Tag: bangla news

bangla news

  • Jalpaiguri: দাবি মতো নির্বাচন খরচের টাকা না দেওয়ায় রিসর্টে তালা ঝোলালো তৃণমূল! শোরগোল

    Jalpaiguri: দাবি মতো নির্বাচন খরচের টাকা না দেওয়ায় রিসর্টে তালা ঝোলালো তৃণমূল! শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: বেসরকারি পার্ক এবং রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রীতিমতো তৃণমূলের ঝান্ডা হাতে দলবল নিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার নাগারাকাটা ব্লকের আপার কলাবাড়ি এলাকার ঘটনা। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছ়ড়িয়ে পড়েছে।

    নির্বাচনের খরচের জন্য তোলা চায় তৃণমূল! (Jalpaiguri)

    জলপাইগুড়ি (Jalpaiguri) নাগরাকাটার তৃণমূল ব্লক সভাপতি প্রেম ছেত্রী লোকসভা ভোটের জন্য রিসর্টের মালিক শেখ জিয়াউর রহমানের কাছে টাকা দাবি করেন। শুধু তিনি একাই নন ওই এলাকার অঞ্চল সভাপতি ও তাঁর কাছে টাকা দাবি করেন। ব্লক সভাপতিকে ১০ হাজার এবং অঞ্চল সভাপতিকে ৭ হাজার টাকাও রিসর্টের মালিক দেন। কিন্তু, ওই পরিমান টাকা নিতে তাঁরা অস্বীকার করেন। পাশাপাশি তাঁকে ফোনে হুমকি দেন, ভোট পার হওয়ার পরই ওই রিসর্ট  বন্ধ করে দেবেন। ভোট শেষ হওয়ার পরই তৃণমূল নেতারা এসে রিসর্ট বন্ধ করে দেয় বলে রিসর্টের মালিকের অভিযোগ। রিসর্টের মালিক শেখ জিয়াউর রহমান বলেন, তৃণমূলের অঞ্চল সভাপতি এবং নাগরাকাটা ব্লক সভাপতি নির্বাচনের খরচের জন্য আমার কাছে টাকা দাবি করেন। আমি সাধ্যমতো টাকা দিই। কিন্তু, সেই  চাঁদার টাকা মন মতো না হওয়ায় পার্ক এবং রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়ে যান তৃণমূল নেতারা। সেই মতো রিসর্টে এসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অনেক পর্যটক বেড়াতে এসে ফিরে যেতে বাধ্য হন।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    তৃণমূলের ব্লক সভাপতি প্রেম ছেত্রীর বক্তব্য, টাকা নেওয়ার কোন বিষয় নেই। সেই রিসর্টে অনেক অনৈতিক কাজ হচ্ছিল। তাই গ্রামবাসীরা সম্মিলিতভাবে তালা ঝুলিয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের পতাকা কেউ কেউ নিতে পারেন সেটা বড় কথা নয়। কম বয়সী মেয়েদের আনাগোনা বাড়ছিল রিসর্টে এমনটাই দাবি স্থানীয়দের। এই বিষয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ জানান, এটাই তৃণমূলের দস্তুর। তোলাবাজি এবং কাটমানি তৃণমূলকে দিতেই হবে নাহলে কেউ সুষ্ঠু ভাবে বাঁচতে পারবে না। আর এই সব কিছুই কালীঘাট থেকে নিয়ন্ত্রণ করা হয়। পুলিশের কাছে গিয়ে কোনও লাভ হবে না। আর তৃণমূলের তরফে যে অভিযোগ করা হচ্ছে, এখানে অবৈধ কাজ কর্ম হত, তাহলে টাকা কেন চাইলেন তৃণমূল নেতারা, কেন পুলিশের কাছে গেলেন না তৃণমূল নেতারা? এখান থেকেই পরিষ্কার যে তৃণমূলকে টাকা দিলে সব বৈধ হয়ে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vasuki Indicus: গুজরাটে উদ্ধার প্রায় ৫ কোটি বছর পুরনো বিশালাকার বাসুকি সাপের জীবাশ্ম

    Vasuki Indicus: গুজরাটে উদ্ধার প্রায় ৫ কোটি বছর পুরনো বিশালাকার বাসুকি সাপের জীবাশ্ম

    মাধ্যম নিউজ ডেস্ক: নয় নয় করে প্রায় ৪ কোটি ৭০ লক্ষ বছরের পুরনো প্রাগৈতিহাসিক বাসুকি সাপের (Vasuki Indicus) জীবাশ্ম উদ্ধার হল ভারতের মাটি থেকে। গুজরাটের (Gujarat) কচ্ছ এলাকার একটি খনিতে আইআইটি রুরকির গবেষকদের দল এই জীবাশ্ম খুঁজে পেয়েছেন। আর এই জীবাশ্ম আরও একবার প্রমাণ করল যে একটা সময় তারা ছিল এই পৃথিবীতেই এবং দাপিয়ে বেড়াত এই ভারতীয় উপমহাদেশের বুকেই। কালের নিয়মে তারা বিদায় নিলেও পৃথিবীর বুকে আজও লুকিয়ে তাদের অতীতের অস্তিত্ব।

    কয়লা খনি থেকে উদ্ধার (Vasuki Indicus)

    জানা গিয়েছে, ২০০৫ সালে গুজরাটের কচ্ছ এলাকার একটি কয়লা খনি থেকে বিজ্ঞানীরা এই বাসুকির (Vasuki Indicus) জীবাশ্মটি আবিষ্কার করেছেন। প্রায় ৫ কোটি বছরের পুরনো প্রজাতি। এই প্রজাতির সাপটিকে ভারতের প্রাগৈতিহাসিক জীববৈচিত্র্যের অন্যতম বিশেষ নিদর্শন হিসেবে মেনে নিচ্ছেন বিজ্ঞানীরা। তবে সম্প্রতি আইআইটি রুরকির জীবাশ্ম গবেষকের দল ওই সুবিশাল সাপের জীবাশ্ম সম্পর্কে এমন সব তথ্য প্রকাশ করেছেন যা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।

