Tag: bangla news

bangla news

  • Parkinson’s Disease: গান, কবিতা কিংবা ছবি আঁকা, নিয়মিত চর্চা কমাতে পারে পারকিনসন্সের ঝুঁকি

    Parkinson’s Disease: গান, কবিতা কিংবা ছবি আঁকা, নিয়মিত চর্চা কমাতে পারে পারকিনসন্সের ঝুঁকি

     তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    ঘরের ভিতরে হাঁটাচলা করাও বেশ কঠিন হয়ে পড়ে। নিজের হাতে ভাত মেখে খাওয়ার শক্তিটুকুও থাকে না। প্রয়োজনীয় অনেক কিছুই মনে থাকে না। হাত-পায়ের পেশি একেবারেই কাজ করে না। আত্মবিশ্বাস হারিয়ে যায়। বয়স বাড়লে আরও বাড়ে জটিলতা। চিকিৎসকেরা জানাচ্ছেন, বিশ্ব জুড়ে বাড়ছে পারকিনসন্স (Parkinson’s Disease) রোগের দাপট। বাদ নেই কলকাতাও। তাই মধ্য পঞ্চাশ থেকেই দরকার সচেতনতার। এই জটিল রোগের দাপট রুখতে নিজের জন্য প্রয়োজন বাড়তি সময়।

    পারকিনসন্স কী? (Parkinson’s Disease)

    চিকিৎসকেরা জানাচ্ছেন, পারকিনসন্স এক ধরনের স্নায়ুর সমস্যা। মস্তিষ্কের ভিতরে এক ধরনের অবক্ষয় হয়। এর জেরে হাত-পা কিংবা শরীরের বিভিন্ন অংশের গতির সমন্বয়ের অভাব দেখা দেয়। মস্তিষ্কের বিশেষ অংশের এই সমস্যার জেরেই হাত-পায়ে এক ধরনের কম্পন দেখা দেয়। ঠিকমতো হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়ে। তবে, অধিকাংশ ক্ষেত্রেই এই রোগ বংশানুক্রমিক বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।‌ অর্থাৎ বাবা বা মা, কেউ এতে (Parkinson’s Disease) আক্রান্ত হলে, তাদের সন্তানদেরও বয়স বাড়লে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। স্নায়ুরোগ‌ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ৬০ বছরের পরে এই রোগের লক্ষণ দেখা দেয়। তবে অনেকের আবার ৫০-এর মাঝামাঝিও‌ উপসর্গ দেখা দেয়। হাতের আঙুল অতিরিক্ত কাঁপা এই রোগের প্রাথমিক উপসর্গ বলে জানাচ্ছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞদের একাংশ। তাই পরিবারের কেউ এই রোগে আক্রান্ত হলে কম বয়স থেকেই এই সম্পর্কে সচেতন থাকা জরুরি।

    সৃজনশীল কাজ কি এই রোগের দাপট কমাতে পারে? (Parkinson’s Disease)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, পারকিনসন্সের মতো রোগের ঝুঁকি কমাতে প্রয়োজন সুস্থ জীবনযাপন। তাঁরা জানাচ্ছেন, মানসিক চাপ এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। তাই মধ্য পঞ্চাশের পরেই নিজের বাড়তি খেয়াল রাখা জরুরি। পরিবার ও কর্মজীবনের নানান দায়িত্ব পালনের মাঝেও নিজের জন্য সময় রাখা জরুরি। নিয়মিত ছবি আঁকা, গান শোনা ও গান গাওয়া কিংবা কবিতা লেখার মতো সৃজনশীল কাজের অভ্যাস তৈরি করতে হবে। স্নায়ুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, এই ধরনের কাজে একদিকে মানসিক চাপ অনেক কমে। আবার হাত, পা এবং শরীরের একাধিক পেশি ও স্নায়ুর সক্রিয়তা বাড়ে‌। মস্তিষ্কের কাজ বাড়ে। ফলে রোগের ঝুঁকি কমে। 
    যোগাভ্যাস পারকিনসন্সের ঝুঁকি কমায়। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন এই রোগ (Parkinson’s Disease) আটকানোর পাশপাশি, যারা আক্রান্ত তাদের জীবনযাপন উন্নত করতেও নিয়মিত যোগাভ্যাস জরুরি। যোগাসন একদিকে শরীরের প্রত্যেক অঙ্গকে সক্রিয় রাখে, আবার মানসিক স্বাস্থ্যও ভালো রাখে। তাই পঞ্চাশ পেরলেই নিয়ম করে হাঁটাহাঁটির পাশপাশি যোগাভ্যাস গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    কোন কোন খাবার এড়িয়ে চলবেন? (Parkinson’s Disease)

