন: ক্রিকেটীয় পিচে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

    যদিও টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া যেভাবে রান তুলছে, তাতে মনে হচ্ছে না সহজ হবে বিরাট কোহলিদের কাজটা। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও উসমান খাওয়াজা শুরুটা ভালোই করেছিলেন। তাঁরা যোগ করেন ৬১ রান। তারপর হেডকে ৩২ রানে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্নাশ লাবুশানেকে ৩ রানে বোল্ড করেন মহম্মদ সামি। তিনি এই ম্যাচে খেলছেন মহম্মদ সিরাজের জায়গায়। তবে জোড়া ধাক্কা সামলে উঠতে সফল ক্যাঙারু বাহিনী। উসমান খাওয়াজা হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত মেরেছেন ৯টি বাউন্ডারি। স্মিথ সতর্ক হয়ে ব্যাট করছেন। এখন, মোতেরার পিচে বড় স্কোর খাড়া করাই লক্ষ্য অজিদের। সেটা টস জেতার পরও জানিয়েছিলেন অধিনায়ক স্মিথ। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bonny Sengupta: বনি আমার সঙ্গে পাঁচ বছর কাজ করেছে! অভিনেতা সম্পর্কে বিস্ফোরক কুন্তল ঘোষ

    Bonny Sengupta: বনি আমার সঙ্গে পাঁচ বছর কাজ করেছে! অভিনেতা সম্পর্কে বিস্ফোরক কুন্তল ঘোষ

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও বিপাকে পড়লেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। সংবাদমাধ্যমকে তাঁর বিষয়ে বিস্ফোরক তথ্য দিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। বৃহস্পতিবার আদালত থেকে বেরোনোর পথে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ বলেন, “বনি পাঁচ বছর কাজ করেছে আমার ইভেন্টে। তারই পারিশ্রমিক।” সেই কাজ কী? অভিনয় না কি অন্য কিছু, তা স্পষ্ট করেননি কুন্তল। তবে কুন্তলের দাবি, তাঁর অ্যাকাউন্ট থেকে বনির কাছে যে টাকা গিয়েছে তা নিছকই ‘পারিশ্রমিক’। অর্থাৎ, কাজের বিনিময়ে সেই টাকা পেয়েছেন টলিউড অভিনেতা।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের শান্তনুকে তলব করল ইডি 

    বৃহস্পতিবার আদালতে নিয়োগ দুর্নীতি মামলা্র শুনানি ছিল। শুনানি শেষ হওয়ার পর আদালত চত্বর থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কুন্তল। বনিকে নিয়ে প্রশ্নের উত্তর দেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় বনি সেনগুপ্তকে (Bonny Sengupta) তলব করেছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডাকে সাড়া দিয়ে নির্ধারিত দিনের একদিন আগেই, আজ ইডির মুখোমুখি হয়েছেন বনি। নিয়োগ দুর্নীতি মামলায় বনির নাম সামনে আসতেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। 

    প্রায় একই সময়ে কুন্তল আদালতে এবং বনি (Bonny Sengupta) সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে প্রশ্নের মুখোমুখি হয়েছেন। কুন্তলের অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কেন, সেই প্রশ্নের জবাব পেতেই বনিকে ডেকে পাঠিয়েছিল ইডি। 

    ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বনি (Bonny Sengupta) বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির হয়ে প্রচারও করেছিলেন। কিন্তু এক বছর কাটতে না কাটতেই বিজেপির সদস্যপদ ছেড়ে দেন।  কুন্তলের দাবি অনুযায়ী, বিজেপিতে যোগ দিলেও তৃণমূলের নেতার সঙ্গে ‘কাজের’ সম্পর্ক বজায় রেখেছিলেন বনি। উল্লেখ্য বনি বিজেপিতে যোগ দিলেও তাঁর প্রেমিকা টলিউড অভিনেত্রী কৌশানি বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন।

