Blog

  • Kali Puja 2024: গাছপালা না থাকলেও সন্ধ্যার পর ভেসে আসত ফুলের সুগন্ধি, শোনা যেত নূপুরের আওয়াজ!

    Kali Puja 2024: গাছপালা না থাকলেও সন্ধ্যার পর ভেসে আসত ফুলের সুগন্ধি, শোনা যেত নূপুরের আওয়াজ!

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুরের শতাব্দীপ্রাচীন কালীপুজোর (Kali Puja 2024) মধ্যে অন্যতম হল বালুরঘাট তহবাজার এলাকার বুড়া কালীর পুজো। এখনও সেই পুরনো রীতি-রেওয়াজ মেনেই হয় এই পুজো। তবে কালের স্রোতে ও সময়ের সঙ্গে বর্তমানে পুজোর কিছু নিময় পরিবর্তিত হয়েছে। শতাব্দীপ্রাচীন হলেও এই পুজোকে কেন্দ্র করে জেলাবাসীর মনে অসীম বিশ্বাস রয়েছে। কালীপুজোর দিন এই পুজোকে ঘিরে দর্শনার্থীদের ঢল চোখে পড়ার মতো। এছাড়াও প্রতি সপ্তাহে মঙ্গল ও শনিবার বুড়া কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়ে ভক্তদের।

    পুজোতে এখনও পাঁঠা, শোল মাছ বলি হয় (Kali Puja 2024)

    লোকমুখে শোনা যায়, কয়েকশো বছর আগে বর্তমান বালুরঘাট বুড়া কালীমাতার মন্দিরের পাশ দিয়ে নাকি আত্রেয়ী নদী বইত। মন্দির ও বাজারের জায়গায় ছিল ঘন জঙ্গল। শতাব্দীপ্রাচীন পুজো হলেও এর সঠিক বয়স কত, তা কেউ বলতে পারে না। এক সময় আত্রেয়ী নদীর ধারে নিজে থেকেই নাকি ভেসে ওঠে বুড়া কালীমাতার বিগ্রহ বা শিলাখণ্ড। এক তান্ত্রিক সেই সময় ওই বিগ্রহকে তুলে নিয়ে এসে পুজো দেন। তারপর থেকেই শুরু পুজো। টিনের ঘেরা দিয়ে বুড়া কালীমাতার পুজো শুরু হয়। বর্তমানে বিশাল আকার মন্দিরের পুজিত হন বুড়া কালী। পুজোর দিন মায়ের মূর্তিতে সারা গা সোনা থেকে রুপোর অলঙ্কারে সুসজ্জিত থাকে। পুজোর দিন কয়েক হাজার ভক্তের সমাগম হয় পুজোপ্রাঙ্গনে। পুজোতে এখনও পাঁঠা বলি, শোল মাছ বলি হয়। তবে জনশ্রুতি আছে আগে নাকি ২০ কিলো ওজনের শোল মাছ বলি দেওয়া হত। এই পুজোকে ঘিরে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরবাসীর (Balurghat) নয়, পাশের জেলা উত্তর দিনাজপুর ও মালদা, শিলিগুড়ি থেকেও প্রচুর ভক্ত বা দর্শনার্থী আসেন। বর্তমানে বুড়া কালীমন্দির থেকে অনেকটা পশ্চিমে সরে গিয়েছে আত্রেয়ী নদী।

    রানি রাসমণি এই মন্দিরে পুজো দিতে আসতেন?

    ইতিহাস বলে, একটা সময় নাকি কলকাতার রানি রাসমণি এই মন্দিরে পুজো (Kali Puja 2024) দিতে আসতেন। বজরায় করে এসে তিনি আত্রেয়ী নদী থেকে জল নিয়ে এসে মায়ের পুজো দিয়ে আবার ফিরে যেতেন কলকাতায়। তবে এর সত্যতা এখনও প্রমাণিত হয়নি। এই মন্দিরকে ঘিরে আরও জনশ্রুতি আছে সন্ধ্যার পর নাকি অপরূপ ফুলের সুগন্ধি পাওয়া যেত এই এলাকা থেকে। কিন্তু কয়েক কিলোমিটার পর্যন্ত কোনও জঙ্গল বা গাছপালা ছিল না। শোনা যেত নূপুরের আওয়াজ। সেই সব নাকি এখন গল্প মনে হয় অনেকের। তা সত্ত্বেও জেলাবাসীর অগাধ বিশ্বাস বুড়া কালীর উপর।

    দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে (Kali Puja 2024)

