Tag: Bengali news

Bengali news

  • Abhishek Banerjee: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলায় ফের ইডির তলব অভিষেককে, হাজিরার নির্দেশ রুজিরাকেও

    Abhishek Banerjee: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলায় ফের ইডির তলব অভিষেককে, হাজিরার নির্দেশ রুজিরাকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: উপায় নেই ইডির নাগাল এড়ানোর! প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর ডিরেক্টর পদে থাকা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

    ফের তলব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে 

    গতকাল, সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল তাঁকে। দিল্লিতে দলীয় কর্মসূচি থাকায় ইডির ডাকে সাড়া দেননি তিনি। এবার নতুন করে তলবের নোটিস পাঠানো হল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে। বলা হয়েছে, আগামী সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে। একইসঙ্গে এই মামলায় প্রথমবার তলব করা হয়েছে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। এর আগে, ইতিমধ্যে তলব করা হয়েছে অভিষেকের বাবা অমিত মুখোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে, নিয়োগ-দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি অভিষেকের গোটা পরিবার। এদিকে, ইডির হাজিরা এড়াতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তৃণমূলের সাধারণ সম্পাদক।

    ডিভিশন বেঞ্চে সময় চাইলেন অভিষেক

    এ প্রসঙ্গে বিচারপতি সৌমেন সেন তাঁর পর্যবেক্ষণে জানান, “হাজিরা যে দেবেন না, তা ইডিকে আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল অভিষেকের।” ডিভিশন বেঞ্চে অভিষেক যে আবেদন করেছেন, সেখানে যুক্তি দেখানো হয়েছে, ইডি যে নথি তাঁর কাছ থেকে চেয়েছে, তা প্রায় ১০ বছরের পুরানো। জোগাড় করতে পর্যাপ্ত সময় প্রয়োজন। অভিষেকের (Abhishek Banerjee) পাশাপাশি আগামী সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁর স্ত্রীকেও। কয়লা পাচার মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে রুজিরাকে।

    জুন মাসে সিজিও কমপ্লেক্সে টানা প্রায় চার ঘণ্টা ধরে ইডির প্রশ্নবাণের মুখোমুখি হয়েছিলেন অভিষেক-পত্নী। এবার রুজিরাকে তলব করা হল নিয়োগ কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদ করতে। ইডি সূত্রে খবর, রুজিরার বয়ান নথিবদ্ধ করতে চাইছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তাই ডেকে পাঠানো হয়েছে তৃণমূল নেতার স্ত্রীকে। ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির সিইও অভিষেক (Abhishek Banerjee)। এই কোম্পানিরই ডিরেক্টর তাঁর মা লতা এবং বাবা অমিত। এই সংস্থার অন্যতম অধিকর্তা ছিলেন রুজিরা।

    আরও পড়ুুন: ‘বালি মাফিয়াদের জন্য রাজ্যে বন্যা পরিস্থিতি, কোনও নজরদারি নেই’, তোপ আলুওয়ালিয়ার

    প্রসঙ্গত, নিয়োগ কেলেঙ্কারি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র সব ডিরেক্টরের সম্পত্তির হিসেব পেশ করতে হবে ইডিকে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে হবে ডিরেক্টরদেরও। সেই সূত্রেই রুজিরাকে তলব করা হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Liquor Policy Scam: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আপ নেতা সঞ্জয়ের বাড়িতে হানা ইডি-র

    Liquor Policy Scam: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আপ নেতা সঞ্জয়ের বাড়িতে হানা ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি নীতি কেলেঙ্কারিতে (Liquor Policy Scam) আগেই গ্রেফতার হয়েছিলেন আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া। ওই একই অভিযোগে বুধবার সাত সকালে আপ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহের দিল্লির বাসভবনে হানা দিল ইডি। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় যে চার্জশিট পেশ করা হয়েছিল, তাতে নাম রয়েছে সঞ্জয়ের। এর আগে সঞ্জয় ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে জেরা করা হয়। তার পর এদিন সকালে সঞ্জয়ের বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা।

    বিপুল অর্থ হাতবদল!

    দিল্লির আবগারি নীতিতে ২০২১ সালে বদল আনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির সরকার। পরে অবশ্য বাতিল করা হয় সেই নীতি (Liquor Policy Scam)। সিবিআইয়ের দাবি, ২০২১-২২ সালে নয়া ওই নীতিতে আপ সরকার কয়েকজন মদ ব্যবসায়ীকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। এজন্য হাতবদল হয়েছে বিপুল পরিমাণ অর্থ। এনিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন দিল্লির লেফটেন্যান্ট জেনারেল ভিকে সাক্সেনা। তার পরেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত শুরু করে ইডিও। জমা দেওয়া হয় চার্জশিট। যে চার্জশিটে নাম রয়েছে সঞ্জয়ের।

