Tag: Bengali news

Bengali news

  • Malda: নদীর চর চুরি করে বিক্রি! কাঠা পিছু দাম ৩ লক্ষ, দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা

    Malda: নদীর চর চুরি করে বিক্রি! কাঠা পিছু দাম ৩ লক্ষ, দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: নদীর চর চুরি করে বিক্রি করে দিচ্ছে তৃণমূল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে মালদার (Malda) ইংরেজবাজার এলাকায়। তবে, বিরোধীরা এই অভিযোগ করছে এমন নয়, শাসক দলের মালদা জেলার সহ সভাপতি দুলাল সরকারই খোদ এই অভিযোগে সরব হয়েছেন।

    কী বললেন তৃণমূলের জেলার সহ সভাপতি?(Malda)

    তৃণমূলের মালদা (Malda) জেলার সহ সভাপতি দুলাল সরকার বলেন, “কিছু অসাধু মানুষ এখানে ঢুকে আমাদের নদীর চরগুলিকে দখল করছে। সেখানে বাড়ি করছে। আমাদের দলের কাউন্সিলরদের লোকেরাও এরমধ্যে জড়িত আছে। পয়সা নিচ্ছে কি না, সেটা আমার জানা নেই। কিন্তু, নদীর চরগুলিতে এসে সবাই বসবাস করছে। নদীর মূলস্রোত নষ্ট হচ্ছে। প্রশাসন থেকে কিছু বলা হয় না। পুলিশের উচিত এদের উঠিয়ে দেওয়া। যারা কিনেছে, তাদের কাছে দলিল আছে কি? যাদের নামে কিনেছে, যারা টাকা দিয়ে বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর হওয়া উচিত। সে তৃণমূল হোক, কংগ্রেস হোক। আমার পার্টির ছেলেরা হলে, তাদেরও গ্রেফতার করা উচিত।”

    আরও পড়ুন: বীরভূমের পর বর্ধমান! রেললাইনের ধারে বিজেপি নেতার দেহ, শোরগোল

    নদীর চরে বসবাসকারীরা কী বললেন?

    নদীর চরে বসবাসকারীরা বলেন, কাঠা পিছু ৭০ হাজার টাকায় আমরা জমি কিনেছিলেন। সেই দাম এখন উঠেছে কাঠা পিছু ৩ লাখ টাকা বা তারও বেশি। এই নদীর জমি খাস জায়গা বলেই আমাদের কাছে বিক্রি করা হচ্ছে। আমরা পুরসভাকে কর দিই, বিদ্যুতের বিলও দিই। বেআইনি জেনেও আমরা কিনেছি। শাসক দলের (Trinamool Congress) লোক সাহায্য করেছে। ফলে, কোনও সমস্যা হয়নি।

    চেয়ারম্যান কী সাফাই দিলেন?

    ইংরেজবাজার (Malda) পুরসভার চেয়ারম্যয়ান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, নদীর চরে বাড়ি বানিয়ে থাকা মানুষজনদের থেকে কোনও কর নিচ্ছে না পুরসভা। আমাদের কাছে কোনও অভিযোগ গেলে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

    সরব সেচ দফতরও

    সেচ দফতরের এক আধিকারিক বলেন, ‘বিষয়টি যে আমাদের নজরে আসেনি, তা নয়। সেচ দফতরের তরফে আমরা দেখেছি, নদীর পাড়ে পিলার দিয়ে অনেকে পাকা বাড়ি বানিয়েছেন। নদী চর খাস জায়গা নয়। সেচ দফতরের তরফে এই নিয়ে উদ্যোগ গ্রহণের চেষ্টা চলছে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Birati Station: শিশু চুরির ঘটনা গুজব! অভিযুক্ত মহিলাই বাচ্চার মা, রহস্যভেদ করল জিআরপি

    Birati Station: শিশু চুরির ঘটনা গুজব! অভিযুক্ত মহিলাই বাচ্চার মা, রহস্যভেদ করল জিআরপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ছেলে ধরা সন্দেহে গত কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগনার বারাসত, অশোকনগর, বারাকপুরে গণপিটুনির ঘটনা ঘটেছে। পরে, তদন্তে নেমে ছেলে ধরার কোনও তথ্যই পুলিশ পায়নি। নিছক গুজব থেকেই জেলা জুড়ে এই ধরনের ঘটনা ঘটছিল। এসবের মাঝে ব্যাগের মধ্যে শিশু চুরির অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে উঠেছিল বিরাটি স্টেশন (Birati Station)। পাচারকারী সন্দেহে এক মহিলাকে ট্রেনের কামরার মধ্যেই গণপিটুনি দেওয়া হয়। উত্তেজিত জনতার থেকে জিআরপি উদ্ধার করে শিশু ও পাচারকারী সন্দেহে ওই মহিলাকে। এরপর জিআরপি তদন্তে নামে। আর রাতেই জানা যায়, সমস্ত ঘটনাটি গুজব। পাচারকারী মহিলাই আদতে ওই শিশুর মা।