    কফি এবং বার্গার, হটডগের মতো খাবার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, কফিতে থাকে ক্যাফেইন। আর বার্গার, হটডগের মতো খাবারে থাকে স্যাচুরেটেড ফ্যাট। এই দুই উপাদান পারকিনসন্সের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই এর প্রকোপ রুখতে এই ধরনের খাবার এড়িয়ে চলা জরুরি। 
    পাশপাশি নিয়মিত মাছ খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। কারণ মাছে রয়েছে ওমেগা থ্রি। এই উপাদান স্নায়ু সুস্থ রাখতে বিশেষ সাহায্য করে। পাশাপাশি, পালং শাক, সবুজ আপেলের মতো ফল এবং সবজি নিয়মিত খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। কারণ এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। তাই এগুলো খেলে মস্তিষ্ক সক্রিয় থাকবে। পারকিনসন্সের (Parkinson’s Disease) ঝুঁকি কমবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ganga Aarti: ৭৫ বছর পর! গঙ্গা আরতি কাশ্মীরের কুপওয়াড়ায় কিষাণগঙ্গা নদীতে

    Ganga Aarti: ৭৫ বছর পর! গঙ্গা আরতি কাশ্মীরের কুপওয়াড়ায় কিষাণগঙ্গা নদীতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সংস্কৃতির পুনরুত্থান। ৭৫ বছর পর গঙ্গা আরতি হল কাশ্মীরের কুপওয়াড়ায় কিষাণগঙ্গা নদীতে। উত্তর কাশ্মীরে সীমান্তের কাছে এই আরতি উপলক্ষে বহু মানুষের সমাগম হয়। দেশভাগের পর এই প্রথম কিষাণগঙ্গায় আরতি হল। নিস্তব্ধ প্রকৃতির কোলে গঙ্গা বন্দনা মনে শান্তি জাগায়।

    উপত্যকায় নতুন ভোর

    এই ঘটনা থেকে বোঝা যায় কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে মোদি সরকার কেন্দ্রশাসিত অঞ্চল হিসিবে কাশ্মীররকে তার পুরানো ঐতিহ্যে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কাশ্মীরে সংস্কৃতির প্রচার হচ্ছে। গঙ্গা আরতি হল উপত্যকায় এক নতুন ভোরের সূচনা এবং কাশ্মীরের সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার অনুসন্ধান। সীমান্তের কাছে  টিটওয়াল অঞ্চলে পবিত্র আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারতি করা হয়।  উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে নবনির্মিত এই ঘাট, শারাদেশের ভক্ত এবং তীর্থযাত্রীদের জন্য বিশেষ ঐতিহ্য বহন করে। এর ধারে শারদা মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছ খুবই গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে কাশ্মীরী পণ্ডিতরা খুব খুশি। 

    গত বছরই জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় মা শারদা মন্দিরের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কর্তারপুর স্টাইলে করিডোর তৈরি জন্য শারদা মন্দির কমিটির আবেদনও ভেবে দেখছে সরকার। স্বাধীনতার আগে কুপওয়ারার টিটওয়ালে মা শারদার মন্দির ছিল। ওই সময় কিষাণগঙ্গা নদীর তীরে একটি গুরুদ্বারের সংলগ্ন এলাকায় ছিল মন্দিরটি। কিন্তু ১৯৪৭ সালে দেশভাগের সময় পাক হানাদারদের হাতে ধ্বংস হয় মন্দিরটি। ঘটনার কয়েক বছর পর থেকেই ওই এলাকায় ফের মা শারাদা মন্দির তৈরির দাবি উঠছিল। প্রায় ৭৬ বছর পর মন্দিরটি ফের তৈরি করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এবার কিষাণগঙ্গা নদীতে শুরু হল আরতি। ঐতিহাসিকদের দাবি, ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে জম্মু-কাশ্মীরের এই শারদা মন্দিরের গুরুত্ব ছিল অপরিসীম। ভারতীয় উপমহাদেশ তো বটেই, মধ্য এশিয়া থেকেই পুণ্যার্থীরা এখানে আসতেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • NIA News: কাঁথি থেকে ধৃত বেঙ্গালুরুর বিস্ফোরণে জড়িত দুই সন্দেহভাজন! কীভাবে খোঁজ পেল এনআইএ?

    NIA News: কাঁথি থেকে ধৃত বেঙ্গালুরুর বিস্ফোরণে জড়িত দুই সন্দেহভাজন! কীভাবে খোঁজ পেল এনআইএ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে বাংলা থেকে গ্রেফতার দুই সন্দেহভাজন। মুসাভির হুসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন তাহাকে গ্রেফতার করেছে এনআইএ (NIA News)। এরা দুজনেই বেঙ্গালুরু ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের  মাস্টারমাইন্ড বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কলকাতার উপকণ্ঠেই গা ঢাকা দিয়ে ছিল এই দুই অভিযুক্ত। কাঁথি থেকে এনআইএ-র জালে ধরা পড়ে তারা।

