Tag: Ganga

Ganga

  • Nimtala Ghat: সেলফি তোলাই কাল! শবদেহ দাহ করতে এসে নিমতলার গঙ্গায় তলিয়ে নিখোঁজ ৩

    Nimtala Ghat: সেলফি তোলাই কাল! শবদেহ দাহ করতে এসে নিমতলার গঙ্গায় তলিয়ে নিখোঁজ ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: গঙ্গার (Ganga) পাড়ে বসে সেলফি তোলাই কাল হল! শবদেহ দাহ করতে এসে বানের জলে (High Tide) ভেসে গেল পাঁচজন। স্থানীয়দের তৎপরতায় দুজনকে উদ্ধার করা গেলেও, মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ তিনজন। নিমতলা ঘাটের (Nimtala Ghat) ওই ঘটনায় নিখোঁজদের খোঁজে জারি রয়েছে তল্লাশি। নিখোঁজ তিন যুবকই কলকাতার নারকেলডাঙা এলাকার বাসিন্দা।

    পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে সৎকারের জন্য একটি মৃতদেহ নিয়ে আসা হয় নিমতলা শ্মশান ঘাটে। দেহটি নিয়ে আসা হয়েছিল নারকেলডাঙা এলাকা থেকে। দেহ সৎকারের সময় শবযাত্রীদের মধ্যে কয়েকজন যুবক গঙ্গার ধারে চলে যান। ঘাটের সিঁড়িতে বসেছিলেন তাঁরা। স্থানীয় সূত্রে খবর, ওই যুবকরা সিঁড়িতে বসে সেলফি তুলছিলেন। মোবাইলবন্দি করছিলেন রাতের গঙ্গার দৃশ্য। রাত ১০টার সময় গঙ্গায় বান আসার কথা ছিল। স্থানীয়দের কয়েকজন এ ব্যাপারে তাঁদের সতর্কও করেছিলেন। তার আগে প্রচার করা হয় পুলিশের তরফেও। অভিযোগ, বানের জলের ব্যাপারে কোনও সতর্কতাই কানে তোলেনি ওই যুবকরা। এর পর আচমকাই চলে আসে বান। জলের তোড়ে ভেসে যান সবাই। কয়েকজন উঠে এলেও, বাকিরা ভেসে যান জলস্রোতে। স্থানীয়দের তৎপরতায় দুজনকে উদ্ধার করা হয়। নিখোঁজ হয়ে যান তিনজন। খবর পেয়ে রাতেই নিমতলা ঘাটে পৌঁছায় উত্তর বন্দর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগের একটি দল। তল্লাশি চলে রাতভর। মঙ্গলবার দুপুর পর্যন্তও খোঁজ মেলেনি ওই যুবকদের। পুলিশের দাবি, নিয়ম মেনেই বান আসবে বলে সতর্কতামূলক প্রচার চালানো হয়েছিল। স্থানীয়রাও তাঁদের সতর্ক করেছিলেন। তার পরেও গঙ্গার পাড় থেকে ওঠেননি ওই যুবকরা। যার জেরে এই দুর্ঘটনা।

    আরও পড়ুন : হাত রয়েছে আল কায়দা ও আইসিসের! মোমিনপুরের ঘটনায় বিস্ফোরক শুভেন্দু

    প্রসঙ্গত, দশমীর রাতে বিসর্জনের সময় জলপাইগুড়ির মাল নদীতে আচমকাই চলে আসে হড়পা বান। নবান্নের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, এই ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। আহত হয়েছেন ১৪ জন। সেই ঘটনার রেশ পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই ফের দুর্ঘটনা। এবং সেই নদীতেই!  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • India Bangladesh: জলবণ্টন চুক্তি নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত-বাংলাদেশ

    India Bangladesh: জলবণ্টন চুক্তি নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত-বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: তিস্তা (Teesta), গঙ্গা (Ganga) সহ অন্যান্য নদীর জলবণ্টন (Water Sharing) চুক্তি নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসল ভারত (India) ও বাংলাদেশ (Bangladesh)। ভারতের কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajengra Singh Shekhawat) এ কথা জানান। বৃহস্পতিবার ওই বৈঠক হয়েছে।

    ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে প্রচুর নদী। সেই কারণে গঠিত হয়েছে জয়েন্ট রিভার্স কমিশন। এই কমিশন আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়ে গেল এদিন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের জলসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বৈঠকে তাঁর নেতৃত্বে যোগ দেন ১৭ জন প্রতিনিধি। তাঁরাই বৈঠক করেন শেখাওয়াতের সঙ্গে। জানা গিয়েছে, জয়েন্ট নদী কমিশনের এটি ৩৮তম বৈঠক। বৈঠক শেষে ট্যুইট করেন শেখাওয়াত। ট্যুইট বার্তায় তিনি লেখেন, বিভিন্ন নদীর জল বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল গঙ্গা এবং তিস্তাও। জলশক্তি মন্ত্রী বলেন, জল বণ্টন সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে দু দেশের মধ্যে আলোচনা হয়েছে। গঙ্গা এবং তিস্তা ছাড়াও আরও ছটি নদী নিয়েও আলোচনা হয়েছে এদিন।

    আরও পড়ুন : প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়া শক্তপোক্ত করতে ফের বৈঠকে ভারত বাংলাদেশ

    প্রসঙ্গত, ২০১০ সালে জয়েন্ট রিভার্স কমিটির প্রথম বৈঠক হয়। তার পর সব মিলিয়ে হয়েছে ৩৮ তম বৈঠক। সেপ্টেম্বরের পাঁচ তারিখে ভারত সফরে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের ভারত সফরে আসছেন তিনি। প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক সুস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হওয়ার কথা তাঁর। হাসিনার সফরের আগে আগেই জল সম্পদ নিয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ের এই বৈঠক যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। মঙ্গলবারই হয়েছে জয়েন্ট রিভার্স কমিশনের দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক। দুই দেশের আলোচনায় উঠে এসেছে তিস্তা জল বণ্টন ইস্যুও। এই তিস্তার জল বণ্টন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও  আলোচনা হয়েছিল হাসিনার। তার পরেও তিস্তার জল বণ্টন নিয়ে জট কাটেনি দু দেশের।

    প্রসঙ্গত, যখন তিস্তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা হচ্ছিল, তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ। ২০১১ সালে বাংলাদেশ সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সেই সময়ই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে স্বাক্ষরিত হয়নি ওই চুক্তি। অবশ্য তিস্তা চুক্তি না হলেও, ১৯৯৬ সালে হয় গঙ্গা জল বণ্টন চুক্তি। ২০১৬ সালে ওই চুক্তি রিনিউয়াল হওয়ার কথা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share