    কেজরি-অরোরা বৈঠক

    ইডির চার্জশিট অনুযায়ী, আবগারি নীতি কেলেঙ্কারি (Liquor Policy Scam) মামলায় অভিযুক্ত দিল্লির ব্যবসায়ী দীনেশ অরোরা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে দেখা করেছিলেন। সেই বৈঠকে হাজির ছিলেন সঞ্জয়ও। জেরায় দীনেশ ইডিকে জানিয়েছেন, একটি অনুষ্ঠানে সঞ্জয়ের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। সেই সূত্রেই তাঁর সঙ্গে আলাপ হয় মনীশের। মনীশ তখন উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি সামলাতেন আবগারি দফতরও। ওই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে টানা ন’ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করা হয় মনীশকে।

    আপের জাতীয় মুখপাত্র রীনা গুপ্তা বলেন, “যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আদানিকে নিয়ে সঞ্জয় সিংহ নিরন্তর প্রশ্ন তুলে চলেছেন, তাই তাঁর বাড়িতে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। এর আগেও একবার হানা দিয়েছিল ইডি। কিছুই পায়নি। আজও কিছু পাবে না। গতকাল কয়েকজন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। আজ তল্লাশি অভিযান চালানো হল সঞ্জয়ের বাড়িতে।”

    আরও পড়ুুন: কেন্দ্রীয় মন্ত্রীর কার্যালয়ে বিশৃঙ্খলা তৈরি করে দিল্লিতে আটক তৃণমূল নেতারা

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Sikkim Flash Flood: মেঘভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান, সিকিমে নিখোঁজ ২৩ সেনা জওয়ান

    Sikkim Flash Flood: মেঘভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান, সিকিমে নিখোঁজ ২৩ সেনা জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তর সিকিমের চুংথামে লোনক হ্রদ ফেটে যায়। সেই জল হু-হু করে ঢুকে যায় তিস্তা নদীতে। তাতেই বেধে যায় বিপর্যয়। আচমকা ধেয়ে আসা হড়পা বানে (Sikkim Flash Flood) ভেসে যায় সড়ক। জলের তোড়ে ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি সহ সেনা ছাউনিও। নিখোঁজ হন ২৩ সেনা জওয়ান (Army Jawans Missing)। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

    লোনাক হ্রদে মেঘভাঙা বৃষ্টির ফলে বিপত্তি

    গুয়াহাটিস্থিত সেনার জনসংযোগ আধিকারিক ট্যুইটারে লেখেন, ‘‘উত্তর সিকিমের লোনাক হ্রদে মেঘভাঙা বৃষ্টির ফলে লাচেন উপত্যকার কাছে তিস্তা নদীতে হড়পা বান (Sikkim Flash Flood) আসে। তাতে ২৩ জওয়ান নিখোঁজ (Army Jawans Missing) হয়েছেন।’’ বেশ কয়েকটি জায়গায় ধসও নেমেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। এই ঘটনার জেরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চুংথাম। গতরাত থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে সিকিমে। মেঘ ভাঙা বৃষ্টিতে গতরাতেই অন্তত সাতজন নিখোঁজ হন। ৬টি সেতু ধুয়ে যায়। আর আজ সকালে হড়পা বানে তলিয়ে গেল সেনার গাড়ি। 

    তলিয়ে গেছে ৪১টি ট্রাক সমেত গোটা সেনা ছাউনি!

    এদিন সকালে সেনার ইস্টার্ন কমান্ডের মুখপাত্র জানান, মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লাচেন উপত্যকার লোনক হ্রদ উপচে পড়ে। চুংথাম বাঁধ ভেঙে বিপুল পরিমাণ জল চলে আসে তিস্তা নদীতে। এর ফলে মুহূর্তে তিস্তার জলস্তর প্রায় ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। সিংতমের কাছে বরদঙে নদীর ধারে একটি রাস্তায় দাঁড় করানো ছিল বেশ কয়েকটি সেনার গাড়িটি। হড়পা বান (Sikkim Flash Flood) আসায় ট্রাকগুলি তলিয়ে যায় নদীতে (Army Jawans Missing)। সেনা জানিয়েছে, অন্তত ৪১টি ট্রাক তলিয়ে গিয়েছে। ভেসে গিয়েছে ছাউনির প্রায় সমস্ত কিছুই। জলের তলায় চলে গিয়েছে গাড়ি-সহ গোটা সেনা ছাউনি। এর মধ্যে আবার ধস নামতে শুরু হয়েছে। এত বড় ঘটনা সিকিমের বুকে এই প্রথম বলে জানিয়েছে সেনাবাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। 

