Blog

  • Cash Recovered from School: স্কুলে উদ্ধার ১ কোটি ৭৭ লক্ষ টাকা ও কন্ডোমের প্যাকেট! রাতভর তল্লাশি, আটক ২

    Cash Recovered from School: স্কুলে উদ্ধার ১ কোটি ৭৭ লক্ষ টাকা ও কন্ডোমের প্যাকেট! রাতভর তল্লাশি, আটক ২

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার নগদ টাকার সন্ধান (Cash Recovered from School) মিলল স্কুল থেকে। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার একটি বেসরকারি স্কুল থেকে উদ্ধার হল ১ কোটি ৭৭ লক্ষ টাকা। বুধবার গভীর রাতে ইংরেজি মাধ্যমের ওই বেসরকারি স্কুলে তল্লাশি অভিযান শুরু হয়। বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত চলে তল্লাশি। কিছু দিন আগে কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র সংসদের কার্যালয়ের আলমারি থেকে সুটকেস ভর্তি উই-ধরা টাকা উদ্ধার হয়েছিল। মিলেছিল অস্ত্র এবং গর্ভনিরোধকের প্যাকেটও। এ বার কাঁচরাপাড়ার (Kanchrapara) স্কুলেও মিলল নগদ টাকা এবং কন্ডোমের প্যাকেট।

    টাকা গোনার যন্ত্র এনে তল্লাশি

    বুধবার গভীর রাতে বীজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনি এলাকার হারনেট বিদ্যালয়ে তল্লাশি অভিযান চালায়। রাতভর খোঁজাখুঁজির পর বিদ্যালয়ের দীর্ঘদিন বন্ধ থাকা একটি ঘর থেকে উদ্ধার হয় ১ কোটি ৭৭ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অর্থের পরিমাণ এত বেশি ছিল যে তা গোনার জন্য তিনটি টাকা গোনার যন্ত্র নিয়ে আসতে হয়। ভোর পর্যন্ত চলে গণনার কাজ। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে টাকা গণনা শেষে নগদ অর্থ বাজেয়াপ্ত করে পুলিশ। তল্লাশির সময় বিদ্যালয়ের সিক রুমের একটি আলমারি থেকে গর্ভনিরোধকের প্যাকেটও উদ্ধার হয়েছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে।

    কীভাবে মিলল টাকার হদিশ

    রাজ্যে পালাবদলের পর থেকে বীজপুরের নতুন বিধায়ক সুদীপ্ত দাস তাঁর বিধানসভা এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ‘ডেটা ব্যাঙ্ক’ তৈরির কাজ শুরু করেছেন। সেই কাজের সূত্র ধরেই এই স্কুলের বিষয়ে খবর পান বিধায়কের প্রতিনিধিরা। উদ্ভূত পরিস্থিতিতে রাতেই স্কুলে পৌঁছে যান বিধায়ক। খবর দেওয়া হয় থানাতেও। কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছোয়। নগদ উদ্ধারের পর রাতেই টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয় স্কুলে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া অর্থের উৎস এবং স্কুলে এত বিপুল পরিমাণ নগদ কী ভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলে পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছে প্রশাসন। সূত্রের খবর, এই টাকা উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের সময়ে কথাবার্তায় অসঙ্গতি মেলায় স্কুলের ক্যাশিয়ার অভীক নাথ, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট সায়ন ঘোষকে আটক করেছে বীজপুর থানা পুলিশ।

    কালো টাকা লুকনো হত স্কুলে

    টাকা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে যেমন টাকা পাওয়া গিয়েছিল, সে রকম টাকা। এমন ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে মানে… স্কুলে তো বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ। তার পরে আজকে এই ঘটনা ধরা পড়েছে।” বিধায়ক আরও বলেন, “এই টাকা স্কুলের টাকাও নয়। এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এখন যা বোঝা যাচ্ছে, এত টাকা তারা ইডি-সিবিআইয়ের ভয়ে এই স্কুলে লুকোত। স্কুলে এত টাকা কোথা থেকে থাকবে!” বিধায়কের দাবি, এই স্কুলের পরিচালন সমিতির প্রেসিডেন্ট পদে ছিলেন কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র পালের দাবি, উদ্ধার হওয়া অর্থ ছাত্রভর্তির ফি বাবদ জমা পড়া টাকা। তাঁর বক্তব্য, কয়েক মাস ধরে সেই অর্থ জমা ছিল এবং তা ব্যাঙ্কে পাঠানোর কথা ছিল। তবে অসুস্থদের বিশ্রামকক্ষে গর্ভনিরোধকের প্যাকেট কীভাবে এল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন।

     

     

     

     

     

  • Iran-US Conflicts: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন! ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা বাহরিন-কুয়েতে তেহরানের ড্রোন হানা

    Iran-US Conflicts: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন! ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা বাহরিন-কুয়েতে তেহরানের ড্রোন হানা

    মাধ্যম নিউজ ডেস্ক: শান্তিচুক্তি জলে। ইরান ও আমেরিকার (Iran-US Conflicts) মধ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধে উত্তাল মধ্যপ্রাচ্য। ফের অশান্ত হরমুজ প্রণালী (Strait Of Hormuz)। বুধবার রাতভর ইরানে গোলাবর্ষণ করেছে আমেরিকা। পালটা জবাব দিয়েছে তেহরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। ইরানের একটি সংবাদমাধ্যম সূত্রে বাহরিন, কুয়েত ও জর্ডনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইরানের এই হামলার নিন্দা করেছে বাহারিন সেনা। কুয়েত ও জর্ডনও এই হামলার বিরোধিতা করেছে। অসামরিক নাগরিকদের উপর এই হামলা চালোনো হয়েছে বলে দাবি করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলি।