    কীভাবে গ্রেফতার

    গত ১ মার্চ বেঙ্গালুরুর (Bengaluru Blast) রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এনআইএ সূত্রের খবর, বিস্ফোরণের পর তারা বাংলায় এসে আত্মগোপন করেছিল। বেশ কয়েক দিন ধরে তাঁরা এই রাজ্যে পরিচয় গোপন করে থাকছিলেন। ২৮ দিন ধরে রাজ্য়ের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে তারা। তারই মধ্যে ধৃত মুসাভির হুসেন শাহিব মহম্মদ জুনের শাহিব নামে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল। আবদুল মাথিন আহমেদ তাহা বিগনেস ওরফে সুমিত নামে ভুয়ো আধার কার্ডও বানিয়েছিল।  দু-তিন দিন আগে অন্য় নাম ব্য়বহার করে নিউ দিঘার একটি হোটেলে ওঠে দুই সন্দেহভাজন। সূত্রের খবর, তাদের ধরতে রাজ্য় পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে যোগাযোগ করে এনআইএ (NIA News)। পরিকল্পনা মতো বৃহস্পতিবার গভীর রাতে হোটেলে হানা দিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়। নিখোঁজ দুই সন্দেহভাজন জঙ্গির নামেই ১০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। তার পরিণাম পাওয়া গেল শুক্রবার। ধৃতের মধ্য়ে একজন রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড বলে কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থা সূত্রে দাবি। ধৃতদের কাছ থেকে প্রচুর ইলেকট্রনিক গেজেট, ল্য়াপটপ ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

    আরও পড়ুন: ‘মায়ের শেষ যাত্রাতেও থাকতে দেয়নি, মেলেনি জামিন’ জরুরী অবস্থার কথা স্মরণ রাজনাথের

    কীভাবে খোঁজ মেলে

    বিস্ফোরণের (Bengaluru Blast) পরেই ওই ক্যাফের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, এক যুবক ক্যাফের ভেতরে একটি ব্যাগ রেখে আসে, ঘন্টাখানেক পর তা থেকেই ঘটে বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণ কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত মুজাম্মিল শরিফকে আগেই আটক করা হয়েছিল। খোঁজ চলছিল সন্দেহভাজন বাকি দুজনের। জাতীয় তদন্তকারী সংস্থা ওই দুজনকে আটক করে। শুক্রবার এনআইএ, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, কর্ণাটক ও কেরল পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। এনআইএর সঙ্গে ছিল পশ্চিমবঙ্গ পুলিশের একটি দলও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sanjeev Sanyal: বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালকে স্মরণ করলেন তাঁর নাতি তথা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল

    Sanjeev Sanyal: বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালকে স্মরণ করলেন তাঁর নাতি তথা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৩ এপ্রিল ছিল বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের জন্মদিন। ঠিক এই সময়েই ফের একবার এই অগ্নিযুগের বিপ্লবী আলোচনায় উঠে এলেন তাঁর নাতির কারণে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য তথা ঐতিহাসিক সঞ্জীব সান্যাল (Sanjeev Sanyal) স্মরণ করলেন তাঁর দাদু তথা বাংলার বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালকে। প্রসঙ্গত, শচীন্দ্রনাথ সান্যাল ১৯০৭ সালে কলকাতায় অনুশীলন সমিতিতে যোগ দেন। শচীন্দ্রনাথ সান্যাল ১৯০৯ সালে বারাণসীতে ‘ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন’ নামে এক বিপ্লবী দল গঠন করেন। তিনি ছিলেন রাসবিহারী বসুর অত্য়ন্ত ঘনিষ্ঠ। রাসবিহারী বসু তাঁকে লাট্টু নামে ডাকতেন বলে জানা যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় রাসবিহারী বসু সেনাবিদ্রোহের উদ্যোগ নেন। জানা যায় এই প্রচেষ্টার অন্যতম সহযোগী ছিলেন শচীন্দ্রনাথ সান্যাল। চলতি বছরের জানুয়ারি মাসেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন সঞ্জীব সান্যাল। দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে সঞ্জীব সান্যাল আলোচনা করেন শচীন্দ্রনাথ সান্যাল এর লেখা বই ‘Bandi Jeevan: A Life in Captivity’ এর ওপর। এ সংক্রান্ত আলোচনাটি চলতি সপ্তাহেই একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। বর্তমানে ওই বইটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছে।

    লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ মামলা 

    সঞ্জীব সান্যালের (Sanjeev Sanyal) বক্তব্যে উঠে আসে ১৯১২ সালের সাড়া জাগানো বৈপ্লবিক ঘটনা লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ মামলা। প্রসঙ্গত, রাসবিহারী বসুর নেওয়া এই উদ্যোগে নদীয়ার বসন্ত বিশ্বাস বোমা ছুড়ে ছিলেন বড়লাট লর্ড হার্ডিঞ্জ এর ওপরে। রাসবিহারী বসু চাকরি করতেন দেরাদুনের বন বিভাগে, সেখানে বসেই এই পরিকল্পনা রচনা করেন তিনি। বড়লাটের ওপর বোমা নিক্ষেপের ঘটনার পরে অতিসক্রিয় হয়েও ব্রিটিশ পুলিশ টিকি খুঁজে পায়নি রাসবিহারী বসুর। সঞ্জীব সান্যালের মতে, সে সময়ে ব্রিটিশ পুলিশের নজরে আসে অনুশীলন সমিতির কার্যকলাপও। তৎক্ষণাৎ শচীন্দ্রনাথ সান্যাল অনুশীলন সমিতির নাম বদল করেন। এমনটাই বলেছেন সঞ্জীব বাবু।

    হিন্দুস্তান রিপাবলিকান আর্মি

    দিল্লি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় সঞ্জীব সান্যাল (Sanjeev Sanyal) আরও জানিয়েছেন, বড়লাট লর্ড হার্ডিঞ্জের ওপর বোম পড়েছিল চাঁদনি চকে। যা দিল্লি বিশ্ববিদ্যালয়ের খুবই কাছে। বাংলার বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যাল হিন্দুস্তান রিপাবলিকান আর্মিও তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে সংঘর্ষ জারি রাখতে। তারও উল্লেখ করেছেন সঞ্জীব সান্যাল। প্রসঙ্গত,  ১৯২৪ সালেই প্রতিষ্ঠা হয় হিন্দুস্তান রিপাবলিকান আর্মি। এই বাহিনী গঠনের মূলে ছিল ১৯২২ সালের চৌরিচোরার ঘটনা। প্রসঙ্গত, চৌরিচোরার ঘটনায় আন্দোলনকারীদের হাতে পুলিশ কর্মীরা নিহত হলে অসহযোগ আন্দোলনকে তুলে নেন মহাত্মা গান্ধী। এই সময় শচীন্দ্রনাথ সান্যাল অত্যন্ত সক্রিয় হয়ে ওঠেন বলে জানিয়েছেন সঞ্জীব। ওই সময়ে দেশের যুবসমাজের কংগ্রেস তথা মহাত্মা গান্ধীর প্রতি অনাস্থাও পরিলক্ষিত হতে থাকে। দেশের যুব সমাজের বড় অংশ মনে করতে থাকে অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের কারণে ব্রিটিশরা শক্তিশালী হয়েছে। এই সময় বিপ্লবী আন্দোলন গড়ে তুলতে শচীন্দ্রনাথ সান্যাল নিয়োগ করতে শুরু করেন রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, আশফাকুল্লাহ খান প্রভৃতি কলেজ ছাত্রদের। বারাণসী সংস্কৃত কলেজে পাঠরত সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদদেরও নিয়োগ করেন শচীন্দ্রনাথ সান্যাল। ৯ অগাস্ট ১৯২৫ সালে কাকোরি ট্রেন অ্যাকশন যা কাকোরি ষড়যন্ত্র মামলাতেও হিন্দুস্তান রিপাবলিকান আর্মির উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে জানা যায়। এই আর্মির সঙ্গে যুক্ত ছিলেন ভগৎ সিংও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Rajnath Singh: ‘মায়ের শেষ যাত্রাতেও থাকতে দেয়নি, মেলেনি জামিন’ জরুরী অবস্থার কথা স্মরণ রাজনাথের

    Rajnath Singh: ‘মায়ের শেষ যাত্রাতেও থাকতে দেয়নি, মেলেনি জামিন’ জরুরী অবস্থার কথা স্মরণ রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: জরুরী অবস্থার কথা স্মরণ করে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি জানিয়েছেন, মা যখন অসুস্থ ছিলেন তখন প্যারোলেও ছাড়া হয়নি তাঁকে। মায়ের শেষ যাত্রাতেও অংশ নিতে দেয়নি তৎকালীন কংগ্রেস সরকার। আর এখন তারাই স্বৈরাচারের কথা বলছে, বলে কটাক্ষ করেন রাজনাথ। 

    কী বললেন রাজনাথ

    কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর সরকার তাঁকে জেলে ভরে দিয়েছিলেন। তাঁর কথায়, “যারা জরুরী অবস্থার সময় একনায়কতন্ত্র জারি করেছিলেন, তারাই এখন আমাদের বলছে আমরা নাকি একনায়ক।” রাজনাথ সিং (Rajnath Singh) বলেন, “জরুরি অবস্থার সময় আমি জেলে ছিলাম। আমরা বিক্ষোভ দেখাতাম, সাধারণ মানু্ষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করতাম যে ইমার্জেন্সি কতটা ভয়ঙ্কর এবং তা স্বৈরাচারী মনোভাবকেই তুলে ধরে।” তিনি আরও বলেন, “আমার সদ্য বিয়ে হয়েছিল। সারা দিন কাজ করার পর আমি বাড়ি ফিরেছিলাম, আমায় তখন বলল, পুলিশ এসেছিল। আমায় ওয়ারেন্ট দেওয়া হল। মাঝরাতে আমায় গ্রেফতার করল, জেলে নিয়ে গেল। আমায় একা একটা কুঠুরিতে রাখা হয়েছিল।”

