Blog

  • Omicron BF.7: চিনে আতঙ্ক সৃষ্টি করা ‘BF.7’ কোভিড ভ্যারিয়েন্টর হদিশ এদেশেও! বিপদ কতটা?

    Omicron BF.7: চিনে আতঙ্ক সৃষ্টি করা ‘BF.7’ কোভিড ভ্যারিয়েন্টর হদিশ এদেশেও! বিপদ কতটা?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার (Covid 19) করাল গ্রাসে চিন (China)! প্রতিদিন মৃত্যুর কবলে ঢলে পড়ছেন বহু মানুষ। শ্মশানঘাটগুলিতে লাশের পাহাড়। যদিও শি জিনপিং সরকারের দাবি, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে কেবল চিন নয়, বিশ্বের আরও কয়েকটি দেশেও চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস করোনার নতুন ভ্যারিয়েন্ট (Omicron BF.7)।

    জিনোম সিকোয়েন্সিং…

    ঘটনার জেরে উদ্বেগ বাড়ছে ভারতেও (India)। বুধবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় সরকার। এদিন বিকেলে জানা গিয়েছে, করোনার যে ভ্যারিয়েন্টের কারণে চিনে সংক্রমণের লেখচিত্র ঊর্ধ্বমুখী, তার খোঁজ মিলেছে ভারতেও। করোনা সংক্রমিত রোগীদের জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে জানা গিয়েছে, আচমকা সংক্রমণ বৃদ্ধির পিছনে রয়েছে করোনার সাব ভ্যারিয়েন্ট বিএফ. ৭ (Omicron BF.7)। চিনে সংক্রমিত সিংহভাগ মানুষের দেহেই মিলেছে করোনার এই সাব ভ্যারিয়েন্টের খোঁজ। কেবল চিন নয়, আমেরিকা, ব্রিটেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক সহ বিভিন্ন দেশেও এই সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। বিশেষজ্ঞদের মতে, করোনার (Covid 19) অন্যতম শক্তিশালী রূপ ওমিক্রনেরই সাব ভ্যারিয়েন্ট হল বিএফ. ৭। ওমিক্রনের বিএ.৫ থেকে সাব ভ্যারিয়েন্ট হিসেবে সৃষ্টি হয়েছে এই ভাইরাসের।

    আরও পড়ুন: দেশে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট! রাজ্যে কোভিড নজরদারিতে বিশেষ কমিটি

    বিএফ. ৭ (Omicron BF.7) সাব ভ্যারিয়েন্টের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল, এটি অত্যন্ত সংক্রমণশীল। শরীরে এই ভাইরাসের স্থায়িত্ব তুলনামূলকভাবে অনেকখানি কম। ফলে দ্রুত যেমন সংক্রমণ ছড়াতে পারে, তেমনই সংক্রমিত হল, দ্রুত তা ছড়িয়ে পড়ে গোটা শরীরে। জানা গিয়েছে, করোনার এই সাব ভ্যারিয়েন্ট এতই শক্তিশালী যে যাঁরা টিকাপ্রাপ্ত, তাঁরাও যে কোনও সময় করোনা সংক্রমিত হতে পারেন। তবে এই সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে কি না, তা এখনও জানা যায়নি।

    এদিকে, দেশে করোনার (Covid 19) বাড়বাড়ন্ত রুখতে বুধবার জরুরি বৈঠকে বসে কেন্দ্র। এমতাবস্থায় জনবহুল স্থানে মাস্ক পরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দেশবাসীকে। সরকারের তরফে এও জানানো হয়েছে, অযথা ভীত হওয়ার কোনও প্রয়োজন নেই। এদিন বৈঠক শেষে ট্যুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনশুখ মাণ্ডব্য। ট্যুইট বার্তায় তিনি লেখেন, কোভিড এখনও অতীত হয়নি। আমি সংশ্লিষ্ট সব মহলকে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছি। আমরা যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Covid 19 Update: ফের করোনা-ঢেউয়ের ভ্রুকুটি! রাজ্যে কোভিড নজরদারিতে বিশেষ কমিটি

