Tag: bangla news

bangla news

  • Google: ভ্রমণ হবে আরও সহজ, গুগল ম্যাপ আনল ৬ নতুন ফিচার, কী কী যুক্ত হল?

    Google: ভ্রমণ হবে আরও সহজ, গুগল ম্যাপ আনল ৬ নতুন ফিচার, কী কী যুক্ত হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে  গুগল (Google) তাদের সমস্ত পরিষেবাকে আরও উন্নত করতে শুরু করেছে, এর মধ্যে অন্যতম গুগল ম্যাপ (Google Map)। অচেনা পথ চলতে লোকজনকে জিজ্ঞেস না করেও গন্তব্যে এখন পৌঁছানো যায়। সঙ্গী হিসেবে আপনার সঙ্গে থাকেন গুগল ম্যাপ। এবার এআইয়ের সাহায্যে গুগল ম্যাপ হয়ে উঠবে আপনার আরও কাছের বন্ধু। সহজ হবে ভ্রমণ। ইতিমধ্যে নতুন ৬টি ফিচার প্রকাশ করেছে গুগল। যা ম্যাপকে আরও নিখুঁত করেছে। ফলে পথ চলা আরও সহজ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    এক নজরে দেখে নেব কোন ফিচারগুলি আনল গুগল  (Google) ম্যাপ

    চারচাকার জন্য নেভিগেশন

    সরু রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া সব সময়ই কঠিন। এবার গুগল এরজন্য নিয়ে এসেছে (Google) ন্যারো রোডস ফিচার। এর সাহায্যে সরু রাস্তাকে এড়িয়ে যেতে পারবেন চালকরা। দুটি বিল্ডিং-এর মধ্যে দূরত্বও দেখাবে এই ফিচার। প্রাথমিকভাবে আটটি শহরে চালু হবে এই ফিচার। এগুলি হল, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কোয়েম্বাটুর, ইন্দোর, ভোপাল, ভুবনেশ্বর এবং গুয়াহাটি।

    ফ্লাইওভার অ্যালার্টস

    অনেক সময়ই পথে চলতে চলতে ফ্লাইওভার নিয়ে সমস্যা তৈরি হয়। বিশেষত, অপরিচিত কোনও জায়গায়। এবার সেই সংশয় দূর করতে গুগলম্যাপ নিয়ে এল নয়া ফিচার। সামনে ফ্লাইওভার থাকলে এবার তাও চালকদের জানিয়ে দেবে অ্যাপ  (Google)। চারচাকা হোক বা দুচাকা, সকলের জন্যই থাকবে অ্যালার্ট। দেশের ৪০টি শহরে কাজ করবে এই ফিচার।

    ইভি চার্জিং স্টেশন

    ইলেকট্রিক ভেহিকলের সংখ্যা লাফিয়ে বাড়ছে এদেশে। কিন্তু ইভি চার্জিং স্টেশন খুঁজে পেতে অনেক সময় সমস্যা হয়। এবার গুগল ম্যাপ নিকটবর্তী স্টেশন খুঁজে দেবে। এনিয়ে গুগলের  (Google) সঙ্গে চুক্তিও হয়েছে ElectricPe, Ather, Kazam এবং Statiq-এর মতো ইভি সংস্থাগুলির সঙ্গে।

    মেট্রো টিকিট বুকিং

    দেশের বিভিন্ন শহরে এই পরিষেবা আনছে গুগল ম্যাপ (Google Map)। কোচি ও চেন্নাইয়ে তা শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে। অ্যাপের সাহায্যে সরাসরি মেট্রোর টিকিটও কেটে নিতে পারবেন যাত্রীরা। ফলে গাড়ি থেকে নেমে মেট্রো ধরতে হলে চিন্তা নেই।

    ট্র্যাফিকে গোলমালের অ্যালার্ট

    ট্র্যাফিকে গোলমাল হোক কিংবা কোনও নির্মাণকাজের গোলমাল, পথে কোনও সমস্যা থাকলে এবার তাও জানিয়ে দেবে গুগল ম্যাপ অ্যাপ।

    পপুলার স্পট

    বন্ধুদের সঙ্গে কোথাও খেতে যাবেন বা ঘুরতে? সব খোঁজ দেবে গুগল ম্যাপ (Google Map)। নিজের প্রিয় স্পট অন্যদের সঙ্গে শেয়ার করার সুযোগও থাকছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • US-India: ভারতকে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির মতো মর্যাদা দেওয়ার দাবি, বিল পেশ মার্কিন সেনেটে

