Tag: Chennai

Chennai

  • PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে খুনের হুমকি-ফোন! চেন্নাইয়ে সতর্ক এনআইএ আধিকারিকরা

    PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে খুনের হুমকি-ফোন! চেন্নাইয়ে সতর্ক এনআইএ আধিকারিকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির নর্থ ব্লকে বিস্ফোরণের হুমকির পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) মেরে ফেলার হুমকি ফোন পেল এনআইএ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তামিলনাড়ুর চেন্নাইয়ের (Chennai) পুরশৈবকমে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র কার্যালয়ে এই ফোন আসে ৷ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এনআইএ-র কন্ট্রোল রুমে ফোন করে হিন্দি ভাষায় প্রধানমন্ত্রীকে খুন করার হুমকি দেয় ৷

    প্রধানমন্ত্রীকে হুমকি ফোন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) মেরে ফেলার হুমকি শুনেই সতর্ক হয়ে যায় এনআইএ আধিকারিকরা। তাঁরা সঙ্গে সঙ্গে চেন্নাই পুলিশে খবর দেয় ৷ যে নম্বর থেকে ফোন এসেছিল, সেই নম্বরটিও পুলিশকে দেওয়া হয়েছে ৷ চেন্নাইয়ের সাইবার ক্রাইম পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে ৷ কোথা থেকে এই ফোন এসেছিল ? ফোন করতে কোন সিম কার্ড ব্যবহার করা হয়েছে ? সাইবার ক্রাইম পুলিশ এই তথ্যগুলির সন্ধান করছে ৷ তবে মনে করা হচ্ছে বিষয়টি পুরোপুরি ভুয়ো। ভয় দেখানোর জন্য এই পদক্ষেপ করা হয়েছে। তবুও প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন তুলতে চায় না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই সব দিক খুঁটিয়ে দেখা হচ্ছে।

    আরও পড়ুন: শ্বাসরোধ করেই খুন বাংলাদেশি সাংসদকে, টুকরো করে লোপাট করা হয় দেহাংশ!

    বোমা হামলার হুমকি

    এর আগে বধুবার বিকেল সাড়ে তিনটে নাগাদ দিল্লির নর্থ ব্লকে বোমা হুমকির মেল আসে ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয় রয়েছে ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কুকুরের স্কোয়াড, বম্ব স্কোয়াড ৷ তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কিছু পাওয়া যায়নি ৷ পরে এই মেলকে ভুয়ো মেল বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ দেশ এখন লোকসভা নির্বাচন চলছে। এসময় এরকম অনেক হুমকি আসে।  এর আগে দিল্লির কিছু হাসপাতালে ও ৭০ এর বেশি দিল্লি ও নয়ডার স্কুলে বোমা হামলার হুমকি এসেছিল। কলকাতাতেও কিছুদিন আগে এরকম এক উড়ো মেলের খবর রটেছিল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Michaung: বানভাসি চেন্নাইয়ের রাস্তায় কুমির! ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে বিপর্যস্ত তামিলনাড়ু

    Cyclone Michaung: বানভাসি চেন্নাইয়ের রাস্তায় কুমির! ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে বিপর্যস্ত তামিলনাড়ু

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর (Cyclone Michaung) প্রভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে অন্ধ্র এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলি। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির তাণ্ডবে গাছগাছালি উপড়ে সমগ্র উপকূলীয় এলাকাগুলি এখন প্রায় বিদ্যুৎবিহীন। ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে বানভাসি চেন্নাইয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। চেন্নাইয়ের নিচু এলাকাগুলোতে জল ঢুকছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চেন্নাইয়ে প্রকাশ্য রাস্তায় বহাল তবিয়তে হেঁটে-চলে যেতে দেখা গেল একটি কুমিরকে। রাস্তা না নদী বোঝা দায়।

