Tag: Bengali news

Bengali news

  • Bangladesh Update: দুর্গাপুজোয় ৩ দিন ছুটির সওয়াল করায় স্বরাষ্ট্র-উপদেষ্টাকে সরালেন ইউনূস

    Bangladesh Update: দুর্গাপুজোয় ৩ দিন ছুটির সওয়াল করায় স্বরাষ্ট্র-উপদেষ্টাকে সরালেন ইউনূস

    মাধ্যম নিউজ ডেস্ক: শেখ হাসিনার সরকারের পতনের পর ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছিল বাংলাদেশের (Bangladesh Update) পরিস্থিতি। কিন্তু এরই মধ্যে এবার অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র-উপদেষ্টার পদ থেকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে সরিয়ে দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাঁর বদলে যুক্ত করা হয়েছে আরও চার উপদেষ্টাকে। জানা গিয়েছে, সাখওয়াতকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরীকে।

    দুর্গাপুজোর সময় তিনদিন ছুটির প্রস্তাব (Holiday In Durga Puja) 

    এর আগে, হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর সময় তিনদিন ছুটি দেওয়ার প্রস্তাব করেছিলেন সাখাওয়াত। তিনি জানিয়েছিলেন, আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে আওয়ামি লিগকে প্রস্তুতি নেওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি। সে সময় সাখাওয়াতকে আওয়ামি লিগপন্থী বলে অভিযোগ তুলতে থাকে বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যরা। রিপোর্ট অনুযায়ী, এই ‘আওয়ামি লিগপন্থী মন্তব্যের’ জেরেই বদলি হতে হয়েছে সাখাওয়াতকে। এই আবহে সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। মাত্র ৯ দিন আগেই বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল বাংলাদেশের (Bangladesh Update) অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার। আর এরই মধ্যে উপদেষ্টামণ্ডলীতে এত বড় রদবদল হওয়ায় হতবাক অনেকেই। 

    আরও পড়ুন: বাড়ছে আন্দোলনের ঝাঁঝ! লালবাজারে তলব পাওয়া ২ চিকিৎসককে নিয়ে মিছিল ডাক্তারদের

    বাংলাদেশে দুর্গাপুজোর  ছুটি নিয়ে সংশয় 

    উল্লেখ্য, হাসিনার দেশ ত্যাগের পর থেকেই বাংলাদেশের (Bangladesh Update) সংখ্যালঘু গোষ্ঠীগুলি তাদের অধিকার রক্ষার জন্য একটি সংখ্যালঘু সুরক্ষা আইন চালু করার দাবি করছে। জানা গিয়েছে, ইউনূসের কাছে তুলে ধরার জন্য আট দফা দাবির একটি তালিকা তৈরি করেছিল একটি হিন্দু ছাত্র সংগঠন। এই দাবিগুলির মধ্যে একটি ছিল দুর্গাপুজোর সময় ৫ দিনের ছুটি। সে সময় সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তাঁরা দুর্গাপুজোর সময়ে ছুটির (Holiday In Durga Puja) বিষয়টি বিবেচনা করে দেখবেন। কিন্তু এরপরই তাঁর বদলির অর্ডার আসে। সুতরাং এর ফলে এবার বাংলাদেশে দুর্গাপুজোর ছুটি নিয়ে সংশয় তৈরি হয়েছে সংখ্যালঘু গোষ্ঠীগুলির মধ্যে। 
      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Triple Talaq: ‘তিন তালাক বিপজ্জনক’, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল কেন্দ্র

    Triple Talaq: ‘তিন তালাক বিপজ্জনক’, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘তিন তালাক (Triple Talaq) প্রথা বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠানের পক্ষে বিপজ্জনক। এটা মুসলমান মহিলাদের জীবনকে দুর্বিষহ করে তোলে।’ সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) হলফনামা জমা দিয়ে একথা জানাল কেন্দ্র।

    সুপ্রিম-শুনানিতে কী বলল কেন্দ্র? (Triple Talaq)

    শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় কেন্দ্র জানিয়েছে, যাঁরা তিন তালাকের শিকার হন, তাঁদের পুলিশের কাছে যাওয়া ছাড়া অন্য কোনও উপায় থাকে না। কিন্তু আইনে শাস্তিমূলক ধারা না থাকলে পুলিশকর্মীরা নিরুপায় বোধ করতেন। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারত না। তাই বেআইনি হলেও, অবাধে চলছিল এই প্রথা। যা কোনওভাবেই কাম্য নয়। এটা বন্ধ করতেই দ্রুত কঠোর আইনি ব্যবস্থার প্রয়োজন ছিল।