    ইরানের একাধিক শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র

    ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই। সেই মতো বুধবার ইরানে আক্রমণের তীব্রতা আরও বৃদ্ধি করে মার্কিন সেনা। বুধবার রাতভার সিরিক, মিনাব-সহ ইরানের একাধিক শহরে আছড়ে পড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র। মুহুর্মুহু বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সূত্রের খবর, তড়িঘড়ি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরানি সেনা। যদিও এই হামলায় হতাহতের খবর এখনও জানা যায়নি। ইরানের সংবাদমাধ্যমগুলির তরফে জানানো হয়েছে, কেবল সিরিক এবং মিনাব শহরেই নয়, বন্দর আব্বাস, কাশেম দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন হামলার পালটা জবাব দেয় তেহরান। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার একাধিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। ইরানের ইসলামিক রিভ্যালুশিনারী গার্ডের দাবি, বৃহস্পতিবার সকালে প্রত্যাঘাত করে তেহরান। কুয়েত, বাহরিন-সহ একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়। এই হামলায় একটি মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তারা।

    ট্রাম্পের হুঁশিয়ারি, পাল্টা ইরানের

    বুধবারই ট্রাম্প বলেছিলেন, “আমেরিকা গত কাল জোরালা হামলা চালিয়েছে। আজ আবার ওদের (ইরান) উপর হামলা চালাতে চলেছে। ওরা চুক্তির জন্য সমঝোতা করতে অনেক বেশি সময় নিয়ে ফেলেছে। চুক্তি করলে তা ওদের জন্য খুব ভাল হত। কিন্তু এখন ওদের মূল্য চোকাতে হবে।” ট্রাম্পের কথার সূত্র ধরেই মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ পরে জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে আমেরিকা। আমেরিকাকে জবাব দিয়েছে ইরানও। সে দেশের পার্লামেন্টের জাতীয় সুরক্ষা সংক্রান্ত কমিটির প্রধান ইব্রাহিম আজিজির হুঁশিয়ারি, “যুদ্ধ নির্দিষ্ট কোনও অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না।” মনে করা হচ্ছে, এই মন্তব্য করে ইরান ইঙ্গিত দিতে চেয়েছে যে, পশ্চিম এশিয়ার যে দেশগুলিতে মার্কিন ঘাঁটি আছে, সেই সমস্ত দেশে হামলা চালাবে তারা।

    ফের অশান্ত হরমুজ, তেলের দাম ঊর্ধ্বমুখী

    আমেরিকার পাল্টা কৌশলে হরমুজ প্রণালী ধরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে ইরান। তেহরানের হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা এড়িয়ে কোনও জাহাজ প্রণালী অতিক্রম করলে উপযুক্ত জবাব দেওয়া হবে। আমেরিকার যদিও দাবি, হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়, ইরানের ‘ধারাবাহিক আগ্রাসন’ মোকাবিলায় সক্রিয় আমেরিকা। তব, হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার কথা জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)। আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালী অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলেও ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। উল্লেখ্য, গত সোমবার হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। ইরান সেটি ভূপাতিত করেছে বলে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করে। এরপর থেকেই দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা চলছে।

    কেন হামলা,জানাল ইরান

    যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। আল জাজিরা জানিয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে যে বাহরিনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল-জাবের বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক কোনও তথ্য পাওয়া যায়নি। ইরান দাবি করেছে, গত এপ্রিলে দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল, যুক্তরাষ্ট্র বারবার তা লঙ্ঘন করেছে। এ প্রেক্ষাপটে নিজেদের প্রতিরক্ষার অংশ হিসেবে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

    রাষ্ট্রপুঞ্জের সভায় ইরানের দাবি

    বাহরিনে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ড্রোন। রাষ্ট্রপুঞ্জের সভায় বিষয়টিকে ‘আত্মরক্ষার অধিকার’ হিসেবে ব্যাখ্যা করেছে ইরান। বুধবার ইরানের বিদেশমন্ত্রকের তরফে রাষ্ট্রপুঞ্জের সভায় বাহরিনে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালানোটা কতটা জরুরি ছিল, তা বিশদে ব্যাখ্যা করা হয়েছে। সেই সঙ্গে দক্ষিণ ইরানে হামলা চালিয়ে আমেরিকা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের সনদকে উপেক্ষা করেছে— এমন অভিযোগও এনেছে তেহরান। পাশাপাশি, বিষয়টি আমেরিকার পরিকল্পিত আগ্রাসন ছাড়া কিছু নয়, এমনটাও দাবি করেছে ইরান।

    ইরানি হামলার নিন্দা বাহরিন-কুয়েত-সৌদি-মিশরের 

    বাহরিন, কুয়েত, জর্ডন, আরব-আমিরাত ইরানের হামলার নিন্দা করেছে। জর্ডান, বাহরিন এবং কুয়েতের ওপর ইরানের হামলার ঘটনায় ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে মিশরও। একই সঙ্গে এই তিন দেশের প্রতি ‘পূর্ণ সংহতি’ পুনর্ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের চলমান এই অস্থিরতায় জর্ডন, বাহরিন এবং কুয়েতের পাশে আছে মিশর। এক বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলার ঘটনা ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার চরম লঙ্ঘন। এতে বিপজ্জনক ভাবে উত্তেজনা বৃদ্ধি পাবে যা সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। বাহরিন দাবি করেছে, অসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান, যা কখনওই কাম্য নয়। বাহরিন সেনা এর জবাব দিতে প্রস্তুত। সৌদি আরব ইরানের এই হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে।

  • Ramakrishna 666: “এ জগতের বন্দোবস্ত দেখে বোধ হয় যে, শয়তানে করেছে, আমি এর চেয়ে ভাল জগৎ সৃষ্টি করতে পারতাম”

    Ramakrishna 666: “এ জগতের বন্দোবস্ত দেখে বোধ হয় যে, শয়তানে করেছে, আমি এর চেয়ে ভাল জগৎ সৃষ্টি করতে পারতাম”