    US-India: ভারতকে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির মতো মর্যাদা দেওয়ার দাবি, বিল পেশ মার্কিন সেনেটে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে জাপান, ইজরায়েল, কোরিয়া এবং ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির মতো সমান মর্যাদা দেওয়ার দাবি উঠল মার্কিন সেনেটে। বৃহস্পতিবার সেনেটর মার্কো রুবিও (Marco Rubio) কংগ্রেসে “মার্কিন-ভারত প্রতিরক্ষা সহযোগিতা আইন” (US-India Defense Cooperation Act) নামে একটি বিল উত্থাপন করেছেন। এই বিলের লক্ষ্যই হল ভারতকে বিশেষ মর্যাদা দেওয়া। প্রযুক্তি স্থানান্তর এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ভারতের (US-India) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে জোর দেন রুবিও।

    কী বললেন সেনেটর রুবিও (Marco Rubio)

    আমেরিকার সেনেটর রুবিও এদিন এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন, “ভারতের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক বাড়ানোর উচিত। এক্ষেত্রে নয়া দিল্লির সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর করা প্রয়োজন। কমিউনিস্ট চিন আঞ্চলিক অংশীদারদের সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসন ব্যাহত করার চেষ্টা করছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিন তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সবসময় সতর্ক থাকা উচিত। ভারত, এবং এই অঞ্চলের অন্যান্য দেশ, যে একা নয়, তা-ও চিনকে বোঝানো দরকার।”

    বিলটির প্রধান দিক

    ভারতের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে চিন বা অন্য কোনও রাষ্ট্র যদি হুমকি দেয়, তাহলে ভারতকে সহায়তা প্রদান। প্রতিরক্ষা, অসামরিক মহাকাশ, প্রযুক্তি, চিকিৎসা এবং অর্থনৈতিক বিনিয়োগে ভারতকে সহযোগিতা করে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বৃদ্ধি করা। রাশিয়ান সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে ভারতকে সীমিত অব্যাহতি দেওয়ার কথাও বলা হয়। বিলে (US-India Defense Cooperation Act) বলা হয়, ভারতকে প্রযুক্তি স্থানান্তরের বিষয়ে জাপান, ইজরায়েল, কোরিয়া এবং ন্যাটো মিত্রদের মতো মর্যাদা দেওয়া হবে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নয়াদিল্লির সঙ্গে কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে আমেরিকা। 

    আরও পড়ুন: ‘‘ইতিহাস থেকে শেখেনি…’’, কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

    পাকিস্তানের উদ্বেগ

    প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বোঝাপড়া আগামী দিনে আরও জোরদার করার কথা বলা হয়েছে। তবে চিনের সঙ্গে সম্পর্ক নিয়ে আমেরিকার যে মাথাব্যথা রয়েছে, তা-ও স্পষ্ট করে দিয়েছে মার্কিন সেনেটের (Marco Rubio) এই বিল (US-India Defense Cooperation Act)। এ প্রসঙ্গে রুবিও বলেন,  “প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে বোঝাপড়াকে আমরা উৎসাহ দিয়ে যাব।” ভবিষ্যতেও এই বোঝাপড়া চলবে বলে জানিয়েছেন তিনি। এই বিলটি পাশ হলে সমস্যা বাড়তে পারে পাকিস্তানের। এই বিল অনুযায়ী, যদি প্রমাণ হয় ভারতের বিপক্ষে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে পাকিস্তান, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে আমেরিকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: সোনারপুরে জামালকে নিয়ে পুলিশি অভিযান, বাড়িতে খোঁজ মিলল বিশাল চেম্বারের

    South 24 Parganas: সোনারপুরে জামালকে নিয়ে পুলিশি অভিযান, বাড়িতে খোঁজ মিলল বিশাল চেম্বারের

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলতুলির সাদ্দাম সর্দারের বাড়িতে পুলিশ হানা দেওয়ার সময় তাঁর বেড রুমের নিচে পাওয়া গিয়েছিল সুড়ঙ্গ। সেই ঘটনার জের মিটতে না মিটতেই এবার শুক্রবার সোনারপুরের জামালউদ্দিন সর্দারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। জামালকে সঙ্গে করেই পুলিশ তার বাড়িতে হানা দেয়। এদিন সকালে তাঁর বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড় উপচে পড়ে।

     বিশাল চেম্বারের হদিশ পেল পুলিশ (South 24 Parganas)

