Tag: Bengali news

Bengali news

  • Suvendu Adhikari: তিস্তায় রমরমিয়ে চলছে বালি পাচার, ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: তিস্তায় রমরমিয়ে চলছে বালি পাচার, ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি টাকায় এক তৃণমূল বিধায়কের রিসর্ট সংস্কারের কাজ হচ্ছে। এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে বিঁধেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী ওই রিসর্টে যেতে পারেন বলেও জানিয়েছিলেন তিনি। এর পর আটচল্লিশ ঘণ্টাও কাটেনি, ফের মুখ্যমন্ত্রী মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। তিস্তা নদী থেকে অবৈধভাবে বালি পাচারের (Sand Smuggling) একটি ভিডিও শেয়ার করে রাজ্যের বিরোধী দলনেতার কটাক্ষ, মুখ্যমন্ত্রী যখন পাহাড় সফরে তখন তাঁর উপস্থিতির মধ্যেই ওই জেলায় রমরমিয়ে চলছে বালি পাচার।

    সোমবার উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়া দশমীর দিন মালবাজারে মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। আচমকাই জলপাইগুড়ির ওই নদীতে চলে আসে হড়পা বান। বানের জলে ভেসে যান বেশ কয়েকজন। পরে উদ্ধার হয় তাঁদের মধ্যে কয়েকজনের দেহ। এদিন উত্তরবঙ্গ সফরে গিয়ে দশমীর দিনের ওই মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যখন ওই পরিবারগুলির সঙ্গে দেখা করে কুম্ভীরাশ্রু বিসর্জন করছেন, ঠিক তখনই উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ নদী তিস্তা থেকে অবৈধভাবে বালি তোলার ভিডিও শেয়ার করলেন শুভেন্দু (Suvendu Adhikari)।

    ২ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, তিস্তা থেকে অবৈধভাবে বালি তোলা চলছে। মুখ্যমন্ত্রী যখন পাহাড় সফর করছেন, তখন তাঁর উপস্থিতির মধ্যেই জেলায় রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি পাচার। নন্দীগ্রামের বিধায়েকর অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই চলছে বালি পাচার। পাচারের কাজ চলছে রাজগঞ্জ বিধানসভার পাহাড়পুর এলাকায়।

    আরও পড়ুন: ওরা হিন্দুদের তাড়াতে চায়! মোমিনপুর-কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

    রবিবারই শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ করেছিলেন, সরকারি ব্যয়ে উত্তরবঙ্গে একটি বেসরকারি রিসর্ট সংস্কার করা হচ্ছে। রিসর্টটি মহেশতলার বিধায়ক তৃণমূলের দুলাল দাসের। কেবল ওই রিসর্টটি নয়, তার আশপাশের এলাকা এবং রিসর্টে যাওয়ার রাস্তাও সংস্কার করা হচ্ছে সরকারি অর্থ ব্যয়ে। মুখ্যমন্ত্রী ওই রিসর্টে যেতে পারেন বলেও জানিয়েছিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন একবার ওই রিসর্টে গিয়েছিলেন। সরকারি অর্থ ব্যয়ে কেন চলছে ব্যক্তিগত রিসর্ট সংস্কারের কাজ, সে প্রশ্নও তুলেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • S Jaishankar: কেবল ব্যবসা নয়, মিশরের সঙ্গে কাজও করতে চায় ভারত, জানালেন জয়শঙ্কর

    S Jaishankar: কেবল ব্যবসা নয়, মিশরের সঙ্গে কাজও করতে চায় ভারত, জানালেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত (India) কেবল ব্যবসা করতে চায় না, মিশরের সঙ্গে কাজও করতে চায়। রবিবার এ কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি বলেন, আঞ্চলিক ও বিশ্বস্তরের সহযোগিতার মাধ্যমে ভারত-মিশর দুই দেশ কীই না করতে পারে! বর্তমানে মিশর সফরে গিয়েছেন জয়শঙ্কর। এটি তাঁর এই প্রথম মিশর সফর। ইজিপ্টের বিদেশমন্ত্রী সোমেহ শৌক্রির আমন্ত্রণে মিশরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। সেখানেই তিনি মিশরের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপনের কথা বলেন। কায়রোতে ইন্ডিয়া-ইজিপ্ট বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জয়শঙ্কর। সেখানেই ভাষণ দিতে গিয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করেন তিনি।

