Tag: bangla news

bangla news

  • Partha Sarathi Deb: প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথী দেব

    Partha Sarathi Deb: প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথী দেব

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন টলিউড অভিনেতা পার্থসারথি দেব (Partha Sarathi Deb)। শুক্রবার রাতে প্রয়াত হন তিনি। ৪০ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন অভিনেতা। বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর মৃত্যুতে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ৪০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একের পর এক দাপুটে অভিনয় দিয়ে তিনি  বারবার দর্শকের মন কেড়েছেন।

    অসুস্থতার সঙ্গে লড়াই

    শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন অভিনেতা (Veteran Bengali Actor)। সিওপিডির সমস্যা ছিল তাঁর। এমআর বাঙুর হাসপাতালে ইন্ডাস্ট্রির তাঁর এক অনুজ সহকর্মী ভর্তি করিয়েছিলেন। তারপর কখনও আইসিইউ, কখনও ভেন্টিলেশন, কখনওবা সিসিইউ। বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। তবে সব চেষ্টাই ব্যর্থ হয়েছে শেষ পর্যন্ত। ‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর সহ-সভাপতি ছিলেন পার্থসারথি। ঘনিষ্ঠমহলে পরিচিত ছিলেন ‘পার্থদা’ (Partha Sarathi Deb) হিসাবেই। ফোরামের তরফে রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিনেতার মৃত্যুসংবাদ জানানো রয়েছে। তাতে ফোরামের সাধারণ সম্পাদক তথা অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে। ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের অন্যতম সহ-সভাপতি পার্থসারথি দেব ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর অকালপ্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে।’’

    আরও পড়ুন: ‘ঘনিষ্ঠ সঙ্গী ভারত’! সুরবদল মলদ্বীপের, ঋণ মকুবের আর্জি প্রেসিডেন্ট মুইজ্জুর

    পার্থসারথী দেবের কাজ

    ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি (Partha Sarathi Deb)। ছোট পর্দার জন্য ‘সত্যজিতের গপ্পো’ সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ এবং ‘রক্তবীজ’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। টেলিভিশন থেকে চলচ্চিত্র জগৎ, বাঙালির ড্রয়িংরুমে তিনি ছিলেন সকলের প্রিয়। তাঁর বাচনভঙ্গি, অভিনয় ক্ষমতা মানুষকে মুগ্ধ করেছে বারবার। পার্থসারথী দেব একের পর এক সিরিয়ালে সকলের মন জয় করেছেন। তাঁর জনপ্রিয় বেশকিছু ধারাবাহিকে আজও মানুষের মনে গভীরভাবে রয়ে গিয়েছে। কমেডি-ড্রামা ‘চুনি পান্না’, ‘জয়ী’তে তাঁর অভিনয় আজও মানুষের মুখে মুখে ঘোরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Swarup Biswas: ৭১ ঘণ্টার তল্লাশি শেষে শনিবার স্বরূপের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা

    Swarup Biswas: ৭১ ঘণ্টার তল্লাশি শেষে শনিবার স্বরূপের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের (Swarup Biswas) বাড়িতে টানা প্রায় ৭১ ঘণ্টা ধরে চলে আয়কর দফতরের তল্লাশি অভিযান। শনিবার ভোররাতে স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়েন আয়কর আধিকারিকরা। এত দীর্ঘক্ষণের আয়কর হানা দেখে কারও কারও মনে পড়ে যাচ্ছে অজয় দেবগণ অভিনীত ‘রেড’ সিনেমার কথাও। প্রসঙ্গত, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং কলকাতা পুরসভার ৮১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের স্বামী ছাড়াও অন্য পরিচিতি রয়েছে স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas)। তিনি তৃণমূলের রাজ্য সম্পাদক এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি পদেও ছিলেন।

    বুধবার সাত সকালেই স্বরূপের বাড়িতে ঢোকেন আয়কর আধিকারিকরা

    গত বুধবার ঠিক সকাল ৭টায় স্বরূপের নিউ আলিপুরের সাহাপুর কলোনির ফ্ল্যাটে ঢোকেন আয়কর দফতরের আধিকারিকরা। তার পর থেকে টানা চলতে থাকে তল্লাশি। শুক্রবার সন্ধ্যাতেই তল্লাশির সময় পেরিয়ে যায় ৬০ ঘণ্টা। অবশেষে শনিবার ভোর পৌনে ৫টা নাগাদ আয়কর দফতরের টিম স্বরূপের (Swarup Biswas) ফ্ল্যাট ছাড়ে। সূত্রের খবর, টানা ৭১ ঘণ্টার তল্লাশিতে বেশ কয়েকটি মোবাইল ফোন আয়কর দফতরের অফিসাররা বাজেয়াপ্ত করেছেন বলে খবর মিলেছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্যও তাঁরা জানতে পেরেছেন।