    সালিশি সভা ডেকে মহিলাকে মারধরের অভিযোগে গত শুক্রবার গ্রেফতার করা হয়েছিল জামালকে। তারপর এদিন সকালে জামালের বাড়িতে (South 24 Parganas) অভিযান চালায় পুলিশ। সকাল ৬টা নাগাদ জামালকে সঙ্গে নিয়েই তাঁর বাড়িতে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। প্রায় দেড় ঘণ্টা ধরে গোটা বাড়ি (Sonarpur) জুড়ে চলে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, যেখানে সালিশি সভা বসত, যেখানে শিকল বাঁধার হুক ছিল, সেখানেই মাটির তলায় একটি চেম্বারের হদিশ মিলেছে। কী কারণে ওই চেম্বারটি ব্যবহৃত হত, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। যদিও পুলিশ সূত্রে খবর, জামাল দাবি করেছেন জলের ট্যাঙ্ক হিসাবে মাটির তলার ওই চেম্বারটিকে ব্যবহার করতেন তিনি। শুক্রবার সকালে জামালের বাড়িতে পুলিশ ঢোকার পর, বাড়ির ভিতর থেকে কিছু ভাঙাভাঙির শব্দ ভেসে আসছিল। পুলিশি অভিযানের সময় সাক্ষী হিসাবে জামালের বেশ কয়েক জন প্রতিবেশীকে বাড়ির ভিতরে ডাকা হয়েছিল। তাঁরা জানিয়েছেন, জলের ট্যাঙ্কটিই ভাঙাভাঙির কাজ চলছিল। মাটির তলায় ওই চেম্বারটির মধ্যে কিছু রয়েছে কি না সেটি খতিয়ে দেখতেই পুলিশ সেটি ভাঙচুর চালিয়েছিল। তবে, সেখান থেকে কিছু মেলেনি। এছাড়া জামালের বাড়ি থেকে আধার কার্ড-সহ বেশি কিছু নথিপত্র সংগ্রহ করেছেন পুলিশকর্মীরা।

    আরও পড়ুন: ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস, দেশের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ এই দিন

    প্রতিবেশীরা কী বললেন?

    জামালের বাড়িতে তল্লাশির জন্য বারুইপুর মহকুমা আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত। তার প্রেক্ষিতেই শুক্রবার সকালে সোনারপুরে (Sonarpur) জামালের বাড়িতে অভিযান চালান পুলিশকর্মীরা। সোনারপুরের জামালের বাড়িতে মাটির তলার এই ‘চেম্বার’ নিয়ে এলাকায় নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রতিবেশীদের বক্তব্য, বাড়ির ভিতরে অতবড় চেম্বার রয়েছে তা আমরা জানতামই না। আমরা চাই, ঘটনার তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: নিম্নচাপে সাগর এখনও উত্তাল! গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বাড়ানো হল নিষেধাজ্ঞা

    Weather Update: নিম্নচাপে সাগর এখনও উত্তাল! গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বাড়ানো হল নিষেধাজ্ঞা

    মাধ্যম নিউজ ডেস্ক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে শনিবার এটি নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে হেলে থাকায় শুক্র ও শনিবার ভালই বৃষ্টি হবে। এদিকে নিম্নচাপের (Weather Update) প্রভাবে সমুদ্র এখনও উত্তাল হয়ে রয়েছে। মৎস্যজীবীদের (Fishermen) জন্য সতর্কতার সময় বৃদ্ধি করেছে হাওয়া অফিস। উত্তর এবং পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ঝোড় হাওয়া বইছে। তাই আপাতত গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। অপরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর (Weather Update)

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের (Weather Update) জন্য উত্তর এবং পশ্চিম-মধ্য বঙ্গপোসাগরে ঝোড় বাতাসের প্রকোপ চলছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে এই হাওয়ার গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে। কখনও কখনও দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই রকম পরিস্থিতি আরও আগামী ৩৬ ঘণ্টা থাকতে পারে বলে জানা গিয়েছে। এই জন্য গভীর সমুদ্রে মাছ (Fishermen) ধরতে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে।

    শুক্রবার ভারী বৃষ্টি

    তবে এই নিম্নচাপের (Weather Update) প্রভাব পড়েছে স্থলভাগের উপরেও। গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের সব জেলায়। আকাশ বেশিরভাগ সময়ে থাকছে মেঘলা। কখনও ঝেপে বৃষ্টি হচ্ছে আবার কখনও ঝিরিঝির বৃষ্টি হচ্ছে। এই রকম আবহাওয়ায় শুক্রবার সব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ইতিমধ্যে চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস থেকে জানা গিয়েছে, শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব এলাকায় প্রয়োজনীয় সব রকম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

    আরও পড়ুনঃ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রানাঘাটে জোড়া খুন, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত

    একই ভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির (Weather Update) সতর্কতা দেওয়া হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবার দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আগামী সোম-মঙ্গলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে শুক্রবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: মমতার মন্তব্যে ঢাকার অসন্তোষ, দিল্লি কড়া বার্তা দিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে

    Bangladesh: মমতার মন্তব্যে ঢাকার অসন্তোষ, দিল্লি কড়া বার্তা দিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২১ জুলাই ধর্মতলার সভা মঞ্চ থেকে বাংলাদেশিদের (Bangladesh) আশ্রয় দান সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিতর্কিত মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে ঢাকা, এ নিয়ে ভারতকে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছিল তারা। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের কাছ থেকে পাওয়া মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই আপত্তিবার্তার কথা স্বীকার করেছেন। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সংবিধানের পাঠ দিয়ে জানানো হয়েছে, অন্য কোনও দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ করার অধিকার কোনও রাজ্য সরকারের নেই। সংবিধান সেই অধিকার কখনও দেয়নি কোনও রাজ্যকে। বিষয়টি একান্তভাবে ভারত সরকারের অধীনে রয়েছে।

    কী বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র?

    বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ (Bangladesh) সরকারের কাছ থেকে আমরা একটি কূটনৈতিক নোট পেয়েছি। আপনারা (সংবাদমাধ্যম) রিপোর্টে যেমনটা দেখেছেন, খানিকটা সে রকমই (নোট পাঠানো হয়েছে)।’’ এর পর তিনি বলেন, ‘‘ভারতের সংবিধানের সপ্তম তফসিলের প্রথম তালিকার ১০ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে বিদেশ সংক্রান্ত সমস্ত বিষয় এবং অন্য কোনও দেশের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়ের এক্তিয়ার একমাত্র ভারত সরকারের।’’ ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের মন্তব্য, ‘‘এই বিষয়টি যৌথ তালিকায় নেই। আর অবশ্যই রাজ্যের তালিকায় নেই। আমাদের অবস্থানটা স্পষ্ট, সাংবিধানিক এক্তিয়ারের বাইরের কোনও বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়।’’

    প্রেক্ষাপট

    প্রসঙ্গত ২১ জুলাই মমতা বলেছিলেন, বাংলাদেশের (Bangladesh) মানুষ দরজায় কড়া নাড়লে রাজ্যে তাঁদের আশ্রয় দেবেন। মমতার এই মন্তব্য ঘিরেই শোরগোল শুরু হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করে বলেন, ‘‘সংবিধান অনুযায়ী এই অধিকার রাজ্য সরকারের নেই। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।’’ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমার মনে হয়, এ নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলা উচিত। রাজ্য ওঁর একার নয়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে দেশে।’’

    বাংলাদেশের (Bangladesh) চিঠি

    মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতার (Mamata Banerjee) মন্তব্যের প্রতিক্রিয়া জানান বাংলাদেশের (Bangladesh) বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি, ওঁর সঙ্গে ভাল সম্পর্ক আমাদের। তবে ওঁর মন্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে যথেষ্ট। তাই ভারত সরকারকে এ নিয়ে নোট দিয়েছি আমরা।’’ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মমতা মন্তব্য করেছেন বলেও জানান হাসান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kargil Vijay Diwas: ‘‘ইতিহাস থেকে শেখেনি…’’, কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

    Kargil Vijay Diwas: ‘‘ইতিহাস থেকে শেখেনি…’’, কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান। যে কোনও সন্ত্রাসবাদী হামলা ব্যর্থ করবে ভারত। দেশের সেনাবাহিনীর প্রতি আস্থা রেখে কার্গিল বিজয় দিবসে (Kargil Vijay Diwas) পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে ২৪ থেকে ২৬ জুলাই দ্রাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে লাদাখে ‘কার্গিল ওয়ার মেমোরিয়ালে’ পৌঁছন প্রধানমন্ত্রী (PM Modi)। সেখানে প্রধানমন্ত্রী কার্গিল যুদ্ধে শহিদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। 

    পাকিস্তানকে হুঁশিয়ারি (Kargil Vijay Diwas) 

    ভারত চলতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসের (Kargil Vijay Diwas)  রজত জয়ন্তী উদযাপন করছে। ২৫ বছর আগে এই দিনে ভারতীয় সেনাবাহিনী তার বীরত্ব ও সাহসিকতার এক নজির সৃষ্টি করেছিল। এই উপলক্ষে শুক্রবার শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাদাখে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানে শহিদদের  প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী (PM Modi)। 

    একই সঙ্গে পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেন, “আমি সন্ত্রাসবাদের প্রভুদের বলব, ওদের অপচেষ্টা কখনই সফল হবে না। শত্রুদের যোগ্য জবাব দেব। লাদাখ বা ​​জম্মু ও কাশ্মীরের উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে হারাবে ভারত। পাকিস্তান তার ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি। তারা সন্ত্রাসবাদ এবং ছায়া যুদ্ধ ব্যবহার করে। আমি আজ এমন একটি জায়গা থেকে কথা বলছি, যেখানে সন্ত্রাসবাদীরা সরাসরি আমার কথা শুনবে। আমি তাদের বলতে চাই, তাদের পরিকল্পনা কখনই সফল হবে না। লাদাখ হোক বা ​​জম্মু ও কাশ্মীর, আমরা উন্নয়ন চালিয়ে যাব। ৫ অগাস্ট, ৩৭০ ধারা বাতিলের ৫ বছর পরে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। পরিকাঠামো ও পর্যটন খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কয়েক দশক পর কাশ্মীরে সিনেমা হল খুলেছে। কয়েক দশক পর শিয়া সম্প্রদায় শ্রীনগরে তাকিয়া পালন করেছে।”

