Tag: Bengali news

Bengali news

  • Russia Ukraine War: রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনও দেশেরই স্বার্থসিদ্ধি হবে না, সাফ জানালেন জয়শঙ্কর 

    Russia Ukraine War: রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনও দেশেরই স্বার্থসিদ্ধি হবে না, সাফ জানালেন জয়শঙ্কর 

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine War) কোনও দেশেরই স্বার্থসিদ্ধি হবে না। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।এদিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন ভারতের বিদেশমন্ত্রী। এই যুদ্ধের প্রভাব যে বিশ্বজুড়ে পড়বে, তাও মনে করিয়ে দেন জয়শঙ্কর। তিনি বলেন, ভারত বিশ্বাস করে আলোচনা ও কূটনৈতিক স্তরে সমস্যার সমাধান সম্ভব। তার পরেই ভারতের বিদেশমন্ত্রী বলেন, যুদ্ধ রাশিয়া ইউক্রেন কোনও দেশকেই দীর্ঘস্থায়ী কিছু দেবে না। এতে কোনও দেশেরই স্বার্থসিদ্ধি হবে না। সমস্যার সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া এবং ইউক্রেন দু দেশকেই আলোচনার টেবিলে বসতে অনুরোধ করেছেন।

    মোদি বলেছিলেন…

    যুদ্ধ (Russia Ukraine War) যে কোনও স্থায়ী সমাধান নয়, তা নানা সময় বলতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদিকে। গত সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোদি বলেছিলেন, এই যুগ যুদ্ধের নয়। রশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগী হতে পুতিনকে উৎসাহিতও করছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: প্রিয়জনদের অস্থি গঙ্গায় ভাসাতে পারবে পাকিস্তানের হিন্দুরা! নয়া নীতি মোদি সরকারের

    রশিয়া ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) ব্যাপক প্রভাব যে বিশ্বজুড়ে পড়বে, এদিন তা মনে করিয়ে দেন ভারতের  বিদেশমন্ত্রী। তিনি জানিয়ে দেন, যুদ্ধের প্রভাব পড়বে জ্বালানি, খাদ্য এবং সারের ক্ষেত্রে। এটা যে একটা উদ্বেগের বিষয়, তাও জানান তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে ভারত যে দুই দেশকেই নিরন্তর বলে যাচ্ছে, তাও মনে করিয়ে দেন জয়শঙ্কর। আলোচনা ও কূটনৈতিক পথেই যে যুদ্ধে ইতি টানা যেতে পারে, জানান তাও।

    ভারতের বিদেশমন্ত্রী এদিন ভারত-অস্ট্রিয়ার দৃঢ় বন্ধনের ওপর জোর দেন। মুক্ত বাণিজ্য চুক্তি, বিনিয়োগ চুক্তি এবং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটরস এগ্রিমেন্ট করতে অস্ট্রিয়ার সমর্থনও চান জয়শঙ্কর। এই চুক্তিগুলির ইতিবাচক প্রভাব যে দুই দেশের অর্থনীতিতে পড়বে, এদিন তাও মনে করিয়ে দেন ভারতের বিদেশমন্ত্রী। প্রসঙ্গত, বর্তমানে ভারত-অস্ট্রিয়ার বাণিজ্যের পরিমাণ প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতে ব্যবসা করছে দেড়শোরও বেশি অস্ট্রিয়ান কোম্পানি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • India China Relations: নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চায় বেজিং, জানালেন চিনের নয়া বিদেশমন্ত্রী

    India China Relations: নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চায় বেজিং, জানালেন চিনের নয়া বিদেশমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের (India) সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানো আমাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। সোমবার একথা জানালেন চিনের (China) নয়া বিদেশমন্ত্রী কুইন গং (c)। সোমবার আমেরিকার এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থ এটা নির্দেশ করে যে নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চায় বেজিং (India China Relations)।

    চিনের বিদেশমন্ত্রী…

    ২০১৩ সাল থেকে চিনের বিদেশমন্ত্রী ছিলেন ওয়াং ই। ৩০ ডিসেম্বর অবসর নিয়েছেন তিনি। বিদেশমন্ত্রীর পদে ওয়াং ছিলেন ৯ বছর ৯ মাস। তিনি অবসর নেওয়ার পর ওই পদে বসানো হয় কুইন গংকে। এর আগে কুইন গং ছিলেন আমেরিকার চিনা রাষ্ট্রদূত পদে। বিদেশমন্ত্রীর দায়িত্ব নিয়েই কুইন গং ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে আগ্রহী হলেন। চিনের নয়া বিদেশমন্ত্রী বলেন, চিনের দৃষ্টিতে উন্নয়ন মানে শান্তির জন্য একটি মজবুত শক্তি হয়ে ওঠা। আমরা স্থিতাবস্থা ভাঙতে চাই না।

