Tag: bangla news

bangla news

  • Murshidabad: মুর্শিদাবাদে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত ১

    Murshidabad: মুর্শিদাবাদে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত ১

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের (TMC) গোষ্ঠী কোন্দলের জেরে মুর্শিদাবাদে (Murshidabad) তৃণমূল কর্মীর খুনে চরম চাঞ্চল্য। মৃত তৃণমূল কর্মীর নাম মনিরুল মুন্সী (৪২)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের নওদা ব্লকের রাজপুর গ্রাম এলাকায়।

    কী ভাবে ঘটল খুন (Murshidabad)

    সূত্রের খবর গ্রামের কাঁচা রাস্তা তৈরী নিয়ে গন্ডগোল বাঁধে নওদার তৃণমূল (TMC) বিধায়িকার গোষ্ঠী এবং তৃণমূল ব্লক সভাপতির গোষ্ঠীর মধ্যে। দুইপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি আর তারপর রড, লাঠি, ইঁট নিয়ে শুরু হয় ব্যাপক মারামারি। ঘটনায় আহত হয় দুই পক্ষেরই প্রায় ৭ থেকে ৮ জন ব্যক্তি। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মনিরুল মুন্সী নামে এক তৃণমূল কর্মীর। মৃত মনিরুল মুন্সী নওদার তৃণমূল বিধায়িকা শাহীনা মমতাজের গোষ্ঠীর লোক বলেই পরিচিত। অপর দিকে স্থানীয় মানুষের অভিযোগ, যারা খুন করেছে তারা নওদার ব্লক সভাপতি সফিউর জামান শেখ তথা হাবিব মাষ্টারের কাছের লোক। আবার জানা গেছে, এই হাবিব মাষ্টার মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খানের ভাগ্নে গোষ্ঠীর লোক বলে পরিচিত। শাসকের অন্দরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই এই খুন বলে বিশেষ অভিযোগ বিরোধীদের। 

    মৃত তৃণমূল (TMC) কর্মীর ছেলের বক্তব্য

    মৃত তৃণমূল (TMC) কর্মীর ছেলে সুমন মুন্সী বলেন, এলাকায় রাস্তার কাজ চলছিল। কিন্তু রাস্তার কাজ হতে দেবে না বলে তৃণমূলের লোকেরাই এসে বাধা দেয়। সেই মুহূর্তে ইট ছোড়াছুড়ি শুরু হয়। পেছেন থেকে এসে তিন জন বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে এবং তারপরেই বাবা মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করার সময় মারা যান। সুমনের বিশেষ বক্তব্য ছিল, যারা মেরেছে বাবাকে, তারা তৃণমূলেরই কর্মী।

    বিধায়িকা (Murshidabad) শাহীনা মমতাজ বেগমের বক্তব্য

    খুনের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল (TMC) বিধায়িকা শাহীনা মমতাজ বলেন, রাস্তা করা নিয়ে দুই পক্ষের মধ্যে বহুদিন ধরেই লড়াই চলছিল। এই ঘটনা রাজনৈতিক রং নিচ্ছে বটে, কিন্তু এই খুন  স্থানীয় কোন্দলের ফল, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এলাকায় একপক্ষ বলে রাস্তা হবে, অপর আরেক পক্ষ বলে রাস্তা হবে না, এই নিয়ে তাদের মধ্যে অনেক দিন ধরেই সংঘর্ষ চলছিল। সেই সঙ্গে তিনি আরও বলেন, একটু ঝামেলা হলেই এখন সবাই অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে, এটা ঠিক নয়। মমতাজ বেগম আরও বলেন যে মনিরুল আমাদের তৃণমূল কর্মী, তাঁর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ব্লক সভাপতির সঙ্গে বিধায়িকার কোন্দলের কথা জিজ্ঞেস করলে উনি জানান, আমাদের মধ্যে এখন আর কোন মতভেদ নেই, আমরা মিটিয়ে নিয়েছি। কিন্তু গতকালকের খুনের ঘটনা অপর পক্ষের বহুদিনের জেদের কারণেই ঘটেছে বলে জানান বিধায়িকা। বর্তমানে খুনের ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dilip Ghosh: ‘‘কতদিন ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন মমতা’’! অভিষেককে কটাক্ষ দিলীপের

    Dilip Ghosh: ‘‘কতদিন ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন মমতা’’! অভিষেককে কটাক্ষ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের শালবনিতে শনিবার ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে উপস্থিত থাকতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে এদিন কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “কতদিন ওকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন মমতা ব্যানার্জি? এবার ওকে একটু রাস্তায় ছাড়ুন।” শুক্রবার নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। অভিষেককে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar)।