    অন্ধকার রাস্তায় কুমির 

    ভাইরাল ভিডিও-য় দেখা গিয়েছে, চেন্নাইয়ের পেরুনগালাতুর এলাকায় রাস্তার উপরেই একটি কুমির ঘুরে বেড়াচ্ছে। রাতের অন্ধকারে রাস্তার ওপর দিয়েই হেঁটে যাচ্ছে কুমির। গাড়ির আলোয় সেটি চোখে পড়তেই গাড়ি থামিয়ে ভিডিও রেকর্ডিং করতে শুরু করেন চালক। সোশ্যাল মিডিয়ায় শহরের ভিডিও ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন চেন্নাই শহরের বাসিন্দারা। অনেকে ভিডিওর নীচে কমেন্ট করেছেন, “আগে ছিল সাপ, মাছ। এখন এসে গেছে কুমিরও। চেন্নাই শহর এখন পুরোপুরি একটা অ্যাকোয়ারিয়াম।” তবে, ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে তামিলনাড়ুর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং বন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সুপ্রিয়া সাহু মানুষজনকে অনুরোধ করেছেন যে, সরীসৃপটিকে দেখতে পেলে কেউ যেন তার কাছে না যান। 

    বিপর্যস্ত চেন্নাই

    ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের জেরে সোমবার থেকেই চেন্নাই (Chennai) এবং সংলগ্ন জেলাগুলোতে সরকারি স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বেসরকারি অফিসগুলোও কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। বিধ্বস্ত চেন্নাই বিমানবন্দরও। জলের তলায় চলে গিয়েছে রানওয়ে। রাত ১১টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ১২টি অভ্যন্তরীণ বিমান এবং ৪টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। কয়েকটি বিমান বেঙ্গালুরুতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে বহু ট্রেনও।

    রাতভর ভারী বৃষ্টির দাপটে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও। চেন্নাইয়ের বেশ কয়েকটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিঘ্নিত হয়েছে ইন্টারনেট পরিষেবাও। ঝুঁকি এড়াতে শহরের অন্যতম বাসিন ব্রিজে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। চেন্নাইয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনার মাদ্রাজ ইউনিট। মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (এনডিআরএফ)। নদীতে পরিণত হয়েছে শহরের বিভিন্ন রাস্তা। কোথাও জল দাঁড়িয়ে আছে। কোথাও আবার জলের স্রোত বয়ে যাচ্ছে। না বলে দিলে মনে হবে যেন বয়ে যাচ্ছে কোনও নদী। ঝোড়ো হাওয়ার কারণে উপড়ে গিয়েছে গাছ। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: মোদি-বৈজয়ন্তীমালা সাক্ষাৎ, রাজনীতিতে ফিরছেন কিংবদন্তী অভিনেত্রী?

    PM Modi: মোদি-বৈজয়ন্তীমালা সাক্ষাৎ, রাজনীতিতে ফিরছেন কিংবদন্তী অভিনেত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: কিংবদন্তী অভিনেত্রী বৈজয়ন্তীমালার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবার চেন্নাই পৌঁছে বর্ষীয়ান এই অভিনেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। কিংবদন্তী অভিনেত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি যে আপ্লুত, তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    মোদি-বৈজয়ন্তীমালা সাক্ষাৎ

    সাক্ষাতের ছবি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেলে। লিখেছেন, “চেন্নাইয়ে বৈজয়ন্তীমালাজির সঙ্গে দেখা করে দারুণ আনন্দ পেলাম। তিনি সদ্য পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন এবং ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অনুকরণীয় অবদানের জন্য গোটা বিশ্বজুড়ে প্রশংসিত।” সম্প্রতি প্রবীণ অভিনেত্রী হেমা মালিনীও বৈজয়ন্তীমালার বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেছেন হেমা। সাক্ষাতের সময় হেমার পরনে ছিল সবুজ স্যুট। আর বৈজয়ন্তীমালা পরেছিলেন হলুদ শাড়ি।

