Tag: Bengali news

Bengali news

  • Pakistan: ‘পাকিস্তানের সামনে ঋণ খেলাপির ঝুঁকি তৈরি হয়েছে’, রিপোর্ট দিল ‘ফিচ’

    Pakistan: ‘পাকিস্তানের সামনে ঋণ খেলাপির ঝুঁকি তৈরি হয়েছে’, রিপোর্ট দিল ‘ফিচ’

    মাধ্যম নিউজ ডেস্ক: চরম আর্থিক সংকটে ভারতের (India) আরও এক প্রতিবেশী দেশ, পাকিস্তান (Pakistan)। গত কয়েক মাস ধরে গভীর আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছে শাহবাজ শরিফের দেশ। ঋণ দেওয়ার জন্য আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (IMF) কড়া শর্ত দিয়েছে ইসলামাবাদকে। যা পূরণ করা প্রায় অসম্ভব বলেই মনে করছে শাহবাজ শরিফ সরকার। কারণ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় তলানিতে। এমতাবস্থায় পাকিস্তানের সামনে ঋণ খেলাপির ঝুঁকি তৈরি হয়েছে। অন্তত এমনই পূর্বাভাস দিয়েছে আমেরিকার নিউইয়র্ক-ভিত্তিক বৈশ্বিক রেটিং সংস্থা ফিচ। শ্রীলঙ্কার পরে এবার দেউলিয়া হওয়ার মুখে ইসালামাবাদ।

    ঋণ খেলাপির রেটিং…

    ফিচ-এর পক্ষ থেকে পাকিস্তানের (Pakistan) দীর্ঘমেয়াদি বৈদেশিক মুদ্রার ঋণ খেলাপির রেটিং সিসিসি+ কমিয়ে সিসিসি-। এর অর্থ হল, এতদিন যদিও বা ইসলামাবাদের পক্ষে বৈদেশিক ঋণ শোধ করার সামান্য সম্ভাবনা ছিল, এখন তাও আর দেখা যাচ্ছে না। ফিচ জানিয়েছে, আমাদের আশঙ্কা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাঁড়ার নিম্নস্তরেই থাকবে। যদিও আমরা প্রত্যাশিত বৈদেশিক মুদ্রার প্রবাহ ও সম্প্রতি এক্সচেঞ্জ রেট ক্যাপ অপসারণের ফলে ২০২৩ অর্থবর্ষের বাকি সময়ে পরিমিত হারে পাকিস্তানের অর্থনীতির পুনরুদ্ধারের পূর্বাভাসও দিয়েছি। নিউইয়র্ক-ভিত্তিক এই সংস্থার আশা, আইএমএফ প্রোগ্রামের নবম পর্যালোচনার পর তাদের শর্ত পূরণে সফল হবে পাকিস্তান। যদিও তার পরেও ফিচ জানিয়েছে, আমাদের মতে পাকিস্তানের ঋণ খেলাপির সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

    আরও পড়ুুন: দেশের হাল বদলাতে গুচ্ছ সিদ্ধান্ত মোদি মন্ত্রিসভার বৈঠকে, জানেন কী কী?

    ঋণ খেলাপির অর্থ হল, পাকিস্তান (Pakistan) তাদের বাণিজ্যিক ঋণ আংশিকভাবে বা পুরোটাই শোধ করতে পারবে না। যদিও ইসালামাবাদের ঘাড়ে রয়েছে বিপুল পরিমাণ দেনার বোঝা। এর জেরে ক্রমেই কমতে থাকবে বৈদেশিক সঞ্চয়ের পরিমাণ। আকাশ ছোঁয়া হবে মূল্যবৃদ্ধি। মূল্যবৃদ্ধির জেরে এখনই নাভিশ্বাস ওঠার জোগাড় পাকিস্তানবাসীর। পাকিস্তানি রুপিতে এক লিটার দুধের দাম হয়েছে ২১০টাকা, এক কিলো মুরগির মাংসের দাম ৭৮০টাকা। বাড়তে চলেছে জ্বালানির দামও। ডিজেলের দাম ১২.৫ শতাংশ বাড়তে চলেছে। তা হলে এক লিটার ডিজেলের দাম দাঁড়াবে ২৯৫.৬৪ টাকায়। কেরোসিনের দাম বাড়তে চলেছে ১৪.৮ শতাংশ। পেট্রোলের দাম বেড়ে হতে চলেছে প্রতি লিটার ২১৭.৮৮ টাকা। 

    এদিকে, ইসলামাবাদে (Pakistan) বন্ধ করে দেওয়া হল চিনা কনস্যুলেটের অফিস। প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ওই অফিস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামাবাদের চিনা কনস্যুলার বিভাগটি ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

  • Nandini Chakraborty: রাজভবন থেকে সরানো হল নন্দিনীকে, সুকান্ত ‘এফেক্ট’?

