Tag: bangla news

bangla news

  • Kalkaji Temple: ভজন চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ, দিল্লির মন্দিরের ঘটনায় মৃত মহিলা

    Kalkaji Temple: ভজন চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ, দিল্লির মন্দিরের ঘটনায় মৃত মহিলা

    মাধ্যম নিউজ ডেস্ক: জাগরণ ব্রত উপলক্ষে চলছিল নিশি পুজো। দেবী কালকাজি (Kalkaji Temple) শুনবেন বলে আয়োজন করা হয়েছিল ভজনের। ব্রত উপলক্ষে মন্দিরে ভক্ত সমাগমও হয়েছিল প্রচুর। আচমকাই ঘটে দুর্ঘটনা। মন্দিরের মঞ্চ ভেঙে পড়ে মৃত্যু হয় এক মহিলার। জখম হন অন্তত ১৭ জন। তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

    মন্দিরে দুর্ঘটনা

    শনিবার ছিল জাগ্রত ব্রত। দিনভর হয়েছে বিশেষ পুজোপাঠ। ব্রতের নিয়ম মেনে এদিন রাতভর মন্দিরে আয়োজন করা হয়েছিল কালী-ভজন ও পুজোআচ্চার। সব কিছুই চলছিল প্রথা মাফিক। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। মঞ্চ (Kalkaji Temple) চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। মৃত মহিলার পরিচয় জানা যায়নি। ঘটনায় জখম হন বেশ কয়েকজন। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সফদরজং হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল এভং এইমসের ট্রমা কেয়ার সেন্টারে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে অনেকের হাত-পা ভেঙেছে। তবে তাঁদের প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল।

    কী বলছে পুলিশ

    জানা গিয়েছে, এদিন কালী-ভজন শুনতে হাজার দেড়েক মানুষ জড়ো হয়েছিলেন। মন্দির চত্বরে নিরাপত্তা বজায় রাখতে উপযুক্ত কর্মী নিয়োগ করা হয়েছিল। দক্ষিণ দিল্লির ডিসিপি রাজেশ দেও জানান, ভজন শুনতে আসা মানুষের বসার ব্যবস্থা করতে মন্দিরের মূল মঞ্চের সামনে তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী মঞ্চ। কাঠ ও লোহা দিয়ে তৈরি ওই মঞ্চের নীচেও বসেছিলেন অনেকে। মঞ্চ ভেঙে পড়ায় সব চেয়ে বেশি আঘাত লেগেছে তাঁদেরই। আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

    আরও পড়ুুন: ‘অভিষেকের গড়ে ২০ হাজার বিজেপি কর্মীর নাম বাদ’, বিস্ফোরক শুভেন্দু

    জানা গিয়েছে, এদিন যখন ভজন গাইছিলেন বিখ্যাত শিল্পী এবং মিউজিক প্রডিউসার বি প্রাক, সেই সময় মঞ্চে উঠে পড়েন বহু মানুষ। বহন ক্ষমতার চেয়ে মঞ্চে বেশি মানুষ উঠে পড়ায় ভার বইতে পারেনি মঞ্চ। ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শিল্পী। ভিডিও বার্তায় তিনি বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। আমার সামনে এরকম ঘটনা আগে কখনও ঘটেনি। ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করি। আহতদের দ্রুত আরোগ্যও কামনা (Kalkaji Temple) করি।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Yogi Adityanath: সোনার মেয়ে পারুলের স্বপ্নপূরণে সাহায্য যোগী আদিত্যনাথের

    Yogi Adityanath: সোনার মেয়ে পারুলের স্বপ্নপূরণে সাহায্য যোগী আদিত্যনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে মহিলাদের সিঙ্গলসে ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল চৌধুরী (Parul Chaudhary)। তারপর ৫ হাজার মিটারে সোনা জিতলেন। সোনা জেতার পর সহজসরল হাসিমুখে পারুল জানিয়েছিলেন, “আমাদের উত্তরপ্রদেশ পুলিশ এমন, যেখানে কেউ আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতলে ডিএসপি (Deputy superintendent of police) পদে প্রমোশন দেয়। ট্র্যাকে দৌড়নোর আগে এটাই আমার মাথায় ছিল।” এবার তার সেই আশাই পূরণ হল। তার স্বপ্ন পূরণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