    আরও পড়ুুন: ‘ভারত প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, কিন্তু…’, চিন, পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের

    প্রসঙ্গত, গলওয়ানে চিন-ভারত সংঘর্ষের পর থেকেই সীমান্তে সেনা মোতায়েন করে রেখেছে চিন। সীমান্ত থেকে সেনা প্রত্যাহার নিয়ে ভারত-চিনের (India China Relations) মধ্যে একাধিকবার হয়েছে সেনা কমান্ডার বৈঠক। তার পরেও মেটেনি সমস্যা। কেবল লাদাখ সীমান্তেই নয়, সিকিম এবং অরুণাচল প্রদেশের সীমান্তেও বাহিনী মোতায়েন করে রেখেছে চিন। এহেন পরিস্থিতিতে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে লালফৌজ। শুরু হয় চিন-ভারত সেনা সংঘর্ষ। দু পক্ষের কয়েকজন জখম হন। চিনা সেনাদের মেরে তাড়িয়ে দেয় বলে দাবি ভারতের বিদেশমন্ত্রকের। এই আবহে চিনের নয়া বিদেশমন্ত্রীর এহেন বার্তা তাৎপর্যপূর্ণ বলেই দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

    চিনের নয়া বিদেশমন্ত্রী বলেন, দু পক্ষের সম্মতির ভিত্তিতে আলোচনার মাধ্যমেই নয়াদিল্লি-বেজিং সম্পর্কে  (India China Relations) স্থিতাবস্থা ফিরতে পারে। তিনি বলেন, সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সদিচ্ছা রয়েছে দু পক্ষেরই। এদিন তাইওয়ান প্রসঙ্গও টানেন কুইন গং। তিনি বলেন, তাইওয়ানের  বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্যই পরিস্থিতি নতুন করে ঘোরালো হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কুুইন গং বলেন, প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করার পক্ষে বেজিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • RSS: সমন্বয় বৈঠকে বসছে আরএসএস, জানুন কবে, কোথায়

    RSS: সমন্বয় বৈঠকে বসছে আরএসএস, জানুন কবে, কোথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: সমন্বয় বৈঠকে (Co-ordination Meeting) বসছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, সংক্ষেপে আরএসএস (RSS)। আরএসএসের অনুমোদিত বিভিন্ন সংগঠন এবং ভারতীয় জনতা পার্টির পদস্থ কর্তারা উপস্থিত থাকবেন ওই বৈঠকে। বৈঠক হবে গোয়ায় (Goa), জানুয়ারি মাসের ৫ এবং ৬ তারিখে। এর আগে সর্বভারতীয় এক্সিকিউটিভ বৈঠক হয়েছিল ছত্তিশগড়ের রায়পুরে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে হয়েছিল ওই বৈঠক। সেখানে যেসব বিষয়ের ওপর আলোচনা হয়েছিল, মূলত সেগুলির অগ্রগতি নিয়েই আলোচনা হবে গোয়ার সমন্বয় বৈঠকে।

    আরএসএস…

    বছরভর নানা কর্মসূচি পালন করে আরএসএস (RSS)। সেসবের রূপরেখা তৈরি করতে হয় বৈঠকও। গোয়ার সমন্বয় বৈঠকে উপস্থিত থাকবেন আরএসএসের সরসংঘচালক মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে, বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক মিলিন্ড পারান্দে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সংগঠন সম্পাদক আশিস চৌহান, বি সুরেন্দ্রন এবং সংঘের সর্বভারতীয় পদস্থ কার্যকর্তারা। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও উপস্থিত থাকবেন ওই বৈঠকে। গোয়ার এই সমন্বয় বৈঠকে উপস্থিত থাকবেন বিদ্যা ভারতী, ভারতীয় কিষান সংঘ এবং অন্যান্য সংগঠনের প্রবীণ কর্মকর্তারাও। আরএসএস (RSS) সূত্রে খবর, সরসংঘচালক মোহন ভাগবত গোয়ায় থাকবেন জানুয়ারির ২ থেকে ৭ তারিখ পর্যন্ত। যার অর্থ, বৈঠক শুরুর ঢের আগে থেকেই তিনি উপস্থিত থাকবেন গোয়ায়।