    Covid 19 Update: ফের করোনা-ঢেউয়ের ভ্রুকুটি! রাজ্যে কোভিড নজরদারিতে বিশেষ কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে চিনের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা শুনে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসচিব নারায়ণনস্বরূপ নিগমকে এ নিয়ে নজরদারি চালানোর নির্দেশ দিলেন তিনি। চিনের বর্তমান পরিস্থিতির কথা শুনে বৈঠকে মমতা বলেন, ‘‘আমাদের স্বাস্থ্য দফতরকে একটু খবর রাখতে বলব। চিনে যে ভাবে ছড়াচ্ছে… যাঁরা এই রোগটি সম্পর্কে বোঝেন, তাঁদের নিয়ে একটি টিম গঠন করুন।’’ মুখ্যমন্ত্রীই জানিয়ে দেন, ওই দলে কারা কারা থাকবেন। তিনি বলেন, ‘‘ওই টিমটাকে নেতৃত্ব দেবেন স্বাস্থ্যসচিব। থাকবেন ডিএম, ডিএইচএসও।’’

    রাজ্যে করোনা নজরদারিতে নতুন কমিটি

    চিনে করোনা সংক্রমণ নিয়ে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এ রাজ্যেও পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এ নিয়ে তিনি একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মতো নজরদারি কমিটিও গঠন করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই ওই কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের স্বাস্থ্যসচিবকে। এ ছাড়াও ওই কমিটিতে করোনা চিকিৎসার অভিজ্ঞতা রয়েছে এমন কোভিড বিশেষজ্ঞদের রাখা হবে। 

    আরও পড়ুন: ‘ভিড়ে মাস্ক পরুন, বুস্টার ডোজ নিন’, চিনে করোনার বাড়বাড়ন্তর পরই পরামর্শ কেন্দ্রের

    স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বৃহস্পতিবারই বৈঠকে বসতে পারে ওই কমিটি। কোভিড পরিস্থিতির বিষয়টি নজরে রেখে ভবিষ্যতে কী কী নির্দেশিকা জারি করা যেতে পারে, এই বৈঠকে তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি বজায় রাখার মতো নিয়মের উপর আবার জোর দেওয়া নিয়েও আলোচনা হতে পারে। পৌনে তিন বছর পর গত শনিবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে গিয়েছিল। এর পর মঙ্গলবারই রাজ্যে সাত জন করোনা আক্রান্তের হদিস মেলে। মৃত্যুও হয় এক জনের।

    কেন্দ্রের সতর্কতা

    কোভিডের চোখ রাঙানিতে উদ্বেগ বাড়ছে জাপান, কোরিয়া ও আমেরিকায়। বিপদের আঁচ পৌঁছে গিয়েছে ভারতেও। চিনে যে ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট তাণ্ডব চালাচ্ছে, সেই বিএফ.৭-র হদিশ মিলেছে এ দেশে। ওড়িশার একজন, আর গুজরাটে দু’জনের শরীরে পাওয়া গিয়েছে নয়া প্রজাতির ভাইরাস। স্রেফ রাজ্যগুলিকে সতর্ক করা নয়, এদিন করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ফের কিছু কিছু বিধিনিষেধ জারি করা যায় কি না, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। জিনোম সিকোয়েন্সিয়ের উপর জোর দিচ্ছে কেন্দ্র। রিপোর্ট পজিটিভ হলেই, নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Group-D Recruitment Scam: গ্রুপ ডি নিয়োগেও মোটা টাকার লেনদেন! আজ থেকেই ইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

    Group-D Recruitment Scam: গ্রুপ ডি নিয়োগেও মোটা টাকার লেনদেন! আজ থেকেই ইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির একটি মামলায় (Group-D Recruitment Scam) ফের ইডি-তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। লক্ষ্মী টুঙ্গা নামে এক চাকরিপ্রার্থীর মামলায় আজ ইডিকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সন্দেহ, সাদা ওএমআর শিটে মোটা টাকার বিনিময়ে বিকৃতি ঘটিয়ে চাকরি দেওয়া হয়েছে। আর তা তদন্ত করতেই এবারে এই মামলাতেও ইডিকে যুক্ত করলেন বিচারপতি।

    গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে ইডি তদন্তের নির্দেশ

    উত্তরপত্র বা ওএমআর শিটে বিকৃতি হয়েছে বলে মেনে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) (Group-D Recruitment Scam)। এই প্রেক্ষিতে বৃহস্পতিবারের মধ্যে ১০০টি ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এসএসসিকে এই ১০০ ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। একই সঙ্গে মামলাকারীর আইনজীবীকে আদালতের নির্দেশ, ২,৮২৩ জনের ওএমআর শিট বিকৃত করার যে অভিযোগ করা হচ্ছে, সেগুলি খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে। সিবিআই এই বিকৃত ওএমআর শিটগুলি উদ্ধার করেছে।