    ৫৩ কাশীপুর বাগানে ভক্তসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ

    বুদ্ধদেব কি ঈশ্বরের অস্তিত্ব মানতেন? নরেন্দ্রকে শিক্ষা

    একবিংশ পরিচ্ছেদ

    ১৮৮৬, ২২শে এপ্রিল

    শ্রীরামকৃষ্ণ হীরানন্দ প্রভৃতি ভক্তসঙ্গে কাশীপুরের বাগানে

    ঠাকুরের উপদেশ—“যো কুছ হ্যায় সো তুঁহি হ্যায়”—নরেন্দ্র ও হীরানন্দের চরিত্র 

    কাশীপুরের বাগান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) উপরের হলঘরে বসিয়া আছেন। সম্মুখে হীরানন্দ, মাস্টার, আরও দু-একটি ভক্ত, আর হীরানন্দের সঙ্গে দুইজন বন্ধু আসিয়াছেন। হীরানন্দ সিন্ধুদেশনবাসী। কলিকাতার কলেজে পড়াশুনা করিয়া দেশে ফিরিয়া গিয়া সেখানে এতদিন ছিলেন। শ্রীরামকৃষ্ণের অসুখ হইয়াছে শুনিয়া তাঁহাকে দেখিতে আসিয়াছেন। সিন্ধুদেশ কলিকাতা হইতে প্রায় এগার শত ক্রোশ হইবে। হীরানন্দকে দেখিবার জন্য ঠাকুর ব্যস্ত হইয়াছিলেন (Kathamrita)।

    ঠাকুর হীরানন্দের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মাস্টারকে ইঙ্গিত করিলেন, — যেন বলিতেছেন, ছোকরাটি খুব ভাল।

    শ্রীরামকৃষ্ণ — আলাপ আছে?

    মাস্টার — আজ্ঞে আছে।

    শ্রীরামকৃষ্ণ (হীরানন্দ ও মাস্টারের প্রতি) — তোমরা একটু কথা কও, আমি শুনি।

    মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, “নরেন্দ্র আছে? তাকে ডেকে আন।”

    নরেন্দ্র উপরে আসিলেন ও ঠাকুরের কাছে বসিলেন।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—একটু দুজনে কথা কও।

    হীরানন্দ চুপ করিয়া আছেন। অনেক ইতস্তত করিয়া তিনি কথা আরম্ভ করিলেন।

    হীরানন্দ (নরেন্দ্রের প্রতি) — আচ্ছা, ভক্তের দুঃখ কেন?

    হীরানন্দর কথাগুলি যেন মধুর ন্যায় মিষ্ট (Kathamrita)। কথাগুলি যাঁহারা শুনিলেন তাঁহারা বুঝিতে পারিলেন যে, এঁর হৃদয় প্রেমপূর্ণ।

    নরেন্দ্র — The scheme of the universe is devilish! I could have created a beter world! (এ জগতের বন্দোবস্ত দেখে বোধ হয় যে, শয়তানে করেছে, আমি এর চেয়ে ভাল জগৎ সৃষ্টি করতে পারতাম।)

    হীরানন্দ — দুঃখ না থাকলে কি সুখ বোধ হয়?

    নরেন্দ্র — I am giving no scheme of the universe but simply my opinion of the present scheme. (জগৎ কি উপাদানে সৃষ্টি করতে হবে, আমি তা বলছি না। আমি বলছি — যে বন্দোবস্ত সামনে দেখছি, সে বন্দোবস্ত ভাল নয়।)

    “তবে একটা বিশ্বাস করলে সব চুকে যায়। Our only refuge is in pantheism: সবই ঈশ্বর, — এই বিশ্বাস হলেই চুকে যায়! আমিই সব করছি।”

    হীরানন্দ — ও-কথা বলা সোজা।

    নরেন্দ্র (Ramakrishna) নির্বাণষট্‌কম্‌ সুর করিয়া বলিতেছেন:

    ওঁ মনোবুদ্ধ্যহঙ্কারচিত্তানি নাহং ন চ শ্রোত্রজিহ্বে ন চ ঘ্রাণনেত্রে।
    ন চ ব্যোম ভূমির্ন তেজো ন বায়ুশ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্‌ ॥ ১
    ন চ প্রাণসংজ্ঞো ন বৈ পঞ্চবায়ুর্ন বা সপ্তধাতুর্ন বা পঞ্চকোষাঃ।
    না বাক্‌পাণিপাদং ন চোপস্থপায়ুশ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্ ॥ ২
    ন মে দ্বেষরাগৌ ন মে লাভমোহৌ মদো নৈব মে নৈব মাৎসর্যভাবঃ।
    ন ধর্মো ন চার্থো ন কামো ন মোক্ষশ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্‌ ॥ ৩
    ন পুণ্যং ন পাপং ন সৌখ্যং ন দুঃখং ন মন্ত্রো ন তীর্থং ন বেদা ন যজ্ঞাঃ।
    অহং ভোজনং নৈব ভোজ্যং ন ভোক্তা চিদানন্দরূপং শিবোঽহং শিবোঽহম্‌ ॥ ৪
    ন মৃত্যুর্ন শঙ্কা ন মে জাতিভেদঃ পিতা নৈব মে নৈব মাতা ন জন্ম।
    ন বন্ধুর্নমিত্রং গুরুর্নৈব শিষ্যশ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্‌ ॥ ৫
    অহং নির্বিকল্পো নিরাকাররূপো বিভুত্বা সর্বত্র সর্বেন্দ্রিয়াণাম্‌।
    ন চাসঙ্গতং নৈব মুক্তির্নমেয়শ্চিদানন্দরূপং শিবোঽহং শিবোঽহম্‌ ॥।।

  • Firhad Hakim: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এফআইআর দায়ের