    এদিকে একই মামলায় ইডি স্ক্যানারে রয়েছেন টলিউডের চার অভিনেত্রী। তাঁদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এখনই তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে জানা গিয়েছে। এখন তাঁদের ডেকেও পাঠানো হবে না। খোঁজখবর নিয়ে ডেকে পাঠিয়ে প্রশ্ন করার প্রয়োজন হলে, তা হলে তাঁদেরও বনি সেনগুপ্তের মতোই নোটিস পাঠানো হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     
      

  • Suvendu Adhikari: রাজ্যে অ্যাডিনো সংক্রমণ নিয়ে বিবৃতি দাবি শুভেন্দুর, বিধানসভায় বিক্ষোভ

    Suvendu Adhikari: রাজ্যে অ্যাডিনো সংক্রমণ নিয়ে বিবৃতি দাবি শুভেন্দুর, বিধানসভায় বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ক্রমেই বাড়ছে অ্যাডিনো ভাইরাসে (Adeno Virus) শিশু বলির সংখ্যা। তার পরেও তৃণমূল পরিচালিত রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। এমতাবস্থায় রাজ্যে অ্যাডিনো ভাইরাস পরিস্থিতি নিয়ে সরকার পক্ষের বিবৃতি দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য সরকারের তরফে উপযুক্ত জবাব না পেয়ে অধিবেশন চলাকালীনই বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ পদ্ম শিবিরের অভিযোগ…

    পদ্ম শিবিরের অভিযোগ, রাজ্যের স্বাস্থ্য কাঠামো ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার পরেও অ্যাডিনো ভাইরাসে সংক্রমিত হয়ে একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে কীভাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন গেরুয়া বিধায়করা। অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পরেও বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, রাজ্যের বিভিন্ন হাসপাতালে একের পর এক শিশুমৃত্যু নিয়ে বিবৃতি দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে। পরে বিষয়টি নিয়ে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা।

    বিজেপির (Suvendu Adhikari) আরও দাবি, অ্যাডিনো ভাইরাসে শিশু মৃত্যুর বিষয়টি কেবল উদ্বেগজনক নয়, এটি সারা রাজ্যের মানুষকে আতঙ্কিত করেছে। তাই এরকম সময় এটি নিয়ে আলোচনা করা অত্যন্ত প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যবশত মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বিবৃতি দিয়েছিলেন, তাতে সব কিছুই আড়াল করা হয়েছে। ভাইরাসে শিশু মৃত্যুর বিষয়টিকে তিনি কো-মর্বিডিটি বলে আড়াল করেছেন। এর পরেই স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে বিবৃতি দিতে বলেন বিজেপি বিধায়করা। এই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, বিষয়টি নিয়ে আগেই বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আর নতুন করে বিবৃতি দেওয়ার প্রয়োজন নেই।

    আরও পড়ুুন: অ্যাডিনো আতঙ্কের মধ্যেই ফের ৩ শিশুর মৃত্যু, বিসি রায় হাসপাতালের বিরুদ্ধে উঠছে অভিযোগ

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিধানসভায় বিবৃতি দেন, সেদিন বিধানসভায় ছিলেন না বিজেপি বিধায়করা (Suvendu Adhikari)। এ প্রসঙ্গে পদ্ম শিবিরের তরফে বলা হয়, তুঘলকি আচরণ করবেন বিধানসভায়, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আমাদের বিক্ষোভ দেখাতে বাধ্য করা হয়েছে। আর অর্থবিল আর অ্যাপ্রোপ্রিয়েশন বিলে কীভাবে শিশুমৃত্যু নিয়ে বিবৃতি দেওয়া সম্ভব, তা একমাত্র মাননীয়া মুখ্যমন্ত্রীই বলতে পারেন। প্রসঙ্গত, বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত দু মাসে রাজ্যে মৃত্যু হয়েছে ১২৯ জন শিশুর। সকলের শরীরে অবশ্য অ্যাডিনো ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Suvendu Adhikari: “২ মাস ছিলেন বিজেপিতে, এখন আর নেই”, বনি প্রসঙ্গে বললেন শুভেন্দু

