Kulgam Encounter: ‘কিছু খাবার ঠান্ডা অবস্থায় ভালো লাগে’, লতিফ ভাটের মৃত্যুতে ইঙ্গিতপূর্ণ বার্তা সিআরপিএফ ডিজির, বাহিনীকে কুর্নিশ অমিত শাহের

amit-shah-praises-security-forces-kulgam-encounter-let-terrorist-lateef-bhat-killed

মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হল লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ কমান্ডার লতিফ ভাট। বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার জঙ্গলপোরা গ্রামে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযানে মৃত্যু হয় তার। গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি পোস্টে হামলার ঘটনায় অভিযুক্ত ছিল এই জঙ্গি। তার মৃত্যুর খবর নিশ্চিত করে নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, সিআরপিএফের ডিজি জি পি সিংয়ের একটি মন্তব্য ঘিরেও চর্চা শুরু হয়েছে।

‘কিছু প্রতিশোধ ঠান্ডা পরিবেশেই নিতে হয়’, কী বললেন সিআরপিএফ ডিজি?

লতিফ ভাটের মৃত্যুর পর এক্স হ্যান্ডেলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান সিআরপিএফের ডিরেক্টর জেনারেল জি পি সিং। তিনি লেখেন, “অভিনন্দন বন্ধুরা। কিছু খাবার ঠান্ডা পরিবেশন করলেই তার স্বাদ সবচেয়ে ভালো হয়, এমনকী ঠান্ডা আবহাওয়াতেও।” তাঁর এই মন্তব্যকে ১১ নভেম্বরের সিআরপিএফ পোস্টে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, এনকাউন্টারস্থল থেকে নিহত জঙ্গির দেহ এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। নিহতের পরিচয় মহম্মদ লতিফ ভাট, খ্রেওয়ান, কুলগাম বলে নিশ্চিত করা হয়েছে।

অভিযানের প্রশংসায় অমিত শাহ

কুলগামের এই অভিযানে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা, সিআরপিএফ এবং গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত প্রচেষ্টায় উপত্যকায় লস্কর-ই-তইবার শেষ পরিচিত সক্রিয় স্থানীয় জঙ্গি লতিফ ভাটকে খতম করা হয়েছে।

অমিত শাহ আরও জানান, এর ঠিক আগের দিন অর্থাৎ সোমবার কুলগামেই লস্করের আর এক জঙ্গি সহযোগী উমর নিসারকে নিকেশ করা হয়েছিল। গোটা অভিযানে বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে অত্যন্ত উচ্চমানের সমন্বয় দেখা গিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের নিরাপত্তায় নিযুক্ত সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মসজিদে আশ্রয় নিয়েও শেষরক্ষা হল না লতিফের

সরকারি সূত্রে খবর, গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফ কর্মীদের উপর হামলার ঘটনায় লতিফ ভাট এবং তার সহযোগী উমর নিসার দার জড়িত ছিল। ওই হামলায় তিনজন আধাসেনা কর্মী আহত হয়েছিলেন। সোমবার জেলার লারু বাইপাস এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় উমর নিসারের। তবে সেদিন পালাতে সক্ষম হয়েছিল লতিফ।

এরপর বুধবার ভোরে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গলপোরা গ্রামে তল্লাশি অভিযান শুরু করে সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)। সোমবারের সংঘর্ষস্থল থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে ওই গ্রামে একটি মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিল লতিফ।

ধীরে ধীরে মসজিদটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ধর্মীয় স্থানের পবিত্রতার কথা মাথায় রেখে অভিযানের সময় সর্বোচ্চ সংযম দেখানো হয়। আত্মসমর্পণের জন্য দীর্ঘক্ষণ ধরে লতিফকে বোঝানোর চেষ্টা করেন সেনা ও পুলিশ আধিকারিকরা।

আত্মসমর্পণের আবেদন খারিজ করে গুলি চালায় ভাট

কুলগামের পুলিশ সুপার অনায়ত আলি চৌধুরী সাংবাদিকদের জানান, লতিফের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলার জন্য মসজিদের ভিতরে একটি ফোন পাঠানো হয়েছিল। তিনি বলেন, “আমি এবং সেনাবাহিনীর কমান্ডিং অফিসার দু’জনেই ওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। আমরা ওকে আত্মসমর্পণের আবেদন জানিয়েছিলাম। ওকে বোঝানো হয়েছিল, বয়স এখনও কম, তাই অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করুক। কিন্তু ও রাজি হয়নি।”

নিরাপত্তা বাহিনীর তরফে আত্মসমর্পণের আবেদনের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত লতিফ আত্মসমর্পণ না করে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় বাহিনী। সংঘর্ষে মৃত্যু হয় লস্কর কমান্ডারের। তার দেহের সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরপর দু’দিনে কুলগামে লস্কর-ই-তইবার দুই জঙ্গির মৃত্যুকে উপত্যকায় জঙ্গিবিরোধী অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে গোটা অভিযানের বিস্তারিত তথ্য ও পরবর্তী তদন্তের দিকেও নজর রাখছে নিরাপত্তা সংস্থাগুলি।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share