    পারুলকে নিয়োগপত্র

    উত্তরপ্রদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, পারুল চৌধুরী এখন আনুষ্ঠানিকভাবে ডিএসপি, ইউপি পুলিশ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে তাঁর নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে। উত্তর প্রদেশের মিরাট শহরের একলোটা গ্রামের বাসিন্দা, পারুল চৌধুরী মুম্বাইতে পশ্চিম রেলওয়ের ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) হিসাবে কাজ করেছিলেন। এশিয়ান গেমসে একাই ব্যক্তিগত দুই ইভেন্টে পদক জেতেন পারুল। হ্যাংঝাউয়ে শেষবেলায় ঝড় তুলে এশিয়ান গেমসের ৫,০০০ মিটারে সোনা জেতেন ভারতের তারকা অ্যাথলিট। সেইসঙ্গে গড়ে ফেলেন ইতিহাস। কারণ এশিয়ান গেমসের মহিলাদের ৫,০০০ মিটার রেসিংয়ে এটাই হল ভারতের প্রথম সোনা। 

    পারুলের আগামী লক্ষ্য

    এশিয়ান গেমসে সোনা জয়ের পর পারুল বলেছিলেন ট্র্যাকে শেষ ৫০ মিটার দৌড়নোর সময় তাঁর মাথায় এসেছিল একটি ভাল চাকরির কথা। আর তা যদি ডিএসপি হয়, তাহলে তো কথাই নয়। এবার পারুলের লক্ষ্য প্যারিস অলিম্পিক্সে। ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সের টিকিট পেয়ে গিয়েছেন ভারতীয় দৌড়বিদ।

    আরও পড়ুন: ‘বুড়ো’ বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড বোপান্নার

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Nitish Kumar: পদ্ম শিবিরে ফিরছেন নীতীশ, মন্ত্রিসভায় কারা?

    Nitish Kumar: পদ্ম শিবিরে ফিরছেন নীতীশ, মন্ত্রিসভায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাগটবন্ধন সরকারের ঘাটের জল খেয়ে ফের বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে ভিড়তে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। রবিবার সকালের মধ্যেই ভোল বদলাতে পারেন নীতীশ। ইতিমধ্যেই সরকার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের দল আরজেডির মন্ত্রীদের সরিয়ে বিজেপির কাদের মন্ত্রী করা হবে, তা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

    ইন্ডি জোট দুরমুশ

    নীতীশের সঙ্গে পদ্ম শিবিরে যোগ দিতে পারেন বেশ কয়েকজন কংগ্রেস বিধায়কও। যদি তা হয়, তাহলে বিহারে যে নির্বাচনের আগেই ইন্ডি জোট দুরমুশ হয়ে যাবে, তা বলাই বাহুল্য। তাঁরা যে নীতীশের (Nitish Kumar) পক্ষেই, তা জানিয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন বিহারের বিজেপি বিধায়করা। ২০২২ সালের অগাস্টে বিজেপি-সঙ্গ ছেড়ে নীতি নির্বাসনে দিয়ে নীতীশ যোগ দিয়েছিলেন মহাগটবন্ধনে। লোকসভা নির্বাচনের আগে তিনি আবারও ফিরছেন এনডিএ শিবিরে।

    ধরলেন না সোনিয়ার ফোন!

    নীতীশের দলবদল এই প্রথম নয়। ২০১৩ সাল থেকে বারে বারে তিনি দল বদলেছেন পোশাক বদলের মতো। রাজনৈতিক মহলে তিনি ‘বদলুরাম’ নামে পরিচিত। রবিবার নীতীশ দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন। তার পরেই ঘোষণা করতে পারেন দলবদলের বিষয়টি। দল বদলের বিষয়ে বছর বাহাত্তরের মুখ্যমন্ত্রী সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বিজেপিকে পরাস্ত করতে পদ্ম-বিরোধী দলগুলিকে নিয়ে ইন্ডি জোট গড়ার অন্যতম কারিগর নীতীশই। সেই নীতীশই যখন এনডিএ শিবিরে ফিরছেন বলে খবর ছড়ায়, তখনই তড়িঘড়ি তাঁকে ফোন করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সূত্রের খবর, সোনিয়ার সেই ফোন ধরেননি বিহারের মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুুন: দোরগোড়ায় লোকসভা ভোট, ইলেকশন ইন-চার্জ ঘোষণা নাড্ডার, বাংলার দায়িত্বে কে?