    ভয়াবহ পরিস্থিতি সিকিমে

    প্রশাসন সূত্রে খবর, সিংথামে তিস্তার উপর একটি ফুটব্রিজ ছিল। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার জেরে সেই সেতুটি ভেঙে পড়েছে। এ ছাড়াও তিস্তার দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের গোটা লাচেন উপত্যকাই। বহু বাড়ি ভেসে গিয়েছে। বহু মানুষও নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা (Sikkim Flash Flood)। ২০১৩ সালে উত্তরাখণ্ড বিপর্যয় দেখেছিল গোটা ভারত। এবার সিকিমের এই ভয়াবহ পরিস্থিতির মুখে সকলে। সিকিমে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সিকিম রাজ্য প্রশাসন মানুষকে তিস্তা নদী থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। সিংথাম ও রংপোয় সরানো হয়েছে বাসিন্দাদের।

    কার্যত বিচ্ছিন্ন সিকিম

    সিকিমের চুংথামে ব্যাপক জলস্ফীতি হয়েছে। সিকিমের উঁচু এলকায় ঢুকে পড়েছে নদীর জল। চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জলের তোড়ে ভেঙেছে ১০ নম্বর জাতীয় সড়ক। বন্ধ হয়ে গিয়েছে সিকিম থেকে দার্জিলিং-শিলিগুড়ির যাতায়াতের রাস্তা (Sikkim Flash Flood)। সামনেই পুজো। পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন অনেক পর্যটক। হোটেল বুকিংও হয়েছে। শুধু তাই নয়, বহু পর্যটক সিকিমের পাহাড়ি এলাকায় রয়েছেন। তাঁরা কিন্তু এই মুহূর্তে আটকে গিয়েছেন। যাঁরা পুজোয় আসবেন বলে ঠিক করেছেন, তাঁদের কপালে চিন্তার ভাঁজ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian games 2023: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের, ইতিহাস গড়লেন অন্নু রানি

    Asian games 2023: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের, ইতিহাস গড়লেন অন্নু রানি

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের। এদিন এশিয়ান গেমসে (Asian games 2023) ভারতকে সোনা এনে দিলেন অন্নু রানি। জ্যাভলিনে সোনা পেলেন তিনি। ৬২.৯২ মিটার ছুড়ে প্রথম হলেন তিনি। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন অন্নু। এদিনও প্রথম তিনটি থ্রোয়ে তিনি যে সোনা জিততে চলেছেন, তার আভাস মেলেনি। চতুর্থ প্রচেষ্টায় উল্টে দিলেন পাশার দান। ৬২.৯২ মিটার ছুড়লেন।

    মহিলাদের ‘নীরজ চোপড়া’

    চলতি মরশুমে নিজেকেই ছাপিয়ে গেলেন অন্নু। বুধে মাঠে নামবেন নীরজ চোপড়া। তার আগেই দেশকে সোনা এনে দিলেন অন্নু। অন্নুর সোনা জয়ের সঙ্গে সঙ্গেই ক্রীড়া ইতিহাসে নাম উঠল ভারতের। কারণ (Asian games 2023) অন্নুই প্রথম মহিলা, যিনি সোনা জিতলেন জ্যাভলিনে। ইতিমধ্যেই অন্নুকে মহিলাদের ‘নীরজ চোপড়া’ বলতে শুরু করেছেন সমর্থকরা। অন্নু হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি জ্যাভলিনে ৬০ মিটার দূরত্ব স্পর্শ করেছেন। তাঁর থ্রো ছিল ৬১.৮৬ মিটার। ইন্ডিয়ান ওপেনে তিনি জ্যাভলিন ছুড়েছিলেন ৬৩.৮২ মিটার।

    সোনার মেয়ে পারুলও

    অন্নুর এই সোনা জয়ের ঘণ্টাখানেক আগেই গোল্ড মেডেল জিতেছিলেন (Asian games 2023) পারুল চৌধুরী। তিনি প্রথম হয়েছেন মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে। ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল। ২০১৮ সালে শেষবার দেশের হয়ে সোনা জিতেছিলেন পারুল। এদিন ৫ কিলোমিটার দৌড়ে প্রথম দিকে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। শেষ ১৫০ মিটারে স্পিন্ট নেন।

    টপকে যান প্রথমে থাকা জাপানের অ্যাথলিটকে। এ বছর এশিয়ান গেমসে পারুল হলেন তৃতীয় ট্র্যাক অয়ান্ড ফিল্ড অ্যাথলিট যিনি ভারত থেকে পদক জিতলেন। দ্বিতীয় হলেন জাপানের রিরিকা হিরোনাকা। সোমবারই মহিলাদের সিঙ্গলসে ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল। সময় নিয়েছিলেন ৯ মিনিট ২৭.৬৩।

    আরও পড়ুুন: শবরীমালা মন্দিরে বিস্ফোরণের ছক কষেছিল ধৃত ‘ইঞ্জিনিয়ার’ আইএস জঙ্গি শাহনওয়াজ?