    আরও ২ সংস্থার অফিসে তল্লাশি

    জানা গিয়েছে, স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের কর্তারা। সূত্রের খবর, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই টানা এই তল্লাশি চালানো হয়। এর পাশাপাশি তল্লাশি চালানো হয়, ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট নামের দুই সংস্থার উচ্চপদস্থ আধিকারিকের বাড়িতেও। প্রসঙ্গত, গত বছরেই বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় সিবিআই। অনেকের মতে, জীবনকৃষ্ণের রেকর্ডও ভেঙে দিলেন স্বরূপ বিশ্বাস।

    আরও পড়ুন: বিজেডির সঙ্গে জোট নয়, লোকসভা নির্বাচনে ওড়িশায় একাই লড়বে বিজেপি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dev: দেবের সামনেই ভোটের প্রচারে তৃণমূলের দুই পক্ষের মধ্যে তুমুল গোন্ডগোল

    Dev: দেবের সামনেই ভোটের প্রচারে তৃণমূলের দুই পক্ষের মধ্যে তুমুল গোন্ডগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের ভোটের প্রচারে ব্যাপক গোলমাল লক্ষ্য করা গেল। তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর (Dev) প্রচারকে ঘিরে কেশপুরে তুমুল গোন্ডগোল বাধল। দেবের সমানেই একপক্ষ অপর পক্ষের মধ্যে হাতাহাতি-মারামারি করতে দেখা গেল। পরিস্থিতি সামাল দিতে নেতাদের নামতে হল ময়দানে। প্রার্থীর সঙ্গে গাড়িতে কে থাকবেন এই নিয়ে ঝামেলার সূত্রপাত। এদিকে গতকাল উত্তরবঙ্গে বিজেপি কর্মীদের পার্টি অফিসে তৃণমূল দুষ্কৃতীদের আক্রমণ ও হামলার ঘটনায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে ব্যাপক শোরগোল পড়েছিল। 

    কীভাবে বাধল ঝামেলা (Dev)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল শুক্রবার লোকসভার ভোটের প্রচারে অংশ গ্রহণ করেছিলেন দেব (Dev)। তাঁর প্রচার হুড খোলা গাড়িতে করে চলছিল। কেশপুর কলেজ ময়দানে শুরু হয় এবং শোভাযাত্রা শেষ হয় কেশপুর বাসস্ট্যান্ডে। কিন্তু আচমকা গাড়িতে ওঠা নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে গোলামাল বাধে। কে তাঁর গাড়িতে থাকবে এই দুই পক্ষের তৃণমূলর দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি পর্যন্ত হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।

    আরও পড়ুনঃ গোঘাটে গৃহসম্পর্ক অভিযানে বেরিয়ে আক্রান্ত বিজেপি, লাঠি দিয়ে ব্যাপক মারধর

    দেবের বক্তব্য

    দেব যখন ভোটের প্রচার শুরু করেন সেই সময় দেখলেন, সামনেই দলের সমর্থকেরা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। এরপর গাড়িতে কে থাকবেন সেই নিয়ে ঠেলতে ঠেলতে একে অপরের সঙ্গে মারামারি শুরু করে দেন। কিন্তু কেউ কাউর কথা শোনেননি। দেখতে দেখতে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। দেব (Dev) বলেন, “আমার আগের প্রচারেরে সব রেকর্ড ভেঙে দিয়েছে। গাড়িতে সকলেই থাকতে চান। অন্য প্রার্থীদের সঙ্গে আমার ব্যাপার টা একটু আলাদা। এ বলছে আমি থাকব ও বলছে আমি থাকব। তবে এমনটা না ঘটলেই ভালো হতো।”   

    পাশপাশি অপর দিকে দেবের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এদিক এই লোকসভা কেন্দ্রে এই দুই হেভিওয়েট তারকা প্রার্থীর প্রচারে জমে উঠেছে লোকসভার প্রচার। উভয় পক্ষ ভোটারদের মন জয় করতে প্রচার কাজে রাস্তায় নেমে পড়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: মহুয়া মৈত্রর কলকাতার আবাসনে সিবিআই হানা, সংসদ প্রশ্নকাণ্ডে চলছে তল্লাশি