    সূত্রের খবর, রবিবারই নবম বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতীশ। উপমুখ্যমন্ত্রী করা হতে পারে বিজেপির সুশীল মোদিকে। নীতীশ নতুন করে শপথ নিলে মন্ত্রী হতে পারেন হাওড়ার বধূ রেণু দেবী। বেতিয়ার এই বিজেপি নেত্রী বিবাহ সূত্রে দীর্ঘদিন ছিলেন হাওড়ায়। স্বামী মারা যাওয়ার পর ফিরে যান বেতিয়ায়। সূত্রের খবর, ২০২৫ সাল পর্যন্ত নীতীশকে মুখ্যমন্ত্রী পদে রেখে দিতে চায় বিজেপি। ওই বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সে পর্যন্ত নীতীশেই আস্থা রাখছে বিজেপি (Nitish Kumar)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rohan Bopanna: ‘বুড়ো’ বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড বোপান্নার

    Rohan Bopanna: ‘বুড়ো’ বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড বোপান্নার

    মাধ্যম নিউজ ডেস্ক: বয়স যে নিছকই একটি সংখ্যা মাত্র, ফের তা প্রমাণ করলেন টেনিস খেলোয়াড় রোহন বোপান্না (Rohan Bopanna)। ৪৩ বছর ১১ মাস বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্লাম পকেটে পুরলেন তিনি। পুরুষদের মধ্যে সব চেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়লেন তিনি। খেলা হয়েছিল মেলবোর্নের রড লেভার এরিনায়। ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। ফাইনালে তাঁদের লড়তে হয়েছে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরির সঙ্গে। শনিবার বোলেল্লি-ভাভাসোরি জুটিকে ৭-৬, ৭-৫ গেমে হারান বোপান্না-এবডেন। মিক্সড ডাবলসে একটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন বোমান্না। ডাবলসে এই প্রথম পেলেন ট্রফি। 

    গড়লেন রেকর্ড

    গ্র্যান্ড স্লাম জিতে বোমান্না ভেঙে দিয়েছেন ফরাসি খেলোয়াড় জাঁ জুলিয়েন রজারের রেকর্ড। ঠিক দু’ বছর আগে মার্সেলো আরেভোলাকে নিয়ে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি। তখন (Rohan Bopanna) রজারের বয়স ছিল ৪০ বছর ৯ মাস। ২০১৮ সালে ৪০ বছর ৪ মাস বয়সে ইউএস ওপেন জিতেছিলেন মাইক ব্রায়ান। ভারতীয় টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ২০১৩ সালে জিতেছিলেন ইউএস ওপেন। তখন তাঁর বয়স ছিল ৪০ বছর ২ মাস।

    মার্টিনা নাভ্রাতিলোভা

    অবশ্য পুরুষ-মহিলা ধরলে সব চেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা। লিয়েন্ডার পেজের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস জিতেছিলেন তিনি। ২০০৩ সালে তিনি যখন গ্র্যান্ড স্লাম জেতেন, তখন নাভ্রাতিলোভার বয়স ছিল ৪৬ বছর ২৬১ দিন। বোপান্নার জয়ের পরে দর্শক গ্যালারি ভেসে যায় ‘ভারত মাতা কি জয়’ চিৎকারে। বোপান্নাকে কুর্নিশ জানিয়েছেন ধারাভাষ্যকার টেনিস তারকা সানিয়া মির্জা, সোমদেব দেববর্মন ও পূরব রাজা। টেনিস বিশেষজ্ঞদের মতে, আধুনিক পাওয়ার টেনিসে বোপান্নার এই নজির ভাঙা মুশকিল।

    আরও পড়ুুন: দোরগোড়ায় লোকসভা ভোট, ইলেকশন ইন-চার্জ ঘোষণা নাড্ডার, বাংলার দায়িত্বে কে?

    এদিন খেলার মোড় ঘুরে যায় দ্বিতীয় সেটের একাদশতম গেমে বোপান্নাদের ব্রেক। বোলেল্লি-ভাভাসোরি সার্ভিক ব্রেক করেন তাঁরা। তার আগে পর্যন্ত নিজেদের সার্ভিস ধরে রেখেছিলেন। এই সেটও ট্রাইব্রেকারে গড়াতে চলেছে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা। সেই সময় তফাত গড়ে দিল বোপান্নার নেট প্লে ও এবডেনের জোরালো সার্ভিস ম্যাচ (Rohan Bopanna)। প্রসঙ্গত, শনিবারই পদ্মশ্রী পুরস্কার প্রাপক হিসেবে বোপান্নার নাম ঘোষণা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Modi Macron: ভূয়সী প্রশংসা মাক্রঁর গলায়, ভারতের ইউপিআই-তে মজেছে বিশ্ব

    Modi Macron: ভূয়সী প্রশংসা মাক্রঁর গলায়, ভারতের ইউপিআই-তে মজেছে বিশ্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: “মোদির সঙ্গে চা খাওয়ার কথা ভুলব না। কারণ চায়ের দাম মেটানো হয়েছিল ইউপিআইয়ের মাধ্যমে।” কথাগুলি বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ (Modi Macron)। দু দিনের ভারত সফরে এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। হয়েছিলেন ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি। এই সফরেই রাস্তার একটি চায়ের দোকানে বসে চা পান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রঁ।

    কী বললেন মাক্রঁ?