    Firhad Hakim: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এফআইআর দায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: একটি ধর্মীয় অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে চেতলা থানায় একটি লিখিত অভিযোগ (FIR) দায়ের করা হয়েছে। কলকাতার এক বিজেপি কর্মী এই অভিযোগ দায়ের করে মেয়রের অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

    ঘটনার বিবরণ ও অভিযোগের ভিত্তি (Firhad Hakim)

    অভিযোগকারী বিজেপি কর্মীর দাবি, একটি ধর্মীয় সমাবেশে বক্তব্য রাখার সময় কলকাতার মেয়র এমন কিছু মন্তব্য করেছিলেন যা কলকাতার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারত এবং একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হেনেছে।

    আইনি পদক্ষেপের দাবি

    অভিযোগকারীর মতে, একজন গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে আসীন জনপ্রতিনিধির মুখ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত অনভিপ্রেত। তাই ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা অনুযায়ী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানানো হয়েছে।

    বিজেপির অবস্থান

    রাজ্য বিজেপির একাংশের পক্ষ থেকে ববির দাওয়াতে ইসলাম মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই বারংবার এই ধরনের মন্তব্য করা হচ্ছে, যা কলকাতার সামাজিক সম্প্রীতির পরিপন্থী।

    অভিযোগ নেয়নি এই থানা

    যে বিজেপি কর্মী ববির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি বলেন, “তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ ২০২৪ সালের ৭ নভেম্বর সন্দেশখালিতে তৃণমূলের একটি সভায় মহিলাদের মাল বলে সম্বোধন করেন। এবং প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন ও ব্যঙ্গাত্মক কথা বলেন। সেই ভিডিয়ো আমাদের কাছে রয়েছে। এই থানাতেই ওইদিন অভিযোগ জানাতে এসেছিলাম। কিন্তু, সেইসময় ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ নেয়নি এই থানাই। আজ তার পরিপ্রেক্ষিতে প্রাক্তন মেয়র ও প্রাক্তন পুরমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম। আবার ২০২৪ সালের ৩ জুলাই একটি সরকারি অনুষ্ঠানে ধর্মীয় উস্কানিমূলক কথা বলেছিলেন ফিরহাদ। তখন তিনি পুরমন্ত্রী। সেইসময় এই থানাতে আমরা এসেছিলেন। তখনও অভিযোগ নেয়নি। এদিন অভিযোগ নিয়েছে। ধর্মীয় বিভাজন ও উস্কানিমূলক কথাবার্তার জন্য আমি তাঁর গ্রেফতারির দাবি জানাই।”

    নবান্ন ও তৃণমূল শিবিরের প্রতিক্রিয়া

    এই অভিযোগ এবং চেতলা থানায় এফআইআর (FIR) দায়ের হওয়া প্রসঙ্গে ফিরহাদ হাকিম বা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে শাসক শিবিরের ঘনিষ্ঠ সূত্রের দাবি, মেয়রের (Firhad Hakim) বক্তব্যের ভুল ব্যাখ্যা করে বিরোধী রাজনৈতিক দলগুলি বিষয়টিকে রাজনৈতিক মাত্রা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সূত্রের খবর, লিখিত অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • Weather Update: স্বস্তির বৃষ্টি কলকাতায়, দক্ষিণবঙ্গের ৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা ও ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

    Weather Update: স্বস্তির বৃষ্টি কলকাতায়, দক্ষিণবঙ্গের ৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা ও ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক দিনের তীব্র ও দমবন্ধ করা গরমের (Weather Update) পর অবশেষে স্বস্তির দেখা মিলল। বুধবার বিকেলে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আকাশ কালো করে ধেয়ে এল কালবৈশাখী ঝড় ও ঝেঁপে বৃষ্টি। বিকেলেই যেন রাতের অন্ধকার নেমে আসে শহর জুড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে এই ঝড়-বৃষ্টির (Rain Forecast) দাপট বজায় থাকবে, যার ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে।

    জেলাভিত্তিক ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather Update)

    আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) বুধবারের সতর্কতা অনুসারে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় উঠেছে। দক্ষিণবঙ্গের ৭টি জেলায় আজ কালবৈশাখীর তীব্র সতর্কতা রয়েছে। জেলাগুলো হলো – কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি।

    বৃহস্পতিবারের সতর্কতা

    আগামীকাল বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির (Weather Update) দাপট বাড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বিশেষ করে দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া ও বর্ধমানের কিছু এলাকায় ভারী বৃষ্টিও (Rain Forecast) হতে পারে।

    রবিবার পর্যন্ত পূর্বাভাস

    আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain Forecast)  এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

    আবহাওয়ার মূল বার্তা

    আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দফায় দফায় ঝড়-বৃষ্টি চলবে। বিশেষ করে বাঁকুড়া ও বর্ধমানে ভারী বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

    উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা আনুষ্ঠানিক ভাবেই ঢুকে গিয়েছে। ফলে সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগু়ড়ি এবং আলিপুরদুয়ারে। উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। আগামী মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। অন্য দিকে, দক্ষিণবঙ্গে সাধারণত ১০ থেকে ১৫ জুনের মধ্যে বর্ষা প্রবেশ করে। এ বার কবে দক্ষিণে আনুষ্ঠানিক ভাবে বর্ষা ঢুকবে, তা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর গতিবিধির দিকে আবহাওয়া দফতর নজর রেখেছে।

  • PM Modi on Europe Tour: ৬ দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী, ১৩ জুন ফ্রান্স ও স্লোভাকিয়ায় যাচ্ছেন মোদি

