Tag: Bengali news

Bengali news

  • Recruitment Scam: প্রাথমিকে বেআইনি নিয়োগে পার্থর সরাসরি ভূমিকা ছিল! হাইকোর্টে দাবি সিবিআইয়ের

    Recruitment Scam: প্রাথমিকে বেআইনি নিয়োগে পার্থর সরাসরি ভূমিকা ছিল! হাইকোর্টে দাবি সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিকে বেআইনি নিয়োগে (Recruitment Scam) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি ভূমিকা ছিল। সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এমনই দাবি সিবিআইয়ের। এই কেলেঙ্কারির সঙ্গে নদিয়ার পলাশিপাড়ার বিধায়ক তৃণমূলের (TMC) মানিক ভট্টাচার্যেরও সরাসরি যোগ ছিল বলে জানালেন নিয়োগ কেলেঙ্কারির তদন্তে নিযুক্ত আধিকারিকরা। নানা সময়ে মানিক যে পার্থর চেম্বারে যেতেন সেই তথ্যও হাতে রয়েছে বলে দাবি সিবিআইয়ের। তৃণমূলের দুই হেভিওয়েট নেতার নাম কেলেঙ্কারিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাওয়ায় বিপাকে রাজ্যের শাসক দল।

    দুর্নীতির পর্দা ফাঁসের দাবি সিবিআইয়ের 

    প্রাথমিকে নিয়োগ কেলেঙ্কারি (Recruitment Scam) মামলায় ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সমান দুর্নীতির পর্দা ফাঁস হবে বলে জানিয়েছিল সিবিআই। ২২ বছর আগে এই দিনেই আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আত্মঘাতী বিমান হানা চালিয়েছিল জঙ্গি সংগঠন আলকায়দা। সোমবার সেই ধরনের দুর্নীতির পর্দা ফাঁসের হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতো এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই নিয়োগ কেলেঙ্কারিতে পার্থ এবং মানিকের সরাসরি যুক্ত থাকার কথা জানায়।

    ফের শুনানি মঙ্গলবার 

    এদিন শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এ কথা জানান। সিবিআইয়ের আরও দাবি, নিয়োগ মামলার (Recruitment Scam) অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিজের সেক্রেটারিকে দিয়ে ডিলিট করতে বাধ্য করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই তথ্য ডিলিট করার জন্য ভয় দেখানো হয়েছিল তাঁকে। এই মামলার শুনানি হবে মঙ্গলবার। এক আইনজীবীর মৃত্যুতে এদিন কর্মবিরতি ঘোষণা করেন আইনজীবীরা। তাই শুনানি আর এগোয়নি। সিবিআইয়ের আইনজীবী বলেন, “আজকের দিনটা কেবল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসের দিন নয়, স্বামী বিবেকানন্দ শিকাগোয় বক্তৃতা দিয়েছিলেন এই দিনেই। আদালতের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে বৃহত্তর মানুষ। তাই সিবিআই চাইছে দ্রুত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জনমানবের সামনে নিয়ে আসতে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা মঙ্গলবার আদালতে পেশ করব।” 

    আরও পড়ুুন: “অভিষেক আলালের ঘরের দুলাল নন যে ইডি তাঁর মতামত নিয়ে ডাকবে”, তোপ শুভেন্দুর

    প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তাতেও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মাস্টারমাইন্ড বলে দাবি করেছে সিবিআই। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার দাবি, এসপি সিনহা, অশোক সরকার, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দিয়ে যাবতীয় অনিয়ম করিয়েছিলেন তিনিই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • UPI Loan: ব্যালান্স না থাকলেও করা যাবে লেনদেন! কী বলছে ইউপিআই ঋণের নতুন নিয়ম?

    UPI Loan: ব্যালান্স না থাকলেও করা যাবে লেনদেন! কী বলছে ইউপিআই ঋণের নতুন নিয়ম?

    মাধ্যম নিউজ ডেস্ক:  সময় যত এগিয়ে যাচ্ছে, মানুষ তত বেশি পরিমাণে আর্থিক লেনদেনের জন্য ডিজিটাল মধ্যমের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। ব্যস্ততার যুগে অনলাইন লেনদেনের উপর আগ্রহ বাড়ছে বেশি করে। লেনদেন প্রক্রিয়াও হয়ে গিয়েছে অত্যন্ত সহজ সরল। এবার অনলাইন মাধ্যমে ইউপিআইতে (UPI Loan) অতিরিক্ত আরও সুবিধা যুক্ত হতে চলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছে, এবার থেকে অ্যাকাউন্টে ব্যালান্স না থাকলেও ইউপিআই লেনদেন করা যাবে। যাঁরা নিয়মিত ডিজিটাল পেমেন্ট করেন, তাঁদের জন্যও পরিষেবার গুণমান আরও উন্নত হচ্ছে। 

    কী বলেছে আরবিআই?

