Tag: Howrah

Howrah

  • Howrah:দুর্গা পুজো নয় হাওড়ার খালনা মেতে ওঠে লক্ষ্মী পুজোয়

    Howrah:দুর্গা পুজো নয় হাওড়ার খালনা মেতে ওঠে লক্ষ্মী পুজোয়

    মাধ্যম নিউজ ডেস্ক: না দুর্গা পুজো বা কালী পুজো নয়, হাওড়া (Howrah) জেলার শেষ সীমান্তে খালনা গ্রাম, কেবলমাত্র লক্ষ্মী পুজোতেই মেতে ওঠে। শতবর্ষের পুরাতন লক্ষ্মী পুজোর ঐতিহ্য বহন করছে এই গ্রাম। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নবকুমার সানা জানিয়েছেন, সরকারি খাতায় সব পুজো নেই। কিন্তু এই গ্রামে শতাধিক লক্ষ্মী পুজো হয়। অনেক পুরাতন সময়ের ইতিহাসকে বহন করে চলেছে এই এলাকার লক্ষ্মী পুজো।

    অপরদিকে উত্তর দিনাজপুরে দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোকে ঘিরেই আনন্দে মাতেন রায়গঞ্জের টেনহরি গ্রামের বাসিন্দারা। তাই সারা বছর ধরে এই লক্ষ্মী পুজোর অপেক্ষাতে দিন যাপন করেন স্থানীয় মানুষ। এলাকার বাসিন্দাদের অনেক আত্মীয়-পরিজনই লক্ষ্মীপুজোর সময়ে আসেন পুজো ও মেলার টানে।

    খালনার লক্ষ্মী পুজো (Howrah)

    রাজ্যের বিখ্যাত লক্ষ্মীপুজো বলতে সর্বপ্রথম মনে আসে হাওড়ার (Howrah) জয়পুরের খালনার লক্ষ্মীপুজো। এই ক্লাবের পুজো এবারে ১০৩ বছরে পড়ল। রেডিও দিয়ে পশ্চিম খালনা রাজবংশী পাড়া বারোয়ারি লক্ষ্মী পুজোর মন্ডপ নির্মিত হয়েছে। মন্ডপের সামনে একটা বড় রেডিও তৈরি করা হয়েছে।‌ আর সেখানেই শোনা যাচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ‌। আবার খালনা গ্রামের ক্ষুদিরায়তলা কোহিনুর ক্লাবের লক্ষ্মীপুজো ১৫৭ বছরে পদার্পণ করল। এই মন্ডপে তুলে ধরা হয়েছে জঙ্গলের পরিসরকে। রয়েছে প্রধান চরিত্রে মুগলি। এছাড়াও রয়েছে মুগলির বন্ধু জঙ্গল, মৌমাছি সহ মধুর চাক, ভল্লুক, বাঘও। সেই সঙ্গে আমরা সবাই ক্লাবের পুজো, তুঙ্গারনাথের মন্দিরের আদলে গড়া মণ্ডপ। একই ভাবে চোখে পড়েছে ‘সহজ পাঠ’-এর মণ্ডপ ভাবনা। হাওড়ার আমতার বিধায়ক সুকান্ত পাল বলেন, “খালনার এই ঐতিহ্যবাহী লক্ষ্মী পুজোকে সর্বাঙ্গ সুন্দর করতে সম্পূর্ণ সচেষ্ট রয়েছে প্রশাসন।”

    ভালো ফলনের জন্য হয় লক্ষ্মী পুজো

    হাওড়ার (Howrah) পাশাপাশি টেনহরির লক্ষ্মীপুজোর মূল আকর্ষণ হল লক্ষ্মী প্রতিমা নিয়ে মেলা। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক বাসিন্দা সুধন্যচন্দ্র দাস আজ থেকে আনুমানিক ৭০ বছর আগে, এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় লক্ষ্মীপুজোর সূচনা করেছিলেন। তিনি ওপার বাংলায় ঢাকা জেলার সমরসিং এলাকার বাসিন্দা ছিলেন। সেখানেও বড় করে পুজোর আয়োজন হতো। এদেশে আসার পর, এই এলাকায় ভালো ফলন ও এলাকার প্রতিটি গরীব মানুষের ঘরে যাতে সম্পদ আসে, সেই কামনায় লক্ষ্মীপুজোর আয়োজন করেছিলেন তিনি। এখানে লক্ষ্মী মায়ের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই নারায়ণেরও পুজো করা হয়। পুজোতে লক্ষ্মী-নারায়ণের পাশে জয়া ও বিজয়ার উপস্থিতিও লক্ষ্য করা যায়। রায়গঞ্জ ব্লকের বর্ধিষ্ণু গ্রাম টেনহরির পুজো, এতটাই খ্যাতি অর্জন করেছে যে শুধু রায়গঞ্জ শহর নয়, মালদহ থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর ও বিহারেরও প্রচুর মানুষ, এখানে প্রতিবছর লক্ষ্মীপুজোর উৎসব দেখতে আসেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ED: জ্যোতিপ্রিয়র পর হাওড়ায় মন্ত্রী ঘনিষ্ঠর বাড়িতেও হানা ইডির, জেলাজুড়ে শোরগোল