    ভারত ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চা খাওয়ার কথা ভুলব না। কারণ চায়ের দাম মেটানো হয়েছিল ইউপিআইয়ের মাধ্যমে। এটা অভিনব।” ২৫ জানুয়ারি জয়পুর দর্শনে গিয়েছিলেন মাক্রঁ। হাওয়া মহলের কাছের একটি চায়ের গুমটিতে চা পান করেন মোদি ও মাক্রঁ। চা পানের পর ইউপিআইয়ের মাধ্যমে চায়ের দাম মেটান প্রধানমন্ত্রী। পুরো বিষয়টি খুঁটিয়ে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। বিস্ময়ের সঙ্গে মাক্রঁ দেখেন, দাম মেটানোর পর মোদির ফোনে চলে এসেছে কনফার্মেশন মেসেজ।

    ভারত-ফ্রান্স বন্ধুত্ব

    ইউপিআই সিস্টেম কীভাবে কাজ করে, কীভাবে মোদি চায়ের বিল মিটিয়েছেন ফোনের সাহায্যে সেসবের উল্লেখ করেন মাক্রঁ। ভারত-ফ্রান্সের (Modi Macron) বন্ধুত্ব মজবুতিকরণের ওপরও জোর দিয়েছেন মাক্রঁ। ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোয় কৃতজ্ঞতাও প্রকাশ করেন মাক্রঁ। মোদির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও বলেন ফরাসি প্রেসিডেন্ট। তাঁদের আলাপচারিতাকে নতুন শেখার উত্তেজনায় দুই বন্ধুর সম্মিলন বলেও আখ্যায়িত করেন ফরাসি প্রেসিডেন্ট। ২৬ জানুয়ারিকে তিনি একটি গুরুত্বপূর্ণ দিন বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা বোধ হয় বিচ্ছিন্নভাবে থাকতে পারব না। উষ্ণতার আবহে আবার আমাদের দুই বন্ধুর বৈঠক হয়েছে। নয়া আবিষ্কারের যে তাজা ভাব থাকে, সেটা নষ্ট না করেই হয়েছে বৈঠক। জুলাই মাসে আপনি ছিলেন ফ্রান্সে, আর আজ আমি এখানে, দিল্লিতে।”

    আরও পড়ুুন: দোরগোড়ায় লোকসভা ভোট, ইলেকশন ইন-চার্জ ঘোষণা নাড্ডার, বাংলার দায়িত্বে কে?

    ভারতে ডিজিটাল লেনদেনের একটি অন্যতম মাধ্যম হল ইউপিআই সিস্টেম। মোবাইল থেকে কিউআর কোড স্ক্যান করে অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় টাকা। ভারতের (Modi Macron) এই ইউপিআই সিস্টেমের সুবিধার বিষয়ে নানা সময় সওয়াল করেছে ফ্রান্স। গত জুলাই মাসে বাস্তিল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, ভারত থেকে যাঁরা ফ্রান্সে বেড়াতে আসবেন, তাঁরা ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন। এদিন ভারতে এসে সেই পদ্ধতিটাই চাক্ষুষ করে যারপরনাই বিস্মিত ফরাসি প্রেসিডেন্ট।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রাম মন্দিরের ফলে অযোধ্যায় পর্যটন শিল্পে জোয়ার! ২ লক্ষ কর্মসংস্থানের সুযোগ

    Ram Mandir: রাম মন্দিরের ফলে অযোধ্যায় পর্যটন শিল্পে জোয়ার! ২ লক্ষ কর্মসংস্থানের সুযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরকে (Ram Mandir) কেন্দ্র করে অযোধ্যার পর্যটন শিল্পে জোয়ার। যা থেকে হতে পারে বিপুল কর্মসংস্থান।