    আরও পড়ুন: পাক-অধিকৃত কাশ্মীর আমাদের, ফের আমাদের হওয়া উচিত, দাবি আরএসএস নেতার

    গোয়ার এই সমন্বয় বৈঠক নিয়ে বিবৃতি জারি করেছে আরএসএস (RSS)। ওই বিবৃতিতে সংগঠনের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানান, সেপ্টেম্বরে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে সর্বভারতীয় সমন্বয় বৈঠক হয়েছিল। সেখানে নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছিল। ছত্তিশগড় বৈঠকের রিভিউ মিটিং অনুষ্ঠিত হতে চলেছে গোয়ায়। দু দিন ব্যাপী ওই বৈঠক শুরু হবে নতুন বছরের ৫ জানুয়ারি। তিনি জানান, জানুয়ারির ৭ তারিখে স্থানীয় স্বেচ্ছাসেবকদের গাইড করবেন সরসংঘচালক মোহন ভাগবত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

  • S Jaishankar: ‘ভারত প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, কিন্তু…’, চিন, পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের

    S Jaishankar: ‘ভারত প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, কিন্তু…’, চিন, পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিবেশী দেশের নামোচ্চারণ করেননি। তবে ফের একবার চিন (China) ও পাকিস্তানকে (Pakistan) কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। এবং সেজন্য তিনি বেছে নিলেন সাইপ্রাসের মাটিকে। সেখানে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে চিন ও পাকিস্তানকে একহাত নেন ভারতের বিদেশমন্ত্রী। জয়শঙ্কর বলেন, ভারত প্রতিবেশীদের সঙ্গে প্রতিবেশীসুলভ সম্পর্ক স্থাপন করতে চায়। কিন্তু সেজন্য সন্ত্রাসবাদকে অজুহাত খাড়া করতে দেব না। সীমান্ত ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ভারত কখনওই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বদল হতে দেবে না।

    তাওয়াংয়ে…

    চলতি মাসের ৯ তারিখে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে অনুপ্রবেশ করে চিনা ফৌজ। তার জেরে ভারতীয় সৈন্যের সঙ্গে সংঘর্ষ হয় লাল ফৌজের। দু পক্ষের সংঘর্ষে জখম হন বেশ কয়েকজন। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ভারতীয় সেনা মেরে তাড়িয়ে দেয় চিনা সেনাকে। এদিন সে প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী (S Jaishankar) বলেন, সীমান্ত নিয়ে আমাদের অনেক সমস্যা, প্রতিবন্ধকতা রয়েছে। করোনাকালে সীমান্ত নিয়ে সমস্যা আরও বেড়েছে। আপনারা সকলেই জানেন চিনের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। তার কারণ হল, আমরা কোনওভাবেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিবর্তন আনার কোনও চেষ্টা বরদাস্ত করি না। তিনি বলেন, তাই বিদেশনীতির দিক থেকে, জাতীয় নিরাপত্তার দিক থেকে আমি আপনাদের কাছে কূটনৈতিক কঠোর অবস্থানের চিত্র তুলে ধরতে পারি।

    আরও পড়ুন: ‘মোদি বিশ্বের কণ্ঠস্বর, উন্নয়নশীল দেশগুলির স্বর ভারত’, বললেন জয়শঙ্কর

    নাম না করে এদিন ফের এক দফা পাকিস্তানকে খোঁচা দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী (S Jaishankar)। তিনি বলেন, সন্ত্রাসবাদের কারণে আমাদের যত ভুগতে হয়েছে, পৃথিবীর অন্য কোনও দেশকে তা ভুগতে হয়নি। এ থেকে এটা স্পষ্ট যে আমরা কখনওই সন্ত্রাসবাদের সঙ্গে আপোশ করব না। আলোচনার টেবিলে বসানোর জন্য সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আমরা কখনওই দেব না। জয়শঙ্কর বলেন, আমরা সকল প্রতিবেশীর সঙ্গেই ভাল সম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু ভাল প্রতিবেশী হওয়ার অর্থ এই নয় যে সন্ত্রাসবাদ থেকে নজর ফিরিয়ে নেওয়া বা তাকে যুক্তিযুক্ত হিসেবে গণ্য করা। এই বিষয়টি আমরা স্পষ্ট করে দিতে চাই।

    বিদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে তিনি (S Jaishankar) বলেন, সে সব ভারতীয় বিদেশে বসবাস করেন, যাঁরা বিদেশে বসবাসকারী ভারতীয়দের পরিবারের অংশ, তাঁদের সকলকে বলছি, মোদি সরকার আসার পর থেকে অনাবাসী ভারতীয়দের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশকে শক্তিশালী করতে বিদেশে বসবাসকারী ভারতীয়রাও যে গুরুত্বপূর্ণ অংশ, তা আমরা স্পষ্ট জানিয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • WHO Chief: চিনে করোনার নয়া ঢেউ ব্যাপক ক্ষতি করতে পারে বিশ্বের! উদ্বেগ প্রকাশ হু-র

    WHO Chief: চিনে করোনার নয়া ঢেউ ব্যাপক ক্ষতি করতে পারে বিশ্বের! উদ্বেগ প্রকাশ হু-র

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার (Covid 19) ভয়াবহ স্মৃতি এখনও কাটিয়ে ওঠেনি বিশ্ব। বর্তমানে ফের কয়েকটি দেশে চোখ রাঙাচ্ছে মারণ এই ভাইরাস। তবে একমাত্র চিন (China) ছাড়া এখনও করোনায় মৃত্যুর তেমন কোনও খবর মেলেনি কোথাও। করোনা অতিমারি পরিস্থিতিতে মার খেয়েছিল বিশ্ব বাণিজ্য। ধাক্কা খেয়েছিল জাতীয় অর্থনীতির বৃদ্ধি। ব্যাহত হচ্ছিল স্বাস্থ্য পরিষেবা। এসবই এখন অতীত। গোটা বিশ্বের ছবিটা যখন এই রকম, তখন করোনার ভ্যারিয়েন্টের ধাক্কায় কুপোকাত হওয়ার জোগাড় ভারতের প্রতিবেশী দেশ চিনের। সাম্প্রতিক এক রিপোর্টে প্রকাশ, চিনের এই নয়া ভ্যারিয়েন্ট যদি দ্রুত ছড়িয়ে পড়ে, মারণ এই ভাইরাসের মুখে লাগাম পরানো না যায়, তাহলে তামাম বিশ্বে ফের একবার নেমে আসবে করোনার করাল গ্রাস।

    চিনের উহান প্রদেশে…

    তিন বছর আগে চিনের উহান প্রদেশে প্রথম খোঁজ মিলেছিল করোনা ভাইরাসের। তার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। মৃত্যু হয় লক্ষ লক্ষ মানুষের। সম্প্রতি চিনে যে হারে করোনায় মৃত্যুর ঘটনা ঘটছে, তাতে আতঙ্কিত গোটা বিশ্ব। ২০১৯ সালে যেমন করোনার খবর লুকিয়ে রেখেছিল চিন, এবারও তারা তেমনই করছে। সূত্রের খবর, ইতিমধ্যেই হাজার হাজার করোনা সংক্রমিতের মৃত্যু হচ্ছে চিনে। অন্ত্যেষ্টিক্রিয়া স্থলে লাশের স্তূপ। হাসপাতালগুলিতে করোনা সংক্রমিতের দীর্ঘ লাইন। তার পরেও তথ্য গোপনের অভিযোগ উঠেছে শি জিনপিংয়ের দেশের বিরুদ্ধে। দেশে করোনায় ফি দিন কতজনের মৃত্যু হচ্ছে, তা জানতে চেয়েছেন চিনা নাগরিকদের সিংহভাগ অংশ। যদিও চিন সরকারের দাবি, করোনায় এখনও কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

    আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ ধ্বনি, মমতার ‘গোঁসা’য় তাল কাটল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে

    জানা গিয়েছে, সাংহাই এবং বেজিংয়ে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। বেজিংয়ের এক চিকিৎসক হাওয়ার্ড বার্নেস্টাইন বলেন, হাসপাতালগুলির ওপর থেকে নীচ পর্যন্ত সর্বত্র সংক্রমিতের ভিড়। সত্যি করে বলতে কী, এত বড় চ্যালেঞ্জ সামলানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এদিকে, বিশ্ব স্বাস্থ্যসংস্থার ডিরেক্টর জেনারেল (WHO Chief) টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস বৃহস্পতিবার বলেন, চিনের করোনা পরিস্থিতি নিয়ে বিশ্ব সংস্থা উদ্বেগে রয়েছে। ট্যুইট-বার্তায় তিনি লেখেন, চিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগে রয়েছি। করোনা সংক্রমণে যাঁদের ঝুঁকি বেশি  চিনকে তাঁদের কোভিড ১৯টি টিকাকরণের ওপর জোর দিতে উৎসাহিত করছি। ক্লিনিক্যাল কেয়ার এবং স্বাস্থ্য ব্যবস্থা মজবুত রাখতে চিনকে আমরা সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Saket Gokhale: ফের গ্রেফতার তৃণমূল নেতা সাকেত গোখলে, কেন জানেন?

