Tag: Bengali news

Bengali news

  • SSC recruitment Verdict: প্রায় ২৬ হাজার বাতিল চাকরির মামলা এবার সুপ্রিম কোর্টে, সোমেই শুনানি

    SSC recruitment Verdict: প্রায় ২৬ হাজার বাতিল চাকরির মামলা এবার সুপ্রিম কোর্টে, সোমেই শুনানি

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় (SSC recruitment Verdict) দেবে দেশের শীর্ষ আদালত। মামলার শুনানির দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট একসঙ্গে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করেছে। কলকাতা হাই কোর্টের (calcutta high court) চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে এরপর সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সোমবারই সেই মামলারই শুনানি হতে পারে।

    প্রধান বিচারপতির বেঞ্চই শুনবে এই মামলা (SSC recruitment Verdict)

    শনিবার সুপ্রিম কোর্ট সূত্রে জানানো হয়, আগামী সোমবার, ২৯ এপ্রিল এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল (SSC recruitment Verdict) মামলা শুনবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ শুনবে এই মামলা। প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সূত্রের খবর, সোমবার বেলা ১২টা নাগাদ দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি শুরু হতে পারে।

    সুপ্রিম কোর্টে মামলা

    নিয়োগ দুর্নীতি মামলায় (SSC recruitment Verdict) বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায়দানের পরই ২০১৬ সালের নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি ও ডি-এর সব নিয়োগ বাতিল করা হয়। পাশাপাশি অনিময় করে যারা চাকরি পান তাঁদের চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে বলা হয়েছে। হাই কোর্টের (calcutta high court) চাকরি বাতিলের এই রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এরপর বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল স্পেশাল লিভ পিটিশনও।

    আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বাগুইআটিতে খুন তৃণমূল কর্মী! পুলিশকে ঘিরে বিক্ষোভ, আটক ১৩

    ৩ মে শুনানি

    যদিও আগে জানা গিয়েছিল আগামী ৩ মে এসএসসি মামলায় (SSC recruitment Verdict) শুনানির সম্ভাবনা রয়েছে। তবে এদিন চূড়ান্ত দিন স্থির করল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, সোমবার এসএসসি দুর্নীতি (SSC Scam) মামলার রায়দান করতে গিয়ে হাইকোর্ট জানায়, বারংবার যোগ্য-অযোগ্যদের তালিকা কমিশনের কাছে চাওয়া হলেও তারা কোনো সহযোগিতা করেনি। বাধ্য হয়ে আদালতকে গোটা প্যানেল বাতিলের সিদ্ধান্ত নিয়ে হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Baguiati: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বাগুইআটিতে খুন তৃণমূল কর্মী! পুলিশকে ঘিরে বিক্ষোভ, আটক ১৩

    Baguiati: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বাগুইআটিতে খুন তৃণমূল কর্মী! পুলিশকে ঘিরে বিক্ষোভ, আটক ১৩

    মাধ্যম নিউজ ডেস্ক: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। খাস কলকাতার বাগুইআটির (Baguiati) এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। নিহত তৃণমূল কর্মীর নাম সঞ্জীব দাস। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে আটক করেছে পুলিশ। বাগুইআটির অর্জুনপুর এলাকার পশ্চিম পাড়ায় শনিবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয় বলে জানা গিয়েছে। ঝামেলার পরে দুপক্ষ একে অপরের দিকে ইট ছুড়তে থাকে। ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে এলেও পুলিশ চলে যেতেই আবার গন্ডগোল শুরু হয় দু’পক্ষের মধ্যে।

    ঘটনার বিবরণ

    অভিযোগ, তৃণমূলেরই এক গোষ্ঠী (Baguiati), অন্য গোষ্ঠী এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেয়। দুপক্ষের ইট বর্ষণের জেরে মাথায় চোট পান সঞ্জীব দাস ওরফে পটলা। আঘাত পেয়ে তিনি রাস্তায় পড়ে যান। এই সময় তাঁর বাকি সঙ্গীরা পালিয়ে যায়। তখনই বিপক্ষ গোষ্ঠীর লোকজনেরা সঞ্জীবকে ঘিরে ধরে ফেলে। তারপরে তাঁকে আহত অবস্থাতে নর্দমায় ফেলে লাথি ঘুসি মারা হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, সঞ্জীব দাসকে লাঠি দিয়ে আঘাত করে তৃণমূলের অপরগোষ্ঠী। এরপরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে থাকেন সঞ্জীব। আহত অবস্থায় পরবর্তীকালে তাঁকে আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সঞ্জীবের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ফের উত্তেজনা ছড়ায়। এলাকার (Baguiati) বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শুরু হয় পথ অবরোধ।

