Tag: মাধ্যম বাংলা

  • Bangladesh Political Crisis: আওয়ামি লিগকে ঠেকাতে ফের জামাতের দ্বারস্থ তারেক? বিএনপি-জামাতের সংঘাতেই উত্তপ্ত বাংলাদেশ

    Bangladesh Political Crisis: আওয়ামি লিগকে ঠেকাতে ফের জামাতের দ্বারস্থ তারেক? বিএনপি-জামাতের সংঘাতেই উত্তপ্ত বাংলাদেশ

    সুশান্ত দাস

    বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফের অগ্নিগর্ভ। একদিকে নিষিদ্ধ আওয়ামি লিগকে ঘিরে নতুন করে রাজনৈতিক তৎপরতার আশঙ্কা, অন্যদিকে রাস্তায় হিংসা, বোমাবাজি ও অর্থনৈতিক অসন্তোষ। এরই মধ্যে ভারতের বিরুদ্ধে পরোক্ষে অভিযোগ তুলে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাৎপর্যপূর্ণভাবে, এই মন্তব্যের ঠিক একদিন আগেই জামাত-ই-ইসলামির প্রধান তথা বর্তমান বিরোধী দলনেতা শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। ফলে প্রশ্ন উঠছে, আওয়ামি লিগ-বিরোধী রাজনৈতিক ঐক্য জোরদার করার তাগিদেই কি ফের জামাতের সঙ্গে সমঝোতার পথে হাঁটছে বিএনপি? নাকি রাজনৈতিক চাপ সামলাতে বিরোধী শিবিরের একাংশের সঙ্গে নতুন সমীকরণ তৈরির চেষ্টা চলছে?

    ভারতের বিরুদ্ধে অভিযোগ, তার আগেই জামাত প্রধানের সঙ্গে বৈঠক

    শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্যে ইঙ্গিত মেলে, দেশের ক্রমবর্ধমান হিংসার পিছনে ভারতের ভূমিকা থাকতে পারে। এই মন্তব্যের ঠিক আগের দিনই শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামি লিগের বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার উদ্দেশ্যেই এই বৈঠক।

    বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে তারেক রহমানকে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন জামাত প্রধান। তাঁর বক্তব্য ছিল, দেশে ‘ফ্যাসিবাদ’ নির্মূল করতে এবং ফ্যাসিবাদ-বিরোধী ঐক্য বজায় রাখতে রাজনৈতিক দলগুলির মধ্যে সংলাপ প্রয়োজন।

    উল্লেখযোগ্য বিষয়, এই বৈঠক এমন সময়ে হয়েছে, যখন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে জল্পনা তুঙ্গে। আওয়ামি লিগের প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকায় ফেরার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

    জামাতকে বাদ দিয়েই বিরোধী ঐক্যের পরিকল্পনা বিএনপির?

    বিএনপি ও জামাতের সম্পর্কেও সাম্প্রতিক সময়ে দূরত্ব বেড়েছে। একসময় দুই দল রাজনৈতিক সহযোগী হিসেবে কাজ করলেও, আওয়ামি লিগ রাজনৈতিক ময়দান থেকে সরে যাওয়ার পর তাদের মধ্যে সমীকরণ বদলাতে শুরু করেছে।

    চলতি মাসের গোড়ায় একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা করছে বিএনপি। আওয়ামি লিগ-বিরোধী শক্তিগুলির মধ্যে ঐক্য বজায় রাখাই এই উদ্যোগের ঘোষিত উদ্দেশ্য। তবে জামাত-ই-ইসলামির নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলিকে সেই আলোচনায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেই বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বর মাসে এই বৈঠক হতে পারে।

    অর্থাৎ, একদিকে জামাতের সঙ্গে সরাসরি আলোচনার দরজা খোলা রাখছে বিএনপি, অন্যদিকে রাজনৈতিকভাবে দলটিকে কিছুটা দূরে সরিয়ে রাখার চেষ্টাও চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মনিরপেক্ষ ভোটার এবং আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতেই জামাতের সঙ্গে দূরত্ব তৈরির কৌশল নিতে পারে তারেক রহমানের দল। যদিও এই অবস্থান নিয়ে বিএনপির অন্দরেও মতপার্থক্যের খবর সামনে এসেছে।

    জুলাই জাতীয় সনদ নিয়ে সংঘাত, তিক্ত হচ্ছে সম্পর্ক

    বিএনপি ও জামাতের মধ্যে দূরত্বের অন্যতম বড় কারণ জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তৈরি এই সনদে বাংলাদেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক কাঠামোয় একাধিক সংস্কারের প্রস্তাব রাখা হয়েছিল। বিচার বিভাগের স্বাধীনতা বৃদ্ধি, নির্বাহী বিভাগের ক্ষমতার ভারসাম্য পুনর্নির্ধারণ এবং গণতান্ত্রিক জবাবদিহি আরও শক্তিশালী করার মতো বিষয় ছিল তাতে।

    ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পাশাপাশি আয়োজিত গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোটার এই সনদের পক্ষে রায় দেন। কিন্তু সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েই এখন বিএনপি ও জামাতের মধ্যে সংঘাত।

    বিএনপির বক্তব্য, সংসদে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনী পাশ করেই সংস্কার কার্যকর করা উচিত। অন্যদিকে জামাতের দাবি, গণভোটে মানুষ শুধু সাধারণ সাংবিধানিক সংশোধনীর পক্ষে মত দেয়নি, বরং পৃথক সংবিধান সংস্কার পরিষদ গঠন-সহ বৃহত্তর কাঠামোগত পরিবর্তনের পক্ষেও রায় দিয়েছে।

    এই মতপার্থক্য ক্রমশ রাজনৈতিক সংঘাতে পরিণত হচ্ছে। এমনকী, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গোপনে আওয়ামি লিগের সঙ্গে বোঝাপড়ার অভিযোগ তুলছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    রাস্তায় হিংসা, বোমাবাজি, অশান্ত বাংলাদেশ

    রাজনৈতিক টানাপড়েনের পাশাপাশি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ, হিংসা এবং কাঁচা বোমা হামলার ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন প্রান্তে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর।

    এর পাশাপাশি শ্রমিক অসন্তোষ, অর্থনৈতিক চাপ এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে প্রভাব বিস্তারের লড়াই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

    তবে কিছু সংবাদমাধ্যমের বিশ্লেষণে দাবি করা হয়েছে, পরিস্থিতি সামাল দিতে সরকার খুব বেশি কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ করতে চাইছে না। কারণ, অতিরিক্ত দমনমূলক পদক্ষেপ নিলে অতীতের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান সরকারের তুলনা শুরু হতে পারে। তাতে সরকারের ভাবমূর্তি এবং রাজনৈতিক অবস্থান, দুটিই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

    জামাতের অতীতই বিএনপির সামনে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ

    জামাতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিএনপির সামনে আরও একটি বড় সমস্যা রয়েছে—১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দলটির বিতর্কিত ভূমিকা। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল জামাত। পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করার অভিযোগ উঠেছিল দলটির বিরুদ্ধে এবং দলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁদের সাজাও দিয়েছিল।

    এই ঐতিহাসিক অবস্থানের কারণে বাংলাদেশের রাজনীতিতে জামাতকে নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। ধর্মীয় মৌলবাদী অবস্থান, রাজনৈতিক জোট পরিবর্তনের প্রবণতা এবং মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার কারণে দলটির প্রতি একাংশের গভীর অবিশ্বাস রয়েছে।

    তবে রাজনৈতিক বাস্তবতায় জামাতকে পুরোপুরি উপেক্ষা করাও বড় দলগুলির পক্ষে সহজ নয়। দলটির সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী প্রভাবের কারণে বিভিন্ন সময়ে বড় রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থে জামাতের সঙ্গে হাত মিলিয়েছে।

    রাজনৈতিক চাপ সামলাতেই কি নতুন সমীকরণের চেষ্টা?

    সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তারেক রহমানের সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ তৈরি করেছে। নিষিদ্ধ আওয়ামি লিগকে ঘিরে রাজনৈতিক তৎপরতা, শ্রমিক অসন্তোষ, অর্থনৈতিক চাপ, রাজপথে হিংসা এবং ইসলামপন্থী শক্তিগুলির ক্রমবর্ধমান প্রভাব—সব দিক থেকেই চাপে সরকার।

    এই পরিস্থিতিতে জামাতের সঙ্গে সম্পর্কের প্রশ্নটি বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে ধর্মনিরপেক্ষ ও আন্তর্জাতিক মহলের সমর্থন ধরে রাখতে জামাত থেকে দূরত্ব বজায় রাখার প্রয়োজন, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিরোধী শিবিরের শক্তিশালী এই দলটিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার ঝুঁকিও রয়েছে।

    তারেক-শফিকুর বৈঠক তাই নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনও মেরুকরণের সূচনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আপাতত একটি বিষয় স্পষ্ট—আওয়ামি লিগের অনুপস্থিতিতে যে বিএনপি ও জামাতের মধ্যে ক্ষমতার সমীকরণ সহজ হবে বলে মনে করা হয়েছিল, বাস্তবে সেই সমীকরণই এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন অস্থিরতার অন্যতম কারণ হয়ে উঠছে।

  • Rupa Biswas Aaj Shanibar: ডিস্কোর যুগেও পাত্তা পায়নি তাঁর গান, ভেঙে পড়েছিলেন গায়িকা! চার দশক পর জিটিএ ৬-এ ফিরল রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’

    Rupa Biswas Aaj Shanibar: ডিস্কোর যুগেও পাত্তা পায়নি তাঁর গান, ভেঙে পড়েছিলেন গায়িকা! চার দশক পর জিটিএ ৬-এ ফিরল রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’

    সুশান্ত দাস

    মালদার এক বাঙালি গায়িকার কণ্ঠে চার দশকেরও বেশি আগে রেকর্ড হয়েছিল একটি বাংলা ডিস্কো গান। মুক্তির সময় তেমন কেউ পাত্তা দেয়নি সেই গানকে। অ্যালবাম বিক্রি হয়েছিল হাতে গোনা কয়েকটি। নিজের গাওয়া গান কিনতে পর্যন্ত রেকর্ডের দোকানে যেতে হয়েছিল গায়িকাকে! সেই ব্যর্থতা এতটাই আঘাত দিয়েছিল যে, একসময় গান গাওয়াই ছেড়ে দেন তিনি। অথচ আজ, ২০২৬ সালে, বিশ্বের অন্যতম প্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬ (GTA 6)-এর রেডিও স্টেশনে জায়গা করে নিয়েছে তাঁর সেই গান। চার দশক পর নতুন করে বিশ্বজুড়ে শ্রোতাদের কানে পৌঁছচ্ছে রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’। যে গান একদিন অবহেলায় হারিয়ে গিয়েছিল, আজ প্রযুক্তি ও সময়ের হাত ধরে তারই যেন পুনর্জন্ম!