    ED: জ্যোতিপ্রিয়র পর হাওড়ায় মন্ত্রী ঘনিষ্ঠর বাড়িতেও হানা ইডির, জেলাজুড়ে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাকিবুর রহমানের বাড়িতে ইডি (ED) তল্লাশি চালায়। পরে, তথ্য প্রমাণ হাতে পেয়ে ইডি তাকে গ্রেফতার করে। ইডি-র জিজ্ঞাসাবাদের তার বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে। সেই দুর্নীতির সূত্র ধরেই ইডি ফের বৃহস্পতিবার সাত সকালেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সহ একাধিক জায়গায় হানা দেয়। তারমধ্যে কেন্দ্রীয় সংস্থার অন্য একটি দল পৌঁছে গেল হাওড়ায়।

    হাওড়়ায় কেন হানা দিলেন ইডি আধিকারিকরা? (ED)

    বৃহস্পতিবার হাওড়ার ব্যাঁটরা থানার কদমতলার ভগবান চ্যাটার্জি লেনের একটি বাড়িতে হানা দেন ইডির (ED) ছয় আধিকারিক। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। স্থানীয়দের দাবি, যে বাড়িতে ইডি আধিকারিকেরা ঢুকেছেন, সেটি অভিজিৎ দাস নামে এক ব্যক্তির। তাঁর সঙ্গে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয়ের সম্পর্ক রয়েছে। এদিন সাত সকালেই রেশন বণ্টন দুর্নীতির অভিযোগের তদন্তে জ্যোতিপ্রিয় এবং তাঁর আপ্তসহায়কের বাড়িতে হানা দেয় ইডি, ঘটনাচক্রে, সে দিনই হাওড়ায় অভিজিতের বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডি। সেই সূত্রেই স্থানীয়দের অনুমান, জ্যোতিপ্রিয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের খাতিরেই হয়তো অভিজিতের বাড়িতে হানা দিয়েছে ইডি। যদিও ইডির তরফে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

    কে এই অভিজিৎ দাস?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই অভিজিৎ দাসের পেশা ওষুধের ব্যবসা। তবে, এই ব্যক্তির উত্থান বেশ চমকপ্রদ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলে জানা যাচ্ছে, এই অভিজিৎ দাস জীবনের শুরুর দিকে রেলের এক ক্যাটারিং সংস্থায় খাদ্য সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন হেভিওয়েটদের ঘনিষ্ঠ হয়ে উঠতে শুরু করেন। মাঝে একটা সময়ে এলাকাবাসীদের কাছে নিজেকে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক বলেও পরিচয় দিতেন। স্থানীয় সূত্রে খবর, পেল্লায় সেই প্রাসাদোপম বাড়ির নীচে মাঝে মধ্যেই খাদ্য দফতরের সরকারি নীল বাতি দেওয়া গাড়িও আসত। তবে, হঠাৎ করে তাঁর বাড়িতে ইডির হানায় কিছুটা হতবাক এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকায় ভাল মানুষ হিসেবেই পরিচিতি ছিলেন তিনি।

    ইডির হানার সময় বাড়িতেই ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়

    এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয়ের একাধিক বাড়িতে অভিযান চালায় ইডি (ED)। দীর্ঘক্ষণ ধরে বাড়ির ভিতরেই রয়েছেন ইডি আধিকারিকেরা। জানা গিয়েছে, ইডির হানার সময় বাড়িতেই ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। মন্ত্রীর পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁর আপ্তসহায়ক অমিত দে’র নাগেরবাজারের ফ্ল্যাটেও হানা দেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। কিন্তু, সেই সময় বাড়িতে ছিলেন না অমিত। ইডি সূত্রে খবর, রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পর নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয়ের। সেই সূত্রেই মন্ত্রী এবং তাঁর আপ্তসহায়কের বাড়িতে অভিযান ইডির। সেই একই সূত্রে হাওড়ার কদমতলায় অভিজিতের বাড়িতেও ইডি অভিযান চালাচ্ছে বলে মনে করা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah: পুজোর মুখে হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, ধৃত বিহারের দুই ব্যক্তি

    Howrah: পুজোর মুখে হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, ধৃত বিহারের দুই ব্যক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর মধ্যেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল হাওড়া (Howrah) স্টেশনে। আর টাকা মজুত করার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুরেন্দ্রপ্রসাদ লাহারাকা এবং সুরেশ মণ্ডল। তাঁদের একজনের বাড়ি বিহারের লক্ষ্মীসরাই এবং অন্যজনের বাড়ি জামালপুরে। লক্ষ লক্ষ টাকা কী ভাবে পেয়েছেন, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রেল সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তি  ঠিকঠাক উত্তর দিতে না পারায় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়। পরে, ওই টাকা আয়কর দফতরের আধিকারিদের হাতে তুলে দেওয়া হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Howrah)