    বিশ্বের দীর্ঘতম সাপ

    এই জীবাশ্ম পরীক্ষা করে বিজ্ঞানীদের ধারণা, সাপটি (Vasuki Indicus) দৈর্ঘ্যে প্রায় ৩৫ থেকে ৫০ ফুট। ওজন প্রায় ১০০০ কিলোগ্রাম ছিল। চাঞ্চল্যকর এই আবিষ্কারে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বৈজ্ঞানিক মহলে। অনুমান করা হচ্ছে, এখনও পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের দীর্ঘতম সাপ এটিই। হিন্দু দেবতা শিবের গলার থাকা সাপের নামে নয়া আবিষ্কৃত এই সাপের নাম রাখা হয়েছে বাসুকি ইন্ডিকাস (Vasuki Indicus), সাপটি মাৎসোইদাই (Madtsoiidae) প্রজাতিভুক্ত। একটি জার্নালের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই সাপটি একটি স্বতন্ত্র প্রজাতিভুক্ত। যা ভারতের মাটিতে ৫ কোটি ৬০ থেকে ৩ কোটি ৪০ লক্ষ বছর আগে ইওসিন যুগে দক্ষিণ ইউরোপ থেকে আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আজকের স্তন্যপায়ী প্রজাতির প্রথম পূর্বপুরুষ এবং নিকটাত্মীয়রা ইওসিন যুগে পৃথিবীতে এসেছিল। এমনটাই মনে করেন বিজ্ঞানীরা।

    ২৭টি হাড় উদ্ধার হয়েছে

    অন্যদিকে, গবেষকরা এই জীবাশ্মকে টাইটেনোবোয়ার সঙ্গে তুলনা করছেন, একসময় যার বিচরণ ছিল পৃথিবীজুড়ে এবং পৃথিবীর দীর্ঘকায় সাপের (Longest Sake Ever Known) খেতাবও পেয়েছিল এই সাপটি। জানা গিয়েছে, উদ্ধার হওয়া জীবাশ্মতে ২৭টি হাড়ের সন্ধান পান আইআইটি রুরকির বিজ্ঞানীরা। তাঁদের মতে ২৭টি হাড় উদ্ধার হয়েছে সেগুলি সাপের (Vasuki Indicus) মেরুদণ্ডের। তার বেশিরভাগই এখনও অক্ষত। বিজ্ঞানীদের বক্তব্য, “এটি একটি পূর্ণ বয়স্ক সাপের হাড়। যার দৈর্ঘ্য ১১ থেকে ১৫ মিটার। আকারে বিশাল হওয়ার কারণে বর্তমান অ্যানাকোন্ডার (Anaconda) মতো ধীর ছিল এদের চলাফেরা। দীর্ঘক্ষণ ওত পেতে থেকে হঠাৎ আক্রমণ চালাতো শিকারের উপর। তারপর শিকারকে জড়িয়ে হত্যা করত।”

    আরও পড়ুনঃ “কংগ্রেস আমলে হনুমান চালিশা শোনাও অপরাধ ছিল”, তোপ মোদির

    গবেষকদের মতামত

    বিশিষ্ট গবেষক অধ্যাপক সুনীল বাজপেয়ী ও দেবজিত দত্তের নেতৃত্বে এই সংক্রান্ত নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, গবেষণা, সমীক্ষা ইত্যাদি হয়েছে। এপ্রসঙ্গে দেবজিত দত্ত বলেন, “বাসুকি (Vasuki Indicus) ছিল খুব ধীর চলন শক্তিসম্পন্ন ভারী শরীরের বিশাল আকারের এক সাপ। ঠান্ডা ভিজে জায়গায় থাকে এরা। অ্যানাকোন্ডা ও পাইথনের কায়দায় শিকার ধরে এরা।” সায়েন্টিফিক রিপোর্টে তাঁদের এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Modi 3.0: বিনিয়োগ ১০ লক্ষ কোটি! মোদি হ্যাটট্রিক করলে প্রথম একশো দিনে রেলে থাকবে ঢালাও চমক

    Modi 3.0: বিনিয়োগ ১০ লক্ষ কোটি! মোদি হ্যাটট্রিক করলে প্রথম একশো দিনে রেলে থাকবে ঢালাও চমক

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি ২.০-এর আদলে মোদি ৩.০-এর (Modi 3.0) রোড ম্যাপ এখন থেকেই শুরু হয়েছে। যার প্রাণভোমরা ভারতীয় রেল। মোদি ৩.০-তে বঙ্গে বুলেট ট্রেন, স্লিপার বন্দে ভারত সহ বর্ধিত মেট্রো পরিষবা থাকার সম্ভাবনা রয়েছে। এর জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।

    প্রথম ১০০ দিনে রেলের পরিকল্পনা (Modi 3.0)