    পুজোর দিন দর্শনার্থীদের দেওয়া হয় অন্ন ভোগ। করোনার জন্য গত দুবছর বুড়া কালী মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে এই বার কোনও নিষেধাজ্ঞা না থাকায় ভিড় অনেক বেশি হবে বলে দাবি পুজো কমিটির। এ বিষয়ে পুজো কমিটির এক সদস্য বলেন, ‘আত্রেয়ী নদীর পাশে মায়ের শিলাখণ্ড ভেসে উঠেছিল৷ তা থেকেই মায়ের পুজো শুরু হয়৷ এখনও পুরনো রীতি মেনেই পুজো অনুষ্ঠিত হয়। পুজোর দিন মায়ের গোটা মূর্তিতে সোনার গহনা পরিয়ে দেওয়া হয়৷  বুড়া কালী মায়ের পুজো বছরে দুবার অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তি ও দীপান্বিতা অমবস্যায়। তবে বড় পুজো হয় দীপান্বিতা অমবস্যায়। এবিষয়ে বুড়া কালি মন্দিরের (Balurghat) পুরোহিত রতন ভট্টাচার্য বলেন, ‘আগে যেভাবে মায়ের পুজো অনুষ্ঠিত হত, ঠিক একই ভাবে এখনও মায়ের পুজো অনুষ্ঠিত হয়। দূরদূরান্ত থেকে ভক্তরা মায়ের কাছে পুজো দিতে আসেন৷’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Dana: ওড়িশায় ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে দানা, তুমুল ঝড়বৃষ্টি, রাস্তাঘাট জনমানবশূন্য

    Cyclone Dana: ওড়িশায় ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে দানা, তুমুল ঝড়বৃষ্টি, রাস্তাঘাট জনমানবশূন্য

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যরাতের কিছুটা আগে ওড়িশায় আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’। ওড়িশায় (Odisha) চলছে তীব্র বেগে ঝড়। তার সঙ্গে, পাল্লা দিয়ে বৃষ্টির পরিমাণও বাড়ছে। ‘দানা’-র (Cyclone Dana) ব্যাপক তাণ্ডবে রাস্তাঘাট একেবারেই জনমানব শূন্য। সবমিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি ওড়িশায়।

    ‘দানা’-র ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন

    বৃহস্পতিবার রাত সওয়া এগারোটা নাগাদ ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ের। শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ মৌসম ভবন জানিয়েছে, ‘দানা’-র টেল বা লেজের অংশ এখনও স্থলভাগে প্রবেশ করেছে। অর্থাৎ, (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। যা জানা যাচ্ছে, ভিতরকণিকা এবং ধামারার মধ্যবর্তী হাবালিখাটি নেচার ক্যাম্পের কাছ থেকে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়ের শেষ অংশ। ঝড় বইছে ১০০ কিলোমিটার বেগে। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের অভিমুখে এগোবে এই ঝড়। ‘দানা’-র প্রভাবে ভদ্রক, বালেশ্বর, পুরীসহ ওড়িশার বিভিন্ন জায়গার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করেছে, বলে জানা গিয়েছে। ধামারাতে প্রথমেই তাণ্ডবলীলা চালিয়েছে ‘দানা’। ভিতরকণিকার পরিস্থিতিও ভয়ঙ্কর হতে পারে বলে মনে করা হচ্ছে।

    ঝড় (Cyclone Dana) বইছে ১০০-১১০ কিমি বেগে

    ‘দানা’-র তাণ্ডবে (Cyclone Dana) ওড়িশার একাধিক জায়গাতে গাছ উপড়ে পড়তে দেখা যায়। এর ফলে রাস্তায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশাতে বর্তমানে ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড় বইছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ওড়িশার বিজেপি সরকারের দুর্যোগ মোকাবিলা মন্ত্রী সুরেশ পূজারী জানিয়েছিলেন, দশটি এমন জেলা রয়েছে যেগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেখানকার স্থানীয় মানুষজনদেরকে ইতিমধ্যে সরানো হয়ে গিয়েছে।

    দানা (Cyclone Dana) মোকাবিলায় তৈরি করা হয়েছে ৭,৩৬৭ ত্রাণ শিবির 

    জানা গিয়েছে, ‘দানা’-র (Cyclone Dana) প্রভাব পড়তে চলেছে ওড়িশার ৬০টি ব্লক, ২১৩১ গ্রাম এবং ১২টি পুরসভার ৫৫টি ওয়ার্ডে। বুধবার থেকেই সেখানকার মানুষজনকে সরানোর বন্দোবস্ত শুরু করে ওড়িশা (Odisha) সরকার। দানা মোকাবিলায় তৈরি করা হয়েছে ৭,৩৬৭ ত্রাণ শিবির। মানুষ ছাড়াও ত্রাণ শিবিরগুলিতে এখনও পর্যন্ত রাখা হয়েছে ৬,৪৫৪টি পশুকে। দানা মোকাবিলায় কাজ করছে ২১৩টি বিভিন্ন মেডিক্যাল দল। বৃহস্পতিবারই পরিস্থিতির খোঁজ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Dana: ‘চোখ’ না থাকলেও বাংলা-ওড়িশার উপকূলে ব্যাপক তাণ্ডব চালাবে দানা