    রেল সূত্রে জানা গিয়েছে, এমনিতেই পুজোর সময় হাওড়া (Howrah) স্টেশন বিশেষ নজরদারি করছে পুলিশ। কোনও সন্দেহভাজন কাউকে দেখলে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশিও করা হচ্ছে। এরইমধ্যে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ৮ নম্বর প্ল্যাটফর্মে ডাউন লক্ষ্মীসরাই হাওড়া এক্সপ্রেস ঢোকে। ওই সময় দুই যাত্রীকে বেশ কিছুক্ষণ ধরে ৮ নম্বর প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় আরপিএফ কর্মীদের। কাছে গিয়ে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই মেলে বিপুল অঙ্কের টাকা। জানা যাচ্ছে, দু’জনের মধ্যে এক জনের পিঠে ছিল কালো রঙের একটি ব্যাগ। দু’জনকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সন্দেহ হওয়ায় তাঁদের ব্যাগ খুলে দেখেন আরপিএফ কর্মীরা। সেখানে মেলে প্রচুর টাকা। গুনে দেখা যায় মোট ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা রয়েছে তাতে। কোথা থেকে এত টাকা নিয়ে এসেছেন তার সদুত্তর দিতে পারেননি ওই দুই ব্যক্তি। এরপর তাঁদের গ্রেফতার করা হয়।

    আরপিএফের এক আধিকারিক কী বললেন?

    আরপিএফের এক আধিকারিক বলেন, বিপুল পরিমাণ টাকা নিয়ে কলকাতায় আসার কোনও উদ্দেশ্য ছিল না কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের সঙ্গে আর কেউ রয়েছে কি না তা জানার চেষ্টা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gaza-Israel conflict: ইজরায়েল-হামাসের যুদ্ধ পরিস্থিতিতে আটকে দুই বাঙালি গবেষক, উদ্বিগ্ন পরিবার

    Gaza-Israel conflict: ইজরায়েল-হামাসের যুদ্ধ পরিস্থিতিতে আটকে দুই বাঙালি গবেষক, উদ্বিগ্ন পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব জুড়ে যুদ্ধের পরিস্থিতি নিয়ে অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইজরায়েলে, উগ্র জঙ্গী সংগঠন হামাসের আচমকা হামলায় বহু মানুষ রাতারাতি অকাতরে প্রাণ হারিয়েছেন। এই গণহত্যা ও আক্রমণের বিরুদ্ধে ইতিমধ্যেই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত। হামাসের উপর, ইজরায়েলের পালটা জবাবে কার্যত পশ্চিম বিশ্ব রণক্ষেত্রে (Gaza-Israel conflict) পরিণত হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়েছেন বাংলার ধনেখালির এক গবেষক। তাঁর পরিবারের মধ্যে তীব্র উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আটকে পড়েছেন উত্তরপাড়ার এক গবেষক দম্পতি। পরিবারের বাবা মা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। কবে বাড়ি ফিরবেন! আতঙ্কে প্রহর গুনছেন পরিবার।

    যুদ্ধের পরিস্থিতিতে আটক ধনেখালির গবেষক (Gaza-Israel conflict)

    সূত্রে জানা গেছে, সাইরেন বাজলেই শেল্টার হোমে ঢুকে পড়তে হচ্ছে। যুদ্ধের মধ্যে আটকে পড়েছেন বাঙালি গবেষক সৌরভ কুমার। তাঁর বাড়ি হুগলি জেলার ধনেখালির ভাণ্ডারহাটিতে। ইজারায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে স্নায়ু বিজ্ঞান অ্যালজাইমার রোগ নিয়ে গবেষণা করছিলেন তিনি। গত তিন বছর সেখানকার বাণিজ্য নগরী তেল আভিভে থাকছিলেন তিনি। এদিকে স্ত্রী অনিন্দিতা, নিয়ত যোগাযোগ রেখে চলেছেন স্বামীর সঙ্গে। সৌরভ জানিয়েছেন “বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপাতত থাকছি। হামাসের জঙ্গিরা যখন তখন ঢুকে হামলা চালাচ্ছে (Gaza-Israel conflict)। অনেক বাঙালি এখনে আটকে রয়েছেন। ক্ষেপণাস্ত্র থেকে বোমা ফেলা হচ্ছে। কানে ভেসে আসছে বর্ষণের শব্দ। তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছি।

    অপর দিকে সৌরভের স্ত্রী বলেছেন, “পুজোর আগেই বাড়িতে আসার কথা ছিল, কিন্তু এই যুদ্ধের পরিস্থিতি নিয়ে খুব চিন্তা হচ্ছে। অত্যন্ত উচাটনের মধ্যে রয়েছি। কবে বাড়িতে ফিরিয়ে আনতে পারবো, তাই নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছে।”