    জানা গিয়েছে, মোদির হ্যাটট্রিক (Modi 3.0) সরকারে রেলের প্রথম ১০০ দিনের (100 days) রোডম্যাপ হিসেবে ১০ থেকে ১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগে কথা বলা হয়েছে। ২০২৪ এর নির্বাচন শেষ হতেই ভারতীয় রেল (Indian Railways) প্রথম ১০০ দিনের পরিকল্পনা নিয়ে সামনে এল। এই পরিকল্পনায় যাত্রীদের জন্য স্টেশনে আধুনিক ব্যবস্থাপনা, যাত্রীবান্ধব সুপার অ্যাপ (Rail App) থেকে শুরু করে ২৪ ঘন্টায় রিফান্ড স্কিম প্রদানের চিন্তাভাবনা শুরু করা হয়েছে। এছাড়াও থাকবে যাত্রাকালীন বিনামূল্যের বীমা। থাকছে তিনটি ইকোনমিক করিডোর (Economic Corridor) এবং স্লিপার বন্দে ভারত ট্রেন।

    সুপার অ্যাপ আসবে রেলে

    সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথোপকথনে এক রেলের আধিকারিক আগামী দিনের সরকার (Modi 3.0) সম্পর্কে জানিয়েছেন, “টিকিট বাতিল করার ২৪ ঘন্টার মধ্যেই রিফান্ডের ব্যবস্থা করার কথা ভাবছে রেল কর্তৃপক্ষ। বর্তমানে টিকিট বাতিল করলে টাকা ফেরত পেতে তিন দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত লাগে। এছাড়াও রেল একটি সুপার অ্যাপ আনার কথা ভাবছে। যার মাধ্যমে রেলের সমস্ত রকমের বুকিং, ট্রেনের লাইভ ট্র্যাকিং ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে। বর্তমানে আইআরসিটিসির অ্যাপের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকেন ব্যবহারকারীরা। কিন্তু নতুন সুপার অ্যাপে আরও অনেক প্রকার বুকিং (Booking) ও পরিষেবা গ্রহণ করা সম্ভব হবে। নয়া ১০০ দিনের পরিকল্পনার অঙ্গ হিসেবে ‘পিএম রেল যাত্রী বীমা যোজনা’ (PM Rail Yatri Bima) লাগু করা হবে। যা সমস্ত দুরপাল্লার রেল যাত্রীদের জন্য লাগু হবে।

    আমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেন চলবে

    ১০ থেকে ১২ লক্ষ কোটি টাকা আগামী পাঁচ বছরে বিনিয়োগ করা হবে যাতে রেলকে আধুনিক দেশগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার মত তৈরি করা যায়। এছাড়াও বন্দে ভারত ট্রেনগুলিকে তিনটি বিভাগে ভাগ করা হবে। ১০০ কিলোমিটারের কম দূরত্বে চলবে এমন বন্দে ভারত (Vande Bharat) মেট্রো আনার কথা ভাবা হচ্ছে। এছাড়াও ১০০ থেকে ৫৫০ কিলোমিটার অবধি বন্দে চেয়ার কার এবং ৫৫০ কিলোমিটারের উর্ধ্বে বন্দে ভারত স্লিপার ট্রেন আনার কথা হচ্ছে। বর্তমানে প্রায় পঞ্চাশটি রুটে বন্দে ভারত ট্রেন চলছে। এছাড়াও ২০২৯ এর এপ্রিলের মধ্যে আমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেন (bullet Train) চালু করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তর, পূর্ব ও দক্ষিণ ভারতে তিনটি বুলেট ট্রেন চালু করার প্রস্তাব রয়েছে মোদি ৩.০ (Modi 3.0) সরকারের।

    আরও পড়ুনঃ ভোটের তিনদিন আগেই পাহাড়ে শিবির বদল! রাজুকে সমর্থনের বার্তা বিনয় তামাং-এর

    স্টেশনগুলি হবে বিশ্বমানের

    জানা গিয়েছে, রেলের ইকনোমিক করিডোর ৪০ হাজার কিলোমিটার বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৩০০-র বেশি রেলস্টেশনকে বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে আধুনিক করা হবে। আধুনিক স্টেশন গুলিতে বিশ্বমানের সুবিধা পাওয়া যাবে। যেমন শপিংমল, এয়ারপোর্টের মত ওয়েটিং লাউঞ্জ, আধুনিক ক্যাফেটেরিয়া ইত্যাদি। একইসঙ্গে মেট্রো নেটওয়ার্ক বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে ভারতে মাত্র কুড়িটি শহর আছে যেখানে নয় মেট্রোর কাজ চলছে নাহলে মেট্রো পরিষেবা রয়েছে। আরো বেশ কয়েকটি শহরে মেট্রো পরিষেবা চালু করার কথা ভাবছে মোদি সরকার। দিল্লি ও মিরাট মধ্যে স্পিডরেল চালু করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকটি জায়গায় র‍্যাপিড রেল নেটওয়ার্ক গড়ে তোলা হবে জানা গেছে। শেষ শুক্রবার সচিব পর্যায়ের বৈঠক হয়েছে যেখানে বিভিন্ন মন্ত্রক ও বিভাগের আধিকারিকরা মোদি ৩.০-এর (Modi 3.0) প্রথম ১০০ দিনের এজেন্ডা নিয়ে আলোচনা করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hanuman Chalisa: “কংগ্রেস আমলে হনুমান চালিশা শোনাও অপরাধ ছিল”, তোপ মোদির

    Hanuman Chalisa: “কংগ্রেস আমলে হনুমান চালিশা শোনাও অপরাধ ছিল”, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “কংগ্রেস আমলে হনুমান চালিশা শোনাও অপরাধ বলে গণ্য হত।” মঙ্গলবার, হনুমান জয়ন্তীতে (Hanuman Chalisa) রাজস্থানের টঙ্ক কেন্দ্রের এক জনসভায় এই ভাষাতেই কংগ্রেসকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    মোদির নিশানায় কংগ্রেস (Hanuman Chalisa)