    বৈজয়ন্তীমালা সকাশে হেমা 

    পোস্টের নীচে হেমা লিখেছেন (PM Modi), “আমার জীবনের সব চেয়ে স্মরণীয় দিন। আমি আমার রোল মডেলের সঙ্গে সাক্ষাৎ করেছি। গতকাল চেন্নাইয়ে বৈজয়ন্তীমালার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেছি। তিনি এখনও প্রাণপ্রাচুর্যে ভরপুর, তাঁর মধ্যে রয়েছে নাচের ছন্দও। তিনি নৃত্য নিয়ে কথা বলেন, নাচ নিয়েই বেঁচে থাকেন। তাঁর একটি দীপ্তি রয়েছে। অনেক বছর আগেও আমি যেমন তাঁকে শ্রদ্ধা করতাম, এখনও তা-ই করি। চলচ্চিত্রে তাঁর অভিনয় নিয়ে একটা নস্ট্যালজিক আলোচনাও হয়েছে। ইন্ডাস্ট্রিতে তাঁর অভিজ্ঞতা নিয়েও কথা হয়েছে। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখা যায়। এই সুন্দরী মহিলার সঙ্গে সাক্ষাৎ একটা বিরাট মুহূর্ত। তিনি ভেতরে ও বাইরে সমানভাবে সুন্দরী।”

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীকে ফের খুনের হুমকি! কী বলল দুর্বৃত্ত?

    প্রসঙ্গত, চলতি বছর প্রজাতন্ত্র দিবসের আগে বৈজয়ন্তীমালাকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। এটি হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। এদিকে, বৈজয়ন্তীমালার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষতকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলতে রাজি নন রাজনীতির কারবারিরা। তাঁদের বক্তব্য, আসন্ন লোকসভা নির্বাচনে বৈজয়ন্তীমালাকে দক্ষিণের কোনও রাজ্যে পদ্ম-প্রার্থী করা হতে পারে। বৈজয়ন্তীমালা আদতে রাজনীতির লোক না হলেও, ভোটে প্রার্থী হয়েছিলেন। ১৯৮৪ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জনতা পার্টির নেতা ইরা সেঝিয়ান। ইরাকে ধরাশায়ী করে সেবার বিজয়মাল্য গলায় উঠেছিল (PM Modi) বৈজয়ন্তীমালার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Michaung: গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় মিগজাউম! ৫ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা

    Cyclone Michaung: গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় মিগজাউম! ৫ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি খুইয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung)। আবহাওয়া দফতরের (Weather Update) তরফ থেকে বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি বাপটলা থেকে উত্তর-উত্তরপশ্চিম দিকে ১০০ কিমি ও খাম্মার থেকে ৫০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি শক্তি হারিয়ে আরও দুর্বল হবে।

    দুর্যোগের সম্ভাবনা

    শক্তি কমলেও ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) প্রভাবে বুধবারেও দেশের কিছু অংশে দুর্যোগের সম্ভাবনা থাকছে। ঘূর্ণিঝড় হিসাবে দক্ষিণ ভারতের একটি বড় অংশকে ভাসিয়েছে মিগজাউম। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি উত্তরের দিকে এগোতে থাকবে বলে মনে করা হচ্ছে। নিম্নচাপের জেরে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, দক্ষিণ ছত্তিসগড়, মহারাষ্ট্রের বিদর্ভ এলাকায়। মঙ্গলবারই ওড়িশা প্রশাসনের তরফে দক্ষিণের জেলাগুলিকে ভারী বর্ষণের বিষয়ে সতর্ক করা হয়েছে।

    মিগজাউমের প্রভাবে ক্ষতি

    মিগজাউমের (Cyclone Michaung) প্রভাব অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুতেই বেশি পড়েছে। ইতিমধ্যে চেন্নাইয়ে মারা গিয়েছেন সতেরো জন। সোমবারের পর বৃষ্টি খানিক কমলেও জলমগ্ন শহরের বহু এলাকা। ঘূর্ণিঝড়ের জেরে অস্বাভাবিক বেশি পরিমাণে বৃষ্টি হয়েছ চেন্নাই ও তামিলনাড়ুতে। মঙ্গলবার চেন্নাই পুলিশ একটি বিবৃতিতে ঘোষণা করেছে, শহরে ঘূর্ণিঝড়ের কারণে বন্যার ফলে এখনও পর্যন্ত ১৭ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশও। ৭৭০ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ১৯৪টি গ্রামের ৪০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত ২৫টি গ্রাম।

    আরও পড়ুন: ভয় পাচ্ছে চিন! ২০৩০ সালেই বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থান পেতে চলেছে ভারত?