    সম্প্রতি, রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়, ইউপিআই (UPI Loan) ডিজিটাল লেনদেনে নতুন নিয়ম চালু হয়েছে। এই নতুন নিয়মে গ্রাহকের নিজের অ্যাকাউন্টে যদি টাকা নাও থাকে, তাহলেও এবার থেকে ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। কিন্তু, কী করে তা সম্ভব? এই প্রসঙ্গে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে যে, ইউপিআই-এর সঙ্গে ‘প্রি-অ্যাপ্রুভড ক্রেডিট লাইন’ (PCL) পরিষেবাকে এখন থেকে যুক্ত করা হচ্ছে। প্রি-অ্যাপ্রুভড ক্রেডিট লাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণের ক্রেডিট লাইন প্রদান করা হবে। এই ক্রেডিট লাইনের পরিমাণ নির্ধারিত হবে গ্রাহকের আর্থিক ব্যালান্স, লেনদেনের ইতিহাস এবং আরও নানান বিষয়ের উপর। গ্রাহকের আর্থিক লেনদেন কতটা পরিমাণে হয়, কতটা নিয়মিত হয়, তার উপর ভিত্তি করে ব্যাঙ্ক প্রি-অ্যাপ্রুভড ক্রেডিট লাইন দেবে বলে নির্ধারিত হয়েছে। 

    কীভাবে দেওয়া হবে সুবিধা?

    আরবিআই (RBI) জানিয়েছে, গ্রাহকের অ্যাকাউন্টে টাকা না থাকলে, ইউপিআই (UPI Loan) দিয়ে প্রয়োজনীয় টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। তবে গ্রাহকের প্রি-অ্যাপ্রুভড ক্রেডিট লাইনের মধ্যে থাকা টাকার পরিমাণ দিয়ে এই লেনদেন করা যাবে। যদিও এক্ষেত্রে বলা হয়েছে, গ্রাহককে এই ডিজিটাল লেনদেনের জন্য বিশেষ সুদ দিতে হবে। ইউপিআই-তে ক্রেডিট কার্ড লিঙ্ক বা অ্যাকাউন্টের ব্যালান্স যদি নাও থাকে, তাহলেও গ্রাহক পেমেন্ট করতে পারবেন। এই পরিষেবায় যে কোনও গ্রাহক, জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন মেটাতে ভীষণ উপকৃত হবেন। সেই সঙ্গে ডিজিটাল পেমেন্টের আরও ব্যাপক প্রচার ও প্রসার হবে বলে মনে করা হচ্ছে।

    গ্রাহকের পরিমাণ বৃদ্ধি হবে

    আশা করা হচ্ছে, এই নতুন নিয়মের ফলে ইউপিআই (UPI Loan) ব্যবহারকারী গ্রহাকের সংখ্যা বৃদ্ধি পাবে। যাঁরা সব সময় এই পেমেন্ট খুব একটা করেন না, তাঁরা একবার শুরু করলে পরিষেবার প্রতি আগ্রহ আরও বাড়বে। একইসঙ্গে, এই সুবিধার ফলে গ্রাহকের ঋণ নেওয়া আরও সহজলভ্য বলে আশা প্রকাশ করা হচ্ছে। তবে একইসঙ্গে আশঙ্কাও করা হচ্ছে, এই ব্যবস্থার ফলে ক্রেডিট কার্ড ব্যবহারের উপর বিশেষ প্রভাব পড়বে। অনেকের মতে, এতে ক্রেডিট কার্ডের ব্যবহার কম হতে পারে। 

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: পুজো উদ্বোধনে তৃণমূলকে টক্কর দিতে প্রস্তুত বিজেপি, আসতে পারেন অমিত শাহ

    BJP: পুজো উদ্বোধনে তৃণমূলকে টক্কর দিতে প্রস্তুত বিজেপি, আসতে পারেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজোর উদ্বোধনেও শাসকদলকে এক ইঞ্চি মাটি ছাড়তে প্রস্তুত নয় বিজেপি (BJP)। ২০১৯ সালের পর ফের পুজো উদ্বোধনে রাজ্যে পা রাখতে চলেছেন অমিত শাহ। প্রসঙ্গত কলকাতার বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের থিম হল রাম মন্দির। জানা গিয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে বালুরঘাটের একটি পুজো মণ্ডপেও রাম মন্দির থিম করা হয়েছে। বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্রের এই পুজোর উদ্বোধনও করতে পারেন অমিত শাহ।

    তৃণমূলকে পুজো উদ্বোধনে টক্কর দিতে প্রস্তুত বিজেপি (BJP)