    সব মিলিয়ে চলতি এশিয়ান গেমসে (Asian games 2023) মঙ্গলবার পর্যন্ত ভারতের ঝুলিতে এল ১৫টি সোনা, ২৬টি রুপো এবং ২৮টি ব্রোঞ্জ। পদকের সংখ্যা দাঁড়াল ৬৯টি। সব মিলিয়ে ২৯২টি পদক পেয়ে শীর্ষে রয়েছে চিন। তালিকায় চার নম্বরে জায়গা হয়েছে ভারতের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nobel Prize 2023: ঘোষণা করা হল পদার্থবিদ্যায় নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম, কারা পাচ্ছেন জানেন?

    Nobel Prize 2023: ঘোষণা করা হল পদার্থবিদ্যায় নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম, কারা পাচ্ছেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার ঘোষণা করা হয়েছিল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া দুই বিজ্ঞানীর নাম। মঙ্গলবার ঘোষণা করা হল পদার্থবিদ্যায় নোবেলজয়ীদের নাম। এবার পদার্থবিদ্যায় নোবেল (Nobel Prize 2023) পেলেন তিন বিজ্ঞানী। নোবেল পুরস্কার দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। তারা জানিয়েছে, এবার নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে আমেরিকার পিয়ের অগোস্তিনি, হাঙ্গেরির ফেরেঞ্চ ক্রাউৎজ এবং ফ্রান্সের আন লুইয়িয়ের হাতে।

    তিন বিজ্ঞানী

    ফরাসি বংশোদ্ভূত অগোস্তিনি আমেরিকার ওহায়ো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অস্ট্রিয়ান বংশোদ্ভূত হাঙ্গেরির নাগরিক ফেরেঞ্চ জার্মানির মিউনিখ সেন্টার ফর অ্যাডভান্সড ফোটোনিক্সের সঙ্গে যুক্ত। আর সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের পরমাণু পদার্থবিদ্যা বিভাগের প্রধান আন। পুরস্কারের অর্থ ভাগ করে দেওয়া হবে এই তিন বিজ্ঞানীকে।

    গবেষণার বিষয় ইলেকট্রন গতিবিদ্যা

    এবার যে তিন বিজ্ঞানী নোবেল পুরস্কার (Nobel Prize 2023) পেলেন, তাঁদের তিনজনেরই গবেষণার বিষয় ইলেকট্রন গতিবিদ্যা। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, তিন নোবেলজয়ী তাঁদের পরীক্ষা-নিরীক্ষায় অণু-পরমাণুর অন্দরে ইলেকট্রনের জগৎ অন্বেষণের জন্য নয়া হাতিয়ার দিয়েছেন। এদিন যে তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হল, তাঁদের মধ্যে আন আবিষ্কার করেছেন গ্যাসে থাকা অণুর ওপর লেজারের আলো কী প্রভাব ফেলতে পারে। অগোস্তিনি ও ক্রাউৎজ দেখিয়েছেন, গ্যাসীয় অণুর প্রভাব তুলনামূলক ছোট আলোর স্পন্দন তৈরিতেও ব্যবহার করা যেতে পারে।

    গত বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার (Nobel Prize 2023) পেয়েছিলেন অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ ক্লাজার এবং অ্যান্টন জেইলিংগার। কোয়ান্টাম তথ্য বিজ্ঞানে কাজের জন্য সেবার নোবেল পুরস্কার পেয়েছিলেন তাঁরা। প্রসঙ্গত, সোমবার চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য যে দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়েছে নোবেল পুরস্কারের জন্য, তাঁরা হলেন হাঙ্গেরি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাটালিন কারিকো ও ড্রু ওয়েইসম্যান। এমআরএনএ কোভিড ১৯ টিকা আবিষ্কারে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে তাঁদের।

    আরও পড়ুুন: শবরীমালা মন্দিরে বিস্ফোরণের ছক কষেছিল ধৃত ‘ইঞ্জিনিয়ার’ আইএস জঙ্গি শাহনওয়াজ?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kaliachak Chapter 1: সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা ‘কালিয়াচক চ্যাপ্টার ১’, প্রকাশ্যে এল মোশন পোস্টার

    Kaliachak Chapter 1: সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা ‘কালিয়াচক চ্যাপ্টার ১’, প্রকাশ্যে এল মোশন পোস্টার

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় পর্দায় এবার আসছে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ (Kaliachak Chapter 1)। ২০২১ সালে ঘটা মামদার কালিয়াচক হত্যাকাণ্ডের বাস্তব ঘটনার উপর নির্ভর করে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। মূলত এটি ক্রাইম থ্রিলার ঘরানার ছবি। সামাজিক মাধ্যমে প্রকাশিত হল মোশন পোস্টার।

    প্রযোজকের বক্তব্য (Kaliachak Chapter 1)