    শুকনো জল খাবার খেয়ে আতঙ্কে উত্তরপড়ার দম্পতি

    ইজরায়েলের হাইফা শহরে থাকতেন উত্তর পাড়ার দম্পতি সমোদয় হাজরা এবং স্ত্রী জয়িতা দত্ত হাজরা। সমোদয় হাজরা নিজে একটি বিশ্ববিদ্যালয়ে স্নায়ুতন্ত্র নিয়ে গবেষণা করতেন। তাঁর স্ত্রী আইআইটিতে গবেষণা করতেন। তাঁদের তিন বছরের একটি মেয়ে রয়েছে, নাম সিন্ধিয়া। মেয়ে-স্ত্রীকে নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন সমোদয়। তবে তাঁর বিশ্ববিদ্যালয় খোলা রয়েছে। এই শহরে যুদ্ধের (Gaza-Israel conflict) তেমন আঁচ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। শহরের স্কুল-কলেজ বন্ধ হয়ে গেছে। যুদ্ধের পরিস্থিতির সম্পর্কে একটি ভিডিও বার্তা দিয়ে বলেন, “আগামী ৭২ ঘণ্টার জন্য প্রয়োজনীয় খবার মজুত করে রাখা হয়েছে। ধ্বনি বাজলেই বাঙ্কারের মধ্যে ঢুকে পড়তে হচ্ছে। এই বছর কালী পুজোতে দেশে ফেরার কথা ছিল, সেই অনুযায়ী টিকিটও কাটা হয়েছিল। কিন্তু আচমকা যুদ্ধের (Gaza-Israel conflict) পরিস্থিতির সৃষ্টি হয়ে পড়েছে।”

    যদিও সমোদয়ের বাবা উদয়শঙ্কর হাজরা গত দুই সপ্তাহ আগেই ইজরায়েল থেকে ফিরেছেন। তিনি বলেন, “ওদের বলা হয়েছে জামা কাপড় শুকনো খবার নিয়ে প্রস্তুত থাকতে। এলাকা নিরাপদ হলেও পরিস্থিতি যে কোনও সময় বদলে যেতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার জন্য কথা বলেছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • TMC: ব্যবসার বখরা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল বালি, গ্রেফতার ৪২

    TMC: ব্যবসার বখরা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল বালি, গ্রেফতার ৪২

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বালির নিশ্চিন্দা থানার কালিতলা সাহেববাগান বাগান এলাকা। ব্যবসার বখরা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে ঝামেলার শুরু হয়, এরপরে জল গড়ায় হাতাহাতি, মারামারি এবং ভাঙচুর পর্যন্ত। এই সংঘর্ষ থামাতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে উত্তেজনা থামাতে বেলুর, লিলুয় থানার পুলিশকেও মাঠে নামতে হয়। ইতি মধ্যে ঘটনায় গ্রেফতার হয়েছে ৪২ জন। এলাকাকে নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে বিশাল র‍্যাফ বাহিনী।

    কিভাবে ঘটল ঘটনা (TMC)?

    স্থানীয় সূত্রে জানা গেছে, কালিতলা-সাহেব বাগান এলাকার তিন তাবড় তৃণমূল (TMC) নেতাদের মধ্যে হলেন, খোকন গায়েন, ষষ্ঠী গায়েন এবং অসিত গায়েন। তিনজনেই বিশেষ সম্পর্কে ভাই তাঁরা। মূল বিবাদ হয় খোকন-ষষ্ঠীর সঙ্গে অসিতের। সোমবার ঠিক সন্ধ্যার সময় ব্যবসার বখরা নিয়ে প্রথমে মিটিং হয়। এরপর এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়ে। শুরু হয় ব্যাপক হাতাহাতি। অসিত নিজে দারুণ ভাবে আহত হন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রে আরও জানা গেছে ঘটনার জেরে এক পানশালায় ব্যাপক ভাঙচুর করা হয়। সেখানে আসা অনেক মানুষ আক্রান্ত হন বলে জানা গেছে। ষষ্ঠী গায়েন বলেন, “আমি বিষয় সম্পর্কে কিছু জানিনা। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।”

    পুলিশের ভূমিকা

    এলাকায় তৃণমূলের (TMC) গোষ্ঠী দ্বন্দ্বে উত্তেজনা ছড়ালে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরিস্থিতি সামাল দিতে আশে পাশের থানা থেকেও প্রচুর পুলিশ নামানো হয়। ৪২ জনকে এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। রাতের উত্তেজনা কমলেও, মঙ্গলবার সকলে ফের আক্রান্ত গোষ্ঠীর মহিলারা অপর পক্ষের বাড়িতে হামলা করে। পরিস্থিতিকে ক্ষতিয়ে দেখতে এলাকায় পৌঁছান তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ।

    বিধায়কের বক্তব্য

    ডোমজুড়ের তৃণমূল (TMC) বিধায়ক কল্যাণ ঘোষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, “পুলিশ এলাকায় ভালো করে কাজ করছে না। সমাজ বিরোধীরা এই কাণ্ড ঘটিয়েছে। এখানে প্রার্থী হয়েছিল অসিত গায়েন। বিজেপির চক্রান্তে এখানে এই গোলমালের ঘটনা ঘটেছে। প্রশাসনকে বলব দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দিক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Howrah: বন্ধ কোণা এক্সপ্রেসওয়ের একটি লেন, কোমর জল কোটি টাকার আন্ডারপাসে, ভোগান্তি