    কীভাবে জানা গেল? (Birati Station)

    জিআরপি (Birati Station) সূত্রে জানা গিয়েছে, শিশুটি ওই মহিলারই সন্তান। শিশুটি মোটেও ব্যাগে ছিল না। মহিলার কোলেই ছিল। মহিলার কিছু মানসিক সমস্যা রয়েছে, জিআরপি-র তরফ থেকে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে, বুধবার সন্ধ্যার দিকে মহিলার বলা ঠিকানা গিয়েও বাড়ির খোঁজ মেলেনি। ফলে, সন্ধ্যা পর্যন্ত রহস্য ছিল। তবে, বুধবার গভীর রাতে রামেশ্বর পাণ্ডে নামে এক ব্যক্তি জিআরপিতে ফোন করেন। তিনি জানান, তাঁর বাড়ি বিহারে। তাঁর স্ত্রীর নাম বাসন্তী দেবী। তাঁর বাড়ি ওড়িশা। শিশুটি তাঁদেরই। স্ত্রীর কিছুটা মানসিক সমস্যা রয়েছে। আর ভাষাগত সমস্যার জন্য জটিলতা তৈরি হয়েছে। এরপরই রামেশ্বর পাণ্ডে জিআরপি অফিসে যান। তিনি জানান, গত কয়েক মাসে তাঁরা উত্তর ২৪ পরগনার বামনগাছিতে এসে থাকছিলেন। বৃহস্পতিবার ভোররাতে রামেশ্বর পাণ্ডের সঙ্গে বামনগাছিতে তাঁর ভাড়া বাড়িতে পৌঁছয় রেল পুলিশ। পাণ্ডের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয় জিআরপি। পাশাপাশি যথাযথ নথিপত্র খতিয়ে দেখে তারা। পরে, জিআরপি-র পক্ষ থেকে জানানো হয়, পাণ্ডে দম্পতিই ওই শিশুর বাবা-মা। সমস্ত নথি খতিয়ে দেখে শেষ পর্যন্ত পাণ্ডে দম্পতির হাতেই ওই শিশুকে তুলে দেয় জিআরপি।

    আরও পড়ুন: বীরভূমের পর বর্ধমান! রেললাইনের ধারে বিজেপি নেতার দেহ, শোরগোল

    নিত্যযাত্রীরা কী বললেন?

    প্রসঙ্গত, বুধবার ডাউন দত্তপুকুর লোকালে শিশু চুরিকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে। পাচারকারী সন্দেহে মহিলাকে গণপিটুনি দেওয়া হয়। বিরাটি স্টেশন (Birati Station) অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা। পরে, জিআরপি গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে, এদিন শিশু চুরির ঘটনা গুজব জেনে ট্রেনের নিত্যযাত্রীরা হাঁফ ছেড়ে বাঁচেন। তবে, মহিলাকে মারধর করার ঘটনাকে সকলেই নিন্দা করেন। নিত্যযাত্রীরা বলেন, আসল সত্যি না জেনে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। যারা এই কাজ করেছে, তাদের শাস্তি হওয়া দরকার। নাহলে এই ধরনের ঘটনা আরও ঘটবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: নিটের তদন্তে সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার দুই, বিহারেই কি ঘুঘুর বাসা?

    CBI: নিটের তদন্তে সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার দুই, বিহারেই কি ঘুঘুর বাসা?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে নেমে এবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হলেন দুজন। তদন্তে নেমে এটাই সিবিআইয়ের প্রথম গ্রেফতারি। বৃহস্পতিবার বিহারের পাটনা থেকে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের নাম মণীশ কুমার এবং আশুতোষ কুমার বলে জানা গিয়েছে।

    ময়দানে নেমেই সিবিআইয়ের সাফল্য (CBI)

    সিবিআই সূত্রে খবর মণীশ কুমার নিজের গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে যেতেন। তাঁদের থাকার ব্যবস্থাও করা হত। এ কাজে তাঁকে সহযোগিতা করতেন আশুতোষ। মূলত পরীক্ষার্থীদের গাড়ি করে নিয়ে আসার কাজ ছিল মণীশের। নিজের বাড়িতে পরীক্ষার্থীদের থাকা এবং খাবারের বন্দোবস্ত করার দায়িত্ব ছিল আশুতোষের উপর। মনে করা হচ্ছে পরীক্ষার আগে একটি ফাঁকা স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। সেখানে ২৪ জন পরীক্ষার্থীর থাকার ব্যবস্থা করা হয়। পরীক্ষার আগের দিন তাঁদের নিটের প্রশ্ন দেওয়া হয়। সেগুলোর উত্তরও তৈরি করে দেওয়া হয়। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ইতিমধ্যেই ছ’টি এফআইআর দায়ের করেছে সিবিআই। রবিবার সিবিআইয়ের (CBI) হাতে নেট প্রশ্ন ফাঁস কান্ডের দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক। সেদিনই প্রথম এফআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এরপরই তদন্তে নামে তাঁরা।