    Mahua Moitra: মহুয়া মৈত্রর কলকাতার আবাসনে সিবিআই হানা, সংসদ প্রশ্নকাণ্ডে চলছে তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। ওই মামলাতেই তৃণমূল প্রার্থীর আলিপুরের বাসস্থানে তল্লাশি চলছে শনিবার। সিবিআইয়ের (CBI Raid) একটি দল শনিবার সকালে আলিপুরে ‘রত্নাবলী’ নামে একটি আবাসনে যায়। জানা যাচ্ছে, সেখানে ন’তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্র। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল গিয়েছে।

    কেন তল্লাশি

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই বিষয়কে সামনে রেখেই মহুয়া মৈত্রর বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে এলেন সিবিআই আধিকারিকেরা। মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে এমনিতেই প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিয়েছিল সিবিআই (CBI Raid)৷ সূত্রের খবর, লিখিত নির্দেশে সিবিআইকে ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে লোকপাল৷ পাশাপাশি, তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত লোকপালের কাছে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ 

    সংসদে টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে অভিযোগ নিয়ে গত ১৯ মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। বরখাস্ত হওয়া তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘গুরুতর’ বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায়। মহুয়া প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। মহুয়ার বিরুদ্ধে প্রথম ওই অভিযোগ তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি দাবি করেন, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া। পরিকল্পনামাফিক সংসদে ‘নিশানা’ করেন শিল্পপতি গৌতম আদানিকে। অভিযোগ, সবটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অস্বস্তিতে ফেলার জন্য।

    আরও পড়ুন: ‘ঘনিষ্ঠ সঙ্গী ভারত’! সুরবদল মলদ্বীপের, ঋণ মকুবের আর্জি প্রেসিডেন্ট মুইজ্জুর

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: আজ নামছে কেকেআর, কামিন্সদের সামলাতে প্রস্তুত স্টার্ক, কী পরিকল্পনা গম্ভীরের?

    IPL 2024: আজ নামছে কেকেআর, কামিন্সদের সামলাতে প্রস্তুত স্টার্ক, কী পরিকল্পনা গম্ভীরের?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL 2024) দ্বিতীয় দিনে আজ, শনিবার ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচেই আইপিএলের অন্যতম দুই দামি ক্রিকেটার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের (KKR vs SRH) দ্বৈরথ দেখার অপেক্ষায় কলকাতার ক্রিকেটপ্রেমীরা। শনিবারের ম্যাচে ইডেনে থাকবেন শাহরুখ খান। নাইট কর্তৃপক্ষের তরফে ঘোষণা না করা হলেও সিএবি সূত্রে জানা গিয়েছে, কিং খান থাকছেন মাঠে।

    উদ্বোধনী ম্যাচে জয়ী চেন্নাই

    শুক্রবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুকে ছয় উইকেটে হারাল চেন্নাই। টসে জিতে বেঙ্গালুরু করেছিল ১৭৩/৬। বিনিময়ে চেন্নাই আট বল আগে থাকতেই ১৭৬/৪ করে ম্যাচ জিতে নিয়েছে। এই ম্যাচে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান শুরুতেই আগুনে স্পেল করে বেঙ্গালুরু দলকে ধ্বংস করেছেন। তিনি একাই চার উইকেট নেন। ম্যাচের সেরাও ওপার বাংলার পেসার।

    কামিন্স-স্টার্ক দ্বৈরথ

    শনিবারের ম্যাচে কেকেআরের (KKR vs SRH) হয়ে সবচেয়ে বেশি আকর্ষণ থাকবে নিঃসন্দেহে স্টার্ককে নিয়ে। আইপিএলের ইতিহাসে নজির ভাঙা ক্রিকেটার ৯ বছর পর আইপিএলে ফিরে কেমন খেলেন তা দেখতে মুখিয়ে অনেকেই। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে তাঁর বোলিং কেমন হয় তা আলোচনার বিষয়। কেকেআরের পেস বিভাগে স্টার্ক এবং আন্দ্রে রাসেলই কেবল অভিজ্ঞ। তাঁদের কোনও বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। ম্যাচের আগের দিন স্টার্ক বলেছেন, “নতুন-পুরনো দু’ধরনের বল নিয়ে কাজ করছি। শনিবারের ম্যাচের জন্য অপেক্ষা করে রয়েছি। ইনিংসের শুরুতে নতুন বলে বিপক্ষকে ধাক্কা দেওয়ার জন্য কিছু পরিকল্পনা রয়েছে। ডেথ বোলিংয়ের জন্যও তৈরি হচ্ছি। ইয়র্কার এবং বলের বৈচিত্র রাখছি। দুটো অস্ত্রই আমার হাতে রয়েছে।” অন্যদিকে, আইপিএলের (IPL 2024) দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার কামিন্স রয়েছেন হায়দরাবাদে। বিশ্বজয়ী অধিনায়ক তিনি। 