    তিন তালাক বন্ধ করতে দরকার শাস্তির বিধান

    কেন্দ্র আরও জানায়, দেশের শীর্ষ আদালত বারবার বলেছে আইন তৈরি করার কাজ আদালতের নয়, সংসদের। তাই আইন কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ, আদালত নয়। দেশবাসীর জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ তা নির্ধারণ করেই আইন তৈরি করে সংসদ। অপরাধের ক্ষেত্রে তার উপযুক্ত শাস্তি নির্ধারণ করাই সরকারের প্রধান কাজ। কেন্দ্রের তরফে মনে করিয়ে দেওয়া হয়, সায়রা বানুর ঘটনার পর তিন তালাক (Triple Talaq) অবৈধ ঘোষণা হলেও, সমাজে তার কোনও প্রভাব পড়েনি। কারণ এখানে শাস্তির বিধান ছিল না।

    আরও পড়ুন: নবান্ন অভিযানের ডাক, ফের ঝান্ডাহীন আন্দোলনের পক্ষে সওয়াল শুভেন্দুর

    কীসের ভিত্তিতে মামলা চলছে?

    ২০১৭ সালের অগাস্ট মাসে সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে অসাংবিধানিক আখ্যা  দেয়। ২০১৯ সালে সংসদে পাশ হয় মুসলিম মহিলা (বিবাহের নিরাপত্তা অধিকার) আইন। এই প্রথাকে শাস্তিযোগ্যঠ অপরাধ হিসেবে গণ্য করা হয়। যার জেরে কেউ তিন তালাক দিলে তাঁর তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেরলের জমাইতুল উলেমা নামে একটি সংগঠন। শীর্ষ আদালতে দায়ের করা মামলায় বলা হয়, ২০১৯ সালে সংসদে পাশ হওয়া আইন অসাংবিধানিক। তাই বাতিল করা হোক। এই (Supreme Court) আইন মৌলিক অধিকার লঙ্ঘন করছে। ধর্মের ভিত্তিতে তিন তালাককে (Triple Talaq) অপরাধ হিসেবে গণ্য করা যায় না। সেই মামলার শুনানিতেই কেন্দ্র নিজের অবস্থান ও মনোভাব স্পষ্ট করল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bankura: আরজি কর কাণ্ডে আন্দোলনকারী ডাক্তারদের ‘হাত মুচড়ে’ দেওয়ার নিদান তৃণমূল সাংসদের!

    Bankura: আরজি কর কাণ্ডে আন্দোলনকারী ডাক্তারদের ‘হাত মুচড়ে’ দেওয়ার নিদান তৃণমূল সাংসদের!

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা হলে হাত মুচড়ে দেওয়ার নিদান দিলেন বাঁকুড়ার (Bankura) তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বিরোধীদের মদত দেওয়ার অভিযোগ তুলে হুঁশিয়ারি দিতে দেখা গেল পুলিশের একাংশকেও। আন্দোলনকারী চিকিৎসকদের জনরোষের মুখে পড়ার সম্ভাবনার কথা শোনা গেল সাংসদের মুখে। তাঁর এই বক্তব্যে নিন্দার ঝড় উঠেছে। আরজি কর কাণ্ড নিয়ে দলের নেতা-মন্ত্রীরা আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছেন। দোষীদের শাস্তি দাবি করছেন। সেখানে নেত্রীর ‘গুড বুকে’ থাকার জন্য আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন তিনি। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

    ঠিক কী বলেছেন তৃণমূল সাংসদ? (Bankura)