    এদিনের অনুষ্ঠানে জয়শঙ্কর (S Jaishankar) বলেন, আজ আপনাদের প্রতি আমার বার্তা হল, ভারত শুধু ব্যবসার জন্য খোলা নয়, মিশরের সঙ্গে আমরা কাজও করতে চাই। আঞ্চলিক ও বৈশ্বিক স্তরের সহযোগিতার মাধ্যমে ভারত-মিশর দুই দেশ কীই না করতে পারে। গোটা বিশ্বে কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। তার পরেও অবশ্য সব দেশ সমানভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। সে প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, স্পেকট্রামের শেষে আমরা আরও বেশি আশাবাদী। কেবল দেশেই নয়, বিদেশেও ব্যবসা করার বিশাল সুযোগ তৈরি হয়েছে। এই ইভেন্টে কেমিক্যালস, ম্যানুফ্যাকচারিং, সার, শিক্ষা, পুনর্নবীকরণ শক্তি, রিটেল, ফার্মা এবং সার্ভিস ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব ছিল।   

    আরও পড়ুন:‘আড়াই বছর অত্যন্ত কঠিন ছিল…’ ভারত-চিন সম্পর্কের হাল হকিকত জানালেন জয়শঙ্কর

    গোটা আফ্রিকা মহাদেশের মধ্যে মিশরই ভারতের সাবেক ব্যবসায়িক পার্টনার। ২০২১-২২ অর্থবর্ষে দ্বিপাক্ষিক ব্যবসা বেড়ে দাঁড়িয়েছে ৭.২৬ বিলিয়ন মার্কিন ডলারে। ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় এই বৃদ্ধির হার ৭৫ শতাংশ। মিশরে ভারতীয় দূতাবাস সূত্রেই এ খবর মিলেছে। এদিনের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগের দিন জয়শঙ্কর (S Jaishankar) সাক্ষাৎ করেছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাট্টা এই সিসির সঙ্গে। পরে জানিয়েছিলেন, ভারত-মিশর ব্যবসার পরিমাণ ৭.২ বিলিয়ন মার্কিন ডলারের উল্লেখ করে মিশরের প্রেসিডেন্ট তাঁকে জানিয়েছিলেন, এটাই যথেষ্ট বলে তিনি মনে করেন না। প্রেসিডেন্ট বলেছিলেন, ব্যবসার পরিমাণ কীভাবে আরও বাড়ানো যায়, তার পথ খুঁজে বের করতে হবে।       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Congress Prez Polls: দ্বৈরথে শশী-মল্লিকার্জুন, কংগ্রেসের পরবর্তী প্রেসিডেন্ট কে?

    Congress Prez Polls: দ্বৈরথে শশী-মল্লিকার্জুন, কংগ্রেসের পরবর্তী প্রেসিডেন্ট কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের (Congress) বয়স ১৩৭ বছর। সোমবার শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন (Congress Prez Polls)। এ নিয়ে কংগ্রেস সভাপতি নির্বাচন হচ্ছে ষষ্ঠবার। এবারই প্রথম গান্ধী (Gandhi) পরিবারের কোনও সদস্য উপস্থিত নেই লড়াইয়ের ময়দানে। ২০১৭ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। উনিশের ভোটে দলের ভরাডুবির পর ইস্তফা দেন তিনি। শারীরিক কারণে দলের কাণ্ডারির ভূমিকা পালন করতে রাজি নন সোনিয়া গান্ধীও। তাই হচ্ছে নির্বাচন। দ্বৈরথ হচ্ছে মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের (Shashi Tharoor) মধ্যে।

    এদিন ভোট (Congress Prez Polls) শুরু হয়েছে সকাল ১০টায়। চলবে বিকেল ৪টে পর্যন্ত। ভোট হচ্ছে কাগজের ব্যালটে। ভোট দেবেন কংগ্রেসের ৯ হাজার ২০০ প্রতিনিধি। দেশজুড়ে বুথ হয়েছে ৬৭টি। ভোটের ফল বেরবে ১৯ অক্টোবর। কয়েকটি রাজ্যের ভোটারদের ভোট দিতে স্টেট হেডকোয়ার্টারে আসতে হবে। তাঁদের কিউআর কোড যুক্ত আইডি কার্ড এবং আধারকার্ড সঙ্গে আনতে হবে। এবার যাঁরা ভোট দেবেন, তাঁদের মধ্যে সব চেয়ে বেশি বয়সী ভোটার হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কর্নাটক বিধানসভার প্রাক্তন স্পিকার কোগুডু থিম্মাপ্পা। সব চেয়ে বেশি ভোটার রয়েছেন উত্তর প্রদেশে। ভোটারের সংখ্যা ১২০০। পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা ৯০০। ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন রাহুল গান্ধী। তাই তিনি ভোট দেবেন কর্নাটকের সঙ্গানাকুল্লু থেকে। আর ২৪ নম্বর আকবর রোডে কংগ্রেসের হেড কোয়ার্টারে গিয়ে ভোট দেবেন সোনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, মনমোহন সিং এবং প্রবীণ কিছু কংগ্রেস নেতা।