    ডিস্কোর ঝড়েও ব্রাত্য ছিল রূপার গান

    সালটা ১৯৮২। তখন ভারতজুড়ে ডিস্কো মিউজিকের রমরমা। নাজিয়া হাসানের ‘আপ জ্যায়সা কোই’ এবং ‘ডিস্কো দিওয়ানে’ শ্রোতাদের মাতিয়ে রেখেছে। অন্যদিকে বলিউডে বাপ্পি লাহিড়ির একের পর এক হিট গান, ‘ডিস্কো ডান্সার’-এর ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’ কিংবা ‘জিমি জিমি আজা আজা’ তখন তুমুল জনপ্রিয়। সেই সময়েই একেবারে অন্য ধরনের সঙ্গীত নিয়ে হাজির হয়েছিলেন বাঙালি গায়িকা রূপা বিশ্বাস।

    ১৯৫৫ সালে মালদা শহরে জন্ম রূপার। তাঁর আসল নাম শুক্লা বিশ্বাস। ছোট থেকেই গানের প্রতি ঝোঁক ছিল। আকাশবাণীতে গান গাওয়ার মতো সুযোগও এসেছিল। কিন্তু পেশাদার গায়িকা হিসেবে নিজের জায়গা তৈরি করতে পারেননি। ১৯৮১ সালে পরিবারের সঙ্গে কানাডায় পাড়ি দেন তিনি। সেখানেই বদলে যায় তাঁর জীবনের মোড়।

    কানাডার ক্যালগারিতে বসবাসকারী দাদার উদ্যোগে একদিন বন্ধুদের সামনে গান গাওয়ার সুযোগ পান রূপা। ইউনিভার্সিটি অফ ক্যালগারির রিসাইটাল হলে প্রায় তিন ঘণ্টা ধরে ২৮-২৯টি গান শোনান তিনি। উপস্থিত শ্রোতাদের মধ্যে ছিলেন সরোদশিল্পী আশিস খান এবং তাঁর ভাই প্রণেশ খান। রূপার গান শুনে মুগ্ধ হয়ে তাঁরা অ্যালবাম রেকর্ড করার প্রস্তাব দেন।

    সেই উদ্যোগেই তৈরি হয় ১৯৮২ সালের অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সরোদ, তবলার সঙ্গে ডিস্কো ও জ্যাজের মিশেল ঘটিয়ে তৈরি হয়েছিল এক অভিনব সাউন্ড। অ্যালবামের অন্যতম আকর্ষণ ছিল বাংলায় গাওয়া ‘আজ শনিবার’। ছন্দ, সুর এবং ভারতীয় বাদ্যযন্ত্রের মেলবন্ধনে গানটি ছিল সময়ের তুলনায় বেশ অন্যরকম।

    যে অ্যালবাম কিনতে কেউ আসেনি, সেটাই আজ আন্তর্জাতিক চর্চায়

    ভারতে তখন ডিস্কো মিউজিকের জয়জয়কার। বলিউড ছবিতে তখন ডিস্কোর স্বর্ণযুগ চলছে। ‘পেয়ারি দুশমন’ (১৯৮০)-এর ‘হরি ওম হরি’ কিংবা ‘আরমান’ (১৯৮১)-এর ‘রাম্বা হো’—একের পর এক জনপ্রিয় গানে বলিউডের সঙ্গীতের ধারা বদলে দিচ্ছিলেন বাপ্পি লাহিড়ি। এরপর ১৯৮২ সালে মুক্তি পায় ‘ডিস্কো ডান্সার’। ছবির ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’ এবং ‘জিমি জিমি আজা আজা’ গান দুটি কার্যত ডিস্কো সঙ্গীতের নতুন উন্মাদনা তৈরি করে। শুধু ভারতেই নয়, তৎকালীন সোভিয়েত ইউনিয়নেও ছবিটি ও তার গান বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। পশ্চিমি ছবি ও গানের উপর নানা বিধিনিষেধ থাকা সত্ত্বেও সোভিয়েত দর্শকদের মধ্যে ‘ডিস্কো ডান্সার’-এর এই অভাবনীয় সাফল্য ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

    রূপার এই অ্যালবামটি যখন প্রকাশিত হয়, সেই সময়  ‘কুরবানি’ ছবিতে নাজিয়া হাসানের ‘আপ জ্যায়সা কোই’ ঝড় তুলছে। নাজিয়ার ‘ডিস্কো দিওয়ানে’ মুক্তির মাত্র তিন সপ্তাহের মধ্যে ২ লক্ষের বেশি কপি বিক্রি হয়েছিল বলে জানিয়েছিল ‘বিলবোর্ড’। সেখানে রূপার ‘ডিস্কো জ্যাজ’ কার্যত কোনও সাড়াই পায়নি। ‘দ্য গার্ডিয়ান’-কে ২০১৯ সালে দেওয়া সাক্ষাৎকারে রূপা জানিয়েছিলেন, অ্যালবামটির হাতে গোনা কয়েকটি কপি বিক্রি হয়েছিল। এমনকী নিজের অ্যালবামের ক্যাসেট কিনতে তাঁকে নিজেই দোকানে যেতে হয়েছিল!

    ২৬ বছর বয়সে ওই অ্যালবাম ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন রূপা। কিন্তু প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত ফল তাঁকে গভীরভাবে হতাশ করে। ‘দ্য গার্ডিয়ান’-কে তিনি জানিয়েছিলেন, নতুন করে গান গাওয়ার বা অ্যালবাম তৈরির মতো মানসিক শক্তি আর অবশিষ্ট ছিল না তাঁর। নিজের গানও আর শুনতেন না।

    ১৯৮৪ সালে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে বিয়ে করে ইন্দোনেশিয়ায় চলে যান রূপা। সেখানে মাঝেমধ্যে অনুষ্ঠান করলেও ২০১০ সালে স্বামীর মৃত্যুর পর সম্পূর্ণভাবে গান থেকে নিজেকে সরিয়ে নেন। ‘ভোগ ইন্ডিয়া’-কে ২০২৪ সালে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, স্বামীর মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন। গান গাওয়া বন্ধ করে দেন, বাড়ির বাইরেও বেরোতেন না।

    এক বিদেশি ডিজে-র হাত ধরে শুরু পুনর্জন্মের কাহিনি

    রূপা যখন সঙ্গীতজগৎ থেকে প্রায় হারিয়ে গিয়েছেন, তখন তাঁর পুরনো অ্যালবাম ঘিরে তৈরি হচ্ছে নতুন আগ্রহ। ২০১২ সালে আশিম আহলুওয়ালিয়ার ছবি ‘মিস লাভলি’-তে ‘ডিস্কো জ্যাজ’-এর কয়েকটি গান ব্যবহার করা হয়। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তাঁ রোগার্ড’ বিভাগেও জায়গা করে নেয়।

    এরপর সুইডিশ ডিজে অ্যালবিয়ন ভেনেবলস অনলাইনে এক জার্মান বিক্রেতার তালিকায় অ্যালবামটি খুঁজে পান। ‘আজ শনিবার’ শুনে এতটাই মুগ্ধ হন যে নিজের ডিজে সেটে গানটি বাজাতে শুরু করেন। সেখান থেকে গানটি পৌঁছে যায় কানাডার সঙ্গীতশিল্পী ও ডিজে ড্যান স্নেইথের কাছে, যিনি ‘ক্যারিবু’ এবং ‘ড্যাফনি’ নামে পরিচিত। তাঁর ডিজে সেট ও রেডিও অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছতে শুরু করে রূপার গান।

    ২০১৭ সালে জার্মান লেবেল ‘ওভুলার’ অ্যালবামটির একটি অনানুষ্ঠানিক সংস্করণ প্রকাশ করে। পরে ২০১৯ সালে শিকাগোর আর্কাইভাল রেকর্ড লেবেল ‘নুমেরো গ্রুপ’ থেকে ‘ডিস্কো জ্যাজ’-এর আনুষ্ঠানিক পুনঃপ্রকাশ ঘটে। ফলে পুরনো রেকর্ড সংগ্রাহক ও আন্তর্জাতিক সঙ্গীতপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে আগ্রহ।

    ছেলের হাত ধরে ফিরলেন গানেও

    এত কিছু ঘটে গেলেও রূপা নিজে কিছুই জানতেন না। কলকাতার বাড়িতে তাঁর ছেলে দেবায়ন সেন পুরনো অ্যালবামটি নতুন করে খুঁজে পান। ক্যাসেটটি মায়ের হাতে তুলে দিলে প্রথমে সেটি ফেলে দিতে বলেছিলেন রূপা! যে অ্যালবাম একসময় তাঁর স্বপ্নভঙ্গের কারণ হয়েছিল, সেটির যে বিদেশে এত কদর তৈরি হয়েছে, তা বিশ্বাসই করতে পারেননি তিনি।

    ধীরে ধীরে আবার গানের জগতে ফিরতে শুরু করেন রূপা। ২০২৩ সালের ডিসেম্বরে কলকাতা জ্যাজ ফেস্টে প্রায় ৩০ বছর পর প্রথমবার মঞ্চে গান করেন। ২০২৪ সালে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারেও অনুষ্ঠান করেন তিনি। ‘ভোগ ইন্ডিয়া’-কে সেই সময় রূপা বলেছিলেন, বয়স হয়ে গেলেও মানুষ এখনও তাঁকে গাইতে ডাকছেন, এটা তাঁর কাছে দারুণ অনুভূতি।

    জিটিএ ৬-এ ‘আজ শনিবার’, নতুন প্রজন্মের কানে বাঙালির সুর

    এবার সেই যাত্রায় যুক্ত হল আরও এক আন্তর্জাতিক মঞ্চ। বহুল প্রতীক্ষিত ‘গ্র্যান্ড থেফট অটো ৬’-এর ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিও স্টেশনের প্লেলিস্টে জায়গা পেয়েছে রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’। অর্থাৎ, গেমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও পৌঁছবে চার দশক আগের এই বাংলা গান।

    উল্লেখ্য, জিটিএ-র জগতে ভারতীয় সঙ্গীত অবশ্য একেবারে নতুন নয়। ২০০৫ সালের ‘জিটিএ: লিবার্টি সিটি স্টোরিজ’-এ আশা ভোঁসলের ‘দম মারো দম’, আনন্দ শঙ্করের ‘রঘুপতি’ এবং বিজয়া আনন্দের ‘নীভে নান্না’ জায়গা পেয়েছিল ‘রেডিও ডেল মুন্ডো’ স্টেশনে।

    একসময় যে গানের ক্যাসেট কিনতে কাউকে পাওয়া যায়নি, যে গায়িকা নিজের সৃষ্টিকেই ভুলে থাকতে চেয়েছিলেন, আজ তাঁর গান শুনতে আগ্রহী আন্তর্জাতিক শ্রোতারা। ব্যর্থতার যন্ত্রণা, দীর্ঘ নীরবতা পেরিয়ে রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’ ফিরে এসেছে নতুন পরিচয়ে। চার দশক আগে সময় যে গানকে চিনতে পারেনি, আজ সেই গানই সময়ের সীমানা পেরিয়ে পৌঁছে যাচ্ছে গোটা বিশ্বের কাছে।

  • IPL 2027 Mini Auction: ধোনির বিদায়, বড় রদবদল ১০ দলে! নিলামের আগে কোন দল কাদের ধরে রাখল, কাদের ছেড়ে দিল?