    অতীত রেকর্ড

    আইপিএলে (IPL 2024) মুখোমুখি সাক্ষাতে কলকাতার (KKR vs SRH) রেকর্ড ভালো হলেও, এ বার হায়দরাবাদ দলে অনেক বদল রয়েছে। কলকাতায় দু’বছর আগে খেলে যাওয়া প্যাট কামিন্স সে দলের অধিনায়ক। এ ছাড়াও ট্রেভিস হেড, হেনরিখ ক্লাসেন, এডেন মার্করাম, ওয়ানিন্দু হাসরঙ্গের মতো ক্রিকেটার রয়েছেন। দেশীয়দের মধ্যে ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, রাহুল ত্রিপাঠীরা রয়েছেন। তবে কলকাতার অধিনায়ক শ্রেয়স অবশ্য আত্মবিশ্বাসী। ম্যাচের আগে বলেছেন, “দলের বোলিংকে বিভাগকে দেখলে বুঝতে পারি কত অভিজ্ঞতা রয়েছে। দুটো আইপিএল খেলা মানেই অভিজ্ঞতা থাকবে। সবে মরসুমের শুরু। কার মানসিকতা কী রকম সেটা বোঝার সময় এখনও রয়েছে। বেশি ভবিষ্যতের দিকে তাকাতে চাই না।” স্টার্ককে নিয়ে তিনি বলেছেন, “স্টার্ক আসায় অনেক সুবিধা হয়েছে। পাওয়ার প্লে, মাঝের ওভার বা শেষের দিকেও ওকে ব্যবহার করতে পারি। বিশ্বকাপ জিতে অনেক আত্মবিশ্বাসী হয়ে এসেছে। অনেক অভিজ্ঞতা রয়েছে। তরুণদের জন্যেও ভালো।” ব্যাটিংয়ে অধিনায়ক শ্রেয়স ছাড়াও নীতীশ রানা, গুরবাজ, ভেঙ্কটেশ ও রিঙ্কু তো রয়েছেনই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Moscow Terror Attack: মস্কোতে সন্ত্রাসী হামলায় রাশিয়ার পাশে ভারত, বিবৃতি দিলেন মোদি

    Moscow Terror Attack: মস্কোতে সন্ত্রাসী হামলায় রাশিয়ার পাশে ভারত, বিবৃতি দিলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ার সন্ত্রাসবাদী হামলার (Moscow Terror Attack) তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, ইতালি সমেত অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। বিবৃতি দিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিবও। রাষ্ট্রসংঘের মহাসচিব আনতেনিও গুতেরেস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রসঙ্গত শুক্রবার রাত ৮টা নাগাদ (ভারতীয় সময়) মস্কোতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হন।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি 

    নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেন, ‘‘আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এমন সন্ত্রাসবাদী হামলার। সমবেদনা জানাচ্ছি (Moscow Terror Attack) এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি। ভারত সর্বদাই রাশিয়ার সরকারের এবং জনগণের পাশে রয়েছে এমন দুঃসময়ে।’’

    সতর্ক করেছিল আমেরিকা!

    অন্যদিকে, আমেরিকা জানিয়েছে, তারা চলতি মার্চ মাসেই রাশিয়াকে সতর্ক করেছিল, এমন সন্ত্রাসবাদী হামলা (Moscow Terror Attack) ঘটতে পারে বলে। ওই সতর্কবার্তাতে আমেরিকা আরও জানিয়েছিল, বড় রকমের জমায়েতকে টার্গেট করছে জঙ্গিরা। এর মধ্যে কনসার্টও রয়েছে। এমনটাই দাবি করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে, মস্কোতে সন্ত্রাসী হামলার যে ছবিগুলি দেখা যাচ্ছে তা অত্যন্ত ভয়ঙ্কর। হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি, এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘‘সন্ত্রাসবাদী হামলার ছবিগুলি দেখা খুবই কঠিন। কারণ সেগুলি এতটাই ভয়ানক।’’