    আরও পড়ুন: কংগ্রেস নির্বাচন প্রহসন! তোপ অমিত মালব্যর, কী বললেন বিজেপির আইটি সেলের প্রধান?

    ভোট (Congress Prez Polls) শুরুর আগে প্রেসিডেন্ট পদ প্রার্থী থারুর বলেন, দলীয় কর্মীরাই কংগ্রেসের শক্তি। তাঁদের সম্মান করতে হবে। কর্মীদের অনুভব করতে হবে যে দল তাঁদের কথা শুনবে। এখন এই ধারণা রয়েছে,  দলের যে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লি থেকে। তিনি জানান, বিজেপির সঙ্গে লড়াইয়ের জন্য দলে সংস্কার আশু প্রয়োজন। আর এক প্রেসিডেন্ট পদপ্রার্থী খাড়গে বলেন, পার্লামেন্ট থেকে রাস্তা আমাদের সর্বত্র লড়াই করতে হবে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি সহ একাধিক ইস্যু রয়েছে আন্দোলনের জন্য। প্রসঙ্গত, বাইশ বছর আগে শেষবার সোনিয়া গান্ধীর বিরুদ্ধে লড়েছিলেন জিতেন্দ্র প্রসাদ। যদিও শেষ হাসি হেসেছিলেন সোনিয়া গান্ধীই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Mother Dairy: আমূলের পর এবার মাদার ডেয়ারি, দুধের দাম বাড়ল ২ টাকা

    Mother Dairy: আমূলের পর এবার মাদার ডেয়ারি, দুধের দাম বাড়ল ২ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: দুধের দাম আগেই বাড়িয়েছিল আমূল (Amul)। এবার সেই পথে হাঁটল মাদার ডেয়ারিও (Mother Dairy)। শনিবার মাদার ডেয়ারি ফুল ক্রিম মিল্ক (Full Cream Milk) এবং কাউ মিল্কের (Cow Milk) দাম বাড়িয়েছে লিটার প্রতি দু টাকা করে। মাদার ডেয়ারির এক মুখপাত্র বলেন, এই মূল্যবৃদ্ধি প্রযোজ্য হবে ১৬ অক্টোবর, রবিবার থেকে। এ নিয়ে চলতি বছরে তিনবার দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি (Mother Dairy)। গত মার্চ মাসে দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটেল রিজিয়নে তারা দুধের দাম বাড়িয়েছিল লিটার প্রতি দু টাকা। ওই একই এলাকায় কোম্পানি ফের দুধের দাম লিটার প্রতি দু টাকা বাড়িয়েছিল অগাস্টে। তার আবারও বাড়ানো হল লিটার প্রতি দু টাকা।

    কী কারণে বাড়ানো হল দুধের দাম? মাদার ডেয়ারির (Mother Dairy) এক মুখপাত্র জানান, দুগ্ধ শিল্পে ইনপুট খরচ বহুগুণ বেড়ে যাওয়ায় ধারাবাহিকভাবে বাড়ছে কাঁচা দুধের দাম। গত দু মাসেই তা বেড়েছে কেজি প্রতি প্রায় ৩ টাকা। উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে পশুখাদ্যের দাম বাড়ায় ও বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি বলেন, কৃষকদের লাভের কথা মাথায় রেখে এবং উপভোক্তাদের জন্য উন্নতমানের দুধের জোগান নিশ্চিত করতে দাম বাড়াতে বাধ্য হয়েছি আমরা।