    বাড়তি নম্বরের ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট

    সিবিআই (CBI) তদন্ত চালালেও সুপ্রিম কোর্টেও প্রশ্ন ফাঁস কাণ্ডের মামলাটি চলছে। নিটের পরীক্ষায় বাড়তি নম্বরের ব্যাখ্যা চেয়ে বৃহস্পতিবারই পরীক্ষার নিয়ামক সংস্থাকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৮ জুলাই এর মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত একটি লার্নিং অ্যাপের তরফে নিট দুর্নীতি এবং বাড়তি নম্বরের প্রসঙ্গ তুলে মামলা দায়ের করা হয়েছিল। প্রসঙ্গত চার রাজ্যে এখন অবধি এই মামলায় ২৬ জন গ্রেফতার হয়েছেন। তাঁর মধ্যে বিহারে ১৩, ঝাড়খণ্ডে ৬, গুজরাটে ৫ এবং মহারাষ্ট্র থেকে ২ জন গ্রেপ্তার হয়েছেন। নিটে একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান অধিকার করার পরেই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়।

    আরও পড়ুন: লোক আদালত বসিয়ে ১০ হাজার মামলার নিষ্পত্তির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

    এর পরেই প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা কেন্দ্রে বেশ কিছু সমস্যার জন্য বাড়তি নম্বর দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু র‍্যাংকিং নিয়ে বিতর্ক প্রকাশ্যে আসতেই বাড়তি নম্বরে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদের ঝড় ওঠে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: মোদির কুশপুত্তলিকায় জুতোপেটা তৃণমূলের, আন্দোলনে বিজেপি, অভিযোগ থানায়

    Balurghat: মোদির কুশপুত্তলিকায় জুতোপেটা তৃণমূলের, আন্দোলনে বিজেপি, অভিযোগ থানায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্দোলনের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকায় জুতোপেটা ও লাথি মারায় অভিযোগ উঠল তৃণমূলের শিক্ষা সেলের সদস্যদের বিরুদ্ধে। বাদ যাননি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে অপমান করার প্রতিবাদে এবারে বালুরঘাট (Balurghat) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি। প্রত্যেককে গ্রেফতারের দাবিতে জেলাজুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি।

    রাস্তায় নেমে আন্দোলনে বিজেপি (Balurghat)

    বৃহস্পতিবার বালুরঘাট জেলাশাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। এদিকে এই ঘটনায় সোশ্যাল মিডিয়াতেও নিন্দার ঝড় উঠেছে। প্রধানমন্ত্রী ও বালুরঘাটের সাংসদের বিরুদ্ধে আন্দোলনের নামে যা করেছে তৃণমূল তা নিম্ন রুচির পরিচয়। এমনই মনে করছেন নেটিজেনরা। জানা গিয়েছে, দেশজুড়ে হওয়া নিট কেলেঙ্কারির প্রতিবাদে বুধবার বালুরঘাটের (Balurghat) রাস্তায় বিক্ষোভ প্রদর্শন ও বিক্ষোভ সভা করে তৃণমূলের রাজ্য শিক্ষা সেল। আন্দোলনে সামিল হয়েছিল, ওয়েবকুপা, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের পক্ষ থেকে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি সেগুলিতে জুতোপেটা, লাথি মারা হয়। এমনকী থুথু ছেটান বিক্ষোভকারীরা। এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় বইতে শুরু করে।

    আরও পড়ুন: বীরভূমের পর বর্ধমান! রেললাইনের ধারে বিজেপি নেতার দেহ, শোরগোল

    বিজেপির জেলা সভাপতি কী বললেন?

    বিজেপির (BJP) জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, ‘আন্দোলনের নামে অসভ্যতা করেছে তৃণমূল। আমরা অপেক্ষায় ছিলাম, প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু, নেয়নি। তাই আমরা বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করতে চলেছি। যাঁরা প্রধানমন্ত্রীকে জুতোপেটা করেছিলেন তাঁরা শিক্ষক নন। শিক্ষক সমাজের কলঙ্ক, অসভ্য বর্বর, নিম্ন প্রজাতির কীট। তাই তাঁদের গ্রেফতারের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন চলবে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hawker Eviction: বাদ গেল না গড়িয়া-সোনারপুর! মুখ্যমন্ত্রীর নির্দেশে চলল বুলডোজার

    Hawker Eviction: বাদ গেল না গড়িয়া-সোনারপুর! মুখ্যমন্ত্রীর নির্দেশে চলল বুলডোজার