    IPL 2027 Mini Auction: ধোনির বিদায়, বড় রদবদল ১০ দলে! নিলামের আগে কোন দল কাদের ধরে রাখল, কাদের ছেড়ে দিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল ২০২৭-এর মিনি নিলামের আগে চূড়ান্ত হল ১০টি ফ্র্যাঞ্চাইজির রিটেন ও রিলিজ তালিকা। ১৭ নভেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই নিজেদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে প্রতিটি দল। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে আইপিএলের নিলামের আসর। তার আগে দলগুলির রদবদল ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা।

    এ বারের নিলামের অন্যতম বড় খবর, আইপিএল থেকে খেলোয়াড় হিসেবে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। দীর্ঘ ও বর্ণময় আইপিএল কেরিয়ারে ইতি টেনে এবার চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি। অন্যদিকে, একাধিক তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তাদের পুরনো ফ্র্যাঞ্চাইজি। হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেডও।

    আইপিএল গভর্নিং কাউন্সিলের বুধবারের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ক্রিকেটারদের ধরে রাখতেই ১০টি দল সম্মিলিতভাবে খরচ করেছে ১,০০২.০৫ কোটি টাকা। ফলে নিলামের জন্য দলগুলির হাতে অবশিষ্ট রয়েছে মোট ২৯৭.৯৫ কোটি টাকা। সব মিলিয়ে ৬৬টি স্লট পূরণ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য রয়েছে ২৫টি জায়গা।

    নিলামের আগে বড় ট্রেড, কোন দলে গেলেন কারা?

    নিলামের আগে উল্লেখযোগ্য কয়েকটি ট্রেড হয়েছে। লখনউ সুপার জায়ান্টস থেকে মহম্মদ শামি এবং এম সিদ্ধার্থকে নিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস। বিনিময়ে লখনউয়ে যোগ দিয়েছেন রাজস্থানের স্যাম কারান। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ থেকে গুজরাট টাইটানসে যোগ দিয়েছেন দু’বারের পার্পল ক্যাপ জয়ী হর্ষল প্যাটেল।

    এ ছাড়াও বিভিন্ন দলের মধ্যে ক্রিকেটার অদলবদল হয়েছে। সবচেয়ে বেশি ২২ জন ক্রিকেটারকে ধরে রেখেছে গুজরাট টাইটানস। বিদেশি ক্রিকেটার ধরে রাখার নিরিখে এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের দলে রয়েছেন সাতজন বিদেশি ক্রিকেটার। চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস ধরে রেখেছে ১৯ জন করে ক্রিকেটার।

    নিলামের আগে কোন দলের হাতে কত টাকা?

    অবশিষ্ট অর্থের নিরিখে সবচেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১৮ জন ক্রিকেটারকে ধরে রেখে তাদের হাতে রয়েছে ৪৭.৪৫ কোটি টাকা। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স (৪১.৬৫ কোটি টাকা)। সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে ৪০.১৫ কোটি এবং দিল্লি ক্যাপিটালসের হাতে ৩৯.৫০ কোটি টাকা।

    অন্যদিকে, সবচেয়ে কম অর্থ রয়েছে গুজরাট টাইটানসের হাতে। তাদের অবশিষ্ট পার্স ৮.৭৫ কোটি টাকা। নিলামে মাত্র তিনটি স্লট পূরণ করতে পারবে তারা।

    আইপিএল ২০২৭: ১০ দলের রিটেন ও রিলিজ তালিকা

    নিলামের আগে কোন দল কাদের ধরে রাখল এবং কাদের ছেড়ে দিল, এক নজরে দেখে নিন সম্পূর্ণ তালিকা।

    ১. চেন্নাই সুপার কিংস (CSK)

    • রিলিজ: এমএস ধোনি, আমান খান, ডায়ান ফরেস্টার, কুলদীপ যাদব, ম্যাকনেইল নরোনহা, ম্যাথিউ শর্ট, ম্যাট হেনরি, আকাশ মাধওয়াল, প্রশান্ত বীর, স্পেন্সার জনসন, জ্যাক ফোকস, খলিল আহমেদ (ট্রেড আউট), নাথান এলিস (ট্রেড আউট)।
    1. রিটেন: ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, আয়ুষ মাত্রে, উরভিল প্যাটেল, দেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, কার্তিক শর্মা, সরফরাজ খান, রাহুল চাহার, নূর আহমেদ, শ্রেয়স গোপাল, অংশুল কম্বোজ, মুকেশ চৌধুরী, গুরজপনীত সিং, রামকৃষ্ণ ঘোষ, জেমি ওভারটন, আকিল হোসেন, লিয়াম লিভিংস্টোন (ট্রেড ইন), জ্যাক এডওয়ার্ডস (ট্রেড ইন)।

    ২. মুম্বই ইন্ডিয়ান্স (MI)

    • রিলিজ: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, এএম ঘাজানফর, অথর্ব আনকোলেকর, কেশব মহারাজ, মহম্মদ ইজহার, দানিশ মালেওয়ার, ময়ঙ্ক মার্কান্ডে, ময়ঙ্ক রাওয়াত, মহিপাল লোমরর, রবিন মিনজ, রুচিত আহির, কৃষ ভাগত, হার্দিক পাণ্ড্য (ট্রেড আউট)।
    • রিটেন: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, তিলক বর্মা, নমন ধীর, রায়ান রিকেলটন, শেরফেন রাদারফোর্ড, কুইন্টন ডি কক, করবিন বশ, উইল জ্যাকস, শার্দূল ঠাকুর, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, অশ্বনী কুমার, রঘু শর্মা, অর্শদীপ সিং (ট্রেড ইন)।

    ৩. দিল্লি ক্যাপিটালস (DC)

    • রিলিজ: মিচেল স্টার্ক, নীতীশ রানা, অভিষেক পোড়েল, পাথুম নিশঙ্কা, বেন ডাকেট, করুণ নায়ার, সাহিল পারাখ, দুষ্মন্ত চামিরা, রেহান আহমেদ, অজয় মণ্ডল, টি নটরাজন (ট্রেড আউট), কুলদীপ যাদব (ট্রেড আউট)।
    • রিটেন: অক্ষর প্যাটেল, কে এল রাহুল, পৃথ্বী শ, সমীর রিজভি, আশুতোষ শর্মা, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার, অকিব নবী, বিপ্রজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়, কাইল জেমিসন, ঋষভ পন্থ (ট্রেড ইন), জিশান আনসারি (ট্রেড ইন)।

    ৪. লখনউ সুপার জায়ান্টস (LSG)

    • রিলিজ: আবেশ খান, ম্যাথিউ ব্রেটজকে, আনরিখ নরকিয়া, জর্জ লিন্ডে, ওয়ানিন্দু হাসারঙ্গা, নমন তিওয়ারি, আরশিন কুলকার্নি, ঋষভ পন্থ (ট্রেড আউট), মহম্মদ শামি (ট্রেড আউট), এম সিদ্ধার্থ (ট্রেড আউট)।
    • রিটেন: মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, জশ ইংলিস, আয়ুষ বাদোনি, আবদুল সামাদ, মুকুল চৌধুরী, অক্ষত রঘুবংশী, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, মহসিন খান, ময়ঙ্ক যাদব, আকাশ সিং, অর্জুন তেন্ডুলকর, কুলদীপ যাদব (ট্রেড ইন), স্যাম কারান (ট্রেড ইন)।

    ৫. পাঞ্জাব কিংস (PBKS)

    • রিলিজ: নেহাল ওয়াধেরা, লকি ফার্গুসন, মিচেল ওয়েন, পায়লা অবিনাশ, প্রবীণ দুবে, বিশাল নিষাদ, অর্শদীপ সিং (ট্রেড আউট)।
    • রিটেন: শ্রেয়স আইয়ার, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, মুশির খান, বিষ্ণু বিনোদ, কুপার কনোলি, মার্কাস স্টোইনিস, আজমতউল্লাহ ওমরজাই, মার্কো জানসেন, সূর্যাংশ শেঢ়গে, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস, যশ ঠাকুর, বৈশাখ বিজয়কুমার, যুজবেন্দ্র চাহাল, হরপ্রীত ব্রার, হরনূর সিং, হার্দিক পাণ্ড্য (ট্রেড ইন)।

    ৬. রাজস্থান রয়্যালস (RR)

    • রিলিজ: শিমরন হেটমায়ার, ইমনজ্যোত চাহাল, অ্যাডাম মিলনে, ক্বেনা মাফাকা, তুষার দেশপাণ্ডে, কুলদীপ সেন, যুধবীর সিং, বিঘ্নেশ পুথুর, রবি সিং, স্যাম কারান (ট্রেড আউট)।
    • রিটেন: রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল, শুভম দুবে, আমন রাও, লুহান ড্রে প্রিটোরিয়াস, ডোনোভান ফেরেইরা, দাসুন শনাকা, রবীন্দ্র জাডেজা, রবি বিষ্ণোই, যশরাজ পুঞ্জা, নান্দ্রে বার্গার, জোফ্রা আর্চার, ব্রিজেশ শর্মা, সন্দীপ শর্মা, সুশান্ত মিশ্র, মহম্মদ শামি (ট্রেড ইন), এম সিদ্ধার্থ (ট্রেড ইন)।

    ৭. সানরাইজার্স হায়দরাবাদ (SRH)

    • রিলিজ: ট্র্যাভিস হেড, কামিন্দু মেন্ডিস, জয়দেব উনাদকট, দিশান মাদুশঙ্কা, ওঙ্কার তারমালে, অমিত কুমার, শিবম মাভি, জেরাল্ড কোয়েৎজি, ডেভিড পেইন, আরএস আম্বরিশ, হর্ষল প্যাটেল (ট্রেড আউট), জিশান আনসারি (ট্রেড আউট), লিয়াম লিভিংস্টোন (ট্রেড আউট), জ্যাক এডওয়ার্ডস (ট্রেড আউট)।
    • রিটেন: প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ঈশান কিষান, সলিল অরোরা, অনিকেত বর্মা, আর স্মরণ, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, ঈশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, প্রফুল হিঙ্গে, সাকিব হুসেন, হর্ষ দুবে, শিবাং কুমার, ক্রেইন্স ফুলেত্রা, টি নটরাজন (ট্রেড ইন), খলিল আহমেদ (ট্রেড ইন), নাথান এলিস (ট্রেড ইন)।

    ৮. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

    • রিলিজ: জ্যাকব বেথেল, রিচার্ড গ্লিসন, মঙ্গেশ যাদব, সাত্ত্বিক দেশওয়াল, ভিহান মালহোত্রা, স্বপ্নিল সিং।
    • রিটেন: রজত পাতিদার, বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ড্য, রোমারিও শেফার্ড, জশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমার, সুশান্ত শর্মা, অভিনন্দন সিং, রসিখ সালাম, বেঙ্কটেশ আইয়ার, জেকব ডাফি, জর্ডন কক্স, ভিকি ওস্তওয়াল, কনিষ্ক চৌহান, যশ দয়াল।

    ৯. গুজরাট টাইটানস (GT)

    • রিলিজ: ইশান্ত শর্মা, লুক উড, কুলবন্ত খেজরোলিয়া, শাহরুখ খান, কনর এস্টারহুইজেন।
    • রিটেন: শুভমন গিল, সাই সুদর্শন, রাহুল তেওটিয়া, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, জস বাটলার, টম ব্যান্টন, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, আর সাই কিশোর, মানব সুথার, রশিদ খান, জয়ন্ত যাদব, জেসন হোল্ডার, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, অশোক শর্মা, আরশদ খান, পৃথ্বী রাজ ইয়ারা, নিশান্ত সিন্ধু, হর্ষল প্যাটেল (ট্রেড ইন)।

    ১০. কলকাতা নাইট রাইডার্স (KKR)

    • রিলিজ: অজিঙ্ক রাহানে, আকাশ দীপ, ব্লেসিং মুজারাবানি, দক্ষ কামরা, লুভনিথ সিসোদিয়া, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, নবদীপ সাইনি, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, তেজস্বী সিং, উমরান মালিক।
    • রিটেন: ক্যামেরন গ্রিন, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, ফিন অ্যালেন, মনীশ পাণ্ডে, রোভম্যান পাওয়েল, অঙ্গকৃষ রঘুবংশী, রমনদীপ সিং, টিম সেইফার্ট, সারথক রঞ্জন, অনুকূল রায়, বৈভব অরোরা, সৌরভ দুবে, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি।

    নিলামের আগে নজর থাকবে কোন দলগুলির দিকে?