    আরও পড়ুন: কাজের ক্ষেত্রে ইডি সম্পূর্ণ স্বাধীন, সাফ জানালেন নির্মলা সীতারামন

    মাদার ডেয়ারির (Mother Dairy) এই পদক্ষেপের আগেই লিটার প্রতি দু টাকা বাড়িয়েছিল আমূলও। গুজরাট ছাড়া দেশের সর্বত্র দাম বাড়ানোর কথা জানিয়েছিল কোম্পানি। লিটার প্রতি দু টাকা দাম বাড়ায় ফুল ক্রিম আমূল দুধের দাম পড়বে লিটার প্রতি ৬৩ টাকা। আগে এটাই ছিল ৬১ টাকা। তবে কেবল গোরুর দুধ নয়, আমূল গোল্ড ও মোষের দুধের দামও বাড়ছে লিটার প্রতি দু টাকা করে। আমূল দুধ প্রস্তুত করে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আরএস সোধি বলেন, ফ্যাটের মূল্য বৃদ্ধির কারণে আমূল গোল্ড ও মোষের দুধের দাম বাড়ানো হয়েছে লিটার প্রতি ২ টাকা করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Joe Biden: পাকিস্তান বিশ্বের বিপজ্জনক দেশগুলির একটি, মার্কিন তোপে বেকায়দায় ইসলামাবাদ

    Joe Biden: পাকিস্তান বিশ্বের বিপজ্জনক দেশগুলির একটি, মার্কিন তোপে বেকায়দায় ইসলামাবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন বিনা মেঘে বজ্রপাত! পাকিস্তানকে (Pkistan) বিশ্বের বিপজ্জনক দেশগুলির একটি বলে দেগে দিল আমেরিকা (America)। শনিবার লস অ্যাঞ্জেলেসে ডেমক্রেটিক কংগ্রেসনার ক্যাম্পেন কমিটির রিসেপশনে ভাষণ দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তখন তিনি বলেন, পাকিস্তান বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ। উপযুক্ত সুরক্ষা ছাড়াই পরমাণু অস্ত্র রেখেছে।

    এদিন বাইডেন (Joe Biden) বলেন, এই লোকটি (শি জিনপিং) যিনি বোঝেন তিনি কী চান, কিন্তু তাঁর সামনে রয়েছে সমস্যার পাহাড়। আমরা কীভাবে সেটা হ্যান্ডেল করব? রাশিয়ায় বর্তমানে যা চলছে, তাই বা হ্যান্ডেল করব কীভাবে? এর পরেই পাকিস্তানকে নিশানা করেন তিনি। বলেন, আমি মনে করি, বিশ্বের অন্যতম বিপজ্জনক একটি দেশ হল পাকিস্তান। যারা সুরক্ষা ছাড়াই রেখেছে পারমাণবিক অস্ত্র। সম্প্রতি পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধ বিমানের সরঞ্জাম সরবরাহের আশ্বাস দিয়েছিল আমেরিকা। তখন পাকিস্তানের হয়ে সাফাই দিতে গিয়ে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, খুব স্পষ্ট করে বলতে গেলে পাকিস্তানের কাছে দীর্ঘদিন ধরে রয়েছে এফ-১৬ যুদ্ধ বিমান। এগুলি পুরানো প্লেন এবং সিস্টেম, যা ইতিমধ্যেই তাদের কাছে রয়েছে। আমরা এই বহরের রক্ষণাবেক্ষণ ও টিকিয়ে রাখার জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করি। তাদের প্রতি আমাদের দায়িত্ব ও বাধ্যবাধকতা রয়েছে।

    মার্কিন বিদেশ সচিবের এহেন মন্তব্যের ছাপ পড়েছিল ভারত-মার্কিন সম্পর্কে। মার্কিন ওই সিদ্ধান্তের জেরে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিল নয়াদিল্লি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আমেরিকায় গিয়ে বাইডেন সরকারকে কটাক্ষ করে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, আপনারা আমাদের বোকা বানাতে পারবেন না। ভারতের বিদেশমন্ত্রীর ওই মন্তব্যের পর বিবৃতি জারি করে শেহবাজ শরিফের দেশ বলেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘস্থায়ী এবং বিস্তৃত সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের মৌলিক নিয়মগুলিকে সম্মান করার এবং আমেরিকা ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে ভারতকে। ভারত তার কূটনৈতিক আচরণ খতিয়ে দেখুক।

    আরও পড়ুন: আগ্রহী খোদ আমেরিকা, ন্যাটোর অন্তর্ভুক্ত হচ্ছে মোদির দেশ?