    রবিবারই রাজস্থানের বাঁসওয়াড়ায় গ্র্যান্ড ওল্ড পার্টির ইস্তাহারকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছিলেন, “দেশে যাদের সন্তানের সংখ্যা বেশি এবং যারা অনুপ্রবেশকারী, কংগ্রেস তাদের সম্পদ বিলিয়ে দেবে।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যের জেরে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। নির্বাচন কমিশনের কাছে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’।

    নিশানায় কংগ্রেসের ইস্তাহার

    কংগ্রেসের ইস্তাহারের (Hanuman Chalisa) প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “তাদের ইস্তাহারেই লেখা রয়েছে যে তারা সম্পত্তির সমীক্ষা চালাবে। তাদের নেতাই বক্তৃতায় বলছেন, সম্পত্তির এক্স-রে করা হবে। কিন্তু মোদি যখন সে কথা ফাঁস করে দিচ্ছে, তখন আপনাদের গোপন অ্যাজেন্ডা বেরিয়ে পড়েছে। আর আপনারা এখন থরথর করে কাঁপছেন।” তিনি বলেন, “আমি আপনাদের সামনে এই সত্যটা তুলে ধরতে চাই যে কংগ্রেস আপনাদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করছে। নির্বাচিত কিছু লোকের হাতে সেই সম্পত্তি তুলে দেওয়ার পরিকল্পনা করছে।”

    আরও পড়ুুন: পালাতে পারে বিদেশে, সন্দেশখালির শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ ইডির

    এর পরেই প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস জমানায় মানুষ নিজের ধর্ম, বিশ্বাস নিয়ে থাকতে পারতেন না। সেই আমলে হনুমান চালিশা শোনাও অপরাধ বলে গণ্য হত।” তিনি বলেন, “দু’তিন দিন আগে আমি কংগ্রেসের ভোটব্যাঙ্কের তোষণমূলক রাজনীতির পর্দা ফাঁস করে দিয়েছি। এতেই কংগ্রেস ও তাদের ইন্ডি জোট প্রচণ্ড রেগে গিয়েছে। তারা এতটাই রেগে গিয়েছে যে, তারা এখন সব সময় মোদিকেই অপমান করছে।” তাঁর দাবি, এই সত্য ফাঁস হয়ে যাওয়ায় ভয় পেয়ে গিয়েছে কংগ্রেস। রাজনৈতিক কৌশল লুকোতে চাইছে তারা (Hanuman Chalisa)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Amit Shah: “বাংলায় ৩০টি আসনে বিজেপি জয়ী হলে উত্তরবঙ্গে এইমস হবে”, ঘোষণা করলেন অমিত শাহ

    Amit Shah: “বাংলায় ৩০টি আসনে বিজেপি জয়ী হলে উত্তরবঙ্গে এইমস হবে”, ঘোষণা করলেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “রায়গঞ্জে এইমস হাসপাতাল তৈরি করাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা দিয়েছিলেন। এইমস তিনি কলকাতায় নিয়ে গিয়েছেন। আমি কথা দিচ্ছি, ৩০ টি আসনে বিজেপি জিতলে উত্তরবঙ্গের জন্য আলাদা এইমস তৈরি করা হবে।” রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে জনসভা করতে এসে উত্তরবঙ্গে ‘এইমস’ তৈরির আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া এলাকায় জনসভায় যোগদেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “মোদিজির গ্যারান্টি, ৩০টি আসন জিতিয়ে দিন, আমরা উত্তরবঙ্গের জন্য আলাদা এইমস বানানোর কাজ শুরু করব।”

    জাতীয় সড়ক তৈরিতে বাধা দিচ্ছেন মমতা, সরব শাহ (Amit Shah)

    এদিন সভামঞ্চ থেকে এইমস-এর পাশাপাশি রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি বারসই-রায়গঞ্জ সড়ক যোগাযোগের বিষয়েও সরব হন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “পার্শ্ববর্তী বিহার রাজ্যের সঙ্গেও সড়ক যোগাযোগ সুগম করার ব্যাপারে মমতাদি বাধা দিচ্ছে। বিহার সরকার এনওসি দিয়ে দিয়েছে। আমি নিজে তাঁর সঙ্গে কথা বলেছি। কিন্তু, মমতাদির সরকার এই ব্যাপারে এনওসি দেয় নি।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যে ৩০ থেকে ৩৫ টা আসনে জিতলে পশ্চিমবঙ্গ জুড়ে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।”  তিনি বলেন, “২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে ১৮ টা আসনে মানুষ আমাদের জিতিয়েছিল। তার ফলে গত ৫০০ বছর ধরে তাঁবুতে থাকা রামকে আমরা থাকার জন্য রামমন্দির তৈরি করতে পেরেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস বিরোধিতা করেও তা আটকাতে পারে নি। এবার নির্বাচনে এই রাজ্যে ৩০ থেকে ৩৫ টা আসনে আপনারা আমাদের জেতান।”

    আরও পড়ুন: “বাংলায় দুর্নীতির শাসন চলছে, চাকরি দিতে ঘুষ নিচ্ছে সরকার,” তোপ দাগলেন অমিত শাহ

    কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা সাধারণ মানুষ পাননি

    অমিত শাহ (Amit Shah) এদিন বলেন, “কেন্দ্রীয় সরকার এই রাজ্যের সাধারণ মানুষের জন্য প্রচুর প্রকল্প বরাদ্দ করলেও তৃণমূল সরকার তা নিচুতলায় আসতে দিচ্ছে না। এই সুবিধা সাধারণ মানুষের কাছে পৌছালে মানুষের জাগরণ হবে। এই রাজ্যে ৩০’ র বেশি আসনে জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের এই অধিকার ছিনিয়ে নিতে পারবে না। ইউপিএ সরকারের ১০ বছরে কেন্দ্র এই রাজ্যকে ২ লক্ষ ৯ হাজার কোটি টাকা দিয়েছিলো। বিজেপি সরকার গত ১০ বছরে এই রাজ্যকে ৭ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু, সাধারণ মানুষের কাছে এই টাকা পৌঁছায়নি। উলটে তৃনমূল কংগ্রেসের নেতাদের জীবনযাপনের মান বেড়েছে।”