    Cyclone Dana: ‘চোখ’ না থাকলেও বাংলা-ওড়িশার উপকূলে ব্যাপক তাণ্ডব চালাবে দানা

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাতেই ওড়িশার উপকূলে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে ঘূর্ণিঝড় দানার (Cyclone Dana)। শুক্রবার ভোররাত পর্যন্ত চলতে পারে তাণ্ডব। তবে এই ঘূর্ণিঝড়ের কোনও চোখ থাকবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ভালোই ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, চোখ না থাকলেও ব্যাপক তাণ্ডব চালাবে দানা এবং এর বেশিরভাগই হবে ওড়িশা ও পশ্চিমবঙ্গে (West Bengal)। উপকূলে ভারী বৃষ্টি এবং প্রবল বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তার কথা শুনিয়েছে হাওয়া অফিস। ল্যান্ডফলের পরে দানা দক্ষিণ-পশ্চিম দিকে বাঁক নিতে শুরু করবে এবং ধীরে ধীরে তা শক্তি হারাবে বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।

    তাণ্ডব চালাবে দানা (Cyclone Dana)

    মৌসুম ভবনের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, এই মুহূর্তে (প্রতিবেদন লেখা পর্যন্ত) ঘূর্ণিঝড়ের (Cyclone Dana) কেন্দ্রে হাওয়ার গতি ঘণ্টায় ৯৫ থেকে ১০৫ কিলোমিটার রয়েছে। ঘূর্ণিঝড় বর্তমানে সমুদ্রে রয়েছে এবং সেখানেই এই বেগে বইছে হাওয়া। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে বর্তমানে ঝড়ের গতি রয়েছে ৬০ থেকে ৭০ কিলোমিটার। রাত যত বাড়বে ঝড়ে তীব্রতার ততই বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে উপকূলবর্তী এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতি হওয়ার সম্ভাবনা রয়েছে ১০০ থেকে ১২০ কিলোমিটার।

    দানার (Cyclone Dana) কোনও চোখ থাকবে না 

    দানার (Cyclone Dana) কোনও চোখ থাকবে না বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের আধিকারিকরা। এর কারণ হিসেবে তাঁরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড় ঘুরতে ঘুরতে যখন স্থলভাগের দিকে এগোতে থাকে, তখন তার কেন্দ্রে একটি আপাত, শান্ত অঞ্চল তৈরি হয়ে যায়। সেখানে হাওয়ার গতিবেগ তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। ল্যান্ডফলের সময় ঝড়ের ঐ কেন্দ্র যখন স্থলভাগে প্রবেশ করে, তখন ওই ঘূর্ণিঝড়ের দাপট সব থেকে বেশি হয়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অনেক ক্ষেত্রেই চোখ তৈরি হয় না ঘূর্ণিঝড়ের। দানার ক্ষেত্রেও সেরকম কোনও চোখ থাকছে না। অন্যদিকে দানার তাণ্ডবে, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে পূর্ব মেদিনীপুর জেলায়, এমনটাই জানা যাচ্ছে।

    বাংলা-ওড়িশা ছাড়াও ৫ রাজ্যে জারি সতর্কতা

    এর পাশাপাশি হাওয়া অফিসের কর্তারা আরও জানিয়েছেন, ওড়িশা ও পশ্চিমবঙ্গ ছাড়াও আরও পাঁচ রাজ্যে প্রভাব পড়বে ঘূর্ণিঝড় দানার (Cyclone Dana)। সেই রাজ্যগুলিতে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। মৌসমভবনের তরফ থেকে জানানো হয়েছে, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ছাড়াও দানার তাণ্ডব চলবে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার এবং তামিলনাড়ুতে। ইতিমধ্যেই বিহারের ১২ জেলায় সতর্কবার্তা জারি করেছে রাজ্য প্রশাসন। সেই ১২ জেলার মধ্যে রয়েছে ভাগলপুর, বাঁকা, জামুই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, জেহানাবাদ, লখিসরাই, নওয়াদা, গয়া, কাটিহার, পুর্ণিয়া এবং কিসানগঞ্জ। জানা গিয়েছে, এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তামিলনাড়ুতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 25 october 2024: সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত, এই রাশির জাতকদের

    Daily Horoscope 25 october 2024: সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত, এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আপনার রূঢ় আচরণে বাড়িতে বিবাদ বাধতে পারে।