    Nandini Chakraborty: রাজভবন থেকে সরানো হল নন্দিনীকে, সুকান্ত ‘এফেক্ট’?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty)। তাঁকে সরানোর জন্য আর্জি জানিয়ে নবান্নকে বার্তা দিয়েছিলেন সিভি আনন্দ বোস। তার পরেও সরানো হয়নি তাঁকে। উপরাষ্ট্রপতি (Vice President) তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করে মঙ্গলবারই কলকাতায় ফেরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার পরেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, নন্দিনী সামলাবেন পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব।

    সুকান্ত মজুমদার…

    শনিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর তাঁর হাতে সুকান্ত তুলে দেন একটি চিঠিও। বৈঠকের শেষে সুকান্ত দাবি করেন, দুর্নীতির সঙ্গে যুক্তদের রেহাই নয় বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। উনি বলেছেন জিরো টলারেন্স টু কোরাপশন। এই নীতি নিয়ে তিনি চলছেন। শুধু তাই নয়, কোরাপশনের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিকে কোনওভাবে রেহাই দেওয়া হবে না।

    এদিকে, বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর আনন্দের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার অভিযোগে সরব হয় বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর দাবি, এই ঘনিষ্ঠতার পিছনে ছিল নন্দিনীর (Nandini Chakraborty) ভূমিকা। রাজ্যপালের শপথ, সরস্বতী পুজোর দিনে হাতেখড়ি, সেন্ট জেভিয়ার্স কলেজের অনুষ্ঠান থেকে বিধানসভায় বাজেট অধিবেশনে ভাষণ এসব নিয়ে নানা অভিযোগ তোলে পদ্ম শিবির। তার পরেই রাজ্যপাল-সুকান্ত বৈঠক। নন্দিনীকে সরানোর জন্য আর্জি জানিয়ে নবান্নকে বার্তা দেন রাজ্যপাল। বুধবার পদক্ষেপ করে নবান্ন।

    আরও পড়ুুন: কয়লা পাচারকাণ্ডে ইডি-র তলব নিউ আলিপুরের বাসিন্দাকে, উঠে এল তৃণমূলের নামও

    ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী (Nandini Chakraborty)। বর্তমানে তাঁর বিরুদ্ধে তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ উঠলেও, এক সময় তাঁর সঙ্গে তৃণমূল সুপ্রিমোর দূরত্ব তৈরি হওয়ার গল্পও শোনা যায়। রাজ্যে পালাবদলের পর শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ও তথ্য সংস্কৃতি দফতরের সচিবের মতো গুরুদায়িত্ব এক সঙ্গে সামলেছিলেন তিনি। পরে মাঝখানে তাঁর গুরুত্ব কমতে থাকে। যার জেরে নিগম থেকে নন্দিনীকে সরিয়ে পাঠানো হয় তথ্য সংস্কৃতি দফতরে। সেই দফতরও কেড়ে নিয়ে তাঁকে পাঠানো হয় স্টেট গেজেটিয়ারের এডিটর পদে। সেখান থেকে সুন্দরবন উন্নয়ন। আরও পরে প্রায় গুরুত্বহীন প্রেসিডেন্সি ডিভিশনে। বুধবার রাজভবন থেকে সরিয়ে নন্দিনীকে পাঠানো হল বাবুল সুপ্রিয়ের দফতরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Coal Scam: কয়লা পাচারকাণ্ডে ইডি-র তলব নিউ আলিপুরের বাসিন্দাকে, উঠে এল তৃণমূলের নামও

    Coal Scam: কয়লা পাচারকাণ্ডে ইডি-র তলব নিউ আলিপুরের বাসিন্দাকে, উঠে এল তৃণমূলের নামও

    মাধ্যম নিউজ ডেস্ক: অবিরাম বের হচ্ছে কয়লার ময়লা! কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) এবার দিল্লিতে তলব করা হল নিউ আলিপুরের জ্যোতিষ রায় রোডের এক বাসিন্দাকে। আগামী শুক্রবার তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। এদিকে, কলকাতার গরচার গজরাজ নির্মাণ সংস্থার অন্যতম মালিক বিক্রম শিকারিয়াকে দীর্ঘ জেরার সূত্রে তৃণমূলের এক প্রভাবশালীর নাম জানতে পেরেছে ইডি (ED)। অভিযোগ, এই সব নির্মাণ সংস্থার মাধ্যমেই সাদা করা হয়েছে কোটি কোটি কালো টাকা।