    ধোনির বিদায় নিঃসন্দেহে চেন্নাই সুপার কিংসের কাছে বড় ধাক্কা। অন্যদিকে, বিপুল অর্থ হাতে নিয়ে নিলামে নামবে লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স। ফলে এই দুই দলের নতুন ক্রিকেটার কেনার কৌশল নিয়ে আগ্রহ থাকবে। গুজরাট টাইটানসের হাতে অর্থ কম থাকায় তাদের সীমিত স্লট পূরণের পরিকল্পনাও গুরুত্বপূর্ণ হতে চলেছে।

    সব মিলিয়ে ১৬ ডিসেম্বর গোয়ায় আইপিএল ২০২৭-এর মিনি নিলামে একাধিক বড় নামের দলবদল এবং নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখার, কোন ফ্র্যাঞ্চাইজি নিজেদের স্কোয়াডকে কতটা শক্তিশালী করে তুলতে পারে।

  • Kashmir Terror Network: কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্কে বড় ধাক্কা! সইফুল্লা থেকে লতিফ ভাট— ২০২৬-এ একে একে খতম লস্কর-জইশের শীর্ষ কমান্ডাররা

    Kashmir Terror Network: কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্কে বড় ধাক্কা! সইফুল্লা থেকে লতিফ ভাট— ২০২৬-এ একে একে খতম লস্কর-জইশের শীর্ষ কমান্ডাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫ সালে কাশ্মীরে নতুন করে জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় করার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ২০২৬ সাল সেই নেটওয়ার্ক ভেঙে দেওয়ার বছর হিসেবেই চিহ্নিত হতে চলেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একের পর এক অভিযানে লস্কর-ই-তইবা (LeT) এবং জইশ-ই-মহম্মদ (JeM)-এর শীর্ষ স্থানীয় কমান্ডারদের নিকেশ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বুধবার কুলগামে লস্কর কমান্ডার লতিফ ভাটের মৃত্যুর পর নিরাপত্তা আধিকারিকদের দাবি, উপত্যকায় তালিকাভুক্ত কোনও স্থানীয় জঙ্গি আর সক্রিয় নেই। শুধু জঙ্গি দমন নয়, পাকিস্তানের মদতে নতুন করে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক গড়ে তোলার প্রচেষ্টাতেও বড় ধাক্কা লেগেছে।

    নিরাপত্তা আধিকারিকদের মতে, ২০২৬ সালের এই সাফল্যের পিছনে রয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা, সিআরপিএফ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে অভূতপূর্ব সমন্বয়। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও অভিযানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আগে যেখানে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠত স্থানীয়দের একাংশের বিরুদ্ধে, সেখানে এখন অনেকেই জঙ্গিদের গতিবিধি সম্পর্কে নিরাপত্তা বাহিনীকে নির্দিষ্ট তথ্য দিচ্ছেন।

    ফেব্রুয়ারিতে শুরু অভিযান, প্রথম বড় ধাক্কা জইশকে

    ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি কিশতওয়ারের তুষারাবৃত জঙ্গলে অভিযান চালিয়ে জইশ-ই-মহম্মদের কুখ্যাত কমান্ডার সইফুল্লাকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। প্রায় পাঁচ বছর আগে অনুপ্রবেশ করে উপত্যকায় সক্রিয় হয়ে উঠেছিল সে। একাধিক হামলার পরিকল্পনার সঙ্গে তার নাম জড়িয়েছিল। ২০২৪ সালের জুলাইয়ে যে হামলায় চার সেনাকর্মীর মৃত্যু হয়েছিল, তার নেপথ্যেও সইফুল্লার ভূমিকা ছিল বলে অভিযোগ। ‘অপারেশন ত্রাশি-১’-এ তার মৃত্যু ছিল বছরের প্রথম বড় সাফল্য।

    এরপর ৮ জুলাই দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে খতম হয় লস্কর কমান্ডার জাকির আহমেদ গনাই। তার মৃত্যুর ফলে দক্ষিণ কাশ্মীরে লস্করের সাংগঠনিক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    সেপ্টেম্বরে লস্করের চার শীর্ষ কমান্ডারের নেটওয়ার্ক ধ্বংস

    সেপ্টেম্বর মাসে নিরাপত্তা বাহিনীর অভিযান আরও জোরদার হয়। ৪ সেপ্টেম্বর বাডগামে ‘অপারেশন আসধর’-এ খতম করা হয় পাকিস্তানি নাগরিক ইয়াসিরকে। ২০২২ সাল থেকে জম্মু-কাশ্মীরে সক্রিয় লস্করের চার শীর্ষ কমান্ডারের অন্যতম ছিল সে। পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও তার যোগসূত্র ছিল বলে দাবি নিরাপত্তা আধিকারিকদের।

    এরপর ২৯-৩০ সেপ্টেম্বর বাডগামের গুরওয়াতকালানে ‘অপারেশন শেরুওয়ালি’তে বড় সাফল্য পায় বাহিনী। নিকেশ হয় মুসা ওরফে আসিফ ফৌজি, যার অন্য নাম হাশিম মুসা। পাকিস্তান সেনার স্পেশ্যাল সার্ভিসেস গ্রুপের (SSG) প্রাক্তন হাবিলদার মুসাকে পহেলগাঁও হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

    পহেলগাঁও হামলার পর ভাইরাল হওয়া একটি ছবিতে লস্করের যে চার শীর্ষ কমান্ডারকে একসঙ্গে দেখা গিয়েছিল, মুসা ছিল তাদের অন্যতম। ২০২২ সাল থেকে সক্রিয় ওই চার সদস্যের গোষ্ঠীর শেষ সদস্য হিসেবে মুসার মৃত্যুর পর সেই নেটওয়ার্ক কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়।

    এলওসি পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, পুঞ্চে মৃত্যু লস্কর কমান্ডারের

    জঙ্গি দমনের অভিযান শুধু উপত্যকার অভ্যন্তরেই সীমাবদ্ধ ছিল না। ১২ অক্টোবর পুঞ্চের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন কেজি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় নিরাপত্তা বাহিনী। পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) থেকে জঙ্গিদের ভারতে ঢোকানোর চেষ্টা চলাকালীন একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্করের শীর্ষ কমান্ডার মহম্মদ ফৈজান-সহ চারজনের মৃত্যু হয়। ফলে সীমান্ত পেরিয়ে নতুন করে জঙ্গি অনুপ্রবেশ করানোর পাকিস্তানি প্রচেষ্টাও বড় ধাক্কা খায়।

    লতিফ ভাটের মৃত্যুতে স্থানীয় লস্কর নেতৃত্বেও কার্যত ইতি

    ১৮ নভেম্বর কুলগামের জঙ্গলপোরা, দেবসরে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হয় লস্কর কমান্ডার লতিফ ভাট। উপত্যকায় সক্রিয় শেষ স্থানীয় লস্কর কমান্ডার হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছিল।

    ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের উপর হামলা, জুলাই মাসে কুলগামে পরিযায়ী শ্রমিকদের হত্যা এবং অনন্তনাগে এক পুলিশ হেড কনস্টেবলকে খুনের ঘটনায় তার নাম জড়িয়েছিল। এই হামলাগুলির অন্যতম পরিকল্পনাকারী ছিল লতিফ বলে অভিযোগ।

    নিরাপত্তা আধিকারিকদের বক্তব্য, সেপ্টেম্বরে মুসার মৃত্যুর সঙ্গে ২০২২ সাল থেকে সক্রিয় লস্করের চার শীর্ষ কমান্ডারের গোষ্ঠীর অবসান ঘটেছিল। আর লতিফ ভাটের মৃত্যুর ফলে উপত্যকায় সংগঠনটির স্থানীয় নেতৃত্বের অবশিষ্ট কাঠামোও বড় ধাক্কা খেল।

    শুধু অভিযান নয়, বদলেছে স্থানীয়দের মনোভাবও

    নিরাপত্তা বাহিনীর মতে, ২০২৬ সালের সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শুধু জঙ্গিদের মৃত্যুর সংখ্যা নয়, বরং অভিযান পরিচালনার পদ্ধতি। দীর্ঘদিন ধরে মানব গোয়েন্দা তথ্য (Human Intelligence), প্রযুক্তিনির্ভর নজরদারি এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। জঙ্গিরা মসজিদ কিংবা জনবসতিপূর্ণ এলাকায় আশ্রয় নিলেও সর্বোচ্চ সংযম বজায় রেখে অভিযান চালানোর চেষ্টা করেছে বাহিনী। লক্ষ্য ছিল, সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে জঙ্গিদের নির্মূল করা।

    অন্যদিকে, পাকিস্তান অনলাইন র‌্যাডিক্যালাইজেশনের মাধ্যমে উপত্যকায় নতুন জঙ্গি নিয়োগের চেষ্টা চালাচ্ছে বলে দাবি নিরাপত্তা আধিকারিকদের। কিন্তু চলতি বছরে সেই প্রচেষ্টা এখনও পর্যন্ত নতুন কোনও স্থানীয় নিয়োগের ক্ষেত্রে সফল হয়নি বলে তাঁদের বক্তব্য।

    সব মিলিয়ে, ২০২৬ সালে কাশ্মীরে সন্ত্রাসবাদবিরোধী অভিযানের চরিত্রে বড় পরিবর্তন এসেছে। বিচ্ছিন্ন এনকাউন্টারের পরিবর্তে গোয়েন্দা তথ্যনির্ভর ধারাবাহিক অভিযান, বিভিন্ন বাহিনীর সমন্বয় এবং স্থানীয়দের সহযোগিতার মাধ্যমে জঙ্গি সংগঠনগুলির নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোয় আঘাত হানা হয়েছে। তবে শীর্ষ কমান্ডারদের মৃত্যু সন্ত্রাসবাদের অবসান নিশ্চিত করে না। সীমান্তপারের অনুপ্রবেশ, অনলাইন উগ্রপন্থা এবং নতুন নিয়োগের সম্ভাবনার উপর নজরদারি বজায় রাখাই এখন নিরাপত্তা বাহিনীর কাছে পরবর্তী বড় চ্যালেঞ্জ।

  • Kulgam Encounter: ‘কিছু খাবার ঠান্ডা অবস্থায় ভালো লাগে’, লতিফ ভাটের মৃত্যুতে ইঙ্গিতপূর্ণ বার্তা সিআরপিএফ ডিজির, বাহিনীকে কুর্নিশ অমিত শাহের

    Kulgam Encounter: ‘কিছু খাবার ঠান্ডা অবস্থায় ভালো লাগে’, লতিফ ভাটের মৃত্যুতে ইঙ্গিতপূর্ণ বার্তা সিআরপিএফ ডিজির, বাহিনীকে কুর্নিশ অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হল লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ কমান্ডার লতিফ ভাট। বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার জঙ্গলপোরা গ্রামে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযানে মৃত্যু হয় তার। গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি পোস্টে হামলার ঘটনায় অভিযুক্ত ছিল এই জঙ্গি। তার মৃত্যুর খবর নিশ্চিত করে নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, সিআরপিএফের ডিজি জি পি সিংয়ের একটি মন্তব্য ঘিরেও চর্চা শুরু হয়েছে।

    ‘কিছু প্রতিশোধ ঠান্ডা পরিবেশেই নিতে হয়’, কী বললেন সিআরপিএফ ডিজি?