    Howrah: বন্ধ কোণা এক্সপ্রেসওয়ের একটি লেন, কোমর জল কোটি টাকার আন্ডারপাসে, ভোগান্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: নাগাড়ে বৃষ্টির জেরে গত তিনদিন ধরে জলে ডুবে রয়েছে হাওড়ার (Howrah) কোণা এক্সপ্রেসওয়ের উপর গড়পা সেতুর আন্ডারপাস। যার জেরে প্রতিদিন হাজার হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হাওড়া জেলা প্রশাসন এবং পূর্ত দফতরের জাতীয় সড়ক শাখার পদস্থ ইঞ্জিনিয়ারদের পাশাপাশি হাওড়া সিটি পুলিশ ও পুরসভার কর্তারা একাধিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেও পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি ঘটাতে পারেননি। ফলে, ভোগান্তির শেষ নেই।

    আন্ডারপাসে কোমর সমান জল, ভোগান্তি (Howrah)

    কোণা এক্সপ্রেসওয়ের গড়পা এলাকায় একটি সেতুর পাশাপাশি সেখানকার সবচেয়ে নিচু জমিতে এই আন্ডারপাস তৈরি করেছিল রাজ্য পূর্ত দফতরের জাতীয় সড়ক বিভাগ। কয়েক কোটি টাকা খরচ করে মাত্র মাস পাঁচেক আগে সেটির উদ্বোধন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার (Howrah) কোণা এক্সপ্রেসওয়ের উপরে গড়পা সেতুর সেই আন্ডারপাসে কোমর সমান জল হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে, কোণা এক্সপ্রেসওয়ের কলকাতামুখী একটি লেন পুরো বন্ধ রেখে অন্য লেন দিয়ে দু’দিকে গাড়ি চালাতে হচ্ছে। চরম নাকাল হতে হচ্ছে পথচারীদের। পাশাপাশি গত তিন দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া পুরসভার ২০টি ওয়ার্ড। বেলগাছিয়া ভাগাড়ে ধস নামার কারণে মূল নিকাশি নালা এখনও বুজে আছে। তাই পুজোর আগে জলে প্লাবিত উত্তর হাওড়া, বেলগাছিয়া ও টিকিয়াপাড়ার বিস্তীর্ণ এলাকা।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই জায়গাটি অত্যন্ত নিচু হওয়ায় আগে ভারী বৃষ্টি হলে সেই জল উনসানি, নয়াবাজ বা শীতলাতলা দিয়ে বেরিয়ে যেত। কিন্তু, জগাছায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরি হওয়ার সময় কয়েক একর জলাজমি বুজিয়ে ফেলা হয়। ফলে, বৃষ্টির সব জল এসে জমতে শুরু করে নিচু ওই এলাকায়। মূল জলাধার বলতে ছিল ওই জলাজমিটি। সেটি বেআইনিভাবে বুজিয়ে দেওয়ায় সব জল এসে জমা হচ্ছে এই আন্ডারপাসে। তা আর বের হওয়ার পথ পাচ্ছে না।

    প্রশাসনের কী বক্তব্য?

    পূর্ত দফতরের জাতীয় সড়ক বিভাগের এক ইঞ্জিনিয়ার বলেন, আন্ডারপাসে যাতে এলাকার জল না ঢোকে, তার জন্য বিভিন্ন নিকাশি নালার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় লোকজন সেগুলি খুলে দেওয়ায় এই বিপত্তি। হাওড়া (Howrah) পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, টানা বৃষ্টির জন্য জল জমছে। বেলগাছিয়া ভাগাড়ে ধসের জন্য মূল নিকাশি নালাটি অবরুদ্ধ হয়ে থাকায় জলমগ্ন হয়েছে উত্তর হাওড়া ও বেলগাছিয়া। জল বের করতে ৫০টি পাম্প কাজ করছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah: পড়ুয়ার সংখ্যা শূন্য, শিক্ষক দশ জন! হাওড়ার স্কুলে আজব কাণ্ড, কী করছে প্রশাসন?

    Howrah: পড়ুয়ার সংখ্যা শূন্য, শিক্ষক দশ জন! হাওড়ার স্কুলে আজব কাণ্ড, কী করছে প্রশাসন?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুলে মাত্র দশ জন শিক্ষিকা। দুজন অশিক্ষক কর্মচারী। প্রত্যেকেই নিয়ম করে প্রতি মাসে মোটা টাকা বেতন পাচ্ছেন। এই স্কুল চালু রাখতে রাজ্য সরকারকে গুণতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা। অথচ পড়ুয়ার সংখ্যা শূন্য। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়ার (Howrah) শিবপুরের যমুনাবালা বালিকা বিদ্যালয়ে। তাই শিক্ষিকারা কার্যত আসি যাই মাইনে পাই পরিস্থিতিতে কাজ করে চলেছেন। এভাবে টাকা জলে দেওয়ার অর্থ খুঁজে পাচ্ছেন না এলাকাবাসী।

    পড়ুয়াহীন স্কুলে এসে কী করেন শিক্ষকরা? (Howrah)