    গত ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই অযোধ্যায় লক্ষ লক্ষ ভাক্তদের সমাগম শুরু হয়েছে। আগামী দিনে এই মন্দিরকে কেন্দ্র করে বিরাট পর্যটন শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। এই এলাকার সামাজিক, আর্থিক, সংস্কৃতিক, পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে।আগামী ৪-৫ বছরের মধ্যে অযোধ্যা শহরকে ঘিরে আশেপাশের ছোট, বড় শহরগুলি দ্রুত মানব সম্পদ বিকাশের সমৃদ্ধশীল নগরে পরিণত হবে। অনুমান করা হচ্ছে, এর ফলে সেখানে ১.৫ থেকে ২ লক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। একথা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি বেটারপ্লেস সংস্থার সহকারী প্রতিষ্ঠাতা এবং গ্রুপের সিইও প্রবীণ আগরওয়াল। 

    কী বললেন প্রবীণ আগরওয়াল (Ram Mandir)

    প্রবীণ আগরওয়াল বলেছেন, “এই মন্দিরকে (Ram Mandir) কেন্দ্র করে অযোধ্যায় বিরাট অঞ্চল জুড়ে নির্মাণ কাজের ব্যাপক বৃদ্ধি পাবে আগামী দিনে। এখানে হোটেল চেইন, অ্যাপার্টমেন্ট ইউনিট, স্বাস্থ্যসেবার মতো সুবিধাগুলির সম্প্রসারণ দ্রুত হবে। ফলে গোটা অঞ্চল জুড়ে উন্নয়নের পরিকাঠামোকে ঘিরে আগামী কয়েক বছরের মধ্যেই এই অঞ্চলে ৫০ হাজার থেকে ১ লক্ষ অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ ঘটবে। হোটেল, আতিথেয়তা, পর্যটন, খাদ্য ও পানীয়, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র, পণ্য সমগ্রী, স্বাস্থ্যসেবা, ব্যাঙ্ক ব্যবস্থার নির্মাণের ফলে জনশক্তির চাহিদা আরও বাড়বে। অঞ্চলটি ধর্মীয় পর্যটনের জন্য একটি হটস্পটে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।”

    দৈনিক ১০ থেকে ৩০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা

    অর্থনীতিবিদ এবং চাকরির বাজার বিশেষজ্ঞরা বলেছেন যে, আগামী কয়েক মাসের মধ্যেই দৈনিক ১ লক্ষ থেকে ২ লক্ষ মানুষের সমাগম হবে। এর ফলে প্রায় কমপক্ষে ১০ হাজার থেকে ৩০ হাজার মানুষের তাৎক্ষণিক কর্মসংস্থান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভোগ্যপণ্য এবং খাদ্য পরিষেবার  সঙ্গে যুক্ত কোম্পানিগুলি এই এলাকায় ক্রমবর্ধমানভাবে তাদের উপস্থিতি ও কার্যকারিতা বৃদ্ধি করছে। অযোধ্যাকে একটি ব্র্যান্ডিং এবং মার্কেটিং হটস্পট হিসাবে সকল বিনিয়োগকারীরা দেখেছেন বলে একাংশ মানুষ মনে করছেন।

    বিশেষজ্ঞরা কী বলেছেন?

    বিশিষ্ট বিনিয়োগকারী এইচএউএল-সংস্থার প্রাক্তন সিও সঞ্জীব মেহতা বলেছেন, “অযোধ্যা একটি প্রধান তীর্থস্থানে পরিণত হবে এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসবেন এখানে। এটি সৃজনশীলতা এবং নতুন উপভোক্তা তৈরির সুযোগ প্রদান করবে।” আবার স্টাফিং অ্যান্ড রিন্ডস্ট্যাড টেকনোলজিসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ইয়েশাব গিরি বলেছেন, “অযোধ্যায় প্রচুর ভক্ত আগমনের ফলে বোতলজাত জল, স্ন্যাকিং পণ্য, রিফ্রেশমেন্ট সহ পানীয় ইত্যাদির চাহিদা ব্যাপক ভাবে বেড়েছে। ফলে ব্যবসার এক অপার সম্ভাবনা তৈরি হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: চতুর্থ দিনেই ফয়সালা! ভারতের বিরুদ্ধে লড়াই করছে ইংল্যান্ড

    India vs England: চতুর্থ দিনেই ফয়সালা! ভারতের বিরুদ্ধে লড়াই করছে ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: হায়দ্রাবাদ টেস্টে লড়াইয়ে ফিরল ইংল্যান্ড। ম্যাচ যদিও এখনও ভারতেরই অনুকূলে। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড এগিয়ে ১২৬ রানে। কৃতিত্ব অলি পোপের। একদিক আটকে রাখলেন তিনি। দিনের শেষে ১৪৮ রানে অপরাজিত তিনি। বুমরা, জাদেজা বা অশ্বিন কেউই টলাতে পারেননি তাঁকে। চতুর্থ দিনে ভারতকে শুরুতেই পোপকে ফেরাতে হবে। রবিবার সকালে ইংল্যান্ডকে দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচ শেষ করতে চাইবে ভারত।