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার জেরে বুধবারের পরে বৃহস্পতিবারেও ফুটপাত ‘জবরদখলমুক্ত’ (Hawker Eviction) করতে ময়দানে নেমেছে প্রশাসন। বাদ গেল না গড়িয়া-সোনারপুরের (sonarpur-Garia) ফুটপাতের দোকানগুলিও। মুখ্যমন্ত্রীর নির্দেশে চলল বুলডোজার। কর্মসংস্থান হারিয়ে কান্নায় ভেঙে পড়ল হকারেরা। 

    মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শুরু অ্যাকশন 

    সোমবার রাজ্যের সমস্ত জনপ্রতিনিধি এবং প্রশাসনকে নিয়ে বৈঠকে বিভিন্ন বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে যেমন বেআইনি দখল নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন তেমনি ফুটপাত দখলমুক্ত (Hawker Eviction) করে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশও দিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই রাজপুর সোনারপুর (sonarpur-Garia) পুরসভা ও বারুইপুর পুলিশ-প্রশাসন একটি জরুরি বৈঠক করে। তারপরেই প্রশাসন বুধবার সারাদিন মাইকিং করে রাজপুর সোনারপুর পুরসভার সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের উদ্দেশে ফুটপাত পরিষ্কার করার জন্য।  

    ফুটপাত দখল মুক্ত অভিযান (Hawker Eviction)

    মুখ্যমন্ত্রীর নির্দেশ মত সেদিন প্রশাসনিক আধিকারিকরা মাইকিং করে বলেন, “বৃহস্পতিবার সকালে ফুটপাত দখল মুক্ত করার অভিযান শুরু হবে। এলাকায় প্রতিনিয়ত হকার্স বন্ধুদের সংখ্যা ক্রমেই বেড়ে উঠছে এবং এর পাশাপাশি রাস্তায় যানবাহনের সংখ্যা ও বেড়েছে,যার ফলে প্রতিদিন অ্যাক্সিডেন্টও ক্রমে বেড়েই চলেছে। স্টেশনগুলো এরিয়া দখল করে রেখেছে রিক্সা, টোটো কিছু কিছু প্রাইভেট গাড়ি। বৃহস্পতিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার প্রশাসনিক জনপ্রতিনিধিদের সঙ্গে সোনারপুর পুলিশ আধিকারিকরা মিলে এই ফুটপাত দখল মুক্ত অভিযান শুরু করবে।” 

    আরও পড়ুন: হকার উচ্ছেদে এবার সরব গেরুয়া শিবির, সিউরিতে বিক্ষোভ বিজেপির!

    এরপর বৃহস্পতিবার সকালেও পুলিশ ও স্থানীয় পুর-কর্মীরা এসে ফুটপাত ব্যবসায়ীদের দোকান তুলে নিতে বলেছেন। দোকানদারদের স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, নিয়ম মেনে ব্যবসা করতে হবে তাঁদের । অন্যদিকে গলি রাস্তার উপর লোহার রডের সঙ্গে ত্রিপল দিয়ে দোকানের কাঠামোর অংশ খুলে ফেলতে নির্দেশ দেয় পুলিশ। পুলিশ আধিকারিকরা হকারদের নির্দেশ দেন, রাতের মধ্যে এগুলি না খুললে ফের অভিযান হবে ৷ তখন কলকাতা পুরনিগমের তরফে লোক এসে সব ভেঙে খুলে (Hawker Eviction) নিয়ে চলে যাবে। এরপর হকারদের আর কিছু করার থাকবে না। সেই নির্দেশ মতোই বৃহস্পতিবার সকাল থেকে সোনারপুর স্টেশন সংলগ্ন বাজার বেশ ফাঁকা। কারণ সব দোকানদাররা নিজেদের দোকান গুটিয়ে ফেলতে ব্যস্ত। ফলে স্বাভাবিকভাবেই বেচাকেনা বন্ধ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cooch Behar: বিজেপি করার অপরাধে কোচবিহারে মহিলাকে উলঙ্গ করে মারধর

    Cooch Behar: বিজেপি করার অপরাধে কোচবিহারে মহিলাকে উলঙ্গ করে মারধর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে কোচবিহার (Cooch Behar) লোকসভা কেন্দ্রে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। অভিযোগ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকরা শাসক দলের সন্ত্রাসের শিকার হচ্ছেন। কারও বাড়িঘর ভাঙচুর আবার কাউকে টাকার জন্য হুমকি। তবে এবারের ঘটনা সবকিছুর মাত্রা অতিক্রম করল। এক সংখ্যালঘু মহিলাকে বিজেপি করার অপরাধে এক কিলোমিটার রাস্তা চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠলে। আক্রান্ত ওই মহিলা কোচবিহার হাসপ্তালে ভর্তি।