    PM Modi on Europe Tour: ৬ দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী, ১৩ জুন ফ্রান্স ও স্লোভাকিয়ায় যাচ্ছেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরোপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Europe Tour)। আগামী ১৩ থেকে ১৮ জুন পর্যন্ত ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের পাশাপাশি তিনি জি-৭ শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন। সোমবার বিদেশ মন্ত্রকের (MEA) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সফরের প্রথমভাগে মোদি ফ্রান্সের নিস শহরে যাবেন। ১৪ জুন সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। সেখান থেকে স্লোভাকিয়ায় যাবেন প্রধানমন্ত্রী। ১৪ থেকে ১৬ জুন সেখানে থাকবেন মোদি। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। ১৬ ও ১৭ জুন জি-৭ বৈঠকে যোগ দিতে ফের ফ্রান্সের এভিয়ান শহরে আসবেন মোদি। এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সূত্রের খবর, এই পর্বে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন মোদি এবং ট্রাম্প। ১৮ জুন প্যারিসে আরও কয়েকটি বৈঠক করবেন মোদি। ভিভাটেক সামিটেও যোগ দেবেন তিনি।

    মোদি-ম্যাক্রঁ বৈঠক

    সফরের প্রথম পর্বে ১৩-১৪ জুন ফ্রান্সের নিস শহরে থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron)-এর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। দুই নেতা ভারত-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন। চলতি বছর দুই দেশের সম্পর্ককে ‘স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর স্তরে উন্নীত করা হয়েছে। নিসে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যৌথভাবে ‘ভারত ইনোভেটস’ (Bharat Innovates) অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ভারত-ফ্রান্স ইনোভেশন বর্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষ স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলি অংশ নেবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে উদ্ভাবন ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।

    স্লোভাকিয়া সফরে প্রধানমন্ত্রী

    এরপর ১৪-১৬ জুন স্লোভাকিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী। স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর (Robert Fico) আমন্ত্রণে এই রাষ্ট্রীয় সফর হবে। ১৯৯৩ সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দেশটি সফর করতে চলেছেন, যা ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী মোদি স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন এবং বাণিজ্য, বিনিয়োগ, অটোমোবাইল উৎপাদন ও রেলওয়ে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন অংশীদারিত্বের সম্ভাবনা খতিয়ে দেখবেন। তিনি স্লোভাক প্রেসিডেন্ট পিটা পেলেগ্রিনি (Peter Pellegrini)-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

    জি-৭ সম্মেলনে মোদি

    সফরের তৃতীয় পর্বে ১৬-১৭ জুন ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী (PM Modi on Europe Tour)। সেখানে তিনি জি-৭ সদস্য দেশগুলির নেতা, আমন্ত্রিত অংশীদার রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। ‘নতুন অংশীদারিত্ব গড়ে তোলা’, ‘সুষম ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি’ এবং ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নিরাপদ ও দ্রুত প্রয়োগ’— এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তিনি বক্তব্য রাখবেন। উল্লেখ্য, ২০২৫ সালে কানাডায় জি-৭ সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদি। এবারও জি-৭ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি। মনে করা হচ্ছে, বিশ্ব অর্থনীতি, হরমুজ প্রণালীর নিরাপত্তা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা হবে ওই সম্মেলনে। নিশ্চিত ভাবেই বলা যায়, ফ্রান্স ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা এই সফরের অন্যতম লক্ষ্য। প্রসঙ্গত, জি৭ -এর পুরো কথা হল ‘গ্রুপ অফ সেভেন’। এটি বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশগুলির একটি গোষ্ঠী। এই সাতটি দেশ বছরে একবার মিলিত হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করে। ১৯৭৩ সালে খনিজ তেলের সংকটের কারণে গোটা বিশ্বে অর্থনীতির চাকা স্লথ হয়ে গিয়েছিল। সেই সংকটের মোকাবিলা করতেই জি-৭ গঠনের উদ্যোগ নিয়েছিল সাতটি দেশ। জি-৭ গোষ্ঠীর সদস্য দেশগুলি হল ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, জাপান, আমেরিকা এবং কানাডা। ভারত এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ এই গোষ্ঠীর বাইরে থাকা অন্য একটি দেশকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। সেই সূত্রেই কয়েক বছর ধরে এই বৈঠকে আমন্ত্রণ পেয়ে আসছে ভারত।

    গ্লোবাল সাউথের প্রধান কণ্ঠস্বর ভারত

    জি-৭ সম্মেলনের ফাঁকে একাধিক বিশ্বনেতার সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের শেষ পর্যায়ে ১৮ জুন প্যারিসে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক সামিটে (VivaTech Summit) অংশ নেবেন। পাশাপাশি প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশেও ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিদেশ মন্ত্রকের মতে, প্রধানমন্ত্রী মোদির এই ইউরোপ সফর ফ্রান্স, স্লোভাকিয়া এবং জি-৭-এর সঙ্গে ভারতের সম্পর্ককে আরও গভীর করবে। একই সঙ্গে গ্লোবাল সাউথের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক গুরুত্বও তুলে ধরবে। ‘ভারত ইনোভেটস’ এবং ভিভাটেক সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ভারতের উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর ও উদ্যোক্তা শক্তির বৈশ্বিক পরিচিতিকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

     

     

     

     

  • Swapan Samaddar: ১, ২, ৩… ১০! এবার গ্রেফতার কলকাতার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার, নাম জড়িয়েছিল ভোট-পরবর্তী হিংসা, বিজেপি কর্মী খুনের মামলায়

    Swapan Samaddar: ১, ২, ৩… ১০! এবার গ্রেফতার কলকাতার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার, নাম জড়িয়েছিল ভোট-পরবর্তী হিংসা, বিজেপি কর্মী খুনের মামলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলরকে (TMC Councillor) গ্রেফতার করল পুলিশ। ২০২১ সালের বহুল চর্চিত বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনা এবং এক মহিলার দায়ের করা সাম্প্রতিক অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে (Swapan Samaddar) গ্রেফতার করা হয়েছে। ফুলবাগান এলাকার নিজস্ব বাসভবন চত্বর থেকেই তাঁকে গ্রেফতার করে নারকেলডাঙা থানার পুলিশ। এই নিয়ে কলকাতা পুরসভার ১০ জন কাউন্সিলরকে গ্রেফতার করা হল।