    সুকান্তর দাবি

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের আমলে সন্ত্রাস সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, বলে দাবি করেন সুকান্ত (Sukanta Majumdar)। তবে রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটে কোনওরকম সন্ত্রাস বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, “ভাইপো আড়ালে থেকে রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে। এটার পরিবর্তন হওয়া দরকার।”

    মমতাকে প্রশ্ন দিলীপের (Dilip Ghosh)

    নবজোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান নিয়ে খোঁচা দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়, “জঙ্গলমহল কি অভিষেক একা সামলাতে পারছেন না? কতদিন ওঁকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওঁকে একটু রাস্তায় ছাড়ুন। উনি ওঁকে পাঠিয়েই বুঝে গেছেন কতটা দম আছে। পুলিশ, এনভিএফ, সিভিক পুলিশ এইসব দিয়ে ভিড় করাতে হচ্ছে। পার্টির লোক কিছু নেই। কিছু কাটমানি খোর, গুন্ডা বদমাশ আছে। তাও কেউ রাস্তা আটকাচ্ছে, কেউ চোর বলছে। এরকম জননেতা বাড়ির ল্যাবরেটরিতে তৈরি। এদের দিয়ে সমাজের কিস্যু হবে না।”

    আরও পড়ুুন: রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন, জেনে নিন মেগা অনুষ্ঠানের সূচি

    সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলেন অভিষেক। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “অভিষেক এরকম ডায়লগ গত বারও দিয়েছিল। এবারেও এতো লোক এসে মমতার হাতে পায়ে ধরছে। বলছে আপনি আসুন, মোদির বিরুদ্ধে দাঁড়ান। উনি সাহস পাচ্ছেন না। কারণ উনি জানেন, মোদিজি যা করছেন, দেশের স্বার্থে করছেন। সাধারণ মানুষ খুব খুশি ২০০০ টাকার নোট বাতিলে। এই নোট বাজারে দেখা যায় না। কারও কারওর বাড়িতে দেখা যায়। কোথাও কোথাও লুকানো আছে। এবার সেগুলো বেরোবে। তাই মানুষ খুশি। যাদের ভয় আছে, ইলেকশনের টাকাটা জলে চলে গেল, তারাই প্রতিবাদ করছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chinsurah: জামাইষষ্ঠীর দিনে বাজি কাণ্ডে আটক জামাইবাবু

    Chinsurah: জামাইষষ্ঠীর দিনে বাজি কাণ্ডে আটক জামাইবাবু

    মাধ্যম নিউজ ডেস্ক: চুঁচুড়ায় (Chinsurah) জামাইষষ্ঠীর দিনে ফেঁসে গেলেন জামাই। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া থানার কাপাসডাঙ্গা এলাকায়, একজনের বাড়ি থেকে প্রায় ২০০০ কেজি বাজি আটক করলো চুঁচুড়া থানার পুলিশ। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য।

    চুঁচুড়াতে (Chinsurah) কী ঘটেছিল?

    রাজ্যের একাধিক জায়গায় পর পর বাজি বিস্ফোরণের ঘটনার পর, রাজ্যজুড়ে অবৈধ বাজি কারখানায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। জায়গায় জায়গায় চলছে বাজি, বাজির মশলা উদ্ধার এবং ধরপাকড়। ঘটনা ঘটেছে চুঁচুড়ার কাপাসডাঙ্গা (Chinsurah) এলাকায়। শ্যালক বাপ্পাদিত্য নাথের বাজি কারখানায় তৈরি বাজি, তাঁর জামাইবাবু প্রণব দত্তের বাড়িতে রাখার জন্য গ্রেফতার হয়ে মহাবিপদে এখন জামাইবাবু ।

    পুলিশের ভূমিকায় কীভাবে উদ্ধার?