    ১০ বছর ধরে গরিবদের জন্য কাজ করেছেন মোদি

    অমিত শাহ (Amit Shah) বলেন, “নরেন্দ্র মোদি দেশের গরিবদের জন্য গত ১০ বছর ধরে কাজ করে গিয়েছেন। ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়েছেন মোদি। ১২ কোটির বেশি শৌচালয়, ৪ কোটির বেশি মানুষকে ঘর, ১০ কোটি মানুষকে উজ্জ্বলার গ্যাস, ১৪ কোটি মানুষকে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন মোদি।” প্রসঙ্গত, রায়গঞ্জ লোকসভা আসনে ভোট রয়েছে দ্বিতীয় দফায়। ২৬ এপ্রিল হবে ভোটগ্রহণ। এ বার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কার্তিক পালকে। ২০১৯ সালে এই আসনে বিজেপির টিকিটে জিতেছিলেন দেবশ্রী চৌধুরী। পরে তাঁকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীও করা হয়েছিল। তবে এ বার বিজেপি দেবশ্রীকে আর এই আসন থেকে টিকিট দেয়নি। দক্ষিণ কলকাতা লোকসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Plastic Pollution: ফ্রিজে প্লাস্টিকের কৌটোয় খাবার রাখছেন? কোন কোন রোগের ঝুঁকি বাড়ছে? 

    Plastic Pollution: ফ্রিজে প্লাস্টিকের কৌটোয় খাবার রাখছেন? কোন কোন রোগের ঝুঁকি বাড়ছে? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    সোমবার ছিল ওয়ার্ল্ড আর্থ ডে। পরিবেশ, প্রকৃতি সম্পর্কে আরও একটু সতর্ক আর সচেতন হওয়ার দিন। বিশ্ব জুড়ে বাড়ছে প্লাস্টিকের দাপট। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই প্লাস্টিক শুধু জল, মাটির ক্ষতি করছে না। মারাত্মক বিপদ তৈরি করছে মানুষের স্বাস্থ্যের। প্লাস্টিকের ব্যবহার মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু অসচেতনতার জেরে মানুষ লাগাতার প্লাস্টিকের ব্যবহার করছেন। গরম খাবার দোকান থেকে কিনে আনার সময় হোক, কিংবা বাড়ির তৈরি খাবার অতিরিক্ত হলে ফ্রিজে ভরে রাখার সময়, দেদার ব্যবহার হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিকের কৌটোয় খাবার রাখার রেওয়াজ এখন প্রায় প্রত্যেক বাড়িতেই রয়েছে। আর তার জেরেই শরীরে একাধিক রোগের প্রকোপ বাড়ছে (Plastic Pollution)। তাই বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্লাস্টিকের জিনিসে খাবার খাওয়া কিংবা খাবার রাখলে সতর্ক হতে হবে। এখন দেখে নেওয়া যাক, প্লাস্টিকের জিনিসে রাখা খাবার কোন রোগের ঝুঁকি বাড়ায়?

    গর্ভস্থ শিশুর মস্তিষ্কে কুপ্রভাব

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, প্লাস্টিকের পাত্রে বিভিন্ন স্তর থাকে। সেগুলোতে থাকে ক্ষতিকারক মোনোমার। এই মনোমার হল এক ধরনের কৃত্রিম ইস্ট্রোজেন হরমোন। তাই প্লাস্টিকের পাত্রে রাখা খাবার গরম করে গর্ভবতীকে খেতে দিলে, তার শরীরে এই কৃত্রিম হরমোনের প্রবেশের ঝুঁকি বেড়ে যায়। এর জেরে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা হয়। বিশেষত শিশুর হাইপার অ্যাকটিভ, অবসাদের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি‌ বাড়ে।

    হার্ট ও লিভারের রোগের ঝুঁকি বাড়ে (Plastic Pollution)

    বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গিয়েছে, প্লাস্টিকের পাত্রে খাবার রেখে নিয়মিত খেলে হার্ট ও লিভারের রোগের ঝুঁকি কয়েকগুণ বাড়ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, প্লাস্টিকের পাত্র হয় নরম। এই নরম করার জন্য ফ্যালেটন নামে একপ্রকার উপাদান মেশানো হয়। এটার জেরেই হার্ট ও লিভারে উপরে এক ধরনের চাপ তৈরি হয়। তাই হার্ট ও লিভারের রোগের ঝুঁকি বাড়ে।

    একাধিক স্নায়ুর রোগের কারণ

    প্লাস্টিক বাড়িয়ে দেয় স্নায়ুর রোগের ঝুঁকি। এমনই জানাচ্ছেন দেশের গবেষক-চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, স্টাইরিন সহ একাধিক মনোমার প্লাস্টিকের পাত্রে ব্যবহার করা হয়। এই ধরনের মনোমার স্নায়ুর উপরে প্রভাব ফেলে। দেহের একাধিক হরমোনের ভারসাম্য নষ্ট করে (Plastic Pollution)। তাই মাথাব্যথা, অবসাদ, অবসন্নতার মতো একাধিক সমস্যা বাড়ে। নানান জটিল স্নায়বিক‌ রোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়।

    স্তন ক্যান্সার এবং ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায় (Plastic Pollution)

    প্লাস্টিকের পাত্রে খাবার খেলে, দেহে কৃত্রিম হরমোনের প্রবেশের ঝুঁকি তৈরি হয়। আর তার জেরেই ডায়াবেটিস এবং স্তন ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বাড়ে। মহিলাদের দেহে কৃত্রিম ইস্ট্রোজেন হরমোনের প্রবেশের ফলে, দেহে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। তাই স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আবার পুরুষ-মহিলা নির্বিশেষে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার জেরে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে।

    কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল?