    Suvendu Adhikari: “২ মাস ছিলেন বিজেপিতে, এখন আর নেই”, বনি প্রসঙ্গে বললেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়াল টলি অভিনেতা বনি সেনগুপ্তর (Bonny Sengupta)। চলতি সপ্তাহেই তাঁকে তলব করেছিল ইডি। তবে তলবের একদিন আগেই হাজিরা দিলেন তিনি। তলব করা হয়েছিল শুক্রবার। তার একদিন আগেই ইডির দফতরে হাজির হলেন বাংলা সিনেমার অভিনেতা বনি সেনগুপ্ত। তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরেই তিনি পৌঁছলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে। আর বনির প্রসঙ্গে বলতে গিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সাফ জানালেন, ভোটের সময় বিজেপিতে এসেছিলেন বনি সেনগুপ্ত। গত দুবছর পার্টির সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। তিনি যদি টাকা নিয়ে থাকেন, তাহলে তাঁকেই এটা দেখতে হবে। এরসঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।

    কী সম্পর্ক রয়েছে বিজেপির সঙ্গে বনির?

    ২০২১-এ রাজ্যের ‘হাই ভোল্টেজ’ বিধানসভা নির্বাচনের আগে টলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রীকে রাজনৈতিক দলের পতাকা হাতে নিয়ে দেখা গিয়েছিল। তাঁদের মধ্যে অন্যতম বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। মা পিয়া সেনগুপ্ত তৃণমূলের সদস্য হওয়া সত্ত্বেও বিজেপির দলীয় কার্যালয়ে গিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন বনি। উল্লেখ্য, ২০২১-এ বিজেপিতে যোগ দেওয়া বনি, দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা তিনি নিজেই জানিয়েছিলেন ২০২২-সালেই। তাঁর বক্তব্য ছিল, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বিজেপি, তাই এক বছরেই মোহভঙ্গ। এবারে বিজেপির সঙ্গে অভিনেতার আর কোনও সম্পর্ক নেই বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) ।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে অভিনেতা বনি সেনগুপ্ত, তলবের একদিন আগেই ইডি দফতরে হাজিরা

    বিরোধী দলনেতা কী বললেন?

    এদিন যখন সকাল ১০ টা ১০ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছেও গিয়েছেন বনি, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সংবাদমাধ্যমে বনিকে নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “বনি যদি টাকা নিয়ে থাকেন তাহলে তাকেই ব্যক্তিগতভাবে তার জবাব দিতে হবে। বিজেপি এইসব ‘অ্যালাউ’ করে না। ভোটের সময় ওরকম অনেক তারকারাই দলে যোগ দেন। ২ মাস ছিলেন বিজেপিতে, এখন আর নেই।”

    প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের দেওয়া নথিতে বনি সেনগুপ্তের নামও রয়েছে। সে বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ করতে বনিকে ডেকে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা। বনির কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Pakistan: ‘সীমান্তে প্ররোচনা সৃষ্টির চেষ্টা করলে যোগ্য জবাব দেবে মোদির ভারত’, দাবি মার্কিন রিপোর্টে

    India Pakistan: ‘সীমান্তে প্ররোচনা সৃষ্টির চেষ্টা করলে যোগ্য জবাব দেবে মোদির ভারত’, দাবি মার্কিন রিপোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক (Pakistan) মদতে জঙ্গি হানা হয়েছিল পুলওয়ামায়। বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে তার যোগ্য জবাব দিয়েছিল ভারত (India)। বর্তমানে ফের সেই পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা (India Pakistan) প্রকাশ করা হয়েছে মার্কিন রিপোর্টে। ওই রিপোর্ট অনুযায়ী, সীমান্তে বা কাশ্মীরে প্ররোচনা সৃষ্টির চেষ্টা করলে আগের মতো আর চুপ করে বসে থাকবে না ভারত। পাকিস্তান যদি তাদের ভারত বিরোধী কৌশলের অঙ্গ হিসেবে সীমান্তে সন্ত্রাসমূলক কাজে লিপ্ত হয়, তবে নরেন্দ্র মোদির নেতৃ্ত্বাধীন ভারত সেনা নামিয়েই তার জবাব দেওয়ার চেষ্টা করবে। ভারতের পূর্ববর্তী রক্ষণাত্মক অবস্থানের তুলনায় নতুন এই অবস্থান একেবারেই পৃথক বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে। দুই দেশই পারমাণবিক অস্ত্রে শক্তিশালী হওয়ায় সঙ্কট আরও গুরুতর হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে।