    দুর্যোগের প্রভাব দক্ষিণবঙ্গে

    ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গেও। মঙ্গলবারের মতোই বুধবারও শহরের আকাশ মেঘাচ্ছন্ন। বুধবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। বৃহস্পতিবারও দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। জারি করা হয়েছে সতর্কতাও। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতায়। মৎসজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে আরও ৪-৫ দিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির মতো হবে। যা স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি বেশি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Cyclone Michaung: নেল্লোরের কাছে ল্যান্ডফল! ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে লন্ডভন্ড চেন্নাই, মৃত ৫

    Cyclone Michaung: নেল্লোরের কাছে ল্যান্ডফল! ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে লন্ডভন্ড চেন্নাই, মৃত ৫

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোরেই অন্ধকার। সকাল থেকে আকাশে কালো মেঘের আনাগোনা। সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব শহর কলকাতাতেও। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের নেল্লোরের কাছে ল্যান্ডফল করার কথা শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউমের।  ইতিমধ্যেই মিগজাউম পেরিয়ে গিয়েছে অন্ধ্র প্রদেশের উপকূল এলাকা। নেল্লোর এবং মছলিপট্টনমের মধ্যবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।

    অন্ধ্র প্রদেশে জারি সতর্কতা

    মঙ্গলবার সকাল থেকেই ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করে একের পর এক পোস্ট করেছে আবহাওয়া দফতর (IMD)। পূর্বাভাস রয়েছে, দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের সমান্তরাল ভাবে উত্তর দিকে এই ঘূর্ণিঝড় এগোবে। ইতিমধ্যেই সমুদ্র উথাল-পাতাল শুরু হয়েছে। বেড়ে গিয়েছে জলস্তর। ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্রের একাধিক এলাকায় ৮৫ থেকে ৯৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কোনও কোনও ক্ষেত্রে হাওয়ার গতিবেগ বেড়ে দাঁড়াতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত। উপকূলবর্তী এলাকায় দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় বন্দোবস্ত করা হয়েছে।

    তাণ্ডব চেন্নাইয়ে

    ল্যান্ডফলের আগে সোমবার এই ঝড় তাণ্ডব চলল চেন্নাই-সহ আশপাশের এলাকায়। বৃষ্টির কারণে চেন্নাইয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর। ভারী বৃষ্টির কারণে চেন্নাইয়ের বহু এলাকা জলমগ্ন। চেন্নাই পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিতে শহরে পাঁচ জনের মৃত্যুর খবর পেয়েছে তারা। বৈদ্যনাথন উড়ালপুলের কাছে ৭০ বছরের এক প্রবীণের দেহ মিলেছে। তাঁর পরিচয় জানা যায়নি। ফোরশোর এস্টেট বাস ডিপোর কাছে ৬০ বছরের এক মহিলার দেহ মিলেছে। তাঁরও পরিচয় জানা যায়নি। দিণ্ডিগুল জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ৫০ বছরের এক ব্যক্তি। তাঁর নাম পদ্মনাভন। পাণ্ডিয়ান নগরেও নিজের বাড়ির কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক জনের। মৃতের নাম গণেশন (৭০)। বেসান্ত নগরে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩৫ বছরের এক যুবকের। নাম মুরুগান।

    আরও পড়ুন: মোদি ঝড়ের প্রভাব পড়ল দালাল স্ট্রিটেও! সর্বকালীন রেকর্ড উচ্চতায় বন্ধ হল বাজার

    কলকাতার আবহাওয়া

    আজ, মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। নিম্নচাপের প্রভাবে চলছে ঝড়ো হাওয়া। পারদ আপাতত না নামলেও মেঘলা থাকায় স্যাঁতস্যাঁতে আবহাওয়া। শীতের মিঠে-কড়া রোদ উধাও। অকাল বর্ষণের পূর্বাভাস শহরে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সপ্তাহান্তে পারদ নামার ইঙ্গিত রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: নামল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান, অন্ধকারে ডুবে চেন্নাই, চাপানউতোর

    Amit Shah: নামল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান, অন্ধকারে ডুবে চেন্নাই, চাপানউতোর