    ঘটনার নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিও

    ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি যথা ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি এই হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীও এই ঘটনায় শোক প্রকাশ করেছে। প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদও। ঘটনার নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘ইসলামিক স্টেট জঙ্গিদের দাবি অনুযায়ী তারাই সন্ত্রাসী হামলার (Moscow Terror Attack) সঙ্গে যুক্ত। এই ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’’ এর পাশাপাশি যাঁরা গুলিবিদ্ধ হয়েছেন, তাঁদের পরিবারের প্রতিও সমবেদনাও জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ইতালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মেলোনি সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘‘মস্কোতে নিরীহ সাধারণ মানুষের উপর যে ধরনের হামলা হয়েছে তা অত্যন্ত জঘন্য। ইতালি সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।’’

    মস্কোর জঙ্গি হামলা নিয়ে কথার লড়াই রাশিয়া-ইউক্রেনের

    অন্যদিকে রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ এক বিবৃতিতে জানিয়েছেন, যদি প্রমাণিত হয় এই ঘটনার সঙ্গে ইউক্রেনের যোগ রয়েছে তবে তাদেরকে শাস্তি পেতে হবে। কিন্তু ইউক্রেন এই ঘটনায় তাদের যোগ অস্বীকার করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতির অন্যতম উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক শুক্রবার জানিয়েছেন, মস্কোর কনসার্ট হলে যে হামলা (Moscow Terror Attack) হয়েছে তার সঙ্গে ইউক্রেনের কোনও সম্পর্ক নেই। তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে তাঁদের চলছে যুদ্ধক্ষেত্রের লড়াই এবং যা কিছু হবে সবটাই যুদ্ধক্ষেত্রে হবে।

    ক্রোকাস সিটি হল-এ হামলা

    রাশিয়ার রাজধানীর উত্তর দিকে অবস্থিত ক্রোকাস সিটি হল। এই হলের মধ্যে শপিং মল রয়েছে। আবার কনসার্ট হলও আছে। হলে ঢুকে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে পরপর গুলি চালায় (Moscow Terror Attack) জঙ্গিরা। এর পাশাপাশি গ্রেনেডও ছোড়া হয়। গ্রেনেড ছোড়ার ফলে গোটা বিল্ডিং-এ আগুন জ্বলে যায়। রাশিয়া পুলিশের অনুমান, একটি সাদা রেনো গাড়িতে চেপে পালিয়ে যায় জঙ্গিরা। জানা গিয়েছে, পিকনিক নামের একটি রক ব্যান্ড যখন গান গাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখনই এই হামলা চালায় আততায়ীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • India Maldives Relation: ‘ঘনিষ্ঠ সঙ্গী ভারত’! সুরবদল মলদ্বীপের, ঋণ মকুবের আর্জি প্রেসিডেন্ট মুইজ্জুর

    India Maldives Relation: ‘ঘনিষ্ঠ সঙ্গী ভারত’! সুরবদল মলদ্বীপের, ঋণ মকুবের আর্জি প্রেসিডেন্ট মুইজ্জুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত মলদ্বীপের ‘ঘনিষ্ঠ সহযোগী’ (India Maldives Relation)। নয়াদিল্লির কাছে ঋণ মকুবের আর্জি জানিয়ে এই কথা বলেন ‘চিন-ঘনিষ্ঠ’ মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর। ক্রমশই বাড়ছিল ভারত-মলদ্বীপ কুটনৈতিক জটিলতা৷ ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট মুইজ্জুর (Mohamed Muizzu) ভারত-বিরোধী পদক্ষেপ দুই দেশের মধ্যে তিক্ততা বাড়িয়েছিল। কিন্তু ভারত কখনওই প্রতিবেশীর হাত ছাড়েনি। এবার তা মেনে নিল মলদ্বীপও।

    কী বললেন মলদ্বীপের প্রেসিডেন্ট

    গত বছরের শেষে ভারত থেকে ৪০ কোটি ডলার ঋণ নিয়েছিল মলদ্বীপ (India Maldives Relation)। ভারতীয় মুদ্রায় প্রায় ২,৯০০ কোটি টাকা। এ প্রসঙ্গে সম্প্রতি মুইজ্জুর (Mohamed Muizzu) জানান, মলদ্বীপকে সাহায্যের বিষয়ে ভারত অগ্রগণ্য। তিনি বলেন, ‘‘ভারতের থেকে বড় অঙ্কের ঋণ নেওয়া হয়েছে। পূর্বসূরিদের আমল থেকে। সে কারণে আমরা আলোচনা করছি, যাতে ঋণ মেটানোর ক্ষেত্রে নরম পদক্ষেপ করা হয়।’’ তিনি আরও জানিয়েছেন, এর প্রভাব যাতে কোনও ভাবেই কোনও প্রকল্পে না পড়ে। প্রেসিডেন্টের আশা, ভারত এই ঋণ মেটানোর বিষয়টি আরও সহজ করবে। এই নিয়ে নয়াদিল্লির সঙ্গে কথাও বলেছেন তিনি। তাঁর দাবি, ভারত মলদ্বীপের ঘনিষ্ঠ সহযোগী থাকবে। এই নিয়ে কোনও প্রশ্নই নেই। মুইজ্জু বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে, আমি কোনও বর্তমান প্রকল্পের কাজ বন্ধ করতে চাই না। বরং সেগুলি আরও মজবুত করার ইচ্ছা প্রকাশ করেছি।’’