    মায়ের মৃত্যুর কথা স্মরণ রাজনাথের

    প্রতিরক্ষা মন্ত্রী (Rajnath Singh) জানান সেই সময় জেলে কোনও বই পড়তে দিত না। একটা পাত্রে ডাল দিত। আর কয়েকটা চাপাটি দেওয়া হতো। কিছু সময়ের জন্য় জেল চত্বরে যেতে দিত। হেসে হেসেই তিনি বলেন, “আমার হয়তো ভাল মেজাজ ছিল, তাই আমায় জেলে দীর্ঘদিন রাখা হয়েছিল। যখন আমায় মির্জাপুর জেল থেকে নৈনি সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমার মা বলেছিল, যাই-ই হোক না কেন, ক্ষমা চাইবে না। শুনে উপস্থিত পুলিশকর্মীরাও কেঁদে ফেলেছিলেন।”  রাজনাথ জানান, জরুরী অবস্থা আরও একবছর বৃদ্ধি করা হয়েছে এটা শুনে তাঁর মা আরও অসুস্থ হয়ে পড়েন। ২৭ দিন মাকে হাসপাতালে রাখতে হয়েছিল। পরে মারা যান তিনি। তাঁর কথায়, “আমি তারপরও জেল থেকে ছাড়া পাইনি, প্যারোল পাইনি। আমি জেলেই মুণ্ডন করেছিলাম। আমি যেতে না পারায়, আমার ভাই শেষকৃত্য করেছিল…ভাবুন এরপরও ওরা (কংগ্রেস) আমাদের বিরুদ্ধে স্বৈরাচার, একনায়কতন্ত্রের অভিযোগ আনে। নিজেদের দিকে দেখে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: চোট সারিয়ে ফিরেই আইপিএলে দ্রুততম অর্ধশতরান সূর্যকুমারের, বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারাল মুম্বই

    IPL 2024: চোট সারিয়ে ফিরেই আইপিএলে দ্রুততম অর্ধশতরান সূর্যকুমারের, বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারাল মুম্বই

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) ফের স্বমহিমায় মুম্বই ইন্ডিয়ান্স। টানা দুই ম্যাচ জিতে লিগ তালিকায় সাতে উঠে এল মুম্বই। প্রথম তিনটে ম্যাচ হারার পর কেউ কল্পনাও করতে পারেনি যে মুম্বই এইভাবে ঘুরে দাঁড়াতে পারে। বেঙ্গালুরুর বিরুদ্ধে একাধিপত্য বজায় রেখে এই জয় হার্দিক পান্ডিয়াদের আগামীদিনে যে আরও আত্মবিশ্বাস জোগাবে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। বৃহস্পতিবার, ওয়াংখেড়েতে  ২৭ বল বাকি থাকতেই সাত উইকেট ম্যাচ জিতে নেয় মুম্বই। সৌজন্যে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ঈশান কিষাণ (Ishan Kishan) ও রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং। 

    ম্যাচ আপডেট

    এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক। এই সিদ্ধান্ত সঠিক ছিল, তবে শেষ পর্যন্ত দীনেশ কার্তিকের দুরন্ত অর্ধশতরান, বেঙ্গালুরুর স্কোরবোর্ডকে লড়াই করার জায়গায় পৌঁছে দেয়। আরসিবি এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৯৬/৮ রান করেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে জয়ের জন্য ১৯৭ রানের টার্গেট দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই উইকেটে রান ডিফেন্ড করা অবশ্যই সহজ কাজ ছিল না। ইনিংসের শুরুটা মুম্বইয়ের দুই ওপেনার বিধ্বংসী মেজাজেই করেন। পাওয়ার প্লের ছয় ওভারেই বিনা উইকেটে ৭২ রান তুলে ফেলেন ঈশান ও রোহিত। মাত্র ২৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন  ঈশান। সূর্যকুমার ১৯ বলে ৫২ ও ঈশান কিষাণ ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেললেন।  রোহিতের সংগ্রহ ৩৮ রান। মাত্র ১৫.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই।