    আরজি করের ঘটনায় সাধারণ মানুষের আন্দোলনে উত্তাল সারা দেশ। এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে বেশ বেকায়দায় পড়ে একই দাবি তুলে পথে নেমেছে তৃণমূল। দলীয় নির্দেশে রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার (Bankura) হিন্দু হাইস্কুল ময়দান থেকে মাচানতলা পর্যন্ত মূলত মহিলাদের নিয়ে মিছিল করে তৃণমূলের বাঁকুড়া জেলা নেতৃত্ব। মিছিল শেষে মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চ সভা হয়। সভামঞ্চ থেকে সাংসদ বলেন, ‘‘মণিপুরে যখন মহিলাদের ওপর অত্যাচার হয় তখন সিপিআইএম কোথায় ছিল? আজ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে নাইট শো-র সিনেমা দেখার মতো করে মহিলাদের রাস্তায় নামানো হচ্ছে। এভাবে মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা হলে তৃণমূল কর্মীরা আপনাদের হাত মুচড়ে দেবে।’’ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকদের সতর্ক করে সাংসদ বলেন, ‘‘কর্মবিরতির নামে অনেক জুনিয়র চিকিৎসক বেড়াতে যাচ্ছেন। অনেকে বাড়ি যাচ্ছেন। আপনারা ডাক্তারি করতে এসেছেন, রাজনীতি করতে নয়। তাই আপনারা পরিষেবা স্বাভাবিক রাখুন। হাসপাতালে রোগী মারা যেতে শুরু করলে গ্রাম-গঞ্জ থেকে দলে দলে লোক হাসপাতালে ছুটে আসবে। জনরোষ তৈরি হবে। তখন আমরা সামলাতে পারব না।’’ সভামঞ্চ থেকে পুলিশের একাংশকেও হুঁশিয়ারি দেন সাংসদ। তিনি বলেন, ‘‘পুলিশের একাংশ সাপের মুখেও চুমু খাচ্ছেন, আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছেন। মিটিং মিছিল করতে দিয়ে বিরোধীদের মদত দিচ্ছেন। আমাদের কর্মীরা সব নজর রাখছে। মনে রাখবেন আপনাদের রাজ্য সরকারের অধীনে কাজ করতে হবে।’’

    আরও পড়ুন: ২২ অগাস্ট স্বাস্থ্য ভবন ঘেরাও, আরজি কর কাণ্ডে লাগাতার ধর্না বিজেপির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: আরজি কর ইস্যুতে প্রতিবাদ মিছিলে ‘না’ পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা

    RG Kar Incident: আরজি কর ইস্যুতে প্রতিবাদ মিছিলে ‘না’ পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar Incident) কাণ্ডে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। এবার সারা দেশের বিভিন্ন ক্ষেত্রের বুদ্ধিজীবীদের নিয়ে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি (BJP) নেতা স্বপন দাশগুপ্ত। সেই মতো তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এরকম ঘটনার জন্য প্রতিবাদ মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কেন হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা? (RG Kar Incident)

    জানা গিয়েছে, আরজি কর-কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রোসিং পর্যন্ত বুদ্ধিজীবীদের নিয়ে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা স্বপনবাবু। দিনকয়েক আগেই আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পথেই মিছিল করেছিলেন। ফলে, আপত্তি হবে না জেনেই পুলিশের কাছে বিজেপি নেতা আবেদন করেছিলেন। কিন্তু,পুলিশ অনুমতি দেয়নি। তাই, মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের কাছে মামলা করার অনুমতি চান মামলাকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। তাঁর আবেদন, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কলকাতার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করার অনুমতি দেওয়া হোক। পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু আবেদন জানিয়েও অনুমতি মিলছে না বলে দাবি করেন তিনি। বক্তব্য শোনার পর বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলা করার অনুমতি দিয়েছেন।

    আরও পড়ুন: ২২ অগাস্ট স্বাস্থ্য ভবন ঘেরাও, আরজি কর কাণ্ডে লাগাতার ধর্না বিজেপির

    আরজি কর-কাণ্ডে (RG Kar Incident) উত্তাল গোটা দেশ। দিকে দিকে চলছে বিক্ষোভ, প্রতিবাদ, ধর্না, মিছিল। সকলের একটাই দাবি, ‘বিচার চাই’। আরজি কর মেডিক্যাল কলেজ তো বটেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও আন্দোলনে যোগ দিচ্ছেন। প্রায়ই কলকাতার রাস্তায় মিছিল বার করছেন প্রতিবাদীরা। একাধিক ক্ষেত্রে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটছে। প্রতিবাদে পথে নেমেছে রাজনৈতিক দলগুলিও। বিরোধীরা আরজি কর-কাণ্ডে বাংলার শাসক দল তৃণমূলকেই কাঠগড়ায় তুলছে। আরজি করে চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছে প্রায় সর্বস্তরের মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ওই স্থানে ঠিক ওই রাস্তাতেই মিছিল করেছেন। মুখ্যমন্ত্রী মিছিল করতে পারলে, কেন অনুমতি দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলে হাইকোর্টে আবেদন জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mpox Emergency: ‘এমপক্স’-এর বাড়বাড়ন্তে বিশ্বজুড়ে আতঙ্ক! সতর্ক করল ‘হু’, নজরদারি বৃদ্ধি ভারতে