    বেশ কিছুদিন ধরে চন্দননগর কমিশনারেট এলাকায় বিভিন্ন থানার পুলিশ অবৈধ বাজি কারখানা খুঁজে বেড়াচ্ছে। ইতিমধ্যে দিন দুই আগেই চুঁচুড়া কামারপাড়ার একজনের বাড়ি থেকে ২৫ কিলো বাজি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারও হয় একজন। এরপরেই জামাইষষ্ঠীর দিন দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে কাপাসডাঙায় অভিযান চালায় চুঁচুড়া (Chinsurah) থানার পুলিশ। উদ্ধার হওয়া শব্দবাজি গুলো বেআইনি বাজি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ওই বাড়ির মালিক প্রণব দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের কাছে প্রণবের দাবী, ওই বাজি তাঁর নয়। তাঁর শ্যালক বাপ্পাদিত্য নাথ গাড়ি ভর্তি করে ওই বাজি পাঠিয়েছিলেন তাঁর বাড়িতে রাখার জন্য। হুগলি গ্রামীন পুলিশ জেলার চণ্ডীতলা থানার বেগমপুর এলাকায় বাপ্পার বাজি কারখানা রয়েছে বলে জানিয়েছে। চন্ডিতলা থানা যেভাবে চেকিং শুরু করেছে, তাতে নিরাপদ নয় ভেবে বাপ্পাদিত্য নাথ সেখান থেকে সরিয়ে, বৃহস্পতিবার সকালেই গাড়ি করে বাজি নিয়ে আসেন চুঁচুড়ার কাপাসডাঙায়। আর সরল মনের প্রণব ওই ট্রাক ভর্তি বাজি বাড়িতে রেখে দেন। খবর মিলতেই এদিন এলাকা ঘিরে ফেলে চুঁচুড়া থানার পুলিশ। ঘন্টাখানেক ধরে তন্ন তন্ন করে খুঁজে সমস্ত বাজি বাজেয়াপ্ত করা হয়। ওই বাড়ির মালিক প্রণব দত্তকে গ্রেফতার করা হয়েছে বলে, জানিয়েছেন চুঁচুড়া থানার ওসি অনুপম চক্রবর্তী। আরও কে কে এই বাজির পেছনে জড়িত, তা বর্তমানে জানার চেষ্টা চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BSNL: এবার ৫জি পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল, কবে থেকে জানেন?

    BSNL: এবার ৫জি পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল, কবে থেকে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছর ১ অক্টোবর ভারতে (India) চালু হয়েছিল ৫জি (5G) পরিষেবা। পরিষেবার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) স্বয়ং। এই পরিষেবা চালু হওয়ার পাঁচ মাসের মধ্যে প্রথম ১ লক্ষ ৫জি সাইট চালু হয়েছিল। ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিওর মতো বেসরকারি সংস্থা ইতিমধ্যেই এই পরিষেবা দিতে শুরু করেছে। এই দুই সংস্থাই দেশের প্রায় প্রতিটি অংশে এই পরিষেবা পৌঁছে দিচ্ছে। বেসরকারি সংস্থা ৫জি পরিষেবা দিতে পারলেও, পারেনি সরকারি সংস্থা বিএসএনএল (BSNL)। ৫জি তো দূর অস্ত, এখনও ৪জি পরিষেবাই চালু হয়নি।

    পিছিয়ে পড়েছিল বিএসএনএল (BSNL)

    প্রত্যাশিতভাবেই বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারছে না রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। তবে সরকারি সংস্থার দুর্দশার এই দিন ঘুঁচতে চলেছে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, বিএসএনএলের ২০০টি সাইটে ৪জি নেটওয়ার্ক চালু হয়েছে। আপাতত তিন মাস ধরে চলবে পরীক্ষা। সব কিছু ঠিকঠাক থাকলে প্রতিদিন গড়ে ২০০টি সাইটে চালু করা হবে এই পরিষেবা।

    কী জানালেন মন্ত্রী?

    কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বিএসএনএল যে গতিতে মোতায়েন করবে, তাতে আপনি অবাক হবেন। তিন মাস পরীক্ষার পর আমরা প্রতিদিন ২০০টি সাইটে কাজ করব। এই গতি আমরা দ্রুত এগিয়ে নিয়ে যাব। বিএসএনএল নেটওয়ার্ক প্রাথমিকভাবে ৪জি হবে। এটি সেই মতোই কাজ করবে। কিন্তু খুব শীঘ্রই নভেম্বর-ডিসেম্বরের কাছাকাছি এটি ছোট সফ্টওয়্যার সমন্বয় সহ ৫জি হয়ে যাবে।” তিনি বলেন, “বিএসএনএলের (BSNL) ৪জি আপগ্রেডেবল। অল্প কিছু সফ্টওয়্যারের পরিবর্তন ঘটালেই নেটওয়ার্ক ৫জিতে পরিণত হয়ে যাবে। আমি বিশ্বাস করি, নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই গোটা দেশে বিএসএনএল নেটওয়ার্ক চালু হয়ে যাবে।”

    আরও পড়ুুন: সাবধান! চিনে ফের করোনার হানা, লাফিয়ে বাড়ছে সংক্রমণ

    প্রসঙ্গত, বিএসএনএলের (BSNL) প্রতিদ্বন্দ্বী রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেল ৫জি পরিষেবা দিচ্ছে গ্রাহকদের। সেই জায়গায় বিএসএনএল এখনও তাদের গ্রাহকদের দিচ্ছে ২জি কিংবা ৩জি পরিষেবা। সেই কারণে ক্রমেই গ্রাহক সংখ্যা নিত্যদিন কমছে। তাই আরও লোকসানে চলছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা। সেই কারণেই দ্রুত ৫জি চালু করে প্রতিদ্বন্দ্বীদের মাত দিয়ে চাইছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • China Covid: প্রতি সপ্তাহে সংক্রমিত সাড়ে ৬ কোটি! চিনে হু হু করে বাড়ছে করোনা