    সূর্যের তেজ

    চোটের কারণে গত বছর ডিসেম্বর মাস থেকে ২২ গজের লড়াইয়ে তাঁকে দেখতে পাওয়া যায়নি। নিজের প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে রান না পেলেও, দ্বিতীয় ম্যাচে স্বমহিমায় সূর্য। বুঝিয়ে দিলেন কেন টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি সেরা। এই ম্যাচে আকাশ মাধওয়ালের পরিবর্তে ব্যাট করতে নেমেছিলেন সূর্য। আর ব্যাট করলেন বললে বোধহয় সামান্য কম বলা হবে। তিনি এলেন দেখলেন এবং জয় করলেন। মাত্র ১৭ বলে আইপিএল কেরিয়ারের দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকান তিনি। ১৯ বলে ৫২ রানে সূর্য যখন আউট হলেন,ততক্ষণে মুম্বইয়ের জয় কার্যত নিশ্চিত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISL 2023-24: বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দাপটে জয়, লিগ শিল্ড জয়ের হাতছানি মোহনবাগানের সামনে

    ISL 2023-24: বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দাপটে জয়, লিগ শিল্ড জয়ের হাতছানি মোহনবাগানের সামনে

    মাধ্যম নিউজ ডেস্ক: নববর্ষ, বার পুজো সঙ্গে লিগ শিল্ড জয়ের হাতছানি মোহনবাগানের (Mohun Bagan) সামনে। বেঙ্গালুরু-এফসিকে  ৪-০ গোলে হারিয়ে নববর্ষের আগে খুশির হাওয়া সবুজ-মেরুন শিবিরে। সোমবার যুবভারতীতে লিগ শিল্ডের ভার্চুয়াল ফাইনালে মুম্বই সিটির সামনে পেত্রাতোসরা। ওই ম্যাচে দাপট দেখাতে পারলেই ঘরের মাঠে হাওয়া লাগবে পালতোলা নৌকায়। সবুজ-মেরুন গ্যালারিও মেতে উঠবে বর্ষবরণের উৎসবে।

    পেনাল্টি মিস সুনীলের

    বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের ১৭ মিনিটে হেক্টর ইউস্তের গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধে সমতা ফেরানোর সুযোগ ছিল বেঙ্গালুরুর। কিন্তু ৪০ মিনিটে পেনাল্টি মিস করেন সুনীল ছেত্রী। যার ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেন দিমিত্রিরা। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর ৫১ মিনিটে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান মনবীর সিং। জনি কাউকোর পাস থেকে বেঙ্গালুরুর জালে বল জড়ান বাগানের তারকা। তার ঠিক তিন মিনিট পর আবার ব্যবধান বাড়ায় সবুজ-মেরুন। ৫৪ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের পাস থেকে গোল করেন অনিরুদ্ধ থাপা। ৬০ মিনিটে মোহনবাগানের হয়ে চতুর্থ গোল করেন আর্মান্দো সাদিকু। 

    লিগ-শিল্ড জয়ের হাতছানি

    ঘরের মাঠে মুম্বইকে হারাতে পারলেই লিগ শিল্ড (ISL 2023-24) মোহনবাগানের। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়েছে মুম্বই সিটি। একই সংখ্যক ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট পেয়েছে মোহনবাগান। তৃতীয় স্থানে থাকা এফসি গোয়া ২১ ম্যাচে পেয়েছে ৪২ পয়েন্ট। ফলে শেষ ম্যাচ গোয়া জিতলেও কোনও ভাবেই ৪৭ পয়েন্টে পৌঁছতে পারবে না। তাই লিগ জয়ের সুযোগ এখন রয়েছে শুধু দু’টি দলের কাছে। আর সেই দল একে অপরের বিরুদ্ধে খেলবে সোমবার। তাই মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ এখন ‘ফাইনাল’। যে দল জিতবে সেই পাবে লিগ শিল্ড। তবে ড্র হলেও লিগ-শিল্ড মুম্বইয়ের। ফলে মোহনবাগানকে জিততেই হবে সোমবার। কারণ পয়েন্টের বিচারে এগিয়ে থাকবে মুম্বই। লিগে প্রথম ছয়ের মধ্যে কোন কোন দল থাকবে, সেটাও ঠিক হয়ে গিয়েছে। মুম্বই, মোহনবাগান, গোয়া, ওড়িশা, কেরল ব্লাস্টার্স এবং চেন্নাইয়িন এফসি থাকবে প্রথম ছয়ের মধ্যে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ১২/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ১২/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে।

    ২) কর্মক্ষেত্রে নিজের বড় মনের পরিচয় দিয়ে ছোটদের ভুল ক্ষমা করবেন।

    ৩) নতুন সম্পর্কেরল দ্বারা লাভান্বিত হবেন।

    বৃষ

    ১) আজকের দিনটি খুবই ভালো থাকবে।

    ২)  চাকরিজীবী জাতকরা অভিজ্ঞতার দ্বারা লাভান্বিত হবেন।

    ৩) বন্ধুরা অর্থ লগ্নি প্রকল্প সম্পর্কে কোনও সূচনা দিলে, তাতে কোনও টাকা লাগাবেন না।