    Mpox Emergency: ‘এমপক্স’-এর বাড়বাড়ন্তে বিশ্বজুড়ে আতঙ্ক! সতর্ক করল ‘হু’, নজরদারি বৃদ্ধি ভারতে

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা মহামারির পর এবার আরও এক উদ্বেগ ‘এমপক্স’ (মাঙ্কিপক্স)। সম্প্রতি এমপক্স (Mpox Emergency) সম্পর্কে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ১১৬টি দেশে এই রোগের সংক্রমণ ধরা পড়েছে। ভারতে (India) এখনও এই রোগের একটিও কেস রিপোর্ট হয়নি। তবে, আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। দেশে ঢোকার এন্ট্রি-পয়েন্টগুলিতে নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

    সংক্রমণ থেকে বাঁচতে উচ্চ-পর্যায়ের বৈঠকে কেন্দ্র 

    এমতাবস্থায়, প্রধানমন্ত্রী মোদি মন্ত্রিসভার প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র এমপক্স (Mpox Emergency) প্রাদুর্ভাবের প্রস্তুতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের আয়োজন করেন। একইসঙ্গে ভাইরাস সংক্রমণের তাৎক্ষণিক সনাক্তকরণের ক্ষেত্রে নজরদারি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। বৈঠকের সময়, কর্মকর্তারা জানিয়েছেন যে ২০২৪ সালের মার্চ মাস থেকে ভারতে কোনও নতুন এমপক্স কেস সনাক্ত হয়নি। তবে এমপক্স (Mpox Emergency) সংক্রমণ ঠেকাতে ভারত কিছু সতর্কতামূলক পদক্ষেপ করেছে।

    একাধিক পদক্ষেপ গ্রহণ কেন্দ্রের

    ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) এমপক্স নিয়ে ভারতের (India) ঝুঁকি মূল্যায়ন করতে গত ১২ অগাস্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি সভার আয়োজন করে। সেখানেই আন্তর্জাতিক বিমানবন্দরগুলিকে স্বাস্থ্য পরিক্ষার ক্ষেত্রে সতর্কতা দেওয়া হয়। এর পরই, (১৯ অগাস্ট) সোমবার, নির্দেশিকা জারি করা হয় কেন্দ্রের তরফে। সেখানে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। জানা গিয়েছে, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত বিমানবন্দর এবং কর্তৃপক্ষের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তের স্থলবন্দরগুলিতে আগত যাত্রীদের এমপক্সের কোনও লক্ষণ আছে কি না, সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, এমপক্সে আক্রান্তদের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদারজং হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জ হাসপাতালকে ‘নোডাল সেন্টার’ হিসাবে বাছা হয়েছে।

    আরও পড়ুন: “তৃণমূল মহিলা-বিরোধী, যুব-বিরোধী, গণতন্ত্র-বিরোধী”, রাজ্যকে তোপ নাড্ডার 

    এমপক্সের উপসর্গ (Mpox Emergency) 

    এমপক্স হল মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ। ১৯৫৮ সালে প্রথম বাঁদরের দেহে এই রোগের সংক্রমণ ধরা পড়ে। এই কারণে রোগের নামকরণ হয়েছে মাঙ্কি পক্স। এটি মূলত প্রাণীর থেকে মানুষের দেহে সংক্রামিত হয়। ভারতে (India) এই রোগের সংক্রমণ প্রথম ধরা পড়ে ২০২২ সালে। কেরলের ৩৫ বছরের এক যুবক মাঙ্কি পক্সে আক্রান্ত হন। এমপক্সে স্মলপক্সের মতোই উপসর্গ দেখা যায়। যেমন— জ্বর, মাথাব্যথা, পেশীতে ব্যথা, র‌্যাশ (যা প্রথমে মুখে দেখা যায়। তারপর তা সারা দেহে ছড়িয়ে পড়ে)। এই উপসর্গ দেখা যায় দুই থেকে চার সপ্তাহের তফাতে। কারও কারও ক্ষেত্রে এই রোগের মৃদু উপসর্গ থাকে। কারও ক্ষেত্রে তা প্রকট হয়। সংক্রামিত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী যোগাযোগের মাধ্যমেও এই রোগের সংক্রমণ হয়।  
    তবে বর্তমানে গোটা বিশ্বে বিশেষ করে আফ্রিকার দেশগুলিতে এমপক্সের ঘটনা দ্রুত বাড়ছে। এখনও পর্যন্ত আফ্রিকার একাধিক দেশে মাঙ্কিপক্সে (Mpox Emergency) মোট ১৪ হাজার জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৫২৪ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: নবান্ন অভিযানের ডাক, ফের ঝান্ডাহীন আন্দোলনের পক্ষে সওয়াল শুভেন্দুর