    ২৫ বছর আগে কী হয়েছিল (Kargil Vijay Diwas) 

    ১৯৯৯ সালের ২৬ জুলাই ভারতীয় সেনাবাহিনী প্রায় তিনমাস যুদ্ধের পর কার্গিল সেক্টরে ভারতের দিকে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দখল করা অংশ পুনরুদ্ধার করে অপারেশন বিজয়ের সাফল্য ঘোষণা করে। যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়কে স্মরণ করতে দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

    প্রধানমন্ত্রীর বার্তা (PM Modi)

    এদিন, সকাল সাড়ে ৯টায় কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছন প্রধানমন্ত্রী। তার আগে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘২৬ জুলাই প্রত্যেক ভারতীয়র জন্য একটি বিশেষ দিন। এবার আমরা ২৫তম কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) উদযাপন করব। আমাদের দেশকে যারা প্রাণ দিয়ে রক্ষা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই বিশেষ ভাবে পালিত হচ্ছে আজকের এই দিন’। 

    স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

    কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স-এ লিখেছেন- ‘দেশ কখনও শহিদদের আত্মত্যাগ ভুলবে না’। আজকের এই বিশেষ দিনে বীর শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি।

    প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, “আজ কার্গিল বিজয় (Kargil Vijay Diwas) দিবসের ২৫তম বার্ষিকীতে, আমরা ১৯৯৯ সালের যুদ্ধে বীর সৈনিকদের অদম্য চেতনা এবং সাহসের কথা স্মরণ করছি। তাদের অটল প্রতিশ্রুতি, বীরত্ব এবং দেশপ্রেম আমাদের দেশকে নিরাপদ ও সুরক্ষিত রেখেছে। তাদের সেবা এবং আত্মত্যাগ প্রত্যেক ভারতীয় এবং আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

    শিনকুন লা টানেল উদ্বোধন

    প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, মোদি (PM Modi) তাঁর লাদাখ সফরে শিনকুন লা টানেল প্রকল্পের উদ্বোধন করবেন। লেহ-এর সঙ্গে যোগাযোগ উন্নত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ। কাজ সম্পুর্ণ হলে শিনকুন লা হবে বিশ্বের সর্বোচ্চ টানেল। শিনকুন লা টানেল প্রকল্পটি ৪.১ কিলোমিটার লম্বা টুইন টিউব টানেল নিয়ে গঠিত। এই টানেল তৈরি হয়ে গেলে সারা বছরই লেহ উপত্যকার সঙ্গে যোগাযোগ করা যাবে। নিমু-পদুম-দারচা সড়কে প্রায় ১৫,৮০০ ফুট উচ্চতায় তৈরি হবে এই টানেল। টানেলটি হিমাচল প্রদেশের লাহুল উপত্যকাকে লাদাখের জান্সকার উপত্যকার সঙ্গে সংযুক্ত করবে। এদিন কার্গিল যুদ্ধে নিহত সেনা অফিসারদের পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলবেন মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kalki 2898 AD: বক্স অফিসে নয়া রেকর্ড! ২৮ দিনে ১ হাজার ১০০ কোটি ছুঁল প্রভাসের ‘কল্কি’

    Kalki 2898 AD: বক্স অফিসে নয়া রেকর্ড! ২৮ দিনে ১ হাজার ১০০ কোটি ছুঁল প্রভাসের ‘কল্কি’

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলস্টোন ছুঁয়েছে প্রভাসের ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’৷ দুটো ফ্লপ সিনেমার পর এবার নতুন অধ্যায় লিখতে চলেছেন দক্ষিণী তারকা প্রভাস৷ ইতিমধ্যেই তাঁর অভিনীত কল্কি বক্স অফিসে (Box Office Collection) যে বিজয় রথ দৌড় করাচ্ছেন তা থামানো মুশকিল পঞ্চম সপ্তাহতেও৷ হিসেব বলছে, গ্লোবাল বক্স অফিসে ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD) ছুঁল নতুন রেকর্ড৷ এখনও পর্যন্ত কল্কির ঝুলিতে এসেছে ১ হাজার ১০০ কোটি টাকা৷ ফলে সিনেমার এই সাফল্যে উচ্ছ্বসিত প্রযোজক-নির্মাতা সহ অনুরাগীরাও৷

    কী জানাল প্রযোজনা সংস্থা? (Kalki 2898 AD)