    ২) ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) আপনার কর্মদক্ষতার কারণে জীবিকার স্থানে শত্রু বাড়তে পারে।

    ২) বাড়িতে বদনাম থেকে সবাই খুব সতর্ক থাকুন।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কর্কট

    ১) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত।

    ২) ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ২) শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে। 

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে।

    ২) ভাই-বোনের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) উচ্চশিক্ষার্থীদের সামনে ভাল যোগ রয়েছে।

    ২) পারিবারিক ভ্রমণে আনন্দ লাভ।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

    ২) কোনও অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) অবাক করে দেওয়া কোনও সুখবর পেতে পারেন।

    ২) কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ায় আনন্দ লাভ।

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: বাংলাদেশে সংবিধান, প্রশাসন ইত্যাদি সংস্কারে ৬টি কমিশন ইউনূসের, নেই কোনও সংখ্যালঘু!

    Bangladesh: বাংলাদেশে সংবিধান, প্রশাসন ইত্যাদি সংস্কারে ৬টি কমিশন ইউনূসের, নেই কোনও সংখ্যালঘু!

    মাধ্যম নিউজ ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশে (Bangladesh) আওয়ামি লিগ সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ও অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন সরকারের আমলে সেখানে হিন্দুদের ওপর নৃশংসভাবে অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের কথা বলা হচ্ছে। কমিশন গঠনেও কি মৌলবাদীদের দাপাদাপি, প্রশ্ন রাজনৈতিক মহলে। 

    কমিশনে নেই কোনও সংখ্যালঘু! (Bangladesh)

    বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষণা মতো ছ’টি সংস্কার কমিশন গঠন করা হল। পূর্ণাঙ্গভাবে ঘোষিত ছয়টি কমিশনের মোট সদস্য ৫০ জন। এর মধ্যে সাবেক আমলা ১৫, সাবেক পুলিশ কর্মকর্তা ২, বিশ্ববিদ্যালয় শিক্ষক ৮, বিচারপতি ও বিচারক ৫, আইনজীবী ৬, শিক্ষার্থী প্রতিনিধি ৬ এবং অন্যান্য পেশার (এনজিও, মানবাধিকারকর্মী, বিশেষজ্ঞ ইত্যাদি) ৮ জন। এসব পেশাজীবীর মধ্যে নারী পাঁচজন। শিক্ষার্থী প্রতিনিধি ছয়জনের মধ্যে শুধু একজনের নাম জানানো হয়েছে। এর বাইরে চারটি কমিশনের শুধু প্রধানদের নাম ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ১০টি কমিশনের প্রধান পদে নারী স্থান পেয়েছেন মাত্র একজন। তা-ও নারীবিষয়ক সংস্কার কমিশনে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, সংস্কার কমিশনগুলিতে আমলাদের প্রাধান্য দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উল্লেখযোগ্য সংখ্যায় রাখা হয়েছে। তবে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকদের প্রাধান্য বেশি (পাঁচজন)। কিন্তু তার একটিতেও রইলেন না সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান জনগোষ্ঠীর প্রতিনিধিরা! যা নিয়ে উঠল প্রশ্ন। পাশাপাশি, ছ’টি সংস্কার কমিশনে মহিলাদের প্রতিনিধিত্বও ‘অনেক কম’ বলে অভিযোগ উঠল।

    আরও পড়ুন: ধেয়ে আসছে ‘দানা’, চরম দুর্যোগের আশঙ্কা, এই সময়ে কী করবেন আর কী করবেন না

    চাকমা সার্কেলের প্রধান সরব হয়েছেন

    সংস্কার কমিশনগুলিতে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের (Bangladesh) প্রতিনিধিত্ব না থাকায় হতাশা প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশিস রায়। ১৩ অক্টোবর তিনি তাঁর ফেসবুক পেজে দেওয়া পোস্টে লিখেছেন, ‘(সংস্কার কমিশনে) আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, নারী এবং অন্যান্য প্রান্তিক বা সুবিধাবঞ্চিত গোষ্ঠীর প্রতিনিধিরা হয় সম্পূর্ণভাবে অনুপস্থিত বা দৃশ্যমানভাবে অপর্যাপ্ত। এটা একজন নোবেলজয়ীর নেতৃত্বাধীন সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে।’ রাজা দেবাশিস রায় প্রথম আলোকে বলেন, “সংস্কার কমিশন গঠন প্রক্রিয়ায় যাঁরা ছিলেন, তাঁরা আমাকে ওই কমিশনে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। এরপর কীভাবে সেই নিয়োগ প্রস্তাব বাতিল হয়ে গেল, সেটি আমি বলতে পারব না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘ওড়িশার মতো প্রস্তুতি নিতে পারেনি বাংলা’’, তোপ শুভেন্দুর, নিজেই খুললেন ত্রাণ শিবির