    Suvendu Adhikari: নবান্ন অভিযানের ডাক, ফের ঝান্ডাহীন আন্দোলনের পক্ষে সওয়াল শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে (RG Kar Case) ফের একবার ঝান্ডাহীন আন্দোলনের পক্ষে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আরজি করকাণ্ড প্রকাশ্যে আসার পরেও একাধিকবার তিনি এই ঝান্ডাহীন আন্দোলনের কথা বলেছেন। আবারও বললেন। এবং এই ডাক দিতে অনুরোধ করলেন নির্যাতিতার বাবাকে।

    শুধু একবার ডাক দিন (Suvendu Adhikari)

    রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “নির্যাতিতার বাবাকে মিছিলে হাঁটতে হবে না। তিনি শুধু একবার ডাক দিন, যে নবান্ন অভিযান হবে। তারপর বাকিটা আমরা করে নেব।” সম্প্রতি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নির্যাতিতার বাবা বলেছেন, “ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়ের) ওপর এক সময় পুরোপুরি বিশ্বাস ছিল। এখন আর বিশ্বাসটাই নেই।” নির্যাতিতার মা আবার পুলিশ দ্রুত তদন্ত বন্ধ করতে চাইছে বলে অভিযোগ করেছেন। নির্যাতিতার পরিবারের আক্রমণের ঝাঁঝ কমে যাওয়ার আগেই ফের তৃণমূলের ভূমিকার কড়া সমালোচনা করলেন শুভেন্দু।

    কী বললেন শুভেন্দু

    সোমবার রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “রাজ্য সরকার বলছে, রাত মহিলাদের জন্য নিরাপদ নয়। এ লজ্জা রাখার কোনও জায়গা আছে? যেখানে সংসদে, বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে, নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে। রাজ্যগুলিতে কেন্দ্র নানা জনকল্যাণমূলক কর্মসূচি নিচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের বাড়ির মালিকানা দেওয়া হচ্ছে। সেখানে এই রাজ্য সরকার বলছে মহিলাদের রাতে ডিউটি করার প্রয়োজন নেই! রাতে যে মহিলাদের নিরাপত্তা নেই, সেটা সরকার নিজেই বলছে নবান্ন থেকে? এর পরে হয়তো বলবে দিনের বেলাতেও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না!”

    আরও পড়ুন: “মমতার ওপর থেকে বিশ্বাসটাই হারিয়ে গিয়েছে”, বলছেন নির্যাতিতার বাবা

    পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, নারীর অধিকার, নারীর নিরাপত্তা – সবই বিপন্ন বলেও তোপ দাগেন নন্দীগ্রামের বিধায়ক (Suvendu Adhikari)। এবং এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তোলেন শুভেন্দু। তিনি বলেন, “বিজেপি, সিপিএম ইত্যাদি প্রতিটি রাজনৈতিক দলেরই কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তাই আমরা পদক্ষেপ করতে পারছি না। নির্যাতিতার বাবা একবার নবান্ন অভিযানের ডাক দিন, সবাই বেরোবে। তাঁকে বেরোতে হবে না। জাতীয় পতাকা নিয়ে শুধু একবার (RG Kar Case) ডাকটা দিন। বাকিটা আমরা করে দেব জাতীয় পতাকা নিয়ে (Suvendu Adhikari)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dilip Ghosh: ‘‘হাতে রাখি বেঁধে মা-বোনেদের সুরক্ষার শপথ নিন’’, পুরুষদের বার্তা দিলীপ ঘোষের