    কী বলছেন মৃতের মেয়ে

    মৃতের মেয়ে বলেন, “এর আগে অনেকবার আমার বাবার উপর আক্রমণ করা হয়েছে। একাধিকবার কেস করা হয়েছে। দেবরাজ চক্রবর্তীর কাছে গিয়েছিলাম। তবে কোনও পদক্ষেপ করা হয়নি। কিন্তু কেউ সাহায্য করেনি। পুলিশ এল তখন, যখন আমার বাবাটা মরে গেল। পুলিশ অভিযুক্তদের তুলে নিয়ে আসুক। ওদের কঠোর শাস্তি চাই।”  স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, এলাকায় (Baguiati) তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। স্থানীয় কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেননি তিনি। স্থানীয়দের দাবি, শনিবার রাতেও একাধিকবার দেবরাজ চক্রবর্তীকে ফোন করা হলেও তিনি কোনও উত্তর দেননি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: তৃণমূল দুষ্কৃতীর কোপে মাথা ফাটল মহিলা বিজেপি কর্মীর! থানায় বিক্ষোভ দেবশ্রীর

    Loksabha Election 2024: তৃণমূল দুষ্কৃতীর কোপে মাথা ফাটল মহিলা বিজেপি কর্মীর! থানায় বিক্ষোভ দেবশ্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) মধ্যেই মাথা ফাটল বিজেপি কর্মীর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে কসবা থানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরি। ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। এই ঘটনায় ভোটের আবহে ব্যাপক চাঞ্চাল্য তৈরি হয়েছে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে।

    ঘটনা কী ঘটেছে (Loksabha Election 2024)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বিজেপির সাংগঠনিক জেলার কসবা মণ্ডল সভাপতি সরস্বতী সরকারকে চপার দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে আনন্দপুর থানার সামনে বিজেপি ব্যাপক ভাবে বিক্ষোভ দেখায়। এদিন এই ঘটনায় জন্য বিক্ষোভের নেতৃত্বে দেখা যায় এই দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী (Loksabha Election 2024) দেবশ্রীকে। তিনি নিজে বিজেপি কর্মী সরস্বতীদেবীর বাড়িতে যান। এরপর তাঁকে সঙ্গে করে আনন্দপুর থানায় নিয়ে আসেন। এরপর থানার ওসির সঙ্গে দেখা করতে চান। কিন্তু থানায় ওসি না থাকায় কথা হয়নি। উল্লেখ্য তৃণমূলের তরফ থেকে এই হামলার কথা অস্বীকার করেছে। বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য বলেন, “১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ১০ নম্বর বোরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষের নির্দেশে আমাদের এই মহিলা মণ্ডল সভাপতি আক্রান্ত হয়েছেন। এলাকার প্রভাবশালী নেতা হলেন সুশান্ত ঘোষ। সেই জন্য কোনও ব্যবস্থা নিচ্ছে না আনন্দপুর থানার পুলিশ।”

    কী বললেন দেবশ্রী?

    বিজেপির মহিলা কর্মীকে আক্রমণ এবং কোপ মারার ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে বিজেপি। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একাধিক বিষয়ে মমতার বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী কি এই ভাবেই শাসন চালাবেন। তাঁর প্রার্থী (Loksabha Election 2024) মালা রায় এই ভাবে মহিলাদের মারধর করবার জন্য ভোট চাইছেন? বিজেপির এক মহিলাকে কোপ দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।” একই ভাবে থানায় ওসিকে না পেয়ে তোপ দেগে দেবশ্রী আরও বলেন, “থানায় তো নেই, স্নান করতে গিয়েছেন। স্নান করে মাংসভাত খাবেন। তারপর সুখটান দেবেন। এরপর তৃণমূল নেতা সুশান্ত ঘোষকে ফোন করে সিদ্ধান্ত নেবেন। যতক্ষণ ওসি আসবেন না ততক্ষণ এখানে আমরা বসে থাকব। দেখি তাঁর হজম হতে কত সময় লাগে। তারপর ওষুধ নিয়ে আসব।”

    আরও পড়ুন: বিজেপি কর্মী আসলে কেউটে সাপ মনে করে লাঠি দিয়ে পেটানোর নিদান দিলেন তৃণমূল বিধায়ক