    এর পর এদিন মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই ধারণা আন্তর্জাতিক কূটনীতিকদের। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগে চার বছর ধরে ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। সেই কলঙ্ক মোছার কথা ছিল খুব শীঘ্রই। বাইডেনের এই মন্তব্যের জেরে শাহবাজ শরিফের দেশ যে বেশ বেকায়দায় পড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Chhattisgarh Government: ছত্তিশগড়ে ব্যাপক দুর্নীতি, ইডির হাতে গ্রেফতার ৩ আইএএস আধিকারিক

    Chhattisgarh Government: ছত্তিশগড়ে ব্যাপক দুর্নীতি, ইডির হাতে গ্রেফতার ৩ আইএএস আধিকারিক

    মাধ্যম নিউজ ডেস্ক: থিকথিকে ভিড় ছত্তিশগড়ের স্পেশাল কোর্ট হল রুমে। সাংবাদিক, আইনজীবী এবং তিন আইএএস অফিসারের পরিবারের ভিড়ে ঠাসা ওই রুম। বৃহস্পতিবার এখানেই শুনানি চলেছে আইএএস অফিসার সমীর বিষ্ণৈ, সুনীল আগরওয়াল এবং লক্ষ্মীকান্ত তিওয়ারির। আর্থিক তছরুপ মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন এই তিন আইএএস অফিসার। এদিনের শুনানি শেষে তিনজনকেই আট দিনের রিমান্ডে নিয়েছে ইডি।

    প্রশ্ন হল, কবে শুরু হয়েছিল ছত্তিশগড় সরকারে (Chhattisgarh Government) এই দুর্নীতির? দুর্নীতির সঙ্গে জড়িতই বা কারা? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর, কয়লা পরিবহণ করতে গিয়ে ওই টাকা তছরুপ করা হয়েছে। ২০০৯ ব্যাচের আইএএস অফিসার সমীর বিষ্ণৈ যখন জিওলজি ও মাইনিং ডিপার্টমেন্টের ডিরেক্টর ছিলেন, তখনই শুরু হয়েছিল দুর্নীতির। যে কোনও খনিজ পদার্থ পরিবহণের ক্ষেত্রে ক্রেতাদের ম্যানুয়াল অ্যাপ্রুভাল বাধ্যতামূলক করেছিলেন তিনি। এই আদেশ বলে, স্বচ্ছ অনলাইন ব্যবস্থার বদলে খনিজ পদার্থ পরিবহণের ক্ষেত্রে ম্যানুয়াল নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে ডিএমের দফতরের মাইনিং সেকশন (Mining Secction) থেকে। এখান থেকেই শুরু দুর্নীতির। জনৈক সূর্যকান্ত তিওয়ারি ক্যাশ কালেক্টরদের নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এই নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছিল রাজ্যের আটটি এলাকায়। কয়লার পরিবহণ পারমিট কিংবা নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহের জন্য যে লেভি আদায় করা হত, তার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছিল ডিএম অফিসও (DM Office)।

    আরও পড়ুন: মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে ইডি! ভাঙা হল তালা, জানেন কী মিলল?

    জানা গিয়েছে, ঘুষের টাকা না দেওয়া পর্যন্ত ডিএম অফিস থেকে দেওয়া হত না নো অবজেকশন সার্টিফিকেট। ফলশ্রুতি হিসেবে, ছত্তিশগড়ের মধ্যে প্রতি টন কয়লা পরিবহণের জন্য দিতে হত ২৫ টাকা করে। আয়কর দফতর সূত্রে প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, মাত্র ১৬ মাসে লেভি বাবদ আদায় হয়েছে ৫০০ কোটিরও বেশি টাকা। অবৈধভাবে আদায় করা এই টাকা ভাগ বাঁটোয়ারা হয়েছে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, আইএএস এবং অন্য কয়েকজন রাজ্যস্তরের আধিকারিকের মধ্যে। সমীরের বাড়ি থেকে নগদ ৪৭ লক্ষ টাকা এবং ২১ লক্ষ টাকার অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথিও। ধৃতদের ফের আদালতে তোলা হবে ২১ অক্টোবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • PM Kisan: দেওয়ালির আগাম উপহার! পিএম কিষানের ১২তম কিস্তির টাকা পেলেন কৃষকরা