    China Covid: প্রতি সপ্তাহে সংক্রমিত সাড়ে ৬ কোটি! চিনে হু হু করে বাড়ছে করোনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের করোনার থাবা আঁতুড় ঘরে! চিনে আবারও হানা দিয়েছে করোনা (China Covid)। প্রতি সপ্তাহে চিনের প্রায় সাড়ে ৬ কোটি মানুষ করোনা সংক্রমিত হতে পারেন। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসে সাম্প্রতিক এক রিপোর্টে। জানা গিয়েছে, চিনে নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট এক্সবিবি। জুন মাসে সংক্রমণের মাত্রা আরও বাড়তে পারে।

    করোনার (Covid) আঁতুড় ঘর

    গোটা বিশ্বে করোনার মারণ ভাইরাস প্রথম ছড়িয়েছিল চিনের উহান প্রদেশ থেকেই (China Covid)। তার জেরে প্রায় ৭০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। রোগের বাড়বাড়ন্ত রুখতে প্রতিষেধক তৈরির তোড়জোড় চলতে থাকে। লকডাউন করেও পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করা হয়। গোটা বিশ্বের মধ্যে চিনেই সব চেয়ে বেশি মানুষ সংক্রমিত হয় করোনায়। পরিস্থিতি সামাল দিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে চিন। মাস কয়েক এর বিরুদ্ধেই তীব্র প্রতিবাদে শামিল হন হাজার হাজার চিনা নাগরিক। জনগণের দাবির কাছে পিছু হটে সরকার। বেরিয়ে আসে জিরো টলারেন্স (Covid) নীতি থেকে।

    হুহু করে বাড়ছে সংক্রমণ

    প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তারপর থেকেই হু হু করে বাড়ছে সংক্রমণ(China Covid)। প্রতিদিনই হাসপাতাল-নার্সিংহোমে লম্বা লাইন পড়ছে করোনা সংক্রমিত রোগীর। চিনের মহামারি বিশেষজ্ঞ ঝং নানশান জানান, এক্সবিবি ওমিক্রন ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াইয়ে পরীক্ষামূলকভাবে দুটি নতুন টিকা চালু করা হয়েছে। খুব শীঘ্রই করোনার আরও তিন-চারটি টিকা সরকারি অনুদান পারে। তিনি জানান, গত বছরের শীতে কঠোর জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছিল চিন। সেই বিধিনিষেধ তুলে নিতেই বাড়ছে প্রাদুর্ভাব। হংকংয়ের স্কুল অফ পাবলিক হেল্থ বিশ্ববিদ্যালয়ের এক মহামারি বিশেষজ্ঞের কথায়, নিয়ন্ত্রণ করা গেলে সংক্রমণের সংখ্যা কম হবে। মৃত্যুর (Covid) সংখ্যাও কম হবে। তবে নিয়ন্ত্রণ না করলে সংক্রমণ আরও বড় আকার ধারণ করতে পারে।

    আরও পড়ুুন: “৩০০-র বেশি আসনে জিতে ফের প্রধানমন্ত্রী হবেন মোদি”, আত্মবিশ্বাসী শাহ

    ২০১৯ সালে প্রথম বিশ্ব চেনে করোনা ভাইরাসকে (China Covid)। বহু গবেষণার পর নির্ণয় করা যায় ভাইরাস। বের হয় প্রতিষেধকও। ততক্ষণে অবশ্য বিশ্বে মৃত্যু হয়েছে ৭০ লক্ষ মানুষের। বছর তিনেক পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব। তবে ফের হানার আশঙ্কা যায়নি। দু দিন আগেই এ ব্যাপারে বিশ্বকে সতর্ক করেছেন হু কর্তা। তাঁর আশঙ্কা, এবার হানা দিতে পারে ডিজিজ এক্স। যা করোনার চেয়েও আরও বেশি মারাত্মক হতে পারে। এমতাবস্থায় চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UPSC: আরএসএস পরিচালিত স্কুলে পড়ে আজ ইউপিএসসি-তে সফল এক ডজনেরও বেশি ছাত্র-ছাত্রী