    লতিফ ভাটের মৃত্যুর পর এক্স হ্যান্ডেলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান সিআরপিএফের ডিরেক্টর জেনারেল জি পি সিং। তিনি লেখেন, “অভিনন্দন বন্ধুরা। কিছু খাবার ঠান্ডা পরিবেশন করলেই তার স্বাদ সবচেয়ে ভালো হয়, এমনকী ঠান্ডা আবহাওয়াতেও।” তাঁর এই মন্তব্যকে ১১ নভেম্বরের সিআরপিএফ পোস্টে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    অন্যদিকে, কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, এনকাউন্টারস্থল থেকে নিহত জঙ্গির দেহ এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। নিহতের পরিচয় মহম্মদ লতিফ ভাট, খ্রেওয়ান, কুলগাম বলে নিশ্চিত করা হয়েছে।

    অভিযানের প্রশংসায় অমিত শাহ

    কুলগামের এই অভিযানে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা, সিআরপিএফ এবং গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত প্রচেষ্টায় উপত্যকায় লস্কর-ই-তইবার শেষ পরিচিত সক্রিয় স্থানীয় জঙ্গি লতিফ ভাটকে খতম করা হয়েছে।

    অমিত শাহ আরও জানান, এর ঠিক আগের দিন অর্থাৎ সোমবার কুলগামেই লস্করের আর এক জঙ্গি সহযোগী উমর নিসারকে নিকেশ করা হয়েছিল। গোটা অভিযানে বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে অত্যন্ত উচ্চমানের সমন্বয় দেখা গিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের নিরাপত্তায় নিযুক্ত সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    মসজিদে আশ্রয় নিয়েও শেষরক্ষা হল না লতিফের

    সরকারি সূত্রে খবর, গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফ কর্মীদের উপর হামলার ঘটনায় লতিফ ভাট এবং তার সহযোগী উমর নিসার দার জড়িত ছিল। ওই হামলায় তিনজন আধাসেনা কর্মী আহত হয়েছিলেন। সোমবার জেলার লারু বাইপাস এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় উমর নিসারের। তবে সেদিন পালাতে সক্ষম হয়েছিল লতিফ।

    এরপর বুধবার ভোরে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গলপোরা গ্রামে তল্লাশি অভিযান শুরু করে সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)। সোমবারের সংঘর্ষস্থল থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে ওই গ্রামে একটি মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিল লতিফ।

    ধীরে ধীরে মসজিদটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ধর্মীয় স্থানের পবিত্রতার কথা মাথায় রেখে অভিযানের সময় সর্বোচ্চ সংযম দেখানো হয়। আত্মসমর্পণের জন্য দীর্ঘক্ষণ ধরে লতিফকে বোঝানোর চেষ্টা করেন সেনা ও পুলিশ আধিকারিকরা।

    আত্মসমর্পণের আবেদন খারিজ করে গুলি চালায় ভাট

    কুলগামের পুলিশ সুপার অনায়ত আলি চৌধুরী সাংবাদিকদের জানান, লতিফের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলার জন্য মসজিদের ভিতরে একটি ফোন পাঠানো হয়েছিল। তিনি বলেন, “আমি এবং সেনাবাহিনীর কমান্ডিং অফিসার দু’জনেই ওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। আমরা ওকে আত্মসমর্পণের আবেদন জানিয়েছিলাম। ওকে বোঝানো হয়েছিল, বয়স এখনও কম, তাই অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করুক। কিন্তু ও রাজি হয়নি।”

    নিরাপত্তা বাহিনীর তরফে আত্মসমর্পণের আবেদনের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত লতিফ আত্মসমর্পণ না করে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় বাহিনী। সংঘর্ষে মৃত্যু হয় লস্কর কমান্ডারের। তার দেহের সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পরপর দু’দিনে কুলগামে লস্কর-ই-তইবার দুই জঙ্গির মৃত্যুকে উপত্যকায় জঙ্গিবিরোধী অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে গোটা অভিযানের বিস্তারিত তথ্য ও পরবর্তী তদন্তের দিকেও নজর রাখছে নিরাপত্তা সংস্থাগুলি।

  • US Technology Crisis: ব্যাঙ্ক, বিমান, মাইক্রোসফটের পর এবার খোদ এনএসএ! একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ে কাঁপছে আমেরিকা, নেপথ্যে কি এআই?

    US Technology Crisis: ব্যাঙ্ক, বিমান, মাইক্রোসফটের পর এবার খোদ এনএসএ! একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ে কাঁপছে আমেরিকা, নেপথ্যে কি এআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাঙ্কিং পরিষেবা থেকে বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে অনলাইন যোগাযোগ ব্যবস্থা—পরপর প্রযুক্তিগত বিপর্যয়ে বিপর্যস্ত আমেরিকা। এবার সেই তালিকায় যুক্ত হল খোদ মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (NSA)। সংস্থার অত্যন্ত সুরক্ষিত গোপন যোগাযোগ নেটওয়ার্ক ‘এনএসএনেট’ (NSANet) সাময়িকভাবে অচল হয়ে পড়ে। যে নেটওয়ার্কের মাধ্যমে এনএসএ-র কর্মীরা গোপন ও শ্রেণিবদ্ধ তথ্য আদানপ্রদান করেন, সেই ব্যবস্থাতেই এমন বিপর্যয় স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন উঠছে, আমেরিকার গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামো কি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে? এর পিছনে কি সাইবার হানার হাত রয়েছে, নাকি প্রযুক্তির অতিরিক্ত নির্ভরতা এবং পুরনো কম্পিউটার ব্যবস্থার সঙ্গে নতুন প্রযুক্তির সংঘাতই বিপর্যয়ের কারণ?

    সফটওয়্যার আপডেট করতে গিয়েই বিপত্তি এনএসএ-তে

    সিএনএনের ১৭ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ছ’জন সংশ্লিষ্ট ব্যক্তির সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সফটওয়্যার রক্ষণাবেক্ষণের সময়ই বিপত্তি ঘটে এনএসএনেটে। পরে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনেও দাবি করা হয়, নিরাপত্তা সংক্রান্ত একটি সফটওয়্যার প্যাচ ইনস্টল করার জন্য নেটওয়ার্কটি আপডেট করা হচ্ছিল। সেই সময়ই পরিষেবায় বিঘ্ন ঘটে। সাময়িকভাবে নেটওয়ার্কটি বন্ধ রাখতে হয়।

    মার্কিন প্রশাসনের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, এটি ছিল রুটিন মেনটেন্যান্সের সময় তৈরি হওয়া সাময়িক প্রযুক্তিগত সমস্যা। ১৭ নভেম্বর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নন, এমন কর্মীদের জন্য দফায় দফায় অফিসে আসার সময় নির্ধারণ করতে হয়। তবে এনএসএ-র দাবি, সংস্থার গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত কাজকর্ম স্বাভাবিক ছিল। জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনও বিঘ্ন ঘটেনি।

    এখনও পর্যন্ত এই ঘটনায় সাইবার হানার কোনও প্রমাণ মেলেনি বলেই দাবি সংশ্লিষ্ট সূত্রের। তবে যে সংস্থার অন্যতম প্রধান দায়িত্বই সাইবার নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য সংগ্রহ, তাদের নিজস্ব গোপন যোগাযোগ ব্যবস্থা এভাবে বিঘ্নিত হওয়ায় উদ্বেগ বেড়েছে।

    বিমান, ব্যাঙ্ক, মাইক্রোসফট—কোথায় কোথায় বিপর্যয়?

    এনএসএ-র নেটওয়ার্কে সমস্যাটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক দিনে আমেরিকার একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে।

    ১২ নভেম্বর মাইক্রোসফটের আউটলুক ও টিমসে বড়সড় সমস্যা দেখা দেয়। দীর্ঘ সময় ধরে ব্যাহত হয় ইমেল ও অনলাইন যোগাযোগ পরিষেবা। মাইক্রোসফটের দাবি, সার্ভার সংক্রান্ত সমস্যার কারণেই এই বিপর্যয়। পরে টিমস, আউটলুক-সহ পরিষেবাগুলি সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে বলে জানায় সংস্থাটি। এই ঘটনায়ও নাশকতার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করা হয়।

    ১৩ নভেম্বর বিপত্তি ঘটে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) যোগাযোগ ব্যবস্থায়। এর জেরে দেশজুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা বা গ্রাউন্ড স্টপ জারি করতে হয়। পরবর্তী তিন দিনে ১৮ হাজারেরও বেশি বিমান বাতিল হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলার পর মার্কিন বিমানবন্দরগুলিতে এটিই দীর্ঘতম এই ধরনের বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে। জানা যায়, আরকানসাসের একটি প্রত্যন্ত কেন্দ্রে মাত্র একটি রাউটার ইনস্টল করার সময় তৈরি হওয়া সমস্যাই এই বিপর্যয়ের কারণ।

    ১৬ নভেম্বর কম্পিউটার সংক্রান্ত সমস্যার জেরে সাময়িকভাবে একাধিক উড়ান বন্ধ রাখতে বাধ্য হয় ইউনাইটেড এয়ারলাইন্স। অন্যদিকে, আমেরিকার বৃহত্তম ঋণদাতা জেপিমরগ্যান চেজের লেনদেন প্রক্রিয়াতেও সমস্যা দেখা দেয়। একটি সফটওয়্যার বাগের কারণে ব্যাহত হয় ব্যাঙ্কের কিছু পরিষেবা। ব্যাঙ্কের তরফে জানানো হয়, এর সঙ্গে সাইবার হামলার কোনও যোগসূত্রের প্রমাণ নেই।

    এর মধ্যেই মঙ্গলবার অ্যাপলের একাধিক পরিষেবায় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক, আইক্লাউড অ্যাকাউন্টে সাইন-ইন এবং অ্যাপল কেয়ারের কিছু পরিষেবা প্রভাবিত হয়। হাজার হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানান ডাউনডিটেক্টর-এ। একই সময়ে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের অনলাইন প্ল্যাটফর্মেও অ্যাকাউন্টে লগ-ইন করতে সমস্যা হয়।

    অর্থাৎ, ব্যাঙ্কিং, বিমান চলাচল, ইমেল, ক্লাউড পরিষেবা, অনলাইন প্ল্যাটফর্ম—প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই কোনও না কোনওভাবে প্রযুক্তিগত বিপর্যয় দেখা যাচ্ছে। এবার সেই তালিকায় এনএসএ-র মতো সংস্থার নাম যুক্ত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

    সাইবার হানা, নাকি পুরনো প্রযুক্তির সঙ্গে নতুনের সংঘাত?