    স্কুলটি রাজ্যের প্রশাসনিক হেড কোয়ার্টার নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। স্কুলে প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক বিভাগও চালু আছে। একটা সময় এই স্কুলে দুটি বিভাগে বেশ ভালই ছাত্রী ছিল। কিন্তু, গত কয়েক বছরে ছাত্রীর সংখ্যা কমতে থাকে। কোভিড পরিস্থিতির পর স্কুল খুললে পড়ুয়ার সংখ্যা তলানিতে ঠেকে যায়। এই মুহূর্তে প্রাথমিক বাংলা মাধ্যম বিভাগে শুধু ১৬ জুন পড়ুয়া আছে। প্রধান শিক্ষক ও সহ শিক্ষক মিলিয়ে তিনজন। বাকি সব বিভাগে পড়ুয়া শূন্য। জানা গিয়েছে, প্রাথমিকের ইংরেজি বিভাগে পড়ুয়ার সংখ্যা শূন্য। এই বিভাগে দুজন শিক্ষিকা রয়েছেন। সবচেয়ে খারাপ অবস্থা মাধ্যমিক বিভাগে। সেখানে দশ জন শিক্ষিকা এবং দুজন অশিক্ষক কর্মচারী রয়েছে। ছাত্রী সংখ্যা সেখানেও শূন্য। ফলে, শিক্ষিকারা প্রতিদিন স্কুলে এলেও কার্যত কোনও ক্লাস না করেই বেতন পাচ্ছেন। তারা স্কুলে এসে বেশিরভাগ সময়ই কেউ মোবাইলে ব্যস্ত অথবা কেউ  গল্পের বই পড়ে সময় কাটাচ্ছেন।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দারা বলেন, একটা সময় এই স্কুলের দুটি বিভাগে ভালো সংখ্যক পড়ুয়া ছিল। কিন্তু, কয়েক বছর পড়ুয়ার সংখ্যা অস্বাভাবিক হারে কমতে থাকে। কোভিডের  পর পরিস্থিতি আরও খারাপ হয়। তারা জানাচ্ছেন প্রাথমিকের হাতে গোনা পড়ুয়া থাকলেও মাধ্যমিক বিভাগে পড়ুয়ার সংখ্যা শূন্য। স্কুল বিল্ডিং এর অবস্থা জরাজীর্ণ। স্কুল প্রাঙ্গনে ঝোঁপঝাড়ে ভর্তি। চারদিকে আবর্জনার স্তুপ ছড়িয়ে ছিটিয়ে আছে। ক্লাসরুমগুলি স্যাতস্যাতে ও অন্ধকার। হাওড়ার (Howrah) কোণা এক্সপ্রেসওয়ের ধারে ওই স্কুলটি হওয়ায় সেখানে বাচ্চাদের পাঠাতে তারা ভয় পান। তার ওপরে স্কুল ভবনটির এতটাই জরাজীর্ণ অবস্থা যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত মেরামতি দরকার। স্থানীয় বাসিন্দারা চাইছেন সরকার ব্যবস্থা নিক যাতে স্কুল যেন তার পুরানো অবস্থায় ফিরে আসে।

    স্কুলের এক শিক্ষিকা কী বললেন?

    এদিকে প্রাথমিকের এক শিক্ষক বলেন, আশেপাশে বেশ কয়েকটি স্কুল হয়ে যাওয়ায় এবং সামনে কোণা এক্সপ্রেসওয়ের কারণে অনেক অভিভাবকরা স্কুলে বাচ্চাকে পাঠাচ্ছেন না। এছাড়াও স্কুল বাড়ির অবস্থা ভালো নয়। মাধ্যমিক বিভাগের টিচার ইনচার্জ এ ব্যাপারে কিছু বলতে অস্বীকার করেন।

    স্কুল কর্তৃপক্ষের কী বক্তব্য?

    হাওড়া (Howrah) জেলা মাধ্যমিক বিভাগের ডিআই অজয় কুমার পাল জানিয়েছেন, ওই স্কুলটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। পড়ুয়া না থাকায় শিক্ষিকাদের অন্য স্কুলে সরিয়ে দেওয়া হবে।  ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেন, হাওড়া শহর এলাকায় বেশ কিছু প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ায় শিক্ষক শিক্ষিকাদের অন্য স্কুলে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে, স্কুলগুলোকে পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। ফের যদি পড়ুয়ারা স্কুলে ভর্তি হয় তবে স্কুলগুলোতে শিক্ষক দেওয়া হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah: “যাদের পোড়া বিড়ি জুটত না, তারা সব প্লেনে করে দিল্লি যাচ্ছে”, কটাক্ষ শুভেন্দুর

    Howrah: “যাদের পোড়া বিড়ি জুটত না, তারা সব প্লেনে করে দিল্লি যাচ্ছে”, কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধুমাত্র নিয়ম রক্ষার ঝাড়ু দেওয়াই নয়। রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে রাস্তার ধুলো ও নোংরা-আবর্জনা পরিষ্কার করে, নিজের হাতে ফেললেন সেসব। সেই সঙ্গে কোদাল দিয়ে আবর্জনা পরিষ্কার করে সেখানে ছড়িয়ে দিলেন ব্লিচিং পাউডার। এভাবেই প্রকৃত অর্থে স্বচ্ছ ভারত অভিযান শুরু করলেন বিধানসভার রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়া (Howrah) জেলা বিজেপির উদ্যোগে ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন বাজারের কাছে স্বচ্ছ ভারত কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপর দিল্লি যাত্রা সম্পর্কে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন।

    পুর অঞ্চলের স্বচ্ছতা নিয়ে কী বললেন শুভেন্দু?