    UPSC: আরএসএস পরিচালিত স্কুলে পড়ে আজ ইউপিএসসি-তে সফল এক ডজনেরও বেশি ছাত্র-ছাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ পরিচালিত স্কুলে পড়াশোনা করেছেন, এমন এক ডজনেরও বেশি ছাত্রছাত্রী এবার সফল হলেন ইউপিএসসি (UPSC) পরীক্ষায়। যাঁদের মধ্যে প্রথম কুড়িতে স্থান পেয়েছেন একজন, অবিনাশ কুমার। বিহারের সরস্বতী বিদ্যা মন্দিরে পড়াশোনা করা এই ছাত্র সারা দেশে ১৭ তম স্থান অধিকার করেছেন। বিদ্যাভারতীর তরফে প্রকাশ করা তালিকায় দেখা যাচ্ছে, চলতি বছরের ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছেন, এমন ১৪ জন ছাত্রছাত্রী, তাঁদের স্কুলে পড়াশোনা করতেন। প্রসঙ্গত, দিন কয়েক আগেই রাহুল গান্ধী আরএসএস পরিচালিত স্কুলগুলিকে তুলনা করেছিলেন পাকিস্তানের মাদ্রাসার সঙ্গে। এ প্রসঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরকর বলেন, ‘‘সঙ্ঘ হল পৃথিবীর মধ্যে সবথেকে বড় স্কুল, যেখানে দেশপ্রেম শেখানো হয়। কংগ্রেসের পক্ষে এটা বোঝা সম্ভব নয়।’’ চলতি বছরে ইউপিএসসি পরীক্ষায় সঙ্ঘের স্কুলগুলির এই বিপুল সাফল্য রাহুল গান্ধীর মিথ্যাচারেরই জবাব দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

    আরও পড়ুন: জুন মাসের ‘নেট’ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু! জানুন বিস্তারিত

    সারাদেশে ১২ হাজারেরও বেশি স্কুল চালায় আরএসএস

    প্রসঙ্গত, আরএসএসের শাখা সংগঠন হল বিদ্যাভারতী। সূত্রের খবর, বর্তমানে বিদ্যাভারতী পরিচালিত স্কুলগুলিতে প্রায় ৩৪ লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করছে সারা দেশে। বিদ্যাভারতী পরিচালিত ১২ হাজারেরও বেশি স্কুলে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। শিক্ষা প্রসারের উদ্দেশ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলেও চলে বিদ্যা ভারতীর স্কুল।

    বিদ্যাভারতীর প্রকাশ করা তালিকা

    ইতিমধ্যে বিদ্যাভারতী ইউপিএসসি (UPSC) পাশ করা ১৪ জন ছাত্র-ছাত্রীর একটি তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, বিদ্যা ভারতীর স্কুলে পড়াশোনা করা ১৪ জন ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছেন। তালিকায় রয়েছেন ৪ ছাত্রী এবং ১০ ছাত্র।

    এক নজরে দেখে নেওয়া যাক, সঙ্ঘের স্কুল থেকে ইউপিএসসি-তে সফল কারা হলেন 

    ১) বিকাশ গুপ্তা, মধ্যপ্রদেশের কাটনি জেলার সরস্বতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করা এই ছাত্র চলতি বছরে ইউপিএসসি (UPSC) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

    ২) মুদিতা শর্মা, রাজস্থানের মীরা বাল মন্দিরে পড়াশোনা করা ছাত্রী মুদিতা এ বছর ইউপিএসসি পাশ করেছেন।

    ৩) শুভম সিং ঠাকুর, মধ্যপ্রদেশের সরস্বতী শিশু মন্দিরে পড়াশোনা করা ছাত্র শুভম আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

    ৪) আয়ুষী জৈন, রাজস্থানের বিদ্যাভারতী পরিচালিত আদর্শ বিদ্যামন্দিরে পড়াশোনা করা এই ছাত্রী এ বছর আইএএস পরীক্ষায় ৭৩ তম স্থান অর্জন করেছেন।

    ৫) জয়ন্ত আশিয়া, রাজস্থানের আদর্শ বিদ্যামন্দিরে পড়াশোনা করা ছাত্র জয়ন্ত এ বছর আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

    ৬) অভিনব দ্বিবেদী, উত্তরপ্রদেশের মথুরা জেলার সরস্বতী বিদ্যামন্দিরে পড়াশোনা করা ছাত্র অভিনব চলতি বছরের আইএএস পরীক্ষায় ১৩৭ তম স্থান অধিকার করেছেন।

    ৭) প্রতীক্ষা প্রধান, ওড়িশার সরস্বতী শিশু বিদ্যামন্দিরে পড়াশোনা করা ছাত্রী প্রতীক্ষা চলতি বছরে ইউপিএসসি (UPSC) পরীক্ষায় সফল হয়েছেন।

    ৮) যতীন পারাশার, মধ্যপ্রদেশের গুনা জেলার সরস্বতী শিশু মন্দিরে পড়াশোনা করা এই ছাত্র চলতি বছরে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

    ৯) উর্বশী সেঙ্গর, মধ্যপ্রদেশের গোয়ালিয়র সরস্বতী শিশু মন্দিরে পড়াশোনা করা এই ছাত্রী চলতি বছরের ইউপিএসসি-তে সফল হয়েছেন।