    সামাজিক মাধ্যমে এই ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ ছবির (Kaliachak Chapter 1) পোস্টার প্রকাশ হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রযোজক অসীম আকতার বলেন, “মানুষ নিজের পরিবারের প্রতি যাতে যত্নশীল হয়, সেই জন্যই কালিয়াচকের নির্মম হত্যাকাণ্ডের মতো বিষয়কে বেছে নিয়েছি। কালিয়াচক নাম শুনলেই সকলের মনে ভয় হয়। অনেকেই মনে করেন এই এলাকায় প্রচুর চোরাকারবার, বেআইনি কাজ হয়। এলাকায় মাফিয়াদের রাজ চলে। গ্যাংস্টারদের বসবাস রয়েছে। তাই কালিয়াচককে একটু অন্যরকম ভাবে উপস্থাপনের চেষ্টা করবো সিনেমায়”।

    কে কে থাকছেন অভিনয়ে

    সিনেমার (Kaliachak Chapter 1) পরিচালক রাতুল মুখোপাধ্যায়। তিনি বলেন, “আশা করি বেশ মনোরঞ্জক অডিও-ভিজ্যুয়াল সফর হবে। তবে আপাতত এটা আমার শেষ থ্রিলার। প্রচুর মাথা খাটাতে হয়। তবে কাজে আনন্দ আছে।“ এই সিনেমাতে টলিপাড়া থেকে যেমন অনেকে রয়েছেন, তেমনি মালদার কিছু স্থানীয় অভিনেতাও রয়েছেন। অভিনয় করছেন রূপাঞ্জন মিত্র, পার্থসারথি, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতিম মিত্র। এছাড়া জেলার শিল্পীদের বিশেষ ভূমিকায় দেখা যাবে এই সিনেমায়। ছবির সঙ্গীত পরিচালক ভিকি সিংহ এবং গীতিকার তাপস সরকার এবং সায়ন্তন। ১১ অক্টোবর এই সিনেমার টিজার প্রকাশ্যে আসবে বলে জানা গেছে।

    সত্য ঘটনা অবলম্বনে সিনেমা

    গত তিন বছর আগে, মালদার কালিয়াচকে মর্মান্তিক হাড়হিম করা হত্যাকাণ্ডে রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল। মাত্র ১৯ বছরের মহম্মদ আসিফ খুন করে পরিবারের চার সদস্যকে। পুলিশ জানিয়েছিল, আসিফ খুব মাথা ঠান্ডা করে খুন করে। হ্যাকিংয়ে খুব দক্ষ ছিল সে। তবে খুনের পরেও কোনও রকম অনুশোচনা ছিল না তার মধ্যে। পরে খুনের কথা স্বীকার করে  আসিফ। এই ঘটনার বাস্তবতা জায়গা করে নিচ্ছে এবার বড় পর্দায় (Kaliachak Chapter 1)। দর্শক মহলে সিনেমাকে ঘিরে তীব্র উত্তেজনা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISIS Terrorist Shahnawaz: শবরীমালা মন্দিরে বিস্ফোরণের ছক কষেছিল ধৃত ‘ইঞ্জিনিয়ার’ আইএস জঙ্গি শাহনওয়াজ?

    ISIS Terrorist Shahnawaz: শবরীমালা মন্দিরে বিস্ফোরণের ছক কষেছিল ধৃত ‘ইঞ্জিনিয়ার’ আইএস জঙ্গি শাহনওয়াজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু মেয়েকে বিয়ে করেছিল। পরে ধর্মান্তরিতও করা হয় ইসলামে। শবরীমালা মন্দির সহ কেরলের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটানোর ছকও কষেছিল। শেষমেশ ভেস্তে গেল বিস্ফোরণের পরিকল্পনা। গ্রেফতার হল ইসলামিক স্টেট জঙ্গি শাহনওয়াজ (ISIS Terrorist Shahnawaz)। গত সপ্তাহে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করে শাহনওয়াজ ওরফে শফি উজ্জামাকে।

    কেরলের বিভিন্ন জায়গায় হামলার ছক

    জানা গিয়েছে, ইরাকের ইসলামিক স্টেট জঙ্গিরা তার (ISIS Terrorist Shahnawaz) নির্দেশে কেরলে জঙ্গি হামলার ছক কষেছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ছকও কষা হয়েছিল। এর মধ্যে রয়েছে বিখ্যাত শবরীমালা মন্দিরও। শাহনওয়াজের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে। ধৃত তিন জঙ্গিকে জেরা করেই এই তথ্য পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা, সংক্ষেপে এনআইএ (NIA)। কেরলের শবরীমালা মন্দির দেশের অন্যতম ধনী মন্দিরগুলির একটি। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এখানে আসেন দেব দর্শনে। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই টার্গেট করা হয়েছিল শবরীমালাকে।