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার রাত ৯.২০। চেন্নাই (Chennai)  বিমানবন্দরে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নিকষ কালো অন্ধকারে তখন ডুবে বিমানবন্দর সংলগ্ন এলাকা। শহরের বিস্তীর্ণ এলাকাও তখন অন্ধকারে ডুবে। তমশার বুক চিরেই শহরের উদ্দেশে ছুটল শাহের কনভয়। ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুর শাসক দল ডিএমকের সঙ্গে চাপানউতোর বিজেপির।

    বিজেপির অভিযোগ

    পদ্ম নেতৃত্বের অভিযোগ, শাহের মতো একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় গলদ ছিল। ঘটনার তদন্ত দাবি করেছে গেরুয়া শিবির। তামিলনাড়ুর বিজেপির সহ সভাপতি কারু নাগারাজন বলেন, “একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী তথা আমাদের দলের নেতা বিমানবন্দরে নামার সময় কীভাবে বিদ্যুৎ চলে যেতে পারে? এর তদন্ত হওয়া উচিত।”

    ডিএমকের দাবি

    বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে ডিএমকের দাবি, তীব্র (Amit Shah) গরমের কারণে বিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে। পাওয়ার গ্রিডগুলোর ওপর চাপ বৃদ্ধি পেয়েছে। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এর মধ্যে কোনও অভিসন্ধি বা চক্রান্ত ছিল না বলেই দাবি শাসক দলের। ডিএমকের মুখপাত্র টিকেএস এলানগোভান বলেন, “অন্যান্য সময়ের তুলনায় এখন বিদ্যুতের চাহিদা বেশি। তাই মাঝেমধ্যেই বিদ্যুৎ চলে যাচ্ছে। বিজেপি চাইলে এই ঘটনার তদন্তভার সিবিআইকে দিতে পারে। এটা নিয়ে ওরা অহেতুক রাজনীতি করছে।”

    আরও পড়ুুন: ঠাকুরনগরে তুমুল বিক্ষোভ মতুয়াদের, অভিষেককে গো-ব্যাক স্লোগান

    তামিলনাড়ুর বিদ্যুৎ দফতর সূত্রে খবর, বিমানবন্দর সংলগ্ন এলাকায় যে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন রয়েছে, তা পাওয়ার গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে (Amit Shah) যাওয়ায়ই এই ঘটনা। কেবল বিমানবন্দরই নয়, পোরুর, সেন্ট থমাস মাউন্ট, পুনামাল্লের মতো এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত।

    আরও পড়ুুন: ‘মমতা চাইছেন গন্ডগোল হোক, সেই ফাঁকে তাঁরা জিতে যাবেন’, দাবি দিলীপের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের নীচের দিকে কলকাতা! নাইটদের ৪৯ রানে হারিয়ে শীর্ষে চেন্নাই

    IPL 2023: টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের নীচের দিকে কলকাতা! নাইটদের ৪৯ রানে হারিয়ে শীর্ষে চেন্নাই

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের হারল কলকাতা নাইট রাইডার্স। তাও আবার ঘরের মাঠে। রবিবার ইডেনে চেন্নাই সুপার কিংসের কাছে ৪৯ রানে হেরে চলতি আইপিএলে (IPL 2023) পয়েন্ট তালিকায় আট নম্বরেই রইল কেকেআর (KKR)। আর এই জয়ের সুবাদে সিএসকে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেল।

    ম্যাচ আপডেট

    টসে হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই ৪ উইকেটে তোলে ২৩৫ রান। যা এবারের আইপিএলে সর্বাধিক রান। অজিঙ্কা রাহানে, শিবম দুবের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেননি কেকেআরের বোলাররা। রাহানে ২৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। দুবের সংগ্রহ ২১ বলে ৫০। হাফ-সেঞ্চুরি হাঁকান ডেভন কনওয়ে। জবাবে নাইটরা তেমন কোনও লড়াই ছুড়ে দিতে পারেনি। জেসন রয় ৬১ ও রিঙ্কু সিং অপরাজিত ৫১ রান করলেও বাকিরা এক কথায় ব্যর্থ। তার ফলে ৮ উইকেটে ১৮৬ রানেই থেমে যায় নাইটদের ইনিংস।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    গ্যালারি ছিল ধোনির পক্ষে