    Saket Gokhale: ফের গ্রেফতার তৃণমূল নেতা সাকেত গোখলে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের গ্রেফতার তৃণমূলের (TMC) সর্ব ভারতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। ক্রাউড ফান্ডিংয়ের টাকা নয়ছয়ের অভিযোগে আবারও গ্রেফতার করা হল তাঁকে। চলতি মাসে এ নিয়ে তিনবার গ্রেফতার হলেন সাকেত। গুজরাট পুলিশের এক আধিকারিক জানান, আহমেদাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখা গ্রেফতার করেছে সাকেতকে। শুক্রবার দুপুরে তাঁকে নিয়ে আসা হবে আহমেদাবাদে।

    প্রধানমন্ত্রীর নামে…

    প্রধানমন্ত্রীর (PM Modi) নামে ভুয়ো খবর ছড়িয়েছিলেন বলে অভিযোগ। সেজন্য জাল করেছিলেন নথিও। অন্তত পুলিশের দাবি ছিল এমনই। তার জেরে গ্রেফতার করা হয়েছিল  তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale)। ৬ ডিসেম্বর রাজস্থানের জয়পুর থেকে তাঁকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। প্রসঙ্গত, গুজরাটের মরবি ব্রিজ দুর্ঘটনা নিয়ে সাকেত গোখলের করা একটি ট্যুইটকে ভুয়ো বলে দাবি করে পাল্টা ট্যুইট করে কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফর্মেশন ব্যুরো।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ করতে নথি জাল, এই জন্যই গ্রেফতার তৃণমূলের সাকেত

    ট্যুইটে সাকেত দাবি করেছিলেন, মরবি ব্রিজ দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থলে যাওয়ার খরচ হয়েছিল ৩০ কোটি টাকা। আরটিআই থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছিলেন তিনি। অথচ এমন কোনও আরটিআই ফাইল হয়নি বলেই দাবি করেছিল গুজরাট সমাচার। সূত্রের খবর, আরটিআইয়ের পুরো বিষয়টিই সাকেত গোখলের বানানো। এই ঘটনায় জামিন পাওয়ার পর ৮ ডিসেম্বর ফের গ্রেফতার করা হয় সাকেতকে। সেবার ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই একই মামলা দায়ের হয়েছিল মরবিতে। পরের দিনই জামিনে ছাড়া পেয়েছিলেন সাকেত। এর পর বৃহস্পতিবার ফের গ্রেফতার হলেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, ক্রাউড ফান্ডিংয়ের টাকা নয়ছয়ের।

    আরও পড়ুন: ‘মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব’, হীরাবেন মোদির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, মন্ত্রী, নেতানেত্রীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • VHP: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

    VHP: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ভোরে প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মা হীরাবেন। খবর পেয়েই ছুটেছেন গুজরাটের (Gujarat) গান্ধীনগরের গাঁয়ে, যেখানে তাঁর ভাইয়ের সঙ্গে থাকতেন মা। মায়ের শেষকৃত্যে যোগ দেন প্রধানমন্ত্রী। শোক সামলে এদিনই পূর্ব নির্ধারিত নানা কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। দিনভর কর্তব্যে ছিলেন অবিচল। বাবা মারা যাওয়ার সময়ও ঠিক এমনটাই করেছিলেন নরেন্দ্র মোদি। স্মৃতিচারণায় এ কথা জানান বিশ্ব হিন্দু পরিষদের (VHP) এক নেতা।

    বিশ্ব হিন্দু পরিষদ…

    বিশ্ব হিন্দু পরিষদের (VHP) সাধারণ সম্পাদক দিলীপ ত্রিবেদী বলেন, ১৯৮৯ সালে প্রয়াত হন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা। এই শুক্রবারের মতো সেবারও বাবার শেষকৃত্যে যোগ দিয়েই দ্রুত চলে যান পূর্ব নির্ধারিত এক বৈঠকে। তিনি বলেন, সেদিন আহমেদাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আমরা শুনলাম নরেন্দ্র মোদির বাবা মারা গিয়েছেন। তিনি ভাটনগরে চলে গিয়েছেন। আমরা ভেবেছিলাম, বাবা মারা গিয়েছেন, তাই মোদি আর ওই বৈঠকে যোগ দিতে পারবেন না। কিন্তু সেদিন দুপুরেই বৈঠকে যোগ দিতে এসেছিলেন তিনি। বাবার মৃত্যুর শোক সামলে তিনি কীভাবে বৈঠকে যোগ দিলেন, তা ভেবে আমরা অবাক হয়েছিলাম।