    দিল্লি পুলিশের দাবি

    দিল্লির স্পেশাল পুলিশ কমিশনার এইচজিএস ঢালিওয়াল জানান, সম্প্রতি শাহনওয়াজ (ISIS Terrorist Shahnawaz) ও তার দলবল কেরলে পৌঁছে গিয়েছিল। তাদের গ্রেফতার করা হয়েছে। কয়েক দিন ধরে শবরীমালা মন্দির এলাকার একটি জঙ্গলে লুকিয়েছিল তারা। জঙ্গিরা এলাকায় একটি আইএসআইএসের পতাকা পুঁতে রেখেছিল। সেই পতাকার সঙ্গে ছবিও তুলেছিল। এই ছবি উদ্ধার করা হয়েছে। কেরলকে কেন্দ্র করে একটি নয়া গোষ্ঠী তৈরি করতেই এসেছিল শাহনওয়াজ।

    তদন্তকারীরা জানাচ্ছেন, দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল স্লিপার মডিউল। শাহনাওয়াজদের ডেরায় হানা দিয়ে পাকিস্তান থেকে পাঠানো কিছু পুস্তিকা উদ্ধার করেছে পুলিশ। স্পেশাল সেলের স্পেশাল সিপি বলেন, বিস্ফোরক তৈরির প্রচুর উপাদান উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে লোহার পাইপ, প্লাস্টিকের টিউব। পাকিস্তান থেকে পাঠানো পিস্তল, গুলি, বোমা তৈরির মসলাও উদ্ধার হয়েছে।

    আরও পড়ুুন: আইএসআইয়ের শীর্ষ পদে দাউদ, ভারতে বড় নাশকতার ছক পাকিস্তানের?

    জানা গিয়েছে, শাহনওয়াজ সহ মোট তিনজনই আইএসআইএসের স্লিপার সেলের সদস্য। শাহনওয়াজ ছাড়া বাকি দু’জন হল আরসাদ ওয়ারিস এবং মহম্মদ রিজওয়ান আশরাফ। এই তিনজনই বি-টেক পাশ। এনআইএ-র মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল শাহনওয়াজের নাম। এনআইএ তার মাথার দাম ঘোষণা করেছিল ৩ লক্ষ টাকা। হামলা চালানোর জন্য এরা পুণে থেকে একটি বাইক চুরি করেছিল। বিস্ফোরণের পুরো প্রক্রিয়াটা যাতে নিখুঁত হয়, তাই ট্রায়াল রানও দিয়েছিল এরা। শাহনওয়াজ (ISIS Terrorist Shahnawaz) ইঞ্জিনয়র ছিলেন। বাসন্তী প্যাটেল নামে এক হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন। ধর্মান্তরিত হওয়ার পর বাসন্তীর নাম হয় মারিয়ম।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Sukanta Majumdar: ‘‘ভুয়ো জব কার্ডের টাকা কার ঘরে ঢুকলো?’’ প্রশ্ন সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘ভুয়ো জব কার্ডের টাকা কার ঘরে ঢুকলো?’’ প্রশ্ন সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনে লোকসভা নির্বাচন, নির্বাচনের আগে বেশকিছু রেল প্রকল্প সম্পূর্ণ করতে তৎপর কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই বালুরঘাট স্টেশন থেকে আরও বেশি করে ট্রেন সার্ভিস চালু করতে শুরু হয়েছে পিট লাইন,সিক লাইনের কাজ। সেই কাজের অগ্রগতির কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার বালুরঘাট স্টেশনে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পাশাপাশি বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হয়েছে।

    রেল প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে কী বললেন বিজেপি সাংসদ? (Sukanta Majumdar)

    অমৃত ভারত স্টেশন তালিকায় থাকা এই স্টেশন থেকে দক্ষিণ ভারত ও উত্তরপূর্ব ভারতের দূরপাল্লার ট্রেন চালু করার লক্ষ্যে পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে রেল দফতর। প্রায় এক বছর হতে চললেও প্রকল্পের কাজ সেভাবে গতি পায়নি। সেই কাজগুলিই এদিন পরিদর্শন করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই বিষয়ে তিনি বলেন, আমি বালুরঘাট রেল স্টেশনের সিক লাইন ও পিট লাইনের কাজ খতিয়ে দেখতে এসেছি। এখানে টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে, যারজন্য কাজ ধীর গতিতে হচ্ছে। আশা করি দ্রুত কাজ শেষ হবে।

    অভিষেককে নিয়ে কী বললেন সুকান্ত?

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা নিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন,কোর্ট বলেছে তাঁকে থাকতে হবে। এবার কোর্টের আদেশ তিনি মানবেন কি মানবেন না, সেটা তাঁর ব্যাপার। আমি আপনি হলে কোর্টের আদেশ মানতাম। আমরা সাধারণ মানুষ। তিনি আর সাধারণ মানুষ না। তিনি সোনার চামচ নিয়ে বড়লোকের ঘরে জন্মেছেন।

    ১০০ দিনের কাজ নিয়ে কী বললেন সুকান্ত?