    ইডি-র দাবি…

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, কয়লার (Coal Scam) টাকা পাচারে নয়া যে নির্মাণ সংস্থার নাম উঠে আসছে, তার সঙ্গেও সংশ্লিষ্ট প্রভাবশালীর যোগ রয়েছে। ইডির দাবি, কালো টাকা সাদা করার নয়া পন্থাও আবিষ্কার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি গজরাজ নির্মাণ সংস্থার অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারের পর ইডির অভিযোগ ছিল, রাজ্যের এক মন্ত্রী কয়লা পাচারের লভ্যাংশ পেয়েছেন। তাঁর সেই কালো টাকা নির্মাণ ব্যবসায় বিনিয়োগ করে সাদা করেছেন তৃণমূলের এক প্রভাবশালী নেতা ও তাঁর পরিবারের এক সদস্য। জানা গিয়েছে, কয়লাকাণ্ডে নিউ আলিপুরের যে নির্মাণ সংস্থার নাম উঠেছে, তার মালিক ও তাঁর পরিবারের সব সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের খতিয়ান ও তাঁদের সব সংস্থার নথিপত্র সহ তলব করা হয়েছে। ইডির এক আধিকারিক বলেন, যে দিন থেকে ওই সংস্থা ও তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়, সেই দিন থেকে গত সপ্তাহ পর্যন্ত সমস্ত নথি ও আয়করের রিটার্ন জমা দিতে বলে তলবি নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে।

    আরও পড়ুুন: ‘টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে রাজ্য’! বিধানসভায় অভিনব প্রতিবাদ বিজেপির

    এদিকে, বুধবারই দিল্লিতে ইডি দফতরে হাজির হন মনজিৎ সিং গ্রেওয়াল। শনিবারই কলকাতার এই ধাবা মালিককে নোটিশ পাঠিয়েছিল ইডি। তার জেরেই এদিন ইডি দফতরে হাজিরা দেন তিনি। তাঁর দাবি, গজরাজের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই। ইডির তদন্তকারীদের দাবি, গজরাজ গ্রুপের মোট ৩০টি কোম্পানি রয়েছে। কয়লা পাচারের (Coal Scam) টাকা ঘুরপথে এসেছে এই কোম্পানিগুলিতে। ইডি সূত্রে খবর, ৯ কোটি টাকা দিয়ে একটি গেস্ট হাউস কেনাবেচা চলছিল বালিগঞ্জে গজরাজ গোষ্ঠীর দফতরে। যদিও ওই গেস্ট হাউসের আসল দাম ১২ কোটি টাকা। চুক্তিপত্রে দেখানো হয় ৩ কোটি টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এভাবেই সাদা করা হচ্ছিল কালো টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Suvendu Adhikari: ‘টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে রাজ্য’! বিধানসভায় অভিনব প্রতিবাদ বিজেপির

    Suvendu Adhikari: ‘টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে রাজ্য’! বিধানসভায় অভিনব প্রতিবাদ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখে আঁটা আকাশি রংয়ের মাস্ক। তার ওপর সাঁটা রয়েছে একটি ৫০০ টাকার নোট। বুধবার বিধানসভার (Assembly) অন্দরে এভাবেই প্রতিবাদ জানালেন বিজেপির (BJP) বিধায়করা। যার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলের বিধায়করা যখন এই অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানাচ্ছেন, তখন বিধানসভায় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

    বিজেপি…

    বিধানসভায় বাজেট অধিবেশন শুরুর দিনই রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের বিরোধিতা করেছিলেন বিজেপি বিধায়করা। রাজ্যপালকে উদ্দেশ্য করে হায় হায় স্লোগানও দেওয়া হয়। সেদিনের পর এদিন কার্যত নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করল রাজ্যের বিরোধী দল বিজেপি (Suvendu Adhikari)। পরে বিধানসভা থেকে ওয়াকআউটও করেন বিজেপি বিধায়করা।

    রাজ্যের অর্থমন্ত্রী বলেন, স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিয়েছে রাজ্য, ফলে আবাসন শিল্প উপকৃত হবে, রাজ্যের সামাজিক প্রকল্প বিশ্বজুড়ে প্রশংসিত। তিনি বলেন, আমাদের ধারাবাহিকভাবে মানুষের জন্য করা নানা কাজ দায়িত্বশীল পূর্ণাঙ্গ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছে। দুয়ারে সরকারের মাধ্যমে আমরা কোটি কোটি মানুষের কাছে পৌঁছতে পেরেছি। এর পরেই রাজ্যের অর্থমন্ত্রী বলেন, তথ্য ও প্রযুক্তি ভিত্তিক কর্মসূচি বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। চন্দ্রিমা বলেন, এখনও পর্যন্ত পাঁচটি পর্যায়ে দুয়ারে সরকারের ৩.৭১ লক্ষ শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিবিরে অংশ নিয়ে উপকৃত হয়েছেন ৯.০৬ কোটি মানুষ। এই প্রকল্পের সাফল্যের জন্য আমরা মাননীয়া রাষ্ট্রপতির কাছ থেকে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেয়েছি।