    পুজোর ময়দানে তৃণমূল নেতাদের টক্কর দিতেই এ বছরে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির (BJP)। তৃণমূলের নেতামন্ত্রীদের জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো করতে দেখা যায়। এবার সেখানে ভাগ বসাতে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। জানা গিয়েছে, রাম মন্দিরের থিম শুধু কলকাতা বা বালুরঘাটের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সারা রাজ্যেই বিজেপি (BJP) প্রভাবিত পুজোগুলোতেও এবার দেখা যাবে অযোধ্যার রাম মন্দির। ব্লকে ব্লকে এমন পুজো করতে উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির (BJP)। ২০২৪ সালের জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করেছে অযোধ্যার মন্দির কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধন করবেন। তার আগে রাম মন্দিরের আদলে বাংলাতে পুজোর পরিকল্পনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

    উত্তর কলকাতার ১৪টি পুজো কমিটির সঙ্গে কথা গেরুয়া শিবিরের (BJP)

    সাধারণভাবে সল্টলেকের ইজেডসিসি-তে বিগত বছরগুলিতে দুর্গাপুজো করতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। কিন্তু ব্লকে ব্লকে দলীয় উদ্যোগে দুর্গাপুজো এই প্রথমবার হয়তো দেখা যাবে। কলকাতায় পুজো দেখার আনন্দে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয়। তিলোত্তমায় রাজপথে পুজোর রাতগুলিতে ভিড় সরিয়ে হাঁটা কঠিন হয়ে পড়ে। বিজেপি (BJP) সূত্রে খবর, উত্তর কলকাতার ১৪টি পুজো কমিটির সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। সম্প্রতি নিউ মার্কেট থানা এলাকায় খুঁটিপুজো করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জানা গিয়েছে শুধু দুর্গাপুজো নয় ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীতেও বিভিন্ন বিজেপি নেতাদের অংশগ্রহণ করতে দেখা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • 6G Technology: দেশে আসছে আরও হাই-স্পিড ইন্টারনেট! ৬জি পরিষেবা দিতে মউ স্বাক্ষর ভারত-আমেরিকার

    6G Technology: দেশে আসছে আরও হাই-স্পিড ইন্টারনেট! ৬জি পরিষেবা দিতে মউ স্বাক্ষর ভারত-আমেরিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: অতীত ৪জি পরিষেবা। ভারতে মিলছে ৫জি পরিষেবা। অচিরেই দেশে ইতিহাস হয়ে যাবে তাও। ভারতের প্রত্যন্ত অঞ্চলেও মিলবে ৬জি পরিষেবা। দেশবাসীকে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা দিতে আমেরিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ভারত (6G Technology)। শনিবার নয়াদিল্লিতে বসেছিল দু’ দিনের জি২০ শীর্ষ সম্মেলনের আসর।

    মউ স্বাক্ষর

    তার ঠিক আগের দিন মউ স্বাক্ষর হল নেক্সট জি অ্যালায়েন্স ও ভারত ৬জি অ্যালায়েন্সের মধ্যে। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ৬জি ওয়্যারলেস প্রযুক্তি চালু ও নির্ভরযোগ্য সাপ্লাই চেইন তৈরির লক্ষ্যে কাজ করা হবে। ভারত ও আমেরিকা উভয় দেশই নির্ভরযোগ্য ও সুরক্ষিত টেলিযোগাযোগ ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে কাজ করছে। দুই দেশই চায়, দ্রুত ৬জি নেটওয়ার্ক (6G Technology) পরিষেবা চালু করতে। সেই লক্ষ্যেই আমরা মিলিতভাবে কাজ করব।  

    গুরুত্বপূর্ণ পদক্ষেপ

    নেক্সট জি অ্যালায়েন্সের তরফে চুক্তিতে স্বাক্ষর করেন এটিআইএসের প্রেসিডেন্ট তথা সিইও সুজান মিলার ও ভারত ৬জি অ্যালায়েন্সের পক্ষে স্বাক্ষর করেন এনজি সুব্রহ্মণ্যম। তিনি বলেন, “ভারত সমাজকে শক্তিশালী করতে চায়। পরবর্তী প্রজন্মের ৬জি পরিষেবা বিশ্বে জীবনযাত্রার মানোন্নয়ন করবে। সেই লক্ষ্যে নেক্সট জি অ্যালায়েন্সের সঙ্গে এই মউ স্বাক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।”