    আরও পড়ুন: বছরটা বাংলাতেই কাটছে অনুব্রতের! পরবর্তী শুনানি পর্যন্ত দিল্লি যাত্রায় স্থগিতাদেশ হাইকোর্টের

    আর এর পরেই গ্রুপ ডি-র প্রায় ১০০টি খাতা খতিয়ে দেখার পর জানা যায়, অধিকাংশ খাতাই সাদা। কয়েকটি খাতায় পরীক্ষার্থীরা ১ – ৪ নম্বর পেয়েছেন। কিন্তু এসএসসি-র সার্ভারে সেই নম্বরই দেখাচ্ছে ৪৩। ফলে বিচারপতির প্রশ্ন, “এসএসসি-তে সেই সময় কে ছিলেন চেয়ারম্যান?” উত্তরে আইনজীবী জানান, সুবীরেশ ভট্টাচার্য ছিলেন তৎকালীন চেয়ারম্যান। এর পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, “সিবিআইকে কি সুবীরেশ সব বলেছেন? যাঁর নির্দেশে করেছেন, তাঁর নাম কি বলেছেন? অধিকাংশ ওএমআর শিট ফাঁকা। বিশ্বাস করি না, টাকা ছাড়া এই ম্যানুপুলেশন সম্ভব। ইডিকে সব মামলায় যুক্ত করব। কোনও ব্যক্তি যেন পালিয়ে না যায়।”

    প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু হওয়ার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতেই গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি ইতিমধ্যেই গ্রেফতার করেছে মানিক ভট্টাচার্যকে। এবার আরও একটি মামলায় তদন্তভার যাচ্ছে ইডি-র হাতে। গ্রুপ ডি নিয়োগেও (Group-D Recruitment Scam) টাকার লেনদেন হয়েছে কি না, টাকা কার কাছে যেত? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এবারে তদন্ত করবে ইডি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pakistan Drone: ফের পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল ভারতীয় সেনা

    Pakistan Drone: ফের পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল ভারতীয় সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানি ড্রোনের (Pakistan Drone) ঢুকে পড়ার ঘটনা নতুন। আজ ফের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে একটি পাক ড্রোন। সেই ড্রোনকে গুলি করে নামাল ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, একটি পাক ড্রোন মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ পঞ্জাবের অমৃতসর জেলার সীমান্তবর্তী অঞ্চলে ঢুকে পড়ে। ড্রোনটিকে আবার বুধবার সকালে ওই জায়গায় দেখা যায়। বিএসএফের তরফে তড়িঘড়ি গুলি করে নামানো হয় ড্রোনটিকে।

    কী জানা গিয়েছে? 

    এক সেনা আধিকারিক জানিয়েছেন, ড্রোনটি বেশ কিছুক্ষণ ধরে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে উড়ছিল। সেনার তরফে একটি ড্রোন দিয়ে ওই ড্রোনটির (Pakistan Drone) উপর নজর রাখা শুরু হয়। তার পরই গুলি করে নামানো হয় ড্রোনটিকে। এই ঘটনার পরেই পাক সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি আরও জোরদার করেছে ভারতীয় সেনা।    

    সেনার তরফে জানানো হয়েছে চলতি বছর ভারতে পাক ড্রোনের (Pakistan Drone) আনাগোনা বেড়েছে। এই বছর এই অবধি ২৩০টি ড্রোনকে পাকিস্তানের বলে চিহ্নিত করা হয়েছে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১০৪। ২০২০ সালে ছিল ৭৭। ২০২০ সাল থেকে ২০২২ সালের অক্টোবর মাস পর্যন্ত শুধু পাঞ্জাবেই ২৯৭টি ড্রোন পাকিস্তান থেকে উড়ে এসেছে। পাঞ্জাব ছাড়াও গুজরাট, জম্মু, রাজস্থানে পাক ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ভারতীয় সেনা দাবি করেছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এই ড্রোনগুলির মাধ্যমে অস্ত্র এবং মাদক পাচার করে থাকে। 

    আরও পড়ুন: ‘ভিড়ে মাস্ক পরুন, বুস্টার ডোজ নিন’, চিনে করোনার বাড়বাড়ন্তর পরই পরামর্শ কেন্দ্রের

    উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাতে পাক সীমান্তে নজরে আসে আরও এক সন্দেহজনক পাক ড্রোন (Pakistan Drone)। ড্রোন থেকে ফেলা ২৫ প্যাকেট মাদক এপারে উদ্ধার করে ভারতীয় সেনা। ভারতীয় সেনার ত‍ৎপরতায় পাক সীমান্তের কাছে ভেঙে পড়ে ড্রোনটি। সেখান থেকে ড্রোনটি নিয়ে যায় পাক সেনা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     