    Suvendu Adhikari: ‘‘ওড়িশার মতো প্রস্তুতি নিতে পারেনি বাংলা’’, তোপ শুভেন্দুর, নিজেই খুললেন ত্রাণ শিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় দানার। এনিয়ে ওড়িশার পাশাপাশি বাংলাতেও জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, ‘‘ওড়িশা সরকার যেভাবে প্রস্তুতি নিয়েছে সেইরকমভাবে প্রস্তুতি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নিতে পারেনি।’’ প্রসঙ্গত, গতকাল বুধবার বিকেলে নন্দীগ্রাম-১ ব্লকে আসেন সেখানকার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। নন্দীগ্রামে পঞ্চায়েত সমিতির অফিসে দলীয় জনপ্রতিনিধি এবং নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে (Cyclone Dana) হাজির ছিলেন নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাহু এবং তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক মেঘনাদ পাল।

    নিজের উদ্যোগে আশ্রয় শিবির শুভেন্দুর (Suvendu Adhikari)  

    শুভেন্দু (Suvendu Adhikari) অধিকারী বলেন, ‘‘রাজ্য সরকারের অর্থ নেই। তাই পরিস্থিতি মোকাবিলায় সেভাবে অর্থ বরাদ্দ করেনি রাজ্য। পর্যাপ্ত খাবার, রেসকিউ সেন্টারগুলির প্রস্তুতি, গবাদি পশুদের সংরক্ষণ এসব অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে নেই।’’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আরও দাবি, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-সহ উপকূল (Cyclone Dana) জুড়ে বেশ কয়েকটি এলাকায় তিনি নিজে উদ্যোগী হয়ে রেসকিউ সেন্টার চালু করেছেন। সেখানে পর্যাপ্ত খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। গাছ কাটার মেশিন, ব্যাটারি চালিত টর্চ, ত্রিপল, ৫০০ জনের রেস্কিউ টিম রাখা হচ্ছে বলেও জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু (Suvendu Adhikari)  বলেন, ‘‘এনডিআরএফ চাইলে তাদের নির্দেশ মতো কর্মীরা সহযোগিতা করবে।’’ শুভেন্দু এও বলেন, ‘‘এক্ষেত্রে রাজনীতির উর্ধে উঠে সকলকে বলব, দানার মোকাবিলায় এগিয়ে আসুন।’’

    সহযোগিতা করছে না প্রশাসন, তোপ বিজেপি নেতার

    অন্যদিকে, বিজেপির জেলা সম্পাদক মেঘনাদ পাল রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘‘প্রশাসনের তরফে গ্রাম পঞ্চায়েতকে বলে দেওয়া হচ্ছে সমস্ত রকম ব্যবস্থা করতে। কিন্তু প্রশাসন আর্থিক সাহায্য করছে না। তাই বিজেপির তরফে দলীয়ভাবে আশ্রয় শিবির খোলা হয়েছে। বিধায়কের আর্থিক সহযোগিতায় ওই শিবিরে এলাকাবাসীকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হবে।’’ বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোনাচূড়া শহিদ মিনার, কালীচরণপুরে একটি স্কুলে এবং ভেকুটিয়ার কমিউনিটি হলে আশ্রয় শিবির খোলা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu and Kashmir: শাহের দরবারে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর, রাজ্যের তকমা ফেরানো নিয়ে কথা

    Jammu and Kashmir: শাহের দরবারে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর, রাজ্যের তকমা ফেরানো নিয়ে কথা

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদে বসেছেন ওমর আবদুল্লা। জম্মু ও কাশ্মীরের বিধানসভা, উপত্যকাকে (Jammu and Kashmir) রাজ্যের তকমা দেওয়ার পক্ষে প্রস্তাব পাশ করে ফেলেছে। এর পরেই গতকাল বুধবার দিল্লি গিয়ে ওমর আবদুল্লা দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। ২০১৯ সালেই জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে বদলে দিয়েছিল কেন্দ্র। তারপর থেকে চলতি বছরেই প্রথম বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু-কাশ্মীরে। ভোটে জিতে ক্ষমতায় এসেছে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স। তার পরেই গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) মন্ত্রিসভা রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে একটি রেজোলিউশন পাশ করেছে।