    Dilip Ghosh: ‘‘হাতে রাখি বেঁধে মা-বোনেদের সুরক্ষার শপথ নিন’’, পুরুষদের বার্তা দিলীপ ঘোষের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাখি বন্ধন উৎসবের দিন মহিলাদের হাতে রাখি পরিয়ে তাঁদের সুরক্ষা দেওয়ার বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাটোয়া শহরের স্টেশন সংলগ্ন এলাকায় চায়ের দোকানের সামনে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগদান করেন তিনি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন কাটোয়ার বিজেপির নেতা, কর্মী-সমর্থকরা।

     হাতে রাখি বেঁধে মা-বোনেদের সুরক্ষার শপথ নিন (Dilip Ghosh)

    এদিন সাংবাদিকদের সম্মুখীন হয়ে বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘‘মা-বোনেদের হাতে রাখি বেঁধে তাঁদের সুরক্ষার শপথ নিন। পশ্চিমবঙ্গের একটি মহিলার গায়ে হাত পড়বে না, কোনও অসম্মান হবে না। পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত না। আরজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য সরাসরি দায়ী রাজ্য সরকার। আর রাজ্যে মহিলারা সুরক্ষিত নন বলেই রাখি বন্ধন উৎসবের দিন সকল মহিলাদের রাখি পরিয়ে তাঁদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিতে হবে পুরুষদের।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘বর্তমানে ছাত্র-যুব সকলে এক হয়ে গিয়েছেন। একটা গণ-আন্দোলনের সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশের চিত্র সামনে এনে দিচ্ছে।’’

    আরও পড়ুন: ২২ অগাস্ট স্বাস্থ্য ভবন ঘেরাও, আরজি কর কাণ্ডে লাগাতার ধর্না বিজেপির

     আরজি করে হামলাকারীরা তৃণমূলের লোক

    এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘‘১৪ অগাস্ট রাতে আরজি করের ভিতরে যে সকল দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল, তারা তৃণমূল কংগ্রেসের লোক।’’ এছাড়াও এদিন তিনি তাঁর ধারালো বক্তব্যের মধ্যে দিয়ে রাজ্য সরকারকে বারবার তুলোধনা করেন। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় দমন-পীড়ন নীতি নিয়ে কাজ করছেন। তাই, তাঁর বিরুদ্ধে যখন কেউ কথা বলছেন, তখন তাঁদেরকে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। বাদ যাচ্ছে না তাঁদের দলের নেতা-সাংসদরাও।’’ এদিন তিনি এও বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা বর্তমানে মুখ খুলছেন। কারণ, তাঁরা বুঝতে পেরেছেন বাংলাদেশের মতো অবস্থা এখানে হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী মানসিকতা এবং তাঁদের দলের নেতাদের ধমক-চমক দিয়ে মুখ বন্ধ করে রাখা, এগুলি আর চলবে না। তাঁরাও এবার মুখ খুলতে শুরু করছেন।’’ এদিন তিনি ‘চায়ে পে চর্চা’-য় এসে সাংবাদিকদের সম্মুখীন হওয়ার পর কাটোয়া স্টেশনে গিয়ে স্টেশনের সাধারণ মহিলা যাত্রীদের হাতে রাখি পরিয়ে দেন দিলীপ ঘোষ। মহিলাদের থেকে তিনিও রাখি পরেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: সেমিনার হল নাকি অন্যত্র, নির্যাতিতাকে ধর্ষণ-খুন কোথায়? উত্তরের খোঁজে সিবিআই

    RG Kar Incident: সেমিনার হল নাকি অন্যত্র, নির্যাতিতাকে ধর্ষণ-খুন কোথায়? উত্তরের খোঁজে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Incident) তোলপাড় গোটা দেশ। কলকাতার সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় চলছে সিবিআই (CBI) তদন্ত। তবে তদন্তের মাঝেই চিন্তার ভাঁজ পড়ল তদন্তকারীদের কপালে। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চেস্ট বিভাগের সেমিনার হলেই কি ধর্ষণ ও খুন করা হয়েছিল তরুণী ডাক্তার ছাত্রীকে? না কি অন্যত্র ঘটনা ঘটিয়ে সেমিনার হলে মৃতদেহ সাজিয়ে রাখা হয়েছিল‌? এই প্রশ্নেরই উত্তরের খোঁজেই তদন্তকারীরা। 

    কী জানিয়েছেন তদন্তকারীরা? (RG Kar Incident) 