    মিথুন

    ১) আজকের দিনটি সমস্যায় পরিপূর্ণ।

    ২) আগে থেকে কোনও স্বাস্থ্য সমস্যা থাকলে তা উপেশ্রা কক্ষা করবেন না।

    ৩) গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন।

    কর্কট

    ১) আজকের দিনটি বিশেষ অভিজ্ঞতা নিয়ে আসবে।

    ২) অংশীদারীর কাজ করা শ্রেয়।

    ৩) কোনও ঝুঁকিপূর্ণ কাজ হাতে নেবেন না।

    সিংহ

    ১) আজকের দিনে অত্যন্ত পরিশ্রম করতে হবে।

    ২) পরিশ্রম ও একাগ্রতার জোরে আধিকারিকদেরও চমকে দেবেন।

    ৩) কারও সঙ্গে তর্ক করবেন না।

    কন্যা

    ১) আজকের দিনটি ইতিবাচক পরিণাম নিয়ে আসবে। 

    ২) গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

    ৩) বড়দের পরামর্শ মেনে চললে সুফল পাবেন।

    তুলা

    ১) আজকের দিনটি প্রাণশক্তিতে ভরপুর।

    ২) কাজ করতে তৎপর থাকবেন।

    ৩) প্রথমে নিজের আটকে থাকা কাজ সম্পন্ন করুন।

    বৃশ্চিক

    ১) সাহস বৃদ্ধি হবে আজ।

    ২) পরিজনদের পরিপূর্ণ সহযোগিতা লাভ করবেন।

    ৩) কারও সাহায্যের জন্য এগিয়ে এলেও সকলে এতে আপনার স্বার্থ খুঁজতে ব্যস্ত থাকবেন।

    ধনু

    ১) ধন বৃদ্ধির ফলে সকলকে দিয়ে থাকা প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন।

    ২) পরিবারের সদস্য সুসংবাদ পাবেন।

    ৩) আপনার প্রতিষ্ঠা চারদিকে ছড়িয়ে পড়বে।

    মকর

    ১) দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি শুভ।

    ২) লক্ষ্য লাভের বিষয়ে কোনও গাফিলতি করবেন না।

    ৩) কোথাও লগ্নি করবেন না।

    কুম্ভ

    ১)  আজকের দিনটি মিশ্র ফলাফল প্রদান করবে।

    ২) আইনি মামলায় জয়ী হতে পারেন।

    ৩) খাদ্যাভ্যাস পাল্টান, তা না-হলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

    মীন

    ১) আজকের দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো।

    ২) ব্যবসায়ে আটকে থাকা চুক্তি চূড়ান্ত হওয়ায় মুনাফা অর্জন করতে পারেন।

    ৩) অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: লখনউকে হারাতে মরিয়া নাইটরা, কালীঘাটে প্রার্থনা রিঙ্কুদের, টিম হোটেলে ইদ উদযাপন গুরবাজদের 

    IPL 2024: লখনউকে হারাতে মরিয়া নাইটরা, কালীঘাটে প্রার্থনা রিঙ্কুদের, টিম হোটেলে ইদ উদযাপন গুরবাজদের 

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) গত ম্যাচে প্রথম বার হেরেছে কলকাতা নাইট রাইডার্স। চিপকে চেন্নাইয়ের কাছে থমকে গিয়েছে নাইটদের জয়ের ঘোড়া। রবিবার ঘরের মাঠে খেলা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচে যে কোনও মূল্যে জয় চায় কেকেআর। তাই বৃহস্পতিবার সকালেই রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীরা গেলেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। মায়ের কাছে সাফল্য প্রার্থনা করেই আরাধনা করেন রিঙ্কুরা। অন্যদিক, আজ খুশির ইদ। টিম হোটেলেই ইদ পালন করলেন গুরবাজরা।

    কালীঘাটে পুজো-অর্চনা

    কলকাতা নাইট রাইডার্সের (KKR) অফিশিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এই ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, কেকেআর ব্রিগেডের বেশ কয়েকজন ক্রিকেটার কালীঘাটে এসে পুজো দিচ্ছেন। ক্রিকেটারদের মধ্যে বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংকে দেখতে পাওয়া যাচ্ছে। একথা বলার আর অপেক্ষা রাখে না যে ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা।’ পাশাপাশি এই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে একটি শ্যামা সংগীতও। কলকাতা নাইট রাইডার্স সমর্থকরাও এই ভিডিয়ো দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। 

    ইদের প্রার্থনা

    আজ পবিত্র ইদ। আর সেই ইদের উৎসবে সামিল হলেন কেকেআরের তারকা ক্রিকেটাররা। নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, সাকিব হোসেনরা কেকেআরের অনুরাগীদের ইদের (Eid) শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার ইডেনে আইপিএলে (IPL) কেকেআরের ম্যাচ। তার আগে ইদের আবহে ছুটির মেজাজে রয়েছেন কেকেআরের ক্রিকেটাররা।