    ভারতের ইনিংস

    দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৪২১ রানে ৭ উইকেট। ক্রিজে ৮১ রানে রবীন্দ্র জাদেজা ৩৫ রানে অক্ষর প্যাটেল অপরাজিত ছিল। তৃতীয় দিনের সকালে আরও ১৫ রান যোগ করেন জাদেজা ও অক্ষর জুটি। তারপর পরপর ৪৩৬ রানেই ৩ উইকেট হারায় ভারত। ৮৭ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। জসপ্রীত বুমরাহ খাতা না খুলেই সাজঘরে ফেরেন। শেষ উইকেট পড়ে অক্ষর প্যাটেলের। ৪৪ রান করেন তিনি। ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন রুটই। দু’টি করে উইকেট নিয়েছেন টম হার্টলি এবং রেহান আহমেদ। একটি উইকেট নেন জ্যাক লিচ। রান আউট হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রুট ২৯ ওভারে ৭৯ রানে ৪ উইকেট তুলে নেন।

    ইংল্যান্ডের ইনিংস

    ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্য়ান্ড। ওপনিং জুটিতে ৪৫ রান যোগ করেন জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। এরপর ৩১ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন ক্রাউলি। এরপর অলি পোপের সঙ্গে ইনিংস এগিয়ে যান ডাকেট। লাঞ্চের পর একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের। এদিন দ্বিতীয় সেশন ছিল ভারতের অনুকূলে। বুমরার বল বুঝতে পারছিলেন না ইংরেজ ব্যাটারেরা। বলের গতির হেরফের করলেন, কাটার দিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করলেন। বুমরা দেখালেন পিচ থেকে সাহায্য না পেলে কী ভাবে পেসারদের বল করতে হয়। বুমরার দাপটের সঙ্গে ছিল রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের ঘূর্ণি। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো জাদেজার বল বুঝতে না পেরে বোল্ড হলেন। অশ্বিনের বলে বোল্ড হন স্টোকস। দ্বিতীয় সেশন ভারতের হলেও তৃতীয়টা ছিল ইংল্যান্ডের, বলা ভাল অলি পোপের। ২০০ বলে ১৪৮ রান করে ক্রিজে রয়েছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Amit Shah: বিহারে রাজনৈতিক সংকট, বাংলা সফর বাতিল করলেন অমিত শাহ

    Amit Shah: বিহারে রাজনৈতিক সংকট, বাংলা সফর বাতিল করলেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাতিল হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাংলা সফর। রবিবারই তাঁর কলকাতায় পা রাখার কথা ছিল। সোমবার একাধিক দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল শাহের। যারমধ্যে সায়েন্স সিটির নাগরিক কনভেনশন, বারাসাত ও মেচেদাতে কর্মীসভাও ছিল। তবে বিশেষ পরিস্থিতিতে সেই সভা বাতিল হল। তার কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এবং সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আবার বিজেপির সহযোগী হতে পারেন বলে খবর ছড়িয়েছে।

    বিহার সফরে অমিত শাহ?

    শোনা যাচ্ছে, আজ শনিবারই বিহারের রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা করতে পারেন নীতীশ। সুত্র মারফত খবর পাওয়া গিয়েছে, রবিবার জেডি(ইউ) পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন নীতীশ কুমার। মনে করা হচ্ছে সোমবারই বিজেপির সমর্থন নিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি। বিহারের এমন পরিস্থিতিতে সে রাজ্যে সফর করতে পারেন অমিত শাহ এবং সে কারণেই তাঁর বাংলা সফর বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এর সবটাই অনুমান। তার কারণ অমিত শাহের (Amit Shah)  বঙ্গ সফর বাতিল নিয়ে কোনও রকমের কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি।

    গত ২৯ নভেম্বর কলকাতায় সভা করেন অমিত শাহ

    এর আগে, গত ২৯ নভেম্বর বাংলা সফরে এসেছিলেন অমিত শাহ। সে সময়ে ধর্মতলায় এক বড় জনসভায় বক্তব্য রাখেন শাহ। লোকসভা ভোটের আগে এমনিতেই শাসক দল তৃণমূল কংগ্রেস দুর্নীতি ও সন্ত্রাস ইস্যুতে কোণঠাসা হয়ে রয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বইছে পরিবর্তনের হাওয়া। ঠিক এই আবহে দলীয় কর্মীদের অক্সিজেন দিতে ফের আসার কথা ছিল অমিত শাহের (Amit Shah) । তবে শেষ মুহূর্তে তা বাতিল হল। তবে লোকসভা ভোটের আগে বেশ কয়েকবার তিনি বাংলা সফর করতে পারেন বলে মনে করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: দোরগোড়ায় লোকসভা ভোট, ইলেকশন ইন-চার্জ ঘোষণা নাড্ডার, বাংলার দায়িত্বে কে?