    আরও পড়ুন: শেষযাত্রায় মায়ের দেহ নিজের কাঁধে তুলে নিলেন, মুখাগ্নি করলেন মোদি

    ফের স্মৃতির সাগরে ডুব দিলেন বিশ্ব হিন্দু পরিষদের (VHP) এই নেতা। তিনি বলেন, বৈঠকের পর মোদির সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন, পার্টির প্রতি তাঁর কর্তব্যও পালন করার ছিল। দিলীপ বলেন, বৈঠকের পর আমি নিজে মোদিকে জিজ্ঞাসা করেছিলাম, এরকম পরিস্থিতিতে কীভাবে আপনি বৈঠকে যোগ দিলেন। মোদি জানিয়েছিলেন, শেষকৃত্য শেষ হওয়ার পরই তিনি বৈঠকে যোগ দিয়েছিলেন। তিনি এও বলেছিলেন, পার্টির প্রতি তাঁর একটা দায়িত্ব রয়েছে। তাঁর সেই দায়িত্বও পালন করা প্রয়োজন ছিল। বিশ্ব হিন্দু পরিষদের ওই নেতা বলেন, পার্টি কর্মীদের কাছে এটা একটি অনুপ্রেরণামূলক মুহূর্ত। আমরা শিখেছিলাম, দায়িত্বের প্রতি আমাদের কেমন করে দায়বদ্ধ থাকতে হয়।

    প্রসঙ্গত, শুক্রবার ভোরে মাতৃবিয়োগ হয় প্রধানমন্ত্রীর। এদিনই বেলা সাড়ে ১১টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করার কথা ছিল তাঁর। সেই মতো এদিন নির্দিষ্ট সময়েই ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে সূচনা করেন সেমি হাইস্পিড ওই ট্রেনের যাত্রার। তার আগে প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন মায়ের শেষকৃত্যে। শোক সামলে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করার পর প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচিতেই।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Murder: স্ত্রী ও তাঁর প্রেমিককে নৃশংসভাবে খুন করে গ্রেফতার যুবক

    Murder: স্ত্রী ও তাঁর প্রেমিককে নৃশংসভাবে খুন করে গ্রেফতার যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: স্ত্রী ও তাঁর প্রেমিককে নৃশংসভাবে খুন (Murder) করে গ্রেফতার যুবক। শনিবার এ খবর জানিয়েছে দিল্লি (Delhi) পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার মাত্র ছ ঘণ্টার মধ্যেই ফাঁস হয়েছে রহস্যের পর্দা। 

    রহস্যের পর্দা ফাঁস…

    জানা গিয়েছে, ডিসেম্বরের ৩০ তারিখে বছর তিরিশের এক মহিলা ও এক পুরুষকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় ফুটপাত থেকে। তাঁরা পড়েছিলেন অরবিন্দ মার্গের সফদারজং হাসপাতালের দু নম্বর গেটের সামনে। রক্তে ভেসে যাচ্ছিল শরীর। ঘটনাটি নজরে পড়ায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সফদারজং হাসপাতালে। মহিলার আঘাত গুরুতর ছিল। পুরুষটির নাম সাগর। তাঁর শরীরেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয় দুজনেরই। ওই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ও ৩০২ নম্বর ধারায় মামলা দায়ের করা হয় নয়াদিল্লির সফদারজং এনক্লেভ থানায়। তার পরেই তদন্তে নামে পুলিশ।

    আরও পড়ুন: ‘তৃণমূলে থেকে মানুষের চোখের জল…’, নদিয়ায় বিজেপিতে যোগ দিয়ে বললেন ২০০ তৃণমূল নেতা-কর্মী