    কড়া ব্যবস্থা নিয়েছে মোদি সরকার… 

    কেন্দ্রের তখতে নরেন্দ্র মোদির সরকার আসার পর জম্মু-কাশ্মীর (India Pakistan) থেকে তুলে নেওয়া হয় ৩৭০ ধারা। তারপর থেকেই প্রায় শান্তি ফিরে এসেছে একদা অশান্তির ভূস্বর্গে। তবে মাঝে মধ্যেই কাশ্মীরে হিংসা ও সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটছে। ভারতের অভিযোগ, পাকিস্তানের মদতেই বারবার হিংসার ঘটনা ঘটছে উপত্যকায়। পাকিস্তানের অভিযোগ, জম্মু-কাশ্মীরে ভারত মানবাধিকার লঙ্ঘন করছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এর জবাব দিয়েছে ভারত।

    আমেরিকার ইন্টেলিজেন্স কমিউনিটির রিপোর্ট অনুসারে, দীর্ঘদিন ধরেই পাকিস্তান ভারত বিরোধী সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সক্রিয় রাখার চেষ্টা করে গিয়েছে। নতুন করে সীমান্তে উত্তেজনা তৈরি হলে নয়াদিল্লি ইসলামাবাদকে কঠোর জবাব দিতে পারে। রিপোর্টে বলা হয়েছে, দু দেশের মধ্যে উত্তেজনার কারণে সংঘর্ষের ঝুঁকি থেকেই যায়। ভারত বিরোধী সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে পাকিস্তানের (India Pakistan) সমর্থন করার এক দীর্ঘ ইতিহাস রয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের উসকানির জবাব দিতে পারেন বলেও রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর জবাব দিলেই দুদেশের মধ্যে বড় সংঘর্ষের সম্ভাবনা।

    আরও পড়ুুন: ‘অনুব্রত মণ্ডল সুশান্ত ঘোষদের ভাল ছাত্র’, কটাক্ষ সুকান্তর

    প্রসঙ্গত, ২০১৮ সালে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা হয়। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি ওই হামলার জবাব দেয় ভারত। ওই দিন ভারতীয় বিমান বাহিনীর ১২টি মিরাজ ২০০০ জেট বিমান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে আঘাত করে। রিপোর্টে অবশ্য এও লেখা হয়েছে, ভারত এবং পাকিস্তান দুই দেশেই বর্তমানে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষপাতী। নিয়ন্ত্রণরেখায় অস্ত্রবিরতি মেনে চলার ব্যাপারেও সদিচ্ছা দেখিয়েছে দুই দেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Aadhaar PAN Linking: আজই করে নিন প্যান-আধার লিঙ্ক, নয়তো দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা!

    Aadhaar PAN Linking: আজই করে নিন প্যান-আধার লিঙ্ক, নয়তো দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা!

    মাধ্যম নিউজ ডেস্ক: এগিয়ে আসছে আধার-প্যান লিঙ্ক করার ডেডলাইন (Aadhaar PAN Linking)। প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩১ মার্চের মধ্যে তা না করলে প্যান কার্ড অকেজো হয়ে যাবে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। বেশ কিছু পরিষেবা পাওয়ার জন্য এই প্যান-আধার লিঙ্কিং বাধ্যতামূলক করেছে সরকার। সম্প্রতি আয়কর দফতর ঘোষণা করেছে, প্যানের সঙ্গে আধারের লিঙ্ক বাধ্যতামূলক। যারা এখনও তা করেননি তা তাঁরা করে ফেলুন। আগামী ৩১ মার্চের আগে ওই কাজ শেষ না করলে ১ এপ্রিল থেকে প্যান কার্ড অবৈধ বলে বিবেচিত হবে।

    লিঙ্ক করতে দিতে হবে টাকা!