    PM Kisan: দেওয়ালির আগাম উপহার! পিএম কিষানের ১২তম কিস্তির টাকা পেলেন কৃষকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দেওয়ালির আগাম উপহার পেয়ে গেলেন দেশের কৃষকরা! পিএম কিষানের (PM Kisan) ১২তম কিস্তির টাকা পেলেন তাঁরা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এই কিস্তিতে বরাদ্দ করলেন ১৬ হাজার কোটি টাকা। এতে উপকৃত হবেন ১১ কোটি যোগ্য কৃষক (Farmer)। রবি মরশুমের মুখে এই উপহারে যারপরনাই খুশি কৃষকরা। এদিনের মঞ্চ থেকেই যোগ্য কৃষকদের জন্য দু হাজার করে টাকা পাঠালেন প্রধানমন্ত্রী। ওই টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

    জানা গিয়েছে, প্রধানমন্ত্রী কিষান (PM Kisan) সম্মান নিধি প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের দেওয়া হবে মোট ৬ হাজার করে টাকা। এই টাকা দেওয়া হবে তিনটি কিস্তিতে। প্রতি চার মাস অন্তর কৃষকরা পাবেন ২ হাজার করে টাকা। এদিন সেই টাকাই পাঠিয়ে দেওয়া হয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রসঙ্গত, এই স্কিমের সূচনা হয়েছে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে। যদিও তা লাগু হয়েছে তারও তিন মাস আগে থেকে।

    আরও পড়ুন: ‘সত্যি বিস্ময়’, মোদি সরকারের সরাসরি ব্যাংকে নগদ হস্তান্তর প্রকল্পের প্রশংসা আইএমএফের

    দিল্লিতে পুষা ক্যাম্পাসে শুরু হয়েছে দু দিনের পিএম কিষান (PM Kisan) সম্মান সম্মেলন ২০২২। এদিন ওই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরাদ্দ করেন দ্বাদশতম কিস্তির টাকা। প্রধানমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং কেন্দ্রীয় রসায়ন ও সারমন্ত্রী মনশুখ মাণ্ডব্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে ১৩ হাজারেরও বেশি কৃষক যোগ দিয়েছেন অনুষ্ঠানে। উপস্থিত হয়েছেন দেড় হাজার কৃষি-উদ্যোগপতিও। গবেষক, পলিসি মেকার এবং অন্যান্য অংশীদারেরাও যোগ দিয়েছেন দু দিনের এই সম্মেলনে। প্রসঙ্গত, পিএম কিষান (PM Kisan) একটি সেন্ট্রাল সেক্টর স্কিম। ফান্ডের একশো শতাংশ টাকাই দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশিকা মেনে রাজ্য সরকার যোগ্য কৃষকদের খুঁজে বের করে। তার পরেই টাকা পাঠানো হয় কৃষকদের অ্যাকাউন্টে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Manish Sisodia: সোমবারই কি গ্রেফতার হচ্ছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া?

    Manish Sisodia: সোমবারই কি গ্রেফতার হচ্ছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে (Manish Sisodia) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সকাল ১১টায় তাঁকে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে। বিতর্কিত দিল্লি আবগারি নীতি মামলায় তলব করা হয়েছে তাঁকে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন আম আদমি পার্টির প্রবীণ নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি বলেন, আগামিকালই গ্রেফতার হবেন সিসোদিয়া। সৌরভ বলেন, সিসোদিয়াকে সিবিআই (CBI) তলবের সঙ্গে গুজরাট নির্বাচনের সম্পর্ক রয়েছে। এই নির্বাচনে বিজেপির (BJP) সরাসরি লড়াই হবে আপের (AAP) সঙ্গে। তিনি বলেন, বিজেপির কোনও দোষ নেই, পবিত্র। সিসোদিয়া বলেন, এর আগে যে রেইড হয়েছিল, তাতে কিছুই পায়নি সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিবিআই ১৪ ঘণ্টা ধরে আমার বাড়িতে তল্লাশি চালাল। কিছুই পায়নি। তারা আমার ব্যাঙ্কের লকার খুঁজেছে, সেখানেও কিছুই পায়নি। বস্তুত, আমার গ্রামেও কিছু খুঁজে পায়নি তারা। ট্যুইট-বার্তায় তিনি বলেন, আগামীকাল বেলা ১১টায় তারা আমাকে সিবিআইয়ের সদর দফতরে ডেকেছে। আমি যাব এবং পূর্ণ সহযোগিতা করব।

    আরও পড়ুন: ভোট বাক্সের রাজনীতি! মোমিনপুরের ঘটনায় চুপ কেন অভিষেক? প্রশ্ন অমিত মালব্যর