    আরও পড়ুুন: কালো টাকা সাদা করা হয়েছে পার্থর স্ত্রীর স্কুলের মাধ্যমে, চার্জশিটে দাবি ইডি-র

    রাজ্যের অর্থমন্ত্রী বলেন, গত দু বছর কোভিড পরিস্থিতি ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থাকা সত্ত্বেও, আমরা উন্নয়ন করেছি। ২০২২-২৩ সালের প্রথম অর্ধে ভারতের আর্থিক বৃদ্ধি ৬.৯৫ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, এই একই সময়ে সেই মাত্রাকে অতিক্রম করে বাংলায় আর্থিক বৃদ্ধি ৮.৪১ শতাংশ হবে বলে আশা করছি।

    এদিন বাজেট পেশের শুরুতেই চন্দ্রিমা জানান, বাংলায় আর্থিক বৃদ্ধির হার ৮.৪১ শতাংশ হবে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী প্রকল্প সহ দুয়ারে সরকারের একাধিক সাফল্যের খতিয়ানও তুলে ধরেন রাজ্যের অর্থমন্ত্রী। কর্মসংস্থান এবং বিপুল পরিমাণ বিনিয়োগ নিয়েও বাজেটে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। চন্দ্রিমা যখন এসব করছেন, তখন মুখে মাস্ক পরে তার ওপর ৫০০ টাকার নোট সাঁটিয়ে প্রতিবাদ করছেন বিজেপি বিধায়করা (Suvendu Adhikari)। তাঁদের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা দিয়ে বাংলার মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে রাজ্য সরকার। তার প্রতিবাদেই মাস্কের ওপর ৫০০ টাকার নোট সেঁটে বিধানসভার বাজেট অধিবেশনে এসেছেন তাঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Recruitment Scam: ‘পাঁচ বছর চাকরি করেছি, বেতন ফেরত দেব কেন?’, হাইকোর্টে গ্রুপ ডি কর্মীরা

    Recruitment Scam: ‘পাঁচ বছর চাকরি করেছি, বেতন ফেরত দেব কেন?’, হাইকোর্টে গ্রুপ ডি কর্মীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ বছর চাকরি করেছি। স্কুলে নিজের শ্রম দিয়েছি। বেতন (Salary) ফেরত দেব কেন? প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন চাকরি (Recruitment Scam) হারানো গ্রুপ ডি কর্মীরা। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তাঁরা। এর আগে চাকরি হারানো ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মী চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। এবারও ফের দ্বারস্থ হলেন ডিভিশন বেঞ্চের। তবে এবার তাঁরা আদালতে গিয়েছেন বেতন ফেরত দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে।

    নিয়োগ দুর্নীতি…

    নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ২ হাজার ৮২৩ জন গ্রুপ ডি চাকরিপ্রার্থীর ওএমআর শিট বিকৃত করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বলে আদালতে স্বীকার করে নিয়েছিলেন এসএসসি কর্তৃপক্ষ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, এই ২ হাজার ৮২৩ জনের মধ্যে ১ হাজার ৯১১ জনকে রাজ্যের বিভিন্ন স্কুলে নিয়োগ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে আইন অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে এসএসসিকে বেআইনিভাবে চাকরি প্রাপক ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এতদিন ধরে নেওয়া বেতনও ধাপে ধাপে ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত।

    আরও পড়ুুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকছেন না শুভেন্দু! কী বললেন বিরোধী দলনেতা?

    এই ১ হাজার ৯১১ জনের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশও এসএসসিকে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, আমার বিশ্বাস, বেআইনিভাবে দুর্নীতি করে এই সব প্রার্থীদের সুপারিশ দেওয়া হয়েছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় এও জানিয়ে দিয়েছিলেন, যাঁদের সুপারিশপত্র বাতিল করা হবে, তাঁরা অন্য কোনও চাকরির পরীক্ষায় আর কখনও বসতে পারবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক ওই দিনই চাকরি খোয়ান (Recruitment Scam) ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি স্টাফ। সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ১৩ ফেব্রুয়ারি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Partha Chatterjee: কালো টাকা সাদা করা হয়েছে পার্থর স্ত্রীর স্কুলের মাধ্যমে, চার্জশিটে দাবি ইডি-র