    ঘটনার বিবরণ ও অভিযোগের ভিত্তি (Swapan Samaddar)

    পুলিশ সূত্রের খবর, গত মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ রাতে এক মহিলা নারকেলডাঙা থানায় স্বপন সমাদ্দারের (Swapan Samaddar) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ওপর ভিত্তি করে বুধবার সকালে পুলিশ একটি সুনির্দিষ্ট এফআইআর (FIR) রুজু করে দ্রুত অভিযানে নামে। ধৃত তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) বিরুদ্ধে খুনের চেষ্টা, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, হেনস্থা, শ্লীলতাহানি এবং হুমকি বা ভয় দেখানোর মতো একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

    ভোট-পরবর্তী হিংসা ও সিবিআই তদন্তের যোগসূত্র

    ২০২১ সালের মে মাসে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার রাতে পূর্ব কলকাতার কাঁকুড়গাছি এলাকায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে নৃশংসভাবে পিটিয়ে ও গলার তার পেঁচিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল।

    সিবিআই চার্জশিট

    কলকাতা হাইকোর্টের নির্দেশে পরবর্তী সময়ে এই মামলার তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘সিবিআই’ (CBI)-এর হাতে যায়। সিবিআই আদালতে যে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছিল, তাতে বেলেঘাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালের পাশাপাশি স্বপন সমাদ্দারের নামও (TMC Councillor) অন্যতম অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত ছিল।

    কাঁকুড়গাছি এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা

    পূর্ববর্তী সেই আইনি টানাপড়েনের মধ্যেই নতুন করে এক মহিলার দায়ের করা গুরুতর অভিযোগের ভিত্তিতে আজ নারকেলডাঙা থানার পুলিশ তাঁকে (Swapan Samaddar) নিজেদের হেফাজতে নেয়। কাউন্সিলর (TMC Councillor) গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে বেলেঘাটা, ফুলবাগান এবং কাঁকুড়গাছি এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস বা স্থানীয় প্রশাসনের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

  • PM Modi: ৪,৩৯৯ দিনের ইতিহাস, বিশ্বমঞ্চে মোদির নতুন রেকর্ড! মেলোনি থেকে মুইজ্জু— শুভেচ্ছার বন্যায় ভাসলেন প্রধানমন্ত্রী

    PM Modi: ৪,৩৯৯ দিনের ইতিহাস, বিশ্বমঞ্চে মোদির নতুন রেকর্ড! মেলোনি থেকে মুইজ্জু— শুভেচ্ছার বন্যায় ভাসলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: একটানা ভারতের ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বুধবার এই নজির গড়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা মোদির নেতৃত্ব, ভারতের অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর প্রভাবশালী ভূমিকার প্রশংসা করেছেন। সেই তালিকায় রয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-সহ অনেকেই। এই নতুন নজির গড়ে প্রধানমন্ত্রী মোদিও (PM Modi Creates History) দেশবাসীকে বিশেষ বার্তা দিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সংস্কৃত শ্লোক। মোদির বার্তা, ‘জনসেবায় নিজেকে নিয়োজিত করাটাই সুশাসনের সবচেয়ে বড় ধাপ। যে ব্যক্তি বিনয়ের সঙ্গে সমস্ত নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করে, সেই জনতার বিশ্বাস অর্জন করে। বিনয়ী রাজাই সর্বোচ্চ সম্মানে ভূষিত হন।’

    মোদিকে শুভেচ্ছা মেলোনির

    ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদিকে অভিনন্দন। পাশাপাশি কয়েক সপ্তাহ আগে রোমে অনুষ্ঠিত তাঁদের বৈঠকের কথাও উল্লেখ করেন। মেলোনির মতে, ওই বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং সেই সময় ভারত ও ইটালির মধ্যে ‘স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর সূচনা হয়, যা ভবিষ্যতে দুই দেশ ও দুই দেশের নাগরিকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। এক্স হ্যান্ডেলে মেলোনি লিখেছেন, ‘নির্বাচিত হিসাবে ভারতের দীর্ঘতম প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা। তাঁর সঙ্গে কাজ করতে পারাটা আমার সৌভাগ্য।’

    ভারত-আমেরিকা সম্পর্ক শক্তিশালী

    মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সেনেটর এবং ইন্ডিয়া ককাসের সহ-সভাপতি জন করনিনও প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন। এক্স-এ দেওয়া বার্তায় তিনি বলেন, তিনটি গণতান্ত্রিক ম্যান্ডেটের মাধ্যমে ১৪০ কোটিরও বেশি মানুষের আস্থা অর্জন করে মোদি ৪,৩৯৯ দিন ধরে ভারতের নেতৃত্ব দিয়েছেন। কর্নিন দাবি করেন, তাঁর নেতৃত্বে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার ঊর্ধ্বে উঠে এসেছে এবং ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির অন্যতম হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি আরও বলেন, এই সময়কালে ভারত-আমেরিকা সম্পর্ক আগের যেকোনও সময়ের তুলনায় আরও শক্তিশালী হয়েছে।

    আস্থা ও বিশ্বাসের প্রতিফলন

    শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়েক এক চিঠিতে প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই অর্জন শুধু দীর্ঘ সময় দায়িত্ব পালনেরই স্বীকৃতি নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণের পক্ষ থেকে মোদির প্রতি পুনঃপুন আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দিসানায়েকে ভারতের অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের প্রশংসা করে বলেন, মোদীর দূরদর্শী নেতৃত্ব ভারতের গণ্ডি ছাড়িয়ে শ্রীলঙ্কাসহ বহু দেশকে অনুপ্রাণিত করেছে। মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু এই ঐতিহাসিক মাইলফলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ভারতের ইতিহাসে টানা দায়িত্ব পালনের হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক অভিনন্দন।” তিনি আরও বলেন, “পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা রাখে মালদ্বীপ।”