    প্রসঙ্গত, এর আগে আধার-প্যান লিঙ্কিংয়ের ডেডলাইন ছিল ২০২২ সালের ৩১ মার্চ। পরে তা বাড়িয়ে ২০২৩ সালের ৩১ মার্চ করা হল। তবে এখন আধার ও প্যান লিঙ্ক করাতে হলে ১০০০ টাকা ফি জমা দিতে হচ্ছে জনগণকে। প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না হলে আয়কর রিটার্ন ফাইল করা যাবে না। আর এই সময়েও যাঁরা আধার ও প্যান লিঙ্ক করবেন না তাঁদের ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

    কীভাবে প্যান-আধার লিঙ্ক করবেন?

    আয়কর দফতরের ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in-এ যেতে হবে।

    হোম পেজে ‘Link Aadhaar’ সেকশনে যেতে হবে।

    একটি নতুন উইন্ডো আসবে, আপনার আধার বিবরণ, প্যান এবং মোবাইল নম্বর লিখুন।

    ‘I validate my Aadhar details’ অপশনটি বেছে নিন।

    আপনি আপনার নিবন্ধিত ফোন নম্বরে একটি OTP পাবেন।

    এটি পূরণ করুন এবং ‘Validate’ এ ক্লিক করুন।

    জরিমানা দেওয়ার পরে আপনার প্যান আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা হবে।

    আরও পড়ুন: ‘সীমান্তে প্ররোচনা সৃষ্টির চেষ্টা করলে যোগ্য জবাব দেবে মোদির ভারত’, দাবি মার্কিন রিপোর্ট

    প্যান-আধার লিঙ্ক না করলে কী হবে?

    ১)আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করতে পারবেন না।

    ২) আপনার প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলে আপনি একাধিক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ভর্তুকি পাওয়া, পাসপোর্টের জন্য আবেদন করা এবং সর্বোপরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা।

    ৩) আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকলে আপনি নতুন প্যান কার্ডও পাবেন না।

    ৪) প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে হতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hong Kong Flu: কোভিডের পর নয়া আতঙ্ক হংকং ফ্লু! কী এর উপসর্গ? কী জানাল আইসিএমআর?

    Hong Kong Flu: কোভিডের পর নয়া আতঙ্ক হংকং ফ্লু! কী এর উপসর্গ? কী জানাল আইসিএমআর?

    মাধ্যম নিউজ ডেস্ক: কোভিডের পর এবারে নতুন করে ভয় ধরাচ্ছে হংকং ফ্লু (Hong Kong Flu)। দেশ জুড়ে এই ভাইরাসের দাপট বেড়েই চলেছে। বিশেষ করে উত্তরপ্রদেশ ও কর্নাটকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপ বেড়েছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এই উপরূপ এইচ৩এন২ (H3N2)। এই ভাইরাসের সংক্রমণে যে জ্বর হচ্ছে তার নামই হংকং ফ্লু। ফেব্রুয়ারি মাস থেকেই দেশ জুড়ে বেড়েছে ভাইরাল ফ্লুয়ে আক্রান্তের সংখ্যা। জ্বর, সর্দি-কাশিতে ভুগছেন অনেকে। জ্বর সারলেও কাশি, গলা খুসখুস থেকেই যাচ্ছে। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। এই ভাইরাসের সংক্রমণের ক্ষমতা অন্যান্য ভাইরাসের তুলনায় অনেক বেশি।

    কী এই হংকং ফ্লু?