    Partha Chatterjee: কালো টাকা সাদা করা হয়েছে পার্থর স্ত্রীর স্কুলের মাধ্যমে, চার্জশিটে দাবি ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি বিক্রির কোটি কোটি কালো টাকা (Black Money) সাদা করতে ব্যবহার করা হয়েছিল একাধিক ভুয়ো কোম্পানিকে। বেনামি সম্পত্তি কেনা, বিনিয়োগ, টাকা পাচারের মতো কাজে এই সব কোম্পানিগুলিকে ব্যবহার করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ইডির (ED) চার্জশিটে। আরও দাবি, চাকরি বিক্রির কালো টাকা বিনিয়োগ করা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের পিংলায় পার্থর প্রয়াত স্ত্রীর নামাঙ্কিত স্কুল তৈরিতেও। পিংলায় রয়েছে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল। বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল। এই বাবলি চট্টোপাধ্যায় পার্থের প্রয়াত স্ত্রী। গত ১৪ সেপ্টেম্বর এই স্কুলেই অভিযান চালায় ইডি। তখনই ইডি দাবি করেছিল, নিয়োগ দুর্নীতির মোটা অঙ্কের টাকা ঢুকেছে পার্থর প্রয়াত স্ত্রীর নামে তৈরি স্কুলে। কালো টাকা এভাবেই করা হয়েছে সাদা।

    বিসিএম…

    বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলটি তৈরি হয়েছিল ২০২১ সালের এপ্রিল মাসে। স্কুলটির চেয়ারম্যান পার্থের (Partha Chatterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্য। চার্জশিটে ইডির দাবি, স্কুলের জন্য জমি কেনা ও ভবন নির্মাণের জন্য নগদে ১৫ কোটি টাকা দিয়েছিলেন পার্থ। সেই টাকা খরচ করা হয়েছিল তাঁর জামাইয়ের মাধ্যমে। পার্থর এই জামাইকেও বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার দাবি, জমি কেনার পর থেকে নির্মাণসামগ্রী কেনা, শ্রমিকদের মজুরি দেওয়া সবই করা হয়েছে কাঁচা টাকায়।

    আরও পড়ুুন: ফের অস্বস্তিতে জেলবন্দি মানিক! লুক আউট নোটিশ জারি ছেলে সৌভিকের বিরুদ্ধে

    এদিকে, নিয়োগ তদন্তে ইডির নজরে একটি ধূসর ডায়েরি। গত বছর ১৫ অক্টোবর মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের অফিস থেকে উদ্ধার হওয়া ওই ডায়েরির প্রথম পাতায় লেখা রয়েছে ২০১৮ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের জন্য দেওয়া টাকার হিসেব। প্রাইমারির জন্য ৩ কোটি ৮২ লক্ষ টাকা দেওয়ার কথা লেখা রয়েছে তাতে। ইডি সূত্রের দাবি, এই টাকা দেওয়া হয়েছিল যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষকে। টাকার অঙ্কের পাশে রিসিভড লেখার নীচে তারিখ দিয়ে কুন্তলের সই রয়েছে। আপার প্রাইমারির হিসেব রয়েছে তার পরের পাতায়। ডায়েরিতে লেখা তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত আপার প্রাইমারিতে চাকরির জন্য কুন্তলের কাছে পৌঁছে গিয়েছিল ৩ কোটি ৩০ লক্ষ ৬০ হাজার টাকা। এখানেও স্বাক্ষর রয়েছে কুন্তলের। সই মেলাতে হস্তলিপি বিশারদদের সাহায্য নিতে চলেছে ইডি। ধূসর ওই ডায়েরি থেকে এও জানা গিয়েছে, ব্যাঙ্কের অনলাইন ট্রানজাকশনের মাধ্যমেও কুন্তলের কাছে গিয়েছিল কোটি কোটি টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • S Jaishankar: ‘হিন্দি ভাষাকে ছড়িয়ে দিতে হবে গোটা বিশ্বে’, সম্মেলনে যোগ দিয়ে বললেন জয়শঙ্কর

    S Jaishankar: ‘হিন্দি ভাষাকে ছড়িয়ে দিতে হবে গোটা বিশ্বে’, সম্মেলনে যোগ দিয়ে বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দি (Hindi) ভাষাকে ছড়িয়ে দিতে হবে গোটা বিশ্বে। বুধবার ফিজির (Fiji) নদিয়ায় বিশ্ব হিন্দি সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। এ বার ফিজিতে হচ্ছে ১২তম বিশ্ব হিন্দি সম্মেলন। এই সম্মেলনে ভারতের তরফে যোগ দেন জয়শঙ্কর। তিনি বলেন, বিশ্ব হিন্দি সম্মেলনের মতো অনুষ্ঠানে আমাদের উচিত হিন্দি ভাষার বিভিন্ন দিক তুলে ধরা। এর বিশ্বজনীন ব্যবহার সম্পর্কে প্রচার করা। একে ছড়িয়ে দিতে হবে গোটা বিশ্বে।