    Lok Sabha Elections 2024: দোরগোড়ায় লোকসভা ভোট, ইলেকশন ইন-চার্জ ঘোষণা নাড্ডার, বাংলার দায়িত্বে কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝ-এপ্রিলে হওয়ার কথা লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। বিরোধী শিবিরে ছন্নছাড়া দশা। ঘেঁটে ঘ ‘ইন্ডি’ জোট। উল্টো দিকে আস্তিন গুটিয়ে নির্বাচনী ময়দানে নেমে পড়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। সংগঠনকে শক্তিশালী করে আরও বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য কেন্দ্রে ফিরতে চাইছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার।

    ইলেকশন ইন-চার্জ

    এমতাবস্থায় দেশের বিভিন্ন রাজ্যে ইলেকশন ইন-চার্জদের নাম ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলের ইলেকশন মেশিনারিকে সচল রাখতে এবং সমন্বিত পদ্ধতি নিশ্চিত করতেই দেশজুড়ে ইনচার্জদের নাম ঘোষণা করল পদ্মশিবির। বিভিন্ন রাজ্যে প্রচারের অভিমুখ ঠিক করবেন এই ইনচার্জরা। অভিজ্ঞতা, রাজ্যের সংগঠন সম্পর্কে সম্যক জ্ঞান এবং কৌশলগত ক্ষমতার নিরিখে বেছে নেওয়া হয়েছে ইনচার্জদের। বাংলার তিন ইনচার্জ হলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, বিহার বিজেপির দক্ষ নেতা মঙ্গল পাণ্ডে এবং রাঁচির মেয়র আশা লাকড়া। গত লোকসভা নির্বাচনে বাংলার দায়িত্বে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। সেবার মোট ৪২টি আসনের মধ্যে ১৮টিতে পদ্ম ফোটান বিজয়বর্গীয়। এবার বাংলায় ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। ২০১৩-২০১৭ সাল পর্যন্ত বিহার বিজেপির সভাপতি ছিলেন মঙ্গল পাণ্ডে। নীতীশের মন্ত্রিসভায় ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ঝাড়খণ্ডে আদিবাসীদের পরিচিত মুখ আশা লাকড়া। রাজনৈতিক মহলের মতে, জঙ্গলমহলের মতো আদিবাসী অধ্যুষিত এলাকায় পদ্ম ফোটাতে আশাকে ইনচার্জ করা হয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালে বাংলায় বিজেপির পর্যবেক্ষক নিযুক্ত হয়েছিলেন এই তিনজন। 

    ভোটারদের সঙ্গে জনসংযোগ

    যাঁদের (Lok Sabha Elections 2024) ইনচার্জ হিসেবে বেছে নেওয়া হয়েছে, তাঁদের দক্ষতার ওপর ভরসা করেছেন নাড্ডা। তাঁদের সাংগঠনিক দক্ষতা এবং ইলেকশন ম্যানেজমেন্টও প্রমাণিত হয়েছে অতীতে বহুবার। আসন্ন নির্বাচনে জয়ের ক্ষেত্রে যে সমন্বয়ের প্রয়োজন, তার ওপর জোর দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ইলেকশন ইনচার্জরা দক্ষ রাজনীতিক। তৃণমূল স্তর থেকে উঠে আসা নেতা। বিভিন্ন রাজ্যে তাঁরা দলীয় সংগঠন মজবুত করতে দক্ষ। তৃণমূল স্তরে ভোটারদের সঙ্গে জনসংযোগ বাড়াতেও এঁরা দক্ষ।

    আরও পড়ুুন: ভিড়ের নিরিখে ভ্যাটিকান সিটি এবং মক্কাকেও ছাপিয়ে যাবে অযোধ্যা!