    বিশেষজ্ঞদের একাংশের পরামর্শ, রোজের জীবনে বাদ দিতে হবে প্লাস্টিক। তাঁরা জানাচ্ছেন, ইউরোপ ও আমেরিকার বহু দেশের মানুষের মধ্যে প্লাস্টিক নিয়ে সচেতনতা তৈরি হচ্ছে। বিশেষত খাবার কেনা ও রাখার পাত্র হিসাবে প্লাস্টিকের ব্যবহার নিয়েও সতর্কতা তৈরি হচ্ছে। কিন্তু ভারতে সে নিয়ে সচেতনতার হার আরও বাড়ানো‌ দরকার বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।তাঁদের পরামর্শ, নিয়মিত খাবার রাখার জন্য প্লাস্টিক একেবারেই উপযুক্ত নয়। বিশেষত খাবার গরম করা বা দীর্ঘ সময় খাবার রাখার জন্য প্লাস্টিক ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।‌ তাঁরা জানাচ্ছেন, কাচের পাত্রে খাবার রাখা যেতে পারে। মাইক্রোওয়েভ ওভেনে গরম করার ক্ষেত্রেও প্লাস্টিক নয় (Plastic Pollution), বরং কাচের পাত্রে গরম করা উচিত বলেই মত বিশেষজ্ঞ মহলের।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে ফের বসিরহাট এসপি অফিসে সিবিআই হানা

    Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে ফের বসিরহাট এসপি অফিসে সিবিআই হানা

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও বসিরহাটের এসপি অফিসে (SP Office) সিবিআই হানা। সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সন্দেশখালিতে (Sandeshkhali) ইডি-র উপর হামলার ঘটনায় ন্যাজাট থানায় দায়ের হওয়া দুটো অভিযোগেরই তদন্ত করছে সিবিআই। এই মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই মামলার তদন্তে বার বার তৃণমূল নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে এসেছে। বিরোধীরা বার বার অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে। সম্প্রতি নারী নির্যাতনের ঘটনায় সন্দেশখালি উত্তাল হয়ে উঠেছিল। এলাকার মহিলাদের আন্দোলনের চাপে তৃণমূল নেতা শাহজাহানকে গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে সমস্ত মামলার তদন্তের ভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। 

    নোটিশ জারি করেছিল সিবিআই (Sandeshkhali)

    তবে ন্যাজাট (Sandeshkhali) থানায় দায়ের হওয়া দুটি অভিযোগের ভিত্তিতে পুলিশ এতদিন যা তদন্ত করেছে, তাতে বাজেয়াপ্ত হওয়া জিনিস তালিকা-তথ্য ও নথি পেতে নোটিশ জারি করেছিল সিবিআই। তবে মঙ্গলবারই প্রথম নয়, এর আগে গত ১৬ এপ্রিলও এসপি অফিসে পৌঁছেছিল সিবিআই-এর একটি টিম। ওই দিন সন্দেশখালিতে হামলার ঘটনায় বসিরহাটের (Basirhat) পুলিশ সুপারকে নোটিশ দিয়েছিল সিবিআই (CBI)। একই সঙ্গে ইডির উপর হামলার ঘটনায় বেশকিছু তথ্য ও নথি চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে মঙ্গলবার সেই তথ্যের খোঁজেই গোয়েন্দা আধিকারিকেরা এসপি অফিসে হানা দিলেন কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়।

    আরও পড়ুনঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে শাহজাহানের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের

    পুলিশের বাজেয়াপ্ত হওয়া জিনিসের খোঁজে সিবিআই

    উল্লেখ্য, সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় ন্যজাট থানায় যে দুটো মামলা দায়ের হয়েছিল, ওই মামলাতে কোনও দাবিদারহীন বাজেয়াপ্ত আছে কিনা, সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়ে বসিরহাটের পুলিশ সুপারকে নোটিশ দেওয়া হয়েছে। পুলিশের বাজেয়াপ্ত হওয়া জিনিসের মধ্যে দাবিদারহীন জিনিস তদন্তের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেছন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। তবে পুলিশের বিরুদ্ধে বিজেপি শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ বার বার তুলে সরব হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maoists Killed: ছত্তিশগড়ে নিকেশ হওয়া মাওবাদীদের শনাক্ত করল পুলিশ, কারা রয়েছে তালিকায়?

    Maoists Killed: ছত্তিশগড়ে নিকেশ হওয়া মাওবাদীদের শনাক্ত করল পুলিশ, কারা রয়েছে তালিকায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬ এপ্রিল নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছিল ২৯ জন মাওবাদী (Maoists Killed)। শেষমেশ তাদের শনাক্ত করার কাজ শেষ করল ছত্তিশগড়ের পুলিশ। এদের মধ্যে উল্লেখযোগ্য হল মাওবাদীদের ডিভিশনাল কমিটি সদস্য শঙ্কর রাও, রীতা সালামে, বিনোদ গদে, সুখলাল পাড্ডা, রাজিতা, গীতা ওরফে পুন্নিয়া, এরিয়া কমিটির সব সদস্য যাদের মধ্যে রয়েছে রবি ওরফে বাচনু, পিপিসিএম এবং এসএমসি স্কোয়াডের কমান্ডার।