    ফিজিতে হিন্দির ব্যবহার…

    ফিজিতে হিন্দির ব্যবহার নিয়ে আমাদের আলোচনাও করতে হবে। কেবল ফিজি নয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ বিভিন্ন রিজিয়নে। পাশ্চাত্য ভাষা এবং পাশ্চাত্য সংস্কৃতি যে এ যুগে অতীত, এদিন তাও মনে করিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। জয়শঙ্কর (S Jaishankar) বলেন, এক সময় আমরা পাশ্চাত্যের সাহায্যে উন্নয়ন করেছিলাম। তবে এখন সেই যুগ অতীত। তিনি বলেন, ঔপনিবেশিক যুগের মতো অনেক ভাষা এবং সংস্কৃতি ক্রমেই মাথা তুলছে। বিশ্ব মঞ্চে এই স্বর ক্রমশ  জোরালো হচ্ছে। অথচ ঔপনিবেশিক যুগে এই ভাষা এবং সংস্কৃতিকে অবদমন করা হয়েছিল। ভারতের বিদেশমন্ত্রীর মতে, এ যুগে তামাম বিশ্বের জানা প্রয়োজন বিভিন্ন ভাষা এবং সমাজ সম্পর্কে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন ভাষা ও সমাজ সম্পর্কে সবাইকেই জানতে হবে।

    আরও পড়ুুন: ‘‘কোনও একজন ব্যক্তি বা কোনও এক চিন্তাধারা দেশকে গড়তে বা ভাঙতে পারে না’’, বললেন ভাগবত

    ফিজির (Fiji) এই সম্মেলনের উদ্বোধন করেন ভারতের বিদেশমন্ত্রী। সম্মেলনে উপস্থিত ছিলেন রাতু উইলিয়াম মইভল্লি কোটানিভিয়ার। প্রসঙ্গত, ফিজির নদিয়ায় ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলছে বিশ্ব হিন্দি সম্মেলন। ভারত ও ফিজি দুই দেশের যৌথ উদ্যোগে হচ্ছে এই সম্মেলন। এই সম্মেলনেরই উদ্বোধন করেন জয়শঙ্কর (S Jaishankar)। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এটাই জয়শঙ্করের প্রথম ফিজি সফর। নদিয়ায় দ্বাদশতম বিশ্ব হিন্দি সম্মেলন আয়োজন করার জন্য এদিন ফিজি সরকারকে ধন্যবাদ দেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি বলেন, এরকম সম্মেলনের মাধ্যমে দুটি দেশের সম্পর্ক আরও পোক্ত হবে। জয়শঙ্কর বলেন, দ্বাদশতম বিশ্ব হিন্দি সম্মেলনের উদ্বোধন করতে পেরে আমি আপ্লুত। ভারতের সঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করায় ফিজি (Fiji) সরকারকে ধন্যবাদ। আমাদের মতো অনেকেরই ফিজি দেখার জন্য এটা একটা সুযোগ। আমাদের সম্পর্ক মজবুত করার সুযোগও এটা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Mohan Bhagwat: ‘‘কোনও একজন ব্যক্তি বা কোনও এক চিন্তাধারা দেশকে গড়তে বা ভাঙতে পারে না’’, বললেন ভাগবত

    Mohan Bhagwat: ‘‘কোনও একজন ব্যক্তি বা কোনও এক চিন্তাধারা দেশকে গড়তে বা ভাঙতে পারে না’’, বললেন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনও একজন ব্যক্তির কোনও এক চিন্তাধারা কিংবা একটি গোষ্ঠী কোনও একটা দেশকে ভাঙতে পারে না। মঙ্গলবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ কথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তাঁর মতে, ভাল দেশগুলোর চিন্তার বিভিন্নতা থাকে, তারা সমস্ত সিস্টেমগুলিকে একত্রিত করে রাখতে পারে। এদিন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন সংঘ প্রধান। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল রাজরত্ন পুরস্কার সমিতি। এই অনুষ্ঠানে যোগ দিয়ে সরসংঘ চালক (Mohan Bhagwat) বলেন, এক ব্যক্তি, এক চিন্তাভাবনা, এক গোষ্ঠী, এক আদর্শ কোনও দেশকে ভাঙতে পারে না। তিনি বলেন, বিশ্বের ভাল দেশগুলোয় সমস্ত ধরণের চিন্তাভাবনা রয়েছে। তাদের সমস্ত ধরনের সিস্টেমও রয়েছে। এই সিস্টেমের মধ্যেই তারা বেড়ে উঠছে।