    ১০০ দিনের কাজ ও আবাস যোজনা তদন্ত নিয়ে বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar) বলেন, যে পরিমাণে চুরি হয়েছে, তাতে তদন্ত হওয়া উচিত। ২৫ লক্ষ জব কার্ড বাতিল হয়েছে। আমাদের বিরোধী দলনেতা তথ্য দিয়ে আরও জানিয়েছেন, এইটা সংখ্যাতে  ১ কোটি হতে পারে। ১ কোটি জব কার্ড বা ২৫ লক্ষ জব কার্ড আধারের সঙ্গে যুক্ত হওয়ার ফলে বাতিল হয়ে যায়। ১০০ দিনের কাজ বন্ধ হওয়ার আগে পর্যন্ত যে পরিমাণ টাকা এসেছে এই জব কার্ডগুলোতে, সেই টাকা কার ঘরে ঢুকলো? এই প্রশ্নটা হল সবথেকে বড় প্রশ্ন। তৃণমূলের কোন ভূতেরা টাকাগুলো নিয়েছে সেটা জানা দরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chikungunyia: ফের তথ্য গোপন রাজ্যের! ডেঙ্গি, ম্যালেরিয়ার পর এবার বঙ্গে হানা চিকুনগুনিয়ার

    Chikungunyia: ফের তথ্য গোপন রাজ্যের! ডেঙ্গি, ম্যালেরিয়ার পর এবার বঙ্গে হানা চিকুনগুনিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: এক রামে রক্ষে নেই সুগ্রীব দোসর! বেশ কিছুদিন ধরে এমন অবস্থাই ছিল পশ্চিমবঙ্গের। ডেঙ্গির দোসর হয়েছিল ম্যালেরিয়া। এবার মশকবাহিত এই দুই রোগের তালিকায় ঢুকে পড়ল চিকুনগুনিয়াও (Chikungunyia)। গোটা রাজ্যে এখনও সেভাবে চিকুনগুনিয়ার হদিশ না মিললেও, অল্প-স্বল্প রোগীর সন্ধান মিলেছে বলে খবর। জানা গিয়েছে, হুগলির কয়েকটি এলাকায় ফিভার ক্লিনিকে রক্ত পরীক্ষায় কয়েকজনের রক্তে চিকুনগুনিয়া ভাইরাসের সন্ধান মিলেছে। ঘটনার জেরে উদ্বেগে রাজ্যের স্বাস্থ্য দফতর।

    চিকুনগুনিয়া নিয়েও তথ্য গোপন!

    বিরোধীদের দাবি, ডেঙ্গির মতোই চিকুনগুনিয়া নিয়েও তথ্য গোপন করছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলকে সঠিক তথ্য জানানো হচ্ছে না বলেও অভিযোগ। বিরোধীদের অভিযোগ, সব রাজ্য এবং দেশের কেন্দ্রশাসিত অঞ্চলে ওয়েবসাইটে চিকুনগুনিয়া (Chikungunyia) সংক্রান্ত তথ্য মিললেও, বাংলায় চিকুনগুনিয়ায় আক্রান্ত নিয়ে কোনও তথ্য ওয়েবসাইটে নেই। ২০১৯ সালেও এ বিষয়ে কোনও তথ্য রাজ্য সরকার দেয়নি। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল ডেঙ্গি নিয়ে প্রকৃত তথ্য গোপন করছে তারা।  

    চিকুনগুনিয়ার উপসর্গ

    কেবল হুগলি নয়, মধ্য ও গ্রামীণ হাওড়ায় যে ফিভার ক্লিনিক চালু হয়েছে, সেখানেও কয়েকজনের রক্তে চিকুনগুনিয়া (Chikungunyia) ভাইরাসের সন্ধান মিলেছে। জেলা স্বাস্থ্য কর্তাদের বক্তব্য, আবহাওয়া বদল হওয়ায় ইনফ্লুয়েঞ্জার মতো বাড়ছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়ার উপসর্গ ডেঙ্গির মতোই। চিকিৎসকরা জানাচ্ছেন, প্রবল জ্বরের পাশাপাশি হবে গায়ে ব্যথাও। মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার ভাইরাস শরীরে প্রবেশের দু’ থেকে চার দিনের মধ্যে হঠাৎই প্রবল জ্বর শুরু হয়। এর সঙ্গে অস্থিসন্ধিতে ব্যথা হয়, যা থাকে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস। কয়েক বছরও থাকতে পারে ব্যথা। বিশেষজ্ঞদের মতে, এডিস মশাই চিকুনগুনিয়ার বাহক। এই মশা দিনের বেলায় কামড়ায়।

    আরও পড়ুুন: ‘‘আজ তলবে সাড়া দেবেন না, ইডিকে আগে জানাননি কেন?’’ অভিষেকের আইনজীবীকে প্রশ্ন হাইকোর্টের

    রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত। প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। জেলার পাশাপাশি কলকাতা পুরসভা এলাকায়ও বাড়ছে ডেঙ্গির দাপাদাপি। এমতাবস্থায় মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে ‘অফিস অফ প্রফিটে’র প্রশ্ন তুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর অভিযোগ, পুরসভার কিছু বাসিন্দা তাঁকে জানিয়েছেন, পুরসভায় ফোন করা হলে জানানো হয় মেয়র রয়েছেন নবান্নে। আবার নবান্নে ফোন করা হলে বলা হয় মন্ত্রী রয়েছেন পুরসভায়। এমতাবস্থায় সংক্রমণ ছড়াচ্ছে চিকুনগুনিয়ার (Chikungunyia)। তাই ক্রমেই চড়ছে আতঙ্কের পারদ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dawood Ibrahim: আইএসআইয়ের শীর্ষ পদে দাউদ, ভারতে বড় নাশকতার ছক পাকিস্তানের?

    Dawood Ibrahim: আইএসআইয়ের শীর্ষ পদে দাউদ, ভারতে বড় নাশকতার ছক পাকিস্তানের?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি বিশ্বমানের জঙ্গি। আমেরিকা থেকে শুরু করে রাষ্ট্রসংঘ সর্বত্রই জঙ্গির তালিকায় নাম রয়েছে তাঁর। কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনের সঙ্গে কাজ করেছেন। যোগ ছিল আল কায়েদা, তালিবানের সঙ্গেও। তামাম বিশ্বে মাদক পাচার চক্র চালান তিনি। এহেন কুখ্যাত জঙ্গি দাউদ ইব্রাহিমকে (Dawood Ibrahim) পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (ISI) এডিজি পদে বসানো হয়েছে। অন্তত ফ্রি প্রেস জার্নালের খবর তেমনই। দাউদের পদটি সাম্মানিক। জানা গিয়েছে, পাক গুপ্তচর ব্যবস্থায় অবদানের জন্যই এই পদ দেওয়া হয়েছে দাউদকে।

    পাকিস্তানে রয়েছেন দাউদ

    ফ্রি প্রেস জার্নালের রিপোর্টের দাবি, গোপনে আইএসআইয়ের সঙ্গে যোগ ছিল ভারত থেকে পালিয়ে যাওয়া জঙ্গি দাউদের (Dawood Ibrahim0)। তাঁর এই নিয়োগের জেরে প্রকাশ্যে এল দাউদ-আইএসআই সম্পর্ক।মুম্বই পুলিশের এক কনস্টেবলের ছেলে দাউদ। আটের দশকে ভারত থেকে পালিয়ে দুবাই চলে যান তিনি। পরে যান পাকিস্তানে। পাকিস্তানে যাওয়ার আগেই দাউদের বিরুদ্ধে খুন, তোলাবাজি, মাদক পাচার সহ একাধিক অপরাধে জড়িত থাকার প্রমাণ পেয়েছিল পুলিশ। বর্তমানে পাকিস্তানের করাচিতে রয়েছে এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি। সেখানে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন তিনি।

    মুম্বই বিস্ফোরণের মাথা

    ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বইতে ঘটে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনা। পাকিস্তানে বসেই সেই হামলা দাউদ পরিচালনা করেন বলে অভিযোগ। এর পরেই দাউদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়। তা সত্ত্বেও দাউদ রয়েছেন পাক সরকারের নিরাপত্তা বলয়ের মধ্যে। গত জুন মাসে কানাডায় খুন হন খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর ও সুখা দুনেকে। এর পরেই প্রকাশ্যে আসে দাউদের সঙ্গে খালিস্তানপন্থীদের যোগাযোগের কথা। ২০০২ সালে তাঁর করাচির বাড়িতে খালিস্তানপন্থী নেতাদের সঙ্গে দাউদ (Dawood Ibrahim) বৈঠক করেছিল বলে দাবি এনআইএ-র।

    দাউদ করাচিতে গা-ঢাকা দিয়ে থাকলেও, মুম্বই, সুরাট, আহমেদাবাদ এবং দিল্লিতে নেটওয়ার্ক রয়েছে তাঁর। সম্প্রতি ডি কোম্পানির নামে সম্পত্তিও কেনা হয়েছে বলে খবর। দাউদ আইএসআইয়ের শীর্ষ পদে বসায় অশনি সঙ্কেত দেখছে ভারত। নিত্য অভাব থেকে পাকিস্তানের বাসিন্দাদের দৃষ্টি ঘোরাতে ভারতের সঙ্গে অশান্তি জিইয়ে রাখে আইএসআই। এই সংস্থারই শীর্ষ পদে দাউদকে বসিয়ে পাকিস্তান ফের কোনও বড়ধরনের নাশকতার চেষ্টা করছে কিনা, উঠছে সেই প্রশ্নও।

    আরও পড়ুুন: লন্ডনেও ভারত-বিরোধী বিক্ষোভ খালিস্তানপন্থীদের, কড়া পদক্ষেপের আশ্বাস সুনকের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share