    মাসখানেক আগেই দলের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির দলীয় দফতরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন অন্তত ৪০০ আসনে জিতে ফিরতে হবে কেন্দ্রে। প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন পূরণ করতেই উঠেপড়ে লেগেছেন গেরুয়া পার্টির সেনানীরা। বিভিন্ন রাজ্যে বিরোধীদের মুখের (Lok Sabha Elections 2024) মতো জবাব দিতে যখন প্রস্তুত হচ্ছে দল, সেই সময়ই নাম ঘোষণা করে দেওয়া হল ইনচার্জদের। আরও বেশি সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরতে যা যা করা প্রয়োজন, তা-ই করে চলেছেন বিজেপির ভোট ম্যানেজাররা।

    দল যে নির্মল ও স্বচ্ছ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, দলীয় কর্মীদের তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন নাড্ডা। জন-কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার নির্দেশও পদ্ম-কর্মীদের দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। জাতি গঠনেও দলীয় কর্মীদের কাজ করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইলেকশন ইনচার্জদের জনগণের সঙ্গে সংযোগ বাড়ানো, তাঁদের সমস্যার কথা শোনা এবং পার্টির দৃষ্টিভঙ্গী তাঁদের কাছে তুলে ধরার নিদানও দেওয়া হয়েছে ইলেকশন ইনচার্জদের (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Jammu & Kashmir: প্রজাতন্ত্র দিবসে ডাল লেকের ‘শিকারা’গুলি সেজে উঠল তেরঙ্গার সাজে

    Jammu & Kashmir: প্রজাতন্ত্র দিবসে ডাল লেকের ‘শিকারা’গুলি সেজে উঠল তেরঙ্গার সাজে

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি জমানায় বদলে গিয়েছে জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir)। তারই প্রতিফলন দেখা গেল প্রজাতন্ত্র দিবসে। ডাল লেকের ১২০টি শিকারা (ডাল লেকের নৌকো বিশেষ) সেজে উঠল তেরঙ্গার সাজে। অভিনব ভাবে শ্রীনগর জেলার প্রশাসন এভাবেই উদযাপন করল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। প্রতিটি শিকারাই সাজানো ছিল গেরুয়া, সাদা এবং সবুজ রঙের তেরঙ্গায়, মাঝখানে ছিল অশোক চক্র। ইতিমধ্যে প্রজাতন্ত্র দিবস উদযাপনের এই ভিডিও সামনে এসেছে। ড্রোনের মাধ্যমে তোলা এই ভিডিও প্রকাশ করেছে শ্রীনগরের জেলা প্রশাসন। প্রসঙ্গত, শিকারা ডাল লেকের পরিবহণের কাজে লাগানো হয় এবং ডাল লেকে পর্যটকদের ভ্রমণেও কাজে লাগে।

    বলিদান স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা 

    প্রজাতন্ত্র দিবসের দিনই জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জম্মুতে ‘বলিদান স্তম্ভ’-এ দেশের রক্ষায় শহিদ হওয়া জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জম্মু-কাশ্মীরে টাইগার ডিভিশনে মনোজ সিনহাকে গার্ড অফ অনারও দেওয়া হয়। জম্মু-কাশ্মীরে প্রজাতন্ত্র দিবস উদযাপন নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মনোজ সিনহা লেখেন, ‘‘দেশ চিরকাল মনে রাখবে সাহসী জওয়ানদের। যাঁদের আত্মত্যাগে রক্ষা পেয়েছে দেশের সার্বভৌমত্ব।’’

    ২০০৯ সালেই গড়ে ওঠে বলিদান স্তম্ভ

    স্বাধীনতার পরবর্তীকালে দেশের অখন্ডতা রক্ষায় যে সমস্ত সেনা জওয়ান আত্ম বলিদান দিয়েছেন, তাঁদের প্রতি সম্মান জানাতেই বলিদান স্তম্ভ গড়ে তোলা হয়েছে। বলিদান স্তম্ভ হল দেশের মধ্যে সবথেকে উচ্চ স্মৃতিসৌধ। যেটি উচ্চতায় ৬০ মিটার। ২০০৯ সালে বলিদান স্তম্ভ তৈরি করা হয়। খরচ হয় ১২ কোটি টাকা। ২১ একর জায়গা জুড়ে অবস্থান করছে এই স্তম্ভ। বলিদান স্তম্ভতে (Jammu & Kashmir) রয়েছে ৫২টি স্মৃতি স্তম্ভ। যেখানে ৭,৫১২ জন দেশের বীর জওয়ানের নাম রয়েছে। এর মধ্যে রয়েছেন ৯ জন পরম বীর চক্রপ্রাপ্ত এবং ২৭ জন অশোক চক্র প্রাপ্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share