    এক জাতি, এক ভোট…

    বিজেপি (BJP) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বক্তব্য হল, এক জাতি, এক ভোট। ভারতীয় জনতা পার্টির এই বক্তব্যের বিরোধী শোনাল সংঘ প্রধানের এই বাণী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পইপই করে সরকারের এই মনোভাব ব্যক্ত করছেন নানা সময়। তাঁর মতে, দেশের স্বার্থেই এটা প্রয়োজন। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, প্রতি মাসেই দেশের কোথাও না কোথাও কোনও না কোনও নির্বাচন হচ্ছে। তার জেরে ব্যাহত হচ্ছে উন্নয়ন। গত বছর বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী তাঁর এই পরিকল্পনার কথা ব্যক্তও করেছেন বারংবার। তিনি তাঁদের বুঝিয়ে দিয়েছেন, কীভাবে গোটা দেশে এক সঙ্গে ভোট হলে সময় এবং খরচ বাঁচে।

    আরও পড়ুুন: ‘‘বিদ্যাসাগর শিক্ষাকে এগিয়ে দিয়েছিলেন, পার্থ দিলেন পিছিয়ে’’, আদালতে ইডি

    প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করেছিল দেশের বিভিন্ন রাজনৈতিক দল। তাদের বক্তব্য ছিল, বিজেপি কেবল একটিই শব্দ জানে, সেটি হল এক। ডিএমকে বলেছিল, এক ধর্মের কথা বলার পর এক ভাষা, এক খাদ্যাভাস, এক সংস্কৃতি, এক করকাঠামো, এক পরীক্ষা এবং এক রাসায়নিক সার, তারা একই গান গাইছে। সব রোগের জন্য তারা একটাই ওষুধ প্রয়োগ করছে সেটা হল প্রতারণা এবং বিভেদ কৌশল। প্রধানমন্ত্রীর এক দেশ, এক ভোট নীতির সমালোচনা করেছিল আম আদমি পার্টিও। তাদের অভিযোগ, গোটা দেশে অপারেশন লোটাস অভিযান করার স্বপ্ন পূরণ করার পরিকল্পনা করছে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Air India: ফ্রান্স থেকে ২৫০টি যাত্রিবাহী বিমান কিনবে এয়ার ইন্ডিয়া, মোদি-মাক্রঁর উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তি

    Air India: ফ্রান্স থেকে ২৫০টি যাত্রিবাহী বিমান কিনবে এয়ার ইন্ডিয়া, মোদি-মাক্রঁর উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল এয়ার ইন্ডিয়া (Air India)। ফ্রান্স থেকে ২৫০টি যাত্রিবাহী এয়ারবাস বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে টাটা (Tata) গোষ্ঠী পরিচালিত এই বিমান সংস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর ভার্চুয়াল উপস্থিতিতে স্বাক্ষরিত হয় ওই চুক্তি। দুই রাষ্ট্র প্রধানই এয়ার ইন্ডিয়া ও এয়ারবাস সংস্থার এই চুক্তির ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তিকে ভারত-ফান্স সম্পর্কের প্রতীক বলে অভিহিত করেছেন। আর মাক্রঁ জানান, ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে এই চুক্তি। ভার্চুয়াল এই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন টাটা সন্সের্ চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, এয়ারবাসের সিইও গিয়োম ফওরি, টাটা গোষ্ঠীর চেয়ারপার্সন রতন টাটা, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

    নরেন্দ্র মোদি…

    প্রসঙ্গত, ভারতের বাজারে কেবল বিক্রি নয়, বিশ্বের বড় শিল্প সংস্থাগুলির উৎপাদনও যাতে ভারতেই হতে পারে, সেজন্য মেক ইন ইন্ডিয়া স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালে তিনি গিয়েছিলেন ফ্রান্সের তুলুসে, এয়ারবাসের কারখানায়। সেখানে ভারতে বিমান নির্মাণ কারখানা গড়ার বিষয়ে সম্মতি দিয়েছিলেন এয়ারবাস কর্তৃপক্ষ।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডিয়ার নরেন্দ্র বলে সম্বোধন করেন মাক্রঁ। তিনি বলেন, ভারতের হাত ধরে যৌথভাবে অনেক সাফল্য অর্জন করেছে ফ্রান্স। মহাকাশ, সাইবার, প্রতিরক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, বায়োটেক, পরমাণু শক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে ভারতের পাশে সাহায্যের হাত বাড়িয়ে গিয়েছে ফ্রান্স। কোভিড অতিমারির শেষে এই সহযোগিতার সম্পর্ক আরও বাড়বে বলেই আশাবাসী ফরাসি প্রেসিডেন্ট।

    আরও পড়ুুন: ‘আমাদের সম্পদ চুরি করলে হামলা হবে’, কাশ্মীরে লিথিয়াম ভাণ্ডার নিয়ে হুমকি পাফের