    তৃণমূলের বক্তব্য

    ঘটনার দায় অস্বীকার করে তৃণমূল নেতা সুশান্ত ঘোষ বলেন, “ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তবে নির্বাচনের (Loksabha Election 2024) সময়ে এই ধরনের ঘটনা না ঘটলেই ভালো হতো। ঘটনায় যুক্তদের বিরুদ্ধে দ্রুত শাস্তি চাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi Congress: দিল্লি কংগ্রেস সভাপতি পদে ইস্তফা লাভলির, গাড্ডায় সোনিয়ার দল

    Delhi Congress: দিল্লি কংগ্রেস সভাপতি পদে ইস্তফা লাভলির, গাড্ডায় সোনিয়ার দল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে আরও গাড্ডায় কংগ্রেস (Delhi Congress)। দিল্লি কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিলেন অরবিন্দর সিং লাভলি। নির্বাচনের মুখে পদ ছাড়ার কারণও ব্যাখ্যা করেছেন অরবিন্দর। বলেন, “দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন আম আদমি পার্টির কয়েকজন মন্ত্রী। তা সত্ত্বেও কেজরিওয়ালের দলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের জন্যই এটা করছে। দলের নিচুতলার কর্মীরা এতে অসন্তুষ্ট।” কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাড়্গেকে লেখা চিঠিতে তিনি লিখেছেন, “যেহেতু তিনি দিল্লির কংগ্রেস কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারেননি, তাই পার্টির শহর ইউনিটের প্রধান থাকার আর কোনও কারণ তিনি খুঁজে পাচ্ছেন না।”

    কী বললেন অরবিন্দর? (Delhi Congress)

    অরবিন্দর জানান (Delhi Congress), দিল্লি কংগ্রেস ইউনিট এমন একটা পার্টির সঙ্গে মাখামাখি করতে চায়নি, যারা দুর্নীতিতে ভরপুর, মিথ্যার বেসাতি করে, কংগ্রেসের দিকে কেলেঙ্কারির অভিযোগ তোলে। তা সত্ত্বেও দল দিল্লিতে আপের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। তাঁর আরও অভিযোগ, পার্টি লোকসভা নির্বাচনের টিকিট দিয়েছেন এমন কয়েকজনকে, যাঁরা কংগ্রেসের দিল্লি ইউনিটে আগন্তুক। এ প্রসঙ্গে তিনি উত্তর-পশ্চিম দিল্লির প্রার্থী উদিত রাজ এবং উত্তর-পূর্ব দিল্লির প্রার্থী কানাহাইয়া কুমারের প্রসঙ্গের উল্লেখ করেন। সূত্রের খবর, উদিত ও কানহাইয়াকে প্রার্থী করায় ক্ষোভে ফুঁসছেন দিল্লি কংগ্রেসের নিচুতলার কর্মীরা। পরিস্থিতি এমনই পর্যায়ে গিয়েছে যে, দিল্লির অনেক নেতাই হয় বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন, নয়ত নয়া দল গঠন করতে চাইছেন। রাজনৈতিক মহলের মতে, যদি তা হয়, তাহলে নির্বাচনের আগেই দুরমুশ হয়ে যাবে দিল্লি কংগ্রেসের মেরুদণ্ড।

    আরও পড়ুুন: আজমল কাসভকে ফাঁসিতে লটকানোর নেপথ্য নায়ককেই প্রার্থী করল বিজেপি

    ওগরালেন এক রাশ ক্ষোভ

    দিন কয়েক আগে আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রশংসা করেছিলেন কানহাইয়া কুমার। এদিন তাঁকেও নিশানা করেন অরবিন্দর। বলেন, “এই জাতীয় নিচুমনের চিন্তাভাবনা এবং তথ্যগতভাবে ভুল বিবৃতি কংগ্রেসের দিল্লি ইউনিট মেনে নেবে না। কারণ দলের স্থানীয় কর্মীরা আপের সঙ্গে জোট মেনে নিতে পারছেন না। দিল্লির উন্নয়ন নিয়ে আপ যে মিথ্যা প্রচার করছে, তাও বিশ্বাস করেন না তাঁরা।” কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বেও যে তিনি বিরক্ত, এদিন তাও জানিয়েছেন অরবিন্দর।  তিনি বলেন, “ডিপিসিসি প্রেসিডেন্ট হিসেবে আমায় নিয়োগ করা হলেও, এআইসিসির সাধারণ সম্পাদক (দিল্লি ইনচার্জ) আমায় কোনও সিনিয়র নেতাকে নিয়োগ করতে দেননি। আমায় প্রতিবন্ধী করে রাখা হয়েছিল।” প্রসঙ্গত, গত অগাস্ট থেকে দিল্লি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন অরবিন্দর (Delhi Congress)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Electricity Crisis: এপ্রিলেই ভাঙল গত বছরের জুনের রেকর্ড! রাজ্য কি বিদ্যুৎ বিপর্যয়ের মুখে?