    মনীশ সিসোদিয়ার (Manish Sisodia) পাশে দাঁড়িয়েছেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী তথা আপ পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ট্যুইটবার্তায় তিনি সিসোদিয়াকে স্বাধীনতা যোদ্ধা ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করেন। তিনি লেখেন, জেলের গারদ এবং ফাঁসির দড়ি কোনওটাই ভগৎ সিংকে তাঁর দৃঢ় প্রতিজ্ঞা থেকে সরাতে পারেনি। এটা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ। মনীশ আর সত্যেন্দ্র (জৈন) আজকের ভগৎ সিং।

    গত বছর নয়া আবগারি নীতি আনে দিল্লির আপ সরকার। নয়া ওই আবগারি নীতির মাধ্যমে আপ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তদন্তের নির্দেশ দিতেই প্রত্যাহার করা হয় নয়া আবগারি নীতি। ফের চালু হয় পুরানো আবগারি নীতি। পরে তদন্ত শুরু করে সিবিআই। গত মাসে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা গ্রেফতার করে আপ কমিউনিকেশন চিফ তথা সিসোদিয়ার (Manish Sisodia) ঘনিষ্ঠ নেতা বিজয় নায়ারকে। এবার তলব করা হল স্বয়ং সিসোদিয়াকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • India China: ‘আড়াই বছর অত্যন্ত কঠিন ছিল…’ ভারত-চিন সম্পর্কের হাল হকিকত জানালেন জয়শঙ্কর

    India China: ‘আড়াই বছর অত্যন্ত কঠিন ছিল…’ ভারত-চিন সম্পর্কের হাল হকিকত জানালেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: দুই প্রতিবেশীর সম্পর্ক যেমন হওয়া উচিত, ভারত-চিন (India China) সম্পর্ক কখনওই তেমন ছিল না। তবে গত কয়েক বছরে এই সম্পর্কের আরও অবনতি হয়েছে। ভারত-চিন সম্পর্ক নিয়ে বলতে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) বলেন, কঠিন সময় ছিল আড়াই বছর। মঙ্গলবার সিডনিতে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একথা বলেন তিনি। তবে প্রতিবেশীদের যেহেতু মিলেমিশে থাকতেই হয়, তাই চিনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখা হয়েছে বলেও জানান জয়শঙ্কর। ভারত (India) অস্ট্রেলিয়ার সম্পর্ক ও কোয়াড সদস্য হিসেবে সদস্য দেশগুলির সুরক্ষা প্রসঙ্গে শি জিনপিংয়ের দেশের প্রসঙ্গ টানেন জয়শঙ্কর। তিনি বলেন, গত আড়াই বছরে ভারত-চিন (India China) সম্পর্ক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। এর মধ্যে ঝরেছে রক্তও। চল্লিশ বছর পর সীমান্তে রক্ত ঝরেছে। আমাদের ২০ জন সৈন্যকে হারাতে হয়েছে।

    প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে গত প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে বিরোধ চলছে ভারত-চিনের (India China)। সেই সূত্র ধরেই ভারতের বিদেশমন্ত্রী বলেন, তার পরেও আমাদের দেশের তরফে চিনের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সংঘর্ষের পরের দিন সকালেও আমি চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইকে ফোন করি। চিনের দিক থেকে আর যেন কোনও সামরিক পদক্ষেপ না করা হয়, তা নিশ্চিত করতে আবেদনও করি। ভারতের বিদেশমন্ত্রী বলেন, কূটনীতি হচ্ছে দুই দেশের কথা চালাচালি। এটা কেবল চিনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেই নয়, অন্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। তাঁর প্রশ্ন, যদি কূটনীতিকরা পরস্পরের মধ্যে কথাবার্তা না বলেন, তা কী ধরণের কূটনীতি তাঁরা করবেন? তাঁর মতে, দিনের শেষে প্রতিবেশী দেশগুলির মিলেমিশে থাকাই শ্রেয়।

    আরও পড়ুন : মৌলবাদী শক্তিগুলি স্বাধীনতার অপব্যবহার করছে, কানাডার খালিস্থান সমর্থকদের প্রসঙ্গে জয়শঙ্কর

    গত কয়েক বছর ধরে ভারত-চিন (India China) সম্পর্ক যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা আগেও একবার বলেছিলেন জয়শঙ্কর। অগাস্টে ব্যাংককে একটি অনুষ্ঠনে যোগ দিতে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী বলেছিলেন, ভারত-চিন সম্পর্ক খুবই কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষত, বেজিং সীমান্তে যা করেছে, তার পর। তিনি এও বলেছিলেন, যদি দুটি প্রতিবেশী দেশ হাত না মেলায় তাহলে এশিয়ান সেঞ্চুরি হবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cartoon Network:আমাদের শৈশবের দিন শেষ! কার্টুন নেটওয়ার্ক নিয়ে কেন বলছেন নেটিজেনরা?