    আরও পড়ুন: ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ড্রাক গ্যালপো’ পেলেন প্রধানমন্ত্রী মোদি

    ভারত-মলদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক

    দিনকয়েক আগে সে দেশের রাষ্ট্রপ্রধান মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) জানিয়ে দেন, কোনও পোশাকেই ভারতীয় সেনা সেদেশে থাকতে পারবে না ৷ ফলে আরও কঠিন হয়েছিল ভারত-মলদ্বীপ (India Maldives Relation) দ্বিপাক্ষিক সম্পর্ক৷ তারপরেই আচমকা সুরবদল৷ একশো আশি ডিগ্রি ঘুরে মুইজ্জু জানিয়ে দিলেন, ভারতই মলদ্বীপের ‘ঘনিষ্ঠ’ সঙ্গী৷ ভারতীয় সেনাদের একটি দল ইতিমধ্যে মলদ্বীপ ছেড়ে বেরিয়ে এসেছে। তার পরেই মুইজ্জুর মুখে প্রশস্তি। গত কয়েক বছর ধরে মলদ্বীপে রয়েছে ভারতের দু’টি হেলিকপ্টার এবং একটি বিমান। অসুস্থদের এক দ্বীপ থেকে অন্য দ্বীপে নিয়ে যায় সেগুলি। জরুরিকালীন পরিষেবার কাজে ব্যবহৃত হয়। সেগুলি চালনার জন্য মলদ্বীপে মোতায়েন ছিল ভারতীয় সেনা। এ ছাড়া বিভিন্ন প্রকল্পেও সাহায্য করেছে ভারত। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Moscow Terror Attack: মস্কোয় ভয়াবহ জঙ্গি হামলা, মৃত ৬০, আহত শতাধিক, দায় স্বীকার আইসিসের

    Moscow Terror Attack: মস্কোয় ভয়াবহ জঙ্গি হামলা, মৃত ৬০, আহত শতাধিক, দায় স্বীকার আইসিসের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়াতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার (Moscow Terror Attack) ঘটনা। শুক্রবার রাত ৮টা নাগাদ (ভারতীয় সময়) রাশিয়ার একটি কনসার্ট হলে এই সন্ত্রাসী হামলায় মারা গিয়েছেন ৬০ জন মানুষ। ঘটনাস্থলেই ৪০ জন মানুষ মারা যান। পরে মৃতের সংখ্যা আরও বেড়ে ৬০-এ পৌঁছায়। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় আহত হয়েছেন ১১৫ জন (Moscow Concert Hall Massacre)। আহতদের মধ্যে ৫ জন শিশুও রয়েছে। ৬০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক বলে মনে করা হচ্ছে।

    হামলার দায় স্বীকার ইসলামিক স্টেটের

    রুশ সংবাদসংস্থা সূত্রে খবর, যখন গুলি চালানো হয় তখন ওই কনসার্ট হলে ৬,২০০ মানুষের উপস্থিতি ছিল বলে অনুমান। ১০০ জন মানুষ কোনওভাবে কনসার্ট হল থেকে বেরোতে সক্ষম হন। এছাড়া বাকিরা ছাদে অথবা অন্য কোথাও আশ্রয় নেন। ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি সংগঠন। আইএস জঙ্গি সংগঠন সন্ত্রাসবাদী হামলার (Moscow Terror Attack) পরে টেলিগ্রাম অ্যাপে নিজেদের বার্তা দেয়। জঙ্গিরা এর পরে নিজেদের সুরক্ষিত ঘাঁটিতে ফিরে যেতে সক্ষম হয়েছে বলে দাবি আইএস-র।

     