    বিজেপি করায় উলঙ্গ করে মারধর মহিলাকে

    জানা গিয়েছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা বিধানসভার ২ নং ব্লকের রুইডাঙ্গা অঞ্চলের রাম ঠেঙ্গা বাজার সংলগ্ন এলাকার ঘটনা। বুধবার এই ঘটনার জেরে চরম অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। রোশনআরা  খাতুন নামে বিজেপি মহিলা কর্মীকে বিবস্ত্র করে পুকুরের জলে চুবিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। প্রায় এক ঘণ্টা অজ্ঞান থাকার পর তাঁকে প্রথমে ঘোকষডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরবর্তীতে কোচবিহার (Cooch Behar) মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। আক্রান্ত ওই মহিলা বলেন, “বাড়ির পাশে নদীর পাড়ে গরু বাঁধার জন্য গিয়েছিলাম। যখন ফিরে আসছি সেই সময় একজন মহিলা হাতে কাঁচি নিয়ে আমার দিকে তেড়ে আসে। আমি ভাবলাম হয়ত ঘাস কাটতে যাচ্ছে। সেই সময় ওই মহিলার সঙ্গে থাকা অন্যান্য মহিলারা আমাকে ধরে ফেলে। এরপর আমার চুলের মুঠি ধরে প্রায় এক কিলোমিটার গোবর মাটি লাগা অবস্থায় টেনে নিয়ে আসে। এরপর চুলের মুঠি ধরে আমাকে জলে চুবাচ্ছিল এবং আমার  সমস্ত কাপড় খুলে উলঙ্গ করে দেয়। এবং আমার মাথার সব চুল ছিঁড়ে নেয়। আমি বিজেপি করি আর ওরা টিএমসি করে। এই জন্যই আমার এই অবস্থা করেছে।” তিনি আরও জানান তাঁকে মারধর করার সময় বলা হয়, মুসলিম হয়ে কেন বিজেপি করছিস? মুসলিম পাড়ায় থেকে বিজেপি করছিস। আজ জলে চুবিয়ে মেরে ফেলব। এরপর পুরুষদের দেখিয়ে ধর্ষণ করতে বলা হয়। রোশনআরা আরও বলেন, “এরপর যখন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমি জানি না কী হয়। আমার মায়ের বাড়ির সামনে উলঙ্গ অবস্থায় ফেলে রাখে। পুলিশ গিয়ে ছবি তোলে। এলাকার তৃণমূলের লোকেরা প্রতিদিন হুমকি দেয়। বিজেপি করলে দুনিয়া থেকে গায়েব করে দেবে বলছে। যারা আমার সাথে এই ঘটনা ঘটিয়েছে, তাঁদের আমি ফাঁসি চাই।”

    তৃণমূলের বক্তব্য

    এই ঘটনার পর আক্রান্ত মহিলার পিতা বজলে রহমান ঘোকসারডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও পর্যন্ত তিনজন মহিলাকে আটক করেছে ঘোকষডাঙা থানার পুলিশ। বজলে রহমান বলেন, “আমার মেয়ে মহিলা মোর্চার সদস্য। বিজেপি (Cooch Behar) হেরে যাওয়ার পর থেকেই তৃণমুলীরা বাড়ি থেকে বের হতে দেয় না। আমরা বিজেপি করি তার জন্যই এই ঘটনা।

    আরও পড়ূন: হম্বিতম্বিই সার! হকার উচ্ছেদের রাস্তা থেকে আপাতত সরে গেলেন মমতা

    আমাকেও বাড়ি ভেঙ্গে দেওয়ার হুমকি দেয়। বাড়ি থেকে বের হতে দেবে না, এই হুমকি দেয়।” যদিও এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “কিছু না জেনে কোন মন্তব্য করা যাবে না” আমি জেনে বলব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hooghly: পঞ্চায়েত অফিসে বসে দই-আইসক্রিম! চলে রোম্যান্স, দলের প্রধানকে তোপ তৃণমূল কর্মীদের

    Hooghly: পঞ্চায়েত অফিসে বসে দই-আইসক্রিম! চলে রোম্যান্স, দলের প্রধানকে তোপ তৃণমূল কর্মীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত অফিসে বসে দই-আইসক্রিম খেয়ে সময় কাটান। কাজের সময়ে চলে রোম্যান্স। তৃণমূলের প্রধান প্রিয়াঙ্কা শূরের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুললেন দলের কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা। প্রধানের বিরুদ্ধে রীতিমতো বিক্ষোভ দেখালেন তাঁরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনায় শাসক দলের কোন্দল (TMC Conflict) একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

    প্রধানের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? (TMC Conflict)