    আধ ঘণ্টার বৈঠক 

    সূত্র মারফত জানা গিয়েছে, অমিত শাহের (Amit Shah) তরফে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সরকারকে রাজ্যের তকমা ফেরাবার উদ্যোগে সম্পূর্ণরূপে সমর্থনের বার্তা দেওয়া হয়েছে। সূত্রের দাবি, আধঘণ্টার এই বৈঠকে কেন্দ্রের তরফে এই আশ্বাসও দেওয়া হয়েছে যে, জম্মু ও কাশ্মীরকে ফের রাজ্যের তকমা ফিরিয়ে দিতে উদ্যোগ নেবে কেন্দ্র।

    আরও পড়ুন: আসছে ‘দানা’! ১৪ ঘণ্টা পরিষেবা বন্ধ শিয়ালদা দক্ষিণে, হাওড়ায় বাতিল একগুচ্ছ ট্রেন

    কাশ্মীরে (Jammu and Kashmir) সন্ত্রাসবাদী হানার আবহে, এমন বৈঠক তাৎপর্যপূর্ণ 

    সম্প্রতি জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) লেফ্টন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, ‘‘রাজ্যের তকমা ফিরে পাওয়াটা ক্ষতে প্রলেপ দেওয়ার মতো প্রক্রিয়া। সাংবিধানিক অধিকার পুনরুদ্ধার করা এবং জম্মু ও কাশ্মীরের জনগণের পরিচয় রক্ষা করার জন্য এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।’’ প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে, গত ১ সপ্তাহের মধ্যে পর পর জঙ্গি হামলার খবর সামনে এসেছে। গান্দেরবালের পর ত্রালেও ভিন রাজ্যের শ্রমিকদের ওপর গুলি চালনা হয়েছে কাশ্মীরে। তারপরই দিল্লি ছুটে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) সঙ্গে ওমর আবদুল্লার বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওমর আবদুল্লা এনিয়ে বলেছেন, ‘‘প্রশাসনকে আরও বেশি সতর্ক থাকতে হবে, যাতে এমন ঘটনা আর না ঘটে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Dana: ‘দানা’র দাপটে বাংলার উপকূলে ১৪ ফুট পর্যন্ত উঠতে পারে সমুদ্রের ঢেউ

    Cyclone Dana: ‘দানা’র দাপটে বাংলার উপকূলে ১৪ ফুট পর্যন্ত উঠতে পারে সমুদ্রের ঢেউ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্থলভাগের সঙ্গে দূরত্ব কমছে দানার। আবহাওয়া দফতর জানাচ্ছে, ‘দানা’ ওড়িশার পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ধামারা থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ দিকে রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তার সম্ভাব্য ‘ল্যান্ডফল’ হতে পারে। ঘূর্ণিঝড় (Cyclone Dana) স্থলভাগে আছড়ে পড়ার সময় পশ্চিমবঙ্গের উপকূলে (Coast Of Bengal) জলোচ্ছ্বাস প্রবল হতে পারে, সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।

    ঢেউয়ের উচ্চতা হতে পারে সর্বোচ্চ ১৪ ফুটেরও বেশি! (Cyclone Dana)

    সমুদ্রে ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উপকূলের (Cyclone Dana) দিকে এগোচ্ছে ‘দানা’। অভিমুখ মূলত উত্তর-পশ্চিম। আবহবিদেরা জানিয়েছেন, ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ‘দানা’ আছড়ে পড়তে পারে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপকূলে ঢেউয়ের উচ্চতা হবে সবচেয়ে বেশি। পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গের উপকূলে বৃহস্পতিবার রাত আড়াইটে থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে ঢেউ উঠতে পারে ৯.৮৪ ফুট থেকে ১৪.৪৩ ফুট পর্যন্ত। এই সময়ের মধ্যে উপকূল খালি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নৌকা, ছোট ছোট জলযান নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে বলেছে হাওয়া অফিস।

    আরও পড়ুন: ধেয়ে আসছে ‘দানা’, চরম দুর্যোগের আশঙ্কা, এই সময়ে কী করবেন আর কী করবেন না

    ১২০ কিলোমিটার বেগে ঝড়

    ইতিমধ্যে ‘দানা’র (Cyclone Dana) মোকাবিলায় তৎপরতা শুরু হয়ে গিয়েছে দিঘা, মন্দারমণির মতো উপকূলঘেঁষা এলাকায়। পর্যটকদের আগেই সরিয়ে দেওয়া হয়েছিল। উপকূল সংলগ্ন এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদেরও নিরাপদ স্থানে সরানো হয়েছে। যাঁদের কাঁচা বাড়ি রয়েছে, তাঁরা ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। আলিপুর আবহাওয়া দফতরের এক কর্তা বলেন, পশ্চিমবঙ্গে ‘ল্যান্ডফল’ না হলেও ‘দানা’য় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। সেখানে বৃহস্পতিবার রাত থেকে ঝড়ের গতি হতে পারে ১০০ কিলোমিটারের বেশি। সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে পূর্ব মেদিনীপুরে। এ ছাড়া, সুন্দরবন-সহ দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ ‘দানা’র তাণ্ডবের সাক্ষী থাকবে। ঝড়ের গতি হতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার। কলকাতায় ঝড় বইতে পারে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে। সতর্কতা জারি করা হয়েছে হলদিয়া এবং কলকাতা বন্দরেও।

    তাজপুরে ভাঙন!