    বৈশ্বিক নানা ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর

    ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরও মোদিকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে ভারত বৈশ্বিক নানা ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তিনি অত্যন্ত সাধারণ পটভূমি থেকে উঠে এসে টানা তিন মেয়াদে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মোদীর রাজনৈতিক যাত্রাপথের প্রশংসা করেন। পাশাপাশি ভারতের বিদেশনীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচির অগ্রগতির কথাও উল্লেখ করেন। অন্যদিকে, পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে একটি ব্যক্তিগত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদিকে ‘নেতৃত্বের আদর্শ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ২০ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করে উন্নত জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়া এক অসাধারণ সাফল্য। প্রধানমন্ত্রী মোদির এই মাইলফলককে ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শুভেচ্ছাবার্তাগুলি তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাবের প্রতিফলন বলেই মনে করছে কূটনৈতিক মহল।

  • Aeps Scam: ওটিপি বা পিন ছাড়াই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! জেনে নিন সাইবার অপরাধীদের নতুন হাতিয়ার ‘এইপিএস স্ক্যাম’ সম্পর্কে

    Aeps Scam: ওটিপি বা পিন ছাড়াই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! জেনে নিন সাইবার অপরাধীদের নতুন হাতিয়ার ‘এইপিএস স্ক্যাম’ সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিজিটাল লেনদেনের যুগে আর্থিক প্রতারণার নিত্যনতুন কৌশল অবলম্বন করছে সাইবার অপরাধীরা। এতদিন পর্যন্ত ব্যাঙ্ক জালিয়াতির ক্ষেত্রে গ্রাহকদের ফোনে ওটিপি (OTP) পাঠানো বা ইউপিআই পিন (UPI PIN) হাতিয়ে নেওয়ার প্রবণতা দেখা যেতো। তবে সাম্প্রতিক সময়ে দেশে এমন এক মারাত্মক প্রযুক্তিনির্ভর জালিয়াতির ঘটনা বৃদ্ধি পেয়েছে, যেখানে কোনও ওটিপি বা গোপন পিন ছাড়াই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মুহূর্তের মধ্যে সমস্ত অর্থ উধাও হয়ে যাচ্ছে। এই নতুন প্রতারণাচক্রের নাম এইপিএস স্ক্যাম’  (Aeps Scam) বা আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেম জালিয়াতি ।

    আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেম কী (Aeps Scam)?

    আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেম (Aeps Scam) হলো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) দ্বারা প্রবর্তিত একটি বিশেষ ব্যবস্থা। এর মাধ্যমে কোনও গ্রাহক ডেবিট কার্ড বা পিন ছাড়াই শুধুমাত্র নিজের আধার নম্বর এবং আঙুলের ছাপ ব্যবহার করে মাইক্রো-এটিএম বা বিজনেস করেসপন্ডেন্টের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা জমা করতে পারেন। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে এই প্রযুক্তি অত্যন্ত জনপ্রিয় (UPI PIN)।

    ওটিপি ছাড়া কীভাবে টাকা চুরি করছে জালিয়াতরা?

    সাইবার অপরাধীরা (Aeps Scam) এই ব্যবস্থার একটি বিশেষ ফাঁক বা লুপহোলকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের অ্যাকাউন্টকে নজরে রাখছে। কীভাবে চলে চোরাকারবার? এর কার্যপদ্ধতি কেমন আসুন একবার দেখে নিই-

    • আঙুলের ছাপ চুরি (Biometric Cloning): জালিয়াতরা বিভিন্ন সরকারি বা বেসরকারি পোর্টাল, রেজিস্ট্রি অফিস বা ল্যান্ড রেকর্ডসের ওয়েবসাইট থেকে সাধারণ মানুষের আধার নম্বর এবং আঙুলের ছাপের প্রতিলিপি সংগ্রহ করে।
    • সিলিকন থাম্ব ইমপ্রেশন: সংগৃহীত আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধীরা কৃত্রিম সিলিকন বুড়ো আঙুল বা ‘সিলিকন থাম্ব ক্লোন’ তৈরি করে।
    • টাকা তুলে নেওয়া: এই ক্লোন করা আঙুলের ছাপ এবং আধার নম্বর ব্যবহার করে এইপিএস (Aeps Scam) পয়েন্ট থেকে গ্রাহকের অজান্তেই টাকা তুলে নেওয়া হয়। যেহেতু এই প্রক্রিয়ায় কোনও ওটিপি বা পিনের প্রয়োজন হয় না, তাই গ্রাহক কিছু বুঝে ওঠার আগেই প্রতারণা সম্পন্ন হয়ে যায়।

    এই জালিয়াতি থেকে বাঁচার উপায় কী?

    সাইবার বিশেষজ্ঞরা এই ধরনের অদৃশ্য চুরি থেকে নিজের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে কয়েকটি অত্যন্ত জরুরি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিচ্ছেন। এগুলি হল-

    আধার বায়োমেট্রিক লক করুন (Lock Aadhaar Biometrics)

    এটি এই জালিয়াতি রুখবার সবচেয়ে কার্যকর উপায়। ‘mAadhaar’ অ্যাপ অথবা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গ্রাহকরা সাময়িকভাবে নিজেদের বায়োমেট্রিক ডেটা লক করে রাখতে পারেন। এর ফলে আপনার আঙুলের ছাপ চুরি হলেও কেউ টাকা তুলতে পারবে না। প্রয়োজনে লেনদেনের সময় তা আবার আনলক করা যায়।

    এসএমএস অ্যালার্ট সচল রাখা

    ব্যাঙ্কের প্রতিটি লেনদেনের মেসেজ যাতে ফোনে আসে, তা নিশ্চিত করুন। অ্যাকাউন্ট থেকে টাকা কাটার কোনও বার্তা পাওয়া মাত্রই দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।

    সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা

    কোনও অচেনা উৎস থেকে আসা লিঙ্ক বা সরকারি সহায়তার প্রলোভন দেখানো পোর্টালে নিজের আধার সংক্রান্ত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

  • FIFA World Cup 2026: বিতর্কের বিশ্বকাপ! ‘মার্কিন হানা’য় নিহত ১৬৮ শিশুর স্মারক নিয়ে হাজির ইরান! সেনেগাল-উজবেকিস্তানের ফুটবলারদের দেহ তল্লাশি

    FIFA World Cup 2026: বিতর্কের বিশ্বকাপ! ‘মার্কিন হানা’য় নিহত ১৬৮ শিশুর স্মারক নিয়ে হাজির ইরান! সেনেগাল-উজবেকিস্তানের ফুটবলারদের দেহ তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন মুলুকে ফুটবল বিশ্বকাপ ঘিরে বিতর্কের শেষ নেই। বিশ্বকাপে খেলতে যাওয়া সেনেগাল এবং উজবেকিস্তানের ফুটবলারদের দেহ তল্লাশি করা হল আমেরিকায়। নিরাপত্তাকর্মীরা প্রকাশ্যে ফুটবলারদের তল্লাশি নেন। ব্যবহার করা হয় মাদক সন্ধানী কুকুরও। এই ঘটনায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রশ্নের মুখে ফিফার ভূমিকাও। ইরানের বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলা নিয়েও বিস্তর টানাপোড়েন চালিয়েছে আমেরিকা। ইরানের এক ডজন ফুটবল আধিকারিকের ভিসা আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা নিয়ে ইরানি ফুটবলাররা অত্যন্ত ক্ষুব্ধ।

    ইরানের ক্ষোভ

    রবিবারই মেক্সিকো পৌঁছেছে ইরান। সে দেশে পা দেওয়া মাত্র ইরান কোচ আমির ঘালেনোই বলেন, “বারো ঘণ্টার টাইম ডিফারেন্স সামলাতে অন্তত দু’সপ্তাহ আগে এখানে আসা উচিত ছিল আমাদের। পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট বলেও তো একটা বিষয় থাকে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে টেকনিক্যাল ব্যাপারস্যাপার দেখার আগে প্রয়োজন মানবিক আর নৈতিক বিষয়গুলো মন দিয়ে দেখা।” তুরস্কে লম্বা সময় ট্রেনিং করার পর মেক্সিকোর সীমান্ত-নিকটবর্তী শহর তিজুয়ানাতে গতকাল এসে পৌঁছেছে ইরান দল। আর নামার পর শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করা শুধু নয়, বিতর্ক সৃষ্টি করেছে ইরানি প্লেয়ারদের পরিহিত একখানা সোনালি পিন! যা একটা সংখ্যা। ১৬৮! ইরান বনাম ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্র জোটের যুদ্ধ নতুন কোনও খবর নয়। যে যুদ্ধে ইরানের এক প্রাথমিক স্কুলে ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ যায় ১৬৮ জনের। যাদের বেশিরভাগই শিশু ছিল। গত ২৮ ফেব্রুয়ারি, দক্ষিণ ইরানের মিনাবে এই ক্ষেপণাস্ত্র হানা হয়। যার দায় সম্পূর্ণ ভাবে গিয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। হাঙ্গেরির ইরানীয় দূতাবাস থেকে এই ‘পিন’-এর ব্যাপারে পুরোটা বলে দেওয়া হয়েছে।

    ফুটবলারদের সঙ্গে অপরাধীর মতো আচরণ

    বিভিন্ন দেশের ফুটবলার, রেফারিদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আচরণ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। পারদ আরও চড়ল সেনেগাল এবং উজবেকিস্তান দল পৌঁছোনোর পর। বিমান থেকে নামার পর টারম্যাকেই সেনেগালের ফুটবলারদের তল্লাশি করেন নিরাপত্তাকর্মীরা। তল্লাশি শেষ হওয়ার আগে তাঁদের বিমানবন্দরের ভিতরেও প্রবেশ করতে দেওয়া হয়নি। সেনেগালের ফুটবলারদের সব ব্যাগ খুলেও তল্লাশি চালানো হয়। প্রায় একই ঘটনা ঘটেছে উজবেকিস্তান দলের সঙ্গেও। অনুশীলনের জন্য নিউ ইয়র্কের আইকান স্টেডিয়ামে পৌঁছোনোর পর উজবেক ফুটবলারদের কড়া তল্লাশির মুখে পড়তে হয়। শুধু নিরাপত্তাকর্মীরাই নন, মাদক সন্ধানী কুকুর দিয়েও পরীক্ষা করা হয় প্রত্যেক ফুটবলার এবং সাপোর্ট স্টাফকে।

    ফুটবল-কে অসম্মান

    এর আগে আমেরিকায় পৌঁছেই দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছে ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেনকে। ১০ ঘণ্টার বেশি জেরা করা হয়েছে ইরাকের বিশ্বকাপ দলের চিত্রগ্রাহক তালাল শাহকে। বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা রেফারি সেনেগালের ওমর আব্দুলকাদির আরতানকে। বিশ্বাব ফুটবলের মহাযজ্ঞে বারবার ট্রাম্প প্রশাসনের এই আচরণে ক্ষোভে ফেটে পড়েছেন ফুটবলপ্রেমীরা। তাঁদের অভিযোগ, নিরাপত্তার অজুহাতে বিশ্বকাপ খেলতে যাওয়া বিভিন্ন দেশের ফুটবলারদের সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। সমালোচনার মুখে পড়েছেন ফিফা কর্তৃপক্ষও। আয়োজক দেশ নির্বাচন নিয়ে ফিফার উপর ক্ষোভ বাড়ছে।

LinkedIn
Share