    জি২০ সম্মেলনের ফাঁকে পার্শ্ববৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠক শেষে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দুই রাষ্ট্রপ্রধানই আমেরিকায় রিপ অ্যান্ড রিপ্লেস প্রোগ্রামে ভারতীয় কোম্পানিগুলির অংশগ্রহণের দিকে তাকিয়ে রয়েছে। প্রেসিডেন্ট বাইডেনও আমেরিকায় রিপ অ্যান্ড রিপ্লেস পাইলটে ভারতের সমর্থনকে স্বাগত জানিয়েছেন। ২০২৩ সালের জুনে মার্কিন কোম্পানি ম্যাক্রন, ল্যাম রিসার্চ এবং অ্যালায়েড মেটিরিয়ালস ভারতে লগ্নির বিষয়ে যা বলেছিল, তার অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন দুই রাষ্ট্রপ্রধানই। বম্বে আইআইটি যে চিকাগো কোয়ান্টাম এক্সচেঞ্জের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে, তাও (6G Technology) জানানো হয়েছে ওই বিবৃতিতে।

    আরও পড়ুুন: নভেম্বরে জি২০-এর ভার্চুয়াল বৈঠক চান প্রধানমন্ত্রী, কেন জানেন?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • PM Modi: নভেম্বরে জি২০-এর ভার্চুয়াল বৈঠক চান প্রধানমন্ত্রী, কেন জানেন?

    PM Modi: নভেম্বরে জি২০-এর ভার্চুয়াল বৈঠক চান প্রধানমন্ত্রী, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়াদিল্লিতে শেষ হয়েছে দু’ দিন ব্যাপী জি২০ (G20) শীর্ষ সম্মেলন। জি২০-এর সদস্য দেশগুলির প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত বেশ কয়েকটি দেশের সদস্যরা। গত বছর সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি২০-এর ব্যাটন এসেছিল ভারতের হাতে। আগামী জি২০ সম্মেলনের আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রাজিল।

    প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা

    নয়াদিল্লি এই প্রথমবার জি২০ সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছিল। সম্মেলন সফল হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বনেতারা। এই সম্মেলনে যেসব প্রস্তাব উত্থাপিত হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা চান প্রধানমন্ত্রী। তাই নভেম্বরে ভার্চুয়াল জি২০ সম্মেলনের প্রস্তাব দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “গত দু’ দিনে আপনারা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের মত পোষণ করেছেন, পরামর্শ দিয়েছেন এবং গুচ্ছ প্রস্তাব পেশ করেছেন। আমাদের দায়িত্ব হল এই সব প্রস্তাব এবং পরামর্শ কীভাবে বাস্তবায়িত করা যায় এবং কীভাবে সেগুলিতে গতি সঞ্চার করা যায়, তা দেখা।”

    ভারতের আয়োজনকে ‘মাইলস্টোন’ আখ্যা

    সারা বছর ধরে জি২০-এর সম্মেলন হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। তার প্রশংসা শোনা গিয়েছে বিশ্বনেতাদের গলায়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ভার্চুয়াল জি২০ সম্মেলনের প্রস্তাবে সায় দিতে পারেন তাঁরা। জি২০ সম্মেলনে প্রেসিডেন্টের পরিবর্তে উপস্থিত ছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, “সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হচ্ছে কিনা, তা দেখা দরকার।” ভারতের আয়োজনকে ‘মাইলস্টোন’ আখ্যা দেন তিনি। বলেন, “গ্লোবাল সাউথ থেকে প্রকৃতপক্ষে জি২০ সদস্যদের এক ছাতারতলায় আনতে পেরেছে ভারত।”

    আরও পড়ুুন: ‘‘লেনিনের সঙ্গে যোগ নেই ভারতের’’, মূর্তি সরানোর সওয়াল সুকান্তর

    অদূর ভবিষ্যতে তামাম বিশ্বে (PM Modi) যে বাজার তৈরি হতে চলেছে, তার ওপরই নির্ভর করবে জি২০-এর ভবিষ্যৎ। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই এবার ইতালির হাতে নয়, জি২০-এর ব্যাটন তুলে দেওয়া হয়েছে ব্রাজিলের ওপর। তার পরেরবার জি২০ সম্মেলন আয়োজনের দায়িত্ব পাবে দক্ষিণ আফ্রিকা। জি২০ সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা বলেন, “ঝগড়া-বিবাদের পরিবর্তে আমরা চাই শান্তি ও সহযোগিতা।” অশান্তি যে কাম্য নয়, প্রেস কনফারেন্সে তা জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁক্রও। তিনি বলেন, “জি২০ আরও একবার রাশিয়াকে একঘরে করে দিল। আজ, জি২০-এর সদস্য দেশগুলির সিংহভাগই ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে দুষছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিশ্বজনীন প্রভাব নিয়েও আলোচনা হয়েছে সম্মেলনে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jawan: শাহরুখ হারালেন কিং খানকে! ‘পাঠান’ নয়, রোজগারে তিনদিনের মাথায় রেকর্ড গড়ল ‘জওয়ান’