     

     

     

  • Anubrata Mondal: বছরটা বাংলাতেই কাটছে অনুব্রতের! পরবর্তী শুনানি পর্যন্ত দিল্লি যাত্রায় স্থগিতাদেশ হাইকোর্টের

    Anubrata Mondal: বছরটা বাংলাতেই কাটছে অনুব্রতের! পরবর্তী শুনানি পর্যন্ত দিল্লি যাত্রায় স্থগিতাদেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাময়িক স্বস্তি! আপাতত বছরের শেষে আর দিল্লি যেতে হচ্ছে না গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। অনুব্রতের  দিল্লি যাত্রার বিষয়ে প্রোডাকশন ওয়ারেন্টে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট৷ সেখানে বলা হয়েছে, সেই আদালতে পরবর্তী শুনানি পর্যন্ত প্রোডাকশন ওয়ারেন্টে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। দিল্লি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জানুয়ারি। এর ফলে শুধু বছরের শেষই নয়, আগামী বছরের শুরুটাও নিজের রাজ্যেই থাকতে পারবেন কেষ্ট।

    আদালতের স্থগিতাদেশ

    গরু পাচার মামলায় জেরার জন্য বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার দিল্লি হাই কোর্টে (Delhi High Court) আবেদন জানান অনুব্রতর আইনজীবী। বুধবার সেই মামলাতেই স্বস্তি পেলেন তৃণমূল নেতা। জানানো হল, আপাতত তাঁকে দিল্লি নিয়ে যাওয়া যাবে না। প্রথমে মামলাটি দিল্লি হাইকোর্টের বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চে উঠেছিল। পরে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলের আর্জি মেনে মামলার বেঞ্চ বদল হয়। বুধবারই বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চে শুনানি হয়। এদিন বিচারপতি জানান, পরবর্তী শুনানির দিন যা রায় দেওয়া হবে, তা জানার পরেই পরবর্তী পদক্ষেপ করতে হবে। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও নির্দেশ দেওয়া হয়েছে, তারা যাতে ই মেল করে দিল্লি হাইকোর্টকে লিখিত ভাবে জানায় যে, তারা এখনই প্রোডাকশন ওয়ারেন্ট কাজে লাগাবে না। 

    আরও পড়ুন: ‘‘ডাকাতকে বাঁচাতে সরকার যা করছে, তাতে বিপদ বাড়ছে’’, অনুব্রত প্রসঙ্গে শুভেন্দু

    আগামী শুক্রবার থেকে দিল্লি হাইকোর্টে বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে। আদালত সূত্রে খবর, বিচারপতি যশমীত সিং নিজেও ছুটিতে যাচ্ছেন। অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হবে না। তাই শুনানির দিন কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৯ জানুয়ারি পরবর্তী শুনানি হবে। ফলে এবছর আর অনুব্রতর দিল্লি যাওয়ার কোনও সম্ভাবনা রইল না। বছরের শুরুটাও তিনি নিজ ভূমেই কাটাতে পারবেন। এর ফলে অনুব্রত অনেকটা সময় পেয়ে যাচ্ছেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • RBI Governor: বিপদের নাম ক্রিপ্টোকারেন্সি! সতর্ক করলেন শক্তিকান্ত দাস  

    RBI Governor: বিপদের নাম ক্রিপ্টোকারেন্সি! সতর্ক করলেন শক্তিকান্ত দাস  

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাইভেট ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrencies) জন্যই পরবর্তী অর্থনৈতিক সঙ্কট দেখা দিতে পারে। অন্তত এমনই আশঙ্কা প্রকাশ করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor)। এদিন বিজনেস স্ট্যান্ডার্ড বিএফএসআই ইনসাইট সামিটে ভাষণ দিচ্ছিলেন শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। তখনই তিনি জানান, এই ক্রিপ্টোকারেন্সিগুলোর কোনও মূল্য নেই। এটা বরং ঝুঁকির কারণ হতে পারে মাইক্রোইকনমিক ও ফাইনান্সিয়াল স্থায়িত্বের ক্ষেত্রে।