    গ্রাম পঞ্চায়েত সদস্যরা বলেন, প্রধান শুধু তাঁর নিজের ও ঘনিষ্ঠদের এলাকায় কাজ করেন। বাকি কোথাও কাজ করেন না। আমরা এলাকায় উন্নয়ন করার কথা বললেও তিনি তা করেন না। যার ফলে এলাকার উন্নয়ন থমকে আছে। দলের কোনও কথাও তিনি শোনেন না। এ নিয়ে কথা বলতেই পঞ্চায়েত অফিসে আমরা যাই। আমাদের সঙ্গে দলের কর্মীরা ছিলেন। কিন্তু, কথা বলতেই সেখানে উত্তেজনা (TMC Conflict) তৈরি হয়। তৃণমূলের রাজহাট অঞ্চল সভাপতি রূপকুমার কর বলেন, “প্রধান আমাদের কোনও কথা শোনেন না। নিজের খুশি মতো যা মনে হয় তাই করে যান তিনি।” অন্যদিকে, তৃণমূল কর্মী সন্দীপ মালাকার আবার একটি ছবি দেখিয়ে বলেন,”স্বামীর সঙ্গে বাড়িতে রাগ অভিমান হলে সেটা পঞ্চায়েত এসে মেটান। কখনও দই খাইয়ে, কখনও আইসক্রিম খাইয়ে রাগ ভাঙান। পঞ্চায়েত অফিসটা কাজের জায়গা। আর প্রধান রোমান্সের জায়গা বানিয়ে ফেলেছেন।” বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা বলেন, প্রধানের এই সব কার্যকলাপের জন্যই প্রধানের নিজের বুথে দল হেরেছে। এমনকী তিনি বিজেপি ঘেঁষা হয়ে গিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তাঁর পদত্যাগেরও দাবি করছেন দলের কর্মীরা।

    আরও পড়ুন: বীরভূমের পর বর্ধমান! রেললাইনের ধারে বিজেপি নেতার দেহ, শোরগোল

    পঞ্চায়েত প্রধান কী সাফাই দিলেন?

    গ্রাম পঞ্চায়েত (Hooghly) প্রধান প্রিয়াঙ্কা শূর বলেন, “কোনও সমস্যা তৈরি হলেই আমি সমাধান করার চেষ্টা করি। আমি কাজ করি না বলে যে অভিযোগ আসছে তা মিথ্যা। পঞ্চায়েত সদস্যরাই পঞ্চায়েতে আসেন না।সবই চক্রান্ত। আমাকে সরাতেই এ সব করা হচ্ছে। এসব মিথ্যা অভিযোগ করে কোনও লাভ হবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: লোক আদালত বসিয়ে ১০ হাজার মামলার নিষ্পত্তির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

    Supreme Court: লোক আদালত বসিয়ে ১০ হাজার মামলার নিষ্পত্তির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিষ্ঠার ৭৫তম বর্ষে অভূতপূর্ব সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের সিদ্ধান্ত, ২৯ জুন থেকে ছ’দিনের বিশেষ লোক আদালতের আয়োজন করা হবে। এর মাধ্যমে নিখরচায় নিষ্পত্তি করা হবে ১০ হাজার মামলার। বিচারপতির সংখ্যা কম-সহ নানা সমস্যার কারণে মামলার পাহাড় জমে রয়েছে সুপ্রিম কোর্টে। এই সব মামলার মধ্যে থেকে নিষ্পত্তি করা হবে ১০ হাজার মামলার।

    লোক আদালত (Supreme Court)

    লোক আদালত ভারতের বিচারব্যবস্থার বিরোধ নিষ্পত্তির এক বিকল্প পদ্ধতি (Supreme Court)। এই আদালতে দাম্পত্য কলহ, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, পথ দুর্ঘটনা, বিমা সংক্রান্ত ক্ষতিপূরণের প্রশ্ন প্রভৃতি দেওয়ানি মামলার বিচার করা হয় কম খরচে। লোক আদালতে মামলার নিষ্পত্তিও হয় দ্রুত। স্বল্প সময় ও অল্প ব্যয়ে আমজনতার কাছে বিচারের সুবিধা পৌঁছে দিতেই তৈরি হয় লোক আদালতের। প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ছ’দিনের এই লোক আদালতের মাধ্যমে সুপ্রিম কোর্ট ১০ হাজার মামলার নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে।

    কী বলছেন চন্দ্রচূড়? 

    সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “বিশেষ লোক আদালতের ধারণা বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য সমাজের সমস্ত অংশকে আইনি সহায়তা প্রদানের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রদান করে।” তিনি বলেন, “বিশেষ লোক আদালত সম্প্রীতি ও বোঝাপড়ার চেতনার মাধ্যমে দ্রুত ও সস্তায় বিচার প্রদান করে। তাই বাদী ও বিবাদী উভয়পক্ষই সন্তুষ্ট হয়। এটি আদালতের কাজের চাপ কমিয়ে দেয়। ফলে আদালত গুরুতর বিষয়গুলিতে মনোনিবেশ করতে পারে। ন্যায়বিচার পেতে মামলাকারীদের যে দেরি হয়, সেই সময়সীমা কমিয়ে দেয়।”