    Jawan: শাহরুখ হারালেন কিং খানকে! ‘পাঠান’ নয়, রোজগারে তিনদিনের মাথায় রেকর্ড গড়ল ‘জওয়ান’

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘পাঠান’কে হারাল ‘জওয়ান’ (Jawan)। শাহরুখ খান হারালেন নিজেকেই! তামাম বিশ্বে বক্স অফিসে ১১০০ কোটি টাকার মতো ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ছবি ‘পাঠান’। সেখানেও নায়ক ছিলেন শাহরুখ। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে বাদশা অভিনীত ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এই প্যান ইন্ডিয়ান ছবি মুক্তির দিনেই ব্যবসা করেছিল ৭৫ কোটি টাকার মতো। ছবি মুক্তির তৃতীয় দিনেই গড়ল ইতিহাস।

    ২০০ কোটির ক্লাবে ‘জওয়ান’

    শনিবার তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে ঠাঁই করে নিয়েছে ‘জওয়ান’। শুধুমাত্র দেশেই ‘জওয়ান’ ব্যবসা করেছে ২০২ কোটি টাকার। বক্সঅফিসইন্ডিয়া ডট কম ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার একটি দিনেই কেবল হিন্দিতে নিট ৬৭ কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’। এটি একটি রেকর্ড। সর্বকালের সর্বোত্তম শনিবার এটি। তামিলে এদিন ছবির রোজগার ৫ কোটি টাকা। তেলগুতে সাড়ে ৩ কোটি টাকা। সব মিলিয়ে এদিন ব্যবসা হয়েছে ৭৪.৫০ কোটি টাকার। দ্বিতীয় দিনে ‘জওয়ানে’র রোজগার ছিল ৫৩ কোটি টাকা।

    রোজগার কত জানেন?

    গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত ‘পাঠান’। মুক্তির তিনদিনের মাথায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সেই ছবি ব্যবসা করেছিল ১৬৬ কোটি টাকার কিছু বেশি। আর এই তিনদিনের রোজগারের জেরে ‘জওয়ান’ (Jawan) ঢুকে গিয়েছে ২০০ কোটির ক্লাবে। দেশের পাশাপাশি ভিন দেশেও ব্যাপক ব্যবসা করেছিল পাঠান। তৃতীয় দিনে তার রোজগার ছিল ৩১৩ কোটি টাকা।

    আর এই সময়সীমায় ‘জওয়ানে’র ঝুলিতে গিয়েছে ৩৫০ কোটি টাকার মতো। বাণিজ্য বিশেষজ্ঞদের অনুমান, মোট রোজগারের মাণদণ্ডে পাঠানকে ছাড়িয়ে যাবে ‘জওয়ান’।

    আরও পড়ুুন: সন্ত্রাসবাদকে এক ইঞ্চিও জমি নয়, জানানো হল জি২০ সম্মেলনের ঘোষণাপত্রে

    চার বছরের বিরতির পর গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। ‘জওয়ান’ মুক্তি পেল তার প্রায় আট মাস পরে। এ ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ‘জওয়ান’ (Jawan) ছবির মধ্যে দিয়েই বলিউডে পা রাখেন তিনি। এই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণেরই আর এক জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি। শাহরুখ অভিনীত ‘পাঠান’ ছবিতে নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। ‘জওয়ানে’ও রয়েছেন তিনি। তবে নামভূমিকায় নয়। সেখানে রয়েছেন নয়নতারা। প্রিয়মণি, সান্য মালহোত্র এবং সুনীল গ্রোভারও পার্শ্বচরিত্রে অভিনয় করছেন ‘জওয়ান’ (Jawan) ছবিতে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Aditya L1: লক্ষ্যের আরও কাছে পৌঁছল আদিত্য এল-১, জানাল ইসরো

    Aditya L1: লক্ষ্যের আরও কাছে পৌঁছল আদিত্য এল-১, জানাল ইসরো

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্যের আরও কাছে পৌঁছল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-১ (Aditya L1)। এর আগে পরপর দু’ বার সফলভাবে কক্ষপথ পরিবর্তন করেছিল এই সৌরযান। শনিবার রাতে পেরলো তৃতীয় কক্ষপথটিও। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে আদিত্য এল-১-এর স্বাস্থ্য ঠিকই রয়েছে। সব যন্ত্রাংশও ঠিকঠাক রয়েছে। সবকিছু কাজ করছে ঠিকঠাকভাবে।