    নাগ অশ্বিন পরিচালিত এই ছবি ২৮ দিন ধরে টানা প্রেক্ষাগৃহে রাজত্ব করে চলেছে৷ এ নিয়ে প্রযোজনা সংস্থা বৈজন্তি মুভিসের তরফে বৃহস্পতিবার নতুন একটি পোস্টার সামনে আনা হয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, “বক্স অফিসে অসাধারণ সাফল্য প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কির৷ ১১০০ কোটি টাকা পার৷ পঞ্চম সপ্তাহেও দারুণ হচ্ছে ছবির কালেকশন৷” ‘কল্কি’র সাফল্য ভারতীয় সিনেমার জন্য গৌরবের৷

    ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে ফেলবে ‘কল্কি’? (Box Office Collection) 

    ২৭ জুন দেশজুড়ে মুক্তি পায় ‘কল্কি’ (Kalki 2898 AD)৷ এমনকী, বিদেশের মাটিতেও এই ছবি দেখে মুগ্ধ হন অনুরাগীরা৷ প্রথমদিনেই ছবির ঘরে আসে ৯৫.৩ কোটি টাকা৷ কোনও প্রতিযোগিতা ছাড়াই বক্সঅফিস দখল করে নিতে সক্ষম হয় মাইথোলজিক্যাল এই ছবি৷ আর ২০ কোটি টাকা আয় হলেই শাহরুখ খানের ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে ফেলবেন প্রভাস৷ নাগ অশ্বিনের মাইথোলজিক্যাল এই সাইন্স-ফিকশন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়কে৷ তেলুগু ছাড়া ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়েছে তামিল, মালয়লম, কন্নড়, হিন্দি ও ইংরাজি ভাষায়৷

    আরও পড়ুন: বক্স অফিসে কল্কি-ঝড় অব্যাহত, ২৩ দিনে ৬০০ কোটি টাকার ব্যবসা

    উল্লেখ্য, ৬০০ কোটি টাকা বাজেট ছিল এই ছবির৷ তবে প্রযোজকের এই সিদ্ধান্তে চিন্তিত ছিলেন অভিনেতা প্রভাস৷ কারণ এর আগে আদিপুরুষ ও রাধেশ্যাম বিগ বাজেটের দুটি ছবি অসফল থাকে বক্সঅফিসে৷ ফলে এই ছবি কতটা দর্শকরা গ্রহণ করবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন অভিনেতা৷ তবে ছবি (Kalki 2898 AD) মুক্তির পর সাফল্যের ঢেউ ওঠে বক্সঅফিসে৷ মনে করা হচ্ছে, তেলেগু এবং অন্যান্য ভাষায় কম প্রতিযোগিতার কারণে ছবিটি ভারত এবং বিদেশ উভয় বক্স অফিসেই সফলতা পাচ্ছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ranaghat: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রানাঘাটে জোড়া খুন, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    Ranaghat: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রানাঘাটে জোড়া খুন, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: রানাঘাটে প্রকাশ্যে সোনার দোকানে ডাকাতির পর এবার (Ranaghat) ভরসন্ধ্যায় জোড়া খুন (Murder)। এই ঘটনায় রানাঘাটের আনুলিয়া মনসাতলা এলাকা আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রূপক দাস (৩৮) এবং সুমন চক্রবর্তী (৪০)। সুমনবাবু পেশায় ব্যবসায়ী। তাঁর গাড়ির চালক ছিলেন রূপক। দুজনের বাড়ি রানাঘাট পুরসভা এলাকায়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Ranaghat)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, সুমনবাবুর কাছে বৃহস্পতিবার ফোন এসেছিল। সেই ফোন পেয়েই রূপকবাবুকে নিয়ে বাইকে করে ওই ব্যবসায়ী বেরিয়েছিলেন। তবে, তিনি কোথায় যাচ্ছেন তা বাড়িতে বলে যাননি। আর তিনি বাড়ি ফেরেননি। সন্ধ্যা ৭ টা নাগাদ পরিবারের লোকজন খবর পান, নির্মীয়মাণ বাড়িতে তাঁদের ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে। পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁদের দুজনকে সেখান থেকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। পরিবারের প্রাথমিক অনুমান, চক্রান্ত করে ওই ব্যবসায়ী ও তাঁর গাড়ির চালককে কুপিয়ে খুন করা হয়েছে। তবে, এই ঘটনা আবারও প্রমাণ করে দিল নির্বাচন শেষ হয়ে গেলেও এখনও উত্তপ্ত রানাঘাট। পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে রানাঘাট থানার পুলিশ।

    আরও পড়ুন: ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস, দেশের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ এই দিন

    নিহত ব্যবসায়ীর আত্মীয় কী বললেন?