    খতম মাওবাদীদের মাথার দাম

    জানা গিয়েছে, এনকাউন্টারে যারা (Maoists Killed) নিকেশ হয়েছে, তাদের মাথার সম্মিলিত মাথার দাম ১ কোটি ৭৮ লাখ টাকা। মৃত মাওবাদীদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের দাম ৭ লাখ ৫৫ হাজার টাকা। ওই এনকাউন্টারে যারা মারা গিয়েছে, তাদের মধ্যে ১৭ জনের মাথার দাম ছিল আট লাখ করে টাকা। আর রবি ওরফে বাচনুর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১০ লাখ টাকা। তার বাড়ি বীজাপুর জেলার গাংগ্লুর থানা এলাকায়। শঙ্কর ছিত্তাল মণ্ডল থানার ছালাঙ্গারিয়া গ্রামের বাসিন্দা ছিল। ওই দিন এনকাউন্টারে যারা খতম হয়েছিল তাদের মধ্যে একমাত্র শঙ্করই একে ৪৭ নিয়ে ঘুরে বেড়াত। রীতার কাছে থাকত ইনসাস রাইফেল। আর বিনোদ ঘুরত এসএলআর নিয়ে। রীতার বাড়ি ছিল সীতাপুর থানা এলাকায়। কোখা থানা এলাকায় থাকত গদে। মাওবাদীদের সাব জোনাল অ্যাকশান টিম কমান্ডার বদ্রু বাদসে ঘুরে বেড়াত ৩০৩ রাইফেল নিয়ে। জেন্নি ওরফে জেইনি কাছে রাখত ১২ বোরের রাইফেল।

    আরও পড়ুুন: পালাতে পারে বিদেশে, সন্দেশখালির শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ ইডির

    ভয়ঙ্কর মাওবাদী গ্রেফতার

    এদিকে, সোমবার ভয়ঙ্কর এক মাওবাদীকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল দেড় লাখ টাকা। ধৃতের নাম দিলীপ মতিরাম পেনদাম। বছর চৌত্রিশের ওই মাওবাদীকে এদিন বমরাগড় অঞ্চলে স্থানীয় গ্রাম ও লাগোয়া জঙ্গলে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় নিরাপত্তরক্ষীদের। জেরা করার পর গ্রেফতার করা হয় তাকে। গত বছর মার্চে পেনদামের বিরুদ্ধে মাইন পুঁতে রাখা এবং দুটি প্রেসার কুকার বম্ব ব্লাস্টের অভিযোগ উঠেছিল। টহলদাররত নিরাপত্তারক্ষীদের হত্যা করে তাঁদের অস্ত্রশস্ত্র কেড়ে নেওয়ার উদ্দেশ্যেই এটা করেছিল সে। যদিও তার উদ্দেশ্য ব্যর্থ হয় (Maoists Killed)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • SSC Scam: নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, সুপ্রিম দুয়ারে যোগ্য হয়েও চাকরিহারারা, ধর্না শহিদ মিনারে 

    SSC Scam: নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, সুপ্রিম দুয়ারে যোগ্য হয়েও চাকরিহারারা, ধর্না শহিদ মিনারে 

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) নতুন নতুন রূপ দেখছে রাজ্যবাসী। এতদিন চাকরিপ্রার্থীরা ধর্নামঞ্চে নিজেদের দাবি জানাতেন এবার চাকরিহারারাও শহিদ মিনারে ধর্না দিতে চলেছেন। সুপ্রমি কোর্টেও আবেদন জানানোর কথা জানিয়েছেন যোগ্যতার বলে চাকরি পাওয়া ব্যক্তিরা। তাঁদের কথায়, “ঘুষ তো দিইনি, যোগ্যতার বলেই চাকরি পেয়েছিলাম। আমাদের দোষ কোথায়? এর দায় রাজ্য সরকারকে নিতে হবে।”

    কী বলছেন চাকরিহারারা

    মঙ্গলবার সকালেই চাকরিচ্যুতদের (SSC Scam) একাংশ শহিদ মিনার চত্বরে জমায়েত শুরু করেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ধর্নায় বসে নিজেদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি আদালতের দ্বারস্থও হওয়ার কথা ভাবছেন তাঁরা। সে ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সোমবারের চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা। চাকরিচ্যুতদের বক্তব্য, তাঁরা অবৈধ উপায়ে চাকরি পাননি। তা হলে কেন অবৈধ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিদের জন্য তাঁদেরও শাস্তি পেতে হবে? তাঁদের দাবি, এর দায় নিতে হবে সকলকে। এসএসসি বা সরকারের ভুলের খেসারত তারা কেন গুনবেন?

    আরও পড়ুন: জারি হতে পারে অবমাননা রুল, নিয়োগ-মামলায় মুখ্যসচিবকে ‘শেষ সুযোগ’ হাইকোর্টের

    কী বলেছে হাইকোর্ট

    ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া (SSC Scam) বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ-সি এবং গ্রুপ-ডি মিলিয়ে বাতিল হয়েছে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। যাঁরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন, তাঁদের অনেকেরই দাবি, ‘আইনি পদক্ষেপ’ করার কথা ভাবছেন তাঁরা। যাঁরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল, তাঁরা স্বাভাবিক কারণেই এই রায়ে হতাশ। কিন্তু হাইকোর্ট জানিয়েছে এছাড়া কোনও উপায় নেই। একজন যোগ্য শিক্ষকের কথায়, “যোগ্য বলে চাকরি পেলাম। নিয়ম মেনে বেতন পাচ্ছিলাম। যারা দালালের হাত ধরে চাকরি পেল, তাদের সঙ্গে একই বন্ধনীতে ফেলে দেওয়া হল আমাদের। এটা অমানবিক। এর দায় সরকারকেই নিতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Darjeeling: ভোটের তিনদিন আগেই পাহাড়ে শিবির বদল! রাজুকে সমর্থনের বার্তা বিনয় তামাংয়ের