    আদিত্য এল-১

    ২ সেপ্টেম্বর সূর্যের দিকে রওনা দেয় আদিত্য এল-১ (Aditya L1)। ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা নাগাদ প্রথমবার কক্ষপথ পার হয় ভারতের এই সৌরযান। দ্বিতীয়বার কক্ষপথ পরিবর্তন করে ৫ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর রাত আড়াইটে নাগাদ আদিত্য এল-১ পার হয় তৃতীয় কক্ষপথ। পরবর্তী কক্ষপথটি পার হবে ১৫ সেপ্টেম্বর।

    ইসরোর লক্ষ্য

    জানা গিয়েছে, বর্তমানে আদিত্য এল-১ যখন পৃথিবীর সব চেয়ে কাছে থাকছে, তখন তার দূরত্ব দাঁড়ায় ২৯৬ কিলোমিটার। আর পৃথিবী থেকে যখন সব চেয়ে দূরে থাকে, তখন এর দূরত্ব বেড়ে দাঁড়ায় ৭১ হাজার ৭৬৭ কিলোমিটার। ইসরোর লক্ষ্যই হল পৃথিবী-সূর্য সিস্টেমের হ্যালো কক্ষপথের ল্যাগরেঞ্জ পয়েন্ট-১-এ আদিত্য এল-১কে (Aditya L1) পৌঁছে দেওয়া। এই পয়েন্ট থেকে গ্রহণ-বিহীনভাবে সূর্যের ওপর নজরদারি চালাতে পারবে ভারতের প্রথম সৌরযান।

    সূর্য সম্বন্ধে নানা তথ্যও সংগ্রহ করতে পারবে আদিত্য এল-১। উল্লেখ্য যে, পৃথিবী থেকে ল্যাগরেঞ্জ পয়েন্ট-১-এর দূরত্ব ১.৫ মিলিয়ন কিলোমিটার। আদিত্য এল-১কে (Aditya L1) পার হতে হবে আরও কয়েকটি কক্ষপথ। এই সব কক্ষপথ সফলভাবে পার হলে ল্যাগরেঞ্জ পয়েন্ট-১-এর দিকে এগোতে থাকবে এই সৌরযান। কক্ষপথের গেরো পার হলে নিজের গতিও বাড়াতে পারবে সে। লক্ষ্যে পৌঁছতে তার সময় লাগবে মাস চারেক। 

    আরও পড়ুুন: সন্ত্রাসবাদকে এক ইঞ্চিও জমি নয়, জানানো হল জি২০ সম্মেলনের ঘোষণাপত্রে

    মহাকাশ বিজ্ঞানীদের মতে, পৃথিবী ও সূর্যের মধ্যে পাঁচটি ল্যাগরেঞ্জ পয়েন্ট বা পার্কিং এরিয়া রয়েছে। এর মধ্যে ভারত প্রেরিত সৌরযানটি থাকবে পয়েন্ট ১-এ।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • G20 Summit: সন্ত্রাসবাদকে এক ইঞ্চিও জমি নয়, জানানো হল জি২০ সম্মেলনের ঘোষণাপত্রে

    G20 Summit: সন্ত্রাসবাদকে এক ইঞ্চিও জমি নয়, জানানো হল জি২০ সম্মেলনের ঘোষণাপত্রে

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদের কোনও রূপকেই এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। নয়াদিল্লিতে আয়োজিত জি২০ সম্মেলনের (G20 Summit) ঘোষণাপত্রে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেওয়া হল একথা। শনিবার ওই সম্মেলনে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে। কোনও দেশ যাতে জঙ্গিদের নিরাপদ আশ্রয় না হয়, জঙ্গিরা যাতে কোনও দেশ থেকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং রসদ না পায়, নতুন সদস্য নিয়োগ করতে না পারে, তা নিশ্চিত করতেও আন্তর্জাতিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ডাকও দেওয়া হয়েছে এই সম্মেলনে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    ঘোষণাপত্রে (G20 Summit) বলা হয়েছে, সন্ত্রাসবাদের সমস্ত ধরনের কাজকর্মই ক্রিমিনাল এবং অসমর্থনযোগ্য, তাদের উদ্দেশ্য যাই হোক না কেন, যে কোনও জায়গায়ই হোক না কেন, যেই করুক না কেন। প্রসঙ্গত, জি২০ লিডার্স সম্মেলনের দ্বিতীয় দিনে সন্ত্রাসবাদ নিয়ে এই সুরই বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদের নেপথ্যে থাকা আর্থিক বল-ভরসা এখন গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) এর মতো আঞ্চলিক সংস্থাগুলির আরও বেশি করে সহায়তা দিতে অঙ্গীকার করেছে জি২০-এর সদস্য দেশগুলি।