    এই ঘটনা প্রসঙ্গে তদন্তকারীরা জানিয়েছেন, আরজি করের চেস্ট বিভাগে ৬০টি শয্যা রয়েছে। তা ছাড়া, সেমিনার হল-সহ আরও দু’টি ঘর রয়েছে। ওই ঘরের শয্যাগুলি রাতে সাধারণত খালি থাকে। সেখানেও খুন ও ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। বিষয়টি খতিয়ে দেখতে চেস্ট বিভাগের নানা জায়গায় থ্রিডি স্ক্যানারের মাধ্যমে ম্যাপিং এবং ভিডিও করা হয়েছে। 

    ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা সন্দীপ ঘোষের (CBI) 

    ঘটনাস্থল ও সংলগ্ন জায়গা জরিপ করার পাশাপাশি আরজি করের (RG Kar Incident) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও শুক্রবার থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। রবিবারের পর ফের সোমবার সকালে আবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি। এই নিয়ে চতুর্থ বার সিবিআই দফতরে হাজিরা দিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এদিন বেশ কিছু নথি নিয়ে দফতরে ঢুকতে দেখা গিয়েছে তাঁকে। যদিও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি সন্দীপ।  

    আরও পড়ুন: ‘‘পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ…’’, আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব মিঠুন চক্রবর্তী

    প্রসঙ্গত, এই ঘটনায় (RG Kar Incident) গত বৃহস্পতিবার সন্দীপ ঘোষকে তলব করা হয়েছিল। তবে সে দিন হাজিরা দেননি তিনি। এরপর শুক্রবার কলকাতা হাইকোর্টে সন্দীপের আইনজীবী জানিয়েছিলেন, তিনি নিরাপত্তার অভাবে ভুগছেন। পর্যাপ্ত নিরাপত্তার আবেদনও জানিয়েছিলেন। কিন্তু ওই দিনই রাস্তা থেকে সিবিআই তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে। তারপর থেকে প্রতি দিনই তাঁকে তলব করা হয়েছে। রবিবার প্রায় সাড়ে ১৩ ঘণ্টা সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। 

    অন্যদিকে, নিহত ওই চিকিৎসক কোনও চক্রান্তের শিকার হয়েছিলেন কি না, তা জানার চেষ্টা করছে সিবিআই (CBI)। তবে ধৃত সঞ্জয় রায়ের কিছু অসংলগ্ন কথাবার্তা তদন্তকারীদের চিন্তায় রেখেছে। জানা গিয়েছে, সঞ্জয়ের থেকে কথা বার করার জন্য মনোবিদের সাহায্যও  নিতে পারে সিবিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: “মমতার ওপর থেকে বিশ্বাসটাই হারিয়ে গিয়েছে”, বলছেন নির্যাতিতার বাবা

    RG Kar Case: “মমতার ওপর থেকে বিশ্বাসটাই হারিয়ে গিয়েছে”, বলছেন নির্যাতিতার বাবা

    মাধ্যম নিউজ ডেস্ক: “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ওপর থেকে বিশ্বাসটাই হারিয়ে গিয়েছে।” আরজি করকাণ্ডে (RG Kar Case) এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন খুন হওয়া ট্রেনি চিকিৎসকের পরিবার। নির্যাতিতার বাবা বলেন, “সিবিআই অন্তত চেষ্টাটা তো করছে। পুলিশ তো তাও করেনি।” সিবিআইয়ের তদন্তকারীদের হাতে তিনি তাঁর মেয়ের লেখা ডায়েরির একটি পাতাও তুলে দিয়েছেন। তবে তাতে কী লেখা রয়েছে, তা নিয়ে মুখ খোলেননি শোকগ্রস্ত বাবা।

    ‘হারিয়েছে বিশ্বাস’ (RG Kar Case)

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজ্য সরকারের তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “আগে ওঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) পুরোপুরি বিশ্বাস করতাম। কিন্তু এখন আর নয়। ওঁর ওপর ভরসা নেই। উনি বিচার চাইছেন। সেটা চাইতে গিয়ে তিনি কী বলছেন? তিনি চার্জ নিতে পারতেন। কিন্তু তিনি কিছুই করছেন না।” নির্যাতিতা ওই চিকিৎসকের বাবা বলেন, “ওঁরা বলছেন, উই ওয়ান্ট জাস্টিস। একই কথা তো বলছেন সাধারণ মানুষও। তাঁরা ওঁদের লকআপে ভরার চেষ্টা করছেন।” ইঙ্গিত স্পষ্ট। তবে তিনি অবশ্য ফুটবলপ্রেমীদের অবরোধে পুলিশের লাঠিচার্জের বিষয়টির উল্লেখ করেননি (রবিবার যুবভারতীতে ক্রীড়াপ্রেমীদের অবরোধে লাঠিচার্জ করে পুলিশ)।