    ইডেন কেকেআরের হোম গ্রাউন্ড হলেও রবিবার রাতে বিপুল সমর্থন ছিল ধোনির পক্ষে। গ্যালারি জুড়ে দাপিয়ে বেড়াল হলুদ জার্সিধারীরা। আসলে অনেকেই ভেবেছেন, ধোনি শেষ ম্যাচ খেলে ফেললেন ইডেনে। ম্যাচ শেষে মাহি বলেন, ‘ইডেনের দর্শকদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত। ওরা আমাকে বিদায় জানাতে এসেছে। আশা করব, পরের ম্যাচে নাইটদের পক্ষে এমনভাবেই দর্শকরা গলা ফাটাবে।’ ম্যাচের নায়ক অজিঙ্কা রাহানের গলায় শোনা গেল ক্ষোভের সুর। কারণ, গত বছর তিনি কেকেআর দলে ছিলেন। কিন্তু নিয়মিত তাঁকে খেলানো হত না। পরে ছেড়ে দেওয়া হয়। সেই সুযোগ লুফে নেয় চেন্নাই। অল্প টাকায় রাহানেকে দলে নিয়ে বড় ডিভিডেন্ট ঘরে তুলছে সিএসকে। দুরন্ত ছন্দে রাহানে।

    চলতি আইপিএলে পয়েন্ট টেবিল

    দল মোট ম্যাচ জয়  হার  পয়েন্ট (রান রেট ও ম্যাচ জয়ের ভিত্তিতে)
    চেন্নাই সুপার কিংস ১০
    রাজস্থান রয়্যালস ০৮
    লখনউ সুপার জায়ান্ট ০৮
    গুজরাট টাইটান্স ০৮
    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ০৮
    পাঞ্জাব কিংস ০৮
    মুম্বই ইন্ডিয়ান্স ৬  ০৬
    কলকাতা নাইট রাইডার্স ৭   ৫ ০৪
    সানরাইজার্স হায়দ্রাবাদ ০৪
    দিল্লি ক্যাপিটালস ০২

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Afghan chess players: চেন্নাইয়ে দাবা অলিম্পিয়াডে যোগ দিয়ে তালিবান পতাকা হাতে ছবি পোস্ট আফগান প্রতিযোগীর

    Afghan chess players: চেন্নাইয়ে দাবা অলিম্পিয়াডে যোগ দিয়ে তালিবান পতাকা হাতে ছবি পোস্ট আফগান প্রতিযোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক:  চেন্নাইতে (Chennai) ৪৪ তম দাবা অলিম্পিয়াডে (Chess Olympiad) অংশগ্রহণকারী এক আফগান খেলোয়াড়ের (Afghan chess players) হাতে তালেবানের সাদা পতাকা (hold Taliban flag) দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই খেলোয়ারের ছবি ভাইরাল। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রজাতন্ত্র সরকারের প্রাক্তন তেরঙা পতাকা নিয়েই আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে খেলছে আফগান খেলোয়াড়রা। কিন্তু তার মধ্যেও ওই ছবি সামনে আসায় বিতর্ক দানা বেঁধেছে।
     
    দাবার জন্ম ভারতে। ফলে জন্মস্থানে এবারই প্রথম হচ্ছে চেস অলিম্পিয়াড। চেন্নাইয়ের কাছে মামল্লপুরম বা মহাবলীপুরমে। তামিলনাড়ু সরকার এই ঐতিহ্যশালী প্রতিযোগিতা আয়োজন করতে অল্প সময়ের মধ্যে যে বিশ্বমানের পরিকাঠামো তৈরি করেছে তার প্রশংসা করছেন বিদেশিরাও। এই টুর্নামেন্টকে জনপ্রিয় করতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিজেও অত্যন্ত উৎসাহী। তিনি নিজে ব্যবস্থাপনা ঘুরে দেখে সন্তুষ্ট। কিন্তু হঠাতই যেন প্রতিযোগিতা স্থলে তালিবান পতাকা দেখে তাল কেটেছে। প্রসঙ্গত, ভারত তালেবান অন্তর্বর্তী সরকার বা আফগানিস্তানের ইসলামিক এমিরেটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না এবং তাই সাদা পতাকা ব্যবহার করার অনুমতি দেয় না। এমনকি নয়াদিল্লিতে আফগানিস্তান দূতাবাসও পুরনো পতাকাই ব্যবহার করে। 
     