    আরবিআইয়ের গভর্নর বলেন…

    আরবিআইয়ের গভর্নর বলেন, ক্রিপ্টোকারেন্সির মধ্যে অনেক ঝুঁকি লুকিয়ে রয়েছে। আমাদের মাইক্রো ইকনিমিক ও ফাইনান্সিয়াল স্থায়িত্বের ক্ষেত্রে। এবং আমরা এগুলিকে চিহ্নিত করতে পেরেছি। তিনি বলেন, এ ব্যাপারে আর বিশেষ কিছু বলার আমাদের থাকতে পারে না। শক্তিকান্ত দাস বলেন, অন্যান্য সম্পদ কিংবা উৎপাদিত বস্তুর ক্ষেত্রে আমাদের মূল উদ্বেগ থাকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে। কারণ এর কোনও মূল্যই নেই। তিনি বলেন, ক্রিপ্টোকারেন্সি গোটা সিস্টেমটাকেই ভেঙে দেয়। কারণ তারা সেন্ট্রাল ব্যাঙ্কের মুদ্রা কিংবা তারা যে অর্থনৈতিক বিশ্বকে নিয়ন্ত্রণ করে, সেটা মানে না। প্রসঙ্গত, নিউজ এজেন্সি ব্লুমবার্গের এক সমীক্ষায় ৭০ শতাংশ অর্থনীতিবিদ আমেরিকায় অর্থনৈতিক মন্দার আভাসের কথা মেনে নিয়েছেন। তাঁরা বলছেন, ২০২৩ সালে অর্থনৈতিক মন্দা আসতে পারে।

    শক্তিকান্ত দাস (RBI Governor) বলেন, ডিজিটাল মুদ্রা হবে ভবিষ্যতের মুদ্রা। সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি ডিজিটাল মুদ্রার প্রচার করবে। এর পরেই তিনি বলেন, ক্রিপ্টো কারেন্সি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণও হয়ে উঠতে পারে। কারণ ক্রিপ্টো কারেন্সি সম্পূর্ণরূপে অনুমানের ওপর ভিত্তি করে হয়। তিনি বলেন, গত কয়েক মাসে অনেক এক্সচেঞ্জ বন্ধ হয়ে গিয়েছে। এ বছর অনেক ক্রিপ্টোকারেন্সির দর ৬০-৯০ শতাংশ কমেছে। মার্চে বিটকয়েন ৩০ হাজার ডলার ছাড়িয়েছিল। তার পর থেকে এখনও পর্যন্ত এটি নেমে এসেছে ১৪ হাজার ডলারে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর (RBI Governor) বলেন, ক্রিপ্টোকারেন্সি বন্ধ করে দেওয়া উচিত। কারণ এর বাড়বাড়ন্ত হলে, পরবর্তী অর্থনৈতিক সঙ্কট দেখা দেবে। এবং সেটা হবে ক্রিপ্টোকারেন্সির জন্যই।

     

  • Shah Rukh Khan: কিং খান-এর নাম সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায়!

    Shah Rukh Khan: কিং খান-এর নাম সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায়!

    মাধ্যম নিউজ ডেস্ক: এমনিতেই তাঁকে ‘বাদশা’ বলা হয় না। তাঁর অ্যাক্টিং স্কিল, স্ক্রিন প্রেজেন্স থেকে শুরু করে তাঁর বিনয়ী স্বভাব, তাঁর ব্যক্তিত্বের জন্য তিনি অচিরেই হয়ে উঠেছেন গ্লোবাল সুপারস্টার। তাই তিনি শুধু বলিউডের নন, সারা পৃথিবীর মানুষের কাছেই ‘বাদশা’। আর তাঁরই প্রমাণ পাওয়া গেল ফের একবার। পৃথিবীর সেরা ৫০ অভিনেতার তালিকায় নাম তুলে নিলেন একমাত্র ভারতীয় অভিনেতা ও সবার প্রিয় শাহরুখ খান। ‘এম্পায়ার ম্যাগাজিন’-এর তরফে দুনিয়ার কিছু সেরা, এবং চিরস্মরণীয় নাম এই তালিকায় রাখা হয়েছে। আর এবারে এটিতে জায়গা করে নিয়েছেন কিং খানও।

    পৃথিবীর সেরা ৫০ অভিনেতার তালিকায় বাদশার নাম

    সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এম্পায়ার ম্যাগাজিন প্রকাশ করে সেরা ৫০-এর তালিকা। এ যাবৎ সর্বকালের সেরা ৫০ অভিনেতাকে বেছে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের ভোটেই তৈরি হয়েছে সেই তালিকা। আর সেখানে বেছে নেওয়া হয়েছে শাহরুখকে। ভারতীয় অভিনেতাদের মধ্যে শুধু তাঁর নামই রয়েছে এই তালিকায়। আর অন্য কোনও ভারতীয় অভিনেতা-অভিনেত্রীর এই তালিকায় নাম আসেনি। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে আল প্যাসিনো, লিওনার্দো ডিক্যাপ্রিও, মার্লন ব্র্যান্ডো, ডেনজেল ওয়াশিংটন, টম ক্রজ, ফ্লোরেন্স পাগ, টম হ্যাঙ্কস, কেট উইন্সলেট সহ আরও অনেকের।

    আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় সংকীর্ণ মানসিকতা প্রকাশ পায়! ‘পাঠান’ বিতর্কে মুখ খুললেন শাহরুখ খান

    শাহরুখের সেরা কিছু কাজের উল্লেখ

    এই লিস্টে বাদশাহের একাধিক সেরা কাজের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি থেকে রাহুল খান্নার চরিত্র, সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ থেকে দেবদাস মুখোপাধ্যায়, আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবি থেকে মোহন ভার্গব- এর চরিত্র, করণ জোহরের ‘মাই নেম ইজ খান’ থেকে রিজওয়ান খান-এর চরিত্র ইত্যাদি। আবার এই তালিকায় কিং খানের একাধিক ডায়লগের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে, ‘জব তক হ্যায় জান’ ছবির ‘জীবন প্রতিদিন আমাদের একটু একটু করে মারে। আর বোমা একেবারে’ ডায়লগটি।

    উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর কিং খান তাঁর নতুন ছবি ‘পাঠান’ নিয়ে আগামী বছর বড়পর্দায় ফিরতে চলেছেন। এই ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর সঙ্গে দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামকে এই ছবিতে দেখা যাবে। ফলে তাঁকে আবার বড় পর্দায় দেখতে অপেক্ষায় বসে রয়েছেন তাঁর অনুরাগীরা।

  • Ajanta Circus: দু’বছর পর কলকাতার বুকে ফের ফিরে এল ঐতিহ্যবাহী অজন্তা সার্কাস

    Ajanta Circus: দু’বছর পর কলকাতার বুকে ফের ফিরে এল ঐতিহ্যবাহী অজন্তা সার্কাস

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সময় শীত মানেই ছিল সার্কাস। কিন্তু মোবাইলের যুগে সেসব এখন সব অতীত। বন্য প্রাণী সংক্রান্ত নানা বিধিনিষেধের কারণে এখন সার্কাসে পশুপাখি বলতে রয়েছে কিছু ম্যাকাও পাখি ও কুকুর৷ বিদেশি জিমন্যাস্টরাও নেই। ফলে সার্কাসে আগের মতন দর্শক আসে না। নেই তেমন জৌলুসও। তার পর করোনার দাপটে দুবছর সার্কাস বন্ধ ছিল। তবে এসবের পরেও কিছু চমক নিয়ে ফের হাজির হয়েছে সার্কাসের দল৷ ৫০ বছর ধরে মানুষের মনোরঞ্জন করা অজন্তা সার্কাস (Ajanta Circus) ফিরে এল কলকাতার বুকে। কোভিড মহামারীর জন্য বন্ধ ছিল সার্কাসের দরজা, কিন্তু এবারে নতুন আকর্ষণীয় খেলা নিয়ে ফিরে এসেছে তারা।

    ফের অজন্তা সার্কাস কলকাতার বুকে

    অজন্তা সার্কাস (Ajanta Circus) ভারতের অন্যতম জনপ্রিয় সার্কাস, যা ৫০ বছর ধরে মানুষদের মনোরঞ্জন দিয়ে আসছে। আগের মত তেমন জাঁকজমক না থাকলেও মানুষ একেবারেই ভুলে যায়নি সার্কাসকে। কোভিডের জন্য দুবছর সার্কাস বন্ধ থাকলেও ফের হাতেগোনা দর্শক নিয়ে শুরু হল অজন্তা সার্কাস৷ নিজেদের ঐতিহ্যকে এখনও ধরে রেখেছে তারা।

    অজন্তা সার্কাসের ম্যানেজার কী বললেন?