    Electricity Crisis: এপ্রিলেই ভাঙল গত বছরের জুনের রেকর্ড! রাজ্য কি বিদ্যুৎ বিপর্যয়ের মুখে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মরুশহরকে টেক্কা দিয়ে রেকর্ড গড়ছে কলকাতার গরম। পাশাপাশি বিদ্যুতের (Electricity Crisis) চাহিদা ব্যাপক আকার নিয়েছে। সিইএসসি এবং বণ্টন সংস্থার সর্বকালীন চাহিদা এখন শীর্ষে। শহর কলকাতার নাগরিকদের একটা বড় অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটে ভুগতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা নেই বিদ্যুৎ। চরম গরমে নাকাল মানুষের জীবন। অথচ বিদ্যুৎ বণ্টন সংস্থার পক্ষ থেকে বিদ্যুৎ জোগানের ঘাটতি নেই বলে জানিয়েছে। কিন্তু মানুষের জীবন নাজেহাল।

    পথ অবরোধ বেলগাছিয়ায় (Electricity Crisis)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কাল শনিবার বিদ্যুৎ বিভ্রাট সমস্যার প্রতিবাদ জানিয়ে বেলগাছিয়া লাল ময়দান এলাকার মানুষ পথ অবরোধ করেছিলেন। সকাল সাড়ে ৮ টা নাগাদ তাঁরা বেলগাছিয়া সেতুর কাছে মূল রাস্তায় বসে প্রতিবাদ করেন। ফলে সাময়িক ভাবে রাস্তায় বেশ কিছু সময়ের জন্য যানজট হয়ে যায়। এমনকী আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হয় রোগীদের। অবশেষে সকাল ৯ টার সময় পুলিশ কোনও রকম বুঝিয়ে অবরোধ তুলতে সক্ষম হয়।

    এলাকাবাসীর অভিযোগ

    এলাকার এক বাসিন্দা মহম্মদ এতেশাম নামে এক অবরোধকারী বলেন, “গত তিন দিন ধরে পরিস্থিতি একদম খারাপ। বিদ্যুৎ (Electricity Crisis) এই থাকে এই নেই। সিইএসসি-কে বার বার ফোন করেও লাভ হচ্ছে না। গত বছর এই অবস্থার সম্মুখীন হতে হয়েছিল। বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার তাতে কিছুই যায় আসে না। এই বছর অভিযোগ জানিয়েও কোনও লাভ হচ্ছে না। তাই মানষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন।” আবার বেলগাছিয়ার মিল্ক কলোনির এক বাসিন্দা অভিযোগ করে বলেন, “আমার বয়স্ক মাকে দিনে চারবার নেবুলাইজার নিতে হয়। বেলা ১১ টায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। নেবুলাইজারে ওষুধ তখন অর্ধেক ব্যবহার করা গিয়েছিল। পরে যতক্ষণে বিদ্যুৎ এসেছিল ততক্ষণে সেই ওষুধ ব্যবহার করার সুযোগ হয়নি। তীব্র গরমে প্রশাসনের উচিত মানুষের অসুবিধাগুলিকে নজরে রাখা।”

    রাজ্য বিদ্যুৎ সংস্থাগুলির বক্তব্য

    রাজ্য বিদ্যুৎ সংস্থাগুলির পক্ষ থেকে ডব্লউবিএসইডিসিএল জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১ টায় বিদ্যুতের মোট চাহিদা পৌঁছেছিল ৯৯৩৫ মেগাওয়াট। যা ছিল সর্বকালীন রেকর্ড। আবার গত বছর সর্বোচ্চ চাহিদা পৌঁছেছিল ৯২০০ মেগাওয়াট। গতবারের ১৮ জুনের চাহিদা এবারে এপ্রিল মাসেই ছাপিয়ে গিয়েছে। আবার শুক্রবার ৩ টে ১৫ মিনিটে সিইএসসি সবথেকে বেশি চাহিদা ছিল ২৭২৮ মেগাওয়াট। যা এই বছরের সবথেকে বেশি চাহিদা। একই ভাবে গত বছর ১৬ জুন এই চাহিদার পরিমাণ ছিল ২৬০৬ মেগাওয়াট। তবে চাহিদা ভালো ভাবেই মেটানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থা। তবে গরম বাড়লে বিদ্যুৎ চাহিদা বাড়বে এটাও স্বাভাবিক। ফলে গত বছরের চাহিদাকে মাথায় রেখে এই বছর কেন অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তাই মানুষের মনে বড় প্রশ্ন।