    আর পড়ুন: অমরনাথ যাত্রা শুরু ২৯ জুন, জানুন যাত্রার খুঁটিনাটি

    জানা গিয়েছে, বর্তমানে সুপ্রিম কোর্টে প্রায় ৮৩ হাজার মামলা পেন্ডিং রয়েছে। এর মধ্যে ২৮ হাজার মামলার বয়স এক বছরেরও কম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিচারপতিরা এবং রেজিস্ট্রি গত তিন মাস ধরে প্রাণপাত করছেন ১০ হাজারেরও বেশি মামলা খুঁজে পেতে, যেগুলির সমাধান লোক আদালতে করা যায়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি জানিয়েছে, দেশের সব হাইকোর্টকে বলা হয়েছে ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা করতে যাতে করে বাদী এবং বিবাদী পক্ষ সুপ্রিম কোর্টে না ছুটেই যোগ দিতে পারেন বিশেষ লোক আদালতে (Supreme Court)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Muntasir Mohd Dar: জেইই টপার ভূস্বর্গের মুনতাসির, সাফল্যের কাহিনি ফিরছে কাশ্মীর থেকে কন্যাকুমারীতে

    Muntasir Mohd Dar: জেইই টপার ভূস্বর্গের মুনতাসির, সাফল্যের কাহিনি ফিরছে কাশ্মীর থেকে কন্যাকুমারীতে

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সময় ভূস্বর্গে নিত্য খেলা হত রক্তের হোরি। ভূস্বর্গ কাশ্মীর হয়ে উঠেছিল নরকের সমতুল। মোদি জমানায় ছন্দে ফিরেছে ভূস্বর্গ। বন্ধ হয়েছে জঙ্গি-তাণ্ডব। পড়াশোনার পরিবেশ ফিরেছে উপত্যকায়। তার সুফলও ফলেছে। এবার জেইই পরীক্ষায় টপার হয়েছেন শ্রীনগরের ছেলে মুনতাসির মহম্মদ দার (Muntasir Mohd Dar)।

    মুনতাসিরের পরামর্শ (Muntasir Mohd Dar)

    অন্যতম কঠিন এই পরীক্ষায় বসার জন্য একটি কোচিং সেন্টারের গাইড নিয়েছিলেন তিনি। তবে সব চেয়ে বেশি পড়েছেন নিজেই। ভবিষ্যৎ পরীক্ষার্থীদের উদ্দেশে তাঁর পরামর্শ, “কেবল কোচিং সেন্টারের ওপর ভরসা না করে নিজে পড়াশোনার ওপর জোর দাও। বেস তৈরির জন্য কোচিংয়ের প্রয়োজন রয়েছে। তবে নিজেকে পড়তে হবে অনেক বেশি।” মুনতাসির (Muntasir Mohd Dar) বলেন, “পড়াশোনার প্রতি নিজেকে উৎসর্গ করা এবং কঠোর পরিশ্রমের কোনও বিকল্প আর নেই।”

    সাফল্যের রহস্য

    শ্রীনগরের নিগের এলাকার এই তরুণ সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, “প্রথম থেকে আমি কম্পিউটার সায়েন্সের বিষয়ে আগ্রহী ছিলাম। ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলাম। তাই জেইই পরীক্ষা দিয়েছিলাম।” তিনি বলেন, “জানুয়ারিতে সেশন ওয়ানের পরীক্ষায় আমি আশানুরূপ নম্বর পাইনি। কিন্তু এপ্রিলে সেশন টুয়ের আগে আমি কঠোর পরিশ্রম করেছি। তার সুফলও পেয়েছি। শেষমেশ আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি।” তিনি বলেন, “আগাগোড়া আমার পরিবার আমার পাশে ছিল। আমার সাফল্যে তাঁদের অবদানও কম নয়।” ভূস্বর্গের এই নিষ্পাপ তরুণ বলেন, “জেইই-আইআইটি খুব কঠিন পরীক্ষা নয়। তবে ঠিকঠাকভাবে নিজেকে পড়াশোনা করতে হবে। পড়াশোনার প্রতি নিবেদিত প্রাণ হতে হবে।”