    ১০) বিভোর ভরদ্বাজ, উত্তরপ্রদেশের ছাত্র বিভোর স্কুল জীবনে পড়তেন শিকারপুরের সরস্বতী  বিদ্যামন্দিরে। তিনিও সফল ইউপিএসসি পরীক্ষায়।

    ১১) হরিশ কুমার, রাজস্থানের ছাত্র হরিশ স্কুল জীবনে পড়তেন সুমেরপুর আদর্শ বিদ্যামন্দিরে। এবছর আইএএস পরীক্ষায় সফল হয়েছেন তিনি।

    ১২) অবিনাশ কুমার, বিহারের অবিনাশ স্কুল জীবনে শ্রীরানী সরস্বতী বিদ্যামন্দিরে পড়তেন। এ বছরে আইএএস পরীক্ষায় ১৭ তম স্থান অধিকার করেছেন তিনি।

    ১৩) হিমাংশু কুমার, উত্তরপ্রদেশের ছাত্র হিমাংশু স্কুল জীবনে পড়তেন চাঁদপুরের সরস্বতী বিদ্যামন্দিরে। চলতি বছরের ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছেন তিনি।

    ১৪) রাকেশ মীনা, রাজস্থানের ছাত্র রাকেশ স্কুল জীবনে পড়তেন আদর্শ বিদ্যামন্দিরে। চলতি বছরে ইউপিএসসি-তে উত্তীর্ণ হয়েছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: “৩০০-র বেশি আসনে জিতে ফের প্রধানমন্ত্রী হবেন মোদি”, আত্মবিশ্বাসী শাহ

    Amit Shah: “৩০০-র বেশি আসনে জিতে ফের প্রধানমন্ত্রী হবেন মোদি”, আত্মবিশ্বাসী শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “আগামী লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসনে জিতে আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি (PM Modi)।” বৃহস্পতিবার একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন অসম সরকারে চাকরির জন্য ৪৪ হাজার ৭০৩ জনকে নিয়োগপত্র বিলি করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই দেশে যে তৃতীয়বারের জন্য মোদি-রাজ কায়েম হতে চলেছে, সে ব্যাপারে আত্মবিশ্বাসী শাহ।

    কী বললেন শাহ (Amit Shah)?

    তিনি বলেন, “কংগ্রেস বিরোধী দলের তকমা হারিয়েছে। লোকসভায় এখন তাদের যা আসন রয়েছে, সেটাও ধরে রাখতে পারবে না।” কংগ্রসের নেতিবাচক রাজনীতিরও কড়া সমালোচনা করেন শাহ (Amit Shah)। তিনি বলেন, “কংগ্রেসের নেতিবাচক মনোভাব রয়েছে। ২৮ মে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। কিন্তু, কংগ্রেস এটাকে বয়কট করে রাজনীতি করছে। তাদের যুক্তি, এর উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির।” শাহ বলেন, “কংগ্রেস এবং একাধিক বিরোধী-শাসিত রাজ্যে এমন উদাহরণ রয়েছে, যেখানে রাজ্যপালের পরিবর্তে বিধানসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেখানকার মুখ্যমন্ত্রীরা এবং সোনিয়া ও রাহুল গান্ধীর মতো কংগ্রেস নেতারা।”

    কারা যোগ দিচ্ছেন অনুষ্ঠানে?

    এদিকে, নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ছত্রখান হচ্ছেন বিরোধীরা। বৃহস্পতিবার ১৭টি দল অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেলেও, পরের (Amit Shah) দিনই জানা গিয়েছে ওই অনুষ্ঠানে যোগ দেবেন ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি। বিজেপি ছাড়াও অনুষ্ঠানে যোগ দেবে শিবসেনার একনাথ শিন্ডে শিবির, ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি, সিকিম ক্রান্তিকারি মোর্চা, জননায়ক জনতা পার্টি, এআইএডিএমকে, ইন্ডিয়া মক্কাল কালভি মুনেত্রা কাজগাম, অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া, মিজো ন্যাশনাল ফ্রন্ট, তামিল ম্যানিলা কংগ্রেস, আইটিএফটি, বোড়ো পিপলস পার্টি, পাত্তালি মাক্কাল কাচ্চি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, আপনা দল, অসম গণ পরিষদ, নবীন পট্টনায়েকের বিজু জনতা দল, ওয়াই এসআর কংগ্রেস, শিরোমণি অকালি দল এবং জনতা দল (সেক্যুলার)। আগে থেকেই কর্মসূচি থাকায় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। এদিকে, রবিবারের ওই অনুষ্ঠান বয়কট করছে কংগ্রেস, তৃণমূল, আপ সহ মোট ২০টি দল। যার অর্থ, ক্রমেই পাল্লা ভারী হচ্ছো মোদির।

    আরও পড়ুুন: রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন, জেনে নিন মেগা অনুষ্ঠানের সূচি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • DA Protester: ৮ ডিএ আন্দোলনকারীকে আগাম জামিন কলকাতা হাইকোর্টের! কেন জানেন?