    আরও পড়ুন:চাঁদিফাটা রোদে হিট স্ট্রোক এড়াতে কী কী করবেন? দেখে নিন এক নজরে

    বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য

    রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, “জোগানে (Electricity Crisis) কোনও খামতি নেই। কয়েকমাস আগে থকেই সেই দিকে আমরা নজরে রেখেছি। সিইএসসি সংস্থার সঙ্গে আমাদের কথা হয়েছে। সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেই দিকে আমরা নজর দেওয়ার চেষ্টা করব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Heatwave: রাজ্যে বৃষ্টি দূর অস্ত! দীর্ঘ দগ্ধ দিনের হাত থেকে নিস্তার কবে?

    Heatwave: রাজ্যে বৃষ্টি দূর অস্ত! দীর্ঘ দগ্ধ দিনের হাত থেকে নিস্তার কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির পথ চেয়ে গোটা দক্ষিণবঙ্গ। কিন্তু এখনই বৃষ্টির কোনো রকম আশা দেখাতে পারছেনা আলিপুর আবহাওয়া দফতর। আপাতত এই পরিস্থিতিই চলবে আরও বেশ কয়েকদিন। মে মাসের শুরুতেও থাকবে এই দহন-জ্বালা। রবিবারেও দক্ষিণবঙ্গের ৭ জেলায় তীব্র তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপপ্রবাহের থাবা রয়েছে উত্তরবঙ্গেও। রবিবার উত্তরবঙ্গের ৩টি জেলায় তাপপ্রবাহ চলবে।

    উত্তরে বৃষ্টির পূর্বাভাস (Heatwave)

    দার্জিলিং-কালিম্পংয়ে অবশ্য হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়িতেও ঝড়বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। তবে বৃষ্টি হলেও জলপাইগুড়িতে স্বস্তি মিলবে না। অন্যদিকে দক্ষিণদিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

    তাপপ্রবাহের পরিস্থিতি অব্যহত

    তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দুর্বিষহ (Heatwave) পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় তাপপ্রবাহের দাপট জারি থাকবে। কোথাও তীব্র তাপপ্রবাহের জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় হবে, কোথাও আবার টানা তাপপ্রবাহের জেরে আরও নাকাল পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গে ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা (kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। অতি তীব্র তাপপ্রবাহ টের পাওয়া যেতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জেলাগুলিতে বইবে লু। এর ফলে চরমে উঠবে আবহাওয়া। পশ্চিমের সব জেলাতেই শুকনো গরমের সতর্কতা জারি। কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু এর পরিস্থিতি বাকি সময়ে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    আরও পড়ুন: কলাইকুন্ডায় তাপমাত্রা ৪৬ ছুঁইছুঁই! তীব্র তাপপ্রবাহে দক্ষিণবঙ্গে ত্রাহি ত্রাহি রব

    বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই

    উল্লেখ্য, পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপপ্রবাহের (Heatwave) কারণে ৪৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা (Temperature)। আপাতত এই তাপপ্রবাহের পরিস্থিতি থেকে মুক্তির কোনও আশা নেই। অর্থাৎ তাপমাত্রা বাড়বে বই কমবে না। তবে শুধু পশ্চিমাঞ্চলই নয় দক্ষিণবঙ্গেও  (South bengal) এপ্রিল ও মে মাস জুড়ে চলবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। ফলে দীর্ঘ দগ্ধ দিনের হাত থেকে এখনই নিস্তার নেই। নেই বৃষ্টিপাতের সম্ভবনাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: আজমল কাসভকে ফাঁসিতে লটকানোর নেপথ্য নায়ককেই প্রার্থী করল বিজেপি