    একাধিক জায়গায় পরপর সমস্যা দেখা দেওয়ায় স্বাভাবিকভাবেই সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে বোমা হামলার হুমকি, বিমান চলাচলে বিঘ্ন এবং সাইবার সংক্রান্ত ঘটনার খবর সামনে আসায় সন্দেহ আরও জোরালো হয়েছে। কিন্তু মার্কিন প্রশাসন এখনও পর্যন্ত এই ঘটনাগুলিকে কোনও সমন্বিত সাইবার হামলার ফল বলে মানতে নারাজ।

    ১৭ নভেম্বর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আধিকারিক মার্কওয়েন মুলিন সিএনবিসিকে জানান, সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলির সঙ্গে সাইবার হামলার যোগ থাকার সম্ভাবনা অত্যন্ত কম। তাঁর মতে, বহু সংস্থা পুরনো কম্পিউটার পরিকাঠামোর উপর নতুন প্রযুক্তি চাপিয়ে দিচ্ছে। ফলে পুরনো ব্যবস্থাগুলি নতুন প্রযুক্তির বিপুল চাপ সামলাতে পারছে না।

    পুরনো প্রযুক্তি, নতুন সফটওয়্যার এবং পরিকাঠামোগত দুর্বলতার সম্মিলিত প্রভাব!

    মুলিনের দাবি, ৯৮ শতাংশ নিশ্চিত যে সাম্প্রতিক ঘটনাগুলি সাইবার হামলার ফল নয়। বরং পুরনো প্রযুক্তি, নতুন সফটওয়্যার এবং পরিকাঠামোগত দুর্বলতার সম্মিলিত প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাঁর পরামর্শ, কোনও সংস্থা বড়সড় প্রযুক্তিগত আপগ্রেড বা রক্ষণাবেক্ষণের পরিকল্পনা করলে আগেভাগেই গ্রাহকদের তা জানানো উচিত। কারণ, সাময়িক পরিষেবা বন্ধ থাকার সম্ভাবনা থাকলে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

    প্রাক্তন মার্কিন গোয়েন্দা আধিকারিক বেথ স্যানারও এনএসএ-র ঘটনার ক্ষেত্রে সাইবার হামলাকে সবচেয়ে কম সম্ভাব্য কারণ বলে মনে করছেন। তাঁর যুক্তি, এনএসএ-র নিজস্ব নেটওয়ার্কে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সংস্থাটির সাইবার নিরাপত্তা সংক্রান্ত দক্ষতাও অত্যন্ত উন্নত। ফলে শুধুমাত্র নেটওয়ার্কে সমস্যা হয়েছে বলেই বাইরের কোনও শত্রুর হামলা হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।

    এআই-ই কি বিপর্যয়ের নেপথ্যে?

    সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে আরও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। তা হল, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দ্রুত প্রসার। আমেরিকার একাংশের প্রযুক্তি ব্যবহারকারী ও পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন উঠছে, নতুন এআই প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবস্থার ক্রমবর্ধমান ব্যবহার কি পুরনো ডিজিটাল পরিকাঠামোর উপর অতিরিক্ত চাপ তৈরি করছে?

    এআই-নির্ভর পরিষেবা চালু করতে গিয়ে বহু সংস্থাকে পুরনো সার্ভার, ডেটাবেস, নেটওয়ার্ক এবং সফটওয়্যার ব্যবস্থার উপর নতুন প্রযুক্তির স্তর যুক্ত করতে হচ্ছে। সেই সংযোগের ক্ষেত্রে সামঞ্জস্যের অভাব, অতিরিক্ত কাজের চাপ কিংবা আপডেটের সময় ত্রুটি দেখা দিলে বড়সড় বিপর্যয় ঘটতে পারে। বিশেষ করে বিমান চলাচল, ব্যাঙ্কিং বা জাতীয় নিরাপত্তার মতো ক্ষেত্রে একটি ছোট প্রযুক্তিগত ভুলও ব্যাপক প্রভাব ফেলতে পারে।

    তবে সাম্প্রতিক বিপর্যয়গুলির জন্য সরাসরি এআই-কে দায়ী করার মতো কোনও নির্ভরযোগ্য প্রমাণ এখনও সামনে আসেনি। এআই প্রযুক্তির প্রসার এবং পুরনো পরিকাঠামোর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা এক বিষয়, আর নির্দিষ্ট কোনও পরিষেবা বিভ্রাটের কারণ হিসেবে এআই-কে চিহ্নিত করা সম্পূর্ণ আলাদা বিষয়। ফলে এই দুইয়ের মধ্যে সরাসরি যোগসূত্র তৈরি করা এখনই যুক্তিসঙ্গত নয়।

    প্রযুক্তিনির্ভর আমেরিকার সামনে বড় প্রশ্ন

    একদিকে আমেরিকা কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার দাবি করছে। অন্যদিকে, সেই প্রযুক্তির উপর নির্ভরশীল গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিই বারবার সমস্যার মুখে পড়ছে। বিষয়টি তাই নিছক কয়েকটি সফটওয়্যার বাগ বা সার্ভার বিভ্রাটের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আধুনিক প্রযুক্তির সঙ্গে পুরনো পরিকাঠামোর সামঞ্জস্য, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বিকল্প ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়েই প্রশ্ন উঠছে।

    এরই মধ্যে ১৭ নভেম্বর আমেরিকার জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থার একটি পূর্বনির্ধারিত পরীক্ষাও হওয়ার কথা ছিল। ওই পরীক্ষায় রেডিও ও টেলিভিশন সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে এক মিনিটের পরীক্ষামূলক বার্তা পাঠানোর পরিকল্পনা ছিল বলে জানান মুলিন।

    সব মিলিয়ে, সাম্প্রতিক ঘটনাগুলি যে কোনও সমন্বিত সাইবার হামলার ফল, এমন প্রমাণ নেই। কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ পরিষেবায় বিঘ্ন এটা স্পষ্ট করে দিচ্ছে যে, শুধু অত্যাধুনিক প্রযুক্তি থাকলেই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত হয় না। তার সঙ্গে প্রয়োজন নির্ভরযোগ্য পরিকাঠামো, নিয়মিত পরীক্ষা এবং বিপর্যয়ের সময় পরিষেবা সচল রাখার বিকল্প ব্যবস্থা। বিশেষত যে দেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাও ডিজিটাল যোগাযোগের উপর নির্ভরশীল, সেখানে এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

  • Lateef Bhat Encounter: মসজিদে আত্মগোপন, আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে গুলির লড়াই, কাশ্মীরে খতম লস্কর কমান্ডার লতিফ ভাট

    Lateef Bhat Encounter: মসজিদে আত্মগোপন, আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে গুলির লড়াই, কাশ্মীরে খতম লস্কর কমান্ডার লতিফ ভাট

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্য। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সংঘর্ষে খতম লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) অন্যতম শীর্ষ কমান্ডার লতিফ ভাট (Lateef Bhat)। সোমবার কুলগামেই বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয় তার সঙ্গী। কিন্তু, কোনওমতে সেখান থেকে পালিয়ে যায় ভাট। কিন্তু, তাতেও শেষরক্ষা হলনা। ৪৮-ঘণ্টার মধ্যে খতম হল লস্কর কমান্ডার। বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় উপত্যকার অন্যতম মোস্ট ওয়ান্টেড এই জঙ্গির। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সংঘর্ষস্থলে লতিফের দেহের সন্ধান মিলেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অভিযান চলছিল। গোটা অভিযানের চূড়ান্ত বিবরণ পুলিশ প্রকাশ করবে বলে জানিয়েছে সেনা সূত্র। সংঘর্ষ চলাকালীন যে মসজিদে লতিফ আত্মগোপন করেছিল, সেটির কোনও ক্ষতি হয়নি বলেও স্পষ্ট করা হয়েছে।

    আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে দেয় লতিফ

    নিরাপত্তা বাহিনীর কাছে দীর্ঘদিন ধরেই মাথাব্যথার কারণ ছিল লতিফ ভাট। আধিকারিকদের দাবি, সে ছিল কাশ্মীরে লস্কর-ই-তৈবার সবচেয়ে সক্রিয় ও মোস্ট ওয়ান্টেড কমান্ডার। উপত্যকায় জীবিত স্থানীয় জঙ্গিদের মধ্যে একমাত্র সে-ই ছিল বলে দাবি করা হয়েছিল। সোমবার কুলগামে একটি সংঘর্ষস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় লতিফ। তারপর থেকেই তাকে খুঁজতে তল্লাশি অভিযান জোরদার করে নিরাপত্তা বাহিনী।

    বুধবার কুলগামের দেবসর এলাকার জঙ্গলপোরা গ্রামে তাকে ঘিরে ফেলে যৌথ বাহিনী। একটি মসজিদে আশ্রয় নিয়েছিল সে। নিরাপত্তা বাহিনীর তরফে বারবার আত্মসমর্পণের আবেদন জানানো হলেও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে লতিফ। এমনকী, অস্ত্র নামিয়ে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে নিরাপত্তা কর্মীদের ভিডিও-ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সংঘর্ষে তার মৃত্যু হয় বলে খবর। আধিকারিকদের বক্তব্য, বুধবার ভোরে উপত্যকার বিভিন্ন মসজিদ থেকে ফজরের আজানের ডাক শোনার কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল এই অভিযান।

    সোমবার খতম হয়েছিল সহযোগী উমর, জড়িত ছিল সিআরপিএফ ক্যাম্পে হামলায়

    লতিফকে খতম করার অভিযান শুরু হয়েছিল সোমবারের একটি সংঘর্ষের সূত্র ধরে। ওই দিন কুলগামের লারু বাইপাস সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় উমর নিসার দারের। তদন্তকারী আধিকারিকদের সন্দেহ, গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি পোস্টে হামলার ঘটনায় উমর ও লতিফ দু’জনেই জড়িত ছিল। ওই হামলায় আহত হয়েছিলেন তিনজন আধাসেনা জওয়ান।

    আধিকারিকদের দাবি, প্রায় ছ’মাস ধরে লতিফকে আশ্রয় দেওয়া এবং তার জন্য প্রয়োজনীয় রসদ ও অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করেছিল উমর। সিআরপিএফ পোস্টে হামলার আগে দু’জনে একসঙ্গে এলাকায় রেইকি বা নজরদারিও চালিয়েছিল বলে অভিযোগ।

    উমর পেশায় রুটি প্রস্তুতকারক ছিল। পরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে জঙ্গি কার্যকলাপে যুক্ত হয় বলে জানা গিয়েছে। সোমবারের সংঘর্ষে তার মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে সে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈবার শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এ যোগ দিয়েছিল বলে অভিযোগ।

    নিরাপত্তা বাহিনীর কাছে তাৎপর্যপূর্ণ সাফল্য

    কুলগামে পরপর দু’টি অভিযানে উমর ও লতিফের মৃত্যু নিরাপত্তা বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে। বিশেষত স্থানীয় স্তরে লস্করের সক্রিয় নেটওয়ার্ক, আশ্রয়দাতা এবং হামলার আগে রেইকি চালানোর মতো সহযোগিতামূলক ব্যবস্থার বিরুদ্ধে এই অভিযান তাৎপর্যপূর্ণ। তবে কুলগামে জঙ্গি নেটওয়ার্কের অন্য কোনও সহযোগী এখনও সক্রিয় রয়েছে কি না, তা জানতে তদন্ত ও তল্লাশি অভিযান অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

  • Jagadhatri Puja: কৃষ্ণনগর থেকে চন্দননগর, কীভাবে ছড়িয়ে পড়ল জগদ্ধাত্রী পুজো? জানুন অজানা ইতিহাস