     
    আফগানিস্তান সহ ১৯৯ টি দেশের খেলোয়াড়রা ভারতে আয়োজিত দাবা অলিম্পিয়াডে যোগ দিয়েছে। আফগানিস্তান জাতীয় দাবা ফেডারেশনের সভাপতি কুরাইশি ওবায়দুল্লাহ এ প্রসঙ্গে জানান, “আমরা উভয় পতাকা ব্যবহার করছি। অনুষ্ঠানস্থলের ভেতরে আমরা পুরনো পতাকা ব্যবহার করলেও মূল অনুষ্ঠানস্থলের বাইরে সাদা পতাকা ব্যবহার করতে পারি। আমরা খেলোয়াড়, রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।” তিনি আরও বলেন, যদিও প্রাথমিকভাবে কেউ তাদের তালেবান পতাকার সাথে পোজ দিতে বাধা দেয়নি, এবং এটি মূল অনুষ্ঠানস্থলের বাইরের পোস্টারের মধ্যেই ছিল। তিনি জানান,  “আমার দল ভালো পারফর্ম করছে এবং আমি আশা করি আমরা ফাইনাল রাউন্ডে উঠতে পারব।”

     

     
     
  • Sameer Wankhede: তদন্তে গাফিলতির মাশুল! বদলি সমীর ওয়াংখেড়ে, কোথায় পাঠানো হল জানেন?

    Sameer Wankhede: তদন্তে গাফিলতির মাশুল! বদলি সমীর ওয়াংখেড়ে, কোথায় পাঠানো হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রমোদতরী মাদক মামলায় বেকসুর খালাস পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পেশ করতে অসফল হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এবার সেই মাদক মামলায় (Drug case) তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede) বদলি করা হল তামিলনাড়ুর চেন্নাইয়ে।

    প্রমোদতরী ‘ক্রুজ কর্ডেলিয়া’ (Cordelia cruise) থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্রকে গ্রেফতারের নেপথ্যে ছিলেন এই প্রাক্তন এনসিবি আধিকারিক। ঘটনার তদন্তের গাফিলতি অভিযোগ উঠেছে এনসিবির বিরুদ্ধে। আরিয়ানের বিরুদ্ধে চার্জশিটে কোনও প্রমাণই দেখাতে পারেনি এনসিবি। আরিয়ান মাদক কিনেছিলেন বা পাচার করেছিলেন এরকম কোনও প্রমাণ মেলেনি। এমনকি সে মাদক সেবন করেছিলেন কি না তাও জানা যায়নি।

    আরও পড়ুন: আরিয়ানের বিরুদ্ধে ভুয়ো মামলা! প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রের

    কারণ, এনসিবির কর্তারা গ্রেফতারের পর তাঁর কোনও মেডিক্যাল টেস্ট করাননি। সেই গাফিলতির মাশুলই কি দিতে হল সমীর ওয়াংখেড়েকে? সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই ঘটনার জেরেই মুম্বাই থেকে চেন্নাইয়ে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হল এনসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে। ট্যাক্সপেয়ার সার্ভিসে বদলি হলেন সমীর ওয়াংখেড়ে। জানা গিয়েছে, আগামী ১০ জুন নতুন পদে দায়িত্ব নেবেন এই আইআরএস (IRS) অফিসার।

    নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) ডিরেক্টর জেনারেল এসএন প্রধান জানান, ১৪ জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গিয়েছে, ৬ জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ২০২১ সালের ২ অক্টোবরে মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালায় এনসিবি। সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীর। মাদক-যোগের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছিল এনসিবি। ধৃতদের মধ্যে ছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মাদককাণ্ডে ২৭ দিন জেলে থাকতে হয়েছিল আরিয়ানকে।