    অজন্তা সার্কাসের (Ajanta Circus) ম্যানেজার সুজিত ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছেন, সার্কাস বর্তমান প্রজন্মের কাছে আগের মত জনপ্রিয় নয়, প্রাণীর ব্যবহারে বিভিন্ন বিধি নিষেধের কারণে সার্কাসটি প্রথমে তার জনপ্রিয়তা হারায়। তারপর আসে মহামারী, যার ফলে সার্কাসের অনেক ক্ষতি হয়। বাইশ বছর ধরে সার্কাসের সঙ্গে যুক্ত সুজিত ঘোষ বলেন, “সার্কাস শোতে বন্যপ্রাণী ব্যবহারে নিষেধাজ্ঞা ও শ্রম আইনের কঠোরতার কারণে আমাদের সার্কাস আগের মত দর্শকদের আকর্ষণ করে না। এছাড়াও কোভিড ১৯-এর বিধি নিষেধের কারণে আন্তর্জাতিক শিল্পীরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তবে আমরা তাদের এখন ভিসা ও পাসপোর্টের ব্যবস্থা করার প্রক্রিয়া আবার শুরু করেছি এবং তাঁরা খুব শীঘ্রই ফিরে আসবেন। তিনি আরও বলেন, “কোভিডের পরে সার্কাস ফিরিয়ে আনা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু কলকাতা লোকেদের এখনও আমাদের শোগুলির জন্য অনেক আগ্রহ রয়েছে। তারা সার্কাসে আসছেন এবং আগের মত উপভোগ করছেন। আমরা আশা করি, আগামী দিনে ভালো ব্যবসা করতে পারব।” 

    তিনি টিকিটের ও শো টাইমের ব্যাপারেও বলেছেন। তিনি জানিয়েছেন, টিকিটের দাম রাখা হয়েছে ১০০-৪০০ টাকা। তাঁরা আবার অনলাইনে টিকিট বুক করার ব্যবস্থাও চালু করেছে, যাতে দর্শকদের লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে না হয়। গত একমাস ধরে এই অজন্তা সার্কাস(Ajanta Circus) চলবে৷ শুরু হবে দুপুর ১টা থেকে৷ শেষ হবে সন্ধ্যে ৭ টা পর্যন্ত৷ দিনে দুটো-তিনটে শো-এ তাদের সার্কাস চলছে৷ কোভিড পরিস্থিতি কাটিয়ে বিপুল দর্শকের আশাবাদী সার্কাস কর্মীরা৷

  • IPL Auction 2023: সাকিবকে দেড় কোটিতে নিয়ে কি ভুল করল কেকেআর?

    IPL Auction 2023: সাকিবকে দেড় কোটিতে নিয়ে কি ভুল করল কেকেআর?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঠের লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স বাকি দলগুলিকে কতটা টক্কর দেবে সেটা সময় বলবে। তবে ১৬তম আইপিএলের নিলামে (IPL Auction 2023) শাহরুখ খানের দল খুব একটা পাত্তা পেল না। নামী ক্রিকেটার বলতে একমাত্র শাকিব-আল-হাসানকেই শেষ বেলায় দেড় কোটি টাকা দিয়ে নিয়েছে কেকেআর। আর তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ, ২০২১ সালেও তো বাংলাদেশের অলরাউন্ডারটি কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরেছিলেন। কিন্তু আহামরি পারফরম্যান্স মেলে ধরতে না পারায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। গত বছর কোনও দল পাননি শাকিব। হঠাৎ করে এবার কেন তাঁর পিছনে দেড় কোটি টাকা ঢালতে গেল নাইট রাইডার্স, তা দেখে অনেকেই বিস্মিত।

    শাকিব কি পারবে?

    শাকিবের এখন নতুন করে কিছু দেওয়ার নেই। ২০১৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ঠিকই, কিন্তু আট বছর সময় পেরিয়ে গিয়েছে। এই শাকিব এখন ধারে নয়, নামের ভারে কাটে। ২০২২ সালে দেশের হয়ে ১৫টি টি-২০ খেলে ৩৪৯ রান করেছে। তার মধ্যে অর্ধশতরান তিনটি। উইকেটও তিনটি। পরিসংখ্যান মোটেও আকর্ষণীয় নয়। সেই কারণেই নিলামের শুরুতে তাঁর নাম ওঠার পর কোনও সাড়া মেলেনি। বাংলাদেশের অলরাউন্ডারটি অবিক্রিত থেকে গিয়েছিলেন। শেষ বেলায় কলকাতা নাইট রাইডার্স দেড় কোটি টাকা দিয়ে কিনে নেয় শাকিবকে।

    আরও পড়ুন: স্বল্প পুঁজিতেই ঘর গোছানোর চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের

    ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ইডেনের পিচে গ্রীষ্মকালীন আইপিএলে স্পিনাররা সুবিধা পায়। সেক্ষেত্রে শাকিবের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তাছাড়া তিনি ব্যাটও করতে পারেন। তাতে মিডল ও লোয়ার মিডল অর্ডার মজবুত হবে। আর আন্দ্রে রাসেলের নির্ভরতা কমানোর যে পরিকল্পনা কেকেআর টিম ম্যানেজমেন্ট নিয়েছে, তারই অঙ্গ হিসেবেই শাকিবকে রিক্রুট করা হল বলে ধারণা। তাছাড়া বিভিন্ন দেশের টি-২০ লিগে নিয়মিত খেলেন শাকিব। সেই অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় কলকাতা নাইট রাইডার্স। শাকিব একা নন, বাংলাদেশের আরেক তারকা ব্যাটার লিটন দাসকেও দলে নিয়েছে কেকেআর। লিটনকে তাঁর ন্যূনতম দর ৫০ লক্ষ টাকাতেই কেনে এপার বাংলার ফ্রাঞ্চাইজি। উল্লেখ্য সম্প্রতি এই লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল দেশের মাটিতে ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে।

  • EPFO: অক্টোবরে ইপিএফও অ্যাকাউন্টের ১৩ লক্ষ নতুন সাবস্ক্রাইবার, বেশিরভাগই ১৮-২১- এর মধ্যে

    EPFO: অক্টোবরে ইপিএফও অ্যাকাউন্টের ১৩ লক্ষ নতুন সাবস্ক্রাইবার, বেশিরভাগই ১৮-২১- এর মধ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছর অক্টোবর মাসে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (EPFO) ১২.৯ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। আগের বছরের তুলনায় ২১,০২৬ জন সদস্য বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এমনই তথ্য দিল কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।  

    ইপিএফও-এর (EPFO) অস্থায়ী বেতনের তথ্য অনুসারে অক্টোবর মাসে মোট ১২.৯ লক্ষ গ্রাহক যুক্ত হয়েছেন। এর মধ্যে, প্রায় ৭.২ লক্ষ নতুন সদস্য প্রথমবারের মতো ইপিএফও-এর সামাজিক সুরক্ষা কভারের আওতায় এসেছেন। 

    কী বলছে পরিসংখ্যান? 

    নতুন সদস্যদের মধ্যে, ১৮- ২১ বছর বয়সীরা সবচেয়ে বেশি রয়েছেন। সেই সংখ্যা ২.২ লক্ষ। ২২ থেকে ২৫ বছরের মধ্যে রয়েছেন ১.৯ লক্ষ সদস্য। মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন সদস্যদের মধ্য ৫৭.২%-ই ১৮-২৫ বছর বয়সী।

    বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ২০২২ সালের অক্টোবরে প্রায় ৫.৬ লক্ষ সদস্য ইপিএফও (EPFO) ছেড়ে দিয়েছিলেন। এর মধ্যে অনেকেই পুনরায় যোগদান করেন। পে-রোল ডেটার একটি লিঙ্গ-ভিত্তিক বিশ্লেষণে দেখা গিয়েছে যে ২০২২ সালের অক্টোবরে ২.৬ লক্ষ মহিলা তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে ১.৯ লক্ষ মহিলা প্রথমবার ইপিএফও-র সঙ্গে যুক্ত হয়েছেন। কেরল, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডে মাসিক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি এবং হরিয়ানাতেও অক্টোবর মাসে ৭.৭ লক্ষের কাছাকাছি সদস্য যুক্ত হয়েছেন।

    আরও পড়ুন: মৃতদেহের স্তূপ, কাজ করছেন সংক্রমিতরা, চিনের করোনা পরিস্থিতিতে তস্ত্র গোটা বিশ্ব 

    কর্মচারী প্রভিডেন্ট ফান্ড, সাধারণত প্রভিডেন্ট ফান্ড (EPFO) নামে পরিচিত। এটি একটি অবসর বেনিফিট স্কিম, যা সমস্ত বেতনভোগী কর্মচারীদের জন্য উপলব্ধ। একজন কর্মী প্রভিডেন্ট ফান্ডের অধীনে একটি ইপিএফ অ্যাকাউন্টে তাদের মূল বেতনের প্রায় ১২% পরিমাণ টাকা রাখতে পারেন। আপনার বুনিয়াদি বেতনের পুরো ১২% একটি কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করা হয়। বুনিয়াদি বেতনের ১২% এর মধ্যে ৩.৬৭% একটি কর্মচারী প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ-তে বিনিয়োগ করা হয় এবং বাকি ৮.৩৩% আপনার ইপিএস বা কর্মচারীর পেনশন প্রকল্পে ডাইভার্ট করা হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share