    ঘূর্ণিঝড় দানার আতঙ্কে কাঁপছে গোটা পূর্ব মেদিনীপুর জেলার উপকূল ভাগ। তাজপুরের জলধা এলাকায় আতঙ্ক বাড়াল ভাঙন। বৃহস্পতিবার ভোরে সমুদ্র ফুঁসে উঠতেই ভাঙন শুরু হয় তাজপুরের জলধা এলাকায়। চোখের পলকে সমুদ্র লাগোয়া জমি তলিয়ে যাচ্ছে। সকালবেলা ভাঙনের এই ছবি দেখেই ঘুম ছুটেছে এলাকার বাসিন্দাদের। ‘দানা’র প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামেও। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

    পুলিশের লাঠিচার্জ

    বৃহস্পতিবার সক্কাল সক্কাল দিঘা-তাজপুর-মন্দারমণিতে জড়ো হয়েছেন বহু পর্যটক। প্রশাসন মাইকে বারবার ঘোষণা করলেও সমুদ্রের ধারে সেলফিতে ডুবে প্রত্যেকেই। তাঁদের সরাতে রীতিমতো লাঠিচার্জের খবরও সামনে এসেছে। সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করলেও হুঁশ নেই পর্যটকদের। এই ভাঙন কবলিত এলাকায় বাস প্রায় আটশো মানুষের। তাঁরা সকলেই মৎস্যজীবী। আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের (Cyclone Dana) পূর্বাভাস দেওয়ার পরেই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এই এলাকার মৎস্যজীবীদের ফিরিয়ে এনেছে প্রশাসন। কিন্তু ঘরে ফিরেও স্বস্তিতে নেই তাঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs New Zealand: সুন্দর-ঘূর্ণিতে বেসামাল নিউজিল্যান্ড, প্রথম দিনে চালকের আসনে ভারত

    India vs New Zealand: সুন্দর-ঘূর্ণিতে বেসামাল নিউজিল্যান্ড, প্রথম দিনে চালকের আসনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দলে সুযোগ পাবেন হয়তো ভাবেননি। কিন্তু মনে মনে জেদ ছিল সুযোগ পেলেই সাফল্য আনবেন। তাই হল। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই ৭ উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তাঁর ঘূর্ণি দেখতেই পেলেন না কিউই ব্যাটাররা। তাঁর স্পিনেই প্রথম ইনিংসে নিউজিল্যান্ড থেমে গেল ২৫৯ রানে। জবাবে প্রথম দিনের শেষে ভারতের রান ১ উইকেট হারিয়ে ১৬। ফিরে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দিনের শেষে ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। শুক্রবার সকালে তাঁরাই নামবেন বড় রান তোলার লক্ষ্যে। 

    সুন্দর ভেলকি

    এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টম ল্যাথাম (India vs New Zealand)। শুরুতে খুব একটা সুবিধা করতে পারেননি ভারতের দুই পেসার জশপ্রীত বুমরা ও আকাশ দীপ। ভালই রান তুলছিলেন কিউইরা। অবশেষে রবিচন্দ্রণ অশ্বিনকে আক্রমণে আনতেই সাফল্য পায় ভারত। টম ল্যাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ংকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কা দেন তিনি। তার পরই শুরু হয় সুন্দরের ম্যাজিক। পরীক্ষার আগে অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব পড়ে আসা নিউ জি ল্যান্ডের সামনে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ান ওয়াশিংটন।  যার উত্তর খুঁজে পেলেন না টম ল্যাথামরা। ওয়াশিংটনের বলের লাইন বুঝতে অসুবিধা হচ্ছিল নিউজিল্যান্ডের ব্যাটারদের। ওয়াশিংটন ২৩.১ ওভারে চারটি মেডেন বোলিং করে ৫৯ রান দিয়ে সাত উইকেট নিয়েছেন। সাত ব্যাটসম্যানের মধ্যে পাঁচজনকেই ক্লিন বোল্ড করেছেন ওয়াশিংটন সুন্দর। রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, টিম সাউদি, আজাজ প্যাটেল এবং মিচেল স্যান্টনারকে ক্লিন বোল্ড করেছেন সুন্দর (Washington Sundar)। বৃহস্পতিবারের আগে চারটি টেস্ট খেলেছিলেন ওয়াশিংটন। নিয়েছিলেন ৬ উইকেট। পুণেয় এক দিনেই সাত উইকেট নিলেন তিনি।