    DA Protester: ৮ ডিএ আন্দোলনকারীকে আগাম জামিন কলকাতা হাইকোর্টের! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিএ আন্দোলনকারী (DA Protester) সংগ্রামী যৌথমঞ্চের আট নেতাকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট। তাঁদের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ তুলে ময়দান থানায় অভিযোগ দায়ের করেছিলেন দেবপ্রসাদ হালদার। তিনি একটা সময়ে ডিএ আন্দোলনে ছিলেন। কিন্তু এখন আর তিনি যৌথমঞ্চে নেই। পুরোটাই ষড়যন্ত্র বলে দাবি আন্দোলনকারীদের। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সেই মামলায় তাঁদের আগাম জামিন দিয়েছে। হাইকোর্টের নির্দেশ, তদন্তে সহযোগিতা করতে হবে ওই ৮ ডিএ আন্দোলনকারীকে। 

    আন্দোলনকারীদের দাবি

    আদালত সূত্রে জানা গিয়েছে, যে হেতু তাঁরা সরকারি কর্মচারী, তাই আন্দোলনকারীদের (DA Protester) ক্ষেত্রে কোনও শর্ত দেয়নি আদালত। তবে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁদের। ডিএ আন্দোলনকারীরা ২ কোটি টাকা লোপাট করেছেন বলে ময়দান থানায় অভিযোগ দায়ের করেছিলেন দেবপ্রসাদ হালদার নামে এক ব্যক্তি। আন্দোলনকারীদের দাবি, অডিট করে দেখা গিয়েছে, এক কোটি ৩৪ লক্ষ টাকা উঠেছে। সবটাই হিসেবের মধ্যে রয়েছে। ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ, নির্ঝর কুণ্ডু, রাজীব দত্ত, চন্দন চট্টোপাধ্যায়, সন্দীপ ঘোষ, ইন্দ্রজিৎ মণ্ডল, শৈবাল সরকারের নামে টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। 

    আরও পড়ুন: ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই!

    আগাম জামিন পাওয়া বড় জয়

    আদালতের রায়ে আগাম জামিন পাওয়া বড় জয় বলেই মনে করছেন ডিএ আন্দোলনকারীরা (DA Protester)। এদিন আদালতে আগাম জামিনের আবেদন জানিয়ে ডিএ আন্দোলনকারীদের আইনজীবী জানিয়েছেন,দেবপ্রসাদ হালদার আগে আন্দোলন তুলে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরামর্শ দেন। কিন্তু সেই পরামর্শ না মানার পর টাকা নয়ছয়ের মিথ্যে অভিযোগ করা হয়। শুনানির পর আদালত এদিন আন্দোলনকারীদের জামিন মঞ্জুর করেছে। গোটা ঘটনায় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন ডিএ আন্দোলনকারীরা। তাদের আন্দোলন ভাঙার জন্য সরকারের তরফে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করতে থাকে আন্দোলনকারীরা। কোনওভাবেই তাদের আন্দোলন ভাঙা যাবে না বলে দাবি করে সংগ্রামী যৌথ মঞ্চ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • New Parliament: রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন, জেনে নিন মেগা অনুষ্ঠানের সূচি

    New Parliament: রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন, জেনে নিন মেগা অনুষ্ঠানের সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার উদ্বোধন হবে নয়া সংসদ ভবনের (New Parliament)। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তার আগে হবে পুজো-হোম। এদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত হবে পুজোআচ্চা। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং। থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা, ডেপুটি চেয়ারম্যান এবং একাধিক মন্ত্রী।

    নয়া সংসদ ভবনের (New Parliament) প্রাণ প্রতিষ্ঠা

    সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে হবে ভবনের প্রাণ প্রতিষ্ঠা। পুজো শেষে সংসদে স্থাপন করা হবে ‘সেঙ্গল’। এজন্য উপস্থিত থাকবেন তামিলনাড়ুর ২০ জন স্বামী। এর পর আধ ঘণ্টা ধরে হবে প্রার্থনা সভা। উপস্থিত থাকবেন শঙ্করাচার্য সহ দেশের পণ্ডিত বর্গ ও সাধুসন্তরা। দুপুর ১২টায় জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হবে অনুষ্ঠান। হবে শর্ট ফিল্মের স্ক্রিনিং। পরে বার্তা পাঠ করবেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গের সম্বোধন অনুষ্ঠান রয়েছে। সম্বোধন অনুষ্ঠান রয়েছে লোকসভার স্পিকারেরও।