    আরও পড়ুন: মাদক-মামলায় বেকসুর খালাস, আমেরিকার পথে শাহরুখ পুত্র আরিয়ান

    মাদক-সিন্ডিকেট এবং বিদেশি মাদক পাচারকারীদের যোগসূত্রের অভিযোগে এনডিপিএস আইনের (NDPS Act) ৩৭ ও ২৭ নম্বর জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এনসিবি। একাধিকবার জামিন খারিজও হয় বাদশা-পুত্রের। পরবর্তী সময়ে জামিন মঞ্জুর হলেও নিয়মিত এনসিবি দফতরের ডেকে জেরা করা হয়েছে তাঁকে।

    অবশেষে ক্লিনচিটও পান আরিয়ান খান। সম্প্রতি আরিয়ানকে নির্দোষ বলে নিষ্কৃতি দেয় এনসিবি। আর এর পরই সমীরের বদলিতে অনেকেই মনে করছেন দুটি ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত।

     

     

  • Chennai: এটিএমের বিনে ১৫ লক্ষ টাকার সোনা ফেললেন মহিলা, কেন?

    Chennai: এটিএমের বিনে ১৫ লক্ষ টাকার সোনা ফেললেন মহিলা, কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় মহিলা এবং সোনার যেন জন্ম-জন্মান্তরের সম্পর্ক। সোনা-গয়না পছন্দ করেন না এমন মহিলার সংখ্যা এদেশে প্রায় অমিল। একজন মহিলা গয়নার জন্যে কত দূর যেতে পারেন ‘মণিহার’ গল্পে দেখিয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সব মোহমায়া ত্যাগ করে এক মহিলা নাকি ১৫ লক্ষ টাকার সোনা (Gold Worth 15 Lakh) ফেলে এলেন এটিএমে রেখে দেওয়া পাত্রে (ATM Bin)। সোমবার ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে (Chennai)।

    আরও পড়ুন: সাগরে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই মহিলা, এরপর কী হল….       

    এটিএম কিয়ক্সটির নিরাপত্তারক্ষী এটিএমের ভেতরে একটি চামড়ার ব্যাগ খুঁজে পাওয়ার পরই বিষয়টি সকলের নজরে আসে। ব্যাগটি খুলে দেখা যায়, রয়েছে লক্ষ-লক্ষ টাকার গয়না। প্রথমে ওই নিরাপত্তারক্ষী ব্যাঙ্কের ম্যানেজারকে ফোন করে বিষয়টি জানান। পরে কুন্দ্রাথুরের (Kundrathur) পুলিশকে জানানো হয়। 

    পুলিশের কাছেও ওইদিনই ৩৫ বছরের এক মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন এক দম্পতি। সেদিন ভোর ৪টে থেকে নিখোঁজ ছিলেন তাঁদের মেয়ে। পরে দম্পতি জানান, তাঁদের মেয়ে সকাল সাতটাতেই ফিরে এসেছেন। পুলিশের বিষয়টি সন্দেহ হওয়ায়, ওই এটিএম এলাকার সিসিটিভি ফুটেজ ওই দম্পতিকে দেখানো হয়। ভিডিও দেখে দম্পতি নিশ্চিত করেন ওই ভিডিওতে তাঁদের মেয়েই রয়েছেন, যার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন তাঁরা।

    আরও পড়ুন: বাইকের বদলে ঘোড়া! জলমগ্ন মুম্বইয়ে খাবার পৌঁছে দিতে একি করলেন সুইগি বয় 

    দম্পতি পুলিশকে জানান, তাঁদের সন্তান হতাশার শিকার এবং তাঁর ঘুমের ঘোরে হাঁটার (Sleep Walking) অভ্যেস রয়েছে। চিকিৎসাও চলছে তাঁর। 

    আরও পড়ুন: পেটে ব্যথা নিয়ে শৌচালয় গেলেন ছাত্রী, বেরোলেন সদ্যোজাত কোলে নিয়ে!

    কুন্দ্রাথুর থানার পুলিশ ইন্সপেক্টর চন্দ্রু জানান, “নিরাপত্তারক্ষী ঠিক সময় খবর না দিলে ওই গয়না উদ্ধার করা সম্ভব হত না।” পরে পুলিশ ওই দম্পতির হাতে সোনা তুলে দেয় এবং নিরাপত্তারক্ষী এবং ব্যাঙ্ক ম্যানেজারকে তাঁদের সাহায্যের জন্যে  ধন্যবাদ জানায়। 

     

LinkedIn
Share