    নিহত ব্যবসায়ীর আত্মীয় মেঘনাদ বন্দ্যোপাধ্যায় বলেন, সুমন পেশায় ব্যবসায়ী ছিল। তার সঙ্গে কারও শত্রুতা ছিল বলে আমার জানা নেই। পরিবারের কাছে এই ধরনের আশঙ্কার কথাও ও বলেছে বলে আমার জানা নেই। এদিন সন্ধ্যায় আমরা খবর পেয়ে হাসপাতালে আসি। যেটুকু জেনেছি, কোনও ফোন পেয়ে সুমন বাড়ি থেকে বেরিয়েছিল। সঙ্গে গাড়ির চালক ছিল। দুজনকে এভাবে কুপিয়ে খুন (Murder) করা হবে তা ভাবতে পারছি না। পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। ফলে, এই ঘটনার পর আমরাও আতঙ্কিত। আমাদের দাবি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kargil Vijay Diwas: ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস, দেশের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ এই দিন

    Kargil Vijay Diwas: ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস, দেশের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ এই দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিবছর ২৬ জুলাই পালিত হয় কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas)। এই দিনটির যথেষ্ট তাৎপর্য রয়েছে ভারতীয় ইতিহাসে। এই দিনটি আমাদের মনে করায়, ১৯৯৯ সালে কার্গিলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার যুদ্ধ জয়। ২৬ জুলাই এই দিনটি উৎসর্গ করা হয়েছে সেই সমস্ত সাহসী সৈন্যদের প্রতি, যাঁরা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করার জন্য যুদ্ধ ময়দানে নেমেছিলেন। চলতি বছরে আজ শুক্রবার হল কার্গিল বিজয় দিবস। এই দিনটির অন্যতম গুরুত্ব হল, কার্গিলে যে সমস্ত অঞ্চল পাকিস্তানি সৈন্যরা দখল করেছিল, ভারতীয় সেনা বীরত্বের সঙ্গে যুদ্ধ করে সেই স্থানগুলিকে দখলমুক্ত করে। ভারতীয় সেনার এমন দাপটে পিছু হঠতে বাধ্য হয় পাকিস্তানি সেনা। এ প্রসঙ্গে বলা দরকার, পাকিস্তানি সৈন্যদের সঙ্গে সেসময় জঙ্গিরাও ছিল কার্গিল যুদ্ধে (Kargil Day)।

    ১৯৯৯ সালের মে মাসে শুরু হয় কার্গিল যুদ্ধ (Kargil Vijay Diwas)

    ১৯৯৯ সালের মে মাসে শুরু হয় কার্গিল যুদ্ধ, যখন পাকিস্তানি সৈন্য এবং জঙ্গিরা যৌথভাবে সীমান্ত পেরিয়ে কার্গিলের (Kargil Day) বেশ কিছু অঞ্চলকে দখল করে। ১৯৯৯ সালের জুন মাসে ভারতীয় সেনা শুরু করে ‘অপারেশন বিজয়’। এর মাধ্যমে কার্গিলকে পাকিস্তানি জঙ্গি ও সৈন্যদের কাছ থেকে দখলমুক্ত করতে অভিযান শুরু করে সেনা। ১৯৯৯ সালে ২৬ জুলাই সম্পূর্ণভাবে পাকিস্তানি সৈন্যকে পরাস্ত করে কার্গিলকে দখলমুক্ত করে ভারতীয় সেনা। চলতি বছরে কার্গিল বিজয় দিবসের ২৫তম বর্ষপূর্তি হচ্ছে।

    ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের লাহোর ঘোষণাপত্র, শান্তি স্থায়ী হয়নি

    কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে লাহোর ঘোষণাপত্রে স্বাক্ষর করা সত্ত্বেও, শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। পাকিস্তানি সৈন্য এবং জঙ্গিরা ১৯৯৮-১৯৯৯ সালে শীতকালে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় অনুপ্রবেশ শুরু করে, কাশ্মীর এবং লাদাখের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিও দখল করে তারা। এরপর মে মাসে ভারতীয় সেনাবাহিনী অনুপ্রবেশের বিষয়টি চিহ্নিত করে, এরপরই শুরু হয় কার্গিলে ভারতীয় সেনার অভিযান (Kargil Vijay Diwas)। তীব্র যুদ্ধের সঙ্গে শুরু হয় ‘অপারেশন বিজয়’।

    অনুপ্রবেশকারীদের মধ্যে ছিল পাক সেনাও

    ১৯৯৯ সালের মে থেকে জুলাই পর্যন্ত জম্মু এবং কাশ্মীরের দ্রাস-কার্গিল সেক্টরে চলে যুদ্ধ। পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশ চলতে থাকে কার্গিলে। পাকিস্তান প্রথমে দাবি করে, জঙ্গিরাই এ সব করছে। এখানে পাক সেনার কোনও ভূমিকা নেই। পরে যদিও পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফ তাঁর আত্মজীবনী ‘ইন দ্য লাইফ অব ফায়ার’-এ স্বীকার করেছিলেন, অনুপ্রবেশকারীদের মধ্যে ছিল পাক সেনাও।