    কী জানালেন প্রত্যক্ষদর্শীরা

    ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে, একদল লোক ছদ্মবেশে ঢুকে পড়েছিল কনসার্টে (Moscow Concert Hall Massacre), অনুষ্ঠান চলাকালীন তারা গুলি চালাতে থাকে। ঘটনার পরেই আমেরিকা জানিয়েছে, রাশিয়াতে (Moscow Terror Attack) এমন জঙ্গি হামলা হতে পারে এ বিষয়ে মস্কোকে তারা আগেই সতর্ক করেছিল। অন্যদিকে, এই ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্টকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপডেট দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, হামলার নেপথ্যে ইউক্রেনের যোগ প্রমাণিত হলে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। যদিও ইউক্রেনের দাবি, এই হামলার সঙ্গে তাদের কোনও যোগ নেই।

    ক্রোকাস সিটি হল-এ হামলা

    রাশিয়ার রাজধানীর উত্তর দিকে অবস্থিত ক্রোকাস সিটি হল। এই হলের মধ্যে শপিং মল রয়েছে। আবার কনসার্ট হলও আছে। হলে ঢুকে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে পরপর গুলি চালায় (Moscow Terror Attack) জঙ্গিরা। এর পাশাপাশি গ্রেনেডও ছোড়া হয়। গ্রেনেড ছোড়ার ফলে গোটা বিল্ডিং-এ আগুন জ্বলে যায়। রাশিয়া পুলিশের অনুমান, একটি সাদা রেনো গাড়িতে চেপে পালিয়ে যায় জঙ্গিরা। জানা গিয়েছে, পিকনিক নামের একটি রক ব্যান্ড যখন গান গাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখনই এই হামলা চালায় আততায়ীরা।

    বন্দুকবাজদের হামলার ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সমাজ মাধ্যমে 

    বন্দুকবাজদের হামলার ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সমাজ মাধ্যমে। তাতে দেখা গিয়েছে, হল থেকে বের হচ্ছে কালো ধোঁয়া (Moscow Concert Hall Massacre)। আতঙ্কে মানুষজন সিটের পিছনে লুকোতে চেষ্টা করছে অথবা পালানোর চেষ্টা করছেন। কনসার্ট হলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বক্তব্য হল, সাধারণ পোশাক পরেই গুলি চালাচ্ছিল দুই থেকে পাঁচজন আততায়ী (Moscow Terror Attack)। টানা ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত গুলি চালায় তারা। প্রসঙ্গত, এটাই নতুন নয়। মার্চ মাসেই মস্কোতে ইসলামিক স্টেট সেল-এর একটি হামলাকে ব্যর্থ করে রাশিয়ার নিরাপত্তা সংস্থা। তারও আগে রাশিয়ার পুলিশের হাতে ৬ জন জঙ্গির মৃত্যুর ঘটনা ঘটে। মনে করা হচ্ছে কনসার্টে হামলা তারই পাল্টা প্রতিক্রিয়া।

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

      

  • Election Commission: রাজ্যে ৪ জেলায় নতুন জেলাশাসক আনল কমিশন, কারা পেলেন দায়িত্ব?

    Election Commission: রাজ্যে ৪ জেলায় নতুন জেলাশাসক আনল কমিশন, কারা পেলেন দায়িত্ব?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে গত শনিবারই। তারপর থেকেই কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি (Election Commission)। এরফলে সরকারি অফিসার, আমলা, পুলিশ বদলির নির্দেশের বিশেষ ক্ষমতা এখন সরকারের বদলে নির্বাচন কমিশনের হাতে। বৃহস্পতিবারই রাজ্যের চার জেলাশাসককে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দেয় কমিশন। এবার বাংলার ওই চার জেলার নতুন জেলাশাসকদের নামও ঘোষণা করে দিল কমিশন। কমিশনের তরফে পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামের নতুন জেলাশাসকের নাম ঘোষণা করা হয়েছে।

    নতুন চার জেলা শাসক

    পূর্ব মেদিনীপুরে নতুন জেলাশাসক (Election Commission) হিসেবে ২০১০ সালের ব্যাচের আইএএস জয়শী দাসগুপ্তর নামে সিলমোহর দেওয়া হয়েছে কমিশনের তরফে। বীরভূমের জেলাশাসক পদে কমিশন এনেছে শশাঙ্ক শেঠিকে। জানা গিয়েছে,  ইনিও ২০১০ সালের ব্যাচের আইএএস। পূর্ব বর্ধমানের নতুন জেলাশাসক করা হচ্ছে ২০১১ সালের ব্যাচের রাধিকা আইয়ারকে। এর পাশাপাশি ঝাড়গ্রামের নতুন জেলাশাসক করা হয়েছে ২০০৭ সালের ব্যাচে মৌমিতা গোদারা বসুকে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ, শনিবার সকাল ১০টার মধ্যে তাঁদের নতুন দায়িত্বে কাজে যোগ দিতে হবে।

    অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে চেয়ে সক্রিয় কমিশন

    প্রসঙ্গত, শুক্রবার একসঙ্গে এই রাজ্যের ৪ জেলাশাসককে বদলি করে কমিশন (Election Commission)। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ছিলেন তনভির আফজল। ঝাড়গ্রামের জেলাশাসক ছিলেন সুনীল আগরওয়াল। পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন বিধান রায় এবং বীরভূমের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দুকুমার মাজি। শুক্রবার, নতুন ৪ জনকে নিযুক্ত করল কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশন যে সদা সক্রিয় থাকবে সেই বার্তা ভোটঘোষণার দিনই অর্থাৎ গত ১৬ মার্চ দিয়ে রেখেছিলেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। সেদিন মুখ্য নির্বাচন কমিশনার ‘৪ এম’-এর কথা বলেন। অর্থ (Money), পেশিশক্তি (Muscle), ভুল তথ্য (Misformation) এবং আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন (MCC Violation)। এই ‘৪ এম’-কে নিয়ন্ত্রণ করতে সক্রিয় কমিশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: ‘‘কর্মের ফল’’! কেজরির গ্রেফতারি নিয়ে মত গুরু আন্নার, কী বললেন প্রণব-কন্যা?

    Arvind Kejriwal: ‘‘কর্মের ফল’’! কেজরির গ্রেফতারি নিয়ে মত গুরু আন্নার, কী বললেন প্রণব-কন্যা?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিরওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন তাঁর রাজনৈতিক গুরু আন্না হাজারে। সবটাই ‘কর্মের ফল’ বলে দাবি করেন তিনি। একই মত প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়েরও। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপাতত তিনি ইডি হেফাজতে রয়েছেন।

    কী বললেন আন্না

    কেজিরওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারি প্রসঙ্গে তাঁর একসময়কার গুরু আন্না হাজারে বলেন, ‘কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে বসার পর তাঁর সরকারের আবগারি নীতি নিয়ে আমি দু’বার চিঠি লিখেছিলাম। আমি দুঃখ পেয়েছিলাম। উনি আমার কথা শোনেননি। এবার তাঁকে গ্রেফতার হতে হল।’ তাঁর সংযোজন, ‘অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া যখন নতুন নতুন এসেছিলেন, আমি বলেছিলাম সর্বদা দেশের ভালোর জন্য কাজ করবে। তবে তাঁরা দু’জনেই এই নির্দেশ শোনেননি। আর আমি ওঁকে কোনও উপদেশ দেব না। আইন আর সরকার যা করার করে নিক। কেজরিওয়াল নিজের কর্মের ফল ভোগ করছেন।’

     

    ২০১১ সালে তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন আন্না হাজারে। সেই সময় আন্নার আন্দোলনে শামিল হন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেই আন্দোলনের হাত ধরেই রাজধানীর রাজনীতির শিরোনামে উঠে আসেন তিনি। ২০১২ সালে নিজের রাজনৈতিক দলও গঠন করেন। পরে নিজের দল আম আদমি পার্টি নিয়ে সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করেন। সেই থেকেই গুরু আন্না হাজারের সঙ্গে মতান্তর তৈরি হয় তাঁর।

    আরও পড়ুন: বিজেডির সঙ্গে জোট নয়, লোকসভা নির্বাচনে ওড়িশায় একাই লড়বে বিজেপি

    প্রণব-কন্যার অভিমত

    ‘কর্মের পরিণতি’। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার (Arvind Kejriwal) হওয়ার পর ঠিক এই ভাষাতেই সরব হলেন প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। পাশাপাশি তাঁর বক্তব্য, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন অভিযোগ করেছিলেন কেজরিওয়াল ও আন্না হাজারে গ্রুপ। তাঁর মতে, যাঁরা একমসময় ভিত্তিহীন অভিযোগ করেছিলেন, তাঁরাই আজ নিজেদের কাজকর্মের ফল ভোগ করছেন। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, ‘কংগ্রেস ও শীলা দীক্ষিতজির বিরুদ্ধে ট্রাঙ্ক-ভর্তি প্রমাণ আছে বলে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন অভিযোগ করেছিলেন উনি ও আন্না হাজারে গ্রুপ। এখনও পর্যন্ত সেই ট্রাঙ্ক কেউ দেখেননি। কর্মের পরিণতি !’

    আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজের পরেই আপ প্রধানকে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে গ্রেফতার করা হয়। শুক্রবার কেজরিওয়ালকে ২৮ তারিখ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share