    শুভেন্দু অধিকারী এদিন হাওড়ায় (Howrah) স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেওয়ার যে আবেদন জানিয়েছেন, তাতেই শামিল হয়েছে গোটা দেশ। সর্বত্র এই অভিযান পালিত হচ্ছে। এই অভিযানের উদ্দেশ্য যতটা না বেশি পরিমাণে সাফাই করা, তার থেকেও বড় ব্যাপার হল মানুষের মধ্যে স্বচ্ছতার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতার প্রচার-প্রসার করা।”

    অস্বাস্থ্যকর পরিবেশ সমগ্র পুর এলাকায়(Howrah)

    হাওড়া (Howrah) পুর এলাকায় নানা জায়গায় ঘুরে দেখে সর্বত্র নোংরা-আবর্জনা ছড়িয়ে থাকার কথা বলেন শুভেন্দু। চারদিক অত্যন্ত দুর্গন্ধময় এবং অপরিষ্কার। মাস্ক ছাড়া হাঁটা মুশকিল। নিষিদ্ধ প্লাস্টিক পড়ে রয়েছে যত্রতত্র। মলমূত্র, নোংরা-আবর্জনায় ভরে আছে রাস্তার ধার। নিকাশি নালাগুলিও পরিষ্কার করা হয়নি। এতে শারীরিক ভাবে অসুস্থ হতে পারেন সাধারণ মানুষ। অন্যদিকে মশা মারার তেল নিয়মিত দেওয়া হচ্ছে না। ডেঙ্গির মশার আঁতুড়ঘর হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু তাই বলেন, “পুরসভায় নির্বাচন কবে হবে, সেটা তো আমাদের ভাবার কথা নয়। কেউ তো বর্তমানে পুরসভার দায়িত্বে আছেন। তাঁর নেতৃত্বে কর্মীদের কাজ করা দরকার।”

    সাফাই কর্মীরা শুভেন্দুর কাছে অভিযোগ করছিলেন যে তাঁরা নিয়মিত বেতন পান না। সাফাইয়ের জিনিসপত্র দেওয়া হয় না। তাই তাঁরা ধর্মঘটে যাওয়ার কথা ভাবছেন। তিনি সাফাই কর্মীদের আবেদন করেছেন, পুজোর আগে, এই মুহূর্তে ধর্মঘটে না গিয়ে আবেদন-নিবেদনের মাধ্যমে তাঁদের দাবি আদায় করতে।

    দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ

    হাওড়ায় (Howrah) শুভেন্দু অধিকারী এদিন বলেন, “গোটা তৃণমূল কংগ্রেস মানেই প্রতিষ্ঠিত চোর। সব বাজারগুলিতে ছোট ছোট ঘুমটি রেখেছে। পুরসভা পাঁচ টাকা পেলে, তৃণমূল দশ টাকা পায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও ভাইপোর নেতৃত্বে প্রাতিষ্ঠানিক চুরি চলছে সর্বত্র। তৃণমূল কংগ্রেসের দিল্লি অভিযান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “যাদের পোড়া বিড়ি জুটত না, গিটি লাগানো টায়ারের সাইকেল চড়ত, তারা সব প্লেনে করে দিল্লি যাচ্ছে। কাল তো আমরাও দেখতে চাই কত লক্ষ লোক দিল্লি যায়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Howrah: আদিবাসী সমাজের বিক্ষোভে অবরুদ্ধ ধর্মতলা, প্রবল যানজট, চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা

    Howrah: আদিবাসী সমাজের বিক্ষোভে অবরুদ্ধ ধর্মতলা, প্রবল যানজট, চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনৈতিক মদতে কুড়মি-মাহাতোরা জোর করে তফসিলি জনজাতির তকমা পেতে চাইছেন। আর এই ঘটনার প্রতিবাদে আদিবাসী সমাজের উপর দমন পীড়নের প্রতিবাদে পথে নেমেছে ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন্‌স’। প্রতিবাদে বিভিন্ন আদিবাসী সংগঠনের সদস্যরা মিছিল করে কলকাতার রানী রাসমণি রোডের এই সমাবেশে উপস্থিত হন। এর ফলে প্রবল যানজটে অবরুদ্ধ হয় কলকাতা সহ হাওড়া (Howrah) জেলার নানা জায়গা। নিত্যযাত্রী, সাধারণ মানুষকে পড়তে হয় ব্যাপক হয়রানিতে। আদিবাসী সমাজ এই যানজটের দায় চাপিয়েছে পুলিশের উপর।

    প্রতিবাদ সমাবেশে মূল দাবি কি?

    ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন্‌স’-এর পক্ষ থেকে এই সভায় তাদের দাবি করা হয়, তাঁদের ছাড়া অন্য কাউকে ‘সিডিউল ট্রাইব’-এর মর্যাদা দেওয়া যাবে না। অবিলম্বে নকল এসটি সার্টিফিকেট ইস্যু বন্ধ করতে হবে। ২০০৬ সালের বন্য আইন সারা রাজ্যে চালু করারও দাবি জানান তাঁরা। সমাবেশে যোগ দেওয়ার জন্য, বিভিন্ন জেলা থেকে হাওড়া (Howrah) স্টেশনে এসে জড়ো হন হাজার হাজার আদিবাসী সমাজের মানুষ।

    হাওড়ায় (Howrah) ব্যাপক যানজট

    আজ, হাওড়া (Howrah) স্টেশন থেকে হাওড়া ব্রিজ হয়ে, মিছিল করে, ধর্মতলায় রানী রাসমণি রোডে সভায় অংশ নিতে যান আন্দোলনকারীরা। অনেকে আবার লঞ্চ পেরিয়েও ধর্মতলা পৌঁছান। আদিবাসীদের এই মিছিলের জেরে হাওড়া এবং কলকাতায় ব্যাপক যানজট তৈরি হয়। হাওড়া ব্রিজে যান চলাচল ব্যাহত হয়। হাজার হাজার লোকের মিছিলের জেরে হাওড়া ব্রিজে বেশ কয়েক দফা যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে চরম বিপাকে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। শুধুমাত্র হাওড়া ব্রিজ নয় হাওড়া ময়দান এবং সালকিয়া পর্যন্ত এই যানজট বিস্তৃত হয়।

    অবরুদ্ধ কলকাতা

    কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে পোস্ট করে জানানো হয়, মিছিলের জেরে অবরুদ্ধ ধর্মতলা ক্রসিং, গণেশচন্দ্র অ্যাভিনিউ, লেনিন সরণী, জহরলাল নেহরু রোড, রেড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং মেয়ো রোড। হাওড়া (Howrah) ও কলকাতায় এই যানজটের জেরে আটকে পড়েন হাজার হাজার অফিস যাত্রী। তাঁদের পায়ে হেঁটে পৌঁছাতে হয় অফিসে। এর জেরে অনেকেই দেরিতে অফিস পৌঁছান। হাওড়া ব্রিজ, স্ট্র্যান্ড রোড,  ব্র্যাবোর্ন রোড সহ বিভিন্ন রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়ে।

    আদিবাসী সংগঠনের বক্তব্য

    হাওড়া (Howrah) ও কলকাতায় এই ব্যাপক যানজটের কথা তুলে ধরে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা এই সমাবেশে যোগ দিয়েছি। ফলে যানজটের সম্ভাবনার কথা মাথায় রেখে পুলিশের আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। পুলিশের আগে থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণ করেনি। তাই সব দায় পুলিশের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • CBI: হাওড়ার দাশনগর, জগাছায় আচমকা সিবিআই হানা, কেন জানেন?

    CBI: হাওড়ার দাশনগর, জগাছায় আচমকা সিবিআই হানা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার হাওড়ার দাশনগর এবং জগাছা থানা এলাকার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামে সিবিআই (CBI)। সূত্রের খবর, দাশনগর থানার আলামোহন দাস রোডে কৌশিক মাজি এবং জগাছার পার্থ সেনের বাড়ি-ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। ওই দুই ব্যক্তির বাড়ির পাশাপাশি অফিস, গোডাউনে একইসঙ্গে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা। যদিও তল্লাশির বিষয় নিয়ে আধিকারিকরা প্রকাশ্যে মুখ খোলেননি।

    কেন সিবিআই হানা? (CBI)

    প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট কেলেঙ্কারির হদিশ পেতে নতুন করে তৎপর হয়েছে সিবিআই (CBI)। মঙ্গলবার হাওড়ার দাশনগর এবং জগাছা এলাকায় সিবিআই আচমকা হানা দেয়। মূলত, ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি’ নামের একটি সংস্থার কর্তা কৌশিক মাজি এবং পার্থ সেন। পর্ষদের কাছ থেকে কীভাবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ওএমআর শিট দেখে নম্বর দেওয়ার দায়িত্ব তাঁরা পেয়েছিলেন এই বিষয়ে কৌশিক মাজিকে আগেই জেরা করেছিলেন তদন্তকারীরা। জেরায় বিস্তর অসঙ্গতি থাকার কারণেই এই তল্লাশি বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর। পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে কীভাবে তাঁদের যোগাযোগ, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, দুই কর্তার বাড়ি থেকে প্রাথমিক নিয়োগ মামলার একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

    প্রসঙ্গত, গত সপ্তাহেই পর পর টানা তিন দিন নিয়োগ মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।  যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রের দাবি, নিয়োগ মামলার দুর্নীতির নেপথ্যে উঠে এসেছে একাধিক নাম ও তথ্য। সেগুলি মিলিয়ে দেখা হচ্ছে। সেকারণেই তদন্ত প্রক্রিয়ায় কিছুটা বাড়তি সময় লাগছে। গত এক সপ্তাহ আগে নিয়োগ মামলার কেস ডায়েরি আদালতে জমা দেয় সিবিআই (CBI)। যা দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। এমনকী অভিযুক্তের সঙ্গে তদন্তকারীদের আঁতাত নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন বিচারপতি। বিচারপতির উষ্মা প্রকাশের পরই সিবিআই হানা নিয়েও জেলাজুড়ে চর্চা শুরু হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share