    সন্ত্রাসবাদের বিরুদ্ধে জি২০ 

    জি২০ নয়াদিল্লি শীর্ষ সম্মেলনের (G20 Summit) ঘোষণাপত্রে বলা হয়েছে, আমরা যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বিদেশি আতঙ্ক, জাতিগত বিরোধ কিংবা অসহিষ্ণুতার অন্য কোনও রূপ, ধর্মীয় কিংবা ধর্ম বিশ্বাস নিয়ে যেসব সন্ত্রাসবাদী কাজকর্ম হচ্ছে, আমরা তার বিরুদ্ধে। কারণ এগুলি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পক্ষে হুমকি স্বরূপ, বড় বিপদগুলির মধ্যে অন্যতম।

    আরও পড়ুুন: অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ‘গর্বিত হিন্দু’ ঋষি সুনক, হাঁটু মুড়ে করলেন প্রণামও

    সন্ত্রাসবাদের শিকার কাউকে সাহায্য করা এবং মানবাধিকার রক্ষা পরস্পর বিরোধী লক্ষ্য নয় বলেও স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি সম্মেলন। এরা যে একটি অন্যটির পরিপূরক এবং একটি অন্যটিকে শক্তিশালী করবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে সম্মেলনে। স্মল আর্মস ও লাইট ওয়েপনস পাচার রুখতে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার কথাও বলা হয়েছে জি২০ সম্মেলনে (G20 Summit)। সম্মেলনে এও জানানো হয়েছে, এফএটিএফ দুর্বৃত্তদের সম্পদের হদিশ পাচ্ছে, সেসব সম্পদ উদ্ধারও করছে। এ ব্যাপারে এফএটিএফের প্রভাব দুনিয়াজুড়ে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • Rishi Sunak: অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ‘গর্বিত হিন্দু’ ঋষি সুনক, হাঁটু মুড়ে করলেন প্রণামও

    Rishi Sunak: অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ‘গর্বিত হিন্দু’ ঋষি সুনক, হাঁটু মুড়ে করলেন প্রণামও

    মাধ্যম নিউজ ডেস্ক: জি২০ (G20) শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু’ দিনের ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। রবিবার সম্মেলনের ফাঁকে সুনক সস্ত্রীক চলে যান দিল্লির অক্ষরধাম মন্দিরে। সেখানে স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে পুজোও দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আরতি শেষ করে হাঁটু মুড়ে প্রণামও করেন সুনক। প্রসঙ্গত, সম্মেলনে যোগ দিতে এসে সুনক জানিয়েছিলেন ভারতের কিছু মন্দিরে যাওয়ার সময় তিনি বের করতে পারবেন।

    অক্ষরধাম মন্দিরে সুনক

    সেই মতোই তিনি গেলেন অক্ষরধাম মন্দিরে। সরকারি সফরে এই প্রথম সুনক এলেন ভারতে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মন্দিরে ব্যবস্থা করা হয়েছিল কড়া নিরাপত্তার। এদিন সাদা শার্টের সঙ্গে সুনক পরেছিলেন ট্রাউজার্স। সুনকের স্ত্রী, বিশিষ্ট শিল্পপতি নায়ারণ মূর্তির কন্যা অক্ষতা পরেছিলেন কুর্তা ও পালাজো। সকাল সকাল মন্দিরে পৌঁছে যান তাঁরা। মন্দির কর্তৃপক্ষের তরফে স্বাগত জানানো হয় তাঁদের। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনককে (Rishi Sunak) স্বাগত জানান মন্দিরের স্বামীজিরা। তাঁদের মধ্যে ছিলেন মন্দিরের প্রবীণ নেতাও।

    পুজো দিলেন মন্দিরে 

    এদিন স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির ঘুরে দেখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একশো একর জায়গাজুড়ে রয়েছে মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র। প্রাচীন ভারতের নানা স্থাপত্যের নিদর্শনও রয়েছে এই মন্দির চত্বরে। আবহমানকাল ধরে আধ্যাত্মিকতায় বিশ্বাস, ত্যাগ এবং ঐক্যের যে মূল সুর বিদ্যমান হিন্দু ধর্মে, তাও তুলে ধরা হয়েছে মন্দির চত্বরে। পরে মন্দিরের গর্ভগৃহে ঢুকে শ্রদ্ধা জানান সস্ত্রীক ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রশংসা করেন ভারতীয় শিল্পকর্ম ও স্থাপত্যের।

    আরও পড়ুুন: মোদির সঙ্গে সেলফি তুললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, ‘জি২০ সম্মেলন সফল’, জানালেন আলবানিজ