    Jagadhatri Puja: কৃষ্ণনগর থেকে চন্দননগর, কীভাবে ছড়িয়ে পড়ল জগদ্ধাত্রী পুজো? জানুন অজানা ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: জগৎকে যিনি ধারণ করেন, তিনিই দেবী জগদ্ধাত্রী। দেবীশক্তির এই বিশেষ রূপের নামের মধ্যেই নিহিত রয়েছে তাঁর মাহাত্ম্য। বিশালাকার প্রতিমা, টানা চোখ, অপরূপ ত্রিনয়ন এবং চার হাতে শোভিত অস্ত্র—সব মিলিয়ে দেবী জগদ্ধাত্রীর রূপ অনন্য। দেবী দুর্গার আরেক রূপ হিসেবে পূজিত হন তিনি। সিংহবাহিনী, চতুর্ভুজা এই দেবীর আরাধনায় মেতে ওঠে গোটা বাংলা।

    জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে নদিয়ার কৃষ্ণনগর ও হুগলির চন্দননগরের নাম। প্রচলিত ইতিহাস অনুযায়ী, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই বাংলায় এই পুজোর প্রসার ঘটে। পরবর্তীকালে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আলাদা পরিচিতি তৈরি করে। এখানকার সুবিশাল প্রতিমা, বর্ণাঢ্য মণ্ডপ এবং চোখধাঁধানো আলোকসজ্জা দেখতে প্রতি বছর ভিড় জমান অসংখ্য দর্শনার্থী। আশপাশের জেলা তো বটেই, ভিনরাজ্য এবং বিদেশ থেকেও মানুষ আসেন চন্দননগরের পুজো দেখতে। কিন্তু কৃষ্ণনগর থেকে চন্দননগরে কীভাবে ছড়িয়ে পড়ল এই পুজো? এর পিছনে রয়েছে একাধিক ঐতিহাসিক কাহিনি।

    দেবী জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পান রাজা কৃষ্ণচন্দ্র

    কথিত আছে, ব্রিটিশ শাসনকালে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত অস্থির। সেই সময় মির কাশিমের হাতে বন্দি হয়েছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এবং তাঁর পুত্র। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর রাজা দেখেন, দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে। বছরের সবচেয়ে বড় উৎসবে অংশ নিতে না পারায় তিনি অত্যন্ত মুষড়ে পড়েন।

    লোককথা অনুযায়ী, এরপরই দেবী তাঁকে স্বপ্নাদেশ দেন। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবীর চতুর্ভুজা রূপের আরাধনা করার নির্দেশ পান রাজা কৃষ্ণচন্দ্র। সেই নির্দেশ মেনেই তিনি জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। কথিত রয়েছে, জনকল্যাণ এবং জগতের অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যেই দেবীর আরাধনার নির্দেশ দিয়েছিলেন দেবী।

    রাজবাড়ির অন্দরমহলে শুরু হওয়া এই পুজো পরবর্তী সময়ে প্রাসাদের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়ে কৃষ্ণনগরের বিভিন্ন এলাকায়। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ে এই আরাধনার। ঐতিহাসিক সূত্র ও প্রচলিত মত অনুযায়ী, ১৭৬৩-৬৪ সাল নাগাদ কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়। যদিও পুজোর সূচনাকাল নিয়ে বিভিন্ন মত রয়েছে।

    কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতেই দেবীর আরাধনা

    জগদ্ধাত্রী পুজোর পৌরাণিক কাহিনি নিয়েও রয়েছে একাধিক মত। একটি প্রচলিত মত অনুযায়ী, ত্রেতা যুগের সূচনালগ্নে করীন্দ্রাসুর নামে এক হস্তীরূপী অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে দেবলোক। সেই অসুরকে বধ করার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তি থেকে আবির্ভূত হন দেবী জগদ্ধাত্রী। সিংহবাহিনী, চতুর্ভুজা দেবীর চার হাতে থাকে শঙ্খ, চক্র, ধনুক ও পঞ্চবাণ। দেবী সেই হস্তীরূপী অসুরকে বধ করে জগতে শান্তি প্রতিষ্ঠা করেন।

    অন্য একটি পৌরাণিক ব্যাখ্যায় বলা হয়, মহিষাসুর বধের পর দেবতাদের মধ্যে অহংকার জন্ম নেয়। অগ্নি, বায়ু, বরুণ-সহ দেবতারা নিজেদের শক্তিকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করতে শুরু করেন। দেবতাদের এই অহংকার চূর্ণ করতেই দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব। এই কাহিনিতে হস্তীকে অহংকারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। দেবী সেই অহংকারকেই দমন করেন।

    ‘জগদ্ধাত্রী’ শব্দের অর্থ যিনি জগৎকে ধারণ করেন। তাই দেবীর আরাধনার মধ্যে দিয়ে শক্তি, সংযম এবং অহংকারের বিনাশের বার্তা তুলে ধরা হয়। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর পুজো অনুষ্ঠিত হয়। যদিও, এ বছর নবমী তিথি পড়েছে আজ, ১৮ নভেম্বর বুধবার, ১লা অগ্রহায়ণ। অনেক জায়গায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে চলে উৎসব। তবে নবমী তিথিই এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ।

    চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সূচনা কীভাবে?

    কৃষ্ণনগরের পাশাপাশি হুগলির চন্দননগরেও জগদ্ধাত্রী পুজোর দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তবে চন্দননগরে এই পুজোর সূচনা ঠিক কবে এবং কার হাত ধরে হয়েছিল, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে।

    প্রচলিত একটি কাহিনি অনুযায়ী, রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ছিলেন চন্দননগরের ফরাসি শাসকদের দেওয়ান ইন্দ্রনারায়ণ রায় চৌধুরী। তিনি লক্ষ্মীগঞ্জের চাউলপট্টি এলাকায় নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। কথিত রয়েছে, কৃষ্ণনগরের রাজবাড়িতে দেবীর আরাধনা দেখে অনুপ্রাণিত হয়েই তিনি চন্দননগরে এই পুজো শুরু করেছিলেন। পরবর্তী সময়ে সেই পুজো চাউলপট্টির সর্বজনীন উৎসবে পরিণত হয়। চন্দননগরের প্রাচীনতম জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে চাউলপট্টির পুজো বিশেষভাবে পরিচিত।

    তবে এই কাহিনি নিয়ে প্রশ্নও রয়েছে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ইন্দ্রনারায়ণ রায় চৌধুরীর মৃত্যু হয়েছিল ১৭৫৬ সালে। অন্যদিকে, রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজোর সূচনাকাল সাধারণত ১৭৬০-এর দশক বলে উল্লেখ করা হয়। ফলে কৃষ্ণচন্দ্রের পুজো দেখে অনুপ্রাণিত হয়ে ইন্দ্রনারায়ণের চন্দননগরে পুজো শুরু করার প্রচলিত কাহিনির ঐতিহাসিক ভিত্তি নিয়ে সংশয় রয়েছে।

    অন্য একটি সূত্রে জানা যায়, রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর ১৭৬৩ সাল নাগাদ ভদ্রেশ্বরের গৌরহাটিতে তাঁর বিধবা কন্যার বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। পরবর্তীকালে এই পুজোই তেঁতুলতলা পুজো নামে পরিচিতি পায়। এই পুজোর পিছনেও রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতার কথা প্রচলিত রয়েছে।

    আলোর উৎসবেই আলাদা পরিচিতি চন্দননগরের

    সময়ের সঙ্গে সঙ্গে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এক স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছে। বিশেষ করে এখানকার আলোকসজ্জা এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। প্রতিটি পুজো মণ্ডপে থাকে আলোর অভিনব কারুকাজ। কখনও আলোয় ফুটে ওঠে সামাজিক বার্তা, কখনও আবার উঠে আসে ইতিহাস, ঐতিহ্য কিংবা সমসাময়িক নানা ঘটনা।

    চন্দননগরের প্রতিমার আকারও দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। সুবিশাল প্রতিমা, সুসজ্জিত মণ্ডপ এবং আলোর অসাধারণ বিন্যাস দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। একসময় ফরাসি উপনিবেশ হিসেবে পরিচিত এই শহর আজ জগদ্ধাত্রী পুজোর জন্য দেশ-বিদেশে পরিচিত।

    কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে চন্দননগরের আলোকসজ্জার বিশ্বজোড়া পরিচিতি—জগদ্ধাত্রী পুজোর ইতিহাস আসলে বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই শুধু ধর্মীয় উৎসব নয়, শিল্প, সংস্কৃতি ও জনজীবনের মেলবন্ধন হিসেবেও এই পুজো আজ বিশেষ জায়গা করে নিয়েছে।

  • Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণ দাসের জেলবদল ঘিরে নতুন উদ্বেগ, উপযুক্ত খাবার না পেলে প্রাণহানির আশঙ্কা আইনজীবীর

    Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণ দাসের জেলবদল ঘিরে নতুন উদ্বেগ, উপযুক্ত খাবার না পেলে প্রাণহানির আশঙ্কা আইনজীবীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষার দাবিতে সরব সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু এই জেলবদল ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে তাঁর আইনজীবীদের মধ্যে। বিশেষত, চিন্ময়কৃষ্ণের শারীরিক অবস্থা এবং কারাগারে তাঁর উপযুক্ত খাবারের ব্যবস্থা থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

    আইনজীবীর দাবি, চিন্ময়কৃষ্ণ একজন ব্রহ্মচারী ও বৈষ্ণব। তিনি কঠোর নিরামিষাশী এবং নিজের হাতে রান্না করা খাবার ছাড়া অন্য খাবার গ্রহণ করেন না। ফলে নতুন কারাগারে তাঁর খাদ্যাভ্যাস মেনে চলার মতো পরিকাঠামো না থাকলে শারীরিক পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

    লিভারের গুরুতর অসুস্থতা, ফল খেয়েই দিন কাটছে?

    সংবাদসংস্থা এএনআই-কে অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, চিন্ময়কৃষ্ণ দীর্ঘদিন ধরে লিভারের গুরুতর অসুস্থতায় ভুগছেন। চিকিৎসার কারণে তাঁর ইচ্ছেমতো বা যে কোনও ধরনের খাবার খাওয়ার সুযোগ নেই। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকাকালীন অন্য এক অভিযুক্ত রঙ্গনাথন ব্রহ্মচারী তাঁকে রান্নার কাজে সাহায্য করতেন। ফলে প্রায় দু’বছর বন্দি থাকলেও নিজের খাদ্যবিধি মেনে চলতে পারছিলেন তিনি।

    কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগারে সেই সুযোগ নেই বলেই দাবি আইনজীবীর। তাঁর বক্তব্য, সেখানে নিজের উপযোগী খাবার তৈরির ব্যবস্থা না থাকায় আপাতত শুধু ফল খেয়েই দিন কাটাতে হচ্ছে চিন্ময়কৃষ্ণকে। উদ্বেগ প্রকাশ করে ভট্টাচার্য বলেন, “ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই ব্যবস্থা না থাকায় তিনি এখনও পর্যন্ত শুধু ফল খেতে পারছেন। আমার আশঙ্কা, এতে তাঁর জীবন বিপন্ন হতে পারে।”

    অর্থাৎ, জেলবদলের পর চিন্ময়কৃষ্ণের ক্ষেত্রে শুধু নিরাপত্তা বা বন্দিজীবনের প্রশ্নই নয়, পর্যাপ্ত ও উপযুক্ত পুষ্টির ব্যবস্থাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে স্বাধীনভাবে কোনও চিকিৎসা সংক্রান্ত তথ্য সামনে আসেনি, আইনজীবীর অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

    কেন গ্রেফতার হয়েছিলেন চিন্ময়কৃষ্ণ?