    Darjeeling: ভোটের তিনদিন আগেই পাহাড়ে শিবির বদল! রাজুকে সমর্থনের বার্তা বিনয় তামাংয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ২৬ এপ্রিল দার্জিলিং-এ (Darjeeling) ভোটগ্রহণ। তার আগে বিজেপিকে (BJP) সমর্থন জানালেন পাহাড়ের নেতা বিনয় তামাং (Binay Tamang)। শেষ পাঁচ মাস তিনি কংগ্রেস দলের সদস্য ছিলেন। এরই মাঝে কংগ্রেস (Congress) দলের সঙ্গে তার সম্পর্ক চুকিয়ে দিলেন বিনয়। ভোটের ৭২ ঘণ্টা আগে তিনি জানালেন দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে (Raju Bista) তিনি সমর্থন করবেন।

    কী বললেন বিনয় তামাং?

    একটি ভিডিও বার্তা জারি করে বিনয় তামাং বলেছেন, “এখন দুর্নীতি আর স্বজনপোষণের বিরুদ্ধে লড়াই করার সময়। এই প্রেক্ষিতে আমি সমর্থন করছি বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে। পাহাড়ের মানুষের কাছে বলব আপনারাও তাঁকে সমর্থন করুন। যা পরিস্থিতি তাতে দিল্লিতে আবার নরেন্দ্র মোদির সরকার আসবে। এ কথা নিশ্চিত দুবছর পর রাজ্য ক্ষমতায় আসতে পারে বিজেপি। তাই সব দিক বিবেচনা করে রাজু বিস্তাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।” গোর্খা জনমুক্তি মোর্চা অনেকদিন আগেই খন্ড খন্ড হয়ে গেছে। সোমবার রাতে কর্মী সমর্থকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন বিনয়। সমর্থকরা তাঁকেই সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ জানান। এরপরই বিনয় জানান, “আমি রাজু বিস্তাকে সমর্থন করবো। সংগঠনের নেতারা আমাকে দায়িত্ব দিয়েছিল। তাঁদের বক্তব্য ছিল তৃণমূল ছাড়া যাকে খুশি সমর্থন করা যেতে পারে।”

    টিকিট না পেয়ে কি কংগ্রেস ত্যাগ?

    প্রসঙ্গত পাহাড়ে আন্দোলন চলাকালীন গোর্খা জনমুক্তি মোর্চার সদস্য ছিলেন বিনায় তামাং। তিনি গোর্খা জনমুক্তি মোর্চার তৎকালীন সুপ্রিমো বিমল গুরুং-এর অনুগামী বলে পরিচিত ছিলেন। পাহাড় থেকে বিমলের পলায়ন পর্বের পর উত্থান হয় বিনয় তামাং-এর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে হন জিটিএ প্রধান। তবে তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক বেশিদিন টেকেনি তাঁর। মাস পাঁচেক আগে অধীর চৌধুরীর হাত থেকে পতাকা নিয়ে কংগ্রেসে যোগদান করেন তিনি। অবশেষে কংগ্রেসের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হল তাঁর। অন্যদিকে বিনয় কংগ্রেসে যোগ দেওয়ার পর মনে করা হচ্ছিল তাঁকে দার্জিলিং কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে। কিন্তু তা হয়নি। হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ডের ঘনিষ্ঠ তথা দিল্লি বিশ্ববিদ্যালয় অধ্যাপক মুনীশ তামাংকে প্রার্থী করে কংগ্রেস। মুনীশকে প্রার্থী করার পরেই ক্ষোভের কথা জানিয়েছিলেন বিনয়। শেষ পর্যন্ত তিনি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে বিজেপিকে সমর্থন করলেন।

    আরও পড়ুনঃ সন্দেশখালিকাণ্ডে ফের বসিরহাট এসপি অফিসে সিবিআই হানা

    রাজু বিস্তারের জয়ের সম্ভাবনা আরও বাড়ল

    কংগ্রেস সূত্রের খবর পাহাড় এবং সমতলের পরিচিত মুখ বিনয়কে প্রার্থী চেয়ে দিল্লিতে প্রস্তাব পাঠান হয়েছিল। কিন্তু পরবর্তীকালে পরিস্থিতিতে বদল আসে। হামরো পার্টির অজয়ের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন কংগ্রেস নেতা ভিপি সিং, পবন খেরা এবং গোলাম আহমেদ মীর। মুনীশ গোর্খা পরিসংঘের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসের যোগ দেওয়ার পরেই অজয় ইন্ডিয়া জোটের শরিক হয়ে যান। এই পরিস্থিতিতে বিনয় শিবির তখনই কংগ্রেসের থেকে নিজেদের দূরত্ব বৃদ্ধি করতে শুরু করেছিল। এমনিতেই প্রত্যেকবার পাহাড়ে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়। বিনয় তামাং কংগ্রেস থেকে সরে আসায় কংগ্রেসের ভোট নোটার তুলনায় কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমদিকের গোষ্ঠীদ্বন্দ্বের ধাক্কা কাটিয়ে রাজু বিস্তা পাহাড়ের রাজনীতির বেশ কয়েকটি মুখকে সঙ্গী করতে সক্ষম হয়েছেন। এখন বিনয় শিবির রাজু বিস্তারের সমর্থন করায় রাজুর জয়ের সম্ভাবনা আরও বৃদ্ধি পেল বলেই মনে করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share