    টিম হোটেলে নাইটরা একদিকে ইদের খুশিতে সামিল হলেন। কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে ইদ উদযাপনে মেতেছেন রহমানউল্লাহ গুরবাজ, সাকিব হোসেন, আল্লাহ গজনফররা। ইন্সটাগ্রামে কেকেআরের ক্রিকেটাররা তাঁদের অনুরাগীদের ইদ ভালো কাটার শুভেচ্ছা জানিয়েছেন। সেই ভিডিয়ো বার্তা শেয়ার করে কেকেআর ক্যাপশনে লিখেছে, ‘আমাদের পরিবার থেকে তোমাদের পরিবারকে জানাই ইদ মুবারক।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mamata Banerjee: জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীকে দেখে “চোর, চোর” স্লোগান, শোরগোল

    Mamata Banerjee: জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীকে দেখে “চোর, চোর” স্লোগান, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর কনভয় দেখেই “চোর, চোর” স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার এই ঘটনার সাক্ষী থাকলেন জলপাইগুড়ির চালসার মঙ্গলবাড়ি এলাকার মানুষ। ভোটের মুখে উত্তরবঙ্গ সফরে এসে এভাবে বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পড়বেন তা কেউ আশা করেননি। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    মুখ্যমন্ত্রীকে দেখে চোর, চোর স্লোগান (Mamata Banerjee)

    বৃহস্পতিবার বিকেলে ফের একবার চার দিনের নির্বাচনী সভার জন্য উত্তরবঙ্গ সফরে আসেন মুখ্যমন্ত্রী। চালসার টিয়াবন এলাকায় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কপ্টার নামে। সেখান থেকে গাড়িতে চালসার একটি বেসরকারি রিসর্টের উদ্দেশে রওনা হন তিনি। সেই সময় চালসার মঙ্গলবাড়িতে বিজেপির একটি পথসভা চলছিল। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞার সমর্থনে সভা করছিলেন বিজেপি নেতা কর্মীরা। ওই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন বলেন তাঁকে দেখতে স্থানীয় বাসিন্দারা হাজির হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কনভয় আসছে বলে পুলিশের তরফে বিজেপি কর্মীদের মাইকের আওয়াজ কমাতে বলা হয়। আর তাতেই তাল কাটে, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। শুধু তাই নয় পুলিশ রীতিমতো হুমকি দিয়ে তাদের মাইকের আওয়াজ বন্ধ করতে যায় বলেও অভিযোগ। আর তাতেই সমস্যা চরমে ওঠে। বিজেপি কর্মীরা মাইক বন্ধ করবেন না বলে জানিয়ে দেন। মাইকেই বিজেপি নেতাকে বলতে শোনা যায়, অনুমতি নিয়েই তারা পথসভা করছে, ফলে মাইক বন্ধ করার কোনও প্রশ্নই নেই। এরপরেই ওই আবহের মধ্যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় এলে, স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে দেখে “চোর, চোর” স্লোগান দিতে শুরু করেন। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী এই মঙ্গলবাড়িতে এসে চা-য়ের দোকানে চা তৈরি করে খাইয়েছেন সবাইকে। দিন কয়েকের ব্যবধানে এই জায়গাতেই তাঁকে এমন বিড়ম্বনার মধ্যে পড়তে হবে তা হয়তো দলের নেতা-কর্মীরা কেউ  স্বপ্নেও ভাবেননি। ১২ তারিখ থেকে তার বেশ কয়েকটি নির্বাচনী সভা রয়েছে উত্তরবঙ্গে। সেই কারনেই তিনি বৃহস্পতিবার উত্তরবঙ্গের চালসায় এসেছেন। এখান থেকেই তিনি সভাস্থলে যাতায়াত করবেন।

    আরও পড়ুন: এনআইএ-র ওপর হামলাকারীদের বিরুদ্ধে অধিকাংশ জামিনযোগ্য ধারা পুলিশের, উঠছে প্রশ্ন

    স্লোগান শুনেও কোনও প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী

    কয়েক বছর আগে মেদিনীপুরে তাঁর কনভয়ের সামনে “জয় শ্রীরাম” স্লোগান দিয়েছিলেন কিছু মানুষ। সেই সময় তিনি গাড়ি থেকে নেমে তাঁদের দিকে তেড়ে গিয়েছিলেন। কিন্তু, এখানে তাঁর কোনও প্রতিক্রিয়াই লক্ষ্য করা যায়নি। উলটে ওই এলাকা ছেড়ে তিনি তাড়াতাড়ি চলে যান। কিছুটা দূরে গিয়ে আবার তিনি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গাড়ি আস্তে করে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। যদিও সেটা গাড়িতে থেকেই। তবে মুখ্যমন্ত্রীকে বা তার কনভয়ের সামনে “চোর, চোর” স্লোগান কিন্ত এই প্রথমবার দেখা গেলো। যা কিন্তু, বেশ চিন্তার ভাঁজ ফেলতে পারে তৃণমূলের কপালে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share