    দিল্লি পুলিশ জানিয়েছে, বছর দেড়েক আগে বছর তিরিশের ওই মহিলার সঙ্গে বিয়ে হয় গন্ধর্ব ওরফে সানির। বিয়ের পর তাঁরা নয়ডায় থাকতে শুরু করেন। নয়ডারই এক হাসপাতালে কাজও করতেন তাঁরা। এই সময় ওই মহিলার সঙ্গে পরিচয় হয় সানির ছোটবেলার বন্ধু সাগরের। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। এনিয়ে মনোমালিন্য হয় সানির সংসারে। পুলিশ জানিয়েছে, সাগরের বাবা মা-র দাবি, গত সপ্তাহে সানি সাগরকে হুমকি দেয়। তার পরেই এই পরিণতি (Murder)। ঘটনার পরেই গা ঢাকা দেয় সানি। তাঁর খোঁজে নয়ডা, গোকুলপুরি, কুসুমপুর ফাঁড়ি, কারকোদামা এবং সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। শেষমেশ গ্রেফতার করা হয় সানিকে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সানি জানিয়েছেন, ওই মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। সাগর তাঁর ছোটবেলার বন্ধু। একই এলাকায় বসবাস করতেন। তিনি জানান, তাঁর স্ত্রীর সঙ্গে সাগরের সম্পর্ক গড়ে উঠেছিল। দিন পনের ধরে তাঁর স্ত্রী সাগরের সঙ্গে থাকছিলেনও। সানি বলেন, স্ত্রীকে ছেড়ে দিতে সাগরকে দু তিনবার বলেছি। তার পরেও সে আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেছেছিল। পুলিশ জানিয়েছে, টানা জেরায় সানি জানিয়েছেন, রাগে ছুরি দিয়ে স্ত্রী ও সাগরকে খুন করেছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • PM Netanyahu: ইজরায়েলে সরকার গড়লেন নেতানিয়াহু, অভিনন্দন বার্তা মোদি, বাইডেন, পুতিনের

    PM Netanyahu: ইজরায়েলে সরকার গড়লেন নেতানিয়াহু, অভিনন্দন বার্তা মোদি, বাইডেন, পুতিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতা থেকে দূরে ছিলেন মাত্র ১৮ মাস। তারপর ফের ইজরায়েলের (Israel) ক্ষমতায় ফিরলেন বেঞ্জামিন বিবি নেতানিয়াহু। বৃহস্পতিবার ক্ষমতায় ফেরেন তিনি। এনিয়ে ছ’বার। এদিনই ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে শপথ নেন নেতানিয়াহু (PM Netanyahu)। তাঁকে সমর্থন করেছেন বিভিন্ন দক্ষিণপন্থী দল। এদিনই তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    নেতানিয়াহু…

    এর আগের দফায় নেতানিয়াহু (PM Netanyahu) যখন ইজরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাঁকে দুর্বল তকমা দিয়েছিলেন বিরোধীরা। এদিন ক্ষমতায় ফিরেই তাঁদের আক্রমণ শানিয়েছেন ইজরায়েলের নয়া প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি শুনতে পাচ্ছি বিরোধীদের চিৎকার। তাঁরা বলছেন, দেশ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল গণতন্ত্রও। তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়া মানে গণতন্ত্র শেষ হয়ে যাওয়া নয়। গণতন্ত্রের নির্যাস এটাই।

    চলতি বছরের নভেম্বরের ১ তারিখে নির্বাচন হয় ইজরায়েলে। এই নির্বাচনেই জয়ী হন নেতানিয়াহু। তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলে শেষ হল বছরভর ধরে চলা রাজনৈতিক অস্থিরতার। প্রসঙ্গত, গত চার বছরেরও কম সময়ে এনিয়ে পাঁচবার নির্বাচন হয়েছে ইজরায়েলে। জানা গিয়েছে, ১২০ জন নেসেটের (ইজরায়েলের সাংসদ) মধ্যে নেতানিয়াহু পেয়েছেন ৬৩ জনের সমর্থন। তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন ৫৪ জন।

    আরও পড়ুন: ‘ভারত প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, কিন্তু…’, চিন, পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের

    এদিন সরকার গড়ার পরেই একগুচ্ছ ঘোষণা করেছেন ইজরায়েলের নয়া প্রেসিডেন্ট (PM Netanyahu)। তিনি জানান, তিন বছর বয়সে নিখরচায় প্রি-স্কুল এডুকেশন চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নয়া বছরে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হবে। কমানো হবে ইজরায়েলবাসীর কস্ট অফ লিভিংও। হাইস্পিড প্রোজেক্টাইল ট্রেনও চালানো হবে ইজরায়েল জুড়ে। মিলিটারি এবং ন্যাশনাল সার্ভিসে যেসব বয়স্ক পড়ুয়ারা রয়েছেন, তাঁদের স্কলারশিপের পরিমাণ বাড়ানো হবে। যাঁরা মিলিটারি সার্ভিসে রয়েছেন, তাঁদের এক বছরের জন্য ফ্রি স্কুলিংয়ের ব্যবস্থা করার চিন্তাভাবনাও করা হচ্ছে।