    ভারত-ফ্রান্স এই চুক্তির (Air India) জন্য ফরাসি প্রেসিডেন্টকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই চুক্তি ভারতের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে সাফল্য ও আকাঙ্খার প্রতিফলন। অসামরিক বিমান পরিবহণ ভারতের বিকাশের অবিচ্ছেদ্য অংশ বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারত সরকারের জাতীয় পরিকাঠামো কৌশলের অন্যতম অংশ হল অসামরিক বিমানবন্দর। তিনি বলেন, অদূর ভবিষ্যতে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ বাজার হতে চলেছে। এজন্য আগামী ১৫ বছরে দু হাজারেরও বেশি বিমান লাগবে। এই বাড়তি চাহিদা পূরণে সহায়ক হবে এই চুক্তি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PAFF: ‘আমাদের সম্পদ চুরি করলে হামলা হবে’, কাশ্মীরে লিথিয়াম ভাণ্ডার নিয়ে হুমকি পাফের

    PAFF: ‘আমাদের সম্পদ চুরি করলে হামলা হবে’, কাশ্মীরে লিথিয়াম ভাণ্ডার নিয়ে হুমকি পাফের

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) মিলেছে লিথিয়ামের (Lithium) বিপুল ভাণ্ডার। দিন তিনেক আগে উপত্যকায় মেলা এই সাদা সোনার ভাণ্ডারের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তার বাহাত্তর ঘণ্টার মধ্যেই হুমকি দিল পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গী পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট (PAFF)। রীতিমতো চিঠি লিখে ওই জঙ্গি সংগঠন জানিয়েছে, জম্মু-কাশ্মীর থেকে যে সব সংস্থা লিথিয়াম উত্তোলন করে ব্যবসার কাজে লাগাবে, তাদের ওপর হামলা হবে। প্রসঙ্গত, এই জঙ্গি সংগঠন প্রায়ই নিরাপত্তা রক্ষী, রাজনৈতিক নেতা এবং ভিন রাজ্য থেকে জম্মু-কাশ্মীরে কাজে আসা লোকজনকে হুমকি দেয়।

    জম্মু-কাশ্মীর…

    ৯ ফেব্রুয়ারি ভারতীয় ভূতত্ত্ব সমীক্ষকরা জানান, জম্মু-কাশ্মীরের রিয়াসিতে প্রায় ৬ মিলিয়ন টনের লিথিয়াম ভাণ্ডার রয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রক বিবৃতি জারি করে জানায়, দেশের মধ্যে এই প্রথমবার লিথিয়াম খনির সন্ধান মিলেছে কাশ্মীর উপত্যকায়। লিথিয়াম ও সোনা মিশ্রিত ৫১টি খনিজ ব্লক সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপরেই পাফের (PAFF) তরফে সাধারণ নাগরিকদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, নিজেদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে একজোট হোন সকলে। চিঠিতে লেখা হয়েছে, এই সম্পদ জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের। এটা জম্মু-কাশ্মীরবাসীর কল্যাণের কাজে ব্যবহৃত হবে। কোনও কুৎসিত হিন্দুত্ব চোরকে আমাদের সম্পদ চুরি করতে দেওয়া হবে না। পরে এটা নিয়ে আমাদেরই হত্যা করবে। ভারতীয় কোম্পানি যারা জম্মু-কাশ্মীরের ঘোলা জলে মাছ ধরতে আসবে, তাদের কেবল জম্মু-কাশ্মীর নয়, ভারত মায় ভারতের বাইরেও প্রতিশোধ নেওয়া হবে। যারা আমাদের চেনে, তারা জানে আমরা যা বলি, তা করি।

    আরও পড়ুুন: ‘বিজেপির কিছু লুকোনোর নেই, ভয় পাওয়ারও নেই’, আদানিকাণ্ডে বললেন শাহ

    সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের কোনও একটি জায়গা থেকে চিঠিটি (PAFF) লেখা হয়েছে। তাতে বলা হয়েছে, জইশের সঙ্গী এই সংগঠনটি উপত্যকার উন্নতি সাধন করবে এবং কোনও ভারতীয় সংস্থা যাতে তাদের নিজেদের প্রাকৃতিক সম্পদ তুলে নিয়ে যেতে না পারে, সেই ব্যবস্থাও করবে। কেউ সে কাজ করলে তাদের ওপর হামলা হবেই। চিঠিতে ড্রোনের ছবিও দেওয়া হয়েছে। এই ছবি দিয়ে জঙ্গিরা বার্তা দিতে চাইছে, জম্মু-কাশ্মীরের বিভিন্ন ঘটনার ওপর নজর রয়েছে তাদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share