    Lok Sabha Elections 2024: আজমল কাসভকে ফাঁসিতে লটকানোর নেপথ্য নায়ককেই প্রার্থী করল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গি আজমল কাসভকে মনে আছে? মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার একমাত্র জীবিত জঙ্গি ছিল সে। ওই হামলায় নিহত হয়েছিলেন (Lok Sabha Elections 2024) ১৬৪জন। এই কাসভকেই ফাঁসিতে লটকানোর নেপথ্য নায়ক ছিলেন যিনি, সেই উজ্জ্বল দেওরাও নিকমকে লোকসভা নির্বাচনে প্রার্থী করল বিজেপি। উত্তর-মধ্য মুম্বই কেন্দ্রের পদ্ম-প্রার্থী তিনি। রাজনৈতিক মহলের মতে, নিকমকে টিকিট দিয়ে এই কেন্দ্রে বিরোধীদের কার্যত দাঁড়িয়ে গোল দিল বিজেপি।

    নায়ক নিকম

    স্মৃতির সরণী বেয়ে ফিরে যাই চলুন ২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর, এই তিন দিনে। পাক মদতপুষ্ট জঙ্গিদের ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে বাণিজ্য নগরী মুম্বই। নিহত হয়েছিলেন ১৬৪জন। জখম হয়েছিলেন অন্তত ৩০৮ জন। গোটা বিশ্বে তোলপাড় করা এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল কাসভকে। সেই সময় সরকারি আইনজীবী ছিলেন নিকম। ওই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ফাঁসি হয়েছিল কাসভের। কাসভকে ফাঁসিকাঠে চড়ানোর নেপথ্য (Lok Sabha Elections 2024) নায়ক ছিলেন নিকমই। কেবল কাসভই নন, নিকমের ফোকরহীন যুক্তির জেরে ফাঁসির সাজা হয়েছে আরও ৩৬ জনের। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ৬২৮ জন। আইনজীবী মহলে নিকমকে সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্রান্ত মামলার ‘মাস্টার’ বলা হয়। এহেন নিকমকেই প্রার্থী করে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে বিজেপি।

    অকপট নিকম 

    তিনি যে রাজনীতির জগতের লোক নন, অকপটে সে কথা স্বীকারও করেছেন নিকম। বলেন, “আমি জানি, আমি রাজনীতির জগতের লোক নই। বছরের পর বছর ধরে আপনারা আমায় আদালতে লড়াই করতে দেখেছেন। বিজেপি আমায় এই দায়িত্ব দিয়েছে। সেজন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, মুম্বই বিজেপির প্রধান আশিস শেলারের কাছেও আমি কৃতজ্ঞ।”

    আরও পড়ুুন: “প্রথম দু’দফার ফল হতে চলেছে ২-০”, মহারাষ্ট্রে বললেন মোদি

    এর পরেই রাজনীতিতে নবাগত নিকম বলেন, “রাজনীতির জগতের লোক না হলেও, আপনাদের মাধ্যমে আমি প্রত্যেককে বলতে চাই, দেশের সংবিধান, আইন এবং সুরক্ষাই থাকবে আমার অগ্রাধিকারের তালিকায়। যে লোকসভা কেন্দ্র থেকে আমায় লড়তে বলা হয়েছে, সেটি মুম্বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে এক সময় লড়তেন প্রয়াত মনোহর জোশী, রামদাস আটাওয়ালা এবং পুনম মহাজন। এঁরা সংসদে বারাংবার সরব হয়েছেন নানা ইস্যুতে।” প্রসঙ্গত, ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন নিকম (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Heatwave Alert: কলাইকুন্ডায় তাপমাত্রা ৪৬ ছুঁইছুঁই! তীব্র তাপপ্রবাহে দক্ষিণবঙ্গে ত্রাহি ত্রাহি রব

    Heatwave Alert: কলাইকুন্ডায় তাপমাত্রা ৪৬ ছুঁইছুঁই! তীব্র তাপপ্রবাহে দক্ষিণবঙ্গে ত্রাহি ত্রাহি রব

    মাধ্যম নিউজ ডেস্ক: দাবদাহে (Heatwave Alert) জ্বলছে দক্ষিণবঙ্গ। বেশিরভাগ জেলায় বইছে লু। আগামী ৭ দিন গরম থেকে রেহাই নেই রাজ্যবাসীর। হু হু করে চড়ছে তাপমাত্রার (Temperature) পারদ। আর এরই মধ্যে রেকর্ড গড়ল রাজ্য। শনিবার দেশের উষ্ণতম স্থান ছিল কলাইকুণ্ডা। তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁই ছুঁই। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছে কলাইকুন্ডায় (kalaikunda Weather Update) এদিন তাপমাত্রার পারদ উঠে গিয়েছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই নিয়ে পর পর দুই দিন দেশের উষ্ণতম শহর কলাইকুন্ডা।