    ‘সব প্রকল্প ভুয়ো’

    খুন হওয়া চিকিৎসকের (RG Kar Case) বাবা যখন মমতার ওপর আস্থা হারিয়েছেন, তখন মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পকে ভুয়ো বলে আক্রমণ শানালেন ওই চিকিৎসকের মা। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প – কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মী প্রকল্প – সব, সব ভুয়ো। যাঁরা এই সব প্রকল্পের সুবিধা নিয়েছেন, তাঁরা দয়া করে ভেবে দেখুন আপনাদের ঘরের লক্ষ্মী নিরাপদে আছে তো?” তিনি বলেন, “উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলেছিলেন দোষীরা দ্রুত ধরা পড়বে। কিন্তু আমরা কী দেখলাম? এখনও পর্যন্ত মাত্র একজন ধরা পড়েছে। আমি নিশ্চিত, হাসপাতালের আরও অনেকেই এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত। আমার মনে হয়, মুখ্যমন্ত্রী প্রতিবাদীদের থামিয়ে দিতে চাইছেন। সেই কারণেই পুলিশ প্রতিবাদ আন্দোলনে নিষেধাজ্ঞা জারি করেছে।”

    আরও পড়ুন: আরজি কর কাণ্ডে শান্তনু-সুখেন্দুর পর ‘বিদ্রোহী’ সাবিনাও, পায়ের তলার মাটি সরছে তৃণমূলের!

    কলকাতা পুলিশকেও একহাত নিয়েছেন খুন হওয়া চিকিৎসকের মা। তিনি বলেন, “কলকাতা পুলিশ যত দ্রুত সম্ভব তদন্ত বন্ধ করে দিতে চাইছে।” তাঁর অভিযোগ, পুলিশ ঠিকঠাক তদন্ত করছে না। প্রসঙ্গত, রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং। ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় বছর একত্রিশের এক ট্রেনি চিকিৎসককে। তার জেরে তোলপাড় দেশ (RG Kar Case)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Daily Horoscope 20 August 2024: প্রেমে আনন্দ লাভ করবেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 20 August 2024: প্রেমে আনন্দ লাভ করবেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) মা-বাবার সঙ্গে বিশেষ আলোচনা।

    ২) দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। 

    ৩) ব্যবসায় লাভ।

    বৃষ

    ১) ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদের ব্যাপারে সংযত থাকুন।

    ২) বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি।

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

    মিথুন

    ১) মিথ্যা বদনাম থেকে সাবধান।

    ২) প্রেমে আনন্দ লাভ।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কর্কট

    ১) কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মানসিক চাপ বৃদ্ধি।

    ২) স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। 

    ৩) বাণীতে সংযম রাখুন।

    সিংহ

    ১) পারিবারিক ভ্রমণে বাধা।

    ২) প্রেমের ক্ষেত্রে সুখের দিন।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা।

    কন্যা

    ১) ব্যবসায় লাভ বাড়তে পারে।

    ২) বাড়িতে নতুন লোক নিয়ে চিন্তা।

    ৩) দিনটি অনুকূল।

    তুলা

    ১) ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে।

    ২) সংসারে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা।

    ৩) ধৈর্য ধরতে হবে আরও বেশি।

    বৃশ্চিক

    ১) আর্থিক সুবিধা পেতে পারেন।

    ২) কোনও প্রতিবেশীর কারণে সম্মানহানির যোগ।

    ৩) বিবাদে জড়াবেন না।

    ধনু

    ১) আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময়।

    ২) সকালের দিকে কোনও দুশ্চিন্তা মাথা খারাপ করবে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মকর

    ১) বিষয়সম্পত্তি নিয়ে গুরুজনের সঙ্গে বিবাদ হতে পারে।

    ২) কোনও মহিলার জন্য পারিবারিক আনন্দ বৃদ্ধি পেতে পারে।

    ৩) বন্ধুদের সঙ্গে আড্ডা দিন।

    কুম্ভ

    ১) কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে।

    ২) বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) সম্মানহানির সম্ভাবনা।

    ২) কোনও কাজে সময় নষ্ট হতে পারে।

    ৩) বিবাদে জড়াবেন না কোথাও।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share