    Cartoon Network:আমাদের শৈশবের দিন শেষ! কার্টুন নেটওয়ার্ক নিয়ে কেন বলছেন নেটিজেনরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়ের দশকের ছেলেমেয়েদের জন্য দুঃসংবাদ। বন্ধ হয়ে যাচ্ছে ৩০ বছরের পুরনো কার্টুন নেটওয়ার্ক (Cartoon Network)। ৯০’- স এর ছেলেমেয়েদের কাছে কার্টুন নেটওয়ার্ক মানে একটা নস্টালজিয়া। ড্রইং রুমে ধারাবাহিকের কচকচানি শোনার ফ্যান্টাসি ছিল না তাঁদের। অমোঘ আকর্ষণ ছিল কার্টুন নেটওয়ার্কের প্রতি। মা-বাবার হাজার বকুনি খেয়েও নয়ের দশকের ছেলেমেয়েরা কার্টুন নেটওয়ার্ক দেখেই বেড়ে উঠেছে। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছিল মঙ্গলবার। ৩০ বছর পর কার্টুন নেটওয়ার্ক বন্ধ হচ্ছে। ওয়ার্নার ব্রাদার্স কিনে নিচ্ছে চ্যানেল। এই খবর জানাজানি হতেই নেটদুনিয়া ছেয়ে গিয়েছিল হৃদয়বিদারক পোস্টে। যেন প্রিয় বন্ধুকে সমাধিস্থ করা হচ্ছে, এমন ভাবেই একটি চ্যানেলকে বিদায় জানিয়েছেন বিশ্ববাসী। তাঁরা বেশির ভাগই নব্বইয়ের দশকের শিশু। যাঁরা আজও কোন সময় কোন কার্টুন হত, মুখস্থ বলে দিতে পারবেন, গল্পসমেত।এত দিনের নস্টালজিয়া, ছোটবেলা জড়িয়ে যেখানে, তার হারিয়ে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ।

    [tw]


    [/tw]

    সেই পরিস্থতিতে কার্টুন নেটওয়ার্ক-এর তরফে টুইট করা হল শনিবার, “তোমাদের সবাইকে বলছি, আমরা মরিনি। আমরা শুধু ৩০ বছর পূর্ণ করলাম। অনুরাগীদের বলছি, আমরা কোথাও যাচ্ছি না। যেমন ছিলাম তেমনই তোমাদের বাড়িতে থাকব। তোমাদের ভালবাসায় আরও কিছু উদ্ভাবনী কার্টুন নিয়ে আসব।”

    [tw]


    [/tw]

    অন্য দিকে, ওয়ার্নার ব্রাদার্স (Warner Bros) কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি অধিগ্রহণ করার পরই  ২৬ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। অধিগ্রহণ করার  বিশদ বিবরণ কিংবা, এটি কী ভাবে আগামী দিনে কার্টুন নেটওয়ার্ক-এর কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে, তা এখনও জানা যায়নি।

    কার্টুন নেটওয়ার্কের (Cartoon Network)  তরফ থেকে ট্যুইট আসার পর ভক্তদের মনে কিছুটা স্বস্তি এনেছে। একজন সোস্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন দয়া করে পুরোনো কার্টুন শো গুলি রাখবেন বাচ্চাদের ক্লাসিক শো গুলির দেখার সুযোগ করে দেবেন। আবার আরেকজন লিখেছেন, ক্লাসিকের দোহাই দিয়ে বাচ্চাদের নতুন শো থেকে বঞ্চিত করা উচিত নয়।

    [tw]


    [/tw]

    প্রসঙ্গত ১৯৯২ সালে টেড টার্নার কার্টুন নেটওয়ার্ক (Cartoon Network) চ্যানেলটির প্রতিষ্ঠা করেছিলেন। এই চ্যানেলটির সবচেয়ে পুরনো কার্টুন শোয়ের নাম ছিল দ্যা মস্কি শো (The Moxy Show)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
LinkedIn
Share