    আমেরিকার দ্বারস্থ হয় পাকিস্তান 

    কার্গিলের যুদ্ধের (Kargil Vijay Diwas) সময় পাকিস্তানের অবস্থা যখন একেবারে বেসামাল, তখন আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল পাকিস্তান। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের সহযোগী ব্রুস রিডেল দাবি করেছিলেন, বৃহত্তর সংঘাত এড়াতে পাকিস্তানকে সাহায্য করতে রাজি হয়নি আমেরিকা। আমেরিকার দাবি ছিল, ভারত থেকে পাকিস্তান সৈন্য প্রত্যাহার না করলে তারা কোনও ভাবেই সাহায্য করবে না।

    ৫২৭ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হন এই যুদ্ধে

    প্রসঙ্গত, কার্গিল হল জম্মু-কাশ্মীরের একটি জেলা। এই জেলাকে নিয়ে তখনই পাকিস্তান ও ভারতের মধ্যে বিবাদ শুরু হয়, যখন পাকিস্তানি সেনা এবং জঙ্গিরা এখানে অনুপ্রবেশ করতে থাকে সীমান্ত পেরিয়ে। এই অঞ্চলের একাধিক স্থান তারা নিজেদের দখলে আনতে থাকে। এরপরে ‘অপারেশন বিজয়ে’র মাধ্যমে অসম্ভব সাহস ও বীরত্বের পরিচয় দিয়ে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় ভারতীয় সেনা। দখলমুক্ত হয় কার্গিল। কার্গিল বিজয় দিবসে শ্রদ্ধা জানানো হয় সেই সমস্ত ভারতীয় সেনাদের প্রতি যাঁরা যুদ্ধক্ষেত্রে বীরগতিপ্রাপ্ত হয়েছেন। জানা যায়, ৫২৭ জন ভারতীয় সেনা মাতৃভূমির মাটি দখলমুক্ত করতে শহিদ হন এই যুদ্ধে। প্রতিবছরের ২৬ জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

    কীভাবে পালন করা হয় কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas)

    কার্গিল বিজয় দিবসে সারাদেশে যুদ্ধের যে স্মৃতিসৌধগুলি রয়েছে সেখানে পুষ্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠান করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয় দ্রাসে, এই স্থানটি কার্গিলে অবস্থিত। সেখানে উচ্চপদস্থ সেনা আধিকারিক থেকে শুরু করে সরকারি আধিকারিকরা ও নেতা-মন্ত্রীরা শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন। কার্গিল বিজয় দিবসের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় দেশ জুড়ে। দেশাত্মবোধক গান, নৃত্যের মাধ্যমে ভারতীয় জওয়ানদের বীরত্বগাথাকে স্মরণ করা হয়। কার্গিল বিজয় দিবসের তাৎপর্য সম্পর্কে অবহিত করানো হয় দেশের যুবসমাজকে। দেশের স্কুল-কলেজ তথা বিভিন্ন এনজিও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এই দিনে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News 

  • Daily Horoscope 26 july 2024: এই রাশির জাতকদের সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে

    Daily Horoscope 26 july 2024: এই রাশির জাতকদের সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে

    মেষ

    ১) ব্যবসায় অশান্তি বাধার আশঙ্কা।

    ২) বুকের সমস্যা বৃদ্ধি।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    বৃষ

    ১) বুদ্ধির ভুলে কোনও ক্ষতি হতে পারে, একটু সাবধান থাকা দরকার।

    ২) ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। 

    ৩) দিনটি প্রতিকূল।

    মিথুন

    ১) প্রেমের ব্যাপারে মানসিক অবসাদ দেখা দেবে।

    ২) ব্যবসায় লাভ বৃদ্ধি, তবে খরচও বাড়বে। 

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    কর্কট

    ১) কোনও সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধান।

    ২) নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। 

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    সিংহ

    ১) দিনটি ভালো-খারাপ মিশিয়ে কাটবে।

    ২) বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা। 

    ৩) প্রিয়জনের সঙ্গে মনের কথা বলুন।

    কন্যা

    ১) পুরনো রোগ থেকে মুক্তিলাভ।

    ২) ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। 

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    তুলা

    ১) শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে।

    ২) সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃশ্চিক

    ১) উচ্চাভিলাষী কোনও ব্যক্তির পাল্লায় পড়ে অর্থব্যয়।

    ২) মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন। 

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    ধনু

    ১) সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে।

    ২) কর্মস্থানে গুপ্তশত্রু হতে পারে। 

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    মকর

    ১) অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন।

    ২) সংসারে মনঃকষ্ট। 

    ৩) ধৈর্য ধরুন।

    কুম্ভ

    ১) বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

    ২) অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে। 

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    মীন

    ১) চাকরির জায়গায় বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে।

    ২) প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয়।

    ৩) সমাজ সেবামূলক কাজে যশ বৃদ্ধি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share