    এদিকে, বৃহস্পতিবারই বন্ধু নেতানিয়াহুকে (PM Netanyahu) শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, সরকার গঠনের জন্য নেতানিয়াহুকে অভিনন্দন। আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শক্তপোক্ত করার জন্য আমরা এক সঙ্গে কাজ করব। বাইডেন, পুতিনের পাশাপাশি নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কিও। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে তাদের সাহায্য করতে ইজরায়েলকে পরোক্ষ আবেদনও করেছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • World Health Organization: করোনা সংক্রান্ত প্রকৃত তথ্য দিন, চিনকে বলল হু-র প্রতিনিধি দল

    World Health Organization: করোনা সংক্রান্ত প্রকৃত তথ্য দিন, চিনকে বলল হু-র প্রতিনিধি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনায় (Covid 19) মৃত্যু নিয়ে তথ্য গোপন করার অভিযোগ উঠেছে চিন (China) সরকারের বিরুদ্ধে। প্রতিদিন কত সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন, তাও জানানো হচ্ছে না বেজিংয়ের তরফে। এমতাবস্থায় চিনের কাছে কোভিডের প্রকৃত তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization), সংক্ষেপে হু (WHO)। শুক্রবার শি জিনপিংয়ের সরকারের আধিকারিকদের সঙ্গে দেখা করেন হু-র প্রতিনিধিরা। জানতে চান চিনের বর্তমান কোভিড পরিস্থিতি সম্পর্কে। হু-র প্রতিনিধিরা চিনকে তথ্য প্রকাশের অনুরোধ করেছে। যাতে সেই তথ্য জেনে কোভিড মোকাবিলায় প্রস্তুত থাকতে পারে বিশ্বের অন্যান্য দেশ।

    হু-র প্রতিনিধি দল…

    এদিন চিনা আধিকারিকদের সঙ্গে হু-র প্রতিনিধি দলের বৈঠকে উঠে আসে নানা বিষয়। ওই প্রতিনিধি দল চিনা আধিকারিকদের কাছে জানতে চান জিনোম সিকোয়েন্সিংয়ের ডেটা সম্পর্কে, হাসপাতালে ভর্তির সংখ্যা কত, আইসিইউতেই বা রয়েছেন কতজন, দৈনিক মৃত্যুর হার কত, কত মানুষের টিকাকরণ হয়েছে, বিশেষত ষাটোর্ধ্বদের। এদিন হু-র প্রতিনিধি দলের তরফে টিকাকরণের ওপর জোর দেওয়া হয়। যাঁদের ঝুঁকি বেশি, তাঁদের দ্রুত বুস্টার ডোজ দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: ‘ভারত প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, কিন্তু…’, চিন, পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের

    চিনে ফের হানা দিয়েছে কোভিড। মারণ ভাইরাসের থাবায় প্রতিদিন মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। অন্ত্যেষ্টিস্থলগুলিতে লাশের পাহাড়। হাসপাতালে হাসপাতালে করোনা সংক্রমিতের দীর্ঘ লাইন। অভিযোগ, মৃত কিংবা সংক্রমিতের কোনও তথ্য প্রকাশ্যে আসতে দিচ্ছে না চিন সরকার। আনুষ্ঠানিকভাবে তারা যে পরিসংখ্যান প্রকাশ করছে, তাতে মৃত কিংবা সংক্রমিতের সংখ্যা দেখানো হচ্ছে অনেক কম করে।

    চিনের তরফে হু-র (World Health Organization) আধিকারিকদের জানানো হয়েছে, কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য তারা কীভাবে পদক্ষেপ করছে, ভবিষ্যতে এ বিষয়ে চিনের পরিকল্পনা কী। কোভিড রুখতে চিকাকরণ, স্বাস্থ্যবিধি এবং ভাইরাসের প্রজাতি নিয়ে গবেষণার ওপর জোর দিচ্ছে বেজিং।

    চিনে কোভিডের বাড়বাড়ন্তের কারণে ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া সহ অনেক দেশই চিন থেকে আসা যাত্রীদের ওপর নানা বিধিনিষেধ জারি করেছে। চিন থেকে আসা যাত্রীদের অবাধ যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা, দক্ষিণ কোরিয়ার মতো একাধিক দেশও। এদিকে, চিনে করোনায় সংক্রমিত হয়ে দৈনিক ৯ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছেন বলে দাবি করেছে ব্রিটেনের হেল্থ অ্যানালিটিকস সংস্থা এয়ারফিনিটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share