    দেশের মধ্যে সর্বাধিক তাপমাত্রা (Heatwave Alert) 

    উল্লেখ্য, গত কয়েকদিনে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডার তাপমাত্রা (Heatwave Alert) দেশের মধ্যে সর্বাধিক বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে আরও পারদ চড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    শনিবারও জ্বালাপোড়া গরম জেলায় জেলায়

    অন্যদিকে কলাইকুন্ডা (kalaikunda Weather Update) পাশাপাশি তাপপ্রবাহের (Heatwave Alert) পরিস্থিতি চলবে কলকাতাতেও। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি। এর আগে ৪৪ বছর আগে ১৯৮০ সালের এপ্রিল মাসে শহর কলকাতার তাপমাত্রা ছুঁয়েছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও শনিবার বর্ধমান, ব্যারাকপুর, ঝাড়গ্রাম শহরে দিনের তাপমাত্রা (Temperature) ৪৩ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। শ্রীনিকেতন, কৃষ্ণনগর, আসানসোল, পুরুলিয়া, সিউড়ির তাপমাত্রা ছিল ৪২-এরও বেশি। আপাতত দক্ষিণবঙ্গে আগামী ৭ দিন বৃষ্টির (Rain fall) সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর।

    আরও পড়ুন: সন্দেশখালিতে রোহিঙ্গা ক্যাম্প ছিল শাহজাহানের, মনে করিয়ে দিলেন দিলীপ ঘোষ

    আবহাওয়া দফতরের সতর্কবার্তা

    কলাইকুন্ডার তাপমাত্রার (kalaikunda Weather Update) কথা মাথায় রেখে এমত পরিস্থিতিতে (Heatwave Alert) আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে বেরোবেন না। বেরোলেও সাথে ছাতা, টুপি সানগ্লাস এবং পর্যাপ্ত জল নিয়ে বেরোতে হবে। সাদা বা হালকা রঙের সুতির জামা পরতে হবে। সর্বোপরি নিজেকে সুস্থ রাখতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: “প্রথম দু’দফার ফল হতে চলেছে ২-০”, মহারাষ্ট্রে বললেন মোদি

    Lok Sabha Elections 2024: “প্রথম দু’দফার ফল হতে চলেছে ২-০”, মহারাষ্ট্রে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম দু’দফার ফল হতে চলেছে ২-০। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সব আসন পাবে। শূন্য হাতে ফিরতে হবে ইন্ডিয়া ব্লককে। শনিবার নির্বাচনের ফলের যে ভবিষ্যদ্বাণী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এই হল তার নির্যাস (Lok Sabha Elections 2024)। মহারাষ্ট্রের কোলাপুরে বিজেপি আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই নিশানা করেন ইন্ডিয়া ব্লককে। তিনি বলেন, “কোলাপুরকে মহারাষ্ট্রের ফুটবল হাব বলা হয়। ফুটবল স্থানীয় যুবকদের ভীষণ প্রিয়। গত দু’দফার নির্বাচনের ফল যদি আমি ফুটবলের ভাষায় প্রকাশ করি, তাহলে বলতে হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২-০-তে লিড করছে।”

    ইন্ডি জোটকে নিশানা মোদির (Lok Sabha Elections 2024)

    বিরোধীরা দেশবিরোধী এবং তুষ্টিকরণের রাজনীতি (Lok Sabha Elections 2024) করছেন বলেও এদিন অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বলেন, “ডিএমকে, কংগ্রেসের কাছে যাদের গুরুত্ব খানিক বেশি, তারা সনাতন ধর্মকে গালাগাল দিচ্ছে। তারা সনাতন ধর্মকে ডেঙ্গি, ম্যালেরিয়া বলছে। আর ইন্ডি জোট তাদের মহারাষ্ট্রে আমন্ত্রণ জানাচ্ছে। যারা সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলে, তাদের সম্মানিত করছে। এসব দেখলে বালাসাহেব (ঠাকরে) অবশ্যই দুঃখিত হতেন।”