    বড় রানের লক্ষ্যে ভারত

    ভারতের হয়ে টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে দশ উইকেটের সবকটিই নিয়েছেন স্পিনাররা। শুধু তাই নয়, ৫১ বছরে দ্বিতীয়বার প্রথম দিনেই ভারতের হয়ে স্পিন বোলাররা ১০টি উইকেট নিলেন। এই বছরের শুরুর দিকে রবীন্দ্র জাদেজা, অশ্বিন এবং কুলদীপ যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় টেস্ট ম্যাচে এমনটি করেছিলেন। সেই ম্যাচে কুলদীপ পাঁচ উইকেট, অশ্বিন চার এবং জাদেজা একটি উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হেরে আপাতত ব্যাকফুটে ভারত। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত ব্রিগেড। বোলাররা কাজ করেছেন এবার পালা ব্যাটারদের। দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে এখন বড় রান তোলাই লক্ষ্য ভারতের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Dana: আসছে ঘূর্ণিঝড় ‘দানা’! দিঘা-ওড়িশায় যুদ্ধ জিততে প্রস্তুত এনডিআরএফ

    Cyclone Dana: আসছে ঘূর্ণিঝড় ‘দানা’! দিঘা-ওড়িশায় যুদ্ধ জিততে প্রস্তুত এনডিআরএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার ভিতরকণিকা পার্ক এবং ধামরা বন্দরের মাঝে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘দানা’ (Cyclone Dana)। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যেই শতাধিক কিলোমিটার বেগে স্থলভাগে ঢুকে পড়বে ‘দানা’। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশায় ‘দানা’ যতটা প্রভাব ফেলবে, অনেকটা তার কাছাকাছি প্রভাব পড়তে পারে ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুরেও। ঝড়-জলে বিপর্যস্ত হতে পারে এই জেলার বিস্তীর্ণ অংশের জনজীবন। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে বিপদগ্রস্ত মানুষদের উদ্ধারে প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এনডিআরএফ-এর (NDRF Team) ডেপুটি ইনস্পেক্টর জেনারেল মোহসেন শাহেদি বৃহস্পতিবার জানান যে, ঘূর্ণিঝড় মোকাবিলায় ওড়িশায় ২০টি এবং পশ্চিমবঙ্গে ১৭টি টিম মোতায়েন করা হয়েছে। 

    ওড়িশায় সক্রিয়তা

    দানার (Cyclone Dana) হানা মোকাবিলা করতে ইতিমধ্যেই তৎপর হয়েছে ওড়িশা প্রশাসন। মনে করা হচ্ছে ওড়িশার প্রায় ১০ লক্ষ মানুষ দানার প্রকোপের মুখে পড়তে পারেন। তার মধ্যে বুধবার সন্ধ্যার মধ্যে তিন লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। বাকিদেরও সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সরানোর কাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় ওড়িশার বিজেপি সরকার ১৪টি জেলায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫১টি দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF Team) ২০টি দল এবং দমকল বাহিনীর ১৭৮টি দল মোতায়েন করেছে। এনডিআরএফ-এর ডেপুটি ইনস্পেক্টর জেনারেল শাহেদি বলেন, “এই ঘূর্ণিঝড়ের প্রভাব ওড়িশা ও পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি পড়বে। ওড়িশার ভদ্রক জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হচ্ছে। ওড়িশার ১০টি উপকূলবর্তী জেলা ব্যাপকভাবে আক্রান্ত হবে। এর মধ্যে আক্রান্ত এলাকা থেকে ১.৭ লক্ষের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।”

    আরও পড়ুন: ‘দানা’র দাপটে লণ্ডভণ্ড হতে পারে ওড়িশার তিন জেলা, কোথায়, কত বেগে বইবে ঝড়?

    সতর্কতা পূর্ব মেদিনীপুরে

    ঝড়-জলে বিপর্যস্ত হতে পারে বাংলার পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশের জনজীবন। আবহাওয়া দফতর জানিয়েছে, অতি ভারী বৃষ্টি হবে সেখানে। উঠতে পারে প্রবল ঝড়ও। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই পথে নেমেছে প্রশাসন। সমুদ্রের ধারেকাছে ঘেষতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে দিঘা এবং সংলগ্ন এলাকায় কাজে নেমে পড়েছে এনডিআরএফও। ত্রাণ ও উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF Team) জুড়ি মেলা ভার। এবার তারাই সহায় দিঘা, মন্দারমনির স্থানীয় বাসিন্দাদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share