    ইনফ্লুয়েঞ্জা এ সাবটাইপ এইচ৩এন২ কে ‘হংকং ফ্লু’ (Hong Kong Flu) বলা হয়। এই ভাইরাস আক্রান্তের শ্বাসযন্ত্রের ক্ষতি করতে পারে। সাধারণভাবে ইনফ্লুয়েঞ্জাকে এ, বি, সি, ডি এই চারভাগে ভাগ করা হয়ে থাকে। এর মধ্যে ইনফ্লুয়েঞ্জা এ ও বি সাধারণভাবে এর জন্য দায়ী। এইচ৩এন২ হল ইনফ্লুয়েঞ্জা এ-এর একটি সাবটাইপ। এই ভাইরাসের প্রভাবে যে ফ্লু হয়, তাকে বলা হয় ‘হংকং ফ্লু’।

    কী এর উপসর্গ?

    গলা ব্যথা, কাশি, জ্বর, সর্দি কিংবা নাক বন্ধ হয়ে যাওয়া, গা ব্যথা, মাথা ব্যথার ক্লান্তি অনুভূত হওয়া এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলির মধ্যে অন্যতম। এছাড়াও আক্রান্ত ব্যক্তির বমি কিংবা ডায়েরিয়াও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণভাবে একসপ্তাহ সময় লাগে এর থেকে সুস্থ হতে। অন্যান্য উপসর্গ ৩ দিনের মাথায় কমতে শুরু করলেও কাশির সমস্যা কমতে ১৫ দিনের বেশি লেগে যাচ্ছে। তবে কারও কারও এর থেকে বেশিই সময় লাগছে।

    আরও পড়ুন: অ্যাডিনো আতঙ্কের মধ্যেই ফের ৩ শিশুর মৃত্যু, বিসি রায় হাসপাতালের বিরুদ্ধে উঠছে অভিযোগ

    আইসিএমআর-এর তরফে কী বলা হল?

    এই ভাইরাস (Hong Kong Flu) নিয়ে সতর্ক করল আইসিএমআর। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জ্বর, কাশি, শ্বাসের সমস্যা হচ্ছে এই ভাইরাসের প্রভাবে। অন্তত মাস দুয়েক থাকছে উপসর্গ। বিশেষজ্ঞরা বলছেন, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের এইচ৩এন২-এর প্রকোপে সংক্রমণ ছড়াচ্ছে। এই ভাইরাস থেকে দূরে থাকতে কী কী সতর্কতা অবলম্বন করবে, তা হল- বারে বারে হাত ধুতে হবে, সঙ্গে স্যানিটাইজার রাখতেই হবে। ফেস মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না। বারে বারে নাকে ও মুখে হাত দেবেন না। হাঁচি বা কাশির সময় মুখ ঢেকে নিন। ধূম জ্বর, শুকনো কাশি, গায়ে ব্যথা বা হাল্কা শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে টেস্ট করিয়ে নিতে হবে।

    আবার হাত মিলিয়ে হ্যান্ডশেক করা বা কোলাকুলি করবেন না। জনবহুল জায়গায় থুতু ফেলবেন না। নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাবেন না, উপসর্গ বুঝলে ডাক্তার দেখিয়ে সঠিক চিকিৎসায় থাকুন। বেশি ভিড়ে যাবেন না, বাসে বা গণপরিবহনে ঘেঁষাঘেঁষি করে বসা বা রেস্তোরাঁ ভিড় থাকলে সেখানে গিয়ে খাওয়া ঠিক হবে না।

    শিশু না বড়রা, কাদের জন্যবেশি ক্ষতিকারক এই ভাইরাস?

    ফ্লু-তে আক্রান্ত হওয়ার সমস্যা সবচেয়ে বেশি হয় শিশুদের ক্ষেত্রে। বড়রা নানা রকম সাবধানতা অবলম্বন করতে পারলেও ছোটদের এই সব নিয়ম মেনে চলতে বাধ্য করানো খুব কঠিন। তার উপর অপুষ্টিজনিত সমস্যা থাকলে এই রোগের সঙ্গে মোকাবিলা করা মুশকিল হয়। চিকিৎসকদের মতে, কোভিড পরবর্তী সময়ে শিশুদের ফ্লুয়ে আক্রান্তের হার প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই এ সময়ে শিশুদের প্রতি বাড়তি নজর রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share