    উদ্ধব-শিবিরকেও আক্রমণ

    শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরকেও এদিন নিশানা করেছেন প্রধানমন্ত্রী। বলেন, “ওরা (উদ্ধব ঠাকরে শিবির) ডিএমকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে।” প্রধানমন্ত্রীর সমালোচনায় উঠে এসেছে ইন্ডিয়া ব্লক এবং মহা বিকাশ আগাড়ির প্রসঙ্গও। তিনি বলেন, “ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে তারা ঔরঙ্গজেবের অনুগামীদের সঙ্গেও জোট করছে। সিএএ প্রত্যহারের যে প্রতিশ্রুতি বিরোধীরা দিয়েছেন, এদিন তাকেও একহাত নেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও না যাওয়ায়ও এদিন বিরোধীদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, “তারা (মন্দির কর্তৃপক্ষ) সব কিছু ভুলে গিয়েছিলেন (রাম মন্দির নিয়ে কংগ্রেসের অবস্থান)। কংগ্রেসের দুয়ারে গিয়ে ২২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা তা পত্রপাঠ খারিজ করে দিয়েছে। কেউ যদি ভগবান রামকেই প্রত্যাখ্যান করেন, তাহলে আপনি কী করবেন?”

    আরও পড়ুুন: “অভিষেক এইট ফেল”, বিস্ফোরক দাবি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী ববির

    কংগ্রেসের ইস্তাহারে (পোশাকি নাম ‘ন্যায়পত্র’) সম্পদের পুনর্বণ্টনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাকেও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। বলেন, “এই দল (কংগ্রেস) চিরকাল বাবাসাহেবকে (সংবিধান রচয়িতা, ভীম রাও আম্বেডকর) অশ্রদ্ধা করে আসছে। এখন তারা দলিত ও বঞ্চিতদের জন্য সংরক্ষণও কেড়ে নিতে চাইছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ২৮/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ২৮/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) জীবনের সবচেয়ে খারাপ দিনগুলির মধ্যে অন্যতম হতে পারে আজকের দিন।

    ২) কোনও কাজে অসফল হতে পারেন।

    ৩) অধিকারের জন্য বিবাদ করতে হতে পারে।

    বৃষ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) জীবনে নতুন সম্পর্ক সূচনার সুযোগ পাবেন।

    ৩) বিয়ে পাকা হতে পারে।

    মিথুন

    ১) চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

    ২) সমস্যার সমাধান খুঁজতে বিলম্ব হবে।

    ৩) ধৈর্য ধরে লাগাতার কাজ করেন যান।

    কর্কট

    ১)  আজকের দিনটি অত্যন্ত শুভ।

    ২) কাজে সাফল্য লাভ করবেন এর ফলে সম্মান পাবেন ও জনপ্রিয়তা বড়বে।

    ৩) স্বাস্থ্য ভালো থাকবে।

    সিংহ

    ১) আজ সমস্যা মোকাবিলা করতে হবে।

    ২) কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সতর্ক থাকুন।

    ৩) কারও ওপর অধিক বিশ্বাস করবেন না।

    কন্যা

    ১) জাতকদের ভুল সংশোধন করতে হবে।

    ২) কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সতর্ক থাকুন।

    ৩) কারও ওপর অধিক বিশ্বাস করবেন না।

    তুলা

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কাজে বড়সড় সাফল্য লাভ করতে পারবেন।

    ৩) কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের থেকে সতর্ক থাকুন।

    বৃশ্চিক

    ১)  কাজকর্মে ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হবে।

    ২) বিবাহিত জাতকদের জন্য আজকের দিনটি সাধারণ থাকবে।

    ৩) জীবনসঙ্গীর কথা মন দিয়ে শুনুন।

    ধনু

    ১) আজ নিজের জীবনে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

    ২) কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সতর্ক থাকুন।

    ৩) সমস্ত ক্ষেত্রে প্রতিক্রিয়া জানাতে হবে না।

    মকর

    ১) আজকের দিনটি বিশেষ ভালো নয়।

    ২) মানসিক অবসাদ ও স্বাস্থ্য সমস্যা কারণে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন।

    ৩) সাধারণের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারেন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি খুবই ভালো। 

    ২)  আনন্দ ও সাফল্য অনুভব করবেন।

    ৩) জীবনে নতুন সম্পর্ক তৈরি করে চলতে হবে।

    মীন

    ১) কাজে সাফল্য লাভ করতে পারবেন।

    ২) পরিশ্রম ও প্রচেষ্টার পরিণাম পাবেন।

    ৩) অবিবাহিত জাতকরা জীবনসঙ্গীর সন্ধান করতে পারেন।

     

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share