    নয়াদিল্লির সম্মেলন উপলক্ষে দিল্লিতে পা দিয়েই সুনক জানিয়েছিলেন, তিনি গর্বিত হিন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তাঁর অপরিসীম শ্রদ্ধাও রয়েছে। অক্ষরধাম মন্দির দর্শন শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী চলে যান রাজঘাটে, গান্ধী স্মারকে শ্রদ্ধা জানাতে। সেখানে গিয়েছিলেন জি২০ শীর্ষ সম্মেলনে আগত অন্য রাষ্ট্রপ্রধানরাও। শনিবার সম্মেলনের ফাঁকে পার্শ্ববৈঠকে বসেছিলেন মোদি ও সুনক (Rishi Sunak)। সেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় মূলত তা নিয়েই হয়েছে আলোচনা। এর আগে মে মাসে জাপানের হিরোশিমায় মুখোমুখি হয়েছিলেন মোদি এবং সুনক। জি৭ বৈঠকের ফাঁকে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য নিয়ে কথা হয়েছিল এই দুই রাষ্ট্রপ্রধানের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Allahabad High Court: সন্তানের সঙ্গী বাছাইয়ের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারেন না বাবা-মায়েরা, জানাল হাইকোর্ট

    Allahabad High Court: সন্তানের সঙ্গী বাছাইয়ের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারেন না বাবা-মায়েরা, জানাল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘প্রাপ্তবয়স্ক সন্তানরা পছন্দ মতো জীবন সঙ্গী বা সঙ্গিনী বেছে নিতে পারেন। এ ব্যাপারে কেউ মায় বাবা-মাও হস্তক্ষেপ করতে পারেন না’। শনিবার একটি মামলার রায় দিতে গিয়ে পর্যবেক্ষণে এমনই জানাল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। আদালত বলছে, সংবিধানে জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার যে গ্যারান্টি দেওয়া হয়েছে, তাতেই এই স্বাধীনতা দেওয়া হয়েছে।

    হাইকোর্টের দ্বারস্থ যুগল

    লিভ-ইন সম্পর্ক নিয়ে পরিবারের হস্তক্ষেপ বন্ধে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় এক যুগল। পিটিশনে ওই যুবক-যুবতীর দাবি, পরিবারের হস্তক্ষেপের জেরে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাঁদের। পরিবার যাতে হস্তক্ষেপ না করে, তার নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানায় ওই যুগল। সেই মামলার রায় দিতে গিয়েই পছন্দের সঙ্গী বা সঙ্গিনী বেছে নেওয়ার অধিকার দেয় আদালত।

    যুগলের আইনজীবীর যুক্তি

    এদিন সওয়াল জবাবে আবেদনকারী যুগলের আইনজীবী (Allahabad High Court) বলেন, “লিভ-ইনকারী যুগল প্রাপ্তবয়স্ক। তাঁরা স্বেচ্ছায় লিভ-ইন সম্পর্কে রয়েছেন। কিন্তু যুবতীর মা ও পরিবারের অন্যরা এই সম্পর্ক মেনে নিতে পারছেন না।” তিনি জানান, পরিবারের তরফে তাঁর মক্কেলকে ভয়ানক পরিণতির হুমকি দেওয়া হচ্ছে। এতে শান্তিপূর্ণ জীবন যাপন থেকে বঞ্চিত হচ্ছে আবেদনকারী যুগল। তাঁদের নিরাপত্তার জন্য যাতে পুলিশি ব্যবস্থা করা হয়, সেই আবেদনও জানান ওই যুগলের আইনজীবী।

    আরও পড়ুুন: তালিবানি ফতোয়া চিনেও! পোশাকবিধি চালু হচ্ছে ড্রাগনের দেশে?

    এর পরেই এই মামলার রায় দিতে গিয়ে এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) বিচারপতি সুরেন্দ্র সিংহ তাঁর পর্যবেক্ষণে বলেন, “একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তাঁদের পছন্দের একজন ব্যক্তির সঙ্গে বিয়ে বা বসবাস করতে স্বাধীন। এ ক্ষেত্রে তাঁদের পিতামাতা থেকে শুরু করে কেউ বাধা দিতে পারেন না। সঙ্গী নির্বাচনের সমস্ত অধিকার তাঁদের রয়েছে। এতে আদালত হস্তক্ষেপ করতে পারে না।” বিচারপতি বলেন, “প্রাপ্তবয়স্ক সন্তানদের সঙ্গী নির্বাচনের অধিকার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সংবিধানে। এটা তাঁদের মৌলিক স্বাধীনতার অধিকার।” ওই যুবতীর পরিবারকে এ ব্যাপারে হস্তক্ষেপ না করার পরামর্শও দেন বিচারপতি। আবেদনকারী যুগলের শান্তিপূর্ণ জীবনযাপনের ক্ষেত্রে যদি পরিবার বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শও দেন বিচারপতি সিংহ।   

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share