    ৭৫ টাকার কয়েন

    চলতি বছর স্বাধীনতার (New Parliament) ৭৫ বর্ষ পূর্তি উৎসব। উদ্বোধন হচ্ছে নয়া সংসদ ভবনেরও। এই দুই ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রকাশ করা হবে বিশেষ স্ট্যাম্প ও ৭৫ টাকার কয়েন। অর্থমন্ত্রক সূত্রে খবর, কয়েনের এক পিঠে থাকবে অশোক স্তম্ভ। তার নিচে লেখা থাকবে সত্যমেব জয়তে। বামদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ভারত, ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ইন্ডিয়া। লেখা থাকবে মুদ্রার অঙ্কও।

    মুদ্রার অন্য পিঠে থাকবে সংসদ ভবনের ছবি। তার নিচে দেবনগরী হরফে লেখা থাকবে সংসদ সংকুল ও ইংরেজিতে নতুন পার্লামেন্ট (New Parliament) কমপ্লেক্স। কয়েনের ধারে মোট ২ হাজারটি দাগ থাকবে। ধাতু থাকবে চারটি রুপো, তামা, নিকেল এবং জিঙ্ক। অনুষ্ঠানের সব শেষে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্বোধন। অনুষ্ঠান শেষ হবে ২.৩০ মিনিটে।

    আরও পড়ুুন: ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Abhijit Gangopadhyay: ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই!

    Abhijit Gangopadhyay: ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই!

    মাধ্যম নিউজ ডেস্ক: সব জল্পনার অবসান। প্রাথমিকের মামলা শুনবেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই (Abhijit Gangopadhyay)। নয়া রস্টার অনুযায়ী, আগে তাঁর এজলাসে প্রাথমিকের যেসব মামলার শুনানি হচ্ছিল, এখনও তাই হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত যে দুটি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে পাঠানো হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, সেখানেই চলবে ওই মামলার শুনানি। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি সিনহার এজলাসে আগেও যে মামলাগুলি ছিল, সেগুলির শুনানি হবে তাঁদের এজলাসেই।

    হাইকোর্টের নয়া রস্টার

    একটি নির্দিষ্ট সময় অন্তর বিচারপতিদের বিচার্য বিষয় পরিবর্তন হয়। কোন বিচারপতির এজলাসে কোন মামলার শুনানি হবে, তা ঠিক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বৃহস্পতিবার নয়া রস্টার প্রকাশ করেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সেখানেই দেখা গিয়েছে, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সব মামলারই শুনানি হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) এজলাসে। নিয়োগ কেলেঙ্কারির জেরে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সে সংক্রান্ত মামলারও শুনানি হবে তাঁর এজলাসেই।

    বিচারপতি গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay) নিয়ে জল্পনা 

    এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বিচারাধীন কোনও একটি বিষয়ে সাক্ষাৎকার দেওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ কেলেঙ্কারির দুটি মামলা সরিয়ে নেওয়া হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। সেই দুটি মামলার শুনানি চলছে বিচারপতি অমৃতা সিহনার বেঞ্চে। তার পরেই জল্পনা ছড়ায়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে হয়তো প্রাথমিকের বাকি মামলাও সরিয়ে নেওয়া হবে। সেই জল্পনা যে নিছকই জল্পনা, এদিন রস্টার প্রকাশিত হওয়ার পর তা পরিষ্কার হয়ে গেল জলের মতো।

    আরও পড়ুুন: “বিজ্ঞানের মূল কথা নিহিত ছিল বেদেই”! দাবি ইসরো চেয়ারম্যানের

    রস্টার অপরিবর্তিত রয়েছে কলকাতা হাইকোর্টের আর এক বিচারপতি রাজাশেখর মান্থারও। পুলিশি নিষ্ক্রিয়তার মামলার শুনানি হচ্ছিল তাঁর এজলাসে। নয়া রস্টারে দেখা যাচ্ছে, ওই মামলা শুনানি হবে তাঁরই বেঞ্চে। প্রসঙ্গত, একের পর ‘অপ্রীতিকর’ নির্দেশের জেরে বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) ও বিচারপতি মান্থার বিরুদ্ধে সরব হন তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ। আন্দোলনও করেছিলেন তাঁরা। তাঁদের বেঞ্চও বয়কট করা হয়েছে। তার পরেও রস্টারে তাঁদের বিচার্য বিষয় অপরিবর্তিত থাকায়, খানিকটা হলেও হতাশ তৃণমূল।

    এতদিন পুরসভা সংক্রান্ত মামলা শুনতেন বিচারপতি সিনহা। নয়া রস্টার অনুযায়ী, এবার থেকে পঞ্চায়েত সংক্রান্ত মামলাও শুনবেন তিনি। তাই পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও মামলা হলে, তার শুনানি হবে বিচারপতি সিনহার এজলাসেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share