    উল্লেখ্য, বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মামলার সূত্রপাত ২০২৪ সালের ৩১ অক্টোবর। চট্টগ্রামের চান্দগাঁও থানার অধীন বিএনপির মোহরা ওয়ার্ডের তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁদের মধ্যে ছিলেন চিন্ময়কৃষ্ণও। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ আনা হয়েছিল তাঁদের বিরুদ্ধে। পরে ফিরোজ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় বিএনপি।

    গ্রেফতারের পরদিন, অর্থাৎ ২৬ নভেম্বর ২০২৪, চট্টগ্রাম আদালত চত্বরে চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। সেই হিংসার ঘটনায় আইনজীবী সাইফুল ইসলামকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের অভিযোগ ওঠে। পরে তাঁর বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে খুনের মামলা দায়ের করেন। এ ছাড়াও পুলিশকর্মীদের উপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও পাঁচটি মামলা দায়ের হয়।

    ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট, বিচারপ্রক্রিয়া চলছে

    এই ঘটনাগুলির তদন্তে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রামের আদালতে ৩৮ জনের নাম উল্লেখ করে চার্জশিট জমা দেন তদন্তকারী আধিকারিক। সেই তালিকায় ছিলেন চিন্ময়কৃষ্ণ দাসও। তবে চার্জশিট নিয়ে অসন্তোষ প্রকাশ করে পরে আদালতে নারাজি পিটিশন জমা দেন মামলার অভিযোগকারী। ২০২৫ সালের ২৫ অগস্ট আদালত সুকান্ত দত্ত-সহ মোট ৩৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে। বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।

    চিন্ময়কৃষ্ণের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের ফলে এবার তাঁর আইনি লড়াইয়ের পাশাপাশি বন্দি অবস্থায় স্বাস্থ্য ও খাদ্যসংক্রান্ত সুযোগ-সুবিধাও নতুন করে আলোচনায় উঠে এসেছে। বিশেষত, লিভারের অসুস্থতায় ভোগা একজন বন্দির জন্য প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে কি না, সেই প্রশ্নই এখন তাঁর আইনজীবীদের প্রধান উদ্বেগ।

  • Robert Pattinson James Bond: ভ্যাম্পায়ার থেকে ব্যাটম্যান, এবার জেমস বন্ড! রবার্ট প্যাটিনসনের অভিনয় জীবনে নতুন অধ্যায়

    Robert Pattinson James Bond: ভ্যাম্পায়ার থেকে ব্যাটম্যান, এবার জেমস বন্ড! রবার্ট প্যাটিনসনের অভিনয় জীবনে নতুন অধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: একসময় কিশোরী হৃদয়ের স্বপ্নের ভ্যাম্পায়ার, তারপর গথামের অন্ধকারে লড়াই করা ব্যাটম্যান, আর এবার বিশ্বের সবচেয়ে পরিচিত কাল্পনিক গুপ্তচর জেমস বন্ড! রবার্ট প্যাটিনসনের অভিনয় জীবনে যোগ হল আরও এক মাইলফলক। ব্রিটিশ অভিনেতাকেই পরবর্তী জেমস বন্ড হিসেবে বেছে নিয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। এর ফলে বড় পর্দায় ০০৭ (বলা হয় ‘ডবল ও সেভেন’) খ্যাত ভূমিকায় দেখা যাবে সপ্তম অভিনেতাকে। ড্যানিয়েল ক্রেগের পর এবার ব্রিটিশ গুপ্তচরের লাইসেন্স টু কিল-এর দায়িত্ব সামলাবেন ৪০ বছর বয়সি প্যাটিনসন।

    সোমবার, ১৬ নভেম্বরের এই ঘোষণার মধ্য দিয়ে কয়েক মাসের জল্পনার অবসান হল। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে জেমস বন্ড হিসেবে যাত্রা শুরু করেছিলেন ড্যানিয়েল ক্রেগ। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ ছিল তাঁর শেষ বন্ড ছবি। পাঁচটি ছবিতে ০০৭-এর চরিত্রে অভিনয় করে তিনি বন্ড-চরিত্রের এক নতুন, অপেক্ষাকৃত বাস্তবধর্মী ও কঠিন রূপ তৈরি করেছিলেন। এবার সেই উত্তরাধিকার বহন করার চ্যালেঞ্জ প্যাটিনসনের সামনে।

    ‘হ্যারি পটার’ থেকে ‘টোয়াইলাইট’: ভ্যাম্পায়ার এডওয়ার্ডের হাত ধরে বিশ্বজোড়া পরিচিতি

    প্যাটিনসনের অভিনয় জীবনের শুরুটা অবশ্য জেমস বন্ড বা ব্যাটম্যানের মতো বড় কোনও চরিত্র দিয়ে হয়নি। ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’-এ সেড্রিক ডিগরির ভূমিকায় প্রথম আন্তর্জাতিক দর্শকের নজরে আসেন তিনি। ট্রাইউইজ়ার্ড টুর্নামেন্টে হ্যারির প্রতিদ্বন্দ্বী, অথচ সহানুভূতিশীল ও জনপ্রিয় সেড্রিকের চরিত্রে তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯। ছবির শেষেই মৃত্যু হয় সেই চরিত্রের। কিন্তু প্যাটিনসনের কেরিয়ারের জন্য সেটিই ছিল গুরুত্বপূর্ণ সূচনা।

    এর ঠিক তিন বছর পর, ২০০৮ সালে ‘টোয়াইলাইট’ তাঁকে রাতারাতি আন্তর্জাতিক তারকায় পরিণত করে। স্টেফানি মায়ারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই ফ্র্যাঞ্চাইজিতে এডওয়ার্ড কালেনের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পান তিনি। কিন্তু সেই সাফল্যের সঙ্গে জুড়ে যায় এক ধরনের ইমেজও—রহস্যময়, বিষণ্ণ ভ্যাম্পায়ার। পরবর্তী সময়ে সেই পরিচিতির গণ্ডি ভাঙাই হয়ে ওঠে প্যাটিনসনের অন্যতম বড় লক্ষ্য।

    ‘টেনেট’ থেকে ‘দ্য ব্যাটম্যান’: অভিনয়ের নতুন পরিচয় তৈরি

    বাণিজ্যিক ছবির জনপ্রিয়তা সত্ত্বেও নিজেকে একটিমাত্র চরিত্রে আটকে রাখেননি প্যাটিনসন। ‘গুড টাইম’ এবং ‘দ্য লাইটহাউস’-এর মতো অন্য ধারার ছবিতে অভিনয় করে নিজের অভিনয়ক্ষমতার নতুন দিক তুলে ধরেন। ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ এবং বং জুন-হোর ‘মিকি ১৭’-তেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

    ২০২২ সালে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’-এ ব্রুস ওয়েন তথা ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করে ফের দর্শকদের চমকে দেন তিনি। প্রচলিত সুপারহিরোদের তুলনায় অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন, একাকী ও মানসিকভাবে বিপর্যস্ত এক ব্রুস ওয়েনকে পর্দায় তুলে ধরেছিলেন প্যাটিনসন। এই চরিত্রের মধ্য দিয়ে প্রমাণ করেন, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির পরিচিত চরিত্রেও নিজের অভিনয়শৈলীর স্বতন্ত্র ছাপ রাখতে পারেন তিনি।

    বর্তমানে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’-এর কাজেও যুক্ত রয়েছেন অভিনেতা। ফলে গথামের অন্ধকার জগৎ থেকে এবার ০০৭-এর আন্তর্জাতিক গুপ্তচর দুনিয়ায় তাঁর যাত্রা নিঃসন্দেহে কৌতূহল বাড়াচ্ছে।

    নতুন জেমস বন্ড ছবির নেপথ্যে কারা?

    নাম এখনও চূড়ান্ত না হওয়া পরবর্তী জেমস বন্ড ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। ‘অ্যারাইভাল’ এবং ‘ডিউন’ ফ্র্যাঞ্চাইজির মতো ছবির জন্য পরিচিত এই পরিচালক। চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। প্রযোজনা করবেন অ্যামি প্যাসক্যাল ও ডেভিড হেইম্যান। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন তানিয়া লাপোয়েন্তে।

    প্যাটিনসনকে বন্ড হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভিলনভ। তাঁর মতে, অভিনেতার মধ্যে জেমস বন্ডের চিরকালীন ব্যক্তিত্বের উপাদান রয়েছে, পাশাপাশি চরিত্রটিকে নতুনভাবে তুলে ধরার মতো স্বতন্ত্র সত্তাও রয়েছে। অন্যদিকে, এই চরিত্রে অভিনয়ের সুযোগকে জীবনের অন্যতম বড় সম্মান বলে উল্লেখ করেছেন প্যাটিনসন। তাঁর কথায়, জেমস বন্ড হওয়ার স্বপ্ন সত্যি হওয়ার মতোই এই অভিজ্ঞতা।

    বন্ড ফ্র্যাঞ্চাইজিতে নতুন অধ্যায়, বদলাচ্ছে নিয়ন্ত্রণও

    নতুন ছবিটি শুধু অভিনেতা পরিবর্তনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, ফ্র্যাঞ্চাইজির পরিচালনাগত ইতিহাসেও তাৎপর্যপূর্ণ। ২০২৫ সালে দীর্ঘদিনের বন্ড-ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে থাকা বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসনের সঙ্গে নতুন ব্যবস্থাপনায় যায় অ্যামাজন এমজিএম স্টুডিওস। তার পর এই প্রথম কোনও জেমস বন্ড ছবির সৃজনশীল নিয়ন্ত্রণ সরাসরি অ্যামাজন এমজিএমের হাতে থাকছে।

    ১৯৬২ সালে শন কনারির হাত ধরে বড় পর্দায় জেমস বন্ডের যাত্রা শুরু হয়েছিল। তারপর জর্জ ল্যাজ়েনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসন্যান এবং ড্যানিয়েল ক্রেগ—প্রত্যেকেই নিজেদের মতো করে ০০৭-কে দর্শকদের সামনে তুলে ধরেছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে রবার্ট প্যাটিনসনের নাম।

    হলিউডে আলোচনার কেন্দ্রে প্যাটিনসন

    ‘হ্যারি পটার’-এর সেড্রিক, ‘টোয়াইলাইট’-এর এডওয়ার্ড, ‘দ্য ব্যাটম্যান’-এর ব্রুস ওয়েন—প্রতিটি চরিত্রই প্যাটিনসনের কেরিয়ারে আলাদা পরিচয় তৈরি করেছে। এবার জেমস বন্ডের মতো ঐতিহ্যবাহী চরিত্রে সেই অভিজ্ঞতা কতটা কাজে লাগে, সেটাই দেখার। তবে একটা বিষয় স্পষ্ট, ভ্যাম্পায়ার থেকে সুপারহিরো হয়ে এবার গুপ্তচর—প্যাটিনসনের কেরিয়ারের এই নতুন বাঁক হলিউডে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। নতুন বন্ড ছবির মুক্তির তারিখ অবশ্য এখনও ঘোষণা করা হয়নি।

LinkedIn
Share