    আর পড়ুন: “জরুরি অবস্থা ঘোষণা ছিল সংবিধানের ওপর আক্রমণ”, বললেন রাষ্ট্রপতি

    বর্তমানে মুনতাসিরের সাফল্যের গল্প ফিরছে উপত্যকাবাসীর ঘরে ঘরে। এক সময় সন্ত্রাসদীর্ণ উপত্যকায় উন্নয়নের ছিটেফোঁটাও ছিল না। কমবয়সী তরুণরা বইখাতা ফেলে জঙ্গিদের খপ্পরে পড়ে হাতে তুলে নিত আগ্নেয়াস্ত্র। এখন সেখানেই সাফল্যের কলি ফুটিয়েছেন মুনতাসির। কেবল কাশ্মীর নয়, কন্যাকুমারীর ঘরে ঘরেও শোনা যাচ্ছে এক পাহাড়ি যুবকের সাফল্যের কাহিনি। যে কাহানি শুনিয়ে একদিকে যেমন ছেলেমেয়েকে পড়াশোনায় উৎসাহিত করছেন লাদাখের কোনও স্বপ্নদর্শী মা, তেমনি সেই একই গল্প শুনিয়ে ছেলে কিংবা মেয়েকে ঘুম পাড়াচ্ছেন কেরলের কোনও মা। তিনিও যে স্বপ্ন দেখেন, একদিন সাফল্যের কলি ফোটাবে তাঁরাও শিশুটি (Muntasir Mohd Dar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bankura: বাঁকুড়া শিল্পাঞ্চলে প্রকাশ্যে তোলাবাজি! ধৃত তিন তৃণমূল কর্মী, শোরগোল

    Bankura: বাঁকুড়া শিল্পাঞ্চলে প্রকাশ্যে তোলাবাজি! ধৃত তিন তৃণমূল কর্মী, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঁকুড়ার বিষ্ণুপুরের দ্বারিকার শিল্পাঞ্চলে এবার তোলাবাজির ঘটনায় পুলিশ হাতেনাতে ধরে ফেলল তিন স্থানীয় তৃণমূল কর্মীকে। তাঁরা শিল্পাঞ্চলের পরিবহণের লরি থেকে মোটা টাকা তোলা তুলত বলে অভিযোগ। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে এই তিন তৃণমূল কর্মী শেখ দারশাদ,শেখ ইসলাম ও শেখ আমিরকে গ্রেফতার করে। বাঁকুড়ার (Bankura) জেলাশাসক সিয়াদ এন এবং পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন,পুরো শিল্পাঞ্চলে নজরদারি চালাবে প্রশাসন।

    ঠিক কী অভিযোগ? (Bankura)

    কারখানা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই কারখানার কিছু বর্জ্য দু’টি লরি করে অন্যত্র বিক্রির জন্য পাঠানো হচ্ছিল। অভিযোগ, আচমকা ১০-১২ জন দুষ্কৃতী রড, লাঠি নিয়ে লরি দু’টির ওপর চড়াও হয়। লরি আটকে চালকদের মারধর করে। ৩০ হাজার টাকা তোলা চেয়ে বসে। একজন চালক ১৪ হাজার টাকা দিয়ে কোনওক্রমে ছাড়া পান। তবে, অন্য এক চালক পালিয়ে এসে কারখানার মালিককে বিষয়টি জানান। কারখানার কর্মীরা ঘটনাস্থলে গেলেও ওই দুষ্কৃতীরা গাড়ি আটকে টাকার দাবিতে অনড় থাকে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে। যদিও বাকিরা ছুটে গা ঢাকা দেয়। এই ধরনের ঘটনা রুখতে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দেন। তাই পুলিশও কোনও গড়িমসি করেনি বলে ওয়াকিবহল মহল মনে করছে।

    আরও পড়ুন: বীরভূমের পর বর্ধমান! রেললাইনের ধারে বিজেপি নেতার দেহ, শোরগোল

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই শিল্পাঞ্চলে কারখানার যন্ত্রাংশ, কাঁচামাল চুরি, তোলাবাজি প্রায় ঘটলেও এতদিন পুলিশ কোনও পদক্ষেপ নিত না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশ সক্রিয় হওয়ায় এই তিনজন ধরা পড়ল। আমরা চাই, টাটার আগমণে এবার এই শিল্পাঞ্চল আগের মতো কর্মমুখর হয়ে উঠুক।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    ধৃত তিনজন যে দলের সক্রিয় কর্মী তা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের দ্বারিকা অঞ্চল সভাপতি অজয় রায়। তিনি বলেন, “এই তোলাবাজির সঙ্গে দলের কোনও যোগ নেই। দল কখনওই এই তোলাবাজিকে প্রশয় দেয় না। তার প্রমাণ এই তিন জনের গ্রেফতার হওয়ার ঘটনা।” যদিও বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা বলেন,”তৃণমূল দ্বারিকা শিলাঞ্চল জুড়ে তোলাবাজি চালাচ্ছে। আর তৃণমূলের বড়,মেজো,ছোট সব নেতাদের হাত রয়েছে এই ধৃতদের মাথায়। নেতাদের প্রশয়েই এই তোলাবাজি চলছে।” বাম আমলে চালু হওয়া দ্বারিকা শিল্পাঞ্চল পুনরুজ্জীবনের সম্ভাবনা তৈরি  হয়েছে টাটা গোষ্ঠী এখানকার কারখানা অধীগ্রহণ করায়। সেই বাতাবরণে এই তোলাবাজির ঘটনায় যথেষ্ট বিড়ম্বনায় রাজ্যের শাসক দল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share